- প্রচ্ছদ
- Topic
ইতিহাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থানীয় নাৎসি পার্টির সক্রিয় নেত্রী ছিলেন—এমন তথ্য প্রকাশ্যে আসার পর ডেনমার্কের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি কির্স্টেন শোয়ালবের জীবনীগ্রন্থ বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে প্রকাশনা সংস্থা। পাশাপাশি তার জীবন নিয়ে নির্মিতব্য একটি রিয়েলিটি টিভি শোর শুটিংও স্থগিত করা হয়েছে। গত অক্টোবরের শুরুতে ১১২ বছর বয়সী কির্স্টেন শোয়ালবের জীবনীগ্রন্থ ‘উই আর গোয়িং টু হ্যাভ সামথিং টু লাফ অ্যাবাউট’ প্রকাশিত হয়। কিন্তু বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনিশ নাৎসি পার্টিতে তার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছিল। সম্প্রতি ডেনমার্কের স্থানীয় গণমাধ্যমে তার নাৎসি অতীতের বিষয়টি ফাঁস হলে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বইটি প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রকাশনা সংস্থা গিলডেনডালের পরিচালক মেটে কর্সগার্ড বলেন, ‘যে নন-ফিকশন বইয়ে মূল চরিত্রের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সততার সঙ্গে তুলে ধরা হয়নি, আমরা সেই বইয়ের দায়ভার নিতে পারি না।’ এর আগে কির্স্টেন শোয়ালবে নাৎসি পার্টির সদস্য থাকার কথা স্বীকার করলেও দাবি করেছিলেন, স্বামীর উৎসাহেই তিনি এতে যুক্ত হয়েছিলেন এবং দলটিকে কোনো সক্রিয় সমর্থন দেননি। তিনি আরও বলেছিলেন, রাজনীতি নিয়ে তার কোনো আগ্রহই ছিল না এবং দলটির আদর্শ সম্পর্কে তিনি প্রায় কিছুই জানতেন না। তবে চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যখন ডেনমার্ক দখল করে রেখেছিল, তখন তিনি স্থানীয় নাৎসি পার্টির দুটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে ছিলেন। নথিপত্র অনুযায়ী, শোয়ালবে ১৯৪১ সালে ‘ডেনিশ ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি’-তে যোগ দেন। ১৯৪৩ সালের আগস্টে তিনি পদোন্নতি পেয়ে নিজ এলাকার শাখা প্রধান হন এবং ১৯৪৪ সালের জুলাই পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্থানীয় নারী শাখারও নেত্রী ছিলেন। প্রকাশনা সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, গণমাধ্যমে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশের জেরে এই শতবর্ষী নারী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। তার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাকে নিয়ে নির্মিতব্য রিয়েলিটি টিভি শোর চিত্রধারণ বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯১৪ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করা কির্স্টেন শোয়ালবে গত ১৪ অক্টোবর ১১২ বছর ২১৮ দিন বয়সে ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির রেকর্ড গড়েন। তিনি তার স্বদেশী কার্লা লিন্ডহোম জেনসেনের (১১২ বছর ২১৭ দিন) রেকর্ড ভেঙে এই মাইলফলক অর্জন করেছিলেন। সূত্র: দ্য টেলিগ্রাফ ও এএফপি।
রাশিয়ার রাজপরিবারের ইম্পেরিয়াল কালেকশনের এক ঐতিহাসিক ও দুর্লভ স্মৃতিচিহ্ন—প্রায় ১৯৮ ক্যারটের ‘রোমানভ স্যাফায়ার’ যুক্ত একটি হীরাখচিত ব্রোচ সুইজারল্যান্ডের জেনেভায় সোথবির এক নিলামে তাক লাগানো দামে বিক্রি হয়েছে। নিলামে পাথরটির যে প্রাথমিক অনুমান করা হয়েছিল, তা ছাড়িয়ে এটি বিক্রি হয়েছে প্রায় ৪১ লাখ সুইস ফ্রাঙ্ক বা প্রায় ৪৯ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকারও বেশি)। নিলামে অংশগ্রহণকারী ক্রেতার পরিচয় প্রকাশ না করা হলেও তিনি একজন প্রাইভেট সংগ্রাহক বলে জানিয়েছে আন্তর্জাতিক নিলামকারী সংস্থা সোথবি। নিলামের আগে এই কুশন-আকৃতির রত্নটির দাম ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঙ্ক ($১০ লাখ থেকে $২০ লাখ ডলার) পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি প্রত্যাশিত দামের দ্বিগুণেরও বেশি মূল্যে বিক্রি হয়। যে ঐতিহাসিক পটভূমির সাথে যুক্ত রত্নটি ১৯৭.৮০ ক্যারটের এই সিলন স্যাফায়ারটির উৎপত্তি দক্ষিণ এশিয়ার মুঘল সাম্রাজ্যে বলে ধারণা করা হয়। ১৯ শতকে এটি রাশিয়ার রাজকীয় রত্নভাণ্ডারে যুক্ত হয় এবং রুশ রাজদরবারের অন্যতম গুরুত্বপূর্ণ ও টিকে থাকা রত্ন হিসেবে পরিচিতি লাভ করে।রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাসের (Czar Nicholas II) মা, ডোয়াজার সম্রাজ্ঞী মারিয়া ফেডোরোভনা (Dowager Empress Maria Feodorovna) ১৯০৩ সালের বিখ্যাত উইন্টার প্যালেস বল-এ (Winter Palace Ball) তার পোশাকের সামনে এই স্যাফায়ারটি পরেছিলেন। ইম্পেরিয়াল রাশিয়ার জাঁকজমকপূর্ণ সেই শেষ রাজকীয় আয়োজনের ঐতিহাসিক আলোকচিত্রগুলোতে এই রত্নটির উপস্থিতি অমর হয়ে আছে। ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর রাজপরিবারের পতন ঘটলে সোভিয়েত সরকারের অধীনে ইম্পেরিয়াল ট্রেজারের তালিকা প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে এই রত্নটি নিলামে বিক্রি করা হয়। এরপর ১৯২৭ সালে বিখ্যাত গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্টিয়ারের (Cartier) মাধ্যমে এটি কিনে নেন প্রখ্যাত অপেরা শিল্পী ও সংগ্রাহক গানা ওয়ালস্কা। পরবর্তীতে ২০১৫ সালে কার্টিয়ার এই ঐতিহাসিক পাথরটিকে কেন্দ্র করে বর্তমানের এই চমৎকার ও পরিবর্তনযোগ্য (transformable) ব্রোচ বা ব্রেসলেটটি তৈরি করে। সূত্র: সিএনএন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস অঙ্গরাজ্যে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জিনা হিনোহোসা। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে টানা তিন মেয়াদের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন তিনি। এর মধ্য দিয়ে ৩৬ বছর পর টেক্সাসের গভর্নর নির্বাচনে জয় পেলেন কোনো ডেমোক্র্যাট। একই সঙ্গে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম লাতিন নারী গভর্নর হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন হিনোহোসা। অ্যাসোসিয়েটেড প্রেস ও টেক্সাস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ভোট গণনার পর জিনা হিনোহোসাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ডেসিশন ডেস্ক এইচকিউর প্রকাশিত প্রাথমিক ফলাফলে হিনোহোসা প্রায় ৫২ দশমিক ৮ শতাংশ এবং গ্রেগ অ্যাবট প্রায় ৪৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। ফলে দীর্ঘদিন রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে এবার বড় রাজনৈতিক পরিবর্তন ঘটল। টেক্সাসে সর্বশেষ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ১৯৯০ সালে গভর্নর নির্বাচনে জয়ী হয়েছিলেন অ্যান রিচার্ডস। এরপর টানা কয়েক দশক অঙ্গরাজ্যটির গভর্নর পদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। গ্রেগ অ্যাবট ২০১৪ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর তিন মেয়াদ দায়িত্ব পালন করেন। এবার তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়তে চেয়েছিলেন। কিন্তু হিনোহোসার কাছে পরাজিত হওয়ায় সেই পরিকল্পনা ব্যর্থ হলো। জিনা হিনোহোসা টেক্সাসের অস্টিন থেকে নির্বাচিত পাঁচ মেয়াদের স্টেট রিপ্রেজেন্টেটিভ। এর আগে তিনি অস্টিনের পাবলিক স্কুল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগতভাবে তিনি একজন সিভিল রাইটস আইনজীবী। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় বেড়ে ওঠা হিনোহোসার মা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে এসেছিলেন। তাঁর বাবা একসময় টেক্সাস ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ছিলেন। এবারের নির্বাচনী প্রচারণায় সরকারি স্কুলের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি, শিক্ষকদের বেতন, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেন হিনোহোসা। বিশেষ করে টেক্সাসে বড় বড় ডেটা সেন্টার নির্মাণ এবং এসব প্রকল্পের কারণে স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ ও পানির সরবরাহের ওপর সম্ভাব্য চাপ নিয়ে সরব ছিলেন তিনি। সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যাকে নির্বাচনী প্রচারণার কেন্দ্রে নিয়ে আসেন এই ডেমোক্র্যাট প্রার্থী। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র গ্রেগ অ্যাবট সীমান্ত নিরাপত্তা, কঠোর ইমিগ্রেশন নীতি, কর কমানো এবং ব্যবসাবান্ধব পরিবেশের ওপর গুরুত্ব দেন। প্রচারণায় তিনি হিনোহোসাকে অতিরিক্ত উদারপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। নির্বাচনী তহবিলের দিক থেকেও অ্যাবট এগিয়ে ছিলেন। তবে বিপুল প্রচারণা ব্যয় এবং রিপাবলিকানদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব শেষ পর্যন্ত তাঁর জয় নিশ্চিত করতে পারেনি। বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে হিনোহোসা বলেন, টেক্সাসের মানুষ এমন একটি ফল তৈরি করেছেন, যা অনেকেই অসম্ভব মনে করেছিলেন। তিনি জানান, রাজ্যের মানুষের প্রতি তাঁর বিশ্বাস কখনো কমেনি। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর অ্যাবট তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং ক্ষমতা হস্তান্তরে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে পরাজয় স্বীকার করে গ্রেগ অ্যাবট গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় টেক্সাসের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাবটের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছেন। ডেমোক্র্যাটদের এই জয় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয়লাভ করে ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত শক্তিশালী রিপাবলিকান প্রার্থী কেসি আসকারকে হারিয়ে মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ৩৯ বছর বয়সী এই নারী রাজনীতিক। নির্বাচনে পিয়া ডান্ডিয়া ৫১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কেসি আসকার পান ৪৮ দশমিক ১ শতাংশ ভোট। এই বিজয়ের মধ্য দিয়ে ফ্লোরিডা থেকে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ইতিহাস গড়লেন তিনি। পিয়া ডান্ডিয়ার জন্ম ও বেড়ে ওঠা ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে। তার বাবা-মা ১৯৮০-এর দশকে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। শৈশবে বিভিন্ন সময় ভারতে কাটানো স্মৃতি এবং আন্তর্জাতিক বৈষম্য দেখার অভিজ্ঞতাই তার জীবন ও চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানিয়েছিলেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা পিয়া তার ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতা দিয়ে। মাত্র ২৮ বছর বয়সে তিনি হারলেমের ডেমোক্রেসি প্রেপ এন্ডুরেন্স হাইস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার নেতৃত্বে নিম্ন আয়ের পরিবারের শিশুরাও শতভাগ কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এছাড়া তিনি হোয়াইট হাউস ফেলো হিসেবে শিক্ষা ও অভ্যন্তরীণ নীতিবিষয়ক পরিষদে কাজ করেছেন এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলেও সরকারি খাত সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় পিয়া মূলত জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, স্বাস্থ্যসেবা, দুর্নীতি দমন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং আগ্নেয়াস্ত্রের নিরাপত্তার মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছিলেন। ফ্লোরিডার রাজনীতিতে এই নির্বাচনটি ছিল অন্যতম ব্যয়বহুল। ১৪ অক্টোবর পর্যন্ত পিয়া প্রায় ৪৬ লাখ ডলার সংগ্রহ করেছিলেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আসকারের সংগ্রহ ছিল প্রায় ৭৪ লাখ ডলার। এর বাইরেও পিয়াকে হারাতে ট্রাম্পপন্থী গোষ্ঠীগুলো প্রায় ৬৫ লাখ ডলার এবং আসকারকে রুখতে ডেমোক্র্যাট সমর্থিত গোষ্ঠী প্রায় ৭৯ লাখ ডলার ব্যয় করে। সব সমীকরণ পেছনে ফেলে ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট ফান্ডসহ স্থানীয় বেশ কিছু প্রভাবশালী নেতার সমর্থন নিয়ে মার্কিন কংগ্রেসে পদার্পণ করতে যাচ্ছেন পিয়া ডান্ডিয়া।
দুই শতাব্দীরও বেশি সময় ধরে রহস্য হয়ে থাকা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি সাংকেতিক চিঠির পাঠোদ্ধার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায়। ১৮০৯ সালে লেখা চিঠিটির মূল বার্তা ২১৭ বছর পর উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের প্রকৌশলী কার্টার চার্চ। চিঠিটি লেখা হয়েছিল ইউরোপে ফ্রান্স ও অস্ট্রিয়ার যুদ্ধের সময়। ১৮০৯ সালের মার্চে নেপোলিয়নের সৎপুত্র ও তৎকালীন ইতালির ভাইসরয় ইউজিন দ্য বোহারনে ফরাসি জেনারেল অগুস্ত দ্য মারমোঁকে চিঠিটি পাঠান। সে সময় মারমোঁর সেনারা অ্যাড্রিয়াটিক সাগরের অপর পারে ডালমাটিয়া অঞ্চলে অবস্থান করছিলেন এবং অন্যান্য ফরাসি ও মিত্রবাহিনী থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। চিঠিটির প্রথম লাইন ছিল স্বাভাবিক ফরাসি ভাষায়। এরপরের ২৪টি লাইনে দেখা যায় অক্ষর, সংখ্যা ও হাতে আঁকা বিভিন্ন প্রতীকের জটিল সমন্বয়। ধারণা করা হয়, তৎকালীন সময়ে এই সংকেত পড়ার জন্য একটি আলাদা চাবি বা নিয়মাবলি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই পদ্ধতি হারিয়ে যায়। ফলে চিঠির বাকি অংশ দুই শতাব্দীরও বেশি সময় ধরে অপাঠ্য থেকে যায়। কার্টার চার্চ সম্প্রতি চিঠিটির একটি ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পুরো সংকেত বিশ্লেষণের উদ্যোগ নেন। তার দাবি, এআইয়ের সহায়তায় পুরো প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কাজটির সবচেয়ে কঠিন অংশ শুধু সংকেত ভাঙা ছিল না। বরং ছবির প্রতীকগুলো শনাক্ত করা, একই প্রতীকের ভিন্ন হাতের লেখার ধরন মিলিয়ে দেখা, সেগুলো তালিকাভুক্ত করা এবং পরে অনুবাদ করে অর্থ বের করাও ছিল বড় কাজ। চার্চের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহৃত ছবিটির আকার ছিল ১ হাজার ২০২ বাই ১ হাজার ৮৩৬ পিক্সেল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমে ছবিটিকে সারিতে ভাগ করে প্রতীকগুলো শনাক্ত করে। এরপর হাতে আঁকা প্রায় ১৭৫টি আলাদা চিহ্নের মধ্যে কোনগুলো একই প্রতীকের ভিন্ন রূপ, তা নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হয় মূল সংকেত পাঠোদ্ধারের কাজ। পাঠোদ্ধারের পর জানা যায়, চিঠিতে মূলত যুদ্ধের সামরিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছিল। নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন স্থানে থাকা ফরাসি ও মিত্রবাহিনীর অবস্থান সম্পর্কে মারমোঁকে জানাচ্ছিলেন। একই সঙ্গে বিচ্ছিন্ন অবস্থানে থাকা মারমোঁকে মনোবল না হারানোর এবং সীমিতসংখ্যক শত্রুসেনা দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। চিঠিতে নেপোলিয়ন লিখেছিলেন, রুশ বাহিনী অস্ট্রিয়ার বিরুদ্ধে অগ্রসর হচ্ছে এবং ফ্রিউলি অঞ্চলে ফরাসি বাহিনীর সংখ্যা তখন প্রায় ৮০ হাজার। ডালমাটিয়ায় থাকা সেনাদের সঙ্গে পেছনের বিভিন্ন এলাকায় সংগঠিত রিজার্ভ বাহিনী যোগ করলে অস্ট্রিয়া একসঙ্গে বিভিন্ন দিক থেকে আক্রমণের মুখে পড়বে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, এই পরিস্থিতিতে অস্ট্রিয়া পরাজয়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। মারমোঁকে নেপোলিয়ন আরও নির্দেশ দেন, অগ্রসর হওয়ার আদেশ পাওয়ার পর যেন তিনি কয়েকটি বিচ্ছিন্ন সেনাদল বা অনিয়মিতভাবে জড়ো হওয়া লোকজনের কারণে ভীত না হন। চিঠির শেষদিকে তিনি মারমোঁর কাছ থেকে খবর পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। চিঠিটির সামরিক প্রেক্ষাপটও বেশ গুরুত্বপূর্ণ। ১৮০৯ সালের মে মাসে ভিয়েনার কাছে অ্যাসপার্ন-এসলিংয়ের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়ার আর্চডিউক চার্লসের বাহিনীর কাছে পরাজিত হন। যুদ্ধটিতে উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি হয় এবং প্রায় ২৩ হাজার ফরাসি সেনা নিহত বা আহত হওয়ার তথ্য ঐতিহাসিক নথিতে পাওয়া যায়। তবে পরাজয়ের পর নেপোলিয়ন দ্রুত সেনাবাহিনী পুনর্গঠন করেন। একই বছরের জুলাইয়ে ওয়াগ্রামের যুদ্ধে তিনি আর্চডিউক চার্লসের বাহিনীকে পরাজিত করেন। ওই বিজয়ের পর অস্ট্রিয়া ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তিতে যেতে বাধ্য হয় এবং ফ্রান্সবিরোধী পঞ্চম জোট কার্যত ভেঙে পড়ে। চিঠির সংকেত পাঠোদ্ধারকারী কার্টার চার্চ অবশ্য মনে করেন, সংকেতটি নিজে খুব জটিল ছিল না। তার মতে, পর্যাপ্ত সময় ও শ্রম পেলে পেশাদার সংকেত বিশ্লেষকেরাও এটি সমাধান করতে পারতেন। তবে পুরো কাজটির জন্য ইতিহাস, পুরোনো হাতের লেখা শনাক্তকরণ, প্রতীক বিশ্লেষণ, ভাষা ও সংকেতবিদ্যার মতো একাধিক ক্ষেত্রের সমন্বয় প্রয়োজন ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা সেই বহুমাত্রিক কাজ দ্রুত সম্পন্ন করতে পেরেছে বলেই তার দাবি। এই ঘটনা ইতিহাসের পুরোনো নথি পাঠোদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাও নতুন করে সামনে এনেছে। বিশেষ করে এমন নথি, যেখানে পুরোনো হাতের লেখা, অস্পষ্ট প্রতীক ও হারিয়ে যাওয়া সংকেত পদ্ধতি রয়েছে, সেগুলো বিশ্লেষণে এ ধরনের প্রযুক্তি গবেষকদের সময় কমিয়ে দিতে পারে। তবে ঐতিহাসিক নথির ক্ষেত্রে এআইয়ের পাঠোদ্ধারকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণের আগে বিশেষজ্ঞদের যাচাই প্রয়োজন বলেও মনে করেন গবেষকেরা। কার্টার চার্চের ভাষ্য অনুযায়ী, এই ধরনের কাজের বড় সম্ভাবনা রয়েছে এমন অনেক ঐতিহাসিক সমস্যার ক্ষেত্রে, যেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সময় ও জনবল সাধারণত গবেষকদের হাতে থাকে না। নেপোলিয়নের এই চিঠির পাঠোদ্ধার সেই সম্ভাবনার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে সামনে এসেছে। সূত্র: কার্টার চার্চের গবেষণা প্রতিবেদন, নিউইয়র্ক পোস্ট।
সিরিয়ার দেইর এজ-জোর শহর যখন আই এ সের দখলের মুখে, তখন যুদ্ধের ঝুঁকি উপেক্ষা করে প্রায় ৩০ হাজার ঐতিহাসিক প্রত্নবস্তু সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান দেশটির প্রত্নতাত্ত্বিকরা। নতুন এক গবেষণায় উঠে এসেছে সেই দুঃসাহসিক উদ্ধার অভিযানের বিস্তারিত। ২০১৪ ও ২০১৫ সালে পরিচালিত ওই অভিযানে দেইর এজ-জোর জাদুঘরের মূল্যবান সংগ্রহগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এসব নিদর্শনের মধ্যে মেসোপটেমিয়ার প্রাচীন সভ্যতার সঙ্গে সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ বস্তু ছিল। গবেষণাটির লেখক ও প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক মামুন আবদুলকরিমের নেতৃত্বে ওই সময় সিরিয়ার প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তর উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংস্থাটির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তাঁর সময়কালে সিরিয়ার বিভিন্ন জাদুঘর থেকে প্রায় ৩ লাখ প্রত্নবস্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে প্রায় ৩০ হাজার ছিল দেইর এজ-জোর জাদুঘরের। দেইর এজ-জোর ছিল সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। জাদুঘরটির অনেক নিদর্শন এসেছে হালাফ, দুরা-ইউরোপোস ও মারির মতো প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান থেকে। তবে শহরটি তখন ছিল ভয়াবহ সংঘাতের মধ্যে। জাদুঘরটি একটি সামরিক বিমানবন্দরের সঙ্গে সরু ও ঝুঁকিপূর্ণ একটি পথ দিয়ে যুক্ত ছিল। ফলে প্রত্নবস্তু সরিয়ে নেওয়ার প্রতিটি ধাপেই ছিল বড় ধরনের নিরাপত্তাঝুঁকি। গবেষণায় বলা হয়েছে, যুদ্ধের সময় এমন উদ্ধার অভিযান শুধু পরিবহন ও পরিকল্পনার বিষয় নয়। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, পরস্পরের ওপর আস্থা রাখা এবং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলানোর সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক আবদুলকরিমের মতে, যুদ্ধের মধ্যে সবকিছু নিশ্চিত হওয়ার অপেক্ষা করলে অনেক সময় গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে যেতে পারে। দেইর এজ-জোরের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৪ সালের পর সিরিয়া ও ইরাকের বড় অংশে আই এ সের নিয়ন্ত্রণ বিস্তৃত হলে বহু জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা লুট ও ধ্বংসের ঝুঁকিতে পড়ে। ইরাকের মসুলে জাদুঘর লুট এবং নিনেভে ও আসিরীয় সভ্যতার বহু নিদর্শন ধ্বংসের ঘটনাও সিরিয়ার প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষকে জরুরি সংরক্ষণ ব্যবস্থা জোরদার করতে বাধ্য করে। অধ্যাপক আবদুলকরিম বলেন, এসব প্রত্নবস্তু শুধু জাদুঘরের সংগ্রহ নয়। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের মানব ইতিহাস, সংস্কৃতি ও মানুষের স্মৃতি। তাঁর ভাষায়, ৩০ হাজার নিদর্শন উদ্ধার করার অর্থ শুধু ৩০ হাজার বস্তু রক্ষা করা নয়; বরং যুদ্ধের কারণে মুছে যেতে বসা হাজার বছরের ইতিহাসকে সংরক্ষণ করা। নতুন গবেষণাটি Museum Management and Curatorship সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে যুদ্ধ বা সংকটের আগেই জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় প্রস্তুতি, নথিপত্র, পেশাগত সক্ষমতা ও পারস্পরিক আস্থার ভিত্তি তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেনেসির হ্যারিসন পরিবার ১৯৫৫ সালে দেশজুড়ে আলোচনায় আসে ১৩ ছেলে নিয়ে একটি ছবি প্রকাশের পর। এমোরি ও থেলমা হ্যারিসনের সন্তানদের নিয়ে তোলা ওই ছবি পরিবারটির অস্বাভাবিক বড় আকার এবং একের পর এক ছেলে সন্তানের জন্মের কারণে সে সময় ব্যাপক সংবাদমাধ্যমের আগ্রহ তৈরি করেছিল। জোন্সবরো ও আশপাশের এলাকায় বসবাসকারী এই পরিবারকে সে সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অল-বয় পরিবারগুলোর একটি হিসেবে তুলে ধরা হয়। ছবিতে হ্যারিসন দম্পতির ১৩ জীবিত ছেলেকে একসঙ্গে দেখা যায়। পরবর্তী পারিবারিক নথি অনুযায়ী, থেলমা মোট ১৪টি ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন। তাদের একজন, আলভিন ল্যান্ডন হ্যারিসন, ১৯৩৫ সালে শিশুকালেই মারা যায়। ফলে পরিবারের ১৩ ছেলে বেঁচে ছিল। পারিবারিক তথ্য অনুযায়ী, এমোরি ও থেলমার প্রথম সন্তান গাই লেস্টার হ্যারিসন জন্ম নেন ১৯৩৪ সালে। এরপর একে একে পরিবারে যোগ হয় আরও ছেলেসন্তান। ১৯৫৫ সালে জন্ম নেওয়া ইভান হিউস্টন হ্যারিসন ছিলেন জীবিত ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট। এত বড় একটি ছেলে-সন্তানের পরিবারই হ্যারিসনদের জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে। তবে পরিবারের গল্প সেখানেই শেষ হয়নি। দীর্ঘ ২৪ বছর ধরে ছেলে সন্তানের পর ১৯৫৮ সালের ২৮ এপ্রিল টেনেসির জনসন সিটির একটি হাসপাতালে থেলমা জন্ম দেন কন্যাসন্তান বারবারা অ্যানকে। ওই সময়ের সংবাদপত্রে ঘটনাটিকে বিশেষভাবে তুলে ধরা হয়। সন্তান জন্মের পর এমোরি ও থেলমাকে নবজাতক মেয়েটিকে কোলে নিয়ে থাকতে দেখা যায়। বারবারার জন্মের মধ্য দিয়ে পরিবারের দীর্ঘ ছেলে সন্তান জন্মের ধারায় পরিবর্তন আসে। ১৩ জীবিত ছেলেকে ঘিরে যে পরিবারটি কয়েক বছর আগেই জাতীয় সংবাদে পরিণত হয়েছিল, সেখানে এবার যোগ হয় একমাত্র কন্যাসন্তান। হ্যারিসন পরিবারের পারিবারিক নথিতে মোট ১৪ ছেলে এবং পরে বারবারা অ্যানের জন্মের তথ্য পাওয়া যায়। ফ্যামিলি সার্চের নথিতেও আলভিনকে ১৯৩৫ সালে মারা যাওয়া সন্তান হিসেবে এবং বারবারাকে ১৯৫৮ সালে জন্ম নেওয়া কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। হ্যারিসন পরিবারের এই ব্যতিক্রমী গল্পের আরেকটি অধ্যায় শেষ হয় ২০২৬ সালে। এমোরি ও থেলমার কন্যা বারবারা অ্যান হ্যারিসন রবার্টস ২৪ এপ্রিল ২০২৬ সালে ৬৭ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুসংবাদে তাঁকে এমোরি ও থেলমার কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাঁর ভাইদের মৃত্যুর তথ্যও দেওয়া হয়েছে। এমোরি হ্যারিসন ১৯৭১ সালে এবং থেলমা হ্যারিসন ১৯৭৬ সালে মারা যান। তাঁদের সন্তানদের পরবর্তী জীবন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কয়েকজন টেনেসিতে থেকে গেলেও পরিবারের সদস্যরা পরবর্তীতে ইন্ডিয়ানা ও টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যেও বসবাস করেন। তবে ১৯৫৫ সালের সেই ছবি আজও হ্যারিসন পরিবারের সবচেয়ে পরিচিত স্মৃতি হয়ে আছে। একদিকে ১৩ জীবিত ছেলেকে নিয়ে জাতীয়ভাবে আলোচিত হওয়া, অন্যদিকে চার বছর পর দীর্ঘ ছেলে সন্তান জন্মের ধারার পর একটি মেয়ের আগমন, সব মিলিয়ে পরিবারটির গল্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক বিরল মানবিক কাহিনি হয়ে রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আকাশে বিমান ভূপাতিত হওয়ার পর যুদ্ধবন্দি হিসেবে আটক হওয়া মার্কিন সেনা সার্জেন্ট লিওনার্ড জে. ম্যাকনিলের পরিচয় অবশেষে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স অ্যাকাউন্টিং এজেন্সি । মৃত্যুর প্রায় ৮০ বছর পর তাঁর মরদেহ নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় ফিরিয়ে আনা হচ্ছে। ডিপিএএ জানায়, ফ্লোরিডার অরল্যান্ডোর বাসিন্দা ২৭ বছর বয়সী ম্যাকনিল যুক্তরাষ্ট্রের আর্মি এয়ার ফোর্সের একজন টেল গানার ছিলেন। তিনি একটি বি-২৯ ‘সুপারফোর্ট্রেস’ বোমারু বিমানে দায়িত্ব পালন করতেন। ১৯৪৫ সালের ৫ মে জাপানের কিউশু দ্বীপের ওপর একটি সামরিক অভিযানের সময় তাঁর বিমানটি জাপানি বাহিনীর হামলায় ভূপাতিত হয়। তিনি জীবিত অবস্থায় ধরা পড়লেও পরে যুদ্ধবন্দি হিসেবে মারা যান। যুদ্ধ শেষ হওয়ার পর দীর্ঘদিন তাঁর ভাগ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরে ঐতিহাসিক নথি, সামরিক রেকর্ড, নৃতাত্ত্বিক বিশ্লেষণ, দন্ত পরীক্ষার তথ্য এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। ডিপিএএ আনুষ্ঠানিকভাবে তাঁকে শনাক্ত করার পর পরিবারের কাছে বিষয়টি জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাকনিলের মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় ফ্লোরিডায় দাফন করা হবে। এর মধ্য দিয়ে আট দশক ধরে চলা একটি পরিবারের অপেক্ষার অবসান ঘটছে। ডিফেন্স পিওডব্লিউ/এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিখোঁজ বা অশনাক্ত হয়ে যাওয়া মার্কিন সেনাসদস্যদের পরিচয় শনাক্ত ও স্বদেশে ফিরিয়ে আনার কাজ এখনও চলমান। আধুনিক ডিএনএ প্রযুক্তি এবং ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে প্রতি বছরই বহু দশক আগে নিখোঁজ হওয়া সেনাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি বা সেমি কুইনসেন্টেনিয়াল (Semiquincentennial) উপলক্ষে যখন পুরো দেশ জুড়ে নানা উৎসবের প্রস্তুতি চলছে, তখন ভবিষ্যতের ৫০০তম স্বাধীনতা বার্ষিকীকে লক্ষ্য করে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৪ জুলাই, ২০২৬ তারিখে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্কে মাটির ১৫ ফুট গভীরে পুঁতে রাখা হবে একটি ঐতিহাসিক ‘টাইম ক্যাপসুল’। কংগ্রেসের ২০১৬ সালের আইনি ম্যান্ডেট অনুযায়ী, ঠিক ২৫০ বছর পর অর্থাৎ ২২৭৬ সালের ৪ জুলাই আমেরিকার ৫০০তম জন্মদিনে এটি আবার মাটি খুঁড়ে বের