সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
শিক্ষা

দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে, পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন আসাদুর রহমান রামিন

নুরুল্লাহ সাইদ প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২১:৪০
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফে পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করা দিনাজপুরের সন্তান মো. আসাদুর রহমান রামিন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফে পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করা দিনাজপুরের সন্তান মো. আসাদুর রহমান রামিন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফ থেকে পিএইচডি গবেষণার চূড়ান্ত অভিসন্দর্ভ প্রতিরক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের দিনাজপুরের সন্তান মো. আসাদুর রহমান রামিন। জলাভূমির উদ্ভিদ পরিবেশবিদ্যা ও পুনরুদ্ধার নিয়ে তাঁর গবেষণায় উঠে এসেছে পরিবেশ সংরক্ষণ, উদ্ভিদের বৈচিত্র্য এবং প্রাকৃতিক জলাভূমি পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ নানা দিক। আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের গবেষণা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার যাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন এই বাংলাদেশি গবেষক।

 

৩৬ বছর বয়সী আসাদুর রহমান ২০২৬ সালের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফের অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ বিভাগে তাঁর পিএইচডি গবেষণার চূড়ান্ত অভিসন্দর্ভ প্রতিরক্ষা সম্পন্ন করেন। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উত্তম দেব।

 

জলাভূমির পরিবেশ ও উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে গবেষণা: আমেরিকা বাংলাকে রামিন জানান, তাঁর পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল জলাভূমির উদ্ভিদ পরিবেশবিদ্যা ও পুনরুদ্ধার। গবেষণার আওতায় যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের মিসিসিপি অ্যালুভিয়াল প্লেইন অঞ্চলের পুনরুদ্ধারকৃত জলাভূমিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। এসব জলাভূমির উদ্ভিদ বৈচিত্র্য, উদ্ভিদ সম্প্রদায়ের গঠন এবং পরিবেশগত পুনরুদ্ধারের অগ্রগতি মূল্যায়ন করাই ছিল গবেষণার প্রধান উদ্দেশ্য।

 

তিনি জানান, তাঁর গবেষণায় মোট ৩১টি জলাভূমি অন্তর্ভুক্ত ছিল। এসব জলাভূমিতে সময়ের সঙ্গে উদ্ভিদের বৈচিত্র্য কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ কতটা ফিরে আসছে, তা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে জলাভূমির উদ্ভিদ সম্প্রদায়ের বৈশিষ্ট্য এবং পরিবেশগত অবস্থার মধ্যে সম্পর্ক নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

গবেষণার গুরুত্ব তুলে ধরে রামিন বলেন, জলাভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জলাভূমির পরিবেশগত অবস্থা ও পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা অর্জন ভবিষ্যতে সংরক্ষণ কার্যক্রম এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে।

 

দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার যাত্রা: দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে এসে উচ্চশিক্ষা ও গবেষণার এই পর্যায়ে পৌঁছানো তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন বলে জানান আসাদুর রহমান। আমেরিকা বাংলাকে তিনি বলেন, দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং গবেষণার প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠার ফলেই তিনি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন। এ যাত্রায় তাঁর পরিবারের সদস্য, শিক্ষক এবং গবেষণাসংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা ও অনুপ্রেরণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

রামিনের মতে, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ অর্জনের জন্য শুধু ভালো ফলাফল নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য, ধারাবাহিক প্রস্তুতি এবং গবেষণার প্রতি আন্তরিক আগ্রহ থাকা জরুরি। তিনি মনে করেন, বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যেও আন্তর্জাতিক মানের গবেষণায় অবদান রাখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণার লক্ষ্য: ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসাদুর রহমান জানান, জলাভূমি সংরক্ষণ, পরিবেশগত পুনরুদ্ধার, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও পেশাগত কার্যক্রম চালিয়ে যেতে চান তিনি। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কার্যকর অবদান রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।

 

তিনি মনে করেন, পরিবেশগত সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তরুণ গবেষকদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

 

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার চূড়ান্ত প্রতিরক্ষা সম্পন্ন করার এই অর্জনকে নিজের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন রামিন। তাঁর এই যাত্রা বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং গবেষণার জগতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা যায়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

