সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ট্রাম্পের নতুন শুল্কে ক্ষতির মুখে
ট্রাম্পের নতুন শুল্কে ক্ষতির মুখে, ক্যালিফোর্নিয়ার ৪৮৮ বিলিয়ন ডলারের আমদানি বাণিজ্য

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদারের অধিকাংশ পণ্যে নতুন করে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নেওয়া এ সিদ্ধান্ত কার্যকর হলে আমদানিনির্ভর ক্যালিফোর্নিয়ায় ভোক্তাপণ্যের দাম ও মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।   যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর জানিয়েছে, নতুন শুল্কব্যবস্থা দেশটির মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ সরবরাহকারী শীর্ষ ৬০ বাণিজ্য অংশীদারকে অন্তর্ভুক্ত করেছে। যেসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বা এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করেছে, তাদের পণ্যে সাধারণভাবে ১০ শতাংশ শুল্ক বসানো হচ্ছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে হার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।   বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট হার ১০ বা ১২ দশমিক ৫ শতাংশে সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছে।   তবে সব পণ্য এ শুল্কের আওতায় পড়বে না। যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না—এমন কিছু কাঁচামাল, অর্থনীতিতে বড় ধরনের সরবরাহ সংকট তৈরি করতে পারে এমন পণ্য, তথ্যসামগ্রী, অনুদান ও যাত্রীর ব্যক্তিগত ব্যাগেজসহ নির্দিষ্ট পণ্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।   নতুন শুল্ক ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে যুক্তরাষ্ট্রে ভোগের জন্য প্রবেশ করা বা গুদাম থেকে ছাড়া পণ্যের ওপর কার্যকর হওয়ার কথা রয়েছে।   ক্যালিফোর্নিয়ার জন্য সিদ্ধান্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ক্যালিফোর্নিয়া চেম্বার অব কমার্সের তথ্যমতে, ২০২৫ সালে অঙ্গরাজ্যটি বিদেশ থেকে ৪৮৮ দশমিক ২১৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এর প্রধান উৎস ছিল চীন, তাইওয়ান, মেক্সিকো, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া।   এত বড় আমদানি বাজার হওয়ায় শুল্কের বাড়তি ব্যয় শেষ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভোক্তাদের ওপর চাপানো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে ইলেকট্রনিকস, পোশাক, যন্ত্রাংশ, গৃহস্থালি পণ্য এবং বিভিন্ন উৎপাদন উপকরণের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আমদানিনির্ভর ক্ষুদ্র ব্যবসাগুলোর মুনাফাও কমে যেতে পারে।   তবে শুল্ক আরোপের পক্ষে ট্রাম্প প্রশাসনের বক্তব্য, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় জোরপূর্বক শ্রম বন্ধে বাণিজ্য অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন বলছে, সংশ্লিষ্ট দেশগুলো কার্যকরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করলে ভবিষ্যতে শুল্ক পরিবর্তন বা প্রত্যাহার করা হতে পারে।   বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পোশাক ও বস্ত্রপণ্যের জন্য আলাদা শুল্কমুক্ত কোটা চালুর পরিকল্পনাও রয়েছে। এসব দেশ যুক্তরাষ্ট্রের তুলা ও বস্ত্র উপকরণ ব্যবহার করলে নির্দিষ্ট পরিমাণ পণ্য অতিরিক্ত শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে সেই ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে।   বিশ্লেষকেরা বলছেন, নতুন শুল্কের প্রকৃত প্রভাব নির্ভর করবে আমদানিকারকেরা কতটা অতিরিক্ত ব্যয় নিজেরা বহন করেন এবং কতটা পণ্যের দামের সঙ্গে যুক্ত করেন তার ওপর। তবে ক্যালিফোর্নিয়ার বিপুল আমদানি নির্ভরতা বিবেচনায় এখানকার ভোক্তা ও ব্যবসার ওপর এর প্রভাব অন্য অনেক অঙ্গরাজ্যের তুলনায় বেশি হতে পারে।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ২:৩
আজ বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে এক মায়ের ভালোবাসা আর পরিশ্রমের গল্প
ঘরের গ্যারেজে শুরু, আজ বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে এক মায়ের ভালোবাসা আর পরিশ্রমের গল্প

নিজের দুই সন্তানের জন্য ঘরে বসে হাতে-কলমে শেখার উপকরণ তৈরি করেছিলেন এক মা। সেই ছোট উদ্যোগই একসময় গ্যারেজ থেকে শুরু হয়ে আজ একশ কোটি ডলার আয়ের সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা স্যান্ড্রা ওহ লিন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করার সময় বুঝতে পারেন, শিশুদের জন্য এমন শিক্ষাসামগ্রী প্রয়োজন যা খেলতে খেলতেই তাদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবে। এই ভাবনা থেকেই তিনি ২০১১ সালে নিজের গ্যারেজে বসে শিক্ষামূলক কার্যক্রমভিত্তিক বাক্স তৈরি শুরু করেন। শুরুতে তিনি পরিবার ও বন্ধুদের সন্তানদের কাছে এসব শিক্ষাসামগ্রী পৌঁছে দেন। সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তিনি এটিকে পূর্ণাঙ্গ ব্যবসায় রূপ দেন। প্রতিষ্ঠানটি যাত্রার শুরুতে এক কোটিরও বেশি ডলার বিনিয়োগ সংগ্রহ করে। পরে ধীরে ধীরে লাভজনক হয়ে ওঠে এবং নিজেদের আয় দিয়েই ব্যবসা সম্প্রসারণ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ৪০টিরও বেশি দেশে শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রমভিত্তিক বাক্স পাঠায়। এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি শিক্ষামূলক কিট সরবরাহ করেছে এবং দেড় হাজারের বেশি নতুন শিক্ষামূলক প্রকল্প তৈরি করেছে। স্যান্ড্রা ওহ লিন বলেন, একশ কোটি ডলার আয় তাঁর কাছে শুধু একটি ব্যবসায়িক সাফল্য নয়; বরং এটি বিশ্বের লাখো শিশুর শেখা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার প্রতীক। সম্প্রতি প্রতিষ্ঠানটির পণ্য যুক্তরাষ্ট্রের বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান টার্গেট এবং বার্নস অ্যান্ড নোবল-এর দোকানেও বিক্রি শুরু হয়েছে। নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, সফল হতে হলে একই পথের উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ গ্রহণ এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকা দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ১:৫৬
একইসঙ্গে ৩ বোনকে বিয়ে করে ভাইরাল যুবক!
একইসঙ্গে ৩ বোনকে বিয়ে করে ভাইরাল যুবক!

