সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
মিনেসোটার পানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা
মিনেসোটার পানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলায়, ইরান নয়, ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ৩০টিরও বেশি পানি সরবরাহ ব্যবস্থায় সাম্প্রতিক সাইবার হামলার জন্য ইরানকে নয়, স্থানীয় ডেমোক্র্যাট নেতৃত্বকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই মন্তব্য দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর চলমান তদন্ত ও প্রাথমিক মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।   শুক্রবার ক্যাম্প ডেভিডে এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, মিনেসোটার পানি ব্যবস্থায় হামলার জন্য ইরানকে দোষারোপ করা হলেও তিনি তা বিশ্বাস করেন না। তার দাবি, অঙ্গরাজ্যটির প্রশাসনিক অদক্ষতাই এ ঘটনার জন্য দায়ী। এ সময় তিনি মিনেসোটার ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালজেরও সমালোচনা করেন। তবে নিজের দাবির পক্ষে ট্রাম্প কোনো প্রমাণ উপস্থাপন করেননি।    অন্যদিকে, মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা এবং ফেডারেল তদন্তকারীরা জানিয়েছেন, হামলার উৎস নিয়ে তদন্ত এখনও চলছে। এর আগে প্রকাশিত একাধিক গোয়েন্দা মূল্যায়ন ও সাইবার নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছিল, হামলার ধরন ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের পূর্ববর্তী কর্মকাণ্ডের সঙ্গে মিল রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে হামলার জন্য ইরানকে দায়ী করেনি।    ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, মিনেসোটাসহ অন্তত সাতটি অঙ্গরাজ্যে পানি অবকাঠামো লক্ষ্য করে একই ধরনের সাইবার হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য পানি সরবরাহ ব্যবস্থার স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটলেও পানির নিরাপত্তা বা মানের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।    ট্রাম্পের মন্তব্যের জবাবে গভর্নর টিম ওয়ালজ বলেন, প্রেসিডেন্ট হামলার সম্ভাব্য উৎস সম্পর্কে অবগত রয়েছেন এবং এটি শুধু মিনেসোটায় সীমাবদ্ধ ছিল না। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সক্ষমতা দুর্বল হওয়ায় গুরুত্বপূর্ণ অবকাঠামো আরও ঝুঁকির মুখে পড়েছে।    সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের এফবিআই, সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ), ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং জ্বালানি বিভাগ যৌথভাবে সতর্ক করে জানিয়েছিল যে, ইরান-সমর্থিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পানি ও জ্বালানি অবকাঠামোর শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে। তবে মিনেসোটার ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়ীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ২:৪০
মিথ্যা দাবিতে ভোক্তাদের বিভ্রান্ত করছে অ্যামাজন-ওয়ালমার্ট
‘মেড ইন ইউএসএ’ মিথ্যা দাবিতে ভোক্তাদের বিভ্রান্ত করছে অ্যামাজন-ওয়ালমার্ট! :গবেষণা

যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ খুচরা বিক্রেতা অ্যামাজন ও ওয়ালমার্টের বিরুদ্ধে ‘মেড ইন ইউএসএ’ লেবেল নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শপিং সহকারীরা পণ্যের ভুয়া ‘মেড ইন ইউএসএ’ দাবি শনাক্ত করতে সক্ষম হলেও, সেগুলো ক্রেতাদের সামনে সতর্কবার্তা হিসেবে তুলে ধরে না।    কলাম্বিয়া ল’ স্কুলের সেন্টার ফর ল’ অ্যান্ড দ্য ইকোনমির প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, অ্যামাজনের ‘অ্যালেক্সা ফর শপিং’ এবং ওয়ালমার্টের ‘স্পার্কি’ এআই সিস্টেম অনেক ক্ষেত্রে বুঝতে পারে যে কোনো পণ্যের উৎপত্তি সম্পর্কে দেওয়া তথ্য বিভ্রান্তিকর বা অসত্য হতে পারে। তবে সেই তথ্য ব্যবহার করে ক্রেতাদের সতর্ক করার পরিবর্তে তারা সাধারণত বিষয়টি এড়িয়ে যায় বা নিরপেক্ষ উত্তর দেয়।    গবেষণার সহলেখক ও যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল ট্রেড কমিশন চেয়ার লিনা খানের মতে, এআই প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, ব্যবসায়িক স্বার্থ অনেক সময় সেই প্রযুক্তির ব্যবহারকে প্রভাবিত করে। তাই ভোক্তাদের স্বার্থ রক্ষায় নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি।    প্রতিবেদনে আরও বলা হয়, অ্যামাজন ও ওয়ালমার্টের ওয়েবসাইটে ‘মেড ইন ইউএসএ’ পণ্য খোঁজার জন্য আলাদা কোনো ফিল্টার নেই। পরীক্ষায় দেখা গেছে, প্রশ্নের ভাষা সামান্য পরিবর্তন করলেই একই এআই সহকারী ভিন্ন উত্তর দিচ্ছে, যা তথ্য উপস্থাপনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।    অ্যামাজন গবেষণার উপসংহারের সঙ্গে দ্বিমত পোষণ করে জানিয়েছে, উৎপাদক বা তৃতীয় পক্ষের বিক্রেতারা তথ্য সরবরাহ করলে পণ্যের উৎপত্তি-সংক্রান্ত তথ্য তারা প্রদর্শন করে এবং অ্যালেক্সার সক্ষমতা আরও উন্নত করার কাজ চলছে। ওয়ালমার্ট এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।    এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন অ্যামাজন ও ওয়ালমার্টকে চিঠি দিয়ে তাদের প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের বিক্রেতাদের বিভ্রান্তিকর ‘মেড ইন ইউএসএ’ দাবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল। সাম্প্রতিক গবেষণাটি সেই বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ২:৪
শিক্ষার্থী ভিসায় স্বামী বা স্ত্রীকে সঙ্গে নেবেন, নাকি পরে আনবেন? কী বলছে যুক্তরাষ্ট্রের নিয়ম
শিক্ষার্থী ভিসায় স্বামী বা স্ত্রীকে সঙ্গে নেবেন, নাকি পরে আনবেন? কী বলছে যুক্তরাষ্ট্রের নিয়ম

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ভিসায় আবেদন করতে যাওয়া অনেক বাংলাদেশি দম্পতির কাছে একটি প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, শুরুতেই কি স্বামী বা স্ত্রীকে সঙ্গে নিয়ে আবেদন করা উচিত, নাকি আগে একজন একা যুক্তরাষ্ট্রে গিয়ে পরে নির্ভরশীল ভিসায় নিয়ে আসাই ভালো? সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী ভিসা যাচাই আরও কঠোর হওয়ায় এ বিষয়টি নিয়ে বিভ্রান্তিও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন বিধিমালা বলছে, দুটি পথই বৈধ। গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনকারীর দেওয়া তথ্যের সত্যতা এবং নথিপত্রের গ্রহণযোগ্যতা।   যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার নিয়ম অনুযায়ী, বৈধ শিক্ষার্থী ভিসাধারীর স্বামী বা স্ত্রী ডিপেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। চাইলে মূল আবেদনকারীর সঙ্গে একই সময়ে আবেদন করা যায়, আবার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা শুরু করার পরও ডিপেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করার সুযোগ রয়েছে।   বর্তমানে ট্রাম্প প্রশাসনের অধীনে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ভিসা যাচাই আগের তুলনায় আরও কঠোর হয়েছে। আবেদনকারীর শিক্ষার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা, নথিপত্রের সত্যতা, ভিসার শর্ত মেনে চলার সক্ষমতা এবং সামগ্রিক বিশ্বাসযোগ্যতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন কনস্যুলার কর্মকর্তারা। তবে এ পর্যন্ত শিক্ষার্থীর স্বামী বা স্ত্রীকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যাওয়ার মৌলিক নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।   