অগ্নিকাণ্ড

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ১১ জনের মর্মান্তিক মৃত্যু

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় রাষ্ট্র পরিচালিত একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের ওই এতিমখানায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম।   জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার প্রতিষ্ঠানটি মূলত এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদান করে আসছিল। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্যমতে, ভয়াবহ এই আগুনে দগ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েছেন আরও দুজন। এছাড়া অগ্নিকাণ্ডের ভয়াবহতায় তীব্র মানসিক আঘাতের শিকার সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।   ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতে ধোঁয়াচ্ছন্ন ভবনের করিডরে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাতে দেখা যায়। এই মর্মান্তিক ঘটনায় আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন এক শোকবার্তায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।   অন্যদিকে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে যান দেশটির প্রধানমন্ত্রী। সেখানে তিনি আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা কার্যক্রমের সার্বিক তদারকি করেন।

ইসতিয়াক আহমেদ জুলাই ১৬, ২০২৬ ১৪:০
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বারের ভেতরের দৃশ্য। ছবি: সংগৃহীত
ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, টয়লেট থেকে উদ্ধার বেশিরভাগ মরদেহ, নিহত বেড়ে ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিট বোর্ডের কাছে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।   সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের কিছু আগে ব্যাংককের চাতুচাক জেলার জনপ্রিয় রং বিয়ার না লাত ফ্রাও (Rong Beer Na Lat Phrao) বারে আগুন লাগে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।   প্রত্যক্ষদর্শীদের বরাতে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার আগে মঞ্চের পাশে একটি বৈদ্যুতিক সার্কিট ব্রেকারের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়া ও আগুন পুরো বারে ছড়িয়ে পড়ে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির সামনের দরজা দিয়ে দাউদাউ করে আগুন বের হচ্ছে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে বের হওয়ার চেষ্টা করছেন। অনেকেই ধোঁয়ার কারণে ভেতরেই আটকা পড়েন।   থাই প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতদের বেশিরভাগের মরদেহ বারের পেছনের টয়লেটের কাছে পাওয়া গেছে। তার ভাষ্য, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে পেছনের দিকে ছুটে যান এবং সেখানে ধোঁয়ায় আটকা পড়েন।   ব্যাংককের গভর্নর চাচার্ত সিত্তিপুন্ট জানান, বারের ভেতরে ব্যবহৃত দাহ্য সাজসজ্জার উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া প্রাথমিক তদন্তে জরুরি নির্গমনপথের সামনে কিছু টেবিল ও অন্যান্য সামগ্রী থাকার তথ্যও পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক তদন্ত চলছে।   স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কয়েকজন নিখোঁজ থাকার খবরও পাওয়া গেছে।   একজন চালক, যিনি আগুন প্রথম দেখতে পান, জানান যে তিনি নিজের গাড়ি থামিয়ে জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে বের হতে সহায়তা করেন। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হয়।   ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরা আগুনের উৎস, ভবনের নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি নির্গমনপথের অবস্থা খতিয়ে দেখছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা হবে না।   থাইল্যান্ডে এর আগেও নাইটক্লাব ও বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২২ সালে একটি মিউজিক পাবে আগুনে ১৪ জন নিহত হন। এরও আগে ২০০৯ সালে ব্যাংককের সান্টিকা নাইটক্লাবে নববর্ষ উদযাপনের সময় অগ্নিকাণ্ডে ৬৬ জনের প্রাণহানি ঘটে। সর্বশেষ এই ঘটনা দেশটির জনসমাগমস্থলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।   সূত্র: এপি, রয়টার্স, বিবিসি

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ১২, ২০২৬ ১৪:০
চীনে জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড I ছবি: সংগৃহীত
চীনে জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাদে আটকে ২৮ শ্রমিকের মৃত্যু

