- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রে একা আসা প্রায় ২৪ হাজার অভিবাসী শিশুর অভিবাসন আদালতে আইনি প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছে টেক্সাসভিত্তিক ছোট আইন প্রতিষ্ঠান বার্ক ল’ গ্রুপ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের শরণার্থী পুনর্বাসন দপ্তর প্রতিষ্ঠানটির সঙ্গে বছরে সর্বোচ্চ ১৫ কোটি ডলারের চুক্তি করেছে। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি যোগ্য শিশুদের আইনি পরামর্শ, আইনি দিকনির্দেশনা এবং আদালতে আনুষ্ঠানিক আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করবে। ফেডারেল রেজিস্টারে বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবারই এ–সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আগামী বছরের আগস্ট পর্যন্ত বার্ক ল’ গ্রুপ এই দায়িত্ব পালন করবে। নতুন এই চুক্তির মাধ্যমে একা যুক্তরাষ্ট্রে আসা শিশুদের আইনি সহায়তা দেওয়ার বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। এর আগে এই দায়িত্ব পালন করত অলাভজনক প্রতিষ্ঠান আকাসিয়া সেন্টার ফর জাস্টিস। গত শুক্রবার প্রতিষ্ঠানটির সঙ্গে শরণার্থী পুনর্বাসন দপ্তরের চুক্তির মেয়াদ শেষ হয়। এর আগে কয়েক মাস ধরে আকাসিয়া এবং তাদের সহযোগী বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের অর্থায়ন আটকে রেখেছিল ফেডারেল সরকার। আকাসিয়া এবং তাদের সহযোগী সংস্থাগুলো এতদিন প্রায় ২০ হাজার শিশুর আইনি প্রতিনিধিত্ব করেছে। নতুন দায়িত্ব পাওয়া বার্ক ল’ গ্রুপের আটটি কার্যালয়ে মোট কর্মী রয়েছেন মাত্র ২৬ জন। প্রতিষ্ঠানটি নিজেদের উচ্চঝুঁকির মামলা, পরিবেশ, নিয়ন্ত্রক ও করপোরেট আইন নিয়ে কাজ করা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিলেও তাদের ওয়েবসাইটে কোনো আইনজীবীর বিশেষজ্ঞতার তালিকায় অভিবাসন আইনের উল্লেখ নেই। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের মানবপাচারবিরোধী আইনের অধীনে একা দেশে আসা শিশুদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দীর্ঘদিন ধরে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান এ দায়িত্ব পালন করে আসছিল। প্রথমে ভেরা ইনস্টিটিউট ফর জাস্টিস এবং পরে আকাসিয়া সেন্টার ফর জাস্টিস এই কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে অলাভজনক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে ছিল। ২০২৫ সালে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ প্রথমে তাদের চুক্তি বাতিলের উদ্যোগ নেয়, যদিও আইনি প্রক্রিয়ার কারণে তা বাস্তবায়ন হয়নি। পরে শিশুদের সংবেদনশীল তথ্য সরকারের কাছে দেওয়ার দাবি জানিয়ে অর্থ প্রদান স্থগিত করা হয়। একই বছরের শেষ দিকে শরণার্থী পুনর্বাসন দপ্তর নতুন আইন প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার কাছ থেকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তাব আহ্বান করে। নতুন চুক্তিটি একক উৎসের সমঝোতা হিসেবে দেওয়া হলেও প্রয়োজন হলে বার্ক ল’ গ্রুপ অন্য আইন প্রতিষ্ঠান বা অলাভজনক সংস্থাকে উপঠিকাদার হিসেবে যুক্ত করতে পারবে। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে প্রতিষ্ঠানটির হাতেই।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্ট-ফুড চেইন সালাদ অ্যান্ড গো তাদের সব শাখা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, ৫ আগস্ট থেকে তাদের সব আউটলেটের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ২০১৩ সালে অ্যারিজোনার গিলবার্টে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির অ্যারিজোনা ও নেভাডা অঙ্গরাজ্যে মোট ৭০টি শাখা রয়েছে। এর মধ্যে টাকসন এলাকাতেই রয়েছে সাতটি শাখা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪ আগস্ট তারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের দেউলিয়া আইন অনুযায়ী চ্যাপ্টার ১১-এর অধীনে আবেদন করেছে। তবে পুনর্গঠনের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এক বিবৃতিতে সালাদ অ্যান্ড গো জানায়, ভোক্তাদের চাহিদা দীর্ঘদিন ধরে কমে যাওয়া, অতীতের ব্যবসায়িক সম্প্রসারণ-সংক্রান্ত চ্যালেঞ্জ এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি সংকট কাটিয়ে উঠতে পারেনি। এছাড়া জুলাই মাসে সাইক্লোস্পোরা সংক্রমণ নিয়ে পুরো শিল্পে যে আস্থার সংকট তৈরি হয়, সেটিও ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে ওই সংক্রমণের ঘটনায় সালাদ অ্যান্ড গো জড়িত ছিল না বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে। সালাদ অ্যান্ড গো-এর সহ-প্রতিষ্ঠাতা টনি ও রুশান ক্রিস্টোফেলিস ২০২১ সালে প্রতিষ্ঠানটি একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। পরে তারা অ্যাঞ্জিস গ্রিল নামে নতুন একটি রেস্তোরাঁ চেইন চালু করেন। তারা জানিয়েছেন, সালাদ অ্যান্ড গো বন্ধ হয়ে গেলেও অ্যাঞ্জিস গ্রিলের কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দুই প্রতিষ্ঠাতা বলেন, ১৩ বছর আগে সবার জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা সালাদ অ্যান্ড গো প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠানটির বর্তমান পরিণতি তাদের জন্য অত্যন্ত কষ্টের হলেও, কর্মী, গ্রাহক, সরবরাহকারী ও সমর্থকদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আরও বলেন, তাদের নতুন প্রতিষ্ঠান অ্যাঞ্জিস গ্রিলেও একই লক্ষ্য থাকবে—সব শ্রেণির মানুষের জন্য উন্নত মানের খাবার সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়া।
পেশাদার রেসলিংকে বিদায় জানালেন ডব্লিউডব্লিউইর ১০বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রক লেসনার। ৪৯ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, শুধু রেসলিং নয়, প্রতিযোগিতামূলক খেলাধুলার সব অধ্যায় থেকেই তিনি অবসর নিচ্ছেন। মঙ্গলবার ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে লেসনার আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের ঘোষণা দেন। তিনি জানান, গত শনিবার অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই সামারস্ল্যামে খেলা ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে রেসলম্যানিয়ার পরই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে শেষবারের মতো আরেকটি ম্যাচ খেলার ইচ্ছায় তিনি রিংয়ে ফিরেছিলেন। লেসনার বলেন, রেসলম্যানিয়ার পরই তার মনে হয়েছিল আর খেলা সম্ভব নয়। তবু নিজের ভেতরে কিছুটা শক্তি বাকি আছে মনে হওয়ায় শেষবারের মতো রিংয়ে নামেন। সামারস্ল্যামের সেই ম্যাচের পরই তিনি নিশ্চিত হন, এবার সত্যিই বিদায় বলার সময় এসেছে। দক্ষিণ ডাকোটার একটি খামারবাড়িতে বেড়ে ওঠা লেসনার ২০০০ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটার হয়ে এনসিএএ ডিভিশন-১ জাতীয় রেসলিং চ্যাম্পিয়ন হন। এরপর ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে ২০০২ সালে ডোয়েন ‘দ্য রক’ জনসনকে হারিয়ে প্রথম বিশ্ব শিরোপা জেতেন। ক্যারিয়ারে তিনি মোট ১০টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া দুটি রয়্যাল রাম্বল, কিং অব দ্য রিং এবং মানি ইন দ্য ব্যাংক জয়ের কৃতিত্বও রয়েছে তার। ২০১৪ সালে রেসলম্যানিয়ায় আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের অপরাজিত রেকর্ড ভেঙেও ইতিহাস গড়েন তিনি। রেসলিংয়ের বাইরে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগে মিনেসোটা ভাইকিংসের হয়ে সংক্ষিপ্ত সময় খেলেছেন। পরে মিশ্র মার্শাল আর্টসে নাম লিখিয়ে ২০০৮ সালে মাত্র চতুর্থ লড়াইয়েই ইউএফসির হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। ২০১৫ সালে এমএমএ থেকে অবসর নিলেও ২০১৬ সালে শেষবারের মতো একটি লড়াইয়ে অংশ নেন। অবসরের ঘোষণা দিয়ে লেসনার বলেন, একজন সাধারণ খামারবাড়ির ছেলে হয়েও বড় স্বপ্ন দেখেছিলেন তিনি। কঠোর পরিশ্রমই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। নতুন প্রজন্মকে স্বপ্ন ধরে রেখে নিরলস পরিশ্রম করার আহ্বানও জানান এই কিংবদন্তি তারকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে অস্ত্রসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের আগে ঘটে যাওয়া এ ঘটনায় ফেডারেল ও স্থানীয় সংস্থাগুলো যৌথভাবে তদন্ত চালাচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি গলফ ক্লাবের ভেতরে ছবি ও ভিডিও ধারণ করছিলেন এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে গুলিভর্তি একটি পিস্তল, অতিরিক্ত ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম জিনিন জন তাইলে। তার বয়স ৩৮ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার ডাউনি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি আড়াই লাখ ডলার জামিনে আটক রয়েছেন। আগামী ২৬ আগস্ট তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। ঘটনার পরদিন তার বাসায় তল্লাশি চালিয়ে আরও আগ্নেয়াস্ত্র, একটি নিবন্ধনবিহীন স্বল্প দৈর্ঘ্যের রাইফেল, গোলাবারুদ, বুলেট প্রতিরোধী জ্যাকেট, দুটি রেডিও সংকেত গ্রহণকারী যন্ত্র এবং উদ্বেগজনক বক্তব্য লেখা একাধিক নোটবুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিবন্ধনবিহীন স্বল্প দৈর্ঘ্যের রাইফেল রাখার অভিযোগে ফেডারেল মামলা করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজনের উদ্দেশ্য এখনো তদন্তাধীন। তবে প্রেসিডেন্টের সফরের আগেই তাকে আটক করায় সম্ভাব্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। তদন্তে এফবিআই, সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি শনাক্ত হয়নি বলে জানানো হয়েছে। সূত্র: এবিসি নিউজ
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আজ (১ আগস্ট) থেকে ক্রিপ্টোকারেন্সি এটিএম নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইনের আওতায় অঙ্গরাজ্যজুড়ে থাকা সব ক্রিপ্টো এটিএম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরিয়ে ফেলতে হবে। সাধারণ এটিএমের মতো দেখতে হলেও এসব মেশিনে নগদ অর্থ জমা দিয়ে তাৎক্ষণিকভাবে ক্রিপ্টোকারেন্সি কেনা যেত। ব্যবহারকারীরা নগদ অর্থ, ডেবিট কার্ড বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারতেন। অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা জানিয়েছেন, ক্রিপ্টো এটিএম ব্যবহার করে প্রতারণার ঘটনা ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে এসব মেশিনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতারণা কমেনি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মিনেসোটায় ক্রিপ্টো এটিএম-সংক্রান্ত ১৩৪টি অভিযোগ জমা পড়ে। এসব ঘটনায় ভুক্তভোগীদের মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ ডলার। এর মধ্যে শুধু ২০২৫ সালেই প্রায় ৭০টি প্রতারণার ঘটনায় প্রায় সাড়ে চার লাখ ডলার হারান ক্ষতিগ্রস্তরা। আইনপ্রণেতাদের শুনানিতে পুলিশ কর্মকর্তারা জানান, আর্থিক প্রতারণার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে এসব ক্রিপ্টো এটিএম। বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করেই প্রতারকরা এসব মেশিন ব্যবহার করছে। কর্তৃপক্ষের মতে, ক্রিপ্টোকারেন্সির লেনদেন খুব দ্রুত সম্পন্ন হয় এবং একবার অর্থ স্থানান্তর হয়ে গেলে তা ফিরিয়ে আনা বা আটকে দেওয়া অত্যন্ত কঠিন। এ কারণেই প্রতারণা কমাতে অঙ্গরাজ্যজুড়ে ক্রিপ্টো এটিএম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ব্যয়, শিক্ষাঋণের চাপ এবং দ্রুত ভালো আয়ের সুযোগের কারণে কারিগরি পেশার প্রতি আগ্রহ বাড়ছে জেন জেড প্রজন্মের তরুণদের মধ্যে। এক জরিপে দেখা গেছে, ২০২৬ সালে দেশটির জেন জেডের ৬০ শতাংশ তরুণ কারিগরি পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন। রিজিউম টেমপ্লেটসের এক জরিপের তথ্য সম্প্রতি নতুন করে আলোচনায় আসে, যখন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে। দীর্ঘদিন ধরে চার বছরের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে ভালো ক্যারিয়ারের প্রধান পথ হিসেবে দেখা হলেও এখন সেই ধারণায় পরিবর্তন আসছে। উচ্চশিক্ষার বাড়তি খরচ, শিক্ষাঋণের বোঝা এবং বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা বৃদ্ধির কারণে অনেক তরুণ বিকল্প পেশার দিকে ঝুঁকছেন। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অনেক কারিগরি পেশায় শুরুর দিকের শ্বেতপেশার চাকরির সমান, এমনকি কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি আয় করা সম্ভব। নির্মাণ ও খনি খাতের তদারককারী কর্মীদের মধ্যম বার্ষিক আয় ৭৬ হাজার ৭৬০ ডলার, যা তালিকার সর্বোচ্চ। স্বাস্থ্যসেবা খাতের কারিগরি পেশাগুলোর মধ্যেও ভালো আয়ের সুযোগ রয়েছে। অকুপেশনাল থেরাপি সহকারীরা বছরে গড়ে ৬৬ হাজার ৫০ ডলার এবং ফিজিক্যাল থেরাপি সহকারীরা ৬৫ হাজার ৫১০ ডলার আয় করেন। এ ছাড়া প্লাম্বার, পাইপফিটার ও স্টিমফিটারদের মধ্যম বার্ষিক আয় ৬২ হাজার ৯৭০ ডলার এবং ইলেকট্রিশিয়ানদের আয় ৬২ হাজার ৩৫০ ডলার। গরম ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্রযুক্তিবিদদের মধ্যম বার্ষিক আয় ৫৯ হাজার ৮১০ ডলার, কাঠমিস্ত্রিদের ৫৯ হাজার ৩১০ ডলার এবং নির্মাণ শ্রমিকদের ৪৬ হাজার ৫০ ডলার। পরিবহন খাতেও ভালো আয়ের সুযোগ রয়েছে। পরিবহন ও পণ্য পরিবহন তদারককারী কর্মকর্তাদের মধ্যম বার্ষিক আয় ৬০ হাজার ৫১০ ডলার, ভারী ট্রাকচালকদের ৫৭ হাজার ৪৪০ ডলার এবং বাস ও ট্রাকের যন্ত্রাংশ বিশেষজ্ঞদের ৫৮ হাজার ৯৭০ ডলার। বিশেষজ্ঞদের মতে, এসব পেশায় চার বছরের বিশ্ববিদ্যালয় ডিগ্রির পরিবর্তে শিক্ষানবিশ কর্মসূচি, সনদ কোর্স বা কমিউনিটি কলেজের প্রশিক্ষণের মাধ্যমে তুলনামূলক কম সময়ে কর্মজীবনে প্রবেশ করা যায়। জরিপে আরও দেখা গেছে, প্রতি চারজন শিক্ষার্থীর একজন মনে করেন, তাদের টিউশন ফি যথাযথ বিনিয়োগ নয়। একই সঙ্গে ৫৯ শতাংশ মার্কিন নাগরিকের মতে, বর্তমানে কলেজে পড়াশোনার খরচ তার সুফলের তুলনায় বেশি। তবে আয়, চাকরির সুযোগ এবং প্রশিক্ষণের ধরন অঞ্চল, অভিজ্ঞতা ও বিশেষায়নের ভিত্তিতে ভিন্ন হতে পারে।
যুক্তরাষ্ট্রে সরকারি ও কমিউনিটি পর্যায়ে এমন অনেক সেবা ও পণ্য রয়েছে, যা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তবে তথ্যের অভাব বা সচেতনতার ঘাটতির কারণে অনেক বাংলাদেশি পরিবার এসব সুবিধা গ্রহণ না করে অপ্রয়োজনীয়ভাবে অর্থ ব্যয় করছেন। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় কাউন্টি অফিস, পাবলিক লাইব্রেরি ও কমিউনিটি সংস্থাগুলোর সেবা সম্পর্কে জানলে বছরে হাজার হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। যোগ্য পরিবারগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর একটি হলো উইমেন, ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন প্রোগ্রাম। আয় নির্ধারিত সীমার মধ্যে থাকলে গর্ভবতী নারী, নবজাতক ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য দুধ, বেবি ফর্মুলা, ডিম, সিরিয়াল, ফলসহ বিভিন্ন পুষ্টিকর খাবার বিনামূল্যে দেওয়া হয়। অনেক অঙ্গরাজ্য ও স্থানীয় কমিউনিটিতে পরিচালিত ডায়াপার ব্যাংক থেকেও প্রয়োজনীয় পরিবারগুলো নিয়মিত বিনামূল্যে ডায়াপার ও ওয়াইপস সংগ্রহ করতে পারেন। একইভাবে অনেক ফায়ার ডিপার্টমেন্ট ও স্থানীয় স্বাস্থ্য সংস্থা যোগ্য পরিবারকে শিশুদের জন্য বিনামূল্যে কার সিট সরবরাহ করে এবং সঠিকভাবে স্থাপনের প্রশিক্ষণও দেয়। পাবলিক লাইব্রেরি শুধু বই ধার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক লাইব্রেরি সদস্যদের জন্য হটস্পট, ল্যাপটপ, মিউজিয়াম পাস, খেলনা, সেলাই মেশিন, এমনকি বিভিন্ন রান্নার সরঞ্জামও ধার দেওয়ার সুবিধা রয়েছে। কিছু লাইব্রেরিতে ‘সিড লাইব্রেরি’ থেকে মৌসুমি সবজির বীজও বিনামূল্যে সংগ্রহ করা যায়। যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে, তারা আইআরএসের ফ্রি ফাইল কর্মসূচি বা ভলান্টিয়ার ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্স, কেন্দ্রের মাধ্যমে বিনা খরচে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন। এতে বেসরকারি ট্যাক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না। গ্রীষ্মকালীন ছুটিতে অনেক স্কুল ডিস্ট্রিক্ট শিশুদের জন্য বিনামূল্যে খাবার ও সামার প্রোগ্রামের আয়োজন করে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচালিত ‘বাই নাথিং’ কমিউনিটি গ্রুপের মাধ্যমে ব্যবহৃত কিন্তু ভালো অবস্থার সোফা, খাট, স্ট্রলার, শিশুদের প্রয়োজনীয় সামগ্রীসহ নানা জিনিস বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন ফার্মেসি, হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য মেলায় বিনামূল্যে ফ্লু টিকা, রক্তচাপ পরীক্ষা এবং কিছু এলাকায় মৌলিক স্বাস্থ্যসেবা ও ডেন্টাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিভিন্ন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের রিটার্ন নীতির আওতায় নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ফেরত দিয়ে অর্থ ফেরত পাওয়ার সুযোগও রয়েছে। তবে এ সুবিধার শর্ত কোম্পানিভেদে ভিন্ন হয়। তাই কেনাকাটার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রিটার্ন নীতি যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কমিউনিটির অভিজ্ঞরা বলছেন, এসব সুবিধার যোগ্যতা, আয়সীমা ও সেবার ধরন অঙ্গরাজ্য, কাউন্টি এবং সিটি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই কোনো সুবিধা গ্রহণের আগে স্থানীয় কাউন্টি অফিস, পাবলিক লাইব্রেরি, স্কুল ডিস্ট্রিক্ট বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য যাচাই করা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টারকে ঘিরে একটি বিমান চলাচল নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ঘটনাটি ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে ঘটেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকেলে মেরিন ওয়ান হোয়াইট হাউস থেকে উড্ডয়ন করার সময় প্রেসিডেন্টের হেলিকপ্টার চলাচলের জন্য নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুযায়ী রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরের বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন তখনও বন্ধ করা হয়নি। বিষয়টি নিয়ে এফএএ খতিয়ে দেখছে, এতে বিমান চলাচলের নিরাপত্তা বিধিতে উল্লেখ থাকা ন্যূনতম দূরত্ব বজায় রাখার নিয়ম লঙ্ঘিত হয়েছিল কি না। এ নিয়ম অনুযায়ী, দুটি উড়োজাহাজের মধ্যে অন্তত ১ দশমিক ৫ মাইল অনুভূমিক এবং ৫০০ ফুট উল্লম্ব দূরত্ব থাকতে হয়। তবে এফএএ জানিয়েছে, প্রেসিডেন্টের হেলিকপ্টার এবং বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি বাণিজ্যিক উড়োজাহাজ বিপজ্জনকভাবে কাছাকাছি আসেনি এবং তারা একই গতিপথেও ছিল না। ফলে ঘটনাটি বড় ধরনের সংঘর্ষের ঝুঁকিতে পরিণত হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, মেরিন ওয়ান বিশ্বের অন্যতম দক্ষ বৈমানিকদের মাধ্যমে পরিচালিত হয় এবং পুরো ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের ঝুঁকির মধ্যে ছিলেন না। ২০২৫ সালের ২৯ জানুয়ারি রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং আমেরিকান এয়ারলাইনসের একটি আঞ্চলিক উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার পর থেকে ওই এলাকার হেলিকপ্টার ও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ কার্যকর রয়েছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার মঙ্গলবার শক্তিশালী ঊর্ধ্বগতিতে লেনদেন শেষ করেছে। তেলের দামে বড় পতন, প্রত্যাশার চেয়ে ভালো করপোরেট আয় এবং প্রযুক্তি খাতের উত্থানের প্রভাবে এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্স নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। লেনদেন শেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৭ হাজার ৭৩৬ দশমিক ৫২ পয়েন্টে পৌঁছে নতুন সর্বোচ্চ অবস্থান স্পর্শ করে। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট ২ দশমিক ৫৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬ হাজার ৫৮৪ দশমিক ৯৯ পয়েন্টে। ডাও জোন্স ৯০৭ দশমিক ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ বেড়ে রেকর্ড ৫৪ হাজার ৮৫ দশমিক ৮৮ পয়েন্টে লেনদেন শেষ করে। প্রযুক্তি খাতের শেয়ার প্রায় ৪ শতাংশ বেড়েছে। শিল্প ও উপকরণ খাতেও প্রায় ২ শতাংশ করে প্রবৃদ্ধি হয়েছে। আর্থিক খাত ১ শতাংশের বেশি এগিয়েছে, যেখানে গোল্ডম্যান স্যাকসের শেয়ারের দাম ৩ দশমিক ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয় তেলের দামে বড় পতনের পর। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে খুব শিগগিরই সমঝোতা হতে পারে। এর পর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ২০ ডলারে নেমে আসে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৬ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮৫ ডলারে। করপোরেট আয়ের ইতিবাচক ফলও বাজারকে চাঙা করেছে। প্যালান্টির টেকনোলজিস প্রত্যাশার চেয়ে ভালো দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ এবং পূর্ণ বছরের আয়ের পূর্বাভাস বাড়ানোর পর প্রতিষ্ঠানটির শেয়ার ২৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সেমিকন্ডাক্টর খাতেও শক্তিশালী উত্থান দেখা যায়। মাইক্রন টেকনোলজির শেয়ার ৭ দশমিক ৬ শতাংশ এবং মার্ভেল টেকনোলজির শেয়ার ১২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়। ক্যাটারপিলারও বাজার প্রত্যাশার চেয়ে ভালো প্রান্তিক ফল প্রকাশ করে এবং আয় বৃদ্ধির পূর্বাভাস বাড়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার সম্প্রসারণে যন্ত্রপাতির চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটির শেয়ার ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে অ্যামাজনের শেয়ার ২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রায় ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা করেছেন বলে নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করা নথিতে জানানো হয়। একই দিনে ইউরোপের শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। স্টক্স ইউরোপ ৬০০ সূচক ৬৫৬ দশমিক ৮৬ পয়েন্টে উঠে নতুন রেকর্ড গড়ে। জার্মানির ডিএএক্স, ফ্রান্সের সিএসি ৪০, ইতালির এফটিএসই এমআইবি ৩০, যুক্তরাজ্যের এফটিএসই ১০০ এবং স্পেনের আইবিইএক্স ৩৫ সূচকও দিনের লেনদেন শেষে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিয়ে বন্ধ হয়েছে। সূত্র: আনাদোলু
ক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির মার্কিন সিনেট প্রাইমারি নির্বাচনে ভোট গণনার শুরুতেই এগিয়ে রয়েছেন আবদুল এল-সায়েদ। মোট ভোটের ৪৪ শতাংশ গণনা শেষে তিনি কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্সের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবদুল এল-সায়েদ পেয়েছেন ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট। হেইলি স্টিভেন্স পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট। আর জুলাই মাসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম থাকা অঙ্গরাজ্যের সিনেটর ম্যালোরি ম্যাকমোরো পেয়েছেন ৩ দশমিক ৭ শতাংশ ভোট। এ পর্যন্ত গণনা হওয়া ভোটে দেখা গেছে, মিশিগানের সবচেয়ে জনবহুল ওয়েইন কাউন্টিতে হেইলি স্টিভেন্স এগিয়ে রয়েছেন। অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ এই কাউন্টিতে বসবাস করে। অন্যদিকে ওয়াশটেনো, ইনঘাম এবং কেন্ট কাউন্টিতে শক্ত অবস্থানে রয়েছেন আবদুল এল-সায়েদ। নির্বাচনের রাতেই ডেট্রয়েটে পৃথকভাবে সমর্থকদের নিয়ে ফলাফল পর্যবেক্ষণ করেন দুই প্রার্থী। ডেট্রয়েটের মাজেস্টিক থিয়েটারে সমর্থকদের সঙ্গে অবস্থান করেন আবদুল এল-সায়েদ। ভোটের হালনাগাদ ফলাফল বড় পর্দায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তিনি সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এ সময় জনপ্রিয় বামপন্থী অনলাইন ব্যক্তিত্ব ও স্ট্রিমার হাসান পাইকার, যিনি নির্বাচনী প্রচারণায় এল-সায়েদের সঙ্গে অংশ নিয়েছিলেন, সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন। অন্যদিকে হেইলি স্টিভেন্স ডেট্রয়েটের সেন্ট রেজিস হোটেলে অপেক্ষাকৃত ছোট পরিসরে নির্বাচন-রাতের কর্মসূচি পালন করেন। মার্কিন সিনেটের এই আসনটি চলতি নির্বাচনী বছরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাটদের জন্য আসনটি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের বাস্তবসম্মত সম্ভাবনা ধরে রাখতে এই আসনে জয় প্রয়োজন হতে পারে। নির্বাচনের শেষ দিকে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপেও প্রগতিশীল ধারা-সমর্থক এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সায়েদকে মধ্যপন্থী প্রার্থী হেইলি স্টিভেন্সের চেয়ে কয়েক শতাংশ পয়েন্ট এগিয়ে দেখানো হয়েছিল। তবে ভোট গণনা তখনও চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতার ফল নির্ধারণ হয়নি।
