- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট, ফেডারেল আপিল আদালত এবং জেলা আদালতের সাম্প্রতিক তিনটি রায়। একদিকে দ্রুত বহিষ্কার কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে, অন্যদিকে বিদেশ সফর শেষে ফেরা গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রে সীমান্ত কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। একই সময়ে অভিবাসন আদালত প্রাঙ্গণে গ্রেপ্তার ও দীর্ঘ সময় আটকে রাখার নীতির বিরুদ্ধে দেশব্যাপী নিষেধাজ্ঞাও জারি করেছে একটি ফেডারেল আদালত। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক, আইনি লড়াই এবং জনমতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ব্যাপক অভিবাসন অভিযান, দ্রুত বহিষ্কার নীতি এবং কঠোর সীমান্ত ব্যবস্থাপনা নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক তিনটি রায় অভিবাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনকে অনথিভুক্ত অভিবাসীদের দ্রুত বহিষ্কার কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকা ছাড়াও দেশের অভ্যন্তরে অবস্থানরত অনথিভুক্ত অভিবাসীদের বিচারকের সামনে পূর্ণাঙ্গ শুনানির সুযোগ ছাড়াই দ্রুত বহিষ্কার করা যাবে। মঙ্গলবার দেওয়া রায়ে তিন বিচারকের একটি বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে। এর মাধ্যমে প্রশাসনের সম্প্রসারিত ‘দ্রুত বহিষ্কার’ নীতি আবার কার্যকর করার পথ উন্মুক্ত হয়। দ্রুত বহিষ্কার পদ্ধতিতে কোনো অভিবাসীকে অভিবাসন আদালতে পূর্ণাঙ্গ শুনানির সুযোগ না দিয়েই দেশ থেকে ফেরত পাঠানো সম্ভব। আগে এই ব্যবস্থা সীমান্তে আটক বা সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন এর আওতা বাড়িয়ে সারা দেশে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য করে। এরপর থেকে অভিবাসন সংক্রান্ত শুনানির জন্য আদালতে আসা অনেক ব্যক্তিকে আদালত প্রাঙ্গণ থেকেই আটক করে কয়েক দিনের মধ্যে বহিষ্কারের অভিযোগ ওঠে। রায়ের পর আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইমিগ্র্যান্টস রাইটস প্রজেক্টের জ্যেষ্ঠ আইনজীবী আনন্দ বালাকৃষ্ণন বলেন, এই নীতি এমন একটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে যেখানে ভুল সিদ্ধান্তের ঝুঁকি রয়েছে এবং অভিবাসীরা ন্যায্য আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারেন। তবে আপিল আদালতের বিচারক জাস্টিন আর ওয়াকার রায়ে বলেন, বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি যে সম্প্রসারিত দ্রুত বহিষ্কার নীতি সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। তার মতে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কেন নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাদের জানানো হয় এবং জবাব দেওয়ার সুযোগও দেওয়া হয়। এর আগে নিম্ন আদালতের বিচারক জিয়া কব যুক্তি দিয়েছিলেন, প্রশাসন এমন কোনো পর্যাপ্ত ব্যবস্থা গড়ে তুলতে পারেনি যা নিশ্চিত করবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিরা ভুলবশত দ্রুত বহিষ্কারের শিকার হবেন না। তিনি এমন কয়েকটি ঘটনার উল্লেখ করেন, যেখানে দুই বছরের বেশি সময় ধরে দেশে অবস্থানকারী ব্যক্তিদেরও দ্রুত বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল। আপিল আদালত স্বীকার করেছে যে কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। তবে আদালতের মতে, এসব ঘটনা পৃথক কর্মকর্তাদের আইন অনুসরণে ব্যর্থতার ফল, নীতিগত বা প্রক্রিয়াগত ত্রুটির কারণে নয়। ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসন মোকাবিলায় দ্রুত বহিষ্কার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিচার বিভাগ আদালতে বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনের চাপ বৃদ্ধি পাওয়ায় এই নীতি প্রশাসনকে আরও কার্যকরভাবে বহিষ্কার কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে গ্রিন কার্ডধারীদের বহিষ্কারের ক্ষেত্রে ফেডারেল সীমান্ত কর্মকর্তাদের ক্ষমতা আরও বাড়িয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিদেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় কোনো গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে ‘নৈতিক স্খলনমূলক অপরাধে’ (মোরাল টারপিটিউড) জড়িত থাকার যুক্তিসঙ্গত সন্দেহ থাকলেই তাকে দেশে প্রবেশে বাধা দেওয়া সহজ হবে। মঙ্গলবার ৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে সুপ্রিম কোর্ট জানায়, সীমান্ত কর্মকর্তাদের আর স্পষ্ট ও শক্ত প্রমাণ দিয়ে দেখাতে হবে না যে কোনো গ্রিন কার্ডধারী প্রকৃতপক্ষে এমন অপরাধ করেছেন। কর্মকর্তাদের কাছে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকলেই তারা ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের অধিকার প্রশ্নবিদ্ধ করতে পারবেন। বিচারপতি ক্লারেন্স থমাস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, বিদ্যমান অভিবাসন আইন সরকারকে অপরাধের বিষয়টি ‘স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ’ দিয়ে প্রতিষ্ঠা করার বাধ্যবাধকতা দেয় না। এই রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রবেশবন্দরগুলোতে গ্রিন কার্ডধারীদের স্থায়ী বাসিন্দা মর্যাদা বাতিল বা সীমিত করার ক্ষেত্রে সীমান্ত কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি পাবে। মামলাটি করেছিলেন চীনা নাগরিক ও যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী মুক চই লাউ। ২০১২ সালে চীন সফর শেষে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সময় নিউ জার্সিতে ট্রেডমার্ক জালিয়াতি সংক্রান্ত অভিযোগের কারণে তাকে আনুষ্ঠানিকভাবে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তিনি শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও এক বছর পর ওই অভিযোগে দোষ স্বীকার করেন এবং তার বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হয়। লাউ দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘নৈতিক স্খলনমূলক অপরাধ’ হিসেবে গণ্য হওয়ার কথা নয়। তবে সুপ্রিম কোর্ট তার যুক্তি গ্রহণ করেনি। ভিন্নমত পোষণকারী বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন বলেন, সরকারকে প্রথমে প্রমাণ করতে হবে যে কোনো ব্যক্তি সত্যিই অপরাধ করেছেন, তারপরই তার গ্রিন কার্ডধারী মর্যাদা বাতিল করা যেতে পারে। তিনি সতর্ক করে বলেন, এই রায়ের মাধ্যমে সরকারকে অত্যন্ত বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে অভিবাসীদের অধিকার ক্ষুণ্ন করতে পারে। তার সঙ্গে বিচারপতি সোনিয়া সোটোমেয়র ও এলেনা কেগানও একমত হন। অভিবাসন ইস্যুতে সরকারের পক্ষে দুটি গুরুত্বপূর্ণ রায় এলেও একই দিনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের আরেকটি নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার জেলা আদালতের বিচারক পি. কেসি পিটস দেশব্যাপী একটি নিষেধাজ্ঞা জারি করে বলেন, অভিবাসন আদালতে হাজির হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করার নীতি এবং ১২ ঘণ্টার বেশি সময় ধরে আটক রাখার নীতি আইনবিরোধী। ৭১ পৃষ্ঠার রায়ে তিনি উল্লেখ করেন, প্রশাসন এসব নীতি গ্রহণের ক্ষেত্রে যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসনিক আইন লঙ্ঘন করেছে। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই অভিবাসন আদালতের বাইরে আইসিই কর্মকর্তাদের অবস্থান এবং শুনানিতে অংশ নিতে আসা ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বাড়তে থাকে। সমালোচকদের মতে, এতে অভিবাসীরা আদালতে হাজির হতে ভয় পান এবং ন্যায়বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। বিচারক পিটস বলেন, আইসিই যাদের গ্রেপ্তার করছে তারা অন্য কোনো অপরাধে অভিযুক্ত নন। যে অভিবাসন মামলার শুনানির জন্য তারা আদালতে আসছেন, সেই মামলার কারণেই তাদের আটক করা হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় আটক রাখার নীতি পঞ্চম সংশোধনীর অধীনে ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। এই রায়ের ফলে আপাতত দেশজুড়ে অভিবাসন আদালতে গ্রেপ্তার অভিযান এবং নির্ধারিত সীমার অতিরিক্ত আটক রাখার নীতি স্থগিত থাকবে। তিনটি রায় একসঙ্গে পর্যালোচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের আদালতগুলো অভিবাসন প্রশ্নে একক অবস্থানে নেই। জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতা কতদূর বিস্তৃত হতে পারে এবং সেই ক্ষমতার মুখে ব্যক্তির সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে বিভিন্ন আদালতে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের বহিষ্কার কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে গ্রিন কার্ডধারী এবং অনথিভুক্ত অভিবাসীদের ক্ষেত্রে সরকারের প্রয়োগক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার রায় দেখিয়েছে, আদালত এমন পদক্ষেপে হস্তক্ষেপ করতে প্রস্তুত, যা অভিবাসীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সীমিত করতে পারে। আনন্দ বালাকৃষ্ণন বলেছেন, দ্রুত বহিষ্কার নীতির সম্প্রসারণ এমন একটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে যেখানে ভুল সিদ্ধান্তের ঝুঁকি রয়েছে এবং অনেক অভিবাসী পূর্ণাঙ্গ আইনি শুনানির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। তার মতে, বিচারিক পর্যালোচনার সুযোগ সীমিত হয়ে গেলে বৈধভাবে বসবাসরত অনেক মানুষও ভুলবশত বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারেন। অন্যদিকে অভিবাসন অধিকারবিষয়ক সংগঠন অ্যালায়েন্স ফর জাস্টিস মনে করছে, সুপ্রিম কোর্টের ‘ব্ল্যাঞ্চ বনাম লাউ’ রায় সরকারের হাতে গ্রিন কার্ডধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আরও বিস্তৃত করেছে। সংগঠনটির মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে বৈধ স্থায়ী বাসিন্দাদের জন্য নতুন ধরনের আইনি অনিশ্চয়তা তৈরি করতে পারে। সুপ্রিম কোর্টের ভিন্নমত দেওয়া বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসনও রায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, আদালতের সিদ্ধান্ত সরকারের হাতে একটি ‘বড় ধরনের খালি চেক’ তুলে দিয়েছে, যার ফলে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার স্থায়ী আবাসিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। অন্যদিকে অভিবাসন আদালত প্রাঙ্গণে গ্রেপ্তারবিরোধী মামলায় জয়ী অধিকারকর্মীরা বলছেন, আদালতের এই সিদ্ধান্ত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা তৈরি করেছে। তাদের মতে, আদালতে উপস্থিত হওয়ার কারণে গ্রেপ্তারের আশঙ্কা থাকলে ন্যায়বিচার পাওয়ার পুরো প্রক্রিয়াই বাধাগ্রস্ত হয়। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের রায় সেই আশঙ্কা কমাতে সহায়তা করবে।
নিউজার্সির আটলান্টিক সিটিতে অবস্থিত আটলান্টিক সিটি হাই স্কুলের ২০২৬ সালের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের ব্যাচে চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত চার শিক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জন করে কমিউনিটির জন্য গৌরব বয়ে এনেছেন। মঙ্গলবার ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াকে আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। চার বছরের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পর শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে সাফল্যের আনন্দ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। স্কুলের মেধা তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের মধ্যে আরফিন আশিয়া দ্বিতীয়, সুমাইয়া তাসসুম চতুর্থ, সেন চৌধুরী সপ্তম এবং রাহাত রহমান নবম স্থান অর্জন করেন। অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে শিক্ষার্থীরা শোভাযাত্রাসহ নির্ধারিত আসনে বসেন এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার প্রতীকী কপি গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি হাই স্কুলের প্রিন্সিপাল ড. কনস্ট্যান্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ড. স্মল, স্কুল বোর্ডের সদস্যবৃন্দ এবং সিটি কাউন্সিলের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের এই সাফল্যে শুধু অভিভাবকরাই নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিতেও আনন্দের আবহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বলেন, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে যে অধ্যবসায়, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তে সাফল্য অর্জন করা সম্ভব। কমিউনিটির নেতারা মনে করেন, এই কৃতিত্ব শুধু সংশ্লিষ্ট পরিবারগুলোর নয়, বরং পুরো প্রবাসী বাংলাদেশি সমাজের গর্ব। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তারা উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে আরও বড় সাফল্য অর্জন করবে।
গাড়ি চালানোর সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ রাহুল রব। মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শরীর ঘামে ভিজে যায়, শ্বাসকষ্ট বাড়তে থাকে। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনি ফোন করেন বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহকে। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাহুল রব বড় ভাইকে ফোন করে জানান যে তিনি হঠাৎ অসুস্থ বোধ করছেন। তাঁর বুকের মাঝখানে তীব্র ব্যথা হচ্ছিল এবং শরীর ঘামে ভিজে যাচ্ছিল। ভাইয়ের কণ্ঠে উদ্বেগ টের পেয়ে মোহাম্মদ আব্দুল্লাহ দ্রুত তাঁর অবস্থান জানতে চান এবং নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে বলেন। আব্দুল্লাহ জানান, তিনি দ্রুত ভাইয়ের কাছে রওনা দেন। পথে থাকতেই আবার ফোন আসে রাহুলের কাছ থেকে। তখন তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে আব্দুল্লাহ ৯১১-এ ফোন করেন। তবে প্রথমবার জরুরি সেবা কর্তৃপক্ষ রাহুলের সঠিক অবস্থান শনাক্ত করতে পারেনি। পরে পুনরায় যোগাযোগ করা হলে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স ও পুলিশ আসে। প্যারামেডিকরা দীর্ঘ সময় ধরে অ্যাম্বুলেন্সের ভেতরে রাহুল রবকে জরুরি চিকিৎসা দেন। পরে তাঁকে দ্রুত ব্রুকলিনের নিউইয়র্ক-প্রেসবিটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। পরিবারকে জানানো হয়, চিকিৎসা শেষে পরে তাঁরা দেখা করতে পারবেন। সেই আশায় মোহাম্মদ আব্দুল্লাহ বাড়ির পথে রওনা দেন এবং রাহুলের স্ত্রী ও সন্তানদের নিয়ে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পর হাসপাতাল থেকে আবার ফোন আসে। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, হয়তো দ্রুত হাসপাতালে যেতে বলা হবে। পরিবর্তে চিকিৎসকদের কাছ থেকে আসে হৃদয়বিদারক সংবাদ। সব ধরনের চেষ্টা সত্ত্বেও রাহুল রবকে বাঁচানো সম্ভব হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাহুল রবের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি পরিবার নিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটি এলাকায় বসবাস করতেন। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে রাহুল রব ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একজন ব্যক্তি। তাঁর আন্তরিকতা, বন্ধুবৎসল আচরণ এবং মানুষের পাশে থাকার মানসিকতার কারণে তিনি সবার কাছে প্রিয় ছিলেন। পরিচিতজনেরা তাঁকে এমন একজন মানুষ হিসেবে স্মরণ করছেন, যিনি সবসময় হাসিমুখে মানুষের খোঁজখবর নিতেন এবং সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাঁর মানবিক গুণাবলি ও বন্ধুসুলভ ব্যক্তিত্বের কথা স্মরণ করেছেন। এক শোকবার্তায় বলা হয়, জ্যাকসন হাইটসের ব্যস্ত জনপদে রাহুল রব ছিলেন এক পরিচিত হাসিমুখ, যার উপস্থিতি অনেক মানুষের দিনকে আনন্দময় করে তুলত। সোমবার (২২ জুন) বাদ জোহর জ্যাকসন হাইটসে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতারাও। প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে মানুষের এই উপস্থিতি তাঁর প্রতি কমিউনিটির গভীর ভালোবাসার প্রতিফলন হয়ে ওঠে। রাহুল রবের অকাল প্রয়াণে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু পরিবার, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।
ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ জানান, এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি কম্পনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এ অঞ্চলে ভেনেজুয়েলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রয়েছে। ভূমিকম্পের পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। কয়েকটি ভিডিওতে পাহাড়ের ঢালে অবস্থিত একাধিক ভবন ধসে পড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আতঙ্কিত বাসিন্দাদের ভবন ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। অনেকেই নিজেদের পরিবারের সদস্য ও পোষা প্রাণী নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বুধবার দেশটিতে সরকারি ছুটির দিন ছিল। প্রতি বছর ২৪ জুন সেইন্ট জন ব্যাপটিস্টের জন্মদিবস এবং জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনেজুয়ায় সরকারি ছুটি পালন করা হয়। ছুটির কারণে অধিকাংশ মানুষ ঘরে বা আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, ফলে ভূমিকম্পের সময় অনেকেই ভবনের ভেতরে অবস্থান করছিলেন। ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এবং পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে। ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ও বাড়িঘর ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকা এবং দেশের বিভিন্ন শহর ও গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিউইয়র্কের রাজনীতি অনেক কিছু দেখেছে- তামানি হলের দিন, রুজভেল্টের নিউ ডিল, কেনেডি যুগের উদারপন্থা, কুওমো পরিবারের দীর্ঘ রাজনৈতিক প্রভাব, এমনকি ডোনাল্ড ট্রাম্পের উত্থানের অভিঘাতও। কিন্তু মঙ্গলবারের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনের ফলাফল যে বার্তা দিয়েছে, তা কেবল কয়েকটি আসনের জয়-পরাজয়ের হিসাব নয়; এটি একটি সম্ভাব্য রাজনৈতিক প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত। রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে, যখন নির্বাচনের ফলাফল সংখ্যার চেয়ে বড় হয়ে ওঠে। এবারের নির্বাচন তেমনই একটি মুহূর্ত। কয়েক বছর আগেও নিউইয়র্কের ডেমোক্র্যাটিক রাজনীতির সমীকরণ ছিল মোটামুটি নির্ধারিত। দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব যাকে সমর্থন দিত, বড় অর্থদাতা, ইউনিয়ন, নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় সংগঠনের সমর্থন নিয়ে তিনি এগিয়ে থাকতেন। কিন্তু মঙ্গলবারের ফলাফল দেখিয়েছে, সেই পুরোনো সমীকরণ আর আগের মতো কার্যকর নয়। মেয়র জোহরান মামদানির রাজনৈতিক প্রভাব এখন আর শুধু সিটি হলের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর সমর্থিত প্রার্থীদের ধারাবাহিক সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে নিউইয়র্কে নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে। এটি শুধু একজন জনপ্রিয় নেতার ব্যক্তিগত প্রভাব নয়; বরং এমন একটি আদর্শিক প্রবাহ, যা তরুণ ভোটার, শ্রমজীবী মানুষ, অভিবাসী সম্প্রদায় এবং রাজনৈতিকভাবে হতাশ অনেক নাগরিককে একত্রিত করছে। ব্র্যাড ল্যান্ডারের জয়, ক্লেয়ার ভালদেজের বিজয় কিংবা দারিয়ালিজা আভিলা শেভালিয়ারের উত্থান—প্রতিটি ফলাফলের মধ্যে একটি সাধারণ বার্তা রয়েছে। ভোটারদের একটি অংশ প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা অভিজ্ঞতার বিরুদ্ধে নয়, বরং স্থবিরতার বিরুদ্ধে রায় দিয়েছে। দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার নেতৃত্ব ধরে নিয়েছিল যে ট্রাম্পবিরোধিতা নিজেই একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। তবে নিউইয়র্কের ভোটারদের একটি অংশ যেন এবার জানিয়ে দিয়েছে, শুধু ট্রাম্পের বিরোধিতা যথেষ্ট নয়; নিজেদের পক্ষেও স্পষ্ট অবস্থান থাকতে হবে। বাসাভাড়া, স্বাস্থ্যসেবা, অভিবাসন, গাজা যুদ্ধ এবং আয় বৈষম্যের মতো প্রশ্নে তারা আরও নির্দিষ্ট উত্তর চায়। এখানেই মামদানির রাজনীতির শক্তি। তিনি এমন ভাষায় কথা বলেন, যা প্রচলিত রাজনৈতিক বক্তব্যের তুলনায় অনেক বেশি সরাসরি। তাঁর সমর্থকদের মতে, তিনি সমস্যাগুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করতে পিছপা হন না। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, তাঁর কিছু অবস্থান অতিরিক্ত আদর্শিক। তবে উভয় পক্ষই একমত যে তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা গেছে ডেমোক্র্যাটিক প্রতিষ্ঠানের কাছে। হাকিম জেফ্রিস, ক্যাথি হকুলসহ দলের মূলধারার নেতারা এখনো শক্তিশালী সাংগঠনিক অবস্থানে রয়েছেন। কিন্তু মঙ্গলবারের ফলাফল দেখিয়েছে, তাদের সমর্থন আর আগের মতো নিরঙ্কুশ নয়। অনেক ক্ষেত্রে তাদের পছন্দের প্রার্থীরা পরাজিত হয়েছেন। এর অর্থ এই নয় যে প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে; বরং নতুন বাস্তবতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। নিউইয়র্কের রাজনীতিতে গাজা ইস্যুর প্রভাবও এবারের নির্বাচনে দৃশ্যমান হয়েছে। একসময় বিদেশনীতি স্থানীয় নির্বাচনে খুব বেশি গুরুত্ব পেত না। কিন্তু আজকের নিউইয়র্কে অভিবাসী, মুসলিম, আরব, লাতিনো এবং তরুণ ভোটারদের মধ্যে আন্তর্জাতিক ইস্যুগুলোও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। গাজা নিয়ে প্রার্থীদের অবস্থান অনেক ক্ষেত্রেই ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তবে এই ফলাফলকে শুধুমাত্র মতাদর্শিক বিজয় হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে সাংগঠনিক রাজনীতিরও সাফল্য। মামদানির সমর্থকেরা শুধু সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন না; তারা মাঠে নেমে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, ফোন ব্যাংকিং করেছেন, স্বেচ্ছাসেবক সংগঠিত করেছেন এবং রাজনৈতিক অংশগ্রহণ বাড়িয়েছেন। শেষ পর্যন্ত গণতন্ত্রে ভোট গণনা হয়, সামাজিক মাধ্যমের পোস্ট নয়। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্যও এই নির্বাচনে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। নিউইয়র্কের রাজনীতিতে প্রতিনিধিত্ব কম থাকার অভিযোগ প্রায়ই শোনা যায়। সেই অভিযোগের বাস্তব ভিত্তি থাকলেও রাজনৈতিক শক্তি শুধু জনসংখ্যার ওপর নির্ভর করে না। সংগঠন, ধারাবাহিক অংশগ্রহণ এবং ভোটদানের মাধ্যমেই রাজনৈতিক প্রভাব তৈরি হয়। যেসব সম্প্রদায় আজ প্রভাবশালী অবস্থানে পৌঁছেছে, তারা দীর্ঘ সময় ধরে ভোটার সংগঠিত করেছে, নেতৃত্ব তৈরি করেছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় থেকেছে। পিয়া রহমানের মতো বাংলাদেশি-আমেরিকান প্রার্থীর পরাজয় অনেকের জন্য হতাশাজনক হতে পারে। তবে রাজনৈতিক সাফল্য খুব কম ক্ষেত্রেই প্রথম প্রচেষ্টায় আসে। প্রতিনিধিত্বের পথ সাধারণত দীর্ঘ, ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টার ফল। সবশেষে, মঙ্গলবারের নির্বাচন একটি বড় প্রশ্ন রেখে গেছে। মামদানির ঢেউ কি সাময়িক, নাকি এটি ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যতের ইঙ্গিত? ইতিহাস বলে, বিদ্রোহী আন্দোলন ক্ষমতার কাছাকাছি পৌঁছালে তার সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হয়। প্রতিবাদ করা তুলনামূলক সহজ, কিন্তু শাসন করা কঠিন। নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু বাজেট পাস করা কঠিন। আন্দোলন গড়ে তোলা সহজ, কিন্তু দীর্ঘমেয়াদে জোট ধরে রাখা কঠিন। মামদানি এবং তাঁর সমর্থিত প্রার্থীরা এখন সেই কঠিন পথের শুরুতে দাঁড়িয়ে আছেন। মঙ্গলবার তারা নির্বাচনে জয় পেয়েছেন। কিন্তু আগামী দিনগুলোতে তাদের প্রমাণ করতে হবে যে তারা শুধু পরিবর্তনের প্রতীক নন, পরিবর্তন বাস্তবায়নের সক্ষমতাও রাখেন। নিউইয়র্কের ভোটাররা তাদের জন্য একটি দরজা খুলে দিয়েছেন। এখন দেখার বিষয়, নতুন প্রজন্ম সেই দরজা দিয়ে ইতিহাসের ভেতরে প্রবেশ করতে পারে কি না।
