সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
দুর্ঘটনার পর ধসে পড়া খনিতে চলছে উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত
পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ মিথেন বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ শ্রমিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার অভিযানে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। খনির ভেতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।   দুর্ঘটনাটি বৃহস্পতিবার কোয়েটার অদূরে সোরাঞ্জ এলাকার একটি কয়লাখনি কমপ্লেক্সে ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে অতিরিক্ত মিথেন গ্যাস জমে শক্তিশালী বিস্ফোরণের সৃষ্টি হয়। বিস্ফোরণের পর খনির একটি অংশ ধসে পড়ে, ফলে ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। বেলুচিস্তানের খনি বিভাগের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় খনির ওই অংশে ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। খনির গভীরে অক্সিজেনের ঘাটতি এবং ধসে পড়া অংশের কারণে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।   কর্তৃপক্ষের ভাষ্য, বিস্ফোরণের তীব্রতায় পাশের আরও দুটি খনি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল, নিরাপত্তা বাহিনী এবং খনি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে খনির ভেতরে বিষাক্ত গ্যাস এবং ধসে পড়া কাঠামোর কারণে অভিযান চালাতে উদ্ধারকর্মীদের চরম ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। বেলুচিস্তানের খনিজ ও খনি বিষয়ক মন্ত্রী শোয়েব নওশেরওয়ানি নিহতদের পরিবারের জন্য জনপ্রতি পাঁচ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।   পাকিস্তান সেন্ট্রাল মাইনস লেবার ফেডারেশন এই দুর্ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও অবহেলাকে দায়ী করেছে। শ্রমিক সংগঠনটির অভিযোগ, অধিকাংশ খনিতেই পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, মিথেন গ্যাস শনাক্তকারী যন্ত্র এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। তারা নিরাপত্তা বিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।   পাকিস্তানে, বিশেষ করে বেলুচিস্তানে কয়লাখনিতে প্রাণঘাতী দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তার দুর্বল মান, পর্যাপ্ত তদারকির অভাব এবং ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দারিদ্র্য ও বিকল্প কর্মসংস্থানের সংকটের কারণে হাজারো শ্রমিক জীবনের ঝুঁকি নিয়েই এসব খনিতে কাজ করতে বাধ্য হন।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২৩:৩৮
দেখতে রহস্যময় হলেও সমুদ্রের পানি পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সি পর্ক। ছবি: সংগৃহীত
ফ্লোরিডার সৈকতে ভেসে এল তিমির মস্তিষ্কের মতো বস্তু: বৈজ্ঞানিক ব্যাখ্যায় মিলল আসল পরিচয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্পেস কোস্ট উপকূলে একটি অদ্ভুত আকৃতির বিশাল সামুদ্রিক বস্তু ভেসে আসার পর তা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রথম দেখায় অনেকে এটিকে তিমির মস্তিষ্ক, আবার কেউ বিশাল কোনো সামুদ্রিক প্রাণীর দেহাংশ বলে মনে করলেও পরে সামুদ্রিক বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এটি আসলে ‘সি পর্ক’ নামে পরিচিত টিউনিকেট প্রাণীদের একটি বিশাল উপনিবেশ।   ঘटनাটি ঘটেছে ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টির চেরি ডাউন পার্ক সৈকতে। নিয়মিত সৈকতে হাঁটতে যাওয়া ডেভ ক্লার্ক সূর্যোদয়ের ভিডিও ধারণ করার সময় অদ্ভুত এই বস্তুটি দেখতে পান। পরে তিনি এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে আপেল ফ্রিটার, কেউ আবার তিমির মস্তিষ্কের সঙ্গে তুলনা করেন।   পরে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় জৈব-ভূরসায়নের সহযোগী অধ্যাপক ড. টড অসবর্ন ছবিগুলো দেখে জানান, এটি কোনো একক প্রাণী নয়। বরং অসংখ্য ক্ষুদ্র টিউনিকেটের সমন্বয়ে গঠিত একটি বিশাল উপনিবেশ, যা সাধারণভাবে ‘সি পর্ক’ নামে পরিচিত।   বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, টিউনিকেট হলো ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী, যারা সমুদ্রের পানি ছেঁকে খাদ্য সংগ্রহ করে। এরা ঝিনুক বা অয়েস্টারের মতো পানির ভেতরের ক্ষুদ্র কণা ছেঁকে খায়। এ প্রক্রিয়ায় সমুদ্রের পানি পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সি পর্ক উপনিবেশে কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন পর্যন্ত পৃথক টিউনিকেট একসঙ্গে বাস করতে পারে এবং বাইরে থেকে দেখতে এটি একটি একক জীবের মতো মনে হয়।   ডেভ ক্লার্কের ধারণা, তিনি যে সি পর্কটি দেখেছেন সেটির আকার প্রায় দুটি আমেরিকান ফুটবলের সমান ছিল। তিনি বলেন, সৈকতে হাঁটতে গিয়ে প্রায়ই নানা ধরনের সামুদ্রিক প্রাণী দেখা যায়, তবে এমন অদ্ভুত কিছু আগে কখনো দেখেননি। তার ভাষায়, “দেখে মনে হচ্ছিল এটি যেন একটি মস্তিষ্ক। ভেতরে কিছু নড়াচড়া করছে বলেও মনে হচ্ছিল।”   বিশেষজ্ঞরা জানান, সি পর্ক সাধারণত সমুদ্রে ভাসমান কাঠ, দড়ি বা অন্য কোনো বস্তুর সঙ্গে লেগে থেকে ধীরে ধীরে বড় হতে থাকে। প্রজননের মাধ্যমে উপনিবেশটি ক্রমে আকারে বিশাল হয়ে উঠতে পারে। তবে কোনো কারণে এটি উপকূলে ভেসে এলে এবং কয়েক মিনিটের বেশি সময় পানির বাইরে থাকলে অধিকাংশ ক্ষেত্রেই উপনিবেশটি বেঁচে থাকতে পারে না।   সামুদ্রিক জীববিজ্ঞানীদের মতে, দেখতে অস্বাভাবিক বা কিছুটা ভীতিকর মনে হলেও সি পর্ক মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়। বরং সমুদ্রের পরিবেশ সুস্থ রাখতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পানি পরিশোধনের পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়ও টিউনিকেটদের অবদান উল্লেখযোগ্য। তাই সৈকতে এ ধরনের প্রাণী দেখা গেলে অযথা স্পর্শ না করে নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২৩:৩২
গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনায় শর্তসাপেক্ষ নিরস্ত্রীকরণে সম্মতি দিয়েছে হামাস। ছবি: সংগৃহীত
গাজা সংকটে ঐতিহাসিক মোড়: সেনা প্রত্যাহারের শর্তে ধাপে ধাপে নিরস্ত্রীকরণে রাজি হামাস

গাজায় দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটাতে নতুন একটি শান্তি উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর মধ্যস্থতায় প্রস্তাবিত একটি ধাপভিত্তিক রোডম্যাপে শর্তসাপেক্ষে নিরস্ত্রীকরণে সম্মতি দিয়েছে হামাস। তবে সংগঠনটি স্পষ্ট করেছে, ইসরায়েল প্রতিশ্রুতি অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করলেই কেবল তারা নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অংশ নেবে।   আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ জানিয়েছেন, নিরস্ত্রীকরণ কোনো একতরফা পদক্ষেপ হবে না। এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে ইসরায়েল চুক্তির অধীনে নিজেদের দায়িত্ব পালন করছে কি না তার ওপর। তার ভাষায়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর নিশ্চয়তা মিললেই ধাপে ধাপে অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দাবি করেন, ‘বোর্ড অব পিস’ হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিয়ে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতায় পৌঁছেছে। তার দাবি, এই পরিকল্পনার আওতায় ধাপে ধাপে হামাসের অস্ত্র অপসারণ করা হবে এবং একই সঙ্গে ইসরায়েলও পর্যায়ক্রমে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।   ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, আলোচনায় থাকা পরিকল্পনায় হামাসের অস্ত্র একটি ফিলিস্তিনি জাতীয় কারিগরি কমিটির তত্ত্বাবধানে সংরক্ষণের কথা রয়েছে। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং প্রতিটি ধাপ আন্তর্জাতিকভাবে যাচাই করা হবে। একই সঙ্গে গাজায় নতুন একটি বেসামরিক প্রশাসন গঠনেরও পরিকল্পনা রয়েছে।   