যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য প্রতিযোগিতা যখন নতুন পর্যায়ে পৌঁছেছে, তখন চীনের কয়েকটি শীর্ষ প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানকে ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। নতুন এই পদক্ষেপে আলিবাবা, বাইদু, বিওয়াইডি, নিওসহ কয়েক ডজন চীনা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে ওয়াশিংটনের নজরদারির আওতায়। মঙ্গলবার প্রকাশিত এক ফেডারেল রেজিস্টার নোটিশে পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনাকারী এবং চীনের সামরিক খাতের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় এমন প্রতিষ্ঠানগুলোকে জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের (এনডিএএ) ১২৬০এইচ ধারার আওতায় ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান বাইদু, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি ও নিও, ওষুধ গবেষণা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্সি অ্যাপটেক, রোবট নির্মাতা ইউনিট্রি, নেটওয়ার্ক সরঞ্জাম প্রস্তুতকারী টিপি-লিংক এবং সৌরশক্তি খাতের প্রতিষ্ঠান জেএ সোলার ও ট্রিনা সোলার। এ ছাড়া ব্যাটারি নির্মাতা সিএএলবি ও ইভ এনার্জি, লিডার প্রযুক্তি প্রতিষ্ঠান হেসাই ও রোবোসেন্স এবং ডিসপ্লে প্যানেল নির্মাতা বিওই টেকনোলজি গ্রুপকেও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পেন্টাগনের দাবি, এসব প্রতিষ্ঠানের কিছু চীনা রাষ্ট্রীয় সংস্থা, সামরিক-বেসামরিক সমন্বয় কর্মসূচি, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অথবা সরকারি শিল্প উন্নয়ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন সূচক পাওয়া গেছে। সেই বিবেচনায় আইনি কাঠামোর আওতায় তাদের তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই তালিকাভুক্তির অর্থ সরাসরি কোনো নিষেধাজ্ঞা নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে, ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে প্রতিষ্ঠানগুলোর ওপর স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে এটি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তাদের কার্যক্রম, বিনিয়োগ সংগ্রহ এবং সরকারি প্রকল্পে অংশগ্রহণকে জটিল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যানবাহন, উন্নত ব্যাটারি প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, জৈবপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের দ্রুত অগ্রগতিকে কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছে। ফলে এসব খাতের বড় প্রতিষ্ঠানগুলো ক্রমেই ওয়াশিংটনের বাড়তি নজরদারির মুখে পড়ছে। চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্প বিশেষ করে বিওয়াইডির উত্থান সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনা প্রতিষ্ঠানগুলো এখন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এদিকে তালিকাভুক্তির বিষয়ে আলিবাবার কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আলিবাবা হংকংভিত্তিক সংবাদপত্র ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর মালিক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা, রপ্তানি নিয়ন্ত্রণ, বিনিয়োগ সীমাবদ্ধতা এবং জাতীয় নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক বছরে সম্পর্ক আরও জটিল হয়েছে। নতুন এই তালিকা সেই প্রতিযোগিতাকে আরও তীব্র করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে, পেন্টাগনের এই পদক্ষেপ শুধু নিরাপত্তা ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং উন্নত প্রযুক্তি খাতে বৈশ্বিক নেতৃত্বের লড়াইয়েও এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। আগামী দিনে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি-নির্ভর ভূরাজনৈতিক প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয়, তা আন্তর্জাতিক বাজার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
