সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

তীব্রগতিতে আসা অ্যাপলকর্মীর গাড়ির ধাক্কায় সিগন্যালে অপেক্ষারত গাড়িতে থাকা দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৬:৫৮
দুই বছর বয়সী রাইলি হাওয়ার্ড
দুই বছর বয়সী রাইলি হাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ট্রাফিক সিগন্যালে অপেক্ষারত একটি গাড়িতে অ্যাপলের এক কর্মীর দ্রুতগতির গাড়ি ধাক্কা দিলে দুই বছর বয়সী রাইলি হাওয়ার্ডের মৃত্যু হয়। আহত হন শিশুটির দেখাশোনার দায়িত্বে থাকা নারীও। গত ৬ নভেম্বর কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরের কাছে ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, চালক এরিক চেন সু ঘণ্টায় প্রায় ১০০ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁর বিরুদ্ধে হত্যা এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।

 

সান্তা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, সু তাঁর টয়োটা ক্যামরি নিয়ে নর্থ ট্যানটাউ অ্যাভিনিউয়ে লালবাতিতে অপেক্ষারত গাড়িটির পেছনে ধাক্কা দেন। তদন্তকারীদের নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের আগে তিনি ব্রেক করেননি। দুর্ঘটনার পর তাঁর গাড়ির স্পিডোমিটার ঘণ্টায় ১০০ মাইলে আটকে থাকতে দেখা যায়। এই তথ্য তুলে ধরে ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রব বেকার বলেছেন, মামলায় হত্যার অভিযোগ আনাই যথাযথ সিদ্ধান্ত। 

 

সংঘর্ষের পর রাইলি ও তার বেবিসিটারকে বহনকারী গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশের কয়েকজন জ্বলন্ত গাড়ির দিকে ছুটে গিয়ে শিশুটি ও গাড়িচালক নারীকে বের করে আনেন। জরুরি সেবাকর্মীরা দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠান। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রাইলির মৃত্যু হয়। আহত বেবিসিটারের মাথা ও মেরুদণ্ডে আঘাত লেগেছে বলে তদন্তকারীদের নথিতে উল্লেখ রয়েছে।

 

শেরিফের কার্যালয় জানিয়েছে, শুক্রবার দুপুরের কিছু পর নর্থ ট্যানটাউ ও প্রুনরিজ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সু সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়ার পর তাঁকে গুরুতর অবহেলায় গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনার সন্দেহে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে হত্যা ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনেন প্রসিকিউটররা।

 

কাউন্টির মেডিকেল এক্সামিনার শিশুটিকে সান হোসের বাসিন্দা রাইলি ক্যাথরিন হাওয়ার্ড হিসেবে শনাক্ত করেছেন। পরদিন দুর্ঘটনাস্থলে তার স্মরণে সমাবেশ হয় এবং ফুলসহ স্মৃতিচিহ্ন রাখা হয়। অ্যাপল এক বিবৃতিতে শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছে। প্রতিষ্ঠানটি শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা এবং ঘটনাস্থলে সহায়তা দেওয়া উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সু-এর চাকরির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেয়নি প্রতিষ্ঠানটি।

 

মঙ্গলবার পালো অল্টোর আদালতে হাজির হলেও সু অভিযোগের বিষয়ে দোষ স্বীকার বা অস্বীকারের জবাব দেননি। তাঁর পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৩০ নভেম্বর। শেরিফের কার্যালয় জানিয়েছে, সংঘর্ষের সব পরিস্থিতি নির্ধারণে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শী বা প্রাসঙ্গিক তথ্য থাকা ব্যক্তিদের ৪০৮-৮৬৮-৬৬৩৭ নম্বরে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
বাড়ির ঋণ পরিশোধ
বাড়ির ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কী করতে পারে? বাসা কেনার আগে যা জানা জরুরি

