সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

আনন্দের কান্না আর ঘরে ফেরার প্রার্থনা: গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে আবেগঘন প্রতিক্রিয়া

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৪:৪৯
গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে আবেগঘন প্রতিক্রিয়া
গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে আবেগঘন প্রতিক্রিয়া

কক্সবাজারের উখিয়ার ১ই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ছোট্ট ঝুপড়ি ঘরে বসে বৃহস্পতিবার দুপুর থেকেই মুঠোফোনে চোখ রেখেছিলেন উম্মে রুমান। অপেক্ষা ছিল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে সরাসরি সম্প্রচার বারবার বিঘ্নিত হচ্ছিল। একপর্যায়ে ফেসবুকে ঢুকতেই তাঁর চোখে পড়ে একটি শিরোনাম—‘মিয়ানমারে গণহত্যার বিষয়টি নিশ্চিত করেছে আইসিজে’।

 

খবরটি দেখেই আবেগাপ্লুত হয়ে লাফিয়ে ওঠেন রুমান। পাশে রান্না করছিলেন তাঁর ভাবি। ছুটে গিয়ে ভাবিকে জড়িয়ে ধরেন তিনি। কী ঘটেছে তা মুখে বলার আগেই কান্নায় ভেঙে পড়েন রুমান। তিনি বলেন, ‘আমি আনন্দাশ্রু নিয়ে উদ্‌যাপন করেছি। কারণ, এই প্রথম বিশ্ব আমাদের ওপর ঘটে যাওয়া নৃশংসতার স্বীকৃতি দিল।’

 

বৃহস্পতিবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংস সামরিক অভিযানে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালত রায়ে উল্লেখ করেছেন, ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

 

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা এই মামলায় দীর্ঘদিনের অস্বীকৃতির পর অবশেষে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংসতা স্বীকৃতি পেল। প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা শরণার্থীদের মাঝে এই রায় স্বস্তি, আবেগ ও নতুন আশার সঞ্চার করেছে। উম্মে রুমানের ভাষায়, ‘আমার কাছে এটি কেবল একটি আইনি রায় নয়, বরং আমাদের দীর্ঘদিনের যন্ত্রণার দালিলিক প্রমাণ।’

 

বৃহস্পতিবার রায় ঘোষণার সময় কক্সবাজারের ক্যাম্পজুড়ে রোহিঙ্গাদের মধ্যে টানটান উত্তেজনা দেখা যায়। কেউ মুঠোফোনে, কেউ ল্যাপটপ বা বড় পর্দায় চোখ রেখেছিলেন। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে জড়ো হয়ে ফেসবুক ও ইউটিউবে আদালতের কার্যক্রম অনুসরণ করেন অনেকেই।

 

আঠারো বছর বয়সী তরুণ মোহাম্মদ রেহান তাঁর শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে রায় শুনছিলেন। তিনি জানান, রায় ঘোষণার সময় অনেক নারী কাঁদছিলেন, আবার অনেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও প্রার্থনা করছিলেন। রেহান বলেন, ‘আমি চুপচাপ বসে শুনছিলাম। আশা করছিলাম এমন কোনো ভালো খবর পাব, যা আমাদের ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ জীবন দেবে।’ রায় শোনার পরপরই তাঁর মাথায় প্রথম যে চিন্তাটি আসে তা হলো—এই রায় হয়তো তাঁদের নিজ দেশে ফেরার পথ খুলে দেবে। খবরটি শুনে রেহানের মা-ও ভীষণ খুশি হয়ে বলে ওঠেন, ‘আমরা জিতেছি, এবার আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারব।’

 

রায়ের খবর মুহূর্তেই ক্যাম্পের প্রতিটি ব্লকে ছড়িয়ে পড়ে। প্রবীণ শরণার্থীদের মধ্যে মামলাটি এবং এটি আদালতে নিয়ে আসার পেছনে গাম্বিয়ার ভূমিকা নিয়ে আলোচনা চলতে থাকে। সরাসরি ভুক্তভোগী না হয়েও ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের পক্ষভুক্ত দেশ হিসেবে গাম্বিয়া এই মামলাটি করেছিল।

 

