সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

বিশ্বরাজনীতি

ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত মার্কিন আইনপ্রণেতারা, শাটডাউন এড়াতে হিমশিম খাচ্ছে কংগ্রেস
ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত মার্কিন আইনপ্রণেতারা, শাটডাউন এড়াতে হিমশিম খাচ্ছে কংগ্রেস

ইরান যুদ্ধ এবং পেন্টাগনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৫০ বিলিয়ন ডলারের নতুন ব্যয় বরাদ্দের দাবিকে কেন্দ্র করে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। এর ফলে আগামী মাসে যুক্তরাষ্ট্র সরকার আবারও অচলাবস্থা বা ‘শাটডাউনের’ মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতারা।   আগামী ১১ ডিসেম্বর কেন্দ্রীয় সংস্থাগুলোর বর্তমান তহবিলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকারি কার্যক্রম সচল রাখতে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য আইনপ্রণেতাদের হাতে সময় আছে মাত্র তিন সপ্তাহ। আগামী সপ্তাহে থ্যাংকসগিভিংয়ের এক সপ্তাহের ছুটিতে যাওয়ার আগে দুই দলের অবস্থান এখনো বিপরীত মেরুতে। বিশেষ করে ১০০ আসনের সিনেটে দ্বিদলীয় কোনো তহবিল বিল পাস করতে হলে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন, যা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।   উভয় দলের অভ্যন্তরীণ সংকট নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর আগামী বছরের শুরুতে সিনেট ও প্রতিনিধি পরিষদে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। সে সময় পর্যন্ত সরকারি কার্যক্রম চালাতে একটি অন্তর্বর্তীকালীন তহবিল (স্টপগ্যাপ মেজার) পাসের চেষ্টা চলছে। পাশাপাশি ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ কিছু বরাদ্দ বিল পাসের আশাও করছেন তারা।   তবে উভয় দলই নিজ নিজ অবস্থান থেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী দলীয় শক্তিতে প্রতিরক্ষা তহবিল পাস করার পথে হাঁটতে দ্বিধা করছেন রিপাবলিকানরা। অন্যদিকে, ইরান যুদ্ধে প্রেসিডেন্টের তহবিল সীমিত করার দাবিতে অনড় থেকে আরেকটি শাটডাউন ডেকে আনা ঠিক হবে কি না, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা।   ‘আমরা যুদ্ধের তহবিল দিতে চাই না, শাটডাউনও চাই না’২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে এটি হতে পারে চতুর্থ আংশিক শাটডাউন। রিপাবলিকানদের অভিযোগ, আগামী ১ ডিসেম্বর সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব নির্বাচনের আগে দলটি কোনো সমঝোতায় আসতে চাইছে না। বর্তমান নেতা চাক শুমারের বিরুদ্ধে ওই নির্বাচনে লড়ছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন।   সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা রিপাবলিকান জন থুন বলেন, ‘আমেরিকান জনগণের আরেকটি শাটডাউনের কোনো প্রয়োজন নেই। এটি হবে একটি বিশাল ভুল এবং দেশের মানুষের প্রতি চরম অবিচার।’   অন্যদিকে, বড়দিনের ছুটির আগে সরকারি কর্মীদের বেতন ও সংস্থার তহবিল বন্ধ হওয়ার ঝুঁকি সত্ত্বেও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা সীমিত করার শর্ত জুড়ে দেওয়া উচিত কি না—তা নিয়ে নিজেদের মধ্যেই লড়াই করছেন সিনেট ডেমোক্র্যাটরা।   ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ বলেন, ‘বড় বাধা হলো—আমরা যুদ্ধের তহবিল দিতে চাই না, আবার শাটডাউনও চাই না। এই জটিল সমস্যার সমাধান কীভাবে হবে, সেটিই এখন বড় প্রশ্ন।’   উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ডেমোক্র্যাটরা ইতোমধ্যে তিনবার শাটডাউনের পরিস্থিতি তৈরি করেছেন, যার মধ্যে মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনও রয়েছে। চলতি বছরের শুরুতে মিনিয়াপোলিসে কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার জেরে হোমল্যান্ড সিকিউরিটির তহবিল আটকে দিয়েছিলেন তারা।   কলোরাডোর ডেমোক্র্যাট সিনেটর জন হিকেনলুপার জানান, ইরান যুদ্ধের কারণে জ্বালানির উচ্চমূল্যে মার্কিন পরিবারগুলো যে ভোগান্তিতে পড়েছে, তা আরেকটি তহবিল বন্ধের সিদ্ধান্তকে যৌক্তিক করে তুলতে পারে। তবে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রোজা ডিলাউরো শাটডাউনের ঘোর বিরোধী। তিনি বলেন, ‘সরকার বন্ধ করে দিলে যুদ্ধ থামবে না। সবাই যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু সরকার অচল না করে কীভাবে কৌশলগতভাবে তা করা যায়, আমি সেই পক্ষে।’   সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের চাওয়া ৩৫০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা তহবিল ‘বাজেট রিকনসিলিয়েশন’ প্রক্রিয়ায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করা হবে কি না, তা নিয়ে একমত হতে পারেননি সিনেট রিপাবলিকানরা। এ সপ্তাহে রুদ্ধদ্বার বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা রিপাবলিকানদের প্রস্তাবিত ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে দ্বিদলীয় আলোচনা চালাবেন। তবে ওই বিলে ট্রাম্পের চাওয়া তহবিলের মাত্র ৬৯ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।   সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সদস্য রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস সতর্ক করে বলেন, ‘আমরা যদি উভয় পক্ষের মধ্যে যোগাযোগ না বাড়াই, তবে আমাদের হাতে আর কোনো সময় থাকবে না।’   ২০২৭ অর্থবছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় ১২টি পূর্ণাঙ্গ বরাদ্দ বিলের সবগুলো পাস করা সম্ভব না হলেও অন্তত কয়েকটি পাস করে বাকি সংস্থাগুলোর জন্য ‘কন্টিনিউয়িং রেজোলিউশন’ (সিআর) বা অস্থায়ী তহবিল পাসের আশা করছেন আইনপ্রণেতারা। সূত্র: রয়টার্স।

