- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য এলাকায় তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বোচ্চ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা স্থান, জলাশয় ও উঁচু গাছের নিচে অবস্থান না করার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
ইতালীয় ব্যাংক ইউনিক্রেডিটের পক্ষ থেকে জার্মানির কমার্সব্যাংক কিনে নেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জার্মান সরকার। মঙ্গলবার জার্মানির অর্থ সংস্থা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ইউনিক্রেডিটের দেওয়া প্রস্তাবিত মূল্য অত্যন্ত কম এবং তাদের শেয়ার কেনার আগ্রাসী পদ্ধতি নিয়ে বার্লিনের গভীর উদ্বেগ রয়েছে। কমার্সব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুই ব্যাংকের মধ্যে গত কয়েক মাস ধরে চলা লড়াইয়ের পর অবশেষে জার্মানি এই চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নিল। এর ফলে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যাংক স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের সমর্থন পেল। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর থেকে জার্মানির সরকারের কাছে কমার্সব্যাংকের প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে। শুরু থেকেই জার্মান সরকার ইউনিক্রেডিটের এই একীভূতকরণের বা জোরপূর্বক ব্যাংক ক্রয়ের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে আসছিল। জার্মানির অর্থ সংস্থা স্পষ্ট জানিয়েছে যে, আর্থিক দৃষ্টিকোণ থেকে ইউনিক্রেডিটের এই প্রস্তাব মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ তারা কমার্সব্যাংকের বর্তমান শেয়ার বাজারের মূল্যের ওপর উপযুক্ত বা আকর্ষণীয় কোনো প্রিমিয়াম বা বাড়তি মূল্য দেওয়ার প্রস্তাব করেনি। জার্মান সরকারের এই ১২ শতাংশ শেয়ারের মালিকানা তাদের কমার্সব্যাংকের সুপারভাইজরি বোর্ডে একাধিক আসন নিশ্চিত করে, যা ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি নিয়োগ এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণে সরাসরি ভূমিকা রাখে। অর্থ সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, তারা কমার্সব্যাংকের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার পক্ষেই সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। জার্মানির মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান বা 'মিতেলস্ট্যান্ড' কোম্পানিগুলোর অর্থায়নে এবং দেশটির প্রধান আর্থিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কমার্সব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে আসছে। এরই মধ্যে কমার্সব্যাংকের কর্মীদের একটি পরিষদের দায়ের করা ফৌজদারি অভিযোগের ভিত্তিতে ফ্রাঙ্কফুর্টের সরকারি আইনজীবীরা বাজার কারসাজির একটি প্রাথমিক তদন্ত শুরু করেছেন। ইউনিক্রেডিট কর্তৃক বাজার মূল্যের চেয়ে কম দামে কমার্সব্যাংকের শেয়ার কেনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গত রোববার এই অভিযোগ জমা দেওয়া হয়েছিল। ইউনিক্রেডিট এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা এই তদন্তের বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছে। আইনি জটিলতার এই পরিস্থিতির মধ্যে ইউনিক্রেডিট এবং কমার্সব্যাংকের শেয়ারের মূল্যেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর কমার্সব্যাংকের শেয়ারের দাম ইউনিক্রেডিটের প্রস্তাবিত মূল্যের চেয়েও নিচে নেমে গেছে। বর্তমানে কমার্সব্যাংকের শেয়ার ৩৬.৫৩ ইউরোতে লেনদেন হচ্ছে, অন্যদিকে ইউনিক্রেডিটের শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৭৬.৯৭ ইউরোতে। ইউনিক্রেডিটের প্রস্তাব অনুযায়ী, কমার্সব্যাংকের প্রতিটি শেয়ারের বিপরীতে ইউনিক্রেডিটের ০.৪৮৫টি নতুন শেয়ার দেওয়ার কথা, যা হিসাব করলে কমার্সব্যাংকের প্রতি শেয়ারের মূল্য দাঁড়ায় ৩৭.৩৩ ইউরো। শেয়ারের এই ওঠানামার কারণে ইউনিক্রেডিটের প্রস্তাবটি বর্তমানে বিনিয়োগকারীদের কাছে বেশ অনাকর্ষণীয় হয়ে পড়েছে।
চলমান বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি প্রশাসনিক জটিলতা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে ইরান জাতীয় ফুটবল দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর দলের প্রধান কোচ আমির ঘালেনুই অভিযোগ করেন, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ইরানই সবচেয়ে বেশি ভোগান্তি ও বৈষম্যের মুখোমুখি হচ্ছে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঘালেনুই বলেন, খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দিয়েই দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য কোনো দলকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। ইরান কোচ জানান, ভিসা জটিলতার কারণে দলের একাধিক কর্মকর্তা, সহায়ক কর্মী এবং ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এখনো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। এতে দলের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। দলের অধিনায়ক মেহেদি তারেমিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে অতিরিক্ত ভ্রমণ এবং প্রশাসনিক জটিলতার কারণে দলকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিষয়টি নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিশ্বকাপ শুরুর আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ফুটবল অঙ্গনে আলোচনায় আসে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরানের মূল ক্যাম্প যুক্তরাষ্ট্রে স্থাপন করা সম্ভব হয়নি। ফলে দলটি মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানাকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে এবং প্রতিটি ম্যাচের জন্য সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইরান দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরতে সক্ষম হয়। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের প্রস্তুতি, যাতায়াত এবং প্রশাসনিক জটিলতাও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গ্রুপ পর্বের বাকি ম্যাচ সামনে রেখে ইরান দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে কোচ ও অধিনায়কের বক্তব্যে স্পষ্ট, মাঠের প্রতিপক্ষের পাশাপাশি প্রশাসনিক ও ভ্রমণসংক্রান্ত চ্যালেঞ্জও তাদের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেবে না এবং এ ধরনের খবর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। ট্রাম্প লিখেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কোনো আর্থিক সহায়তা দিচ্ছে না। তার ভাষায়, “আর যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছে, এমন খবর ভুয়া। এটি ডেমোক্র্যাটরা ছড়িয়ে থাকতে পারে।” তবে এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইরানের জন্য জব্দকৃত সম্পদ ছাড়, নিষেধাজ্ঞা শিথিল এবং সম্ভাব্য পুনর্গঠন সহায়তা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। ওই কর্মকর্তার মতে, প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়ন নির্ভর করবে ইরান তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করছে তার ওপর। এ বিষয়ে সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স সম্ভাব্য তহবিল প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রতিশ্রুতি রক্ষা করলে উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে সহায়তার সুযোগ তৈরি হতে পারে। তিনি গালফ কো-অপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর প্রসঙ্গ উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানের কয়েকজন কর্মকর্তা ও এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আলোচিত সমঝোতা কাঠামোর খসড়ায় ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন বিনিয়োগ তহবিলের একটি সম্ভাব্য ধারা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের সমঝোতা স্মারক, চূড়ান্ত চুক্তি নয়। তাদের মতে, প্রকৃত কারিগরি আলোচনা শুরু হবে চলতি সপ্তাহের শেষ দিকে এবং সেখানে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরান কোনো নগদ অর্থ পাচ্ছে না এবং চুক্তি স্বাক্ষরের বিনিময়ে কোনো সরাসরি তহবিল ছাড় দেওয়া হয়নি। তিনি আরও বলেন, চুক্তির কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা উদ্বেগ অগ্রাধিকার পায় এবং শর্ত পূরণ সাপেক্ষে ভবিষ্যতে সীমিত অর্থনৈতিক সুবিধার সুযোগ তৈরি হতে পারে।
বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে এক বিশাল পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি জনপ্রিয় এআই কোডিং সফটওয়্যার কারসরের মূল প্রতিষ্ঠান অ্যানিস্ফিয়ারকে ৬০ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। মঙ্গলবার স্পেসএক্সের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে করপোরেট এআই প্রযুক্তির বাজারে স্পেসএক্সের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। কয়েক দিন আগেই ইলন মাস্কের এই রকেট ও এআই কোম্পানিটি প্রথমবারের মতো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। নাসডাক শেয়ারবাজারে লেনদেন শুরুর পর কোম্পানিটির বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এবং এটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়। এই ব্লকবাস্টার আইপিও অভিষেকের মাত্র কয়েক দিনের মাথায় কারসর সফটওয়্যারটি কিনে নেওয়ার বড় চুক্তিটি সম্পন্ন করল স্পেসএক্স। মূলত গত এপ্রিল মাস থেকেই কোম্পানিটি কারসরকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আলোচনা চালিয়ে আসছিল। স্পেসএক্স মূলত তাদের নিজস্ব এআই প্রযুক্তি এক্সএআই এবং এর চ্যাটবট গ্রককে আরও উন্নত করতে কারসরের এই কোডিং সক্ষমতাকে কাজে লাগাবে। গত ফেব্রুয়ারি মাসে এক্সএআই-এর সাথে স্পেসএক্সের একীভূতকরণ হলেও এআই কোডিংয়ের বাজারে তারা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কিছুটা পিছিয়ে ছিল। ৬০ বিলিয়ন ডলারের এই নতুন চুক্তিটি কারসরকে আরও বড় পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি করার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং বা ডেটা সেন্টারের ক্ষমতা সরবরাহ করবে। এই ঐতিহাসিক চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর প্রাক-বাজার লেনদেনেই স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটির বাজার মূলধনের সাথে আরও প্রায় ২৪৭ বিলিয়ন ডলার যোগ হতে যাচ্ছে, যার ফলে এর মোট বাজার মূল্য দাঁড়াবে ২.৫৩ ট্রিলিয়ন ডলার। বর্তমানে স্পেসএক্সের প্রতিটি শেয়ার ২১১.২৭ ডলারে কেনাবেচা হচ্ছে, যা আইপিও চালুর মূল দাম ১৩৫ ডলারের চেয়ে প্রায় ৫৬ শতাংশ বেশি। এই ধারা বজায় থাকলে স্পেসএক্স শিগগিরই আমাজনকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানিতে পরিণত হবে। ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো কারসরও সিলিকন ভ্যালির অন্যতম শীর্ষস্থানীয় স্টার্টআপ হিসেবে পরিচিতি পেয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কোডিং করতে পারে। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে কারসর অত্যন্ত দ্রুত গতিতে তাদের ব্যবসা প্রসারিত করেছে। চলতি মাসের শুরুতে রয়টার্সের সাথে শেয়ার করা তথ্য অনুযায়ী, কোম্পানিটি বার্ষিক প্রায় ২.৬ বিলিয়ন ডলারের করপোরেট রাজস্ব আয় করছে। এর আগে কোম্পানিটি এনভিডিয়া ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের বিনিয়োগসহ ৫০ বিলিয়ন ডলার মূল্যায়নে নতুন তহবিল সংগ্রহের আলোচনা করছিল। আশা করা হচ্ছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে এই চুক্তিটি চূড়ান্তভাবে সম্পন্ন হবে। স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান এক্স৬৭-এর সাথে কারসরের এই মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। রেগুলেটরি ফাইলিং বা প্রাতিষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, কোনো বিশেষ কারণে এই চুক্তিটি বাতিল হলে স্পেসএক্স কারসরকে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে। এছাড়া সরকারি বা আইনি জটিলতার কারণে চুক্তি সফল না হলে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার রেগুলেটরি ফি দিতে হবে।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে পুশ-ইনের চেষ্টার পর ছয় বাংলাদেশি নাগরিক তিন দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাঁদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন। খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দাদের দেওয়া খাবার ও পানির ওপর নির্ভর করে টিকে আছেন বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকায় গিয়ে দেখা যায়, ছয়জন ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের চারপাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সতর্ক অবস্থানে রয়েছে। আটকে থাকা সুমি আক্তার (২৫) বলেন, “ভাই, আমগোর জীবন গেলে যাক, আমগোর বাচ্চা দুইডারে বাঁচাইন। এভাবে আর দুইটা দিন ফালায় রাখলে বাচ্চাগুলো মরে যাবে।” তিনি জানান, তিন দিন ধরে সীমান্ত এলাকায় অবস্থান করায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। পর্যাপ্ত খাবার না পাওয়ায় তার বুকের দুধ প্রায় শুকিয়ে গেছে, ফলে ছোট শিশুকে ঠিকমতো দুধ খাওয়াতে পারছেন না। সীমান্তে দেখা যায়, সুমি আক্তারের বড় মেয়ে ফাতেমা খাতুন (৫) বাবার কোলে শুয়ে আছে। ছোট শিশু ফাহিমা খাতুন বারবার কান্না করছে। মা কখনো শিশুটিকে পানি খাওয়াচ্ছেন, আবার কখনো কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন। পুশ-ইনের চেষ্টার শিকার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া এলাকার কংশেরকুল গ্রামের বিল্লাল হোসেন (৩৫), তাঁর স্ত্রী সুমি আক্তার (২৫), তাঁদের দুই সন্তান ফাতেমা ও ফাহিমা খাতুন এবং একই গ্রামের সজীব মিয়া (২৬) ও হিমেল মিয়া। বিল্লাল হোসেন বলেন, “এক সপ্তাহ আগে দালালের মাধ্যমে কাজের আশায় ভারতে গিয়েছিলাম। পরে সেখানে আটক হই। গত রোববার ভোরে আমাদের কাঁটাতারের কাছে এনে ছেড়ে দেওয়া হয়। তিন দিন ধরে নো ম্যানস ল্যান্ডে বসে আছি। আমরা বাংলাদেশি।” স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, রোববার ভোরে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, তিন পুরুষ ও দুই শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের বাধা এবং বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। এরপর থেকেই তারা শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনার পর রোববার দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিষয়টির কোনো সমাধান হয়নি। আটকে থাকা সজীব মিয়ার এলাকার গ্রাম পুলিশ সদস্য মোশারফ হোসেন বলেন, সংবাদমাধ্যমে খবর দেখে তারা ব্যক্তিদের শনাক্ত করেছেন। তাদের কয়েকজন কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে, তবে এখনো তাদের ফেরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. শফিকুল ইসলাম বলেন, “পুশ-ইনের বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, যথাযথ রাষ্ট্রীয় ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বর্তমানে তারা নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।”