তবে এই আনন্দের মুহূর্তেও শরণার্থী জীবনের কঠিন বাস্তবতা কাটেনি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার ক্যাম্পগুলোতে বৃষ্টি ঝরছিল, যা ঘিঞ্জি ঝুপড়ি ঘরে থাকা মানুষগুলোর দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

 

রোহিঙ্গা তরুণ নুরুল আমিন জানান, গণহত্যার স্বীকৃতিতে তিনি আনন্দিত হলেও এই ঘোষণা তাঁকে ২০১৭ সালের সেই ভয়াবহ স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, ‘আমি খুশি, কিন্তু একই সঙ্গে ২০১৭ সালে আমাদের ওপর চালানো নৃশংস সামরিক অভিযান, সহিংসতা আর ফেলে আসা বাড়িঘরের কথা মনে পড়ে যাচ্ছে।’

 

রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহ এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই রায় স্বস্তি ও নতুন আশা জাগালেও হারানো স্বজনদের ফিরিয়ে আনতে পারবে না কিংবা দুঃসহ স্মৃতি মুছে দিতে পারবে না।

 

রোহিঙ্গা সংকট নিয়ে গবেষণা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মনে করেন, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইসিজের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীতে আমরা উদার গণতন্ত্র, বিশ্বায়ন ও বৈশ্বিক ন্যায়বিচারের কথা বলি। অথচ আমাদের চোখের সামনেই এত বড় গণহত্যা ঘটে গেছে। বৈশ্বিক ন্যায়বিচারের ধারণাটি প্রতিষ্ঠিত করতে এই রায় অপরিহার্য ছিল।’

 

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, এই রায়ের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির আওতায় শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের কাছ থেকে ঢাকার আরও জোরালো নিশ্চয়তা প্রয়োজন হবে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালত যেহেতু এখন বলেই দিয়েছেন যে রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন, তাই তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনার গতিপ্রকৃতিতেও এর প্রভাব পড়বে।’

 

তবে সব ছাপিয়ে রোহিঙ্গাদের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া নিজ দেশে ফিরে যাওয়া। নৃশংসতার জন্য দায়ীদের বিচার, নাগরিকত্ব ও অধিকার ফিরিয়ে দেওয়া এবং মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন চান তাঁরা। তরুণ নুরুল আমিন আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কেবল মানবিক সংকটের দিকটি না দেখে তাদের বাস্তুচ্যুতির রাজনৈতিক কারণগুলো সমাধান করবে এবং এই রায়ের মাধ্যমে তারা অধিকার ও মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন। সূত্র: আল জাজিরা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
আফগানিস্তানে কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিয়ে মাদ্রাসায় বিস্ফোরণ, প্রাণ গেল ৪ শিশুর
আফগানিস্তানে কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিয়ে মাদ্রাসায় বিস্ফোরণ, প্রাণ গেল ৪ শিশুর

পশ্চিম আফগানিস্তানের ফারাহ প্রদেশের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) পুরোনো ও অবিস্ফোরিত একটি মর্টার শেল বিস্ফোরিত হয়ে চার শিক্ষার্থী নিহত এবং আরও দুজন আহত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় পুলিশের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।   প্রাদেশিক পুলিশের মুখপাত্র কালিমুল্লাহ নাঙ্গিয়াল জানান, ফারাহ প্রদেশের বাকওয়াহ জেলার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুরের বিরতির সময় বাইরে অবিস্ফোরিত মর্টার শেলটি খুঁজে পায়। বার্তা সংস্থা এএফপি-কে নাঙ্গিয়াল বলেন, “শিক্ষার্থীরা শেলটি মাদ্রাসার ভেতরে নিয়ে আসে এবং সেখানে কম বয়সী শিক্ষার্থীরা সেটিতে চাপ দিলে মাদ্রাসার ভেতরেই বিস্ফোরণ ঘটে; এতে চার শিক্ষার্থী নিহত এবং দুজন আহত হয়।” পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে এবং আহতদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া হয়েছে।   জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর থেকে আফগানিস্তানে যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক ও স্থলমাইন বিস্ফোরণে ৪৫ হাজারের বেশি আফগান নাগরিক নিহত বা আহত হয়েছেন।   গত অক্টোবরে প্রকাশিত জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানজুড়ে অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে ৩২৪ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যাঁদের প্রতি ১০ জনে প্রায় আটজনই শিশু। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, দেশটির আনুমানিক ২৬ লাখ মানুষ চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকার এক কিলোমিটারের মধ্যে বসবাস করছেন—যার আওতায় ৮৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২০৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্রও রয়েছে।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১৩:৩৮
আইফোন দিয়েই ভয়ংকর সাইবার হামলা চালানো সম্ভব: চীনা এআই হ্যাকিং টুল ‘আরটেক্স’ নিয়ে উদ্বেগ