বায়জিদ হাসান নভেম্বর ১৯, ২০২৬ ১৩:০ 0
ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র
ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের পক্ষ থেকে আসা সম্ভাব্য নিরাপত্তার হুমকির কারণে যুক্তরাজ্যে অবস্থিত নিজেদের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক 'ওয়াল স্ট্রিট জার্নাল' এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, যুক্তরাজ্যের 'আরএএফ মিলডেনহল' (RAF Mildenhall) ঘাঁটিতে ইরানের হুমকির ধরনটি সাধারণ নাকি নির্দিষ্ট—তা নিয়ে পর্যালোচনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, গতকাল সকালে দুটি রিফুয়েলিং ট্যাংকার জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি দিনভর অন্যান্য ট্যাংকার ও যুদ্ধবিমান জার্মানি এবং অন্যান্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।   তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তারা জানিয়েছে, বিভিন্ন পরিচালনগত কারণেই সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে বিমান স্থানান্তর করা হয়। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "আমরা সাধারণত অন্য দেশের সামরিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করি না। তবে পরিচালনগত প্রয়োজনে নিয়মিতই এসব সম্পদ স্থানান্তর করা হয়ে থাকে।" এর আগে গত মাসে ইংল্যান্ডের 'আরএএফ ফেয়ারফোর্ড' (RAF Fairford) ঘাঁটিতে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার তদন্ত চলাকালে সেখান থেকে নিজেদের বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমান বাহিনী। ওই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযানে ব্যবহার করা হতো।   যুক্তরাজ্যের কর্মকর্তাদের দাবি, ইরানি প্রক্সি গোষ্ঠীগুলো ব্রিটেনে একাধিক অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের হামলার সঙ্গে জড়িত। এসব হামলার বড় একটি লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায়, যার মূল উদ্দেশ্য ভয় ও আতঙ্ক সৃষ্টি করা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল থাকলে তেহরান যুক্তরাজ্যে তাদের লক্ষ্যবস্তু আরও প্রসারিত করতে পারে বলেও তারা পূর্বে সতর্ক করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন আলোচনাকারীদের সাথে ইরান বেশ নমনীয় ও ইতিবাচকভাবে কথা বলছে। উভয় দেশের মধ্যকার সংঘাত নিরসনে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে এবং যুদ্ধটি কার্যত শেষের পথে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।  

