- প্রচ্ছদ
- Topic
বিশ্বভ্রমণ
বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে ১৫ বছরের দীর্ঘ যাত্রায় অংশ নেওয়া কয়েক ডজন মার্কিন যাত্রীকে মাত্র সাত ঘণ্টার নোটিশে কম্বোডিয়ায় নামিয়ে দিয়েছে ক্রুজ কর্তৃপক্ষ। ফ্লোরিডা-ভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্স-এর (Villa Vie Residences) মালিকানাধীন 'ভিলা ভি ওডিসি' (Villa Vie Odyssey) জাহাজটি হঠাৎ তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করায় সিহানুকভিলে আটকা পড়েছেন ওই মার্কিন নাগরিকরা। গত মে মাসে নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে শুরু হওয়া এই ক্রুজটিকে 'প্রথম চিরস্থায়ী বিশ্বভ্রমণ' হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল, যার প্রতিটি কেবিনের জন্য যাত্রীদের সাড়ে চার লাখ ডলার পর্যন্ত খরচ করতে হয়েছিল। জাহাজটিতে অবস্থানকারী মার্কিন নাগরিক র্যান্ডি ক্যাসিংহাম জানান, সোমবার সকাল ৭টার দিকে তাদের অভ্যন্তরীণ মেসেজিং বোর্ডে ভিলা ভি-এর প্রধান নির্বাহী ক্যাথি ভিলালবা একটি ঘোষণা দেন। সেখানে বলা হয়, জ্বালানির অভাবে জাহাজের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং দুপুর ২টার মধ্যে সকল যাত্রীকে নিজেদের মালপত্র নিয়ে জাহাজ থেকে নেমে যেতে হবে। র্যান্ডির স্ত্রী কিট আক্ষেপ করে বলেন, "জাহাজটি আমাদেরকে কম্বোডিয়ায় পরিত্যক্ত অবস্থায় ফেলে গেছে।" উইসকনসিনের বাসিন্দা শিরিন থমাস ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, "তারা আমাদেরকে আক্ষরিক অর্থেই গৃহহীন করে দিয়েছে এবং থাকা-খাওয়ার বা ভ্রমণের কোনো ব্যবস্থাই করে দেয়নি।" এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভিলা ভি রেসিডেন্স এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে ইরান যুদ্ধের কারণে জ্বালানির উচ্চমূল্যকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়া অঞ্চলে জ্বালানির খরচ প্রতি কেবিনে মাসিক ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৬ থেকে ৮ হাজার ডলারে পৌঁছেছে, যা তাদের জন্য এক টেকসইহীন আর্থিক চাপের সৃষ্টি করেছে। এই বিপুল খরচ যাত্রীদের ওপর চাপানো সম্ভব না হওয়ায় তারা আগামী ৬০ দিনের মধ্যে নতুন তহবিল সংগ্রহের চেষ্টা করবে বলে জানিয়েছে। তবে যাত্রীরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ক্রুজটিকে একটি 'ভাসমান বিপর্যয়' আখ্যা দিয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
২৮ বছর ধরে হেঁটে চার মহাদেশের ২৯টি দেশ ঘুরেছেন তিনি। পাড়ি দিয়েছেন ৩০ হাজার মাইলেরও বেশি পথ। কখনো দুর্গম জঙ্গল, কখনো বরফে ঢাকা প্রণালি, আবার কখনো বিস্তীর্ণ সাগর পেরিয়ে এগিয়েছেন নিজের লক্ষ্যের দিকে। অবশেষে ইংল্যান্ডে ফিরেছেন ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্যারাট্রুপার কার্ল বুশবি। কিন্তু দীর্ঘ এই বিশ্বভ্রমণের সবচেয়ে আবেগঘন অধ্যায়টি এখনো বাকি। ১১ বছর ধরে মায়ের সঙ্গে দেখা হয়নি তাঁর। সেই মায়ের কাছে ফিরতে এখনো প্রায় ২৫০ মাইল পথ হাঁটতে হবে ৫৭ বছর বয়সী এই অভিযাত্রীকে। গত ৫ অক্টোবর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল সাঁতরে ইংল্যান্ডের ডোভারের কাছে শেকসপিয়ার সৈকতে পৌঁছান বুশবি। তিন দিনে প্রায় ২০ ঘণ্টা পানিতে থেকে এই কঠিন পথ পাড়ি দেন তিনি। এর মধ্য দিয়ে ১৯৯৮ সালে শুরু করা বিশ্বভ্রমণের