সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
চাঁদকে শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের স্থান নয়, আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে দেওয়া এক বক্তব্য ঘিরে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। ছবি: প্রতীকী।
চাঁদকে ঘিরে জ্যোতির্বিজ্ঞানীর বক্তব্যে বিশ্বজুড়ে আলোচনা

অস্ট্রেলিয়ার একজন জ্যোতির্বিজ্ঞানীর বক্তব্যকে কেন্দ্র করে দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, “চাঁদ শুধু এমন একটি স্থান নয়, যেখানে আমরা গিয়ে অনুসন্ধান করব। এটি আদিবাসীদের ‘আকাশের দেশ’ এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও লোককাহিনির একটি গুরুত্বপূর্ণ অংশ।”   অস্ট্রেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহাকাশ প্রযুক্তি ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের সহপরিচালক ড. রেবেকা অ্যালেন এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, একটি মহাকাশযানের অবশিষ্টাংশ চাঁদে আঘাত হানতে পারে—এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কি না।   জবাবে তিনি বলেন, চাঁদ কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় নয়; এটি অস্ট্রেলিয়ার আদিবাসীদের বিশ্বাস, ইতিহাস, সংস্কৃতি ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোককাহিনির সঙ্গে গভীরভাবে জড়িত। তাই মহাকাশ অনুসন্ধান বা অন্য যেকোনো কার্যক্রম পরিচালনার সময় সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতিও সম্মান দেখানো উচিত।   তিনি আরও বলেন, বর্তমানে মহাকাশ ব্যবহারের নীতি ও নিয়ম নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ভবিষ্যতে চাঁদ বা অন্য মহাজাগতিক স্থানে পরিচালিত কার্যক্রমে শুধু বৈজ্ঞানিক বা বাণিজ্যিক দিক নয়, সাংস্কৃতিক ও নৈতিক বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ড. অ্যালেনের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচকদের একাংশের দাবি, বৈজ্ঞানিক আলোচনায় সাংস্কৃতিক বিষয় যুক্ত করা অপ্রয়োজনীয়। অন্যদিকে অনেকের মতে, আদিবাসীদের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে মহাকাশ অনুসন্ধান পরিচালনা করা সময়ের দাবি।   এদিকে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি এমন একটি গবেষণার কাজ শুরু করেছে, যেখানে আদিবাসীদের আকাশবিষয়ক জ্ঞান ও ঐতিহ্যকে ভবিষ্যতের মহাকাশনীতি প্রণয়নের ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষণা করা হবে। ঘটনাটি মহাকাশ অনুসন্ধান, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈজ্ঞানিক অগ্রগতির মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১৪:১৮
ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি:সংগৃহীত
শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।   বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।   বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্ট সম্ভাব্য প্রকাশ্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় উঠে আসে।   এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।   তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।   জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।   বৈঠকের শেষে উভয় পক্ষ নিয়মিত সংলাপ, গঠনমূলক সম্পৃক্ততা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১৩:৫৯
উচ্চ ঝুঁকির দেশগুলোর আবেদন আরও কড়াভাবে খতিয়ে দেখতে অভিবাসন সুবিধায় কঠোর যাচাই শুরু যুক্তরাষ্ট্রের। ছবি: সংগৃহীত
অভিবাসন সুবিধায় কঠোর যাচাই শুরু, উচ্চ ঝুঁকির দেশগুলোর আবেদন আরও কড়াভাবে খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিদেশি নাগরিকদের অভিবাসন-সংক্রান্ত আবেদন যাচাই ও নিরাপত্তা পরীক্ষা আরও কঠোর করা হয়েছে। সংস্থাটির দাবি, আগের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ঘাটতি ছিল, যার ফলে যথাযথ নিরাপত্তা যাচাই ছাড়াই কিছু আবেদন অনুমোদিত হয়েছিল।   ইউএসসিআইএসের প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, এক্সিকিউটিভ অর্ডার ১৪১৬১ এবং সাম্প্রতিক দুটি প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের আওতায় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এসব দেশের অনেক আবেদন সাময়িকভাবে স্থগিত রেখে পুনরায় যাচাই করা হচ্ছে।   সংস্থাটি জানিয়েছে, আশ্রয়, স্থায়ী বাসিন্দা, ডাইভার্সিটি ভিসা এবং অন্যান্য অভিবাসন সুবিধার আবেদন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম, আর্থিক তথ্য, বায়োমেট্রিক তথ্য, অপরাধমূলক রেকর্ড এবং অতিরিক্ত নিরাপত্তা তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজনে পুনরায় সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে।   ইউএসসিআইএস আরও জানায়, “অপারেশন প্যারিস” নামে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে শরণার্থী ও উচ্চ ঝুঁকির দেশের আবেদনকারীদের অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক যাচাই জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নতুন তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করার ব্যবস্থাও চালু করা হয়েছে।   সংস্থাটির দাবি, নতুন এই পদক্ষেপের লক্ষ্য হলো অভিবাসন ব্যবস্থায় জালিয়াতি রোধ, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং শুধুমাত্র যোগ্য ও নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ ব্যক্তিদেরই অভিবাসন সুবিধা প্রদান করা।   তবে ইউএসসিআইএস জানিয়েছে, সব আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত নয়। যেসব আবেদন নিরাপত্তা যাচাই সম্পন্ন করেছে বা কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলো ধাপে ধাপে নিষ্পত্তির প্রক্রিয়া আবারও শুরু করা হচ্ছে।   ট্রাম্প প্রশাসনের ভাষ্য, যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসবাদ, জালিয়াতি এবং জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এই কঠোর যাচাই-বাছাই কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১৩:৪৫
অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে আসায় ২০২৬ সালকে সবচেয়ে নিরাপদ বছর বলছে এনওয়াইপিডি। ছবি: সংগৃহীত
অপরাধ কমে নিউইয়র্কে নতুন রেকর্ড, ২০২৬ সালকে ‘সবচেয়ে নিরাপদ বছর’ বলছে এনওয়াইপিডি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে শহরে গুলির ঘটনা ঘটেছে ৩৮১টি এবং হত্যাকাণ্ডের সংখ্যা ১৪৯। এসব তথ্যের ভিত্তিতে চলতি বছরকে ‘রেকর্ড অনুযায়ী সবচেয়ে নিরাপদ বছর’ হিসেবে উল্লেখ করছে এনওয়াইপিডি।   এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় জুলাই মাসে বড় ধরনের অপরাধ প্রায় ১৩ শতাংশ কমেছে। নিউইয়র্কের পাঁচটি প্রশাসনিক এলাকাতেই অপরাধের হার কমেছে। এর মধ্যে ব্রঙ্কসে সবচেয়ে বেশি ১২ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।   তবে সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও মেট্রো ট্রেন ও স্টেশনকেন্দ্রিক অপরাধ বেড়েছে। বিশেষ করে গুরুতর হামলা এবং চুরির ঘটনা বাড়ায় গণপরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।   এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, তথ্যভিত্তিক পুলিশি কৌশল, ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযানের ফলেই এই সাফল্য এসেছে। তার ভাষায়, কর্মকর্তাদের নিরলস পরিশ্রম নিউইয়র্ককে আগের চেয়ে আরও নিরাপদ করেছে।   এটি হঠাৎ করে অর্জিত সাফল্য নয়। চলতি বছরের শুরু থেকেই মাসভিত্তিক পরিসংখ্যানে গুলির ঘটনা, গুলিবিদ্ধের সংখ্যা এবং হত্যাকাণ্ড ধারাবাহিকভাবে কমতে থাকে। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসেই শহরে ২ হাজার ৫০০টির বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে এবং ডজনখানেক গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ বলছে, এসব পদক্ষেপই সহিংস অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।   তবে অপরাধের হার কমলেও সব ধরনের অপরাধ কমেনি। সাম্প্রতিক পরিসংখ্যানে বিদ্বেষমূলক অপরাধের সংখ্যাও বেড়েছে, যার একটি বড় অংশ ধর্মীয় ও জাতিগত বিদ্বেষকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। তাই সামগ্রিক অপরাধ কমলেও গণপরিবহন ও নির্দিষ্ট ধরনের অপরাধ দমনে আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।   এনওয়াইপিডি বলছে, রেকর্ড গড়া এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হলেও সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই নিউইয়র্ককে আরও নিরাপদ রাখতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১৩:১৪
রুশ নাগরিক। ছবি : সংগৃহীত
রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি,নিহত ১

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে পাবনার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।   সোমবার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত মেনচেভ (৫৩) বর্তমানে চিকিৎসাধীন।   তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।   এতে দুজনই গুরুতর আহত হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটির মেডিকেল সেন্টারে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান।   ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের সহযোগিতায় নির্মাণাধীন এ প্রকল্পে কয়েক হাজার বিদেশি, বিশেষ করে রুশ প্রকৌশলী ও কারিগরি কর্মী কাজ করছেন। তাদের আবাসনের জন্য ঈশ্বরদীতে নির্মিত গ্রিনসিটি কমপ্লেক্সে বিদেশি কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পটির প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে এবং ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১৩:৯
রাজধানীর জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেনাপ্রধান। ছবি: সংগৃহীত
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   উদ্বোধনের পাশাপাশি সেনাপ্রধান ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিত হতে যাওয়া ইনস্টিটিউটের নতুন শাখাগুলোর ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন।   সেনাসদর জানিয়েছে, আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামি নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ, সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।   সেনাপ্রধান বলেন, ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যম এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব এবং দায়িত্বশীল সুনাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।   সংশ্লিষ্টরা জানান, শিক্ষা খাতে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট আধুনিক একাডেমিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান, ভাষা দক্ষতা এবং চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেবে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শাখা চালুর মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীর কাছে এ শিক্ষাব্যবস্থা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১৩:৪
