সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতা, স্বর্ণখচিত অস্ত্র ও বিপুল মাদকের তথ্য প্রকাশ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ২০:৫০
তদন্তে জব্দ হওয়া অস্ত্র ও নগদ অর্থের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
তদন্তে জব্দ হওয়া অস্ত্র ও নগদ অর্থের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে সিনালোয়া কার্টেলের কথিত শীর্ষ নেতা কার্লোস পায়েজ পেরেদাকে (Carlos Paez Pereda) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মাদক পাচার, অর্থপাচার, মাদক-সংশ্লিষ্ট সন্ত্রাসবাদ, অপহরণ, হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং সংঘবদ্ধ অপরাধ পরিচালনার মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নির কার্যালয় এক অভিযোগপত্রে জানায়, পেরেদা ‘কার্লিতোস’ এবং ‘কার্লিতোস রাগর্যাটস’ নামেও পরিচিত। তিনি সিনালোয়া কার্টেলের ‘লস রাগর্যাটস’ নামে পরিচিত একটি অংশের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগপত্র অনুযায়ী, গত এক দশকে তিনি সিনালোয়া থেকে তিজুয়ানা সীমান্ত করিডর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মেথঅ্যামফেটামিন, ফেন্টানিল ও কোকেন পাচারের সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে এসব মাদক বিক্রির মাধ্যমে অর্জিত শত শত মিলিয়ন ডলার অর্থপাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মার্কিন মাদকবিরোধী সংস্থা ডিইএ-এর (DEA) সান ডিয়েগো বিভাগের বিশেষ এজেন্ট জেমস নানালির ভাষ্য, পেরেদা দীর্ঘদিন ধরে সহিংসতা, ভয়ভীতি ও সশস্ত্র বাহিনী ব্যবহার করে তার অপরাধ চক্র পরিচালনা করেছেন।

 

তিনি বলেন, অভিযোগ অনুযায়ী, এই সংগঠন নিজেদের প্রভাব ধরে রাখতে হত্যা, অপহরণ এবং সশস্ত্র হামলার মতো কর্মকাণ্ড চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদকের প্রবাহ অব্যাহত রেখে অসংখ্য পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে।

তদন্তকারীদের দাবি, পেরেদা শুধু মাদক পাচার নেটওয়ার্ক পরিচালনাই করতেন না, তিনি কার্টেলের হয়ে সশস্ত্র সদস্য ও ভাড়াটে হত্যাকারীদেরও নির্দেশ দিতেন। এসব সদস্য হত্যাকাণ্ড, সশস্ত্র অপহরণ এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ড পরিচালনা করতেন।

 

গ্রেপ্তারের আগে পেরেদার বিরুদ্ধে এফবিআই একটি 'সশস্ত্র ও বিপজ্জনক' সতর্কতা জারি করেছিল। গত মার্চ মাসে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজের অস্ত্রভাণ্ডারের বিভিন্ন ছবি প্রকাশ করতেন। সেখানে অন্তত তিনটি অ্যাসল্ট রাইফেলের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, 'My 3 Fav' (আমার তিনটি প্রিয়)। এছাড়া স্বর্ণখচিত একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং একটি অস্ত্রে নিজের পদবি ও আরেকটিতে 'Rugrats' খোদাই করা ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

 

মার্কিন বিচার বিভাগ (DOJ) জানিয়েছে, পেরেদা সিনালোয়া কার্টেলের 'লস মায়োস' অংশের হয়ে মাদক বিতরণ কার্যক্রম পরিচালনা করতেন। সাম্প্রতিক সময়ে কার্টেলের 'লস মায়োস' এবং 'লস চাপিতোস' অংশের মধ্যে সংঘর্ষেও তিনি অর্থ, অস্ত্র, যোদ্ধা এবং অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এফবিআইয়ের সান ডিয়েগো ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট মার্ক রেমিলি বলেন, 'লস রাগর্যাটস' শুধু মেক্সিকোতেই সহিংসতা ছড়ায়নি, তাদের মাদক পাচারের প্রভাব যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটিতেও পৌঁছেছে।