আরেকটি বড় বাধা অতিক্রম করেন। তবে নিজ শহর হালে পৌঁছে মায়ের সঙ্গে দেখা না করা পর্যন্ত তাঁর অভিযান শেষ হচ্ছে না। বুশবির এই যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ১ নভেম্বর, দক্ষিণ আমেরিকার চিলি থেকে। তখনই নিজের জন্য দুটি কঠোর নিয়ম ঠিক করেছিলেন তিনি। প্রথমত, যাত্রাপথ এগিয়ে নিতে বিমান, ট্রেন, নৌযান কিংবা গাড়ির মতো কোনো পরিবহন ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, বিশ্বভ্রমণ শেষ না করে নিজ শহর হালে ফিরবেন না। সেই প্রতিজ্ঞা নিয়েই বছরের পর বছর ধরে এগিয়ে গেছেন তিনি। দক্ষিণ আমেরিকার এক প্রান্ত থেকে শুরু করে উত্তর আমেরিকা পেরিয়ে তাঁর যাত্রা পৌঁছেছে এশিয়া ও ইউরোপে। পথে অতিক্রম করেছেন পানামা ও কলম্বিয়ার মধ্যবর্তী দুর্গম দারিয়েন গ্যাপ। ঘন জঙ্গল, প্রতিকূল ভূপ্রকৃতি এবং নানা শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ২০০৬ সালে ফরাসি-আমেরিকান অভিযাত্রী দিমিত্রি কিফারের সঙ্গে বরফে ঢাকা বেরিং প্রণালিও পায়ে হেঁটে অতিক্রম করেন তিনি। এই প্রণালি আলাস্কা ও রাশিয়ার মধ্যবর্তী এলাকায় অবস্থিত। সাম্প্রতিক সময়ে কাস্পিয়ান সাগরের প্রায় ১৮৪ মাইল জলপথ সাঁতরে পার হওয়াও তাঁর অভিযানের উল্লেখযোগ্য অংশ হয়ে ওঠে। দীর্ঘ এই যাত্রায় একের পর এক দেশ ও ভৌগোলিক সীমা পেরিয়ে এগিয়েছেন বুশবি। কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশে ফেরার পথটুকুও সহজ ছিল না। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার আগে তিনি চ্যানেল টানেলের সার্ভিস টানেল দিয়ে পায়ে হেঁটে ইংল্যান্ডে প্রবেশের অনুমতি চেয়েছিলেন। এই টানেলটি ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযুক্ত করেছে। তবে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত উদ্বেগের কারণে তাঁর সেই অনুরোধ গ্রহণ করা হয়নি। ফলে সাঁতার কেটেই ইংল্যান্ডে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। পানিতে নামার পর শারীরিক কষ্টও কম পোহাতে হয়নি তাঁকে। বুশবি জানিয়েছেন, সাঁতার শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যেই তাঁর পেশিতে টান ধরতে শুরু করে। তখন নিজের সিদ্ধান্ত নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবু মনোবল ধরে রেখে এগিয়ে যান। রাতে পানিতে ভেসে থাকার সময় আকাশের তারা তাঁকে ব্যথা থেকে মনোযোগ সরাতে সাহায্য করে। আলোদূষণ থেকে দূরে থাকায় রাতের আকাশের বিশাল দৃশ্য তাঁকে মুগ্ধ করেছিল বলেও জানান তিনি। প্রায় তিন দশকের এই বিশ্বভ্রমণে নানা কারণে বারবার থমকে যেতে হয়েছে বুশবিকে। বিভিন্ন দেশের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ তাঁর যাত্রায় বাধা তৈরি করেছে। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটে পৃষ্ঠপোষকদের সহায়তা কমে যায়। পরে করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ এবং বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অস্থিরতাও তাঁর পরিকল্পনায় প্রভাব ফেলে। যে অভিযান প্রায় ১২ বছরে শেষ করার আশা করেছিলেন, তা শেষ করতে লেগেছে প্রায় ২৮ বছর। অভিযানের শুরুতে বুশবির হাতে ছিল মাত্র ৫০০ ডলার। কোনো পৃষ্ঠপোষকও ছিল না। দীর্ঘ সময় ধরে বই বিক্রি, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, মানুষের অনুদান এবং করপোরেট পৃষ্ঠপোষকতার মাধ্যমে যাত্রার খরচ জুগিয়েছেন তিনি। একটি