রাজধানীর ঢাকার হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোসা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা বেল্লাল হোসেন বলেন, তার মেয়ে ছোট ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে রেখে সে কিছু কেনাকাটা করতে গেলে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শাহরিয়ার শারমিন বিন্থী হাজারীবাগের রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামে। বর্তমানে পরিবারটি হাজারীবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।