নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে ভারতের কেরালার তরুণ এআই উদ্যোক্তা রাউল জন আজু। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ পুতিনের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পায় সে। পরে সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে রাউলের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, পুতিনের কাছে গিয়ে তাঁর সঙ্গে হাত মেলায় রাউল। পরে দুজন একসঙ্গে ছবিও তোলেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেয়েছে সে।
ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে রাউল লিখেছে, নয় বছর বয়সে নিছক আনন্দের জন্য ভিডিও তৈরি করা থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলা পর্যন্ত তার এই যাত্রা ছিল কল্পনারও বাইরে। জীবনে এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে সে।
ভারতে ‘এআই কিড অব ইন্ডিয়া’ নামে পরিচিত রাউল ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী। মাত্র নয় বছর বয়সে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রযুক্তি জগতের সঙ্গে তার পরিচয় ঘটে। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায় সে। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের অংশ হিসেবে ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করে রাউল।
বর্তমানে নিজের প্রযুক্তি উদ্যোগ ‘এআই রিয়েলম টেকনোলজিস’-এর মাধ্যমে বিভিন্ন এআই টুল ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করছে সে। এর মধ্যে রয়েছে থিংকক্রাফট ও রেসকিউ এআই। প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ জন কর্মী কাজ করছেন। এআই প্রযুক্তি তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
রাউলের ব্যক্তিগত জীবনের একটি বিষয়ও বেশ আলোচনায় এসেছে। সাধারণত সন্তানেরা বাবার কাছে হাতখরচ চাইলেও তার ক্ষেত্রে চিত্রটি উল্টো। রাউলের বাবা অজু জোসেফ ছেলের প্রতিষ্ঠানে কর্মরত এবং মাসে দুই লাখ ভারতীয় রুপি বেতন পান। এর আগে তিনি অ্যামাজন, অ্যাডোবি, উইপ্রো ও আইবিএমের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন।
নিজের বাবাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাউল বলেছে, ফোনের মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব হলেও বাবার দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা ফোন থেকে পাওয়া সম্ভব নয়। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিষয়টি প্রতিষ্ঠানের বিপণনের জন্যও সহায়ক বলে মজা করে জানিয়েছে সে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সংবাদ বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের প্রযুক্তি যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিল রাউল। একই মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।
এদিকে ২৬ থেকে ২৮ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে এআই জার্নি ২০২৬। এতে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও সেলফি প্রকাশের মধ্য দিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে কেরালার এই তরুণ উদ্যোক্তা।
সূত্র: এনডিটিভি
871-এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreভারতের মূলধারার প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং সাইটে নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে পাকিস্তানি নাটক ও সংগীতের জনপ্রিয়তা থামছে না। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), সামাজিক যোগাযোগমাধ্যম এবং গোপন বা ঘরোয়া স্ক্রিনিংয়ের মাধ্যমে ভারতীয় দর্শকেরা এসব কনটেন্ট দেখছেন এবং আলোচনা করছেন। সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি স্ক্রিনিং আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজিত ওই ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিতে ৭০০টির বেশি আবেদন জমা পড়ে। নাটকটির মূল চরিত্র ‘আবু বকর’কে ঘিরে ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহান্তে ক্লিপ আদান-প্রদান ও আলোচনায় মেতে উঠছেন দর্শকেরা। উর্দু প্রবাদের আদলে ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ (ধৈর্যের ফল নয়, আবু বকর চাই)—এমন স্লোগানও জনপ্রিয় হয়ে উঠেছে ভক্তদের মাঝে। জনপ্রিয়তা বাড়লেও প্রশাসনের নজরদারিও চলছে সমানতালে। পোস্টার দেখে জানতে পারার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে নির্ধারিত অন্তত দুটি স্ক্রিনিং বাতিল করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। স্বল্পস্থায়ী চার দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও জাতীয় নিরাপত্তার যুক্তিতে ২০২৫ সালের মে মাস থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ করে নয়াদিল্লি। সম্প্রতি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ নিয়েও আপত্তি ও নিষেধাজ্ঞার চাপ তৈরি হয়েছে। তবে প্রযুক্তিগত বাস্তবতায় এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী ইউটিউবে পাকিস্তানি চ্যানেলগুলো জিও-ব্লক করা হলেও ভিপিএন ব্যবহার করে কিংবা ডাউনলোডের পর স্থানীয় অ্যাকাউন্ট থেকে পুনরায় আপলোডের মাধ্যমে দর্শকেরা কনটেন্টগুলো দেখছেন। পর্যবেক্ষক সংস্থা টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়। পাকিস্তানি বিনোদন মাধ্যম এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জিরজিস সেজা জানান, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতের। তাঁর মতে, বর্তমান সময়ে কনটেন্টে প্রবেশ কঠিন করা গেলেও তা পুরোপুরি বন্ধ করা যায় না। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো নাটকও ভারতে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। আয়োজক ও বিশ্লেষকদের মতে, গল্প বলার ধরন, বাস্তবসম্মত উপস্থাপনা এবং সাংস্কৃতিক সাদৃশ্য ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে। দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা মনে করেন, ডিজিটাল মাধ্যমে কনটেন্টের সহজলভ্যতা প্রচলিত ধারণা ভাঙতে সহায়তা করছে। অন্যদিকে পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মন্তব্য করেন, প্রযুক্তির অগ্রগতির যুগে সীমান্ত ও নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ে এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেও সংস্কৃতি একটি বড় সংযোগসূত্র হিসেবে কাজ করছে। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!
নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল
কানাডার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অস্ত্রোপচার, চিকিৎসা পদ্ধতি, ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে অন্তত ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে। গবেষণা সংস্থা সেকেন্ড স্ট্রিট ডট অর্গ এর নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির ২৫ নভেম্বর প্রকাশিত ‘ডাইড অন আ ওয়েটিং লিস্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে হিসাব করলে এ ধরনের নথিভুক্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৯২-এর বেশি। প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে অস্ত্রোপচার ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতির অপেক্ষায় থাকা ৫ হাজার ৯৩১ জন এবং ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসাসংক্রান্ত অপেক্ষার তালিকায় থাকা ২৩ হাজার ৫৩৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে দেশটির সব স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের তথ্য নিয়মিত সংগ্রহ বা প্রকাশ করে না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। প্রাদেশিক হিসাবের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে কুইবেকে। সেখানে ১১ হাজার ৫৪৮ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। অন্টারিওতে এ সংখ্যা ১০ হাজার ৩৭৬ এবং ব্রিটিশ কলাম্বিয়ায় ৪ হাজার ৩৬৫। তবে বিভিন্ন প্রদেশের তথ্য সংগ্রহের পদ্ধতি ও পরিধিতে পার্থক্য থাকায় এসব সংখ্যার সরাসরি তুলনা সতর্কতার সঙ্গে করতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় অস্ত্রোপচারের অপেক্ষার তালিকায় মৃত্যুর সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডায়াগনস্টিক স্ক্যানের অপেক্ষায় মৃত্যুর সংখ্যা কমেছে ২ দশমিক ৮ শতাংশ। যেসব স্বাস্থ্য কর্তৃপক্ষ দুই বছরেই তথ্য দিয়েছে, শুধু তাদের হিসাব তুলনা করলে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। তবে প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীর মৃত্যু হয়েছে বলেই চিকিৎসায় দেরি সরাসরি মৃত্যুর কারণ ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এতে হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারের মতো জীবনরক্ষাকারী চিকিৎসার পাশাপাশি চোখের ছানি বা হাড়ের অস্ত্রোপচারের মতো চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীদের মৃত্যুর তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। সেকেন্ড স্ট্রিট ডট অর্গের মতে, স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীদের মৃত্যুর তথ্য নিয়মিত সংগ্রহ, বিশ্লেষণ ও জনসমক্ষে প্রকাশ করা। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা এবং চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষার সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। সূত্র: সেকেন্ড স্ট্রিট ডট অর্গ 871-এসএ
সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম
মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই
ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন
যুক্তরাজ্যে কেনাকাটা করতে গিয়ে বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থী কামাক্ষী। তাঁর অভিযোগ, এক অপরিচিত ব্যক্তি হঠাৎ তাঁর শরীরের গন্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা তুলে ধরার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রকাশিত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ইনস্টাগ্রামে এক ভিডিওতে কামাক্ষী জানান, কেনাকাটার সময় এক অপরিচিত ব্যক্তি তাঁকে বলেন, ‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে।’ আকস্মিক এমন মন্তব্যে মানসিকভাবে আঘাত পান কামাক্ষী। ঘটনার পর সারাদিন অস্বস্তিতে ছিলেন তিনি। এমনকি জনসমক্ষে নিজেকে কীভাবে অন্যদের নজর থেকে আড়াল করে রাখা যায়, সেই চিন্তাও তাঁর মধ্যে তৈরি হয়েছিল। কামাক্ষীর ভাষ্য, যুক্তরাজ্যে বসবাসের সময় দৈনন্দিন জীবনে সূক্ষ্ম বৈষম্যমূলক আচরণের যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, এই ঘটনা তারই একটি উদাহরণ। তাঁর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সহমর্মিতা প্রকাশ করেছেন। নিজের সাংস্কৃতিক পরিচয় নিয়ে গর্ববোধ করার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অনেকে। ঘটনাটি বিদেশে বসবাসরত শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে তাঁদের সামাজিক অভিজ্ঞতাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ঘটনাটি সম্পর্কে কামাক্ষীর বক্তব্যের বাইরে স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি। সূত্র: ইন্ডিয়া ডটকম 871/এসএ
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার
নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