 

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, এই মামলাটি মেক্সিকান মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ। তারা আরও দাবি করেছে, সিনালোয়া কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের পর এই তদন্ত আরও জোরদার হয় এবং তারই ধারাবাহিকতায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

 

তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কার্লোস পায়েজ পেরেদা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের ওহাইওতে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিবর্ষণ: আহত ১, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ওহাইওতে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিবর্ষণ: আহত ১, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অনাগত সন্তানের আগমন উপলক্ষে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিবর্ষণে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা নারীর বাবা, অনাগত শিশুর বাবা বলে ধারণা করা এক তরুণ এবং ১৭ বছর বয়সী এক কিশোরী। পারিবারিক বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে অন্তঃসত্ত্বা নারী অক্ষত রয়েছেন।   শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ওহাইওর ক্লিভল্যান্ড শহর থেকে প্রায় ১০ মাইল দক্ষিণে পারমা এলাকায় এ ঘটনা ঘটে।    পুলিশের তথ্য অনুযায়ী, পারমা শহরের প্যান্ডোরাস ম্যাজিক্যাল ইভেন্টস ভেন্যুতে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনাগত শিশুর আগমন উদ্‌যাপন করতে সেখানে পরিবারের সদস্য ও পরিচিতজনেরা জড়ো হয়েছিলেন।   অনুষ্ঠান চলাকালে কয়েকজনের মধ্যে বিরোধের একপর্যায়ে গুলিবর্ষণ শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।   খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।   নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন ৪৫ বছর বয়সী জেসন টাউনসেন্ড এবং ১৭ বছর বয়সী লেসিয়া ইংল্যান্ড।   জেসন টাউনসেন্ড ছিলেন অনুষ্ঠানের আয়োজক অন্তঃসত্ত্বা নারীর বাবা। অর্থাৎ অনাগত শিশুর নানা।   নিহত আরেকজন ১৯ বছর বয়সী তরুণ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি অনাগত শিশুর বাবা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।   স্থানীয় সংবাদমাধ্যম ক্লিভল্যান্ড নাইনটিন নিউজ জানিয়েছে, নিহত ওই তরুণের নাম ডেভিয়নটে ডি পেট। তিনি ক্লিভল্যান্ডের বাসিন্দা ছিলেন।   তবে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রাথমিক প্রতিবেদনে পুলিশ তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।   এ ঘটনায় আহত হয়েছেন ৩৯ বছর বয়সী এক নারী। তাঁর পায়ে গুলি লেগেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর আঘাত প্রাণঘাতী নয়।   পারমা পুলিশ বিভাগের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ১৯ বছর বয়সী ওই তরুণকে বেবি শাওয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।   প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। এরপর পারিবারিক বিরোধের একপর্যায়ে গুলিবর্ষণ শুরু হয়।   তবে ওই তরুণ কেন অনুষ্ঠানে গিয়েছিলেন এবং ঠিক কী নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, তা এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।   পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় অন্তত দুজন অস্ত্র ব্যবহার করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।   তাঁদের একজন ছিলেন নিহত ১৯ বছর বয়সী তরুণ। অন্যজন ২৯ বছর বয়সী এক ব্যক্তি, যাঁকে ঘটনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।   তদন্তকারীদের ধারণা, হেফাজতে থাকা ব্যক্তি অন্তঃসত্ত্বা নারীর পরিবারের একজন সদস্য।   তবে ওই ব্যক্তি প্রথমে গুলি চালিয়েছিলেন, নাকি আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহার করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার জানিয়েছেন, তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করছেন।   বিশেষ করে কে প্রথম গুলি চালিয়েছিলেন এবং কোন অস্ত্র থেকে ছোড়া গুলিতে কার মৃত্যু হয়েছে, তা নির্ধারণের চেষ্টা চলছে।   এ জন্য উদ্ধার করা দুটি আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।   পুলিশ ঘটনাস্থল থেকে গোলাগুলিতে ব্যবহৃত বলে ধারণা করা দুটি অস্ত্র উদ্ধার করেছে।   এদিকে ঘটনার পর অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের মধ্যে নতুন করে হাতাহাতি শুরু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।   পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ২০ থেকে ২৫ জনের মধ্যে মারামারির পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।   ঘটনার পর নিরাপত্তার কারণে পারমা শহরের রিজ রোডের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।   পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।   তবে ২৯ বছর বয়সী হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।   তদন্তের ফল পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রসিকিউটররা।   পুলিশের মতে, ঘটনার পেছনে পারিবারিক বিরোধের সম্ভাবনা থাকলেও গুলিবর্ষণের সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন।   স্থানীয় প্রশাসন নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।   অন্তঃসত্ত্বা নারী নিজে গুলিবিদ্ধ না হলেও তাঁর বাবা এবং অনাগত সন্তানের সম্ভাব্য বাবার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।   এদিকে যুক্তরাষ্ট্রে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে বন্দুক সহিংসতার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।   তবে পারমার সর্বশেষ ঘটনায় কে প্রথম অস্ত্র ব্যবহার করেছিলেন, গুলিবর্ষণ আত্মরক্ষার্থে হয়েছিল কি না এবং নিহত ব্যক্তিদের প্রত্যেকের মৃত্যুর জন্য কার গুলি দায়ী, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।   সংবাদসূত্র পারমা পুলিশ বিভাগ, এবিসি নিউজ, ক্লিভল্যান্ড নাইনটিন নিউজ

