- প্রচ্ছদ
- Topic
কেন্টাকি
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে ৯২ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। মরিস নামের ওই বৃদ্ধ একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করেন। নির্মম এই ঘটনায় ওই বৃদ্ধের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও শ্বাসরোধের অভিযোগ দায়ের করেছে পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ওভারলুক ড্রাইভ এলাকার একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে পৌঁছে তারা এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। পুলিশ জানায়, মরিস তার স্ত্রীর নাক চেপে ধরে রেখেছিলেন এবং ভুক্তভোগী নারীর মুখমণ্ডল একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে মোড়ানো ছিল। গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, ব্যাগটি ওই নারীর মুখে এমনভাবে আটকে ছিল যে তার শ্বাস-প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তদন্তকারীদের কাছে এই মর্মান্তিক ঘটনার কারণ হিসেবে মরিস অত্যন্ত নির্লিপ্তভাবে জানান, তার স্ত্রীর "মরে যাওয়া প্রয়োজন" ছিল। ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি এখনো অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে মরিস নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিনের পরিমাণ আড়াই লাখ ডলার থেকে কমিয়ে দেড় লাখ ডলার নির্ধারণ করেছেন। আগামী ৬ নভেম্বর তাকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের রিচমন্ডে একটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর বাড়ি থেকে সাতটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিশু নির্যাতন, অজাচার (ইনসেস্ট), ধর্ষণ ও মানব পাচারের মতো গুরুতর অভিযোগে ওই পরিবারের আটজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের বয়স এক থেকে ১৭ বছরের মধ্যে। রিচমন্ড পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে এই ভয়াবহ শিশু নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসে। আদালতের নথি অনুযায়ী, বাড়িটির মেঝে ও সিঁড়িতে মলমূত্র ছড়ানো ছিল এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। এমন অমানবিক পরিবেশে ১০টি কুকুর এবং একটি বিড়ালসহ মোট ১৫ জন মানুষ গাদাগাদি করে বসবাস করছিল। চলমান এই তদন্তে ২১ থেকে ৬৩ বছর বয়সী আটজন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করে বিভিন্ন ধরনের নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ৬৩ বছর বয়সী গ্রিন শিন্ডলারের বিরুদ্ধে মানব পাচার, প্রথম মাত্রার ধর্ষণ ও বিকৃত যৌনচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার পাশাপাশি ৩০ বছর বয়সী জমজ ভাই মার্ক ও ম্যাথু ব্রুমবাঘ এবং ২৮ বছর বয়সী সারাহ কার্টারের বিরুদ্ধে অজাচারের অভিযোগ রয়েছে। সারাহ কার্টারের বিরুদ্ধে অশ্লীল উপাদান বিতরণেরও অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় ৪৫ বছর বয়সী রিচার্ড কার্টারকেও মানব পাচার ও প্রথম মাত্রার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ২১ বছর বয়সী জোনা কার্টার, ৪১ বছর বয়সী ক্রিস্টিন কার্টার এবং ২১ বছর বয়সী ইশমেল থর্নসবেরির বিরুদ্ধে মূলত ১৩ বছরের কম বয়সী শিশুদের ওপর নির্যাতন ও অবহেলার বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে ঠিক কী সম্পর্ক তা পুলিশ বিস্তারিত জানায়নি, তবে তারা সবাই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের সমাজসেবা দপ্তরের হেফাজতে রাখা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আরও অভিযোগ যুক্ত হতে পারে বলে জানিয়েছে রিচমন্ড পুলিশ বিভাগ।
