সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত।
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, যেসব দেশের অভিবাসীদের মধ্যে মার্কিন করদাতার অর্থে পরিচালিত সরকারি সহায়তা নেওয়ার হার তুলনামূলকভাবে বেশি, সেসব দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ কেবল ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্যুরিস্ট (পর্যটন) বা স্টুডেন্ট (শিক্ষা) ভিসার মতো নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া (Vetting process) আরও কঠোর করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পর্যালোচনা চলছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা প্রদান স্থগিত থাকবে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, মিশর, রাশিয়া এবং থাইল্যান্ডসহ মোট ৭৫টি দেশ।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১৫:১৮
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ ছড়াতে ব্যয় হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রে ইসলামভীতি বা ইসলামোফোবিয়া এখন আর কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি সুসংগঠিত এবং কয়েক মিলিয়ন ডলারের বিশাল শিল্পে পরিণত হয়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) এর ক্যালিফোর্নিয়া শাখার সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। প্রতিবেদনে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠী এবং নেটওয়ার্ক সুপরিকল্পিতভাবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এই বিশাল অঙ্কের অর্থ ব্যবহার করা হচ্ছে মিথ্যা তথ্য ছড়াতে, গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাতে এবং মুসলিম বিরোধী নীতি প্রণয়নে নীতি-নির্ধারকদের প্রভাবিত করতে। CAIR-এর তথ্যমতে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ২৬টি ইসলামোফোবিক গ্রুপকে প্রায় ১০৫ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ মূলত বিভিন্ন চ্যারিটেবল ফাউন্ডেশন ও প্রভাবশালী দাতাদের কাছ থেকে এসেছে। এই নেটওয়ার্কটি অত্যন্ত সুনিপুণভাবে সাধারণ আমেরিকানদের মধ্যে মুসলিমদের সম্পর্কে ভয় এবং বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, বর্তমানে এই বিদ্বেষ কেবল ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৪ এবং ২০২৫ সালে ফিলিস্তিনের পক্ষে কথা বলা বা গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করার কারণেও অনেক আমেরিকান মুসলিম এবং মানবাধিকার কর্মীরা চরম বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে এই ধরনের 'ভিউ পয়েন্ট ডিসক্রিমিনেশন' বা মতাদর্শিক বৈষম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকারকর্মীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই ধরনের পরিকল্পিত ঘৃণা ছড়ানোর ফলে মুসলিম আমেরিকানদের নিরাপত্তা ও নাগরিক অধিকার হুমকির মুখে পড়ছে। এটি কেবল একটি ধর্মের মানুষের বিরুদ্ধে নয়, বরং আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৬ ২:১৮
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী: জামিনের পর নাহিদা বৃষ্টির মৃত্যুও নিশ্চিত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি লিখেছেন, “আমার বোন আর আমাদের সঙ্গে নেই, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।”   এর আগে শুক্রবার ২৭ বছর বয়সী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস।   পুলিশ জানায়, লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়াকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার একটি ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে নাহিদা বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত হয়।   পুলিশের হেফাজতে থাকা হিশাম আবুঘারবিয়া, যিনি ইউএসএফ-এর সাবেক শিক্ষার্থী, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছেন।   নিহত নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।   উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে ইউএসএফ-এ পিএইচডি করছিলেন। অন্যদিকে জামিল লিমনও একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। তারা দুজনই গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।   এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এক শিক্ষার্থী জানান, পরীক্ষার প্রস্তুতির মধ্যেও এই খবর তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।   আরেক শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই ক্যাম্পাসকে সবসময় নিরাপদ মনে হতো। কিন্তু এমন ঘটনার পর এখন ভয় কাজ করছে।”   জামিল লিমন ক্যাম্পাসের উত্তরে ‘অ্যাভালন হাইটস’ অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। তার এক প্রতিবেশী জানান, প্রথমে তারা ভেবেছিলেন নিখোঁজ দুজন হয়তো কোথাও গেছেন।   কিন্তু পরে ঘটনার ভয়াবহতা বুঝে সবাই শোকাহত হয়ে পড়েন।   ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৬ ১:২৬
ছবি: সংগৃহীত।
বেইজিং অটো শোতে এক্সপেং-এর উড়ন্ত গাড়ি আর হিউম্যানয়েড রোবট দেখে তাজ্জব বিশ্ব!

ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থাকে আমূল বদলে দিতে বেইজিংয়ে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনীতে (অটো চায়না ২০২৬) চমক দেখালো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং (XPENG)। শুক্রবার (২৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি তাদের পূর্ণাঙ্গ ‘ফিজিক্যাল এআই’ (Physical AI) ইকোসিস্টেম প্রদর্শনের মাধ্যমে বিশ্ববাসীকে নতুন এক অভিজ্ঞতার স্বাদ দিয়েছে। এবারের প্রদর্শনীতে এক্সপেং তাদের শক্তিশালী প্রোডাক্ট লাইনআপের মধ্যে নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি GX, MONA M03, পরবর্তী প্রজন্মের P7 এবং X9 হাইলাইট করেছে। তবে সবচেয়ে বেশি আকর্ষণ কেড়েছে প্রতিষ্ঠানটির অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট ‘IRON’ এবং উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কার ‘ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার’। এক্সপেং-এর চেয়ারম্যান ও সিইও হে শিয়াওপেং বলেন, “গত ১২ বছরের যাত্রায় আমরা এখন এক নতুন ধাপে পৌঁছেছি। স্মার্ট ইভি থেকে ফ্লাইং কার, এআই চিপ থেকে হিউম্যানয়েড রোবট—আমরা আমাদের ফিজিক্যাল এআই ভিশনকে বাস্তবে রূপ দিচ্ছি। আমাদের লক্ষ্য কেবল যাতায়াত সহজ করা নয়, বরং প্রযুক্তিকে মানুষের জীবনের আরও গভীরে পৌঁছে দেওয়া।” প্রদর্শনীতে এক্সপেং তাদের নতুন ‘VLA 2.0’ ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেমের রিপোর্ট প্রকাশ করে। এতে দেখা যায়, গ্রাহকদের গাড়ি কেনার সিদ্ধান্তে এই এআই প্রযুক্তি প্রধান ভূমিকা পালন করছে। এছাড়া প্রতিষ্ঠানটি তাদের প্রথম রোবোট্যাক্সি (Robotaxi) প্রোটোটাইপ 'GX' উন্মোচন করেছে, যা পুরোপুরি স্বয়ংক্রিয় বা L4 অটোনোমাস ড্রাইভিং সক্ষম। এতে রয়েছে শক্তিশালী ‘টুরিং’ এআই চিপ, যা ৩০০০ TOPS কম্পিউটিং পাওয়ার প্রদান করে। ২০২৫ সালে বৈশ্বিক বাজারে এক্সপেং-এর সরবরাহ গত বছরের তুলনায় ৯৬% বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এআই চালিত স্মার্ট মোবিলিটি বা যাতায়াত ব্যবস্থায় বিশ্বসেরা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৬ ২:৪
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় ইমিগ্রেশন ফাঁক’ বন্ধের দাবি হোয়াইট হাউসের

 যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে The White House। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় হোয়াইট হাউস জানায়, “আমেরিকা আমেরিকান জনগণের জন্য—আইন পাশ কাটিয়ে প্রবেশ করতে চাওয়া লাখো মানুষের জন্য নয়।”   একই পোস্টে দাবি করা হয়, সাবেক প্রেসিডেন্ট Donald Trump “যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিবাসন ফাঁক” বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। পোস্টে আশ্রয় আবেদন ফরম I-589 Asylum Application এর ছবি ব্যবহার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে আশ্রয় ও বহিষ্কার স্থগিতের আবেদনপত্র হিসেবে পরিচিত।   এই বার্তার মাধ্যমে আশ্রয় প্রক্রিয়া আরও কঠোর করা, সীমান্ত নিয়ন্ত্রণ বাড়ানো এবং অবৈধ প্রবেশ রোধে নতুন নীতির ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী, সীমান্ত দিয়ে প্রবেশকারীদের আবেদন প্রক্রিয়া এবং মানবিক সুরক্ষা কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে।   অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে, যদি আশ্রয় আবেদন প্রক্রিয়া সীমিত করা হয়, তবে নির্যাতন বা সহিংসতা থেকে পালিয়ে আসা বহু মানুষ বিপদে পড়তে পারেন। অন্যদিকে ট্রাম্প সমর্থকরা এটিকে সীমান্ত নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখছেন।   বর্তমানে নতুন কোনো আনুষ্ঠানিক নির্বাহী আদেশ ঘোষণা না হলেও, হোয়াইট হাউসের এই বার্তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৬ ২:২২
ছবি: সংগৃহীত।
মক্কা-মদিনায় হাজীদের সহায়তা দেবে এআই, মিলবে তাৎক্ষণিক নির্দেশনা ও তথ্য

পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সমৃদ্ধ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। মক্কার গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) এবং মদিনার মসজিদে নববীতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক বহুভাষিক ‘ইন্টারক্টিভ স্মার্ট স্ক্রিন’। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত এই স্ক্রিনগুলো হজযাত্রীদের ডিজিটাল গাইড হিসেবে কাজ করবে। সৌদি আরবের ‘প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের কথা চিন্তা করে এই স্ক্রিনগুলোতে ৫০টিরও বেশি আন্তর্জাতিক ভাষা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রীরা তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য ধর্মীয় তথ্য, কোরআনের ডিজিটাল সংস্করণ এবং হজের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে জানতে পারবেন। স্মার্ট স্ক্রিনের বিশেষত্ব: ১. নির্ভুল নির্দেশনা: হজযাত্রীরা যেকোনো বিভ্রান্তি এড়াতে এই স্ক্রিন থেকে সরাসরি নির্ভরযোগ্য ফতোয়া ও ধর্মীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন। ২. সহজ নেভিগেশন: বিশাল এলাকায় হারিয়ে যাওয়া রোধে এবং যাতায়াতের সঠিক পথ খুঁজে পেতে এই ডিজিটাল ম্যাপ কার্যকর ভূমিকা রাখবে।  ৩. ডিজিটাল লাইব্রেরি: স্ক্রিনগুলোতে থাকা কিউআর কোড স্ক্যান করে হাজিরা মোবাইলেই ডাউনলোড করতে পারবেন বিভিন্ন দরকারি ইসলামিক বই ও দোয়া। ৪. নারীদের জন্য বিশেষ সুবিধা: মক্কার নারী প্রার্থনা এলাকাগুলোতেও আলাদাভাবে এই স্মার্ট স্ক্রিনগুলো স্থাপন করা হয়েছে যাতে নারী হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে তথ্য সেবা পেতে পারেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পুরো হজ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার লক্ষ্যেই এই প্রযুক্তিগত বিপ্লব আনা হয়েছে। এর ফলে ভাষাগত প্রতিবন্ধকতা দূর হওয়ার পাশাপাশি হজযাত্রীরা কোনো সাহায্যকারী ছাড়াই নিজের ভাষায় সবকিছু বুঝে নিতে পারবেন।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ২৩:৫১
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, প্রথমবার আনুষ্ঠানিক স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং গোপনীয়তার সঙ্গে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে।   শুক্রবার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশের সময় ৭৬ বছর বয়সী এই নেতা নিজেই বিষয়টি সামনে আনেন। এর মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে।   সরকারি সূত্র জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তার একটি অস্ত্রোপচার করা হয়েছিল। যদিও তখন বিষয়টি প্রকাশ করা হলেও ক্যানসার শনাক্ত হওয়ার তথ্য গোপন রাখা হয়েছিল।   সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট অনুযায়ী, অস্ত্রোপচারের সময় তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়ায় সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।   ব্যক্তিগত চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে তার শরীরে ক্যানসারের কোনো অস্তিত্ব নেই এবং সব পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছেন।   তিনি আরও জানান, প্রোস্টেটের সমস্যাটি ছিল সামান্য এবং তা পুরোপুরি নিরাময় হয়েছে।   তবে স্বাস্থ্য রিপোর্ট প্রকাশে বিলম্ব হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী রিপোর্টটি দুই মাস আগেই প্রকাশ হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত করা হয়।   এ বিষয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তার অসুস্থতার খবর শত্রু রাষ্ট্রগুলো বিশেষ করে ইরান প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, এমন আশঙ্কা থেকেই তথ্য প্রকাশে দেরি করা হয়েছে।   বর্তমানে তিনি পূর্ণ কর্মক্ষম রয়েছেন বলে জানানো হলেও, তার এই গোপনীয়তা রক্ষা করার সিদ্ধান্ত ইসরায়েলের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ২২:৩৬
যুক্তরাষ্ট্রে পুরোনো গ্রিনকার্ড যাচাইয়ে কড়াকড়ি — উদ্বেগে লাখো অভিবাসী
যুক্তরাষ্ট্রে পুরোনো গ্রিনকার্ড যাচাইয়ে কড়াকড়ি — উদ্বেগে লাখো অভিবাসী

