সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ১৪ জনই সৌদি নাগরিক। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। সৌদি সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী কোম্পানি।
দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ ও রপ্তানি ব্যবস্থা নতুন করে আলোচনায় রয়েছে। সম্প্রতি সৌদি আরামকো জানিয়েছিল, হরমুজ প্রণালিতে চলাচলে বিঘ্নের কারণে তারা পাইপলাইনের মাধ্যমে তেলের একটি অংশ বিকল্প পথে রপ্তানি করছে। তবে হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে এ পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।
জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আন্তর্জাতিক
View moreযুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে মঙ্গলবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের গ্লুচেস্টার শহরের কাছে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং সংরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশের অভিযোগের তদন্ত চলছে। ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এফবিআই এবং ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। আটক সেনাসদস্যের নাম ও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন তাঁকে সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্য হিসেবে উল্লেখ করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে মার্কিন, ন্যাটো ও ব্রিটিশ কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ওই সেনাসদস্য ন্যাটোর অ্যালাইড র্যাপিড রিঅ্যাকশন কর্পসের সঙ্গে যুক্ত ছিলেন। ইংল্যান্ডের গ্লুচেস্টারের কাছে ইমজিন ব্যারাকসে এই সামরিক ইউনিটের সদর দপ্তর অবস্থিত। ন্যাটোর এই বহুজাতিক স্থলবাহিনী জরুরি পরিস্থিতি বা স্বল্প সময়ের নোটিশে সামরিক অভিযানে দ্রুত সাড়া দেওয়ার জন্য গঠিত। এতে ২০টি দেশের সেনাসদস্য কাজ করেন। তবে আটক ব্যক্তির নির্দিষ্ট পদমর্যাদা বা দায়িত্ব সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাজ্যের ২০২৩ সালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের দুটি ধারায় তাঁর বিরুদ্ধে সন্দেহের ভিত্তিতে তদন্ত চলছে। আইনের ধারা ১ অনুযায়ী সংরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং ধারা ৩ অনুযায়ী বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার বিষয়টি অপরাধ হিসেবে বিবেচিত হয়। তদন্তের অংশ হিসেবে গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালাচ্ছেন কর্মকর্তারা। ব্রিটিশ পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্র রাশিয়া। আটকের পর ওই সেনাসদস্যকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রাখা হয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছে কাউন্টার টেররিজম পুলিশিং লন্ডন। তবে তিনি ঠিক কী ধরনের গোপন তথ্য সংগ্রহ বা প্রকাশের চেষ্টা করেছেন, রাশিয়ার কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছিল কি না কিংবা কোনো তথ্য রাশিয়ার হাতে পৌঁছেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রকাশিত তথ্যের ভিত্তিতে তাঁকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত বলার সুযোগ নেই। বিষয়টি তদন্তাধীন এবং তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি। যুক্তরাষ্ট্রের এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা এবং মিত্রদের স্বার্থ বিপন্ন করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে এফবিআইয়ের কঠোর অবস্থান রয়েছে। অন্যদিকে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভিকি ইভান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই এই অভিযান সম্ভব হয়েছে। তদন্ত এখনো চলছে। মার্কিন সেনাবাহিনীর কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের প্রধান শন স্টিনচন ঘটনাটিকে সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপত্তাঝুঁকির একটি গুরুতর স্মারক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা সব সময় থাকে। এদিকে ইউরোপজুড়ে রাশিয়ার কথিত গুপ্তচরবৃত্তি, নাশকতা ও গোপন তৎপরতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিরক্ষা প্রযুক্তিকে ঘিরে একাধিক সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর একটি সামরিক ইউনিটের সঙ্গে যুক্ত মার্কিন সেনাসদস্যের আটকের ঘটনা বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে ব্রিটিশ পুলিশ স্পষ্ট করেছে, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এই তদন্তের সঙ্গে দেশটিতে চলমান অন্য কোনো কাউন্টার টেররিজম তদন্তের সম্পর্ক নেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঘিরে ইরানের সম্ভাব্য হুমকিসংক্রান্ত নিরাপত্তা ঘটনাগুলোর সঙ্গে এই আটকের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। ফলে ঘটনাটিকে আলাদা একটি গুপ্তচরবৃত্তির তদন্ত হিসেবেই দেখছে কর্তৃপক্ষ। সংবাদসূত্র: Associated Press, CBS News, U.S. Army
দীপাবলিতে কারিনা পড়লেন পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খচিত ৩০ ক্যারেট পান্নার নেকলেস
বৈরুতের ফ্ল্যাটে শ্বাসরোধে সাবেক ইরাকি এমপিকে হ ত্যা, চার দিন পর উদ্ধার মর দেহ
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪১ বছর বয়সী মার্কিন সেনা
