সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ১১

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৭, ২০২৬ ২০:৪৬
অভিযানে জব্দ করা মাদক ও আগ্নেয়াস্ত্রের অংশ। ছবি: সংগৃহীত
অভিযানে জব্দ করা মাদক ও আগ্নেয়াস্ত্রের অংশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভারতভিত্তিক কয়েকটি আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। 'অপারেশন হার্ড বল' নামে পরিচালিত এই অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, এসব চক্র মাদক ও অস্ত্র পাচার, চাঁদাবাজি, অপহরণ এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের মতো অপরাধের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করছিল।

 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে), ফেডারেল তদন্ত সংস্থা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন স্থানেও অন্তত ৫০টি অভিযান পরিচালিত হয়েছে।

 

লস অ্যাঞ্জেলেসের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি বলেন, অনেকের কাছে অপরিচিত হলেও এসব অপরাধী চক্র অত্যন্ত শক্তিশালী। তাদের বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র বেচাকেনা, চাঁদাবাজি, অপহরণ, চুরি এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তার ভাষ্য, এসব সংগঠন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণ কোকেন ও মেথামফেটামিন ছড়িয়ে দিয়েছে এবং সহিংস অপরাধের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

 

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ভারতের কারাগারে বন্দি অবস্থায় থেকেও কয়েকজন শীর্ষ গ্যাং নেতা আধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় তাদের সহযোগীদের পরিচালনা করতেন।

তদন্তে উঠে এসেছে, ভারতের কারাগারে বন্দি লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং চোরাই মোবাইল ফোন ও এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যম ব্যবহার করে ক্যালিফোর্নিয়ায় মাদক পরিবহন, চাঁদাবাজি, অপহরণ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিত।

 

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে বৃহত্তর লস অ্যাঞ্জেলেস এলাকায় প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের কাছ থেকে প্রায় ১ হাজার ১৫০ পাউন্ড কোকেন ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও এই গ্যাং জড়িত।

মামলার নথিতে আরও বলা হয়েছে, বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী রাজন ভাট্টি এক গোপন ফেডারেল কর্মকর্তার কাছ থেকে দুই লাখ ডলার আদায়ের চেষ্টা করেন। ওই কর্মকর্তা নিজেকে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী একজন ধনী প্রবাসী হিসেবে পরিচয় দিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, চাঁদা আদায়ের উদ্দেশ্যে ভাট্টি ওই কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেন।

 

এদিকে ভারতের কারাগারে বন্দি জগ্গু ভগবানপুরিয়ার নেতৃত্বাধীন ভগবানপুরিয়া গ্যাংয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন তদন্তকারীরা। অভিযোগে বলা হয়েছে, গ্যাংটির সদস্যরা ভারতে থাকা দুর্নীতিগ্রস্ত কিছু ব্যক্তির সহযোগিতায় মানুষকে মিথ্যা হত্যামামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

এই গ্যাংয়ের সদস্য গুরলাল সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের পাঞ্জাবের এক দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার সহযোগিতায় ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে চাঁদা আদায়ের ষড়যন্ত্র করেছিলেন।

 

আরেক সদস্য গুরদেব সিং অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায়ও গোপনে যোগাযোগের মাধ্যমে একটি পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউটরদের দাবি, জগ্গু ভগবানপুরিয়া ভারতের কারাগারে বন্দি থেকেও ক্যালিফোর্নিয়ায় বিপুল পরিমাণ কোকেন পরিবহন ও বিতরণের নির্দেশ দিতেন।

 

এছাড়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দা ৫৭ বছর বয়সী রবিন্দর সিং ধান্দার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রতি সপ্তাহে শত শত পাউন্ড কোকেন ও মেথামফেটামিন পাচারের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, তার চক্র আধা-ট্রাক ও কৃষিকাজে ব্যবহৃত ট্রাকের মাধ্যমে লস অ্যাঞ্জেলেস, ওয়েস্ট কোভিনা, অন্টারিও, ফন্টানা ও পেরিস এলাকা থেকে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পর্যন্ত মাদক পরিবহন করত।

 

এই মামলায় অভিযুক্ত জাস্টিন গুজম্যানকে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার এল মন্টে এলাকার একটি মেট্রো স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি চক্রটির হয়ে ১৫০ পাউন্ডের বেশি কোকেন পাচারে অংশ নিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারের অভিযানে লস অ্যাঞ্জেলেস, স্যাক্রামেন্টো, স্টকটন, সান হোসে, ফ্রেসনোসহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে অভিযান চালানো হয়। শুধু স্যাক্রামেন্টো এলাকায় ২৩টি এবং লস অ্যাঞ্জেলেসে ১৯টি তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে।