সামিয়া ইসলাম নভেম্বর ৯, ২০২৬ ১৩:০ 0
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাই
আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট বিচারক ও জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার, ৯ অক্টোবর নরওয়ের নোবেল কমিটি বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। এ ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রত্যাশা আবারও পূরণ হলো না।   নোবেল কমিটি জানিয়েছে, বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ অন্য অধিকারকর্মীদের পক্ষে আইনি লড়াই থেকে শুরু করে সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমে বিচারক হিসেবে দায়িত্ব পালন—পিল্লাইয়ের কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের ধারাবাহিকতা রয়েছে।   পুরস্কার ঘোষণার ব্যাখ্যায় কমিটি বলেছে, বর্তমানে আন্তর্জাতিক আইনের ব্যবস্থা প্রচণ্ড চাপের মুখে রয়েছে এবং এর প্রতিষ্ঠানগুলোও আক্রমণের শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে আইন ও ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরতেই পিল্লাইকে বেছে নেওয়া হয়েছে।   কমিটির বক্তব্যে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আইনি কাঠামোর পরিবর্তে ক্ষমতার রাজনীতিকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। শক্তি যখন ন্যায়ের ওপর প্রাধান্য বিস্তার করে, তখন স্থিতিশীলতা, পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থান দুর্বল হয়ে পড়ে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অহিংস সমাধানের ভিত্তি বলেও উল্লেখ করেছে কমিটি।   দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে পিল্লাইয়ের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। পরবর্তী সময়ে তিনি আন্তর্জাতিক বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক অপরাধের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।   নোবেল কমিটির মতে, পিল্লাইয়ের দীর্ঘ কর্মজীবনে একটি বিষয় বারবার ফিরে এসেছে—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং আইনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা। আন্তর্জাতিক বিচারব্যবস্থায় তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই পুরস্কারের মাধ্যমে বিশ্বজুড়ে আইন ও মানবাধিকার রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করার বার্তা দিতে চায় কমিটি।   নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ভাটনে ফ্রিডনেস বলেছেন, আন্তর্জাতিক আইন ও এর প্রতিষ্ঠানগুলো আরও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের ভিত্তি। এই পুরস্কারের মাধ্যমে পিল্লাই এবং তাঁর মতো আইন ও মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।   ট্রাম্পের পুরস্কার পাওয়ার প্রচেষ্টা ঘিরে আলোচনা   ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে ট্রাম্পের পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনায় ছিল। তিনি বিভিন্ন সময়ে নিজের কূটনৈতিক ভূমিকা ও সংঘাত নিরসনের প্রচেষ্টাকে পুরস্কারের যোগ্য বলে তুলে ধরেছেন। নোবেল কমিটির ওপরও তাঁকে পুরস্কার দেওয়ার জন্য উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।   তবে শেষ পর্যন্ত ট্রাম্পের পরিবর্তে পিল্লাইকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যেই পাকিস্তান আবারও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানায়। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ঐতিহাসিক ভূমিকা রয়েছে।   শরিফের বক্তব্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর পর ট্রাম্পের সময়োপযোগী হস্তক্ষেপ দুই দেশকে সংঘাতের কিনারা থেকে ফিরিয়ে আনতে এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। তাঁর দাবি, সেই যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তবে এটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য; নোবেল কমিটির পুরস্কার ঘোষণার কারণ হিসেবে এই দাবিকে উল্লেখ করা হয়নি।   এর আগে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকর্মী মারিয়া কোরিনা মাচাদো। দেশটিতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের পক্ষে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কার দেওয়া হয়েছিল। পরে তিনি প্রতীকীভাবে নিজের পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পরিবর্তন করা যায় না।   আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ন্যায়বিচারের বার্তা   এবারের পুরস্কার এমন এক সময়ে দেওয়া হলো, যখন বিভিন্ন অঞ্চলে সংঘাত, যুদ্ধ এবং আন্তর্জাতিক আইন প্রয়োগের সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সংঘাত এবং ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা চলছে।   এদিকে সুদানে মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন কমে যাওয়ার পর স্থানীয় স্বেচ্ছাসেবী ও কমিউনিটিভিত্তিক সহায়তা নেটওয়ার্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগও এবারের পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের আলোচনায় ছিল।   নোবেল শান্তি পুরস্কার চলতি সপ্তাহে ঘোষিত পঞ্চম পুরস্কার। এর আগে সাহিত্য, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পিল্লাইয়ের এই স্বীকৃতি আন্তর্জাতিক বিচারব্যবস্থা, মানবাধিকার এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