টানা তিন দিনের নিবিড় নজরদারির পর ইকুয়েডর-কলম্বিয়া সীমান্তের কাছে এক বিশাল যৌথ অভিযানে ৪শ ৫২ কেজি বা ৯৯০ পাউন্ডেরও বেশি কোকেন জব্দ করা হয়েছে। এফবিআই (FBI) বাফেলোর রচেস্টার সেফ স্ট্রিটস টাস্কফোর্স, এফবিআই লেগাট বোগোটা-কুইটো (FBI Legat Bogotá-Quito) এবং ইকুয়েডর ন্যাশনাল পুলিশের সমন্বয়ে এই আন্তর্জাতিক অভিযান পরিচালিত হয়। এই বিপুল পরিমাণ মাদক জব্দের পাশাপাশি ইকুয়েডরের ইবাররা (Ibarra) থেকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার অংশীদারিত্ব কতটা শক্তিশালী হতে পারে, এই সফল অভিযানটি তার একটি বড় প্রমাণ। এফবিআই বাফেলো তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এক বিবৃতিতে এই তদন্তে অংশীদারিত্বের জন্য এফবিআই লেগাট বোগোটা-কুইটো, ইকুয়েডর ন্যাশনাল পুলিশ এবং ডিইএ (DEA) নিউইয়র্ক ডিভিশনকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, নিউইয়র্কের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে সুদূর দক্ষিণ আমেরিকা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধী চক্রের নেটওয়ার্ক ধ্বংস করতে এবং আমেরিকান জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এফবিআই বাফেলো তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
স্পেনকে উপনিবেশ বানাতে চান ট্রাম্পসহ ডানপন্থী নেতারা, বিস্ফোরক অভিযোগ সানচেজের
আরব দলগুলোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন স্পিকার, ইসরায়েলের পার্লামেন্টে তীব্র বিতর্ক
ইসরায়েলের কারাগারে কোরআন হেফজ সম্পন্ন করলেন ১৯ বছরের ফিলিস্তিনি তরুণী
ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং অর্থায়ন নেটওয়ার্কে ভূমিকার অভিযোগে দেশটির ১১টি কোম্পানির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। মঙ্গলবার (১০ নভেম্বর) কানাডা সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এবং দেশটির শীর্ষস্থানীয় দুই ব্যাংক মেল্লাত ও মেল্লি। পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনান্দ প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে এমন সংবেদনশীল প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ সীমিত করাই এ পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তাকারী আর্থিক নেটওয়ার্কগুলো দুর্বল করতে চায় কানাডা। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফুয়েল প্রোডাকশন অ্যান্ড প্রকিউরমেন্ট কোম্পানি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরস ফুয়েল কোম্পানি, কালা নাফত, নাফতিরান ইন্টারট্রেড কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি, ব্যাংক মেল্লাত, ব্যাংক মেল্লি ইরান, ব্যাংক অব ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান এবং ইরান ইন্স্যুরেন্স কোম্পানি। এসব প্রতিষ্ঠানের মধ্যে জ্বালানি, ব্যাংকিং, বিমা ও পারমাণবিক জ্বালানি খাতের প্রতিষ্ঠান রয়েছে। কানাডার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের আন্তর্জাতিক বিরোধ। ২০১৫ সালে ইরান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পারমাণবিক চুক্তি হয়। ইউরোপীয় ইউনিয়নও এতে যুক্ত ছিল। চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারি জোরদারের বিনিময়ে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। ওই চুক্তির অগ্রগতির স্বীকৃতি হিসেবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কানাডা বর্তমানে তালিকাভুক্ত ১১টি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উদ্বেগ বাড়ে। কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে আইএইএর পরিচালনা পর্ষদ এক প্রস্তাবে জানায়, ইরান পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণসংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করছে না। একই বছরের জুলাইয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করে তেহরান। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে সংস্থাটির কার্যক্রম আরও বাধাগ্রস্ত হয়। এরপর ২০২৫ সালের আগস্টে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য পারমাণবিক চুক্তির স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেয়। এর ফলে সেপ্টেম্বরে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পূর্বে স্থগিত করা পারমাণবিক সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। কানাডার নতুন পদক্ষেপকে সেই আন্তর্জাতিক চাপের ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় কানাডায় অবস্থানরত ব্যক্তি এবং বিদেশে থাকা কানাডীয় নাগরিকদের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্দিষ্ট আর্থিক ও সম্পত্তিসংক্রান্ত লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক অর্থায়ন এবং সংবেদনশীল প্রযুক্তি পাওয়ার সুযোগ আরও সীমিত হবে বলে জানিয়েছে কানাডা সরকার। পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনান্দ বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছাতে জি-৭ অংশীদার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে কানাডা। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটি ৫০০টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা কার্যক্রম আরও বিস্তৃত হলো। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও নতুন মাত্রা পেল।
কারাগারে জায়গা সংকট ,এক বছরে ৫ হাজার বন্দিকে আগাম মুক্তি দেবে ব্রিটেন
ভারতীয়দের দীপাবলি উৎসবের পর নিউজার্সির সড়কে আবর্জনার স্তূপ, সামাজিক মাধ্যমে ক্ষোভ