অভিবাসন আইনজীবীদের মতে, অনেক আবেদনকারী মনে করেন বিবাহিত হওয়ার তথ্য গোপন করে একা আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু এই ধারণার পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের কোনো নীতিগত ভিত্তি নেই। বরং ভিসা আবেদনপত্রে বৈবাহিক অবস্থা গোপন করা বা ভুল তথ্য দেওয়া ভবিষ্যতে গুরুতর আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। অভিবাসন আইনের ভাষায় এটি ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান হিসেবে বিবেচিত হতে পারে, যা পরবর্তী ভিসা বা অভিবাসন সুবিধার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।   বাস্তবে এমন ঘটনাও ঘটে, যেখানে মূল শিক্ষার্থীর ভিসা অনুমোদিত হলেও তার স্বামী বা স্ত্রীর ডিপেন্ডেন্ট ভিসা অনুমোদন পায় না। আবার অনেক ক্ষেত্রে দুজনই একসঙ্গে ভিসা পান। প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করা হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তা। শুধু বিবাহিত হওয়া বা একসঙ্গে আবেদন করাই ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের একমাত্র কারণ নয়।   যারা প্রথমে একা যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের জন্যও আইনি পথ খোলা রয়েছে। শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজের বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল শিক্ষার্থী দপ্তরের মাধ্যমে স্বামী বা স্ত্রীর জন্য নতুন অনুমোদনপত্র সংগ্রহ করতে পারেন। এরপর সেই নথির ভিত্তিতে নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাসে নির্ভরশীল ভিসার আবেদন করা যায়।   তবে ডিপেন্ডেন্ট ভিসাধারীদের জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, এই ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি করার অনুমতি নেই। এছাড়া ডিপেন্ডেন্ট হিসেবে অবস্থানের বৈধতা মূল শিক্ষার্থীর বৈধ অবস্থানের ওপর নির্ভরশীল। অর্থাৎ শিক্ষার্থীর বৈধ অবস্থান শেষ হলে নির্ভরশীলের অবস্থানও একইভাবে প্রভাবিত হবে।   যুক্তরাষ্ট্রভিত্তিক অভিবাসন আইনজীবীরাও দীর্ঘদিন ধরে আবেদনকারীদের একটি বিষয়েই গুরুত্ব দিতে বলে আসছেন, সব তথ্য সত্য ও নির্ভুলভাবে প্রকাশ করা। তারা মনে করেন, শুরুতেই স্বামী বা স্ত্রীকে সঙ্গে আবেদন করবেন, নাকি পরে নিয়ে আসবেন, সেটি ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে। কিন্তু বৈবাহিক তথ্য গোপন করা বা ভুল তথ্য দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা কোনোভাবেই নিরাপদ কৌশল নয়।   অভিবাসন নিয়ে কাজ করেন তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে আবেদনকারীদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন গুজবের ওপর নির্ভর না করে যুক্তরাষ্ট্রের সরকারি নির্দেশনা এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল শিক্ষার্থী দপ্তরের পরামর্শ অনুসরণ করা। কারণ প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করা হয় এবং সঠিক তথ্য ও শক্তিশালী নথিপত্রই ভিসা প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১:৫৭
অস্ট্রেলিয়ায় আয়ের বড় অংশ গিলে খাচ্ছে বাড়িভাড়া
অস্ট্রেলিয়ায় আয়ের বড় অংশ গিলে খাচ্ছে বাড়িভাড়া, কম আয়ের পরিবার সবচেয়ে চাপে

অস্ট্রেলিয়ায় আবাসন সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন শহরে বাড়িভাড়া ধারাবাহিকভাবে বাড়তে থাকায় অনেক পরিবারের আয়ের বড় একটি অংশ এখন শুধু ভাড়া পরিশোধেই ব্যয় হচ্ছে। বিশেষ করে কম ও মধ্যম আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েছেন বলে আবাসন খাতের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।   সম্প্রতি প্রকাশিত আবাসন বাজার, সংক্রান্ত বিশ্লেষণ ও ভাড়ার তথ্য অনুযায়ী, সিডনি, ব্রিসবেন, পার্থসহ বড় শহরগুলোতে ভাড়া নতুন রেকর্ডে পৌঁছেছে। জাতীয় পর্যায়ে সাপ্তাহিক মধ্যম ভাড়া গত পাঁচ বছরে ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। একই সময়ে শূন্য বাসার হার খুবই কম থাকায় ভাড়াটিয়াদের মধ্যে প্রতিযোগিতা আরও বেড়েছে।    উচ্চ সুদের হার, নতুন আবাসন নির্মাণের ধীরগতি, জনসংখ্যা বৃদ্ধি এবং ভাড়ার জন্য পর্যাপ্ত বাড়ির সংকট বাজারকে আরও চাপের মুখে ফেলেছে। ফলে অনেক পরিবারকে আয়ের এক-তৃতীয়াংশ বা তারও বেশি শুধু বাড়িভাড়ার জন্য ব্যয় করতে হচ্ছে, যা জীবনযাত্রার অন্যান্য খরচ সামলানো কঠিন করে তুলছে।    সম্প্রতি অস্ট্রেলিয়ার ফেডারেল বাজেটে বিনিয়োগ সম্পর্কিত কর নীতিতে পরিবর্তনের ঘোষণার পর অনেক বিনিয়োগকারী নতুন ভাড়ার সম্পত্তি কেনা থেকে সরে আসছেন বলে আবাসন খাতের পর্যবেক্ষকদের ধারণা। তাদের মতে, এতে ভাড়ার জন্য নতুন বাড়ির সরবরাহ আরও কমে যেতে পারে এবং ভবিষ্যতে ভাড়ার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।    আবাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভাড়া নিয়ন্ত্রণ নয়, সংকট মোকাবিলায় দ্রুত নতুন আবাসন নির্মাণ, ভাড়ার বাজারে সরবরাহ বৃদ্ধি এবং প্রথমবারের মতো বাড়ি কিনতে ইচ্ছুকদের জন্য কার্যকর সহায়তা প্রয়োজন। অন্যথায় বাড়িভাড়া বৃদ্ধি ও আবাসন–সংকট দীর্ঘমেয়াদে আরও গভীর হতে পারে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১:৪৭
জনস হপকিন্সের গবেষককে বিমানবন্দরে আটক করল আইস
জনস হপকিন্সের গবেষককে বিমানবন্দরে আটক করল আইস, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ক্ষোভ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষককে আটক করেছে। ঘটনাটি এমন সময় ঘটল, যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন বিমানবন্দরে অভিবাসন-সংক্রান্ত অভিযানে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গবেষকের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।    বিশ্ববিদ্যালয় ও গবেষকের আইনজীবীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, গবেষক একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে আইস কর্মকর্তারা তাকে আটক করেন। পরে তাকে অভিবাসন হেফাজতে নেওয়া হয়। তবে তাকে আটকের নির্দিষ্ট কারণ সম্পর্কে কর্তৃপক্ষ প্রকাশ্যে বিস্তারিত জানায়নি।    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, গবেষক বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুরুত্বপূর্ণ সদস্য। প্রতিষ্ঠানটি তার আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে আইনি সহায়তা দিচ্ছে এবং বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।    সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন প্রয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর, কর্মস্থল ও অন্যান্য স্থানে আইসের অভিযান বেড়েছে। মানবাধিকার সংগঠন ও অভিবাসন আইনজীবীরা বলছেন, এসব অভিযানে বৈধ কাগজপত্রধারী ব্যক্তি, শিক্ষার্থী ও গবেষকদেরও আটকের ঘটনা উদ্বেগ তৈরি করছে।    অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা আন্তর্জাতিক গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে অনিশ্চয়তা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে বিদেশি গবেষকদের গুরুত্বপূর্ণ অবদান থাকায় এ ধরনের গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১:৪১
নিউইয়র্কের সরকারি আবাসন লটারি দ্রুত করতে বড় সংস্কারের উদ্যোগ
দুই বছর পর্যন্ত অপেক্ষা! নিউইয়র্কের সরকারি আবাসন লটারি দ্রুত করতে বড় সংস্কারের উদ্যোগ

