সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে নতুনদের জন্য তুলনামূলক সহজে শুরু করা যায় ১০টি চাকরি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: আগস্ট ২২, ২০২৬ ১০:৩৭
যুক্তরাষ্ট্রে নতুন এসে ডিগ্রি বা দীর্ঘ কর্মঅভিজ্ঞতা ছাড়াও কিছু নির্দিষ্ট পেশায় প্রবেশের সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নতুন এসে ডিগ্রি বা দীর্ঘ কর্মঅভিজ্ঞতা ছাড়াও কিছু নির্দিষ্ট পেশায় প্রবেশের সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন এসে চাকরি শুরু করতে চাইলে ডিগ্রি বা দীর্ঘ কর্মঅভিজ্ঞতা না থাকলেও কিছু পেশায় প্রবেশের সুযোগ তুলনামূলক বেশি। বিশেষ করে বৈধভাবে কাজের অনুমতি থাকা ব্যক্তিরা গুদাম, পরিচ্ছন্নতা, রেস্টুরেন্ট, দোকান, নির্মাণ ও পণ্য সরবরাহের মতো কাজে শুরু করতে পারেন। তবে চাকরি পাওয়া, বেতন, কাজের সময় এবং প্রয়োজনীয় যোগ্যতা অঙ্গরাজ্য, শহর ও নিয়োগদাতা অনুযায়ী ভিন্ন হতে পারে।

 

১. গুদামকর্মী

গুদামকর্মীর কাজে পণ্য গোছানো, প্যাকেট তৈরি, অর্ডার প্রস্তুত করা, পণ্য স্ক্যান করা এবং মালামাল সরানোর মতো কাজ করতে হয়। এসব পেশায় সাধারণত নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। চাকরিতে যোগ দেওয়ার পর কাজের প্রশিক্ষণও দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, পণ্য পরিবহন ও গুদামসংশ্লিষ্ট কাজে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

 

২. পণ্য সরবরাহ বা যাত্রী পরিবহন চালক

গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকলে পণ্য সরবরাহ বা যাত্রী পরিবহনের কাজ অনেকের জন্য ভালো একটি শুরু হতে পারে। উবার, লিফটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের নিয়ম, গাড়ির শর্ত, ড্রাইভার লাইসেন্স, গাড়ির বীমা এবং ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজনীয়তা কোম্পানি ও এলাকার ওপর নির্ভর করে।

 

শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ট্যাক্সি চালক, শাটল চালক ও ব্যক্তিগত গাড়িচালক পেশায় সাধারণত নির্দিষ্ট কোনো উচ্চশিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। ২০২৪ সালে এসব পেশার মধ্যম বার্ষিক আয় ছিল প্রায় ৩৬ হাজার ৬৬০ ডলার।

 

৩. নার্সিং সহকারী

হেলথ কেয়ার খাতে যেতে চাইলে নার্সিং সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করা যেতে পারে। তবে এ কাজকে পুরোপুরি অভিজ্ঞতাহীন বা দ্রুত শুরু করা যায় এমন পেশা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। অনেক অঙ্গরাজ্যে অনুমোদিত প্রশিক্ষণ এবং দক্ষতা যাচাই পরীক্ষার প্রয়োজন হয়।

 

শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নার্সিং সহকারীদের মধ্যম বার্ষিক বেতন ছিল ৩৯ হাজার ৫৩০ ডলার। ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে এ পেশায় প্রতি বছর গড়ে প্রায় ২ লাখ ১১ হাজার ৮০০টি চাকরির সুযোগ তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

৪. পরিচ্ছন্নতাকর্মী

হোটেল, হাসপাতাল, স্কুল, অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ পাওয়া যায়। এ ধরনের কাজে সাধারণত নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না এবং কর্মক্ষেত্রেই কাজ শেখানো হয়।

 

শ্রম পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ভবন ও প্রতিষ্ঠান পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যম বার্ষিক বেতন ছিল ৩৫ হাজার ৯৩০ ডলার।

 

৫. রেস্টুরেন্ট বা খাবার প্রস্তুতকারী কর্মী

রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের দোকান ও খাবার প্রস্তুতের কাজে নতুনদের প্রবেশের সুযোগ তুলনামূলক বেশি। খাবার প্রস্তুতকারী কর্মী হিসেবে খাবার তৈরির প্রস্তুতি নেওয়া, উপকরণ কাটা, রান্নাঘরে সহায়তা করা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ করতে হয়।