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বহুতল জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়লে অনেক শ্রমিক ভবনের ছাদে আটকা পড়েন। পরবর্তীতে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে একে একে তাদের মরদেহ উদ্ধার করেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই মর্মান্তিক প্রাণহানির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।   স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে (০৪০০ জিএমটি) ফিজিয়ান প্রদেশের জিলিয়ান শহরের হুইতেং নামক ওই জুতা প্রস্তুতকারক কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার সময় ওই কারখানা ভবনে মোট ২৩৯ জন মানুষ উপস্থিত ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে ২১৩ জনকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। তবে উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।   এদিকে, দীর্ঘক্ষণ নিখোঁজ থাকা বাকি ২৬ জনের সন্ধানে তল্লাশি চালাতে থাকেন উদ্ধারকর্মীরা। একপর্যায়ে কারখানার ভেতর থেকে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এতে অগ্নিকাণ্ডের এই ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়ায়। এমন ভয়াবহ দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলা এবং উদ্ধার অভিযান আরও জোরদার করতে জরুরি নির্দেশনা জারি করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ইসতিয়াক আহমেদ জুলাই ৮, ২০২৬ ১৪:০
হরমুজ প্রণালীতে গ্যাস ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালীতে গ্যাস ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, ওমান উপকূলে অগ্নিকাণ্ড

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওমান উপকূলে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী বাণিজ্যিক ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।   যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের লিমাহ এলাকার কাছাকাছি প্রণালী অতিক্রমের সময় ট্যাংকারটিকে লক্ষ্য করে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি জাহাজের বাম পাশে আঘাত হানলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তখন জাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছিল।   ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক হামলার আশঙ্কা বাড়ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। ফলে এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা বিঘ্ন বৈশ্বিক জ্বালানি সরবরাহে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।   ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, সংশ্লিষ্ট গ্যাস ট্যাংকারটি তাদের নৌবাহিনীর জারি করা বিশেষ সতর্কতা উপেক্ষা করে চলাচল করছিল, যার পরিণতিতেই এটি হামলার শিকার হয়। তবে তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।   এর আগে ইরান একাধিকবার ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালীতে কেবল তাদের নির্ধারিত নৌপথ ব্যবহার করাই নিরাপদ। সাম্প্রতিক সময়ে ওমান উপকূলসংলগ্ন বিকল্প রুট ব্যবহারকারী কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে পশ্চিমা সূত্রগুলো সন্দেহ প্রকাশ করেছে।   এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর সময় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই আলোচনা বন্ধ থাকবে বলে জানা গেছে।   ইরানের সরকারি সূত্র জানিয়েছে, খামেনির মরদেহ সোমবার রাতে বিমানযোগে শিয়া মুসলিমদের পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।   সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়েও নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

নীলুফা নিশাত জুলাই ৬, ২০২৬ ১৪:০
মেরিল্যান্ডের হলিউড শহরে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আগুনে পুড়তে থাকা বাড়িতে ১০ বছরের সন্তানকে খুঁজতে গিয়ে প্রাণ হারালেন বাবা