ভেনিজুয়েলায় আঘাত হানা প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের পর দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল বন্দিশালায় আটক থাকা এই নেতা কারাগার থেকেই বিশেষ বার্তা পাঠিয়ে দুর্যোগকবলিত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) তার দাপ্তরিক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম। প্রতিবেদনে বলা হয়েছে, দূর প্রবাসের কারাগার থেকে পাঠানো ওই যৌথ বার্তায় মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো দেশের এই কঠিন সময়ে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। বার্তায় তারা বলেন, “আজকের বার্তা একটাই—সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ।” বার্তায় মাদুরো দেশের বর্তমান মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে জনগণকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন একা না থাকে এবং প্রতিটি পরিবার যেন শিশু, বয়স্ক ও অসুস্থদের যত্ন নেয়। পাশাপাশি স্থানীয় উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাকর্মীদের কাজে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। প্রাকৃতিক এই দুর্যোগকে একটি বড় জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপ্রধান বলেন, “ভেনিজুয়েলা আজ বড় এক পরীক্ষার মুখোমুখি। তবে আমরা বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।” অতীতের মতো এবারও জনগণ ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, ২০২৬ সালের শুরুর দিকে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে মার্কিন হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র আইনে একাধিক অভিযোগে মামলা চলছে। এদিকে, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে ভেনিজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। রাজধানীসহ একাধিক শহরে বহু বহুতল ভবন ধসে পড়েছে এবং অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপ অঞ্চলের কাছে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারে এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী কম্পন অনুভূত হয়। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা ও গভীরতার কারণে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের গাণিতিক মডেল অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত পরিসংখ্যান প্রকাশ করেনি ভেনিজুয়েলার প্রশাসন। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনীয় লজিস্টিক ও মানবিক সহায়তা নিয়ে ওয়াশিংটন দুর্গতদের পাশে দাঁড়াবে। বুধবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ভেনেজুয়েলার জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি লেখেন, “ভেনেজুয়েলার মহান জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী ছিল এবং এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।” এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সব ফেডারেল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, “আমরা সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।” একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, মাঠপর্যায়ের পরিস্থিতি মূল্যায়নের পরই আনুষ্ঠানিকভাবে সহায়তা কার্যক্রম শুরু হতে পারে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় ক্যারিবীয় উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূবিজ্ঞানীদের তথ্যমতে, ইয়ারাকুই রাজ্যের সান ফেলিপ এলাকার কাছে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। এর প্রায় ৪০ সেকেন্ড পর ইউমারে শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, এটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। প্রাকৃতিক এই দুর্যোগের পরপরই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভূমিকম্পের প্রভাবে বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি ধসে পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি পুরো ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়। তবে এখন পর্যন্ত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্যোগে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার, উদ্ধারকর্মী এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে।
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে দাঁড়িয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রাম থেকে ধ্বংসস্তূপ সরিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এর আগে বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। ভূমিকম্পের পর থেকে দেশজুড়ে অন্তত ২০টির বেশি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফালকোন অঙ্গরাজ্যে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এসব এলাকায় বহু ভবন ও ঘরবাড়ি ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ইউএসজিএস-এর প্রাথমিক বিশ্লেষণে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্থাটির হিসাবে, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রায় ৩০ শতাংশ। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতি সামনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার অধিকাংশ ভবনই ভূমিকম্প সহনশীল মানদণ্ডে নির্মিত নয়, ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের অনেক এলাকা এবং দেশের বিভিন্ন শহর-গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে বারবার আফটারশকের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ও জরুরি সেবা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ভূমিকম্প দুটিকে “অত্যন্ত শক্তিশালী” হিসেবে বর্ণনা করে বহু মানুষের মৃত্যুর আশঙ্কার কথা উল্লেখ করেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পের পর থেকে অন্তত ২০টির বেশি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চল। লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্যে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে বলে জানা গেছে। এসব এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিবিসির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ইউএসজিএস-এর প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির হিসেবে, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রায় ৩০ শতাংশ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “আমরা সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।” দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য খুব আশাব্যঞ্জক নয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান পরিচালিত হয়, যেখানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে কারাবন্দি রয়েছেন। এই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রাকৃতিক এই দুর্যোগ শুধু মানবিক সংকটই নয়, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিতেও নতুন মাত্রা যোগ করতে পারে। উদ্ধার তৎপরতা, আন্তর্জাতিক সহায়তা এবং সরকারের কার্যকর পদক্ষেপই এখন পরিস্থিতি সামাল দেওয়ার মূল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী অপ্রত্যাশিতভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর ভাষায়, এই প্রতিরোধ শুধু সামরিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক পরিসরেও ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বুধবার (২৪ জুন) এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক এই সংঘাতের মাধ্যমে ইরান এখন “বিশ্বের কাছে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।” বক্তৃতায় তিনি দাবি করেন, হামলার নেপথ্যে থাকা পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করেছিল খুব অল্প সময়ের মধ্যেই তারা ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে পারবে। “আমাদের শত্রুরা বিশ্বাস করেছিল, মাত্র তিন দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে নিজেদের অনুগত একটি সরকার প্রতিষ্ঠা করবে,” বলেন তিনি। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় বলে দাবি করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে এমন প্রতিরোধ গড়ে তুলেছে, যা প্রতিপক্ষের কল্পনারও বাইরে ছিল। “আমাদের সেনারা এমন এক বীরত্বগাথা রচনা করেছে, যা শত্রুরা কখনো ভাবেনি,”—যোগ করেন পেজেশকিয়ান। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে পশ্চিমা দেশগুলো তাদের সামরিক কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। শুরুতে কঠোর অবস্থান নিলেও পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তনে তাদের অবস্থান নরম হয় বলে ইঙ্গিত দেন তিনি। প্রসঙ্গত, সংঘাতের শুরুর দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তবে ইরানের প্রতিরোধ এবং প্রত্যাশিত সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বর্তমানে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দুই পক্ষ কূটনৈতিক আলোচনার পথে এগিয়েছে। দীর্ঘদিনের বৈরিতা নিরসনের লক্ষ্যে উভয় দেশ এখন আলোচনার টেবিলে বসেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক রাজনীতিই নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এই পরিস্থিতি ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণকেও নতুন করে নির্ধারণ করতে পারে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য জানা গেছে।
মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকা। রাজধানী কারাকাসে বহু ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে, কোথাও বড় বড় সড়কে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাজধানীর কাছের লা গুয়াইরা অঞ্চলের বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাসের পশ্চিমে ইউমার এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। এত অল্প ব্যবধানে দুটি বড় ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রত্যক্ষদর্শীরা। বিবিসির স্প্যানিশ ভাষার বিভাগ ‘মুন্দো’-র সাংবাদিক নিকোল কোলস্টার বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। মনে হচ্ছিল, পুরো ভবনটাই ভেঙে পড়বে।’ তিনি জানান, ওই সময় তিনি কারাকাসের পালোস গ্রান্দেস এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের সপ্তম তলায় ছিলেন। কম্পন শুরু হলে তিনি দ্রুত একটি পাথরের দেয়ালের পাশে আশ্রয় নেন। নিকোল বলেন, ‘আমি দেখলাম জানালাগুলো কাঁপছে। তখন সামনের দরজা আর একটি পাথরের দেয়ালের মাঝখানে দাঁড়ানো ছাড়া আর কিছু মাথায় আসেনি। দেয়ালটি মজবুত মনে হয়েছিল।’ পরে আশপাশের মানুষ চিৎকার করতে করতে রাস্তায় বেরিয়ে এলে তিনিও বাইরে চলে আসেন। কারাকাসের পূর্বাঞ্চলের বাসিন্দা কোরো মার্তিনেজ জানান, ভূমিকম্পের সময় একটি বিকট শব্দ শোনা যায়। তিনি বলেন, ‘ঘরের জিনিসপত্র একের পর এক পড়ে যাচ্ছিল, এমনকি ফ্রিজের ভেতরের জগও। জীবনে এমন অভিজ্ঞতা আগে হয়নি।’ এদিকে ১৯৬৭ সালের ভূমিকম্পের স্মৃতি টেনে অবসরপ্রাপ্ত মারিয়া রোমেরো বলেন, এবারের কম্পন তার দেখা আগের ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ ছিল। জোড়া ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও অল্প সময়ের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়। প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। তবে ইউএসজিএস সতর্ক করে বলেছে, এ ঘটনায় ১০ হাজার থেকে এক লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারাকাসজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। বহু ভবন ধসে পড়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। আহতদের নিয়ে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। পরিস্থিতির কারণে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি স্কুল, মেট্রো ও রেল চলাচলও স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। কারাকাসের পূর্বাঞ্চলের চাকাও এলাকার মেয়র গুস্তাভো দুকে জানান, তার এলাকায় অন্তত দুটি স্থাপনা ধসে পড়েছে। প্রাথমিকভাবে তিনজন নিহত ও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, ‘যত বেশি সম্ভব মানুষকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’ ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেল্লো বলেন, অনেক ভবন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘আমাদের হাতে যা আছে, সবকিছু দিয়েই আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। দমকল ও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে,’—রাষ্ট্রীয় টেলিভিশনে এমনটাই জানান তিনি। ইতিহাস বলছে, ভূমিকম্পের জন্য ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৮১২ সালের শক্তিশালী ভূমিকম্পে শহরটিতে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। বর্তমান পরিস্থিতিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা নিয়েই উদ্বেগ বাড়ছে দেশজুড়ে।
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে। প্রচণ্ড গরমে দেশটিতে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতালির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং আগামী সপ্তাহান্তে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও বুধবার গরমজনিত কারণে দেশটির বিভিন্ন এলাকায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে লোদি অঞ্চলে মাঠে কাজ করার সময় ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ মৃতদের মধ্যে রয়েছেন পিয়াচেঞ্জা প্রদেশের একটি আঙুরখেতের ৬১ বছর বয়সী কৃষক, গারলাসকোর ৫৬ বছর বয়সী এক ব্যক্তি, নেপলসের এক গৃহহীন ব্যক্তি এবং পাদোভার এক শ্রমিক। এসব ঘটনার পর দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। তাপপ্রবাহের প্রভাব শুধু জনস্বাস্থ্যে নয়, পর্যটন খাতেও পড়তে শুরু করেছে। ফ্লোরেন্সের ঐতিহাসিক উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে এবং সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। গ্রীষ্মকালীন পর্যটনের ভর মৌসুমে এমন পরিস্থিতি পর্যটন খাতে চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি জরুরি কারিগরি বৈঠক আহ্বান করেছেন। তিনি জানিয়েছেন, প্রবীণ, শিশু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা চলছে। তীব্র গরমের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। বিশেষ করে আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামো এলাকায় শত শত পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ সমস্যায় ভুগছে। কোথাও কোথাও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হয়েছে, যা নগর জীবনে বাড়তি ভোগান্তি সৃষ্টি করছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহের কারণে ইতালিতে এই অস্বাভাবিক তাপমাত্রা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই তাপপ্রবাহের অন্যতম উদ্বেগজনক দিক হলো রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকা। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না, যা মানবদেহের স্বাভাবিক বিশ্রাম ও পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। পরিস্থিতি আরও অবনতি হলে দেশজুড়ে কঠোরতর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার এবং পর্যাপ্ত পানি পানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
