হেগসেথকে ধমক দিয়েছেন যে প্রহরী পরদিন তাকেই পদক দিলেন তিনি
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সামরিক সমাধিসৌধে নীরবতা বজায় রাখার নির্দেশ দেওয়া সেই সেনা প্রহরীকেই এবার সম্মানজনক পদক দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওয়াশিংটনের কাছে পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল প্রদান করেন হেগসেথ। এর আগের দিন ভার্জিনিয়ার আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে দায়িত্ব পালনের সময় প্রতিরক্ষামন্ত্রী ও তার সঙ্গে থাকা কর্মকর্তাদের উচ্চস্বরে কথা বলা এবং হাসাহাসির ঘটনায় সতর্ক করেছিলেন ওই সেনা।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভেটেরান্স ডে উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের সামনে ছবি তুলতে যান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, তার স্ত্রী জেনিফার এবং কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছবি তোলার পর হেগসেথের সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে কথাবার্তা ও হাসির শব্দ শোনা যাচ্ছে। এ সময় সমাধিসৌধের সামনে দায়িত্ব পালনরত সেনা প্রহরী থমাস ইগলেসিয়াস হঠাৎ থেমে তাদের দিকে ঘুরে দাঁড়ান। এরপর উচ্চস্বরে সবাইকে নীরবতা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সমাধিসৌধ এলাকায় অবস্থানরত প্রত্যেক দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখতে হবে।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও তার সফরসঙ্গীদের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, দায়িত্ব পালনরত সেনা প্রহরী যথাযথ ও সম্মানজনকভাবেই উপস্থিত সবাইকে শৃঙ্খলা বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন। সমাধিসৌধের মর্যাদা রক্ষায় এমন সতর্কবার্তা দেওয়া প্রহরীদের নিয়মিত দায়িত্বের অংশ।
ঘটনার পরদিনই সেই সেনাকে পেন্টাগনে আমন্ত্রণ জানান হেগসেথ। সেখানে যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্টের সদস্যদের উপস্থিতিতে ইগলেসিয়াসের ইউনিফর্মে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল পরিয়ে দেন তিনি। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, ১১ নভেম্বর অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধে দায়িত্ব যথাযথভাবে পালনের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেওয়া হয়েছে।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে পদক প্রদানের কয়েকটি ছবি প্রকাশ করেন হেগসেথ। সেখানে তাকে ইগলেসিয়াসের সঙ্গে করমর্দন করতেও দেখা যায়। পোস্টে প্রতিরক্ষামন্ত্রী লেখেন, তারা সেনাসদস্যদের ভালোবাসেন এবং শৃঙ্খলা ও নির্ধারিত মানদণ্ডকে গুরুত্ব দেন। দায়িত্ব সঠিকভাবে পালন করায় ইগলেসিয়াসের প্রশংসাও করেন তিনি।
জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্মাননা। যৌথ সামরিক কার্যক্রমে বিশেষ কৃতিত্ব বা প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়। সাধারণত অপেক্ষাকৃত জুনিয়র পর্যায়ের সেনাসদস্যদের এমন সম্মাননা পাওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না।
আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্মৃতিস্তম্ভ। এখানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরীয় যুদ্ধে নিহত অজ্ঞাতপরিচয় মার্কিন সেনাদের সমাধি রয়েছে। ১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্টের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সমাধিসৌধটি পাহারা দিয়ে আসছেন। আবহাওয়া যেমনই থাকুক, সেখানে প্রহরা বন্ধ হয় না।
