সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের নির্বাচনে ক্ষমতার পরিবর্তনে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না: শামা ওবায়েদ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের ওপর তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশ সর্বদা নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করবে।   পানি বণ্টন ও অভিবাসন ইস্যু নিয়ে শামা ওবায়েদ জানান, গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বর্তমানে আলোচনা চলমান রয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে। এছাড়া, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রকাশ : মে ৩, ২০২৬ ২২:৪৭
ছবি: সংগৃহীত
আটলান্টিক সিটিতে বিএএসজের ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।   রোববার (৩ মে) রাতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আগামী ১০ মে রোববার সকাল ৯টায় আটলান্টিক সিটির বদর ফিল্ডে টুর্নামেন্টটি শুরু হবে। বিএএসজের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে।   তাদের মতে, এই আয়োজনের লক্ষ্য হচ্ছে ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।   টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র।   বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শাহ মাহমুদ এবং সদস্যসচিব রফিকুল ইসলাম ক্রীড়াপ্রেমী ও কমিউনিটির সদস্যদের এই আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

প্রকাশ : মে ৩, ২০২৬ ২২:১৭
ছবি: সংগৃহীত
গ্রিসের কারাগারে বাংলাদেশির মৃত্যু, স্বজন না মেলায় সেখানেই দাফন

গ্রিসের করিদালোজ কারাগারে কামরান দেলোয়ার হোসেন খান নামের এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের খুঁজে না পাওয়ায় এবং প্রবাসে থাকা এক স্বজনের অনুরোধে তার মরদেহ গ্রিসেই দাফনের উদ্যোগ নিয়েছে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।   দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মার্চ কারাগারে তার মৃত্যু হয়। তার কাছে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা কোনো বৈধ নথি না থাকায় শুরুতে তাকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা কঠিন ছিল। তবে গ্রিক নথিতে তাকে বাংলাদেশি হিসেবে উল্লেখ থাকায় মানবিক বিবেচনায় দূতাবাস তার মরদেহের দায়িত্ব গ্রহণ করে।   অনুসন্ধানে জানা যায়, কামরানের পৈতৃক বাড়ি শরীয়তপুর জেলায়। তবে সেখানে তার বর্তমান পরিবারের কোনো সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিদেশে অবস্থানরত তার এক ভাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান, বাংলাদেশে তাদের আর কোনো স্বজন নেই। তিনি মরদেহ দেশে না পাঠিয়ে গ্রিসেই দাফনের জন্য অনাপত্তি জানান।   সাধারণত বৈধ কাগজপত্রহীন বা পরিচয় নিশ্চিত না হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সরকারি বাধ্যবাধকতা না থাকলেও মানবিক কারণে গ্রিক কর্তৃপক্ষের সহায়তায় মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   দূতাবাস জানায়, এথেন্স থেকে দূরবর্তী থেসালোনিকি অঞ্চলের কুমুটিনী এলাকার একটি মুসলিম কবরস্থানে আগামী ৭ মে দাফন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।   বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের বরাদ্দকৃত বাজেটে সাধারণত বৈধ কর্মীদের মরদেহ দেশে পাঠানোর জন্য আর্থিক সহায়তা থাকে। প্রবাসে দাফনের জন্য নির্দিষ্ট বরাদ্দ না থাকলেও পরিবারের অনুরোধে দূতাবাস নিজস্ব ব্যবস্থাপনায় এই উদ্যোগ নিয়েছে। পুরো প্রক্রিয়াটি দূতাবাস তদারকি করছে।

প্রকাশ : মে ৩, ২০২৬ ২২:৮
নিউইয়র্কে ফোবানা সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণকারীরা বক্তব্য দিচ্ছেন | ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ফোবানার ৪০তম সম্মেলন শুরু ৪ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ফোবানার ৪০তম সম্মেলন। প্রথমবারের মতো এই আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে। সম্মেলন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।   সম্মেলনকে সামনে রেখে শুক্রবার (১ মে) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এআর ব্যাংকুয়েট হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত এ সভায় পূর্ণাঙ্গ হোস্ট কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়।   অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পাশাপাশি কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।   ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, হোস্ট কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবু এবং সদস্য সচিব মনজুর কাদের সম্মেলন সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। এ সময় ফোবানার প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলমসহ অন্যরাও উপস্থিত ছিলেন।   আয়োজকরা জানান, এবারের সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরতে নানা আয়োজন থাকবে। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং মিলনমেলার আয়োজন রাখা হয়েছে।

প্রকাশ : মে ৩, ২০২৬ ২১:৫৯
ব্রুকলিনের বুশউইক এলাকায় বিক্ষোভকারীদের সমাবেশ ও পুলিশের উপস্থিতির দৃশ্য | ছবি: সংগৃহীত
ব্রুকলিনে আইস অভিযানে বিক্ষোভ, গ্রেপ্তার ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর একটি গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।    পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ব্রুকলিনের বুশউইক এলাকায় অবস্থিত ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারের বাইরে প্রায় ২০০ জন বিক্ষোভকারী জড়ো হন। তারা স্ট্যানহোপ ও স্টকহোম স্ট্রিট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং হাসপাতালের জরুরি প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেন।   পুলিশের ভাষ্য অনুযায়ী, একাধিকবার সতর্ক করার পরও বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ জনকে হেফাজতে নেওয়া হয়। এর মধ্যে ৮ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে গ্রেপ্তারে বাধা দেওয়া, সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি, ঝুঁকিপূর্ণ আচরণ এবং সরকারি সম্পত্তিতে ক্ষতিসাধন। একজনকে সমন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।   ঘটনার সূত্রপাত হয় নাইজেরিয়ার নাগরিক চিদোজি উইলসন ওকেকেকে আইসের মাধ্যমে গ্রেপ্তারের পর। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ওই ব্যক্তি আগে হামলা ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন। গ্রেপ্তারের সময় তিনি গাড়ি দিয়ে আইস কর্মকর্তাদের আঘাতের চেষ্টা করেন এবং পরে শারীরিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন।   বিভাগটির দাবি, চিকিৎসার জন্য তাকে ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারে নেওয়া হলে তিনি সেখানে অসংযত আচরণ করেন। এর পরপরই হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আরও জানায়, বিক্ষোভকারীরা আইসের একাধিক গাড়িতে ক্ষতিসাধন করেছে এবং কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে, এতে কয়েকজন সামান্য আহত হন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এই আইস অভিযানের বিষয়ে তাদের আগে থেকে কোনো সমন্বয় বা পূর্ব তথ্য ছিল না। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রকাশ : মে ৩, ২০২৬ ২১:৫৩
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় অংশগ্রহণকারীদের উপস্থিতির দৃশ্য | ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ১৭ মে বাংলাদেশ ডে প্যারেড, শতাধিক সংগঠনের অংশগ্রহণের ঘোষণা

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আগামী ১৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। এবারের আয়োজনেও শতাধিক সংগঠন অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।   এই প্যারেডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২ মে) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ফুল এক্সিকিউটিভ ইনট্রোডিসিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা বক্তব্য দেন এবং দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশিকে প্যারেডে অংশ নেওয়ার আহ্বান জানান।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি এবং কো-চেয়ার ক্যাপ্টেন প্রিন্স আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।   আয়োজকরা জানান, এই প্যারেডের মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আয়োজন সফল করার আহ্বান জানানো হয়েছে।   প্যারেডে প্রবাসী সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন অঙ্গনের বাঙালি তারকারাও অংশ নেবেন। ইতোমধ্যে অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে কর্মরত বাঙালিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রকাশ : মে ৩, ২০২৬ ২১:৩৮