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আগুনে পুড়তে থাকা নিজের বাড়িতে ১০ বছর বয়সী সন্তানকে খুঁজতে আবারও ভেতরে প্রবেশ করে প্রাণ হারিয়েছেন এক বাবা। পরে জানা যায়, শিশুটি নিরাপদেই বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। এদিকে তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময় ব্যবহৃত আতশবাজির অবশিষ্টাংশ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।   মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অফিস অব দ্য স্টেট ফায়ার মার্শাল জানিয়েছে, রোববার রাতে ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত হলিউড শহরের একটি দ্বিতল বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।   জরুরি ফোন পেয়ে একাধিক অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির ভেতরে একটি শিশু আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছিল।   ফায়ার মার্শালের কার্যালয় জানায়, আগুন লাগার পর শিশুটির বাবা তাকে খুঁজে বের করার জন্য আবারও বাড়ির ভেতরে প্রবেশ করেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকলকর্মীরা বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।   পরে নিশ্চিত হওয়া যায়, ১০ বছর বয়সী শিশুটি আগেই নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এবং সে শারীরিকভাবে অক্ষত রয়েছে।   তদন্তকারীরা নিহত ব্যক্তিকে বাড়ির মালিক এবং শিশুটির বাবা হিসেবে শনাক্ত করেছেন। তবে পরিবারের প্রতি সম্মান জানিয়ে তার পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করবে মেরিল্যান্ড অফিস অব দ্য চিফ মেডিকেল এক্সামিনার।   আগুন লাগার কারণ এখনো তদন্তাধীন। তবে স্টেট ফায়ার মার্শালের কার্যালয় জানিয়েছে, ব্যবহারের পর ফেলে দেওয়া স্পার্কলার আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।   প্রাথমিক তদন্তে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারটি বাড়ির বাইরে মাটিতে ব্যবহারযোগ্য স্পার্কলার আতশবাজি ব্যবহার করেছিল। পরে সেগুলো বাড়ির পেছনের ঢাকা বারান্দায় রাখা একটি ময়লার পাত্রে ফেলে দেওয়া হয়।   তদন্তকারীদের ধারণা, ফেলে দেওয়ার পরও আতশবাজিগুলোতে পর্যাপ্ত তাপ থেকে যেতে পারে। সেই তাপ ময়লার পাত্রে থাকা দাহ্য বস্তুতে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকেই আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।   ঘটনার পর ফায়ার কর্মকর্তারা সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, ব্যবহারের পর নিভে গেছে মনে হলেও আতশবাজি দীর্ঘ সময় তাপ ধরে রাখতে পারে। তাই ব্যবহৃত আতশবাজি বা স্পার্কলার ফেলে দেওয়ার আগে ভালোভাবে পানিতে ভিজিয়ে নিতে হবে। এরপর সেগুলো বাইরে আগুন-প্রতিরোধী পাত্রে কিছু সময় ঠান্ডা করে তারপর ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।   ভারপ্রাপ্ত স্টেট ফায়ার মার্শাল জেসন মাউব্রে এক বিবৃতিতে বলেন, "এই পরিবারের অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তদন্ত চললেও সবাইকে মনে রাখতে হবে, আতশবাজির প্রদর্শনী শেষ হলেও এর ঝুঁকি শেষ হয় না। ব্যবহারের পর সঠিকভাবে আতশবাজি নিষ্পত্তি করলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব।"

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ৬, ২০২৬ ১৪:০
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘অল মাই চিলড্রেন’ খ্যাত অভিনেতা পল অ্যাভেরি ও স্ত্রীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় সোপ অপেরা ‘অল মাই চিলড্রেন’ খ্যাত প্রবীণ অভিনেতা পল অ্যাভেরি (৮৪) এবং তার স্ত্রী শিলা (৭৭)। গত মঙ্গলবার ভোরে ব্লেয়ারসটাউনে তাদের নিজ বাড়িতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে চল্লিশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটে এই যুগলের। এই হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে শোকাহত তাদের দুই কন্যা কাইল অ্যাভেরি ও পার্কার সানচেজ পিতামাতার প্রতি আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন এবং এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে তাদের ‘জীবনের সবচেয়ে বড় ক্ষতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।   শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কন্যা কাইল অ্যাভেরি বলেন, তার পিতামাতা ছিলেন অসাধারণ মানুষ। তারা কত মানুষের জীবনকে ছুঁয়ে গেছেন এবং কতটা আনন্দময় ছিলেন, তা বলে শেষ করা যাবে না। অন্যদিকে, বোন পার্কার সানচেজ জানান, মূলত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। পল অ্যাভেরি হিট সোপ অপেরাটিতে ‘হিউয়ি’ চরিত্রে এবং ১৯৭৮ সালের ‘সুপারম্যান’ চলচ্চিত্রে ছোট একটি অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। সানচেজের মতে, তার বাবা কখনোই খ্যাতির পেছনে ছোটেননি; বরং কেবল আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন এবং নিজের ক্যারিয়ার নিয়ে অত্যন্ত গর্বিত ছিলেন।   পল অ্যাভেরি পর্দায় পরিচিত মুখ হলেও তার স্ত্রী শিলাও ছিলেন এক অসাধারণ নারী। তিনি পেশায় একজন নিবন্ধিত সেবিকা (আরএন নার্স) ও শিল্পী ছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি যৌন নিপীড়নের শিকার ও নির্যাতিত নারীদের কাউন্সেলিং এবং প্রশিক্ষণ দিয়েছেন। সানচেজ জানান, অনেক নারী তাকে বার্তা পাঠিয়ে বলেছেন যে তার মায়ের কাছ থেকেই তারা অধিকার সচেতন হতে শিখেছেন। সানচেজ আবেগজড়িত কণ্ঠে বলেন, যদি ক্যাটালগ থেকে পিতামাতা বেছে নেওয়ার সুযোগ থাকত, তবে তারা তাদের দুজনকেই বেছে নিতেন। চল্লিশ বছরেরও বেশি সময়ের বিবাহিত জীবনে এই দম্পতি চমৎকার পার্টি আয়োজন করতে ভালোবাসতেন এবং তাদের রসবোধ সবাইকে মুগ্ধ করত।   স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১টার কিছু আগে অ্যাভেরি পরিবারের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তারা দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিপিআর (CPR) প্রদান করলেও কিছুক্ষণ পরই দুজনের মৃত্যু হয়। শুক্রবার পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও, এটি কোনো ‘সন্দেহজনক’ ঘটনা নয় বলে নিশ্চিত করেছেন তাদের কন্যারা।

