সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত।
তেলের দাম বাড়লেও কাটেনি সংকট: পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তিতে চালকরা

ইরানকে ঘিরে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দাম বাড়ার ঘোষণার পর প্রথম দিনেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে তেলের জন্য হাহাকার এবং যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আজ রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি ফিলিং স্টেশনের সামনেই শত শত যানবাহন অপেক্ষায় রয়েছে। কোথাও কোথাও তেলের লাইনের শেষ প্রান্ত আশপাশের অলিগলিতে গিয়ে ঠেকেছে। চালকদের অভিযোগ, ১০ থেকে ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোগান্তির শিকার এক প্রাইভেটকার চালক বলেন, "ভেবেছিলাম দাম বাড়লে অন্তত তেল পাওয়া যাবে। কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, পাম্প থেকে বলছে তেল শেষ।" একই ক্ষোভ প্রকাশ করেছেন মোটরবাইক চালকরাও। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে দৈনন্দিন উপার্জনে। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত কম। তেল আসার কিছুক্ষণ পরেই মজুত শেষ হয়ে যাচ্ছে, ফলে লাইনে থাকা সবাইকে জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার ভোক্তা পর্যায়ে তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জনসাধারণের আশঙ্কা, জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া এবং নিত্যপণ্যের দাম আরও আকাশচুম্বী হবে। অন্যদিকে, পাম্প মালিকরা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের দাবি, এতে তেলের অবৈধ মজুত কমবে এবং বাজারে স্বচ্ছতা ফিরবে। তবে বর্তমান সংকট নিরসনে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা।

প্রকাশ : এপ্রিল ১৯, ২০২৬ ২:৪৬
ছবি: সংগৃহীত
হরমুজ সংকটে জ্বালানি টানাপোড়েন: কোন দেশ কীভাবে সামাল দিচ্ছে