মাংসাশী উদ্ভিদ ভেনাস ফ্লাইট্র্যাপ কীভাবে অত্যন্ত দ্রুতগতিতে তার পাতার ফাঁদ বন্ধ করে শিকার ধরে, দীর্ঘদিন ধরে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল ছিল। এবার ফরাসি জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের পদার্থবিদ জংউন রিউ-এর নেতৃত্বে একদল গবেষক সেই রহস্যের ব্যাখ্যা দিয়েছেন। তাদের গবেষণায় উদ্ভিদটির কোষ প্রাচীরের দ্রুত পরিবর্তন প্রক্রিয়াকে প্রধান নিয়ামক হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকদের মতে, ফাঁদ সক্রিয় হওয়ার সময় ভেনাস ফ্লাইট্র্যাপ পাতার বাইরের স্তরের কোষ প্রাচীরকে অত্যন্ত দ্রুত নরম করে ফেলে। এই পরিবর্তনের ফলে পাতার বাইরের অংশ ভেতরের তুলনায় বেশি প্রসারিত হয়। এর ফলেই পাতাটি ভেতরের দিকে বেঁকে গিয়ে নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর হঠাৎ স্প্রিংয়ের মতো দ্রুত বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, উদ্ভিদের কোষ প্রাচীরের যান্ত্রিক বৈশিষ্ট্যে এত দ্রুত নিয়ন্ত্রণের ঘটনা আগে কখনো পর্যবেক্ষণ করা যায়নি। গবেষণায় দেখা যায়, স্পর্শের সংকেত পাওয়ার পর ফাঁদটি মাত্র এক সেকেন্ডের মধ্যেই বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করে। আগের ধারণা অনুযায়ী, পাতার এক পাশ থেকে অন্য পাশে পানি স্থানান্তরের মাধ্যমে এই ফাঁদ বন্ধ হয় বলে মনে করা হতো। তবে নতুন গবেষণায় এই ধারণার দুটি বড় অসংগতি পাওয়া গেছে। প্রথমত, উদ্ভিদের টিস্যুর মাধ্যমে পানি চলাচল অত্যন্ত ধীর গতির প্রক্রিয়া, যা সম্পন্ন হতে ৩০ থেকে ১৫০ সেকেন্ড সময় লাগে। অথচ ভেনাস ফ্লাইট্র্যাপের ফাঁদ এক সেকেন্ডের মধ্যেই সক্রিয় হতে শুরু করে। দ্বিতীয়ত, পানি প্রবাহের মাধ্যমে পাতা বন্ধ হলে টিস্যুর ভেতর দিয়ে ধীরে ধীরে বিস্তারের তরঙ্গ দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় এমন কোনো তরঙ্গের চিহ্ন পাওয়া যায়নি। এই কারণে হাইড্রোলিক তত্ত্বটি বাতিল করেন গবেষকরা। এরপর গবেষকরা ফাঁদ বন্ধ হওয়ার প্রক্রিয়াকে দুটি পৃথক ধাপে ভাগ করেন। প্রথম ধাপ হলো পাতার ভেতরের দিকে ধীরে বাঁকানো প্রক্রিয়া এবং দ্বিতীয় ধাপ হলো মাত্র ০.২ সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া চূড়ান্ত দ্রুত বন্ধ হওয়া। এই প্রক্রিয়া বোঝার জন্য গবেষকরা একটি ছোট প্রোব ব্যবহার করে পাতার ভেতরের ও বাইরের কোষ প্রাচীরের দৃঢ়তা পরিমাপ করেন। পরীক্ষায় দেখা যায়, ফাঁদ বন্ধ হওয়ার সময় পাতার ভেতরের অংশের কোষ প্রাচীর প্রায় অপরিবর্তিত থাকে। তবে বাইরের পৃষ্ঠের কোষ প্রাচীর প্রায় ৪০ শতাংশ পর্যন্ত নরম হয়ে যায়। স্পর্শের সংকেত পাওয়ার পর কোষের ভেতরের তরল চাপ, যাকে টারগর প্রেশার বলা হয়, এই নরম কোষ প্রাচীরের ওপর প্রভাব ফেলে। এর ফলে বাইরের অংশ দ্রুত প্রসারিত হয় এবং পাতার দুই পাশের ভারসাম্যে পরিবর্তন আসে, যা ফাঁদ বন্ধ হওয়ার প্রধান কারণ হিসেবে কাজ করে। গবেষণায় আরও দেখা গেছে, ফাঁদের ভেতরের সংবেদনশীল লোমে কোনো কীটপতঙ্গ পরপর দুইবার স্পর্শ করলেই এই প্রক্রিয়া সক্রিয় হয়। এতে পাতার দুই পাশের দ্রুত বিস্তারের পার্থক্য তৈরি হয় এবং কীটপতঙ্গ আটকে যায়। গবেষকরা মনে করছেন, ভেনাস ফ্লাইট্র্যাপ মূলত উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ব্যবহৃত কোষ প্রাচীর পরিবর্তনের প্রক্রিয়াকে বিবর্তনের মাধ্যমে শিকার ধরার কাজে অভিযোজিত করেছে। এই অভিযোজনই উদ্ভিদটিকে প্রাণিজগতের মতো দ্রুত শিকার ধরার সক্ষমতা দিয়েছে।
লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী ফ্লাইটে উড্ডয়নরত অবস্থায় একটি মুঠোফোনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনার পর ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ২৭১-এর ক্রু সদস্যরা কেবিনে একটি সেলফোনে আগুন লাগার বিষয়টি শনাক্ত করেন। এরপর পাইলট জরুরি সতর্কতা জারি করে বিমানটি লাস ভেগাসে অবতরণ করান। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডে পাইলটকে জানাতে শোনা যায় যে মোবাইল ফোনে আগুন লাগার ঘটনায় কেবিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানানো হয়। লাস ভেগাস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাইলট সতর্কবার্তা দিয়েছিলেন, তবে কোনো আনুষ্ঠানিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র জানান, ফ্লাইটটি নির্ধারিত সময়সূচী অনুযায়ীই অবতরণ করে এবং বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। ঘটনাটিতে কোন ব্র্যান্ড বা মডেলের মোবাইল ফোন জড়িত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ জানিয়েছে, তারা এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করবে। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম ব্যাটারিচালিত ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ও পাওয়ার ব্যাংক থেকে এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। শর্ট সার্কিট বা তাপমাত্রা বৃদ্ধির কারণে এসব ডিভাইস হঠাৎ আগুন ধরে যেতে পারে। এফএএ এবং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী, যাত্রীরা কেবিনে সীমিত সংখ্যক লিথিয়াম ব্যাটারি বহন করতে পারেন, তবে কার্গো হোল্ডে এগুলো রাখা নিষিদ্ধ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু এয়ারলাইন্স পাওয়ার ব্যাংক ও পোর্টেবল চার্জার বহনের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর করেছে। এফএএ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিমানের ভেতরে প্রায় ১০০টি ব্যাটারিজনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই ই-সিগারেট, ব্যাটারি প্যাক ও পাওয়ার ডিভাইসের সঙ্গে সম্পর্কিত।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্থানীয় মুদ্রা ইয়েনের ধারাবাহিক পতন ঠেকাতে জাপানের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার বাড়িয়ে ১ শতাংশে উন্নীত করেছে। মঙ্গলবার ব্যাংক অব জাপান এই সিদ্ধান্ত নেয়, যা ১৯৯৫ সালের পর দেশটির সবচেয়ে উচ্চ সুদের হার হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে ২০২৪ সাল থেকে শুরু হওয়া আর্থিক নীতি স্বাভাবিকীকরণের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হলো। এর আগে গত ডিসেম্বরে সুদের হার বাড়িয়ে ০.৭৫ শতাংশ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়, যা পরিচালনা পর্ষদের ৭–১ ভোটে অনুমোদিত হয়। একমাত্র ভিন্নমত দেন বোর্ড সদস্য তোইচিরো আসাদা, যিনি বর্তমান হার অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন। সুদের হার বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে মুদ্রাস্ফীতির চাপ এবং ইয়েনের দুর্বলতা উল্লেখ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় জাপানের বাজারে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে দুর্বল ইয়েন আমদানিকৃত পণ্যের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। সিদ্ধান্ত ঘোষণার পর জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ০.৪৬ শতাংশ বেড়ে যায়। পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে ইয়েন সামান্য শক্তিশালী হয়ে ১৬০.২২ পর্যায়ে পৌঁছায়। দেশটির ১০ বছরের সরকারি বন্ডের ইল্ডও ৩ বেসিস পয়েন্ট বেড়ে ২.