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১০:৪
হামলার শিকার উবার চালক মোহাম্মদ বর্তমানে কোমায় রয়েছেন। ছবি: সংগৃহীত

নাম শুনেই বিদ্বেষমূলক হামলা: কোমায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সেই উবার চালক মোহাম্মদ

পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা  জেনসেন হুয়াং

পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ে রেকর্ড সংখ্যক ভ্রমণের তিন বছর পর অতিরিক্ত বিমান ভাড়ার প্রভাবে ভ্রমণকারী কমার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ে রেকর্ড সংখ্যক ভ্রমণের তিন বছর পর অতিরিক্ত বিমান ভাড়ার প্রভাবে ভ্রমণকারী কমার পূর্বাভাস

ম্যানহাটনের নিউ মিউজিয়ামে ‘ওবেরন’ রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে নতুন মাত্রা পেল জাদুঘর সংস্কৃতি। ছবি: প্রতীকী
নিউইয়র্কের জাদুঘরে শিল্পকর্মের পাশাপাশি অভিজাত রেস্তোরাঁ, বাড়ছে নতুন আকর্ষণ

নিউইয়র্কের জাদুঘরগুলো এখন শুধু শিল্পকর্ম দেখা বা ইতিহাস জানার জায়গায় সীমাবদ্ধ থাকছে না। দর্শনার্থীদের জন্য উন্নত খাবার, ব্যতিক্রমী পরিবেশ এবং আড্ডার সুযোগ তৈরি করতে একের পর এক রেস্তোরাঁ চালু করছে শহরের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ম্যানহাটনের নিউ মিউজিয়ামে ‘ওবেরন’ নামে নতুন রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে শিল্প ও খাবারকে একসঙ্গে উপভোগ করার এই প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।   ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে ২৩৫ বোয়ারিতে অবস্থিত নিউ মিউজিয়ামের সম্প্রসারিত ভবনের নিচতলায় গত ৭ জুলাই চালু হয় ওবেরন। জাদুঘরটির প্রথম পূর্ণাঙ্গ রেস্তোরাঁ হিসেবে এটি ইতোমধ্যে শিল্পপ্রেমী ও খাবারপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। শুধু জাদুঘরের দর্শনার্থীরাই নন, সাধারণ মানুষও এখানে খাবার খেতে পারেন।   নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ইটার এবং টাইম আউটের প্রতিবেদন অনুযায়ী, ওবেরন পরিচালনা করছে ওবেরন গ্রুপ। প্রতিষ্ঠানটি আগে ব্রুকলিনে রুকোলা, জুন ও রোডোরা নামে জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান পরিচালনা করে পরিচিতি পেয়েছে।   রেস্তোরাঁটির খাবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মৌসুমি উপকরণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যের ওপর। নিউইয়র্কের হাডসন ভ্যালি অঞ্চল থেকে সংগ্রহ করা বিভিন্ন উপাদান ব্যবহার করে তৈরি হচ্ছে সালাদ, সবজির পদ, পাস্তা, বার্গার এবং মাছ ও মাংসের খাবার।   রেস্তোরাঁটির বর্তমান নির্বাহী শেফ আলি গ্রিসকি। শুরুর দিকে এর খাবারের পরিকল্পনায় যুক্ত ছিলেন শেফ ও লেখক জুলিয়া শেরম্যান। আধুনিক আমেরিকান খাবারের পাশাপাশি নিরামিষভোজীদের জন্যও বিভিন্ন পদ রাখা হয়েছে। মৌসুম অনুযায়ী মেনুতে পরিবর্তন আনা হয়।   