তবে এখনো চূড়ান্ত সমঝোতা কার্যকর হয়নি। হামাস বলছে, ইসরায়েল যদি সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং পুনর্গঠনের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হবে না। অন্যদিকে ইসরায়েল সরকারও এখন পর্যন্ত পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়নি এবং এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপত্তি রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।   এই পরিকল্পনা মূলত চলতি বছরের শুরুতে প্রকাশিত একটি ১৫ দফা রোডম্যাপের ধারাবাহিকতা। সেখানে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি, গাজার প্রশাসন একটি নিরপেক্ষ ফিলিস্তিনি জাতীয় কমিটির হাতে হস্তান্তর, ধাপে ধাপে নিরস্ত্রীকরণ এবং পরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছিল।   বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গাজার দীর্ঘ সংঘাত নিরসনের পথে বড় অগ্রগতি হতে পারে। তবে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, নিরাপত্তা উদ্বেগ এবং চুক্তির প্রতিটি ধাপ বাস্তবায়নের জটিলতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ফলে আলোচনায় অগ্রগতি হলেও বাস্তবায়নের পথ সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২৩:২১
উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে পিএইচডি কেন জনপ্রিয়? সম্ভাবনা ও বাস্তবতা

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। বিশেষ করে সোশ্যাল সায়েন্সে পিএইচডি করতে আগ্রহীদের কাছে দেশটি আকর্ষণীয়, কারণ অধিকাংশ প্রোগ্রামেই পূর্ণ অর্থায়ন, গবেষণাকেন্দ্রিক প্রশিক্ষণ, শিক্ষাদানের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় ও বিভাগভেদে ভিন্ন হতে পারে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেন।   যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সোশ্যাল সায়েন্স পিএইচডি প্রোগ্রামে আবেদনের সময় পূর্ণাঙ্গ গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রপোজাল) জমা দেওয়া বাধ্যতামূলক নয়। সাধারণত আবেদনকারীদের স্টেটমেন্ট অব পারপাসে গবেষণার আগ্রহ, সম্ভাব্য গবেষণার ক্ষেত্র এবং যেসব অধ্যাপকের সঙ্গে কাজ করতে চান, সেসব বিষয় তুলে ধরতে হয়। এর ফলে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করা তুলনামূলক সহজ হয়। পূর্ণ অর্থায়নও যুক্তরাষ্ট্রের অন্যতম বড় আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ভেদে শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক স্টাইপেন্ড, স্বাস্থ্যবীমা এবং গবেষণা বা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য অতিরিক্ত অর্থসহায়তা পেয়ে থাকেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছু সেলফ-ফান্ডেড প্রোগ্রাম চালু হয়েছে, তবুও শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ সোশ্যাল সায়েন্স পিএইচডি এখনো সম্পূর্ণ অর্থায়নের আওতায় পরিচালিত হয়।   যুক্তরাষ্ট্রের পিএইচডি প্রোগ্রামের আরেকটি বৈশিষ্ট্য হলো বিস্তৃত কোর্সওয়ার্ক। গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ গবেষণা পদ্ধতি, রিসার্চ ডিজাইন, তাত্ত্বিক কাঠামো এবং বিষয়ভিত্তিক উন্নত কোর্স সম্পন্ন করেন। ফলে গবেষণা পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ এবং একাডেমিক লেখালেখিতে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়। সোশ্যাল সায়েন্সের অনেক বিভাগে প্রচলিত ডিসার্টেশন কাঠামোও অন্যান্য দেশের তুলনায় আলাদা। অনেক বিশ্ববিদ্যালয়ে একটি দীর্ঘ মনোগ্রাফের পরিবর্তে তিন বা চারটি গবেষণাপত্রের সমন্বয়ে ডিসার্টেশন সম্পন্ন করার সুযোগ থাকে। এসব গবেষণাপত্র সাধারণত আন্তর্জাতিক জার্নালে প্রকাশযোগ্য মানের হওয়ায় শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রবেশের আগেই গবেষণা প্রকাশনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বিশ্বব্যাপী একাডেমিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের পিএইচডির গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক পলিসি, ননপ্রফিট স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা পরিকাঠামো এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপকদের তত্ত্বাবধান শিক্ষার্থীদের বৈশ্বিক গবেষণা পরিবেশে কাজ করার সুযোগ বাড়ায়। গবেষণার পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র এগিয়ে। দেশটিতে নিয়মিত আয়োজিত হয় সমাজবিজ্ঞান, জনপ্রশাসন, পাবলিক পলিসি, ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। এসব সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। বেশিরভাগ পিএইচডি শিক্ষার্থী পড়াশোনার সময় টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অনেক ক্ষেত্রে তারা পরবর্তী সময়ে নিজস্ব কোর্সও পরিচালনা করার সুযোগ পান। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাদানের বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়, যা ভবিষ্যতে শিক্ষকতা বা গবেষণাভিত্তিক চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।     পিএইচডি সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে পোস্টডক্টরাল ফেলোশিপ, ভিজিটিং স্কলার, ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরসহ বিভিন্ন ধরনের একাডেমিক ও গবেষণামূলক পদে আবেদন করার সুযোগ থাকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডিগ্রি নিয়ে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগও তুলনামূলকভাবে বিস্তৃত। তবে বিশেষজ্ঞদের মতে, সব বিশ্ববিদ্যালয় বা বিভাগে সুযোগ-সুবিধা এক রকম নয়। অর্থায়ন, কোর্সের কাঠামো, গবেষণার পরিবেশ এবং কর্মসংস্থানের সম্ভাবনা বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি নীতি

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২৩:১৪
নরেন্দ্র মোদির নামে ছড়িয়ে পড়া কথিত পদত্যাগপত্রকে ভুয়া বলেছে ভারত সরকার। ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোদির ‘পদত্যাগপত্র’, যা জানা গেল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি কথিত পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই নথিতে দাবি করা হয়, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতার’ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদি। তবে ভারত সরকার এটিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং জনগণকে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে।   ভারতের সরকারি তথ্যসংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্টচেক ইউনিট বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জারি করা হয়নি। এতে ব্যবহৃত স্বাক্ষরও নরেন্দ্র মোদির প্রকৃত স্বাক্ষর নয়। পিআইবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বলেছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষর করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী এমন কোনো চিঠি জারি করেননি এবং এতে তার কোনো স্বাক্ষরও নেই।”   ভাইরাল নথিতে ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মতো একটি চিহ্ন ব্যবহার করা হয়েছিল। এতে এমনভাবে ভাষা ব্যবহার করা হয়, যাতে এটি সরকারি নথি বলে মনে হতে পারে। তবে সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জাল নথি এবং এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। পিআইবি জনগণকে পরামর্শ দিয়েছে, এ ধরনের কোনো নথি বা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই সরকারি উৎস থেকে তথ্য যাচাই করতে হবে। সংস্থাটি বলেছে, ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করাই দায়িত্বশীল আচরণ।   এটি প্রথমবার নয়। এর আগেও নরেন্দ্র মোদিকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একাধিক ভুয়া ভিডিও ও ভুয়া নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত বিক্ষোভের প্রেক্ষাপটে তার নামে একটি এআই-নির্মিত ভিডিওও ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। পরে পিআইবি জানায়, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।   ভুয়া তথ্য ও এআই-নির্মিত বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি সিদ্ধান্ত, নির্বাচন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে এ ধরনের ভুয়া নথি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই তথ্য যাচাইয়ের জন্য সরকারি ওয়েবসাইট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং বিশ্বস্ত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২৩:১৩