নিউইয়র্ক সিটিতে সাশ্রয়ী মূল্যের আবাসনের চাহিদা বাড়লেও সরকারি আবাসন লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট পাওয়ার দীর্ঘসূত্রতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউইয়র্ক হাউজিং কনফারেন্সের সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, অনেক ক্ষেত্রে একটি নতুন আবাসন প্রকল্পে ভাড়াটিয়া নির্বাচন ও বসবাস শুরু করতে প্রায় দুই বছর বা তারও বেশি সময় লেগে যাচ্ছে। এই জটিলতা কমাতে আবেদন ও যাচাই প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের সুপারিশ করা হয়েছে।   গবেষণায় ব্রঙ্কসের একটি সাশ্রয়ী আবাসন প্রকল্পের উদাহরণ তুলে ধরা হয়েছে। সেখানে ১৮০টি অ্যাপার্টমেন্টে ভাড়াটিয়া নির্বাচন ও স্থানান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ২৭ মাস সময় লাগে। ফলে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার পরও বহু ইউনিট দীর্ঘ সময় খালি ছিল।   প্রতিবেদন অনুযায়ী, ওই প্রকল্পে প্রায় ৭০ হাজার আবেদন জমা পড়েছিল। সেখান থেকে ৫ হাজারের বেশি আবেদন যাচাইয়ের জন্য বাছাই করা হলেও শেষ পর্যন্ত মাত্র ১৩৫টি পরিবার অ্যাপার্টমেন্টে উঠতে সক্ষম হয়। অনেক আবেদনকারী নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি, কেউ আবার আয়ের সীমা বা অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে ব্যর্থ হন। একই সঙ্গে একাধিক ধাপে নথি যাচাই, প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘ অনুমোদন প্রক্রিয়াও বিলম্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।   এই দীর্ঘ অপেক্ষার অভিজ্ঞতা শুধু গবেষণার পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়। সরকারি আবাসন লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট পাওয়া আবেদনকারীদের অভিজ্ঞতাও একই ধরনের চিত্র তুলে ধরে।   আর্কিটেকচারাল ডাইজেস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুকলিনের গ্রিনপয়েন্ট এলাকায় সরকারি আবাসন লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট পাওয়া জশ আয়ালা বলেন, আবেদন করার পর ভবন কর্তৃপক্ষের কাছ থেকে প্রথমবার যোগাযোগ পেতে তার প্রায় ১০ থেকে ১১ মাস সময় লেগেছিল। তার ভাষায়, “এই পুরো প্রক্রিয়াটি অনেক দীর্ঘ হতে পারে।”   একই প্রতিবেদনে আরেক সফল আবেদনকারী অ্যালেক্স কার্পিও জানান, তিনি ২০২২ সালে আবেদন করেছিলেন এবং ২০২৩ সালে অ্যাপার্টমেন্টে উঠতে সক্ষম হন। তার মতে, “এটি অনেকটাই ভাগ্যের বিষয়। কখন কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করবে, তা আগে থেকে জানার কোনো উপায় নেই।” তিনি বলেন, যোগাযোগ পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি জমা দিতে হয়, যা অনেক আবেদনকারীর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে।   গবেষণায় আরও বলা হয়েছে, সরকারি আবাসন লটারির বর্তমান ব্যবস্থা আরও কার্যকর করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন জরুরি। এর মধ্যে রয়েছে আবেদন যাচাইয়ের ধাপ কমানো, একই নথি বারবার জমা দেওয়ার প্রয়োজনীয়তা হ্রাস, অনলাইন যাচাই ব্যবস্থা আরও কার্যকর করা, আবেদনকারীদের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং খালি থাকা অ্যাপার্টমেন্ট দ্রুত যোগ্য আবেদনকারীদের কাছে বরাদ্দ দেওয়া।   এদিকে নিউইয়র্ক সিটি প্রশাসনও সাশ্রয়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছে। শহর কর্তৃপক্ষের ‘স্পিড’ উদ্যোগের আওতায় আবেদন, যাচাই ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং নতুন আবাসন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, আবেদনকারীদের অপেক্ষার সময় কমিয়ে দ্রুত খালি ইউনিটে বাসিন্দা স্থানান্তর নিশ্চিত করা।   নিউইয়র্ক সিটির সরকারি আবাসন লটারি এমন একটি অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের বাসিন্দারা সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট এবং সীমিত সংখ্যক বাড়ির মালিকানা কর্মসূচিতে আবেদন করতে পারেন। প্রতিবছর হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিলেও তীব্র প্রতিযোগিতার কারণে সুযোগ পান তুলনামূলকভাবে অল্পসংখ্যক আবেদনকারী।   নিউইয়র্কে আবাসন নিয়ে কাজ করেন এমন অনেকে বলছেন, আবেদনকারীদের উচিত অনলাইন হিসাবের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা, আয় ও পরিবারের তথ্য সঠিকভাবে প্রদান করা এবং প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখা। এতে আবেদন যাচাইয়ের সময় অপ্রয়োজনীয় বিলম্ব কমতে পারে।   তাদের মতে, নিউইয়র্কে নতুন সাশ্রয়ী আবাসন নির্মাণের পাশাপাশি আবেদন থেকে শুরু করে চূড়ান্ত লিজ স্বাক্ষর পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করা গেলে হাজারো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য আবাসন পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১:১৩
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারেবিদেশি ক্রেতার আগ্রহে বড় ধাক্কা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারেবিদেশি ক্রেতার আগ্রহে বড় ধাক্কা, বিনিয়োগ কমল ৩৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বিদেশি ক্রেতাদের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে বিদেশি ক্রেতারা যুক্তরাষ্ট্রে ৪২ বিলিয়ন ডলারের আবাসিক সম্পত্তি কিনেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কম। ক্রয়-বিক্রয়ের পরিমাণও নেমে এসেছে প্রায় ৩৩ শতাংশ।   এনএআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিদেশি নাগরিক ও নতুন অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রায় ৭৮ হাজার ১০০টি আবাসিক সম্পত্তি কিনেছেন। আগের বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য হ্রাস। একই সময়ে মোট বিনিয়োগও ৬৪ বিলিয়ন ডলার থেকে কমে ৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।   বিশ্লেষকদের মতে, উচ্চ মর্টগেজ সুদের হার, বাড়ির ক্রমবর্ধমান দাম, শক্তিশালী মার্কিন ডলার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিদেশি ক্রেতাদের আগ্রহ কমিয়ে দিয়েছে। পাশাপাশি অভিবাসন নীতি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে অনিশ্চয়তাও অনেক বিনিয়োগকারীকে অপেক্ষার অবস্থানে রেখেছে।   প্রতিবেদন অনুযায়ী, বিদেশি ক্রেতাদের মধ্যে চীনা নাগরিকরা এখনও সবচেয়ে বেশি মূল্যের আবাসন কিনেছেন। তাদের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। এরপর রয়েছে কানাডা, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্যের ক্রেতারা।   অন্যদিকে, সবচেয়ে বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করেছে ফ্লোরিডা। মোট বিদেশি আবাসন ক্রয়ের ২১ শতাংশই হয়েছে এই অঙ্গরাজ্যে। এরপর রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও নিউইয়র্ক।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি ক্রেতাদের বড় একটি অংশ নগদ অর্থে বাড়ি কিনেছেন। প্রায় অর্ধেক লেনদেনই হয়েছে কোনো ধরনের গৃহঋণ ছাড়াই, যা দেশীয় ক্রেতাদের তুলনায় অনেক বেশি।   আবাসন বাজার বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় বিলাসবহুল ও উচ্চমূল্যের আবাসনের বাজারে চাপ বাড়তে পারে। তবে মর্টগেজ সুদের হার কমলে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে বিদেশি ক্রেতাদের আগ্রহ আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ০:৫১
যুক্তরাষ্ট্রে বৈধ হওয়া স্বত্তেও মেক্সিকোতে ফেরত পাঠানোয়