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার সময় ডাউন পেমেন্ট, মাসিক কিস্তি ও সুদের হার নিয়ে আলোচনা হলেও ঋণ পরিশোধে ব্যর্থ হলে কী ধরনের আইনি ঝুঁকিতে পড়তে পারেন, তা অনেক ক্রেতারই অজানা। বিশেষ করে বাড়ি ফোরক্লোজারের পরও ঋণদাতা ক্রেতার অন্য সম্পত্তি বা ব্যক্তিগত সম্পদের ওপর দাবি করতে পারে কি না, সেটি বাড়ি কেনার আগে জানা জরুরি।   যুক্তরাষ্ট্রে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হলো ‘নন-রিকোর্স’ (Non-Recourse)। প্রচলিত রিকোর্স ঋণব্যবস্থায় বাড়ি ফোরক্লোজ করে বিক্রির পরও ঋণের পুরো অর্থ আদায় না হলে, রাজ্যের আইন ও ঋণচুক্তির শর্ত অনুযায়ী ঋণদাতা অবশিষ্ট অর্থ আদায়ের জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। আদালতের রায় পাওয়ার পর নির্দিষ্ট পরিস্থিতিতে ঋণগ্রহীতার অন্য সম্পত্তি, ব্যাংক হিসাব কিংবা আয়ের ওপরও দাবি কার্যকর করার সুযোগ তৈরি হতে পারে।   তবে নন-রিকোর্স অর্থায়নে ঋণদাতার আদায়ের অধিকার নির্দিষ্ট জামানত বা অর্থায়নকৃত সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকে যদি চুক্তিতে যথাযথভাবে এ সুরক্ষা নিশ্চিত করা থাকে। ফলে বাড়ি বিক্রির পরও অর্থের ঘাটতি থাকলে ক্রেতার অন্যান্য ব্যক্তিগত সম্পদের ওপর সেই ঘাটতি আদায়ের দাবি করা যায় না।   সম্প্রতি আমেরিকা বাংলার টক শোতে বিষয়টি ব্যাখ্যা করেছেন গাইডেন্স রেসিডেন্সিয়াল, যারা যুক্তরাষ্ট্রে ইসলামিক ফিনান্স করে এর অ্যাকাউন্ট এক্সিকিউটিভ সালেহ সিদ্দিকী। তিনি জানান, প্রতিষ্ঠানটির বর্তমান নন-রিকোর্স অর্থায়নব্যবস্থায় কোনো গ্রাহক কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে ফোরক্লোজারের পরিস্থিতিতে পড়লে সংশ্লিষ্ট বাড়ি বিক্রি করে অর্থ আদায় করা হয়। কিন্তু বাড়ি বিক্রির পরও প্রতিষ্ঠানের কোনো আর্থিক ঘাটতি থাকলে তা গ্রাহকের অন্য ব্যক্তিগত সম্পদ থেকে আদায় করা হয় না। অর্থাৎ গ্রাহকের অন্য বাড়ি, ব্যাংক সঞ্চয় কিংবা অবসরকালীন সঞ্চয়কে ওই ঘাটতি আদায়ের জন্য অনুসরণ করা হয় না বলে তিনি ব্যাখ্যা করেন। তিনি আরও জানান, গাইডেন্স রেসিডেন্সিয়ালে এই সুবিধার জন্য কিছু নন মুসলিম ও তাদের সেবা নিয়ে থাকেন।   গাইডেন্স রেসিডেন্সিয়াল এর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘ডিক্লাইনিং ব্যালান্স কো-ওনারশিপ’ বা ক্রমহ্রাসমান যৌথ মালিকানা কাঠামোতে বাড়ি কেনার অর্থায়ন করে। এ ব্যবস্থায় ক্রেতা ও প্রতিষ্ঠান যৌথভাবে বাড়ির মালিক হন এবং সময়ের সঙ্গে কিস্তি পরিশোধের মাধ্যমে ক্রেতার মালিকানার অংশ বাড়তে থাকে। প্রতিষ্ঠানটির প্রকাশিত নথিতেও তাদের অর্থায়ন কাঠামোর নন-রিকোর্স সুরক্ষার কথা উল্লেখ রয়েছে।   তবে মনে রাখতে হবে, নন-রিকোর্স যুক্তরাষ্ট্রের সব মর্টগেজের ক্ষেত্রে প্রযোজ্য কোনো একক ফেডারেল আইন নয়। রাজ্যভেদে ফোরক্লোজার ও ডেফিসিয়েন্সি জাজমেন্টের নিয়ম আলাদা। একই সঙ্গে অর্থায়ন প্রতিষ্ঠানের চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তিগত দায়বদ্ধতার পরিধিও ভিন্ন হতে পারে।   তাই যুক্তরাষ্ট্রে যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের শুধু ডাউন পেমেন্ট বা মাসিক কিস্তি নয়, ঋণচুক্তিতে রিকোর্স নাকি নন-রিকোর্স ব্যবস্থা রয়েছে, সেটিও যাচাই করা জরুরি। কারণ বাড়ি কেনার সিদ্ধান্তের পাশাপাশি আর্থিক সংকটের সময় নিজের অন্যান্য সম্পদ কতটা সুরক্ষিত থাকবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৭:৩৯
দুই বছর বয়সী রাইলি হাওয়ার্ড

