ট্রাম্পের এইচ-১বি কড়াকড়ি ও ভারতীয় প্রযুক্তিকর্মীদের ছাঁটাইয়ের চাপে টেক্সাসের আবাসন বাজারে ধসের আভাস
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের উত্তরের শহরতলীগুলো কয়েক বছর ধরেই দেশটির সবচেয়ে দ্রুতবর্ধনশীল আবাসন বাজারগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত উচ্চ দক্ষতাসম্পন্ন প্রযুক্তিকর্মীদের বড় একটি অংশ সেখানে বসতি গড়ায় নতুন বাড়ির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসা কর্মসূচিতে কঠোর অবস্থান এবং প্রযুক্তিখাতে বড় পরিসরের চাকরি ছাঁটাইয়ের প্রভাব এখন সেই বাজারে স্পষ্ট হয়ে উঠছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ডালাসের উত্তরের কলিন কাউন্টি ও আশপাশের এলাকায় বাড়ির দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। কয়েক বছর আগেও যেখানে বাড়ির দাম লাগামহীনভাবে বাড়ছিল, এখন সেখানে ক্রেতা সংকট এবং মূল্য সংশোধনের লক্ষণ দেখা যাচ্ছে।
এইচ-১বি ভিসা মূলত বিদেশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য দেওয়া হয়, যাদের বড় অংশ প্রযুক্তিখাতে কাজ করেন। গত কয়েক বছরে টেক্সাসের করপোরেট করিডোরে অসংখ্য প্রযুক্তি ও বহুজাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থানান্তর হওয়ায় ভারতীয় প্রযুক্তিকর্মীদের ঢল নামে ডালাসের উত্তরাঞ্চলে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সিবিআরই গ্রুপের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করপোরেট সদর দপ্তর স্থানান্তরের ঘটনা ঘটেছে এই অঞ্চলে।
এর ফলে প্রসপার, ফ্রিসকো ও সেলিনা শহরে নতুন আবাসিক প্রকল্প গড়ে ওঠে দ্রুতগতিতে। অনেক এলাকায় মাত্র পাঁচ বছরের ব্যবধানে জনসংখ্যা তিন গুণেরও বেশি বেড়ে যায়। নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে হিমশিম খেতে থাকে।
তবে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। প্রযুক্তিখাতে ব্যাপক চাকরি ছাঁটাইয়ের পাশাপাশি এইচ-১বি কর্মসূচিতে কড়াকড়ি আরোপের কারণে নতুন বিদেশি কর্মী আগমন কমে গেছে। বিভিন্ন শিল্প বিশ্লেষকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই প্রযুক্তিখাতে ৫২ হাজারের বেশি চাকরি হারিয়েছে। ২০২৬ সালের গ্রীষ্মের শুরু নাগাদ সেই সংখ্যা ১ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের প্রসারকে এসব চাকরি কমানোর অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম রেডফিনের তথ্য বলছে, ডালাস-ফোর্ট ওর্থ মহানগর এলাকায় বাড়ির দাম যেখানে গড়ে প্রায় ৪ শতাংশ কমেছে, সেখানে কলিন কাউন্টিতে দাম কমেছে প্রায় ৯ শতাংশ। বিশ্লেষকদের মতে, একসময় যারা নতুন বাড়ি কেনার বাজারে সবচেয়ে বড় চালিকাশক্তি ছিলেন, সেই ভারতীয় প্রযুক্তিকর্মীদের একটি অংশ এখন চাকরি অনিশ্চয়তা, ভিসা জটিলতা কিংবা অন্য অঙ্গরাজ্যে স্থানান্তরের কারণে বাজার থেকে সরে যাচ্ছেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, বাইডেন প্রশাসনের সময় ডালাস অঞ্চলে প্রায় ৩২ হাজার নতুন এইচ-১বি অনুমোদন দেওয়া হয়েছিল, যা সিলিকন ভ্যালি, সিয়াটল, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন ডিসিকেও ছাড়িয়ে যায়। শুধু নিউইয়র্ক মহানগর অঞ্চল এ ক্ষেত্রে ডালাসের চেয়ে এগিয়ে ছিল।
অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, অতিরিক্ত দ্রুতগতিতে বাড়তে থাকা আবাসন বাজারে এই মূল্য সংশোধন হয়তো দীর্ঘমেয়াদে কিছুটা ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। তবে স্থানীয় নির্মাণশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও আবাসন খাতের সঙ্গে জড়িত অনেকেই আশঙ্কা করছেন, প্রযুক্তিখাতে অনিশ্চয়তা আরও বাড়লে এর প্রভাব টেক্সাসের অর্থনীতির ওপরও পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে যে শহরতলীগুলোকে “নতুন প্রযুক্তি কেন্দ্র” হিসেবে দেখা হচ্ছিল, সেখানে এখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে—যেখানে অভিবাসন নীতি, প্রযুক্তিখাতের পুনর্গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব একসঙ্গে আবাসন বাজারের চিত্র বদলে দিচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে কর্মীদের ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্ট থেকে বাড়িয়ে ২৫ ডলার করার উদ্যোগ নিয়েছেন একদল আইনপ্রণেতা। একই সঙ্গে রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন সেবা খাতে টিপসের ওপর নির্ভরশীল কর্মীদের জন্য প্রচলিত কম মজুরির ব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও কর্মীদের আয় বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে রেখে নতুন করে এই উদ্যোগ জোরদার করা হয়েছে। আলজাজিরার বুধবারের (১৮ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ও নবনির্বাচিত মিলিয়ে প্রতিনিধি পরিষদের ১৭ জন আইনপ্রণেতা ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ নামে একটি বিল পাসের পক্ষে অবস্থান নিয়েছেন। গত এপ্রিলে বিলটি উত্থাপন করা হলেও এখনো তা আইনে পরিণত হয়নি। বিলটির মূল উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ইলিনয়ের ডেমোক্র্যাট প্রতিনিধি ডেলিয়া রামিরেজ, হেসুস চুই গার্সিয়া এবং নিউ জার্সির প্রতিনিধি আনালিলিয়া মেহিয়া। প্রস্তাব অনুযায়ী, সব প্রতিষ্ঠানে একসঙ্গে মজুরি বাড়ানো হবে না। প্রতিষ্ঠানের আকার ও বার্ষিক আয়ের ভিত্তিতে ধাপে ধাপে নতুন মজুরি কার্যকর করা হবে। যেসব প্রতিষ্ঠানে দেশজুড়ে ৫০০ জনের বেশি কর্মী রয়েছেন অথবা বার্ষিক আয় অন্তত ১০০ কোটি ডলার, সেসব প্রতিষ্ঠানকে ২০৩১ সালের মধ্যে ঘণ্টায় ২৫ ডলার ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানগুলো এই পরিবর্তন বাস্তবায়নের জন্য ২০৩৮ সাল পর্যন্ত সময় পাবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, ২৫ ডলারের লক্ষ্য অর্জনের পর ন্যূনতম মজুরি দেশের মধ্যম ঘণ্টাপ্রতি মজুরির দুই-তৃতীয়াংশের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিবছর এই হার পর্যালোচনা করা হবে, যাতে মূল্যস্ফীতি ও সামগ্রিক মজুরি বৃদ্ধির সঙ্গে কর্মীদের আয় সামঞ্জস্যপূর্ণ থাকে। নতুন উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো টিপসনির্ভর কর্মীদের জন্য আলাদা কম মজুরির ব্যবস্থা বাতিল করা। যুক্তরাষ্ট্রে ফেডারেল আইনে টিপস পাওয়া কর্মীদের সরাসরি ঘণ্টায় মাত্র ২ ডলার ১৩ সেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। তবে টিপসসহ মোট আয় প্রযোজ্য ন্যূনতম মজুরির সমান না হলে নিয়োগকর্তাকে সেই ঘাটতি পূরণ করতে হয়। প্রস্তাবিত আইন কার্যকর হলে টিপস পাওয়া কর্মীদেরও সাধারণ কর্মীদের মতো পূর্ণ ন্যূনতম মজুরি দিতে হবে। অর্থাৎ রেস্টুরেন্টের সার্ভার, বারটেন্ডারসহ টিপসনির্ভর কর্মীরা শুধু গ্রাহকদের দেওয়া টিপসের ওপর নির্ভর না করে সরাসরি নিয়োগকর্তার কাছ থেকে নির্ধারিত মজুরি পাবেন। যুক্তরাষ্ট্রে ২০০৯ সাল থেকে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্ট অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূল্যস্ফীতির হিসাবে ২০০৯ সালের ৭ ডলার ২৫ সেন্টের ক্রয়ক্ষমতা বর্তমানে প্রায় ১১ ডলার ৩২ সেন্টের সমান। অর্থাৎ দীর্ঘদিন মজুরি না বাড়ায় কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। তবে