সংঘর্ষের পর সুনসারিসহ কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে নেপাল সরকার। ছবি: সংগৃহীত
নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হওয়ার পর দেশজুড়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি জনগণকে ধৈর্য, সংযম ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, অস্থিরতার এই পরিস্থিতি কাটিয়ে জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।   বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শাহ বলেন, সরকারের পক্ষ থেকে তিনি নাগরিক, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতি শান্তি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানাচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দেন, সহিংসতার ঘটনায় একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।   কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত রোববার ভারত সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে একটি হিন্দু ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে দুই সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।   নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে দুইজন নিহত হন। পরে বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ চলাকালেও বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে।   পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি ও ব্যক্তিগত সম্পদ রক্ষা করা এবং সর্বনিম্ন বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছে।   নেপালের প্রধানমন্ত্রী বলেন, “দেশে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখা এখন সবার দায়িত্ব। কোনো ধরনের গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন।” তিনি আরও বলেন, সরকার ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখবে এবং তদন্তে কোনো ধরনের পক্ষপাত করা হবে না।   নেপালের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। তবে দেশের দক্ষিণাঞ্চলের তরাই অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। অতীতে স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটলেও, সাম্প্রতিক এই সংঘর্ষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২২:২৯
নতুন জরিপে ট্রাম্পের নীতি ও অগ্রাধিকার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ উত্তরদাতা। ছবি: সংগৃহীত
নিজের দলেই ধস: জনপ্রিয়তায় ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন নতুন করে নিম্নমুখী হয়েছে বলে উঠে এসেছে সিএনএন ও এসএসআরএস পরিচালিত এক জনমত জরিপে। জরিপ অনুযায়ী, ট্রাম্পের সামগ্রিক অনুমোদনের হার নেমে এসেছে ৩৪ শতাংশে, যা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের সমান। একই সঙ্গে দেখা গেছে, তার প্রতি অসন্তোষ শুধু বিরোধী সমর্থকদের মধ্যেই নয়, রিপাবলিকান ভোটারদের মধ্যেও বাড়ছে।   ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে পরিচালিত এই জরিপ বুধবার প্রকাশ করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৪ শতাংশ ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন, আর ৬৬ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। সিএনএনের মতে, এই হার ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার পর তার যে সর্বনিম্ন জনপ্রিয়তা ছিল, তার সমান।   জরিপে আরও দেখা যায়, ট্রাম্পের প্রতি তীব্র সমর্থন জানিয়েছেন মাত্র ১৫ শতাংশ উত্তরদাতা, যা এ পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন। অন্যদিকে, ৫০ শতাংশ অংশগ্রহণকারী তার কর্মকাণ্ডের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।   রিপাবলিকান ভোটারদের মধ্যেও সমর্থন কমার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের অনুমোদনের হার ৭৮ শতাংশে নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে কম। একই সঙ্গে মাত্র ১৯ শতাংশ রিপাবলিকান বলেছেন, ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময় নিয়ে তারা খুবই আশাবাদী। গত বসন্তে এই হার ছিল ৩৮ শতাংশ।   জরিপে অংশ নেওয়া অধিকাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্প দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। ৭৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, প্রেসিডেন্টের অগ্রাধিকার সঠিক নয়। বিপরীতে মাত্র ২৭ শতাংশ মনে করেন, তিনি দেশের প্রয়োজনীয় বিষয়গুলোকেই গুরুত্ব দিচ্ছেন।   অর্থনীতি নিয়েও ট্রাম্প প্রশাসনের প্রতি নেতিবাচক মূল্যায়ন উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৬৫ শতাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্পের নীতির কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মাত্র ২২ শতাংশ বলেছেন, তার নীতির ফলে অর্থনীতির উন্নতি হয়েছে। বাকি ১৩ শতাংশের মতে, এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।   ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সম্পর্কেও জনমত নেতিবাচক। জরিপে ৬৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইরান-সংক্রান্ত ট্রাম্পের সামরিক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে। ২১ শতাংশ মনে করেন, এতে দেশের উপকার হয়েছে এবং ১২ শতাংশ বলেছেন, এতে তেমন কোনো পরিবর্তন হয়নি।   এ ছাড়া ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিভিন্ন নির্মাণ প্রকল্প নিয়েও রিপাবলিকানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাত্র ৪৩ শতাংশ রিপাবলিকান এসব প্রকল্পকে ইতিবাচকভাবে দেখেছেন, আর ৩৫ শতাংশ বলেছেন, বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।   বিশ্লেষকদের মতে, আগামী মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে এ ধরনের জনমত জরিপ রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। যদিও একটি জরিপই জনমতের চূড়ান্ত চিত্র নয়, তবু সাম্প্রতিক বিভিন্ন জরিপেও ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশের নিচে অবস্থান করছে, যা তার প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ বাড়াতে পারে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২২:২১
একই আইন প্রতিষ্ঠানের দুই জ্যেষ্ঠ আইনজীবীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদনে নতুন আলোচনা শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কেরভাইরাল দুই আইনজীবীর বসেরও গোপন প্রেম, মিলল ১০ কোটি ডলারের বিশাল চুক্তি