ইলিনয়ে ফেডারেল খাদ্য সহায়তা হারানো পরিবারকে এককালীন ৪০০ ডলার দেবে রাজ্য সরকার। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে খাদ্য সহায়তা হারানো পরিবারকে ৪০০ ডলার দেবে রাজ্য সরকার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচির সুবিধা হারানো পরিবারগুলোর জন্য নতুন ‘ফ্রেশ’ (ফ্যামিলিজ রিসিভিং এমার্জেন্সি সাপোর্ট ফর হাঙ্গার) কর্মসূচি চালু হয়েছে। ১ আগস্ট থেকে কার্যকর হওয়া এ কর্মসূচির আওতায় যোগ্য প্রতিটি পরিবারকে এককালীন ৪০০ ডলার করে খাদ্য সহায়তা দেওয়া হবে।   ইলিনয়ের ২০২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য ৭ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। যেসব পরিবার চলতি বছরের শুরুতে ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচির নতুন নিয়মের কারণে সুবিধা হারিয়েছে, তাদের আলাদা করে আবেদন করতে হবে না। যোগ্য পরিবারগুলো স্বয়ংক্রিয়ভাবে এই কর্মসূচির আওতায় আসবে এবং অর্থ তাদের ইলিনয় লিংক কার্ডে জমা হবে। এই অর্থ শুধুমাত্র খাদ্যপণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে।   ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলেও ফেডারেল সরকারের নীতিগত পরিবর্তনের কারণে হাজারো মানুষ খাদ্য সহায়তা হারিয়েছেন। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে। তবে তিনি বলেন, ফেডারেল পর্যায়ে যে পরিমাণ সহায়তা কমানো হয়েছে, তা কোনো অঙ্গরাজ্যের পক্ষেই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।   ফেডারেল সরকারের নতুন নীতির ফলে খাদ্য সহায়তা পেতে কর্মসংস্থান-সংক্রান্ত শর্ত আরও কঠোর করা হয়েছে। এর প্রভাবে গত ১ মে থেকে ইলিনয়ের প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েন। জুন মাসে অঙ্গরাজ্যটিতে প্রায় ১৫ লাখ মানুষ খাদ্য সহায়তা পেলেও, এপ্রিলের তুলনায় সুবিধাভোগীর সংখ্যা ১ লাখ ৩৪ হাজারেরও বেশি কমেছে।   শুধু ইলিনয় নয়, নতুন ফেডারেল নীতির কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে খাদ্য সহায়তা হারানোর ঘটনা বেড়েছে। এর ফলে খাদ্য ব্যাংক ও দাতব্য সংস্থাগুলোর ওপরও চাপ বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।   এদিকে নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে ইলিনয় সরকার মানবসেবা বিভাগে ৪৫০ জন নতুন কর্মী নিয়োগের জন্য আরও ৫ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ফেডারেল সরকারের পরিবর্তিত নীতির কারণে খাদ্য সহায়তা কর্মসূচির পরিচালনায় রাজ্য সরকারের আর্থিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১২:৫৬
ফুড স্ট্যাম্প সুবিধাভোগী পরিবারকে মাসে অতিরিক্ত ৬০ ডলার দেওয়ার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে নতুন বিল উত্থাপন। ছবি: সংগৃহীত
ফুড স্ট্যাম্প সুবিধাভোগী পরিবারকে মাসে অতিরিক্ত ৬০ ডলার দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্রে ফুড স্ট্যাম্প (এসএনএপি) সুবিধাভোগী নিম্ন আয়ের পরিবারগুলোকে ফল ও সবজি কেনার জন্য প্রতি মাসে অতিরিক্ত ৬০ ডলার দেওয়ার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে অংশগ্রহণকারী অঙ্গরাজ্যগুলো যোগ্য পরিবারকে এই অতিরিক্ত সুবিধা দিতে পারবে।   ফ্রেশ বাকস ফর ফ্রেশ প্রোডিউস অ্যাক্ট নামে প্রস্তাবিত এই বিলে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অধীনে একটি পরীক্ষামূলক কর্মসূচি চালুর কথা বলা হয়েছে। এতে যেসব পরিবারের আয় সংশ্লিষ্ট এলাকার মধ্যম আয়ের ৮০ শতাংশ বা তার কম, তারা এই সুবিধার জন্য যোগ্য হবেন। যারা ইতোমধ্যে ফুড স্ট্যাম্প সুবিধা পাচ্ছেন, তাদের আলাদা করে আয়ের প্রমাণ দিতে হবে না।   বিল অনুযায়ী, প্রতি মাসে ৬০ ডলার ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (ইবিটি) কার্ড বা অঙ্গরাজ্যের বিদ্যমান অর্থপ্রদান ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে। অর্থ পাওয়ার ৩০ দিনের মধ্যে তা ব্যবহার করতে হবে। এই অর্থ দিয়ে শুধুমাত্র অনুমোদিত তাজা, হিমায়িত বা শুকনো ফল ও সবজি কেনা যাবে। অতিরিক্ত চিনি, লবণ বা চর্বিযুক্ত পণ্য এই সুবিধার আওতায় থাকবে না। ফল ও সবজি উৎপাদনের উপযোগী কিছু ভেষজ ও চারা গাছও কেনা যাবে।   এই অতিরিক্ত সুবিধা বর্তমান ফুড স্ট্যাম্প বা অন্যান্য সরকারি খাদ্য সহায়তার পরিবর্তে নয়, বরং অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। কৃষক বাজার, স্বাধীন মুদি দোকান, খামারের বিক্রয়কেন্দ্র, সুপারমার্কেট এবং কৃষি বিভাগের অনুমোদিত অন্যান্য বিক্রয়কেন্দ্রে এই অর্থ ব্যবহার করা যাবে।   বিলটি ওয়াশিংটনের ডেমোক্র্যাট সদস্য প্রমিলা জয়াপাল এবং আরও কয়েকজন প্রতিনিধি গত ২ জুলাই প্রতিনিধি পরিষদে উত্থাপন করেন। তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিয়াটলে পরিচালিত একই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা বেড়েছে এবং তারা ফল ও সবজি বেশি খেতে সক্ষম হয়েছে।   বর্তমানে বিলটি প্রতিনিধি পরিষদের কৃষি বিষয়ক কমিটির বিবেচনাধীন রয়েছে। অনুমোদন পেলে কৃষি বিভাগ বিভিন্ন অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে কর্মসূচি চালু করবে এবং পরে এর কার্যকারিতা মূল্যায়ন করে ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১২:৪৮
টেক্সাসের সান আন্তোনিও শহরে নিখোঁজের পর দুই বছরের শিশুকন্যা আরিয়ানার মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত
টেক্সাসে নিখোঁজের পর ২ বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে নিখোঁজ হওয়ার পর দুই বছরের এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে খুঁজে বের করতে রোববার তার নামে অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয়েছিল।   পুলিশ জানায়, শিশুটির নাম আরিয়ানা ট্রেভিনো মার্টিনেজ। নিখোঁজের খবর পাওয়ার পর তাকে উদ্ধারে জরুরি তল্লাশি শুরু হয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক করা হয়।   সোমবার ভোরে সর্বশেষ যেখানে শিশুটিকে দেখা গিয়েছিল, সেই বাড়ির কাছ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করা হয়। স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।   কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।   পুলিশ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১২:৩১
যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে আবেদনকারীদের নিজস্ব খরচ বহনের আর্থিক সামর্থ্য নিশ্চিতের পরামর্শ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে নিজ খরচ বহনের সামর্থ্য নিশ্চিত করার পরামর্শ মার্কিন কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বিদেশি নাগরিকদের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাটি বলেছে, ভ্রমণের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি—যেমন ভ্রমণ ব্যাহত হওয়া, জরুরি চিকিৎসা বা অন্যান্য অপ্রত্যাশিত খরচ—নিজের অর্থেই বহন করার সক্ষমতা থাকতে হবে।   পররাষ্ট্র দপ্তর আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যেতে পারে, এমনকি ভিসা বাতিল বা অযোগ্যও ঘোষণা করা হতে পারে। জালিয়াতির ঘটনা প্রমাণিত হলে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে।   এটি নতুন কোনো আইন নয়। মার্কিন অভিবাসন আইনের “পাবলিক চার্জ” নীতি বহু বছর ধরেই কার্যকর রয়েছে। এই নীতির আওতায় ভিসা কর্মকর্তারা আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, শিক্ষা, দক্ষতা এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের ব্যয় বহনের সক্ষমতা মূল্যায়ন করেন। যাদের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা থাকে, তাদের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের বিধান রয়েছে।   মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীদের প্রয়োজনে প্রমাণ করতে হতে পারে যে তাদের কাছে থাকা অর্থ, ব্যাংক কার্ড বা স্পনসরের সহায়তায় ভ্রমণ, থাকা-খাওয়া এবং অন্যান্য ব্যয় নির্বাহ করা সম্ভব। তবে নির্দিষ্ট কোনো ন্যূনতম অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়নি; প্রতিটি ঘটনা আলাদাভাবে মূল্যায়ন করা হয়।   ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিকতায় বিদেশি নাগরিকদের আর্থিক স্বনির্ভরতার বিষয়টি এখন আরও গুরুত্ব দিয়ে তুলে ধরছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য হলো, ভিসাধারীরা যেন সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হন এবং করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার না করেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১২:২১
জর্জিয়ায় পুলিশ কর্মকর্তাদের অপব্যবহারের তদন্তে উঠে এসেছে লাইসেন্স প্লেট শনাক্তকরণ এই ফ্লক ক্যামেরা। ছবি: সংগৃহীত
জর্জিয়ায় ফ্লক ক্যামেরা অপব্যবহারের অভিযোগে ছয় পুলিশ কর্মীকে ছুটিতে পাঠানো হলো

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাভানাহ পুলিশ বিভাগের ছয় কর্মীকে ফ্লক লাইসেন্স প্লেট শনাক্তকরণ ক্যামেরা ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহারের অভিযোগে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে স্বাধীন তদন্তের জন্য মামলাটি জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (জিবিআই) কাছে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।   সাভানাহর মেয়র ভ্যান জনসন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ছয় কর্মীর মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা এবং দুজন বেসামরিক কর্মচারী রয়েছেন। অভিযোগ সামনে আসার পরই পুলিশ বিভাগ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা প্রশাসনিক ছুটিতে থাকবেন।   মেয়র বলেন, জনসাধারণের আস্থা কোনোভাবেই আপসের বিষয় নয়। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়, ব্যক্তিগত বা অনুমোদনহীন কাজে নয়। তাই অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্বচ্ছ ও দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।   তবে ঠিক কীভাবে ফ্লক ক্যামেরা ব্যবস্থার অপব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রশাসনিক ছুটিতে পাঠানো কর্মীদের পরিচয়ও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।   একই দিনে জর্জিয়ার হ্যাবারশাম কাউন্টি শেরিফের কার্যালয়ও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কাজের বাইরে অন্য উদ্দেশ্যে ফ্লক ক্যামেরা ব্যবস্থায় প্রবেশের অভিযোগে এক ডেপুটিকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছে।   সাম্প্রতিক সময়ে জর্জিয়ার বিভিন্ন এলাকায় একই ধরনের একাধিক ঘটনার অভিযোগ সামনে এসেছে। গত দুই মাসে চেরোকি কাউন্টির তিনজন শেরিফ ডেপুটি, অ্যালবানি পুলিশের পাঁচ কর্মকর্তা এবং রিচমন্ড কাউন্টির তিন কর্মকর্তার বিরুদ্ধেও লাইসেন্স প্লেট শনাক্তকরণ ডাটাবেসের অপব্যবহারের অভিযোগ ওঠে। সর্বশেষ ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে তদন্ত করা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১২:১২
মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান-বি ভিসাধারী কর্মীদের সবচেয়ে বেশি বেতন দেওয়া প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ। ছবি: সংগৃহীত
এইচ-ওয়ান-বি ভিসাধারীদের সবচেয়ে বেশি বেতন দেয় যেসব মার্কিন প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, এইচ-ওয়ান-বি ভিসাধারী কর্মীদের মধ্যে জাতীয় মধ্যম বেতনের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি বেতন দেয় এমন সাতটি প্রতিষ্ঠান রয়েছে। এই বিশ্লেষণটি করেছে এইচ-ওয়ান-বি স্কোপ।   প্রতিবেদন অনুযায়ী, এইচ-ওয়ান-বি কর্মীদের জাতীয় মধ্যম বেতন ১ লাখ ৩০ হাজার ৭০৭ ডলার। তবে তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠানে এই কর্মীদের মধ্যম বেতন অন্তত ১ লাখ ৯৮ হাজার ডলার। একই সঙ্গে এইচ-ওয়ান-বি কর্মীদের জাতীয় মধ্যম বেতন যুক্তরাষ্ট্রের সামগ্রিক জাতীয় মধ্যম বেতন ৫৯ হাজার ২২৮ ডলারেরও বেশি।   তালিকার শীর্ষে রয়েছে ইউনিভার্সিটি অব পিটসবার্গ ফিজিশিয়ানস। প্রতিষ্ঠানটিতে এইচ-ওয়ান-বি কর্মীদের মধ্যম বেতন ২ লাখ ৫৫ হাজার ৭২৫ ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে রোবলক্স, যেখানে মধ্যম বেতন ২ লাখ ৪৫ হাজার ৬৯০ ডলার। এরপর রয়েছে সিটাডেল সিকিউরিটিজ আমেরিকাস সার্ভিসেস, যার মধ্যম বেতন ২ লাখ ৩৫ হাজার ডলার। নেটফ্লিক্সে এইচ-ওয়ান-বি কর্মীদের মধ্যম বেতন ২ লাখ ২৬ হাজার ১৫৮ ডলার। এছাড়া ক্রেডিট কারমা, টু সিগমা ইনভেস্টমেন্টস এবং টিটি কমার্স অ্যান্ড গ্লোবাল সার্ভিসেসও জাতীয় মধ্যম বেতনের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি বেতন দিয়েছে।   বিশ্লেষণটি যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশন প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করতে অন্তত ৫০০টি অনুমোদিত এইচ-ওয়ান-বি আবেদন রয়েছে—এমন প্রতিষ্ঠানগুলোকে এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। মধ্যম বেতনের ভিত্তিতে তালিকা তৈরি হওয়ায় এটি প্রতিটি প্রতিষ্ঠানের সাধারণ এইচ-ওয়ান-বি কর্মীর বেতনের চিত্র তুলে ধরে, অল্প কয়েকজন উচ্চ বেতনভোগীর নয়।   প্রতিবেদনে আরও দেখা গেছে, প্রযুক্তি, আর্থিক সেবা ও স্বাস্থ্যসেবা খাতের বড় প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বেশি বেতন দেওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রাধান্য পেয়েছে। মেটা, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, সেলসফোর্স, উবার, এয়ারবিএনবি ও ডোরড্যাশের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সিটাডেল সিকিউরিটিজ, টু সিগমা, ব্যাংক অব আমেরিকা সিকিউরিটিজ, বার্কলেজ ক্যাপিটাল ও মরগ্যান স্ট্যানলির মতো আর্থিক প্রতিষ্ঠানও জাতীয় মধ্যম বেতনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বেতন দেয়।   এই প্রতিবেদন এমন সময়ে প্রকাশিত হলো, যখন ট্রাম্প প্রশাসন এইচ-ওয়ান-বি ভিসা কর্মসূচিতে বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বিদেশে অবস্থানরত নির্দিষ্ট আবেদনকারীদের নতুন কিছু আবেদনের ক্ষেত্রে এক লাখ ডলারের অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আদালতের আদেশে সেই উদ্যোগ কার্যকর হয়নি। পাশাপাশি লটারিভিত্তিক নির্বাচন পদ্ধতির পরিবর্তে বেতনভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছে প্রশাসন।   বিশেষজ্ঞদের একাংশের মতে, উচ্চ বেতন দক্ষ জনবলের চাহিদার প্রতিফলন। অন্যদিকে সমালোচকদের দাবি, কয়েকটি প্রতিষ্ঠানের উচ্চ বেতন পুরো এইচ-ওয়ান-বি কর্মসূচির বাস্তব চিত্র তুলে ধরে না এবং মার্কিন কর্মসংস্থানের ওপর কর্মসূচিটির প্রভাব নিয়ে বিতর্ক এখনো রয়ে গেছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১১:৫৮
ইন-এন-আউট রেস্টুরেন্টে প্রথমবার খাবার খেতে এসে বন্দুক হামলায় প্রাণ হারালেন ক্রিস্টোফার ক্লঞ্চ। ছবি: সংগৃহীত
ভিড় কমার অপেক্ষায় ছিলেন, ইন-এন-আউট রেস্টুরেন্টে প্রথম দিনেই বন্দুক হামলায় প্রাণ হারালেন ব্যক্তি

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে সদ্য চালু হওয়া ইন-এন-আউট বার্গার রেস্টুরেন্টে ভয়াবহ বন্দুক হামলায় নিহতদের একজন ছিলেন ৫৯ বছর বয়সী ক্রিস্টোফার ক্লঞ্চ। পরিবারের সদস্যদের ভাষ্য, নতুন রেস্টুরেন্টটি নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ ও দীর্ঘ লাইনের কারণে এতদিন সেখানে যাননি তিনি। ভিড় কমলে একদিন খাবার খেতে যাবেন, এমনই পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই প্রথম সফরই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা।    ক্রিস্টোফারের বোন কিম্বারলি কাস্তানেদা জানিয়েছেন, ভাই নতুন ইন-এন-আউট রেস্টুরেন্টটি ঘুরে দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত রেস্টুরেন্টে যাওয়ার দিনই তিনি বন্দুক হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।  স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট দুপুরে টুইন ফলসের নতুন ইন-এন-আউট রেস্টুরেন্টে ২৪ বছর বয়সী চ্যাড উইলিয়ামস এআর-ধাঁচের রাইফেল নিয়ে নির্বিচারে গুলি চালান। হামলায় ক্রিস্টোফার ক্লঞ্চসহ তিনজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, তিনি একাই এ হামলা চালিয়েছেন এবং ঘটনার উদ্দেশ্য এখনও তদন্তাধীন।    