ঘুষের টাকা ফেরত দাবিতে বিক্ষোভ করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী
২১ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরী না দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে; এলাকাবাসীর বিক্ষোভ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন সাগরের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ২১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে নিজের পছন্দের লোককে চাকরি দেওয়ার অভিযোগও উঠেছে।   ঘুষের টাকা ফেরত চেয়ে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ৪ জন চাকরী প্রার্থী সহ শতাধিক গ্রামবাসী। মানববন্ধন শেষে গ্রামবাসী ঝাড়ু উঁচিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় অধ্যক্ষকে অবরুদ্ধ করেও রাখা হয়। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ গিয়ে অধ্যক্ষকে মুক্ত করেন।   সোমবার (৪ মে) দুপুরে কলেজের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।     বিক্ষোভ শেষে অনুষ্ঠিত মানববন্ধনে চাকরি প্রার্থীরা বলেন, চাকরি দেওয়ার নামে ওই অধ্যক্ষ আমাদের কাছ থেকে ২১ লাখ টাকা ঘুষ নিয়েছেন। অথচ আমাদের চাকরি না দিয়ে নিজের আত্মীয়-স্বজন ও পছন্দের লোকদের তিনি চাকরি দিয়েছেন। এখন হয় তিনি আমাদের চাকরি দেবেন, না হয় আমাদের টাকা ফেরত দিতে হবে।   জানা গেছে, ২০০০ সালে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি স্থাপিত হয় । সে সময় পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন সাগর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। ২০১০ সালে প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়। পরবর্তীতে ২০১৯ সালে স্কুল শাখা এমপিওভুক্ত হয়।   অভিযোগে জানা যায়, প্রায় এক মাস আগে কলেজটিতে নৈশ্য প্রহরী পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেন অধ্যক্ষ। এতে চারজন চাকরি প্রার্থী আবেদন করেন। গত ১ মে ছুটির দিনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষার আগে অধ্যক্ষ মোফাজ্জল হোসেন চাকরি দেয়ার কথা বলে খানমরিচ গ্রামের বাসিন্দা লিমন হোসেন নামে এক চাকরি প্রার্থীর কাছ থেকে ৭ লাখ টাকা এবং হেলাল উদ্দিন নামে এক চাকরি প্রার্থীর কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেন। তবে নিয়োগের আগের রাতে অধ্যক্ষ তার নিজ এলাকার বাসিন্দা এনামুল হকের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে তাকে নিয়োগ দেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।   ভুক্তভোগী লিমন হোসেন ও হেলাল উদ্দিন বলেন, আমাদের চাকরী দেবার আশ্বাস দিয়ে এতগুলো টাকা নিলেন অধ্যক্ষ সাগর। কিন্তু আমাদের কাউকে চাকরী না দিয়ে নিজ এলাকার একজনকে বেশি টাকার বিনিময়ে চাকরী দিয়েছেন। এটা আমরা মানবো না। আমাদের চাকরী না দিলে আমাদের টাকা ফেরত দেন তিনি।   এর আগে কলেজের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে দু’জনকে নিয়োগ দেওয়া হয়। এতে অফিস সহকারী পদে নুরুজ্জামানের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কম্পিউটার অপারেটর পদে তোফায়েল আহমেদের কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই দুই প্রার্থী টাকা ফেরত চেয়ে ব্যর্থ হয়ে সোমবার তারাও বিক্ষোভে অংশ নেন।   এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন সাগর বলেন, স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এসব মিথ্যা ও বানোয়াট। গ্রামবাসী ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে। আমি কারো কাছ থেকে ঘুষ নেইনি।   খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুজ্জামান বলেন, আমরা নিরপেক্ষভাবে নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়েছি। এখন কে কাকে টাকা দিয়েছেন সে বিষয়টি জানা নেই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগও দেয়নি আমার কাছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশ : মে ৩, ২০২৬ ২০:৪৬