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দুই আইনজীবীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই আইন প্রতিষ্ঠানকে ঘিরে নতুন দাবি সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজের সাবেক জ্যেষ্ঠ অংশীদার উইলিয়াম "বিল" স্যাভিট এবং প্রতিষ্ঠানটির আরেক জ্যেষ্ঠ অংশীদার সারাহ এডির মধ্যেও একসময় পারস্পরিক সম্মতিতে ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে স্যাভিট এ সম্পর্ককে "পরকীয়া" হিসেবে উল্লেখ করার বিষয়টি অস্বীকার করেছেন।   প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটিতে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্মতিতে ব্যক্তিগত সম্পর্কের বিরুদ্ধে কোনো নীতিমালা ছিল না। এছাড়া সারাহ এডি স্যাভিটের সরাসরি অধীনস্থ কর্মী ছিলেন না। ফলে অভিযোগে উল্লিখিত সম্পর্কটি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন করেছে, এমন তথ্য পাওয়া যায়নি।   উইলিয়াম স্যাভিট সম্প্রতি ওয়াচটেল ছেড়ে প্রতিদ্বন্দ্বী আইন প্রতিষ্ঠান গিবসন ডানে যোগ দিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানের আরও পাঁচজন অংশীদারকে সঙ্গে নিয়ে নতুন কর্মস্থলে যোগ দেন। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের করপোরেট আইন অঙ্গনে বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।   নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, স্যাভিটের নতুন চুক্তির আর্থিক মূল্য তিন বছরে প্রায় ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার হতে পারে। তবে এ বিষয়ে স্যাভিট প্রকাশ্যে মন্তব্য করেননি। একই প্রতিবেদনে স্যাভিটের ঘনিষ্ঠ একটি সূত্র এই অঙ্ক সঠিক নয় বলেও দাবি করেছে। ফলে পারিশ্রমিকের প্রকৃত পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।   প্রতিবেদন অনুযায়ী, স্যাভিট ও এডি দুজনই ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের পক্ষে ইলন মাস্কের করা বহুল আলোচিত মামলায় কাজ করেছিলেন। ওই মামলায় তাদের ভূমিকার জন্য তারা আইনি অঙ্গনে প্রশংসাও পেয়েছিলেন।   নতুন এই দাবি এমন সময় সামনে এলো, যখন একই প্রতিষ্ঠানের দুই আইনজীবী ন্যাথানিয়েল কালারটন ও কেলসি বোরেনজওয়েইগের সেন্ট্রাল পার্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর কালারটনকে সাময়িক ছুটিতে পাঠানো হয় এবং গিবসন ডানে তার সম্ভাব্য নিয়োগও বাতিল হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের পেছনে তাদের কর্মস্থলের দায়িত্বগত সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছিল।   নিউইয়র্ক পোস্টের প্রশ্নের জবাবে স্যাভিট বলেন, সারাহ এডির সঙ্গে তার সম্পর্ককে "পরকীয়া" হিসেবে বর্ণনা করা সঠিক নয়। অন্যদিকে গিবসন ডান, ওয়াচটেল লিপটন এবং সারাহ এডির কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   উল্লেখ্য, এ প্রতিবেদনটি মূলত সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘনিষ্ঠ সূত্রের তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। সম্পর্কসংক্রান্ত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য বা স্বাধীন যাচাই এখনও প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে আরও তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে আইন অঙ্গন।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২২:১২
যুক্তরাষ্ট্রে স্নাতক শেষে কাজ করতে বিদেশি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে স্নাতক শেষে কাজ করতে বিদেশি শিক্ষার্থীদের জন্য লাগবে ১ লাখ ডলারের ফি

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ মার্কিন ডলারের নতুন ফি আরোপের প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কাজ করার অন্যতম প্রধান সুযোগ ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং কর্মসূচিতে অংশ নিতে এই অর্থ দিতে হতে পারে। তবে পরিকল্পনাটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।  ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, এই ফি আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) পর্যালোচনা করছে। প্রস্তাবটি অনুমোদিত হলে এটি ট্রাম্প প্রশাসনের বৈধ অভিবাসন আরও সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হবে।    ওপিটি কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করার পর নিজ নিজ বিষয়ে এক থেকে তিন বছর পর্যন্ত কাজের সুযোগ পান। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে স্নাতকদের জন্য এই কর্মসূচি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্রে পড়াশোনার বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২৪ সালে প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি শিক্ষার্থী ওপিটির আওতায় যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।    প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় নাকি নিয়োগকারী প্রতিষ্ঠান- কে বহন করবে, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে ডিএইচএস ওপিটি কর্মসূচির নিয়মকানুন পুনর্গঠনের জন্য একটি বিস্তৃত নীতিমালাও প্রস্তুত করছে, যা চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হতে পারে। ডিএইচএসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো নীতিকেই চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয়। সংস্থাটি বৈধ অভিবাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে বিভিন্ন নীতি নিয়ে নিয়মিত আলোচনা করছে।     প্রস্তাবটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এর প্রভাব বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তি ও আর্থিক খাতের দক্ষ জনবল নিয়োগেও পড়তে পারে। অন্যদিকে, অভিবাসন নিয়ন্ত্রণের পক্ষে থাকা গোষ্ঠীগুলোর দাবি, বর্তমান ওপিটি কর্মসূচি কিছু ক্ষেত্রে বিদেশি কর্মীদের কম খরচে নিয়োগের সুযোগ তৈরি করে।    এর আগে ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার ক্ষেত্রেও ১ লাখ ডলারের ফি আরোপের উদ্যোগ নিয়েছিল। তবে সেই উদ্যোগ আদালতে স্থগিত হয়ে যায়। নতুন প্রস্তাবটি সেই নীতির বিকল্প হিসেবে সামনে আনা হচ্ছে কি না, তা নিয়েও ওয়াশিংটনজুড়ে আলোচনা চলছে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২২:৬
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়নে অনড় ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
ফিফার বিতর্কিত পরিকল্পনা অনুমোদন হলে বিশ্বকাপ খেলবে না ইউরোপের ৫৫ দেশ

ফিফার বিশ্বকাপসহ প্রধান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ফিফার সব ধরনের প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং এর ৫৫টি সদস্যদেশ। ফলে বিশ্বকাপের ভবিষ্যৎ ও বৈশ্বিক ফুটবলের প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।   জরুরি বৈঠক শেষে উয়েফা এক বিবৃতিতে জানায়, তাদের ৫৫টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, ফিফা যদি বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা এগিয়ে নেয়, তাহলে উয়েফাভুক্ত কোনো জাতীয় দল ফিফার প্রতিযোগিতায় অংশ নেবে না। সংস্থাটির ভাষ্য, বিশ্বকাপ ফুটবলের ঐতিহ্য ও বৈশ্বিক সম্পদ, এটি কোনো বিনিয়োগ পণ্য নয় এবং এর মালিকানা বিক্রির জন্য নয়।   বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিফার প্রস্তাবিত নতুন প্রতিষ্ঠান ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’। ফিফার পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০০০ কোটি মার্কিন ডলার মূল্যায়নের এই প্রতিষ্ঠানের সংখ্যালঘু অংশ দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এই উদ্যোগ থেকে প্রাপ্ত অর্থ বিশ্বজুড়ে সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হবে বলে দাবি করেছে ফিফা।   ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্যদেশগুলোকে পাঠানো প্রস্তাবে বলেছেন, পরিকল্পনাটি অনুমোদিত হলে ২০২৭-২০৩০ মেয়াদে প্রতিটি সদস্যদেশের জন্য ‘ফিফা ফরওয়ার্ড’ কর্মসূচির অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলারে উন্নীত করা হবে। পাশাপাশি বিশেষ উন্নয়ন প্রকল্পের জন্য অতিরিক্ত ২ কোটি ডলার পর্যন্ত অর্থ পাওয়ার সুযোগ থাকবে। ফিফার দাবি, এই বিনিয়োগের ফলে বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং প্রতিষ্ঠানটির ওপর খেলাধুলাবিষয়ক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ফিফার হাতেই থাকবে।   