যুক্তরাষ্ট্রে বৈধ হওয়া স্বত্তেও মেক্সিকোতে ফেরত পাঠানোয়, ট্রাম্প প্রশাসন এর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে শৈশবে এসে বেড়ে ওঠা এবং ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস  কর্মসূচির সুরক্ষায় বৈধভাবে বসবাসের অনুমতি থাকা টেক্সাসের এক মা এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছেন। তার অভিযোগ, বৈধ সুরক্ষা থাকা সত্ত্বেও তাকে অবৈধভাবে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছে, আর পরে সেই বহিষ্কারকেই অজুহাত দেখিয়ে তার ডিএসিএ মর্যাদা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।    ৩৪ বছর বয়সী জেসিকা ত্রেভিনো টেক্সাসে সাত বছর বয়সে আসেন এবং পরে ডিএসিএ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অনুমতি পান। তার বর্তমান ডিএসিএ অনুমোদনের মেয়াদ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত বৈধ ছিল। তবে গত মার্চে তাকে এবং তার স্বামীকে মেক্সিকোতে বহিষ্কার করা হয়। বর্তমানে তারা মেক্সিকোর মাতামোরোসে অবস্থান করছেন, আর তাদের তিন সন্তান, যারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক, টেক্সাসে স্বজনদের কাছে রয়েছে।    মামলায় দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা পরে তাকে একটি নোটিশ পাঠিয়ে জানায়, তিনি "অননুমোদিতভাবে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন", এই কারণ দেখিয়ে তার ডিএসিএ সুবিধা বাতিল করা হবে। ত্রেভিনোর আইনজীবীর ভাষ্য, সরকারই যখন তাকে জোরপূর্বক বহিষ্কার করেছে, তখন সেই ঘটনাকেই আবার ডিএসিএ বাতিলের কারণ হিসেবে দেখানো আইনি ও যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয়।   অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, ত্রেভিনো স্বেচ্ছায় দেশত্যাগে সম্মতি দিয়েছিলেন এবং আপিলের অধিকার ত্যাগ করেছিলেন। তবে ত্রেভিনো এই দাবি অস্বীকার করে বলেছেন, তিনি কখনোই স্বেচ্ছায় দেশ ছাড়তে রাজি হননি এবং কোনো নথিতে স্বাক্ষরও করেননি।    ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ত্রেভিনো তার ডিএসিএ মর্যাদা পুনর্বহাল, বহিষ্কারকে অবৈধ ঘোষণা এবং তাকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ দেওয়ার নির্দেশ চেয়েছেন। মামলাটি যুক্তরাষ্ট্রে ডিএসিএ সুবিধাপ্রাপ্ত অভিবাসীদের অধিকার ও আইনি সুরক্ষা নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।    ডিএসিএ কর্মসূচি ২০১২ সালে চালু হয়। এটি যুক্তরাষ্ট্রে শিশু অবস্থায় আসা এবং নির্দিষ্ট শর্ত পূরণকারী অভিবাসীদের সাময়িকভাবে বহিষ্কার থেকে সুরক্ষা এবং কাজের অনুমতি দেয়। তবে এই কর্মসূচি স্থায়ী নাগরিকত্ব বা বৈধ অভিবাসন মর্যাদা প্রদান করে না। সাম্প্রতিক বছরগুলোতে কর্মসূচিটির ভবিষ্যৎ নিয়ে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ০:৩০
ডাকে পাঠানো লটারির বিজয়ী টিকিট চুরি
ডাকে পাঠানো লটারির বিজয়ী টিকিট চুরি! মার্কিন ডাক বিভাগের কর্মী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ডাকযোগে পাঠানো একটি বিজয়ী লটারির টিকিট চুরি করে নিজের নামে পুরস্কারের অর্থ তোলার অভিযোগে মার্কিন ডাক বিভাগের (ইউএসপিএস) এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে ডাক চুরি ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।   ফ্লোরিডার মিয়ামি এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় তদন্তকারীরা জানান, একজন ব্যক্তি তার বিজয়ী লটারির টিকিট ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, টিকিটটি গন্তব্যে পৌঁছানোর আগেই ডাক বিভাগের ওই কর্মী সেটি আত্মসাৎ করেন এবং পরে নিজের নামে পুরস্কারের অর্থ দাবি করেন। তবে লটারির যাচাই প্রক্রিয়ায় অসঙ্গতি ধরা পড়লে বিষয়টি তদন্তে যায়।   তদন্তে ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস এবং ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে। বিভিন্ন নথি, ডাক পরিবহনের তথ্য ও আর্থিক লেনদেন পর্যালোচনার পর অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হলে আদালতে তার বিরুদ্ধে ডাক চুরি, সরকারি দায়িত্বের অপব্যবহার এবং প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়।    প্রসিকিউটরদের ভাষ্য, ডাক বিভাগের কর্মীদের ওপর জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত লাভের জন্য ডাক ব্যবস্থার অপব্যবহার করলে তা শুধু ফেডারেল আইন লঙ্ঘনই নয়, জনবিশ্বাসেরও মারাত্মক ক্ষতি করে।   ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, বড় অঙ্কের পুরস্কারের ক্ষেত্রে টিকিটের মালিকানা ও দাবি যাচাইয়ের জন্য একাধিক ধাপ অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়ার কারণেই অনিয়মটি শনাক্ত করা সম্ভব হয়েছে।   মার্কিন ডাক বিভাগের তদন্ত সংস্থাও জানিয়েছে, ডাক চুরি বা ডাকসামগ্রী আত্মসাতের অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফেডারেল আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ০:১৬
যন্তর মন্তরের শিক্ষার্থী বিক্ষোভ প্রসঙ্গে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে ভিডিও বার্তা দিলেন মোদি

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত এক শিক্ষার্থী বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে এবং তার প্রয়াত মাকে লক্ষ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। তবে ঘটনার জেরে কঠোর অবস্থান নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।   শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে এক নারী শিক্ষার্থীর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরে গত ২৩ জুলাই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়।   ভিডিও বার্তায় মোদি বলেন, “যন্তর মন্তরে যা ঘটেছে, তা গোটা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিপথগামী তরুণ এমন ভাষা ব্যবহার করেছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। শুধু আমাকে নয়, আমার প্রয়াত মাকেও তারা অপমান করেছে।” ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, “গালিগালাজ করে কোনো সমস্যার সমাধান হয় না। আসুন, বিপথগামীদের সঠিক পথ দেখাই। সবাই মিলে ভারতের সমৃদ্ধির জন্য কাজ করি।” তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের পক্ষে নন বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী। তার ভাষায়, তরুণ বয়সে মানুষ ভুল করতে পারে এবং সেই ভুল সংশোধনের সুযোগও থাকা উচিত।   মোদি বলেন, “সমাজে যে ক্ষোভ রয়েছে, তা আমি বুঝি। কিন্তু এই তরুণদের দূরে ঠেলে দেওয়া বা আদালতে টেনে হয়রানি করা কোনো সমাধান নয়। এরা আমাদেরই সন্তান। ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।” ভিডিও বার্তায় তিনি ব্যক্তিগতভাবে ওই তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সমাজের সব স্তরের মানুষের প্রতিও তাদের প্রতি সহনশীল ও উদার মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।   এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নোয়ডার এক্সপ্রেসওয়ে থানায় ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে শান্তিভঙ্গের উসকানি, বিভ্রান্তি ছড়ানো এবং মানহানির বিষয় রয়েছে। পরে জিরো এফআইআরের বিধান অনুযায়ী মামলাটি তদন্তের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়।   অন্যদিকে, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আন্দোলনের আয়োজক সংগঠন। সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস বলেন, ব্যবহৃত ভাষার শালীনতা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।   বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক প্রতিবাদ এবং আইন প্রয়োগের সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ক্ষমার আহ্বানও দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ০:১৩