করা হবে। যার গায়ে স্পষ্ট লেখা থাকবে—‘৪ জুলাই, ২২৭৬ সালের আগে খোলা নিষেধ’। আমেরিকার সব কটি অঙ্গরাজ্য, অঞ্চল এবং ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বস্তু, বই, পান্ডুলিপি ও স্মারক দিয়ে সাজানো হচ্ছে এই টাইম ক্যাপসুল। ওয়ানডে বা টেস্টের মতো আন্তর্জাতিক অঙ্গনে যেমন দেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়, ঠিক তেমনি আমেরিকার এই ক্যাপসুলেও স্থান পাচ্ছে তাদের ইতিহাস ও সংস্কৃতির নানা প্রতীক। এর মধ্যে যেমন থাকছে একটি আধুনিক ‘আইফোন ১৭’ (iPhone 17), তেমনি থাকছে নেটিভ আমেরিকানদের ঐতিহ্যবাহী শিল্পকর্ম, শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ, কয়েন ও পিন এবং একটি কোকা-কোলার বোতল। এমনকি আমেরিকার গৃহযুদ্ধে ইউনিয়ন সৈন্যদের সাথে থাকা একটি ঈগল পাখির পালকও সংরক্ষণ করা হচ্ছে এতে। তবে সবচেয়ে বড় চমক থাকছে লাইব্রেরি অব কংগ্রেসের সৌজন্যে পাঠানো আমেরিকার মূল ঘোষণাপত্র বা ফাউন্ডিং ডকুমেন্টসগুলোতে। সম্পূর্ণ নতুন ও উচ্চ প্রযুক্তির ‘সিন্থেটিক ডিএনএ’ (Synthetic DNA) কোডের মাধ্যমে ডিজিটাল কপি হিসেবে সংরক্ষণ করা হচ্ছে থমাস জেফারসনের লেখা স্বাধীনতার ঘোষণার মূল খসড়া, আব্রাহাম লিংকনের হাতের একটি প্রতিরূপ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত ‘দ্য স্টার-স্প্যানগেল্ড ব্যানার’-এর একটি বিশেষ রেকর্ডিং। একটি ছোট থিম্বলের (Thimble) আকারের পাত্রে এই বিপুল পরিমাণ ডিজিটাল ইতিহাস কোড করে রাখা হচ্ছে। বিগত ২৫০ বছরের ইতিহাসে এত দীর্ঘ সময় টিকে থাকার মতো টাইম ক্যাপসুল তৈরি করা হয়নি। ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (NIST)-এর গবেষকেরা জানিয়েছেন, মাটির নিচে পানি ঢুকে পড়ার কারণে সাধারণত বেশিরভাগ টাইম ক্যাপসুল নষ্ট হয়ে যায়। তাই এই ক্যাপসুলটিকে সুরক্ষিত রাখতে এক টন ওজনের স্টেইনলেস স্টিলের তৈরি একটি সিলিন্ডার আকৃতির নকশা বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে লাইব্রেরি অব কংগ্রেসের গবেষকেরা এমন সব বস্তু বাতিল করে দিয়েছেন যা পচে যেতে পারে বা ক্ষতিকর গ্যাস তৈরি করতে পারে। ফলে কোনো চামড়ার জিনিস বা খাবার আইটেম এতে স্থান পায়নি। আমেরিকার প্রতিটি অঞ্চলের নিজস্ব স্মারকের মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়া পাঠিয়েছে কয়লা দিয়ে খোদাই করা তাদের রাজ্যের একটি মানচিত্র এবং ওহাইও পাঠিয়েছে রাইট ভাইদের ঐতিহাসিক বিমানের একটি কাপড়ের টুকরো, যার সাথে রয়েছে অরভিল রাইটের আসল বিবৃতি। এই প্রজেক্টের ব্যবস্থাপক টম মেডেমা জানান, এই টাইম ক্যাপসুলটি মূলত ভবিষ্যতের মানুষের সাথে যোগাযোগের একটি মাধ্যম এবং এর মাধ্যমে আমেরিকার স্বাধীনতার অবিনশ্বর আদর্শগুলো আগামী প্রজন্মের কাছে অক্ষুণ্ন থাকবে।
টাইটানিক ডুবে যাওয়ার ১১৪ বছর পর সেই ঐতিহাসিক ট্র্যাজেডির এক বিরল এবং আবেগঘন স্মারক প্রকাশ্যে এসেছে। জাহাজটি ডুবে যাওয়ার সময় এক বেঁচে যাওয়া যাত্রীর ব্যবহৃত একটি লাইফ জ্যাকেট প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য নিলামে তোলা হচ্ছে। যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান 'হেনরি অলড্রিজ অ্যান্ড সন' এই নিলামের আয়োজন করছে। নিলামকারীদের মতে, ক্যানভাস ও কর্ক দিয়ে তৈরি এই লাইফ জ্যাকেটটি ১৯১২ সালের সেই কালরাত্রিতে লরা মেবেল ফ্রাঙ্কাতেলি (Laura Mabel Francatelli) নামে এক প্রথম শ্রেণির যাত্রীর প্রাণ বাঁচিয়েছিল। জ্যাকেটটির বিশেষত্ব হলো, এতে লরা মেবেল এবং লাইফবোট নম্বর ১-এর আরও সাতজন বেঁচে যাওয়া যাত্রীর স্বাক্ষর রয়েছে। আগামী শনিবার ইংল্যান্ডের উইল্টশায়ারে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে জ্যাকেটটির দাম ৩ লাখ ১২ হাজার ডলার থেকে ৪ লাখ ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটির বেশি টাকা) পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু অলড্রিজ বলেন, "টাইটানিক থেকে বেঁচে ফেরা কোনো যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট নিলামে ওঠার ঘটনা এটিই প্রথম। এটি টাইটানিক স্মারক সংগ্রাহকদের জন্য এক অনন্য সুযোগ।" লরা মেবেল ফ্রাঙ্কাতেলি টাইটানিকের সেই কুখ্যাত ১ নম্বর লাইফবোটে করে রক্ষা পেয়েছিলেন, যা মাত্র ১২ জন যাত্রী নিয়ে সমুদ্রে ভাসানো হয়েছিল, যদিও এর ধারণক্ষমতা ছিল অনেক বেশি। জ্যাকেটটি দীর্ঘ ৯৫ বছর ফ্রাঙ্কাতেলি পরিবারের কাছেই ছিল। পরে ২০০৭ সালে এটি প্রথমবারের মতো এক ব্যক্তিগত সংগ্রাহক কিনে নেন। দীর্ঘ বিরতির পর আবারও এটি ইতিহাসের পাতায় জায়গা করে নিতে নিলামের মঞ্চে ফিরছে।
বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র লন্ডনের ঠিক কোথায় বসে তার কালজয়ী নাটকগুলো লিখেছিলেন, তা নিয়ে দীর্ঘকাল ধরে চলে আসা রহস্যের অবশেষে সমাধান হয়েছে। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, লন্ডনের কেন্দ্রস্থলে শেক্সপিয়রের তৎকালীন বাসস্থানের সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। গবেষক জফ্রি মার্শ দীর্ঘ এক দশক ধরে লন্ডনের ঐতিহাসিক নথিপত্র এবং কর প্রদানের রেকর্ড বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণায় দেখা যায়, ১৫৯০-এর দশকে শেক্সপিয়র লন্ডনের 'সেন্ট হেলেনস' বিশপের গির্জার নিকটবর্তী একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বর্তমানে এই স্থানটি লিভারপুল স্ট্রিট স্টেশনের খুব কাছে অবস্থিত। ঐতিহাসিকদের মতে, এই বাড়িতে অবস্থানকালেই শেক্সপিয়র তার অমর সৃষ্টি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ এবং ‘আ মিডসামার নাইটস ড্রিম’-এর মতো নাটকগুলো রচনা করেছিলেন। গবেষক মার্শ জানান, তৎকালীন সময়ে ওই এলাকাটি ছিল অত্যন্ত অভিজাত এবং সেখানে সম্পদশালী ব্যবসায়ী ও গুণী ব্যক্তিদের বসবাস ছিল। এই পরিবেশই হয়তো শেক্সপিয়রকে তার নাটকগুলোতে উচ্চবিত্ত ও রাজকীয় জীবনের প্রতিফলন ঘটাতে অনুপ্রাণিত করেছিল। এর আগে কেবল জানা ছিল যে তিনি সেন্ট হেলেনস প্যারিশে থাকতেন, কিন্তু নির্দিষ্ট বাড়িটি চিহ্নিত ছিল না। এই নতুন আবিষ্কার শেক্সপিয়রের ব্যক্তিগত জীবন এবং তার কর্মজীবনের শুরুর দিনগুলো সম্পর্কে নতুন তথ্য উম্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যিশুর শেষ শয্যায় বাংলাদেশের ছোঁয়া? তুরিনের রহস্যময় চাদরে মিলল চমকপ্রদ তথ্য হযরত ঈসা (আঃ) বা যিশু খ্রিস্টের পবিত্র দেহ যে চাদর দিয়ে ঢাকা ছিল, সেই ঐতিহাসিক ‘শবাচ্ছাদন বস্ত্র’ বা ‘শ্রাউড অব তুরিন’ নিয়ে দীর্ঘদিনের রহস্যে যুক্ত হলো নতুন এক মাত্রা। সাম্প্রতিক এক ডিএনএ গবেষণায় দাবি করা হয়েছে, এই পবিত্র কাপড়ের সঙ্গে প্রাচীন ভারতীয় উপমহাদেশের গভীর সংযোগ থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও এই উপমহাদেশের অংশ। ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়ান্নি বারকাচ্চিয়ার নেতৃত্বে একদল গবেষক এই চাদর থেকে পাওয়া ধূলিকণা এবং ফাইবারের জেনেটিক বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, কাপড়টিতে থাকা ডিএনএ-র প্রায় ৩৮.৭ শতাংশই উপমহাদেশীয় বংশোদ্ভূত। বিজ্ঞানীদের ধারণা, এই কাপড়টি প্রাচীন সিন্ধু উপত্যকা অঞ্চল থেকে আমদানিকৃত লিনেন বা সুতো দিয়ে তৈরি হয়ে থাকতে পারে, যা প্রাচীন রেশম পথ বা সমুদ্রপথে মধ্যপ্রাচ্যে পৌঁছেছিল। বাইবেলের বর্ণনা অনুযায়ী, গুড ফ্রাইডে-তে যিশুর দেহ ক্রুশ থেকে নামানোর পর একটি মসীনার কাপড়ে জড়িয়ে সমাধিস্থ করা হয়েছিল। ইতালির তুরিন শহরের ‘ক্যাথিড্রাল অব সেন্ট জন দ্য ব্যাপ্টিস্ট’-এ সংরক্ষিত এই ৪.৩৬ মিটার লম্বা কাপড়ে আজও এক দীর্ঘকায় পুরুষের আবয়ব এবং রক্তের ছাপ দৃশ্যমান। নতুন এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে, যিশুর সেই অন্তিম বিদায়ের চাদরটি হয়তো তৎকালীন উপমহাদেশের দক্ষ কারিগরদের বোনা কাপড় ছিল। যদিও এই চাদরটির সত্যতা নিয়ে বিজ্ঞান মহলে বিতর্ক রয়েছে, তবে উপমহাদেশের সাথে এর বাণিজ্যিক ও ঐতিহাসিক যোগসূত্র স্থাপনের এই দাবি বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
মেসোপটেমিয়া কিংবা প্রাচীন মিশরের মতো সমসাময়িক সব বড় সভ্যতা যখন কালের গর্ভে হারিয়ে গিয়েছে, তখনও স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান। গ্রিক সম্রাট আলেকজান্ডার থেকে শুরু করে মঙ্গোল বীর চেঙ্গিস খান—ইতিহাসের বিভিন্ন সময়ে বিধ্বংসী সব হামলা ধেয়ে এসেছে এই ভূখণ্ডের দিকে। এমনকি বর্তমান সময়ের পরাশক্তি আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন গোটা ইরানি সভ্যতাকে ধূলিসাৎ করে দেওয়ার হুমকি দেন, তখনও বিন্দুমাত্র বিচলিত হয়নি তেহরান। ঐতিহাসিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্য সভ্যতার টিকে থাকার মূলে রয়েছে তাদের সুগভীর সাংস্কৃতিক শিকড় এবং জাতীয় ঐক্য। আক্রমণকারীরা বারেবারে তাদের মাটি দখল করলেও, পারস্যের সংস্কৃতিকে কখনো গ্রাস করতে পারেনি; বরং উল্টো আক্রমণকারীরাই একসময় ইরানি ঐতিহ্যে মিশে যেতে বাধ্য হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এলেও, ইরান আবারও প্রমাণ করেছে যে সাত হাজার বছরের এই সুপ্রাচীন ইতিহাস কোনো সাময়িক সামরিক শক্তির কাছে মাথা নত করার নয়। আধুনিক সমরাস্ত্র আর ভূ-রাজনৈতিক চাপের মুখেও নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার এই অবিশ্বাস্য ক্ষমতা আজ সারা বিশ্বের কাছে এক পরম বিস্ময়।
১১ হাজার বছর আগের এক বিষাদময় উপাখ্যান! শেষ তুষারযুগের বরফ যখন গলতে শুরু করেছে, ঠিক সেই সময়ে উত্তর ব্রিটেনের এক অন্ধকার গুহায় সমাহিত করা হয়েছিল তিন বছরের এক ছোট্ট শিশুকে। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা উন্মোচন করেছেন মানব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। কামব্রিয়ার ‘হিনিং উড বোন কেভ’ থেকে উদ্ধার হওয়া এই দেহাবশেষটি বর্তমানে উত্তর ব্রিটেনের ইতিহাসে আবিষ্কৃত প্রাচীনতম মানুষের নিদর্শন। বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, শিশুটি খ্রিস্টপূর্ব ৯২৯০ থেকে ৮৯২৫ অব্দের মাঝামাঝি সময়ে মারা গিয়েছিল। আধুনিক ডিএনএ বিশ্লেষণ এবং রেডিওকার্বন ডেটিং প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, শিশুটির বয়স ছিল মাত্র আড়াই থেকে সাড়ে তিন বছর। স্থানীয়ভাবে তাকে ‘অসিক ল্যাস’ নামে অভিহিত করা হয়েছে। গবেষণায় উঠে এসেছে এক আবেগঘন সত্য। আজ থেকে হাজার হাজার বছর আগেকার সেই আদিম মানুষগুলোও যে তাদের প্রিয়জনদের প্রতি কতটা যত্নশীল ছিল, তার প্রমাণ মেলে এই সমাধিতে। শিশুটিকে গুহার ভেতর অত্যন্ত সম্মানের সাথে সমাহিত করা হয়েছিল। তার দেহের সাথে পাওয়া গেছে পাঁচটি ছিদ্রযুক্ত ঝিনুকের পুঁতি, যা তৎকালীন সময়ের গয়না বা বিশেষ উপহার হিসেবে ব্যবহৃত হতো। এটি প্রমাণ করে, প্রাচীনকালেও মৃতদেহ সৎকারে শোক এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হতো। দীর্ঘ ১০ বছর ধরে এই গুহায় খননকাজ চালিয়েছেন প্রত্নতাত্ত্বিক মার্টিন স্টেবেলস। তার মতে, গুহাটি সম্ভবত তৎকালীন মানুষের কাছে কোনো পবিত্র বা আধ্যাত্মিক স্থান ছিল। ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ডক্টর রিক পিটারসন এই আবিষ্কারকে বিজ্ঞানের এক অভাবনীয় জয় হিসেবে দেখছেন। তিনি জানান, এত প্রাচীন দেহাবশেষ থেকে লিঙ্গ ও বয়স নির্ভুলভাবে শনাক্ত করা ব্রিটেনের আদিম জনগোষ্ঠীর জীবনযাত্রা বুঝতে এক নতুন দিগন্ত উন্মোচন করল।