তবে উয়েফা এই প্রস্তাবকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা যথাযথ আলোচনা বা অংশীজনদের মতামত ছাড়াই অনুমোদনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মতে, জাতীয় ফুটবল সংস্থাগুলোর সামনে এক ধরনের বিকল্পহীন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে পরিকল্পনায় সম্মতি না দিলে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।   উয়েফা আরও বলেছে, ফুটবলের ভবিষ্যৎ এমন বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়, যাদের প্রধান লক্ষ্য মুনাফা অর্জন। তাদের আশঙ্কা, বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খেলাধুলার স্বার্থের পরিবর্তে বাণিজ্যিক লাভের বিষয় বিবেচনা করে নেওয়া হতে পারে।   বিশ্লেষকদের মতে, ইউরোপের ৫৫টি সদস্যদেশ যদি সত্যিই ফিফার প্রতিযোগিতা বর্জন করে, তবে বিশ্বকাপের ক্রীড়ামূল্য ও বাণিজ্যিক গুরুত্ব বড় ধরনের ধাক্কা খাবে। কারণ বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ও জনপ্রিয় অনেক দলই উয়েফার সদস্য। সাম্প্রতিক বিশ্বকাপগুলোর নকআউট পর্বেও ইউরোপীয় দলগুলোর আধিপত্য ছিল স্পষ্ট।   ফিফার ২১১ সদস্যদেশের ভোটে আগামী সেপ্টেম্বরে এই প্রস্তাবের ভাগ্য নির্ধারণ হবে। পরিকল্পনাটি কার্যকর করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের পাশাপাশি ফিফা কাউন্সিলের অনুমোদনও প্রয়োজন। ফলে ইউরোপের পাশাপাশি অন্যান্য মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর অবস্থানও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে কনকাকাফও প্রস্তাবটির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যদিও তারা এখনও বয়কটের ঘোষণা দেয়নি।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২১:৫৮
ঝোপের ছদ্মবেশে সড়কের পাশে অবস্থান নিয়ে চালকদের পর্যবেক্ষণ করছেন ডানেলেন পুলিশ বিভাগের এক কর্মকর্তা। ছবি: সংগৃহীত
ঝোপের ছদ্মবেশে পুলিশ কর্মকর্তা, নিউ জার্সিতে ৬ ঘণ্টায় ৭৪ অসচেতন চালককে জরিমানা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে সড়কে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর প্রবণতা ঠেকাতে অভিনব কৌশল নিয়েছে একটি পুলিশ বিভাগ। ঝোপের ছদ্মবেশ ধারণ করে সড়কের পাশে অবস্থান নেন এক পুলিশ কর্মকর্তা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে ৭৪ জন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।   মিডলসেক্স কাউন্টির ডানেলেন পুলিশ বিভাগ ২৯ জুলাই এই বিশেষ অভিযান পরিচালনা করে। শহরের নর্থ ওয়াশিংটন অ্যাভিনিউর ১০০ নম্বর ব্লকে অভিযানটি চালানো হয়। এলাকাটি যানবাহন ও পথচারীদের ব্যস্ত চলাচলের জন্য পরিচিত। পুলিশ জানায়, নিউ জার্সির হাতে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো সংক্রান্ত আইন কার্যকর করা এবং সড়ক নিরাপত্তা বাড়ানোই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।   অভিযানে এক পুলিশ কর্মকর্তা ঝোপের মতো পোশাক পরে রাস্তার পাশে অবস্থান নেন। তার সঙ্গে ছিল দূরবীন। তিনি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারকারী চালকদের শনাক্ত করেন। এরপর সামনে অবস্থান নেওয়া অন্য পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট যানবাহন থামিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেন। অভিযানের আরও একটি ছবিতে একজন কর্মকর্তাকে "আমি পুলিশ নই" লেখা টি-শার্ট পরেও দেখা যায়, যা অভিযানের গোপনীয়তা বজায় রাখতে ব্যবহার করা হয়েছিল।   ডানেলেন পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, মাত্র ছয় ঘণ্টায় ৭৪টি জরিমানার নোটিশ দেওয়া হয়েছে। বিভাগটি মজার ছলে লিখেছে, "আমাদের 'ঝোপ' কিন্তু বেশ ব্যস্ত ছিল।" একই সঙ্গে চালকদের উদ্দেশে বার্তায় বলা হয়, "কোনো বার্তা বা নোটিফিকেশন অপেক্ষা করতে পারে। সড়কে গাড়ি চালানোর সময় দৃষ্টি রাখুন রাস্তায়, মোবাইলের পর্দায় নয়।"   নিউ জার্সির আইনে গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার নিষিদ্ধ। প্রথমবার এ আইন ভঙ্গ করলে ২০০ থেকে ৪০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। পুনরাবৃত্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণ এবং অন্যান্য শাস্তিও বাড়তে পারে। রাজ্যের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, বিভ্রান্ত অবস্থায় গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।   যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঝে মধ্যেই বিশেষ অভিযান পরিচালনা করে। কোথাও সাধারণ পোশাকে, কোথাও আবার ভিন্ন ধরনের ছদ্মবেশ ব্যবহার করে আইন ভঙ্গকারীদের শনাক্ত করা হয়। ডানেলেন পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সড়কে আইন মেনে চলার বিষয়ে কার্যকর সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২১:৪৪
কমলা হ্যারিসের ৮ মিলিয়ন ডলারের নতুন বাড়ি
রেসিজম নিয়ে সোচ্চার, কমলা হ্যারিসের ৮ মিলিয়ন ডলারের নতুন বাড়ির আশপাশে নেই কোনো কৃষ্ণাঙ্গ

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগ এমহফ ক্যালিফোর্নিয়ার মালিবুর অভিজাত পয়েন্ট ডিউম এলাকায় প্রায় ৮.১৫ মিলিয়ন মার্কিন ডলারে একটি বাড়ি কিনেছেন। তবে এই বাড়ি কেনার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এলাকার জনসংখ্যাগত বৈশিষ্ট্য। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে কৃষ্ণাঙ্গ বাসিন্দার সংখ্যা অত্যন্ত কম, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।    নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পয়েন্ট ডিউম এলাকার বাসিন্দাদের বড় অংশই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ বাসিন্দার হার খুবই কম। প্রতিবেদনে এই বিষয়টিকে কমলা হ্যারিসের দীর্ঘদিনের বর্ণবৈষম্যবিরোধী রাজনৈতিক অবস্থানের সঙ্গে তুলনা করে প্রশ্ন তোলা হয়েছে। তবে এসব মূল্যায়ন প্রতিবেদনের নিজস্ব বিশ্লেষণ; এ বিষয়ে কমলা হ্যারিস বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।  প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ হাজার বর্গফুটের এই বাড়িতে চারটি শয়নকক্ষ ও ছয়টি বাথরুম রয়েছে। পাহাড়চূড়ায় অবস্থিত বাড়িটি থেকে প্রশান্ত মহাসাগরের দৃশ্য দেখা যায়। সম্পত্তিটির সঙ্গে সীমিত প্রবেশাধিকারযুক্ত লিটল ডিউম সৈকতে যাওয়ার বিশেষ সুবিধাও রয়েছে, যা দীর্ঘদিন ধরেই মালিবুর অন্যতম অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত।    কমলা হ্যারিস ও ডগ এমহফ এর আগে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড এলাকায় বসবাস করতেন। চলতি বছরের শুরুতে তাঁদের মালিবুতে নতুন বাড়ি কেনার খবর প্রথম প্রকাশ্যে আসে। যুক্তরাষ্ট্রে কোনো জনপ্রতিনিধি বা সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার ব্যক্তিগত আবাসন নির্বাচন প্রায়ই জনআলোচনার বিষয় হয়ে ওঠে। তবে কোনো এলাকার জনসংখ্যাগত গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত অবস্থান সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো স্বাধীন প্রমাণ বর্তমানে প্রকাশ্যে নেই। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে আসছে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২১:৪২
দুই বছরের শিশু ইসাবেল রোজ ওয়েলশ হত্যা মামলায় রায় দিয়েছে যুক্তরাজ্যের আদালত। ছবি: সংগৃহীত