তীব্রগতিতে আসা অ্যাপলকর্মীর গাড়ির ধাক্কায় সিগন্যালে অপেক্ষারত গাড়িতে থাকা দুই বছরের শিশুর মৃত্যু

এআই ক্যাম্পাস নির্মাণে ৭৪ বিলিয়ন ডলার বিনিয়োগ

টেক্সাস ও অ্যারিজোনায় এআই ক্যাম্পাস নির্মাণে ৭৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে স্পেসএক্স

দক্ষিণ মেক্সিকো থেকে  দেড় হাজার অভিবাসীর যাত্রা

যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় দক্ষিণ মেক্সিকো থেকে দেড় হাজার অভিবাসীর যাত্রা শুরু

আইসিই এজেন্ট
যুক্তরাষ্ট্রে অভিবাসীকে গুলি করে হত্যা, আইসিই এজেন্টের বর্ণবাদী ইমেইল প্রকাশ করল তার বোন

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে এক কলম্বিয়ান অভিবাসীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আইসিই এজেন্টের অতীতের বর্ণবাদী মন্তব্য সামনে এসেছে। ডেভিড ব্রুইলেট নামের ওই এজেন্টের বিরুদ্ধে অভিবাসীবিদ্বেষের অভিযোগ তুলেছেন তাঁর নিজের বোন এলিজাবেথ এমেন। ভাইয়ের পাঠানো কয়েক বছর আগের একাধিক ইমেইল সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরে এবিসি নিউজও ইমেইলগুলোর কপি সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করে।   গত ১৩ জুলাই মেইন অঙ্গরাজ্যের বিডেফোর্ড শহরে অভিবাসন আইন প্রয়োগের একটি অভিযানের সময় ২৫ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক ইয়োহান সেবাস্তিয়ান দুরান গুয়েরেরোকে গুলি করে হত্যা করেন ব্রুইলেট। নিহত যুবকের পরিবারের আইনজীবীদের তথ্য অনুযায়ী, তাঁর যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি ছিল এবং কোনো অপরাধের রেকর্ড ছিল না। এমনকি ওই দিনের অভিযানে তিনি আইসিইর মূল লক্ষ্যও ছিলেন না।   নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে জানা যায়, ২০২১ সালে নিজের বোনের সঙ্গে ইমেইল আদানপ্রদানের সময় কলম্বিয়ান নাগরিকদের সম্পর্কে একাধিক অবমাননাকর মন্তব্য করেছিলেন ব্রুইলেট। তাঁর বোনের দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন কলম্বিয়ায় জন্ম নেওয়া এক ব্যক্তি, যিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং তখন পিএইচডি করছিলেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ওই সম্পর্ক মেনে নিতে পারেননি ব্রুইলেট।   প্রকাশিত ইমেইলে বোনের জীবনসঙ্গীকে নিজের দেশে ফিরে যাওয়ার কথা বলেন ব্রুইলেট। তাঁকে তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে অবজ্ঞা করার পাশাপাশি তাঁর বংশপরিচয় নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। এমনকি ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও সুযোগের মূল্য বোঝেন না বলেও দাবি করেন তিনি। বোনের সম্পর্কের কারণে তাঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানান ব্রুইলেট।   বোন এলিজাবেথ এমেন জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গীর অভিবাসনসংক্রান্ত বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো ভিত্তি ছিল না। তাঁর অভিযোগ, ভাইয়ের আপত্তির মূল কারণ ছিল ওই ব্যক্তির জাতিগত পরিচয়। এমেনের ভাষ্য অনুযায়ী, এসব মন্তব্যের পর ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে সেই ভাই একজন ফেডারেল আইসিই এজেন্ট হিসেবে নিয়োগ পান এবং একজন কলম্বিয়ান নাগরিককে গুলি করে হত্যা করেন। ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।   নিহত গুয়েরেরোর পরিবারের আইনজীবীদের দাবি, তাঁকে মুখ ও গলায় চারটি গুলি করা হয়েছিল। ঘটনার সময় তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী মেয়ে কাছেই ছিলেন। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস জানিয়েছে, অভিযানের সময় গুয়েরেরো গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। জননিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে এজেন্ট গুলি চালান বলে সংস্থাটির দাবি। তবে এই ব্যাখ্যার পক্ষে প্রকাশ্যে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। শুরুতে গুয়েরেরো অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে দাবি করলেও পরে সেই বক্তব্য সংশোধন করে কর্তৃপক্ষ।   এদিকে ব্রুইলেটকে আইসিইতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমের অনুসন্ধানে দাবি করা হয়েছে, তাঁর ব্যাকগ্রাউন্ড চেক সম্পূর্ণভাবে পর্যালোচনা করার আগেই তাঁকে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। এমনকি পূর্ণ নিরাপত্তা ছাড়পত্র না থাকায় সংস্থার কিছু কম্পিউটার সিস্টেমে তাঁর প্রবেশাধিকার সীমিত ছিল। প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়েও অসংগতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   তবে ডিএইচএস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, আইসিই এজেন্টদের নিয়োগ, প্রশিক্ষণ ও যাচাই প্রক্রিয়া নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। অপর্যাপ্ত প্রশিক্ষণ কিংবা দুর্বল যাচাই প্রক্রিয়ার অভিযোগ সঠিক নয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।   ঘটনার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ব্রুইলেটের নিয়োগ ও তাঁর অতীত সম্পর্কে কর্তৃপক্ষ কী জানত, তা তদন্তের দাবি জানিয়েছেন। মেইনের কংগ্রেস সদস্য চেলি পিংগ্রি বলেছেন, যথাযথ ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের আগেই একজন এজেন্টের হাতে অস্ত্র তুলে দেওয়া জনআস্থার গুরুতর লঙ্ঘন।   নিহত গুয়েরেরোর পরিবারের আইনজীবীরাও এজেন্ট নিয়োগ ও তদারকি ব্যবস্থার জবাবদিহি দাবি করেছেন। মেইন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিস গুলির ঘটনাটি তদন্ত করছে। ১১ নভেম্বর পর্যন্ত ব্রুইলেটের বিরুদ্ধে এ ঘটনায় কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তাঁর অতীতের বর্ণবাদী মন্তব্যের সঙ্গে গুলি চালানোর সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক ছিল কি না, সেটিও এখনো প্রতিষ্ঠিত হয়নি।   সংবাদসূত্র The New York Times