আইফোন দিয়েই ভয়ংকর সাইবার হামলা চালানো সম্ভব: চীনা এআই হ্যাকিং টুল ‘আরটেক্স’ নিয়ে উদ্বেগ

পবিত্র রমজান মাস

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদের সম্ভাব্য তারিখও জানা গেল

যুক্তরাষ্ট্রের পর কানাডায় ‘মোস্ট ওয়ান্টেড’ ভারতীয় গ্যাংস্টার, মাথার দাম ২.১৭ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের পর কানাডায় ‘মোস্ট ওয়ান্টেড’ ভারতীয় গ্যাংস্টার, মাথার দাম ২.১৭ কোটি টাকা

জলবায়ু পরিবর্তনে খসে পড়ছে মানবসভ্যতার প্রাচীনতম গুহাচিত্র
জলবায়ু পরিবর্তনে খসে পড়ছে মানবসভ্যতার প্রাচীনতম গুহাচিত্র, মুছে যাচ্ছে ইতিহাস

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, হিমবাহ গলা বা খরার মতো নানাভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যায়। তবে ইন্দোনেশিয়ার দূরবর্তী গুহাগুলোতে এই সংকট পরিমাপ করা হচ্ছে লবণের স্ফটিকের মাধ্যমে। ক্রমবর্ধমান তাপমাত্রা, দীর্ঘ শুষ্ক মৌসুম, আর্দ্রতার পরিবর্তন এবং বর্ষাকালে পানি ধরে রাখার প্রবণতা মিলে গুহাগুলোর ক্ষয় ত্বরান্বিত করছে।   বিজ্ঞানীদের মতে, এই প্রক্রিয়ার নাম ‘হ্যালোক্লাস্টি’। দ্রবীভূত লবণ ছিদ্রযুক্ত চুনাপাথরের ভেতর দিয়ে গিয়ে স্ফটিক তৈরি করে। গুহার পরিবেশ বদলালে এসব স্ফটিক সংকুচিত ও প্রসারিত হয়, যার ফলে পাথরে ফাটল ধরে, খসে পড়ে এবং একপর্যায়ে আলগা হয়ে যায়। আর এতে হুমকির মুখে পড়েছে মানবসৃষ্টির প্রাচীনতম নিদর্শনগুলো।   ইউরোপের চেয়েও প্রাচীন নিদর্শন ফ্রান্সের শভে (Chauvet) বা স্পেনের আলতামিরা (Altamira) গুহার বিখ্যাত চিত্রকর্মের চেয়েও десятки হাজার বছর পুরোনো নিদর্শন রয়েছে ইন্দোনেশিয়ায়। এর মধ্যে এমন একটি হাতের ছাপও রয়েছে, যাকে বিশ্বের প্রাচীনতম পরিচিত গুহাচিত্র বলে মনে করা হচ্ছে। গবেষকদের ধারণা, আরও প্রাচীন ও অজানা চিত্রকর্ম থাকতে পারে, কিন্তু সেগুলো পুরোপুরি হারিয়ে যাওয়ার আগেই আবিষ্কার ও সংরক্ষণের এক কঠিন প্রতিযোগিতায় নেমেছেন প্রত্নতাত্ত্বিকেরা।   ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির প্রত্নতাত্ত্বিক শিনাত্রিয়া আধিতিয়াতামা বলেন, এমন অনেক গুহাচিত্র এখনো আবিষ্কৃত হচ্ছে, যা আদি মানুষের সাংস্কৃতিক ও শৈল্পিক প্রকাশ সম্পর্কে ধারণা বদলে দিতে পারে; অথচ পরিচিত অনেক চিত্রকর্ম পূর্ণাঙ্গভাবে নথিভুক্ত বা বোঝার আগেই হারিয়ে যাচ্ছে।   অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বাসরান বুরহান জানান, ইন্দোনেশিয়ার চতুর্থ বৃহত্তম দ্বীপ সুলাওয়েসিতে গুহাচিত্র রয়েছে এমন ৫০০টির বেশি স্থান রয়েছে। এর মধ্যে তিনজন মানুষ ও একটি বন্য শূকরের চিত্র রয়েছে—যা বিশ্বের প্রাচীনতম আখ্যানমূলক শিল্পকর্ম বলে বিবেচিত এবং অন্তত ৫১ হাজার ২০০ বছরের পুরোনো। এ ছাড়া অন্তত ৪৫ হাজার ৫০০ বছরের পুরোনো দেশি শূকরের চিত্র এবং অন্তত ৪৩ হাজার ৯০০ বছরের পুরোনো একটি শিকারের দৃশ্যও রয়েছে।   