দুই বছরের কন্যাসন্তানের ওপর নৃশংস অত্যাচার ও হত্যা: জন্মদাত্রী মা ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে দুই বছর বয়সী এক শিশুকন্যাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও যৌন নির্যাতনের পর হত্যার দায়ে তার মা আলেকজান্দ্রা ওয়াকার এবং মায়ের সঙ্গী হ্যারিসন সিম্পসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের রায়ে ওয়াকারকে অন্তত ২২ বছর এবং সিম্পসনকে অন্তত ২৮ বছর কারাভোগের পর মুক্তির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে। সিম্পসন শিশুর প্রতি যৌন নির্যাতনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে দুজনই শিশু নির্যাতনের অভিযোগেও দোষী প্রমাণিত হয়েছেন।   ইংল্যান্ডের টিসসাইড ক্রাউন কোর্টে শুনানিতে উঠে আসে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মারা যাওয়া দুই বছরের ইসাবেল রোজ ওয়েলশ দীর্ঘ সময় ধরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল। ময়নাতদন্তে তার শরীরে ২১টি হাড় ভাঙা, ৯৭টি নরম টিস্যুর আঘাত এবং আরও একাধিক গুরুতর জখমের প্রমাণ পাওয়া যায়। আদালতে উপস্থাপিত চিকিৎসা বিশেষজ্ঞদের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে শিশুটির ওপর বারবার সহিংস নির্যাতন চালানো হয়েছিল।   প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর দিন ইসাবেলের দেখভালের দায়িত্বে ছিলেন হ্যারিসন সিম্পসন। পরে শিশুটি গুরুতর আহত হওয়ার অল্প সময়ের মধ্যেই তার মা আলেকজান্দ্রা ওয়াকার ইন্টারনেটে "আমার ছোট শিশুর রক্তপাত কেন হচ্ছে" লিখে তথ্য খোঁজেন। আদালতে উপস্থাপিত নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই সময় তিনি বাড়ির ভেতরে এদিক-ওদিক হাঁটছিলেন এবং জানালার পাশে দাঁড়িয়ে ধূমপান করছিলেন।   আদালতে আরও জানানো হয়, ঘটনার সময় ওয়াকার তার মেয়েকে নাম ধরে ডাকছিলেন এবং বলছিলেন, "তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ।" তবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করতে তিনি বিলম্ব করেন। প্রসিকিউশনের দাবি, শিশুটির অবস্থা সংকটজনক হয়ে ওঠার অনেক পরে, পরিবারের এক সদস্যের পরামর্শে তিনি জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে প্যারামেডিকরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   মামলার শুনানিতে ইসাবেলের নানি ক্লেয়ার ওয়াকার জানান, মৃত্যুর আগের কয়েক দিনে নাতনির শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি শিশুটিকে খুবই প্রাণবন্ত, বুদ্ধিমান এবং সুস্থ স্বাভাবিক হিসেবে জানতেন। তবে শেষ দিকে তার শরীরে একের পর এক আঘাতের চিহ্ন দেখতে পান। একটি পর্যায়ে শিশুটির পা ভেঙে যাওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছিল। পরে বাড়িতে গিয়ে তার পিঠেও আঘাতের দাগ দেখতে পান বলে আদালতে সাক্ষ্য দেন তিনি।   তদন্তে উঠে আসে, মৃত্যুর আগে শিশুটিকে জোরে ঝাঁকানো হয়েছিল এবং শক্ত কোনো বস্তুর সঙ্গে আঘাত করা হয়েছিল। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এসব আঘাতই তার মারাত্মক মস্তিষ্কের ক্ষতির কারণ হয়। আদালতে আরও বলা হয়, শিশুটির শরীরে যৌন নির্যাতনেরও প্রমাণ পাওয়া গেছে। তবে এসব ঘটনার বর্ণনা আদালত সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে এবং শিশুর মর্যাদা ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় রাখে।   ওয়াকার ও সিম্পসন আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছিলেন। তারা হত্যা, শিশু নির্যাতন, শিশুর মৃত্যুর জন্য দায়ী হওয়া এবং যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তবে সাক্ষ্যপ্রমাণ, চিকিৎসা প্রতিবেদন এবং তদন্তের তথ্য পর্যালোচনা করে জুরি তাদের দোষী সাব্যস্ত করেন। পরে আদালত তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।   এই রায়ের পর যুক্তরাজ্যে শিশু সুরক্ষা ব্যবস্থা এবং নির্যাতনের ঝুঁকিতে থাকা শিশুদের দ্রুত শনাক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। শিশু অধিকারকর্মীরা বলেছেন, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা যায়।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২১:৩৩
মরক্কো থেকে স্পেনের সিউতায় প্রবেশের চেষ্টা করছেন হাজারো অভিবাসী। ছবি: সংগৃহীত
সীমান্তে কাঁটাতারের বেড়া ভেঙে স্পেনে হাজার হাজার অভিবাসীর প্রবেশের চেষ্টা, নামানো হলো সেনাবাহিনী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা দেয় স্পেন সরকার। একই সঙ্গে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছে।   উত্তর আফ্রিকায় অবস্থিত সিউতা ভৌগোলিকভাবে মরক্কোর সঙ্গে যুক্ত হলেও এটি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের অংশ। দীর্ঘদিন ধরেই উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত সিউতা। অভিবাসন সংকটের কারণে অঞ্চলটি প্রায়ই স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।   স্থানীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য, বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ একযোগে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। কেউ সাঁতরে সমুদ্রপথে সিউতায় পৌঁছানোর চেষ্টা করেন, আবার কেউ সীমান্তের বেড়া ও গেট অতিক্রম করে শহরে প্রবেশ করেন। এতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে এবং পরিস্থিতিকে "সম্পূর্ণ বিশৃঙ্খল" বলে বর্ণনা করেন সিউতায় দায়িত্বরত স্পেনের সিভিল গার্ড সদস্যদের সংগঠনের প্রধান রাশিদ সিবিহি।   খবরে বলা হয়েছে, সীমান্ত পার হওয়ার সময় অনেক অভিবাসী ভাসমান টিউব ও অন্যান্য ভাসমান সামগ্রী ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ সমুদ্র পাড়ি দিয়ে সিউতার উপকূলে পৌঁছাচ্ছেন, আর অন্যরা সীমান্তের প্রবেশপথ ভেঙে শহরের দিকে দৌড়ে যাচ্ছেন।   স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এই ঘটনায় অন্তত কয়েকজন অভিবাসীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সর্বশেষ হিসাবে প্রাণহানির সংখ্যা অন্তত নয়জনে পৌঁছেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় এ সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।   পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কোর নিরাপত্তা বাহিনী দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে অনেকেই সীমান্তসংলগ্ন মরক্কোর কাস্তিয়েখোস (ফনিদেক) এলাকায় ফিরে গেলেও নতুন করে সীমান্ত অতিক্রমের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে সিউতার অনেক দোকানপাট, রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতেও অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।   স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় মরক্কো সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় চলছে। অবৈধভাবে প্রবেশকারীদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে অতিরিক্ত সেনা সদস্য, নৌযান এবং ডুবুরি ইউনিট মোতায়েন করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাসকার সিউতা সফরেরও ঘোষণা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কেবল অভিবাসন পরিস্থিতির কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার আইনগত সুযোগ নেই।   এ ঘটনায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসও প্রতিক্রিয়া জানিয়েছে। উপপ্রেস সচিব আনা কেলি ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের অবস্থানের কথা উল্লেখ করেন। তবে স্পেন সরকার এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য না করে সীমান্ত নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।   এর আগে ২০২১ সালেও প্রায় ১০ হাজার মানুষ মরক্কো থেকে সিউতায় প্রবেশ করেছিলেন। বিশ্লেষকদের মতে, বর্তমান ঘটনাটি সেই সংকটের স্মৃতি আবারও সামনে নিয়ে এসেছে এবং ইউরোপে অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করেছে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২১:২৪
বলিউড অভিনেতা সুধেশ বেরির
