ডার্ক ওয়েবে লাখ লাখ ক্রেডিট কার্ড বিক্রি, কসোভোর ২১ বছর বয়সী যুবক এখন যুক্তরাষ্ট্রের কারাগারে
ডার্ক ওয়েবের অপরাধী ফোরামগুলোতে চুরি করা ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে ২১ বছর বয়সী কসোভোর নাগরিক হেক্টর অ্যাভডিলিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ব্র্যাড ডি. শিমেল এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২০ নভেম্বর উইসকনসিনের মিলওয়াকিতে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক উইলিয়াম ই. ডাফিনের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার চলাকালীন কারাগারে আটক রাখার নির্দেশ দেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে মিলওয়াকির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে ওয়্যার ফ্রড, অ্যাক্সেস ডিভাইস ফ্রড এবং গুরুতর পরিচয় চুরিসহ (অ্যাগ্রাভেটেড আইডেন্টিটি থেফট) মোট আটটি ধারায় অভিযোগ গঠন করেছিল।
আদালতের নথিপত্র অনুযায়ী, অ্যাভডিলি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে অনলাইন অপরাধী ফোরামগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে চুরি করা ক্রেডিট কার্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য বিক্রি করতেন, যা ব্যবহার করে ক্রেতারা আর্থিক প্রতারণা চালাতে পারত। ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন শপিং ওয়েবসাইট থেকে গোপনে এসব তথ্য চুরি করার দাবি করেছিলেন তিনি।
তদন্তের অংশ হিসেবে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ছদ্মবেশে ওই বিক্রেতার কাছ থেকে ২৭ হাজারেরও বেশি চুরি করা ক্রেডিট কার্ড নম্বর ও ব্যক্তিগত তথ্য ক্রয় করে। ওই তথ্যভান্ডারে ভুক্তভোগীদের ক্রেডিট কার্ড নম্বর, কার্ড ভেরিফিকেশন ভ্যালু (সিভিভি), নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে উইসকনসিনের প্রায় ৩০০ বাসিন্দার তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে নিবিড় তদন্তের মাধ্যমে এফবিআই বিক্রেতাকে কসোভোর নাগরিক হেক্টর অ্যাভডিলি হিসেবে শনাক্ত করে এবং এফবিআই ও মার্কিন বিচার বিভাগের অনুরোধে ২০২৬ সালের জুলাই মাসে কসোভো কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার হওয়া অ্যাভডিলির একটি হার্ড ড্রাইভ থেকে তদন্তকারীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও গিফট কার্ডসহ প্রায় ২৭ লাখ পেমেন্ট কার্ডের নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য খুঁজে পান।
এ বিষয়ে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ব্র্যাড ডি. শিমেল বলেন, দুর্ভাগ্যবশত বিদেশি চক্রের মাধ্যমে মার্কিন ভোক্তাদের পরিচয় ও আর্থিক তথ্য চুরির ঘটনা প্রতিদিন অসংখ্যবার ঘটছে, যার ফলে ভোক্তাদের শত শত কোটি ডলার ক্ষতি হচ্ছে। বিপুল পরিমাণ পেমেন্ট কার্ডের তথ্যসহ অভিযুক্ত এক বিদেশি সাইবার অপরাধীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে আসা একটি ব্যতিক্রমী সাফল্য বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে এফবিআই মিলওয়াকি ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ অ্যালান কার জানান, উইসকনসিনসহ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রতারণার সুযোগ করে দেওয়া এই সাইবার অপরাধ চক্রটি ভাঙতে এফবিআই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কাজ করেছে। দেশে ও বিদেশে সাইবার অপরাধীদের দমনে এফবিআইয়ের এই অভিযান অব্যাহত থাকবে এবং ন্যায়বিচারের কোনো সীমানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মামলাটির তদন্ত করেছে এফবিআই মিলওয়াকি ফিল্ড অফিস এবং কসোভো থেকে অ্যাভডিলিকে গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করেছে মার্কিন বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও কসোভো কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁকে যুক্তরাষ্ট্রে পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউএস মার্শালস সার্ভিস। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব উইসকনসিনের অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বেঞ্জামিন প্রক্টর মামলাটি পরিচালনা করছেন; তবে আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreডার্ক ওয়েবের অপরাধী ফোরামগুলোতে চুরি করা ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে ২১ বছর বয়সী কসোভোর নাগরিক হেক্টর অ্যাভডিলিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ব্র্যাড ডি. শিমেল এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২০ নভেম্বর উইসকনসিনের মিলওয়াকিতে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক উইলিয়াম ই. ডাফিনের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার চলাকালীন কারাগারে আটক রাখার নির্দেশ দেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে মিলওয়াকির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে ওয়্যার ফ্রড, অ্যাক্সেস ডিভাইস ফ্রড এবং গুরুতর পরিচয় চুরিসহ (অ্যাগ্রাভেটেড আইডেন্টিটি থেফট) মোট আটটি ধারায় অভিযোগ গঠন করেছিল। আদালতের নথিপত্র অনুযায়ী, অ্যাভডিলি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে অনলাইন অপরাধী ফোরামগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে চুরি করা ক্রেডিট কার্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য বিক্রি করতেন, যা ব্যবহার করে ক্রেতারা আর্থিক প্রতারণা চালাতে পারত। ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন শপিং ওয়েবসাইট থেকে গোপনে এসব তথ্য চুরি করার দাবি করেছিলেন তিনি। তদন্তের অংশ হিসেবে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ছদ্মবেশে ওই বিক্রেতার কাছ থেকে ২৭ হাজারেরও বেশি চুরি করা ক্রেডিট কার্ড নম্বর ও ব্যক্তিগত তথ্য ক্রয় করে। ওই তথ্যভান্ডারে ভুক্তভোগীদের ক্রেডিট কার্ড নম্বর, কার্ড ভেরিফিকেশন ভ্যালু (সিভিভি), নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে উইসকনসিনের প্রায় ৩০০ বাসিন্দার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে নিবিড় তদন্তের মাধ্যমে এফবিআই বিক্রেতাকে কসোভোর নাগরিক হেক্টর অ্যাভডিলি হিসেবে শনাক্ত করে এবং এফবিআই ও মার্কিন বিচার বিভাগের অনুরোধে ২০২৬ সালের জুলাই মাসে কসোভো কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার হওয়া অ্যাভডিলির একটি হার্ড ড্রাইভ থেকে তদন্তকারীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও গিফট কার্ডসহ প্রায় ২৭ লাখ পেমেন্ট কার্ডের নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য খুঁজে পান। এ বিষয়ে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ব্র্যাড ডি. শিমেল বলেন, দুর্ভাগ্যবশত বিদেশি চক্রের মাধ্যমে মার্কিন ভোক্তাদের পরিচয় ও আর্থিক তথ্য চুরির ঘটনা প্রতিদিন অসংখ্যবার ঘটছে, যার ফলে ভোক্তাদের শত শত কোটি ডলার ক্ষতি হচ্ছে। বিপুল পরিমাণ পেমেন্ট কার্ডের তথ্যসহ অভিযুক্ত এক বিদেশি সাইবার অপরাধীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে আসা একটি ব্যতিক্রমী সাফল্য বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে এফবিআই মিলওয়াকি ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ অ্যালান কার জানান, উইসকনসিনসহ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রতারণার সুযোগ করে দেওয়া এই সাইবার অপরাধ চক্রটি ভাঙতে এফবিআই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কাজ করেছে। দেশে ও বিদেশে সাইবার অপরাধীদের দমনে এফবিআইয়ের এই অভিযান অব্যাহত থাকবে এবং ন্যায়বিচারের কোনো সীমানা নেই বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মামলাটির তদন্ত করেছে এফবিআই মিলওয়াকি ফিল্ড অফিস এবং কসোভো থেকে অ্যাভডিলিকে গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করেছে মার্কিন বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও কসোভো কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁকে যুক্তরাষ্ট্রে পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউএস মার্শালস সার্ভিস। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব উইসকনসিনের অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বেঞ্জামিন প্রক্টর মামলাটি পরিচালনা করছেন; তবে আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
নিষেধাজ্ঞা এড়িয়ে ১৫ বিলিয়ন ডলারের লেনদেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত যুক্তরাষ্ট্রের
রঙ ফর্সা হওয়ার ক্রিমের কারণে গুরুতর কিডনি রোগ! তদন্ত শুরু ভারতে
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ ইরানের আদালতের
ভুল করেছেন, কিন্তু যার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন, তাঁর মুখোমুখি হতে অস্বস্তি বোধ করছেন। এমন পরিস্থিতিতে আপনার হয়ে ক্ষমা চাইতে পারেন অন্য কেউ। জাপানে রয়েছে বিশেষ ধরনের প্রতিষ্ঠান, যেখানে টাকা দিয়ে পেশাদার কর্মী নিয়োগ করা যায়। তাঁরা গ্রাহকের হয়ে সরাসরি দেখা করে, ফোনে কিংবা ইমেইলে ক্ষমা চেয়ে থাকেন। দেশটিতে এই সেবা পরিচিত ‘অ্যাপোলজি এজেন্সি’ বা ক্ষমা প্রার্থনার সংস্থা নামে। জাপানি ভাষায় এ ধরনের সেবাকে বলা হয় ‘শাজাই দাইকো’। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে শুরু করে কর্মক্ষেত্রের বিরোধ, ব্যবসায়িক ভুল কিংবা অর্থসংক্রান্ত সমস্যায় ক্ষমা চাওয়ার জন্য এসব প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া যায়। জাপানি সংবাদমাধ্যম সোরানিউজ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব সংস্থার কর্মীরা শুধু ক্ষমা চাওয়ার বার্তা পৌঁছে দেন না। পরিস্থিতি বুঝে কীভাবে কথা বলতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কীভাবে ক্ষুব্ধ ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করা যায়, সে অনুযায়ী কাজ করেন। কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকের আত্মীয়, অভিভাবক কিংবা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার ভূমিকায়ও উপস্থিত হন সংস্থার কর্মীরা। বিশেষ করে সম্পর্ক ভেঙে যাওয়া, কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা বিব্রতকর পরিস্থিতিতে এ ধরনের সেবার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে এই সেবা বিনামূল্যে পাওয়া যায় না। কাজের ধরন, পরিস্থিতির জটিলতা এবং ক্ষমা চাওয়ার পদ্ধতি অনুযায়ী নির্ধারিত হয় খরচ। ২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, জাপানের শাজাইয়া আইগা প্রো নামের একটি প্রতিষ্ঠান সরাসরি উপস্থিত হয়ে ক্ষমা চাওয়ার জন্য ২৫ হাজার ইয়েন এবং ফোন বা ইমেইলে ক্ষমা চাওয়ার জন্য ১০ হাজার ইয়েন নিত। অন্য একটি প্রতিষ্ঠান ঘণ্টাপ্রতি সাড়ে তিন হাজার ইয়েনেও সেবা দেওয়ার কথা জানিয়েছিল। তবে সময়ের সঙ্গে এসব সেবার খরচও পরিবর্তিত হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে জাপানের সংবাদমাধ্যম আবেমা টাইমসের এক প্রতিবেদনে আইগা প্রোর প্রতিনিধিরা জানান, তাঁদের প্রতিষ্ঠানে ফোন বা লিখিত বার্তার মাধ্যমে ক্ষমা চাওয়ার খরচ ১০ হাজার ইয়েন থেকে শুরু হয়। সরাসরি গিয়ে ক্ষমা চাইতে প্রয়োজন হয় অন্তত ৫০ হাজার ইয়েন। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত খরচও যুক্ত হতে পারে। এমনকি বিশেষ পরিস্থিতিতে কান্নার মাধ্যমে অনুশোচনা প্রকাশ করার সেবার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইয়োকোহামা বেনরিয়া নাচ্চান নামের একটি প্রতিষ্ঠান অতীতে এমন সেবা দেওয়ার কথা জানিয়েছিল। বিশেষ করে অত্যন্ত ক্ষুব্ধ ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এ ধরনের পদ্ধতি ব্যবহার করা হতো বলে দাবি করা হয়। ২০১৪ সালের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এসব সেবার গ্রাহকদের প্রায় ৪০ শতাংশ ছিলেন ২০ থেকে ৪০ বছর বয়সী নারী। অর্থসংক্রান্ত বিরোধ এবং প্রেমের সম্পর্কের জটিলতা ছিল সেবা নেওয়ার উল্লেখযোগ্য কারণ। তবে এটি পুরোনো তথ্য। বর্তমানে এসব প্রতিষ্ঠানের গ্রাহকদের বয়স ও লিঙ্গভিত্তিক কোনো সামগ্রিক পরিসংখ্যান পাওয়া যায়নি। জাপানে এ ধরনের সেবা শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে কোনো ভুলের কারণে বিরোধ তৈরি হলে তৃতীয় পক্ষের মাধ্যমে ক্ষমা চাওয়ার ব্যবস্থাও রয়েছে। ২০২৪ সালে আবেমা টাইমসকে আইগা প্রোর এক প্রতিনিধি জানান, নির্ধারিত সময়ে কোনো পণ্য বা সেবা সরবরাহ করতে না পারা কিংবা গুরুত্বপূর্ণ সাক্ষাতের কথা ভুলে যাওয়ার মতো পরিস্থিতিতেও ব্যবসায়িক গ্রাহকেরা তাঁদের সহায়তা নেন। জাপানে ক্ষমা চাওয়াকে সামাজিক ও পেশাগত সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। ভুল স্বীকার এবং অনুশোচনা প্রকাশের সামাজিক প্রত্যাশা থেকেই এ ধরনের সেবার চাহিদা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বক্তব্য। তবে অন্যের মাধ্যমে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্নও রয়েছে। বিশেষ করে গ্রাহকের পরিবর্তে অন্য কেউ অনুশোচনা প্রকাশ করলে সেই ক্ষমা কতটা আন্তরিক, তা নিয়ে বিতর্ক রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সরাসরি মুখোমুখি হওয়ার পরিবর্তে তৃতীয় পক্ষের উপস্থিতি উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। সব মিলিয়ে জাপানের এই ব্যতিক্রমী সেবা দেখাচ্ছে, ব্যক্তিগত অস্বস্তি কিংবা সামাজিক জটিলতা সামলানোর জন্যও দেশটিতে গড়ে উঠেছে আলাদা ব্যবসা। যেখানে শুধু একটি ক্ষমা চাওয়ার জন্যই খরচ হতে পারে কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার ইয়েন। সূত্র: সোরানিউজ২৪
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া, প্রকাশ্যে এলো নতুন তথ্য
দক্ষিণ কোরিয়ার তরুণদের মধ্যে বাড়ছে ইসলাম জানার আগ্রহ, মুসলিম হচ্ছেন অনেক কোরীয়
ইরানের বন্দর ও উপকূল ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় ‘সব উপায়’ ব্যবহারের কথা জানিয়েছে তেহরান। সোমবার (২৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা তিনি স্পষ্ট করেননি। যুক্তরাষ্ট্র প্রথমে গত ১৩ এপ্রিল ইরানসংশ্লিষ্ট তেল রপ্তানির ওপর নৌ অবরোধ আরোপ করে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতার পর জুনে তা প্রত্যাহার করা হয়। আলোচনা ভেঙে গেলে ১৪ জুলাই আবার অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। গত ১৮ নভেম্বরের এক নৌ নিরাপত্তা নির্দেশনায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, অবরোধ ইরানের সব বন্দর, তেল টার্মিনাল ও উপকূলীয় এলাকায় প্রযোজ্য। অনুমতি ছাড়া এসব এলাকায় যাওয়া বা সেখান থেকে বের হওয়ার সন্দেহ হলে জাহাজ থামানো, অন্য পথে পাঠানো কিংবা আটক করা হতে পারে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া জাহাজের হরমুজ প্রণালি দিয়ে চলাচল এই অবরোধের আওতায় পড়ে না। নৌ চলাচলবিষয়ক যৌথ তথ্যকেন্দ্র জেএমআইসি পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় নিরাপত্তাঝুঁকি ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের নতুন বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে। তবে ‘সব উপায়’ ব্যবহারের ঘোষণা থেকে নির্দিষ্ট কোনো সামরিক অভিযান শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না। সংবাদসূত্র রয়টার্স
লন্ডনে নদী থেকে ২০০ ব্যাগ বর্জ্য অপসারণ, মামলা না করে স্বেচ্ছাসেবীদের সতর্ক করল কর্তৃপক্ষ
বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে সব বোতলজাত পানির পরীক্ষা করার সিদ্ধান্ত ভারতে

