সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

৭৭ ডলারের বিল বকেয়া থাকায় গ্রেপ্তার ৮২ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়ালেন মার্কিন র‍্যাপার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ২২:৫৫
মাত্র ৭৭ ডলারের ময়লা অপসারণের বিলের কারণে গ্রেপ্তার হওয়া মার্থা মেনেফিল্ডের বাড়ি নতুন আসবাব দিয়ে সাজিয়ে দেন মার্কিন র‍্যাপার ট্রে দ্য ট্রুথ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মাত্র ৭৭ ডলারের ময়লা অপসারণের বিলের কারণে গ্রেপ্তার হওয়া মার্থা মেনেফিল্ডের বাড়ি নতুন আসবাব দিয়ে সাজিয়ে দেন মার্কিন র‍্যাপার ট্রে দ্য ট্রুথ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মাত্র ৭৭ ডলারের ময়লা অপসারণের বিল পরিশোধ না করায় গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ৮২ বছর বয়সী এক নারী। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। তবে সেই দুঃসময়ের মধ্যেই তাঁর পাশে দাঁড়ান মার্কিন র‍্যাপার ও সমাজকর্মী ট্রে দ্য ট্রুথ। বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করে তাঁর বাড়িতে যান এবং বসবাসের পরিস্থিতি দেখে সহায়তার সিদ্ধান্ত নেন। পরে একটি আসবাবপত্র প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রায় ১৫ হাজার ডলারের নতুন আসবাব দিয়ে সাজিয়ে দেন তাঁর বাড়ি। ২০২২ সালের নভেম্বরে গ্রেপ্তার এবং ২০২৩ সালের মার্চে এই সহায়তার ঘটনা তখন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।

 

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর নাম মার্থা লুইস মেনেফিল্ড। তিনি আলাবামা অঙ্গরাজ্যের ভ্যালি শহরের বাসিন্দা। ২০২২ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের ময়লা সংগ্রহের বিল বাবদ তাঁর কাছে ৭৭ ডলার ৮০ সেন্ট পাওনা ছিল স্থানীয় কর্তৃপক্ষের। বিল পরিশোধ না করায় আগস্টে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হননি। পরে আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই বছরের ২৭ নভেম্বর পুলিশ তাঁকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পান তিনি।

 

ভ্যালি পুলিশ জানিয়েছিল, গ্রেপ্তারের আগে মেনেফিল্ডের সঙ্গে একাধিকবার ফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। বাড়ির দরজায় নোটিশও রেখে আসেন কর্মকর্তারা। তবে বৃদ্ধার দাবি ছিল, বকেয়া বিল কিংবা আদালতে হাজির হওয়ার বিষয়টি সম্পর্কে তিনি জানতেন না। পুলিশের ধারণ করা ভিডিওতে গ্রেপ্তারের কথা শুনে তাঁকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামান্য একটি বকেয়া বিলের জন্য প্রবীণ নাগরিককে গ্রেপ্তার করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারীও বৃদ্ধার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

 

বিষয়টি নজরে আসে হিউস্টনভিত্তিক র‍্যাপার ট্রে দ্য ট্রুথের। সংগীতের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত এই শিল্পী ২০০৮ সালে 'অ্যাঞ্জেল বাই নেচার' নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও কাজ করেছেন তিনি। মেনেফিল্ডের গ্রেপ্তারের ঘটনা জানার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েকবার বাড়িতে গিয়ে দেখতে পান, বৃদ্ধার থাকার জায়গায় নানা অসুবিধা রয়েছে। তখন তিনি জানতে চান, বৃদ্ধার সবচেয়ে বেশি কী প্রয়োজন।

 

ট্রে দ্য ট্রুথ জানিয়েছেন, মেনেফিল্ড নিজের জন্য কাপ রাখার জায়গাসহ একটি আরামকেদারা চেয়েছিলেন। কিন্তু তিনি শুধু একটি চেয়ার উপহার দেওয়ার মধ্যে সহায়তা সীমাবদ্ধ রাখতে চাননি। আসবাবপত্র বিক্রেতা প্রতিষ্ঠান বেল ফার্নিচারের সহযোগিতায় বৃদ্ধার জন্য প্রায় ১৫ হাজার ডলারের আসবাবের ব্যবস্থা করেন। এর মধ্যে ছিল নতুন বিছানা, আলমারি, ড্রয়ার, খাবার টেবিল এবং একাধিক হেলান দেওয়ার সুবিধাযুক্ত সোফা। বসার ঘর, খাবার ঘর ও শোবার ঘরের পুরোনো আসবাব বদলে নতুনভাবে সাজানো হয়। এতে বৃদ্ধার দৈনন্দিন জীবন কিছুটা স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে।