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে তিন সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারীকে তার নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ৪১ বছর বয়সী এপ্রিল বারলো সেলিও নামের ওই নারীকে গত ২৩ সেপ্টেম্বর পাইনভিলের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পরদিন চিকিৎসকরা ময়নাতদন্ত করতে গিয়ে এক ভয়ংকর বিষয় আবিষ্কার করেন—নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন, কিন্তু তার গর্ভে থাকা অনাগত সন্তানটি গায়েব! পরবর্তীতে তদন্তকারীরা সেলিওর বাড়িতে পুনরায় তল্লাশি চালিয়ে ভ্রূণের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেন। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় ডিমার্কাস কেনেথ জনসন-রাইট নামের এক দাগি আসামিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে টেনেসি অঙ্গরাজ্যে আগে থেকেই সহিংস অপরাধের লম্বা রেকর্ড এবং বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ২৫ সেপ্টেম্বর পুলিশ প্রাথমিকভাবে অপহরণ ও ডাকাতির অভিযোগে এবং পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর হত্যা ও আলামত নষ্টের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। অবশেষে হত্যাস্থল থেকে প্রায় আড়াইশ মাইল দূরে টেনেসির ক্লার্কসভিল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে এই মামলার সাথে সম্পর্কিত বেশ কিছু আলামতও উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী বা তার অনাগত সন্তানকে ঠিক কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি। সন্দেহভাজনের সাথে নিহতের কী সম্পর্ক ছিল তা স্পষ্ট না করা হলেও, জনসনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে পারিবারিক সহিংসতার সাথে সম্পর্কিত হত্যার ধারাও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই সশস্ত্র ডাকাতি, অপহরণ, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং পারিবারিক সহিংসতার একাধিক পরোয়ানা ছিল। এদিকে, নিহত সেলিওর তিন সন্তানের সহায়তার জন্য একটি 'গোফান্ডমি' (GoFundMe) পেজ খুলেছেন তার বোন আমান্ডা ডি পাজ। শোকাহত বোন জানান, সেলিও অত্যন্ত স্নেহময়ী একজন মানুষ ছিলেন এবং ভালোবাসার মানুষদের জন্য তিনি সবকিছু করতে পারতেন। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন জনসনকে বর্তমানে টেনেসির মন্টগোমারি কাউন্টি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাকে কেন্টাকিতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্ধুদের সঙ্গে নৌকাভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ বছর বয়সী মার্লি কিনির মরদেহ পাঁচ দিন পর একটি হ্রদ থেকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় নৌকাটির চালককে মদ্যপ অবস্থায় নৌযান চালানোর অভিযোগে আটক করা হয়েছে। কেন্টাকি ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্সেস জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে গ্রেসন লেক থেকে মার্লি কিনির মরদেহ উদ্ধার করা হয়। অ্যাশল্যান্ডের বাসিন্দা মার্লি কিনি গত বুধবার বিকেল ৪টার দিকে সর্বশেষ দেখা গিয়েছিলেন। তিনি অন্তত ১০ জন বন্ধুর সঙ্গে ভাড়া করা একটি পন্টুন নৌকায় ভ্রমণে ছিলেন। তদন্তকারীদের তথ্যমতে, টয়লেট ব্যবহারের জন্য তিনি নৌকা থেকে পানিতে নামেন। তবে তার সঙ্গে থাকা বন্ধুরা প্রথমদিকে বুঝতেই পারেননি যে তিনি নিখোঁজ হয়েছেন। তরুণীকে উদ্ধারে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অনুসন্ধান চালায়। অভিযানে সোনার প্রযুক্তি, তাপ শনাক্তকারী যন্ত্র, হেলিকপ্টার, প্রশিক্ষিত কুকুর, হিট-সিকিং প্রযুক্তি এবং পানির নিচে চলাচলকারী ড্রোন ব্যবহার করা হয়। এছাড়া ৫০ জনের বেশি স্বেচ্ছাসেবী উদ্ধার অভিযানে অংশ নেন। তবে মাঝেমধ্যে বৃষ্টির কারণে অভিযান ব্যাহত হয়। কীভাবে তার মরদেহ শনাক্ত বা উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় নৌকাটির চালক ২৩ বছর বয়সী ক্যামেরন পি. কনলিকে মদ্যপ অবস্থায় নৌযান