 

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডনেল বলেন, অভিযুক্তরা ক্যালিফোর্নিয়াকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।

তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী ২ হাজার ২০০ পাউন্ডের বেশি কোকেন ও হেরোইন, ৪০ হাজার মার্কিন ডলার নগদ অর্থ এবং অন্তত ১২টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাতজন যুক্তরাষ্ট্রে, দুজন ভারতে এবং একজন ইউরোপে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, মামলায় উত্থাপিত সব অভিযোগই তদন্তকারী সংস্থার অভিযোগপত্র ও আদালতের নথির ভিত্তিতে করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি
নিউইয়র্কে শ্রমিক সুরক্ষা আইন ঠেকাতে অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি

নিউইয়র্ক সিটিতে প্রস্তাবিত একটি ডেলিভারি শ্রমিক সুরক্ষা আইন বাস্তবায়িত হলে গ্রাহকদের প্রতিটি অর্ডারে সর্বোচ্চ ৫ ডলার পর্যন্ত বাড়তি খরচ হতে পারে—অ্যামাজনের এমন সতর্কবার্তার কড়া সমালোচনা করেছেন শহরের মেয়র জোহরান মামদানি।   গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, অ্যামাজন একটি মাল্টি-ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান; তাই জেফ বেজোসের কোম্পানি যদি গ্রাহকদের অর্ডারে ৫ ডলার যোগ করে, তবে সেটি সিটি কাউন্সিলের শ্রমিক অধিকার রক্ষা ও সড়ক নিরাপদ রাখার প্রচেষ্টার কারণে নয়, বরং তা সম্পূর্ণ তাদের ‘লোভ’। একই সঙ্গে তিনি সিটি কাউন্সিলকে প্রস্তাবিত ‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ পাসের আহ্বান জানান।   মূলত নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য টিফানি কাবান গত ফেব্রুয়ারিতে ‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ (ইন্ট্রো ৫১৮) নামের এই বিলটি উত্থাপন করেন, যা মেয়র জোহরান মামদানি এবং টিমস্টারসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের জোরালো সমর্থন পেয়েছে। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, বড় ডেলিভারি প্রতিষ্ঠানগুলোকে তৃতীয় পক্ষের সাব-কন্ট্রাক্টর বা ঠিকাদারের ওপর নির্ভর না করে তাদের গুদাম ও ডেলিভারি কর্মীদের অধিকাংশকে সরাসরি নিজস্ব কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে।   এ ছাড়া প্রতিটি ডেলিভারি স্থাপনার জন্য ৫০০ ডলার লাইসেন্সিং ফি, কর্মীদের বাধ্যতামূলক নিরাপত্তা প্রশিক্ষণ এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতির বিরুদ্ধে সুরক্ষার বিধান রাখা হয়েছে এই বিলে।   আইনটি ঠেকাতে এবার সরাসরি নিজেদের গ্রাহকদের ব্যবহার করতে শুরু করেছে অ্যামাজন। চলতি সপ্তাহে নিউইয়র্কের ক্রেতারা অ্যামাজনের ওয়েবসাইট ও শপিং অ্যাপে প্রবেশ করলেই লাল রঙের ‘অ্যাটেনশন’ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন, যেখানে দাবি করা হয়েছে যে সিটি কাউন্সিলের এই বিলটি পাস হলে নিউইয়র্কবাসীর অর্ডারপ্রতি ফি ৫ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। ওই বার্তায় একটি লিংক ও ফর্ম যুক্ত করে গ্রাহকদের নিজ নিজ এলাকার কাউন্সিল সদস্যদের কাছে বিলটির বিরোধিতা করে বার্তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। অ্যামাজনের দাবি অনুযায়ী, প্রচারণা শুরুর প্রথম ছয় ঘণ্টার মধ্যেই প্রায় ২০ হাজার গ্রাহক আইনটির বিরোধিতা করে কাউন্সিল সদস্যদের ইমেইল পাঠিয়েছেন।   অ্যামাজন কর্তৃপক্ষের দাবি, এই আইন কার্যকর হলে নিউইয়র্ক সিটিতে তাদের বর্তমান ডেলিভারি ব্যবস্থা অর্থনৈতিকভাবে অলাভজনক হয়ে পড়বে এবং তারা শহরের সীমানার বাইরে কার্যক্রম সরিয়ে নিতে বাধ্য হতে পারে। এতে শহরের ৪০টিরও বেশি ক্ষুদ্র ডেলিভারি অংশীদার প্রতিষ্ঠান এবং সেগুলোতে কর্মরত ৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে কোম্পানিটি।   পরামর্শক প্রতিষ্ঠান একেআরএফ-এর (AKRF) এক গবেষণার বরাত দিয়ে অ্যামাজন জানিয়েছে, এই আইনের ফলে নিউইয়র্কের প্রতিটি পরিবারের বার্ষিক ব্যয় ৪০৯ থেকে ৬৬৪ ডলার পর্যন্ত বাড়তে পারে। কোনো গ্রাহক যদি সপ্তাহে দুবার অ্যামাজন থেকে পণ্য কেনেন, তবে অর্ডারপ্রতি ৫ ডলার বাড়তি ফিতে বছরে তার অতিরিক্ত ৫২০ ডলার খরচ হবে—যা বার্ষিক ১৩৯ ডলারের অ্যামাজন প্রাইম সদস্যপদের খরচের ওপর নতুন বোঝা হয়ে দাঁড়াবে।   তবে অ্যামাজনের এই হিসাব ও যুক্তিকে ‘কর্পোরেট গুন্ডামি’ বলে প্রত্যাখ্যান করেছেন বিলটির উত্থাপক কাউন্সিল সদস্য টিফানি কাবান। তিনি বলেন, সাধারণ একটি শ্রমিক নিরাপত্তা বিলের কারণে প্রতিটি ডেলিভারিতে অ্যামাজনের ৫ ডলার খরচ বাড়ার কোনো যৌক্তিক ভিত্তি নেই। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিনও জানিয়েছেন, কোনো কর্মসংস্থান নষ্ট না করে বা সাধারণ মানুষের ওপর বাড়তি দামের বোঝা না চাপিয়েই শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কাউন্সিল। উল্লেখ্য, বিলটি এখনো সিটি কাউন্সিলের পর্যালোচনাধীন রয়েছে এবং চূড়ান্ত ভোটাভুটিতে পাস হয়নি।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:৩৭
নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ

নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ

বাংলাদেশে বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

প্রবাসে ঈদমেলা করে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

মৃত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমা কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং ভুয়া আর্থিক তথ্য দিয়ে ৫ লাখ ২০ হাজার ডলারের বেশি গৃহঋণ (মর্টগেজ) নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে ২৪টি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ৩৬ বছর বয়সী খেমরাজ রবি নারাইন সেসিল মেরিল্যান্ডের মন্টগোমারি ভিলেজের বাসিন্দা।   গত ২০ নভেম্বর মন্টগোমারি কাউন্টি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের সঙ্গে যৌথভাবে গত মার্চ মাসে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে দুটি পৃথক মামলায় এসব অভিযোগ আনা হয়েছে।   তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় দুই দশকে সেসিল ও তার আত্মীয়দের নামে জমা দেওয়া ৭০টিরও বেশি বিমা দাবি শনাক্ত করেছেন গোয়েন্দারা। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়া তিনটি সন্দেহভাজন দাবির মাধ্যমে একটি জাতীয় অটোমোবাইল বিমা কোম্পানির ১১ হাজার ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।   পুলিশের অভিযোগ, সেসিল একাধিক বিমা দাবির ক্ষেত্রে একজন মৃত আত্মীয়ের পরিচয় ব্যবহার করেছেন এবং গাড়িতে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, মজুরি হারানো ও চিকিৎসার ভুয়া নথিপত্র তৈরি করেছেন। এ ছাড়া ভুয়া ছবি, গাড়ি মেরামতের ব্যয় বিবরণী ও চিকিৎসা বিলের কাগজপত্র জমা দিয়ে বিমার অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে।   বিমা জালিয়াতি সংক্রান্ত প্রথম মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান, পরিচয় চুরি, জালিয়াতি, চুরির পরিকল্পনা, বিমার অর্থ আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বা সাজানো গাড়ি দুর্ঘটনা ঘটানো এবং ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়াসহ মোট ১৪টি অভিযোগ আনা হয়েছে।   বিমা জালিয়াতির পাশাপাশি ফ্লোরিডায় একটি সম্পত্তি কেনার জন্য ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন (এফএইচএ) ঋণের আবেদনেও গুরুতর প্রতারণার আশ্রয় নিয়েছিলেন সেসিল। তদন্তকারীদের মতে, তিনি নিজের বৈবাহিক অবস্থা, কর্মসংস্থান, আয়, কর প্রদান এবং ব্যাংক হিসাবের স্থিতি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ৫ লাখ ২০ হাজার ডলারের বেশি মর্টগেজ ঋণ অনুমোদন করিয়ে নেন।   ২০২৫ সালের ৭ মে থেকে ১০ জুনের মধ্যে সংঘটিত এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা দ্বিতীয় মামলায় তার বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতি, নথিপত্র জালকরণ, চুরি, চুরির চেষ্টা এবং পরিচয় চুরিসহ আরও ১০টি অভিযোগ যুক্ত করা হয়েছে।   আদালতের নথিপত্র অনুযায়ী, গত ৩০ অক্টোবর মেরিল্যান্ডে তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পরপরই ১ নভেম্বর ফ্লোরিডার অরল্যান্ডো পুলিশ তাকে গ্রেফতার করে। সে সময় তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তীতে ৬ নভেম্বর প্রত্যর্পণ প্রক্রিয়ায় আপত্তি না জানানোর নথি দাখিল করলে ১৭ নভেম্বর তাকে ফ্লোরিডা থেকে মেরিল্যান্ডে ফিরিয়ে আনা হয়।   ১৯ নভেম্বর বিচারক কারেন ফেরেত্তি প্রতিটি মামলায় ৫০ হাজার ডলারের ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন এবং ২০ নভেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। আইনজীবী কুশ অরোরার মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাওয়া সেসিলের বিরুদ্ধে রকভিল আদালতে আগামী ১৮ ডিসেম্বর মর্টগেজ মামলার প্রাথমিক শুনানি এবং ২৮ ডিসেম্বর বিমা জালিয়াতি মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।   তবে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। এদিকে মৃত ব্যক্তির পরিচয় চুরি রোধে ক্রেডিট ব্যুরোগুলোকে দ্রুত মৃত্যুসনদ পাঠানো এবং সন্দেহজনক বিমা জালিয়াতির তথ্য কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব সেবা (আইআরএস) ও মেরিল্যান্ড ইনস্যুরেন্স অ্যাডমিনিস্ট্রেশন।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:২০
নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