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
ভোট গণনা: তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।  তামিলনাড়ু প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা পাল্টে যেতে শুরু করেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৪ আসনে।  অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে। আর ৭৭ আসনে এগিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে জোট। নির্বাচন পরবর্তী বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে। অন্যদিকে একই সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৭৫ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৫ আসনে।  এছাড়া আসামে বিজেপি জোট ৯৩ আসনে এবং কংগ্রেস জোট ২৫ আসনে এগিয়ে রয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি

প্রকাশ : মে ৪, ২০২৬ ১:৫১
কোভিড সময়ে দেরিতে ট্যাক্স রিটার্ন—কোটি আমেরিকান পেতে পারেন রিফান্ড বা জরিমানা ছাড়
কোভিড সময়ে দেরিতে ট্যাক্স রিটার্ন—কোটি আমেরিকান পেতে পারেন রিফান্ড বা জরিমানা ছাড়

কোভিড মহামারির সময় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি থাকায় ট্যাক্স রিটার্ন দাখিলে দেরি করেছিলেন এমন কোটি কোটি করদাতা এখন রিফান্ড বা জরিমানা ও সুদের ছাড় পাওয়ার সুযোগ পেতে পারেন।   সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মহামারির সময় ফাইলিংয়ের নির্ধারিত সময়সীমা বারবার পরিবর্তন হওয়ায় অনেক করদাতা নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দেন। এর ফলে তাদের ওপর অতিরিক্ত জরিমানা ও সুদ আরোপিত হয়। তবে এখন সেই সময়ের বিষয়টি পুনর্বিবেচনা করে অনেক ক্ষেত্রে এসব জরিমানা মওকুফ বা অর্থ ফেরতের সুযোগ তৈরি হয়েছে।   কর বিশেষজ্ঞদের মতে, যেসব করদাতা কোভিড সময়কালে দেরিতে রিটার্ন জমা দিয়েছেন, তাদের উচিত নিজেদের ট্যাক্স রেকর্ড যাচাই করা। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন তারা এই সুবিধার আওতায় পড়ছেন কি না।   কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড বা সমন্বয় করা হতে পারে। তবে অনেকের ক্ষেত্রে আলাদা আবেদন করতে হতে পারে। তাই করদাতাদের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : মে ২, ২০২৬ ২৩:২৮
দুই ঘণ্টার বাধা ভাঙলেন কেনিয়ার সেবাস্তিয়ান সাওয়ে
ম্যারাথনে অবিশ্বাস্য রেকর্ড: দুই ঘণ্টার বাধা ভাঙলেন কেনিয়ার সেবাস্তিয়ান সাওয়ে

মানুষের সক্ষমতার সীমানা কি তবে ফুরিয়ে এলো? লন্ডনের রাজপথে আজ এমনই এক প্রশ্নের জন্ম দিলেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে। দীর্ঘদিনের অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে ম্যারাথনের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে অফিসিয়াল রেসে দুই ঘণ্টার কম সময়ে দৌড় শেষ করার অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন তিনি।   রোববার (২৬ এপ্রিল) লন্ডন ম্যারাথনে সাওয়ে নির্ধারিত ৪২.১৯৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪৪ সেকেন্ড। এর আগে অনানুষ্ঠানিক ইভেন্টে এলিয়ড কিপচোগে এই কৃতিত্ব দেখালেও, পেশাদার প্রতিযোগিতামূলক ম্যারাথনে এটিই প্রথম 'সাব-টু আওয়ার' বা দুই ঘণ্টার নিচে দৌড় শেষ করার ঘটনা।   প্রতিযোগিতার শুরু থেকেই সাওয়ে দুর্দান্ত গতি বজায় রাখেন। শেষ কয়েক কিলোমিটারে তার গতি দর্শকদের স্তম্ভিত করে দেয়। ফিনিশিং লাইন অতিক্রম করার পর এক আবেগঘন মুহূর্তে তিনি বলেন, "আমি জানতাম মানুষ পারে। আজ আমি শুধু নিজের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য প্রমাণ করলাম যে কোনো লক্ষ্যই অসম্ভব নয়।   ক্রীড়া বিশ্লেষকদের মতে, সাওয়ের এই সাফল্য অ্যাথলেটিক্সের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করল। এটি কেবল একটি পদক জয় নয়, বরং মানব শরীরের গতির নতুন এক মাইলফলক।

প্রকাশ : এপ্রিল ২৬, ২০২৬ ০:১০
শুধু কঠিন, তরল ও বায়বীয় নয়: এআই খুঁজে পেল পদার্থের চতুর্থ অবস্থা
শুধু কঠিন, তরল ও বায়বীয় নয়: এআই খুঁজে পেল পদার্থের চতুর্থ অবস্থা