৬১৫ শতাংশে দাঁড়ায়। ব্যাংক অব জাপান জানিয়েছে, তারা প্রতি প্রান্তিকে ২০০ বিলিয়ন ইয়েন করে সরকারি বন্ড কেনা কমাবে। পাশাপাশি ২০২৭ সালের এপ্রিল থেকে প্রতি মাসে ২ ট্রিলিয়ন ইয়েনের বন্ড কেনা বজায় রাখার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, জ্বালানির উচ্চমূল্যের কারণে সরকার ভোক্তাদের ওপর চাপ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার ফলে ভোক্তা মুদ্রাস্ফীতি এখনো ২ শতাংশের নিচে রয়েছে। তবে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির প্রভাব দ্রুতই উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতে পণ্য ও সেবার দামে নতুন চাপ তৈরি করতে পারে। মে মাসে জাপানের উৎপাদক মূল্য সূচক ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে বাজারে মূল্যস্ফীতির চাপ আরও স্পষ্ট হয়েছে। জেপি মরগান অ্যাসেট ম্যানেজমেন্টের এশিয়া-প্যাসিফিক প্রধান বাজার কৌশলবিদ তাই হুই বলেন, সুদের হার বৃদ্ধি বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও নীতি প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে। তাঁর মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এখন অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ইয়েনের ধারাবাহিক দুর্বলতা নিয়ন্ত্রণে বারবার বাজারে হস্তক্ষেপ করেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি বলে মনে করছেন টোকিওভিত্তিক বিশ্লেষকরা। মনেক্স গ্রুপের বিশেষজ্ঞ জেসপার কোল বলেন, নীতিগত পরিবর্তন ছাড়া কেবল বাজারে হস্তক্ষেপ কার্যকর নয়। মুদ্রাস্ফীতির চাপ সামাল দিতে জাপান সরকার ইতোমধ্যে ৩ ট্রিলিয়ন ইয়েনের সম্পূরক বাজেট অনুমোদন করেছে। যদিও কর সংস্কার ও শিক্ষা খাতে ব্যয়ের কারণে সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি কিছুটা কমে ১.৪ শতাংশে নেমেছে, তা মূলত সাময়িক প্রভাব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকদের মতে, সুদের হার বৃদ্ধি জাপানের অর্থনীতিতে মূল্য স্থিতিশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও ইয়েনের দুর্বলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তা সামনে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি চূড়ান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘কোনো অর্থ খরচ’ করবে না। এ ধরনের দাবিকে তিনি গুজব ও হাস্যকর বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে হওয়া চুক্তিকে ‘যথার্থ’ ও ‘দারুণ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, গত সপ্তাহে তিনি ইরানের ওপর হামলা চালাতে চাননি। তবে পরিস্থিতির কারণে তাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না। ট্রাম্প বলেন, “গত সপ্তাহে আমি তাদের ওপর হামলা করতে চাইনি। কিন্তু আমাদের হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না।” ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমি তাদের জানিয়ে দিয়েছি। আমি ওটা মোটেও পছন্দ করিনি।” লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনার ফলে অতিরিক্ত প্রাণহানি ঘটছে। তিনি বলেন, “কাউকে খুঁজে বের করার জন্য প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। কারণ ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকে। তারা সবাই হিজবুল্লাহর সঙ্গে জড়িত নয়।” ট্রাম্প আরও জানান, তিনি ইসরায়েলকে হিজবুল্লাহ মোকাবিলার বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, “আমি হিজবুল্লাহকে সামলানোর বিষয়টি সিরিয়ার হাতে ছেড়ে দিতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছি। কারণ আমার মনে হয় তারা এটি আরও ভালোভাবে করতে পারবে।” ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালিয়ে গেলেও ইরানের সঙ্গে হওয়া চুক্তি টিকে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চুক্তি বহাল থাকবে। তিনি বলেন, “আমি এটিকে একটি ছোট যুদ্ধ মনে করি। ইরান হলো বড় বিষয়। তবে আমাদের জন্য সেখানে একটি ছোট কাঁটার মতো বিষয় রয়েছে, আর সেটি হলো হিজবুল্লাহ।” এর আগে শান্তি চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইতোমধ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে এবং বহু তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক অভিযান বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানি গণমাধ্যমগুলো এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে তুলে ধরছে। ঘারিভাবাদি বলেন, কাতারের মধ্যস্থতায় তেহরানে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রাথমিক চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেখিয়ে দেওয়া হয়েছে যে তাদের সামনে পরাজয় ও আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের গভীর অবিশ্বাস এখনো কাটেনি। তাদের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি মূলত উত্তেজনা কমানোর একটি প্রাথমিক পদক্ষেপ।
প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার স্বপ্ন, আশা আর প্রত্যাশার পুরো ভার ছিল একজন মানুষের কাঁধে। তিনি লিওনেল মেসি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে এসে দৃশ্যপট বদলে গেছে। এবার মনে হচ্ছে, আর্জেন্টিনা আর শুধু মেসির ওপর নির্ভর করছে না। বরং বিশ্বচ্যাম্পিয়ন নতুন প্রজন্ম প্রস্তুত হয়েছে নিজেদের অধিনায়ককে এগিয়ে নিতে, তাঁর জন্য লড়তে। লিওনেল মেসি এখনও আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর হাতেই থাকবে আর্মব্যান্ড। দলীয় তালিকায় তাঁর নামই থাকবে সবার আগে। মঙ্গলবার কানসাস সিটিতে ম্যাচের আগে ক্যামেরার ফোকাসও থাকবে তাঁর ওপর। কিন্তু এই আর্জেন্টিনা দলে মেসির ভূমিকা এখন কেবল একজন অধিনায়কের সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক। এমন একজন, যিনি দেখিয়েছেন ব্যর্থতা, হতাশা আর দীর্ঘ অপেক্ষার পরও কীভাবে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করা যায়। ফুটবলের আবেগ নিয়ে অনেক সময় অতিরঞ্জনের অভিযোগ ওঠে। কিন্তু আর্জেন্টিনার বাস্তবতা ভিন্ন। দেশটিতে ফুটবল শুধু খেলা নয়, এক ধরনের বিশ্বাস। জাতীয় দলের জার্সি গায়ে তোলা অনেকের কাছে ধর্মীয় অনুভূতির মতো। প্রতিটি প্রজন্ম বড় হয় নায়ক, বেদনা আর পুনর্জাগরণের গল্প শুনে। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন মেসি। তিনি আর শুধু একটি চরিত্র নন, তিনি নিজেই হয়ে উঠেছেন পুরো গল্পের প্রতীক। কানসাস সিটিতে জড়ো হওয়া বর্তমান আর্জেন্টিনা দলের অনেক ফুটবলার ছোটবেলায় মেসির সংগ্রাম দেখেই বড় হয়েছেন। তাঁরা দেখেছেন কোপা আমেরিকার ফাইনালে একের পর এক হার। দেখেছেন সমালোচকদের প্রশ্ন, মেসি সত্যিই কি নিজের দেশকে ভালোবাসেন? দেখেছেন ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর অবসর ঘোষণা। আবার তাঁরাই দেখেছেন সেই অবসর ভেঙে ফিরে আসা। দেখেছেন ২০২১ সালে কোপা আমেরিকার ট্রফি হাতে তোলা। এরপর কাতার বিশ্বকাপে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়। মেসির বর্তমান প্রভাবের উৎস তাঁর গোল, অ্যাসিস্ট বা অসাধারণ প্রতিভা নয়। বরং তাঁর জীবনের এই দীর্ঘ যাত্রা। আজকের আর্জেন্টিনাকে দেখলে মনে হয় না ফুটবলাররা শুধু একজন অধিনায়কের নির্দেশ অনুসরণ করছেন। বরং তাঁরা যেন একটি উত্তরাধিকার রক্ষা করছেন। হুলিয়ান আলভারেজের নিরলস চাপ, রদ্রিগো ডি পলের প্রতিটি মিডফিল্ড লড়াই কিংবা এমিলিয়ানো মার্তিনেজের অদম্য মানসিকতা কেবল কৌশলগত ফুটবলের ফল নয়। এগুলো সেই মানসিকতার প্রতিফলন, যা তারা মেসির পাশে দাঁড়িয়ে শিখেছে। অনেক সময় মনে হয়, তারা শুধু আর্জেন্টিনার জন্য খেলছে না। দলের ভেতরে হয়তো এক নীরব অনুভূতিও কাজ করছে। তারা খেলছে সেই মানুষের জন্য, যিনি প্রায় দুই দশক ধরে একাই পুরো জাতির প্রত্যাশা বহন করেছেন। এই কারণেই ২০২৬ বিশ্বকাপ মেসির আগের সব বিশ্বকাপ থেকে আলাদা। আন্তর্জাতিক ক্যারিয়ারের বেশিরভাগ সময় আর্জেন্টিনার সবকিছু ঘুরেছে তাঁকে কেন্দ্র করে। প্রত্যাশা, চাপ, সমালোচনা, আশা, হতাশা সবই এসে পড়ত তাঁর কাঁধে। এখন এই বিশ্বকাপ চলাকালীন তাঁর বয়স হবে ৩৯। শরীর আগের মতো নেই। ফিটনেস নিয়ে প্রশ্নও রয়েছে। কিন্তু আর্জেন্টিনা এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে এমন এক দল নিয়ে, যারা আর মেসির কাছ থেকে সবকিছু চায় না। তারা চায় মেসির উপস্থিতি। চায় তিনি মাঠে থাকুন। হয়তো কোনো অনুপ্রেরণামূলক মুহূর্তের জন্য। হয়তো মাঠের একপাশ থেকে দেওয়া একটি দৃষ্টির জন্য, যা সবাইকে মনে করিয়ে দেবে কীসের জন্য তারা লড়ছে। কিংবা শুধু এই কারণেই যে তিনি লিওনেল মেসি, এখনও মাঠে আছেন, এখনও