লেজার প্রযুক্তিতে নতুন সময়কাল আদি শিল্পীরা কীভাবে ইন্দোনেশিয়ায় পৌঁছেছিলেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। এক অনুমান অনুযায়ী, সুনামি বা সমুদ্রে ভেসে গিয়ে দুর্ঘটনাবশত মানুষ সুলাওয়েসিতে পৌঁছে থাকতে পারে। তবে আধিতিয়াতামার বিশ্বাস, তারা উদ্দেশ্য নিয়েই এসেছিল এবং সমাজটি ছিল বেশ জটিল; কেবল বেঁচে থাকার বাইরেও তারা শৈল্পিক কিছু তৈরি করেছিল।   ঐতিহ্যগতভাবে চিত্রকর্মের ওপর জমে থাকা খনিজ স্তর বিশ্লেষণ করে এর ন্যূনতম বয়স নির্ধারণ করা হতো, যেখানে নমুনা সংগ্রহে ভিন্ন ভিন্ন স্তর মিশে গিয়ে গড় বয়স পাওয়া যেত। ২০২১ সালে অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনো জোয়ানেস-বয়োর নেতৃত্বাধীন একটি দল লেজার ব্যবহার করে সবচেয়ে পুরোনো স্তর আলাদা করার পদ্ধতি উদ্ভাবন করে।    এই পদ্ধতির ভিত্তিতে ২০২৬ সালের জানুয়ারিতে তারা ঘোষণা দেন যে সুলাওয়েসির দক্ষিণ-পূর্বে মুনা দ্বীপের একটি হাতের স্টেনসিল অন্তত ৬৭ হাজার ৮০০ বছরের পুরোনো—যা স্পেনের নিয়ান্ডারথাল হাতের ছাপের আগের ৬৪ হাজার ৮০০ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ইউরোপীয় প্রত্নতাত্ত্বিক মহলে কিছুটা সংশয় থাকলেও জোয়ানেস-বয়োর মতে, তথ্য অত্যন্ত স্পষ্ট এবং এর ফলে মানব বিবর্তনকে নতুনভাবে দেখার প্রয়োজন তৈরি হয়েছে।   দ্রুত ক্ষয় ও সংরক্ষণের দৌড় জোয়ানেস-বয়ো বলেন, বিশ্বের অন্যত্র আবহাওয়া বা উন্নয়নজনিত চাপ থাকলেও এত প্রাচীন শিল্পকর্ম এতটা জলবায়ুগতভাবে সক্রিয় পরিবেশে আর কোথাও নেই; গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া, পরিবর্তনশীল মৌসুমি বায়ু এবং এল নিনোর প্রভাব এগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আধিতিয়াতামার মতে, গুহার আশপাশে শিল্পায়ন, কৃষি ও জলজ চাষের পাশাপাশি স্থানীয় খনির ধুলা ও কম্পনও ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে।   জানুয়ারিতে ৬৭ হাজার ৮০০ বছরের পুরোনো হাতের ছাপের ঘোষণা আসার পর স্থানীয় সংবাদমাধ্যমে মুনা দ্বীপের গুহাটিকে জাতীয়ভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতির খবর আসে। দক্ষিণ সুলাওয়েসির মারোস-পাংকেপ চুনাপাথর অঞ্চলকে ২০২৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় বিবেচনার জন্য প্রস্তাব করেছে ইন্দোনেশিয়া। আধিতিয়াতামা জানান, পাঁচ মাসেরও কম সময়ের একটি পর্যবেক্ষণ মৌসুমেই গুহাচিত্রের প্যানেলের হাতের তালুর সমান অংশ খসে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দেখায় ক্ষয় হাজার বছরের ধীর প্রক্রিয়া নয় বরং স্বল্প সময়েই ঘটছে।   স্থানীয়ভাবে গুহার মাইক্রোক্লাইমেট, আর্দ্রতা, তাপমাত্রা ও লবণের সক্রিয়তা পর্যবেক্ষণের পাশাপাশি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের পরিবর্তনের মতো বৃহত্তর জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি বলে মনে করেন আধিতিয়াতামা। একই সঙ্গে প্রচলিত আলোকচিত্র ও থ্রিডি ফটোগ্রাফির মাধ্যমে দ্রুত এসব নিদর্শন নথিভুক্ত করার ওপর জোর দিয়েছেন গবেষকেরা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য সংরক্ষণ করা যায়। সূত্র: সিএনএন।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১০:১৭
রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