মালয়েশিয়ায় স্থানীয় ব্যবসার লাইসেন্স ব্যবহার করে বিদেশিদের অবৈধ ব্যবসা পরিচালনা, বিভিন্ন ধরনের ভিসার অপব্যবহার এবং কথিত ‘আলী বাবা’ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক নির্দেশনার পর দেশটির ব্যবসায়ী মহল ও প্রবাসী কমিউনিটিতে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের নামে লাইসেন্স নিয়ে বিদেশিদের প্রক্সি কোম্পানি গঠন এবং ভিসার শর্ত ভঙ্গ করে বাণিজ্যিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকলেও এবার বিষয়টি জাতীয় পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, স্থানীয় কিংবা বিদেশি—যে-ই হোক না কেন, ব্যবসায়িক লাইসেন্স বা ভিসার অপব্যবহারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিলও জানিয়েছেন, আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা বা ভিসার শর্ত ভঙ্গের ঘটনায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে অপরাধে জড়িত স্থানীয় নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই কঠোর অবস্থানকে সংশ্লিষ্টরা ‘জিরো টলারেন্স’ নীতি হিসেবেই দেখছেন। মালয়েশিয়ায় বহু বছর ধরে ‘আলী বাবা’ ব্যবসা একটি আলোচিত বিষয়। এর মাধ্যমে মূলত স্থানীয় মালয়েশীয় নাগরিকরা অর্থের বিনিময়ে তাদের ব্যবসায়িক লাইসেন্স বা কোম্পানির নিবন্ধন বিদেশিদের ভাড়া দেন। কাগজে-কলমে স্থানীয়রা মালিক হলেও খুচরা ব্যবসা, রেস্টুরেন্ট, মুদি দোকান থেকে শুরু করে আমদানি-রপ্তানির মতো লাভজনক খাতের পুরো নিয়ন্ত্রণ থাকে বিদেশিদের হাতে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারায়, তেমনি ব্যবসা খাতে জবাবদিহির অভাব দেখা দেয়। এর পাশাপাশি, শিক্ষার্থী, সোশ্যাল ভিজিট বা ডিপেনডেন্ট ভিসায় এসে অবৈধভাবে কর্মসংস্থান ও ব্যবসায় যুক্ত হওয়ার মতো ঘটনাও নিয়মিত উদ্ঘাটন করছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সরকারের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বৈধভাবে ব্যবসা করা প্রবাসী ও স্থানীয় উদ্যোক্তারা। দীর্ঘ দুই দশক ধরে মালয়েশিয়ায় ব্যবসা করা বাংলাদেশি উদ্যোক্তা মো. কাজী সালাহউদ্দিন ও মানিউল্লাহ জানান, অসাধু উপায়ে চলা ব্যবসার কারণে নিয়ম মেনে চলা বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রকৃত বিনিয়োগকারীরাই লাভবান হবেন। অন্যদিকে, সেলাঙ্গরের স্থানীয় ব্যবসায়ী লিম চি ওয়েই মনে করেন, শুধু অভিযান চালানোই যথেষ্ট নয়, বরং লাইসেন্স ইস্যু এবং নবায়ন প্রক্রিয়াও আরও কঠোর হওয়া প্রয়োজন। প্রবাসী কমিউনিটি নেতারাও সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা মনে করেন, অল্পসংখ্যক মানুষের অনিয়মের দায় পুরো প্রবাসী সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রবাসীদের ভিসা ও ব্যবসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের ধারণা, প্রধানমন্ত্রীর এমন কঠোর বার্তার পর শিগগিরই অভিবাসন বিভাগসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ অভিযান জোরদার হতে পারে। এই উদ্যোগ সফল হলে মালয়েশিয়ার ব্যবসা খাতে স্বচ্ছতা ফেরার পাশাপাশি বৈধ উদ্যোক্তাদের জন্য একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে।
প্রযুক্তি বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে চীনা রোবোটিক্স স্টার্টআপ 'ইউনিট্রি' (Unitree)। প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে 'জি১' (G1) মডেলের রোবটটি এখন বৈশ্বিক বাজারে উন্মুক্ত করেছে। অবাক করার মতো বিষয় হলো, বিশালাকার এই রোবটটি এখন ই-কমার্স জায়ান্ট আলিবাবার সাইট থেকেও সরাসরি কেনা যাচ্ছে। উন্নত প্রযুক্তির এই রোবটটির দাম রাখা হয়েছে মাত্র ১৬,০০০ ডলার (প্রায় ১৯ লাখ টাকা), যা এই ধরনের রোবটের বাজারে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সর্বনিম্ন। ইউনিট্রি জি১ রোবটটি উচ্চতায় প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি এবং এটি অত্যন্ত নমনীয়ভাবে চলাফেরা করতে সক্ষম। এটি কেবল হাঁটতে বা দৌড়াতেই পারে না, বরং মানুষের মতো হাত ব্যবহার করে বিভিন্ন সূক্ষ্ম কাজ যেমন—জিনিসপত্র ধরা, রান্নায় সাহায্য করা বা ভারী কিছু বহন করতেও পারদর্শী। এমনকি এটি কোনো বাধা পেলে বা পড়ে গেলে নিজে থেকেই ভারসাম্য রক্ষা করে উঠে দাঁড়াতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত এই রোবটটি মূলত সাধারণ ব্যবহারকারী এবং গবেষকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আলিবাবার মতো প্ল্যাটফর্মে এটি পাওয়া যাওয়ার অর্থ হলো, এখন থেকে উন্নত রোবট প্রযুক্তি কেবল বড় ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।