‘মোদির পা ধুয়ে সেই পানি পান করতে চাই’ বলিউড অভিনেতা সুধেশ বেরির মন্তব্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভগবান বিষ্ণুর অবতার’ আখ্যা দিয়ে তাঁর পা ধুয়ে সেই পানি পান করার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সুধেশ বেরি। ‘বর্ডার’ সিনেমাখ্যাত এই অভিনেতার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে সুধেশ বেরি বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী মোদি দেশের জন্য অসাধারণ কাজ করছেন এবং তাঁর নেতৃত্বে ভারত ‘রামরাজ্য’-এর দিকে এগোচ্ছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, তিনি মোদির পা ধুয়ে সেই পানি পান করতে চান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ভগবান বিষ্ণুর অবতার বলেও উল্লেখ করেন। সাক্ষাৎকারে সুধেশ বেরি আরও দাবি করেন, ‘সিজেপি’ নামে একটি রাজনৈতিক সংগঠন থেকে তাঁকে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সংগঠনটির বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেন।       অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর মন্তব্যকে অতিরঞ্জিত ও বিতর্কিত বলে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ তাঁর ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিও সামনে এনেছেন।    সুধেশ বেরি হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া বহু টেলিভিশন ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২১:২০
শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের ঘটনায় মিনেসোটার শিক্ষক জেসন লাওয়েল রজার্সের বিরুদ্ধে আদালতের রায়। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে শাস্তির নামে শিক্ষার্থীর পিঠে দাঁড়িয়েছিলেন ১৬০ কেজি ওজনের শিক্ষক, অমানবিক আচরণে মিলল সাজা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বিদ্যালয়ের লকডাউন মহড়ার সময় শিক্ষার্থীদের শাস্তি দিতে তাদের পিঠের ওপর পা রাখার ঘটনায় অভিযুক্ত এক শিক্ষককে দুই বছরের প্রবেশনে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্যে থাকা শিক্ষকতার লাইসেন্স স্বেচ্ছায় জমা দিতে হবে। এছাড়া রাগ নিয়ন্ত্রণবিষয়ক মূল্যায়নে অংশ নেওয়া, ৯০ ঘণ্টা সমাজসেবা করা, ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছে ক্ষমাপ্রার্থনার চিঠি লেখা এবং জরিমানা ও আদালতের বিভিন্ন ফি হিসেবে ২ হাজার ২৫০ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।   মিনেসোটার অটার টেইল কাউন্টির আন্ডারউড এলাকার ৪৯ বছর বয়সী শিক্ষক জেসন লাওয়েল রজার্সের বিরুদ্ধে শিশুদের প্রতি বিদ্বেষমূলক শাস্তি দেওয়ার তিনটি অভিযোগ আনা হয়েছিল। স্থানীয় আদালত মঙ্গলবার মামলার শুনানিতে তার বিরুদ্ধে 'স্টে অব অ্যাডজুডিকেশন' মঞ্জুর করেন। অর্থাৎ তিনি দোষ স্বীকার করলেও আপাতত আনুষ্ঠানিক দণ্ডাদেশ স্থগিত থাকবে। প্রবেশন চলাকালে আদালতের সব শর্ত মেনে চললে অভিযোগগুলো খারিজ হয়ে যাবে। তবে শর্ত ভঙ্গ করলে আদালত আনুষ্ঠানিকভাবে তাকে দোষী সাব্যস্ত করতে পারবেন।   মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্ডারউড স্কুলে লকডাউন মহড়ার সময় ঘটনাটি ঘটে। এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তদন্তকারীদের জানান, মহড়ার সময় তিনি উপুড় হয়ে মেঝেতে শুয়ে ছিলেন। তখন শিক্ষক জেসন রজার্স তার পিঠের ওপর দুই পা দিয়ে দাঁড়ান। আদালতের নথিতে উল্লেখ করা হয়, রজার্সের ওজন ৩৫০ পাউন্ডেরও বেশি, যা প্রায় ১৫৯ কিলোগ্রামের সমান। ঘটনার পর ওই শিক্ষার্থী তীব্র পিঠের ব্যথায় ভুগতে থাকে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।   তদন্ত চলাকালে রজার্স স্বীকার করেন, তিনি শুধু ওই একজন নন, আরও দুই শিক্ষার্থীর পিঠেও পা রেখেছিলেন। তার দাবি ছিল, কয়েকজন শিক্ষার্থী লকডাউন মহড়াকে গুরুত্ব দিচ্ছিল না। তাদের সতর্ক করার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছিলেন। তবে তদন্তকারী সংস্থার মতে, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা শিশুদের প্রতি শারীরিক শাস্তির শামিল।   ঘটনার পর ২০২৫ সালের মার্চে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ প্রকাশ্যে আসার পর আন্ডারউড স্কুল কর্তৃপক্ষ তাকে প্রশাসনিক ছুটিতে পাঠায়। এরপর থেকে মামলাটি আদালতে বিচারাধীন ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রবেশন চলাকালে রজার্সকে শিক্ষকতার লাইসেন্স ত্যাগ করতে হবে। পাশাপাশি তাকে রাগ নিয়ন্ত্রণবিষয়ক মূল্যায়ন সম্পন্ন করতে হবে, সমাজসেবামূলক কাজে অংশ নিতে হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। এসব শর্ত পূরণ করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে স্থগিত থাকা অভিযোগে আনুষ্ঠানিক দণ্ডাদেশ কার্যকর হতে পারে।   মার্কিন শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বিদ্যালয়ে জরুরি পরিস্থিতির মহড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচালিত হলেও তা পরিচালনার সময় শারীরিক বা মানসিকভাবে ক্ষতিকর কোনো পদ্ধতি ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষকদের আচরণবিধি এবং বিদ্যালয়ের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২১:২
নিউইয়র্কের আপার ইস্ট সাইডে লেজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে সাতে পৌঁছেছে। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে লেজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাবে আরও একজনের মৃত্যু, মৃত বেড়ে ৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আপার ইস্ট সাইড এলাকায় লেজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। গত দুই সপ্তাহে নতুন কোনো রোগী শনাক্ত না হলেও আগেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা একজনের মৃত্যু হওয়ায় প্রাণহানির সংখ্যা আবারও বেড়েছে।   মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, সর্বশেষ মৃত ব্যক্তির পরিচয় বা বয়স প্রকাশ করেনি নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো অতিরিক্ত মন্তব্যও করেনি কর্তৃপক্ষ।   স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরু থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৯০ জন আক্রান্ত হয়েছেন। তবে ১৭ জুলাইয়ের পর আর কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। কয়েকজন রোগী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সংক্রমণের বিস্তার এখন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।   তদন্তে দেখা গেছে, আপার ইস্ট সাইডের বিভিন্ন ভবনের কুলিং টাওয়ারে লেজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। এসব কুলিং টাওয়ার দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয় এবং আক্রান্ত সব স্থাপনাতেই প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ। কর্মকর্তাদের ধারণা, সংক্রমণের উৎস ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।   লেজিওনেয়ার্স রোগ এক ধরনের গুরুতর নিউমোনিয়া, যা লেজিওনেলা ব্যাকটেরিয়াযুক্ত ক্ষুদ্র পানিকণা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে হতে পারে। এটি একজন থেকে আরেকজনে ছড়ায় না। সাধারণত ভবনের কুলিং টাওয়ার, গরম পানির ব্যবস্থা, ফোয়ারা বা দীর্ঘদিন অপরিষ্কার পানির ব্যবস্থায় এই ব্যাকটেরিয়া জন্মাতে পারে।   বিশেষজ্ঞদের মতে, ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ধূমপায়ী, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বেশি। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা বা ফ্লু-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সময়মতো চিকিৎসা শুরু হলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন।   এই প্রাদুর্ভাবের পর নিউইয়র্ক সিটি প্রশাসন কুলিং টাওয়ার পর্যবেক্ষণ আরও জোরদার করেছে। পাশাপাশি যেসব ভবনে লেজিওনেলা ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছিল, সেগুলোর তথ্যও জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে একই ধরনের ঘটনা প্রতিরোধে নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২০:৪৮
লাইফ সাপোর্টে থাকা ডেভিড গ্লেজার। ছবি: সংগৃহীত
১৬ ঘণ্টার বিদ্যুৎহীনতায় লাইফ সাপোর্টে থাকা ছেলেকে বাঁচাতে মায়ের প্রাণপণ লড়াই