দুই বছর পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল আবাসিক জিপ কোডের তালিকায় শীর্ষস্থান হারিয়েছে ফ্লোরিডার মিয়ামির ফিশার আইল্যান্ড। এবার সেই অবস্থান দখল করেছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ছোট শহর অ্যাথারটন। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত উত্থান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের বিপুল সম্পদ বৃদ্ধিই এই পরিবর্তনের মূল কারণ। রিয়েল এস্টেট বিশ্লেষণ প্রতিষ্ঠান প্রপার্টিশার্ক এবং সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে অ্যাথারটনের (জিপ কোড ৯৪০২৭) বাড়ির মধ্যম বিক্রয়মূল্য প্রায় এক কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। সান মাতেও কাউন্টিতে অবস্থিত অ্যাথারটন সান হোসে শহর থেকে প্রায় ১৮ মাইল উত্তর-পশ্চিমে। দীর্ঘদিন ধরেই এটি প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং ধনকুবেরদের পছন্দের আবাসিক এলাকা। তবে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণের ফলে এলাকাটির সম্পত্তির মূল্য আরও দ্রুত বেড়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত অ্যাথারটনে ৩ কোটি ডলারের বেশি মূল্যের অন্তত পাঁচটি বাড়ি বিক্রি হয়েছে। ওপেনএআই, অ্যানথ্রপিক এবং স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানের কর্মীরা শেয়ার থেকে বড় অঙ্কের আর্থিক লাভের পর বিলাসবহুল বাড়ি কিনছেন, যা আবাসন বাজারে নতুন চাহিদা তৈরি করেছে। অ্যাথারটনের বাসিন্দাদের মধ্যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ড্রিসেন, হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জান কৌম এবং এনবিএ তারকা স্টিফেন কারিও রয়েছেন। অন্যদিকে, গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল জিপ কোড ছিল ফ্লোরিডার মিয়ামির ফিশার আইল্যান্ড (জিপ কোড ৩৩১০৯)। মহামারির সময় উচ্চ করের অঙ্গরাজ্য ছেড়ে দক্ষিণ ফ্লোরিডায় চলে আসা হেজ ফান্ড ব্যবস্থাপক, প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী এবং বিলিয়নিয়ারদের কারণে এলাকাটির সম্পত্তির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। ফিশার আইল্যান্ডে বসবাসকারীদের মধ্যে কেন গ্রিফিন, জেফ বেজোস এবং কার্ল আইকানের মতো ধনকুবেরদের নামও আলোচনায় এসেছে। বর্তমানে দ্বীপটি দ্বিতীয় স্থানে নেমে গেলেও এটি এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিলাসবহুল আবাসিক এলাকাগুলোর একটি। মাত্র ২১৬ একর আয়তনের এই ব্যক্তিগত দ্বীপে পৌঁছানো যায় শুধু ফেরি, ব্যক্তিগত ইয়ট বা হেলিকপ্টারের মাধ্যমে। এখানকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও প্রাসাদসম বাড়ির দাম কয়েক কোটি ডলার থেকে শুরু করে ৮ কোটি ৫০ লাখ ডলার পর্যন্তও পৌঁছায়। বাসিন্দাদের জন্য রয়েছে ব্যক্তিগত সৈকত, গলফ কোর্স, মেরিনা, কান্ট্রি ক্লাবসহ নানা উচ্চমানের সুযোগ-সুবিধা। যদিও এবার শীর্ষস্থান হারিয়েছে ফিশার আইল্যান্ড, তবুও দক্ষিণ ফ্লোরিডার অতিবিলাসবহুল আবাসন বাজারের শক্ত অবস্থান এখনো অটুট। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডলারের বেশি মূল্যের ১১টি আবাসিক সম্পত্তি বিক্রির মধ্যে সাতটিই ছিল ফ্লোরিডায়। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রে নতুন সম্পদ সৃষ্টির ভৌগোলিক কেন্দ্র কীভাবে বদলাচ্ছে, তারই প্রতিফলন। আগে যেখানে হেজ ফান্ড ও আর্থিক খাতের প্রভাব বেশি ছিল, এখন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উদ্যোক্তা ও প্রযুক্তিকর্মীরাই বিলাসবহুল আবাসন বাজারে নতুন চালিকাশক্তি হয়ে উঠছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে প্রবীণ নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত অন্তত ২২ লাখ ডলারের একটি প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাঠানো হতো। ফ্লোরিডার মিডল ডিস্ট্রিক্টের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি গ্রেগরি কিহো এক সংবাদ সম্মেলনে জানান, ইয়ংবো লি, হুয়াশান লু এবং ইউশিয়াং ঝাওকে ডাকযোগে প্রতারণার ষড়যন্ত্রের (Conspiracy to Commit Mail Fraud) অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা বিচারিক হেফাজতে রয়েছেন। প্রসিকিউটরদের দাবি, গ্রেপ্তার হওয়া তিনজনই যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছিলেন না। তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন। এছাড়া এ মামলায় অভিযুক্ত আরেক ব্যক্তি যুক্তরাষ্ট্র ও চীনের দ্বৈত নাগরিক বলে জানিয়েছেন গ্রেগরি কিহো। ৬৭ পৃষ্ঠার ফৌজদারি অভিযোগপত্রে বলা হয়েছে, ইয়ংবো লির নেতৃত্বে এই চক্রটি যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি অঙ্গরাজ্যের প্রবীণ ব্যক্তিদের ফোন ও বার্তার মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলত। পরে তাদের ভুয়া প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে বাধ্য করা হতো। সেই অর্থ পরবর্তীতে চীন এবং কিছু ক্ষেত্রে বাহরাইনে পাঠিয়ে দেওয়া হতো। এ মামলায় আরও তিনজন লিং ওয়াং, শৌশিন লুও এবং শিয়াওওয়েই লিন এখনও পলাতক। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, তারা বর্তমানে চীনে অবস্থান করছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে কি না, তা এখনো অনিশ্চিত। অভিযোগপত্রে এখন পর্যন্ত ২৮ জন ভুক্তভোগীর নাম রয়েছে। তবে তদন্তকারীরা জানিয়েছেন, প্রতিদিনই নতুন ভুক্তভোগীর সন্ধান মিলছে এবং প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। অভিযোগ অনুযায়ী, একজন ভুক্তভোগী একাই প্রায় ২ লাখ ৪০ হাজার ডলার হারিয়েছেন। তদন্তকারীদের হিসাবে, মোট প্রতারণার অর্থ অন্তত ২২ লাখ ডলার। গ্রেগরি কিহো বলেন, এই অর্থের বড় অংশই উদ্ধার করা কঠিন হবে। কারণ অর্থ বিভিন্ন দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে স্থানান্তর করা হয়েছে। তদন্তের সূত্রপাত হয় চলতি বছরের জুন মাসে। ইলিনয় অঙ্গরাজ্যের এক প্রবীণ নারী অনলাইনে প্রতারণার অভিযোগ দায়ের করলে অরল্যান্ডো পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। পরে অরল্যান্ডো পুলিশের আর্থিক অপরাধ দমন ইউনিট যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের সঙ্গে যৌথভাবে তদন্ত চালায়। তদন্তে অভিযুক্তদের একজনের নামে অরল্যান্ডোর একটি ইউপিএস স্টোরে নিবন্ধিত পোস্ট অফিস বক্সের সন্ধান পাওয়া যায়। পরে নজরদারির মাধ্যমে তদন্তকারীরা অভিযুক্তদের অরল্যান্ডোর একটি ব্যাংকে যাতায়াত করতে দেখেন এবং সেখান থেকে তদন্ত আরও এগিয়ে যায়। সংবাদ সম্মেলনে গ্রেগরি কিহো বলেন, প্রতারণার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ 'শূন্য সহনশীলতা' নীতি অনুসরণ করছে। তিনি বলেন, যেখানে প্রতারণা ঘটবে, সেখানেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, প্রতারণার শিকার ব্যক্তির অর্থ উদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত অভিযোগ জানানো। কারণ অর্থ একবার বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক হিসাবে স্থানান্তর হয়ে গেলে তা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অরল্যান্ডো পুলিশের প্রধান এরিক স্মিথও জনগণকে প্রতারণার শিকার হলে দ্রুত অভিযোগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ যদি মনে করেন তিনি প্রতারণার শিকার হয়েছেন বা সন্দেহজনক কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন, তাহলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত। মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, এই প্রতারণা চক্রটি কবে থেকে সক্রিয় ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