ইসতিয়াক আহমেদ জুন ১৯, ২০২৬ ১৪:০
ছবিঃ গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাসামগ্রীর বিশাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

উত্তর ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরে অবস্থিত চিকিৎসাসামগ্রীর একটি বিশাল গুদামে গত বৃহস্পতিবার (১১ জুন) এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।   অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনা করে এবং নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই এলাকার আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।   সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে অবস্থিত এই শিল্পাঞ্চলটিতে চিকিৎসাসামগ্রী সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘মেডলাইন’-এর এই বিশাল বিতরণ কেন্দ্রটি অবস্থিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে চরম বেগ পেতে হয়।   সাউথ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির প্রধান র‌্যান্ডাল ব্র্যাডলি জানান, মেডলাইনের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাস্তার অপর পাশে অবস্থিত একটি ফেডেক্স প্রতিষ্ঠানে গিয়ে আঘাত হানে।   তবে দমকল কর্মীদের দ্রুত ও সাহসী তৎপরতায় ফেডেক্স ভবনের আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ট্রেসি শহরের পুলিশ বিভাগের সার্জেন্ট মাইকেল রিচার্ডস জানিয়েছেন, ঘটনার সময় তীব্র বাতাসের কারণে আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল।   এই আশঙ্কায় তারা ওই এলাকার একটি বড় অংশ থেকে সাধারণ মানুষকে দ্রুত সরিয়ে নেন। উল্লেখ্য, প্রায় ১০ লাখ বর্গফুটের এই বিশাল গুদামটি যে শিল্প পার্কে অবস্থিত, সেখানে অ্যামাজন, হোম ডিপো এবং ফেডেক্সের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান বিতরণ কেন্দ্র রয়েছে।   এদিকে, অগ্নিকাণ্ডের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেডলাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ঘটনার সময় গুদামে কর্মরত তাদের সকল কর্মকর্তা ও কর্মচারী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা সম্ভব হয়েছে।   কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে তারা বর্তমানে স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দলগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করছেন।

ইসতিয়াক আহমেদ জুন ১১, ২০২৬ ১৪:০
ছবি : সংগৃহীত
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন, ১২ ইউনিটে নিয়ন্ত্রণের চেষ্টা