 

শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এ পেশায় সাধারণত আগের কাজের অভিজ্ঞতা বা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। কয়েক সপ্তাহের কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কাজ শেখানো হয়। ২০২৪ সালে খাবার প্রস্তুতকারী কর্মীদের মধ্যম ঘণ্টাপ্রতি বেতন ছিল ১৬ ডলার ৪৫ সেন্ট।

 

৬. দোকানের বিক্রয়কর্মী

ওয়ালমার্ট, টার্গেট, মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজের সুযোগ রয়েছে। ক্রেতাদের সহায়তা করা, পণ্য সাজানো, মজুত পণ্য গোছানো এবং ক্যাশ রেজিস্টারে লেনদেন পরিচালনা করা এসব কাজের মধ্যে পড়ে।

 

বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট ডিগ্রি প্রয়োজন হয় না এবং চাকরিতে যোগ দেওয়ার পর কাজ শেখানো হয়। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে খুচরা বিক্রয়কর্মীদের মধ্যম ঘণ্টাপ্রতি বেতন ছিল ১৬ ডলার ৭০ সেন্ট। তবে অঙ্গরাজ্য ও শহরভেদে বেতন ভিন্ন হতে পারে।

 

৭. নির্মাণশ্রমিক বা সহকারী

শারীরিক পরিশ্রম করতে আগ্রহী হলে নির্মাণশ্রমিক বা নির্মাণকাজের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করা যেতে পারে। নির্মাণস্থলে বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ সরানো, কাজের জায়গা প্রস্তুত করা এবং দক্ষ কর্মীদের কাজে সহায়তা করা এসব পেশার অন্যতম দায়িত্ব।

 

শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এ কাজে সাধারণত নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় এবং কর্মক্ষেত্রেই প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২৪ সালে নির্মাণশ্রমিক ও সহকারীদের মধ্যম বার্ষিক বেতন ছিল ৪৬ হাজার ৫০ ডলার। ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে এ পেশায় কর্মসংস্থান ৭ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।

 

৮. নিরাপত্তাকর্মী

অফিস, দোকান, হাসপাতাল, শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজের সুযোগ রয়েছে। তবে এ পেশায় ঢোকার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্স ও প্রশিক্ষণের নিয়ম জানা জরুরি। কিছু চাকরিতে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হতে পারে।

 

শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নিরাপত্তাকর্মীদের মধ্যম বার্ষিক বেতন ছিল ৩৮ হাজার ৩৭০ ডলার। অনেক অঙ্গরাজ্যে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতে রাজ্যভিত্তিক লাইসেন্স প্রয়োজন হয়।

 

৯. রাঁধুনি বা রান্নাঘরের কর্মী

রেস্টুরেন্টে রাঁধুনি, রান্নাঘরের কর্মী বা খাবার প্রস্তুতকারী হিসেবে ক্যারিয়ার শুরু করা যায়। রান্নার অভিজ্ঞতা থাকলে কিছু পদে সুবিধা পাওয়া যেতে পারে। তবে অনেক রাঁধুনির চাকরিতে কাজের মধ্যেই প্রয়োজনীয় দক্ষতা শেখার সুযোগ থাকে।

 

২০২৪ সালে রাঁধুনিদের মধ্যম ঘণ্টাপ্রতি বেতন ছিল ১৭ ডলার ১৯ সেন্ট। ফাস্ট ফুডের রাঁধুনিদের ক্ষেত্রে এই হার ছিল ১৪ ডলার ৫০ সেন্ট এবং রেস্টুরেন্টের রাঁধুনিদের ক্ষেত্রে ১৭ ডলার ৭১ সেন্ট।

 

১০. ক্যাশিয়ার

মুদি দোকান, গ্যাস স্টেশন, রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাশিয়ারের কাজ পাওয়া যায়। টাকা গ্রহণ, গ্রাহকের পেমেন্ট প্রক্রিয়া করা এবং লেনদেনের হিসাব রাখা এ কাজের মূল দায়িত্ব।

 

শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ক্যাশিয়ার হিসেবে কাজ করতে সাধারণত নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। স্বল্পমেয়াদি কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কাজ শেখানো হয়। ২০২৪ সালে ক্যাশিয়ারদের মধ্যম ঘণ্টাপ্রতি বেতন ছিল ১৪ ডলার ৯৯ সেন্ট।

 

কোন চাকরি আপনার জন্য ভালো?

