- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সাভানা গাথ্রির মা ন্যান্সি গাথ্রির নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন মোড় এসেছে। অপহরণকারীদের পরিচয় জানেন বলে দাবি করা এক রহস্যময় ব্যক্তি এবার গুরুত্বপূর্ণ তথ্য ও একটি ভিডিওর বিনিময়ে এক বিটকয়েন দাবি করেছেন। বিনোদন ও সেলিব্রিটি সংবাদমাধ্যম টিএমজেড শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের কাছে পাঠানো নতুন এক বার্তায় ওই ব্যক্তি দাবি করেছেন, তার কাছে ন্যান্সি গাথ্রির জীবনের শেষ দিনের বলে ধারণা করা সময়ের একটি ভিডিও রয়েছে। ভিডিওটিতে ন্যান্সি গাথ্রিকে অপহরণের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন প্রধান ব্যক্তির সঙ্গে দেখা যায় বলে তিনি দাবি করেন। প্রতিবেদন অনুযায়ী, এই বার্তাটি একই ব্যক্তির কাছ থেকে এসেছে, যিনি এর আগেও ন্যান্সি গাথ্রির নিখোঁজ হওয়ার বিষয়ে তথ্য দেওয়ার বিনিময়ে এক বিটকয়েন দাবি করেছিলেন। বার্তায় রহস্যময় ব্যক্তি জানান, তিনি একটি মোবাইল ফোন নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছেন। ফোনটিতে এমন তথ্য সংরক্ষিত রয়েছে যা অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করতে পারে বলে তার দাবি। তার ভাষ্য অনুযায়ী, ফোনটিতে ন্যান্সি গাথ্রি ও কথিত প্রধান সন্দেহভাজনের একটি সংক্ষিপ্ত ভিডিও, সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি, নাম, বয়স এবং ঠিকানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তিনি আরও দাবি করেন, ফোনটি এমন স্থানে রাখা হয়েছে, যার অবস্থান জানা থাকলে সহজেই উদ্ধার করা সম্ভব। তবে ফোনটির অবস্থান ও পাসওয়ার্ড জানাতে তিনি এক বিটকয়েন দাবি করেছেন। রহস্যময় ওই ব্যক্তি আরও বলেন, ন্যান্সি গাথ্রির অপহরণের সঙ্গে অন্তত দুই ব্যক্তি জড়িত ছিল। টিএমজেড জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও বার্তার বিষয়টি ইতোমধ্যে তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে অবহিত করেছে। অন্যদিকে, অ্যারিজোনার পিমা কাউন্টি শেরিফের দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ৮৪ বছর বয়সী ন্যান্সি গাথ্রি গত ১ ফেব্রুয়ারি অ্যারিজোনার টাকসনে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তদন্তকারীদের ধারণা, তিনি অপহরণের শিকার হয়েছেন। তবে কয়েক মাস পেরিয়ে গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত থাকলেও নতুন এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন একটি পার্ক একদিনের জন্য যেন রূপ নিয়েছিল প্রাণচঞ্চল বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মেলায়। দেশীয় খাবারের সুবাস, বাংলা গানের সুর, শিশুদের হাসি-আনন্দ আর প্রবাসীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। গত শুক্রবার (১৯ জুন) নন-প্রফিট সংগঠন ‘ভালো’র উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য মেলা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে পরিণত হয় এক বহুসাংস্কৃতিক উৎসবে। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশি, আমেরিকান, চাইনিজ, হিস্প্যানিকসহ নানা সম্প্রদায়ের মানুষ অংশ নেন। আয়োজকদের ভাষ্য, প্রবাসে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সংযোগ এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মেলার উদ্বোধন করেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের স্বাগত জানান ‘ভালো’ সংগঠনের প্রধান নির্বাহী শাহরিয়ার রহমান। উদ্বোধনী বক্তব্যে লেটিশিয়া জেমস বলেন, বাংলাদেশের সংস্কৃতি নিউইয়র্কবাসীর সামনে তুলে ধরতে ‘ভালো’ যে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। তিনি বলেন, “বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এ ধরনের আয়োজন না হলে সেই সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হতো না।” একই সঙ্গে তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। জুমানে উইলিয়ামস বলেন, বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ইতিবাচক কর্মকাণ্ড অন্য সম্প্রদায়ের জন্যও অনুসরণীয়। তিনি কমিউনিটির উন্নয়নে ‘ভালো’র ভূমিকার প্রশংসা করেন। মেলা প্রাঙ্গণে ছিল দেশীয় খাবার, পোশাক, হস্তশিল্প, প্রসাধনী ও গৃহসজ্জার সামগ্রীর শতাধিক স্টল। ফুচকা, বিরিয়ানি, ভর্তা, বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং আমের জুসসহ দেশীয় পানীয় দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পুরো আয়োজন যেন তৈরি করেছিল এক টুকরো বাংলাদেশি বাজারের আবহাওয়া। ‘ভালো’র ডিরেক্টর অব পাবলিক রিলেশনস শাহরিয়ার নবী জানান, কমিউনিটির জন্য কিছু করার তাগিদ থেকেই এই মেলার আয়োজন। তিনি বলেন, “আমরা চাই এটি সবার মিলনমেলা হোক। একই সঙ্গে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্যও এটি একটি সুযোগের ক্ষেত্র তৈরি করুক।” তিনি জানান, মেলায় ৭০টিরও বেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নিয়েছেন। দর্শনার্থীদের অনেকেই জানান, এই আয়োজন তাদের শৈশবের দেশের মেলার স্মৃতি ফিরিয়ে এনেছে। জ্যামাইকার বাসিন্দা সামিনা আমিন বলেন, “এখানে এসে মনে হচ্ছে যেন বাংলাদেশেই আছি। খাবার থেকে পরিবেশ—সবকিছুই অসাধারণ। এমন আয়োজন প্রতিবছর হওয়া উচিত, যাতে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।” শিশুদের জন্য ছিল বিভিন্ন রাইড, গেমস ও বিনোদনের ব্যবস্থা। স্লাইড ও নানা খেলায় শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বড়দের জন্য আয়োজন করা হয় ফুচকা খাওয়ার প্রতিযোগিতা এবং র্যাফেল ড্র, যা দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। মেলায় বিভিন্ন সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নানতাশা উইলিয়ামস, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, কংগ্রেস প্রার্থী চাক পার্ক, ইলহাম একাডেমির কর্ণধার মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিসের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাদেক, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারসহ আরও অনেকে। সাবেক সংসদ সদস্য এম এম শাহীন বলেন, ‘ভালো’ দীর্ঘদিন ধরে কমিউনিটি ও বাংলাদেশের কল্যাণে নানা ইতিবাচক কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মীর বাশার বলেন, “এটি শুধু একটি সাংস্কৃতিক মেলা নয়, বরং মানুষের মধ্যে সম্পর্ক, সম্প্রীতি ও মানবিক বন্ধন গড়ে তোলার একটি সামাজিক উদ্যোগ।” কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানও একই সুরে বলেন, “‘ভালো’ মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।” মেলার আরেকটি বড় আকর্ষণ ছিল ফুটবল উন্মাদনা। বিশ্বকাপ উপলক্ষে বড় পর্দায় সরাসরি ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়। খেলা উপভোগ করতে করতে দর্শনার্থীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। দিনভর চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি বিউটি দাস ও রাজীব রহমানের ব্যান্ড সংগীত পরিবেশন করেন। বাংলা গান, দেশীয় সুর এবং প্রবাস জীবনের আবেগ মিলেমিশে পুরো মেলা প্রাঙ্গণকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।
নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কমিউনিটিতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। সংগঠনের সদস্যপদ সংগ্রহ কার্যক্রমের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন। একই সঙ্গে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামী ১৮ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদিও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি, তবে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে জোরদার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে সদস্যপদ সংগ্রহ ও ভোটার তালিকা প্রণয়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ২১ জুন পর্যন্ত প্রায় এক হাজার আজীবন সদস্য এবং ৮০০ জন নতুন ও নবায়ন সদস্য যুক্ত হয়েছেন। তবে এখনো অনেক আবেদন জমা পড়ার বাকি রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, শেষ সময়ে সদস্যসংখ্যা আরও বাড়বে এবং মোট ভোটার সংখ্যা ২০ থেকে ২৫ হাজারের মধ্যে পৌঁছাতে পারে। বাংলাদেশ সোসাইটির সদস্য ফি নির্ধারণ করা হয়েছে আজীবন সদস্যের জন্য ৫০০ ডলার এবং সাধারণ সদস্যের জন্য ২০ ডলার। স্বামী-স্ত্রী একসঙ্গে আজীবন সদস্য হলে একজনের ৫০০ ডলার ফি দিলেই দুজন সদস্যপদ লাভ করতে পারবেন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে দুটি প্রধান প্যানেল মাঠে সক্রিয় রয়েছে। বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি প্যানেল কাজ করছে। অন্যদিকে আজমল হোসেন কুনু ও ফিরোজ আলমের নেতৃত্বে গড়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী প্যানেল। দুই পক্ষই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সদস্য সংগ্রহ, মতবিনিময় এবং নির্বাচনী সমর্থন আদায়ে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। কমিউনিটিতে নির্বাচন ঘিরে আলোচনা, সমীকরণ ও প্যানেলভিত্তিক কৌশল এখন অন্যতম আলোচ্য বিষয়। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে আবু নাসেরের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে ১ জানুয়ারি। বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর প্যানেল দাবি করছে, তাদের মেয়াদে কমিউনিটির উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কমিউনিটি সেন্টারের উন্নয়ন, বিভিন্ন এলাকায় স্কুল প্রতিষ্ঠা এবং নিয়মিত চাকরি বিষয়ক সেমিনার আয়োজনের উদ্যোগ। তাদের দাবি, স্টেট থেকে প্রাপ্ত ৬৫ হাজার ডলারের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা বাস্তবায়িত হলে শিক্ষা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম সম্প্রসারিত হবে। অন্যদিকে কুনু-ফিরোজ প্যানেল নতুন নেতৃত্ব, জবাবদিহিতা ও কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছে। তারা সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করার অঙ্গীকার করছে। কমিউনিটির বিশিষ্টজনদের মতে, এবারের নির্বাচনে সদস্যপদই সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। কারণ বৈধ সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ কারণে ৩০ জুনের মধ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিকে বাংলাদেশ সোসাইটি এবার প্রথমবারের মতো অনলাইন সদস্যপদ গ্রহণ ও নবায়ন প্রক্রিয়া চালু করেছে। ফলে প্রবাসীরা ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও ফি পরিশোধ করতে পারছেন। নির্বাচনী তৎপরতার পাশাপাশি বাংলাদেশ সোসাইটির আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সংগঠনের লাইফ মেম্বার ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসির আলী খান পল সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে ৯ লাখ ৪৫ হাজার ডলারের আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ অডিটের দাবি জানিয়েছেন। নাসির আলী খান পলের অভিযোগ, একসময় সোসাইটির ব্যাংক হিসাবে প্রায় ৯ লাখ ৪৫ হাজার ডলার ছিল। বর্তমানে সেই অর্থের অবস্থান ও ব্যয়ের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। তার দাবি, নির্বাচন আয়োজনের আগে একটি স্বাধীন অভ্যন্তরীণ অডিটের মাধ্যমে সব হিসাব সদস্যদের সামনে তুলে ধরা উচিত। তিনি আরও বলেন, বর্তমান কমিটির আর্থিক অবস্থান সম্পর্কেও ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, তিনি মনে করেন সোসাইটির আর্থিক হিসাব নিয়ে সদস্যদের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বিগত তিন কমিটির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ অডিট দাবি করেন। নাসির আলী খান পল অভিযোগ করেন, বিভিন্ন অনুষ্ঠান, সদস্য ফি এবং অন্যান্য খাত থেকে সংগৃহীত অর্থের বিস্তারিত হিসাব সদস্যদের সামনে প্রকাশ করা হয়নি। তিনি বলেন, বড় অঙ্কের ব্যয়ের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তিনি বলেন, প্রতিবছর সিপিএ (সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট) দ্বারা হিসাব প্রস্তুত করা হয় এবং সাধারণ সভায় তা উপস্থাপন করা হয়। সংগঠনের সংবিধানে বাধ্যতামূলক অডিটের বিধান নেই বলেও তিনি উল্লেখ করেন। মোহাম্মদ আলীর দাবি, সোসাইটির ইতিহাসে কখনো ৯ লাখ ৪৫ হাজার ডলারের তহবিল ছিল না। তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন হিসাব মিলিয়ে সংগঠনের প্রায় আড়াই লাখ ডলার রয়েছে। এর মধ্যে ব্যাংকে জমা অর্থ, ফেরত পাওয়া অর্থ এবং অন্যান্য তহবিল অন্তর্ভুক্ত। তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী সময়ে কবর কেনার জন্য ব্যয় করা অর্থের একটি অংশ তারা ফেরত আনতে সক্ষম হয়েছেন এবং কোনো অর্থ আত্মসাৎ বা অনিয়ম হয়নি। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমও আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাদের দায়িত্বকালে প্রতিবছর হিসাব প্রস্তুত করা হয়েছে এবং সাধারণ সভায় তা উপস্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে সদস্যদের সামনে পূর্ণাঙ্গ হিসাব তুলে ধরারও আশ্বাস দেন তিনি। ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, বর্তমান কমিটির সময়ে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে বলে তার জানা নেই। তবে যেকোনো অভিযোগ সাধারণ সভায় উত্থাপন করে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে তিনি মত দেন। অন্যদিকে সাবেক কোষাধ্যক্ষ নওশেদ হোসেন দাবি করেন, দায়িত্ব হস্তান্তরের সময় বর্তমান কমিটির কাছে ৩ লাখ ৮৪ হাজার ডলারের বেশি অর্থ ছিল। তবে এ বিষয়ে বর্তমান নেতৃত্বের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, তারা প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার বুঝে পেয়েছিলেন। এদিকে নাসির আলী খান পল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্টে দাবি করেছেন, অভ্যন্তরীণ অডিটের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এক অনুষ্ঠানে সোসাইটির সভাপতি অডিটের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেছেন, বর্তমানে সংবিধান অনুযায়ী সিপিএ-নির্ভর হিসাব ব্যবস্থাই অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতে সদস্যরা চাইলে সংবিধান সংশোধনের মাধ্যমে অডিট বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ সোসাইটির নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সদস্যপদ সংগ্রহ, ভোটের প্রস্তুতি এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। কমিউনিটির অনেকের মতে, নির্বাচনের আগে এসব প্রশ্নের স্পষ্ট জবাব ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা আরও শক্তিশালী হবে।