সমাধিসৌধের সামনে দর্শনার্থীদের নীরবতা বজায় রাখা এবং শ্রদ্ধাশীল আচরণ নিশ্চিত করা প্রহরীদের অন্যতম দায়িত্ব। এমনকি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিংবা সামরিক নেতৃত্বের সদস্যরাও এই নিয়মের বাইরে নন। ফলে প্রতিরক্ষামন্ত্রীকে প্রকাশ্যে সতর্ক করার পর সেই প্রহরীকেই পদক দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে বাড়ির মালিকদের জন্য হোম ইন্স্যুরেন্স একটি গুরুত্বপূর্ণ নিয়মিত খরচ। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়ে যাওয়ায় অনেক পরিবারকে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে। বিশেষ করে মর্টগেজ নিয়ে বাড়ি কেনা প্রবাসী বাংলাদেশিদের জন্য এই খরচ মাসিক হাউজিং পেমেন্টের ওপরও প্রভাব ফেলতে পারে। তবে সঠিকভাবে পলিসি তুলনা, ডিডাক্টিবল নির্বাচন এবং বাড়ির নিরাপত্তাব্যবস্থা উন্নত করার মাধ্যমে অনেক ক্ষেত্রেই কভারেজ ঠিক রেখে ইন্স্যুরেন্সের খরচ কমানোর সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (GAO) ২০২৬ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বাড়ির ইন্স্যুরেন্সের আনুমানিক গড় বার্ষিক প্রিমিয়াম ২০১৯ সালে ছিল ২ হাজার ২৩৫ ডলার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮২৯ ডলারে। অর্থাৎ পাঁচ বছরে মূল্যস্ফীতির সমন্বয় ছাড়া প্রিমিয়াম বেড়েছে প্রায় ২৭ শতাংশ। তবে এই বৃদ্ধি সব রাজ্যে সমান নয়। দুর্যোগপ্রবণ এলাকায় খরচ বেড়েছে তুলনামূলক বেশি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স কমিশনার্স (NAIC) এবং ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনস্টিটিউটের পরামর্শ অনুযায়ী, বাড়ির মালিকেরা মূলত তিনটি বিষয় অনুসরণ করে ইন্স্যুরেন্সের খরচ কমানোর চেষ্টা করতে পারেন। প্রথম কৌশল হলো, বাড়ি ও গাড়ির ইন্স্যুরেন্স বান্ডেল করা এবং প্রতিবছর বিভিন্ন কোম্পানির দাম তুলনা করা। একই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হোম ইন্স্যুরেন্স ও অটো ইন্স্যুরেন্স নিলে অনেক প্রতিষ্ঠান মাল্টি-পলিসি ডিসকাউন্ট দিয়ে থাকে। তবে ডিসকাউন্টের পরিমাণ কোম্পানি, রাজ্য ও গ্রাহকের প্রোফাইল অনুযায়ী আলাদা হয়। শুধু বান্ডেল ডিসকাউন্ট পেলেই যে সবচেয়ে কম খরচ হবে, তা নয়। কোনো কোনো ক্ষেত্রে আলাদা দুটি কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নেওয়াও সাশ্রয়ী হতে পারে। তাই পলিসি রিনিউ করার আগে অন্তত তিনটি কোম্পানির কাছ থেকে কোট নেওয়া ভালো। তুলনার সময় ডুয়েলিং কভারেজ, পার্সোনাল প্রপার্টি, লাইয়াবিলিটি, ডিডাক্টিবল এবং অন্যান্য শর্ত একই আছে কি না, তা যাচাই করতে হবে। ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনস্টিটিউট জানিয়েছে, একই ধরনের বাড়ির ইন্স্যুরেন্সের দাম কোম্পানিভেদে কয়েকশ ডলার পর্যন্ত আলাদা হতে পারে। এ কারণে দীর্ঘদিন একই কোম্পানির গ্রাহক থাকলেও প্রতিবছর নতুন কোট যাচাই করা গুরুত্বপূর্ণ। পলিসি রিনিউয়ালের কয়েক সপ্তাহ আগে থেকেই এই তুলনা শুরু করা যেতে পারে। দ্বিতীয় কৌশল হলো, নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী ডিডাক্টিবল বাড়ানো। ডিডাক্টিবল হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেইমের সময় ক্ষতির যে অংশ বাড়ির মালিককে নিজের পকেট থেকে দিতে হয়। সাধারণভাবে ডিডাক্টিবল বেশি রাখলে ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম কমানোর সুযোগ দিতে পারে। ব্যক্তিগত অর্থবিষয়ক প্রতিষ্ঠান NerdWallet-এর রেট বিশ্লেষণ অনুযায়ী, হোম ইন্স্যুরেন্সের ডিডাক্টিবল ১ হাজার ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ ডলার করলে গড়ে প্রায় ৯ শতাংশ প্রিমিয়াম সাশ্রয় হতে পারে। তবে প্রকৃত সাশ্রয় নির্ভর করবে কোম্পানি, কভারেজ এবং বাড়ির অবস্থানের ওপর। ধরা যাক, কোনো বাড়ির মালিক বছরে ২ হাজার ৫০০ ডলার প্রিমিয়াম দেন। ডিডাক্টিবল বাড়িয়ে ৯ শতাংশ ছাড় পেলে বছরে প্রায় ২২৫ ডলার সাশ্রয় হতে পারে। কিন্তু ক্লেইম করার সময় তাকে আগের তুলনায় আরও ১ হাজার ৫০০ ডলার নিজের পকেট থেকে দিতে হবে। তাই জরুরি সঞ্চয় না থাকলে শুধু প্রিমিয়াম কমানোর জন্য বেশি ডিডাক্টিবল নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কম প্রিমিয়ামের আশায় বাড়ির প্রয়োজনীয় কভারেজ কমিয়ে ফেলা উচিত নয়। বাড়ির বর্তমান বাজারমূল্য আর ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের খরচ এক বিষয় নয়। ইন্স্যুরেন্সের ডুয়েলিং কভারেজ সাধারণত বাড়িটি পুনর্নির্মাণ করতে সম্ভাব্য কত খরচ হবে, তার ভিত্তিতে নির্ধারণ করা উচিত। তৃতীয় কৌশল হলো, বাড়ির নিরাপত্তাব্যবস্থা উন্নত করে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ডিসকাউন্ট চাওয়া। অনেক কোম্পানি বাড়িতে স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম, বার্গলার অ্যালার্ম, ডেডবোল্ট লক এবং অন্যান্যনিরাপত্তাব্যবস্থা থাকার জন্য ছাড় দিয়ে থাকে। তবে সব নিরাপত্তা সরঞ্জামের জন্য সব কোম্পানি ডিসকাউন্ট দেয় না। বাড়ির ছাদ পরিবর্তন, ঝড়প্রতিরোধী নির্মাণসামগ্রী ব্যবহার এবং পুরোনো বৈদ্যুতিক বা পানির পাইপের ব্যবস্থা আধুনিক করার কারণেও কিছু ক্ষেত্রে প্রিমিয়াম কমতে পারে। বিশেষ করে ঝড় ও শিলাবৃষ্টিপ্রবণ এলাকায় ইমপ্যাক্ট-রেজিস্ট্যান্ট ছাদ বা অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আলাদা সুবিধা থাকতে পারে। তবে শুধু ডিসকাউন্ট পাওয়ার উদ্দেশ্যে ব্যয়বহুল সংস্কার করা সব সময় লাভজনক নয়। নতুন ছাদ বা নিরাপত্তাব্যবস্থা স্থাপনের আগে ইন্স্যুরেন্স এজেন্টের কাছে জানতে হবে, সংশ্লিষ্ট কাজের জন্য কতটুকু ছাড় পাওয়া যাবে এবং কোন ধরনের সরঞ্জাম বা নির্মাণমান অনুমোদিত। সংস্কারের কাজ শেষ হলে প্রয়োজনীয় রসিদ, ছবি এবং অন্যান্য তথ্য ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো যেতে পারে। অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়ার জন্য গ্রাহককে নিজেই আবেদন করতে হয়। তাই পলিসি রিনিউ করার সময় সম্ভাব্য সব ডিসকাউন্টের তালিকা চাওয়া উপকারী। এ ছাড়া দীর্ঘদিন কোনো ক্লেইম না করা, নির্দিষ্ট পদ্ধতিতে প্রিমিয়াম পরিশোধ কিংবা কিছু প্রতিষ্ঠানের সদস্যপদ থাকার কারণেও বাড়ির মালিকেরা অতিরিক্ত ছাড় পাওয়ার যোগ্য হতে পারেন। তবে এসব সুবিধা কোম্পানিভেদে ভিন্ন হয়। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হোম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমাতে গিয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকির কভারেজ বাদ দেওয়া উচিত নয়। সাধারণ হোমওনার্স ইন্স্যুরেন্সে বন্যার ক্ষতি সাধারণত অন্তর্ভুক্ত থাকে না। অনেক এলাকায় বন্যা, ভূমিকম্প কিংবা নির্দিষ্ট ধরনের ঝড়ের ক্ষতির জন্য আলাদা পলিসি বা ডিডাক্টিবল প্রযোজ্য হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মর্টগেজ। অনেক বাড়ির মালিকের হোম ইন্স্যুরেন্স প্রিমিয়াম মাসিক মর্টগেজ পেমেন্টের সঙ্গে এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। ফলে প্রিমিয়াম বেড়ে গেলে এসক্রো হিসাব পুনর্নির্ধারণের পর মাসিক পেমেন্টও বাড়তে পারে। আবার ইন্স্যুরেন্সের খরচ কমলে সেই হিসাবেও পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে বাড়ির ইন্স্যুরেন্সে সাশ্রয়ের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিবছর কোট তুলনা করা, নিজের সামর্থ্য অনুযায়ী ডিডাক্টিবল নির্বাচন করা এবং বাড়ির নিরাপত্তাব্যবস্থার জন্য প্রাপ্য ডিসকাউন্ট যাচাই করা। সঠিক পরিকল্পনায় বছরে কয়েকশ ডলার সাশ্রয় সম্ভব হলেও সব বাড়ির মালিক একই পরিমাণ ছাড় পাবেন না। ইন্স্যুরেন্স কোম্পানি পরিবর্তনের আগে নতুন পলিসি কার্যকর হওয়ার তারিখ, কভারেজের শর্ত, বাতিলের নিয়ম এবং মর্টগেজ কোম্পানির প্রয়োজনীয়তা যাচাই করতে হবে। কোনোভাবেই পুরোনো ও নতুন পলিসির মধ্যে কভারেজের বিরতি রাখা উচিত নয়। সূত্র: নার্ডওয়ালেট
হেগসেথকে ধমক দিয়েছেন যে প্রহরী পরদিন তাকেই পদক দিলেন তিনি
যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি ১৬ বছরের মধ্যে সর্বনিম্নে, মর্টগেজ সুদ ৭ শতাংশের ওপরে
যুক্তরাষ্ট্রের ওহাইওতে ১৭ বছরেই শর্তসাপেক্ষে বিয়ের আইনি স্বীকৃতি, মিলছে প্রাপ্তবয়স্কের অধিকার
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ব্যয় কমাতে ১০০ জন শিক্ষার্থীকে শতভাগ পর্যন্ত টিউশন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভার্জিনিয়াভিত্তিক ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST)। ২০২৬ সালের জন্য ঘোষিত এই কর্মসূচিতে সর্বোচ্চ ৬৫ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে। যোগ্য শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে পড়াশোনার সম্পূর্ণ টিউশন ফি পর্যন্ত সহায়তা পেতে পারেন। বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ ও উদ্যোক্তা প্রকৌশলী আবুবকর হানিপ। নতুন উদ্যোগটি মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম পোটোম্যাক২৪ এবং বাংলা বুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগের লক্ষ্য মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং আর্থিক চাপ কমানো। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে টিউশন ফির পাশাপাশি আবাসন, খাবার, যাতায়াত ও অন্যান্য খরচ বহন করতে হয়। এসব ব্যয় অনেক পরিবারের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার খরচ নিয়ে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে যোগ্যতা ও নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষার্থীদের জন্য টিউশন সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের ঘোষণায় বলা হয়েছে, আবেদনকারীকে অনুমোদিত স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধ স্থায়ী বাসিন্দা, অর্থাৎ গ্রিন কার্ডধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রকাশিত সংবাদে হাইস্কুল পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ অথবা সমমানের ফলাফলের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রচারিত ঘোষণায় শতভাগ টিউশন সহায়তার বিবেচনায় জিপিএ ৪ দশমিক ০ বা সমমানের ফলাফল উল্লেখ রয়েছে। ফলে পূর্ণ সহায়তার জন্য সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তর থেকে নিশ্চিত করা প্রয়োজন। এই কর্মসূচির মাধ্যমে সর্বোচ্চ ১০০ জন যোগ্য শিক্ষার্থীকে সম্পূর্ণ টিউশন ফি পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শতভাগ সহায়তার অর্থ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সব ধরনের খরচ বহন করা নয়। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নীতিমালা অনুযায়ী, টিউশন সহায়তা কেবল শিক্ষার নির্ধারিত টিউশন ফির সঙ্গে সমন্বয় করা হয়। আবাসন, খাবার, যাতায়াত, অন্যান্য বিশ্ববিদ্যালয় ফি ও ব্যক্তিগত ব্যয় সাধারণভাবে এই সুবিধার আওতায় পড়ে না। একই সঙ্গে নির্ধারিত একাডেমিক ফলাফল ও বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন বজায় রাখা প্রয়োজন। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে শিক্ষার্থী সহায়তা হারাতে পারেন। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি আইগ্লোবাল ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল। ২০২১ সালে প্রতিষ্ঠানটির মালিকানা গ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা আবুবকর হানিপ। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো এবং পেশাভিত্তিক ডিগ্রি প্রোগ্রাম সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে আবুবকর হানিপ চেয়ারম্যান ও চ্যান্সেলর এবং ড. হাসান কারাবুর্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ব্যবসায় প্রশাসন, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার প্রকৌশল, হিসাববিজ্ঞান, অর্থায়ন এবং ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের শিক্ষকরা সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতা নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করেন। ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পান। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবুর্ক শিক্ষাপ্রতিষ্ঠানটির লক্ষ্য ব্যাখ্যা করতে স্বীকৃত, সাশ্রয়ী ও সহজলভ্য উচ্চশিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে মেধাভিত্তিক টিউশন সহায়তা, বিশেষ প্রতিভার স্বীকৃতি, তরুণ গবেষকদের সহায়তা, সাবেক সামরিক সদস্যদের পরিবারের জন্য সুবিধা এবং সরকারি কর্মচারীদের জন্য টিউশন ছাড়ের ব্যবস্থা রয়েছে। এসব কর্মসূচির যোগ্যতা ও সহায়তার পরিমাণ আলাদা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ টিউশন সহায়তা নীতিমালায় দেশি ও আন্তর্জাতিক উভয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য কিছু সুযোগ থাকলেও নতুন ১০০ শিক্ষার্থীর শতভাগ সহায়তা কর্মসূচিটি বিশেষভাবে মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য নির্ধারিত। ফলে বাংলাদেশ থেকে সরাসরি আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আবেদনকারীরা এই নির্দিষ্ট কর্মসূচির আওতায় পড়বেন না। ওয়াশিংটন ডিসির কাছে ২৯০০ আইজেনহাওয়ার অ্যাভিনিউতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ভার্জিনিয়ার উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে পরিচালিত এবং অ্যাক্রেডিটিং কমিশন অব ক্যারিয়ার স্কুলস অ্যান্ড কলেজেসের স্বীকৃতিপ্রাপ্ত বলে নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও আর্থিক সহায়তা বিভাগে যোগাযোগ করে নির্ধারিত ডিগ্রি প্রোগ্রাম, আবেদনের সময়সীমা এবং বর্তমান অর্থায়নের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার পরামর্শ দেওয়া হয়েছে। ১০০টি পূর্ণ টিউশন সহায়তার সবগুলো এখনো আবেদনকারীদের জন্য অবশিষ্ট রয়েছে কি না, তা প্রকাশিত তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি। তাই আবেদন করার আগে সর্বশেষ তথ্য যাচাই করা জরুরি। সংবাদসূত্র: ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পোটোম্যাক২৪।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে হালাল খাবার ও ‘মুসলিম হেরিটেজ ডে’ চালুর প্রস্তাব ডেমোক্র্যাট আইনপ্রণেতার
ফ্লোরিডায় মাশরুমে বিভ্রমসৃষ্টিকারী উপাদানের সঙ্গে প্রাণঘাতী বিষ শনাক্ত করলেন গবেষকেরা