বিজ্ঞান ও প্রযুক্তিবিজ্ঞান জগতের দীর্ঘদিনের ধারণা বদলে দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন কেবল তথ্য বিশ্লেষণেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃতির নতুন নিয়ম উন্মোচনেও ভূমিকা রাখছে। সম্প্রতি এমোরি ইউনিভার্সিটির একদল পদার্থবিজ্ঞানী এবং এআই গবেষক মিলে পদার্থের চতুর্থ অবস্থা বা 'প্লাজমা'র (Dusty Plasma) মধ্যে এমন কিছু ভৌত নিয়ম বা 'ফিজিক্স' খুঁজে পেয়েছেন যা আগে কখনো বিজ্ঞানীদের নজরে আসেনি।   বিজ্ঞান সাময়িকী 'পিএনএএস'-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, একটি বিশেষভাবে ডিজাইন করা নিউরাল নেটওয়ার্ক প্লাজমার ক্ষুদ্র কণাগুলোর থ্রি-ডি ট্র্যাকিং বিশ্লেষণ করে কণাগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়ার লুকানো ধরণ বের করতে সক্ষম হয়েছে। গবেষণার সবচাইতে চমকপ্রদ দিক হলো, এআই মডেলটি কণাগুলোর মধ্যকার জটিল ও একমুখী বল ৯৯ শতাংশেরও বেশি নিখুঁতভাবে শনাক্ত করেছে।   গবেষণার অন্যতম প্রধান লেখক অধ্যাপক জাস্টিন বার্টন বলেন, "আমরা দেখিয়েছি যে এআই ব্যবহার করে নতুন পদার্থবিজ্ঞান আবিষ্কার করা সম্ভব। আমাদের এই পদ্ধতিটি কোনো 'ব্ল্যাক বক্স' নয়; এটি কীভাবে কাজ করে তা আমরা জানি এবং এটি মহাবিশ্বের অন্যান্য জটিল সিস্টেমের রহস্য উন্মোচনেও ব্যবহার করা যেতে পারে।"   মহাকাশ থেকে শুরু করে দাবানল—সবখানেই এই প্লাজমার অস্তিত্ব রয়েছে। এআই-এর এই নতুন দৃষ্টিভঙ্গি আগামী দিনে জটিল জৈবিক সিস্টেম এবং পদার্থের গূঢ় রহস্য বুঝতে বিজ্ঞানীদের নতুন পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৬ ২০:১৩
প্রতীকী ছবি
গত এক মাসে তেল বিক্রি থেকে ইরানের আয় বেড়েছে ৪০ শতাংশ

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তেল রপ্তানি থেকে উল্লেখযোগ্য আয় বৃদ্ধি পেয়েছে ইরান এর। এপ্রিল ২০২৬-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক মাসে দেশটির দৈনিক তেল আয় ও সামগ্রিক রাজস্বে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।   পরিসংখ্যান অনুযায়ী, মার্চ ২০২৬-এ ইরান প্রতিদিন গড়ে প্রায় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা ফেব্রুয়ারির ১১৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। কিছু অর্থনৈতিক বিশ্লেষণে এ প্রবৃদ্ধি এক মাসে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও ধারণা করা হয়েছে।   বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই এই আয়ের প্রধান কারণ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় ইরান তুলনামূলক উচ্চ মূল্যে তেল বিক্রি করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ইউএস-ইসরায়েল এর সঙ্গে উত্তেজনা বিশ্ববাজারে সরবরাহ ও মূল্য উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলেছে।   নিষেধাজ্ঞার কারণে আগে যেসব ক্ষেত্রে বড় ছাড়ে তেল বিক্রি করতে হতো, বর্তমানে বাজার পরিস্থিতির কারণে সেই ছাড় অনেক কমে এসেছে। ফলে আন্তর্জাতিক দামের কাছাকাছি মূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে তেহরান।   রপ্তানির ক্ষেত্রে কৌশলগত সুবিধা হিসেবে হরমুজ প্রণালি ব্যবহারের পাশাপাশি বিকল্প শিপিং নেটওয়ার্ক বা ‘শ্যাডো ফ্লিট’-এর মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রেখেছে ইরান। বিশেষ করে চীনের শোধনাগারগুলো ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে কাজ করছে।   নতুন মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-চাপ সত্ত্বেও বিকল্প পথ ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত থাকায় দেশের জ্বালানি খাতের আয় ধারাবাহিকভাবে বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৬ ১৫:১৭
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের নেওয়া ঋণ পরিশোধ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দায়িত্ব নেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে এবং নতুন করে টাকা ছাপিয়ে ঋণ নেওয়া হয়নি।   শনিবার অনুষ্ঠিত ওই আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সভাটি আয়োজন করে অর্থ মন্ত্রণালয় এবং এতে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক ও সাংবাদিকরা অংশ নেন।   বাংলাদেশ ব্যাংকের গভর্নর সভায় জানান, ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েজ অ্যান্ড মিনস ও ওভারড্রাফট খাতে সরকারের ঋণ ছিল ১৭ হাজার ৫৯০ কোটি টাকা, যা ২২ এপ্রিল কমে ১১ হাজার ১০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।   