যুক্তরাষ্ট্রে পুরোনো গ্রিনকার্ডধারীদের নথিপত্র পুনরায় যাচাই করা হতে পারে—এমন খবরে অভিবাসী সমাজে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএস সিটিজেনশিপ আন্ড ইমিগ্রেশন সার্ভিসেস কিছু পুরোনো অনুমোদিত গ্রিনকার্ড ও স্থায়ী বসবাসের কেস পুনরায় পর্যালোচনার উদ্যোগ নিতে পারে।   প্রতিবেদন অনুযায়ী, যেসব আবেদনপত্রে ভুল তথ্য, জাল কাগজপত্র, প্রতারণা, পরিচয় গোপন করা কিংবা নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকির অভিযোগ রয়েছে, সেসব কেস নতুন করে খতিয়ে দেখা হতে পারে। কর্মকর্তাদের ভাষ্য, অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও আইন প্রয়োগ নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।   তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ নিয়ম মেনে বৈধভাবে গ্রিনকার্ড পাওয়া ব্যক্তিদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সব গ্রিনকার্ডধারীদের বিরুদ্ধে গণতদন্ত নয়। বরং যেসব কেসে আগে থেকেই প্রশ্ন রয়েছে বা অসঙ্গতির অভিযোগ আছে, মূলত সেগুলোই পুনরায় যাচাইয়ের আওতায় আসতে পারে।   অভিবাসন আইনজীবীদের মতে, যদি কেউ সঠিক তথ্য দিয়ে গ্রিনকার্ড পেয়ে থাকেন, নিয়মিত কর পরিশোধ করেন, গুরুতর অপরাধে জড়িত না থাকেন এবং আইন মেনে চলেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।   অন্যদিকে, আবেদনপত্রে মিথ্যা তথ্য দেওয়া, জাল নথি ব্যবহার, ভুয়া বিবাহ দেখিয়ে সুবিধা নেওয়া, দীর্ঘ সময় ঠিকানা গোপন রাখা বা গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার মতো ঘটনা থাকলে জটিলতা তৈরি হতে পারে। এমন ক্ষেত্রে সরকার গ্রিনকার্ড বাতিল বা আইনি পদক্ষেপও নিতে পারে।   এদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয়সহ বিভিন্ন অভিবাসী কমিউনিটিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে গ্রিনকার্ডধারী অনেকেই জানতে চাইছেন, পুরোনো ফাইল কি সত্যিই আবার খোলা হবে?   বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়ানোর রাজনৈতিক আলোচনা চললেও এখন পর্যন্ত সব পুরোনো গ্রিনকার্ডধারীর বিরুদ্ধে ব্যাপক যাচাই অভিযান শুরুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অতিরঞ্জিত খবর দেখে আতঙ্কিত না হয়ে সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।   গ্রিনকার্ডধারীদের জন্য পরামর্শ * সব গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করুন * নিয়মিত কর পরিশোধ ও রেকর্ড রাখুন * ঠিকানা পরিবর্তন হলে দ্রুত আপডেট করুন * দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে আইনগত পরামর্শ নিন * কোনো সরকারি নোটিশ পেলে দ্রুত বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন   অভিবাসী সমাজের অনেকে বলছেন, “আইন মেনে চললে ভয় নেই, তবে সচেতন থাকা জরুরি।”

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ২১:৪৯
ছবি: সংগৃহীত।
তোলপাড় সৃষ্টি করেছে ডিপসিক-ভি৪, এআই দুনিয়ায় এবার রাজত্ব করতে যাচ্ছে চীন?

বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আধিপত্য বিস্তারের লড়াই এবার আরও তুঙ্গে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনাই-কে সরাসরি টেক্কা দিতে চীনভিত্তিক স্টার্টআপ ‘ডিপসিক’ বাজারে এনেছে তাদের লেটেস্ট মডেল ‘ডিপসিক-ভি৪’।  শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) এক আনুষ্ঠানিক ঘোষণায় কোম্পানিটি এই নতুন মডেলের প্রিভিউ সংস্করণ উন্মোচন করেছে। মার্কিন মডেলের চেয়েও সস্তা:ডিপসিক-ভি৪ এর সবচেয়ে বড় চমক হলো এর অবিশ্বাস্য কম দাম। কোম্পানিটির দাবি, তাদের এই মডেলটি ব্যবহার করতে খরচ হবে ওপেনএআই বা অ্যানথ্রপিকের মডেলগুলোর তুলনায় কয়েক গুণ কম।  যেখানে মার্কিন কোম্পানিগুলো তাদের শক্তিশালী মডেলগুলোর এপিআই (API) ব্যবহারের জন্য উচ্চমূল্য রাখে, সেখানে ডিপসিক অত্যন্ত সস্তায় একই মানের বা তার চেয়েও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কারিগরি সক্ষমতা: ডিপসিকের নতুন এই মডেলে রয়েছে ‘ভি৪-প্রো’ (V4-Pro) এবং ‘ভি৪-ফ্ল্যাশ’ (V4-Flash) নামক দুটি সংস্করণ। এর মধ্যে প্রো সংস্করণটিতে ১.৬ ট্রিলিয়ন প্যারামিটার রয়েছে, যা একে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী এআই মডেলে পরিণত করেছে। এটি গণিত এবং কোডিংয়ের ক্ষেত্রে ওপেন-সোর্স মডেলগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং বিশ্বজ্ঞানের ক্ষেত্রে জেমিনাই ৩.১-প্রো-র ঠিক পরেই এর অবস্থান। ১ মিলিয়ন টোকেন উইন্ডো: গবেষকদের মতে, ডিপসিক-ভি৪ এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ১ মিলিয়ন টোকেন সমৃদ্ধ কন্টেক্সট উইন্ডো। এর মানে হলো, এই এআই একবারে কয়েক হাজার পৃষ্ঠার বই বা বিশালাকার কোডবেস বিশ্লেষণ করতে পারবে কোনো তথ্য না হারিয়েই। হুয়াওয়ে চিপের প্রভাব: মার্কিন নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়া (Nvidia) চিপের সংকট থাকলেও, ডিপসিক তাদের এই মডেলটিকে চীনের তৈরি হুয়াওয়ে অ্যাসেন্ড (Huawei Ascend) চিপের ওপর ভিত্তি করে তৈরি করেছে। এটি প্রমাণ করে যে, হার্ডওয়্যার সীমাবদ্ধতা সত্ত্বেও চীন এআই প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ১৬:২৭
ছবি: সংগৃহীত।
এক টিকিটের দাম ২৩ কোটি টাকা! ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলা হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ফাইনাল

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখনই চরমে। তবে ফুটবল প্রেমীদের জন্য এবার এক চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম হাঁকানো হচ্ছে অবিশ্বাস্য ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকারও বেশি! সম্প্রতি টিকিট পুনঃবিক্রয়কারী একটি প্ল্যাটফর্মে এই চড়া দাম লক্ষ্য করা গেছে। সাধারণত ফিফা কর্তৃক নির্ধারিত দামের চেয়ে কয়েক গুণ বেশি দামে টিকিট রিসেল বা পুনঃবিক্রয় করার ঘটনা নতুন নয়, তবে ২০ লাখ ডলারের এই অঙ্ক সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে সাধারণ জনগণের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেনি, তবে রিসেলারদের এমন কর্মকাণ্ডে ফুটবল ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় কালোবাজারি এবং বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটগুলো এই সুযোগ নিচ্ছে। ফিফা বরাবরই দর্শকদের সতর্ক করে আসছে যেন তারা কেবল অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই টিকিট সংগ্রহ করেন। ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, ফলে ম্যাচ এবং টিকিটের সংখ্যা বাড়লেও ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচের টিকিটের জন্য দর্শকদের বড় অঙ্কের অর্থই গুণতে হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ১৬:৯
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ভাড়া স্থগিতের দাবিতে চাপ বাড়ছে, উত্তপ্ত রেন্ট বোর্ডের শুনানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভাড়া সংকটকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রেন্ট গাইডলাইনস বোর্ড- এর সাম্প্রতিক শুনানি। এতে অংশ নিয়ে ভাড়াটিয়া অধিকারকর্মীরা শহরের সব ভাড়া-নিয়ন্ত্রিত লিজের ওপর অবিলম্বে ভাড়া স্থগিত কার্যকরের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ ভাড়াটিয়া সরাসরি উপকৃত হবেন।   শুনানিতে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট টেন্যান্ট ব্লকের নির্বাহী পরিচালক সুমাথি কুমার, চায়নাটাউন টেন্যান্ট ইউনিয়নের সংগঠক জুলি জু এবং হাউজিং কনজারভেশন কোঅর্ডিনেটরস-এর কমিউনিটি সংগঠক এলিসা মার্টিনেজ। তারা বলেন, বর্তমান সংকট শুধু ভাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে অভিবাসন অভিযানের চাপ, যুদ্ধজনিত মূল্যস্ফীতি এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় সংকোচন।   ভাড়াটিয়া নেতাদের দাবি, এই বহুমাত্রিক সংকট মোকাবিলায় ভাড়া স্থগিতই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। তাদের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে এ দাবির পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। গত বসন্তে প্রায় ২০ হাজার ভাড়াটিয়া এতে স্বাক্ষর করেছেন এবং সাম্প্রতিক নির্বাচনে এক মিলিয়নের বেশি ভোটার ভাড়া স্থগিতের প্রতিশ্রুতিদাতা প্রার্থীদের সমর্থন দিয়েছেন। বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ নিউইয়র্কবাসী এ দাবির পক্ষে।   তাদের যুক্তি, বিদ্যমান তথ্য-উপাত্তও এই দাবিকে সমর্থন করে। রেন্ট বোর্ডের নিজস্ব প্রতিবেদনে দেখা গেছে, গত বছর বাড়িওয়ালাদের মুনাফা ৬ শতাংশ বেড়েছে এবং গত তিন বছরে তাদের নিট পরিচালন আয় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে একই সময়ে ভাড়া বেড়েছে প্রায় ১২ শতাংশ, অথচ ভাড়াটিয়াদের আয় তেমন বাড়েনি। একটি জরিপ অনুযায়ী, অর্ধেকের বেশি ভাড়াটিয়া দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন এবং দুই-তৃতীয়াংশের কোনো জরুরি সঞ্চয় নেই।   শুনানিতে আরও অভিযোগ করা হয়, ভাড়া বৃদ্ধি বাড়িওয়ালাদের দায়িত্বজ্ঞানহীন আচরণকে উৎসাহিত করছে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া ভবনের রক্ষণাবেক্ষণে ব্যয় না করে ঋণ পরিশোধ বা নতুন সম্পত্তি কেনায় ব্যবহার করা হচ্ছে। এমনকি শহরের মেরামত সহায়তা কর্মসূচিতে অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক বাড়িওয়ালা তাতে আবেদন করেননি যা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।   বর্তমানে নিউইয়র্কে ভাড়াটিয়াদের আর্থিক চাপ চরমে পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রায় ৫১.৬ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের ৩০ শতাংশের বেশি ভাড়ায় ব্যয় করছেন এবং প্রায় ২৮.৮ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের অর্ধেকের বেশি ভাড়ার পেছনে খরচ করছেন। বিশেষ করে ব্রঙ্কস এলাকায় কম আয়ের বিপরীতে ভাড়া দ্রুত বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।   এছাড়া ২০২৫ সালে শহরে উচ্ছেদের হার প্রায় ৯.৭ শতাংশ বেড়েছে, যা ভাড়াটিয়াদের অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আবাসন খরচ এখন মূল্যস্ফীতির অন্যতম প্রধান কারণ এবং অধিকাংশ পরিবারের মাসিক ব্যয়ের সবচেয়ে বড় অংশ।   এই প্রেক্ষাপটে ভাড়াটিয়া নেতারা মনে করছেন, ভাড়া স্থগিত কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সামাজিক ন্যায়বিচারের প্রশ্নও। তাদের দাবি, রেন্ট গাইডলাইনস বোর্ডের উচিত বর্তমান বাস্তবতা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, যাতে নিউইয়র্কের লাখো ভাড়াটিয়া কিছুটা স্বস্তি পেতে পারেন।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ১৬:৯
ছবি: সংগৃহীত।
‘ডার্ক ম্যাটার’ অনুসন্ধানে নাসার নতুন বিস্ময় 'ন্যান্সি গ্রেস রোমান' টেলিস্কোপ