আজকের দিনে যে জিনিসটি বিদেশ ভ্রমণের জন্য অপরিহার্য, তা হলো পাসপোর্ট। ছোট এক নোটবুকের আকারের এই পরিচয়পত্র নাগরিকত্বের গুরুত্বপূর্ণ সনদ হিসেবে কাজ করে। তবে আধুনিক পাসপোর্টের পেছনে রয়েছে শতাব্দী-দীর্ঘ বিবর্তনের ইতিহাস—যেখানে কখনো নিরাপত্তা, কখনো বাণিজ্য, আবার কখনো রাজনৈতিক প্রয়োজনে এর রূপ বদলেছে। পাসপোর্টের ধারণা প্রাচীন। প্রাচীন চীন ও রোমান সাম্রাজ্যে ব্যবসায়ী ও পর্যটকদের বিশেষ সনদ দেওয়া হতো। লাতিন শব্দ ‘passer’ (পাস করা) এবং ‘portus’ (বন্দর) থেকে ‘পাসপোর্ট’ শব্দের উৎপত্তি। প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব ৪৭৫–২২১ সালে ‘গোওসৌ’ নামে পরিচয়পত্র ব্যবস্থার উদাহরণ পাওয়া যায়। রোমান সাম্রাজ্যে সরকারি কর্মকর্তাদের ‘ট্র্যাক্টোরিয়াম’ বা সম্রাটের বিশেষ চিঠি প্রদান করা হতো। মধ্যযুগে আধুনিক পাসপোর্টের পূর্বসূরি হিসেবে পরিচিতি পায় ‘সেফ কন্ডাক্ট’ বা বিশেষ সুরক্ষা সনদ। ১৪১৪ সালে ইংল্যান্ডে রাজা পঞ্চম হেনরির আমলে এর উল্লেখ পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট প্রদান শুরু হয় ১৫৪০ সালে, রাজা অষ্টম হেনরির শাসনামলে। বর্তমানে টিকে থাকা সবচেয়ে পুরনো পাসপোর্ট নিদর্শনটি ১৬৪১ সালের, যা রাজা চার্লস প্রথমের আমলে ইস্যু করা হয়েছিল। ১৭৯৪ সালে ব্রিটেনে পাসপোর্ট প্রদানের ক্ষমতা সরাসরি ‘সেক্রেটারি অব স্টেট’-এর অধীনে চলে আসে। আধুনিক পাসপোর্ট ব্যবস্থার সূচনা ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর। ১৯২০ সালে ‘লিগ অব নেশনস’-এর দেশগুলো পাসপোর্টের কাঠামো ও মান নির্ধারণ করে। আশ্চর্য হলেও সত্যি, আধুনিক পাসপোর্ট মূলত মানুষের বিশ্বভ্রমণ সহজ করার জন্য নয়, বরং অভিবাসন নিয়ন্ত্রণ ও গতিবিধি সীমিত করার জন্য তৈরি হয়েছিল। ১৯৬৩ সালে জাতিসংঘে পাসপোর্ট প্রথা বাতিলের প্রস্তাব তোলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রসহ শক্তিশালী দেশগুলো বিরোধিতা করায় তা সম্ভব হয়নি। তাই আজ পাসপোর্ট সীমান্ত অতিক্রমের অপরিহার্য হাতিয়ার হিসেবে থাকলেও, এটি একই সঙ্গে রাষ্ট্রের নিয়ন্ত্রণের মাধ্যমও বটে।
১৯৭১ সালের ২০ নভেম্বর—পবিত্র ঈদুল ফিতরের দিন। কিন্তু সেই ঈদ ছিল না উৎসবের, ছিল আতঙ্ক, অনিশ্চয়তা আর অপেক্ষার। মুক্তিযুদ্ধের ভয়াবহ সময়ের মধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঈদ এসেছিল এক ভিন্ন বাস্তবতা নিয়ে। মার্চ মাস থেকে শুরু হওয়া পাকিস্তানি বাহিনীর গণহত্যা, ধরপাকড় ও দখলদারিত্বের মধ্যে মানুষের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কালুরঘাট পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে চলছিল প্রতিরোধ যুদ্ধ। এমন দমবন্ধ পরিস্থিতিতেই আসে ঈদ। যেখানে রমজান এলেই চট্টগ্রাম নিউমার্কেট ও রেয়াজুদ্দিন বাজারে মানুষের ভিড় লেগে থাকত, সেখানে একাত্তরে ছিল নিস্তব্ধতা। নতুন কাপড় কেনা তো দূরের কথা, অনেকেই ন্যূনতম আয়োজনেই ঈদ পার করেছেন। প্রবীণদের স্মৃতিচারণে উঠে আসে—ঈদের দিনটিতে আনন্দের চেয়ে ভয়ই ছিল বেশি। শহরের বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ, লুটপাট ও গণহত্যার খবর ছড়িয়ে পড়ত প্রতিনিয়ত। তবুও মানুষের মনে ছিল স্বাধীনতার স্বপ্ন। কথাসাহিত্যিক আবুল ফজল–এর পরিবারও সেই বাস্তবতার বাইরে ছিল না। তাঁর ছেলে আবুল মোমেন স্মৃতিচারণ করে বলেন, “ভয়, আশঙ্কা আর আশাবাদের মধ্যেই ঈদ এসেছিল। ঘরে ভালো খাবার হলেও কোনো উৎসব ছিল না।” মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান জানান, মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উদ্যাপনের কোনো পরিবেশই ছিল না। বরং নিরাপত্তার কারণে অনেককে বাড়ি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি পরাধীন দেশে ঈদে উৎসব বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্রও বিতরণ করা হয়েছিল। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যা শহরটিকে পরিণত করেছিল মৃত্যুপুরীতে। বন্দর, হালিশহর, লালখান বাজারসহ বিভিন্ন স্থানে সংঘটিত হয় বড় বড় হত্যাকাণ্ড। অনেক জায়গায় নালা ও ম্যানহোল থেকেও উদ্ধার করা হয় লাশ। ঈদের দিনও ছিল না নিরাপদ। পটিয়ার মনসা গ্রামে এক মায়ের কান্না আজও স্মৃতিতে জাগ্রত—যুদ্ধের কারণে মেয়েকে দেখতে না পারার বেদনা তাঁকে ভেঙে দিয়েছিল। আবার কোথাও বাবাকে হারানো সন্তানের কান্না ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছিল। ইতিহাস গবেষক মুহাম্মদ শামসুল হক তাঁর স্মৃতিচারণে লিখেছেন, “ঈদের দিন নতুন কাপড় ছিল না, ছিল শুধু দুধের সেমাই আর ভয়ের মধ্যে কাটানো কিছু সময়।” সেদিনের ঈদ ছিল না কোলাকুলি বা আনন্দের—ছিল নীরবতা, আতঙ্ক আর বেঁচে থাকার সংগ্রাম। তবুও মানুষের অন্তরে ছিল একটিই বিশ্বাস—স্বাধীনতা আসবে, অন্ধকার কেটে যাবে। আজকের স্বাধীন দেশে আনন্দমুখর ঈদ উদ্যাপনের পেছনে তাই লুকিয়ে আছে সেই ত্যাগ, বেদনা আর সংগ্রামের ইতিহাস।