অলিনা রহমান অক্টোবর ৮, ২০২৬ ১৪:০ 0
হরমুজ নিয়ে ট্রাম্পের মানচিত্রের জবাবে ক্যালিফোর্নিয়াকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।
হরমুজ নিয়ে ট্রাম্পের মানচিত্রের জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের চিহ্নিত করল ইরান

হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা মানচিত্রের জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে পাল্টা মানচিত্র প্রকাশ করেছে ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট। ১৮ আগস্ট প্রকাশিত ওই পোস্টে ক্যালিফোর্নিয়াকে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’ বলে উল্লেখ করা হয়।   ১৮ আগস্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হরমুজ প্রণালিকে ঘিরে একটি মানচিত্র প্রকাশ করেন। ছবিতে প্রণালিটির ওপর ‘NEW U.S. Territory’ লেখা ছিল। পরে হোয়াইট হাউসের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও ট্রাম্পের পোস্টটি শেয়ার করা হয়।   এর জবাবে ‘Iran in Hyderabad’ নামে ইরানের সরকারি অ্যাকাউন্ট যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে আলাদা করে দেখানো হয়। ছবির ওপর লেখা ছিল, ‘NEW TERRITORY OF ISLAMIC REPUBLIC OF IRAN’। পোস্টটির ভাষা ও সময় বিবেচনায় এটি ট্রাম্পের হরমুজ-সংক্রান্ত মানচিত্রের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে প্রকাশ করা হয়েছিল; ক্যালিফোর্নিয়া নিয়ে ইরানের আনুষ্ঠানিক ভূখণ্ড দাবি হিসেবে এটিকে উপস্থাপন করা হয়নি।   এর কয়েক দিন আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ১৮ আগস্ট তিনি ওই বক্তব্যের পরই মানচিত্রটি প্রকাশ করেন।   ট্রাম্পের পোস্টের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সেখানে নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই দুই পক্ষের সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মানচিত্র প্রকাশের ঘটনা ঘটে।  

অলিনা রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১৪:০ 0
শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ
শি-ট্রাম্প মুখোমুখি, বৈঠকের বাইরেও যে প্রশ্নে নজর বিশ্বের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন শি জিনপিং। বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান, ইরানসহ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার আলোচনার কথা রয়েছে।   হোয়াইট হাউস জানিয়েছে, শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানের সফর উপলক্ষে বিশেষ আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে অভ্যর্থনা অনুষ্ঠান, সামরিক প্রদর্শনী এবং বিশেষ উড়োজাহাজ মহড়া। ফলে দুই নেতার বৈঠক কূটনৈতিক আলোচনার পাশাপাশি নানা আনুষ্ঠানিক আয়োজনেরও কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে।   এই সফরের আগে দুই নেতার বয়স ও শারীরিক সুস্থতাও নতুন করে আলোচনায় এসেছে। ৭৩ বছর বয়সী শি জিনপিংকে ঘিরে সম্প্রতি স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের একটি নৈশভোজে তিনি উপস্থিত না থাকায় এবং পরে কয়েক দিন প্রকাশ্যে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ে। তবে গুরুতর অসুস্থতার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শি অসুস্থ হওয়ার দাবি নাকচ করে এসব পোস্টকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে।   অন্যদিকে ৮০ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়েও দীর্ঘদিন ধরে জনসমক্ষে আলোচনা রয়েছে। সম্প্রতি ওয়াল্টার রিডে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ট্রাম্প নিজেকে ‘পুরোপুরি সুস্থ’ বলে দাবি করেছেন। তার বয়স নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, একই ধরনের যাচাই-বাছাই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রেও দেখা গিয়েছিল।   দুই দেশের শীর্ষ নেতার বৈঠক যতটা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, ততটাই সামনে আসছে নেতৃত্বের ধারাবাহিকতার প্রশ্ন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই দেশের ক্ষমতার কেন্দ্রে থাকা নেতারা যখন বয়সের শেষ প্রান্তে পৌঁছাচ্ছেন, তখন তারা ভবিষ্যতে কখন নেতৃত্ব থেকে সরে যাবেন এবং তাদের পরবর্তী নেতৃত্ব কেমন হবে—সেই প্রশ্নও সামনে আসছে।   আর এখানেই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। কারণ বিশ্বের কিছু ক্ষমতাধর নেতা দীর্ঘ সময় ক্ষমতার শীর্ষে থাকার পথ বেছে নিয়েছেন। ফলে তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, নেতৃত্বের ভবিষ্যৎ, ক্ষমতার হস্তান্তর এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নও আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।  