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দীর্ঘ প্রতীক্ষার পর নাসা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ মহাকাশ টেলিস্কোপ 'ন্যান্সি গ্রেস রোমান'-এর মূল কাঠামো তৈরির কাজ সম্পন্ন করেছে। ২০২৬ সালের মধ্যে এটি মহাকাশে উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাবলের উত্তরসূরি, জেমস ওয়েবের সঙ্গী নাসার এই নতুন টেলিস্কোপটিকে বিখ্যাত বিজ্ঞানী এবং 'মাদার অফ হাবল' খ্যাত ন্যান্সি গ্রেস রোমানের নামে নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি বিখ্যাত হাবল টেলিস্কোপের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি এলাকা একবারে পর্যবেক্ষণ করতে পারবে। যেখানে হাবল টেলিস্কোপের কোনো নির্দিষ্ট এলাকার ছবি তুলতে বছরের পর বছর সময় লাগত, সেখানে 'রোমান' সেই কাজ সম্পন্ন করবে মাত্র কয়েক দিনে। সহজ কথায়, এটি হাবলের চেয়ে ১০০০ গুণ দ্রুতগতিতে মহাকাশের মানচিত্র তৈরি করতে সক্ষম। ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপের মূল লক্ষ্য হলো মহাবিশ্বের রহস্যময় 'ডার্ক এনার্জি' এবং 'ডার্ক ম্যাটার' নিয়ে গবেষণা করা। এর ৩০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা কোটি কোটি গ্যালাক্সির প্যানোরামিক ছবি তুলবে, যা মহাবিশ্বের প্রসারণ এবং বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে। এছাড়া আমাদের সৌরজগতের বাইরে হাজার হাজার নতুন গ্রহ বা 'এক্সোপ্ল্যানেট' খুঁজে বের করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারিগরি উৎকর্ষ মেরিল্যান্ডের গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে এই টেলিস্কোপটির সংযোজন সম্পন্ন হয়েছে। এর আয়নাটি হাবলের মতোই ২.৪ মিটার চওড়া হলেও, এর প্রযুক্তিগত ক্ষমতা অনেক গুণ বেশি। এটি মহাকাশের এমন গভীর এবং প্রশস্ত ছবি তুলবে যা আগে কখনো সম্ভব হয়নি। নাসার প্রকল্প বিজ্ঞানীরা জানিয়েছেন, জেমস ওয়েব টেলিস্কোপ যেখানে মহাবিশ্বের গভীরে সুনির্দিষ্ট কোনো বস্তুর ওপর ফোকাস করে, সেখানে রোমান টেলিস্কোপ পুরো আকাশজুড়ে এক বিশাল মানচিত্র তৈরি করবে। এই দুই টেলিস্কোপের যৌথ তথ্য মহাকাশ গবেষণায় নতুন বিপ্লব নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।  

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ১৫:৭
ছবি: সংগৃহীত।
যৌন হয়রানি অভিযোগে মামলা, বিপাকে বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট

বিশ্বখ্যাত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর জেমস স্টিফেন ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে 'মিস্টার বিস্ট' নামে পরিচিত, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন হয়রানি ও বৈষম্যের গুরুতর অভিযোগ তুলেছেন এক সাবেক কর্মী। লরেন মাভ্রোমাটিস নামে মিস্টার বিস্টের সাবেক এক ভিডিও এডিটর ও প্রযোজক এই অভিযোগ করেছেন। এপি নিউজ (AP News)-এর এক প্রতিবেদনে জানানো হয়, মাভ্রোমাটিস দাবি করেছেন যে তার গর্ভাবস্থায় তাকে যথাযথ সহায়তা দেওয়া হয়নি এবং মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রেও বৈষম্য করা হয়েছে। লরেনের অভিযোগ অনুযায়ী, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তাকে প্রতিকূল কর্মপরিবেশের মুখোমুখি হতে হয় এবং পরবর্তীতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু মাতৃত্বকালীন ছুটিই নয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মপরিবেশ নিয়ে তিনি আরও কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। লরেন জানান, মিস্টার বিস্টের প্রোডাকশন হাউসে নারী কর্মীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং যৌন হয়রানির মতো ঘটনাও ঘটেছিল। তার দাবি, তিনি এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং তাকেই কোণঠাসা করা হয়েছিল। মিস্টার বিস্টের এই কোম্পানি 'বিস্ট ইনডাস্ট্রিজ' সাম্প্রতিক সময়ে বেশ কিছু আইনি ও নৈতিক বিতর্কের সম্মুখীন হচ্ছে। এর আগেও কোম্পানিটির কর্মপরিবেশ এবং লটারির মতো ভিডিওগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন পর্যন্ত মিস্টার বিস্ট বা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে লরেন মাভ্রোমাটিসের এই সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কোটি কোটি ভক্তের প্রিয় এই ইউটিউবারের বিরুদ্ধে এমন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ১৫:১
ছবি: সংগৃহীত।
দুবাই বা কাতার নয়, এবার বিশ্ব এভিয়েশনে রাজত্ব করতে নামছে ইথিওপিয়া!