যুক্তরাষ্ট্রে ৩০ বছরের মেয়াদি মর্টগেজ সুদ এক বছরে সর্বোচ্চ
যুক্তরাষ্ট্রে ৩০ বছরের মেয়াদি মর্টগেজ সুদ এক বছরে সর্বোচ্চ, বাড়ি কেনা আরও কঠিন

যুক্তরাষ্ট্রে ৩০ বছরের মেয়াদি স্থির সুদের (ফিক্সড-রেট) গৃহঋণের গড় সুদের হার বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ ৬ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছে। টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির ফলে বাড়ি কিনতে আগ্রহীদের ঋণের খরচ আরও বেড়েছে, যা ইতোমধ্যেই ধীরগতির আবাসন বাজারের ওপর নতুন চাপ সৃষ্টি করছে।   মর্টগেজ ঋণবিষয়ক প্রতিষ্ঠান ফ্রেডি ম্যাকের সর্বশেষ সাপ্তাহিক জরিপ অনুযায়ী, আগের সপ্তাহে ৩০ বছরের স্থির সুদের গৃহঋণের গড় হার ছিল ৬ দশমিক ৫৮ শতাংশ। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ৬ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ১৫ বছরের স্থির সুদের গৃহঋণের গড় হার বেড়ে ৬ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।    বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলন বেড়েছে। সাধারণত এই ফলনের সঙ্গে গৃহঋণের সুদের হারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে ট্রেজারি ফলন বাড়ার প্রভাব সরাসরি মর্টগেজের সুদের হারেও পড়ছে।    এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখলেও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। এ কারণে বাজারে দ্রুত সুদের হার কমার সম্ভাবনাও সীমিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা।    উচ্চ সুদের কারণে অনেক সম্ভাব্য ক্রেতা বাড়ি কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহে গৃহঋণের আবেদনও কমেছে। অন্যদিকে, কম সুদের পুরোনো ঋণ ধরে রাখতে অনেক বাড়ির মালিক তাদের সম্পত্তি বিক্রি করতে আগ্রহী নন, ফলে বাজারে বিক্রির জন্য নতুন বাড়ির সরবরাহও সীমিত থাকছে।    বিশেষজ্ঞদের মতে, সুদের হার উচ্চ অবস্থানে থাকায় প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া ক্রেতারাই সবচেয়ে বেশি চাপে পড়ছেন। তাদের মাসিক কিস্তি বেড়ে যাওয়ায় বাড়ি কেনার সামর্থ্য কমে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ না কমলে অদূর ভবিষ্যতে গৃহঋণের সুদের হার দ্রুত কমার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ০:১২
দুই কক্ষের ফ্ল্যাট ভাড়ায় নিউইয়র্ককে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ব্যয়বহুল এখন সান ফ্রান্সিসকো
দুই কক্ষের ফ্ল্যাট ভাড়ায় নিউইয়র্ককে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ব্যয়বহুল এখন সান ফ্রান্সিসকো

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো দুই কক্ষের অ্যাপার্টমেন্ট ভাড়ার ক্ষেত্রে নিউইয়র্ককে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে। নতুন বাজার বিশ্লেষণে দেখা গেছে, শহরটিতে দুই কক্ষের অ্যাপার্টমেন্টের মধ্যম মাসিক ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০ ডলারে, যা এক বছর আগের তুলনায় ২৫ দশমিক ৯ শতাংশ বেশি।   রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম জাম্পারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের ব্যবধানে সান ফ্রান্সিসকোতে দুই কক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম শহরটিতে দুই কক্ষের অ্যাপার্টমেন্টের মধ্যম ভাড়া ৬ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে।   অন্যদিকে, নিউইয়র্কে দুই কক্ষের অ্যাপার্টমেন্টের মধ্যম মাসিক ভাড়া ৫ হাজার ৪৫০ ডলার। অর্থাৎ, সান ফ্রান্সিসকোতে একই ধরনের বাসার ভাড়া নিউইয়র্কের তুলনায় ৫৭০ ডলার বেশি। তবে এক কক্ষের অ্যাপার্টমেন্ট ভাড়ায় এখনো শীর্ষে রয়েছে নিউইয়র্ক। সেখানে মধ্যম মাসিক ভাড়া ৪ হাজার ৫৬০ ডলার, আর সান ফ্রান্সিসকোতে তা ৪ হাজার ১৮০ ডলার।   বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর ব্যাপক নিয়োগ, অফিসে কর্মীদের ফিরিয়ে আনার নীতি এবং নতুন আবাসন নির্মাণের ধীরগতির কারণে সান ফ্রান্সিসকোতে ভাড়ার ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে শহরে ভাড়ার জন্য খালি বাসার সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ কমে গেছে। ফলে নতুন ভাড়াটিয়াদের মধ্যে প্রতিযোগিতা আরও বেড়েছে।   এই চাপ এখন আশপাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে। ওকল্যান্ডে এক কক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া বছরে ৬ শতাংশের বেশি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সান ফ্রান্সিসকোর উচ্চ ভাড়ার কারণে অনেক মানুষ তুলনামূলক কম খরচের শহরে চলে যাওয়ায় সেখানেও ভাড়া দ্রুত বাড়ছে।   তবে জাতীয় পর্যায়ে ভাড়ার বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে দুই কক্ষের অ্যাপার্টমেন্টের মধ্যম মাসিক ভাড়া ১ হাজার ৯০৬ ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র শূন্য দশমিক ১ শতাংশ বেশি। এক কক্ষের অ্যাপার্টমেন্টের মধ্যম ভাড়া অপরিবর্তিত থেকে ১ হাজার ৫২০ ডলারে রয়েছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ০:৬
অভিবাসন সংকটকে কেন্দ্র করে স্পেনের সঙ্গে শেনজেন সুবিধা স্থগিতের ঘোষণা দিয়েছে ইতালি। ছবি: সংগৃহীত
সেউতা সংকটের জেরে স্পেনের সঙ্গে শেনজেন সুবিধা স্থগিত করল ইতালি

উত্তর আফ্রিকার স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় নজিরবিহীন অভিবাসী সংকটের পর স্পেনের সঙ্গে শেনজেনভুক্ত মুক্ত ভ্রমণব্যবস্থার সুবিধা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। এ সিদ্ধান্তকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে স্পেন এই পদক্ষেপকে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পরিপন্থী বলে দাবি করেছে।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিনে মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে ৫০ হাজারের বেশি মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। এই নজিরবিহীন অভিবাসী ঢলের পর সীমান্ত নিরাপত্তা নিয়ে ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে শেনজেনভুক্ত সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করছে।   তবে স্পেন সরকার ইতালির এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। মাদ্রিদের দাবি, শেনজেন চুক্তির আওতায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়া ইউরোপীয় ইউনিয়নের আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সেউতা সফর করে ঘটনাটিকে দেশের আঞ্চলিক সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, তাদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হবে। এ কাজে মরক্কোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।   ইতালির অভিযোগ, স্পেনের সাম্প্রতিক অভিবাসন নীতি এবং অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ দেওয়ার উদ্যোগ মানবপাচারকারী চক্রকে আরও উৎসাহিত করেছে। তবে স্পেন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংকট মোকাবিলায় সেউতা সীমান্তে অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে স্পেন। একই সঙ্গে মরক্কোর নিরাপত্তা বাহিনীও সীমান্ত এলাকায় টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং কঠোর নজরদারির মাধ্যমে নতুন করে অভিবাসীদের প্রবেশ ঠেকানোর চেষ্টা চালাচ্ছে।   