অলিনা রহমান সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৪:০ 0
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
জাতিসংঘে আজ ট্রাম্পের ভাষণে ইরান-ইউক্রেন যুদ্ধসহ জ্বালানি সংকট, থাকছে যেসব বিষয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। সেখানে ইরান ও ইউক্রেনের যুদ্ধ, জ্বালানি সংকট, বিশ্ব বাণিজ্য এবং অর্থনৈতিক অনিশ্চয়তাসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় উঠে আসতে পারে। একই দিনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও করার কথা রয়েছে ট্রাম্পের।   গত বছর জাতিসংঘের ভাষণে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেছিলেন, দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। এবার ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রায় সাত মাসের মাথায় তিনি একই ধরনের বার্তা দিতে পারেন। সোমবার ট্রাম্পও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং দেশটি ভালো অবস্থায় নেই।   ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এখনো পরিবহন হচ্ছে। তবে যুদ্ধের আগের তুলনায় বৈশ্বিক তেল সরবরাহ কম থাকায় জ্বালানি বাজার ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। জাতিসংঘে সমুদ্রপথের স্বাধীনতা ও নিরাপদ বাণিজ্য নিয়েও আলোচনা হতে পারে।   ট্রাম্পের ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এখনো তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধটি সমাধান করা কঠিন হলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে অগ্রগতির চেষ্টা চালিয়ে যাবে।   জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বিভিন্ন দেশের নেতার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গেও তাঁর বৈঠকের সূচি রয়েছে।   এ ছাড়া ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গেও অনানুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।   কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি এবং সমাজ ও মানবজীবনে এর প্রভাব নিয়েও ট্রাম্পের বক্তব্যে আলোচনা আসতে পারে। সব মিলিয়ে যুদ্ধ, জ্বালানি, বিশ্ব অর্থনীতি, বাণিজ্য ও প্রযুক্তি—একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ট্রাম্পের অবস্থান জাতিসংঘের মঞ্চে উঠে আসার সম্ভাবনা রয়েছে।    

অলিনা রহমান সেপ্টেম্বর ২১, ২০২৬ ১৪:০ 0
বিশ্লেষকেরা বলছেন—যুক্তরাষ্ট্রের আধিপত্যের ক্ষয় শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
কীভাবে বিশ্বের একচ্ছত্র ক্ষমতায় পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র?