শিক্ষা

View more
এসিটি ও স্যাট পরীক্ষায় প্রথমবারেই সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন মিসৌরির শিক্ষার্থী লুকা আর্টোমভ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
প্রথম চেষ্টাতেই এসিটি ও স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে চমক দেখালেন মার্কিন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক স্কুলশিক্ষার্থী প্রথমবার পরীক্ষা দিয়েই দেশটির কলেজে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ দুটি মানসম্মত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন। কার্কউড হাইস্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী লুকা আর্টোমভ আমেরিকান কলেজ টেস্টিং (এসিটি) পরীক্ষায় ৩৬-এর মধ্যে ৩৬ এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (স্যাট) পরীক্ষায় ১ হাজার ৬০০-এর মধ্যে ১ হাজার ৬০০ পেয়েছেন। দুই পরীক্ষাতেই প্রথমবার অংশ নিয়ে এমন ফল অর্জন করায় তাঁর সাফল্য নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।   লুকা ২০২৫ সালে প্রথমবার এসিটি পরীক্ষায় অংশ নেন। সেখানে সর্বোচ্চ ৩৬ নম্বর পাওয়ার পর ২০২৬ সালে স্যাট পরীক্ষায় বসেন তিনি। সেখানেও প্রথম প্রচেষ্টাতেই পূর্ণ নম্বর অর্জন করেন। নিজের ফলাফল সম্পর্কে লুকা বলেন, এমন সাফল্য পাওয়ার পর তিনি নিজেও বেশ অবাক ও আনন্দিত হয়েছিলেন। কারণ, দুই পরীক্ষায় একইভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া খুবই বিরল ঘটনা।   দুটি পরীক্ষায় অংশ নেওয়ার পেছনে তাঁর একটি বাস্তব উদ্দেশ্যও ছিল। লুকা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বৃত্তির সুযোগ বাড়ানোর জন্য তিনি এসিটি ও স্যাট দুটিই দিয়েছেন। পাশাপাশি নিজের সামর্থ্য যাচাই করা এবং নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলাও ছিল তাঁর লক্ষ্য। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত অনুশীলনী পরীক্ষা দিয়েছেন। শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলো আরও ভালোভাবে আয়ত্ত করা এবং শিক্ষক ও পরিবারের সহযোগিতাকেও নিজের সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।   পড়াশোনার বাইরেও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় লুকা। তিনি স্কুলের গণিত দল এবং অনুশীলনী আদালত প্রতিযোগিতায় অংশ নেন। ইতিহাসের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। নতুন বিষয় শেখা এবং নিজের জ্ঞান বাড়ানোর প্রতিও আগ্রহী তিনি। স্কুলের প্রধান শিক্ষক শেথ হ্যারেল বলেন, লুকা শুধু পড়াশোনাতেই ভালো নন, তাঁর ব্যক্তিত্বও প্রশংসনীয়। তিনি সব সময় হাসিখুশি থাকেন এবং অন্যদের সঙ্গে ইতিবাচকভাবে যোগাযোগ করেন। এমনকি নিয়মিত অন্যদের খোঁজখবর নেওয়ার অভ্যাসও তাঁর রয়েছে।   ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লুকা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার কথাও বিবেচনা করছেন। একই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, পরীক্ষার চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া। নিয়মিত পড়াশোনা, আগের ভুলগুলো পর্যালোচনা এবং নিজের ওপর আস্থা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।   যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসিটি ও স্যাট গুরুত্বপূর্ণ দুটি মানসম্মত পরীক্ষা। এসিটির সর্বোচ্চ যৌগিক নম্বর ৩৬ এবং স্যাটের সর্বোচ্চ নম্বর ১ হাজার ৬০০। বিশ্ববিদ্যালয়ভেদে এসব পরীক্ষার ফল ভর্তি ও বৃত্তি বিবেচনায় ভূমিকা রাখতে পারে। লুকা আর্টোমভের মতো একজন একাদশ শ্রেণির শিক্ষার্থীর দুই পরীক্ষাতেই প্রথমবারে সর্বোচ্চ নম্বর অর্জন তাই তাঁর ভবিষ্যৎ উচ্চশিক্ষার পথকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।   সূত্র: কেএমওভি, ফার্স্ট অ্যালার্ট ৪

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২১:৪০
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফে পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করা দিনাজপুরের সন্তান মো. আসাদুর রহমান রামিন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে, পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন আসাদুর রহমান রামিন

এআই দিয়ে অঙ্ক করছে শিক্ষার্থীরা, হোমওয়ার্কের নম্বর দেওয়ার নিয়ম বদলালেন ক্যালটেকের অধ্যাপক

এআই দিয়ে অঙ্ক করছে শিক্ষার্থীরা, হোমওয়ার্কের নম্বর দেওয়ার নিয়ম বদলালেন ক্যালটেকের অধ্যাপক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে সরকারি বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ, দেওয়া হবে বিমানভাড়াও

