ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আরও অত্যাধুনিক করতে কাতার সরকারের উপহার হিসেবে পাওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়্যান’ বিমানটিকে সাময়িকভাবে সার্ভিসের বাইরে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুর দিকে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় তিনি নতুন বিমানটির বদলে পুরনো মডেলের এয়ার ফোর্স ওয়্যানে চড়ে যাত্রা করার পর এই সিদ্ধান্ত প্রকাশ্যে এল।
রোববার নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনাল দেখে ওয়াশিংটনে ফিরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "এই বিমানটির দারুণ সব ক্ষমতা রয়েছে। তবে আমি যতটুকু জেনেছি, আগামী এক মাসের মতো সময়ের মধ্যে এটিকে পাঠিয়ে প্রতিরক্ষা প্রযুক্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে।"
গত ৮ জুলাই আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প ঘোষণা দেন যে, তিনি নতুন বিমানটির বদলে পুরনো বিমানে চড়ে ইংল্যান্ডের আরএএফ মিলডেনহলে যাবেন। সে সময় দাবি করা হয়েছিল, যুক্তরাজ্যে ঘাঁটি গড়া মার্কিন সেনাদের নতুন বিমানটি ঘুরে দেখার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। তবে ইরানি হুমকির কারণে সৃষ্ট নিরাপত্তা শঙ্কার কারণেই এই শেষ মুহূর্তের পরিবর্তন, এমন গুঞ্জন বেশ জোরালো হয়ে ওঠে।
উল্লেখ্য, মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই পুরনো এয়ার ফোর্স ওয়্যানের পেছনের অংশের ছবি তোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে আসছেন। ধারণা করা হয়, বিমানটিতে যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ করে দেওয়ার মতো বিশেষ প্রযুক্তি যুক্ত রয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, তড়িঘড়ি করে কাতারী বোয়িং ৭৪৭-৮ বিমানটিকে সার্ভিসে আনার কারণে এতে প্রয়োজনীয় ও পর্যাপ্ত অ্যান্টি-মিসাইল সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত ছিল না।
যুক্তরাষ্ট্রের শত্রু এবং ইরানি আততায়ী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে ট্রাম্প পূর্বে জানিয়েছিলেন, তিনি প্রতিপক্ষের এক নম্বর হিটলিস্টে রয়েছেন। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করতেই বোয়িং বিমানটিকে অতিরিক্ত সুরক্ষাবলয়ে সাজানোর জন্য সাময়িক বিরতিতে পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
যুক্তরাষ্ট্রে নিয়মিত ব্যবহৃত পেট্রোলের জাতীয় গড় মূল্য আবারও প্রতি গ্যালনে ৪ ডলার অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে মার্কিন জ্বালানি বাজারেও। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার দেশটির গড় গ্যাসের দাম ৪ ডলারের ওপরে উঠে গেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন নিয়মিত গ্যাসের জাতীয় গড় মূল্য ৪ ডলার। এক বছর আগে একই সময়ে এই গড় মূল্য ছিল ৩ দশমিক ১৪ ডলার। তবে এটি জাতীয় গড় হওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দামের পার্থক্য রয়েছে। কোথাও গ্যাসের দাম ৪ ডলারের অনেক বেশি, আবার কোথাও তুলনামূলক কম। স্থানীয় সরবরাহ, পরিবহন ব্যয় ও অঙ্গরাজ্যভিত্তিক করের কারণে এই পার্থক্য তৈরি হয়। চলতি বছর মার্চের শেষ দিকে প্রথমবারের মতো গ্যাসের জাতীয় গড় মূল্য ৪ ডলারের ওপরে উঠেছিল। পরে জুনের মাঝামাঝি তা আবার ৪ ডলারের নিচে নেমে আসে। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী সমঝোতার কারণে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছিল। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে সংঘাত আবার তীব্র হওয়ায় জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে তা প্রতি ব্যারেল ৮৬ থেকে ৯০ ডলারের মধ্যে লেনদেন হচ্ছে, যেখানে সংঘাতের আগে দাম ছিল প্রায় ৭০ ডলার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই তেলের দামও উচ্চ অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও চাপে পড়তে পারে, যার প্রভাব শুধু জ্বালানির দামেই নয়, পরিবহন ব্যয়, খাদ্যপণ্যের মূল্য এবং সামগ্রিক মূল্যস্ফীতিতেও পড়তে পারে। তবে ভবিষ্যতে পরিস্থিতি কী দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে সংঘাতের গতিপ্রকৃতি এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকার ওপর।