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৫:৪৭
Group of Professionals Standing Together with Confident Expressions

যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের জন্য চাকরির ১০টি সম্ভাবনাময় খাত, জেনে নিন বেতনসহ বিস্তারিত

হাসপাতালের বিছানায় আহত অবস্থায় নারী সিলভিয়া ফিগুয়েরোয়া I ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় নি হত ৩ নারী, হাসপাতালে মৃ ত্যুর সঙ্গে লড়ছেন আরেকজন

২০২৬ অর্থবছরে রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

ট্রাম্পের কঠোর নীতি: ২০২৬ অর্থবছরে রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

আবদুল এল-সাইয়েদ
ইসলামবিদ্বেষের জবাব, পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর

পবিত্র কুরআন হাতে শপথ নেওয়ার আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন আবদুল এল-সাইয়েদ। তবে তাঁর শপথ অনুষ্ঠানে কুরআন ব্যবহারের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই মিশিগান থেকে সিনেট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার ঘটনা তাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে নিয়ে এসেছে।   গত ৩ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, তাঁর এই জয় মার্কিন সিনেটের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।   তবে এই জয় শুধু একটি নির্বাচনী ফলাফল নয়। নির্বাচনের আগে তাঁর মুসলিম পরিচয়, পারিবারিক শিকড় এবং রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি প্রচারণার সময় তাঁকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত করার অভিযোগও তোলা হয়েছিল। এল-সাইয়েদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণও প্রকাশিত হয়নি।   নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের কারণে এল-সাইয়েদ বারবার আলোচনায় আসেন। তাঁর ধর্মীয় পরিচয় ও নামকে কেন্দ্র করে রাজনৈতিক আক্রমণ চালানো হয়। রিপাবলিকান প্রচারণার বিভিন্ন বক্তব্যে তাঁর দেশপ্রেম ও রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।   এর জবাবে এল-সাইয়েদ বলেছিলেন, তিনি একজন মুসলিম এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে গর্বিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি তাঁর আনুগত্যের কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য ছিল, এই দেশ প্রত্যেক মানুষকে নিজের পছন্দ অনুযায়ী ধর্ম পালন করার অথবা কোনো ধর্ম পালন না করার স্বাধীনতা দিয়েছে।   গত ৪ নভেম্বর নির্বাচনী বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জেডি ভ্যান্সকে উদ্দেশ করে বলেন, ‘জেডি, হাবিবি, কী চমৎকার পরিহাস—জানুয়ারিতে সাংবিধানিক নিয়ম অনুযায়ী তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’   আরবি ‘হাবিবি’ শব্দের অর্থ প্রিয়জন বা বন্ধু। ভ্যান্সকে এই সম্বোধন করে তিনি নির্বাচনী প্রচারণার সময়কার বিরোধের মধ্যে ব্যঙ্গাত্মক রাজনৈতিক বার্তা দেন।   এরপর ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁর নাম উচ্চারণ করতে ট্রাম্পের সমস্যা হয়ে থাকে। জানুয়ারিতে শপথের পর তাঁকে শুধু ‘সিনেটর’ বললেই চলবে।   যুক্তরাষ্ট্রের সংবিধানে কোনো সরকারি পদে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট ধর্মের অনুসারী হওয়ার বাধ্যবাধকতা নেই। সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে ধর্মীয় পরীক্ষার মাধ্যমে সরকারি পদে যোগ্যতা নির্ধারণ নিষিদ্ধ করা হয়েছে।   