ওবেরনের আকর্ষণ শুধু খাবারে নয়, এর ভেতরের সাজসজ্জাতেও। আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান ওএমএর নকশায় তৈরি রেস্তোরাঁটিতে কাঠ, কর্ক এবং বিশেষ ধরনের আসবাব ব্যবহার করা হয়েছে। শিল্পী ইয়ান চেংয়ের ডিজিটাল শিল্পকর্ম, ডিজাইনার মিনজে কিমের তৈরি আসবাব এবং শিল্পী লরি অ্যান্ডারসনের সহযোগিতায় তৈরি বিশেষ চকোলেটও এই আয়োজনের অংশ।   দিনের বেলায় জাদুঘরের মূল প্রবেশপথ দিয়ে রেস্তোরাঁয় যাওয়া যায়। সন্ধ্যার পর ফ্রিম্যান অ্যালির পৃথক প্রবেশপথ ব্যবহার করতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে খাবার খেতে জাদুঘরের প্রবেশ টিকিট কেনা বাধ্যতামূলক নয়।   নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের রেস্তোরাঁ চালুর প্রবণতা অবশ্য একেবারে নতুন নয়। মিউজিয়াম অব মডার্ন আর্টের ‘দ্য মডার্ন’ এবং নয় গ্যালারির ‘ক্যাফে সাবারস্কি’ দীর্ঘদিন ধরেই শিল্প ও খাবারের সমন্বিত অভিজ্ঞতার জন্য পরিচিত।   সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। আপার ইস্ট সাইডের ফ্রিক কালেকশনে চালু হয়েছে ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে। সোথেবিসের নতুন সদর দপ্তরের ব্রুয়ের ভবনে চালু হয়েছে ফরাসি ধাঁচের রেস্তোরাঁ মার্সেল। অন্যদিকে ব্রুকলিনের আমান্ত শিল্পকেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে জোলি নামের আরেকটি রেস্তোরাঁ।   এসব প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু দর্শনার্থীদের খাবার পরিবেশন করা নয়। শিল্পী, সংগ্রাহক, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য এমন জায়গা তৈরি করা, যেখানে শিল্পকর্ম দেখার পরও সময় কাটানো যায়। ফলে জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা গ্যালারি থেকে খাবার টেবিল পর্যন্ত বিস্তৃত হচ্ছে।   বিশেষ করে নিউইয়র্কের মতো ব্যস্ত শহরে এ ধরনের রেস্তোরাঁ সামাজিক যোগাযোগের নতুন জায়গা হিসেবেও গুরুত্ব পাচ্ছে। অনেক প্রতিষ্ঠান এমন পরিবেশ তৈরি করছে, যেখানে জাদুঘরে প্রবেশ না করেও মানুষ বন্ধুদের সঙ্গে দেখা করতে, খাবার খেতে কিংবা সময় কাটাতে পারেন।   তবে সব জাদুঘরের রেস্তোরাঁয় খাবারের দাম একরকম নয়। কিছু প্রতিষ্ঠান তুলনামূলক সাশ্রয়ী খাবার পরিবেশন করলেও অন্যগুলো অভিজাত ডাইনিং অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে। ফলে দর্শনার্থীরা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী জায়গা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।   নিউইয়র্কের এই পরিবর্তন শহরটির পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণেও নতুন মাত্রা যোগ করছে। এখন একটি জাদুঘরে যাওয়ার পরিকল্পনার সঙ্গে শিল্প প্রদর্শনী দেখা, স্থাপত্য উপভোগ এবং ভালো খাবারের অভিজ্ঞতাও যুক্ত হচ্ছে। শিল্প ও রন্ধনশিল্পের এই সমন্বয় নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর পরিচিতি আরও বিস্তৃত করছে।   সূত্র: নিউ মিউজিয়াম