আফ্রিকার আকাশপথের রাজা হওয়ার লক্ষ্য নিয়ে বিশাল এক মেগা প্রকল্প হাতে নিয়েছে ইথিওপিয়া। দেশটির রাজধানী আদ্দিস আবাবার অদূরে বিশোফতুতে ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা) ব্যয়ে নির্মিত হচ্ছে মহাদেশটির বৃহত্তম বিমানবন্দর। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই বিমানবন্দরটি বর্তমানে আফ্রিকার সবচেয়ে ব্যস্ত 'বোলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট'-এর ওপর চাপ কমাতে তৈরি করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের প্রথম ধাপ শেষ হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে বছরে ৬ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। পুরো প্রকল্প শেষ হলে এর সক্ষমতা দাঁড়াবে বছরে ১১ কোটি যাত্রীতে, যা বর্তমানে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর আটলান্টার সক্ষমতার কাছাকাছি। ইথিওপিয়ান এয়ারলাইন্সের সিইও মেসফিন তাসিউ জানিয়েছেন, এই বিমানবন্দরে একই সাথে ২৭০টি বিমান পার্কিংয়ের সুবিধা থাকবে। বিশাল এই প্রকল্পে থাকবে চারটি রানওয়ে এবং অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। মূলত ট্রানজিট যাত্রীদের জন্য একটি বিশ্বমানের হাব তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। উল্লেখ্য যে, ইথিওপিয়ান এয়ারলাইন্স বর্তমানে আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা এবং সম্প্রতি তারা ঢাকা থেকেও সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এই নতুন বিমানবন্দরটি চালু হলে তা বিশ্ববাণিজ্য ও পর্যটনে আফ্রিকার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ২:৪১
ছবি: সংগৃহীত।
নতুন আইনের ফলে কানাডার নাগরিকত্ব পেতে যাচ্ছেন লাখ লাখ আমেরিকান

যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিকের জন্য খুলে গেল কানাডার নাগরিকত্ব পাওয়ার এক অভাবনীয় সুযোগ। কানাডার নাগরিকত্ব আইনে বড় ধরনের এক সংশোধনী আনার ফলে এখন থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা যুক্তরাষ্ট্রের বসবাস করছেন, তাদের অনেকেই আইনিভাবে কানাডীয় হিসেবে গণ্য হবেন। মূল ঘটনা কী? ২০০৯ সাল থেকে কানাডায় একটি নিয়ম প্রচলিত ছিল যে, দেশের বাইরে জন্ম নেওয়া কোনো কানাডীয় নাগরিকের সন্তান যদি দেশের বাইরেই জন্ম নেয়, তবে সে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেত না। একে বলা হতো 'ফার্স্ট জেনারেশন লিমিট'। কিন্তু গত বছর ওন্টারিও সুপিরিয়র কোর্ট এই নিয়মটিকে অসাংবিধানিক বলে রায় দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এই নিয়মটি বৈষম্যমূলক। এরই প্রেক্ষিতে কানাডা সরকার 'বিল সি-৩' পাস করে, যা গত ডিসেম্বরে কার্যকর হতে শুরু করেছে। এই নতুন আইনের আওতায় যারা জন্মসূত্রে কানাডীয় কিন্তু দেশের বাইরে থাকার কারণে নাগরিকত্ব পাননি (যাদের 'লস্ট কানাডিয়ান্স' বলা হয়), তারা এবং তাদের উত্তরসূরিরা এখন নাগরিকত্বের আবেদন করতে পারবেন। কেন এই আইন গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। কয়েক প্রজন্ম আগে যাদের পূর্বপুরুষরা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন, তারা এখন সহজেই কানাডীয় পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তার কথা ভেবে অনেক আমেরিকান একটি 'প্ল্যান বি' বা বিকল্প নাগরিকত্ব হিসেবে কানাডার দিকে ঝুঁকছেন। আবেদন প্রক্রিয়া: ইতিমধ্যেই এই নাগরিকত্ব পাওয়ার জন্য নথিপত্র সংগ্রহের হিড়িক পড়ে গেছে। আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তাদের বাবা-মা, দাদা-দাদি বা তার আগের কোনো প্রজন্মের সরাসরি রক্তসম্পর্কিত কেউ কানাডার নাগরিক ছিলেন। তবে এক্ষেত্রে আবেদনকারীর কানাডার সাথে একটি 'সুদৃঢ় সংযোগ' (Substantial Connection) থাকতে হবে, যার অর্থ হলো আবেদনকারীর অভিভাবককে কানাডায় নির্দিষ্ট সময় (প্রায় ৩ বছর) বসবাসের প্রমাণ দেখাতে হতে পারে। ইমিগ্রেশন কনসালট্যান্টরা জানিয়েছেন, গত কয়েক মাসে মার্কিন নাগরিকদের কাছ থেকে আসা আবেদনের হার আগের তুলনায় প্রায় ১০ গুণ বেড়েছে। অনেকে কেবল পারিবারিক শেকড়ের টানে নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তার কথা মাথায় রেখেই কানাডীয় নাগরিকত্ব পেতে আগ্রহী হচ্ছেন।