রয়টার্সের তথ্য অনুযায়ী, সীমান্তে সৃষ্ট বিশৃঙ্খলার সময় পদদলিত হওয়া এবং পানিতে ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। স্পেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, মরক্কোর অংশেও হতাহতের ঘটনা ঘটেছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। সেউতা ও মেলিলা আফ্রিকা মহাদেশে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত। আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় দীর্ঘদিন ধরেই এই দুটি অঞ্চল অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পরিস্থিতি গত কয়েক দশকের অন্যতম বড় সীমান্ত সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।   বিশেষজ্ঞরা বলছেন, শেনজেন চুক্তির আওতায় সাধারণভাবে সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ সীমান্তে পাসপোর্ট পরীক্ষা বা সীমান্ত নিয়ন্ত্রণ থাকে না। তবে জননিরাপত্তা বা জরুরি পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য সদস্য রাষ্ট্রগুলো সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহালের সুযোগ পায়। ইতালির সাম্প্রতিক সিদ্ধান্ত সেই বিধানের আওতায় নেওয়া হয়েছে কি না, তা নিয়েও ইউরোপীয় মহলে আলোচনা চলছে।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২৩:৫৯
ভারতে ‘জেন আলফার’ আন্দোলন
ভারতে এবার ‘জেন আলফার’ আন্দোলন

ভারতের বিহার রাজ্যের একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের ন্যূনতম সুযোগ-সুবিধার দাবিতে প্রায় ৪ কিলোমিটার হেঁটে মহকুমা প্রশাসকের (এসডিএম) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। ক্লাস চলাকালীন বিদ্যালয় ছেড়ে প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ‘জেন আলফার আন্দোলন’ হিসেবে উল্লেখ করছেন।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিহারের গয়া জেলার টিকারি মহকুমার সিমুয়ারা মিডল স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী বিদ্যালয় থেকে বের হয়ে টিকারি সাব-ডিভিশনাল অফিসে যান। পরে তারা এসডিএম কার্যালয়ের সামনে বসে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, টয়লেট অস্বাস্থ্যকর, শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান ও বিদ্যুৎ সুবিধার অভাব রয়েছে। এছাড়া মিড-ডে মিলের নিম্নমান, সময়মতো স্কুল ইউনিফর্ম না পাওয়া এবং পাঠদানের অনুকূল পরিবেশের অভাব নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করে। ঘটনার পর টিকারির এসডিএম প্রবীণ কুন্দন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে সহকারী জেলা সরবরাহ কর্মকর্তা চন্দন কুমার, নির্বাহী কর্মকর্তা রণজিৎ সিং এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা যোগেন্দ্র পাসওয়ানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিদ্যালয় পরিদর্শন করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।     প্রশাসনের এক কর্মকর্তা জানান, ঘটনার সময় এসডিএম মাঠপর্যায়ের দায়িত্বে ছিলেন। পরে তিনি ফিরে এসে তিনজন ছাত্রীসহ ছয়জন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের উপস্থিতিতে কথা বলেন। এরপর প্রধান শিক্ষককে চার থেকে পাঁচ দিনের মধ্যে বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার এক দিনের বেতন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।   ভারতে সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের বিভিন্ন ঘটনা সামনে এসেছে। এর আগে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষক সংকট ও শিক্ষা সংস্কারের দাবিতে দেশটির বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন দেখা গেলেও, বিদ্যালয়ের মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে স্কুল থেকে হেঁটে প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভের এ ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২৩:৪৩
সিএনএনের জরিপে ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে সবচেয়ে ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন জোহরান মামদানি। ছবি: সংগৃহীত
সিএনএন জরিপে বড় চমক, জনপ্রিয়তায় শীর্ষে উঠে এলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের মধ্যে নেতৃত্বের জনপ্রিয়তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে সিএনএনের সাম্প্রতিক একটি জরিপ। জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাট-ঘেঁষা ভোটারদের কাছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা। তার পরেই রয়েছেন নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (এওসি)।   সিএনএনের জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাট-সমর্থক ভোটারদের মধ্যে মামদানির নেট অনুকূল মতামত (নেট ফেভারেবিলিটি) দাঁড়িয়েছে +৫৪ শতাংশ। এওসির ক্ষেত্রে এই হার +৪৫ শতাংশ। অন্যদিকে, হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিজের নেট অনুকূল মতামত প্রায় +২২ শতাংশ এবং সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা চাক শুমারের ক্ষেত্রে তা মাত্র +১ শতাংশ।   জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, দলের সমর্থকদের একটি বড় অংশ বর্তমানে প্রতিষ্ঠিত নেতৃত্বের তুলনায় নতুন প্রজন্মের প্রগ্রেসিভ নেতাদের প্রতি বেশি ইতিবাচক মনোভাব পোষণ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও সামাজিক বৈষম্যের মতো ইস্যুতে সরব অবস্থান নেওয়ায় মামদানি ও এওসি তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন অর্জন করেছেন।   তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দাবির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। অনেক পোস্টে বলা হচ্ছে, “জোহরান মামদানি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ডেমোক্র্যাট।” কিন্তু সিএনএনের এই জরিপে পুরো যুক্তরাষ্ট্রের জনমত পরিমাপ করা হয়নি। এটি পরিচালিত হয়েছে শুধুমাত্র ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাট-ঘেঁষা ভোটারদের মধ্যে। ফলে এই ফলাফলকে দেশের সব ভোটারের মতামতের প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই।   একইভাবে, সামাজিক মাধ্যমে প্রচারিত “ডেমোক্র্যাট ভোটাররা নিজেদের দলের চেয়েও মামদানিকে বেশি বিশ্বাস করেন” এমন দাবিও জরিপের সরাসরি ফল নয়। কারণ জরিপে ভোটারদের ‘বিশ্বাস’ নয়, বরং বিভিন্ন নেতার প্রতি তাদের ‘অনুকূল বা প্রতিকূল মতামত’ পরিমাপ করা হয়েছে।   রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জরিপ ২০২৬ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। দলের তৃণমূল সমর্থকদের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন বাড়ছে কি না, সে প্রশ্নে আলোচনাকে আরও জোরালো করেছে এই ফলাফল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতে দ্রুত পরিচিতি পাওয়া জোহরান মামদানির জনপ্রিয়তা ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২৩:৩৪
পাঁচ বছর ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের মরদেহ। ছবি: সংগৃহীত
প্রেমের টানে বাংলাদেশে এসে মৃত্যু, ৫ বছর ধরে মর্গে বিদেশির মরদেহ

