দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব কমাতে নিম্নআয় ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
‘ফ্যামিলি কার্ড’ নামে এ উদ্যোগের পাইলট কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। পরীক্ষামূলকভাবে দেশের ১৪টি উপজেলায় এটি বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা গেছে। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে সহায়তার পরিমাণ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালার মূল দর্শন—উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে পরিবার, ব্যক্তি নয়। খুব শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে।
কার্ড প্রদানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার, অনগ্রসর জনগোষ্ঠী—যেমন হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী—এবং অর্ধ একর বা তার কম জমির মালিক পরিবার।
তবে সরকারি পেনশনভোগী সদস্য থাকলে সেই পরিবার এই সুবিধা পাবে না। একইভাবে যেসব পরিবারে সরকারি চাকরিজীবী আছেন, বড় ব্যবসা রয়েছে, ব্যক্তিগত গাড়ি বা এসির মতো বিলাসবহুল সামগ্রী ব্যবহার করা হয়, তারাও অযোগ্য বিবেচিত হবেন। সম্ভাব্য চূড়ান্ত নীতিমালা অনুযায়ী নিম্ন, মধ্যম ও উচ্চ আয়ের নির্দিষ্ট কিছু শ্রেণিও এ সুবিধার বাইরে থাকবে।
প্রতি পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে এবং সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার হয়। নগদ অর্থের পাশাপাশি সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার ব্যবস্থাও রাখা হতে পারে।
কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় একটি ডেটাবেস তৈরি করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে প্রতিটি পরিবারের উপাত্ত সংরক্ষণ করা হবে। মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই চার শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে হতদরিদ্র ও দরিদ্র পরিবার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
আবেদন প্রক্রিয়া এখনও পুরোপুরি চালু হয়নি। তবে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাইলট কার্যক্রম শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি একটি নির্ধারিত সরকারি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। ঈদের আগেই প্রাথমিক পর্যায়ে কার্ড বিতরণ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।