- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুদ্ধবিমানের গর্জন, সামরিক ব্যান্ডের সুর আর হাজারো সমর্থকের উচ্ছ্বাসে বুধবার রাতে ওয়াশিংটনের ন্যাশনাল মল পরিণত হয় এক বর্ণাঢ্য আয়োজনে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’-এর উদ্বোধন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে দেওয়া প্রায় ৩০ মিনিটের ভাষণে তিনি রাজনৈতিক সাফল্য, দেশপ্রেম এবং প্রশাসনের বিভিন্ন নীতিকে তুলে ধরেন। ওয়াশিংটন মনুমেন্টের সামনে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ট্রাম্প বলেন, “আজ রাতে স্বাধীনতার ২৫০তম বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি— আমেরিকা ফিরে এসেছে। কিছুদিন আগেও আমরা একটি মৃত দেশ ছিলাম। এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ। আমাদের নিয়ে আর কেউ হাসে না।” পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের নাম সরাসরি উল্লেখ না করলেও তাঁর প্রশাসনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “আমরা এখন এক স্বর্ণযুগে প্রবেশ করেছি। এর আগে এমন সময় কখনও আসেনি।” ভাষণে ইরান প্রসঙ্গও উঠে আসে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি “ঐতিহাসিক চুক্তি” হয়েছে, যার ফলে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত থাকবে এবং ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে চুক্তির বিস্তারিত শর্তাবলি নিয়ে আলোচনা এখনও চলমান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশীয় সামাজিক নীতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন শিশুদের জন্য ট্রান্সজেন্ডার-সম্পর্কিত চিকিৎসা কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সরকারি নীতিতে পুরুষ ও নারী—এই দুই লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে। ১৬ দিনব্যাপী ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’-এ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ছয়টি অঞ্চলের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। তবে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অন্তত আটটি অঙ্গরাজ্য এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানটি শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে। আয়োজকদের তালিকাভুক্ত বেশ কয়েকজন শিল্পী শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। তাঁদের কেউ কেউ অভিযোগ করেন, অনুষ্ঠানটিকে অরাজনৈতিক হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তা রাজনৈতিক রূপ পেয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পরিবহনমন্ত্রী সিন শাফি ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি ট্রাম্পকে জর্জ ওয়াশিংটনের পর মার্কিন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন। এদিকে নতুন এক জাতীয় জনমত জরিপে ট্রাম্পের অনুমোদন হার ৩০ শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন। জরিপে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগও উঠে এসেছে। জাতীয় উৎসবকে রাজনৈতিক সমাবেশে রূপ দেওয়ার অভিযোগ তুলে বিরোধীরা সমালোচনা করলেও ট্রাম্প সমর্থকদের কাছে অনুষ্ঠানটি ছিল যুক্তরাষ্ট্রের পুনর্জাগরণ উদযাপনের একটি প্রতীকী মুহূর্ত। রাতের আকাশে স্টেলথ বোমারু বিমানের উড়ান এবং দেশাত্মবোধক সংগীতের আবহে ভাষণের শেষদিকে ট্রাম্প বলেন, “সেরাটা এখনো আসেনি।”
মিশিগান অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৬১ থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুব খানের উদ্যোগে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় ও ‘মিট অ্যান্ড গ্রীট’ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্টার্লিং হাইটসের নিউ ডাউন একাডেমিতে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশি, ইয়েমেনি, পোলিশ এবং আমেরিকান কমিউনিটির ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণির পেশাজীবীরা অংশ নেন। সভায় মাহবুব খান তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নাগরিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। পাশাপাশি স্টার্লিং হাইটস, ইউটিকা, ক্লিনটন টাউনশিপ ও মাউন্ট ক্লিমেন্স এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে মাহবুব খান ডিস্ট্রিক্ট-৬১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি কমিউনিটির বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন। ভোটারদের উদ্দেশে মাহবুব খান বলেন, “৪ আগস্ট ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন আমার বিজয়ের পথ সুগম করবে। নির্বাচিত হলে আমি কমিউনিটির উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করতে অগ্রণী ভূমিকা পালন করব।” এ সময় তিনি নির্বাচনী কার্যক্রম সফল করতে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
আমেরিকার শীর্ষ ধনী ও ধনকুবের পরিবারের সন্তানরা সাধারণ কোনো উপায়ে নয়, বরং লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট জেটে চড়ে পাড়ি জমাচ্ছে বিভিন্ন বিলাসবহুল বা অভিজাত ‘সামার স্লিপঅ্যাওয়ে ক্যাম্পে’। গ্রীষ্মকালীন এই ক্যাম্পগুলোর একেকটির ফি ১৭ হাজার থেকে শুরু করে ২০ হাজার মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, মূলত বিশ্বের বড় বড় শিল্পপতিদের সন্তানদের সাথে প্রভাবশালী নেটওয়ার্ক বা আজীবন টিকে থাকার মতো বন্ধুত্ব তৈরি করা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বিশেষ জীবনমুখী দক্ষতা অর্জন করতেই ধনী অভিভাবকরা সন্তানদের পেছনে এই বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করছেন। ফ্লোরিডার বোকা রাটন-এর বাসিন্দা এবং পেশায় কনটেন্ট ক্রিয়েটর এলিজাবেথ ওয়েপ্রিন জানান, নিউ ইয়র্কের বিখ্যাত রাকুয়েট লেক ক্যাম্পে তাঁর দুই মেয়ের সাত সপ্তাহের সামার ক্যাম্পিংয়ের জন্য তিনি এক দশকে প্রায় ছয় অঙ্কের ডলার বা কোটি টাকার ওপরে খরচ করেছেন। সেখানে প্রতি বছর জনপ্রতি ফি শুরু হয় ১৭ হাজার ৪৫০ ডলার থেকে। ডিজিটাল ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে মুক্ত রাখার পাশাপাশি বড় বড় করপোরেট লিডার বা টাইকুনদের পরিবারের সাথে গভীর যোগাযোগ তৈরি করাই ছিল এই খরচের মূল উদ্দেশ্য। এলিজাবেথ বলেন, তিনি সবসময় তাঁর সন্তানদের বলেন যে