প্রামাণ্যচিত্র নির্মাণকারী প্রতিষ্ঠানও গত ১৬ বছর ধরে তাঁকে সহায়তা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এত দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে থাকার পর অবশেষে ইংল্যান্ডে ফিরে আসা বুশবির জন্য বড় অর্জন। তবে তাঁর লক্ষ্য শুধু বিশ্বভ্রমণ শেষ করা নয়, বরং ১১ বছর পর মায়ের সঙ্গে দেখা করা। সেই পুনর্মিলনের জন্য এখনো প্রায় ২৫০ মাইল হাঁটতে হবে তাঁকে। বুশবির গল্প তাই শুধু চার মহাদেশ পেরিয়ে দীর্ঘ পথচলার নয়; এটি প্রতিজ্ঞা ধরে রাখা, প্রতিকূলতার মুখে এগিয়ে যাওয়া এবং প্রিয়জনের কাছে ফিরে আসার অপেক্ষার গল্পও। বিশ্বভ্রমণের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন তাঁর সামনে সবচেয়ে ব্যক্তিগত এক গন্তব্য—মায়ের কাছে ফেরা।
সমুদ্রপথে বিশ্বভ্রমণের এক নতুন ইতিহাস সৃষ্টি করে ইতালির রোম থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের দীর্ঘতম ক্রুজ ‘রেগাট্টা’। নরওয়েজিয়ান ক্রুজ লাইন হোল্ডিংস এবং অস্ট্রেলিয়ান ট্রাভেল কোম্পানি 'মাই ক্রুজেস'-এর যৌথ উদ্যোগে ‘এক্সপ্লোরেশনস বাই নরওয়েজিয়ান’-এর অধীনে এই ৩৭১ দিনের দীর্ঘ যাত্রা শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিলাসবহুল এই জাহাজটি তার ঐতিহাসিক সমুদ্রযাত্রা শুরু করে। এক বছরেরও বেশি সময়ের রোমাঞ্চকর এই যাত্রায় জাহাজটি ৬টি মহাদেশের অন্তত ৬২টি দেশের ২২০টিরও বেশি বন্দরে নোঙর করবে। সম্পূর্ণ যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি যাত্রীদের জন্য চাইলে মাত্র আট দিনের ছোট প্যাকেজ বুক করার সুযোগও রাখা হয়েছে। ‘রেগাট্টা’ জাহাজটিতে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য ৩৪৮টি স্যুট এবং স্টেট-রুমের ব্যবস্থা রয়েছে। চমৎকার সুইমিংপুল, লাউঞ্জ, অন-বোর্ড স্পা, সেলুন এবং একটি মনোরম লাইব্রেরিসহ নানা বিশ্বমানের সুযোগ-সুবিধা নিয়ে জাহাজটিকে সাজানো হয়েছে। মাই ক্রুজেস-এর তথ্যমতে, ৩৭১ দিনের পুরো যাত্রার জন্য টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৪৫০ মার্কিন ডলার, যা সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৪১০ ডলার পর্যন্ত হতে পারে। এর আগে রয়্যাল ক্যারিবিয়ানের ‘আলটিমেট ওয়ার্ল্ড ক্রুজ’ ২৭৪ দিনের যাত্রার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম ক্রুজের খেতাবটি ধরে রেখেছিল। তবে ৩৭১ দিনের এই নতুন যাত্রা সেই পুরোনো রেকর্ডটি ভেঙে দিয়েছে। কোম্পানিটি ইতিমধ্যে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বোধনী যাত্রার বেশ কিছু মনোমুগ্ধকর ভিডিও প্রকাশ করেছে, যা ভ্রমণপিপাসুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৭ সালের ৩৬৭ দিনের যাত্রার জন্যও ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে। যারা সমুদ্রপথে বিশ্বকে একদম কাছ থেকে উপভোগ করতে চান, তাদের জন্য এই ক্রুজটি এক অনন্য সুযোগ নিয়ে এসেছে।