 

তবে শুধু আসবাব পরিবর্তনেই দায়িত্ব শেষ করতে চাননি এই সংগীতশিল্পী। ২০২৩ সালের মার্চে তিনি জানিয়েছিলেন, মেনেফিল্ডের বাড়ির ভিত্তির কিছু অংশ মেরামত করা প্রয়োজন, যাতে বৃষ্টির পানি ঢুকে ক্ষতি করতে না পারে। পাশাপাশি বাড়িতে কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ ও গরম রাখার ব্যবস্থা স্থাপন এবং যাতায়াতের জন্য একটি গাড়ির ব্যবস্থা করার পরিকল্পনাও ছিল তাঁর। এসব কাজে সহযোগিতা করতে পারে এমন প্রতিষ্ঠানের সন্ধান করছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে এসব অতিরিক্ত পরিকল্পনার সবগুলো বাস্তবায়িত হয়েছিল কি না, তা প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

 

অপ্রত্যাশিত সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেনেফিল্ড। তাঁর ভাষ্য অনুযায়ী, সংগীতশিল্পী কীভাবে তাঁর কথা জানতে পেরেছিলেন, সেটিও তিনি প্রথমে বুঝতে পারেননি। তবে জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় ট্রে দ্য ট্রুথকে তিনি বিশেষ আশীর্বাদ হিসেবে দেখেন। এদিকে গ্রেপ্তারের পর মেনেফিল্ডের বকেয়া বিল ও আদালতের খরচ পরিশোধ করা হলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের জুলাইয়ে চেম্বার্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বকেয়া ময়লার বিলের কারণে বাসিন্দাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা বন্ধ করার ঘোষণা দেন। এর ফলে একই ধরনের ঘটনায় অভিযুক্ত আরও অনেক মানুষের জন্য স্বস্তির পথ তৈরি হয়।

 