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৯:১৮
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সংবাদ সম্মেলনের ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা। ছবি: সংগৃহীত

মামদানির সংবাদ সম্মেলনে চোখের অস্বাভাবিক নড়াচড়া, ভাইরাল ভিডিও ঘিরে রহস্যের জল্পনা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাসপাতালের নিরাপত্তা রেটিংয়ে বিভ্রান্তির অভিযোগ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাসপাতালের নিরাপত্তা রেটিংয়ে বিভ্রান্তির অভিযোগ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিবর্ষণ, ৯ জন আহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিবর্ষণ, ৯ জন আহত

নিউইয়র্কে আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সাশ্রয়ী বাড়ির সন্ধানে ফিলাডেলফিয়ায় বসতি গড়ছেন অনেক বাসিন্দা। ছবি: সংগৃহীত
নিউইয়র্কের বাড়িভাড়ার চাপ ছেড়ে ফিলাডেলফিয়ায় পাড়ি দিচ্ছেন বাসিন্দারা, মাসে ভাড়া কমেছে ২০০ ডলার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়িভাড়া ও বাড়ি কেনার খরচ বেড়ে যাওয়ায় তুলনামূলক সাশ্রয়ী আবাসনের সন্ধানে পাশের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বসতি গড়ছেন অনেক বাসিন্দা। নিউইয়র্কের তুলনায় সেখানে প্রায় পাঁচ লাখ ডলার কমে বাড়ি কেনার সুযোগ রয়েছে। বাড়তি জায়গা, নিজস্ব উঠান এবং দৈনন্দিন জীবনযাত্রার কম খরচও শহরটি বেছে নেওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।   সোমবার, ২৩ নভেম্বর প্রকাশিত নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই প্রবণতা। আবাসনবিষয়ক প্রতিষ্ঠান রেডফিন এবং ব্যাংক অব আমেরিকা ইনস্টিটিউটের তথ্যও নিউইয়র্ক থেকে ফিলাডেলফিয়ামুখী মানুষের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।   ব্যাংক অব আমেরিকা ইনস্টিটিউটের জানুয়ারির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ফিলাডেলফিয়া মহানগর এলাকায় নতুন আসা বাসিন্দাদের ২৭ শতাংশই এসেছেন নিউইয়র্ক অঞ্চল থেকে। অর্থাৎ সেখানে আসা প্রতি চারজনের একজনেরও বেশি আগে নিউইয়র্ক অঞ্চলে বসবাস করতেন।   অন্যদিকে রেডফিনের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক মহানগর এলাকা ছেড়ে অন্যত্র বাড়ি খুঁজছেন এমন ক্রেতাদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ছিল ফিলাডেলফিয়া। ওই সময়ে নিউইয়র্ক মহানগর এলাকায় একটি সাধারণ বাড়ির দাম ছিল প্রায় ৮ লাখ ৩২ হাজার ডলার। বিপরীতে ফিলাডেলফিয়ায় একই সূচকে বাড়ির দাম ছিল প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার।   অর্থাৎ দুই এলাকার বাড়ির দামে পার্থক্য প্রায় ৫ লাখ ২৩ হাজার ডলার। এই বিপুল ব্যবধানই অনেক পরিবারকে নতুন করে বসবাসের জায়গা বেছে নিতে উৎসাহিত করছে।   