চালানোর অভিযোগে আটক করা হয়েছে। নিখোঁজের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছানো কেন্টাকি স্টেট পুলিশের এক সদস্য তার শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পান এবং তার চোখ লাল ও ঘোলাটে দেখতে পান। পরে শ্বাসের মাধ্যমে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হলে তাকে কার্টার কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মার্লি কিনির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করবে ফ্র্যাঙ্কফোর্টে অবস্থিত স্টেট মেডিকেল এক্সামিনারের কার্যালয়। মার্লি কিনি অ্যাশল্যান্ডের ‘স্মোকিন’ জে’স রিব অ্যান্ড ব্রুহাউসে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ দুই দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, মার্লি ছিলেন অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী একজন কর্মী। সহকর্মীদের কাছে তিনি ছিলেন সবার প্রিয়। নিখোঁজ হওয়ার পর গত কয়েক দিন ধরে তার অনেক সহকর্মীও স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে এক হৃদয়স্পর্শী ঘটনার জন্ম দিয়েছেন তিন সন্তানের একক মা সারাহ জো রিডার। ডুবে যেতে থাকা এক অপরিচিত শিশুকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। তার এই আত্মত্যাগের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউবিকেওর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার কেন্টাকির অ্যালভাটন এলাকার ফিল মুর পার্কের একটি খালে সন্তানদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন সারাহ জো রিডার। সেখানেই তিনি দেখতে পান একটি ছোট ছেলে পানিতে বিপদে পড়েছে। পরিস্থিতি বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন রিডার। তার লক্ষ্য ছিল শিশুটিকে নিরাপদে তীরে ফিরিয়ে আনা। কিন্তু উদ্ধারচেষ্টার এক পর্যায়ে বিপদ আরও বেড়ে যায়। রিডারের দীর্ঘদিনের বন্ধু মেলিসা ডোনোভান জানান, শিশুটিকে বাঁচানোর চেষ্টা করার সময় সে পানির ওপর ভেসে উঠতে গিয়ে রিডারকে আঁকড়ে ধরে। এতে দুজনই পানির নিচে চলে যান। তিনি বলেন, “সারাহ ছেলেটিকে বাঁচানোর জন্য পানিতে নেমেছিলেন। পরে ছেলেটি উপরে ওঠার চেষ্টা করতে গিয়ে তাকে নিচের দিকে টেনে নেয়। শেষ পর্যন্ত একজন প্যাডেল বোর্ড আরোহী তাদের দুজনকে পানির বাইরে তুলে আনেন এবং জরুরি সেবার জন্য খবর দেন।” উদ্ধারের পর দ্রুত রিডারকে কেন্টাকির বোলিং গ্রিনের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোই তার মৃত্যুর প্রধান কারণ। রিডারের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু অ্যাশলি ফ্লাওয়ারস জানান, ঘটনার পর রিডারের ছেলে তাকে ফোন করে হাসপাতালে আসতে বলেন। ফ্লাওয়ারস স্মৃতিচারণ করে বলেন, “সে আমাকে বলেছিল, ‘তোমাকে হাসপাতালে আসতে হবে। মায়ের সঙ্গে কিছু একটা ঘটতে যাচ্ছে।’ কথাগুলো শুনে আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি কতটা গুরুতর।” রিডারের বন্ধুদের মতে, অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলা তার স্বভাবের মধ্যেই ছিল। তারা বলছেন, এমন ঘটনা তাদের কাছে বিস্ময়কর নয়। অ্যাশলি ফ্লাওয়ারস বলেন, “কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য সারাহ যে কোনো জায়গায় ছুটে যেত। আগুনে জ্বলতে থাকা কোনো ভবনে ঢুকতেও সে দ্বিধা করত না। এমনকি কোনো প্রাণীকেও বিপদে দেখলে তাকে বাঁচানোর চেষ্টা করত। মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার স্বভাব।” ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে পানি নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রিডারের বন্ধু মেলিসা ডোনোভান মনে করেন, যে খালটিতে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে আরও নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন। তিনি বলেন, “তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি চাই এখানে দড়ির সঙ্গে সংযুক্ত লাইফসেভার বা উদ্ধার সরঞ্জাম স্থাপন করা হোক। এই এলাকায় এমন দুর্ঘটনা নতুন নয়। প্রায় প্রতিবছরই কেউ না কেউ পানিতে পড়ে যায় বা স্রোতে ভেসে যায়। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলে অনেক জীবন রক্ষা করা সম্ভব হবে।” এদিকে রিডারের মৃত্যুতে তার তিন সন্তানকে নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন স্বজনরা। পরিবারের সদস্য ও বন্ধুদের উদ্যোগে তার শেষকৃত্যের খরচ এবং সন্তানদের ভবিষ্যৎ সহায়তার জন্য একটি অনলাইন তহবিল গঠন করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সারাহ জো রিডার নিজের জীবন দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি যে শিশুটিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছিলেন, সেই শিশুটি জীবিত রয়েছে। আর এ কারণেই অনেকের কাছে রিডার একজন সত্যিকারের নায়কে পরিণত হয়েছেন। বন্ধু ও স্বজনদের মতে, তার মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং এমন একজন মানুষের বিদায়, যিনি অন্যের বিপদে সবার আগে এগিয়ে যেতেন।
পাহাড়ঘেরা নিরিবিলি এক এলাকা। বাইরে থেকে দেখলে সাধারণ একটি সামরিক স্থাপনা মনে হতে পারে। কিন্তু সেই বিশাল কংক্রিট আর গ্রানাইটের দেয়ালের ভেতরেই নাকি লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণভান্ডারের একটি—প্রায় ৭০০ বিলিয়ন ডলারের স্বর্ণ। এই রহস্যময় জায়গাটির নাম ফোর্ট নক্স। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের এই গোপন ভল্টকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য গল্প, রহস্য আর ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেন, সেখানে এখনও হাজার হাজার টন খাঁটি স্বর্ণ সযত্নে রাখা আছে। আবার কেউ দাবি করেন, বহু আগেই সেই ভল্ট খালি হয়ে গেছে—কিন্তু সত্য জানে কেবল হাতে গোনা কয়েকজন মানুষ। সম্প্রতি আবারও আলোচনায় আসে ফোর্ট নক্স, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নিজেই সেখানে গিয়ে দেখতে চান সত্যিই স্বর্ণগুলো এখনও আছে কি না। শুনতে যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমা। কিন্তু বাস্তবের ফোর্ট নক্স তার চেয়েও রহস্যময়। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে অবস্থিত এই ভল্টের নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে কঠোরগুলোর একটি বলে মনে করা হয়। বিশাল স্টিলের দরজা, বিস্ফোরণ প্রতিরোধী দেয়াল, চারপাশে সেনাবাহিনীর কড়া পাহারা এবং অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তিতে ঘেরা পুরো এলাকা। বলা হয়, ভল্টের দরজার পাসওয়ার্ডও কোনো এক ব্যক্তি পুরোটা জানেন না—বিভিন্ন অংশ আলাদা আলাদা কর্মকর্তার কাছে থাকে। ফোর্ট নক্স সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ। এমনকি বহু মার্কিন রাজনীতিকও কখনও এর ভেতরে প্রবেশের সুযোগ পাননি। ইতিহাসে মাত্র কয়েকবার সাংবাদিক ও বিশেষ অতিথিদের সীমিতভাবে ভল্ট দেখানো হয়েছিল। এরপর থেকেই রহস্য আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখানে সংরক্ষিত স্বর্ণ শুধু ধন-সম্পদ নয়; এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি, বৈশ্বিক প্রভাব এবং আর্থিক নিরাপত্তার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সম্পদও এখানে নিরাপদে রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন করে প্রশ্ন উঠছে—সত্যিই কি সেই ভল্ট এখনও সোনায় ভরা? নাকি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভবনের ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো অজানা সত্য? রহস্যের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। আর সেই কারণেই ফোর্ট নক্স এখনও বিশ্বের সবচেয়ে আলোচিত ও কৌতূহলোদ্দীপক গোপন ভল্টগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।