সংবাদসূত্র: টিএমজেড, অ্যাসোসিয়েটেড প্রেস


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে নারীদের নেতৃত্বের সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সেনাবাহিনী ও পুলিশে নারীদের নেতৃত্বের সুযোগ বাড়ানোর আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে নারীদের নেতৃত্বের সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর মতে, শিক্ষাক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন এবং বিভিন্ন পরীক্ষার ফলাফলেও পুরুষদের ছাড়িয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে নারীদের সমান সুযোগ না দেওয়া অন্যায় হবে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরে জাতীয় সেবা প্রশিক্ষণ কর্মসূচির নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।   মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, কুয়ালালামপুরের ৫১৫ নম্বর সেনা রেজিমেন্ট ক্যাম্পে 'ন্যাশনাল সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম ৩.০' এর একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে প্রশ্নোত্তর পর্বে এক নারী প্রশিক্ষণার্থী জানতে চান, দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আরও বেশি নারীকে নেতৃত্বের অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কী। ওই প্রশিক্ষণার্থী নিজেও মালয়েশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁর প্রশ্নের জবাব দিতে গিয়ে আনোয়ার নারীদের সক্ষমতা, শিক্ষাগত অর্জন এবং কর্মক্ষেত্রে সমান সুযোগের বিষয়টি তুলে ধরেন।   আনোয়ার ইব্রাহিম বলেন, বর্তমানে মালয়েশিয়ার পুলিশ ও সশস্ত্র বাহিনীর অধিকাংশ সদস্য পুরুষ। এর একটি কারণ এসব বাহিনীর নির্দিষ্ট কিছু দায়িত্ব পালনে তুলনামূলক বেশি শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়। তবে তার অর্থ এই নয় যে নারীরা কঠিন দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি স্বীকার করেন, নারীরাও শারীরিকভাবে পরিশ্রমসাধ্য কাজে অংশ নিতে সক্ষম। তাই যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাঁদের জন্য সুযোগ তৈরি করতে হবে। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন বিশেষায়িত দায়িত্ব এবং নেতৃত্বের পদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।   নারীদের শিক্ষাগত সাফল্যের প্রসঙ্গ টেনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দেশটির বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অর্ধেকের বেশি নারী। তাঁর দাবি, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের ফলাফলেও নারীরা পুরুষদের তুলনায় ভালো করছেন। এমন বাস্তবতায় নারীদের সমান সুযোগ ও মর্যাদা না দেওয়া ন্যায়সংগত হবে না। তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসার মতো খাতে নারীরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একইভাবে অন্যান্য ক্ষেত্রেও তাঁদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ থাকা প্রয়োজন। তবে পরীক্ষার ফলাফল সম্পর্কে তিনি অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান তুলে ধরেননি।   সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করা প্রশিক্ষণার্থীর আত্মবিশ্বাসেরও প্রশংসা করেন আনোয়ার। তিনি জানতে চান, ওই তরুণী সেনাবাহিনীর কোন শাখায় যোগ দিতে চান। উত্তরে প্রশিক্ষণার্থী স্থলবাহিনীতে কাজ করার ইচ্ছা জানান। তাঁর স্পষ্ট উত্তর শুনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। আনোয়ার বলেন, তরুণদের নিজের লক্ষ্য ও সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী হওয়া উচিত। অন্যায় কিছু না করলে নিজের মতামত প্রকাশে ভয় পাওয়ার প্রয়োজন নেই। দেশের নিরাপত্তায় কাজ করার আগ্রহ দেখানো ওই তরুণীর মনোভাবকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।   অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন ২৩৬ জন নারী প্রশিক্ষণার্থী। এ ছাড়া মালয়েশিয়ার আরও সাতটি জাতীয় সেবা প্রশিক্ষণকেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ১ হাজার ৬৬৩ জন প্রশিক্ষণার্থী। সব মিলিয়ে ১ হাজার ৮৯৯ জন প্রশিক্ষণার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে এই আয়োজনে অংশ নেন। কর্মসূচিতে তরুণদের নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় সেবা প্রশিক্ষণ বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল মারজুকি মোখতার জানান, নতুন প্রজন্মকে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাও কর্মসূচির অন্যতম লক্ষ্য।   মালয়েশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়েও অনুষ্ঠানে আলোচনা করেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, বর্তমানে প্রচলিত সামরিক ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা হুমকি মোকাবিলাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য সশস্ত্র বাহিনীর দক্ষতা ও প্রস্তুতি আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। তাঁর বক্তব্যে নারীদের শিক্ষাগত যোগ্যতা ও বিশেষায়িত দক্ষতাকে এসব খাতে কাজে লাগানোর গুরুত্বও উঠে আসে। তবে নারীদের নিয়োগ বা নেতৃত্বের পদ বাড়ানোর বিষয়ে অনুষ্ঠানে নতুন কোনো নির্দিষ্ট নীতি বা কোটা ঘোষণা করা হয়নি।   সংবাদসূত্র: মালয় মেইল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ২৩:৮
মাত্র ৭৭ ডলারের ময়লা অপসারণের বিলের কারণে গ্রেপ্তার হওয়া মার্থা মেনেফিল্ডের বাড়ি নতুন আসবাব দিয়ে সাজিয়ে দেন মার্কিন র‍্যাপার ট্রে দ্য ট্রুথ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

৭৭ ডলারের বিল বকেয়া থাকায় গ্রেপ্তার ৮২ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়ালেন মার্কিন র‍্যাপার

ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় জিমে ও আশপাশে গুলিবর্ষণে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

হোয়াইট হাউসের কাছে জিমে গুলি, নিহত ১, আহত ৫, হামলাকারীর মৃত্যু

টেক্সাসের বিভিন্ন H-E-B সুপারমার্কেটে ১০ হাজার ক্রেতাকে ১০০ ডলার করে গিফট কার্ড উপহার দেওয়া হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

টেক্সাসে বাজার করতে গিয়ে ১০০ ডলার উপহার পেলেন ১০ হাজার ক্রেতা

যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার জন্য নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরের বদলে এখন ছোট শহরগুলোই ক্রেতাদের বেশি আকর্ষণ করছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার জন্য সেরা শহরের তালিকা প্রকাশ, কোথায় দাম সবচেয়ে কম

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতার পক্ষেই নিউইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস বা অস্টিনের মতো বড় শহরে বাড়ি কেনা কঠিন হয়ে পড়েছে। তবে অপেক্ষাকৃত কম পরিচিত কয়েকটি শহরে এখনো তুলনামূলক সাশ্রয়ী দামে বাড়ি কেনার সুযোগ রয়েছে। বাড়ির মূল্য, নিরাপত্তা এবং ক্রেতাদের চাহিদা বিবেচনায় এমন বেশ কয়েকটি শহরের নাম উঠে এসেছে নতুন এক গবেষণায়। যুক্তরাষ্ট্রের ৪৪টি মাঝারি আকারের শহর বিশ্লেষণ করে তৈরি তালিকায় প্রথম স্থান পেয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার। দ্বিতীয় অবস্থানে রয়েছে জর্জিয়ার সাভানা এবং তৃতীয় স্থানে কানেকটিকাটের ব্রিজপোর্ট।   বাড়ির নিরাপত্তাব্যবস্থা সরবরাহকারী প্রতিষ্ঠান ভিভিন্টের ২০২৬ সালের গবেষণার বরাত দিয়ে গত ১০ জুন এ তথ্য প্রকাশ করে মার্কিন সাময়িকী ট্রাভেল অ্যান্ড লেজার। গবেষণায় বাড়ির গড় মূল্য, আবাসন বাজারে ক্রেতাদের আগ্রহ এবং অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য ব্যবহার করা হয়েছে জিলোর ২০২৫ সালের বাড়ির মূল্যের তথ্য ও আবাসন বাজারের চাহিদা সূচক। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা FBI-এর ২০২৪ সালের অপরাধসংক্রান্ত তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষকদের লক্ষ্য ছিল এমন শহর চিহ্নিত করা, যেখানে বাড়ির দাম তুলনামূলক কম হলেও ক্রেতাদের আগ্রহ এবং নিরাপত্তার সূচক ইতিবাচক।   তালিকার প্রথম স্থানে থাকা রচেস্টার নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। লেক অন্টারিওর দক্ষিণ তীরের কাছাকাছি শহরটি শিল্পকারখানার ঐতিহ্য, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। গবেষণায় অন্তর্ভুক্ত ৪৪টি শহরের মধ্যে রচেস্টারের আবাসন বাজারেই ক্রেতাদের চাহিদা ও প্রতিযোগিতার সূচক সবচেয়ে বেশি পাওয়া গেছে। তুলনামূলক মাঝারি বাড়ির দাম এবং বাজারের সক্রিয়তার কারণে শহরটি সামগ্রিক তালিকায় শীর্ষে উঠেছে। তবে ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় নির্দিষ্ট এলাকায় বাড়ির জন্য প্রতিযোগিতাও তৈরি হতে পারে।   দ্বিতীয় অবস্থানে রয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর সাভানা। আটলান্টিক উপকূলের কাছাকাছি অবস্থিত শহরটি পুরোনো স্থাপত্য, খোলা চত্বর, গাছপালায় ঘেরা রাস্তা এবং হাঁটার উপযোগী কেন্দ্রস্থলের জন্য পরিচিত। ভিভিন্টের বিশ্লেষণে অন্তর্ভুক্ত শহরগুলোর মধ্যে সাভানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধ ও সহিংস অপরাধের হার সবচেয়ে কম পাওয়া গেছে। যদিও বাড়ির সাশ্রয়ী মূল্য এবং ক্রেতাদের চাহিদার সূচকে শহরটি প্রথম হয়নি, নিরাপত্তার পরিসংখ্যান সামগ্রিক অবস্থান উন্নত করেছে। তবে এই তুলনা গবেষণায় অন্তর্ভুক্ত শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ, যুক্তরাষ্ট্রের সব শহরের মধ্যে নয়।   তৃতীয় স্থানে রয়েছে কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্ট। লং আইল্যান্ড সাউন্ডের তীরে অবস্থিত শহরটি নিউইয়র্ক সিটির সঙ্গে যোগাযোগের সুবিধার কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিউইয়র্কে কাজ করলেও তুলনামূলক ভিন্ন আবাসন বাজারে বাড়ি কেনার কথা ভাবছেন এমন ক্রেতাদের কাছে শহরটি বিবেচনার সুযোগ তৈরি করে। গবেষণায় ব্রিজপোর্টের তুলনামূলক সাশ্রয়ী আবাসন, নিরাপত্তা এবং বড় মহানগরের কাছাকাছি অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। কানেকটিকাটের বৃহত্তম শহর ব্রিজপোর্টে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাসও এর সামাজিক বৈচিত্র্যের একটি বৈশিষ্ট্য।   যাঁদের প্রধান বিবেচনা বাড়ির দাম, তাঁদের জন্য গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে আলাবামার বার্মিংহাম এবং ওহাইওর অ্যাক্রন শহরের নাম। বিশ্লেষণে অন্তর্ভুক্ত শহরগুলোর মধ্যে বার্মিংহামে বাড়ির গড় মূল্য পাওয়া গেছে ১ লাখ ৩৩ হাজার ৪৬৩ ডলার। অন্যদিকে অ্যাক্রনে গড় মূল্য ছিল ১ লাখ ৩৪ হাজার ১০৪ ডলার। এই দুটি শহরই গবেষণায় বাড়ির দামের হিসাবে সবচেয়ে সাশ্রয়ী। তবে এগুলো ২০২৫ সালের তথ্যভিত্তিক গড় মূল্য, বর্তমান বাজারে বিক্রির জন্য থাকা প্রতিটি বাড়ির দাম নয়। বাড়ির ধরন, অবস্থান, আয়তন ও অবস্থা অনুযায়ী প্রকৃত মূল্য কমবেশি হতে পারে।   ভিভিন্টের গবেষণায় চারটি বিষয়ের ভিত্তিতে শহরগুলোর সামগ্রিক স্কোর নির্ধারণ করা হয়েছে। আবাসন বাজারে ক্রেতাদের চাহিদা এবং বাড়ির গড় মূল্যকে ৩০ শতাংশ করে গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি ৪০ শতাংশের মধ্যে সম্পত্তিসংক্রান্ত অপরাধ ও সহিংস অপরাধের হারকে ২০ শতাংশ করে বিবেচনা করা হয়েছে। তবে গবেষণায় চাকরির সুযোগ, স্থানীয় Property Tax, Home Insurance, Mortgage Interest Rate কিংবা পরিবারের মোট বসবাসের খরচ সরাসরি মূল্যায়ন করা হয়নি। ফলে কোনো শহরে বাড়ির দাম কম হলেই সেখানে বসবাসের মোট খরচ কম হবে, এমন নিশ্চয়তা নেই।   যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি এবং বড় শহর ছেড়ে তুলনামূলক সাশ্রয়ী এলাকায় যেতে চাওয়া পরিবারের জন্য গবেষণাটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে নির্দিষ্ট এলাকার নিরাপত্তা, স্কুল, চাকরির সুযোগ, যাতায়াতব্যবস্থা, সম্পত্তিকর এবং Mortgage-এর মাসিক কিস্তি যাচাই করা প্রয়োজন। একই শহরের একেক এলাকায় বাড়ির দাম ও বসবাসের সুবিধায় বড় পার্থক্য থাকতে পারে। গবেষণার ফলাফলে মূলত দেখা গেছে, বড় মহানগরের বাইরেও যুক্তরাষ্ট্রে এমন কিছু আবাসন বাজার রয়েছে, যেখানে সাশ্রয়ী মূল্য ও অন্যান্য সুবিধার সমন্বয় পাওয়া সম্ভব।   সংবাদসূত্র: ভিভিন্ট, ট্রাভেল অ্যান্ড লেজার

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ২০:৫০
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে তেহরানের আজাদি স্কয়ারে রকেট লঞ্চার ও ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন ইরানি নারীরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ড্রোন ও রকেট লঞ্চার চালানো শিখছেন ইরানি নারীরা

দীর্ঘ ১০ বছরের বিবাহিত জীবনের অবসানের পর ডেইজি নামের একটি শূকরছানাকে পোষা প্রাণী হিসেবে গ্রহণ করেছেন মার্কিন নারী গেইলা থম্পসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

‘স্বামীর চেয়ে শূকর পোষা সহজ ও সাশ্রয়ী’, ১০ বছরের সংসার ভেঙে নতুন জীবন মার্কিন নারীর

টেক্সাসের অভিবাসন বন্দিশালায় গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভনে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ICE কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে DHS। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড দেওয়ার বিনিময়ে নারীকে অনৈতিক প্রস্তাব, আইসিই কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মিশিগানের সিনেট নির্বাচনে জয়ী আবদুল এল-সায়েদের 'জেডি, হাবিবি' মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আবদুল এল-সায়েদের রসিকতায় মার্কিন রাজনীতিতে 'হাবিবি' এখন নতুন ট্রেন্ড

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে বলা মাত্র দুটি শব্দ, 'জেডি, হাবিবি'। আর তাতেই হাসি ও করতালিতে ফেটে পড়েন সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদের এই মন্তব্য এখন দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার বিষয়। আরবি ভাষার পরিচিত শব্দ 'হাবিবি' অর্থ 'আমার প্রিয়' বা 'প্রিয় বন্ধু'। তবে নির্বাচনী বিজয়ের ভাষণে শব্দটি ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক প্রতিপক্ষকে রসিকতার ছলে খোঁচা দিতে। সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আরবি ভাষা ও সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হন মিশিগানের আবদুল এল-সায়েদ। পরদিন ডেট্রয়েটে বিজয় উদযাপনের সময় তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে বলেন, 'জেডি, হাবিবি। জানুয়ারিতে আমাকে শপথ পড়ানোর দায়িত্ব যে আপনার ওপর পড়তে পারে, সেটিই বড় মজার ব্যাপার।' তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকেরা হেসে ওঠেন। তবে যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ম অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে অন্য মনোনীত সভাপতিত্বকারী কর্মকর্তাও সিনেটরদের শপথ পড়াতে পারেন। ফলে ভ্যান্সকেই ব্যক্তিগতভাবে শপথ পড়াতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।   মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান এল-সায়েদ নির্বাচনী প্রচারের সময় নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের কারণে রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বিতার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও কঠোর ভাষায় তাঁর সমালোচনা করেছিলেন। সেই প্রেক্ষাপটে বিজয় উদযাপনের মঞ্চে আরবি শব্দ ব্যবহার করে ভ্যান্সকে সম্বোধন করার ঘটনাটি বিশেষ তাৎপর্য পায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর বক্তব্যের ভিডিও। এর সঙ্গে আরবি গান, হাস্যরসাত্মক ভিডিও ও নানা মন্তব্য যুক্ত করেন ব্যবহারকারীরা। নির্বাচনী প্রচারেও 'হাবিবি ফর আবদুল' লেখা টি-শার্ট ব্যবহার করেছিলেন সমর্থকেরা। পরে 'হাবিবি প্যাক' নামেও একটি রাজনৈতিক তহবিল সংগ্রহ কমিটি গড়ে ওঠে।   মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের বিশ্লেষণে বলা হয়েছে, আরবি ভাষার একটি সাধারণ শব্দের এই জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য সামনে এনেছে। দেশটির অনেক মানুষ আরবি শব্দ, সংগীত ও সংস্কৃতির প্রতি আগ্রহ দেখালেও আরব ও মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে নেতিবাচক ধারণা এখনো বিদ্যমান। পিউ রিসার্চ সেন্টারের ২০২৬ সালের মে মাসে পরিচালিত জরিপে ৪২ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেছেন, মুসলিমরা যুক্তরাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলছেন। অন্যদিকে ৪৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্য মার্কিন নাগরিকদের তুলনায় মুসলিমরা কম দেশপ্রেমিক। এসব পরিসংখ্যান মুসলিমদের সম্পর্কে জনমত তুলে ধরে, সরাসরি আরব জনগোষ্ঠী সম্পর্কে নয়।   