নিজেদের পরিচিতি বা নেটওয়ার্কই হলো পৃথিবীর সবকিছু, কারণ ইন্টার্নশিপ, চাকরির সুযোগ বা নতুন অভিজ্ঞতা সবই নির্ভর করে কার সাথে কার চেনা-জানা আছে তার ওপর। আরেক লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার রাচেল পটাশ তাঁর দুই মেয়েকে মেইন অঙ্গরাজ্যের অত্যন্ত ব্যয়বহুল ও মেয়েদের জন্য বিশেষায়িত ‘ক্যাম্প ভেগা’-তে পাঠাতে বছরে ৪০ হাজার ডলারের বেশি খরচ করেন। প্রাইভেট স্কুলের পুরো বছরের ফির সমান টাকা ক্যাম্পিংয়ে দেওয়ার পরও, এবার তিনি তাঁর ১৩ ও ১৫ বছর বয়সী দুই মেয়ে ও তাদের বান্ধবীদের জন্য বিশেষ উপহার হিসেবে একটি ‘প্রাইভেট জেট’ ভাড়া করেছেন। নিউ ইয়র্ক থেকে মেইনের ক্যাম্প গ্রাউন্ডে সরাসরি পৌঁছাতে এই প্রথম শ্রেণির বিলাসবহুল ভ্রমণের আয়োজন করেছেন তিনি। রাচেল পটাশ স্পষ্ট করে বলেন, টাকা আসবে এবং যাবে, কিন্তু বাচ্চাদের সাবলম্বী ও স্বাধীন নারী হিসেবে গড়ে তুলতে সামার ক্যাম্পের চেয়ে ভালো বিনিয়োগ আর কিছুই হতে পারে না। মে মাসের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আমেরিকার প্রায় ২ কোটি ৪৬ লাখ অভিভাবক চান তাঁদের সন্তানরা এমন সামার ক্যাম্পে যাক। তবে অত্যন্ত চড়া খরচের কারণে ৩৮ শতাংশ পরিবারই শেষ পর্যন্ত এর নাগাল পায় না। সাধারণ বা মধ্যবিত্ত পরিবারের মাত্র ১৩ শতাংশ শিশু এই সুযোগ পায়, যেখানে ধনী পরিবারের ক্ষেত্রে এই হার ৪৫ শতাংশ। হ্যাম্পটনসের একটি এআই-চালিত সামার ডে ক্যাম্পের সাপ্তাহিক ফিই ৪ হাজার ৫০০ ডলার, যেখানে শিশুদের ওমাকাসে বা জাপানি খাবার তৈরির বিশেষ ক্লাস এবং ট্রোজান-হর্স ওয়ার্কশপের মতো অদ্ভুত ও আকর্ষণীয় সব বিষয় শেখানো হয়, যার ফলে সেখানেও ধনী অভিভাবকদের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি হয়। এমনকি এই অভিজাত ক্যাম্পগুলোতে নির্দিষ্ট ইউনিফর্মের কঠোর নিয়ম থাকলেও নামী ব্র্যান্ডের দামি নাইটড্রেস, দামি প্রসাধনী এবং বিলাসবহুল ব্যাগ নিয়ে যাওয়ার এক অদৃশ্য প্রতিযোগিতা চলে ধনী সন্তানদের মাঝে। ক্যাম্পের জিনিসপত্র কেনাকাটার জন্য ‘ডেনি’স অ্যান্ড লেস্টার’স’-এর মতো নামী বিপণিবিতানগুলোতে অভিভাবকরা জানুয়ারি মাস থেকেই বুকিং দেওয়া শুরু করেন, যেখানে শুধু কেনাকাটাতেই একেকজন অভিভাবক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ডলার পর্যন্ত খরচ করেন। ক্যাম্প শুরুর পর অভিভাবকরা দামি গাড়ি বা আরভি ভাড়া করে ক্যাম্পের মাঝামাঝি সময়ে সন্তানদের সাথে দেখা করতে ‘ভিজিটিং ডে’-তে যান এবং তাদের জন্য বিলাসবহুল খাবার ও নানা উপহার নিয়ে আসেন। খরচের অঙ্কটা আকাশচুম্বী হলেও, প্রভাবশালী মহলে সম্পর্কের কথা বিবেচনা করে অভিভাবকরা এই বিপুল পরিমাণ অর্থকে একবাক্যে স্বার্থক বলেই মনে করছেন। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
আমেরিকার অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী ব্যাংক ‘জেপিমরগান চেজ’ তাদের ব্যবসায়িক পরিচালন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে টেক্সাসের একটি কল সেন্টার পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। টেক্সাস ওয়ার্কফোর্স কমিশনের কাছে জমা দেওয়া এক নোটিশের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, আগস্ট মাসে এই কল সেন্টারটি বন্ধ হতে যাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটির টেক্সাস ক্যাম্পাস থেকে ২৪৪ জন কর্মী চাকরি হারাচ্ছেন। নিউ ইয়র্কভিত্তিক এই ব্যাংকটির নিউ ইয়র্কের বাইরে অন্যতম বৃহত্তম কর্মসংস্থান হাব বা কেন্দ্র হলো টেক্সাসের প্ল্যানো ক্যাম্পাস। এই বড় ক্যাম্পাসে বর্তমানে সাড়ে ১২ হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন। সেখানে নতুন এই ছাঁটাইয়ের প্রক্রিয়াটি মূলত এই ক্যাম্পাসের মোট জনবলের প্রায় ২ শতাংশ। তবে একই সাথে সিবিএস নিউজ উল্লেখ করেছে, কল সেন্টারটি বন্ধ করা হলেও প্ল্যানো শাখার প্রতি ব্যাংকের প্রতিশ্রুতি বজায় থাকবে এবং বর্তমানে ওই লোকেশনে ৮০০-র বেশি শূন্য পদ খালি রয়েছে। জেপিমরগান চেজ এক বিবৃতিতে জানিয়েছে, মূলত একটি ছোট অপারেশন টিমকে তাদের অন্যান্য বড় অপারেশন সেন্টারের সাথে একীভূত বা কনসোলিডেট করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটি জানায়, তারা নিয়মিতভাবে ব্যবসায়িক চাহিদার নিরিখে কর্মী সংখ্যা পর্যালোচনা করে থাকে এবং প্রয়োজন অনুযায়ী নতুন পদ তৈরি বা কর্মী কমানোর সিদ্ধান্ত নেয়। তবে চাকরি হারানো এই ২৪৪ জন কর্মীকে যাতে ব্যাংকের অন্য কোনো বিভাগে পুনর্বাসন বা পদায়ন করা যায়, তার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ডালাস বিজনেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল ‘ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং নোটিফিকেশন’ আইনের আওতায় ইতিমধ্যে টেক্সাস ওয়ার্কফোর্স কমিশনকে এই নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২১ আগস্ট থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে এবং এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন ‘ফ্রড স্পেশালিস্ট’ বা জালিয়াতি প্রতিরোধ বিষয়ক পদের কর্মীরা। ছাঁটাই হওয়া কর্মীরা নিয়ম অনুযায়ী সেভারেন্স বেনিফিট বা চাকরিচ্যুতির আর্থিক সুবিধা পাবেন। পাশাপাশি, কোম্পানির ভেতরে অন্য পদে চলে যাওয়া কিংবা আউটপ্লেসমেন্ট সার্ভিসের মাধ্যমে নতুন চাকরি খোঁজার ক্ষেত্রেও তাঁদের সহায়তা করা হবে। আমেরিকার শ্রম আইন অনুযায়ী, যেকোনো বড় প্রতিষ্ঠান বা প্ল্যান্ট বন্ধ করার কিংবা গণছাঁটাইয়ের অন্তত ৬০ দিন আগে কর্মী, সংশ্লিষ্ট রাজ্য এবং স্থানীয় সরকারকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া বাধ্যতামূলক। জেপিমরগান চেজও এই নিয়ম মেনেই ৬০ দিনের আগাম নোটিশ দিচ্ছে। কোনো প্রতিষ্ঠান এই আইন অমান্য করলে ক্ষতিগ্রস্ত কর্মীদের ৬০ দিনের বকেয়া বেতন ও সুযোগ-সুবিধা জরিমানা হিসেবে দেওয়ার নিয়ম রয়েছে। একই সাথে স্থানীয় সরকারকে দৈনিক ৫০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ইরানের দীর্ঘদিনের অবস্থান ও সমর্থনের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের কূটনৈতিক যোগাযোগের সাম্প্রতিক ধারাবাহিকতায় এই অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বাসেম নাইম হামাস নেতৃত্বের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আলোচনায় বাসেম নাইম যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানকে অভিনন্দন জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান এবং প্রতিরোধমূলক ভূমিকাকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ফিলিস্তিন প্রশ্নে ইরানের ধারাবাহিক নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বাসেম নাইম বলেন, দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে ইরানের যে অবস্থান, তা এই অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তার মতে, এই সমর্থন ফিলিস্তিনিদের সংগ্রামে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখতে সহায়তা করছে। অন্যদিকে হামাসের পক্ষ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। আরাঘচি আরও জানান, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এবং ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতির বিষয়টি ইরান নিয়মিতভাবে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম, মধ্যস্থতাকারী দেশ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তুলে ধরছে। তিনি ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক রাজনৈতিক তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে ইরান ও হামাসের এই ধরনের কূটনৈতিক যোগাযোগ আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। একই সঙ্গে গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রচেষ্টাও এতে আরও জোরালো হতে পারে।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। অল্প সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং ভবন ধসে পড়ে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে জানান, অনেক দুর্গম এলাকায় এখনও উদ্ধার কার্যক্রম পুরোপুরি পৌঁছাতে পারেনি। ফলে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার শঙ্কা রয়েছে। ভূমিকম্পের পরপরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সেনাবাহিনী, দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে এলাকা। প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৫। এত অল্প ব্যবধানে দুটি শক্তিশালী কম্পন আঘাত হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়। রাজধানী কারাকাসেও এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে জরুরি সেবা কার্যক্রম পরিচালনায়ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। প্রধান ভূমিকম্পের পর থেকে দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। এতে নতুন করে ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার জন্য হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা মাঠ, সড়ক ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলা ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। ইউএসজিএসের প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটি অগভীর ‘স্ট্রাইক-স্লিপ ফল্টিং’-এর কারণে সংঘটিত হয়েছে, যেখানে ভূত্বকের দুটি অংশ অনুভূমিকভাবে দ্রুত সরে গিয়ে তীব্র কম্পন সৃষ্টি করে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলগুলো। লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফ্যালকন এলাকায় বহু বাড়িঘর, সড়ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ পরিচালনায় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথম কম্পনের পরই অনেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আতঙ্কে অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নেন। বিশ্লেষকরা বলছেন, এই দুর্যোগ শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং ভেনেজুয়েলার জন্য বড় ধরনের মানবিক সংকটে রূপ নিয়েছে। ব্যাপক প্রাণহানি, অবকাঠামোগত ক্ষতি এবং চলমান আফটারশকের ঝুঁকি দেশটির পুনর্বাসন প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সহায়তার আহ্বান জানানো হয়েছে। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এখন ভেনেজুয়েলার জন্য সবচেয়ে জরুরি হয়ে উঠেছে।
পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিক্ষোভের তীব্রতা কমাতে অঞ্চলটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রবেশ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। বিবিসি উর্দু ও পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজার, মুদি দোকান, ফার্মেসি ও পেট্রোল পাম্পগুলোতে প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজধানী মুজাফফরাবাদের বাসিন্দারা খাদ্য ও জ্বালানির জন্য পার্শ্ববর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে যেতে বাধ্য হচ্ছেন। একইভাবে পুঞ্চ, রাওয়ালাকোট, বাঘ ও নীলম উপত্যকার মানুষ প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছেন রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। পাশাপাশি অধিকাংশ এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ বা অত্যন্ত ধীরগতির হয়ে পড়েছে, যার ফলে তথ্যপ্রবাহেও সৃষ্টি হয়েছে বাধা। ঐতিহাসিকভাবে সংবেদনশীল এই অঞ্চলটি ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর পাকিস্তানের নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আজাদ কাশ্মির ও গিলগিট-বাল্টিস্তান পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়, যেখানে পৃথক আইনসভা রয়েছে। আজাদ কাশ্মিরের আইনসভায় মোট ৪৫টি আসন থাকলেও এর একটি অংশ উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত। সম্প্রতি সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে ৫ জুন থেকে আন্দোলন শুরু করে স্থানীয় রাজনৈতিক জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে)। ৯ জুন ডাকা হরতালকে কেন্দ্র করে আন্দোলন সহিংস রূপ নেয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এএফপির আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, গত দুই সপ্তাহে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংবাদমাধ্যম ও ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে এরপরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে না। বাসিন্দাদের বর্ণনায় উঠে এসেছে চরম দুর্ভোগের চিত্র। নীলম জেলার আলিফ দীন বিবিসি উর্দুকে বলেন, রেশন দোকানে টাকা জমা থাকলেও গত ১৫ দিন ধরে তিনি আটা পাচ্ছেন না। খোলা বাজারে পাওয়া গেলেও দাম