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ২:৩৪
ছবি: সংগৃহীত
প্রজনন রক্ষায় কাপ্তাই হ্রদে আজ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে আজ শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মৎস্য আহরণ বন্ধ হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ এপ্রিল রাত ১২টার পর থেকে হ্রদে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।   গত ২০ এপ্রিল জেলা প্রশাসনের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণত প্রতি বছর ১ মে থেকে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হলেও, এ বছর হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ২৪ এপ্রিল রাত ১২টার আগে ধরা মাছসমূহ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পরিবহন সম্পন্ন করতে হবে।   নিষেধাজ্ঞা চলাকালীন হ্রদসংলগ্ন সকল বরফকল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। একইসঙ্গে অবৈধভাবে মাছ ধরা ও বাজারজাতকরণ রোধে হ্রদসংলগ্ন এলাকাগুলোতে কড়া নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।   মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের জীবনযাত্রায় সহায়তার জন্য সরকারিভাবে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিশেষ চাল বরাদ্দ দেওয়া হবে। হ্রদের প্রাকৃতিক বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে এই আগাম নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ২:১৮
ছবি: সংগৃহীত
মেট্রো আটলান্টা ও উত্তর জর্জিয়ার জমজমাট সপ্তাহান্তের বিনোদন সূচি

​​​​মেট্রো আটলান্টা এবং উত্তর জর্জিয়া এই সপ্তাহান্তে উৎসব, লাইভ মিউজিক, খেলাধুলা এবং বিশেষ ইভেন্টে মুখর হয়ে উঠছে। ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে পরিবার ও বন্ধুদের নিয়ে উপভোগ করার মতো অসংখ্য আয়োজন রয়েছে। প্রকৃতি প্রেমীদের জন্য ২৫ এপ্রিল পন্স সিটি মার্কেটে বিশেষ ‘আর্থ ডে সেলিব্রেশন’ অনুষ্ঠিত হবে, যেখানে পরিবেশ রক্ষায় স্থানীয় বিভিন্ন সংস্থা অংশ নেবে।   উৎসব প্রিয়দের জন্য রয়েছে ইনম্যান পার্ক ফেস্টিভ্যাল, জর্জিয়া স্ট্রবেরি ফেস্টিভ্যাল এবং ডানউডির লেমোনেড ডেস ফেস্টিভ্যাল। স্মিথ-গিলবার্ট গার্ডেনে থাকছে ‘আর্ট ব্লুমস’ বসন্ত উৎসব এবং চ্যাম্বলিতে বসবে বর্ণাঢ্য ব্লুমস চায়নাটাউন মার্কেট। এছাড়া জিওর্থি ফেয়ারগ্রাউন্ডসে লরেন্সভিল স্প্রিং ফেয়ার এবং হ্যাম্পটনের ইকো-পার্ক স্পিডওয়েতে জর্জিয়া স্টেট ফেয়ারের মতো বড় আয়োজনগুলো দর্শকদের বিনোদন দেবে।   সংগীত ও বিনোদন জগতে আটলান্টা সিম্ফনি হলে পাচো ফ্লোরেসের পারফরম্যান্স এবং কব এনার্জি সেন্টারে অপেরা ‘টুরান্ডট’ মঞ্চস্থ হবে। চলচ্চিত্র অনুরাগীদের জন্য প্লাজা ও তারা থিয়েটারে চলছে ৫০তম আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল। এছাড়া আলফারেটায় ‘ডাই লাফিং’ কমেডি শো এবং দ্য মাস্কুয়ারেডে বিশেষ ডিস্কো ড্যান্স পার্টির আয়োজন করা হয়েছে।   খেলাধুলা এবং অটোমোবাইল উৎসাহীদের জন্য ট্রুইস্ট পার্কে আটলান্টা ব্রেভসের হোমস্ট্যান্ড ইভেন্টগুলো বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে। উত্তর জর্জিয়ার ফেয়ারমাউন্ট এবং ডসনভিলে অনুষ্ঠিত হবে বেশ কিছু কার ও জিপ শো। লেক ল্যানিয়ারে বোট শো এবং ডিকেচারে কার্টার্স কাপ সকার ইভেন্ট এই সপ্তাহান্তের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করবে।   সূত্র: ফক্স ৫ আটলান্ট

প্রকাশ : এপ্রিল ২৪, ২০২৬ ১:১৬
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ | ছবি: সংগৃহীত
ডলার সংকটে চীনা ইউয়ানে তেল বিক্রির হুঁশিয়ারি আরব আমিরাতের

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট ডলার সংকট মোকাবিলায় এবার চীনা মুদ্রায় তেল বিক্রির হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই পদক্ষেপটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ‘পেট্রোডলার’ ব্যবস্থার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন যে এশীয় ও উপসাগরীয় মিত্ররা জরুরি ভিত্তিতে 'কারেন্সি সোয়াপ লাইন' বা দ্রুত ডলার বিনিময়ের সুযোগ চেয়েছে।   ইরানের পাল্টা আক্রমণের ফলে এই অঞ্চলের জ্বালানি সরবরাহ এবং ডলারের প্রাপ্যতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমিরাতের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, যদি ডলারের সরবরাহ পুনরুদ্ধার না করা হয়, তবে তেল লেনদেনের জন্য তারা ইউয়ানসহ অন্যান্য বিকল্প মুদ্রা ব্যবহার করতে বাধ্য হবেন। বিশ্লেষকদের মতে, আমিরাত এখনই ডলার ত্যাগ না করলেও এই হুঁশিয়ারিটি মূলত বর্তমান সংকটকালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক ও নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার একটি চাপ সৃষ্টি করার কৌশল।   চীন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারে ইউয়ানের প্রভাব বাড়াতে চেষ্টা করছে, তাই আমিরাতের এমন অবস্থান বেইজিংয়ের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। যদি আংশিকভাবেও ইউয়ানে তেল বিক্রি শুরু হয়, তবে তা বৈশ্বিক অর্থনীতিতে ‘ডি-ডলারাইজেশন’ বা ডলারের আধিপত্য কমানোর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।   বর্তমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ১৯৯০-এর দশকের পর উপসাগরীয় দেশগুলো সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈচিত্র্যময় মুদ্রা ব্যবহারের দিকে ঝুঁকছে।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ২২:৪৯
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দিয়ে ইতালিকে নেওয়ার প্রস্তাব ট্রাম্পের, ফিফার নাকচ