বাংলাদেশে পরিচয় হওয়া এক নারীর সঙ্গে দেখা করতে এসে মারা যাওয়া ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের মরদেহ গত পাঁচ বছর ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। আইনি জটিলতা, স্বজনদের অনাগ্রহ এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবে মরদেহটি এখনও পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। একই সঙ্গে দেশে দাহ করার উদ্যোগও বাস্তবায়িত হয়নি।   হাসপাতাল কর্তৃপক্ষ, মামলা-সংশ্লিষ্ট নথি এবং পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিমচা মৈত্রী স্ট্রিট এলাকার বাসিন্দা ছিলেন প্রবীর মণ্ডল। তার বাবার নাম মহাদেব মণ্ডল। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। একই বছরের নভেম্বর মাসে ওই নারীর সঙ্গে দেখা করতে তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে আসেন।   সেখানে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীর। স্থানীয়রা তাকে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২০২১ সালের ১০ নভেম্বর একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। কিন্তু এরপর কেটে গেছে পাঁচ বছর, এখনও সেই মরদেহ হাসপাতালের হিমঘরেই সংরক্ষিত রয়েছে।   হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রবীর মণ্ডলের পোশাক থেকে উদ্ধার হওয়া ভারতীয় পাসপোর্টে দেখা যায়, তিনি ২০১৭ সালের ৩ মার্চ তিন মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন এবং ২০১৮ সালের ১৬ মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান। তবে পরবর্তী সময়ে তিনি কীভাবে আবার বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতালের হিমঘরের দায়িত্বে থাকা এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন সংরক্ষণে থাকার কারণে এবং বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাটসহ নানা কারণে মরদেহটির অবস্থা মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। বর্তমানে সেটি অনেকটাই বিকৃত হয়ে পড়েছে।   হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ২০২২ সালের ১৪ ডিসেম্বর লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ শাখা বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ভারতের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। কিন্তু প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, প্রবীর মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তবে তারা এখন পর্যন্ত মরদেহ গ্রহণে আগ্রহ দেখাননি।   এদিকে হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মরদেহটি মর্গে পড়ে থাকলেও বিষয়টি নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে ওঠেনি। ফলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর কিংবা স্থানীয়ভাবে শেষকৃত্যের কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২৩:২৭
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ট্রাম্প
ট্রাম্পের অবৈধ শুল্কের ৬০ কোটি ডলার ফেরত পেল অ্যামাজন, গ্রাহকদেরও ফেরত দেবে অর্থ

যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন অবৈধ ঘোষিত ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্ক থেকে প্রায় ৬০ কোটি ডলার ফেরত পেয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব গ্রাহক ওই শুল্কজনিত অতিরিক্ত খরচ বহন করেছিলেন এবং যাদের ক্ষেত্রে তা শনাক্ত করা সম্ভব হবে, তাদের অর্থ ফেরত দেওয়া হবে।  অ্যামাজনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ব্রায়ান ওলসাভস্কি কোম্পানির আয়-সংক্রান্ত ব্রিফিংয়ে বলেন, যেসব লেনদেনে অতিরিক্ত শুল্কের প্রভাব সরাসরি নির্ধারণ করা যাবে, সেসব ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠান নিজেই যোগাযোগ করবে এবং স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত দেবে। আর যেসব ক্ষেত্রে তা সম্ভব হবে না, সেখানে ফেরত পাওয়া অর্থ কম দামে পণ্য সরবরাহ ও গ্রাহকসেবায় বিনিয়োগে ব্যবহার করা হবে।    তবে ঠিক কতজন গ্রাহক এই অর্থ ফেরত পাবেন, কোন সময়ের কেনাকাটা এর আওতায় পড়বে বা কীভাবে ফেরতের পরিমাণ নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি অ্যামাজন।  চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ব্যাপক আমদানি শুল্ক আরোপ করেছিলেন, তা আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছে। ওই রায়ের পর যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের শুল্ক ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে।  অ্যামাজন জানিয়েছে, তারা তুলনামূলক কম অর্থ ফেরত পেয়েছে, কারণ নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য পরিমাণ পণ্য মজুত করেছিল। এছাড়া তাদের প্ল্যাটফর্মে বিক্রি হওয়া অধিকাংশ পণ্যের আমদানিকারক ছিল তৃতীয় পক্ষের বিক্রেতারা, ফলে সেসব পণ্যের শুল্ক ফেরতের দাবিদারও অ্যামাজন নয়। প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, অনেক ক্ষেত্রেই অতিরিক্ত ব্যয় গ্রাহকদের ওপর চাপিয়ে না দিয়ে নিজেই বহন করেছে।      বিশ্লেষকদের মতে, বড় খুচরা বিক্রেতাদের মধ্যে গ্রাহকদের কাছে শুল্ক ফেরতের অর্থ সরাসরি ফিরিয়ে দেওয়ার ঘোষণা বিরল। যদিও অন্যান্য বড় খুচরা প্রতিষ্ঠানও শুল্ক ফেরতের আবেদন করেছে, তাদের সবাই এখনো গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২৩:৬
যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সাবেক থেরাপিস্ট সোফিয়া ড্রটস। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় থেরাপিস্টের বিরুদ্ধে ধর্ষণের মামলার পর নিখোঁজ কিশোর, ছেলেকে খুঁজছেন মা

ক্যালিফোর্নিয়ায় এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এক থেরাপিস্টের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে গেছে ১৭ বছর বয়সী ওই কিশোর। তার মা আশঙ্কা করছেন, আদালতের নির্দেশ অমান্য করে ছেলেটি হয়তো আবার অভিযুক্ত থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।   দ্য ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকোর ২৬ বছর বয়সী সোফিয়া ড্রটস কনট্রা কস্টা কাউন্টির একটি কিশোর সংশোধনাগারে কর্মরত অবস্থায় ওই কিশোরের থেরাপিস্ট ছিলেন। গত দুই সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।   সোমবার তার বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক, যৌন নির্যাতন, অশ্লীল উপকরণ পাঠানো এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগ। তবে আদালতে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।   তদন্তকারীদের অভিযোগ, ২০২৪ সালে কিশোরটির বয়স যখন ১৪ বা ১৫ বছর ছিল, তখন থেকেই সোফিয়া ড্রটস তার থেরাপিস্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে পেশাগত সম্পর্কের অপব্যবহার করেন। আদালতের নথিতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে মানসিকভাবে প্রভাবিত করে কিশোরটির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি।   তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পরও ড্রটস থেরাপিস্ট হিসেবে তার সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং পরে তাদের মধ্যে অবৈধ যৌন সম্পর্ক তৈরি হয়।   কিশোরটির মা, যিনি ছেলের পরিচয় গোপন রাখতে নাম প্রকাশ করতে চাননি, বলেন, তার ছেলে থেরাপিস্টের গ্রেপ্তারের দিন থেকেই নিখোঁজ। তার ভাষায়, 'সে শুধু চলে গেছে। কোথায় আছে জানি না। আমি শুধু আশা করছি, সে যেন ওই নারীর সঙ্গে না থাকে।'   মায়ের দাবি, সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে তার ছেলে নিয়মিত সোফিয়া ড্রটসের সঙ্গে যোগাযোগ রাখছিল। এমনকি পুলিশ যখন ড্রটসকে গ্রেপ্তার করে, তখনও তারা ভিডিও কলে কথা বলছিল বলে তিনি জানতে পেরেছেন।   