যুক্তরাজ্যের ওয়েলসে আর্থিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে নিজের মায়ের মরদেহ তিন বছরেরও বেশি সময় ধরে বাড়ির ফ্রিজারে লুকিয়ে রাখার ঘটনায় এক ব্যক্তিকে দুই বছরের বেশি কারাদণ্ড দিয়েছে আদালত। গ্রে নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী ক্রিস্টোফার ফিলিপস সোমবার আদালতে দুই বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন। এর আগে গত ২০ মার্চ তিনি একটি মৃতদেহের আইনসম্মত ও মর্যাদাপূর্ণ দাফন বা সৎকারে বাধা দেওয়া এবং মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগ স্বীকার করেন। তদন্ত অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সাউথ ওয়েলস পুলিশ সিলভিয়া ফিলিপস নামে এক বৃদ্ধার খোঁজ নিতে একটি বাড়িতে যায়। চিকিৎসকদের সঙ্গে ২০২২ সালের পর থেকে তার কোনো যোগাযোগ না থাকায় তার খোঁজখবর নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রিস্টোফার ফিলিপসের সঙ্গে কথা বলে। মায়ের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, তার মা পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে আছেন। তবে কোথায় আছেন বা কার সঙ্গে আছেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ফ্রিজারের ভেতরে সিলভিয়া ফিলিপসের মরদেহ উদ্ধার করে। কর্মকর্তারা জানান, মরদেহের ওপর ফুল রাখা ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, সিলভিয়া ফিলিপসের বয়স আশির কোঠায় ছিল। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আদালতে উপস্থাপিত তথ্যে বলা হয়, ক্রিস্টোফার ফিলিপস আর্থিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই মায়ের মৃত্যুর বিষয়টি গোপন রেখেছিলেন। যদিও প্রতিবেদনে তিনি ঠিক কী ধরনের আর্থিক সুবিধা নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। মামলার রায়ে আদালত উল্লেখ করেন, মৃত ব্যক্তির মরদেহ দীর্ঘ সময় গোপন রাখা এবং যথাযথভাবে দাফন বা সৎকারে বাধা দেওয়া গুরুতর অপরাধ। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাড়ি কিনলে শুধু ব্যাংকের মর্টগেজের কিস্তি পরিশোধ করলেই দায়িত্ব শেষ হয় না। অনেক আবাসিক কমিউনিটিতে বসবাসকারীদের জন্য হোমওনার্স অ্যাসোসিয়েশন (এইচওএ) এর নির্ধারিত মাসিক বা বার্ষিক ফি, বিশেষ মূল্যায়ন এবং বিভিন্ন জরিমানাও সময়মতো পরিশোধ করা বাধ্যতামূলক। এসব অর্থ দীর্ঘদিন বকেয়া থাকলে শুধু অতিরিক্ত আর্থিক চাপই নয়, চরম পরিস্থিতিতে নিজের বাড়িও হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। সম্প্রতি জর্জিয়া, ওহাইও, মেরিল্যান্ড ও নর্থ ক্যারোলাইনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে এইচওএর বকেয়া ফি, জরিমানা ও আইনি ব্যয়কে কেন্দ্র করে বাড়ির মালিকদের সঙ্গে বিরোধের একাধিক ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এসব ঘটনার পর এইচওএর ক্ষমতা এবং বাড়ির মালিকদের সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে আইনপ্রণেতারা এইচওএর ফোরক্লোজারের ক্ষমতা সীমিত করার বিষয়েও আলোচনা করছেন। হোমওনার্স অ্যাসোসিয়েশন বা এইচওএ হলো এমন একটি আবাসিক পরিচালনা সংস্থা, যা কমিউনিটির রাস্তা, পার্ক, সুইমিং পুল, ক্লাবহাউস, নিরাপত্তা, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন সাধারণ সুবিধার রক্ষণাবেক্ষণ করে। এসব সেবার ব্যয় মেটাতে বাড়ির মালিকদের কাছ থেকে নিয়মিত ফি আদায় করা হয়। পাশাপাশি কমিউনিটির নিয়ম ভঙ্গ করলে জরিমানাও আরোপ করা হতে পারে। হোম ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, কোনো বাড়ির মালিক এইচওএর নির্ধারিত ফি বা বৈধ জরিমানা দীর্ঘদিন পরিশোধ না করলে সংস্থাটি প্রথমে ওই সম্পত্তির বিরুদ্ধে ‘লিয়েন’ বা আইনি দাবি নিবন্ধন করতে পারে। এরপরও বকেয়া পরিশোধ না হলে অনেক অঙ্গরাজ্যের আইনে এইচওএ আদালতের মাধ্যমে ফোরক্লোজার প্রক্রিয়া শুরু করার সুযোগ পায়। তবে অনেক মর্টগেজ কর্মকর্তারা বলছেন, এইচওএর ফি বকেয়া থাকলেই যে সঙ্গে সঙ্গে বাড়ি ফোরক্লোজার হয়ে যাবে, বিষয়টি সব সময় এমন নয়। বেশির ভাগ ক্ষেত্রে প্রথমে একাধিক নোটিশ পাঠানো হয়। এরপর বিলম্ব ফি, সুদ, আদায় ব্যয়, আইনজীবীর ফি এবং আদালতের খরচ যোগ হতে থাকে। দীর্ঘদিন বিষয়টি উপেক্ষা করলে আর্থিক দেনা দ্রুত বেড়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত আইনি জটিলতায় রূপ নিতে পারে। অনেক ক্ষেত্রে শুরুতে কয়েকশ বা কয়েক হাজার ডলারের বকেয়া থাকলেও পরে সুদ, জরিমানা ও আইনি ব্যয় যোগ হয়ে মোট দেনা ১০ হাজার থেকে ২০ হাজার ডলার বা তারও বেশি হয়ে যেতে পারে। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, দীর্ঘমেয়াদি মানসিক চাপ ও আদালতের ঝামেলাও তৈরি হতে পারে। রিয়েল এস্টেট বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের ২০২৬ সালের মধ্যবর্তী ফোরক্লোজার প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে ফোরক্লোজার সংক্রান্ত নোটিশ ও আইনি কার্যক্রম গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। দুই বছর আগের তুলনায় এ হার ২৮ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির মতে, আবাসন ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপের কারণে অনেক বাড়ির মালিক আগের তুলনায় বেশি আর্থিক সংকটে পড়ছেন। এ ক্ষেত্রে রিয়েল্টররা পরামর্শ দিচ্ছেন, এইচওএ থেকে কোনো বকেয়া বা লিয়েনের নোটিশ পেলে তা কখনোই উপেক্ষা করা উচিত নয়। নোটিস ঠিক মতো যাচাই করে দ্রুত এইচওএর সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে বা কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা করে বড় ধরনের আইনি জটিলতা এড়ানো সম্ভব। যুক্তরাষ্ট্রে যারা এইচওএ নিয়ন্ত্রিত কমিউনিটিতে বাড়ি কিনতে চান, তাদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো শুধু বাড়ির দাম বা ব্যাংকের মর্টগেজের কিস্তি নয়, এইচওএর মাসিক বা বার্ষিক ফি, কমিউনিটির নিয়ম, জরিমানার নীতিমালা এবং বকেয়া থাকলে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেসব বিষয়ও আগে থেকেই ভালোভাবে জেনে নেওয়া। কারণ, অনেক সময় বাড়ির মালিকেরা মর্টগেজের কিস্তি নিয়মিত পরিশোধ করলেও এইচওএর নিয়ম বা ফি সম্পর্কে অসচেতন থাকার কারণে অপ্রত্যাশিত আর্থিক ও আইনি সমস্যার মুখে পড়েন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বেবিসিটারের বাড়িতে খেলতে গিয়ে খেলনা কিচেন সেটে আটকে এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিশুটির পরিবারে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কয়েক দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিশুটির নাম ব্রিয়েলা। গত ২৩ জুলাই ফ্লোরিডার বয়নটন বিচ শহরের মেডোজ অব বয়নটন বিচ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ২৭ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বয়নটন বিচ পুলিশ জানায়, ২৩ জুলাই সকাল ১১টার কিছু পর জরুরি নম্বরে একটি ফোন আসে। জানানো হয়, একটি শিশু শ্বাস নিচ্ছে না। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়। পরে ফায়ার রেসকিউ কর্মীরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন সংকটাপন্ন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। তদন্তকারীরা জানান, ঘটনার সময় ব্রিয়েলা ও তার এক ভাইবোন বেবিসিটারের বাড়িতে ছিল। পুলিশ বলছে, ওই সময় বেবিসিটার বাড়ির বাইরে ছিলেন এবং শিশুদের দেখাশোনার দায়িত্ব তার স্বামীর ওপর ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুরা নিচতলায় খেলছিল। এ সময় বেবিসিটারের স্বামী ওপরতলায় অবস্থান করছিলেন। তিনি মাঝেমধ্যে নিচে এসে শিশুদের খোঁজ নিচ্ছিলেন এবং তাদের জন্য খাবারও নিয়ে আসছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এক পর্যায়ে নিচে এসে তিনি দেখতে পান, ব্রিয়েলার মাথা একটি খেলনা কিচেন সেটের ভেতরে আটকে গেছে। তিনি দ্রুত শিশুটিকে বের করে এনে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে জরুরি সেবাকর্মীরা এসে চিকিৎসার দায়িত্ব নেন। শিশুটির সঙ্গে থাকা ভাইবোন তদন্তকারীদের জানিয়েছে, কিছু খেলনা ওই কিচেন সেটের ভেতরে পড়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেগুলো বের করার চেষ্টা করতে গিয়েই ব্রিয়েলা কিচেন সেটের ভেতরে আটকে পড়ে। এ ঘটনায় এখনো কারও বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। ব্রিয়েলার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে একটি অনলাইন তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে শিশুটিকে স্মরণ করে বলা হয়েছে, সে ছিল অত্যন্ত প্রাণবন্ত, স্নেহশীল ও হাসিখুশি একটি শিশু। তার হাসি চারপাশের মানুষকে আনন্দ দিত এবং অল্প সময়েই সে অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। পরিবার জানিয়েছে, সংগ্রহ করা অর্থ ব্রিয়েলার দাফন ও স্মরণানুষ্ঠানের ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। এদিকে পাম বিচ কাউন্টির মেডিকেল এক্সামিনারের দপ্তরের কাছে মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়ায় এইচ৫ (H5) বার্ড ফ্লুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটির অন্যতম পরিচিত ‘লিটল পেঙ্গুইন’ উপনিবেশ বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। স্বেচ্ছাসেবকদের আশঙ্কা, ভাইরাসটি মেলবোর্নের সেন্ট কিল্ডা সৈকতের পেঙ্গুইন উপনিবেশে পৌঁছালে সেখানে থাকা পেঙ্গুইনের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মারা যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় সম্প্রতি প্রথমবারের মতো বন্যপ্রাণীর মধ্যে বার্ড ফ্লুর কারণে ব্যাপক মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়ার কয়েক দিনের মধ্যেই এই সতর্কতা সামনে এসেছে। মেলবোর্নের সেন্ট কিল্ডা উপকূলে প্রায় ১ হাজার ৪০০টি ‘লিটল পেঙ্গুইন’ বাসা বেঁধে থাকে। প্রতিদিন সন্ধ্যায় শত শত দর্শনার্থী সৈকতে ভিড় করেন সমুদ্র থেকে এই ছোট আকারের পেঙ্গুইনগুলোর তীরে ফিরে আসার দৃশ্য দেখতে। ‘লিটল পেঙ্গুইন’ বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির পেঙ্গুইন। এদের উচ্চতা সাধারণত প্রায় ৩০ সেন্টিমিটার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে দেশটির সবচেয়ে বড় পেঙ্গুইন জনসংখ্যা রয়েছে। এর মধ্যে ফিলিপ আইল্যান্ডের উপনিবেশটি সবচেয়ে বড়। সেন্ট কিল্ডার স্বেচ্ছাসেবী সংগঠন আর্থকেয়ার সেন্ট কিল্ডার সভাপতি লানা অস্টিন বলেন, তাদের বর্তমান হিসাব অনুযায়ী উপনিবেশটির ২০ থেকে ৪০ শতাংশ পেঙ্গুইন মারা যেতে পারে। তবে এইচ৫ ভাইরাসটি পেঙ্গুইনের ওপর ঠিক কতটা প্রভাব ফেলে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর দেশটিতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত বন্য সামুদ্রিক পাখির মধ্যে এইচ৫ ভাইরাসের ৭৮টি সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সাতটি ঘটনা ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। সোমবার দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলের কাছে বাউডিন রকস দ্বীপে বার্ড ফ্লুর কারণে বন্যপ্রাণীর প্রথম গণমৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়। আকাশপথে নজরদারির সময় সেখানে প্রায় ৫০টি মৃত এবং ৩০টি অসুস্থ পাখি দেখা যায়। পরে পরীক্ষায় পাঁচটি গ্রেটার ক্রেস্টেড টার্ন ও একটি সিলভার গালের নমুনায় এইচ৫ ভাইরাস শনাক্ত হয়। এর কয়েক ঘণ্টা পর ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ নেলসনের কাছে গ্লেনেলগ নদীর মোহনা এবং লরেন্স রকস এলাকায় আরও অসুস্থ ও মৃত সামুদ্রিক পাখির সন্ধান পাওয়ার কথা জানায়। সেখানকার নমুনাও পরীক্ষা করা হচ্ছে। ভিক্টোরিয়ার প্রধান ভেটেরিনারি কর্মকর্তা গ্রেম কুক বলেন, গত সপ্তাহে যেখানে বিচ্ছিন্ন কয়েকটি সংক্রমণের ঘটনা দেখা গিয়েছিল, এখন সেখানে রোগটি ছড়িয়ে পড়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে এবং এর প্রভাবও বাড়ছে। অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী মারে ওয়াটও সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আরও বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, বন্য পাখি ও প্রাণীর চলাচল বন্ধ করা সম্ভব নয়। তাই স্থানীয় প্রাণীপ্রজাতির টিকে থাকার সক্ষমতা বাড়ানোর ওপরই গুরুত্ব দিতে হবে। ২০২১ সাল থেকে ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং অ্যান্টার্কটিকায় ছড়িয়ে পড়ার পর সম্প্রতি অস্ট্রেলিয়ায় পৌঁছেছে এই এইচ৫ ভাইরাস। এর আগে যুক্তরাজ্যেও ২০২১ ও ২০২২ সালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে বিপুলসংখ্যক সামুদ্রিক পাখির মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার খামারের মুরগি বা হাঁস-মুরগির মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় খামারের পাখিগুলোকে ঘরের ভেতরে রাখা হয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে প্রায় ১৪ কোটি খামারের পাখি মারা গেছে বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞদের মতে, মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ এখনো বিরল। সাধারণত আক্রান্ত পাখি বা তাদের বিষ্ঠার সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক লারা হেরেরো জানান, পোলট্রি খামারের কর্মী এবং বন্যপ্রাণী পরিচর্যাকারীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন। এদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জনগণকে অসুস্থ বা মৃত পাখি স্পর্শ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এমন কোনো পাখি দেখা গেলে দ্রুত জরুরি প্রাণীরোগ হটলাইনে জানাতে বলা হয়েছে, যাতে ভাইরাসের বিস্তার পর্যবেক্ষণ সহজ হয়।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রায় ৬ হাজার ৬০০ জনের ভুল ভোটার নিবন্ধনের ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। তবে এ ঘটনাকে ভোট জালিয়াতির প্রমাণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন শ্রমিক নেতা, রাজনৈতিক বিশ্লেষক এবং অভিবাসন ও ভোটাধিকারবিষয়ক গবেষক প্যাট্রিসিয়া কাম্পোস-মেদিনা। তার মতে, এটি কোনো পরিকল্পিত ভোট জালিয়াতি নয়; বরং সরকারি সফটওয়্যারের ত্রুটির ফল, যা অভিবাসীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিজের মতামতমূলক নিবন্ধে তিনি লিখেছেন, নিউ জার্সির মোটর ভেহিকেল কমিশনের (MVC) একটি পুরোনো সফটওয়্যার সমস্যার কারণে প্রায় ৬ হাজার ৬০০ জন ব্যক্তি ভোটার হিসেবে নিবন্ধিত হন, যদিও তারা আবেদন করার সময় স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তার ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি কোনো তথ্য গোপন করেননি কিংবা মিথ্যা তথ্য দেননি। বরং সরকারি ব্যবস্থার ত্রুটির কারণেই তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়। পরে গভর্নর মিকি শেরিল বিষয়টি জানতে পেরে তা প্রকাশ করেন এবং সংশোধনের উদ্যোগ নেন। প্যাট্রিসিয়া কাম্পোস-মেদিনা, যিনি নিজেও একজন স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন নাগরিকত্ব অর্জন করেছেন, লেখায় নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে তার পরিবারকে বছরের পর বছর আইন মেনে চলতে হয়েছে, কর পরিশোধ করতে হয়েছে, নাগরিকত্ব পরীক্ষা ও ইংরেজি দক্ষতার পরীক্ষায় অংশ নিতে হয়েছে। তাই নতুন অভিবাসীরা ভোটাধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন এবং আইন ভঙ্গের ঝুঁকি নিতে চান না। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী দীর্ঘদিন ধরেই অভিবাসীদের ভোট জালিয়াতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। অথচ বর্তমান ঘটনার তথ্য-উপাত্ত সেই দাবি সমর্থন করে না। তার দেওয়া তথ্য অনুযায়ী, নিউ জার্সিতে বর্তমানে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ৬৭ লাখ। ভুলবশত নিবন্ধিত ৬ হাজার ৬০০ জন মোট ভোটারের ০.০১ শতাংশেরও কম। তাদের মধ্যে মাত্র ৪০০ জন ভোট দিয়েছেন, যা ২০২৪ সালের নির্বাচনে পড়া ৪৩ লাখ ভোটের ০.