বিশ্বজুড়ে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। প্রচলিত ট্যাংক, কামান বা যুদ্ধবিমানের পাশাপাশি এখন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে কার্যকর ও নির্ধারক অস্ত্র হিসেবে উঠে এসেছে ড্রোন। এই বাস্তবতায় নিজেদের সামরিক সক্ষমতা আরও আধুনিক করতে বড় উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি পরিকল্পনা করেছে, তাদের প্রায় পাঁচ লাখ সেনাসদস্যকে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলা হবে। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক এক ঘোষণায় জানান, সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা ব্যক্তিগত অস্ত্রের মতোই সহজভাবে ড্রোন ব্যবহার করতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বিতভাবে ‘ড্রোন যোদ্ধা’ হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির অংশ। আন গিউ-ব্যাক বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দেখিয়ে দিয়েছে—ড্রোন এখন শুধু সহায়ক প্রযুক্তি নয়, বরং যুদ্ধের ফলাফল বদলে দেওয়ার ক্ষমতাসম্পন্ন একটি প্রধান অস্ত্র। বিশেষ করে তুলনামূলক কম খরচে বিপুলসংখ্যক ড্রোন ব্যবহারের কৌশল যুদ্ধের প্রচলিত ধারণাকেই পাল্টে দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার এই পরিকল্পনার পেছনে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, যা দক্ষিণ কোরিয়ার জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। নতুন কর্মপরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রায় ১১ হাজার বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে, ২০২৯ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৬০ হাজারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ২০ হাজারের বেশি স্বল্পমূল্যের একবার ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। শুধু ড্রোন ব্যবহার নয়, দেশীয় প্রযুক্তিতে উন্নত ড্রোন তৈরির দিকেও জোর দিচ্ছে সিউল। এর অংশ হিসেবে ‘কে-লুকাস’ নামের দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন দ্রুত উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রযুক্তির ধারণা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন মডেল থেকে, যার নকশা আবার ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ইউক্রেন যুদ্ধে এ ধরনের ড্রোনের ব্যাপক ব্যবহার বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। ড্রোনের পাশাপাশি প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতেও কাজ করছে দক্ষিণ কোরিয়া। লেজার এবং উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শত্রুপক্ষের ড্রোন দ্রুত শনাক্ত ও নিষ্ক্রিয় করা যায়। উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০২২ সালে উত্তর কোরিয়ার পাঁচটি ছোট ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। এর মধ্যে একটি রাজধানী সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ের সংরক্ষিত এলাকাতেও ঢুকে পড়ে। ওই সময় দক্ষিণ কোরিয়ার বাহিনী যুদ্ধবিমান ও আক্রমণ হেলিকপ্টার মোতায়েন করে প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে, কিন্তু কোনো ড্রোন ভূপাতিত করতে পারেনি। ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে বড় প্রশ্ন তোলে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের ফলে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কৌশল থেকে তারা সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে, যা সাধারণ অবস্থায় অর্জন করতে দীর্ঘ সময় লাগত। এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের নেতা কিম জং-উন সম্প্রতি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত রকেট আর্টিলারি ব্যবস্থার পরীক্ষানিরীক্ষা তদারক করেছেন। সব মিলিয়ে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার এই ড্রোন-কেন্দ্রিক পরিকল্পনাকে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত প্রায় তিন বছরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে পরিচালিত সামরিক অভিযানে ইসরায়েলের মোট ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে দেশটির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম জমান ইসরায়েল—যা দ্য টাইমস অব ইসরায়েলের হিব্রু সংস্করণ—এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনটি পরে আন্তর্জাতিক মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডও উল্লেখ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতগুলোর ফলে ইসরায়েল সরকারের সরাসরি ব্যয়ই ১১৮ বিলিয়ন ডলারের বেশি। ব্যাংক অব ইসরায়েলের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, এর মধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে প্রায় ৭১ দশমিক ২ বিলিয়ন ডলার। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার, বেসামরিক বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ১৬ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং ঋণের সুদ পরিশোধে খরচ হয়েছে প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তার আর্থিক মূল্যও এই হিসাবের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ প্রায় ২৬ বিলিয়ন ডলার। তবে ব্যয় শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ থাকেনি। সংঘাতের কারণে অর্থনীতিতে বড় ধরনের উৎপাদন ক্ষতিও হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত এই ক্ষতির পরিমাণ প্রায় ৫১ দশমিক ৯ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। আর ২০২৬ সালের সম্ভাব্য পরিস্থিতি যুক্ত করলে তা ৫৮ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। সব মিলিয়ে সরকারি ব্যয়, বিদেশি সামরিক সহায়তা এবং উৎপাদন ক্ষতি একত্রে বিবেচনা করলে সংঘাতগুলোর মোট অর্থনৈতিক প্রভাব প্রায় ২০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই বিশ্লেষণে ব্যক্তিগত ক্ষতি বা বেসরকারি খাতের সব ধরনের লোকসান পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত অর্থনৈতিক চাপ আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা। সংঘাত দীর্ঘায়িত হলে এই ব্যয় আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় করের হার বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার খরচ বেড়েছে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর। অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ও বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক সংঘাতকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক সময় হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রতিবেদনে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধগুলোর আর্থিক অভিঘাত আগামী বহু বছর ধরে দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্ব পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বেইজিং কখনও সরে আসবে না। তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং এসব কথা বলেন। বৈঠকে তিনি বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করবে বলেও জানান। বৈঠকে দুই দেশ 'অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন বাংলাদেশ-চীন সম্প্রদায়' গঠনের ঘোষণা দেয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়ে সম্মত হয়। শি জিনপিং বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আঞ্চলিক সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি চীনের উন্নয়নকে বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন এবং অর্থনীতি, বাণিজ্য, কৃষি, প্রযুক্তি, সবুজ জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য কমাতে চীনা বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধও জানান। প্রধানমন্ত্রী আরও পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ 'এক চীন' নীতিতে অটল রয়েছে। তিনি বলেন, তাইওয়ানকে বাংলাদেশ চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে বেইজিংয়ের সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে আগ্রহী।
চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম উচ্চতম ভবন ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার শহরগুলোর একটি হিসেবে পরিচিত বেইজিংয়ে এমন ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। শুক্রবার (২৬ জুন) বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটার পরপরই ভবনটিতে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং নিরাপদ স্থানে জড়ো করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আঘাতের পর ভবনটির ওপরের দিক থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। ভিডিওতে বিমানের লেজের একটি অংশও দেখা গেছে। এছাড়া ভবনের নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের জানালা ভাঙা অবস্থায় দেখা যায়, যা দুর্ঘটনার তীব্রতা সম্পর্কে ধারণা দেয়। ঘটনাস্থলে থাকা সিএনএনের এক সাংবাদিক জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পুলিশ সদস্য এবং একটি অ্যাম্বুলেন্স দ্রুত সেখানে পৌঁছে যায়। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম তাৎক্ষণিকভাবে শুরু করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে, দুর্ঘটনাকবলিত বিমানের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি চীনে নির্মিত ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় সাধারণ উড্ডয়ন সংস্থার মালিকানাধীন বলে জানা গেছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিমানটির মালিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সিএনএন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের মতো উচ্চ নিরাপত্তা বলয়ে কীভাবে একটি বেসামরিক ছোট বিমান এমন একটি গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানল, তা নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে। এ ঘটনা শহরের আকাশপথ নিয়ন্ত্রণ ও বেসামরিক উড্ডয়ন নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে আলোচনা শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও এর পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা শুরু করতে চাইলে চীন প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছে বেইজিং। শুক্রবার (২৬ জুন) চীনের রাজধানীতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বাংলাদেশের অবস্থান শুরু থেকেই স্পষ্ট—দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়াই একমাত্র গ্রহণযোগ্য সমাধান। এই লক্ষ্যেই সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করতে চায়। মাহদী আমিন আরও জানান, চীন আশ্বাস দিয়েছে—বাংলাদেশ যখন প্রয়োজন মনে করবে এবং মিয়ানমারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেবে, তখন তারা মধ্যস্থতাকারী হিসেবে সহযোগিতা করতে প্রস্তুত। অতীতেও বাংলাদেশের নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসনের কিছু উদ্যোগ সফল হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। বৈঠকের প্রেক্ষাপট তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থানকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। পররাষ্ট্র বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, অতীতে সরকারের দুর্বলতা ও পরিস্থিতি মোকাবিলায় সীমাবদ্ধতার কারণে সংকটটি জটিল আকার ধারণ করেছে। তবে বর্তমান সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সমাধানের পথে এগোতে চায়। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকার হিসেবে বাংলাদেশ নিজ উদ্যোগে আলোচনা শুরু করতে চায় এবং এ ক্ষেত্রে চীনকে পাশে নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ চালানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে বিভিন্ন সময়ে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ীভাবে সফল হয়নি। ফলে আন্তর্জাতিক মহলের সহায়তায় একটি কার্যকর সমাধান খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে।
ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওয়ে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। অন্যদিকে, ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস) ভিন্ন তথ্য দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় কম্পনটি অনুভূত হয় এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ফিভোলকসের হিসাব অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে এবং ১২ কিলোমিটার পশ্চিমে। উপকূলঘেঁষা এই অঞ্চলে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শক্তিশালী এ ভূমিকম্পের পর সম্ভাব্য পরাঘাত বা আফটারশকের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফিভোলকস। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে এবং জনগণকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পপ্রবণ ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই গভীর সমুদ্রে উৎপন্ন কম্পনের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়, তবে পরাঘাতের ঝুঁকি থেকেই যায়। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে একটি ‘অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা’ কার্যকর করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। শুক্রবার ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হলো, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করে আসছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালিত হতে পারে। তবে ইরান ধারাবাহিকভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। রাফায়েল গ্রোসি বলেন, “ইরান জানিয়েছে, তাদের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যত দ্রুত সম্ভব আমাদের একটি অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা কার্যকর করতে হবে।” তিনি আরও বলেন, আইএইএর দায়িত্ব কোনো দেশের উদ্দেশ্য নিয়ে মূল্যায়ন করা নয়। তবে কেবল মৌখিক বক্তব্যের ভিত্তিতে কোনো বিষয় গ্রহণ করা সম্ভব নয়। এ কারণে প্রয়োজনীয় সব স্থানে যাচাই-বাছাই চালানোর সুযোগ থাকতে হবে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে ১২ দিনব্যাপী সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকে এসব স্থাপনার পরিদর্শনকে কেন্দ্র করে নতুন বিরোধ তৈরি হয়েছে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরান চলতি মাসের শুরুতে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছিল। তবে সেপ্টেম্বরে দেশটি পুনরায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়। এর পর আইএইএর কর্মকর্তারা ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছেন। তবে হামলার শিকার স্থাপনাগুলোতে এখনও পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কেও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থাপনা ও সংশ্লিষ্ট উপকরণে প্রবেশাধিকারের বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে’ বিবেচনা করা হবে। তিনি জানান, জাতিসংঘের পরিদর্শন কার্যক্রমের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নের সঙ্গেও সম্পর্কিত। সূত্র: টাইমস অব ইসরায়েল