একই গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০০২ সালের মার্চে ২৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করতেন, অন্য ধর্মের তুলনায় ইসলাম সহিংসতাকে বেশি উৎসাহিত করে। ২০২৬ সালের জানুয়ারিতে সেই ধারণার সঙ্গে একমত পোষণকারীর হার বেড়ে দাঁড়ায় ৫১ শতাংশে। অবশ্য আরব ও মুসলিম পরিচয় এক নয়। আরবি ভাষাভাষীদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। আবার বিশ্বের অধিকাংশ মুসলিমই আরব নন। তবু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক আলোচনায় দুটি পরিচয়কে অনেক সময় এক করে দেখা হয়। বিশেষজ্ঞদের মতে, এই বাস্তবতায় একটি আরবি শব্দের জনপ্রিয়তা সাংস্কৃতিক গ্রহণযোগ্যতার পরিবর্তন নির্দেশ করে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন।   ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের আরবি ভাষা কর্মসূচির সমন্বয়ক মোনা ফারাগ আত্তওয়া নিউজউইককে বলেন, 'হাবিবি' শব্দটি জনপ্রিয় হওয়ার কারণ শুধু শব্দটির অর্থ নয়। কে এটি বলেছেন, কখন বলেছেন এবং কীভাবে উপস্থাপন করেছেন, সেটিও গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এল-সায়েদের মুখভঙ্গি, বক্তব্যের ধরন ও সময় নির্বাচন এমন ছিল যে আরবি না জানা মানুষও রসিকতাটি বুঝতে পেরেছেন। অন্যদিকে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অধ্যাপক এভলিন আলসুলতানি মনে করেন, প্রকাশ্যে এমন একটি আরবি শব্দের স্বাভাবিক ব্যবহার আরব পরিচয়কে ইতিবাচকভাবে তুলে ধরতে পারে। এতে মানুষ উপলব্ধি করতে পারেন, নিজের সাংস্কৃতিক পরিচয় বজায় রেখেও যুক্তরাষ্ট্রের সমাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া সম্ভব।   তবে বিশেষজ্ঞদের সবাই বিষয়টিকে একইভাবে দেখছেন না। ইউনিভার্সিটি অব ওকলাহোমার অধ্যাপক ওয়ালিদ এফ মাহদি সতর্ক করেছেন, একটি শব্দের জনপ্রিয়তা দেখে যুক্তরাষ্ট্রের মানুষ আরব সংস্কৃতি বা ইসলামকে ব্যাপকভাবে গ্রহণ করে নিয়েছেন বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টের অধ্যাপক লিন্ডা ট্রপের গবেষণা অনুযায়ী, ভিন্ন জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিতি মানুষের মনোভাব পরিবর্তনে সহায়ক হতে পারে। তবে সেটি নির্ভর করে সামাজিক পরিবেশ এবং ওই সংস্কৃতির মানুষের প্রতি বিদ্যমান দৃষ্টিভঙ্গির ওপর। ফলে একটি রাজনৈতিক অনুষ্ঠানে আরবি শব্দের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া বৃহত্তর সমাজের মনোভাব বদলের নিশ্চয়তা দেয় না।   আরবি ভাষা থেকে ইংরেজিতে আসা 'অ্যালজেব্রা' ও 'অ্যালগরিদমের' মতো শব্দের উদাহরণও দিয়েছেন ভাষাবিশেষজ্ঞ মোনা ফারাগ আত্তওয়া। এসব শব্দ ইংরেজি ভাষায় বহুদিন ধরে ব্যবহৃত হলেও অনেকেই সেগুলোর আরবি উৎস সম্পর্কে জানেন না। তাঁর মতে, একটি ভাষার শব্দের সঙ্গে পরিচিত হওয়া আর সেই ভাষাভাষী জনগোষ্ঠীর সংস্কৃতি ও পরিচয়কে গ্রহণ করা এক বিষয় নয়। একইভাবে 'হাবিবি' শব্দটির বর্তমান জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হবে কি না, সেটিও অনিশ্চিত। নির্বাচনী উত্তেজনা ও রাজনৈতিক রসিকতার বাইরে শব্দটি সাধারণ মানুষের কথাবার্তায় কতটা জায়গা করে নিতে পারে, তা ভবিষ্যতেই বোঝা যাবে। তবে ঘটনাটি দেখিয়েছে, একটি ছোট শব্দও ভাষা, পরিচয় এবং সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা নিয়ে বড় আলোচনার সূচনা করতে পারে।   সংবাদসূত্র: নিউজউইক, পিউ রিসার্চ সেন্টার

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১৯:৩৫
যুক্তরাষ্ট্রে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল, বিমানবন্দরের মেঝেতেই রাত কাটাচ্ছেন যাত্রীরা

যুক্তরাষ্ট্রে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল, বিমানবন্দরের মেঝেতেই রাত কাটাচ্ছেন যাত্রীরা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ল্যাটিনা ডেমোক্র্যাট হিসেবে গভর্নর পদে নির্বাচিত হয়েছেন জিনা হিনোজোসা

ট্রাম্পের সঙ্গে সহযোগিতা, অভিবাসন অভিযানে বিরোধিতা, টেক্সাসের নতুন গভর্নরের মধ্যপন্থী পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে সমঝোতা নাকি সরাসরি সংঘাত, নির্বাচনে জিতেও দ্বিধায় ডেমোক্র্যাটরা

ট্রাম্পের সঙ্গে সমঝোতা নাকি সরাসরি সংঘাত, নির্বাচনে জিতেও দ্বিধায় ডেমোক্র্যাটরা

0 Comments