এত বেশি যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে পুঞ্চ জেলার এক বাসিন্দা নাভিদ জানান, রাওয়ালপিন্ডি থেকে খাদ্যসামগ্রী কিনে ফেরার পথে নিরাপত্তা বাহিনী তার পণ্য জব্দ করে নেয়। পরিবারের প্রয়োজনের কথা জানিয়ে অনুরোধ করলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আজাদ কাশ্মিরের প্রবেশপথে খাদ্য ও নিত্যপণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকলেও সেগুলো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ডনের পক্ষ থেকে পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রক্তপাত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এ কৌশল নিয়েছে। তার দাবি, জরুরি পণ্যের সরবরাহ ব্যাহত হলে বিক্ষোভের তীব্রতা স্বাভাবিকভাবেই কমে আসবে। তবে আন্দোলনকারীরা পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। জেএএকের নেতারা জানিয়েছেন, তারা দাবি আদায়ে আরও জোরালো কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর অংশ হিসেবে প্রায় এক লাখ মানুষ নিয়ে রাওয়ালাকোট থেকে রাজধানী মুজাফফরাবাদ পর্যন্ত লংমার্চ করার পরিকল্পনা করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে আজাদ কাশ্মিরে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে। বিক্ষোভ সাময়িকভাবে স্তিমিত হলেও কঠোর নিয়ন্ত্রণের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা এখন চরম চাপে রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরবেন। মাহদী আমিন জানান, বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অন্তত ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এসব চুক্তি অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা আশা করি, এসব সমঝোতা চীন-বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।’ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সফরসূচির অংশ হিসেবে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘উভয় দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনগণের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।’ কূটনৈতিক মহল মনে করছে, এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর করবে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও সহযোগিতা বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, যোগাযোগসহ বিভিন্ন খাতে দুই দেশের যৌথ উদ্যোগ ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি এনেছে। আসন্ন এই বৈঠক সেই সহযোগিতাকে আরও বিস্তৃত করার পথ সুগম করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
চীনকে অনেকেই সম্ভাবনা ও স্বপ্নপূরণের দেশ হিসেবে দেখেন। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশটি এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশের শিক্ষার্থী মুমতাহিনা পারভীনের অভিজ্ঞতায় উঠে এসেছে সেই বাস্তব চিত্র—যেখানে রয়েছে নিরাপদ, নিরিবিলি ও মনোযোগী পড়াশোনার পরিবেশ। বর্তমানে তিনি চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের ইকোনোমেট্রিক্স বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। তিনি জানান, অনার্স সম্পন্ন করার পর আবারও চীনে ফিরে আসার পেছনে মূল অনুপ্রেরণা ছিল এখানকার শিক্ষার পরিবেশ। পাশাপাশি পূর্ণ বৃত্তি পাওয়া তার জন্য বড় একটি সুযোগ হয়ে এসেছে। চীনের ফুজিয়ান প্রদেশের শিয়ামেন শহরটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক নগরায়নের এক অনন্য উদাহরণ। দ্বীপঘেরা এই শহরের একদিকে বিস্তীর্ণ সমুদ্রসৈকত, অন্যদিকে সারিবদ্ধ পাহাড়মালা—যা পুরো পরিবেশকে করেছে মনোমুগ্ধকর। শহরের রাস্তাঘাট পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা। পথচারী, সাইকেল ও মোটরযানের জন্য আলাদা লেন থাকায় চলাচলে শৃঙ্খলা বজায় থাকে। এমনকি জেব্রা ক্রসিংয়ে পথচারী দাঁড়ালেই যানবাহন থেমে যায়—যা নাগরিক সচেতনতার একটি স্পষ্ট উদাহরণ। শিক্ষার পরিবেশ নিয়ে মুমতাহিনা বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলো যেন মেধা গড়ার কেন্দ্র। লাইব্রেরিগুলোতে প্রবেশ করলে নীরবতা ও মনোযোগের এক ভিন্ন জগৎ অনুভব করা যায়। বসার জন্য আগাম নিবন্ধনের ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং বিপুলসংখ্যক বই—সব মিলিয়ে পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। চীনের সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য। বিভিন্ন উৎসবে পরিবারকেন্দ্রিক আয়োজন এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার দেশটির সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ডাম্পলিং ও নানা ধরনের নুডলস তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। তুলনামূলক কম মসলা ব্যবহার এবং সেদ্ধ বা হালকা রান্নার কারণে খাবারগুলো স্বাস্থ্যকর বলেও উল্লেখ করেন তিনি। ভাষাগত কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে চীনে বিদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বেড়েছে। অনেক তরুণ-তরুণী ইংরেজিতে দক্ষ হয়ে উঠছেন, পাশাপাশি চীনা ভাষা শেখার জন্যও রয়েছে বিভিন্ন সহায়তা। ফলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আগের তুলনায় সহজ হয়েছে। প্রযুক্তির ব্যবহারে চীন যে অনেক এগিয়ে, সেটিও তার অভিজ্ঞতায় স্পষ্ট। দৈনন্দিন জীবনে মোবাইলভিত্তিক লেনদেন এখন সাধারণ বিষয়। উইচ্যাট ও আলিপে শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। কেনাকাটা থেকে শুরু করে বিল পরিশোধ—সবকিছুই সহজে সম্পন্ন হয় মোবাইলের মাধ্যমে। নিরাপত্তা ব্যবস্থায়ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় প্রবেশে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও চীন অনেক এগিয়ে। তাওবাও ও পিনদুওদুওর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য কেনা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তা পৌঁছে যায় গ্রাহকের কাছে। পরিবহন ব্যবস্থাও অত্যন্ত উন্নত। বিশ্ববিদ্যালয়ের আশপাশেই বাস, সাবওয়ে, বিআরটি ও সাইকেল স্টেশনের সুবিধা থাকায় চলাচল সহজ হয়েছে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ট্যাক্সি ডাকা যায়, যা সময় বাঁচাতে সহায়ক। মুমতাহিনা পারভীনের মতে, চীনের উন্নয়নের যাত্রা একসময় বাংলাদেশের মতোই