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে সরিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার এক বিতর্কিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি। ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো এই প্রস্তাবে দাবি করা হয়েছে, ফুটবলের ঐতিহ্যের খাতিরেই ইতালির বিশ্বকাপে থাকা জরুরি। উল্লেখ্য, বাছাইপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে ইতালি এবারের বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে।   বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাবটি মূলত ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কমানোর একটি রাজনৈতিক কৌশল। পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের করা কিছু মন্তব্যে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষুব্ধ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ফিফার অভ্যন্তরে এই প্রস্তাব নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবং অনেক ফুটবল বিশেষজ্ঞ একে ‘নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন।   ইরান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, তারা মাঠের লড়াইয়ে যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে জায়গা পেয়েছে। ইরান ফুটবল ফেডারেশন তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্দিষ্ট কিছু ম্যাচ মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানিয়েছে। ফিফার ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির এমন চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছে মুসলিম বিশ্বের দেশগুলোও।   ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো অবশ্য এই প্রস্তাবে সায় দেননি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান বাছাইপর্ব পেরিয়েই বিশ্বকাপে এসেছে এবং কোনো দেশের রাজনৈতিক চাপের মুখে তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ট্রাম্প প্রশাসনের এমন প্রস্তাব ফুটবল বিশ্বে অস্থিরতা ও চাঞ্চল্য তৈরি করেছে।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ২২:৪৯
ছবি: সংগৃহীত
বিদেশে জন্ম নেওয়া শত শত মার্কিন নাগরিকের নাগরিকত্ব বাতিলে জোরালো উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং বিদেশে জন্মগ্রহণকারী শত শত ন্যাচারালাইজড নাগরিকের নাগরিকত্ব বাতিলের এক নজিরবিহীন ও জোরালো প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ (DOJ) বর্তমানে প্রায় ৩৮৪ জন নাগরিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিতে চাইছে যে, নাগরিকত্ব অর্জনের পথে যেকোনো ধরনের অসততা বা তথ্য গোপনকে তারা কঠোরভাবে দমন করবে। যদিও এই পদক্ষেপ বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে, তবে প্রশাসন একে "আইনের শাসন" রক্ষার একটি অংশ হিসেবেই দাবি করছে।    প্রশাসনের অভ্যন্তরীণ তথ্যানুযায়ী, এই সাঁড়াশি অভিযান মূলত তাদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা নাগরিকত্ব পাওয়ার সময় তথ্য জালিয়াতি করেছেন। বিশেষ করে যারা নাগরিকত্ব আবেদনের সময় নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড গোপন করেছেন, জাল কাগজপত্র দাখিল করেছেন কিংবা কেবল গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়ার জন্য ভুয়া বৈবাহিক সম্পর্ক (Marriage Fraud) দেখিয়েছেন, তাদের নাগরিকত্ব চ্যালেঞ্জ করা হচ্ছে। বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই ৩৮৪ জন নাগরিক কেবল "প্রথম তরঙ্গের" অংশ; ভবিষ্যতে এই তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের একটি অংশ একে "হোয়াইট হাউসের নিজস্ব উদ্যোগ" হিসেবে বর্ণনা করলেও সরকারি মুখপাত্ররা বলছেন, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং প্রচলিত ফেডারেল আইনের যথাযথ প্রয়োগ মাত্র।   যুক্তরাষ্ট্রের আইনি কাঠামো অনুযায়ী, চাইলেই প্রশাসন একক সিদ্ধান্তে কারও নাগরিকত্ব কেড়ে নিতে পারে না। এর জন্য ফেডারেল আদালতে প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করতে হয় এবং সরকারের পক্ষ থেকে অকাট্য প্রমাণ উপস্থাপন করতে হয়। বিচারক যদি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্তুষ্ট হন যে সংশ্লিষ্ট ব্যক্তি জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নিয়েছেন, তবেই তা বাতিল করার আদেশ দেওয়া সম্ভব। নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিকে তখন তার পূর্ববর্তী অভিবাসন স্ট্যাটাসে ফিরে যেতে হয়, যা তাকে সরাসরি নির্বাসনের (Deportation) ঝুঁকিতে ফেলে দেয়। ২০২৬ সালের এই বিশেষ অভিযান বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক, কারণ এর আগে বছরে গড়ে মাত্র গুটি কয়েক নাগরিকত্ব বাতিলের মামলা দেখা যেত।   ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানকে অনেকেই তাদের বৃহত্তর অভিবাসন নীতির অংশ হিসেবে দেখছেন। সীমান্ত নিয়ন্ত্রণ ও গণ-নির্বাসন প্রক্রিয়ার পাশাপাশি নাগরিকত্ব যাচাইয়ের এই প্রক্রিয়াটি ভোটারদের কাছে একটি কঠোর বার্তা দেওয়ার রাজনৈতিক কৌশল। অন্যদিকে, অভিবাসন অধিকার রক্ষাকারী সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, এ ধরনের গণ-মামলার প্রস্তুতি বৈধভাবে নাগরিকত্ব পাওয়া লাখো মানুষের মনে ভীতি সৃষ্টি করবে, যা দীর্ঘমেয়াদে আমেরিকান সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন যে, যারা কোনো তথ্য গোপন না করে স্বচ্ছ প্রক্রিয়ায় নাগরিকত্ব পেয়েছেন তাদের ভয়ের কারণ নেই, তবে নথিপত্রে কোনো ধরনের অসঙ্গতি থাকলে দ্রুত আইনি সহায়তা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৬ ১৮:৪৯