২০২৬ সালের ‘হরমুজ সংকট’ বৈশ্বিক অর্থনীতিকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বিশ্বে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশ নিজ নিজ কৌশলে জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা করছে।   সংকট মোকাবিলায় এগিয়ে রয়েছে জাপান। দেশটি তাদের কৌশলগত তেলের মজুত থেকে ইতোমধ্যে ৪৫ দিনের সরবরাহ ছেড়েছে এবং আরও ২০ দিনের রিজার্ভ ছাড়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রুটে তেল আমদানির উদ্যোগ নিয়েছে।   ভারত তীব্র তাপপ্রবাহ ও বিদ্যুতের বাড়তি চাহিদার মধ্যে কর কমানো, এলপিজি রেশনিং এবং বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।   অন্যদিকে পাকিস্তান গুরুতর সংকটে পড়েছে। দেশটির জ্বালানির বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হলে তেল রেশনিংয়ের পরিকল্পনাও করছে সরকার।   মালয়েশিয়া বিশাল ভর্তুকির চাপ সামলাতে লক্ষ্যভিত্তিক ভর্তুকি এবং বায়োডিজেল ব্যবহারে জোর দিচ্ছে। অন্যদিকে নেপাল ও ভুটান জ্বালানি ও রেমিট্যান্স সংকটে পড়েছে; নাগরিকদের বিকল্প জীবনযাপনে উৎসাহিত করা হচ্ছে।   তুরস্ক জ্বালানি মূল্যবৃদ্ধির ফলে নতুন করে মুদ্রাস্ফীতির চাপে পড়েছে। গৃহস্থালি পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। আফ্রিকায় মরক্কো আমদানি নির্ভরতার কারণে ঝুঁকিতে রয়েছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক ঋণের পরিকল্পনা করছে।   যুক্তরাষ্ট্র বড় উৎপাদক হলেও অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বেড়েছে এবং কৌশলগত মজুত কমে এসেছে। অন্যদিকে ব্রাজিল অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখতে রপ্তানিতে কর আরোপ করেছে। ওশেনিয়া অঞ্চলে অস্ট্রেলিয়া মজুত থেকে জ্বালানি ছেড়ে এবং কর কমিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।   বিশ্লেষকদের মতে, এই বৈশ্বিক সংকট থেকে বাংলাদেশ-এর মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। এর মধ্যে রয়েছে কৌশলগত জ্বালানি মজুত বৃদ্ধি, লক্ষ্যভিত্তিক ভর্তুকি ব্যবস্থা, আন্তর্জাতিক বাজারে মূল্য ঝুঁকি মোকাবিলায় আগাম চুক্তি (হেজিং), এবং কৃষিতে জ্বালানি নির্ভরতা কমানো।   বিশ্ব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, জ্বালানি নিরাপত্তা এখন শুধু অর্থনৈতিক বিষয় নয়—এটি জাতীয় নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১৬:৪৭
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে মুখোমুখি হচ্ছেন মামদানি–ওবামা, শিশুশিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন শহরের মেয়র জোহরান মামদানি এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার একটি শিশুশিক্ষা কর্মসূচিতে তাঁদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। খবর সিএনএনের।   মেয়রের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটির একটি প্রারম্ভিক শিশুশিক্ষা কেন্দ্রে শিশু ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন মামদানি। এ সময় সেখানে উপস্থিত থাকবেন ওবামাও।   এর আগে গত নভেম্বরের নির্বাচনের আগে ফোনে কথা হয়েছিল দুই নেতার। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেই আলোচনায় ওবামা মামদানিকে সতর্ক করে বলেন—একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে তিনি কীভাবে দেশের বৃহত্তম শহর পরিচালনা করেন, তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে অনেকেই। একই সঙ্গে প্রশাসনে দক্ষ জনবল নিয়োগের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।   ওই কথোপকথনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা ও প্রশাসন পরিচালনার বাস্তবতার পার্থক্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পান মামদানি। এদিকে, মেয়র হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দুবার সরাসরি সাক্ষাৎ করেছেন মামদানি।   তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প তাঁর প্রস্তাবিত ‘পাইড-আ-তের’ কর নীতির সমালোচনা করে দাবি করেন, এই নীতির মাধ্যমে নিউইয়র্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কর নীতির আওতায় শহরে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের দ্বিতীয় বাড়ির মালিকদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব রয়েছে।   ট্রাম্পের সমালোচনার বিষয়ে মামদানি বলেন, তিনি এ ধরনের অবস্থানে বিস্মিত নন এবং নীতিগত পার্থক্য থাকাটাই স্বাভাবিক।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১৬:৩৬
ছবি: সংগৃহীত
‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে কড়া বার্তা: ২৬ প্রভাবশালীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন থেকে নতুন এক কৌশলগত পররাষ্ট্রনীতি ঘোষণার মাধ্যমে পশ্চিম গোলার্ধে নিজেদের প্রভাব আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘ডনরো ডকট্রিন’ নামে নতুন এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ জন প্রভাবশালী ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে। খবর আল-জাজিরার।   বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত বা প্রতিপক্ষ শক্তিকে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই নীতির লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত আধিপত্য বজায় রাখা এবং বহিরাগত প্রভাব মোকাবিলা করা।   বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গৃহীত এই পদক্ষেপ ঐতিহাসিক ‘মনরো ডকট্রিন’-এর আধুনিক সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে। ‘ডনরো ডকট্রিন’-এর মাধ্যমে বিশেষ করে ল্যাটিন আমেরিকা অঞ্চলে চীনের বাড়তে থাকা বিনিয়োগ ও প্রভাব কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন।   পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, যারা জেনেশুনে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর পক্ষে কাজ করবে, অর্থায়ন দেবে কিংবা কৌশলগত সম্পদে বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করবে, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো কর্মকাণ্ডকেও এই নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে।   তবে বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ না করায় সমালোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই অস্পষ্টতা ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।   সমালোচকদের অভিযোগ, নতুন এই নীতির মাধ্যমে বিদেশি সমালোচক বা রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তু করা হতে পারে। অতীতে রাজনৈতিক কারণে ভিসা বাতিলের নজির থাকায় এ আশঙ্কা আরও জোরালো হয়েছে।   ‘ডনরো ডকট্রিন’ কার্যকর হলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ সৃষ্টি হতে পারে এবং এটি ভবিষ্যতে বৈশ্বিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১৬:৫
ছবি: সংগৃহীত
লিটারে ১৫–২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর রাত ১২টা থেকে