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই ৬৬০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন—এমন দাবি করেছে ক্রেমলিন। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এটিকে এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। শুক্রবার (২৬ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনের সবকটিই ধ্বংস করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাজধানী মস্কোসহ এক ডজনের বেশি অঞ্চলের আকাশে এই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর ও আজভ সাগরসংলগ্ন এলাকাও রয়েছে। সরকারি তথ্য প্ল্যাটফর্মে এই বিবরণ প্রকাশ করা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যেসব এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে, সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। অন্যদিকে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুলা অঞ্চলেও ড্রোন হামলার প্রভাব পড়েছে। ওই অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানিয়েছেন, শেকিনো জেলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নারী আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যাতে যুদ্ধ পরিচালনায় রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করা যায়। এর আগে গত সপ্তাহেও ইউক্রেনের এক ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগে, যা কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন দীর্ঘায়িত সংঘাতে পরিণত হয়েছে। স্থলযুদ্ধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এই সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই কৌশলগতভাবে প্রতিপক্ষের ভেতরে আঘাত হানার সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে। এই সর্বশেষ হামলার ঘটনায় যুদ্ধের বিস্তার ও তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। যদিও রাশিয়া সব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের কয়েক ডজন জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে কংগ্রেসের ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে, বিশেষ করে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একটি অংশ এর বিরোধিতা করছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা যায়, ২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং কংগ্রেসের পূর্ববর্তী আপত্তি সত্ত্বেও ট্রাম্প প্রশাসন এই চুক্তি এগিয়ে নিতে চাইছে। বুধবার রাতে কংগ্রেসে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, মানবাধিকার এবং অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই এই রপ্তানি লাইসেন্স অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও মিত্র দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই এই উদ্যোগের লক্ষ্য। আগামী মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে এই পদক্ষেপকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি ওয়াশিংটনের সদিচ্ছার বার্তা হতে পারে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই তুরস্ককে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে আসছে। তবে কংগ্রেস চাইলে আগামী ১৫ দিনের মধ্যে যৌথ প্রস্তাব এনে এই বিক্রয় চুক্তি আটকে দিতে পারে। যদিও এমন প্রস্তাব কার্যকর করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই তা অনুমোদন পেতে হবে। এরপরও প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস এই চুক্তির কড়া সমালোচনা করেছেন। তার অভিযোগ, তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশাসন পর্যাপ্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। মিকস বলেন, “এই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে কয়েক বছর সময় লাগে। অথচ প্রশাসন আমাদের নীতিগত গুরুত্বপূর্ণ উদ্বেগগুলোর সন্তোষজনক জবাব দিতে পারছে না।” এদিকে ট্রাম্প নিজেও বুধবার সাংবাদিকদের বলেন, তুরস্ককে খুশি করবে—এমন কিছু সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন, যা এই চুক্তির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই)-এর তৈরি এসব ইঞ্জিন তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মাণাধীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ (KAAN)-এ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা বৃদ্ধি করা। তবে তুর্কি কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের বিমানবাহিনীর প্রধান শক্তি হিসেবে থাকা মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পুরোপুরি প্রতিস্থাপন করতে আরও কয়েক বছর সময় লাগবে। প্রসঙ্গত, ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেয়। একই সঙ্গে কংগ্রেস আইন পাস করে, যাতে এস-৪০০ ব্যবস্থা বহাল থাকা পর্যন্ত তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি নিষিদ্ধ থাকে। এ অবস্থায় নতুন করে জেট ইঞ্জিন বিক্রির উদ্যোগকে অনেকেই দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন পরীক্ষার মুখ হিসেবে দেখছেন। বৃহস্পতিবার আরও কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা এই পরিকল্পনার বিরোধিতা করেন। প্রতিনিধি ক্রিস পাপাস বলেন, “মার্কিন আইন লঙ্ঘনের পরও এরদোয়ান সরকারকে কোনোভাবেই পুরস্কৃত করা উচিত নয়।” তিনি তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দেওয়ার আহ্বানও জানান। অন্যদিকে প্রতিনিধি ডিনা টাইটাস সতর্ক করে বলেন, প্রশাসন যদি এই পরিকল্পনা এগিয়ে নেয়, তবে তিনি কংগ্রেসে প্রস্তাব এনে জেট ইঞ্জিন বিক্রি ঠেকানোর উদ্যোগ নেবেন। সব মিলিয়ে, তুরস্ককে জেট ইঞ্জিন বিক্রির এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যার প্রভাব ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে ও শর্তহীন প্রত্যাহারের দাবি জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। শুক্রবার (২৬ জুন) এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, যুদ্ধবিরতির শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ভাষণে কাসেম স্পষ্ট করে বলেন, “ইসরায়েলকে লেবাননের প্রতিটি এলাকা থেকে পুরোপুরি সেনা সরিয়ে নিতে হবে। যুদ্ধবিরতি মানে কেবল আংশিক শান্তি নয়—সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ হওয়া।” তার মতে, এমন কোনো যুদ্ধবিরতি গ্রহণযোগ্য হতে পারে না যেখানে এক পক্ষ হামলা চালিয়ে যাবে, আর অন্য পক্ষ নীরব থাকবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের প্রথম ধাপেই লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের কথা উল্লেখ করা হয়। এর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও পৃথক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। তবে বাস্তব পরিস্থিতিতে সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ লেবাননের কয়েকটি অঞ্চলে এখনো ইসরায়েলি সেনা অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে মাঝে মধ্যেই হামলার ঘটনাও ঘটছে। যদিও ইসরায়েল দাবি করছে, নিরাপত্তাজনিত হুমকি মোকাবিলায় তাদের বাহিনী প্রয়োজন অনুযায়ী অভিযান চালানোর অধিকার রাখে। এই অবস্থানকে প্রত্যাখ্যান করে নাঈম কাসেম বলেন, “ইসরায়েল কেবল নিরাপত্তার অজুহাতে সেখানে নেই; বরং লেবাননের ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।” তিনি জোর দিয়ে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রে বিদেশি সেনা উপস্থিতির কোনো বৈধতা নেই এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব লেবাননের নিজস্ব