বিশ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিজয়ী ছিল যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবেই আত্মপ্রকাশ করেনি, সাংবিধানিক সরকারব্যবস্থা, ব্যক্তিস্বাধীনতা এবং উদার গণতন্ত্রের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছিল। তবে কয়েক দশকের ব্যবধানে সেই একচ্ছত্র আধিপত্য প্রশ্নের মুখে পড়েছে। অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা এখন নতুন বাস্তবতার মুখোমুখি।   মার্কিন আধিপত্যের উত্থান বুঝতে হলে ফিরে যেতে হয় উনিশ শতকে। সে সময় বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ ছিল ইউরোপীয় শক্তিগুলোর হাতে। বিশেষ করে বিশাল উপনিবেশিক সাম্রাজ্য এবং শিল্পবিপ্লবের সুবিধাভোগী যুক্তরাজ্য ছিল বৈশ্বিক শক্তির কেন্দ্র। কিন্তু শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতকের শুরুর দিকে শুরু হওয়া দ্বিতীয় শিল্পবিপ্লব বিশ্ব ক্ষমতার মানচিত্র পাল্টে দেয়। রসায়ন, বিদ্যুৎ, টেলিফোন, ওষুধশিল্প, অভ্যন্তরীণ দহন ইঞ্জিন, চালিত উড্ডয়ন এবং রেডিও প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিশ্বায়নের নতুন যুগেরও সূচনা হয়।   এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে বড় রদবদল দেখা দেয়। ইউরোপে জার্মান সাম্রাজ্যের উত্থান এবং এশিয়ায় জাপানের উত্থান গুরুত্বপূর্ণ ঘটনা হলেও সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ছিল যুক্তরাষ্ট্রের দ্রুত অর্থনৈতিক বিকাশ। ১৯১৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। সে সময় ইউরোপীয় শক্তিগুলো নিজেদের মধ্যে আধিপত্যের প্রতিযোগিতায় ব্যস্ত থাকলেও প্রকৃত প্রশ্ন ছিল, বিশ্বের প্রধান শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আবির্ভাব কবে ঘটবে।   প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতিতে নির্ধারক শক্তি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু যুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিকে কার্যকর রাখার দায়িত্ব থেকে দেশটি ধীরে ধীরে সরে দাঁড়ায়। এর পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, ১৯২০-এর দশকের অর্থনৈতিক টানাপোড়েন এবং মহামন্দার সময়কার ব্যাপক বেকারত্ব আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে তোলে। সেই প্রেক্ষাপটই পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে।   দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। সোভিয়েত কমিউনিজমের সঙ্গে আদর্শিক ও কৌশলগত প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় থাকতে বাধ্য করে। শুরু হয় দীর্ঘ স্নায়ুযুদ্ধ। এই সময়ে ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিম ইউরোপ নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। একই সঙ্গে ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো ধীরে ধীরে বিলীন হতে থাকে।   স্নায়ুযুদ্ধকালীন সময়ে পশ্চিমা বিশ্বে সামাজিক গণতান্ত্রিক ঐকমত্য গড়ে ওঠে এবং পরিচালিত পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থার প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়। ১৯৮০-এর দশকের নব্যউদারবাদী সংস্কারের পরও সেই কাঠামোর মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে, যদিও এর পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আসে।   ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন এবং তার প্রভাববলয় ভেঙে পড়লে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। ফ্যাসিবাদ, কমিউনিজম এবং জার্মানি, জাপান, ব্রিটিশ সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির ওপর বিজয়ের এই সময়কে ওয়াশিংটন আখ্যা দেয় ‘ইউনিপোলার মোমেন্ট’ বা একমেরু মুহূর্ত হিসেবে।   তবে ইতিহাসের গতি দীর্ঘদিন এক জায়গায় স্থির থাকেনি। বিজয়ের মাত্র কয়েক দশকের মধ্যেই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যে ক্ষয়ের লক্ষণ দেখা দিতে শুরু করে। যেমন উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে ঘটেছিল, তেমনি নতুন অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন দিকে নিয়ে যেতে শুরু করে।   এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল চীনের উত্থান। ১৯৭০-এর দশকে বেইজিংকে মস্কোর প্রভাববলয় থেকে দূরে আনার কৌশলগত প্রচেষ্টার পর দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে চীন ‘সংস্কার ও উন্মুক্তকরণ’ নীতি গ্রহণ করে। এর ফলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি হয় এবং কয়েক দশকের মধ্যে চীন বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। এক শতাব্দীরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সমমর্যাদার একটি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়।   একই সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব বিশ্বায়নের দ্বিতীয় ধাপকে আরও গতিশীল করে। বিশ্ব অর্থনীতি আরও আন্তঃনির্ভরশীল হয়ে ওঠে। তবে এর সঙ্গে নতুন চ্যালেঞ্জও সামনে আসে। আর্থিক সংকট, ব্যাপক অভিবাসন এবং সামাজিক পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলে।   উনিশ শতকের শেষভাগে যেখানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল শ্রেণি ও জাতিগত প্রশ্ন, সেখানে বর্তমান সময়ে লিঙ্গ, বর্ণ ও পরিচয়ের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব পরিবর্তনের প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশে জাতীয়তাবাদী এবং রক্ষণশীল রাজনৈতিক আন্দোলনেরও উত্থান ঘটেছে।   যুক্তরাষ্ট্র এখন তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর প্রাক্কালে দাঁড়িয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি। দেশটির নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন বাড়ছে। রাজনৈতিক বিভাজন, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস বিশ্ব রাজনীতিকে নতুন পথে নিয়ে যাচ্ছে।   এই প্রেক্ষাপটে মার্কিন আধিপত্যের উত্থান ও ক্ষয়ের ইতিহাস শুধু একটি রাষ্ট্রের কাহিনি নয়; এটি আধুনিক বিশ্বব্যবস্থার পরিবর্তনশীল চরিত্র এবং ক্ষমতার চক্রাকার রূপান্তরেরও একটি গুরুত্বপূর্ণ দলিল।