অন্যদিকে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান দাবি করেন, মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা ‘হাইপাওয়ার মানি’ হিসেবে ঋণ নিয়েছে, যা মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে।   তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই দাবি নাকচ করে বলেন, এমন তথ্য সঠিক নয়। তার মতে, দেশের ক্রেডিট রেটিং কমে যাওয়ায় বরোয়িং কস্ট বেড়েছে, তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি টাকা ছাপিয়ে ঋণ দেওয়ার বিষয়টি বাস্তব নয়।   বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবীবুর রহমান জানান, গত দুই বছরে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোনো ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করেনি। তিনি আরও বলেন, ওয়েজ অ্যান্ড মিনস ও ওভারড্রাফটের মাধ্যমে সরকারের ঋণ মার্চে ২৭ হাজার ৬০১ কোটি টাকা থাকলেও তা পরে অর্ধেকেরও বেশি কমে এসেছে।   তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে এবং এখানে মূল বিষয় হলো মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে আছে কি না, টাকা ছাপানো বা নষ্ট করার মতো কোনো বিষয় নয়।

প্রকাশ : এপ্রিল ২৬, ২০২৬ ২:৫৯
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য বন্ধের প্রস্তাব: বিপাকে পড়তে পারেন কয়েক লাখ বিদেশি কর্মী

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং বিদেশি সস্তা শ্রমের ওপর নির্ভরতা কমাতে এইচ-১বি (H-1B) ভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি গ্রুপ এই ভিসা কার্যক্রম তিন বছরের জন্য সম্পূর্ণ স্থগিত রাখার লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছে। 'এন্ড এইচ-১বি ভিসা অ্যাবিউজ অ্যাক্ট ২০২৬' (End H-1B Visa Abuse Act of 2026) শীর্ষক এই বিলটি উত্থাপন করেন অ্যারিজোনার রিপাবলিকান প্রতিনিধি এলি ক্রেন। তার সাথে আরও সাতজন রিপাবলিকান আইনপ্রণেতা এই বিলে সমর্থন জানিয়েছেন। বিলের মূল প্রস্তাবনাসমূহ: ১. ভিসা স্থগিত: আগামী তিন বছরের জন্য নতুন কোনো এইচ-১বি ভিসা ইস্যু করা হবে না। ২. কোটা হ্রাস: বার্ষিক ভিসার সংখ্যা ৬৫ হাজার থেকে কমিয়ে মাত্র ২৫ হাজারে নামিয়ে আনা। ৩. ন্যূনতম বেতন বৃদ্ধি: এইচ-১বি ভিসা পেতে হলে কর্মীর ন্যূনতম বার্ষিক বেতন হতে হবে ২ লাখ মার্কিন ডলার। ৪. নির্ভরশীলদের প্রবেশে নিষেধাজ্ঞা: ভিসা ধারীরা তাদের পরিবারের সদস্যদের (H-4 ভিসা) যুক্তরাষ্ট্রে নিতে পারবেন না। ৫. লটারি প্রথার বিলুপ্তি: বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে সর্বোচ্চ বেতনভোগী কর্মীদের অগ্রাধিকার দিয়ে ভিসা প্রদানের প্রস্তাব করা হয়েছে। ৬. স্থায়ী বসবাসের সুযোগ বন্ধ: এইচ-১বি ভিসা থাকা অবস্থায় গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের জন্য আবেদনের সুযোগ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিলের উদ্যোক্তা এলি ক্রেন বলেন, "যুক্তরাষ্ট্র সরকারের উচিত বড় কর্পোরেশনগুলোর মুনাফার দিকে না তাকিয়ে সাধারণ নাগরিকদের কর্মসংস্থানের দিকে নজর দেওয়া। এই বিলটি মার্কিন নাগরিকদের অধিকার রক্ষা করবে।" বিশেষজ্ঞদের মতে, এই বিলটি পাশ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারত ও বাংলাদেশের আইটি পেশাদাররা। বর্তমানে বিপুল সংখ্যক দক্ষ কর্মী এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিসহ বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তবে বিলটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি আইনে পরিণত হতে কংগ্রেস ও সিনেটের দীর্ঘ প্রক্রিয়া পার করতে হবে। প্রযুক্তি খাতের বিশ্লেষকরা মনে করছেন, এই কঠোর নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো মেধাবী কর্মী সংকটে পড়তে পারে।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১৮:২৬
ছবি: সংগৃহীত।
ভিনিসিউসকে অপমান: বেনফিকা তারকা প্রেস্তিয়ানিকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিল উয়েফা