জাতীয় সেনাবাহিনীর। হিজবুল্লাহ প্রধান আরও সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তাদের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। “প্রতিরোধের অধিকার আমরা সংরক্ষণ করি,”—যোগ করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রসঙ্গে কাসেম দাবি করেন, এই চুক্তি ইরানের কৌশলগত সাফল্যের প্রতিফলন এবং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক ধরনের রাজনৈতিক পরাজয়ের ইঙ্গিত বহন করে। ভাষণে লেবাননের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিও বার্তা দেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সরকার যেন কোনো আপস না করে এবং বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকার না করে। “জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। দেশের অর্ধেক জনগণকে অসন্তুষ্ট করার ঝুঁকি সরকার নিতে পারে না,”—বলেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ বাস্তবায়ন বন্ধ করার আহ্বান জানিয়ে কাসেম বলেন, লেবানন এখন একটি নতুন রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে প্রবেশ করেছে এবং এই সময়ে জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানা গেছে।
গত বছরের মে মাসে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পরিচালিত আন্তঃসীমান্ত সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় ভারতীয় সেনাসদস্যের নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ভারত সরকার। এর মাধ্যমে ওই অভিযানে নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রথমবার জনসমক্ষে স্বীকার করল দেশটি। নিহত সেনাসদস্যদের নাম নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘রোল অব অনার’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি স্মৃতিসৌধের দেয়ালে তাঁদের নাম খোদাই করা হয়েছে। দেশের সেবায় জীবন উৎসর্গকারী এসব সেনাসদস্যকে সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরে নিহত ছয় সেনাসদস্য হলেন হেডকোয়ার্টার্স ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের সুবেদার মেজর পবন কুমার, ৪ জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির রাইফেলম্যান সুনীল কুমার (বীর চক্র), ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমার, ৮৫১ লাইট রেজিমেন্টের এভিয়েশন টেকনিশিয়ান মুড মুরলীনায়েক, ২৩৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির হাবিলদার সুনীল কুমার সিং এবং ৩৯ উইংয়ের সার্জেন্ট সুরেন্দ্র কুমার (বায়ু সেনা মেডেল)। স্মৃতিসৌধের ‘ওয়াল থ্রি-ডি’-তে ২০২৫ সালের জন্য নির্ধারিত অংশে তাঁদের নাম সংযোজন করা হয়েছে। জাতীয় বীরদের স্মরণে নির্মিত এ স্মৃতিসৌধে তাঁদের অবদান এখন আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হলো। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সংঘাত চলাকালে ভারতীয় বাহিনীর হতাহতের বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে ভারত সরকার প্রথমবারের মতো ওই হতাহতের তথ্য নিশ্চিত করল। এর আগে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহলগামে এক সন্ত্রাসী হামলায় পর্যটকসহ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর, ৭ মে ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। ভারতের দাবি অনুযায়ী, এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। অভিযানের লক্ষ্য ছিল জয়শ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার অবকাঠামো ধ্বংস করা। পরবর্তীতে ১০ মে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ের আলোচনার পর সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয় ভারত ও পাকিস্তান। প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, নিহতদের মধ্যে সেনাবাহিনী ও বিমানবাহিনী উভয় বাহিনীর সদস্য রয়েছেন। এটি অভিযানে বিভিন্ন বাহিনীর সমন্বিত অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে। নিহতদের মধ্যে রাইফেলম্যান সুনীল কুমারকে বীরত্বের স্বীকৃতি হিসেবে ‘বীর চক্র’ এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে ‘বায়ু সেনা মেডেল’ প্রদান করা হয়েছে। ২০১৯ সালে ইন্ডিয়া গেটের কাছে উদ্বোধন হওয়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এখন অপারেশন সিন্দুরও ভারতের উল্লেখযোগ্য সামরিক অভিযানের তালিকায় স্থান পেল।
কানাডায় চলতি বছরে অভিবাসন ব্যবস্থাকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্ট গ্রহণের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অন্যান্য অস্থায়ী বাসিন্দার সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রায় ২৯ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ তালিকায় কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন। অভিবাসনসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, চলতি বছরে কানাডা মাত্র তিন লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য নির্ধারণ করেছে। অথচ দেশটিতে অবস্থানরত বিপুলসংখ্যক অস্থায়ী বাসিন্দা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ফলে চলতি বছরে ১০ লাখের বেশি মানুষের কানাডায় বৈধভাবে অবস্থানের পথ সংকুচিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটধারীরা। তাঁদের পাশাপাশি পরিবারের সদস্যরাও এই পরিস্থিতির প্রভাবের মুখে পড়তে পারেন। এদের অনেকেই দীর্ঘদিন ধরে কানাডার স্বাস্থ্যসেবা, নির্মাণ ও খাদ্যশিল্পসহ বিভিন্ন খাতে কাজ করে দেশটির অর্থনীতিতে অবদান রেখে আসছেন। তথ্য অনুযায়ী, কানাডার মোট অস্থায়ী বাসিন্দাদের প্রায় অর্ধেকই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। ফলে এই সংকটের প্রভাব দক্ষিণ এশীয় অভিবাসী সম্প্রদায়ের ওপর উল্লেখযোগ্যভাবে পড়তে পারে। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া শিক্ষার্থী এবং কর্মীরাও এর বাইরে নন। এদিকে ওয়ার্ক পারমিটধারীদের জন্য স্টাডি পারমিট ছাড়া পড়াশোনার যে বিশেষ সুযোগ চালু ছিল, তা আগামী ২৭ জুন শেষ হতে যাচ্ছে। ফলে অনেকেই তাঁদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এবং ভবিষ্যৎ অভিবাসন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দায়িত্ব গ্রহণের পর অর্থনীতি ও উন্নয়নকে শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তবে অভিবাসন নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে অস্থায়ী বাসিন্দাদের অনেকের ভবিষ্যৎ। অভিবাসনবিষয়ক পর্যবেক্ষকদের একাংশের মতে, সরকারের বর্তমান নীতির লক্ষ্য অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমিয়ে আনা। তাঁদের ধারণা, এ নীতির ফলে উল্লেখযোগ্যসংখ্যক টেম্পোরারি রেসিডেন্টকে কানাডা ছাড়তে হতে পারে।
যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর পাঁচ লাখ সদস্যকে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। নতুন এ উদ্যোগের আওতায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা ব্যক্তিগত অস্ত্র ব্যবহারের মতো সহজেই ড্রোন পরিচালনা করতে পারেন। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আধুনিক যুদ্ধের বাস্তবতায় ড্রোন এখন অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তিতে পরিণত হয়েছে। এ কারণে দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ড্রোন ব্যবহারে দক্ষ করে তোলা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রায় পাঁচ লাখ সদস্যকে ‘ড্রোন যোদ্ধা’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। আন গিউ-ব্যাক বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দেখিয়ে দিয়েছে যে ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাঁর মতে, স্বল্প ব্যয়ে বিপুলসংখ্যক ড্রোন ব্যবহারের ফলে যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক অবকাঠামোর জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় চলতি বছরের শেষ নাগাদ প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য প্রায় ১১ হাজার বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করা হবে। ২০২৯ সালের মধ্যে এ সংখ্যা বাড়িয়ে ৬০ হাজারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ২০ হাজারের বেশি স্বল্পমূল্যের একবার ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার হামলাকারী ড্রোন ‘কে-লুকাস’-এর উৎপাদনও দ্রুত বাড়ানো হবে। এ ড্রোনের ধারণা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের লুকাস ড্রোন থেকে। যুক্তরাষ্ট্রের ওই ড্রোন আবার ইরানের শাহেদ-১৩৬ আত্মঘাতী ড্রোনের নকশা অনুসরণে তৈরি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে এ ধরনের ড্রোন ব্যবহার করছে। ড্রোন প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতেও উদ্যোগ নিয়েছে সিউল। এ লক্ষ্যে লেজার এবং উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভভিত্তিক অস্ত্র প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যেই দক্ষিণ কোরিয়ার এ ঘোষণা এসেছে। ২০২২ সালে উত্তর কোরিয়ার পাঁচটি ছোট ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে একটি ড্রোন রাজধানী সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ের ওপরের সংরক্ষিত এলাকাতেও ঢুকে পড়ে। ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করে এবং প্রায় ১০০টি গুলি ছোড়ে। তবে কোনো ড্রোন ভূপাতিত করতে পারেনি। ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার কারণে উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কৌশল থেকে পিয়ংইয়ং গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ও দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে। উত্তর কোরিয়া ইতিমধ্যে হাজার হাজার সেনা ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য পাঠিয়েছে। এর ফলে দেশটির সেনারা বৃহৎ পরিসরের ড্রোন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এদিকে একই দিনে উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির নেতা কিম জং-উন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত রকেট আর্টিলারি ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম তদারক করেছেন।
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ৭০২ জনে পৌঁছেছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৯ শিশু। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার ৫২২। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৫৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৭ হাজার ৬১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বিশ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিজয়ী ছিল যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবেই আত্মপ্রকাশ করেনি, সাংবিধানিক সরকারব্যবস্থা, ব্যক্তিস্বাধীনতা এবং উদার গণতন্ত্রের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছিল। তবে কয়েক দশকের ব্যবধানে সেই একচ্ছত্র আধিপত্য প্রশ্নের মুখে পড়েছে। অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা এখন নতুন বাস্তবতার মুখোমুখি। মার্কিন আধিপত্যের উত্থান বুঝতে হলে ফিরে যেতে হয় উনিশ শতকে। সে সময় বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ ছিল ইউরোপীয় শক্তিগুলোর হাতে। বিশেষ করে বিশাল উপনিবেশিক সাম্রাজ্য এবং শিল্পবিপ্লবের সুবিধাভোগী যুক্তরাজ্য ছিল বৈশ্বিক শক্তির কেন্দ্র। কিন্তু শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতকের শুরুর দিকে শুরু হওয়া দ্বিতীয় শিল্পবিপ্লব বিশ্ব ক্ষমতার মানচিত্র পাল্টে দেয়। রসায়ন, বিদ্যুৎ, টেলিফোন, ওষুধশিল্প, অভ্যন্তরীণ দহন ইঞ্জিন, চালিত উড্ডয়ন এবং রেডিও প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিশ্বায়নের নতুন যুগেরও সূচনা হয়। এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে বড় রদবদল দেখা দেয়। ইউরোপে জার্মান সাম্রাজ্যের উত্থান এবং এশিয়ায় জাপানের উত্থান গুরুত্বপূর্ণ ঘটনা হলেও সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ছিল যুক্তরাষ্ট্রের দ্রুত অর্থনৈতিক বিকাশ। ১৯১৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। সে সময় ইউরোপীয় শক্তিগুলো নিজেদের মধ্যে আধিপত্যের প্রতিযোগিতায় ব্যস্ত থাকলেও প্রকৃত প্রশ্ন ছিল, বিশ্বের প্রধান শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আবির্ভাব কবে ঘটবে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতিতে নির্ধারক শক্তি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু যুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিকে কার্যকর রাখার দায়িত্ব থেকে দেশটি ধীরে ধীরে সরে দাঁড়ায়। এর পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, ১৯২০-এর দশকের অর্থনৈতিক টানাপোড়েন এবং মহামন্দার সময়কার ব্যাপক বেকারত্ব আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে তোলে। সেই প্রেক্ষাপটই পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। সোভিয়েত কমিউনিজমের সঙ্গে আদর্শিক ও কৌশলগত প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় থাকতে বাধ্য করে। শুরু হয় দীর্ঘ স্নায়ুযুদ্ধ। এই সময়ে ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিম ইউরোপ নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। একই সঙ্গে ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো ধীরে ধীরে বিলীন হতে থাকে। স্নায়ুযুদ্ধকালীন সময়ে পশ্চিমা বিশ্বে সামাজিক গণতান্ত্রিক ঐকমত্য গড়ে ওঠে এবং পরিচালিত পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থার প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়। ১৯৮০-এর দশকের নব্যউদারবাদী সংস্কারের পরও সেই কাঠামোর মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে, যদিও এর পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আসে। ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন এবং তার প্রভাববলয় ভেঙে পড়লে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। ফ্যাসিবাদ, কমিউনিজম এবং জার্মানি, জাপান, ব্রিটিশ সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির ওপর বিজয়ের এই সময়কে ওয়াশিংটন আখ্যা দেয় ‘ইউনিপোলার মোমেন্ট’ বা একমেরু মুহূর্ত হিসেবে। তবে ইতিহাসের গতি দীর্ঘদিন এক জায়গায় স্থির থাকেনি। বিজয়ের মাত্র কয়েক দশকের মধ্যেই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যে ক্ষয়ের লক্ষণ দেখা দিতে শুরু করে। যেমন উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে ঘটেছিল, তেমনি নতুন অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন দিকে নিয়ে যেতে শুরু করে। এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল চীনের উত্থান। ১৯৭০-এর দশকে বেইজিংকে মস্কোর প্রভাববলয় থেকে দূরে আনার কৌশলগত প্রচেষ্টার পর দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে চীন ‘সংস্কার ও উন্মুক্তকরণ’ নীতি গ্রহণ করে। এর ফলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি হয় এবং কয়েক দশকের মধ্যে চীন বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। এক শতাব্দীরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সমমর্যাদার একটি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়। একই সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব বিশ্বায়নের দ্বিতীয় ধাপকে আরও গতিশীল করে। বিশ্ব অর্থনীতি আরও আন্তঃনির্ভরশীল হয়ে ওঠে। তবে এর সঙ্গে নতুন চ্যালেঞ্জও সামনে আসে। আর্থিক সংকট, ব্যাপক অভিবাসন এবং সামাজিক পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলে। উনিশ শতকের শেষভাগে যেখানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল শ্রেণি ও জাতিগত প্রশ্ন, সেখানে বর্তমান সময়ে লিঙ্গ, বর্ণ ও পরিচয়ের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব পরিবর্তনের প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশে জাতীয়তাবাদী এবং রক্ষণশীল রাজনৈতিক আন্দোলনেরও উত্থান ঘটেছে। যুক্তরাষ্ট্র এখন তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর প্রাক্কালে দাঁড়িয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি। দেশটির নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন বাড়ছে। রাজনৈতিক বিভাজন, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস বিশ্ব রাজনীতিকে নতুন পথে নিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন আধিপত্যের উত্থান ও ক্ষয়ের ইতিহাস শুধু একটি রাষ্ট্রের কাহিনি নয়; এটি আধুনিক বিশ্বব্যবস্থার পরিবর্তনশীল চরিত্র এবং ক্ষমতার চক্রাকার রূপান্তরেরও একটি গুরুত্বপূর্ণ দলিল।
চার দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান নতুন অর্থনৈতিক সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তে ইরানি তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহে সাময়িক ছাড় দেওয়ার পর দেশটির অর্থনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে আগামী এক দশকের মধ্যে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। ২২ জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৬০ দিনের জন্য ইরানি খনিজ তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহে অনুমতি দেয়। এই সিদ্ধান্তের ফলে মার্কিন শোধনাগারগুলো সরাসরি ইরানি তেল কিনতে পারবে, ডলারে লেনদেন করতে পারবে এবং পূর্বে নিষিদ্ধ ঘোষিত ট্যাংকার থেকেও তেল গ্রহণের সুযোগ পাবে। ১৯৮০ সালে তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের পর যুক্তরাষ্ট্র প্রথম ইরানের তেল কেনা নিষিদ্ধ করে। পরে ধাপে ধাপে কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে কিছু নিষেধাজ্ঞা শিথিল হলেও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে আবারও কঠোর অবরোধ ফিরে আসে। বিশ্লেষকদের মতে, নতুন এই ছাড় আগের যেকোনো শিথিলতার তুলনায় অনেক বিস্তৃত। এর ফলে ইরানের তেল খাত আবারও আন্তর্জাতিক বাজারে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। জ্বালানি বাজার বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে ইরানের তেল রপ্তানি ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান ভরটেক্সার হিসাব অনুযায়ী, কয়েক মাস আগেও যেখানে রপ্তানি প্রায় স্থবির ছিল, সেখানে বর্তমানে দৈনিক প্রায় ১৫ লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে। ইরানের প্রধান রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ থেকেও জাহাজে তেল বোঝাইয়ের হার বেড়েছে। যদিও যুদ্ধের আগে দেশটি দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেল রপ্তানি করত, সেই পর্যায়ে ফিরতে এখনো কিছুটা সময় লাগবে। কেন ধনী হতে পারে ইরান? বিশেষজ্ঞদের মতে, নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে শিথিল থাকলে ইরান কয়েকটি বড় অর্থনৈতিক সুবিধা পেতে পারে। প্রথমত, দেশটির তেল ও গ্যাস রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি মজুতের মালিক ইরান আন্তর্জাতিক বাজারে আরও বেশি ক্রেতা আকর্ষণ করতে পারবে। দ্বিতীয়ত, ব্যাংকিং ও লেনদেনের জটিলতা কমে গেলে প্রতি ব্যারেল তেল বিক্রি থেকে দেশটির আয় বাড়বে। তৃতীয়ত, বর্তমানে অবরুদ্ধ থাকা বিদেশি সম্পদ ও তহবিল ধীরে ধীরে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। চতুর্থত, হরমুজ প্রণালি ঘিরে সম্ভাব্য ট্রানজিট ও নৌ-পরিচালনা আয়ের সুযোগও ইরানের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। নতুন ক্রেতার অপেক্ষায় তেহরান গত কয়েক বছরে ইরানের অধিকাংশ তেল গেছে চীনের ছোট স্বাধীন শোধনাগারগুলোতে। তবে নিষেধাজ্ঞা শিথিল থাকলে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পুরোনো ক্রেতারাও আবার বাজারে ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো সতর্ক অবস্থানে রয়েছে। কারণ তারা নিশ্চিত হতে চায় যে বর্তমান ছাড় সাময়িক নয় এবং ভবিষ্যতে হঠাৎ করে আবার নিষেধাজ্ঞা ফিরে আসবে না। এ ছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা এখনও বহাল থাকায় আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা কতটা পূরণ হবে? ওয়াশিংটনের আশা ছিল, এই পদক্ষেপের মাধ্যমে বিশ্ববাজারে তেলের দাম কমবে, চীনের ওপর ইরানের নির্ভরতা কমবে এবং হরমুজ প্রণালি খোলা রাখা সহজ হবে। তবে বিশ্লেষকদের মতে, এসব লক্ষ্য অর্জনের নিশ্চয়তা নেই। বরং ইরান ইতোমধ্যেই বাড়তি অর্থনৈতিক সুবিধা পেতে শুরু করেছে, যদিও যুক্তরাষ্ট্র প্রত্যাশিত কৌশলগত সুবিধা এখনো স্পষ্টভাবে পায়নি। সামনে কী হতে পারে? বিশেষজ্ঞদের ধারণা, যদি বর্তমান নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকে এবং ইরান আন্তর্জাতিক বাজারে পূর্ণমাত্রায় ফিরতে পারে, তাহলে তেল রপ্তানি, ট্রানজিট আয়, অবমুক্ত সম্পদ এবং সম্ভাব্য বিদেশি বিনিয়োগ মিলিয়ে দেশটির অর্থনীতি বড় ধরনের উত্থান দেখতে পারে। সেই পরিস্থিতিতে আগামী দশকের মধ্যে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হওয়ার সুযোগ পাবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে খুব শিগগিরই এ বিষয়ে ইউএই সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বেনজীর আহমেদকে গ্রেফতারের পর আবুধাবি থেকে ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে। একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে বলা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।” সীমান্তে ভারত থেকে বাংলাদেশিদের ‘পুশইন’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কাউকেই জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “আমরা কূটনৈতিকভাবে ভারতকে আহ্বান জানিয়েছি, যদি কোনো বাংলাদেশি সেখানে অবস্থান করে, তাহলে তাদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠানো হোক। নাগরিকত্ব যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় শহীদ ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মামলার তিন আসামিকে ভারতীয় কর্তৃপক্ষ গ্রেফতার করেছে এবং তারা বর্তমানে কলকাতায় রয়েছে বলে জানা গেছে। সালাহউদ্দিন আহমদ বলেন, “ভারতের আইন অনুযায়ী আদালতে মামলা হয়েছে। আমরা এক্সট্রাডিশন চুক্তির আওতায় প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে পাঠিয়েছি। আশা করছি, তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।” তিনি আরও বলেন, আসামিদের ফেরত আনার পর মামলার বাকি তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা যাবে।