ভারতের উত্তরপ্রদেশে একই যুবকের সঙ্গে তিন তরুণীর বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নতুন আইনি মোড় নিয়েছে। শুরুতে তাদের আপন তিন বোন বলা হলেও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, তারা দুই বোন ও তাদের এক কাজিন। তাদের একজনের বয়স শিক্ষাপ্রতিষ্ঠানের নথিতে মাত্র ১৫ বছর পাওয়া যাওয়ায় পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিশু কল্যাণ কমিটি।   গত ১৭ জুলাই উত্তরপ্রদেশের অমরোহা জেলার হাসানপুর এলাকার চামুণ্ডা মাতা মন্দিরে বিকাশ নামের এক যুবকের সঙ্গে ওই তিন তরুণীর বিয়ের আনুষ্ঠানিকতা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ভিডিওতে তিনজনকে শাড়ি ও ঘোমটা পরে বরের পাশে বসে থাকতে দেখা যায়। পরে বিকাশ তাদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং অগ্নিকে সাক্ষী রেখে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।   অনুষ্ঠানে দুই পক্ষের পরিবারের সদস্য বা বন্ধুদের কাউকে দেখা যায়নি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।   প্রাথমিক প্রতিবেদনে সরোজ, সাবিত্রী ও সন্তোষকে আপন তিন বোন বলা হয়েছিল। তবে পরবর্তী অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে দুজন বোন এবং অন্যজন তাদের কাজিন। তারা অমরোহার ধৌরিয়া গ্রামের বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নিয়মিত রিল ও ভিডিও তৈরি করতেন।   বিকাশ তাদের ভিডিও ধারণের কাজ করতেন। গত কয়েক মাস একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তিন তরুণীর দাবি, শৈশব থেকে তারা একসঙ্গে থেকেছেন এবং বিয়ের পর আলাদা হওয়ার কথা মেনে নিতে পারছিলেন না। সে কারণেই তারা একই ব্যক্তির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।   তবে তাদের এই দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও কোনোভাবেই বিয়েটিকে স্বয়ংক্রিয়ভাবে আইনি স্বীকৃতি দেয় না। ভারতের হিন্দু বিবাহ আইন অনুযায়ী, বৈধ দাম্পত্য সম্পর্ক বহাল থাকা অবস্থায় আরেকটি বিয়ে করার সুযোগ নেই। ফলে একই ব্যক্তির সঙ্গে একাধিক নারীর এমন বিয়ের আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।   এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সন্তোষ ওরফে ছাভির বয়স। তিনি নিজেকে ১৮ বছর বয়সী দাবি করলেও শিক্ষাপ্রতিষ্ঠানের নথিতে তার বয়স ১৫ বছর পাওয়া গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এরপর অমরোহার শিশু কল্যাণ কমিটি পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।   ভারতের বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী, কোনো মেয়ের বয়স ১৮ বছরের কম হলে তাকে শিশু হিসেবে গণ্য করা হয় এবং তার বিয়ে বাল্যবিবাহের আওতায় পড়ে। এ ধরনের বিয়েতে জড়িত প্রাপ্তবয়স্ক ব্যক্তি, বিয়ে পরিচালনাকারী এবং যারা বিয়েতে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।   বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর কয়েকটি হিন্দু সংগঠনও ঘটনার বিরোধিতা করে। সমালোচনার জবাবে তিন তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, তারা নিজেদের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন এবং ভালো আছেন। তারা পৌরাণিক কাহিনিতে একাধিক স্ত্রীর নজির থাকার কথাও উল্লেখ করেন।   তবে আইনজ্ঞদের মতে, পৌরাণিক বা ঐতিহাসিক কোনো দৃষ্টান্ত বর্তমান ভারতীয় বিবাহ ও বাল্যবিবাহবিরোধী আইনের বিকল্প হতে পারে না। ব্যক্তিগত সম্মতির দাবি থাকলেও নাবালিকার ক্ষেত্রে সেই সম্মতি আইনগতভাবে বৈধ বলে বিবেচিত হয় না।   ঘটনাটি এখন আর শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি অস্বাভাবিক বিয়ের দাবি নয়। নাবালিকার সম্পৃক্ততা এবং বহুবিবাহের অভিযোগ সামনে আসায় এটি প্রশাসনিক ও আইনি তদন্তের বিষয়ে পরিণত হয়েছে।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ১:২৪
বিদেশে বিনা খরচে পড়াশোনার সুযোগ
বিদেশে বিনা খরচে পড়াশোনার সুযোগ, আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ৬ টি সরকারি ফুল-ফান্ড স্কলারশিপ

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও আর্থিক সামর্থ্যের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী সেই স্বপ্ন পূরণ করতে পারেন না। তবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বিভিন্ন দেশের সরকার সম্পূর্ণ অর্থায়নে বা ফুল-ফান্ড স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। এসব বৃত্তির অধিকাংশের সার্কুলার প্রকাশ করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, যেখানে আবেদন করে টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবীমাসহ নানা সুবিধা পাওয়া সম্ভব।   রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও তুরস্ক—এই ছয়টি দেশের সরকারি স্কলারশিপ বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে পরিচিত। প্রতিটি বৃত্তির আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও সুবিধা ভিন্ন হলেও অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান।   রাশিয়ান সরকারি স্কলারশিপের আওতায় বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, মানবিক ও ব্যবসায় শিক্ষাসহ ১৫টির বেশি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মূল কোর্স শুরুর আগে রুশ ভাষা ও সংস্কৃতির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। টিউশন ফি, আবাসন ও ভিসা-সংক্রান্ত ব্যয় বহন করে রাশিয়া সরকার। আবেদন প্রক্রিয়া সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে শুরু হয়।   ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ভারতে উচ্চশিক্ষার সুযোগ পান। চিকিৎসাবিজ্ঞান ছাড়া প্রায় সব বিষয়ে আবেদন করা যায়। নির্বাচিতরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক ভাতাও পান। আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হয়।   দক্ষিণ কোরিয়ার সরকারি গ্লোবাল কোরিয়া স্কলারশিপ (GKS) আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয় বৃত্তি। এতে টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবীমা, মাসিক ভাতা এবং যাতায়াতের বিমান ভাড়াও অন্তর্ভুক্ত থাকে। আবেদনকারীদের এক বছর কোরিয়ান ভাষা শেখানো হয় এবং এর খরচও বহন করে কর্তৃপক্ষ।   চীনের সরকারি CSC স্কলারশিপের আওতায় শত শত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, অর্থনীতি, আইন, শিক্ষা, সাহিত্য, ইতিহাস ও চারুকলাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। চীনা ভাষায় দক্ষ না হলে নির্বাচিত শিক্ষার্থীদের এক বছর ভাষা শিক্ষা দেওয়া হয়। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আবেদন গ্রহণ করা হয়।   জাপানের MEXT বা মনবুশো স্কলারশিপ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি বৃত্তি হিসেবে পরিচিত। বাংলাদেশ থেকে প্রতিবছর সীমিতসংখ্যক শিক্ষার্থী এ সুযোগ পান। আবেদনকারীদের লিখিত পরীক্ষা, ভাষা দক্ষতা ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচিতরা টিউশন ফি ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ মাসিক ভাতা পান।   তুরস্কের Türkiye Bursları স্কলারশিপও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জনপ্রিয়। এ বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। আবেদনকারীদের একাডেমিক যোগ্যতার পাশাপাশি সুপারিশপত্র, ভাষা দক্ষতা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।   উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এসব সরকারি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সাধারণত অল্প সময়ের জন্য খোলা থাকে। তাই আগ্রহী শিক্ষার্থীদের পাসপোর্ট, একাডেমিক সনদ, নম্বরপত্র, মেডিকেল সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখা উচিত। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তির দিকে নিয়মিত নজর রাখলে আবেদন করার সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা কমে।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ১:১১
১০০ বছরের পুরোনো জটিল সমস্যার সমাধান করে গণিতের ‘নোবেল’ জিতলেন চীনের দুই অধ্যাপক
১০০ বছরের পুরোনো জটিল সমস্যার সমাধান করে গণিতের ‘নোবেল’ জিতলেন চীনের দুই অধ্যাপক

গণিতের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ফিল্ডস মেডেলে প্রথমবারের মতো ইতিহাস গড়েছে চীন। একসঙ্গে দেশটির দুই নাগরিক—হং ওয়াং ও ইউ দেং—বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত কংগ্রেসে (আইসিএম) তাদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। গণিতে অসাধারণ অবদানের জন্য তাদের সঙ্গে আরও ফিল্ডস মেডেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জেকব সিমারম্যান।  ফিল্ডস মেডেলকে প্রায়ই গণিতের ‘নোবেল পুরস্কার’ বলা হয়। ১৯৩৬ সাল থেকে প্রতি চার বছর পরপর ৪০ বছরের কম বয়সী গণিতবিদদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়। এ বছরের প্রতিটি বিজয়ী ১৫ হাজার কানাডিয়ান ডলার অর্থ পুরস্কারও পেয়েছেন।    ৩৫ বছর বয়সী হং ওয়াং চীনের গুয়াংশিতে জন্মগ্রহণ করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর তিনি ফ্রান্স ও পরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় (এনওয়াইইউ) এবং ফ্রান্সের ইনস্টিটিউট ডেস হাউটস এতিউডস সায়েন্টিফিকসে অধ্যাপনা করছেন। তিনি ১৯১৭ সালে উত্থাপিত বিখ্যাত ‘কাকেয়া সমস্যার’ ত্রিমাত্রিক রূপের সমাধানে যুগান্তকারী অবদান রাখেন। এই কৃতিত্বের মাধ্যমে তিনি ফিল্ডস মেডেলের ৯০ বছরের ইতিহাসে মাত্র তৃতীয় নারী বিজয়ীও হলেন।  অন্যদিকে ৩৭ বছর বয়সী ইউ দেং পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার পর এমআইটি ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক। গ্যাসের অণুর আচরণ বিশ্লেষণের মাধ্যমে তিনি ডেভিড হিলবার্টের ১৯০০ সালে উত্থাপিত বিখ্যাত ‘ষষ্ঠ সমস্যা’র একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেন, যা দীর্ঘদিন ধরে গণিতবিদদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছিল।  পুরস্কার ঘোষণার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো হং ওয়াংকে ফোন করে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ওয়াং ফ্রান্সের গবেষণা ও উচ্চশিক্ষার উৎকর্ষের প্রতীক।    দুই চীনা নাগরিকের একসঙ্গে ফিল্ডস মেডেল জয়ের খবরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ওয়েইবো ও রেডনোটে ‘ফিল্ডস মেডেল’ এবং ‘প্রথম চীনা ফিল্ডস মেডেলজয়ী’ বিষয়ক পোস্ট কয়েক কোটি বার দেখা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।    ফিল্ডস মেডেলজয়ী জাতিগত চীনা গণিতবিদ শিং-তুং ইয়াও এই অর্জনকে চীনের গণিত গবেষণার জন্য ‘বহু প্রতীক্ষিত ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, একসঙ্গে দুই চীনা নাগরিকের এই সাফল্য বিশ্ব গণিত গবেষণায় চীনের ক্রমবর্ধমান অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ০:৪৮