প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখনও হাল ছাড়েননি। সম্ভবত ২০২৬ বিশ্বকাপে মেসির সবচেয়ে বড় অবদান কোনো গোল হবে না। কোনো অ্যাসিস্টও নয়। হয়তো তাঁর সবচেয়ে বড় অবদান হবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার সেই দৃশ্য। যে জার্সি একসময় তাঁর কাছে বোঝা মনে হয়েছিল, সেটিই এখন তাঁর সবচেয়ে স্বস্তির ঠিকানা। কারণ কঠিন মুহূর্তে, যখন পা ভারী হয়ে আসে, আত্মবিশ্বাস কমে যায়, গ্যালারি নীরব হয়ে পড়ে, তখন পাশে মেসিকে দেখা দলের জন্য বাড়তি শক্তি হয়ে ওঠে। তিনি শুধু অধিনায়ক নন। তিনি এমন একজন, যাঁকে দেখে এই প্রজন্মের ফুটবলাররা বড় হয়েছে। যাঁর মতো হওয়ার স্বপ্ন তারা দেখেছে। বহু বছর আর্জেন্টিনা মেসির ওপর নির্ভর করেছে। কিন্তু ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর মোড়ে এসে এখন মনে হচ্ছে, মেসিও আর্জেন্টিনার ওপর নির্ভর করতে পারেন। সম্ভবত এটাই তাঁর গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। এক জীবন অপেক্ষার পর অবশেষে তিনি এমন এক জায়গায় পৌঁছেছেন, যেখানে তাঁকে আর একা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে চীন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো গত কয়েক বছরে কলা, মানবিক ও ভাষাবিষয়ক প্রায় ১২ হাজার ডিগ্রি কর্মসূচি বাতিল করেছে। একই সময়ে প্রযুক্তি ও এআই-সংশ্লিষ্ট হাজার হাজার নতুন ডিগ্রি চালু করা হয়েছে। চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যক্রমকে নতুন অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষা কার্যক্রম এই পুনর্গঠনের আওতায় এসেছে, যার প্রভাব পড়েছে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ওপর। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ২০০টি নতুন স্নাতক ডিগ্রি কর্মসূচি চালু করা হয়েছে। এসব নতুন কোর্সের বড় অংশই কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, উন্নত প্রকৌশল, রোবোটিকস এবং উদীয়মান প্রযুক্তি খাতের সঙ্গে সম্পর্কিত। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসকদের কাছে কলা ও মানবিক বিষয়ের অনেক ডিগ্রি এখন ক্রমেই কর্মসংস্থানের দিক থেকে কম কার্যকর এবং অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিপরীতে ‘এমবডিড ইন্টেলিজেন্স’সহ নতুন প্রযুক্তিভিত্তিক ডিগ্রিগুলোকে চীনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ মনে করা হচ্ছে। সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংবাদমাধ্যমটিকে জানান, দুর্বল চাকরির বাজারের কারণে তাদের বিশ্ববিদ্যালয় কিছু প্রচলিত ডিগ্রি কর্মসূচি বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থীর ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি পণ্য নকশা বা প্রোডাক্ট ডিজাইন খাতে বড় ধরনের পরিবর্তন এনেছে। আগে যেসব কাজের জন্য মানুষের দক্ষতা অপরিহার্য ছিল, এখন তার অনেকটাই এআই দিয়ে করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, “মডেল তৈরি, নকশার প্রাথমিক খসড়া এবং দৃশ্যায়নের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে।” বিশ্লেষকেরা বলছেন, চীনের এই উদ্যোগ বৈশ্বিক একটি প্রবণতারই অংশ। বিশ্বের বিভিন্ন দেশ তাদের জাতীয় শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ভারত ইতোমধ্যে জাতীয় বিদ্যালয় শিক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাতও জাতীয় পর্যায়ে এআই শিক্ষা উদ্যোগ চালু করেছে। একইভাবে কাজাখস্তান কৃত্রিম বুদ্ধিমত্তাকে জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে নতুন শিক্ষা কৌশল বাস্তবায়ন করছে। ইউরোপেও এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। স্পেন তার ‘ডিজিটাল স্পেন’ কৌশলের অংশ হিসেবে শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যেও শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আলোচনা চলছে। দেশটির শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন গত বছর জানিয়েছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে তথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক নতুন শিক্ষাগত যোগ্যতা চালুর সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার। যুক্তরাজ্যের জাতীয় শিক্ষাক্রমের গত এক দশকের সবচেয়ে বড় পর্যালোচনার ফল আগামী বছর প্রকাশ হওয়ার কথা রয়েছে। নতুন কাঠামো বাস্তবায়ন শুরু হবে ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে। ব্রিজেট ফিলিপসন সে সময় বলেছিলেন, “জাতীয় শিক্ষাক্রম সর্বশেষ হালনাগাদের পর এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এমন দক্ষতা দিতে হবে, যাতে তারা ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগাতে পারে এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম হয়।”
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব এশীয়-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জীয় (এএপিআই) জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে স্পষ্টভাবে পড়েছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষ জানিয়েছেন, তারা নিজেরা অথবা তাদের পরিচিত কেউ অভিবাসন-সংক্রান্ত উদ্বেগের কারণে জীবনযাত্রায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। এএপিআই ডাটা এবং দ্য অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত এই জরিপে দেখা গেছে, অনেক এশীয়-আমেরিকান এখন আর যুক্তরাষ্ট্রকে অভিবাসীদের জন্য আগের মতো সুযোগের দেশ বলে মনে করেন না। জরিপ অনুযায়ী, প্রায় অর্ধেক এএপিআই প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, গত এক বছরে তারা বা তাদের পরিচিত কেউ আটক বা বহিষ্কারের মুখোমুখি হয়েছেন, নাগরিকত্ব বা বৈধ অভিবাসন নথি সঙ্গে বহন শুরু করেছেন, ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করেছেন অথবা অভিবাসন উদ্বেগের কারণে দৈনন্দিন রুটিন বদলেছেন। কয়েক মাস ধরে অভিবাসন আইন প্রয়োগে কড়াকড়ি বৃদ্ধির পর এই ফলাফল সামনে এলো। এর ফলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৬ জন এএপিআই প্রাপ্তবয়স্ক বলেছেন, একসময় যুক্তরাষ্ট্র অভিবাসীদের জন্য বড় সুযোগের দেশ ছিল, কিন্তু এখন আর তা নেই। মাত্র ১০ জনের মধ্যে প্রায় ৩ জন এখনো মনে করেন যুক্তরাষ্ট্র অভিবাসীদের জন্য একটি চমৎকার গন্তব্য। অন্যদিকে ৫ শতাংশের মত, দেশটি কখনোই অভিবাসীদের জন্য আদর্শ সুযোগের জায়গা ছিল না। এএপিআই ডাটার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কার্তিক রামকৃষ্ণান বলেন, “যুক্তরাষ্ট্রের সাফল্যের গল্প অভিবাসীদের অবদানের ওপর অনেকটাই নির্ভরশীল। যারা কয়েক দশক ধরে এখানে বসবাস করছেন, তারাও যখন বলতে শুরু করেন যে এটি আর সেরা দেশ বলে মনে হচ্ছে না, তখন সেটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।” জরিপে দেখা গেছে, বৈধ অভিবাসী বা নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাও সাম্প্রতিক নীতিমালার প্রভাব অনুভব করছেন। যদিও বিভিন্ন ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের কয়েকটি অভিবাসন-সংক্রান্ত পদক্ষেপ স্থগিত করেছে, তবুও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ কমেনি। আদালত যেসব পদক্ষেপ আটকে দিয়েছে, তার মধ্যে কিছু ভিসা ফি বৃদ্ধি এবং এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন আবেদন সীমিত করার উদ্যোগও ছিল। ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং বর্তমানে নাগরিকত্ব পাওয়া ২৭ বছর বয়সী খোয়া ত্রান বলেন, অভিবাসন আইন প্রয়োগ নিয়ে উদ্বেগের কারণে তিনি ও তাঁর স্ত্রী এখন নিয়মিত নাগরিকত্ব ও অভিবাসন নথি সঙ্গে রাখেন। তিনি আরও বলেন, অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভিসা-সংক্রান্ত অনিশ্চয়তার কারণে বিদেশ সফর পিছিয়ে দিতে দেখেছেন। জরিপে দেখা গেছে, দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের মধ্যে প্রায় অর্ধেক এমন কাউকে চেনেন, যিনি গত এক বছরে নাগরিকত্ব বা বৈধ অবস্থানের প্রমাণপত্র সঙ্গে বহন করা শুরু করেছেন। এ হার সামগ্রিক এএপিআই জনগোষ্ঠীর তুলনায় বেশি। রামাকৃষ্ণনের মতে, অনেক বৈধ অভিবাসী ও স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া মানুষও এখন মনে করছেন, তাদের বৈধ অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। জরিপে পরিচয়বোধ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি বলেছেন, তাঁদের পারিবারিক শিকড়, বংশপরিচয় বা পূর্বপুরুষের দেশের পরিচয় তাঁদের ব্যক্তিগত পরিচয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তুলনায় ৪৪ শতাংশ বলেছেন, ‘আমেরিকান’ পরিচয় তাঁদের জন্য সমান গুরুত্বপূর্ণ। ম্যাসাচুসেটসের ২২ বছর বয়সী অ্যাবিগেল জেয়রাজ , যার বাবা-মা ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন, বলেন তিনি নিজেকে ‘দক্ষিণ এশীয়-আমেরিকান’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং যুক্তরাষ্ট্রে এসে তাঁর পরিবার যে সুযোগ পেয়েছে, সেটির মূল্য দেন। দক্ষিণ কোরিয়া থেকে শৈশবে যুক্তরাষ্ট্রে আসা এবং পরে নাগরিকত্ব পাওয়া সুনহো কোওন বলেন, তিনি কোরীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকলেও যুক্তরাষ্ট্রের জীবন ও সমাজের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। জরিপে আরও দেখা গেছে, ৭৩ শতাংশ এএপিআই প্রাপ্তবয়স্ক মনে করেন বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও মূল্যবোধের মিশ্রণ যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এর আগে পরিচালিত একটি এপি-এনওআরসি জরিপে সব মার্কিন প্রাপ্তবয়স্কের মধ্যে এই হার ছিল ৫৫ শতাংশ। অনেক উত্তরদাতা বলেছেন, অভিবাসন ও বৈচিত্র্যবিষয়ক চলমান বিতর্ক তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে একই সঙ্গে তারা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র তাদের এবং তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সুযোগও তৈরি করেছে।
ফিলিপাইনে গত সপ্তাহে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শুধু প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞই ডেকে আনেনি, দেশটির ভূপ্রকৃতিতেও বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে। সাম্প্রতিক এক আকাশ জরিপে দেখা গেছে, এই কম্পনের ফলে উপকূলরেখা কয়েকশো মিটার পর্যন্ত সমুদ্রের দিকে এগিয়ে গেছে এবং সমুদ্রতলও উল্লেখযোগ্যভাবে ওপরে উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় প্রায় ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিন্দানাও দ্বীপের কাছে সারাঙ্গানি প্রদেশ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েকশো কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপেও কম্পন অনুভূত হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর সোমবার সকাল পর্যন্ত অন্তত ৬ হাজারের বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। এই ভয়াবহ কম্পনের পর উপকূলীয় এলাকায় যে পরিবর্তন দেখা গেছে, তাকে বিজ্ঞানীরা ‘কোস্টাল আপলিফট’ বা উপকূলীয় ভূমি উত্থান হিসেবে বর্ণনা করছেন। ফিভোলকসের প্রাথমিক মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু এলাকায় ভূমি প্রায় ২ মিটার পর্যন্ত ওপরে উঠে এসেছে এবং উপকূলরেখা প্রায় ২০০ মিটার পর্যন্ত সমুদ্রের দিকে সরে গেছে। সংস্থাটির মতে, ভূমিকম্পের সময় দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত কোটাবাটো খাতের তীব্র নড়াচড়া সারাঙ্গানি ও দাভাও অঞ্চলের বিস্তীর্ণ উপকূলকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে সমুদ্রের নিচে থাকা অংশ হঠাৎ করেই ওপরে উঠে আসে। স্থানীয়দের বর্ণনায় জানা গেছে, অনেক জায়গায় আগে পানির নিচে থাকা প্রবাল এখন সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়েছে। ফিভোলকস প্রকাশিত ছবিতে দেখা যায়, উন্মুক্ত সমুদ্রতলে ছড়িয়ে রয়েছে প্রবাল, সি-গ্রাস, মৃত মাছ ও অন্যান্য জলজ প্রাণী। এছাড়া সারাঙ্গানির বারাঙ্গে বুরিয়াস ও গ্ল্যান পৌরসভার মাঝামাঝি এলাকায় উপকূলীয় ভূমিধসের ঘটনাও ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। এক পর্যায়ে প্রায় দুই মিটার উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে একটি বাড়ি ধ্বংস করে এবং সমুদ্রে থাকা ছোট নৌকাগুলোকে ভাসিয়ে তীরে নিয়ে আসে। স্বাধীন বিশ্লেষণেও এই ভূতাত্ত্বিক পরিবর্তনের সত্যতা মিলেছে। জিওস্পেশিয়াল বিশ্লেষক সের্জিও অগাস্টো জারডিম ভলকমার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক মানচিত্রে ১৬ মে থেকে ১০ জুনের মধ্যে দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকার উল্লেখযোগ্য পরিবর্তন তুলে ধরেছেন। তার ভাষায়, “এটি এমন একটি ব্যাপক উত্থান, যা আগে খুব কমই দেখা গেছে।” ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে নিয়মিত ভূমিকম্প হয়ে থাকে। এই অঞ্চলে অসংখ্য ফল্ট লাইন ও সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর আগে ১৯৭৬ সালে কোটাবাটো খাতের নড়াচড়ার ফলেই মোরো উপসাগরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি সৃষ্টি হয়েছিল, যাতে প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ফিলিপাইন সাগরীয় প্লেটের সীমান্ত বরাবর সিসমিক কার্যকলাপের কারণে অতীতে ৮ মাত্রার বেশি শক্তিশালী সাতটি ভূমিকম্প এবং ৭ মাত্রার বেশি অন্তত ২৫০টি বড় কম্পন রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে একাধিকবার সুনামির ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই ভূমিকম্প আবারও প্রমাণ করল—ফিলিপাইনের উপকূলীয় অঞ্চল শুধু তাৎক্ষণিক দুর্যোগের ঝুঁকিতেই নয়, বরং দীর্ঘমেয়াদি ভূপ্রাকৃতিক পরিবর্তনের মুখেও রয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরেই তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ প্রেসিডেন্ট ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছেন—চুক্তির চূড়ান্ত শর্তে ইরান আসলে কতটা ছাড় দিতে প্রস্তুত, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, শুধু র্যাটক্লিফ নন—প্রশাসনের আরও গুরুত্বপূর্ণ সদস্যরাও এই চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেথ গত রোববার ঘোষিত সমঝোতা স্মারকের বেশ কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। বিপরীতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। চুক্তি ঘোষণার আগে ট্রাম্প ও তার উপদেষ্টাদের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মার্কিন গোয়েন্দা সংস্থার সংগৃহীত সংবেদনশীল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই তথ্য অনুযায়ী, ইরানি কর্মকর্তারা নিজেদের মধ্যে চুক্তি নিয়ে যে আলোচনা করছেন, তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। র্যাটক্লিফ ও রুবিওর মূল্যায়ন অনুযায়ী, এই গোয়েন্দা তথ্য ইঙ্গিত করছে—যুক্তরাষ্ট্র যে ধরনের পারমাণবিক সীমাবদ্ধতা আশা করছে, ইরান শেষ পর্যন্ত তা মেনে নাও নিতে পারে। সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষায়, “ইরানের প্রকৃত উদ্দেশ্য চুক্তির অধীনে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে মেলে না—গোয়েন্দা তথ্য সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।” তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব মতামত মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তারই। তার দাবি, এই সমঝোতা স্মারক ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিগত সীমারেখা বজায় রেখেই করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে পারবে না এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবে না। এদিকে, সিআইএ ও মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোববার স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের পারমাণবিক শর্তগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামী শুক্রবার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাগের গালিবফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। ১৪ দফার এই প্রাথমিক চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, বর্তমান কাঠামোয় ইরান তুলনামূলকভাবে বেশি সুবিধা পাচ্ছে—যদি না তারা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী একটি কঠোর পারমাণবিক চুক্তিতে সম্মত হয়। চুক্তির অন্তর্বর্তী শর্ত অনুযায়ী, আলোচনাকালীন সময়ে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন থেকেও বিরত থাকবে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধকালীন মোতায়েন করা সেনা প্রত্যাহার করবে এবং পর্যায়ক্রমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের অবস্থান এবং মার্কিন আলোচকদের দাবি—এই দুইয়ের মধ্যে স্পষ্ট অমিল রয়েছে। তিনি অবিলম্বে চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশের দাবি জানান। এই সমঝোতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালি। চুক্তিতে বলা হয়েছে, আগামী ৬০ দিন ইরান কোনো ধরনের ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার চেষ্টা করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ৩০ দিনের মধ্যে তাদের নৌ অবরোধ প্রত্যাহার করবে। ভবিষ্যতে ওমানসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নৌপথ পরিচালনার বিষয়ে সংলাপ চালানোর কথাও উল্লেখ রয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, ৬০ দিনের পর এই প্রণালিতে ট্রানজিট ফি আরোপ করা হতে পারে—যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চুক্তির আরেকটি বিতর্কিত অংশ হলো ইরানের জব্দ বা স্থগিত সম্পদ অবমুক্ত করা। সমঝোতা অনুযায়ী, চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে এই তহবিল ব্যবহারের সুযোগ দেবে। মার্কিন কর্মকর্তারা এটিকে ‘কাজের ভিত্তিতে অর্থ ছাড়’ মডেল হিসেবে ব্যাখ্যা করেছেন—অর্থাৎ ইরান চুক্তির শর্ত মানলে পর্যায়ক্রমে অর্থ ছাড় করা হবে। এছাড়া ইরানের অর্থনীতি পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের একটি যৌথ তহবিল গঠনের পরিকল্পনার কথাও আলোচনায় রয়েছে। তবে সমর্থকদের মতে, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ইরান পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধ ও অভ্যন্তরীণ সংস্কার না আনলে তা বাস্তবায়িত হবে না। সব মিলিয়ে, ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভক্তি এবং আন্তর্জাতিক উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন নজর আসন্ন আলোচনায় এই মতপার্থক্য কতটা কাটিয়ে ওঠা যায় এবং চূড়ান্ত চুক্তি আদৌ সম্ভব হয় কি না।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ ইভেন্টকে লক্ষ্য করে কথিত বিস্ফোরকবাহী ড্রোন হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা মঙ্গলবার সকাল পর্যন্ত হেফাজতে ছিলেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এফবিআইয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সম্ভাব্য হামলার পরিকল্পনা বাস্তবায়নের আগেই সন্দেহভাজনদের আটক করা হয়। তদন্তে উঠে এসেছে, সন্দেহভাজনরা হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ ইভেন্টকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। অভিযোগ অনুযায়ী, বিস্ফোরক বহনকারী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা ছিল। এফবিআই ১০ জুন সম্ভাব্য এই ষড়যন্ত্রের তথ্য পায় এবং তদন্ত শুরু করে। পরে একাধিক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সিগন্যালের বিভিন্ন চ্যাটও খতিয়ে দেখছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, এফবিআই, বিচার বিভাগ এবং অন্যান্য অংশীদার সংস্থার সমন্বিত অভিযানের ফলে পরিকল্পিত হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ ইভেন্টটি হোয়াইট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল এবং এতে কয়েক হাজার দর্শক অংশ নেন।
হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ নৌপথকে ‘স্থায়ীভাবে টোলমুক্ত’ রাখার ঘোষণা দিলেও তার পরদিনই ইরানের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গেছে। দেশটি জানিয়েছে, সরাসরি টোল আরোপ না করলেও নির্দিষ্ট কিছু ‘সেবার’ বিনিময়ে জাহাজ থেকে ফি নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক ব্রিফিংয়ে বলেন, “ইরান ট্রানজিট টোল আরোপ করতে চায় না; তবে আমরা যে সেবা প্রদান করব, তার জন্য ফি নেওয়া হবে।” যদিও ঠিক কী ধরনের সেবা দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি। তবে ইরানের কিছু কর্মকর্তার ধারণা, পরিবেশ সুরক্ষা, নিরাপত্তা বা নৌপথ ব্যবস্থাপনার মতো খাতে ব্যয় মেটাতে এই ফি নির্ধারণ করা হতে পারে। বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হরমুজ প্রণালির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলে নতুন করে খরচ ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস এই প্রণালির মাধ্যমেই পরিবাহিত হয়। আন্তর্জাতিক নৌ-আইন বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, টোল এবং সেবামূলক ফি—এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকলেও, প্রাকৃতিক আন্তর্জাতিক জলপথে অর্থ আদায়ের প্রশ্নে আইনগত সীমাবদ্ধতা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নৌ-আইন বিশ্লেষক জেমস আর. হোমস বলেন, “আন্তর্জাতিক আইনে কোনো উপকূলীয় রাষ্ট্রের জন্য প্রাকৃতিক জলপথ ব্যবহার বাবদ অর্থ আদায়ের সুযোগ নেই। আপনি এটিকে টোল বলুন বা ফি—দুই ক্ষেত্রেই বিষয়টি বিতর্কিত।” তিনি মালাক্কা প্রণালি ও তাইওয়ান প্রণালির উদাহরণ টেনে বলেন, এসব গুরুত্বপূর্ণ নৌপথে এ ধরনের কোনো অর্থ আদায়ের নজির নেই। তবে পানামা খাল বা সুয়েজ খালের মতো কৃত্রিম জলপথে সেবা ও অবকাঠামোর বিনিময়ে ফি নেওয়া হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পরিস্থিতির পেছনে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার বিষয়টিও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরান আঞ্চলিক জলপথে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে। এরই অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ এবং পরবর্তীতে ফি আরোপের পরিকল্পনা সামনে আসে। এর আগে মার্চ মাসে ইরান ঘোষণা দিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের চিন্তা করছে তারা। পরে মে মাসে ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ নামে একটি সংস্থা গঠন করা হয়, যা এই নৌপথে নিরাপদ চলাচল ও অনুমোদন ব্যবস্থাপনার দায়িত্ব নেবে বলে জানানো হয়। একই সময়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে সম্ভাব্য অর্থপ্রদানের কাঠামো নিয়েও আলোচনা চালায় তেহরান। এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্পষ্টভাবে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন বজায় রাখতে হবে এবং কোনোভাবেই এই প্রণালিতে টোল আরোপ করা উচিত নয়। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইরানের সম্ভাব্য এই পদক্ষেপের সমালোচনা করেছেন। যদিও অতীতে তিনি যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ প্রণালি থেকে রাজস্ব আদায়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। তবে মে মাসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমরা চাই এই পথ উন্মুক্ত থাকুক, কোনো ধরনের টোল না থাকাই উচিত।” যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন, “এ ধরনের কোনো ফি আরোপ গ্রহণযোগ্য নয়। এতে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে যাবে।” বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে এই টানাপোড়েন ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন নজর আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়।
