সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

বিশেষ প্রতিবেদন প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫১
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযান ও বুলডোজার ব্যবহারের ঘটনায় বাড়িঘর হারাচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে আসাম রাজ্যে সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিপুলসংখ্যক বাঙালি মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘটনায় শুধু বসতঘর নয়, মসজিদসহ বিভিন্ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের বৈধতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

 

সর্বশেষ ১৩ নভেম্বর আসামের লখিমপুর জেলার বোগিনাদি এলাকায় ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বসতি গড়া ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব পরিবারে প্রায় ৭০৪ জন সদস্য ছিলেন। অভিযানে একটি মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

 

বাসিন্দাদের অভিযোগ, তাঁদের পাশের এলাকায় বসবাসকারী অন্য সম্প্রদায়ের কিছু পরিবারের বাড়িঘর অক্ষত রাখা হলেও মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তাঁদের দাবি, ১৯৮৩ সালের সহিংসতার পর সরকার তাঁদের পরিবারগুলোকে ওই এলাকায় বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তবে প্রশাসনের বক্তব্য, জমিটি সরকারি এবং জনস্বার্থে ব্যবহারের জন্য খালি করা হচ্ছে।

 

এর আগে ১ নভেম্বর আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জ পার্ট-নাইন গ্রামে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। প্রায় ৬৫০ বিঘা সরকারি জমিতে এই অভিযান পরিচালিত হয়।

 

জেলা প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে সেখানে শিল্প পার্ক নির্মাণের জন্য জমি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের আগে বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের অনেকেই কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। কেউ কেউ জমির রাজস্ব পরিশোধের পুরোনো রসিদও দেখিয়েছেন। উচ্ছেদের পর অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে, অস্থায়ী ঘরে কিংবা রাস্তার পাশে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

 

এ ছাড়া অক্টোবর মাসে আসামের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় দুই দিনের উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখলমুক্ত করার কথা বলে এসব অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, তাঁদের পরিবার কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে।

 

সংবাদমাধ্যম স্ক্রলের সংকলিত সরকারি তথ্য অনুযায়ী, আসামে গত ১০ বছরে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের অধিকাংশই মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার ভোপাখেড়ি গ্রামে ১৪ নভেম্বর তিনটি বাড়ি ভেঙে দেয় প্রশাসন। বাড়িগুলোর মালিকদের মধ্যে দুটি মুসলিম পরিবার এবং একটি আদিবাসী পরিবারের সদস্য ছিলেন। অভিযানে ২৫০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

 

প্রশাসনের দাবি, বাড়িগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং নোটিশ দেওয়ার পর উচ্ছেদ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় প্রায় ২০০টি বাড়ি থাকলেও বেছে বেছে তিনটি বাড়ি ভাঙা হয়েছে। তাঁদের দাবি, ১৯৯৬-৯৭ সাল থেকে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সেখানে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় নির্বাচিতভাবে উচ্ছেদ পরিচালনার অভিযোগ উঠেছে।

 

ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার বিষয়টি নিয়ে আগেও দেশটির সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া যায় না। উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ নোটিশ, জবাব দেওয়ার সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

 

এদিকে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আসামের গোয়ালপাড়া জেলায় ৭৩টি বাঙালি মুসলিম পরিবারের বাড়ি ভাঙার ঘটনায় গৌহাটি হাইকোর্ট প্রশাসনের পদক্ষেপকে প্রাথমিকভাবে বেআইনি ও অননুমোদিত বলে পর্যবেক্ষণ করেন। আদালত বলেন, ব্যক্তিগত কৃষিজমিতে বাড়িঘর ভাঙার আগে বাসিন্দাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া এবং জরুরি বিপদের যথাযথ কারণ দেখাতে না পারা গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে।

 

