কীভাবে বিশ্বের একচ্ছত্র ক্ষমতায় পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র?
বিশ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিজয়ী ছিল যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবেই আত্মপ্রকাশ করেনি, সাংবিধানিক সরকারব্যবস্থা, ব্যক্তিস্বাধীনতা এবং উদার গণতন্ত্রের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছিল। তবে কয়েক দশকের ব্যবধানে সেই একচ্ছত্র আধিপত্য প্রশ্নের মুখে পড়েছে। অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা এখন নতুন বাস্তবতার মুখোমুখি।
মার্কিন আধিপত্যের উত্থান বুঝতে হলে ফিরে যেতে হয় উনিশ শতকে। সে সময় বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ ছিল ইউরোপীয় শক্তিগুলোর হাতে। বিশেষ করে বিশাল উপনিবেশিক সাম্রাজ্য এবং শিল্পবিপ্লবের সুবিধাভোগী যুক্তরাজ্য ছিল বৈশ্বিক শক্তির কেন্দ্র। কিন্তু শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতকের শুরুর দিকে শুরু হওয়া দ্বিতীয় শিল্পবিপ্লব বিশ্ব ক্ষমতার মানচিত্র পাল্টে দেয়। রসায়ন, বিদ্যুৎ, টেলিফোন, ওষুধশিল্প, অভ্যন্তরীণ দহন ইঞ্জিন, চালিত উড্ডয়ন এবং রেডিও প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিশ্বায়নের নতুন যুগেরও সূচনা হয়।
এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে বড় রদবদল দেখা দেয়। ইউরোপে জার্মান সাম্রাজ্যের উত্থান এবং এশিয়ায় জাপানের উত্থান গুরুত্বপূর্ণ ঘটনা হলেও সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ছিল যুক্তরাষ্ট্রের দ্রুত অর্থনৈতিক বিকাশ। ১৯১৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। সে সময় ইউরোপীয় শক্তিগুলো নিজেদের মধ্যে আধিপত্যের প্রতিযোগিতায় ব্যস্ত থাকলেও প্রকৃত প্রশ্ন ছিল, বিশ্বের প্রধান শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আবির্ভাব কবে ঘটবে।
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতিতে নির্ধারক শক্তি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু যুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিকে কার্যকর রাখার দায়িত্ব থেকে দেশটি ধীরে ধীরে সরে দাঁড়ায়। এর পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, ১৯২০-এর দশকের অর্থনৈতিক টানাপোড়েন এবং মহামন্দার সময়কার ব্যাপক বেকারত্ব আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে তোলে। সেই প্রেক্ষাপটই পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। সোভিয়েত কমিউনিজমের সঙ্গে আদর্শিক ও কৌশলগত প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় থাকতে বাধ্য করে। শুরু হয় দীর্ঘ স্নায়ুযুদ্ধ। এই সময়ে ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিম ইউরোপ নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। একই সঙ্গে ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো ধীরে ধীরে বিলীন হতে থাকে।
স্নায়ুযুদ্ধকালীন সময়ে পশ্চিমা বিশ্বে সামাজিক গণতান্ত্রিক ঐকমত্য গড়ে ওঠে এবং পরিচালিত পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থার প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়। ১৯৮০-এর দশকের নব্যউদারবাদী সংস্কারের পরও সেই কাঠামোর মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে, যদিও এর পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আসে।
১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন এবং তার প্রভাববলয় ভেঙে পড়লে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। ফ্যাসিবাদ, কমিউনিজম এবং জার্মানি, জাপান, ব্রিটিশ সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির ওপর বিজয়ের এই সময়কে ওয়াশিংটন আখ্যা দেয় ‘ইউনিপোলার মোমেন্ট’ বা একমেরু মুহূর্ত হিসেবে।
তবে ইতিহাসের গতি দীর্ঘদিন এক জায়গায় স্থির থাকেনি। বিজয়ের মাত্র কয়েক দশকের মধ্যেই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যে ক্ষয়ের লক্ষণ দেখা দিতে শুরু করে। যেমন উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে ঘটেছিল, তেমনি নতুন অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন দিকে নিয়ে যেতে শুরু করে।
এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল চীনের উত্থান। ১৯৭০-এর দশকে বেইজিংকে মস্কোর প্রভাববলয় থেকে দূরে আনার কৌশলগত প্রচেষ্টার পর দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে চীন ‘সংস্কার ও উন্মুক্তকরণ’ নীতি গ্রহণ করে। এর ফলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি হয় এবং কয়েক দশকের মধ্যে চীন বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। এক শতাব্দীরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সমমর্যাদার একটি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়।