ক্রিস্টোফার ক্লঞ্চ আইডাহোর রেনেসাঁ র‍্যাঞ্চ রিকভারি সেন্টারের কর্মী ছিলেন। সহকর্মী ও পরিবারের সদস্যরা তাকে সদালাপী, সহানুভূতিশীল এবং অন্যদের সাহায্যে সবসময় এগিয়ে আসা একজন মানুষ হিসেবে স্মরণ করেছেন। দীর্ঘদিন মদ্যপানের আসক্তির বিরুদ্ধে লড়াই করে তিনি মৃত্যুর আগে প্রায় দুই বছর ধরে সম্পূর্ণ মাদকমুক্ত জীবনযাপন করছিলেন বলেও তার পরিবার জানিয়েছে।    হামলায় নিহতদের মধ্যে ইন-এন-আউটের একজন কর্মীও রয়েছেন। প্রতিষ্ঠানটির মালিক লিনসি স্নাইডার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং এই সহিংস ঘটনাকে নিন্দা জানিয়েছেন।    টুইন ফলস পুলিশ, এফবিআই এবং অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থা যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য ও ভিডিও সংগ্রহ করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১১:৩০
নিউইয়র্ক সিটির ম্যানহাটনে মাত্র ১ লাখ ৩০ হাজার ডলারে ফ্ল্যাট কেনার অনন্য সুযোগ। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে মাত্র ১ লাখ ৩০ হাজার ডলারে ফ্ল্যাট! কেনার আগে জেনে নিন শর্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে, যেখানে একটি অ্যাপার্টমেন্টের গড় দাম ১০ লাখ ডলারেরও বেশি, সেখানে মাত্র ১ লাখ ৩০ হাজার ডলারে একটি অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ মিলছে। তবে এই কম দামের পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও সীমাবদ্ধতা।   নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে থাকা সবচেয়ে কম দামের অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে একটি ইস্ট হারলেমে অবস্থিত ৩৬৪ বর্গফুটের স্টুডিও ইউনিট, যার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার ডলার। একইভাবে হারলেমে ২৫০ বর্গফুটের আরেকটি স্টুডিওর দাম ১ লাখ ৫৫ হাজার ডলার। এছাড়া নোম্যাড এলাকায় ২৫৪ বর্গফুটের একটি ছোট স্টুডিও বিক্রি হচ্ছে ৩ লাখ ২০ হাজার ডলারে।    তবে কম দামের এই অ্যাপার্টমেন্টগুলোর বেশিরভাগই এইচডিএফসি কো-অপের আওতাভুক্ত। অর্থাৎ, এগুলো কিনতে হলে নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকতে হবে, অ্যাপার্টমেন্টটিকে নিজের প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রেও বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে। এই ব্যবস্থার লক্ষ্য হলো মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য নিউইয়র্কে আবাসন সাশ্রয়ী রাখা।    রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, এত ছোট জায়গায় আরামদায়কভাবে বসবাস করতে হলে বহুমুখী আসবাব, দেয়ালে লাগানো স্টোরেজ, আয়নার ব্যবহার এবং পরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনের ওপর গুরুত্ব দিতে হয়। এতে সীমিত জায়গাকেও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।    বিশেষজ্ঞরা বলছেন, ম্যানহাটনের মতো ব্যয়বহুল এলাকায় তুলনামূলক কম দামে বাড়ি কেনার সুযোগ থাকলেও, আয়ের সীমা, বসবাসের বাধ্যবাধকতা এবং কো-অপের নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১১:১৯
টানা সমালোচনার পর জনসম্মুখ থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। ছবি: সংগৃহীত
টানা সমালোচনার পর জনসম্মুখ থেকে বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে!

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে দীর্ঘদিনের টানা কাজ এবং ব্যক্তিগত জীবন ও শারীরিক অবস্থা নিয়ে চলমান জনসমালোচনার মধ্যে জনসম্মুখ থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রতিনিধির বরাতে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, ‘ইটারনাল সানশাইন’ ট্যুর শেষ হওয়ার পর তিনি কিছুদিনের জন্য জনসমক্ষে উপস্থিতি কমিয়ে দেবেন এবং বিশ্রামে থাকবেন।    আরিয়ানা গ্রান্দের প্রতিনিধি জানান, চলমান সফরটি তিনি ইতিবাচকভাবে শেষ করতে চান। এরপর তিনি নিজের সুস্থতা ও মানসিক স্বস্তিকে অগ্রাধিকার দিয়ে জনসম্মুখের কাজ থেকে বিরতি নেবেন। প্রতিনিধির ভাষ্য, দীর্ঘ সময় ধরে তার ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য ও শারীরিক গঠন নিয়ে চলা অবিরাম জনসমালোচনা এই সিদ্ধান্তের অন্যতম কারণ।    এ সিদ্ধান্তের অংশ হিসেবে লন্ডনের বার্বিকান থিয়েটারে ২০২৭ সালে মঞ্চস্থ হওয়ার কথা থাকা স্টিফেন সন্ডহাইমের বিখ্যাত মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’-এর ওয়েস্ট এন্ড প্রযোজনা থেকেও সরে দাঁড়িয়েছেন গ্রান্দে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, তার সিদ্ধান্তকে তারা সম্মান জানাচ্ছে এবং নির্ধারিত সময়েই নতুন শিল্পী নিয়ে নাটকটি মঞ্চস্থ হবে।   সম্প্রতি নতুন অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরিয়ানা গ্রান্দের শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি ট্যুরজুড়ে উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমসাপেক্ষ পরিবেশনা সফলভাবেই করে যাচ্ছেন এবং সফর শেষ করার দিকেই মনোযোগী রয়েছেন।    ৩২ বছর বয়সী এই শিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয়। সংগীতের পাশাপাশি ‘উইকেড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যও তিনি প্রশংসিত হন। গত কয়েক বছরে সংগীত, অভিনয় এবং ধারাবাহিক প্রচারণামূলক কাজের ব্যস্ততার মধ্যেই তিনি ছিলেন।   আরিয়ানা গ্রান্দে কবে আবার জনসম্মুখে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। তার প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, আপাতত ট্যুর শেষ করে বিশ্রাম নেওয়া এবং ব্যক্তিগত সুস্থতার দিকেই মনোযোগ দিতে চান এই তারকা।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১১:০