শারীরিকভাবে পরিশ্রম করতে স্বাচ্ছন্দ্যবোধ করলে গুদাম, নির্মাণ বা পরিচ্ছন্নতার কাজ বিবেচনা করতে পারেন। গাড়ি ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলে পণ্য সরবরাহ বা যাত্রী পরিবহনের কাজ একটি বিকল্প হতে পারে। মানুষের সঙ্গে বেশি যোগাযোগ করে ইংরেজি চর্চা করতে চাইলে দোকান বা রেস্টুরেন্টের কাজ উপযোগী হতে পারে। আর হেলথ কেয়ার খাতে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চাইলে নার্সিং সহকারী হিসেবে শুরু করার কথা ভাবা যেতে পারে।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রে চাকরি করার আগে আপনার বৈধভাবে কাজের অনুমতি থাকতে হবে। কর্মসংস্থানের অনুমতির নথি বা ইএড যুক্তরাষ্ট্রে কাজের অনুমোদনের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। তবে শুধু ইএড থাকলেই প্রতিটি চাকরির জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা পূরণ হয়েছে এমন নয়। কিছু পেশায় অঙ্গরাজ্যভিত্তিক লাইসেন্স, প্রশিক্ষণ, ব্যাকগ্রাউন্ড চেক বা অন্যান্য শর্ত থাকতে পারে।

 

নতুন অবস্থায় প্রথম চাকরিটিকে শুধু আয়ের উৎস হিসেবে না দেখে যুক্তরাষ্ট্রের কর্মঅভিজ্ঞতা অর্জন, ইংরেজি দক্ষতা বাড়ানো, পেশাগত যোগাযোগ তৈরি এবং ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার একটি ধাপ হিসেবেও দেখা যেতে পারে। চাকরিতে আবেদন করার আগে বেতন, কাজের সময়, সুযোগ-সুবিধা এবং নিয়োগের শর্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী যাচাই করা উচিত।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে সরকারি আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার
নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে সরকারি আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

যুক্তরাষ্ট্রে সরকারি ভর্তুকিতে পরিচালিত আবাসন সুবিধা পাওয়া অভিবাসী পরিবারগুলোর জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নিয়মের ফলে একই পরিবারের সদস্যদের মধ্যে কারও বৈধ অভিবাসন মর্যাদা থাকলেও অন্য সদস্যের সেই যোগ্যতা না থাকলে পুরো পরিবার আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা হয়েছে।   ২০ নভেম্বর প্রকাশিত জিবিএইচ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ম্যাসাচুসেটসের কয়েকটি আবাসন অধিকার সংগঠন ও ভাড়াটিয়াদের সংগঠন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের দাবি, নতুন নিয়মের কারণে নিম্ন আয়ের অনেক অভিবাসী পরিবারকে সরকারি আবাসন ছেড়ে দিতে হতে পারে অথবা পরিবারের সদস্যদের আলাদা থাকতে বাধ্য হতে হতে পারে।   যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ গত ১২ নভেম্বর নতুন নিয়ম প্রকাশ করে। আগামী ১৪ ডিসেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।আগের নিয়মে একই পরিবারের কিছু সদস্য সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্য না হলেও অন্য যোগ্য সদস্যদের জন্য আনুপাতিক হারে ভর্তুকি দেওয়া হতো। ফলে পরিবারের সবাই একসঙ্গে বসবাস করতে পারতেন। নতুন নিয়মে এই সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।   বিশেষ করে যেসব পরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তান রয়েছে, কিন্তু মা-বাবার কারও অভিবাসন মর্যাদা সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্যতার মধ্যে পড়ে না, তারা বেশি সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অধিকারকর্মীরা। মামলাকারীদের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে অনেক পরিবারকে বর্তমান বাসস্থান ছাড়তে হতে পারে। এতে শিশুদের পড়াশোনা, পরিবারের স্থিতিশীলতা এবং দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।   মামলায় আরও বলা হয়েছে, নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সরকারি আবাসনের বাসিন্দাদের নাগরিকত্ব, জন্মসনদ ও আর্থিক নথিপত্রসহ অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে। এতে বয়স্ক ও প্রতিবন্ধী বাসিন্দারাও বাড়তি ভোগান্তিতে পড়তে পারেন। সরকারি হিসাব অনুযায়ী, নতুন নিয়মের আওতায় প্রায় ৮৫ লাখ মানুষ বসবাস করেন এমন সরকারি ও ভর্তুকিপ্রাপ্ত আবাসন ব্যবস্থায় যাচাইয়ের নতুন শর্ত প্রযোজ্য হবে। তবে কতজন বাস্তবে বাসস্থান হারাবেন, তা নিয়ে বিভিন্ন পক্ষের হিসাব আলাদা।   অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আবাসন বিভাগ বলছে, যাদের সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নেই, তাদের জন্য ফেডারেল ভর্তুকি দেওয়া যাবে না। নিয়মে যোগ্যতা যাচাই ও আপিলের সুযোগও রাখা হয়েছে। আদালতে করা মামলায় নতুন নিয়ম কার্যকরের সময় পিছিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত নিয়মটি বাতিলের আবেদন জানানো হয়েছে। তবে আদালত এখনো নতুন নিয়ম স্থগিত করেনি।   বিশেষজ্ঞ ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর মতে, সরকারি ভর্তুকিপ্রাপ্ত আবাসনে বসবাসকারী অভিবাসী পরিবারগুলোর উচিত নতুন নিয়ম সম্পর্কে আগে থেকেই জানা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা। তবে আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে দেওয়ার আগে আইনজীবী বা অভিবাসী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া জরুরি। সংবাদসূত্র: জিবিএইচ নিউজ, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৫:৩৩
অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি

নিউইয়র্কে শ্রমিক সুরক্ষা আইন ঠেকাতে অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি

নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ

নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ

বাংলাদেশে বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

প্রবাসে ঈদমেলা করে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ
যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

যুক্তরাষ্ট্রে নিজের বাড়ি কেনাকে অনেকেই আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পদ গড়ার অন্যতম উপায় হিসেবে বিবেচনা করেন। দীর্ঘদিন ভাড়া দেওয়ার পরিবর্তে নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে অনেকে বছরের পর বছর সঞ্চয় করেন। কিন্তু বাড়ি কেনার সময় অধিকাংশ ক্রেতার হিসাব থাকে মূলত ডাউন পেমেন্ট ও মাসিক বন্ধকী ঋণের কিস্তি ঘিরে। বাড়ি কেনার পর নিয়মিত যে অতিরিক্ত খরচগুলো বহন করতে হয়, সেগুলো অনেক সময় হিসাবের বাইরে থেকে যায়।   নতুন দুটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বাড়ির মালিকদের বন্ধকী ঋণের বাইরে বছরে ১৬ হাজার ৫৬৬ ডলার থেকে ২১ হাজার ৪৬৬ ডলার পর্যন্ত খরচ হতে পারে। অর্থাৎ মাসে প্রায় ১ হাজার ৩৮০ থেকে ১ হাজার ৭৮৯ ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। বাড়ির অবস্থান, আয়তন, বিমার ধরন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন অনুযায়ী এই খরচ আরও বেশি হতে পারে।   জিলোর ২০২৬ সালের ২২ অক্টোবর প্রকাশিত গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একজন সাধারণ বাড়ির মালিককে বন্ধকী ঋণের বাইরে বছরে গড়ে ১৬ হাজার ৫৬৬ ডলার ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে বাড়ির রক্ষণাবেক্ষণে বছরে ১১ হাজার ১৭১ ডলার, সম্পত্তি কর বাবদ ৩ হাজার ১২৯ ডলার এবং বাড়ির বিমার জন্য ২ হাজার ২৬৬ ডলার খরচ হয়।   গবেষণায় আরও দেখা গেছে, গত পাঁচ বছরে বাড়ির বিমার খরচ বেড়েছে ৫৪ শতাংশ। একই সময়ে বাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে ৩২ শতাংশ এবং সম্পত্তি কর বেড়েছে ১৯ শতাংশ। অর্থাৎ বাড়ির মালিকদের জন্য শুধু ঋণের কিস্তি নয়, নিয়মিত অন্যান্য খরচও বড় আর্থিক চাপ তৈরি করছে।   অন্যদিকে, ইনসুরিফাইয়ের হিসাব অনুযায়ী, বাড়ির মালিকদের অতিরিক্ত বার্ষিক খরচ আরও বেশি। প্রতিষ্ঠানটির হিসাবে, নিয়মিত বাড়ি রক্ষণাবেক্ষণে বছরে গড়ে ৭ হাজার ৩৭৪ ডলার, বিদ্যুৎ, পানি ও অন্যান্য পরিষেবায় ৫ হাজার ৬৪৯ ডলার, সম্পত্তি কর বাবদ ৪ হাজার ৪২৭ ডলার, বাড়ির বিমায় ৩ হাজার ১২ ডলার এবং বন্যার ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষার বিমায় ১ হাজার ৪ ডলার ব্যয় হতে পারে। সব মিলিয়ে এই হিসাব বছরে ২১ হাজার ৪৬৬ ডলার।   এর অর্থ, কোনো বাড়ির মাসিক বন্ধকী ঋণের কিস্তি যদি প্রায় ২ হাজার ডলার হয়, তাহলে অন্যান্য খরচ যুক্ত করে মোট মাসিক ব্যয় প্রায় ৩ হাজার ৮০০ ডলারে পৌঁছাতে পারে। বাড়ির মালিকদের সবচেয়ে বড় নিয়মিত ব্যয়ের একটি হলো রক্ষণাবেক্ষণ। ছাদের ক্ষতি, পানির পাইপে সমস্যা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হওয়া, বৈদ্যুতিক ত্রুটি কিংবা রান্নাঘরের যন্ত্রপাতি পরিবর্তনের প্রয়োজন হলে একবারেই কয়েক হাজার ডলার খরচ হতে পারে। ভাড়া বাসায় এসব সমস্যার অনেক দায়িত্ব বাড়ির মালিক বা বাড়িওয়ালা বহন করলেও নিজের বাড়িতে সব খরচের দায়িত্ব নিতে হয় বাসার মালিককেই।   