একই সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব বিশ্বায়নের দ্বিতীয় ধাপকে আরও গতিশীল করে। বিশ্ব অর্থনীতি আরও আন্তঃনির্ভরশীল হয়ে ওঠে। তবে এর সঙ্গে নতুন চ্যালেঞ্জও সামনে আসে। আর্থিক সংকট, ব্যাপক অভিবাসন এবং সামাজিক পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলে।
উনিশ শতকের শেষভাগে যেখানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল শ্রেণি ও জাতিগত প্রশ্ন, সেখানে বর্তমান সময়ে লিঙ্গ, বর্ণ ও পরিচয়ের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব পরিবর্তনের প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশে জাতীয়তাবাদী এবং রক্ষণশীল রাজনৈতিক আন্দোলনেরও উত্থান ঘটেছে।
যুক্তরাষ্ট্র এখন তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর প্রাক্কালে দাঁড়িয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি। দেশটির নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন বাড়ছে। রাজনৈতিক বিভাজন, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস বিশ্ব রাজনীতিকে নতুন পথে নিয়ে যাচ্ছে।
এই প্রেক্ষাপটে মার্কিন আধিপত্যের উত্থান ও ক্ষয়ের ইতিহাস শুধু একটি রাষ্ট্রের কাহিনি নয়; এটি আধুনিক বিশ্বব্যবস্থার পরিবর্তনশীল চরিত্র এবং ক্ষমতার চক্রাকার রূপান্তরেরও একটি গুরুত্বপূর্ণ দলিল।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
বিশ্ব
View moreযুক্তরাজ্যের জার্সি বিমানবন্দরের রানওয়েতে একটি খরগোশের উপস্থিতিতে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে ছোট্ট প্রাণীটি রানওয়েতে ঢুকে একটি ছোট উড়োজাহাজের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের কর্মীরা একটি বাক্স নিয়ে খরগোশটিকে ধরার চেষ্টা করেন। এ সময় রানওয়েতে অপেক্ষায় থাকা লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীরা উড়োজাহাজের জানালা দিয়ে পুরো ঘটনা দেখতে পান। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম আইটিভি নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে খরগোশটি রানওয়েতে চলে আসে। তখন একটি ছোট উড়োজাহাজের ঠিক সামনে গিয়ে থেমে যায় প্রাণীটি। নিরাপত্তার কারণে সেটিকে সরিয়ে না নেওয়া পর্যন্ত কোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি। পরে বিমানবন্দরের একজন কর্মী বাক্স নিয়ে খরগোশটিকে ধরতে এগিয়ে যান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় প্রাণীটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ সময় ব্রিটিশ এয়ারওয়েজের বিএ১৩৪৭ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ওই বিমানের যাত্রী বেকি শিরান আইটিভি নিউজকে জানান, পাইলট যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে জানান, রানওয়েতে একটি খরগোশ থাকায় উড়োজাহাজের যাত্রা বিলম্বিত হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঘটনাটি দেখার কথাও বলেন তিনি। অপ্রত্যাশিত এই ঘটনায় যাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। খরগোশটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ থাকায় কয়েকটি ফ্লাইটে সামান্য বিলম্ব হয়েছে। ছোট্ট একটি প্রাণীর কারণে বিমানবন্দরের ব্যস্ত কার্যক্রম থেমে যাওয়ার ঘটনাটি যাত্রীদের কাছে বেশ ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে ওঠে। সংবাদসূত্র: আইটিভি নিউজ
ইউরোপের দেশ অস্ট্রিয়া দিচ্ছে চাকরি খোঁজার ছয় মাসের ভিসা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো, দেখা করছেন ধর্মীয় নেতাদের সঙ্গে
যুক্তরাজ্যের বাঙালি প্রার্থীদের রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গত রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়ে থাকতে পারেন বলে যে তথ্য এসেছে, তার ভিত্তিতেই এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ তারা দেখতে পাচ্ছে না। তবে সব ধরনের তথ্য পর্যালোচনা করা হবে। এদিকে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। তিনি স্বীকার করেছেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। তাঁর এই সিদ্ধান্তে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নিজের কাজের পক্ষে কোনো অজুহাত নেই এবং এ জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। একই বার্তায় প্রতিষ্ঠানের কর্মী, পরিচালনা পর্ষদ, অংশীদার ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে পরিচালনা পর্ষদের তদন্তকে সমর্থন এবং পূর্ণ সহযোগিতা করার কথাও জানিয়েছেন হুয়াং। বিতর্কের সূত্রপাত গত অক্টোবরের শেষ দিকে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের মাধ্যমে। সেখানে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের হয়ে তথ্য সংগ্রহ করে বেইজিংয়ে পাঠাচ্ছিলেন। তিনি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের কথাও প্রতিবেদনে উঠে আসে। রয়টার্স জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই। এই ঘটনায় আলোচনায় এসেছে মেগাস্পিডের ব্যবসায়িক কার্যক্রমও। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ কিনে থাকে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সন্দেহ, মেগাস্পিডের মাধ্যমে চীনে এমন কিছু উন্নত প্রযুক্তির চিপ পৌঁছানোর চেষ্টা হয়ে থাকতে পারে, যেগুলোর রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। ফলে এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে সন্দেহভাজন ওই ব্যবসায়িক নির্বাহীর সম্পর্কের বিষয়টি শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না, বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও জাতীয় নিরাপত্তার প্রশ্নও সামনে নিয়ে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা চলতি মাসেই কংগ্রেসে জেনসেন হুয়াংয়ের বক্তব্য শুনতে চেয়েছেন। তাঁদের মতে, চীনের কাছে সংবেদনশীল মার্কিন প্রযুক্তি ও তথ্য পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হুয়াংকে একজন ভালো ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অভিযোগ নিয়ে হুয়াংয়ের সঙ্গে এখনো তাঁর কথা হয়নি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াং তদন্তে সহযোগিতা করছেন এবং তাঁর নেতৃত্বের ওপর বোর্ডের আস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রধান নির্বাহী হিসেবে তাঁর দায়িত্ব পালনে আপাতত কোনো বিরতি আসছে না। সংবাদসূত্র: রয়টার্স, এনভিডিয়া নিউজরুম
ভেনেজুয়েলার অপরাধী সংগঠনের তিন শীর্ষ নেতার খোঁজে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার পথে জেদ্দা টাওয়ার, বাধা হতে পারে বৈরী আবহাওয়া
স্বর্গের লোভ দেখিয়ে অনাহারে ১৯০ শিশুর মৃত্যু, কেনিয়ায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাদের জন্য পুনর্বাসনের সুযোগও রাখা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা, সেখানে ব্যবহৃত সরঞ্জাম, কর্মী এবং বিশেষ করে দেশটির পারমাণবিক বিজ্ঞানীদের বিষয়ে তথ্য চেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি। শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা প্রকাশ করে। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার দেওয়া হতে পারে। এসব তথ্যের মধ্যে পারমাণবিক বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম স্থানান্তরের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পুরস্কারের অর্থ নির্দিষ্ট নয়, তথ্যের গুরুত্ব ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ এই পরিমাণ দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মসূচিটির ওয়েবসাইটে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ২০২৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে পৌঁছাতে সাধারণত ৯০ শতাংশ বিশুদ্ধতার প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী, ইরানই একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র, যারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে। বিবৃতিতে আইএইএ-এর সুরক্ষা চুক্তি পালনের বিষয়টিও উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার ঘাটতির কারণে দেশটির সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক সরঞ্জামের উৎপাদন ও মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য পাওয়ার ক্ষেত্রে আইএইএ সমস্যায় পড়েছে বলে দাবি করা হয়েছে। এসব সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যেই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। এমন দাবির পরও কর্মসূচি-সংশ্লিষ্ট তথ্যের জন্য পুরস্কার ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ উদ্যোগের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে কী ধরনের তথ্যের ঘাটতি রয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) ও আল জাজিরা।
‘জেডি, হাবিবি’ বলে ভাইস প্রেসিডেন্টকে খোঁচা, আরব বিশ্বে প্রশংসায় ভাসছেন আবদুল এল-সায়েদ
এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা