যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, ১৮ বছরের প্রতিষ্ঠিত জীবন ছেড়ে পরিবার নিয়ে ভারতে ফিরলেন প্রযুক্তি প্রকৌশলী
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১৮ বছর কাটিয়েছেন। মাইক্রোসফট, লিংকডইন ও মেটার মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। পেয়েছেন মার্কিন নাগরিকত্ব, কিনেছেন বাড়ি, গড়েছেন পরিবার। এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত জীবন ছেড়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভারতে ফিরে গেছেন ৪৪ বছর বয়সী প্রযুক্তি প্রকৌশলী বালাজি গুরুারাজন। সন্তানদের আত্মীয়স্বজনের কাছাকাছি বড় করে তোলা এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা থেকেই তাঁর এই সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই বড় পরিবর্তনের কথা জানিয়েছেন বালাজি। চলতি বছরের জুনে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া ছেড়ে ভারতের বেঙ্গালুরুতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
ভারতের তামিলনাড়ুর একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা বালাজির। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল তাঁর। বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার পর বেঙ্গালুরুতে উইপ্রো এবং পরে ফিলিপস মেডিকেল সিস্টেমসে চাকরি করেন। প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এইচ ওয়ান বি ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
যুক্তরাষ্ট্রে প্রথমে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে একটি অলাভজনক প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। এক বছর পর যোগ দেন মাইক্রোসফটে। পরবর্তী সময়ে লিংকডইনে চাকরির সময় গ্রিন কার্ড পান এবং পরে মার্কিন নাগরিকত্ব অর্জন করেন। কর্মজীবনের আরেক পর্যায়ে যোগ দেন মেটায়।
মাইক্রোসফটে চাকরির সময় বিয়ে করেন বালাজি। তাঁর স্ত্রী বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তবে সে সময় এইচ ফোর ভিসাধারী স্বামী বা স্ত্রীর কাজের অনুমতি না থাকায় তিনি গৃহিণী হিসেবে সংসার সামলান।
২০১২ সালে পাঁচ মাস বয়সী ছেলেকে নিয়ে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় চলে আসেন তাঁরা। পরে কুপারটিনোতে একটি বাড়ি কেনেন। সেখানেই তাঁদের দুই সন্তানের বেড়ে ওঠা। বর্তমানে ছেলে ১৪ এবং মেয়ের বয়স ৬ বছর। দুজনেরই জন্ম যুক্তরাষ্ট্রে।
তবে কর্মজীবনে সাফল্য পেলেও সন্তানদের বেড়ে ওঠার পরিবেশ নিয়ে ভাবতে শুরু করেন বালাজি। তাঁর নিজের শৈশব কেটেছে আত্মীয়স্বজন, চাচাতো-মামাতো ভাইবোন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। কিন্তু যুক্তরাষ্ট্রে সন্তানদের জীবনে সেই পারিবারিক পরিবেশের অভাব অনুভব করছিলেন তিনি।
বালাজির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সমাজে ব্যক্তিস্বাধীনতা ও নিজের দায়িত্ব নিজে সামলানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। বন্ধুবান্ধব থাকলেও অনেকেই চাকরি বা অন্য কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান। ফলে সন্তানদের জন্য স্থায়ী সামাজিক ও পারিবারিক সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে পড়ছিল।
তাঁর মা প্রায় পাঁচ বছর যুক্তরাষ্ট্রে তাঁদের সঙ্গে ছিলেন। মায়ের জন্য গ্রিন কার্ডের ব্যবস্থাও করেছিলেন বালাজি। কিন্তু নিজের বয়সী মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ কম থাকায় তিনিও একাকিত্ব অনুভব করতেন।
অন্যদিকে ভারতে থাকা শ্বশুর-শাশুড়ির সঙ্গে সন্তানদের নিয়মিত সময় কাটানোর সুযোগ ছিল না। বালাজি ও তাঁর স্ত্রী চেয়েছিলেন, সন্তানরা যেন দাদা-দাদি, নানা-নানি এবং অন্য আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে।
তবে যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না। বিশেষ করে ছেলের পড়াশোনা নিয়ে উদ্বেগ ছিল তাঁদের। ক্যালিফোর্নিয়ার স্কুল ও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছেড়ে ভারতে যাওয়া কতটা ঠিক হবে, তা নিয়েও ভেবেছেন তাঁরা।
শেষ পর্যন্ত ছেলে নবম শ্রেণিতে ওঠার আগেই স্থানান্তরের সিদ্ধান্ত নেন। কারণ আরও দেরি করলে হাইস্কুলের পড়াশোনার মাঝপথে বড় ধরনের পরিবর্তন আনতে হতো।
যুক্তরাষ্ট্র ছাড়ার আগে নিজেদের গাড়ি ও আসবাব বিক্রি করেন তাঁরা। তবে কুপারটিনোর বাড়িটি বিক্রি না করে ভাড়া দিয়েছেন। ভারতে নতুন জীবন প্রত্যাশামতো না হলে ফিরে আসার সুযোগ রাখতেই এই সিদ্ধান্ত।
বর্তমানে বেঙ্গালুরুর একটি আবাসিক এলাকায় বসবাস করছেন পরিবারটি। মাসিক বাড়িভাড়া প্রায় ১ হাজার ৫০ ডলার। গৃহস্থালির কাজে সহায়তার জন্য আরও প্রায় ২৬০ ডলার খরচ হয়।
বালাজি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সংসারের প্রায় সব কাজ তাঁকে ও তাঁর স্ত্রীকে করতে হতো। ভারতে দৈনন্দিন কাজে সহায়তা পাওয়ায় এখন সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে পারছেন। মেয়েকে পার্কে নিয়ে যাওয়া কিংবা ছেলের পড়াশোনায় সাহায্য করার সুযোগও বেড়েছে।
তাঁদের দুই সন্তান এখন ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক পাঠ্যক্রম অনুসরণ করা একটি স্কুলে পড়ছে। প্রথমদিকে নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও বর্তমানে দুজনই ভালোভাবে অভ্যস্ত হয়ে উঠেছে। ছেলে নতুন বন্ধু পেয়েছে এবং মেয়েও স্কুলে স্বাচ্ছন্দ্য বোধ করছে।
অবশ্য ভারতের যানজট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন বালাজি। তবে তাঁর মতে, দেশটির জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। পরিবারের সঙ্গে থাকার সুযোগ এবং তুলনামূলক কম জীবনযাত্রার খরচ তাঁদের সিদ্ধান্তকে ইতিবাচক করে তুলেছে।
প্রায় দুই দশক একটানা কাজ করার পর আপাতত কর্মজীবন থেকে বিরতি নিয়েছেন বালাজি। ভবিষ্যতে আবার বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করবেন, নাকি নিজের কোনো উদ্যোগ শুরু করবেন, তা নিয়ে ভাবছেন।
বালাজি জানিয়েছেন, আপাতত ভারতকেই পরিবারের স্থায়ী ঠিকানা হিসেবে দেখতে চান তাঁরা। তবে ভবিষ্যতে সন্তানরা অন্য কোনো দেশে বসবাস শুরু করলে ভারত ও সেই দেশের মধ্যে সময় ভাগ করে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।
সংবাদসূত্র
বিজনেস ইনসাইডার
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সোমালি বংশোদ্ভূত এক উবার চালককে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) আদালতের নির্ধারিত শর্তে ৮ লাখ ডলারের বন্ড জমা দেওয়ার পর মুক্তি পান ২৫ বছর বয়সী সমিত অপূর্ব প্যাটেল। তাঁর বিরুদ্ধে উবার চালক মোহাম্মদ ইউসুফকে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফক্স নাইন ও সিবিএস মিনেসোটা জানিয়েছে, আদালতের নথি অনুযায়ী বুধবার প্যাটেলকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এর আগে তাঁর বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যাচেষ্টা এবং প্রথম মাত্রার গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনে হেনেপিন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়। গত শনিবার (১৪ নভেম্বর) ভোরে মিনেসোটার হপকিন্স শহরে ভয়াবহ হামলার শিকার হন ৫১ বছর বয়সী উবার চালক মোহাম্মদ ইউসুফ। আদালতে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, প্যাটেল প্রথমে গাড়ির সিটবেল্ট দিয়ে ইউসুফের গলা চেপে ধরেন। পরে তাঁকে গাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে তাঁর নিজের গাড়ি দিয়েই চাপা দেন বলে অভিযোগ রয়েছে। হামলায় ইউসুফের পাঁজরের একাধিক হাড়, একটি পা ও মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তাঁর ফুসফুসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শরীরের ভেতরে ব্যাপক রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে কয়েকটি অঙ্গ অপসারণ করতে হয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় ইউসুফ তাঁর ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তাঁর ভাইও উবার চালক। অভিযোগপত্র অনুযায়ী, গাড়িতে ওঠার পর যাত্রী প্যাটেল চালকের নাম জানতে চান। ইউসুফ নিজের নাম মোহাম্মদ বললে প্যাটেল নামটি পছন্দ নয় বলে মন্তব্য করেন। ইউসুফের ভাই তদন্তকারীদের জানিয়েছেন, কিছুক্ষণ পর তিনি ফোনে ভাইয়ের চিৎকার শুনতে পান। ইউসুফ তখন বলছিলেন, যাত্রী সিটবেল্ট দিয়ে তাঁর গলা চেপে ধরেছেন। পরে গাড়ি দিয়ে চাপা দেওয়ার কথাও চিৎকার করে জানান তিনি। একপর্যায়ে ফোনের অপর প্রান্ত থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ঘটনার পর প্যাটেল ইউসুফের গাড়ি নিয়ে নিজের বাড়িতে পৌঁছান। তাঁর আচরণ অস্বাভাবিক দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে। পরে ইউসুফের স্মার্টওয়াচের অবস্থান শনাক্ত করে এবং ড্রোন ব্যবহার করে রাস্তার পাশের একটি খাদ থেকে তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মিনেসোটার সোমালি ও মুসলিম কমিউনিটির মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। চালকের নাম নিয়ে অভিযুক্তের মন্তব্যের কারণে হামলাটি বিদ্বেষপ্রসূত কি না, তা তদন্তের দাবি জানান পরিবারের সদস্য ও নাগরিক অধিকারকর্মীরা। তবে হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, হামলার পেছনে জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছিল, এমন অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এ কারণে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হলেও বিদ্বেষপ্রসূত অপরাধের ভিত্তিতে অতিরিক্ত শাস্তির আবেদন করা হয়নি। এদিকে হামলার পর উবার কর্তৃপক্ষ অভিযুক্ত প্যাটেলকে তাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে সহযোগিতা করছে। বুধবার সন্ধ্যায় হপকিন্সে মোহাম্মদ ইউসুফের সমর্থনে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, কমিউনিটির প্রতিনিধি ও রাইডশেয়ার চালকেরা অংশ নেন। উবার ও লিফট চালকদের সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, এ ঘটনার পর অনেক চালক রাতের বেলায় কাজ করার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউসুফের আঘাত জীবনসংকটাপন্ন। তবে বুধবার রাত পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার নতুন কোনো নিশ্চিত চিকিৎসা প্রতিবেদন পাওয়া যায়নি। অন্যদিকে বন্ডে মুক্তি পেলেও প্যাটেলের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে। আদালতের শর্ত অনুযায়ী তাঁকে ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় থাকতে হবে এবং লিখিত অনুমতি ছাড়া মিনেসোটা অঙ্গরাজ্যের বাইরে যেতে পারবেন না। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। সংবাদসূত্র ফক্স নাইন
নিউ ইয়র্কের বাফেলোতে স্কুলের ভেতর মারামারি, ছুরি উদ্ধার, শিক্ষকসহ আহত ২
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, ১৮ বছরের প্রতিষ্ঠিত জীবন ছেড়ে পরিবার নিয়ে ভারতে ফিরলেন প্রযুক্তি প্রকৌশলী
চিকিৎসক নন, তবু অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ দায়িত্বে! আয় লাখ ডলারের বেশি
যুক্তরাষ্ট্রে পদার্থবিজ্ঞানের মর্যাদাপূর্ণ ‘ডেভিসন-জার্মার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান। কোয়ান্টাম পদার্থের নতুন বৈশিষ্ট্য আবিষ্কার এবং আধুনিক গবেষণাপদ্ধতির মাধ্যমে পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি। বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক জাহিদ হাসান দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ম্যাটেরিয়াল বা বিশেষ ধরনের পদার্থের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন। বিশেষ করে টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটেরিয়ালের বিভিন্ন অবস্থা আবিষ্কারে তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আধুনিক সারফেস সায়েন্স প্রযুক্তি ব্যবহার করে এসব আবিষ্কারের জন্যই তাঁকে এবারের সম্মাননায় ভূষিত করা হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে থ্রিডি টপোলজিক্যাল ইনসুলেটর আবিষ্কার। এটি এমন একধরনের পদার্থ, যার ভেতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না, কিন্তু বাইরের পৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। পদার্থের এই বিশেষ বৈশিষ্ট্য কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। জাহিদ হাসানের গবেষণায় আরও উঠে এসেছে ‘ওয়েইল সেমিমেটাল’ নামে বিশেষ ধরনের কোয়ান্টাম পদার্থ। এই পদার্থের ভেতরে ইলেকট্রন এমন আচরণ করে, যেন তাদের ভর নেই। জার্মান পদার্থবিজ্ঞানী হারমান ওয়েইল ১৯২৯ সালে এ ধরনের কণার অস্তিত্ব সম্পর্কে তাত্ত্বিক ধারণা দিয়েছিলেন। জাহিদ হাসানের গবেষণা সেই ধারণার সঙ্গে সম্পর্কিত নতুন পদার্থের বৈশিষ্ট্য পরীক্ষামূলকভাবে শনাক্ত করতে সহায়তা করেছে। তাঁর এই আবিষ্কারের পেটেন্ট হয় ২০১৯ সালে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এসব গবেষণা কোয়ান্টাম বিজ্ঞান ও প্রকৌশলের নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে বিজ্ঞানীরা আরও বহু নতুন ধরনের কোয়ান্টাম পদার্থ শনাক্ত করার সুযোগ পেয়েছেন। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় জাহিদ হাসান জানিয়েছেন, এই পুরস্কার তাঁর জন্য অত্যন্ত সম্মানের। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসনকে নিজের বৈজ্ঞানিক অনুপ্রেরণার অন্যতম ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। পরীক্ষামূলক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিকাশে ডেভিসনের অবদান তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেমস ওলসেন বলেন, জাহিদ হাসানের গবেষণায় যে সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার পরিচয় পাওয়া যায়, তা এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর যুগান্তকারী গবেষণার স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আনন্দিত। বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা জাহিদ হাসান উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন ক্যাম্পাস থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন। গবেষণার সময় তিনি যুক্তরাষ্ট্রের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতেও কাজ করেন। ২০০২ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১৭ সালে তাঁকে ইউজিন হিগিন্স অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটার অ্যান্ড অ্যাডভান্সড স্পেকট্রোস্কপি গবেষণাগারের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও গবেষণায় অবদানের জন্য একাধিক আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন জাহিদ হাসান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড এবং লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির ডেভিড এ শার্লি অ্যাওয়ার্ড। তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এবং আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ফেলো। ডেভিসন-জার্মার অ্যাওয়ার্ড মূলত পরমাণু পদার্থবিজ্ঞান ও পদার্থের পৃষ্ঠতলের বৈশিষ্ট্য নিয়ে অসামান্য গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিজ্ঞানভিত্তিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এই পুরস্কার প্রদান করে। এ বছর জাহিদ হাসান ছাড়াও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আরও তিন অধ্যাপক আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিভিন্ন সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শ্যারন হ্যামেস-শিফার, হাওয়ার্ড স্টোন ও লরেন্স চিউক। সংবাদসূত্র: প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এআই বিশেষজ্ঞ প্রতিনিধি দলে বাংলাদেশি গবেষক বাহাউদ্দিন আলম
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
যুক্তরাষ্ট্রে মাত্র ২৫ হাজার ডলারে দোতলা বাড়ি বিক্রি করছে অ্যামাজন, আছে তিনটি কক্ষ ও ব্যালকনি
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির ৫৬ লাখ ডলারের বেশি অর্থ জালিয়াতি এবং অবৈধভাবে ব্যথানাশক ওষুধ বিতরণের দায়ে এক ফার্মেসি মালিককে ৮২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আলী নাসেরদিয়ান (৩২) নামের ওই ব্যক্তিকে কারাভোগের পর আরও তিন বছর নজরদারির অধীনে থাকতে হবে। বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে গত ৭ অক্টোবর গ্রেপ্তারের পর থেকেই তিনি আটক ছিলেন। আদালতের নথি অনুযায়ী, ডিয়ারবর্ন হাইটসের বাসিন্দা নাসেরদিয়ান মেডিকেয়ার, মেডিকেইড এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানের কাছ থেকে ৫৬ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেন। ডেট্রয়েট মহানগর এলাকার তিনটি ফার্মেসিতে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ করার পাশাপাশি একটি ফার্মেসির মালিক ছিলেন তিনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই জালিয়াতি চালানো হয়। এ কাজে তাঁর সহযোগী ছিলেন ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহ। তদন্তে উঠে এসেছে, চিকিৎসকের অনুমোদন ছাড়াই ওষুধের ভুয়া ব্যবস্থাপত্র তৈরি করে বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে অর্থ পরিশোধের দাবি পাঠাতেন তাঁরা। যেসব ওষুধের জন্য বিল করা হতো, সেগুলো অনেক ক্ষেত্রে চিকিৎসক লিখে দেননি, এমনকি রোগীদের কাছেও সরবরাহ করা হয়নি। জালিয়াতি আড়াল করতে চিকিৎসকদের নামে নকল প্রেসক্রিপশন ব্যবহার করা হতো। সংশ্লিষ্ট রোগীরা অনেক সময় ওই ব্যবস্থাপত্রে উল্লেখ করা চিকিৎসকের কাছেও কখনো যাননি। শুধু স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতিই নয়, নাসেরদিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে অক্সিকোডোন বিতরণের অভিযোগও প্রমাণিত হয়েছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নগদ অর্থের বিনিময়ে মাদক কারবারিদের কাছে এই ওষুধ সরবরাহ করতেন। ওষুধগুলো চিকিৎসকের বৈধ ব্যবস্থাপত্রে দেওয়া হয়েছে কি না, কিংবা রোগীর প্রকৃত চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা বিবেচনা করা হতো না। তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জালিয়াতি ও অবৈধ ওষুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেন তদন্তকারীরা। ২০২৬ সালের এপ্রিলে নাসেরদিয়ান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং অবৈধভাবে বিতরণের উদ্দেশ্যে অক্সিকোডোন রাখার অভিযোগে দোষ স্বীকার করেন। এ মামলায় তাঁর সহযোগী ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহকে ২০২৫ সালের ডিসেম্বরে ছয় বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফলে একই জালিয়াতি ও অবৈধ ওষুধ বিতরণ কার্যক্রমে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধেই কারাদণ্ডের রায় কার্যকর হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি নাসেরদিয়ানের প্রায় ১২ লাখ ডলারের অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে ৫৬ লাখ ৩৬ হাজার ৭২১ ডলার ৮৯ সেন্টের ব্যক্তিগত আর্থিক দায়ও নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগকে ৩৬ লাখ ৫৪ হাজার ৮৯৫ ডলার ৬৫ সেন্ট এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানকে ২১ হাজার ৪২৮ ডলার ৯৩ সেন্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করেছে এফবিআইয়ের ডেট্রয়েট কার্যালয়, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় এবং ডিয়ারবর্ন পুলিশ বিভাগ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ আত্মসাৎ শুধু করদাতাদের আর্থিক ক্ষতিই করে না, বরং চিকিৎসাব্যবস্থার ওপর চাপ বাড়ায় এবং স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধিতেও ভূমিকা রাখে। একই সঙ্গে প্রেসক্রিপশনভিত্তিক নিয়ন্ত্রিত ওষুধ অবৈধভাবে ছড়িয়ে পড়া জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে। সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
বন্ধ হয়ে যাওয়া গির্জায় গড়ে উঠল যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের প্রথম লাতিনো মসজিদ
পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে মার্কিন সিনেটে ইতিহাস গড়তে যাচ্ছেন আবদুল এল-সায়েদ