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল, পেট্রল ও অকটেনের দামে লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই নতুন মূল্য শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টার পর থেকে কার্যকর হবে।   বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দামে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের দাম লিটারপ্রতি ১৩০ টাকা করা হয়েছে।   সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে এপ্রিল মাসের শুরুতে আমদানি খরচ ও সরবরাহ সংকট থাকা সত্ত্বেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।   জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, ১ এপ্রিল থেকে কার্যকর দামে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারিত ছিল।   এদিকে জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, আন্তর্জাতিক বাজারে ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ডিজেলের গড় দাম প্রায় ৯৮ শতাংশ এবং অকটেনের দাম ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। তিনি বলেন, জনগণের স্বার্থে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে।   সরকারি হিসাব অনুযায়ী, মার্চ থেকে জুন প্রান্তিকে ডিজেলে ভর্তুকির প্রয়োজন হবে ১৫ হাজার ৪০৯ কোটি টাকা এবং অকটেনে ৬৩৬ কোটি টাকা। এছাড়া এলএনজি আমদানিতে পেট্রোবাংলার জন্য একই সময়ে প্রায় ১৫ হাজার ৭৭ কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হবে।    জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন খরচসহ নিত্যপণ্যের বাজারে চাপ বাড়তে পারে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১৫:৫০
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে দাম কমলেও দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘দুঃখজনক’: শফিকুর রহমান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে দেশে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।   শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিম্নমুখী থাকলেও বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে মূল্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী।   তিনি আরও বলেন, বর্তমানে উচ্চ জীবনযাত্রার ব্যয়ে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তা মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। তার ভাষায়, এই মূল্যবৃদ্ধি হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তিনি সরকারের প্রতি জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।   অর্থনীতিবিদদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন খরচসহ নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়ে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১৫:২৯
ছবি: সংগৃহীত।
মানসিক চিকিৎসায় নজিরবিহীন ও সাহসী পদক্ষেপ নিলেন ট্রাম্প

মানসিক স্বাস্থ্য সংকটের সমাধানে এবার এক নজিরবিহীন ও সাহসী পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রতীক্ষিত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি সাইকেডেলিক ড্রাগ, বিশেষ করে অত্যন্ত বিতর্কিত ‘আইবোগেইন’ (Ibogaine)-এর ওপর বৈজ্ঞানিক গবেষণার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শনিবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আমেরিকানদের বিশেষ করে যুদ্ধফেরত সেনাদের (Veterans) মানসিক অবসাদ, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) এবং মাদকের আসক্তি দূর করতে এই ধরনের ড্রাগ কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, “যদি এই ওষুধগুলো মানুষের দাবিমতো কাজ করে, তবে তা আমাদের দেশে এক যুগান্তকারী প্রভাব ফেলবে।” কী এই আইবোগেইন? আইবোগেইন মূলত পশ্চিম আফ্রিকার একটি গুল্ম জাতীয় গাছ থেকে তৈরি এক ধরনের হ্যালুসিনোজেনিক বা দৃষ্টিভ্রমকারী ড্রাগ। যুক্তরাষ্ট্রে এটি দীর্ঘদিন ধরে হিরোইন বা এলএসডি-র মতো ‘শিডিউল-১’ ক্যাটাগরির নিষিদ্ধ ড্রাগ হিসেবে তালিকায় ছিল। তবে সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, এটি মস্তিষ্কের গভীরে প্রভাব ফেলে মাদকাসক্তি এবং দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা কমাতে সাহায্য করতে পারে। বিতর্ক ও ঝুঁকি: ট্রাম্পের এই সিদ্ধান্তে যেমন খুশির জোয়ার বইছে সমর্থকদের মাঝে, তেমনি চিকিৎসাবিজ্ঞানীদের বড় একটি অংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আইবোগেইন ব্যবহারের ফলে হার্টের গতি অনিয়মিত হয়ে পড়া এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি থাকে। ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে এর ওপর গবেষণা বন্ধ করে দেওয়া হয়েছিল এর প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই। প্রভাব ও অর্থায়ন:নতুন এই আদেশের ফলে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) সাইকেডেলিক ওষুধের রিভিউ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে। এছাড়া গবেষণা খাতে অন্তত ৫০ মিলিয়ন ডলার ফেডারেল তহবিল বরাদ্দ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এই অনুষ্ঠানে বিখ্যাত পডকাস্টার জো রোগান এবং স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র উপস্থিত ছিলেন।  

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১:৫৯
ওনস জাবেউর
গাজা ইস্যু ও টেনিস কোর্টে লিঙ্গবৈষম্য নিয়ে সোচ্চার তিউনিসিয়ান তারকা জাবেউর