আমেরিকায় ফুল-ফান্ডিংয়ের সুযোগ কাদের বেশি? ব্যাচেলর-মাস্টার্সে স্কলারশিপ পাওয়ার সম্পূর্ণ গাইড
আমেরিকায় ফুল-ফান্ডিংয়ের সুযোগ কাদের বেশি? ব্যাচেলর-মাস্টার্সে স্কলারশিপ পাওয়ার সম্পূর্ণ গাইড

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অনেক শিক্ষার্থীর স্বপ্ন হলেও খরচের কারণে সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। তবে সঠিক পরিকল্পনা, ভালো একাডেমিক ফলাফল এবং সময়মতো আবেদন করলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর ও মাস্টার্স—দুই পর্যায়েই ফুল-ফান্ডিং বা বড় ধরনের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।   ব্যাচেলর পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাইস্কুলের ফলাফল (GPA) এবং SAT বা ACT-এর মতো মানসম্মত পরীক্ষার স্কোর। অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক মেধার ভিত্তিতে Merit Scholarship দিয়ে থাকে। আবেদনকারীর পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের গড়ের চেয়ে ভালো হলে টিউশন ফি-এর বড় অংশ, এমনকি পুরো টিউশনও মওকুফ হতে পারে।   বিশেষ করে যুক্তরাষ্ট্রের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Merit-based Full Scholarship দিয়ে থাকে। আবেদনকারীর একাডেমিক প্রোফাইল যদি শীর্ষ পর্যায়ের হয়, তাহলে পুরো টিউশন ফি কভার হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।   বিশেষজ্ঞরা বলছেন, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সময়মতো আবেদনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আবেদন নভেম্বরের মধ্যে শুরু বা শেষ হয়ে যায়। তাই Early Application করলে অর্থায়নের সুযোগ তুলনামূলক বেশি থাকে।   অন্যদিকে মাস্টার্স পর্যায়ে স্কলারশিপের প্রধান উৎস হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। অনেক শিক্ষার্থী Teaching Assistant (TA) বা Research Assistant (RA) হিসেবে কাজ করার সুযোগ পান। এতে শুধু টিউশন ফি মওকুফই নয়, মাসিক স্টাইপেন্ডও দেওয়া হয়, যা জীবনযাত্রার ব্যয়ের একটি বড় অংশ বহন করতে সহায়তা করে।   বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ের শিক্ষার্থীদের জন্য Research Assistant হিসেবে অর্থায়নের সুযোগ তুলনামূলক বেশি। এ ক্ষেত্রে আবেদন করার আগেই সম্ভাব্য সুপারভাইজার বা সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করলে সুযোগ বাড়ে।   বিশেষজ্ঞদের মতে, মাস্টার্সের অর্থায়ন অনেক সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে নয়, বরং সংশ্লিষ্ট বিভাগ থেকেই দেওয়া হয়। তাই আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি বিভাগীয় প্রধান বা সম্ভাব্য গবেষণা সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করাও গুরুত্বপূর্ণ।   স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়াতে শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে উচ্চ GPA বজায় রাখা, প্রয়োজন হলে SAT, GRE বা GMAT পরীক্ষায় ভালো স্কোর করা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের বেশি অর্থায়ন দেয়, এমন বিশ্ববিদ্যালয় নির্বাচন করা এবং নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করা।   উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডিং পাওয়ার জন্য শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়। শক্তিশালী একাডেমিক প্রোফাইল, পরীক্ষায় ভালো স্কোর, সময়মতো আবেদন, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং অধ্যাপকদের সঙ্গে কার্যকর যোগাযোগ—এই বিষয়গুলো একসঙ্গে থাকলেই স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ০:৩৯
সিনেমার নয়, বাস্তবের স্পাইডারম্যান! হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে বাঁচাতে ছুটে গেলেন তরুণ
সিনেমার নয়, বাস্তবের স্পাইডারম্যান! হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে বাঁচাতে ছুটে গেলেন তরুণ, মুহুর্তেই ভাইরাল

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জোনসবোরো শহরে স্পাইডারম্যানের পোশাক পরা এক তরুণের মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ব্যস্ত ছয় লেনের একটি সড়ক পার হতে গিয়ে বিপাকে পড়া হুইলচেয়ার ব্যবহারকারী এক ব্যক্তিকে দেখে নিজের গাড়ি থামিয়ে দ্রুত ছুটে যান তিনি। এরপর নিরাপদে রাস্তা পার করে দিয়ে আবার ফিরে যান নিজের গাড়িতে। ঘটনাটি ট্রাফিক ক্যামেরায় ধারণ হওয়ার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে।    ঘটনাটি ঘটে গত ২১ জুলাই। ওই তরুণের নাম ক্রিস্টোফার হেলেনথাল (২০)। তিনি একটি ট্রাম্পোলিন পার্কে শিশুদের জন্য আয়োজিত সুপারহিরো-থিমের অনুষ্ঠানে স্পাইডারম্যান সেজে কাজ শেষ করে ফিরছিলেন। তখনই সিগন্যালের কাছে হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে ধীরে ধীরে রাস্তা পার হতে দেখে আর অপেক্ষা করেননি। গাড়ি থেকে নেমে দ্রুত তাকে নিরাপদে অপর পাশে পৌঁছে দেন।    পরে হেলেনথাল জানান, তিনি শুধু একজন মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে চেয়েছিলেন। তার ভাষায়, “আমি তাকে বলেছিলাম, চিন্তা করবেন না, আমি আছি।” তিনি আরও বলেন, স্পাইডারম্যানের পোশাক থাকুক বা না থাকুক, একই পরিস্থিতিতে তিনি আবারও একই কাজ করতেন।    জোনসবোরো পুলিশ বিভাগ ট্রাফিক ক্যামেরার ভিডিওটি প্রকাশ করে লিখেছে, “লাল বাতি হোক বা সবুজ, সঠিক কাজ করার জন্য সব সময়ই সময় থাকে।” পুলিশ হেলেনথালকে ‘সত্যিকারের সুপারহিরো’ বলেও প্রশংসা করেছে।    ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই লাখো মানুষ সেটি দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, বাস্তব জীবনের এমন মানবিক উদ্যোগই প্রকৃত বীরত্বের পরিচয়। ঘটনাটি শুধু একজন হুইলচেয়ার ব্যবহারকারীকে নিরাপদে পৌঁছে দেওয়ার গল্প নয়, বরং ব্যস্ত জীবনের মধ্যেও অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ০:২০
ইয়েমেনের হোদাইদাহ বন্দরে হামলা করল সৌদি আরব
ইয়েমেনের হোদাইদাহ বন্দরে হামলা করল সৌদি আরব

হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার গভীর রাতে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদাহ প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হুথি-সমর্থিত প্রশাসন।    হুথি-সমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, হোদাইদাহকে লক্ষ্য করে চালানো এই হামলার ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে সৌদি আরবকে। তাদের ভাষ্য, এই হামলার মাধ্যমে রিয়াদ সংঘাত আরও বাড়ানোর পথ বেছে নিয়েছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।    হুথিদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভির দাবি, সৌদি হামলায় হোদাইদাহ শহরের রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের কামারান দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।    এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও সৌদি নেতৃত্বাধীন জোট স্পষ্টভাবে জানিয়েছে, তারা হোদাইদাহ বন্দরকে লক্ষ্য করে হামলা চালায়নি। জোটের দাবি, তাদের হামলা ছিল হুথিদের সামরিক স্থাপনা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে। একই সঙ্গে তারা জানিয়েছে, হোদাইদাহ, রাস ইসা ও সালিফ—ইয়েমেনের প্রধান বন্দরগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।    সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, বাণিজ্যিক নৌপরিবহন ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত থাকবে। হুথিরা যদি তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে তার জবাবও কঠোরভাবে দেওয়া হবে।    সংঘাতের এই নতুন পর্যায়ের পেছনে রয়েছে সাম্প্রতিক নৌপথ সংকট। চলতি সপ্তাহে হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং কয়েকটি সৌদি তেলবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে। তাদের অভিযোগ, ওই জাহাজগুলো ঘোষিত অবরোধ অমান্য করেছিল। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বেড়ে যায়।    বিশ্লেষকদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর পূর্ণমাত্রার সংঘাতে ফিরতে এতদিন অনাগ্রহী ছিল সৌদি আরব। তবে হুথিদের সাম্প্রতিক নৌ অবরোধ, সৌদি স্থাপনা ও জাহাজে হামলা এবং আঞ্চলিক সংঘাতের বিস্তারের কারণে পরিস্থিতি আবারও বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৫, ২০২৬ ০:৯
প্রায় ৮৮ হাজার একর আয়তনের এই সুবিশাল খামারটিতে ঐতিহাসিকভাবে হাজার হাজার গবাদিপশু পালন করা হতো। ছবি: সংগৃহীত
ঘোষণার মাত্র ২ দিনেই বিক্রি ১২৮ মিলিয়ন ডলারের খামার! কী ছিল এত বিশেষ?