ফুটবল মাঠে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে বড় পদক্ষেপ নিল ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রকে মৌখিকভাবে লাঞ্ছিত করার দায়ে বেনফিকার আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা এই শাস্তির ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, প্রেস্তিয়ানির আচরণ ছিল বৈষম্যমূলক (হোমোফোবিক)। গত ফেব্রুয়ারিতে লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন ভিনিসিউস গোল করে কর্নার ফ্ল্যাগের কাছে উদযাপন করতে গেলে স্থানীয় সমর্থক ও বেনফিকা খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে প্রেস্তিয়ানি ভিনিসিউসের মুখ বরাবর জার্সি টেনে ধরে কিছু একটা বলেন। ভিনিসিউস অভিযোগ করেন যে তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে এবং ভিনিসিউস মাঠ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। উয়েফার নৈতিকতা ও শৃঙ্খলা কমিটির তদন্তে উঠে আসে যে প্রেস্তিয়ানির মন্তব্যটি বর্ণবাদী না হলেও তা চরম অবমাননাকর ও বৈষম্যমূলক ছিল। ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে তিনটি ম্যাচ স্থগিত (probation) রাখা হয়েছে। তিনি ইতোমধ্যে এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা কাটিয়েছেন, তাই আপাতত তাকে আরও দুটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। তবে উয়েফা ফিফাকে অনুরোধ করেছে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ম্যাচেও কার্যকর করতে। যদি ফিফা তাতে সাড়া দেয়, তবে আগামী জুনে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিযানে প্রথম দুই ম্যাচে অংশ নিতে পারবেন না এই ২০ বছর বয়সী ফুটবলার। ফুটবল বিশ্বে এই রায়কে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি বলেছেন, মুখ ঢেকে প্রতিপক্ষকে গালি দেওয়া বা বাজে মন্তব্য করার বিষয়টি ফুটবলের আইনের পরিবর্তন ঘটিয়ে লাল কার্ডের আওতায় আনা উচিত।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১৮:১২
নাহিদা বৃষ্টি
নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না।   নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার।   তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১৭:৪২
জামিল লিমন
পহেলা বৈশাখে মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল জামিলের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে নিহত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল লিমনের মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) এই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকে তার বাবা-মা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। নিহত জামিলের মা লুৎফন হক কান্নাজড়িত কণ্ঠে স্মৃতিচারণ করে জানান, গত পহেলা বৈশাখে শেষবারের মতো কথা হয়েছিল ছেলের সঙ্গে। প্রবাসে পড়াশোনার প্রচণ্ড চাপের মধ্যেও দেশীয় সংস্কৃতির প্রতি জামিলের টান ছিল অটুট। সেদিন ফোন করে মায়ের কাছে তিনি জানতে চেয়েছিলেন, "মা, তুমি কি পান্তা-ইলিশ খেয়েছ?" সেই পান্তা-ইলিশের স্মৃতিই এখন মায়ের কাছে বড় যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে। জামিলের পৈতৃক নিবাস জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষবাতান এলাকায়। তবে দীর্ঘ সময় ধরে তার পরিবার ঢাকার মাওয়ায় বসবাস করছে। তার বাল্যবন্ধু জসিম উদ্দিন জানান, জামিল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। এমন একজন মানুষের এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। উল্লেখ্য, শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে জামিল লিমনের দেহাংশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জামিলের মা-বাবা শোকে অসুস্থ হয়ে পড়েছেন এবং নিরাপত্তাজনিত কারণে নিভৃতে অবস্থান করছেন।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১৫:৫৫
ছবি: সংগৃহীত।