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের সাবেক দুই নম্বর তারকা ও তিউনিসিয়ান গর্ব ওনস জাবেউর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার শুধু র‍্যাকেট হাতে নয়, বরং মানবতার পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ব্যক্তিগত জীবনের নতুন এক অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি, টেনিসে লিঙ্গবৈষম্য এবং প্রথম সন্তান জন্মের পর কোর্টে ফেরার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই ‘মিনিস্টার অফ হ্যাপিনেস’। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাবেউর বলেন, "একজন অ্যাথলেট হিসেবে কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব। যখন শিশুদের ক্ষুধার্ত থাকতে দেখি বা নিরপরাধ মানুষদের প্রাণ হারাতে দেখি, তখন টেনিস কোর্টের জয়-পরাজয় গৌণ হয়ে যায়।" গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হলেও, ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি টেনিস বিশ্বে নারীদের সমান অধিকার এবং লিঙ্গবৈষম্য নিয়েও মুখ খুলেছেন এই তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট। টেনিসের বড় আসরগুলোতে নারী ও পুরুষ খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং প্রচারের ক্ষেত্রে যে ব্যবধান রয়েছে, তা দূর করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত জীবনে জাবেউর এখন এক নতুন রোমাঞ্চের অপেক্ষায়। তিনি প্রথমবারের মতো মা হতে চলেছেন। তবে মা হওয়া মানেই যে ক্যারিয়ারের ইতি, তা মানতে নারাজ এই তিউনিসিয়ান। কিম ক্লিইস্টার্সের মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে তিনি জানান, মা হওয়ার পর আরও শক্তিশালী হয়ে টেনিস কোর্টে ফেরার পরিকল্পনা রয়েছে তার। জাবেউর বলেন, "আমি নিজেকে সময় দিতে চাই, দেখতে চাই আমার শরীর কীভাবে সাড়া দেয়। তবে আমি নিশ্চিতভাবেই আবারও টেনিস র‍্যাকেট হাতে ফিরব এবং আগামী কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে লড়াই চালিয়ে যেতে চাই।" তার এই ঘোষণা ভক্তদের মনে আশার আলো জাগিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সমানভাবে প্রভাবশালী এই অ্যাথলেট আবারও প্রমাণ করলেন, তিনি কেবল একজন খেলোয়াড় নন, বরং এক বৈশ্বিক পরিবর্তনের দূত।  

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১:১১
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারের সাথে সমন্বয়: দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। এই নতুন সমন্বয়ের ফলে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়।   নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার ডিজেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা (আগে ছিল ১০০ টাকা) এবং কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা (আগে ছিল ১১২ টাকা)।   সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতির সাথে দেশীয় বাজারকে সামঞ্জস্যপূর্ণ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই বর্ধিত মূল্য আগামীকাল রোববার থেকে দেশজুড়ে কার্যকর হবে। হঠাৎ করে জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১:৭
ছবি: সংগৃহীত।
ধানমন্ডি ৩২-এর ধ্বংসস্তূপকে ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলার ছবি দাবি!

বাংলাদেশের ইতিহাসের সাক্ষী ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ধ্বংসাবশেষের ছবি ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে— ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। তবে ডিজিটাল ফরেনসিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, ধ্বংসস্তূপের ওই ছবিটি আসলে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের। ঘটনাটির সূত্রপাত হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ছড়ানো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি ভবন ধসে পড়েছে। কিন্তু ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘রুমর স্ক্যানার’সহ বিভিন্ন আন্তর্জাতিক তদন্তকারীরা ছবিটির অসংগতি ধরিয়ে দিয়েছেন। তারা দেখিয়েছেন, ছবিতে থাকা ভবনের স্থাপত্যশৈলী, চারপাশের পরিবেশ এবং ধ্বংসাবশেষের ধরণ হুবহু ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামের সাথে মিলে যায়। উল্লেখ্য, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তন ও অস্থিরতার সময় ধানমন্ডি ৩২ নম্বরের এই ঐতিহাসিক ভবনটি ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগে ভস্মীভূত হয়। সেই স্থানীয় ঘটনার ছবিকেই এখন আন্তর্জাতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ‘কনটেক্সট-স্ট্রিপিং’ বা প্রেক্ষাপট পরিবর্তনের অপকৌশল চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুদ্ধে এক দেশের ধ্বংসযজ্ঞের ছবি অন্য দেশের বলে চালিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো একটি বিপজ্জনক প্রবণতা। বিশেষ করে আন্তর্জাতিক উত্তেজনার সময়ে কোনো ছবি বা সংবাদ শেয়ার করার আগে তার উৎস যাচাই করে নেওয়ার জন্য সাধারণ ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ১:২
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি; শুল্ক ছাড় ও কঠোর শর্তের আদ্যোপান্ত

সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ‘পারস্পরিক বাণিজ্যচুক্তি’ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় গত ৯ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে এই চুক্তির ঘোষণা আসে, যা মূলত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিপক্ষীয় বাণিজ্য নীতিরই একটি অংশ। ২০১৩ সালের ‘টিকফা’ চুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই নতুন চুক্তির মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার ৬.১ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা।   চুক্তির উল্লেখযোগ্য দিক হলো শুল্কায়ন প্রক্রিয়া। এর আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনবে এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তা শূন্য শতাংশ হবে। তৈরি পোশাক খাতের জন্য বিশেষ মেকানিজম রাখা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা বা কৃত্রিম তন্তু ব্যবহারের ভিত্তিতে শূন্য শুল্কে পোশাক রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ। বিনিময়ে বাংলাদেশকেও মার্কিন কৃষি ও শিল্পজাত পণ্যের ওপর থেকে শুল্ক ও অ-শুল্ক বাধা অপসারণের কঠিন শর্ত দেওয়া হয়েছে। বিশেষ করে মার্কিন মানসম্পন্ন মোটরযান, ওষুধ ও যন্ত্রপাতি অতিরিক্ত পরীক্ষা ছাড়াই বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে।   চুক্তিতে কেবল বাণিজ্য নয়, বরং ডিজিটাল অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও শ্রম অধিকারের মতো বিষয়গুলোও যুক্ত করা হয়েছে। বাংলাদেশ সাইবার নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি মার্কিন কোম্পানির ওপর বৈষম্যমূলক ডিজিটাল কর না বসানোর প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশেষ কিছু দেশ থেকে পারমাণবিক সরঞ্জাম কেনা এবং সংবেদনশীল প্রযুক্তি সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতার শর্ত রয়েছে। বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশ বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনা এবং আগামী ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের এলএনজি আমদানির প্রতিশ্রুতিও দিয়েছে।   চুক্তিতে শ্রম অধিকার ও পরিবেশ রক্ষায় আইএলও মানদণ্ড অনুসরণ এবং ট্রেড ইউনিয়ন আইন সংশোধনের কঠোর বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তিতে বাংলাদেশের জন্য কিছু সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের শর্তগুলো বেশ প্রভাবশালী। শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পুনরায় শুল্ক আরোপের ক্ষমতা সংরক্ষণ করে। আজ প্রকাশ করা হলো এই গুরুত্বপূর্ণ চুক্তির প্রথম পর্বের অনুবাদ।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ০:৩৭
২০১৮ সালে ফ্রান্সের কানে তোলা ছবিতে রুশ বিউটি ইনফ্লুয়েন্সার ভিক্টোরিয়া বোনিয়া।
নতুন ইন্টারনেট সেন্সরশিপ: বিপাকে রাশিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা

রাশিয়ায় ইন্টারনেটের ওপর ক্রেমলিনের ক্রমবর্ধমান কড়াকড়ি এবং নতুন আইনি বিধিনিষেধের কারণে চরম অস্তিত্ব সংকটে পড়েছেন দেশটির জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন সম্প্রতি ইন্টারনেটে তথ্য নিয়ন্ত্রণ এবং পশ্চিমা প্ল্যাটফর্মগুলোর ওপর প্রভাব কমাতে যে নতুন পদক্ষেপ নিয়েছে, তার ফলে আয়ের উৎস হারানোর পাশাপাশি আইনি জটিলতায় পড়ার শঙ্কায় আছেন হাজারো কন্টেন্ট ক্রিয়েটর। সিএনএন-এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার নতুন এই নীতিমালার আওতায় অনেক বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ভিপিএন (VPN) ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো রাশিয়ায় নিষিদ্ধ ছিল, তবে অনেক ইনফ্লুয়েন্সার ভিপিএন ব্যবহার করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। সরকারের নতুন সেন্সরশিপ আইন এখন সেই পথও বন্ধ করে দিচ্ছে। রুশ ইনফ্লুয়েন্সারদের মতে, এই বিধিনিষেধ কেবল তাদের বাকস্বাধীনতাই কেড়ে নিচ্ছে না, বরং তাদের দীর্ঘদিনের গড়ে তোলা ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে। রাশিয়ার নিজস্ব প্ল্যাটফর্ম 'ভিকে' (VK) বা 'টেলিগ্রাম' ব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হলেও, সেখানে আন্তর্জাতিক বাজারের মতো বিজ্ঞাপনের সুযোগ বা আয়ের সংস্থান নেই বলে দাবি করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, পুতিন প্রশাসন মূলত ইন্টারনেটে একটি 'ডিজিটাল দেয়াল' তৈরি করতে চাইছে, যাতে বাইরের বিশ্বের কোনো তথ্য বা প্রভাব রুশ নাগরিকদের কাছে পৌঁছাতে না পারে। এই সেন্সরশিপের ফলে রাশিয়ার তরুণ প্রজন্মের একটি বড় অংশ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ০:২৩
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও
ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের খবর উড়িয়ে দিলেন পোপ লিও