জর্জ ওয়াশিংটন, আনুমানিক ১৮০৩, গিলবার্ট স্টুয়ার্ট। সৌজন্যে: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট

প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিসক্রিয় জেট স্ট্রিমের প্রভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একের পর এক শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং ছুটির পুরো সপ্তাহজুড়ে প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত নিচু এলাকাগুলোতে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং উঁচু পার্বত্য অঞ্চলগুলো কয়েক ফুট পুরু তুষারে ঢাকা পড়বে।   মাত্র কয়েক দিন আগেই শক্তিশালী ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবে সৃষ্ট বন্যায় সান ফ্রান্সিসকোতে শতাব্দীপ্রাচীন বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই ক্ষত শুকানোর আগেই নতুন এই ঝড়ের সারি উপকূলীয় জনপদ ও ছুটিতে ঘরমুখো লাখো মানুষের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।   আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম ঝড়টি আঘাত হানবে, যার প্রভাবে ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে শুরু করে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ইতোমধ্যে পানিতে টইটম্বুর হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার মাটিতে নতুন এই বর্ষণ আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।   বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাসের কারণে সিয়াটল-টাকোমা এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ফ্লাইট বিলম্ব ও বাতিলের বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে চলমান এই বৈরী আবহাওয়ায় সিয়েরা নেভাদা, ক্যাসকেডস এবং রকি পর্বতমালায় ভারী তুষারপাতের ফলে পার্বত্য মহাসড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়তে পারে।   স্থলভাগে ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সম্ভাব্য সর্বোচ্চ উচ্চতার জোয়ার বা ‘কিং টাইড’। এল নিনো পরিস্থিতি ও চন্দ্রচক্রের প্রভাবে এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে উপকূলীয় নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও তীব্র সৈকত ভাঙন ঘটাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।   সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে সান পাবলো বে পর্যন্ত আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা (কোস্টাল ফ্লাড ওয়ার্নিং) জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণে লস অ্যাঞ্জেলেসের উত্তর অংশ থেকে সান দিয়েগো পর্যন্ত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় বন্যার পরামর্শক বার্তা কার্যকর থাকবে।   থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নেওয়ায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশটির পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। তুষারপাত ও প্লাবিত সড়কের কারণে মহাসড়কে যানজট ও ধীরগতির পাশাপাশি বিমানবন্দরগুলোতে কম দৃশ্যমানতা এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে ফ্লাইট বিপর্যয়ের ঢেউ পশ্চিম উপকূল ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।   বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালে এখন পর্যন্ত আবহাওয়াজনিত কারণে প্রায় ১২ হাজার ৭০০টি ফ্লাইট বিলম্বিত হওয়ার পর নতুন এই ঝড় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৩৯
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...