সব অঙ্গরাজ্যে একই মজুরি কার্যকর নেই। অনেক অঙ্গরাজ্য নিজস্ব আইনে ফেডারেল হারের চেয়ে বেশি ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে ঘণ্টায় ন্যূনতম মজুরি ১৮ ডলার ৪০ সেন্ট এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে ১৭ ডলার ১৩ সেন্ট। নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় সাধারণ কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৭ ডলার। অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় এই হার ১৬ ডলার। তবে রেস্টুরেন্টসহ টিপস পাওয়া কর্মীদের ক্ষেত্রে আলাদা নগদ মজুরির হার রয়েছে। নিউ ইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় রেস্টুরেন্টের টিপস পাওয়া কর্মীদের সরাসরি ন্যূনতম নগদ মজুরি ঘণ্টায় ১১ ডলার ৩৫ সেন্ট। অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় এই হার ১০ ডলার ৭০ সেন্ট। টিপসসহ মোট আয় নির্ধারিত ন্যূনতম মজুরিতে না পৌঁছালে নিয়োগকর্তাকে বাকি অর্থ দিতে হয়। নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে নবনির্বাচিত কংগ্রেস সদস্য ব্র্যাড ল্যান্ডার জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে তিনি বিলটির সহপ্রস্তাবক হিসেবে যুক্ত হবেন। তাঁর মতে, সারা দেশের কর্মীদের জন্য ফেডারেল পর্যায়ে মজুরি বাড়ানো প্রয়োজন। মজুরি বাড়ানোর দাবির পক্ষে জনসমর্থনও রয়েছে। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়ান ফেয়ার ওয়েজের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ভোটার সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ঘণ্টায় ২৫ ডলার ন্যূনতম মজুরির বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন। এর আগে ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারে উন্নীত করার চেষ্টা হয়েছিল। তবে সিনেটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় সেই উদ্যোগ সফল হয়নি। পরে ফেডারেল সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ঘণ্টায় ১৫ ডলার ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাহী আদেশ বাতিল করেন। নতুন প্রস্তাব নিয়ে আলোচনা এমন সময়ে জোরদার হয়েছে, যখন ডেমোক্র্যাটরা আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে বিলটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হবে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ স্বল্প আয়ের কর্মীর বেতনে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রেস্টুরেন্ট, খুচরা বিক্রয়, হোটেল ও অন্যান্য সেবা খাতে কর্মরত মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আপাতত এটি একটি আইন প্রণয়নের উদ্যোগ। যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি এখনো ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্টই রয়েছে। সংবাদসূত্র আলজাজিরা
মুহাম্মাদ নাম শুনেই মিনেসোটায় উবার চালককে হত্যাচেষ্টা ভারতীয় অভিযুক্তকে বন্ডে মুক্তি
নিউ ইয়র্কের বাফেলোতে স্কুলের ভেতর মারামারি, ছুরি উদ্ধার, শিক্ষকসহ আহত ২
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, ১৮ বছরের প্রতিষ্ঠিত জীবন ছেড়ে পরিবার নিয়ে ভারতে ফিরলেন প্রযুক্তি প্রকৌশলী
যুক্তরাষ্ট্রে চিকিৎসক হওয়ার জন্য মেডিকেল স্কুলে পড়াশোনা বাধ্যতামূলক হলেও চিকিৎসাক্ষেত্রে উচ্চ আয়ের ক্যারিয়ার গড়ার অন্য পথও রয়েছে। এরই উদাহরণ ৩০ বছর বয়সী চ্যাবেলি রদ্রিগেজ। মেডিকেল স্কুলে না পড়েও সার্টিফায়েড অ্যানেসথেসিওলজিস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বছরে ৩ লাখ ডলারের বেশি আয় করছেন তিনি। ২০২৪ সালে নিয়মিত বেতনের চাকরি ছেড়ে বিভিন্ন হাসপাতালে চুক্তিভিত্তিক কাজ শুরু করার পর তাঁর আয় আরও বেড়েছে। সম্প্রতি তাঁর এই ক্যারিয়ার ও আর্থিক সাফল্যের গল্প প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। চ্যাবেলি রদ্রিগেজের পেশাটি হলো সার্টিফায়েড অ্যানেসথেসিওলজিস্ট অ্যাসিস্ট্যান্ট (সিএএ)। অস্ত্রোপচার কিংবা অন্যান্য চিকিৎসাপদ্ধতির সময় রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়ার ক্ষেত্রে চিকিৎসককে সহযোগিতা করেন তাঁরা। রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ, শ্বাসপ্রশ্বাস ও গুরুত্বপূর্ণ শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণসহ অ্যানেসথেসিয়া ব্যবস্থাপনার বিভিন্ন দায়িত্ব পালন করেন। তবে তাঁরা স্বাধীনভাবে চিকিৎসক হিসেবে কাজ করেন না। লাইসেন্সপ্রাপ্ত অ্যানেসথেসিওলজিস্টের তত্ত্বাবধানে অ্যানেসথেসিয়া কেয়ার টিমের অংশ হিসেবে কাজ করেন। রদ্রিগেজের শিক্ষাজীবন শুরু হয় নিউ ইয়র্কের ব্রুকলিন কলেজে। সেখানে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ফ্লোরিডার নোভা সাউথইস্টার্ন ইউনিভার্সিটিতে অ্যানেসথেসিওলজি বিষয়ে মাস্টার্স করেন। ২০২১ সালে পড়াশোনা শেষ করে পেশাগত যোগ্যতা অর্জনের পর এই খাতে কাজ শুরু করেন। অর্থাৎ, চিকিৎসক হওয়ার জন্য এমডি ডিগ্রি না নিলেও তাঁকে স্নাতক পর্যায়ের প্রি-মেডিকেল শিক্ষা এবং বিশেষায়িত স্নাতকোত্তর প্রশিক্ষণ নিতে হয়েছে। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে চুক্তিভিত্তিক ভ্রমণকারী কর্মী হিসেবে বিভিন্ন হাসপাতালে কাজ শুরু করার আগে একটি প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করতেন রদ্রিগেজ। তখন অতিরিক্ত দায়িত্ব ও দীর্ঘ সময় কাজ করে বছরে ২ লাখ ডলারের বেশি আয় করতেন। কোনো কোনো ক্ষেত্রে টানা ২৪ ঘণ্টার শিফটও করতে হয়েছে তাঁকে। তবে নতুন কর্মপদ্ধতিতে বিভিন্ন হাসপাতালে চুক্তিভিত্তিক কাজ করে তাঁর বার্ষিক আয় ৩ লাখ ডলার ছাড়িয়েছে। এই পেশায় আসার জন্য নির্দিষ্ট শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কমিশন ফর সার্টিফিকেশন অব অ্যানেসথেসিওলজিস্ট অ্যাসিস্ট্যান্টসের (এনসিসিএএ) তথ্য অনুযায়ী, স্বীকৃত প্রতিষ্ঠানের অ্যানেসথেসিওলজিস্ট অ্যাসিস্ট্যান্ট বিষয়ে মাস্টার্স পর্যায়ের শিক্ষা শেষ করতে হয়। এরপর জাতীয় সার্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিগুলো সাধারণত ২৪ থেকে ২৮ মাসের। তবে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে এই পেশায় কাজের সুযোগ নেই। আমেরিকান একাডেমি অব অ্যানেসথেসিওলজিস্ট অ্যাসিস্ট্যান্টসের তথ্য অনুযায়ী, বর্তমানে ২২টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি এবং গুয়ামে সার্টিফায়েড অ্যানেসথেসিওলজিস্ট অ্যাসিস্ট্যান্টরা কাজ করতে পারেন। রদ্রিগেজের আয় এই পেশার সম্ভাবনা তুলে ধরলেও এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর আয় নির্ভর করছে বিশেষায়িত দক্ষতা, অভিজ্ঞতা এবং চুক্তিভিত্তিক কাজের ওপর। তবে চিকিৎসাক্ষেত্রে মেডিকেল স্কুলের বিকল্প বিশেষায়িত শিক্ষার মাধ্যমে উচ্চ আয়ের ক্যারিয়ার গড়ার একটি উদাহরণ হয়ে উঠেছে তাঁর এই যাত্রা। সূত্র: সিএনবিসি।
যুক্তরাষ্ট্রে পদার্থবিজ্ঞানের মর্যাদাপূর্ণ পুরস্কার, পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এআই বিশেষজ্ঞ প্রতিনিধি দলে বাংলাদেশি গবেষক বাহাউদ্দিন আলম