জামিল হত্যা: ঘাতক হিশামের অপরাধজগত নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত হিশাম সালেহ আবু গারবিয়ার অন্ধকার অতীত বেরিয়ে আসতে শুরু করেছে। আদালতের নথি ও পুলিশি তদন্তে দেখা গেছে, ২৬ বছর বয়সী এই যুবক দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আদালতের রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালে হিশামের বিরুদ্ধে মারধর, খালি বাড়িতে চুরি এবং ঘরোয়া সহিংসতার একাধিক অভিযোগ ছিল। এমনকি তার নিজের পরিবারের সদস্যও তার বিরুদ্ধে দুবার ঘরোয়া সহিংসতার মামলা করেছিলেন। এসব অপরাধের জন্য তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করা হয়েছিল। তবে প্রথমবার অপরাধ করা ব্যক্তিদের জন্য নির্ধারিত একটি বিশেষ সংশোধনমূলক কর্মসূচি (Diversion Program) সম্পন্ন করায় ২০২৪ সালে তার আগের সব অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, জামিল লিমন হত্যাকাণ্ডের পর হিশামের বিরুদ্ধে এখন ঘরোয়া সহিংসতা, মারধর, অবৈধভাবে আটকে রাখা, তথ্য-প্রমাণ নষ্ট করা, মৃত্যু সংবাদ গোপন করা এবং মরদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। শুক্রবার সকালে টাম্পা বে’র একটি ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তবে লিমনের ঘনিষ্ঠ বন্ধু ও হবু স্ত্রী নাহিদা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তদন্তকারীরা জানান, জামিল ও নাহিদাকে শেষবার হিশামের সঙ্গেই দেখা গিয়েছিল। গ্রেপ্তারের আগে হিশাম তার পরিবারের বাসায় নিজেকে আটকে রেখেছিলেন। পরে সোয়াট (SWAT) টিমের অভিযানে তিনি আত্মসমর্পণ করেন। বর্তমানে হিশাম পুলিশি হেফাজতে থাকলেও নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে হিলসবোরো কাউন্টি পুলিশ। নিহত লিমনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১৫:৪১
ছবি: সংগৃহীত।
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, যেসব দেশের অভিবাসীদের মধ্যে মার্কিন করদাতার অর্থে পরিচালিত সরকারি সহায়তা নেওয়ার হার তুলনামূলকভাবে বেশি, সেসব দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ কেবল ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্যুরিস্ট (পর্যটন) বা স্টুডেন্ট (শিক্ষা) ভিসার মতো নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া (Vetting process) আরও কঠোর করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পর্যালোচনা চলছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা প্রদান স্থগিত থাকবে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, মিশর, রাশিয়া এবং থাইল্যান্ডসহ মোট ৭৫টি দেশ।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১৫:১৮
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ ছড়াতে ব্যয় হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রে ইসলামভীতি বা ইসলামোফোবিয়া এখন আর কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি সুসংগঠিত এবং কয়েক মিলিয়ন ডলারের বিশাল শিল্পে পরিণত হয়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) এর ক্যালিফোর্নিয়া শাখার সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। প্রতিবেদনে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠী এবং নেটওয়ার্ক সুপরিকল্পিতভাবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এই বিশাল অঙ্কের অর্থ ব্যবহার করা হচ্ছে মিথ্যা তথ্য ছড়াতে, গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাতে এবং মুসলিম বিরোধী নীতি প্রণয়নে নীতি-নির্ধারকদের প্রভাবিত করতে। CAIR-এর তথ্যমতে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ২৬টি ইসলামোফোবিক গ্রুপকে প্রায় ১০৫ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ মূলত বিভিন্ন চ্যারিটেবল ফাউন্ডেশন ও প্রভাবশালী দাতাদের কাছ থেকে এসেছে। এই নেটওয়ার্কটি অত্যন্ত সুনিপুণভাবে সাধারণ আমেরিকানদের মধ্যে মুসলিমদের সম্পর্কে ভয় এবং বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, বর্তমানে এই বিদ্বেষ কেবল ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৪ এবং ২০২৫ সালে ফিলিস্তিনের পক্ষে কথা বলা বা গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করার কারণেও অনেক আমেরিকান মুসলিম এবং মানবাধিকার কর্মীরা চরম বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে এই ধরনের 'ভিউ পয়েন্ট ডিসক্রিমিনেশন' বা মতাদর্শিক বৈষম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকারকর্মীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই ধরনের পরিকল্পিত ঘৃণা ছড়ানোর ফলে মুসলিম আমেরিকানদের নিরাপত্তা ও নাগরিক অধিকার হুমকির মুখে পড়ছে। এটি কেবল একটি ধর্মের মানুষের বিরুদ্ধে নয়, বরং আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৬ ২:১৮