ব্রেক্সিটের ১০ বছর পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নতুন সমঝোতা,তরুণদের কাজ ও বসবাসের সুযোগ বাড়ানোর পরিকল্পনা

ব্রেক্সিটের ১০ বছর পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নতুন সমঝোতা,তরুণদের কাজ ও বসবাসের সুযোগ বাড়ানোর পরিকল্পনা

ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে ভারত

ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে ভারত: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন

নোবেল না পাওয়ার আক্ষেপ মেটাতে ট্রাম্পকে দারুণ এক বুদ্ধি দিলেন পুতিন
নোবেল না পাওয়ার আক্ষেপ মেটাতে ট্রাম্পকে দারুণ এক বুদ্ধি দিলেন পুতিন! কী সেই উপায়?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লালিত স্বপ্ন নোবেল শান্তি পুরস্কার অর্জন করা। বিশ্বের একাধিক সংঘাত নিরসনে ভূমিকা রাখার দাবি করলেও এই সম্মানজনক পুরস্কার না পাওয়ায় বিভিন্ন সময়ে প্রকাশ্যেই আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবার ট্রাম্পের সেই আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে কূটনৈতিক রসিকতার ছলে এক বিকল্প সমাধানের কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   সম্প্রতি চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের ফাঁকে এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের তিন শীর্ষ শক্তিধর রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক নিরাপত্তা, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং বিশ্বশান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।   বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুশ প্রেসিডেন্ট জানান, আলোচনায় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রসঙ্গটিও উঠে এসেছিল। তবে বিষয়টি অনেকটাই ঠাট্টার ছলে আলোচিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।   এ সময় নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মর্যাদা, নিরপেক্ষতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন পুতিন। তিনি বলেন, বর্তমান সময়ে নোবেল শান্তি পুরস্কারের আদৌ কোনো প্রকৃত মূল্য আছে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কারও প্রকৃত অবদানের বদলে স্পষ্ট রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি।   নোবেল কমিটির সমালোচনার পাশাপাশি ট্রাম্পের পুরস্কার প্রাপ্তির বিষয়ে রসিকতা করে পুতিন বলেন, রাশিয়ার নিজস্ব পুরস্কার ব্যবস্থা এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তিদের নিয়ে গঠিত একটি কমিটি রয়েছে। সেই কমিটি মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানের মূল্যায়ন করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়। ট্রাম্পের নোবেল না পাওয়ার আক্ষেপ মেটাতে এটিই হয়তো একটি কার্যকর সমাধান হতে পারে বলে ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট।   উল্লেখ্য, এর আগেও বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে মনোনয়ন পাওয়ার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেনঝেন বৈঠকের পর পুতিনের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: ইউএসএ টুডে।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৫:১৭
গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে আবেগঘন প্রতিক্রিয়া

আনন্দের কান্না আর ঘরে ফেরার প্রার্থনা: গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে আবেগঘন প্রতিক্রিয়া

জর্জিয়ার তিবিলিসিতে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ৬

পাকিস্তানে বিয়ের উপহার বা যৌতুকের তালিকায় এখন জায়গা করে নিয়েছে সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

পাকিস্তানে বিয়ের যৌতুক বা উপহার হিসেবে মোটরসাইকেল নয়, এখন সবার পছন্দ সোলার প্যানেল

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...