মায়ের কোল থেকে নিয়ে যাওয়া ১১ দিনের নবজাতককে ২০০ মাইল দূর থেকে অক্ষত উদ্ধার করল পুলিশ। ছবি: সংগৃহীত
মায়ের কোল থেকে ১১ দিনের নবজাতককে নিয়ে যান বাবা, ২০০ মাইল দূরে উদ্ধার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে হেফাজতের আইনি অধিকার না থাকা বাবার বিরুদ্ধে ১১ দিনের নবজাতক ছেলেকে অনুমতি ছাড়া নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রাতভর অনুসন্ধানের পর বাড়ি থেকে প্রায় ২০০ মাইল দূরে উইন্সলো এলাকার কাছ থেকে শিশুটিকে অক্ষত উদ্ধার করেছে পুলিশ।    কর্তৃপক্ষ জানায়, ৩১ জুলাই শুক্রবার রাতে পশ্চিম অ্যারিজোনার সারপ্রাইজ শহর থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর সন্দেহভাজন একটি গাড়ির বিবরণসহ রাজ্যজুড়ে ‘অ্যাটেম্পট টু লোকেট’ বা এটিএল বার্তা পাঠানো হয়।   বার্তাটি পাওয়ার পর নাভাহো কাউন্টি শেরিফের কার্যালয়ের সদস্যরা সম্ভাব্য গাড়িটির সন্ধান শুরু করেন। ১ আগস্ট শনিবার সকালে উত্তর অ্যারিজোনার উইন্সলো এলাকায় গাড়িটি শনাক্ত করে থামানো হয়। পরে গাড়ির ভেতর থেকে নবজাতকটিকে নিরাপদে উদ্ধার করেন কর্মকর্তারা। অভিযানে অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সদস্যরাও সহায়তা করেন।    শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাত পাওয়া যায়নি। তবে বয়স মাত্র ১১ দিন হওয়ায় সতর্কতামূলকভাবে তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।    সারপ্রাইজ পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা তার আইনগত হেফাজ

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১০:৪৬
টাঙ্গাইলের সখীপুরে প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীত
প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রবাসফেরত এক অসুস্থ ব্যক্তিকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, শনিবার দিবাগত রাতে উপজেলার কালমেঘা এলাকায় তাকে রেখে চলে যান স্ত্রী ও সন্তানরা। পরে এলাকাবাসীর সহায়তায় তিনি আশ্রয় পান স্বজনের বাড়িতে।   অভিযোগের শিকার জামাল উদ্দিন (৪৯) কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে জীবিকার প্রয়োজনে সৌদি আরবে যান এবং সেখানে প্রায় ১২ বছর কাজ করেন।   স্থানীয় সূত্রের দাবি, প্রবাসে থাকাকালে তিনি উপার্জিত অর্থ পরিবারের কাছে পাঠাতেন। কয়েক বছর আগে কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার পর প্রায় আট মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভালের ক্ষেত্রে অবহেলার অভিযোগও ওঠে।   স্থানীয়দের অভিযোগ, শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে রেখে চলে যান তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। পরে রাতে বৃষ্টি শুরু হলে তিনি অসহায় অবস্থায় পড়ে থাকেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পরে তার ভাতিজি ইসমতারার বাড়িতে তাকে আশ্রয়ের ব্যবস্থা করেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।   স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ জানান, খবর পেয়ে এলাকাবাসী দ্রুত উদ্যোগ নিয়ে জামাল উদ্দিনকে নিরাপদ স্থানে নিয়ে যান। অন্যদিকে জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী বলেন, তিনি আগে থেকেই ভাইকে শ্বশুরবাড়িতে না থাকার পরামর্শ দিয়েছিলেন। পরে জানতে পারেন, অসুস্থ অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে।   তবে অভিযোগ অস্বীকার করেছেন জামাল উদ্দিনের স্ত্রী রিনা আক্তার। তার দাবি, কয়েক মাস আগেই তিনি স্বামীকে তালাক দিয়েছেন। ফলে বর্তমানে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই। রাতের বেলায় জামাল উদ্দিন কীভাবে ওই এলাকায় পৌঁছেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।   এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১০:২৭
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করা ছবি শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ট্রাম্পের পোস্টে চাঞ্চল্য, যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে ভেনেজুয়েলার মানচিত্র

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করা একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিতে ভেনেজুয়েলার মানচিত্রকে যুক্তরাষ্ট্রের পতাকার নকশায় দেখানো হয়েছে এবং তার ওপর বাংলায় ‘৫১তম অঙ্গরাজ্য’ লেখা রয়েছে। তবে পোস্টটির সঙ্গে তিনি কোনো ব্যাখ্যা বা মন্তব্য দেননি।   এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এবং অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে।   পোস্টে প্রকাশিত ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকার নকশায় ভেনেজুয়েলার মানচিত্র দেখানো হয়েছে। তবে এটি কোনো নীতিগত বার্তা, রাজনৈতিক ইঙ্গিত নাকি প্রতীকী প্রকাশ—এ বিষয়ে ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ব্যাখ্যাহীন পোস্ট আন্তর্জাতিক পরিসরে নানা ধরনের জল্পনার জন্ম দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক, মাদুরো সরকারের প্রতি ওয়াশিংটনের অবস্থান এবং লাতিন আমেরিকাবিষয়ক নীতির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।   তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ করার মতো কোনো নীতি, পরিকল্পনা বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে ট্রাম্পের এই পোস্টের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।   ঘটনাটি প্রথম প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। পরে বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১০:৬
