পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত খালাসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্দর কার্যক্রমে গতি ফিরলে পণ্য খালাস দ্রুত হবে, উৎপাদন ব্যয় কমবে এবং বাজারে মূল্যচাপ কিছুটা হলেও হ্রাস পাবে।
শুক্রবার বিকেলে নগরীর মেহেদীবাগ এলাকায় নিজ বাসভবনে চট্টগ্রাম বন্দরের সেবাদানকারী বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, পণ্যমূল্য বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ–কে ঘিরে চলমান কার্যক্রমের মধ্যেও ব্যয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমদানি করা পণ্য খালাসে বিলম্ব, অতিরিক্ত চার্জ এবং প্রক্রিয়াগত জটিলতার কারণে ব্যয় বাড়ছে। সেই অতিরিক্ত ব্যয় শিল্প উৎপাদনে যুক্ত হয়ে শেষ পর্যন্ত বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রতিফলিত হচ্ছে।
তিনি আরও বলেন, বন্দরের বিদ্যমান সমস্যাগুলো দেশের সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করছে। বৈঠকে কয়েকটি তাৎক্ষণিক সমাধানের বিষয়ে ঐকমত্য হয়েছে এবং কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। তবে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় প্রয়োজন এমন কয়েকটি বিষয় চূড়ান্ত করতে আরও কয়েক দিন সময় লাগবে।
বৈঠকে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার শফিউদ্দিন, এডিশনাল কমিশনার তাফসির উদ্দিন ভুঁইয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং পোর্ট ইউজারস ফোরামের আহ্বায়ক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে বন্দর কার্যক্রমে গতি আসবে এবং রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।