আফ্রিকা সফররত ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বন্দ্বের বিষয়টি নাকচ করে দিয়েছেন। সফরকালীন তাঁর কিছু বক্তব্যকে সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন। অ্যাঙ্গোলা যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও এই স্পষ্টীকরণ দেন। এর আগে ক্যামেরুন সফরকালে তিনি বলেছিলেন, "মুষ্টিমেয় কিছু স্বৈরাচারী শাসক বিশ্বকে ধ্বংস করছে।" তাঁর এই মন্তব্যটি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ প্রসঙ্গে পোপ বলেন, তাঁর সেই মন্তব্যগুলো মোটেও ট্রাম্পের বিরুদ্ধে ছিল না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সংবাদমাধ্যমের প্রতিবেদন সব দিক থেকে সঠিক ছিল না।" মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি কোনো সংঘাতের সম্ভাবনাও তিনি নাকচ করে দেন। সময়ের হিসাব তুলে ধরে পোপ লিও আরও যোগ করেন যে, বিতর্কিত ওই ভাষণটি অন্তত দুই সপ্তাহ আগে তৈরি করা হয়েছিল। অর্থাৎ, পোপের শান্তি প্রচারের বার্তার ওপর প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করার অনেক আগেই এই বক্তব্য ঠিক করা ছিল। ফলে এটি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য ছিল না। শান্তি, ন্যায়বিচার এবং বিশ্ব অস্থিরতার বিরুদ্ধে বার্তা দিতে বর্তমানে পোপ লিও আফ্রিকার বিভিন্ন দেশজুড়ে ১০ দিনের এক সফরে রয়েছেন।

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ০:১০
রুকাইয়া জাহান চমক | ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অভিনেত্রী চমক; প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বেবী নাজনীন, কনকচাঁপা ও দিলরুবা খানের মতো সংস্কৃতি অঙ্গনের একঝাঁক তারকার সঙ্গে তিনিও গতকাল শুক্রবার দলীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সম্প্রতি বিএনপিতে যোগদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।   সাক্ষাৎকার শেষে চমক গণমাধ্যমকে জানান, দেশ ও বিশেষ করে নারীদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, “বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই। প্রধানমন্ত্রীর (তারেক রহমান) সঙ্গেও অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে আমার ইতিবাচক মনে হয়েছে এবং আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী।” তবে দলীয় সিদ্ধান্ত যাই হোক, তা ইতিবাচকভাবে মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।   সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন এই রাজনৈতিক যাত্রা নিয়ে একটি পোস্ট দিয়েছেন চমক। সেখানে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন। বরিশালে জন্ম নেওয়া চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। ২০২০ সাল থেকে ছোট পর্দায় অভিনয় শুরু করা চমকের ‘মহানগর’, ‘হায়দার’ ও ‘হাউস নং ৯৬’-এর মতো কাজগুলো দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।  

প্রকাশ : এপ্রিল ১৮, ২০২৬ ০:৭
নিউ জার্সির ইলিভেন্থ ডিস্ট্রিক্ট কংগ্রেসনাল আসনে জয়ী অ্যানালিলিয়া মেহিয়া | ছবি: সংগৃহীত
নিউ জার্সিতে রিপাবলিকানদের হারিয়ে জয়ী ডেমোক্র্যাট অ্যানালিলিয়া মেহিয়া; ট্রাম্পের জন্য বড় ধাক্কা

নিউ জার্সির ইলিভেন্থ ডিস্ট্রিক্ট কংগ্রেসনাল আসনের উপনির্বাচনে বড় জয় পেয়েছেন উদারপন্থী ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যানালিলিয়া মেহিয়া। রিপাবলিকান প্রার্থী জো হ্যাথাওয়েকে পরাজিত করে তিনি এই জয় ছিনিয়ে নেন। নিউ জার্সির বর্তমান গভর্নর মিকি শেরিল নিয়ম অনুযায়ী কংগ্রেস সদস্যের পদ ত্যাগ করার পর এই আসনটি শূন্য হয়েছিল।   ভোট শেষ হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই দ্য অ্যাসোসিয়েটেড প্রেস মেহিয়াকে বিজয়ী ঘোষণা করে। গত ফেব্রুয়ারি মাসের প্রাইমারি নির্বাচনে জয়ের পর থেকেই মেহিয়া এই নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ওপর একটি ‘পরীক্ষা’ হিসেবে অভিহিত করে আসছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি রিপাবলিকানদের নীতির সমালোচনা করে স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতে সাধারণ মানুষের কর সুবিধা কমে যাওয়ার বিষয়টি সামনে নিয়ে আসেন।   মেহিয়ার এই লড়াইয়ে তাঁর পাশে ছিলেন প্রবীণ রাজনীতিক ও স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। বিশ্লেষকদের মতে, একসময় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ডেমোক্র্যাটদের জয় মূলত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই সফলতাকে ডেমোক্র্যাটদের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই জয়ের মধ্য দিয়ে নিউ জার্সির ইলিভেন্থ ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হলো।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ২৩:৪৮
বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম | ছবি: সংগৃহীত
ইতিহাস গড়লেন ডলি বেগম; প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার ফেডারেল এমপি নির্বাচিত