বৈবাহিক ভিত্তিতে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে সাক্ষাৎকার দিতে গিয়ে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক হন শিকাগো এলাকার এক নারী। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) হেফাজতে থাকা ওই নারীকে যেকোনো সময় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী। ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি৭ শিকাগোর অনুসন্ধানী বিভাগ আই টিম। প্রতিবেদনে বলা হয়, প্রথমে তাকে ইলিনয়ের ব্রডভিউ আইসিই প্রসেসিং সেন্টারে নেওয়া হয়। পরে ইন্ডিয়ানার ব্রাজিল শহরের একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, জায়গাটির অবস্থা এতটাই খারাপ ছিল যে সেটি বন্ধ করে দেওয়া উচিত। ভিডিও কলে তিনি এবিসি৭ শিকাগোকে বলেন, “মানুষ তাদের বিড়াল-কুকুরেরও এর চেয়ে ভালো যত্ন নেয়। জায়গাটি এতটাই খারাপ ছিল যে এটি সম্ভবত বন্ধ করে দেওয়া উচিত।” বর্তমানে তিনি কেন্টাকির একটি আইসিই ডিটেনশন সেন্টারে রয়েছেন। সেখানে একই কক্ষে আরও ১৩ জন নারীর সঙ্গে থাকতে হচ্ছে বলে জানান তিনি। তার অভিযোগ, দুই মাসেরও বেশি সময় ধরে একবারও তাজা ফল বা সবজি পাননি। সপ্তাহে মাত্র তিন দিন, প্রতিদিন এক ঘণ্টা করে খোলা বাতাসে যাওয়ার সুযোগ দেওয়া হয়। এদিকে তার স্বামী মার্ক গুল্ড একজন মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য। দুই সন্তানকে নিয়ে তিনি শিকাগো এলাকায় বসবাস করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে বর্তমানে ৩০০ মাইলেরও বেশি দূরত্ব। সাম্প্রতিক এক ভিডিও কলে মার্ক গুল্ড বলেন, “প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি তার একটি বার্তার অপেক্ষায় থাকি। প্রথম মেসেজটি পেলেই কিছুটা স্বস্তি পাই।” বর্তমানে দম্পতির যোগাযোগের একমাত্র মাধ্যম টেক্সট বার্তা এবং মাঝে মধ্যে বন্দিদের জন্য অনুমোদিত ভিডিও কল। পরিবারের সঙ্গে পুনর্মিলনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই নারী। তিনি বলেন, যেকোনো সময় তাকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। তবে তিনি আশা হারাননি। তার ভাষায়, “সেই দিন আসবে। আমি জানি খুব শিগগিরই আসবে। পরিস্থিতি যেমনই হোক, আমরা আবার একসঙ্গে হব, আর সবকিছু ঠিক হয়ে যাবে।” পরে প্রতিবেদনে জানা যায়, ওই নারীর নাম এয়ারিদা গুল্ড। তিনি মূলত ইউরোপের দেশ লিথুয়ানিয়ার নাগরিক। মার্কিন নাগরিক মার্ক গুল্ডকে বিয়ের পর তিনি যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং বৈবাহিক ভিত্তিতে গ্রিন কার্ডের আবেদন করেন। সেই আবেদনের অংশ হিসেবে সাক্ষাৎকারে উপস্থিত হয়েই তিনি ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক হন। এবিসি৭ শিকাগোর প্রতিবেদনে তার আইনজীবী জানান, এয়ারিদা গুল্ডের অভিবাসন সংক্রান্ত আইনি প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই তাকে বহিষ্কার করা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। প্রতিবেদনে তাকে আটকের নির্দিষ্ট আইনি কারণ বা তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগের তথ্য উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জনপ্রিয় অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় করে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবকের আরও ভুক্তভোগী থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ কারণে যেসব নারী তার সঙ্গে কখনও যোগাযোগ বা সাক্ষাৎ করেছেন, তাদের সামনে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর। পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর গত ১৪ জুলাই এক বিবৃতিতে জানায়, তদন্তকারীদের ধারণা, অভিযুক্ত ব্যক্তি অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও নারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাই সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের শনাক্ত করতে বিশেষ ভিকটিমস ইউনিট জনসাধারণের সহযোগিতা চাচ্ছে। তদন্ত নথি অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে একটি ফ্লোরিডার হাসপাতালে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শুরু হয়। অভিযোগকারী নারী পুলিশকে জানান, তিনি হিঞ্জ (Hinge) ডেটিং অ্যাপের মাধ্যমে স্টিফেন হাকিম নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। পরে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের সঙ্গে অভিযুক্তের ডিএনএ মিল খুঁজে পান। একই সঙ্গে ভুক্তভোগীর রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষায় একাধিক ঘুমের ওষুধের উপাদান শনাক্ত হয়। ওই নারী পুলিশকে জানান, তিনি এসব ওষুধ স্বেচ্ছায় গ্রহণ করেননি। ডেলরে বিচের বাসিন্দা ২৭ বছর বয়সী স্টিফেন হাকিমকে গত ৮ জুলাই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। পরদিন ২৫ হাজার ডলারের বন্ডে তিনি মুক্তি পান। আদালতে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন। আদালতের নথি অনুযায়ী, হিঞ্জে পরিচয়ের পর প্রায় এক ঘণ্টা অ্যাপের মাধ্যমে কথোপকথন করেন দুজন। পরে তারা মোবাইল ফোনে বার্তা আদান-প্রদান এবং ভিডিও কলে কথা বলেন। সেদিন রাতেই তারা দেখা করার সিদ্ধান্ত নেন। অভিযোগকারী নারীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত তাকে রাত ১১টার দিকে গাড়িতে তুলে একটি বারে যাওয়ার কথা বললেও পরিবর্তে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যান। ভুক্তভোগী জানান, সেখানে তারা কয়েকটি বিয়ার পান করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। একপর্যায়ে অভিযুক্ত তাকে ম্যাসাজের প্রস্তাব দেন। এরপর তিনি হঠাৎ অস্বাভাবিকভাবে ঘুমঘুম অনুভব করতে থাকেন এবং নিজের শরীর নাড়াতে পারছিলেন না। পরে তার ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে, স্টিফেন হাকিমের আইনজীবী বিভিন্ন মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তার মক্কেল অভিযোগে বর্ণিত সম্মতিবিহীন কোনো কাজ করেছেন, এমন দাবি তিনি প্রত্যাখ্যান করছেন। এদিকে, ঘটনাটিকে সামনে এনে অনলাইন ডেটিংয়ের নিরাপত্তা নিয়েও সতর্ক করেছেন যৌন সহিংসতা প্রতিরোধে কাজ করা মার্কিন সংগঠন রেপ, অ্যাবিউজ অ্যান্ড ইনসেস্ট ন্যাশনাল নেটওয়ার্ক (RAINN)-এর ভিকটিম সার্ভিসেস বিভাগের প্রধান মেগান কাটার। তিনি বলেন, অনলাইন ডেটিং অ্যাপ স্বভাবগতভাবে বিপজ্জনক নয়। লাখো মানুষ এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সুস্থ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলছেন। তবে অপরাধীরা কখনও কখনও একই প্ল্যাটফর্মকে অপব্যবহার করে অপরাধ সংঘটিত করে থাকে। মেগান কাটারের পরামর্শ, নতুন পরিচয়ের ক্ষেত্রে যেসব প্রোফাইলে পর্যাপ্ত তথ্য নেই, সামাজিক যোগাযোগমাধ্যমের সংযোগ নেই বা খুব দ্রুত অ্যাপের বাইরে ফোন নম্বর কিংবা ব্যক্তিগত যোগাযোগে যেতে চায়, সেসব ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। কারণ একবার ব্যক্তিগত তথ্য হাতে পেলে অপরাধীরা সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য উপায়ে আরও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। তিনি আরও বলেন, ডেটিং প্রোফাইলে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত একই ছবি ব্যবহার না করাই ভালো। কারণ রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সহজেই ব্যক্তির পরিচয় ও অন্যান্য তথ্য খুঁজে বের করা সম্ভব। এছাড়া ছবির মেটাডেটা মুছে দিয়ে আপলোড করলে অবস্থানসহ কিছু ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যায়। পিউ রিসার্চ সেন্টারের ২০২৩ সালের এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় ৫৩ শতাংশ জীবনের কোনো না কোনো সময় অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন। এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় সচেতনতা ও ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। সূত্র: ফক্স নিউজ, পাম বিচ কাউন্টি শেরিফস অফিস।