রেডফিনের হিসাবে, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত নিউইয়র্ক মহানগর এলাকায় বাড়ি খোঁজা মানুষের মধ্যে বাইরে যেতে আগ্রহীদের সংখ্যা সেখানে আসতে আগ্রহীদের তুলনায় ২৭ হাজার ১৪৩ জন বেশি ছিল। যুক্তরাষ্ট্রের ১০০টি বড় মহানগর এলাকার মধ্যে এই হিসাবে নিউইয়র্কের অবস্থান ছিল দ্বিতীয়।   তবে রেডফিনের এসব পরিসংখ্যান মূলত অনলাইনে বাড়ি খোঁজার তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এগুলো প্রকৃতপক্ষে কত মানুষ স্থানান্তরিত হয়েছেন, তার সরাসরি হিসাব নয়।   নিউইয়র্ক ছেড়ে ফিলাডেলফিয়ায় যাওয়ার বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরেছে নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী লিয়া ললার প্রায় সাত বছর নিউইয়র্কে থাকার পর কুইন্স ছেড়ে সাউথ ফিলাডেলফিয়ায় চলে গেছেন।   কুইন্সে ছোট একটি অ্যাপার্টমেন্টে থাকার পরিবর্তে এখন তিনি তিনতলা একটি বাড়িতে থাকছেন। নতুন বাড়িতে দুটি বেডরুম, দেড়টি বাথরুম এবং নিজস্ব উঠান রয়েছে। অথচ আগের বাসার তুলনায় প্রতি মাসে তাঁর ভাড়া ২০০ ডলার কম।   ললার আগে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভের প্রোডাকশন টিমে কাজ করতেন। পরে রিমোট কাজ শুরু করার পর নিউইয়র্কের উচ্চ জীবনযাত্রার খরচ তাঁর কাছে অযৌক্তিক মনে হতে থাকে। নতুন শহরে যাওয়ার পর দৈনন্দিন কাজকর্মও অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন তিনি।   একই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন ব্রুকলিনের সাবেক বাসিন্দা স্টিভ লুইস ও তাঁর স্ত্রী মিশেল প্যাক-লুইস। গ্রিনপয়েন্টে প্রায় ১ হাজার ১০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টে থাকতে তাঁদের মাসে পাঁচ হাজার ডলার ভাড়া দিতে হতো। বছরে শুধু বাড়িভাড়ার পেছনেই খরচ হতো ৬০ হাজার ডলার।   চলতি বছরের এপ্রিলে তাঁরা ফিলাডেলফিয়ার সেন্টার সিটিতে প্রায় ছয় লাখ ডলারে একটি বাড়ি কিনেছেন। প্রায় ১ হাজার ৪০০ বর্গফুটের নতুন বাড়িটিতে উঁচু ছাদ ও বড় জানালা রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় নিউইয়র্কের বিপুল ভাড়ার চাপ থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তাঁরা।   ফিলাডেলফিয়ায় যাওয়ার পরও নিউইয়র্কের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। মেয়ে, বন্ধু ও চিকিৎসকদের সঙ্গে দেখা করতে তাঁরা মাঝেমধ্যে নিউইয়র্কে যান। দুই শহরের মধ্যে অ্যামট্রাক ট্রেন চলাচলের সুবিধা থাকায় যাতায়াতও তুলনামূলক সহজ।   শুধু অবসরপ্রাপ্ত বা রিমোট কর্মীরাই নন, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন তরুণ দম্পতিরাও ফিলাডেলফিয়া ও আশপাশের শহরতলিতে বাড়ি খুঁজছেন।   নিউইয়র্ক পোস্টকে রিয়েল এস্টেট এজেন্ট জানা অ্যাডলার জানান, সম্প্রতি তিনি ব্রুকলিনের একটি দম্পতিকে ফিলাডেলফিয়ার শহরতলিতে প্রায় আট লাখ ডলারের বাড়ি খুঁজে পেতে সহায়তা করেছেন। ওই দম্পতি প্রথমে ব্রুকলিনে প্রায় ১২ লাখ ডলার বাজেটে বাড়ি কেনার কথা ভাবছিলেন।   