স্কুলবাস দুর্ঘটনার পর অচেনা নারী নিজের গরম পোশাক দিয়ে সান্ত্বনা দিলেন শিশুকে
স্কুলবাস দুর্ঘটনার পর অচেনা নারী নিজের গরম পোশাক দিয়ে সান্ত্বনা দিলেন শিশুকে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শেরবোর্ন শহরে স্কুলবাস দুর্ঘটনার পর এক শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করেছেন অ্যামি নামের এক অচেনা নারী। দুর্ঘটনার পর শিশুটি জরুরি সহায়তার অপেক্ষায় ছিল। এ সময় ওই নারী তার পাশে বসে থাকেন এবং ঠান্ডা থেকে রক্ষা করতে নিজের গায়ের পোশাক খুলে শিশুটিকে দেন।   বস্টন ডটকমের ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ১০ নভেম্বর মঙ্গলবার সকালে। ওই শিশুর স্কুলবাস দুর্ঘটনায় পড়ার পর অ্যামি নামের এক নারী সেখানে থামেন। তিনি একটি সাদা রঙের জিপ গাড়ি চালাচ্ছিলেন।   দুর্ঘটনার পর শিশুটি যখন একা জরুরি সহায়তার অপেক্ষা করছিল, তখন অ্যামি তার পাশে বসে থাকেন। শিশুটি যেন ঠান্ডায় কষ্ট না পায়, সে জন্য নিজের গায়ের উষ্ণ পোশাকটি খুলে তাকে দেন। শিশুটির পরিবারের সদস্যরা তখন ঘটনাস্থলে ছিলেন না।   পরে শিশুটির মা-বাবা সন্তানের কাছে পৌঁছালে জানতে পারেন, একজন অপরিচিত নারী বিপদের সময় তার পাশে ছিলেন। শুধু পাশে বসে অপেক্ষা করাই নয়, নিজের পোশাক দিয়ে শিশুটিকে উষ্ণ রাখার ব্যবস্থাও করেছিলেন তিনি।   এরপর শিশুটির অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ওই নারীকে খুঁজে পাওয়ার আশায় একটি আবেদন প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তাঁদের ছেলের অবস্থা ভালো এবং অ্যামির দেখানো আন্তরিকতায় পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ।   শিশুটির মা-বাবার কাছে ওই পোশাকটি এখন শুধু একটি সাধারণ পোশাক নয়; বরং সন্তানের বিপদের মুহূর্তে একজন অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও নিরাপত্তার স্মৃতি।   পরিবারটি পোশাকটি ফেরত দিতে এবং অ্যামিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চায়। তাঁদের আশা, সাদা জিপ গাড়ি চালানো ওই নারী তাঁদের আবেদনটি দেখতে পাবেন।   পরিবারের পোস্টে একটি সুন্দর বার্তাও উঠে এসেছে—কখনো আমাদের জীবনে একজন অ্যামির প্রয়োজন হয়, আবার কখনো অন্য কারও জীবনে আমাদেরই অ্যামি হয়ে উঠতে হয়।   ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মধ্যে মানবিকতা নিয়ে আলোচনা তৈরি করেছে। অনেকেই অপরিচিত মানুষের বিপদে পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেছেন।   তবে উল্লেখ্য, ঘটনাটির বিবরণ মূলত শিশুটির অভিভাবকের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট থেকে নেওয়া। সংবাদমাধ্যমটি প্রকাশের সময় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। তাই পরিবারের বক্তব্যের ভিত্তিতেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে। তথ্যসূত্র: বস্টন ডটকম।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৫:৩৪
নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী মাইসারাহ রহমানের বৈজ্ঞানিক গবেষণার প্রশংসা করেছেন সিনেটর জন কিনান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বাংলাদেশি বংশোদ্ভূত মাইসারাহ রহমানের বৈজ্ঞানিক গবেষণায় মুগ্ধ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সিনেটর

ওয়াশিংটন ডিসির শিক্ষার্থীদের জন্য বছরে অন্তত ১৫ হাজার ডলারের বৃত্তি ঘোষণা করেছে জর্জ মেসন ইউনিভার্সিটি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ওয়াশিংটন ডিসির হাইস্কুল শিক্ষার্থীদের জন্য জর্জ মেসন ইউনিভার্সিটির ১৫ হাজার ডলারের বৃত্তি

প্রাতিষ্ঠানিক ইমেইল না থাকলেও বিশেষ প্রক্রিয়ায় রিসার্চগেটে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

প্রাতিষ্ঠানিক ইমেইল ছাড়াই রিসার্চগেটে অ্যাকাউন্ট খোলার সুযোগ, জেনে নিন বিস্তারিত

যুক্তরাজ্যে সম্পূর্ণ ফ্রি মাস্টার্সের সুযোগ, আবেদন শুরু ১০ নভেম্বর
যুক্তরাজ্যে সম্পূর্ণ ফ্রি মাস্টার্সের সুযোগ, আবেদন শুরু ১০ নভেম্বর

যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা টিউশন ফিতে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (১০ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, বিমানভাড়া ও মাসিক জীবনযাত্রার খরচ বহন করা হবে।   যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) জানিয়েছে, এই বৃত্তির আওতায় দেশটির অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ রয়েছে। ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা। এই স্কলারশিপ মূলত কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য, যাঁরা নিজেদের খরচে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করতে সক্ষম নন। বাংলাদেশ এই বৃত্তির জন্য যোগ্য দেশের তালিকায় রয়েছে।   বৃত্তিতে কী কী সুবিধা পাওয়া যাবে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার অনুমোদিত বিমানভাড়াও দেওয়া হবে। এ ছাড়া মাসিক জীবনযাত্রার ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে শীতের পোশাক কেনার ভাতা, গবেষণার খরচ এবং শিক্ষা-সংক্রান্ত ভ্রমণের জন্য আর্থিক সহায়তা পাওয়া যাবে। ভিসার জন্য যক্ষ্মা পরীক্ষা প্রয়োজন হলে নির্ধারিত শর্তে সেই খরচেও সহায়তা দেওয়া হবে।   বর্তমান নির্ধারিত হার অনুযায়ী, লন্ডনের বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা পাবেন। লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মাসিক ভাতা হবে ২ হাজার পাউন্ড। তবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এই হার পরিবর্তিত হতে পারে। কারা আবেদন করতে পারবেন বাংলাদেশি নাগরিকদের এই বৃত্তিতে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনকারীকে বাংলাদেশসহ যোগ্য কমনওয়েলথভুক্ত কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস বা ২:১ সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। তুলনামূলক কম ফলাফল থাকলেও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ পাওয়া যেতে পারে।   আবেদনকারীকে দেখাতে হবে যে বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বহন করার সামর্থ্য তাঁর নেই। এ ছাড়া উচ্চ আয়ের দেশে আগে এক বছর বা তার বেশি সময় পড়াশোনা কিংবা কাজ করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। আইইএলটিএস ছাড়াও আবেদনের সুযোগ কমনওয়েলথ স্কলারশিপ কমিশন নিজস্ব আবেদনের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক করেনি। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ চাওয়া হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় আইইএলটিএস, অন্য কোনো ইংরেজি ভাষার পরীক্ষা কিংবা বিকল্প সনদ গ্রহণ করবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতির ওপর নির্ভর করবে। তাই আবেদন করার আগে পছন্দের বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স কোর্সের শর্ত যাচাই করতে হবে।   যেভাবে আবেদন করবেন আগ্রহী শিক্ষার্থীদের সিএসসির অনলাইন আবেদনব্যবস্থা সিএসসি সেন্ট্রালের মাধ্যমে আবেদন করতে হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্যও আবেদন করতে হবে। একাধিক বিশ্ববিদ্যালয় ও কোর্সে আবেদন করার সুযোগ রয়েছে। তবে একজন শিক্ষার্থী একটি কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপই গ্রহণ করতে পারবেন। আবেদনের সময় বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট এবং অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে তিনজন সুপারিশকারীর তথ্যও উল্লেখ করতে হবে। পাশাপাশি নিজের শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়নে কীভাবে কাজে লাগাবেন, তা বিস্তারিতভাবে তুলে ধরতে হবে।   শিক্ষার্থী নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা, গবেষণা বা অধ্যয়ন পরিকল্পনার মান এবং নিজ দেশের উন্নয়নে সম্ভাব্য অবদান গুরুত্ব পাবে। পড়াশোনা শেষে দেশে ফিরতে হবে এই বৃত্তির অন্যতম শর্ত হলো, মাস্টার্স শেষ করার পর শিক্ষার্থীকে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের লক্ষ্য হলো এমন দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, যাঁরা উচ্চশিক্ষা শেষে নিজ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।   আবেদনের শেষ সময় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৬। আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, যুক্তরাজ্যের সময় বিকেল ৪টা। বাংলাদেশ সময় রাত ১০টার মধ্যে আবেদন জমা দিতে হবে। সিএসসির অনলাইন আবেদনব্যবস্থায় আবেদন করতে কোনো ফি দিতে হবে না।   আগ্রহী শিক্ষার্থীরা কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, অনুমোদিত কোর্স, যোগ্যতা ও আবেদনের বিস্তারিত নির্দেশনা জানতে পারবেন। তথ্য যাচাই: কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ২০২৭-২৮ শিক্ষাবর্ষের অফিশিয়াল নির্দেশনা। Commonwealth Scholarship Commission in the UK    

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ১:৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ অন্যান্যরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউইউএসটি'র ফুল-ফান্ডেড বৃত্তি

আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে বড় স্বীকৃতি পেয়ে টিডব্লিউএএসের ফেলো হয়েছেন বাংলাদেশের সাত বিজ্ঞানী। ছবি: সংগৃহীত

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো হলেন বাংলাদেশের ৭ বিজ্ঞানী, কামরুন নাহারের বিশেষ পুরস্কার

ছাত্র ধরে রাখতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো

প্রতি পাঁচজন শিক্ষার্থীর একজন ঝরে পড়ছেন, ছাত্র ধরে রাখতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...