তিনি আরও অভিযোগ করেন, প্রথমদিকে তিনি ড্রটসকে অত্যন্ত যত্নশীল ও দায়িত্বশীল থেরাপিস্ট বলেই মনে করেছিলেন। কখনো কল্পনাও করেননি যে তার ছেলে এমন পরিস্থিতির শিকার হতে পারে।   তবে তদন্ত সামনে আসার পর ছেলের সঙ্গে কথা বললে সে মাকে জানায়, তাদের সম্পর্ক পারস্পরিক সম্মতিতেই হয়েছিল। এরপরই সে বাড়ি ছেড়ে চলে যায়।   মায়ের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার পর একবার সে বাড়িতে ফিরে গোসল করে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরা গোড়ালির ইলেকট্রনিক নজরদারি যন্ত্র খুলে রেখে আবার চলে যায়। পরে সে প্রবেশন-সংক্রান্ত আদালতের নির্ধারিত শুনানিতেও উপস্থিত হয়নি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।   মামলার নথিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কাউন্টির কয়েকজন কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক সময়মতো সম্ভাব্য অনিয়ম শনাক্ত করতে ব্যর্থ হন। ফলে অভিযুক্ত থেরাপিস্টের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী অনৈতিক সম্পর্ক দীর্ঘ সময় ধরে চলতে থাকে।   কিশোরটির পরিবারের পক্ষে দেওয়ানি মামলার আইনজীবী জন বারিস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবেই এমন ঘটনা ঘটেছে। তার আশা, এই মামলায় দোষী সাব্যস্ত হলে কিশোরটি বুঝতে পারবে যে এটি কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বরং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।   সোফিয়া ড্রটস ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবন শেষে তিনি ক্লিনিক্যাল সাইকোলজিতে উচ্চশিক্ষার জন্য ক্যালিফোর্নিয়ায় আসেন বলে বিভিন্ন প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।   পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে। আগামী আগস্টে সোফিয়া ড্রটসকে আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২৩:৬
অনলাইন কনটেন্ট সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রুশ মডেল সোফিয়া ভারশিনিনা। ছবি: সংগৃহীত
পুতিনের পর্নবিরোধী অভিযানে কারাদণ্ড এড়ালেও ৩ বছর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না রুশ মডেল

রাশিয়ায় অনলাইনে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরি ও বিতরণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ২১ বছর বয়সী এক মডেল কারাদণ্ড এড়িয়েছেন। তবে আদালত তাকে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার জরিমানা এবং তিন বছরের জন্য ইন্টারনেট ব্যবহার ও অনলাইনে উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইউএস সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   মস্কোর একটি আদালত সোফিয়া ভারশিনিনা নামের ওই মডেলকে অনলাইনে যৌনস্পষ্ট কনটেন্ট তৈরি ও বিতরণের দায়ে দোষী সাব্যস্ত করেন। রুশ আইনে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার নিষিদ্ধ। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় তথাকথিত ‘ঐতিহ্যবাহী মূল্যবোধ’ রক্ষার নীতির অংশ হিসেবে অবৈধ পর্নোগ্রাফির বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে এই মামলার বিচার হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে সাড়ে তিন বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।   তবে আদালতে অভিযোগ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করায় সোফিয়া ভারশিনিনাকে তিন বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ, তিনি তাৎক্ষণিকভাবে কারাগারে যাচ্ছেন না। তবে আদালতের নির্ধারিত শর্ত ভঙ্গ করলে এই স্থগিত দণ্ড কার্যকর হতে পারে। রায়ের অংশ হিসেবে তাকে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী তিন বছর তিনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এবং অনলাইনে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা বা উপস্থিত থাকতে পারবেন না। ফলে তার অনলাইনভিত্তিক আয়ের কার্যক্রমও বন্ধ হয়ে যাবে।   রুশ প্রসিকিউটরদের দাবি, সোফিয়া ভারশিনিনা অনলাইনে প্রাপ্তবয়স্ক কনটেন্ট বিক্রি করে চার লাখ ডলারের বেশি আয় করেছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি একটি জনপ্রিয় সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্মের পাশাপাশি টেলিগ্রামেও অর্থের বিনিময়ে ব্যক্তিগত কনটেন্ট সরবরাহ করতেন। তদন্তের সময় জব্দ করা তার আইফোন ১৬ প্রো ম্যাক্স এখনো তদন্ত সংস্থার হেফাজতে রয়েছে। তবে মামলার আলামত হিসেবে জব্দ করা অন্যান্য ব্যক্তিগত সামগ্রীর কিছু অংশ পরে তাকে ফেরত দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   সোফিয়া ভারশিনিনা একমাত্র নন। সাম্প্রতিক সময়ে রাশিয়ায় অনলাইনে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে আরও কয়েকজন মডেলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ২৭ বছর বয়সী ডায়ানা শুরিগিনার বিচারও চলছে। একই অভিযোগে আনাস্তাসিয়া ওভসিয়ানিকোভা নামের আরেক কনটেন্ট নির্মাতাকেও আটক করা হয়েছে।   আইন বিশেষজ্ঞদের মতে, রাশিয়ায় অবৈধ পর্নোগ্রাফির বিরুদ্ধে আইন বহুদিন ধরেই কার্যকর থাকলেও সাম্প্রতিক সময়ে এ ধরনের মামলার সংখ্যা বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, তথাকথিত ‘ঐতিহ্যবাহী মূল্যবোধ’ বাস্তবায়নের নীতির অংশ হিসেবে অনলাইন কনটেন্টের ওপর নজরদারি আরও জোরদার হতে পারে।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২২:৪৯
তিন বছর বয়সী জোসেফিনা কানিংহ্যাম, রবার্ট ফিশারের
গার্লফ্রেন্ডের ৩ বছরের কন্যাশিশুকে নির্যাতন হত্যার দায়ে যাবজ্জীবন, সাজা শুরুর এক মাসেই কারাগারে মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রেনসেলারে তিন বছর বয়সী জোসেফিনা কানিংহ্যামকে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে ২০ বছর থেকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হওয়া রবার্ট ফিশারের কারাগারে মৃত্যু হয়েছে। সাজা কার্যকর হওয়ার প্রায় এক মাস পর, ২০২৪ সালের অক্টোবরে তিনি হেফাজতে মারা যান। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের জুলাইয়ে জোসেফিনা কানিংহ্যামের মৃত্যুর ঘটনায় রবার্ট ফিশারের বিরুদ্ধে গুরুতর হামলা ও হত্যার অভিযোগ আনা হয়। পরে তিনি আদালতে দোষ স্বীকার করলে আদালত তাকে ২০ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড দেন।   শিশুটির মৃত্যুর ঘটনাটি সে সময় নিউইয়র্কের রেনসেলার এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া তুলনামূলক দ্রুত সম্পন্ন হয় এবং আদালতের রায়ে ফিশারের দোষ প্রমাণিত হয়। তবে কারাদণ্ড কার্যকরের মাত্র এক মাসের মধ্যেই কারাগারে তার মৃত্যু নতুন করে আলোচনার জন্ম দেয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এসব প্রতিক্রিয়ার সত্যতা বা দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়।   এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতির শিকার জোসেফিনা কানিংহ্যামের পরিবার। মাত্র তিন বছর বয়সেই তার জীবন থেমে যায়। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিলেও, দণ্ডিতের কারাগারে মৃত্যুর মধ্য দিয়ে মামলার পরবর্তী অধ্যায় অপ্রত্যাশিতভাবে শেষ হয়ে যায়। শিশু নির্যাতন ও হত্যার মতো অপরাধের ক্ষেত্রে দ্রুত তদন্ত, বিচার এবং ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। জোসেফিনা কানিংহ্যামের ঘটনাও সেই আলোচনাকে আরও সামনে নিয়ে এসেছে।

প্রকাশ : জুলাই ৩১, ২০২৬ ২২:২৪