দ্রুত সাক্ষাৎকারের জন্য অতিরিক্ত ৭৫০ ডলার দিয়ে মিলবে যুক্তরাষ্ট্রের ভিসার নতুন সুযোগ। ছবি: সংগৃহীত
দ্রুত সাক্ষাৎকারের জন্য ৭৫০ ডলার দিয়ে মিলবে যুক্তরাষ্ট্রের ভিসার নতুন সুযোগ

যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য দ্রুত সাক্ষাৎকারের নতুন সুযোগ চালু করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পরীক্ষামূলক এই কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করে তুলনামূলক দ্রুত সাক্ষাৎকারের তারিখ পেতে পারবেন। তবে এই অর্থ পরিশোধ করলেও ভিসা পাওয়ার নিশ্চয়তা থাকবে না। এটি শুধু দ্রুত সাক্ষাৎকারের সুযোগ দেবে।   পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক এই কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এটি শুধুমাত্র বি-১/বি-২ ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য প্রযোজ্য। আসন খালি থাকলে আবেদনকারীরা ১০ কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে পারবেন।   এই সুবিধা নিতে হলে আবেদনকারীকে প্রথমে ডিএস-১৬০ ফরম পূরণ করতে হবে, ১৮৫ ডলারের এমআরভি ফি পরিশোধ করতে হবে এবং নিয়মিত পদ্ধতিতে একটি সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটে এই সুবিধা চালু থাকলে এবং আবেদনকারী যোগ্য হলে অতিরিক্ত ৭৫০ ডলার দিয়ে দ্রুত সাক্ষাৎকারের আবেদন করা যাবে।   দ্রুত সাক্ষাৎকারের সময় নির্বাচন করার পর ১০ মিনিটের মধ্যে অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করে বুকিং নিশ্চিত করতে হবে। অর্থ পরিশোধের পর সাক্ষাৎকারের তারিখ বা সময় পরিবর্তনের সুযোগ থাকবে না। নির্ধারিত সাক্ষাৎকারে উপস্থিত না হলে অতিরিক্ত এই অর্থ ফেরত দেওয়া হবে না।   পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দ্রুত সাক্ষাৎকারের এই সুবিধা ভিসা অনুমোদনের নিশ্চয়তা দেয় না। সব আবেদনকারীকে আগের মতোই পূর্ণাঙ্গ যাচাই-বাছাই ও নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। অতিরিক্ত অর্থ পরিশোধ করলেও ভিসা প্রদানের সিদ্ধান্তে কোনো বিশেষ সুবিধা পাওয়া যাবে না।   বর্তমানে এই কর্মসূচি নির্বাচিত কিছু মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। কোন দেশে বা কোন দূতাবাসে এই সুবিধা পাওয়া যাবে, তা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট বা ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যাচাই করতে হবে।   সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৯:৪৮
গৃহহীনদের জন্য হোটেল ব্যবহারে ১৮৬ কোটি ডলারের চুক্তি নবায়ন করলেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি। ছবি: সংগৃহীত
গৃহহীনদের জন্য হোটেল ব্যবহারে ১৮৬ কোটি ডলারের চুক্তি নবায়ন করলেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির গৃহহীনদের জরুরি আশ্রয় নিশ্চিত করতে পাঁচটি বরোর বিভিন্ন হোটেল ব্যবহারের জন্য ১৮৬ কোটি ডলারের একটি চুক্তি নবায়ন করেছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। নতুন এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।   চুক্তিটি করা হয়েছে নিউইয়র্ক সিটি হোটেল অ্যাসোসিয়েশন ফাউন্ডেশনের সঙ্গে, যারা প্রায় ৩০০টি হোটেলের প্রতিনিধিত্ব করে। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলেই কেবল এসব হোটেলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পুরো ১৮৬ কোটি ডলারের অর্থ ব্যয় নাও হতে পারে।   নিউইয়র্ক সিটির গৃহহীন সেবা বিভাগ জানিয়েছে, গত ১৫ বছরে বিভিন্ন সংকটের সময় তাদের বাণিজ্যিক হোটেলের ওপর নির্ভর করতে হয়েছে। একই সঙ্গে তারা স্থায়ী ও উন্নতমানের আশ্রয়কেন্দ্র চালু করার কাজ চালিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে বিশেষ করে শিশু থাকা পরিবারগুলোর জন্য হোটেলের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানো যায়।   শহরের ‘রাইট টু শেল্টার’ আইন অনুযায়ী আশ্রয়প্রার্থী প্রত্যেককে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হয়। এ কারণে প্রয়োজনীয় শয্যা ধরে রাখতে এই চুক্তি নবায়ন করা হয়েছে। গত ৩১ জুলাই পর্যন্ত নিউইয়র্ক সিটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৮২ হাজার ৯২৯ জন প্রাপ্তবয়স্ক ও শিশু অবস্থান করছিলেন।   কোভিড-১৯ মহামারির সময় জরুরি ভিত্তিতে গৃহহীনদের নিরাপদ আশ্রয় দিতে হোটেল ব্যবহারের পরিধি বাড়ানো হয়েছিল। পরে অভিবাসন সংকটের সময়ও হাজারো আশ্রয়প্রার্থীকে রাখার জন্য শহরের প্রায় ১৫০টি হোটেল, মোটেল ও সরাইখানাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়।   এদিকে একই কর্মসূচির আওতায় হোটেলে অবস্থানরত গৃহহীন ব্যক্তি ও পরিবারগুলোর দৈনন্দিন সেবার জন্য দুটি সামাজিক সেবাদানকারী সংস্থাকেও ৮ কোটি ৭০ লাখ ডলারের বেশি মূল্যের দুটি আলাদা চুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, সমালোচকদের দাবি, হোটেলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করায় পর্যটন খাতের ওপর চাপ বাড়ছে এবং কক্ষের প্রাপ্যতা কমে যাচ্ছে। তবে গৃহহীনদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, পর্যাপ্ত স্থায়ী আবাসন গড়ে না ওঠা পর্যন্ত এই ব্যবস্থা একটি প্রয়োজনীয় বিকল্প।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৯:৩১