কানাডার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। প্রথম বাংলাদেশি-কানাডিয়ান হিসেবে কানাডার ফেডারেল পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে বিপুল জয়লাভ করেন তিনি।   বিজয় পরবর্তী আবেগঘন বক্তৃতায় ডলি বেগম তাঁর পরিবার ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। মঞ্চে উঠে শুরুতেই সিলেটের আঞ্চলিক ভাষায় নিজের মাকে খোঁজেন তিনি। প্রয়াত স্বামী রিজুয়ানকে এই জয় উৎসর্গ করে তিনি বলেন, "এই রাত আপনাদের; এটি আশা, সহানুভূতি ও অগ্রগতির জয়।" ১৯৮৯ সালে মৌলভীবাজারে জন্ম নেওয়া ডলি শিশু বয়সে সপরিবারে কানাডায় অভিবাসী হন এবং টরন্টো বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।   ডলি বেগমের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে, যখন তিনি অন্টারিও এনডিপি থেকে মাত্র ২৯ বছর বয়সে প্রাদেশিক পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দলের ডেপুটি লিডারও মনোনীত হন। তবে ২০২৬ সালের শুরুতে দীর্ঘদিনের দল এনডিপি ছেড়ে ফেডারেল লিবারেল পার্টিতে যোগ দিয়ে তিনি রাজনৈতিক মহলে চমক দেন। লিবারেল এমপি বিল ব্লেয়ারের পদত্যাগের ফলে শূন্য হওয়া এই আসনে তিনি কনজারভেটিভ ও এনডিপি প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করেন।   ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ডলি বেগমের এই জয় প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই জয়ের মাধ্যমে লিবারেল পার্টি ১৭৪টি আসন নিশ্চিত করে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। তবে বিরোধী দলীয় নেতা পিয়েরে পোয়িলিয়েভ এই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রক্রিয়াকে ‘পেছনের দরজার সমঝোতা’ বলে সমালোচনা করেছেন। মৌলভীবাজার থেকে স্কারবোরোর রাজপথ হয়ে কানাডার ফেডারেল পার্লামেন্ট পর্যন্ত ডলি বেগমের এই যাত্রা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি ডায়াসপোরার কাছে এক অনন্য প্রেরণার গল্প।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ২৩:৪৩
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ভাড়া স্থগিতের দাবিতে বিক্ষোভ; উচ্ছেদের আশঙ্কায় অভিবাসী ও শ্রমজীবীরা

নিউইয়র্ক সিটিতে দুই মিলিয়নেরও বেশি ভাড়া-নিয়ন্ত্রিত বাসিন্দার জন্য ভাড়া না বাড়ানোর দাবিতে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। আসন্ন ভাড়া নির্ধারণ বোর্ডের (Rent Guidelines Board) প্রাথমিক ভোটের মাত্র দুই সপ্তাহ আগে ‘টেন্যান্ট ব্লক’ নামক একটি আবাসন জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে মূলত শহরের শ্রমজীবী এবং অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।   আন্দোলনকারীদের অভিযোগ, গত চার বছরে বাড়িওয়ালাদের মুনাফা প্রায় ৩০ শতাংশ বাড়লেও সাধারণ মানুষের ওপর ভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ফেডারেল সামাজিক সুবিধা হ্রাস এবং অভিবাসন সংক্রান্ত কঠোর তৎপরতার কারণে অনেক পরিবার এখন উচ্ছেদের ঝুঁকিতে রয়েছে। তারা দাবি করেন, ভাড়া থেকে প্রাপ্ত অর্থ অনেক ক্ষেত্রে ভবনের সংস্কারে ব্যয় না করে অন্য খাতে সরিয়ে নেওয়া হচ্ছে, ফলে অনেক ভবনে তাপ ও গরম পানির মতো মৌলিক নাগরিক সুবিধার অভাব রয়ে গেছে।   অন্যদিকে, আবাসন খাতের মালিকপক্ষ ভাড়া স্থগিতের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, ভাড়া না বাড়লে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক সম্পত্তি দেউলিয়া বা বিক্রি হওয়ার ঝুঁকি তৈরি হবে। এ পরিস্থিতিতে তারা রাজ্য সরকারের কাছে কর-ছাড়সহ বিভিন্ন আর্থিক সুবিধার দাবি জানিয়েছে।   যদিও নগর প্রশাসন আবাসন সংকট মোকাবিলায় কিছু পদক্ষেপ এবং মেরামতের অর্থ বরাদ্দের কথা জানিয়েছে, তবে ভাড়াটিয়ারা একে পর্যাপ্ত মনে করছেন না। আসন্ন বোর্ডের চূড়ান্ত ভোটেই নির্ধারিত হবে নিউইয়র্ক সিটির কয়েক লাখ বাসিন্দার ভবিষ্যৎ এবং শহরের সামাজিক কাঠামো।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ২৩:০
ছবি: ফাইল ফটো
অতিরিক্ত চিনি কি সন্তানের মস্তিষ্কের ক্ষতি করছে? জেনে নিন সুরক্ষার উপায়