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের অনলাইন বাজার অ্যামাজনে এবার পাওয়া যাচ্ছে দুইতলা ছোট বাড়ি, যার দাম রাখা হয়েছে ২৫ হাজার ডলার। আধুনিক নকশা, বড় কাচের জানালা, মজবুত ইস্পাতের কাঠামো এবং দ্বিতীয় তলায় ওঠার জন্য বাইরের সিঁড়ি রয়েছে বাড়িটিতে। তৈরি করা কাঠামো সরবরাহের এই বাড়িটি তুলনামূলক কম খরচে অতিরিক্ত আবাসন বা ব্যক্তিগত থাকার জায়গা তৈরির একটি বিকল্প হিসেবে সামনে এসেছে। গত ১৮ নভেম্বর প্রকাশিত ট্রাভেল অ্যান্ড লেজার সাময়িকীর এক প্রতিবেদনে অ্যামাজনের এই নতুন তালিকার তথ্য তুলে ধরা হয়েছে। বাড়িটির নাম দেওয়া হয়েছে ‘স্টিল স্ট্রাকচার প্রিফ্যাব হোম’। এটি মূলত কারখানায় তৈরি করা ইস্পাতের কাঠামো, যা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে বাড়ির রূপ দেওয়া যায়। এর মূল কাঠামো তৈরি করা হয়েছে শক্তিশালী অ্যালয় স্টিল দিয়ে। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত কাচের জানালার কারণে ঘরের ভেতরে প্রচুর প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। বাড়িটির বাইরের দিকে থাকা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার প্রবেশপথ ও ডেকে যাওয়া যায়। উন্মুক্ত ধাতব কাঠামো এবং লাল রঙের ব্যবহার বাড়িটিকে দিয়েছে আধুনিক শিল্পধাঁচের নকশা। তবে ২৫ হাজার ডলারের এই দামের সঙ্গে জমির মূল্য অন্তর্ভুক্ত নয়। অ্যামাজন বাড়িটির কাঠামো বিক্রি করলেও স্থাপনের জন্য জমি ক্রেতাকেই ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পরিবহন, স্থাপন, ভিত্তি নির্মাণ, বিদ্যুৎ ও পানির সংযোগ এবং স্থানীয় নির্মাণ অনুমোদনের খরচ এই দামের মধ্যে অন্তর্ভুক্ত কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। ফলে বিজ্ঞাপিত দামকে সম্পূর্ণ বসবাসযোগ্য বাড়ির মোট খরচ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অ্যামাজনে এর বাইরেও ৪০ হাজার ডলারের নিচে বেশ কয়েকটি ছোট বাড়ি ও প্রিফ্যাব কাঠামো তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৯৯ ডলারের একটি একতলা বাড়িতে রয়েছে দুটি ছোট শোবার ঘর, একটি পূর্ণাঙ্গ বাথরুম এবং রান্নার ছোট জায়গা। বাড়িটি অতিরিক্ত থাকার জায়গা কিংবা ব্যক্তিগত কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর ২০ হাজার ৯৯৯ ডলারের আরেকটি কাঠামোয় রয়েছে একটি বড় কক্ষ ও পূর্ণাঙ্গ বাথরুম। এ ছাড়া ২২ হাজার ১৯৯ ডলারের একটি ছোট বাড়িতে রয়েছে বড় কাচের জানালা, ইস্পাতের কাঠামো এবং শব্দ কমানোর উপযোগী বিশেষ দেয়াল। এটি ছোট অফিস কিংবা ব্যক্তিগত কাজের জায়গা হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। ২৪ হাজার ৯৯৯ ডলারের আরেকটি মডেলে রয়েছে বসার জায়গা ও খোলা নকশার রান্নাঘর। অন্যদিকে, ৩৯ হাজার ৫০০ ডলারে বিক্রির তালিকায় রয়েছে চাকার ওপর তৈরি কাঠের ছোট কেবিন, যার ভেতরে বিছানা, সোফা, রান্নার জায়গা ও খাওয়ার জন্য ছোট পরিসর রয়েছে। যুক্তরাষ্ট্রে বাড়ির উচ্চমূল্য ও ভাড়ার ব্যয়ের মধ্যে ছোট ও আগে থেকে তৈরি বাড়ির প্রতি আগ্রহ বাড়ছে। এসব কাঠামো ব্যক্তিগত অফিস, অতিথিদের থাকার জায়গা, অবকাশযাপনের কেবিন কিংবা উপযুক্ত অনুমোদন থাকলে আবাসিক ব্যবহারের জন্য বিবেচনা করা যায়। তবে কেনার আগে স্থানীয় নির্মাণবিধি, জমির ব্যবহারসংক্রান্ত নিয়ম, স্থাপনের অনুমতি এবং প্রয়োজনীয় সংযোগের খরচ যাচাই করা জরুরি। শুধু অনলাইনে দেখানো দাম দেখে বাড়িটি সম্পূর্ণ প্রস্তুত ও বসবাসের উপযোগী বলে ধরে নেওয়া ঠিক হবে না। সূত্র: ট্রাভেল অ্যান্ড লেজার
মিশিগানে ৫৬ লাখ ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতিতে ফার্মেসি মালিকের কারাদণ্ড
বন্ধ হয়ে যাওয়া গির্জায় গড়ে উঠল যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের প্রথম লাতিনো মসজিদ