বাড়ির ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কী করতে পারে? বাসা কেনার আগে যা জানা জরুরি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ট্রাফিক সিগন্যালে অপেক্ষারত একটি গাড়িতে অ্যাপলের এক কর্মীর দ্রুতগতির গাড়ি ধাক্কা দিলে দুই বছর বয়সী রাইলি হাওয়ার্ডের মৃত্যু হয়। আহত হন শিশুটির দেখাশোনার দায়িত্বে থাকা নারীও। গত ৬ নভেম্বর কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরের কাছে ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, চালক এরিক চেন সু ঘণ্টায় প্রায় ১০০ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁর বিরুদ্ধে হত্যা এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। সান্তা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, সু তাঁর টয়োটা ক্যামরি নিয়ে নর্থ ট্যানটাউ অ্যাভিনিউয়ে লালবাতিতে অপেক্ষারত গাড়িটির পেছনে ধাক্কা দেন। তদন্তকারীদের নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের আগে তিনি ব্রেক করেননি। দুর্ঘটনার পর তাঁর গাড়ির স্পিডোমিটার ঘণ্টায় ১০০ মাইলে আটকে থাকতে দেখা যায়। এই তথ্য তুলে ধরে ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রব বেকার বলেছেন, মামলায় হত্যার অভিযোগ আনাই যথাযথ সিদ্ধান্ত। সংঘর্ষের পর রাইলি ও তার বেবিসিটারকে বহনকারী গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশের কয়েকজন জ্বলন্ত গাড়ির দিকে ছুটে গিয়ে শিশুটি ও গাড়িচালক নারীকে বের করে আনেন। জরুরি সেবাকর্মীরা দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠান। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রাইলির মৃত্যু হয়। আহত বেবিসিটারের মাথা ও মেরুদণ্ডে আঘাত লেগেছে বলে তদন্তকারীদের নথিতে উল্লেখ রয়েছে। শেরিফের কার্যালয় জানিয়েছে, শুক্রবার দুপুরের কিছু পর নর্থ ট্যানটাউ ও প্রুনরিজ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সু সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়ার পর তাঁকে গুরুতর অবহেলায় গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনার সন্দেহে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে হত্যা ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনেন প্রসিকিউটররা। কাউন্টির মেডিকেল এক্সামিনার শিশুটিকে সান হোসের বাসিন্দা রাইলি ক্যাথরিন হাওয়ার্ড হিসেবে শনাক্ত করেছেন। পরদিন দুর্ঘটনাস্থলে তার স্মরণে সমাবেশ হয় এবং ফুলসহ স্মৃতিচিহ্ন রাখা হয়। অ্যাপল এক বিবৃতিতে শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছে। প্রতিষ্ঠানটি শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা এবং ঘটনাস্থলে সহায়তা দেওয়া উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সু-এর চাকরির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেয়নি প্রতিষ্ঠানটি। মঙ্গলবার পালো অল্টোর আদালতে হাজির হলেও সু অভিযোগের বিষয়ে দোষ স্বীকার বা অস্বীকারের জবাব দেননি। তাঁর পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৩০ নভেম্বর। শেরিফের কার্যালয় জানিয়েছে, সংঘর্ষের সব পরিস্থিতি নির্ধারণে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শী বা প্রাসঙ্গিক তথ্য থাকা ব্যক্তিদের ৪০৮-৮৬৮-৬৬৩৭ নম্বরে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
টেক্সাস ও অ্যারিজোনায় এআই ক্যাম্পাস নির্মাণে ৭৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে স্পেসএক্স
যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় দক্ষিণ মেক্সিকো থেকে দেড় হাজার অভিবাসীর যাত্রা শুরু