০০৯ শতাংশেরও কম। কাম্পোস-মেদিনার মতে, এসব পরিসংখ্যান স্পষ্টভাবে দেখায় যে ঘটনাটি ব্যাপক ভোট জালিয়াতির প্রমাণ নয়। বরং এটি একটি প্রশাসনিক ত্রুটি, যা দ্রুত শনাক্ত ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গভর্নর শেরিলের প্রশংসা করে বলেন, একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি বিষয়টি গোপন না করে প্রকাশ করেছেন, তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভুলভাবে নিবন্ধিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন। এ ঘটনায় একটি স্বাধীন তদন্ত শুরু হওয়ার কথা রয়েছে। তদন্তে কীভাবে সফটওয়্যার ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হলো এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সুপারিশ দেওয়া হবে। প্রসঙ্গত, এই প্রতিবেদনটি প্যাট্রিসিয়া কাম্পোস-মেদিনার একটি মতামতমূলক নিবন্ধের ভিত্তিতে তৈরি। এতে প্রকাশিত রাজনৈতিক মূল্যায়ন ও মতামত তার ব্যক্তিগত অবস্থান, যা সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থানকে প্রতিফলিত করে না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যালামেডা কাউন্টিতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাড়িয়ে ঘণ্টায় ৩০ ডলার করার একটি নজিরবিহীন প্রস্তাব বিবেচনা করছে স্থানীয় প্রশাসন। প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে এটিই হবে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো কাউন্টি বা অঞ্চলের জন্য সর্বোচ্চ সর্বনিম্ন মজুরি। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং মূল্যস্ফীতির কষাঘাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যালামেডা কাউন্টি বোর্ড অব সুপারভাইজারের গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রস্তাবটির ভবিষ্যৎ এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ড সূত্র জানিয়েছে, প্রস্তাবটির বিষয়ে সিদ্ধান্তের জন্য কর্মকর্তাদের সামনে বর্তমানে তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, বোর্ড সরাসরি এই পরিপত্রটি গ্রহণ করে অবিলম্বে আইনে রূপান্তর করতে পারে। দ্বিতীয়ত, প্রস্তাবটি সরাসরি সাধারণ মানুষের ভোটের জন্য আগামী নভেম্বর মাসের ব্যালটে পাঠাতে পারে। অথবা সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী ৩০ দিনের মধ্যে প্রস্তাবটির সম্ভাব্য সার্বিক অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য কাউন্টির দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে নির্দেশ দিতে পারে। "সবার জন্য সম্মানজনক মজুরি" বা 'লিভিং ওয়েজ ফর অল' শীর্ষক এই সামাজিক আন্দোলনের পক্ষে ইতিমধ্যে সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন লক্ষ্য করা গেছে। কাউন্টির অন্তর্ভুক্ত অসংগঠিত বা অননুমোদিত অঞ্চলগুলো থেকে এই প্রস্তাবের পক্ষে ১ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। বিপুল সংখ্যক নাগরিকের এই সমর্থন প্রশাসনকে প্রস্তাবটি গভীরভাবে বিবেচনা করতে বাধ্য করেছে। শ্রমিক অধিকার বিষয়ক সংগঠন 'ওয়ান ফেয়ার ওয়েজ'-এর প্রেসিডেন্ট সারু জয়রামন এই প্রস্তাবের পক্ষে জনমতের শক্তি তুলে ধরে জানান, সাধারণত বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো অর্থ ঢেলে যেসব রাজনৈতিক বা সামাজিক প্রস্তাব ব্যালটে তোলে, এটি সেভাবে তৈরি হয়নি। এটি সাধারণ শ্রমজীবী মানুষের নিজেদের আন্দোলন, যারা ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এই গণস্বাক্ষর সংগ্রহ করেছেন। অ্যালামেডা কাউন্টিতে জীবনধারণের বাস্তব খরচ ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে, তা এই ১ লাখেরও বেশি স্বাক্ষরকারী খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন বলেই তারা এতে একাত্মতা প্রকাশ করেছেন। মূলত সান ফ্রান্সিসকো বে এরিয়া অঞ্চলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি এবং চড়া সুদের হারের কারণে সাধারণ শ্রমজীবী মানুষ জীবনযাপনে মারাত্মক সংকটের মুখোমুখি হচ্ছেন। এই প্রেক্ষাপটটি ব্যাখ্যা করতে গিয়ে গবেষক ও অধিকারকর্মীরা তুলে ধরেন যে, বৈশ্বিক মহামারীর পর থেকে বিগত ছয় বছরে মূল্যস্ফীতির হার গত ৭৫ বছরের গড় হারকে দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে। ফলে আগের অর্জিত আয় দিয়ে বর্তমান বাজারদরে দৈনন্দিন মৌলিক চাহিদা মেটানো সাধারণ পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে অ্যালামেডা কাউন্টির ন্যূনতম মজুরি নির্ধারিত রয়েছে ঘণ্টায় ১৬.৯০ ডলার। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে এই হার এক লাফেই প্রায় দ্বিগুণ হয়ে ৩০ ডলারে গিয়ে পৌঁছাবে। তবে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ওপর যেন হঠাৎ অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে জন্য প্রস্তাবটিতে একটি ধাপভিত্তিক বাস্তবায়ন পর্যায় রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ১০০ জন বা তার বেশি কর্মচারী রয়েছে, তাদের আগামী ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে এই ৩০ ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। আর তুলনামূলক ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই নতুন মজুরি কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ১০ বছর পর্যন্ত দীর্ঘ সময়সীমা দেওয়া হবে। কেবল অ্যালামেডা কাউন্টিই নয়, পার্শ্ববর্তী ওকল্যান্ড শহরেও সমান্তরালভাবে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওকল্যান্ডেও আগামী নভেম্বর মাসের ব্যালটে 'লিভিং ওয়েজ ফর অল' সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপনের জোর প্রস্তুতি চলছে। যদি ওকল্যান্ডের সাধারণ ভোটাররা এই প্রস্তাব সমর্থন করেন, তবে সেখানেও বর্তমানের ১৭.২৪ ডলারের ন্যূনতম মজুরি পর্যায়ক্রমে বাড়িয়ে ৩০ ডলারে উন্নীত করা হবে। এই আইন বাস্তবায়িত হলে তা সমগ্র যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।
ক্যালোরি কমিয়ে কঠোর খাদ্যাভ্যাস অনুসরণ না করেও দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের সুযোগ তৈরি হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছে নতুন একটি বৈজ্ঞানিক গবেষণা পর্যালোচনা। গবেষকদের দাবি, বিশেষ করে যেসব প্রাপ্তবয়স্ক নিয়মিত শরীরচর্চা করেন না, তাদের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ কিছুটা কমানো একই ধরনের বিপাকীয় সুবিধা দিতে পারে, যা আগে ক্যালোরি নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হতো। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫০টিরও বেশি গবেষণার তথ্য বিশ্লেষণ করে এই পর্যালোচনা প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী Cell Press Blue-এ। এতে দেখা গেছে, খাদ্যতালিকায় প্রোটিন কমানো হলে শরীরের বিপাকক্রিয়া, কোষের রক্ষণাবেক্ষণ এবং পুষ্টি-সংকেত নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। একই সঙ্গে কোষের ক্ষতি ও দীর্ঘস্থায়ী প্রদাহও কমতে পারে। গবেষকদের মতে, এসব পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর-২১ (FGF21) নামের একটি বিপাকীয় হরমোন। খাদ্যে প্রোটিন কমে গেলে শরীরে এই হরমোনের মাত্রা বেড়ে যায়। প্রাণীর ওপর পরিচালিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে, FGF21 শক্তি ব্যয় বাড়াতে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে, প্রদাহ কমাতে এবং আয়ু বাড়াতে ভূমিকা রাখতে পারে। পর্যালোচনায় আরও উল্লেখ করা হয়েছে, প্রোটিনের তিনটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড মেথিওনিন, আইসোলিউসিন এবং ভ্যালিন নির্দিষ্ট পরিস্থিতিতে বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত কিছু জৈবিক প্রক্রিয়াকে সক্রিয় রাখতে পারে। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন না, তাদের শরীরে এসব অ্যামিনো অ্যাসিডের অতিরিক্ত উপস্থিতি কোষের ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে প্রদাহ, কোষের ক্ষতি এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে। গবেষণার প্রধান লেখক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনের গবেষক ডাডলি ল্যামিং বলেন, নিয়মিত শরীরচর্চা করা মানুষের জন্য পেশি গঠন ও পুনর্গঠনে প্রোটিনের উপকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে অধিকাংশ মানুষ যেহেতু তুলনামূলকভাবে কম সক্রিয় জীবনযাপন করেন, তাই অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি প্রোটিন গ্রহণ করছেন, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে গবেষকেরা এও স্পষ্ট করেছেন, এই গবেষণা নতুন কোনো ক্লিনিক্যাল পরীক্ষা নয়; বরং পূর্ববর্তী গবেষণাগুলোর একটি পর্যালোচনা। তাই এটি মানুষের ক্ষেত্রে সরাসরি কারণ-ফলাফল সম্পর্ক প্রমাণ করে না। ভবিষ্যতে দীর্ঘমেয়াদি মানবভিত্তিক গবেষণার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে, এসব বিপাকীয় পরিবর্তন সত্যিই মানুষের আয়ু বাড়ায় কি না। গবেষণায় আরও বলা হয়েছে, সবার জন্য একই মাত্রার প্রোটিন উপযুক্ত নয়। তাই এই ফলাফলকে কোনোভাবেই প্রোটিনের ঘাটতিযুক্ত খাদ্য গ্রহণের পরামর্শ হিসেবে দেখা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্যায়াম করেন এমন ব্যক্তি, ক্রীড়াবিদ, গর্ভবতী নারী এবং বয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শরীরচর্চার সময় খাদ্য থেকে পাওয়া অ্যামিনো অ্যাসিড পেশি গঠন ও মেরামতের কাজে ব্যবহৃত হয়। আবার বয়স্কদের ক্ষেত্রে বয়সজনিত পেশি ক্ষয় রোধেও পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন রয়েছে। গবেষকদের অভিমত, ভবিষ্যতে জনস্বাস্থ্যবিষয়ক খাদ্য নির্দেশিকায় সবার জন্য এক ধরনের প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়ার পরিবর্তে ব্যক্তির বয়স, শারীরিক কার্যক্রম এবং জীবনযাত্রার ধরন অনুযায়ী প্রোটিনের পরিমাণ নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত।
নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক মতিউর রহমান লিটু, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি দলের প্রতি নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততা, বিভিন্ন নেতার সহযোগিতার স্মৃতিচারণ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন। খোলা চিঠিতে মতিউর রহমান লিটু জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি দেখার পর তারেক রহমানের নির্দেশে দলের কয়েকজন নেতা তাকে সহযোগিতা করেছিলেন। তিনি আশিক ইসলাম, শামসুল আলম, মোখলেসুর রহমান চৌধুরী, শিমুল বিশ্বাস সহ বিএনপির বিভিন্ন সিনিয়র নেতার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। চিঠিতে তিনি বলেন, বিএনপির প্রতি তার ভালোবাসা শৈশব থেকেই। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় দলটির সঙ্গে তার আবেগ ও আদর্শিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের স্বার্থে কয়েকটি বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে তিনি ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের রায়’ গ্রহণের ঘোষণা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, এ ধরনের উদ্যোগ দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কমাতে এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে। চিঠিতে তিনি আরও অভিযোগ করেন, একটি মহল বিএনপিকে জুলাই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তেরও আহ্বান জানান তিনি। চিঠির শেষাংশে মতিউর রহমান লিটু স্পষ্টভাবে উল্লেখ করেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এ বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সিনিয়র নেতা বা অন্য কোনো সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততা নেই বলেও তিনি উল্লেখ করেন। নিচে Motiur Rahman Litu 'র লিখা #চিঠি দেয়া হলোঃ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি, কৃতজ্ঞতা প্রকাশ ও একটি অনুরোধ; -মতিউর রহমান লিটু সালাম নিবেন, আশাকরি আপনি ভালো আছেন। আজ কয়েকটি কথা বলার জন্য একটি খোলা চিঠি লিখছি। শহীদ জিয়াকে নিয়ে ১৭বছর আগে আনাড়ি হাতে একটি ভিডিও ডকুমেন্টারি বানিয়েছিলাম, ইউটিউবে সেটা দেখে আপনি আপনার তৎকালীন মুখপাত্র আশিক ইসলামকে বলেছিলেন আমাকে সহযোগিতা করার জন্য। হ্যা, তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, ম্যাডামের সাবেক এপিএস শামসুল আলম ভাই নিজের মতো করেই আমাকে গড়ে তুলেছেন। রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী আপন ভাইয়ের মতো করেই বিএনপিতে আমাকে প্রতিষ্ঠিত করেছেন। এরপরে শতাধিক সিনিয়র নেতারা আমাকে সর্বদিক দিয়ে, সব সময় সহযোগিতা করেছেন। ম্যাডামের “Mother of democracy" উপাদি প্রাপ্তির পরে গুলশান অফিসে শিমুল বিশ্বাস ভাইয়ের দেয়া বৈঠকে সাবেক উপ রাষ্ট্রপতি মওদুদ আহম্মেদ সাহেব বুকে জড়িয়ে অলমোস্ট কেঁদে দিয়েছিলেন। গুলশান অফিসের দ্বিতীয় তলায় শিমুল ভাইয়ের সেই বৈঠকে প্রায় ৩০জনের মতো সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি একজন সাধারণ বাবার সন্তান হয়ে এর চেয়ে বেশি কিছু কোনোদিন আশাকরিনি। শহীদ জিয়ার মৃত্যুর দিন আমার বাবার চিৎকার দিয়ে কান্নার স্মৃতি থেকে বিএনপির প্রতি আমার মায়া, ভালোবাসা জন্ম হয়েছে। সেই থেকেই বিএনপি করি। বেড়ে ওঠার সাথে সাথে রক্ত মাংস মজ্জায় একটি মাত্র দল মিশে আছে সেটি হলো বিএনপি আর দেশনেত্রী বেগম জিয়ার স্মৃতি। তাই মৃত্যুর আগে পর্যন্ত হয়তো ভুলতে পারবোনা এই দলের ভালোবাসা। যদিও পরিবারের প্রায় সকল সদস্য বিএনপি রাজনীতির সাথে জড়িত। বিএনপির জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেসব কথা আজ বলতে চাইনা। আজ জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই- আপনি শহীদ জিয়ার সন্তান, আপনার জন্য জীবন দিতেও কুন্ঠাবোধ করবোনা। সব সময় আপনার ভালো চাই এবং চাইবো। হাসিনাকে হটানোর জন্য আমরা ১৬বছর আন্দোলন করেছি কিন্তু শেষের একমাসে নিষ্পাপ তরুণ ছাত্ররা রাস্তায় নেমে আসায় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই আন্দোলনটাকে আমরা জুলাই আন্দোলন হিসাবে চিনি, যেই আন্দোলনের জন্য দেশে একটি নির্বাচন হয়েছে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। জাতি মুক্তির স্বাধ গ্রহণ করেছে। দেশের মানুষ আপনাকে ভালোবাসে- সেই ভালোবাসাটুকু যেন সারাজীবন টিকে থাকে, বিএনপি যেন দীর্ঘদিন বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে সেজন্য আপনাকে একটা বিশেষ অনুরোধ করতে চাই- কে কি পরামর্শ দিলো সেদিকে না তাকিয়ে এক বাক্যে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নেয়ার ঘোষণা দিন। এরপরে বিরোধীদলের সিনিয়র নেতাদের নিয়ে বসুন, সংসদে যেহেতু দুই তৃতীয়াংশ আছে, দেশ চালানোর মতো করে সংবিধানকে সাজিয়ে নিন। দেখবেন বর্তমান বিরোধীদল আপনাকে সর্বাত্বক সহযোগিতা করছে। কারণ, সবার কিন্তু একটাই লক্ষ্য হাসিনার মতো একটা খুনি যেন কোনোদিন ফিরতে না পারে! আর কিছুনা। বিরোধীদলের জীবনে যে সাফল্য এখন আছে সেটা তাদের জীবনের সর্বোচ্চ সাফল্য, তারাও সেটা হারাতে চাইবেননা। জুলাই বিষয়ে দূরত্বটা মীমাংসিত হলে বাংলাদেশটা হতে পারে সৌহার্দপূর্ণ একটি দেশ। যেখানে আমরা সুখে শান্তিতে সবাই বসবাস করতে পারবো। বর্তমান প্রেক্ষাপটে আপনাকে যারা জুলাই এর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে তারা কোনোভাবেই বিএনপির ভালো চাইতে পারে বলে আমি বিশ্বাস করিনা। আমার সন্দেহ তাঁরা হয়তো ভারতের উদ্দেশ্য কার্যকর করতে এমন খেলা খেলছে। গোয়েন্দা সংস্থা দিয়ে সেটাই এখন খুঁজে বের করা দরকার! আমার চিঠিটি আপনার দৃষ্টিগোচর হবে বলে আমি আশাকরি। ভুল বোঝেন, রাগ করেন আর অভিমান করেন যেভাবেই গ্রহণ করেন- “জুলাই সনদ ও গণভোট” নিয়ে অন্তত সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশটাকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করবেন বলে আমি বিশ্বাস করি। এছাড়া জুলাই বিষয়ে একটা সমাধান হলে- তরুণ একটা প্রজন্ম তৈরী হয়েছে যারা আপনার দূরদর্শিতার প্রতি আকৃষ্ট হয়ে বিএনপির রাজনীতিতে আরো বেশী সচল হবে বলে আমি বিশ্বাস করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। (উল্লেখ্যঃ আমার লেখা এই খোলা চিঠিতে বিএনপির কোনো সিনিয়র নেতা কিংবা অন্যকোন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ইনফ্লুয়েন্স নেই! সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত! তাই এই চিঠির জন্য আমার কোন শুভাকাংখীর ব্যাপারে ভুল ধারণা পোষণ করবেননা, অনুরোধ রইলো)