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা, দুই অঙ্গরাজ্যজুড়ে বিস্তৃত প্রায় ৮৮ হাজার একর আয়তনের একটি বিশাল গবাদিপশুর খামার ১২ কোটি ৭৭ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাজারে তালিকাভুক্ত হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ক্রেতাদের আগ্রহে চুক্তিটি সম্পন্ন হয়, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় র্যাঞ্চ বিক্রির অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।    ‘ফ্রিম্যান ফ্যামিলি র্যাঞ্চেস’ নামে পরিচিত এই সম্পত্তির আয়তন ৮৭ হাজার ৯৫৩ একর। এটি টেক্সাস ও ওকলাহোমার প্যানহ্যান্ডল অঞ্চলজুড়ে বিস্তৃত। তুলনা করলে এর আয়তন নিউইয়র্কের ম্যানহাটনের প্রায় ছয় গুণ। প্রায় এক শতাব্দী ধরে ফ্রিম্যান পরিবারের মালিকানায় থাকা এই র্যাঞ্চে তিনটি পৃথক খামার,অ্যাঙ্কর ডি, কোল্ডওয়াটার ও ফ্রিসকো, একটি সমন্বিত বাণিজ্যিক ইউনিট হিসেবে পরিচালিত হতো।    বিক্রয় কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান হল অ্যান্ড হলের ব্রোকার চ্যাড ডাগার জানান, ফ্রিম্যান পরিবারের অংশীদারিত্বভিত্তিক পরিচালনা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সম্পত্তিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিবারের ইচ্ছা ছিল, র্যাঞ্চটি যেন ভেঙে খণ্ড খণ্ড না হয়ে কৃষি ও পশুপালনের কাজেই ব্যবহৃত হয়।    ক্রেতার পরিচয় প্রকাশ করা না হলেও তাকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ ভূমিমালিকের একজন এবং দীর্ঘদিনের র্যাঞ্চিং ব্যবসায়ী পরিবারের সদস্য হিসেবে বর্ণনা করেছেন ব্রোকার। তার পরিকল্পনাও র্যাঞ্চটিকে আগের মতোই গবাদিপশুর খামার হিসেবে পরিচালনা করার। চুক্তির আওতায় জমি ও অবকাঠামো বিক্রি হলেও গবাদিপশু অন্তর্ভুক্ত ছিল না। তবে ঐতিহাসিকভাবে এই র্যাঞ্চে এক সময়ে প্রায় ৮ হাজার ৫০০টি তরুণ গরু পালন করা হতো, যা এটিকে যুক্তরাষ্ট্রের বড় আকারের বাণিজ্যিক পশুপালন কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিতি দিয়েছিল।    চ্যাড ডাগারের ভাষ্য, এত বড় এবং একীভূত র্যাঞ্চ এখন খুবই বিরল। কারণ এ ধরনের বিশাল জমি অনেক সময় আলাদা আলাদা অংশে ভাগ হয়ে বিক্রি হয়ে যায়। একবার বিভক্ত হয়ে গেলে সেগুলোকে আবার একত্রিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এই বিক্রি যুক্তরাষ্ট্রের ভূমি ও রিয়েল এস্টেট খাতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২৩:৫৬
এফটিসির সঙ্গে সমঝোতার আওতায় যোগ্য অ্যামাজন প্রাইম গ্রাহকেরা সর্বোচ্চ ৫১ ডলার পর্যন্ত রিফান্ড পেতে পারেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য বড় খবর: ২.৫ বিলিয়ন ডলারের সমঝোতায় মিলতে পারে রিফান্ড

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। অ্যামাজনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসির ২.৫ বিলিয়ন ডলারের সমঝোতার আওতায় যোগ্য গ্রাহকেরা প্রাইম সদস্যপদের জন্য পরিশোধ করা অর্থের একটি অংশ ফেরত পেতে পারেন। যারা ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড পাননি, তাদের ক্লেম করার শেষ সময় ২৭ জুলাই ২০২৬।   এফটিসির অভিযোগ ছিল, অ্যামাজন অনেক গ্রাহককে তাদের যথাযথ ও স্পষ্ট সম্মতি ছাড়াই প্রাইম সদস্যপদে অন্তর্ভুক্ত করেছে এবং সদস্যপদ বাতিলের প্রক্রিয়াকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তুলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে মামলাটি নিষ্পত্তিতে ২.৫ বিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছায় অ্যামাজন। তবে প্রতিষ্ঠানটি অভিযোগের দায় স্বীকার করেনি।   সমঝোতার মোট অর্থের পুরোটাই গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে না। এর মধ্যে ১.৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে যোগ্য গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য। বাকি ১ বিলিয়ন ডলার অ্যামাজনকে দেওয়ানি জরিমানা হিসেবে দিতে হচ্ছে।   এফটিসির তথ্য অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী একজন গ্রাহক প্রাইম সদস্যপদের জন্য পরিশোধ করা অর্থ থেকে সর্বোচ্চ ৫১ ডলার পর্যন্ত ফেরত পেতে পারেন।   কারা রিফান্ড পাওয়ার যোগ্য হতে পারেন এফটিসির নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের অ্যামাজন প্রাইম গ্রাহক হতে হবে। ২৩ জুন ২০১৯ থেকে ২৩ জুন ২০২৫ সালের মধ্যে এফটিসির মামলায় চ্যালেঞ্জ করা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে প্রাইম সদস্যপদ নেওয়া অথবা ওই সময়ে অনলাইনে প্রাইম সদস্যপদ বাতিল করতে গিয়ে ব্যর্থ হওয়ার বিষয়টি যোগ্যতা নির্ধারণে বিবেচিত হবে।   চ্যালেঞ্জ করা পদ্ধতিগুলোর মধ্যে অ্যামাজনের প্রাইমে যোগ দেওয়ার সিদ্ধান্তসংক্রান্ত পৃষ্ঠা, পণ্য পাঠানোর পদ্ধতি নির্বাচনের পৃষ্ঠা, এক পাতার ক্রয় সম্পন্ন করার ব্যবস্থা এবং প্রাইম ভিডিওতে সদস্য হওয়ার প্রক্রিয়া রয়েছে।   তবে একজন গ্রাহক ঠিক কোন পদ্ধতিতে প্রাইমে যুক্ত হয়েছিলেন, সেটি তাকে নিজে খুঁজে বের করতে হবে না। অ্যামাজনের কাছে থাকা তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করা হবে।   ইতোমধ্যে অনেক গ্রাহক রিফান্ড পেয়েছেন অ্যামাজন ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বরে যোগ্য অনেক প্রাইম গ্রাহককে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত দিয়েছে। যারা সেই পর্যায়ে রিফান্ড পেয়েছেন, তাদের একই অর্থের জন্য নতুন করে দাবি জমা দেওয়ার প্রয়োজন নেই।   যেসব যোগ্য গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড পাননি, তাদের কাছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ই-মেইল অথবা ডাকযোগে ক্লেম করার নোটিশ পাঠানো শুরু হয়। ক্লেম জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।   ক্লেম জমা দেওয়ার সময় গ্রাহককে মূলত নিশ্চিত করতে হবে, সংশ্লিষ্ট সময়ে তিনি অনিচ্ছাকৃতভাবে প্রাইম সদস্যপদে যুক্ত হয়েছিলেন কি না অথবা অনলাইনে সদস্যপদ বাতিলের চেষ্টা করেও তা সম্পন্ন করতে পারেননি কি না।   ক্লেম যাচাইয়ের পর অনুমোদিত হলে একজন গ্রাহক প্রাইম সদস্যপদের জন্য পরিশোধ করা অর্থ থেকে সর্বোচ্চ ৫১ ডলার পর্যন্ত ফেরত পেতে পারেন। অনুমোদিত গ্রাহকেরা চেক, পেপ্যাল অথবা ভেনমোর মাধ্যমে অর্থ গ্রহণের সুযোগ পেতে পারেন।   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রাহকদেরও খোঁজ নেওয়া উচিত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা সংশ্লিষ্ট সময়ে অ্যামাজন প্রাইম ব্যবহার করেছেন, তাদেরও নিজের যোগ্যতা যাচাই করা উচিত। বিশেষ করে অ্যামাজন অথবা সমঝোতার অর্থ ফেরত কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এ সংক্রান্ত ই-মেইল বা চিঠি পেয়ে থাকলে সেটি ভালোভাবে পরীক্ষা করা জরুরি।   তবে ২.৫ বিলিয়ন ডলারের সমঝোতার কথা শুনে প্রত্যেক অ্যামাজন প্রাইম গ্রাহক রিফান্ড পাবেন, এমন নয়। কেবল সমঝোতায় নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকেরাই অর্থ ফেরত পাওয়ার যোগ্য হবেন।   রিফান্ডের নামে প্রতারণা থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফটিসি। সংস্থাটি জানিয়েছে, অ্যামাজনের এই রিফান্ড দেওয়ার কথা বলে এফটিসি কাউকে ফোন করছে না। রিফান্ড পেতে কোনো ধরনের ফি দেওয়ারও প্রয়োজন নেই। অর্থের বিনিময়ে কেউ নিশ্চিত রিফান্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সেটিকে প্রতারণার লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২৩:৪৯