এর পাশাপাশি সম্পত্তি করও বড় একটি বিষয়। বাড়ির অবস্থান, স্থানীয় সরকারের করনীতি এবং সম্পত্তির মূল্যায়নের ওপর এই কর নির্ভর করে। সময়ের সঙ্গে সম্পত্তির মূল্য বাড়লে অনেক এলাকায় করের পরিমাণও বাড়তে পারে। বাড়ির বিমার খরচও ক্রমাগত বাড়ছে। বিশেষ করে বন্যা, ঝড়, দাবানল কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বিমার প্রিমিয়াম বেশি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ বাড়ির বিমার বাইরে আলাদা বন্যা বিমাও প্রয়োজন হয়।   এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়োনিষ্কাশন, আবর্জনা অপসারণ, ইন্টারনেট এবং বাড়ির মালিক সমিতির (এইচওএ) ফি থাকলে সেটিও মাসিক বাজেটে যুক্ত হয়। জিলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর মধ্যে নিউইয়র্কে বাড়ির মালিকদের অতিরিক্ত বার্ষিক খরচ সবচেয়ে বেশি, প্রায় ২৫ হাজার ১১১ ডলার। সান ফ্রান্সিসকোতে ২৪ হাজার ৩৮৩ ডলার, বোস্টনে ২২ হাজার ৯৬ ডলার এবং সিয়াটলে ২১ হাজার ৩৫৪ ডলার। অন্যদিকে, এই গবেষণায় বিশ্লেষণ করা শহরগুলোর মধ্যে ফিনিক্সে তুলনামূলক কম, বছরে ১৪ হাজার ১৮৭ ডলার।   বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে এসব খরচ বিবেচনা না করায় অনেক পরিবার পরবর্তী সময়ে আর্থিক চাপে পড়ে। ইনসুরিফাইয়ের একটি জরিপে ৪৫ শতাংশ বাড়ির মালিক জানিয়েছেন, বাড়ি কেনার সময় তাঁরা বিমার খরচ হিসাব করেননি। একই জরিপে ৩৩ শতাংশ বলেছেন, কেনার আগে সম্পত্তি করের বিষয়টি বিবেচনায় নেননি।   এদিকে বাড়ি কেনা ও ভাড়া থাকার মধ্যে আর্থিক সুবিধা তুলনা করতেও নতুন করে ভাবতে হচ্ছে ক্রেতাদের। জিলোর ভাড়া বনাম বাড়ি কেনার হিসাব অনুযায়ী, ২০২৬ সালে একটি বাড়ি কেনার পর সেই বিনিয়োগের আর্থিক সুবিধা ভাড়া থাকার তুলনায় সমান পর্যায়ে আসতে অন্তত আট বছর সময় লাগতে পারে। কিছু বড় শহরে এই সময় আরও দীর্ঘ। শিকাগোতে প্রায় ১২ বছর, মায়ামি ও ফিলাডেলফিয়ায় প্রায় ১৪ বছর এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে ২০ বছরের বেশি সময় লাগতে পারে।   বাড়ি কেনা এখনো দীর্ঘমেয়াদি সম্পদ গড়ার সুযোগ তৈরি করতে পারে। তবে শুধু মাসিক ঋণের কিস্তি দেখে বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাড়ির সম্ভাব্য মেরামত, কর, বিমা, ইউটিলিটি বিল এবং জরুরি পরিস্থিতির জন্য আলাদা সঞ্চয় রাখাও জরুরি।   বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর বাড়ি কেনার আগে স্থানীয় সম্পত্তি কর, বিমার প্রিমিয়াম, বাড়ির অবস্থা এবং সম্ভাব্য রক্ষণাবেক্ষণ ব্যয়ের হিসাব করা প্রয়োজন। কারণ বাড়ির মালিকানা অর্জনের পরও সেই বাড়ি সচল ও নিরাপদ রাখতে নিয়মিত অর্থ ব্যয় করতে হয়।নিজের বাড়ি থাকা নিঃসন্দেহে অনেকের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগে বাড়ির দাম ও বন্ধকী ঋণের পাশাপাশি বাড়ি ধরে রাখার প্রকৃত খরচ জানাও সমান গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: USA Today, Zillow Research, Insurify।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৩:৩৫
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