খুলনা মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনটিতে আগুন লাগার বিষয়টি প্রথম সবার নজরে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ উদ্ধারকারী দল ও স্থানীয় উৎসুক জনতা একযোগে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।   প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজের বেসমেন্ট থেকে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং এর পরপরই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সূচনা নিচতলা বা বেসমেন্ট থেকে হলেও কিছুক্ষণের মধ্যেই ভবনের অন্যান্য তলায় তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ে।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা নিচতলার অক্সিজেন রুম লক্ষ্য করে পানি ছিটানো শুরু করেন, তবে রাত ১১টা পর্যন্ত বেসমেন্ট থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।   খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।   ধোঁয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হলেও এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। এদিকে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় উদ্ধারকাজে তাদের একটি দল মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   অগ্নিকাণ্ডের পর হাসপাতালজুড়ে রোগী ও তাদের স্বজনদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের ১১ তলায় অবস্থানরত এক রোগী জানান, তারা সুরক্ষিত থাকলেও পুরো হাসপাতালজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।   উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের যেন ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট না হয়, সেজন্য স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভবনের জানালার গ্লাসগুলো ভেঙে বাতাস চলাচলের ব্যবস্থা করে দেন। ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় হাসপাতালের রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইসতিয়াক আহমেদ জুন ১১, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
জ্বালানি সংকটের মাঝেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন, সরবরাহে নতুন শঙ্কা

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটির মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির তেল শোধনাগারে এ অগ্নিকাণ্ড ঘটে।   বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।   ঘটনার সময় শোধনাগারে কর্মরত সকল শ্রমিককে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই শোধনাগারটি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি জ্বালানি চাহিদা পূরণ করে এবং পুরো অস্ট্রেলিয়ার প্রায় ১০ শতাংশ জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।   ফলে অগ্নিকাণ্ডের প্রভাব জ্বালানি বাজারে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে জানান, এই ঘটনায় পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তবে সীমিত পরিসরে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন চালু রাখার চেষ্টা চলছে।   বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে এই দুর্ঘটনা ঘটেছে, যখন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে অস্ট্রেলিয়া আগে থেকেই জ্বালানি চাপে ছিল, আর এই অগ্নিকাণ্ড সেই সংকটকে আরও তীব্র করতে পারে।

Unknown এপ্রিল ১৫, ২০২৬ ১৪:০
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর গ্যাসলাইটার কারখানাটি গতকাল শনিবার আগুনে ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া কারখানা থেকে বের করে আনা হচ্ছে মরদেহ । ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ২ লাখ, আহতদের ১ লাখ টাকা করে সহায়তা পাবে

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা, আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এই ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।   শনিবার তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের শয্যাপাশে সময় অতিবাহিত করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি খতিয়ে দেখেন।   মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য। এছাড়া, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা, আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।   অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য মন্ত্রী ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।   গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “শ্রমিকদের নিরাপত্তা এবং কল্যাণে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শ্রমিকদের ভাগ্য উন্নয়নে সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে বিপন্ন না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থান গ্রহণ করছি।”

Unknown এপ্রিল ৪, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত।
কেরাণীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পাঁচ মরদেহ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার দুপুর সোয়া একটার দিকে কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার একটি টিনশেড কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।  ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে পাঁচটি মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তবে নিহদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।  ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে আর কেউ আটকে আছে কি না তা দেখতে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

ইসমাইল হোসাইন এপ্রিল ৩, ২০২৬ ১৪:০
ট্রেনে ভয়াবহ আগুন
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন: প্রাণ বাঁচাতে যাত্রীদের আর্তচিৎকার ও উদ্ধার অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত 'চট্টলা এক্সপ্রেস' ট্রেনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার দুপুরে ট্রেনটি সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি বগিতে ধোঁয়া ও আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ট্রেনের ভেতরে থাকা শত শত যাত্রী প্রাণভয়ে আর্তচিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রীদের গগনবিদারী চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রেললাইনের পাশে ট্রেনটি থামলে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।   প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আগুনের তীব্রতা দেখে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে পড়ার চেষ্টা করেন, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।   এই দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে, যা ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। অগ্নিকাণ্ডে ট্রেনের একটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরণের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সীতাকুণ্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ট্রেন ভ্রমণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Unknown মার্চ ২৫, ২০২৬ ১৪:০
জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Top week

নিহত গুগল কর্মকর্তা শীতল রজেসিয়েন। ছবি: সংগৃহীত
আমেরিকা

যুক্তরাষ্ট্রে গুগলের শীর্ষ ভারতীয় নারী কর্মকর্তাকে গুলি করে হত্যা করলেন স্বামী, ছেলেও হাসপাতালে

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ১২, ২০২৬ ১৪:০