নতুন গাড়ির দাম কমানোর লক্ষ্যে ‘ফ্রিডম মিনস অ্যাফোর্ডেবল কারস’ উদ্যোগ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
আমেরিকান নাগরিকদের জন্য কম দামে গাড়ির আনতে চান ট্রাম্পের মন্ত্রী,শুরু নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের জন্ নতুন গাড়ির দাম কমাতে এবং ক্রেতাদের পছন্দের স্বাধীনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে "ফ্রিডম মিনস অ্যাফোর্ডেবল কারস"  নামে নতুন একটি উদ্যোগের প্রস্তাব দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। ট্রাম্প প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে নতুন গাড়ির গড় দাম কমবে, গাড়ি কেনা সহজ হবে এবং দেশীয় অটোমোবাইল শিল্প আরও শক্তিশালী হবে।    প্রস্তাব অনুযায়ী, বাইডেন আমলে নির্ধারিত জ্বালানি-সাশ্রয়ী  মানদণ্ড শিথিল করা হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, আগের নিয়মগুলো এতটাই কঠোর ছিল যে নির্মাতারা কার্যত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে বাধ্য হচ্ছিল, ফলে নতুন গাড়ির দাম বেড়েছে এবং ক্রেতাদের বিকল্প কমে গেছে।    শন ডাফির ভাষ্য, নতুন নীতির ফলে গাড়ি নির্মাতারা বাজারের চাহিদা অনুযায়ী বেশি সংখ্যক পেট্রোল, হাইব্রিড বা অন্যান্য ধরনের গাড়ি তৈরি করতে পারবেন। এতে একটি নতুন গাড়ির গড় দাম প্রায় ১ হাজার ডলার পর্যন্ত কমতে পারে বলে ট্রাম্প প্রশাসনের দাবি। একই সঙ্গে তাদের হিসাব অনুযায়ী, আগামী পাঁচ বছরে মার্কিন ভোক্তারা সম্মিলিতভাবে প্রায় ১০৯ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারেন।    এই উদ্যোগের আরেকটি লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের অটোমোবাইল শিল্পে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানো। ট্রাম্প প্রশাসনের মতে, কম দামে নতুন গাড়ি কিনতে পারলে মানুষ পুরোনো গাড়ির পরিবর্তে আধুনিক ও নিরাপত্তা-সুবিধাসম্পন্ন গাড়ি ব্যবহার করবেন, যা সড়ক দুর্ঘটনায় হতাহতও কমাতে পারে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের  প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে ১,৫০০-এর বেশি প্রাণ রক্ষা এবং প্রায় আড়াই লাখ গুরুতর আহতের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারে।    তবে প্রস্তাবটি ঘিরে বিতর্কও শুরু হয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ, জ্বালানি-সাশ্রয়ী মানদণ্ড শিথিল করলে গাড়ির জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ বাড়বে। তাদের মতে, এতে দীর্ঘমেয়াদে ভোক্তাদের জ্বালানির পেছনে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে এবং জলবায়ুর ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।    অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের দাবি, এটি কোনো নির্দিষ্ট ধরনের গাড়ি চাপিয়ে দেওয়ার উদ্যোগ নয়; বরং ক্রেতাদের হাতে পছন্দের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা। প্রস্তাবটি এখন আনুষ্ঠানিক মতামত গ্রহণের পর্যায়ে রয়েছে। জনমত ও সংশ্লিষ্ট পক্ষের মতামত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২৩:৪০
আমদানি পুনঃপরিদর্শন ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় ৪,৩০০ পাউন্ড চিকেন নুডলস স্যুপ প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত
স্যুপে স্বাদ না থাকায় কানাডা থেকে আসা ৪,৩০০ পাউন্ড চিকেন নুডলস স্যুপ ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় ৪ হাজার ৩০০ পাউন্ড ক্যানজাত চিকেন নুডলস স্যুপ বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুড সেফটি অ্যান্ড ইনস্পেকশন সার্ভিস (FSIS)। কারণ, পণ্যগুলো বাধ্যতামূলক আমদানি পুনঃপরিদর্শন ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যা খাদ্য নিরাপত্তা বিধিমালার লঙ্ঘন।    এফএসআইএস জানিয়েছে, কানাডার কুইবেকভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান BCI Foods Inc. স্বেচ্ছায় এই রিকল কার্যক্রম শুরু করেছে। প্রত্যাহার করা পণ্যটি ১০ দশমিক ৫ আউন্সের “tasty KITCHEN Chicken Noodle Condensed Soup PRODUCT OF CANADA” নামে বিক্রি হচ্ছিল। এটি ৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে উৎপাদিত হয় এবং ক্যানে “Best By: 2028 FE 04”, লট কোড “5 9 2 26 035” ও কানাডার প্রতিষ্ঠান নম্বর “EST. 142” উল্লেখ রয়েছে।    সরকারি তথ্য অনুযায়ী, এই চালানটি ওকলাহোমার বিভিন্ন ফুড ব্যাংক ও খাদ্য বিতরণ কেন্দ্রে সরবরাহ করা হয়েছিল। প্রতিষ্ঠানটি নিজেই এফএসআইএসকে জানায় যে, পণ্যটি যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় প্রয়োজনীয় আমদানি পুনঃপরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়নি। এরপরই রিকলের সিদ্ধান্ত নেওয়া হয়।    এফএসআইএস বলেছে, এখন পর্যন্ত এই স্যুপ খেয়ে কেউ অসুস্থ হয়েছেন বা কোনো ধরনের স্বাস্থ্যগত ক্ষতির শিকার হয়েছেন—এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট পণ্য যাদের কাছে রয়েছে, তাদের এটি না খেয়ে ফেলে দেওয়া অথবা কেনা প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।    খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যাহার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তারা নিয়মিত নজরদারি চালাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব বিতরণকারী প্রতিষ্ঠানকে বাজার থেকে পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২৩:৩৪
অভিবাসন ও ভোটাধিকার নিয়ে ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
ঘৃণার রাজনীতি' ছড়াচ্ছে ট্রাম্প প্রশাসন, ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিস্ফোরক অভিযোগ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ, অভিবাসী, এলজিবিটিকিউ সম্প্রদায় এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব দুর্বল করতে ট্রাম্প প্রশাসন বিভাজনমূলক নীতি অনুসরণ করছে এমন অভিযোগ তুলেছেন ফ্লোরিডার ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা অ্যাঞ্জি নিক্সন। নিউজউইকে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি দাবি করেন, প্রশাসনের বক্তব্য ও কর্মকাণ্ড দেশজুড়ে অবিশ্বাস, বৈষম্য এবং সহিংসতার পরিবেশকে আরও উসকে দিচ্ছে।   তবে লেখাটি কোনো নিরপেক্ষ সংবাদ প্রতিবেদন নয়। নিউজউইক এটিকে স্পষ্টভাবে মতামত হিসেবে প্রকাশ করেছে এবং এতে উত্থাপিত বক্তব্য লেখকের নিজস্ব রাজনৈতিক মূল্যায়ন। নিবন্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়াও যুক্ত করা হয়নি। নিক্সনের বক্তব্যের প্রধান কেন্দ্রবিন্দু ছিল অভিবাসন নীতি। তার অভিযোগ, অভিবাসন আইন প্রয়োগের নামে বিভিন্ন জনগোষ্ঠীর যথাযথ আইনি প্রক্রিয়া, ব্যক্তিস্বাধীনতা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএসের আওতায় থাকা পরিবারগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি অনিশ্চয়তার কথা তুলে ধরেন তিনি।   টিপিএস হলো যুক্তরাষ্ট্রে অবস্থানরত নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য দেওয়া সাময়িক সুরক্ষা। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অস্বাভাবিক পরিস্থিতির কারণে নিজ দেশে নিরাপদে ফিরতে না পারা ব্যক্তিরা এর আওতায় নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অনুমতি পান। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে দাবি করেন নিক্সন।   