জর্জ ওয়াশিংটন, আনুমানিক ১৮০৩, গিলবার্ট স্টুয়ার্ট। সৌজন্যে: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট
প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার এক গোছা চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। প্রায় ২২৭ বছর আগের এই স্মৃতিচিহ্নটি একসময় ওয়াশিংটনের ঘনিষ্ঠ পরিচিত জন গ্যাডসবির সংগ্রহে ছিল। পরে কয়েক হাত ঘুরে এটি একজন সংগ্রাহকের কাছে পৌঁছায়। তবে নিলামে কেনা নতুন মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।   বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রিচমন্ড অকশনস আয়োজিত নিলামে চুলের গোছাটি বিক্রি হয়। এর দাম উঠেছে ৪ হাজার ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৮ পাউন্ড।   নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় তাঁকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন জন গ্যাডসবি। সেই সময় তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার স্মারক হিসেবে গ্যাডসবি ওয়াশিংটনের এক গোছা চুল সংগ্রহ করেন বলে পারিবারিক বিবরণে উল্লেখ রয়েছে।   গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে জানান, তাঁর দাদা ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ সময়ের সম্পর্কের স্মৃতি হিসেবে চুলগুলো সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো বাঁধাই করে তাঁদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখা হয়।   পরবর্তী সময়ে জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক গ্যাডসবির বংশধরের কাছ থেকে চুলের গোছাটি সংগ্রহ করেন। সেখান থেকেই এটি সাম্প্রতিক নিলামে ওঠে।   তবে ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালে তাঁর মৃত্যুর কাছাকাছি সময়ে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা তিনটি চুলের গোছা একটি লকেটসহ প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।   ১৭৩২ সালে জন্ম নেওয়া জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকান সেনাদের নেতৃত্ব দেন। পরে মার্কিন সংবিধান প্রণয়নের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৭৮৯ সালে তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৭৯৭ সালে দুই মেয়াদ পূর্ণ করে তিনি ক্ষমতা ছাড়েন। ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।   ওয়াশিংটনের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন সংগ্রহের প্রতি আগ্রহ দীর্ঘদিনের। ভার্জিনিয়ায় তাঁর সাবেক বাসভবন মাউন্ট ভার্নন বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে সংরক্ষিত সংগ্রহে তাঁর চুলের অন্তত ৫০টি নমুনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।   মাউন্ট ভার্ননের এক নিবন্ধে বলা হয়েছে, উনিশ শতকে বন্ধু ও স্বজনদের চুল স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের প্রচলন বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে বিত্তশালী পরিবারগুলোতে এ ধরনের স্মারক রাখার রীতি দেখা যেত।   এদিকে ওয়াশিংটনের অন্যান্য স্মৃতিচিহ্নও নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে। চলতি বছরের জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তাঁর স্বাক্ষরযুক্ত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। ওই চিঠিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে আরও সেনা নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন তিনি।   সূত্র: বিবিসি

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:১৮
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...