পর্তুগালে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি নাগরিকের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা এআইএমএ (AIMA)-এর সর্বশেষ প্রাথমিক তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশটির প্রতি সাতজন বাসিন্দার মধ্যে একজন বিদেশি। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৭ লাখ জনসংখ্যার এই ইউরোপীয় দেশে এখন বৈধভাবে বসবাস করছেন ১৫ লাখেরও বেশি অভিবাসী, যা মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ। মাত্র তিন বছর আগেও এই চিত্র ভিন্ন ছিল। ২০২৩ সালে পর্তুগালে বিদেশি বাসিন্দার সংখ্যা ছিল প্রায় ১০ লাখ ৪৪ হাজার, যা তখন মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশের সমান। অর্থাৎ, অল্প সময়ের ব্যবধানে অভিবাসীর সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবৃদ্ধি পর্তুগালকে ইউরোপের অন্যতম অভিবাসীবান্ধব দেশে পরিণত করেছে। এই বৃদ্ধির ধারায় বাংলাদেশিদের উপস্থিতিও দিন দিন দৃশ্যমান হয়ে উঠছে। এআইএমএ-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে বৈধভাবে বসবাসরত বাংলাদেশির সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার ৬৬৬ জন। তবে ২০২৬ সালে সেই সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যেসব আবেদন এআইএমএ-তে প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলোর নিষ্পত্তি হলে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, পর্তুগালের শ্রমবাজারে কর্মীর চাহিদা, তুলনামূলক সহজ ভিসা প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদি বসবাস ও নাগরিকত্ব পাওয়ার সুযোগ—এই তিনটি কারণ বিদেশিদের কাছে দেশটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। নির্মাণ, কৃষি, পর্যটন ও সেবাখাতে কর্মীর ঘাটতি থাকায় বিদেশি শ্রমিকদের জন্য সেখানে সুযোগও বাড়ছে। তবে এই সুযোগের পাশাপাশি কিছু ঝুঁকির কথাও তুলে ধরছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যাওয়া অনেক আবেদনকারী দালালচক্র ও ভুয়া চাকরির প্রলোভনের শিকার হচ্ছেন। ফলে বিদেশে যাওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য যাচাই এবং সরকারি প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছেন অভিবাসন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সামগ্রিকভাবে, পর্তুগালে অভিবাসীদের ক্রমবর্ধমান উপস্থিতি দেশটির অর্থনীতি ও শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেললেও, সুশৃঙ্খল ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
ভেনেজুয়েলায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বুধবার (স্থানীয় সময়) বিকেলে মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তরাঞ্চলে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে। মাত্র এক মিনিট পর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প একই অঞ্চলে আঘাত হানে। ইউএসজিএসের প্রাথমিক দুর্যোগ মূল্যায়নে বলা হয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটি সতর্ক করেছে যে দুর্যোগের পরিধি দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কারাকাসের বহু ভবন প্রবলভাবে দুলতে শুরু করলে আতঙ্কিত মানুষ দ্রুত রাস্তায় নেমে আসেন। কোথাও কোথাও ছাদের অংশ ভেঙে পড়ে, বিমানবন্দরে বিদ্যুতের স্পার্ক দেখা যায় এবং জরুরি ভিত্তিতে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। রাজধানীর একটি বেসবল ম্যাচ চলাকালে ভূমিকম্প শুরু হলে খেলোয়াড়, দর্শক ও কর্মকর্তারা দ্রুত মাঠের নিরাপদ স্থানে আশ্রয় নেন। বিদ্যুতের খুঁটি, গ্যালারি ও আশপাশের স্থাপনাগুলোও কেঁপে ওঠে। ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে উদ্ধারে অভিযান শুরু করে। অনেক স্বজনকে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করতে দেখা যায়। কারাকাসসহ বিভিন্ন শহরের বহু ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়েছে। অনেক এলাকায় সড়কের ওপর আসবাবপত্র, ইট-পাথর ও ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। নিরাপত্তার কারণে বাসিন্দাদের অনেকেই ঘরের বাইরে অবস্থান করছেন। ভূমিকম্পের সময় ভেনেজুয়েলায় ছিল জাতীয় ছুটির দিন। দেশটির স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যাটল অব কারাবোবো দিবস উপলক্ষে অধিকাংশ মানুষ বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। ফলে জনসমাগমের মধ্যেই দুর্যোগটি আঘাত হানে। কারাকাসের পশ্চিমাঞ্চলের বাসিন্দা ৪১ বছর বয়সী অ্যাস্ট্রিড রামিরেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "কম্পন শুরু হতেই চারপাশে মানুষের চিৎকার শুনতে পাই। সবাই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল।" দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জানিয়েছেন, ভেনেজুয়েলার একাধিক অঙ্গরাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনি বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে এবং শিশু ও বয়স্কদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র প্রথমে পুয়ের্তো রিকো এবং মার্কিন ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামির সতর্কতা জারি করেছিল। তবে পরিস্থিতি মূল্যায়নের পর প্রায় এক ঘণ্টা পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলা ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। এর আগে ১৮১২ সালের বিধ্বংসী ভূমিকম্পে রাজধানী কারাকাস ও মেরিদা অঞ্চলে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল বলে ইউএসজিএসের তথ্য বলছে। কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না করলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট, রয়টার্স ও ইউএসজিএস
পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন ধস, সড়কে ফাটল এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চল। সরকারি টেলিভিশনে দেওয়া ভাষণে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারিভাবে হতাহতদের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সিএনএনের যাচাইকৃত ভিডিও এবং স্থানীয় সূত্রে রাজধানী কারাকাস, কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। অনেক বাসিন্দাকে আতঙ্কে ভবন ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিতে দেখা যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূলে কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রয়েছে। যদিও এসব স্থাপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সরকার জানিয়েছে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে অনেক ভবন আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকায় নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ সীমিত করা হয়েছে। ভূমিকম্পের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে সীমিত করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার অনেক পুরোনো ভবন আধুনিক ভূমিকম্প-সহনশীল নকশায় নির্মিত নয়। ফলে শক্তিশালী ভূমিকম্পে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকার এবং সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে বিভিন্ন এলাকায় জরিপ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের ইওয়াতে প্রিফেকচারের কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে। জাপানের সরকার ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানান, ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এছাড়া দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। নিরাপত্তার স্বার্থে ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি (জেআর ইস্ট) সাময়িকভাবে তাদের কয়েকটি বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করে। শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত রুটে চলাচলকারী দ্রুতগতির ট্রেনগুলো নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়। এজন্য ভবন নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থায় জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরাঘাতের সম্ভাবনা মাথায় রেখে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া গেলে তা পর্যায়ক্রমে জানানো হবে।
উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং বহুসাংস্কৃতিক পরিবেশের কারণে প্রতিবছর লাখো শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করতে যান। তবে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য ভর্তি নিশ্চিত করার পাশাপাশি এফ-১ শিক্ষার্থী ভিসা পাওয়াও একটি গুরুত্বপূর্ণ ধাপ। এফ-১ ভিসা হলো যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেওয়া একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা। স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়, কলেজ বা ভাষা শিক্ষাকেন্দ্রে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসাধারীরা সেমিস্টার চলাকালে ক্যাম্পাসের ভেতরে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ছুটির সময় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পূর্ণকালীন কাজের সুযোগও রয়েছে। কারা আবেদন করতে পারবেন এফ-১ ভিসার জন্য আবেদনকারীর অবশ্যই এসইভিপি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত থাকতে হবে। ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠান থেকে ফরম আই-২০ প্রদান করা হয়, যা ভিসা আবেদনের অন্যতম প্রধান নথি। এ ছাড়া আবেদনকারীকে টিউশন ফি, আবাসন এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয়। ব্যাংক স্টেটমেন্ট, স্কলারশিপের কাগজপত্র অথবা স্পনসরের আর্থিক নথি সাধারণত এ ক্ষেত্রে গ্রহণযোগ্য। অধিকাংশ বিশ্ববিদ্যালয় আইইএলটিএস, টোয়েফল অথবা সমমানের পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ চায়। পাশাপাশি আবেদনকারীকে বোঝাতে হয় যে পড়াশোনা শেষ হলে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা রাখেন। যেভাবে আবেদন করবেন ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আই-২০ ফরম সংগ্রহ করতে হবে। এরপর অনলাইনে SEVIS I-901 ফি পরিশোধ করতে হবে এবং রসিদ সংরক্ষণ করতে হবে। পরবর্তী ধাপে অনলাইনে DS-160 ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য এবং প্রয়োজনীয় ছবি আপলোড করতে হয়। ফরম জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ সংরক্ষণ করা জরুরি। এরপর যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ভিসা আবেদন ফি পরিশোধ করে সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করতে হয়। সাক্ষাৎকারে যেসব কাগজপত্র লাগবে সাক্ষাৎকারের সময় বৈধ পাসপোর্ট, আই-২০ ফরম, ডিএস-১৬০ কনফার্মেশন পেজ, সেভিস ফি পরিশোধের রসিদ, ভিসা ফি রসিদ, পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং প্রয়োজনে স্কলারশিপ বা স্পনসরশিপের কাগজপত্র সঙ্গে রাখতে হবে। সাক্ষাৎকারে কী ধরনের প্রশ্ন করা হয় কনস্যুলার কর্মকর্তা সাধারণত কেন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করেছেন, পড়াশোনার খরচ কীভাবে বহন করবেন, পড়াশোনা শেষে কী পরিকল্পনা রয়েছে এবং নিজ দেশে ফেরার কারণ কী, এসব বিষয়ে প্রশ্ন করেন। বিশেষজ্ঞদের মতে, সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে সত্য ও সঠিক তথ্য দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুখস্থ উত্তর দেওয়ার পরিবর্তে নিজের পরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরলে ইতিবাচক প্রভাব পড়ে। ভিসা অনুমোদনের পর করণীয় ভিসা অনুমোদনের পর কোর্স শুরুর ৩০ দিনের বেশি আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায় না। তাই ভ্রমণের তারিখ নির্ধারণের আগে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সময়সূচি দেখে টিকিট বুক করা উচিত। একই সঙ্গে আবাসনের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী কার্যালয়কে আগমনের সম্ভাব্য সময় জানিয়ে রাখা প্রয়োজন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দেশটিতে পৌঁছে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী কার্যালয়ে নিবন্ধন সম্পন্ন করতে হয়। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধন বজায় রাখা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, ক্যাম্পাসের বাইরে কাজ করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি প্রয়োজন। এছাড়া পড়াশোনার অংশ হিসেবে কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) এবং কোর্স শেষ হওয়ার পর অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি)-এর মাধ্যমে কাজের সুযোগ পাওয়া যায়। সাধারণত ওপিটির মেয়াদ ১২ মাস এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে পড়া শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করলে অতিরিক্ত ২৪ মাসের বর্ধিত সুবিধা পেতে পারেন। নতুন ভিসা নীতি নিয়ে যা জানা দরকার সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী ভিসা সংক্রান্ত কিছু সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে আলোচনা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার এফ-১ ভিসার মৌলিক নিয়মে কোনো চূড়ান্ত পরিবর্তন কার্যকর করেনি। ফলে বর্তমানে প্রচলিত আবেদন প্রক্রিয়া, Duration of Status (D/S) ব্যবস্থা এবং অন্যান্য বিদ্যমান নিয়মই বহাল রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এফ-১ ভিসার আবেদন আগেভাগে শুরু করা, সব তথ্য নির্ভুলভাবে প্রদান করা, পর্যাপ্ত আর্থিক নথি প্রস্তুত রাখা এবং সাক্ষাৎকারের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়াই ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ায়। পাশাপাশি আবেদনকারীদের সর্বশেষ নির্দেশনা জানতে নিয়মিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও সংশ্লিষ্ট দূতাবাসের হালনাগাদ তথ্য অনুসরণ করা উচিত।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সম্পৃক্ততার অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, ইউরোপের কয়েকটি দেশ মার্কিন অভিযানে সহায়তা করেছে এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্য সেই অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তবে ইতালি ইতোমধ্যে এ বিষয়ে রুটের বক্তব্যের বিরোধিতা করে বলেছে, তারা সরাসরি সামরিক অভিযানের অনুমতি দেয়নি; কেবল প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করতে হবে। তিনি ন্যাটো মহাসচিবের বক্তব্যকে পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বলে দাবি করেন। ইরানের পক্ষ থেকে বিশেষভাবে ইতালি ও রোমানিয়ার নাম উল্লেখ করে বলা হয়, এই দুই দেশের সরকারকে ব্যাখ্যা দিতে হবে তারা কেন যুক্তরাষ্ট্রের অভিযানে সহায়তা করেছে। তেহরানের ভাষ্য, এ ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিপন্থী। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, ইউরোপীয় মিত্ররা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। তিনি দাবি করেন, ইতালিতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে শত শত মার্কিন সামরিক বিমান উড্ডয়নের সুযোগ দেওয়া হয়েছিল। এছাড়া রোমানিয়াও আকাশপথে জ্বালানি সরবরাহসহ বিভিন্ন সহায়তা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে রুটের এই বক্তব্যের পরই ইতালির সরকার কড়া প্রতিক্রিয়া জানায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ইতালি কোনো সরাসরি যুদ্ধ অভিযান অনুমোদন করেনি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রকে কেবল প্রযুক্তিগত ও লজিস্টিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছিল, যা আন্তর্জাতিক চুক্তি ও ইতালির সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, ন্যাটো মহাসচিবের বক্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মেলে না। এই ঘটনাকে কেন্দ্র করে ইতালির অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলো সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে, দেশটি প্রকৃতপক্ষে কী ধরনের সহায়তা দিয়েছিল এবং এ বিষয়ে সংসদ ও জনগণকে সম্পূর্ণ তথ্য জানানো হয়েছিল কি না। বিশ্লেষকদের মতে, ইরানের অভিযোগ, ন্যাটো মহাসচিবের মন্তব্য এবং ইতালির পাল্টা ব্যাখ্যা মিলিয়ে বিষয়টি এখন কূটনৈতিক বিতর্কে রূপ নিয়েছে। ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়ে আগামী দিনগুলোতে আরও আলোচনা ও রাজনৈতিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) প্রথমবারের মতো এক অভিবাসন আইনজীবীর বিরুদ্ধে প্রশাসনিক জরিমানা আরোপের উদ্যোগ নিয়েছে। সংস্থাটির অভিযোগ, অভিবাসন আইনজীবী ভিনোদ দোড্ডামানি একাধিক আশ্রয় (অ্যাসাইলাম) মামলায় ভুয়া নথি ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে আবেদন দাখিল করেছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে ২ লাখ ৫৫ হাজার ২৩২ ডলার জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ জুন আইসিই এ পদক্ষেপের ঘোষণা দেয়। এর আগে ২২ জুন সংস্থাটির তদন্ত শাখা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) দোড্ডামানির কাছে পাঁচটি ‘নোটিশ অব ইনটেন্ট টু ফাইন’ জারি করে। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) অভিযোগ অনুযায়ী, দোড্ডামানি ৩২টি অভিবাসন মামলায় মোট ৬৪টি জাল নথি জমা দিয়েছেন। তদন্তে দেখা গেছে, এসব আশ্রয় আবেদনের সঙ্গে যুক্ত বিবৃতিগুলোর ভাষা, ঘটনার বর্ণনা এবং কথিত নির্যাতনের বিবরণ প্রায় হুবহু একই ছিল। কর্তৃপক্ষের দাবি, এটি পরিকল্পিতভাবে একই ধরনের তথ্য ব্যবহার করে আশ্রয় আবেদন দাখিলের একটি ধারাবাহিক প্রবণতার ইঙ্গিত দেয়। এবিসি নিউজ জানায়, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন প্রয়োগ নীতির অংশ। গত মে মাসে ডিএইচএসের জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল আইসিই কর্মকর্তাদের নির্দেশ দেন, যারা জেনে-শুনে ভুয়া বা জাল অভিবাসন-সংক্রান্ত নথি প্রস্তুত বা দাখিল করেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক জরিমানার বিধান আরও সক্রিয়ভাবে প্রয়োগ করতে। ডিএইচএসের ভাষ্য, ভুয়া আশ্রয় আবেদন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, প্রকৃত আবেদনকারীদের মামলার নিষ্পত্তি বিলম্বিত করে এবং পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। নতুন নীতির আওতায় প্রথমবারের অপরাধে প্রতিটি জাল নথির জন্য সর্বোচ্চ ৪ হাজার ৭৩০ ডলার পর্যন্ত প্রশাসনিক জরিমানা আরোপ করা যেতে পারে। তবে এই জরিমানা এখনো চূড়ান্ত নয়। ভিনোদ দোড্ডামানি প্রশাসনিক আইন বিচারকের কাছে অভিযোগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। এবিসি নিউজ জানিয়েছে, এ বিষয়ে তাঁর আইনজীবীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিবাসন আইন নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলছে, ভুয়া নথি দাখিলের অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তবে আইনজীবীদের বিরুদ্ধে প্রশাসনিক জরিমানার এই নতুন নীতি বৈধ আশ্রয়প্রার্থীদের পক্ষে মামলা পরিচালনায় কিছু আইনজীবীকে নিরুৎসাহিত করতে পারে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, অভিবাসন ব্যবস্থায় জালিয়াতির অভিযোগ মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এই উদ্যোগ অভিবাসন আইনজীবীদের পেশাগত জবাবদিহি এবং আশ্রয় আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে স্থগিতাদেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আদালতের এ রায়কে ভোটাধিকার ও গণতন্ত্রপন্থী সংগঠনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে। তাদের অভিযোগ ছিল, নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার ওপর প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল জেলা আদালতের বিচারক ডেনিস ক্যাসপার বুধবার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে নির্বাচন পরিচালনা বা নির্বাচনসংক্রান্ত নিয়ম নির্ধারণের কোনো নির্দিষ্ট ক্ষমতা দেয়নি। তিনি উল্লেখ করেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের এবং এ বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কংগ্রেসের। ট্রাম্পের নির্বাহী আদেশে ভোটার নিবন্ধনের সময় পাসপোর্ট, জন্মসনদ বা অনুরূপ সরকারি নথির মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা রাখা হয়েছিল। নতুন ভোটার নিবন্ধনের পাশাপাশি নিবন্ধনের তথ্য পরিবর্তনের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য হওয়ার কথা ছিল। তবে আদালতের রায়ের কারণে আদেশটির কোনো বিধানই এখন পর্যন্ত কার্যকর হয়নি। এর আগে ডেমোক্র্যাটিক পার্টির কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল আদালতে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানিতেই বিচারক ক্যাসপার আদেশটিকে সাময়িকভাবে স্থগিত করেছিলেন। সর্বশেষ রায়ে তিনি স্পষ্ট করেন, প্রেসিডেন্টের এমন পদক্ষেপ সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে কংগ্রেসেও সেভ আমেরিকা অ্যাক্ট নামে একটি বিল নিয়ে আলোচনা চলছে। ওই বিলেও ভোটারদের নাগরিকত্বের প্রমাণ দেখানোর অনুরূপ বিধান রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন থাকা সত্ত্বেও বিলটি এখনো কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পায়নি। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সম্প্রতি একটি দ্বিদলীয় আবাসনবিষয়ক বিলে স্বাক্ষরের পরিকল্পনাও স্থগিত করেন। তিনি জানান, কংগ্রেস আগে সেভ আমেরিকা অ্যাক্ট পাস করুক, তারপর অন্য বিল বিবেচনা করবেন। নির্বাচন নিয়ে ট্রাম্পের অবস্থান তার দ্বিতীয় মেয়াদেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে তার আপত্তি এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। যদিও এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা যায়নি। সাম্প্রতিক সময়েও ক্যালিফোর্নিয়ার নির্বাচনী ফল নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এ বছর ট্রাম্প ভোটব্যবস্থা নিয়ে আরও একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে প্রতিটি অঙ্গরাজ্যের নিশ্চিত নাগরিক ভোটারদের একটি কেন্দ্রীয় তালিকা তৈরির উদ্যোগ এবং ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়। এই আদেশ নিয়েও একাধিক মামলা হয়েছে। যদিও একটি ফেডারেল আদালত বিষয়টিকে এখনই স্থগিত করার আবেদন খারিজ করে জানায়, বিষয়টি এখনো বিচারিক হস্তক্ষেপের উপযুক্ত পর্যায়ে পৌঁছায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগও একটি নতুন নীতিমালার প্রস্তাব দিয়েছে। এতে অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়ার আবেদনকারীদের তালিকা ও সংশ্লিষ্ট তথ্য ডাক বিভাগের কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। ডাক বিভাগের প্রধান ডেভিড স্টেইনার সতর্ক করে বলেছেন, যেসব অঙ্গরাজ্য এই তথ্য দেবে না, সেখানে ডাকযোগে পাঠানো ব্যালট বিতরণে বাধা দেওয়া হতে পারে। এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির ৪৭ জন সিনেটর। তারা ডাক বিভাগকে পাঠানো এক যৌথ চিঠিতে বলেন, এমন তালিকায় ভুল তথ্য থাকার ঝুঁকি রয়েছে, যা বৈধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে। তাদের ভাষায়, প্রস্তাবিত নীতিমালা লাখো ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঝুঁকি তৈরি করতে পারে। নির্বাচন বিশ্লেষকদের মতে, আদালতের এই রায় যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা নিয়ে চলমান বিতর্কে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে ভোটার নিবন্ধন, নাগরিকত্ব যাচাই এবং ডাকযোগে ভোট গ্রহণের নিয়ম নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই আগামী মাসগুলোতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।