দম্পতির একজন আইনজীবী। তিনি সপ্তাহে দুদিন নিউইয়র্কে যাতায়াত করার পরিকল্পনা করছেন। তাঁদের কাছে বড় বাড়ি, পরিবারের কাছাকাছি থাকা এবং ভবিষ্যৎ সন্তানের জন্য উপযুক্ত পরিবেশ বেশি গুরুত্ব পেয়েছে।   ফিলাডেলফিয়ার রিয়েল এস্টেট এজেন্ট আন্দ্রেয়া এডরেই জানান, শহরের নর্দার্ন লিবার্টিজের মতো এলাকায় প্রায় পাঁচ লাখ ডলারে প্রাথমিক পর্যায়ের ক্রেতাদের উপযোগী বাড়ি পাওয়া সম্ভব। তবে অভিজাত রিটেনহাউস স্কয়ার এলাকায় বাড়ির দাম ১০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে।   অর্থাৎ ফিলাডেলফিয়ার সব এলাকায় আবাসন সমান সাশ্রয়ী নয়। জনপ্রিয় এলাকায় ভালো দামের বাড়ির জন্য প্রতিযোগিতাও রয়েছে। কোনো কোনো বাড়ি বাজারে আসার এক সপ্তাহের মধ্যেই কেনার চুক্তি হয়ে যাচ্ছে।   এ ছাড়া শহরটির আশপাশের কিছু এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে বাড়ির দাম বেড়েছে। ফলে শুধু কম দাম দেখেই সিদ্ধান্ত না নিয়ে বাড়ির অবস্থান, স্কুল ডিস্ট্রিক্ট, সম্পত্তি কর, যাতায়াত ও অন্যান্য খরচ বিবেচনা করা প্রয়োজন।   বিশেষ করে যাঁরা ফিলাডেলফিয়ায় বসবাস করে নিয়মিত নিউইয়র্কে চাকরি করতে চান, তাঁদের জন্য ট্রেনভাড়া ও যাতায়াতের সময় গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে পেনসিলভানিয়া ও নিউইয়র্কের আয়কর এবং স্থানীয় করের নিয়মও বিবেচনায় রাখতে হবে।   তবে কম খরচের পাশাপাশি জীবনযাত্রার মানও অনেকের সিদ্ধান্তে ভূমিকা রাখছে। নিজস্ব উঠান, পোষা প্রাণীর জন্য বাড়তি জায়গা, তুলনামূলক সহজ পার্কিং এবং প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ফিলাডেলফিয়াকে আকর্ষণীয় করে তুলছে।   নিউইয়র্কের সাংস্কৃতিক বৈচিত্র্য, বিনোদন, রেস্তোরাঁ এবং কর্মসংস্থানের সুযোগ ছেড়ে যাওয়া সবার জন্য সহজ নয়। তারপরও আবাসন খরচের বড় ব্যবধান অনেক পরিবারকে নতুন শহরে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে।   নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্যও এই প্রবণতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ভাড়া দিয়ে থাকার পর বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে ফিলাডেলফিয়ার মতো কাছাকাছি শহর বিকল্প হতে পারে। তবে চাকরির অবস্থান, পরিবারের প্রয়োজন এবং মোট মাসিক খরচ হিসাব করেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।   সূত্র: নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৮:২৭
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৫

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৫

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি করেছেন সাবেক চিফ অব স্টাফ জো ক্যাসপার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি করেছেন সাবেক চিফ অব স্টাফ জো ক্যাসপার

নিউইয়র্কে ছয় ধরনের পদে নিয়োগের উদ্যোগ, ঘণ্টায় বেতন ২৫ ডলার পর্যন্ত

নিউইয়র্কে ছয় ধরনের পদে নিয়োগের উদ্যোগ, ঘণ্টায় বেতন ২৫ ডলার পর্যন্ত

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...