Unknown জুন ২৫, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
ইরান ইস্যুতে চীনকে সতর্ক করেছিলেন ট্রাম্প: অস্ত্র সরবরাহ না দেওয়ার দাবি

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অস্ত্র সরবরাহ না করতে সতর্ক করেছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, এ বিষয়ে চীনের কাছ থেকে ইতিবাচক আশ্বাসও পেয়েছেন।   বুধবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে চীন অস্ত্র দিচ্ছে—এমন তথ্য পাওয়ার পর তিনি সরাসরি শি জিনপিংকে চিঠি পাঠান। জবাবে চীনা প্রেসিডেন্ট জানিয়েছেন, বেইজিং ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না।   তবে এই পত্রবিনিময়ের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, যেসব দেশ ইরানকে অস্ত্র দেবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে।   সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালি খোলা রাখার সিদ্ধান্তে চীন সন্তুষ্ট। তিনি বলেন, এই পদক্ষেপ শুধু চীনের জন্য নয়, বরং পুরো বিশ্বের স্বার্থেই নেওয়া হয়েছে।   বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর মতে, ইরান বা ভেনিজুয়েলার পরিস্থিতি সত্ত্বেও চীনের সঙ্গে আসন্ন বৈঠকে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, চীনের জ্বালানির প্রয়োজন বেশি, কিন্তু যুক্তরাষ্ট্র সেই নির্ভরতায় নেই।   একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, শিগগিরই শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। সেখানে পারস্পরিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। তবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সক্ষমতার কথাও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।   বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে এই ধরনের যোগাযোগের মাধ্যমে ইরানকে কূটনৈতিকভাবে চাপের মধ্যে রাখার কৌশল নিচ্ছে ওয়াশিংটন। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং নৌ অবরোধের প্রেক্ষাপটে এই বার্তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Unknown এপ্রিল ১৫, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরানের ঐতিহাসিক বৈঠক যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা, নজর বিশ্বরাজনীতিতে

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি আলোচনা আজ শনিবার রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, স্থানীয় সময় সকালেই আলোচনার প্রথম দফা শুরু হবে।   এই বৈঠককে ঘিরে ইতিমধ্যে দুই দেশের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার।   অন্যদিকে, ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তী পাঁচ সপ্তাহে সংঘাতে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।   পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে ২২ এপ্রিল।   মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনাটি পরোক্ষ ও প্রত্যক্ষ—দুইভাবেই হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় প্রথমে আলোচনার কাঠামো নির্ধারণ করা হবে, এরপর সরাসরি বৈঠক হতে পারে। বৈঠকের আগে ট্রাম্প তাঁর প্রধান শর্ত পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির মূল ভিত্তি হবে দেশটির কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকা।   তিনি আরও বলেন, কার্যকর চুক্তি হলে হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে খুলে যাবে। তবে এখনো দুই পক্ষের অবস্থানে বড় ধরনের পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া।   অন্যদিকে, ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি দাবি করছে। এই আলোচনাকে ‘সিদ্ধান্তমূলক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দেশবাসীকে সংলাপের সফলতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

Unknown এপ্রিল ১০, ২০২৬ ১৪:০ 0
ইরানের তেহরানে চলমান যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর সমবেত জনগণ স্লোগান দিচ্ছে
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘিরে ভিন্ন বার্তা, বিশ্বজুড়ে স্বস্তি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তির পাশাপাশি নতুন করে বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয়েছে।   যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের রাজধানী তেহরানে সাধারণ মানুষের মধ্যে উদযাপনের খবর পাওয়া গেছে। এই সাময়িক বিরতি মূলত দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।   তবে এই যুদ্ধবিরতির আওতা নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান সামনে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, লেবাননসহ সব ক্ষেত্রেই যুদ্ধবিরতি কার্যকর হবে।   এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে আদায় করা ফি ইরান দেশের পুনর্গঠনে ব্যবহার করতে পারে।   ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকও দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে।   আন্তর্জাতিক অঙ্গনে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের নেতারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।   তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা কমেনি। ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও বক্তব্যের সমালোচনা অব্যাহত রেখেছেন এবং তার বিরুদ্ধে অভিশংসনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ, ইরানকে ঘিরে ট্রাম্পের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নীলুফা নিশাত এপ্রিল ৭, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০