আসাম সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, এসব অভিযান কোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। সরকারি জমি, বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার অবৈধ দখল উচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং উচ্ছেদের ক্ষেত্রে সমান আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের আলোচনায়ও প্রশ্ন উঠছে, সরকারি জমি উদ্ধার করতে গিয়ে সাধারণ মানুষের বসতবাড়ি ভাঙার আগে যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবিক পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে কি না। সংবাদসূত্র: ভারতের সুপ্রিম কোর্ট, দ্য ইন্ডিপেনডেন্ট।874 এসকিউ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ বা জাতীয় সংকটের সময় তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে নিয়োজিত করার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত ব্যাপক পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ, দ্য টাইমস ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থল, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে প্রাপকদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে।   পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়াও রয়েছে।   ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে যুক্তরাজ্য অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে।   এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে যুদ্ধে জয়লাভের প্রস্তুতি নেওয়াকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।   বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার।   তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো পুনরায় সামরিক দায়িত্বে ফিরতে হবে না। এই চিঠি কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়। সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ঘোষণাও দেওয়া হয়নি।    সূত্র: স্কাই নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:১৬
স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতের বিহার রাজ্যের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে লাখো মানুষের সমাগমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার (২৫ নভেম্বর) পাটনা জেলার নদওয়ান গ্রামে আয়োজিত এই বিয়েকে কেন্দ্র করে ১০ কিলোমিটারের বেশি সড়কে যানবাহন আটকে পড়ে। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালও স্থগিত করা হয়।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বিয়েতে সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত সিং। স্থানীয় হিসাব অনুযায়ী, অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। তবে উপস্থিতির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।   বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ঘোড়া ও ঘোড়সওয়াররা অংশ নেন। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মাহিন্দ্রা থার গাড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল মোটরসাইকেল ও স্কুটার।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘোড়দৌড় দেখতে জীবনের ঝুঁকি নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে উঠেছেন বহু দর্শক। অনেকে আশপাশের গাছেও উঠে পড়েন। একপর্যায়ে দর্শকদের ভিড় প্রতিযোগিতার মাঠে ঢুকে পড়লে নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা খেলা বন্ধ করে দেন। ফাইনাল ২৬ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।   অন্যদিকে, তীব্র যানজটে আটকা পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও। বরযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই গাড়ি ছেড়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন।   ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে অতিথিদের জন্য দেড় শতাধিক পদের খাবারের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয় পাঁচটি হেলিপ্যাড। অনুষ্ঠানে রাজনৈতিক ও বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।   অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে ঋষিকেশ কুমারের। তিনি ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংয়ের ছেলে। জমকালো আয়োজনের পাশাপাশি নজিরবিহীন জনসমাগম ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়েটি ভারতজুড়ে আলোচনায় এসেছে। সূত্র: India News   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৬
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

মিসরের একটি গ্রামে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে স্বাভাবিক জীবন এখনো অধরা। কয়েক দশক ধরে দেশটিতে বসবাস করলেও তাঁদের অনেকেই নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এই অনিশ্চয়তা শুধু একটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই; পরিবারের পরবর্তী প্রজন্মও একই পরিস্থিতির মধ্য দিয়ে বড় হচ্ছে।   বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে প্রায় চার হাজার ফিলিস্তিনির বসবাস। তাঁদের অনেকের পূর্বপুরুষ ১৯৪৮ সালে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়ে মিসরে আশ্রয় নিয়েছিলেন। গ্রামটির ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন সেই সময়ের জীবিত প্রত্যক্ষদর্শীদের একজন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাতের সময় তাঁর পরিবার দক্ষিণ ফিলিস্তিনের বিরশেবা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। পালানোর সময় কয়েক দিন খাবার ও পানি ছাড়া পথ চলতে হয়েছিল তাঁদের। সেই যাত্রায় নিজের মাকেও হারান তিনি।   ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের এই বাস্তুচ্যুতির ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন। প্রায় আট দশক পেরিয়ে গেলেও সেই বাস্তুচ্যুতির প্রভাব কাটেনি শাম্মার পরিবারের। তাঁর সন্তান, নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্মের অনেকেই মিসরেই জন্মেছেন। কিন্তু সরকারি কাগজপত্রের ক্ষেত্রে তাঁদের এখনো বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।   গ্রামটির ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, তাঁর নিজের জন্ম মিসরে, তাঁর বাবার জন্মও মিসরে। এমনকি তাঁর সন্তানদেরও জন্ম এই দেশে। তারপরও সরকারি নথিপত্রে তাঁকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়। তিনি জানান, বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য ডলারে ফি পরিশোধ, সন্তানদের শিক্ষার খরচ এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবারকে কঠিন আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। আর্থিক সংকটের কারণে মেধাবী মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্নও পূরণ করতে পারেননি তিনি।   একই গ্রামের ২৫ বছর বয়সী ফারিদ খালেদ আল-নামুলির জীবনেও রয়েছে এমন অভিজ্ঞতা। পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁকে উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিতে হয়েছে। পরে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি।ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের কর্মকর্তা লুবনা শোমালির মতে, এ ধরনের সমস্যার মুখোমুখি শুধু গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দারাই নন। মিসরের বিভিন্ন এলাকায় বসবাসরত ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যেও একই ধরনের সংকট রয়েছে।   গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর আরও বহু ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। মিসরের সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের শাসনামলে দেশটিতে বসবাসরত ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলক বেশি সুযোগ পেতেন। তবে ১৯৭৮ সালে ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর তাঁদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর হতে থাকে।   মিসরের পরবর্তী সরকারগুলো ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের মিসরের নাগরিকত্ব দেওয়া হলে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, মিসরীয় কর্মকর্তারা বিভিন্ন সময়ে জানিয়েছেন, দেশটি ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে মিসর।   তবে গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দাদের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া হলো সন্তানদের ভালোভাবে পড়াশোনা করানো, সম্মানজনক কর্মসংস্থান পাওয়া এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন এখনো নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা ছাড়েননি। তাঁর কাছে ফিলিস্তিন শুধু পূর্বপুরুষের স্মৃতি নয়, হারিয়ে যাওয়া নিজের জীবনেরও একটি অংশ। সংবাদসূত্র: বার্তা সংস্থা এএফপি। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:২৯
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...