কলকাতার কালিঘাটে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চন্দন ও রবি নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে কালীঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতেই কুণাল ঘোষ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৫ জুন) বিকেলে কালিঘাটে মমতা ব্যানার্জীর বাসভবনে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে বাড়ি থেকে বের হওয়ার সময় ঘটনাটি ঘটে। কুণাল ঘোষ গেটের সামনে দাঁড়াতেই হরিশ চ্যাটার্জি গলির দিক থেকে এক যুবক হাতে একাধিক ডিম নিয়ে বেরিয়ে আসে এবং তাকে লক্ষ্য করে ছুড়ে মারে। হঠাৎ এই আক্রমণে কুণাল ঘোষ মাথা নিচু করে নিলেও ডিম তার মাথা ও পিঠে লাগে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ওই যুবককে আটকানোর চেষ্টা করেন। ঘটনার পর সাংবাদিকদের সামনে অভিযুক্তদের একজন দাবি করেন, “কুণাল ঘোষ বহু মানুষকে অত্যাচার করেছেন, সেই কারণেই এই কাজ করেছি।” যদিও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “এক সময় দেড়শো পুলিশ আমাকে সামলাতে পারত না। দু’টো কুকুর-বেড়াল আমার কিছু করতে পারবে না। আমি ওই পথ দিয়েই আবার যাব। মারার হলে সামনে থেকেই মারুক—সবাই দেখুক।” অন্যদিকে, তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য বিরোধী বিজেপিকে দায়ী করেন। তার অভিযোগ, “বিজেপির গুন্ডারাই এই হামলা চালিয়েছে। শুভেন্দু অধিকারীর লোকজনের কাজ এটা। সাংবাদিকদের সামনেই এভাবে হামলা হচ্ছে—এটা অত্যন্ত উদ্বেগজনক।” পুলিশের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “এত পুলিশ উপস্থিত থেকেও তারা কার্যত নিষ্ক্রিয় ছিল। পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটাই বড় প্রশ্ন।” উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা একাধিকবার সামনে এসেছে। তবে সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভায় অংশ নিতে আসা দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সভা শুরুর আগেই যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ শুরু করেন। একই সময় এনসিপির সমর্থক ও কর্মীরাও ঘটনাস্থলে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে এনসিপি সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই এলাকা ত্যাগ করেন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সভাস্থলের বাইরে একটি পার্ক এলাকায় হাঁটার সময় হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের অনুসরণ করে কয়েকজন বিভিন্ন মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক আঘাতপ্রাপ্ত হন বলে ভিডিওতে দেখা যায়। পরবর্তীতে এহতেশামুল হকের সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয় সূত্র জানিয়েছে, আটক তিনজনের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার দৃশ্যও দেখা গেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে, হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণ করেছেন। সংগঠনটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড তাদের রাজনৈতিক সহনশীলতার ঘাটতিরই বহিঃপ্রকাশ। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কার্যক্রম ঘিরে মাঝে মধ্যেই উত্তেজনার ঘটনা ঘটে। সর্বশেষ এই ঘটনাকে ঘিরেও প্রবাসী মহলে আলোচনা তৈরি হয়েছে।
উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে জার্মানি। তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃত ডিগ্রির কারণে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী সেখানে পড়তে যাচ্ছেন। বাংলাদেশ থেকেও এ সংখ্যা ক্রমেই বাড়ছে। ভিসাবিষয়ক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ‘জার্মানি ভিসা’-এর তথ্য অনুযায়ী, জার্মানির কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত হওয়ার পর অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য স্টুডেন্ট ভিসা নেওয়া বাধ্যতামূলক। জানা গেছে, জার্মানির স্টুডেন্ট ভিসা মূলত দীর্ঘমেয়াদি ন্যাশনাল ‘ডি’ ক্যাটাগরির ভিসা। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা একাধিকবার দেশটিতে প্রবেশ করতে পারেন এবং সাধারণত এটি দুই বছরের জন্য বৈধ থাকে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরও দুই বছর পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। বর্তমানে এ ভিসার আবেদন ফি নির্ধারিত হয়েছে ৭৫ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭০০ টাকার মতো। স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমেই জার্মানির স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। পাশাপাশি সেখানে অবস্থানকালে নিজের খরচ বহনের সক্ষমতার প্রমাণ দেখানো বাধ্যতামূলক। এ ক্ষেত্রে আবেদনকারীকে ব্লকড অ্যাকাউন্টে কমপক্ষে ১১ হাজার ৯০৪ ইউরো জমা থাকার প্রমাণ দিতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ টাকার বেশি। তবে বৈধ স্কলারশিপ থাকলে তা-ও আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এ ছাড়া ভর্তিকৃত কোর্সের ধরন অনুযায়ী জার্মান বা ইংরেজি ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হতে পারে। তবে সব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ভিসা বাধ্যতামূলক নয়। অস্ট্রেলিয়া, কানাডা, ইসরাইল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা জার্মানিতে প্রবেশের আগে স্টুডেন্ট ভিসা ছাড়াই যেতে পারেন। তারা সেখানে পৌঁছানোর পর স্থানীয় বিদেশি নিবন্ধন দপ্তরে আবাসিক অনুমতির জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে, ভিসামুক্ত দেশের শিক্ষার্থীরা যদি ৯০ দিনের বেশি মেয়াদের কোনো কোর্সে ভর্তি হন, তাহলে তাদেরও আবাসিক অনুমোদন নিতে হয়। তবে স্বল্পমেয়াদি কোর্স বা এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে শেনজেন ভিসা প্রযোজ্য হতে পারে। পড়াশোনার ধরন অনুযায়ী জার্মানিতে বিভিন্ন ধরনের স্টাডি ভিসা রয়েছে। এর মধ্যে পূর্ণকালীন একাডেমিক অধ্যয়ন, জার্মান ভাষা কোর্স, স্টুডিয়েনকলেগ, প্রস্তুতিমূলক কোর্স এবং বাধ্যতামূলক প্রাক-ইন্টার্নশিপের জন্য পৃথক ভিসা দেওয়া হয়। আবেদন প্রক্রিয়াও তুলনামূলকভাবে সুসংগঠিত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট দেশের জার্মান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসার আবেদন করা যায়। অনেক দেশে অনলাইনে আবেদন করার সুবিধাও রয়েছে, বাংলাদেশ থেকেও এই সুবিধা ব্যবহার করা সম্ভব। ভিসা আবেদনের সময় সাধারণত পূরণকৃত আবেদনপত্র, বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রমাণ, একাডেমিক সনদ ও নম্বরপত্র, ভাষাগত দক্ষতার সনদ, ভ্রমণবীমা, জীবনবৃত্তান্ত (সিভি), মোটিভেশন লেটার এবং আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হয়। আর্থিক প্রমাণ হিসেবে স্কলারশিপের কাগজপত্র, জার্মানিতে বসবাসরত কোনো ব্যক্তির স্পনসরশিপ ঘোষণা, ব্লকড অ্যাকাউন্টের তথ্য বা অভিভাবকের আর্থিক বিবরণী গ্রহণযোগ্য হতে পারে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে জার্মানিতে উচ্চশিক্ষার পথ অনেকটাই সহজ হয়ে যায়। তাই আবেদন করার আগে জার্মান দূতাবাসের সর্বশেষ নির্দেশনা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।