ছিল। কিন্তু সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে দেশটি আজ অনেক দূর এগিয়েছে। তিনি মনে করেন, চীনের ইতিবাচক দিকগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে এক সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। তার বাড়ি উত্তর প্রদেশের কান্নৌজ জেলায়। বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে দায়িত্বে ছিলেন তিনি। ওই সময় এলাকায় প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছিল। মিঠিপুর এলাকার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন জিরো লাইনের কাছে খোলা আকাশের নিচে টহল দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত তার ওপর আঘাত হানে। ঘটনার পরপরই সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। সেখান থেকে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গঙ্গা নদী পারাপারের সময় নৌকায় থাকা অবস্থায় বজ্রাঘাতে তারা প্রাণ হারান। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গজুড়ে বর্ষা মৌসুমে বজ্রঝড় ও ভারী বৃষ্টির প্রবণতা বেড়েছে। এর ফলে গ্রামীণ ও নদীবেষ্টিত এলাকাগুলোতে ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং জলাশয় বা নদীতে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে সীমান্ত এলাকা ও নদীপথে চলাচলকারী মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ঘটনাগুলোতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদাম ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন আহত ব্যক্তির মৃত্যু হলে এই সংখ্যা বাড়ে। প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার প্রায় ২১ ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে দমকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। উদ্ধারকারীরা সেনাবাহিনীর অত্যাধুনিক ভূগর্ভ অনুসন্ধান যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে জীবনের কোনো চিহ্ন রয়েছে কি না, তা শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিহতদের মধ্যে রয়েছেন কৃষ্ণ চৌধুরী, রোহিত চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, পাপ্পু রজক, আজগার হোসেন, সাহিল সরদার এবং ঘি কুমার। আরও দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে প্রশাসন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অনেকেই গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কলকাতা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারাও সারারাত উদ্ধারকাজে নজরদারি করেছেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক দমকলকর্মী, উদ্ধারকারী দল এবং চিকিৎসা সহায়তা ইউনিট মোতায়েন করা হয়েছে। এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ যন্ত্রের মাধ্যমে মানুষের নড়াচড়া, শব্দ বা হৃদস্পন্দনের মতো সংকেত শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার সময় ভবনটিতে বহু শ্রমিক কাজ করছিলেন। ফলে শুরু থেকেই হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হয়। রাতভর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে। গুদাম ভবনটি কেন ধসে পড়ল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না, নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কলকাতার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পাওয়া যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং থানায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে এক কর্নেল ও এক মেজরসহ ভারতীয় সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। খবর এনডিটিভির। দায়ের করা এফআইআরে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখে এবং আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা সেনাসদস্যকে আসামি করা হয়েছে। পুলিশের অভিযোগ, অভিযুক্তরা কিশতওয়ারের আথোলি থানায় জোরপূর্বক প্রবেশ করে সরকারি কর্মকর্তা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। হামলার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় সেনাবাহিনী আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে। যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।” অভিযোগ অনুযায়ী, হামলার শিকারদের মধ্যে রয়েছেন আথোলির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) বিজয় কুমার ভগত এবং আথোলি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অমৃত কাটোচ। এসএইচও অমৃত কাটোচের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, তিনি পাড্ডার এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসে অনুষ্ঠিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। ওই অনুষ্ঠানে কিশতওয়ারের জেলা কমিশনার সভাপতিত্ব করছিলেন। এ সময় থানার ভেতরে সহিংসতার খবর পেয়ে তিনি দ্রুত সেখানে ফিরে আসেন। এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে, থানার প্রাঙ্গণে প্রবেশের পর মেজর বিকাশ শর্মার নেতৃত্বাধীন সেনাসদস্যরা তার ওপর হামলা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে তার ইউনিফর্মের শার্ট ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে ডিএসপি বিজয় কুমার ভগতের ওপরও হামলার অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, সেনাসদস্যরা লাঠি, লোহার রড এবং সরকারি অস্ত্র নিয়ে থানার প্রধান ফটক ও সীমানা প্রাচীর টপকে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা সরকারি ও জনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটান। এফআইআরে বলা হয়েছে, হামলাকারীরা কিশতওয়ারের সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (এআরটিও), আথোলি থানার এসএইচও এবং এসডিপিওর সরকারি গাড়ি ভাঙচুর করেন। এছাড়া থানার প্রধান ফটকও ক্ষতিগ্রস্ত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিশতওয়ারের সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশের অভিযোগ, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। এফআইআরে বলা হয়েছে, অভিযুক্ত সেনাসদস্যদের উদ্দেশ্য ছিল দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালানো। ঘটনার তদন্ত চলছে এবং যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি
সাংহাইয়ের একটি স্পোর্টস বারে তখন উচ্ছ্বাসের বিস্ফোরণ। বিশাল পর্দায় জাপানের আক্রমণ। মুহূর্তের মধ্যেই আয়াসে উয়েদার হেডে বল জড়িয়ে গেল জালে। তিউনিসিয়ার বিপক্ষে জাপানের চতুর্থ গোল। সঙ্গে সঙ্গে নীল জার্সি পরা সমর্থকদের চিৎকারে কেঁপে ওঠে পুরো বার। দৃশ্যটি হয়তো খুব স্বাভাবিক। বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় আসরে এমন উন্মাদনা প্রায় সব দেশেই দেখা যায়। তবে এখানে একটি ব্যতিক্রম ছিল। যারা জাপানের গোল উদযাপন করছিলেন, তারা জাপানি নন; তারা চীনা। ইতিহাস, রাজনীতি ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে চীন ও জাপানের সম্পর্ক কখনোই খুব সহজ ছিল না। দুই দেশের মধ্যে যুদ্ধের স্মৃতি, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং সাম্প্রতিক নানা উত্তেজনা প্রায়ই সংবাদ শিরোনাম হয়। কিন্তু ফুটবল কখনো কখনো এমন একটি ক্ষেত্র তৈরি করে, যেখানে সীমান্ত, জাতীয়তা কিংবা রাজনৈতিক অবস্থান গুরুত্ব হারিয়ে ফেলে। সাংহাইয়ের সেই সমর্থকগোষ্ঠীর অন্যতম সংগঠক ফ্যান বলেন, তাদের জাপান-প্রেমের উৎস রাজনীতি নয়, শৈশবের স্মৃতি। তার ভাষায়, “আমাদের প্রজন্মের অনেকেই জাপানি অ্যানিমে দেখে বড় হয়েছি। বিশেষ করে ‘ক্যাপ্টেন সুবাসা’। ফুটবলের প্রতি ভালোবাসার শুরুটা সেখান থেকেই।” তবে শুধু অ্যানিমেই নয়, জাপানকে সমর্থনের পেছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। ফ্যানের মতে, জাপান এখন এশিয়ান ফুটবলের সবচেয়ে সফল প্রতীক। বিশ্বকাপের মঞ্চে যখন কোনো এশীয় দল ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিধর দেশগুলোর সঙ্গে সমানতালে লড়াই করে, তখন অনেক চীনা সমর্থকও নিজেদের স্বপ্ন ও প্রতিনিধিত্ব খুঁজে পান সেই দলে। এই অনুভূতির পেছনে বাস্তবতারও ভূমিকা রয়েছে। চীনের ফুটবল এখনো কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি। দেশটি মাত্র একবার, ২০০২ সালে, বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল। সেই আসরে তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল এবং একটি গোলও করতে পারেনি। অন্যদিকে জাপান নিয়মিত বিশ্বকাপ খেলছে, ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলোয়াড় পাঠাচ্ছে এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাপান নিয়ে বই লেখা চীনা লেখক ফু জিনইউর মতে, দেশটির সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী যুব উন্নয়ন কাঠামো এবং সুসংগঠিত ফুটবল সংস্কৃতি। তার ভাষায়, জাপান এখন এমন একটি দল, যারা ইউরোপীয় মানের প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে সক্ষম। তবে চীনে জাপানকে সমর্থন করা সব সময় সহজ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের প্রতি সমর্থন প্রকাশ করার কারণে অনেক ভক্তকে সমালোচনা, বিদ্রূপ এবং অপমানের মুখোমুখি হতে হয়। কেউ কেউ তাদের ‘দেশদ্রোহী’ বলেও আখ্যা দেন। পূর্ব চীনের ৩০ বছর বয়সী আকি ইয়াং জাপান জাতীয় দলকে ঘিরে একটি জনপ্রিয় ফ্যান পেজ পরিচালনা করেন। অনুসারী বাড়ার সঙ্গে সঙ্গে কটূক্তিও বেড়েছে। তবু তিনি থামেননি। কারণ তার বিশ্বাস, ফুটবল মানুষের মধ্যে বিভাজনের দেয়াল ভাঙতে পারে। একই বিশ্বাস পোষণ করেন ফ্যানও। তিনি বলেন, “আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি সেতু তৈরি করা।” কথাগুলো হয়তো আদর্শবাদী মনে হতে পারে। কিন্তু ফুটবলের ইতিহাস বারবার দেখিয়েছে, এই খেলা এমন অনেক কিছু করতে পারে, যা রাজনীতি পারে না। এটি অপরিচিত মানুষকে বন্ধু বানায়, প্রতিপক্ষ দেশের পতাকাকেও সম্মান করতে শেখায় এবং কখনো কখনো পুরোনো বৈরিতার মধ্যেও একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে। সাংহাইয়ের সেই উচ্ছ্বসিত বিকেল তাই শুধু একটি ফুটবল ম্যাচের গল্প নয়। এটি এমন এক মানবিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে মানুষ কখনো কখনো জাতীয়তার চেয়ে আনন্দ, প্রতিদ্বন্দ্বিতার চেয়ে ভালোবাসা এবং রাজনীতির চেয়ে খেলাকে বড় করে দেখে।
মিসরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক মহলে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে এ বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্ল্যাটফর্ম নিউজ–১ দেশটির নিরাপত্তা মূল্যায়নের সূত্র উল্লেখ করে দাবি করেছে যে, সাম্প্রতিক বছরগুলোতে মিসরীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও সামরিক উন্নয়ন কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তেল আবিবের নীতিনির্ধারকেরা। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের কিছু নিরাপত্তা মূল্যায়নে ধারণা করা হচ্ছে, মিসরের সামরিক ক্রয়, প্রশিক্ষণ কার্যক্রম এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির পরিসর দেশটির পশ্চিম ও দক্ষিণ সীমান্তের প্রচলিত নিরাপত্তা চাহিদার তুলনায় বেশি। ফলে ইসরায়েলের নিরাপত্তা মহলে প্রশ্ন উঠেছে, এই সক্ষমতা বৃদ্ধির পেছনে কায়রোর দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য কী হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর এবং আঞ্চলিক সংঘাতের বিস্তারের প্রেক্ষাপটে সিনাই উপদ্বীপে মিসরের সামরিক তৎপরতা আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো। বিশেষ করে অঞ্চলটিতে অবকাঠামো উন্নয়ন, লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক স্থাপনা শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ তেল আবিবের নজরে রয়েছে। ইসরায়েলি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিজেদের সীমান্তসংলগ্ন এলাকায় যেকোনো সামরিক পরিবর্তনকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করে দেশটি। বিশেষ করে সিনাই উপদ্বীপের ক্ষেত্রে এ সংবেদনশীলতা আরও বেশি, কারণ অঞ্চলটি ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তিচুক্তির আওতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অন্তর্ভুক্ত। তবে একই প্রতিবেদনে বলা হয়েছে, সিনাই অঞ্চলে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে কায়রো ও তেল আবিবের মধ্যে বিস্তৃত নিরাপত্তা সমন্বয় ও সহযোগিতা বজায় রয়েছে। মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই এই আলোচনা সামনে এসেছে। আঞ্চলিক উত্তেজনা, সীমান্ত নিরাপত্তা এবং সম্ভাব্য নতুন হুমকির প্রেক্ষাপটে বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করছে এবং সামরিক সক্ষমতা আরও জোরদারে পদক্ষেপ নিচ্ছে।
সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে যাওয়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লক্ষ্য করে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ একটি গুপ্তহত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বা স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেবানিজ-অস্ট্রেলীয় উদ্যোক্তা ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের সঙ্গে এক আলোচনায় এ দাবি করেন এসকোবার। তার ভাষ্য অনুযায়ী, কথিত এই পরিকল্পনার লক্ষ্য ছিলেন আসিম মুনির এবং সম্ভবত সম্মেলনে অংশ নেওয়া পাকিস্তানি প্রতিনিধিদলের অন্য সদস্যরাও। এসকোবার দাবি করেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এ পরিকল্পনার তথ্য পায়। এরপর তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরাইলের কাছে একটি কঠোর বার্তা পাঠায়। তিনি বলেন, “পাকিস্তানি সামরিক গোয়েন্দারা নির্ভরযোগ্য তথ্য পেয়েছিল যে, নেতানিয়াহুর নির্দেশে মোসাদ সুইজারল্যান্ডে যাওয়া আসিম মুনির এবং সম্ভবত পাকিস্তানি প্রতিনিধিদলের অন্য সদস্যদের বিরুদ্ধে একটি গুপ্তহত্যার পরিকল্পনা করছে। এরপর পাকিস্তান তাদের নিয়মিত মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে ইসরাইলকে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, ‘যদি আপনারা আমাদের প্রতিনিধিদলকে স্পর্শ করেন, তবে আমরা আপনাদের মানচিত্র থেকে মুছে দেব।’ আমি আমার সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটি বলছি।” এসকোবারের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসরাইল ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিস্থিতি প্রকাশ্যে যেভাবে উপস্থাপিত হচ্ছে, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইল বা পাকিস্তানের কোনো সরকারি কর্মকর্তা কোনো মন্তব্য করেননি। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র কিংবা পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকেও সম্মেলন চলাকালে এমন কোনো হুমকি বা নিরাপত্তা সতর্কতার তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি প্রচেষ্টাসংক্রান্ত আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অবস্থান করেন। বিশ্লেষকদের মতে, সরকারি বা স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য ছাড়া পেপে এসকোবারের এই দাবি আপাতত একটি অপ্রমাণিত অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। সূত্র: এনডিটিভি
বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিদিন ছয়টি করে ম্যাচ চলছে। টানা এতগুলো ম্যাচ দেখা অনেকের কাছেই ক্লান্তিকর মনে হতে পারে। কিন্তু কেভিন আকোতো ও অস্টিন ফ্রাঙ্কলিনের জন্য সেটিই এখন পূর্ণকালীন চাকরি। বিশ্বকাপের ১০৪টি ম্যাচ দেখার বিনিময়ে তারা পাচ্ছেন ৫০ হাজার ডলার করে। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স ওয়ানের ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচারস’ (প্রধান বিশ্বকাপ দর্শক) হিসেবে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন এই দুই ফুটবলপ্রেমী। নিজেদের এই ব্যতিক্রমী অভিজ্ঞতা নিয়ে তারা কথা বলেছেন বিবিসির সঙ্গে। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে তাদের জন্য তৈরি করা হয়েছে কাচে ঘেরা একটি বিশেষ কিউবিক্যাল। পথচারীরা বাইরে থেকে তাদের দেখতে পারেন, আর ভেতরে বসেই তারা দেখছেন বিশ্বকাপের ম্যাচ। কাচঘেরা ওই ঘরে রয়েছে রিক্লাইনার চেয়ার, বাদামি চামড়ার সোফা, বড় পর্দার দুটি টেলিভিশন এবং একটি ফুসবল টেবিল। পাশাপাশি ফুটবলপ্রেমীদের পছন্দের নানা মার্চেন্ডাইজ ও বিভিন্ন ধরনের খাবারও রাখা হয়েছে। কেভিন বলেন, “বিশ বছর বয়সী একজন তরুণ যেমন স্বপ্নের ঘরের কথা কল্পনা করে, এটি ঠিক তেমনই। একজন ফুটবল ভক্ত হিসেবে আপনি যা যা চাইবেন, প্রায় সবই এখানে আছে।” ফ্লোরিডায় বাবুর্চি হিসেবে কাজ করতেন কেভিন। অন্যদিকে অস্টিন ফিলাডেলফিয়ার একজন কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার। হাজারো আবেদনকারীর মধ্যে থেকে নির্বাচিত হয়ে তারা এই দায়িত্ব পেয়েছেন। তাদের কাজ শুধু ম্যাচ দেখা নয়, বিশ্বকাপ ঘিরে ভক্তদের জন্য বিভিন্ন ধরনের কনটেন্টও তৈরি করা। বিশ্বকাপের পুরো আসরজুড়ে কাজ চালিয়ে যেতে হওয়ায় শারীরিক ও মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করছেন তারা। কেভিন বলেন, “আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি, অস্টিনও ক্লান্ত। তাই এই জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।” অস্টিনের মতে, অভিজ্ঞতাটি অনেকটা সামার ক্যাম্পের মতো। একেকটি দিন যেন অন্য দিনের সঙ্গে মিশে যায়। তিনি বলেন, “এটা একটা বিশাল ম্যারাথন। কাজটা শুনতে সহজ—সোফায় বসে ফুটবল দেখা। কিন্তু বাস্তবে এটি বেশ ক্লান্তিকর।”তবে তাদের জন্য একটি স্বস্তির বিষয়ও আছে। শিফট শেষ হওয়ার পর টাইমস স্কয়ারের কাচঘেরা ঘরে থাকতে হয় না। তারা নিজেদের আবাসস্থলে ফিরে গিয়ে বিশ্রাম নিতে পারেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যে বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন কেভিন ও অস্টিন। একদিন আর্জেন্টাইন বারবিকিউ উপভোগ করার সময়ই তারা দেখেছেন লিওনেল মেসির একটি ঐতিহাসিক গোল, যা তাকে বিশ্বকাপের রেকর্ড বইয়ে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তাদের কাজের আরেকটি আকর্ষণ হলো, যেসব দেশের ম্যাচ চলছে, সেসব দেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় তাদের জন্য। ম্যাচের ফাঁকে বিভিন্ন দেশের সমর্থকদের সঙ্গেও সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তারা। টাইমস স্কয়ারে জড়ো হওয়া হাজারো ব্রাজিলিয়ান সমর্থকের সঙ্গে কথা বলেছেন। নরওয়ের ভক্তদের বিখ্যাত ‘ভাইকিং রোয়িং’ উদযাপনও কাছ থেকে দেখেছেন। অস্টিন বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফুটবল সমর্থকদের সঙ্গে পরিচিত হওয়া, তাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার গল্প শোনাই এই কাজের সবচেয়ে আনন্দের অংশ। তার ভাষায়, “অনেক সময় আমি ভুলেই যাই যে আমি টাইমস স্কয়ারে বসে আছি এবং মানুষ আমাকে দেখছে। ম্যাচে এতটাই ডুবে থাকি যে হঠাৎ চারপাশে তাকিয়ে অবাক হয়ে যাই।” বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে দুইজনের মত কিছুটা আলাদা। কেভিনের পছন্দ স্পেন। যদিও ব্যক্তিগতভাবে তিনি যুক্তরাষ্ট্র ও ঘানাকেও সমর্থন করছেন। অস্টিন নরওয়ের সমর্থক। তার মতে, আর্লিং হলান্ডের নেতৃত্বে দলটি শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তিনি বলেন, “স্পেন বা ফ্রান্সের নাম বলা সহজ। কিন্তু আমার বিশ্বাস, ভাগ্য সহায় হলে নরওয়েও বিশ্বকাপ জিততে পারে।” এই ব্যতিক্রমী চাকরি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন।নরওয়ের সমর্থক ইমুন্ড লিল্যান্ড ও তার মেয়ে ক্যামিলের মতে, কোনো ব্যক্তিগত গোপনীয়তা ছাড়া ১০৪টি ম্যাচ টানা দেখা কিছুটা বাড়াবাড়ি। অন্যদিকে ১৮ বছর বয়সী ম্যাথিউ মেন্ডেজ মনে করেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে বিশ্বকাপ উপভোগ করাই সবচেয়ে ভালো উপায়। তবে ২০ বছর বয়সী মিগুয়েল সানচেজের চোখে এটি স্বপ্নের চাকরি। তার মন্তব্য, “বিশ্বকাপ দেখার জন্য টাকা পাওয়া? এটা তো মাঠে গিয়ে খেলা দেখার চেয়েও ভালো। সত্যিই অবিশ্বাস্য!”
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসাকেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ ও ভিসা প্রদান করা হবে। পরিস্থিতি এবং অবকাঠামোগত সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও এই সেবা চালু করা হবে। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ভ্রমণ সহজ করতে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি ভিসার পাশাপাশি সাধারণ ভ্রমণকারীরাও আবার ভারতে যাওয়ার সুযোগ পাবেন। এদিকে ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়। একই সময়ে বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারও হামলার মুখে পড়ে। নিরাপত্তা ঝুঁকি এবং হাইকমিশন-সংশ্লিষ্ট স্থাপনায় হামলার কারণে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়। বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের একটি বড় অংশ চিকিৎসার উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করে থাকেন। তাদের প্রয়োজনের কথা বিবেচনায় রেখে ২০২৪ সালের ৫ আগস্টের পরও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম চালু রাখা হয়। ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা প্রতিদিন ইস্যু করা হচ্ছে। প্রতিদিন দেড় হাজারের বেশি ভিসা প্রদান করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। বুধবার (২৪ জুন) বিভিন্ন দেশের নেতারা ত্রাণ, উদ্ধার ও মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সবার আগে প্রতিক্রিয়া জানায় বলিভিয়া। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই দুর্যোগের সময়ে বলিভিয়ার জনগণ ভেনেজুয়েলার পাশে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভেনেজুয়েলা সরকারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিতে দেশটি প্রস্তুত। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। কারাকাসে অবস্থিত ব্রাজিলীয় দূতাবাসকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভেনেজুয়েলার প্রয়োজনীয় মানবিক ও প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। উরুগুয়ের প্রেসিডেন্ট যমন্দু ওরসি এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা যে ধরনের সহযোগিতা চাইবে, উরুগুয়ে তা দিতে প্রস্তুত। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মানবিক সহায়তার বার্তা দিয়েছে আর্জেন্টিনাও। দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক মতভেদ থাকলেও প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আর্জেন্টিনা প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। ভেনেজুয়েলার এই সংকটময় সময়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সংহতি ও সহায়তার আশ্বাস আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য এই ভিসা সুবিধা পুনরায় চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এর এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত করে ভারত। এরপর থেকে সীমিত পরিসরে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা দেওয়া বন্ধ ছিল। সম্প্রতি দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তিনি গত ১২ জুন ঢাকায় পৌঁছান। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন তিনি। পরে আইভ্যাকের অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। ভারতের এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে যাতায়াতের পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে ভ্রমণের সুযোগ আবারও উন্মুক্ত হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের হয়ে রাশিয়া, চীন ও তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে তার ব্যক্তিগত কূটনৈতিক উদ্যোগের কারণেই এই তিন দেশ সংঘাত থেকে দূরে থেকেছে। ওয়াশিংটনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের প্রভাবশালী তিন নেতার সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করেছিলেন। তার মতে, রাশিয়া, চীন ও তুরস্কের নিরপেক্ষ অবস্থান সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রতি এরদোয়ানের অবস্থানের কারণে তিনি চাইলে ইরানের পক্ষে সরাসরি ভূমিকা নিতে পারতেন। তবে ট্রাম্পের অনুরোধে তিনি সংঘাত থেকে দূরে থাকেন। ট্রাম্প এরদোয়ানকে একজন শক্তিশালী ও দূরদর্শী নেতা হিসেবেও উল্লেখ করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূমিকাও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে চীনের বিপুল জ্বালানি আমদানি হওয়ায় বেইজিংয়ের এই সংঘাতে জড়ানোর অর্থনৈতিক কারণ ছিল। কিন্তু তার অনুরোধে শি জিনপিংও নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কেও ট্রাম্প বলেন, পুতিন এই সংঘাত থেকে দূরে ছিলেন। যদিও বর্তমানে রাশিয়ার নিজস্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, তারপরও তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াননি। ট্রাম্পের ভাষায়, বিশ্বের তিনটি শক্তিধর দেশের এই নিরপেক্ষ অবস্থান ছিল “অবিশ্বাস্য” এবং “চমকপ্রদ” একটি কূটনৈতিক সাফল্য। তিনি মনে করেন, তাদের এই সিদ্ধান্ত বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকি কমিয়েছে। সূত্র: তাস