সাম্প্রতিক কয়েকটি অভিবাসন অভিযান ও মৃত্যুর ঘটনাও মতামত নিবন্ধে উল্লেখ করেছেন এই আইনপ্রণেতা। তার মতে, এসব ঘটনা শুধু আইন প্রয়োগের প্রশ্ন নয়; বরং অভিবাসী পরিবারের নিরাপত্তা, জীবিকা এবং সমাজে তাদের অবস্থানের ওপরও গভীর প্রভাব ফেলছে। তবে উল্লিখিত প্রতিটি ঘটনার দায় ও পরিস্থিতি পৃথক তদন্তের বিষয়।   অভিবাসনের পাশাপাশি ভোটাধিকার ও নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিক্সন। তার অভিযোগ, রাজনৈতিক সুবিধা ধরে রাখতে এমনভাবে নির্বাচনী মানচিত্র তৈরি করা হচ্ছে, যাতে কৃষ্ণাঙ্গসহ কিছু জনগোষ্ঠীর ভোটের প্রভাব কমে যায়। তার ভাষ্য অনুযায়ী, এতে ভোটাররা প্রতিনিধি বেছে নেওয়ার পরিবর্তে ক্ষমতাসীনরাই কার্যত নিজেদের সুবিধামতো ভোটার বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।   ট্রাম্পের পাশাপাশি কংগ্রেসের সদস্যদেরও সমালোচনা করেছেন নিক্সন। তার মতে, সম্ভাব্য সরকারি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে শুধু বক্তব্য, চিঠি কিংবা আনুষ্ঠানিক প্রতিবাদ যথেষ্ট নয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের আরও কার্যকরভাবে নাগরিকদের অধিকার রক্ষায় এগিয়ে আসা প্রয়োজন। নিক্সনের অভিযোগ, কিছু আইনপ্রণেতা প্রশাসনের কর্মকাণ্ডকে সমর্থন করছেন, আবার কেউ আপত্তি জানালেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলছেন না। তার দৃষ্টিতে, এই নীরবতা বা নিষ্ক্রিয়তা বিতর্কিত কর্মকাণ্ডকে স্বাভাবিক করে তুলছে।   অন্যদিকে ট্রাম্প প্রশাসন ও তার সমর্থকেরা অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানকে আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তার অংশ হিসেবে তুলে ধরে আসছেন। ভোট ও নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের পক্ষেও নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং প্রচলিত আইন অনুসরণের যুক্তি দেওয়া হয়। তবে নিক্সনের মতামত নিবন্ধে এই পাল্টা অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি।   নিবন্ধের শেষাংশে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে আরও বেশি জবাবদিহি দাবি করার আহ্বান জানান নিক্সন। তার বক্তব্য, নেতারা যদি সত্যিই মনে করেন নাগরিকদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে, তাহলে শুধু উদ্বেগ প্রকাশ নয় সেই ক্ষতি ঠেকাতে দৃশ্যমান পদক্ষেপও নিতে হবে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২৩:২৮
দুই সপ্তাহে চালকদের ওপর দ্বিতীয় বন্দুক হামলার পর নিউইয়র্কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে আবারও গুলির শিকার বাংলাদেশি রাইডশেয়ার চালক, দুই সপ্তাহে চালকদের ওপর দ্বিতীয় বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারও বন্দুক হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি রাইডশেয়ার চালক। ব্রুকলিনে এক যাত্রীকে নামিয়ে দেওয়ার পর সামান্য সড়ক দুর্ঘটনার জেরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই অজ্ঞাত এক ব্যক্তি খুব কাছ থেকে তার মুখে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হলেও অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে দায়িত্ব পালনরত চালকদের ওপর এটি দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা।   পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর প্রায় ৪টার দিকে ব্রুকলিনের ফোর্ট গ্রিন এলাকার নর্থ পোর্টল্যান্ড অ্যাভিনিউয়ে ঘটনাটি ঘটে। ৫০ বছর বয়সী বাংলাদেশি অভিবাসী ও টিএলসি লাইসেন্সধারী চালক মোহাম্মদ আমিন একজন যাত্রীকে নামিয়ে দেওয়ার পর তার গাড়ির সঙ্গে একটি মেডিকেল পরিবহন ভ্যানের সামান্য সংঘর্ষ হয়। এরপর দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে ঘটনাস্থলে আরও কয়েকজন উপস্থিত হন।   তদন্তকারীদের ভাষ্য, সংঘর্ষে জড়িত কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক না থাকা এক ব্যক্তি পাশের হুইটম্যান হাউজেস আবাসন এলাকা থেকে বেরিয়ে এসে হঠাৎ চালকের জানালার কাছে গিয়ে তার ডান গালে গুলি করে। হামলার পরপরই ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আমিনকে দ্রুত নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।   নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্সের প্রতিষ্ঠাতা ফার্নান্দো মাতেও বলেন, মোহাম্মদ আমিন কোনো ঝগড়ায় জড়াননি। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণেই তিনি হামলার শিকার হন। সংগঠনটির তথ্য অনুযায়ী, কুইন্সের বাসিন্দা মোহাম্মদ আমিন গত ১৬ বছর ধরে নিউইয়র্কে গাড়ি চালিয়ে পরিবার চালিয়ে আসছেন। তার চিকিৎসা ও পরিবারের সহায়তার জন্য তহবিল সংগ্রহ শুরু হয়েছে। পাশাপাশি হামলাকারীকে শনাক্তে তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণার প্রস্তুতিও চলছে।   ঘটনার পর আবারও ট্যাক্সি ও রাইডশেয়ার চালকদের নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন ফার্নান্দো মাতেও। তিনি বলেন, নিউইয়র্কের প্রতিটি টিএলসি লাইসেন্সধারী ট্যাক্সি ও রাইডশেয়ার গাড়িতে বাধ্যতামূলকভাবে ক্যামেরা স্থাপন করা উচিত। এতে চালকদের ওপর হামলার ঘটনা ঘটলে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে।   এই হামলার মাত্র দুই সপ্তাহ আগে ব্রুকলিনেই আরেক চালক, পাকিস্তানি অভিবাসী ড্যানিশ সারওয়ার, ডাকাতির চেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ হন। তার ঘাড়ে গুলি লাগে এবং দীর্ঘ সময় তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরপর দুটি ঘটনায় নিউইয়র্কে ট্যাক্সি ও রাইডশেয়ার চালকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।   এদিকে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, হামলার কারণ এবং বন্দুকধারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। হামলাকারীর অবস্থান সম্পর্কে তথ্য থাকলে পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২৩:১৯
লস অ্যাঞ্জেলেসে গৃহহীন মানুষের সংখ্যা আবারও বাড়ার তথ্য প্রকাশ করেছে এলএএইচএসএ। ছবি: সংগৃহীত
আয় কম, খরচ বেশি, অর্থনৈতিক চাপে লস অ্যাঞ্জেলেসে আবার বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা, চাপে মেয়র

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে টানা দুই বছর কমার পর আবারও বেড়েছে গৃহহীন মানুষের সংখ্যা। নতুন এই পরিসংখ্যান শহরের মেয়র ক্যারেন ব্যাসের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ আসন্ন পুনর্নির্বাচনে গৃহহীনতা কমানোর প্রতিশ্রুতিকেই তিনি তার অন্যতম প্রধান সাফল্য হিসেবে তুলে ধরছেন।    লস অ্যাঞ্জেলেস হোমলেস সার্ভিসেস অথরিটির  চলতি বছরের বার্ষিক গণনা অনুযায়ী, শহরে মোট গৃহহীন মানুষের সংখ্যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে রাস্তায়, ফুটপাতে বা নিজস্ব গাড়িতে বসবাসকারী মানুষের সংখ্যা, যা এক বছরে ৭ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেস শহরে প্রায় ৪৫ হাজার ১৯৪ জন গৃহহীন মানুষ রয়েছেন।    মেয়র ক্যারেন ব্যাস এক বিবৃতিতে বলেন, অঙ্গরাজ্য ও ফেডারেল সরকারের অর্থায়ন কমে যাওয়া, মানসিক স্বাস্থ্যসেবা এবং মাদকাসক্তি নিরাময় সেবার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে তার দাবি, ২০২৩ সালের তুলনায় শহরে রাস্তায় বসবাসকারী মানুষের সংখ্যা এখনো প্রায় ১১ শতাংশ কম এবং তার প্রশাসন এক হাজারের বেশি গৃহহীন সাবেক সেনাসদস্যকে আবাসনের ব্যবস্থা করে দিয়েছে।   অন্যদিকে সমালোচকরা বলছেন, শহরের বর্তমান কৌশল স্থায়ী সমাধান দিতে পারছে না। মেয়রের বহুল আলোচিত ‘ইনসাইড সেফ’ কর্মসূচির আওতায় হাজারো মানুষকে অস্থায়ী আশ্রয়ে নেওয়া হলেও, LAHSA-এর পৃথক তথ্য অনুযায়ী মে মাসের শেষ নাগাদ তাদের প্রায় ৪১ শতাংশ আবারও গৃহহীন অবস্থায় ফিরে গেছেন।    সিটি কাউন্সিল সদস্য নিথ্যা রামান, যিনি মেয়র নির্বাচনে ক্যারেন ব্যাসের প্রতিদ্বন্দ্বী, বলেছেন এই ফলাফল হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়। তার অভিযোগ, সিটি হলের বর্তমান নীতিতে মানুষকে স্থায়ী আবাসনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়নি।    গৃহহীনতা মোকাবিলা ছিল ক্যারেন ব্যাসের প্রথম মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নতুন এই পরিসংখ্যান সেই দাবিকে দুর্বল করে দিতে পারে এবং নভেম্বরের নির্বাচনে তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সময়ে LAHSA-ও ফেডারেল অর্থায়ন নিয়ে আইনি জটিলতার মুখোমুখি হওয়ায় গৃহহীনতা মোকাবিলার ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২৩:৭
সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তির বিষয়ে নতুন শর্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঠিক করার সময় হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়া হবে না। তার ভাষায়, সৌদি আরবকে অবশ্যই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডস-এ যোগ দিতে হবে।   শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সৌদি আরবের এখন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার সময় এসেছে। তিনি দাবি করেন, এই শর্ত নতুন নয়; বরং শুরু থেকেই এটি দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার অংশ ছিল। এর আগে বুধবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করে। চুক্তির আওতায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সহায়তায় বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে। চুক্তিটি এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে।   তবে চুক্তি স্বাক্ষরের একদিন পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে, তাহলে এই পরমাণু চুক্তি কার্যকর হবে না। তিনি আরও বলেন, এই কর্মসূচি শুধু শান্তিপূর্ণ বেসামরিক ব্যবহারের জন্য হবে এবং এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। শুক্রবারও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরের আগে তিনি জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে আলাদা করে আলোচনা করেননি। তবে তার দাবি, সৌদি আরব এবং সংশ্লিষ্ট সবাই জানত যে সম্পর্ক স্বাভাবিক করাই চুক্তির অন্যতম শর্ত।   এদিকে ট্রাম্পের নতুন শর্তের বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রিয়াদ দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। এই অবস্থান সৌদি আরব একাধিকবার প্রকাশ্যে পুনর্ব্যক্ত করেছে। আব্রাহাম অ্যাকর্ডস ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি কূটনৈতিক উদ্যোগ, যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে এই উদ্যোগে যুক্ত করার চেষ্টা করছে।   হোয়াইট হাউসের মতে, যুক্তরাষ্ট্র-সৌদি বেসামরিক পারমাণবিক সহযোগিতা কয়েক দশকব্যাপী অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে সমালোচকদের একাংশের আশঙ্কা, এই ধরনের চুক্তি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। তবে মার্কিন প্রশাসন জোর দিয়ে বলছে, চুক্তিটি কেবল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য এবং এটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২২:৫৭
৬০টি বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত
ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে পোশাক-গাড়িসহ ৫ খাতে দাম বাড়তে পারে রকেটের মতো

যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক ডজন বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক কার্যকর করায় পোশাক, ইলেকট্রনিকস, খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী ও গাড়িসহ অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে ভোক্তাদের খরচ বাড়তে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকেরা।   নতুন ব্যবস্থায় ৬০টি দেশের আমদানি পণ্যের ওপর সাধারণভাবে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য ঠেকানোর যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সমালোচকদের আশঙ্কা, বিদেশি রপ্তানিকারকেরা নয়, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আমদানিকারক প্রতিষ্ঠান এবং সাধারণ ক্রেতাদেরই এই বাড়তি ব্যয়ের বড় অংশ বহন করতে হতে পারে।   সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পোশাক ও বস্ত্রপণ্যে। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বিপুল পরিমাণ জামাকাপড়, জুতা ও কাপড়জাত পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়। যেসব উৎপাদনকারী দেশ নতুন শুল্কের আওতায় পড়েছে, সেসব দেশ থেকে পণ্য আনার খরচ বাড়লে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারেন।   ইলেকট্রনিকস খাতেও একই ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। স্মার্টফোন, কম্পিউটার, টেলিভিশন এবং বিভিন্ন গৃহস্থালি যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত পণ্য ও যন্ত্রাংশের বড় অংশ চীন, মেক্সিকোসহ বিভিন্ন দেশ থেকে আসে। ফলে সরবরাহ ব্যবস্থার একাধিক ধাপে শুল্ক যুক্ত হলে নতুন ডিভাইস কেনা কিংবা পুরোনো যন্ত্র মেরামতের খরচও বাড়তে পারে।   খাদ্য ও পানীয়ের বাজারেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে ব্রাজিল থেকে আমদানি করা কফি এবং কানাডাসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রক্রিয়াজাত খাবার ও পানীয়ের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে জ্বালানি, সার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্য ও কৃষিপণ্য নতুন শুল্কের বাইরে রাখা হয়েছে। ফলে সব পণ্যের দাম একই হারে বাড়বে না।   বাড়িঘর নির্মাণ ও সংস্কারের ব্যয়ও আরও বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত কাঠ, ধাতব সামগ্রী, আসবাব, বৈদ্যুতিক উপকরণ এবং অন্যান্য নির্মাণপণ্যের উল্লেখযোগ্য অংশ বিদেশ থেকে আসে। এসব পণ্যের দাম বাড়লে নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি রান্নাঘর, বাথরুম কিংবা পুরোনো বাড়ি সংস্কারের খরচও বাড়তে পারে।   গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের বাজারেও বাড়তি চাপের আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের গাড়িশিল্প কানাডা ও মেক্সিকোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। একটি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সীমান্ত পেরিয়ে একাধিকবার যাতায়াত করতে পারে। প্রতিটি ধাপে বাড়তি ব্যয় যুক্ত হলে নতুন ও ব্যবহৃত গাড়ির দাম, যন্ত্রাংশ এবং মেরামতের খরচেও তার প্রভাব পড়তে পারে।   এর পাশাপাশি কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের ওপর আলাদাভাবে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে। কানাডা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার হওয়ায় দেশটি থেকে আসা পণ্যের দাম বাড়লে মার্কিন বাজারের বেশ কয়েকটি খাতে সরাসরি প্রভাব পড়তে পারে।   ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন শুল্ক বিদেশি দেশগুলোকে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উৎসাহিত করবে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদনকে শক্তিশালী করবে। তবে ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদেরা বলছেন, দেশীয় উৎপাদন বাড়তে সময় লাগে; এর আগেই আমদানিকারকেরা বাড়তি ব্যয় পণ্যের দামের সঙ্গে যুক্ত করতে পারেন।   তবে শুল্ক কার্যকর হওয়া মানেই সব পণ্যের দাম তাৎক্ষণিকভাবে একই মাত্রায় বেড়ে যাবে, এমন নয়। কোনো প্রতিষ্ঠান বাড়তি খরচের কতটা নিজে বহন করবে, কতটা ক্রেতার ওপর চাপাবে এবং বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহ করতে পারবে কি না, তার ওপর প্রকৃত মূল্যবৃদ্ধি নির্ভর করবে। এরপরও এমন সময়ে নতুন শুল্ক কার্যকর হলো, যখন খাবার, জ্বালানি ও আবাসন ব্যয় নিয়ে আগে থেকেই চাপে রয়েছে বহু মার্কিন পরিবার।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২২:৪৯