প্রতিদিনের খাদ্যতালিকায় অতিরিক্ত চিনির উপস্থিতি শিশুদের কেবল দাঁতের ক্ষতিই করে না, বরং এটি তাদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা এবং আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন পুষ্টি গবেষণা সংস্থার মতে, শিশুদের সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করতে চিনি গ্রহণ সীমিত রাখা জরুরি। গবেষণায় দেখা গেছে, চিনির আধিক্য শিশুর মনোযোগ ও মানসিক স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটায়।   চিনির প্রভাবে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত ওঠানামা করে, যা শিশুকে অস্থির ও খিটখিটে করে তোলে। দীর্ঘমেয়াদে অতিরিক্ত চিনি গ্রহণে শরীরে প্রদাহ বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে। এছাড়া ছোটবেলার এই মিষ্টি খাওয়ার অভ্যাস বড় হয়েও থেকে যায়, যা ভবিষ্যতে বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।   বিশেষজ্ঞরা প্রক্রিয়াজাত চিনি যেমন ক্যান্ডি, প্যাকেটজাত জুস বা সিরিয়াল কমিয়ে প্রাকৃতিক বিকল্প হিসেবে ফলমূল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে থাকা ফাইবার চিনির ক্ষতিকর প্রভাব কমিয়ে পুষ্টি নিশ্চিত করে। এছাড়া খাবারের তালিকায় কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট (যেমন বাদাম) রাখলে রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে।   সন্তানের মেধা ও আচরণের ইতিবাচক পরিবর্তন আনতে পর্যাপ্ত পানি পান নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়ে সুষম খাবার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছোট ছোট এই দৈনন্দিন পরিবর্তনগুলোই শিশুর মনোযোগ ও শেখার ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ২২:৪৬
ছবি: সংগৃহীত
গণভোটের রায় না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক গণমিছিল কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় মেনে না নিলে ১১ দলীয় ঐক্য রাজপথে যে আন্দোলন গড়ে তুলবে, তা সরকারের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনবে না।   এই কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়ন ছাড়াও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবি তোলা হয়। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তাঁর বক্তব্যে বলেন, সরকার চোখ রাঙিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।   বিকেলে বিজয়নগরে সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জোটের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং সরকারের প্রতি জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানোর আহ্বান জানান।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ২২:৩০
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী | ছবি: সংগৃহীত
সরকারের ৬০ দিনের বড় সাফল্য; প্রধানমন্ত্রীর ওপর জনগণের আস্থা ফিরেছে

বিগত দুই মাসে বর্তমান সরকারের ওপর দেশের মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও জনকল্যাণমুখী পদক্ষেপের ওপর জনগণের গভীর বিশ্বাস তৈরি হওয়াকে সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।   বিএনপি সরকারের বিগত দুই মাসের উল্লেখযোগ্য সাতটি সাফল্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা না করে সাধারণ মানুষের মতো তাদের মাঝে থাকছেন এবং চলাফেরা করছেন। তিনি নির্বাচনের আগে ও দায়িত্ব নেওয়ার পর জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।   সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ সেবা ও জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন। সরকারের দাবি, গত ৬০ দিনে প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা এবং জনবান্ধব নীতি গ্রহণের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।   জনগণের বিশ্বাস অর্জনকেই বর্তমান প্রশাসনের সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সংবাদ সম্মেলনে প্রেস উইংয়ের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন এবং সরকারের আগামী দিনের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোকপাত করেন।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ২২:০