বাংলাদেশি অভিযাত্রী ও ভ্রমণকন্যা নাজমুন নাহার ১৮৫টি দেশ ভ্রমণের মাইলফলক অর্জন করেছেন। গত ৭ আগস্ট ভুটান সফরের মধ্য দিয়ে ১৮৫তম দেশে পা রাখেন তিনি। তার এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ভ্রমণ মাইলফলক হিসেবে তুলে ধরা হয়েছে। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছরের দীর্ঘ ভ্রমণযাত্রায় নাজমুন নাহার বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন ও উত্তোলন করেছেন। পাহাড়, দুর্গম পর্বত, মরুভূমি, সাগর, মহাসাগর, দ্বীপ এবং বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনাসহ ১ হাজার ২৯৪টিরও বেশি স্থানে তিনি বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন। তার এই দীর্ঘ যাত্রা অবশ্য সবসময় সহজ ছিল না। দুর্গম সীমান্ত, দীর্ঘ সড়কপথ এবং নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে একক ভ্রমণ করেছেন তিনি। বিশেষ করে বিশ্বের স্থলবেষ্টিত দেশগুলোর মধ্যে সড়কপথে ভ্রমণকে নিজের অভিযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন নাজমুন। ২০০০ সালে ভারতের একটি আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে তার বিশ্বভ্রমণের শুরু। এরপর ধীরে ধীরে এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলেছেন তিনি। ভ্রমণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরাকে নিজের অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছেন নাজমুন। ২০১৮ সালের ১ জুন জিম্বাবুয়ে সফরের মাধ্যমে ১০০টি দেশ ভ্রমণের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ২০২১ সালের ৬ অক্টোবর সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে সফরে তার ভ্রমণ করা দেশের সংখ্যা দাঁড়ায় ১৫০-এ। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভানুয়াতু সফরের মাধ্যমে তা ১৭৫-এ পৌঁছায়। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে বাহামাস সফরে ১৮৪টি দেশে ভ্রমণ সম্পন্ন করেন তিনি। সর্বশেষ ভুটান সফরের মাধ্যমে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫-তে। বিশ্বভ্রমণের সময় নাজমুন নাহার শুধু পর্যটন বা ব্যক্তিগত অভিযাত্রায় সীমাবদ্ধ থাকেননি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ঐতিহ্য ও দেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। এ জন্য বিশ্বের শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তব্যও দিয়েছেন তিনি। তার ভ্রমণযাত্রার সঙ্গে যুক্ত রয়েছে শান্তি, পরিবেশ সুরক্ষা এবং শিশুবিবাহ বন্ধের বার্তাও। ‘যুদ্ধ নয়, শুধু শান্তি’, ‘পৃথিবীকে রক্ষা করুন’ এবং ‘শিশুবিবাহ বন্ধ করুন’ - এসব বার্তা নিয়ে বিভিন্ন দেশে প্রচার চালিয়েছেন তিনি। তরুণদের অনুপ্রেরণা দেওয়াও নাজমুন নাহারের কর্মকাণ্ডের অন্যতম দিক। সাহস, নেতৃত্ব, আত্মবিশ্বাস, মানবিক মূল্যবোধ ও নিজের লক্ষ্য পূরণের দৃঢ়তা নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কথা বলেছেন তিনি। টেডএক্সের মঞ্চেও বক্তব্য দিয়েছেন এই বাংলাদেশি অভিযাত্রী। ভ্রমণের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন নাজমুন। যুক্তরাজ্যভিত্তিক ‘সাফার ফর পিস’-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন তিনি। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কাজেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ ভ্রমণ ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৭০টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পাওয়ার কথা জানিয়েছেন নাজমুন নাহার। এর মধ্যে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ‘পিস টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। এ ছাড়া বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান থেকেও স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০১৮ সালে জাম্বিয়া সরকার তাকে ‘ফ্ল্যাগ গার্ল’ উপাধিতে সম্মানিত করে। ২০২৩ সালে সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী ফিলিপ জে পিয়েরে তাকে ‘ব্রেভ গার্ল’ উপাধিতে ভূষিত করেন। নাজমুন নাহারের ১৮৪টি দেশ ভ্রমণের মাইলফলকও এর আগে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে বাহামাস সফরের মাধ্যমে ১৮৪টি দেশ ভ্রমণ সম্পন্ন করার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাকে সম্মাননা দেয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের পতাকা ১৮৪টি দেশে বহন করার জন্য তাকে ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ উপাধিতে সম্মানিত করে। নাজমুনের ভ্রমণযাত্রার বিশেষত্ব হলো, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। ১৮৫টি দেশে পৌঁছানোর মাধ্যমে তার এই দীর্ঘ অভিযাত্রা বাংলাদেশের নাম ও পতাকাকে বিশ্বের আরও বিস্তৃত পরিসরে তুলে ধরেছে। ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৫তম দেশের মাইলফলক অর্জনের পরও নাজমুন নাহারের ভ্রমণযাত্রা থেমে নেই। বিশ্বকে কাছ থেকে দেখা, বাংলাদেশের পরিচিতি তুলে ধরা এবং শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তার এই অভিযাত্রা অব্যাহত রয়েছে।
আজকের দিনে যে জিনিসটি বিদেশ ভ্রমণের জন্য অপরিহার্য, তা হলো পাসপোর্ট। ছোট এক নোটবুকের আকারের এই পরিচয়পত্র নাগরিকত্বের গুরুত্বপূর্ণ সনদ হিসেবে কাজ করে। তবে আধুনিক পাসপোর্টের পেছনে রয়েছে শতাব্দী-দীর্ঘ বিবর্তনের ইতিহাস—যেখানে কখনো নিরাপত্তা, কখনো বাণিজ্য, আবার কখনো রাজনৈতিক প্রয়োজনে এর রূপ বদলেছে। পাসপোর্টের ধারণা প্রাচীন। প্রাচীন চীন ও রোমান সাম্রাজ্যে ব্যবসায়ী ও পর্যটকদের বিশেষ সনদ দেওয়া হতো। লাতিন শব্দ ‘passer’ (পাস করা) এবং ‘portus’ (বন্দর) থেকে ‘পাসপোর্ট’ শব্দের উৎপত্তি। প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব ৪৭৫–২২১ সালে ‘গোওসৌ’ নামে পরিচয়পত্র ব্যবস্থার উদাহরণ পাওয়া যায়। রোমান সাম্রাজ্যে সরকারি কর্মকর্তাদের ‘ট্র্যাক্টোরিয়াম’ বা সম্রাটের বিশেষ চিঠি প্রদান করা হতো। মধ্যযুগে আধুনিক পাসপোর্টের পূর্বসূরি হিসেবে পরিচিতি পায় ‘সেফ কন্ডাক্ট’ বা বিশেষ সুরক্ষা সনদ। ১৪১৪ সালে ইংল্যান্ডে রাজা পঞ্চম হেনরির আমলে এর উল্লেখ পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট প্রদান শুরু হয় ১৫৪০ সালে, রাজা অষ্টম হেনরির শাসনামলে। বর্তমানে টিকে থাকা সবচেয়ে পুরনো পাসপোর্ট নিদর্শনটি ১৬৪১ সালের, যা রাজা চার্লস প্রথমের আমলে ইস্যু করা হয়েছিল। ১৭৯৪ সালে ব্রিটেনে পাসপোর্ট প্রদানের ক্ষমতা সরাসরি ‘সেক্রেটারি অব স্টেট’-এর অধীনে চলে আসে। আধুনিক পাসপোর্ট ব্যবস্থার সূচনা ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর। ১৯২০ সালে ‘লিগ অব নেশনস’-এর দেশগুলো পাসপোর্টের কাঠামো ও মান নির্ধারণ করে। আশ্চর্য হলেও সত্যি, আধুনিক পাসপোর্ট মূলত মানুষের বিশ্বভ্রমণ সহজ করার জন্য নয়, বরং অভিবাসন নিয়ন্ত্রণ ও গতিবিধি সীমিত করার জন্য তৈরি হয়েছিল। ১৯৬৩ সালে জাতিসংঘে পাসপোর্ট প্রথা বাতিলের প্রস্তাব তোলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রসহ শক্তিশালী দেশগুলো বিরোধিতা করায় তা সম্ভব হয়নি। তাই আজ পাসপোর্ট সীমান্ত অতিক্রমের অপরিহার্য হাতিয়ার হিসেবে থাকলেও, এটি একই সঙ্গে রাষ্ট্রের নিয়ন্ত্রণের মাধ্যমও বটে।