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ইহুদি কর্মীদের তথ্য চাওয়ার সমন প্রত্যাহার করেছে ইইওসি। ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের ইহুদি কর্মীদের তথ্য চেয়ে চাপে ট্রাম্প প্রশাসন, শেষ পর্যন্ত দাবি প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় (পেন)-এর ইহুদি কর্মীদের নাম ও ব্যক্তিগত যোগাযোগের তথ্য চাওয়ার বিতর্কিত দাবি প্রত্যাহার করেছে। আদালতে দাখিল করা নতুন নথিতে এ তথ্য জানানো হয়েছে। তবে প্রশাসন স্পষ্ট করেছে, বিশ্ববিদ্যালয়ে ইহুদিবিদ্বেষের অভিযোগ নিয়ে চলমান ফেডারেল তদন্ত বন্ধ হচ্ছে না; কেবল বিতর্কিত সমনটি আর কার্যকর করা হবে না।    মামলাটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের সমান কর্মসংস্থান সুযোগ কমিশন (ইইওসি)। সংস্থাটি আগে পেন বিশ্ববিদ্যালয়কে ইহুদি কর্মীদের নাম, যোগাযোগের তথ্য এবং কিছু ইহুদি-সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের তথ্য দিতে নির্দেশ দিয়েছিল। বিশ্ববিদ্যালয় ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা তুলে সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে আপিল করে।    নতুন সমঝোতা অনুযায়ী, ইইওসি ওই সমন আর কার্যকর করবে না। এর বিনিময়ে পেন বিশ্ববিদ্যালয়ও আদালতে করা আপিল প্রত্যাহার করবে। বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, তাদের কোনো কর্মীর ব্যক্তিগত যোগাযোগের তথ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়নি এবং তারা কর্মীদের অধিকার রক্ষা করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ইহুদিবিদ্বেষসহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছে।    এই বিরোধের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষের অভিযোগ তদন্তকে কেন্দ্র করে। ফেডারেল কর্তৃপক্ষের দাবি ছিল, সম্ভাব্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এসব তথ্য প্রয়োজন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন যুক্তি দেয়, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কর্মীদের তালিকা চাওয়া ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকারের জন্য উদ্বেগজনক নজির তৈরি করতে পারে।    এর আগে এক ফেডারেল বিচারক বিশ্ববিদ্যালয়কে তথ্য দিতে নির্দেশ দিলেও আপিলের সুযোগ দিতে সেই আদেশ সাময়িক স্থগিত করেছিলেন। সর্বশেষ সমঝোতার ফলে সেই আইনি বিরোধের অবসান ঘটলেও, পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিবিদ্বেষের অভিযোগ নিয়ে ইইওসির মূল তদন্ত এখনও চলমান রয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনে সংস্থাটি অন্য আইনি পদক্ষেপ নিতে পারে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২২:২০
পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে এক হেয়ারস্টাইলিস্টকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
চুলের স্টাইল পছন্দ না হওয়ায় ক্ষোভে গ্রাহকের পরিবারকে পেপার স্প্রে! গ্রেপ্তার হেয়ারস্টাইলিস্ট

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে এক হেয়ারস্টাইলিস্টের বিরুদ্ধে নিজের গ্রাহক ও তার বাবা-মায়ের ওপর পেপার স্প্রে ছোড়ার অভিযোগ উঠেছে। পারিবারিক উপস্থিতিতে শুরু হওয়া একটি তর্ক মুহূর্তেই সহিংসতায় রূপ নিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।   ডেলাওয়্যার স্টেট পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার উইলমিংটনের একটি হেয়ার সেলুনে এ ঘটনা ঘটে। তদন্তে জানা গেছে, চুলের স্টাইলিং নিয়ে গ্রাহক ও হেয়ারস্টাইলিস্টের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে গ্রাহকের বাবা-মাও ওই বিরোধে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত হেয়ারস্টাইলিস্ট গ্রাহক এবং তার বাবা-মায়ের দিকে পেপার স্প্রে নিক্ষেপ করেন।    ঘটনার পর ভুক্তভোগীরা চোখে জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের মতো সমস্যায় ভোগেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই হেয়ারস্টাইলিস্টকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।    পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কী কারণে বিরোধের সূত্রপাত হয়েছিল এবং ঘটনার সময় সেলুনে উপস্থিত অন্যদের কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনের দৃষ্টিতে নির্দোষ বলে গণ্য হবেন।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২২:৭
আইফোন ১৭ প্রো কিনতে বিভিন্ন দেশে প্রয়োজনীয় কর্মদিবসের হিসাবে বড় বৈষম্য উঠে এসেছে নতুন সূচকে। ছবি: সংগৃহীত
আইফোন ১৭ প্রো কিনতে সুইজারল্যান্ডে ৩ দিন! কোথাও ৫৪০ দিনের আয়ের প্রয়োজন

বিশ্বজুড়ে অ্যাপলের আইফোন ১৭ প্রোর দাম খুব বেশি পরিবর্তিত না হলেও, সেটি কিনতে একজন সাধারণ মানুষকে কত দিন কাজ করতে হয় সেই হিসাবই তুলে ধরছে বৈশ্বিক আয়ের বৈষম্যের এক ভিন্ন বাস্তবতা। নতুন ‘আইফোন অ্যাফোর্ডেবিলিটি ইনডেক্স’ অনুযায়ী, সুইজারল্যান্ডের একজন কর্মীর যেখানে একটি আইফোন ১৭ প্রো কিনতে মাত্র ৩ দিনের আয় যথেষ্ট, সেখানে ভারতের একজন কর্মীকে কাজ করতে হয় ১৬০ দিন। আর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ক্ষেত্রে সেই সময় বেড়ে দাঁড়ায় প্রায় ৫৪০ দিন।    সূচকটি তৈরি করা হয়েছে আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি) মডেলের দাম এবং বিভিন্ন দেশের গড় দৈনিক আয়ের তুলনা করে। অর্থাৎ, একজন গড় আয়ের কর্মীকে ফোনটি কিনতে কত দিনের পূর্ণ কর্মদিবসের আয় প্রয়োজন সেই হিসাবই এখানে তুলে ধরা হয়েছে।    তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গ। এই দুই দেশের কর্মীরা মাত্র ৩ দিনের আয়ে ফোনটি কিনতে পারেন। যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়েতে প্রয়োজন হয় ৪ দিনের আয়। অন্যদিকে, ফিলিপাইনে ১০১ দিন, ভিয়েতনামে ৯৯ দিন, তুরস্কে ৮৯ দিন এবং ব্রাজিলে ৭৭ দিনের সমপরিমাণ আয় প্রয়োজন হয় একই ফোন কিনতে। ভারতের অবস্থান সবচেয়ে নিচের দিকের দেশগুলোর মধ্যে, যেখানে প্রয়োজন ১৬০ দিনের আয়।    বিশ্লেষকদের মতে, এই পার্থক্যের মূল কারণ শুধু ফোনের দাম নয়; বরং প্রতিটি দেশের গড় আয়, ক্রয়ক্ষমতা, করব্যবস্থা এবং স্থানীয় বাজারের মূল্য কাঠামো। ফলে একই পণ্যের দাম প্রায় কাছাকাছি হলেও মানুষের কাছে সেটি কতটা নাগালের মধ্যে থাকবে, তা নির্ধারণ করে তাদের আয় ও অর্থনৈতিক বাস্তবতা।    বিশেষজ্ঞদের ভাষ্য, এই ধরনের সূচক কেবল একটি স্মার্টফোন কেনার সক্ষমতা নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনমান, মজুরি এবং অর্থনৈতিক বৈষম্যের একটি সহজ ও বাস্তব চিত্রও তুলে ধরে। তাই অনেকের কাছে আইফোন এখন শুধু প্রযুক্তিপণ্য নয়, বরং বৈশ্বিক আয়ের বৈষম্য পরিমাপের এক প্রতীকী মানদণ্ডে পরিণত হয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২১:৫৬