সিনেট সদস্যদের দায়িত্ব গ্রহণের সময় সংবিধান সমর্থন ও রক্ষার শপথ নিতে হয়। এ সময় কেউ চাইলে নিজের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত পবিত্র গ্রন্থ ব্যবহার করতে পারেন। আবার কোনো ধর্মীয় গ্রন্থ ছাড়াও শপথ নেওয়া যায়।   ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন শপথ অনুষ্ঠানে টমাস জেফারসনের সংগ্রহে থাকা পবিত্র কুরআনের একটি সংস্করণ ব্যবহার করে বিশেষ আলোচনার জন্ম দিয়েছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার কারণে এল-সাইয়েদের শপথ নিয়েও মানুষের আগ্রহ তৈরি হয়েছে।   তবে আবদুল এল-সাইয়েদ নিজে কুরআন ছুঁয়ে শপথ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন—এমন নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। তাই বিষয়টি নিশ্চিত ঘটনা হিসেবে প্রচার করা ঠিক হবে না।   আবদুল এল-সাইয়েদের বয়স ৪২ বছর। তিনি মিশিগানে জন্মগ্রহণ করেন এবং মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান। পেশায় তিনি চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। রাজনীতিতে আসার আগে তিনি ডেট্রয়েট শহরের জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেছেন।   ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। পরে ২০১৮ সালে মিশিগানের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও সে নির্বাচনে তিনি মনোনয়ন পাননি, পরবর্তী সময়ে রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন।   এবারের সিনেট নির্বাচনে তাঁর প্রচারণার গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবার জন্য স্বাস্থ্যসেবা, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, নির্বাচনে বড় অর্থের প্রভাব নিয়ন্ত্রণ এবং ফিলিস্তিনি জনগণের অধিকার।   তাঁর নির্বাচনী জয় এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম ও আরব-আমেরিকান জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা বাড়ছে। বিশেষ করে মিশিগানের ডিয়ারবর্নসহ বিভিন্ন এলাকায় বড় আরব ও মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।   আবদুল এল-সাইয়েদের বিজয় তাই শুধু একজন রাজনীতিকের সাফল্য নয়; বরং মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য ঘটনা।   আগামী জানুয়ারিতে সিনেটে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই ইতিহাস আনুষ্ঠানিক রূপ পাবে। এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রাজনৈতিক পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তাঁর প্রথম বক্তব্য, দায়িত্ব পালনের পরিকল্পনা এবং শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।   সংবাদ সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৩:২৩
পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেবেন সিনেটর আবদুল আল-সাইয়িদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম: পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেবেন সিনেটর আবদুল এল-সাইয়েদ

বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ডুবিয়ে দেওয়া হলো ঐতিহাসিক জাহাজ

বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ডুবিয়ে দেওয়া হলো ঐতিহাসিক জাহাজ

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, তার স্ত্রী এবং ঊর্ধ্বতন উপদেষ্টারা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দলকে ভর্ৎসনা করা সেই প্রহরীকেই সমর্থন পেন্টাগনের!

0 Comments