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কুলিজ শহরে দীর্ঘ ১৬ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে লাইফ সাপোর্টে থাকা ছেলেকে বাঁচিয়ে রাখতে এক মায়ের নিরলস লড়াইয়ের ঘটনা আলোচনায় এসেছে। বিদ্যুৎ না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্র একে একে বন্ধ হয়ে যায়। প্রচণ্ড গরমে ঘরের তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।   মার্কিন গণমাধ্যম পিপল এবং স্থানীয় সংবাদমাধ্যম অ্যারিজোনাস ফ্যামিলি জানিয়েছে, গত ২৫ জুলাই বিকেল সাড়ে ২টার দিকে কুলিজের বড় একটি এলাকায় বিদ্যুৎ চলে যায়। ওই বিভ্রাটে কয়েক হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, মৌসুমি ঝড়ের সময় বজ্রপাতের কারণে এ ঘটনা ঘটতে পারে।   কারেন গ্লেজারের ছেলে ডেভিড গ্লেজার ২০২০ সালের ৯ মে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার শরীরের প্রায় সব হাড় ভেঙে যায় এবং তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। চিকিৎসকেরা প্রথমে তাকে ঘাড়ের নিচ থেকে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন এবং শ্বাস-প্রশ্বাস, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিভিন্ন বৈদ্যুতিক চিকিৎসা যন্ত্রের ওপর নির্ভরশীল। পরিবারটি তার সম্ভাব্য স্টেম সেল চিকিৎসার জন্যও অর্থ সংগ্রহ করছে।   বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডেভিডের বিশেষ চিকিৎসা শয্যা, পালস অক্সিমিটারসহ একাধিক জরুরি যন্ত্র বন্ধ হয়ে যায়। কারেন জানান, ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থাও কাজ করেনি। ফলে মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারেন, ছেলের জীবন ঝুঁকির মুখে পড়ে গেছে।   সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। ডেভিড নিজের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পারেন না। তাই কারেন বারবার পানিতে কাপড় ভিজিয়ে ছেলের শরীর মুছে তাকে ঠান্ডা রাখার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি হাতে করে ডেভিডের মুখ থেকে লালা পরিষ্কার করেন, যাতে শ্বাসরোধের ঝুঁকি তৈরি না হয়।   বিদ্যুৎ বিভ্রাটের সময় শহরে শীতলীকরণ কেন্দ্র (কুলিং সেন্টার) চালু করা হলেও সেখানে যাওয়া সম্ভব হয়নি কারেনের। তিনি ছেলেকে একা রেখে বের হতে পারেননি। বরফ সংগ্রহ করতেও যেতে পারেননি। পরে সাহায্য চেয়ে বার্তা পাঠানোর চেষ্টা করলেও তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায় এবং নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি জরুরি সেবা নম্বর ৯১১-এও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।   কারেনের ভাষ্য, তাদের বাসা জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পুনঃসংযোগের তালিকায় থাকলেও কর্তৃপক্ষ কয়েক দফায় বিদ্যুৎ ফেরার সম্ভাব্য সময় পরিবর্তন করে। এতে উদ্বেগ আরও বাড়ে। অবশেষে প্রায় ১৬ ঘণ্টা পর রোববার সকালে বিদ্যুৎ ফিরে এলে ডেভিডের চিকিৎসা যন্ত্রগুলো আবার চালু হয় এবং তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে।   ঘটনার পর কারেন বলেন, এই অভিজ্ঞতা ছিল অত্যন্ত ভয়াবহ। তার ভাষায়, "এ ধরনের পরিস্থিতি আর কখনো ঘটতে দেওয়া যায় না।" দীর্ঘ সময় বিদ্যুৎনির্ভর চিকিৎসা যন্ত্র বন্ধ থাকলে গুরুতর রোগীদের জীবন হুমকির মুখে পড়তে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।   স্থানীয় বিশেষজ্ঞদের মতে, চরম গরমের সময়ে যেসব পরিবারে বিদ্যুৎনির্ভর চিকিৎসা যন্ত্র ব্যবহার করা হয়, তাদের জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, পর্যাপ্ত ব্যাটারি এবং জরুরি যোগাযোগ পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এই ঘটনা সেই প্রয়োজনীয়তার বিষয়টিকেই আবার সামনে এনে দিয়েছে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ২০:৩৫
নিউইয়র্কে রাস্তায় গোলাগুলির মাঝে পড়ে প্রাণ হারাল ১২ বছরের জ্যাকব
নিউইয়র্কে রাস্তায় গোলাগুলির মাঝে পড়ে প্রাণ হারাল ১২ বছরের জ্যাকব, চলতি বছর গুলিবিদ্ধ অন্তত ৫০ শিশু-কিশোর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্দুক সহিংসতার বলি হচ্ছে নিরীহ শিশু-কিশোররা। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর শহরটিতে বন্দুক হামলায় অন্তত ৫০ জন শিশু-কিশোর গুলিবিদ্ধ বা নিহত হয়েছে। এই সহিংসতার সর্বশেষ মর্মান্তিক শিকার হয়েছে ব্রঙ্কসের ১২ বছর বয়সী জ্যাকব ফ্রেইটেস।   গত ২৫ জুলাই স্থানীয় একটি দোকান (বোদেগা) থেকে বল কিনে বের হওয়ার সময় রাস্তায় গোলাগুলির মাঝে পড়ে যায় সে। নিউইয়র্ক পুলিশের এক অবসরপ্রাপ্ত সার্জেন্টের ছেলে জ্যাকব বুকে গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে দোকানে ঢুকে পড়ে এবং মেঝেতে লুটিয়ে পড়ে, যা সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। পরে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।   জ্যাকবের মৃত্যুর আগে থেকেই কিশোরদের ওপর এমন বন্দুক হামলার ঘটনা ধারাবাহিকভাবে ঘটে আসছিল। জ্যাকব নিহত হওয়ার মাত্র দুদিন আগে ২৩ জুলাই ব্রুকলিনের বুশউইকে এক বিবাদের জেরে ১৫ বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগে। এছাড়া ২০ জুলাই ব্রুকলিনের একটি ম্যাকডোনাল্ডসের পার্কিং লটে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরীও গুলিবিদ্ধ হয়।   পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২৬ সালের জুনের শেষভাগ পর্যন্ত প্রথম ছয় মাসে বন্দুক হামলার শিকার হওয়া ৪৯ জনের বয়স ১৮ বছরের নিচে। বিস্ময়কর ব্যাপার হলো, এই হামলাগুলোর সাথে জড়িত সন্দেহভাজন ৪৯ জন হামলাকারীর বয়সও ১৮ বছরের নিচে, যারা বয়সের কারণে আইনত ভোট দেওয়ারও যোগ্য নয়। তবে পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথমার্ধে তরুণদের জড়িত থাকার বা শিকার হওয়ার ঘটনা কিছুটা কমেছে। গত বছরের প্রথম ছয় মাসে ১৮ বছরের কম বয়সী ৫৭ জন হামলার শিকার হয়েছিল এবং সন্দেহভাজন হামলাকারী ছিল ৫৩ জন। নিউইয়র্ক পুলিশের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে সব বয়সীদের মিলিয়ে বন্দুক হামলার মোট সংখ্যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।   কিন্তু সামগ্রিক হামলার সংখ্যা কমলেও ১৮ বছরের কম বয়সী হামলাকারীদের অনুপাত উদ্বেগজনক হারে বেড়েছে। ২০১৮ সালের একই সময়ে যেখানে তরুণ হামলাকারীর হার ছিল মাত্র ৮ শতাংশ, ২০২৬ সালের প্রথমার্ধে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২২ শতাংশে।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ১৯:৫৭
বাবার সামনেই বিষাক্ত ক্র্যাটম বড়ি খেয়ে ছটফট করছিল ২ বছরের শিশু, চিকিৎসা না দেওয়ায় গ্রেপ্তার বাবা ও এক নারী
বাবার সামনেই বিষাক্ত ক্র্যাটম বড়ি খেয়ে ছটফট করছিল ২ বছরের শিশু, ৯১১-এ কল না করায় গ্রেপ্তার বাবা ও এক নারী

যুক্তরাষ্ট্রে দুই বছর বয়সী এক শিশুর চোখের সামনে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় চরম অবহেলার অভিযোগে তার বাবা ও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   অভিযোগ উঠেছে, শিশুটি যখন ভুলবশত 'ক্র্যাটম' (kratom) নামের বড়ি খেয়ে ফেলে, তখন তার ঠোঁট নীল হয়ে যায় এবং প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। শিশুটির এমন ভয়াবহ শারীরিক প্রতিক্রিয়া দেখার পরও তারা জরুরি সহায়তা নম্বর ৯১১-এ কল করে কোনো চিকিৎসকের সাহায্য নেননি।   জরুরি চিকিৎসার ব্যবস্থা না করে অভিযুক্ত বাবা তার মেয়েকে নিজের বোনের অ্যাপার্টমেন্টে নিয়ে যান এবং সেখানে তাকে ঘুম পাড়িয়ে দেন।   পরে তিনি ঘুম থেকে উঠে দেখেন শিশুটি আর কোনো সাড়া দিচ্ছে না। চিকিৎসা পরীক্ষকের কার্যালয় থেকে জানানো হয়েছে, শিশুটির মৃত্যু মূলত 'তীব্র মাইট্রাজিনাইন বিষক্রিয়া' (acute mitragynine intoxication)-এর কারণে হয়েছে।   এই মর্মান্তিক ঘটনার পর কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে, কৃত্রিমভাবে তৈরি এসব বড়ির মিশ্রণে অনেক সময় ৭-ওএইচ (7-OH) বা ৭-হাইড্রোক্সিমাইট্রাজিনাইনের মতো ভয়ংকর অবৈধ পদার্থ থাকতে পারে, যা শিশু তো বটেই, প্রাপ্তবয়স্কদের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ।

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬ ১৯:৩৩