সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
অ্যান্টিট্রাস্ট মামলার সমঝোতার আওতায় ১০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষতিপূরণ বিতরণ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ১০ অভিজাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে আজ থেকে জমা হচ্ছে গড়ে ২ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের ১০টি অভিজাত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক হাজারো শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে আজ, ২০ জুলাই থেকে ক্ষতিপূরণের অর্থ জমা পড়তে শুরু করেছে। ২৮৪ মিলিয়ন ডলারের একটি সমঝোতা তহবিল থেকে যোগ্য শিক্ষার্থীদের গড়ে প্রায় ২ হাজার ডলার করে দেওয়া হচ্ছে। তবে ব্যক্তিভেদে এই অর্থের পরিমাণ কম বা বেশি হতে পারে।   এই অর্থ বিতরণ হচ্ছে ২০২২ সালে দায়ের করা একটি অ্যান্টিট্রাস্ট মামলার নিষ্পত্তির অংশ হিসেবে। মামলায় অভিযোগ করা হয়, কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা (Need-based Financial Aid) নির্ধারণে একে অপরের সঙ্গে সমন্বয় করে প্রতিযোগিতা সীমিত করেছে। এর ফলে বহু শিক্ষার্থী তাদের প্রাপ্য আর্থিক সহায়তার চেয়ে কম সহায়তা পেয়েছেন এবং টিউশন, আবাসন ও অন্যান্য শিক্ষা ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে।   যদিও অভিযুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কোনো ধরনের অনিয়মের অভিযোগ স্বীকার করেনি, দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়াতে তারা মোট ২৮৪ মিলিয়ন ডলারের সমঝোতায় রাজি হয়।   এই সমঝোতার আওতায় রয়েছে ব্রাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব শিকাগো, কলাম্বিয়া ইউনিভার্সিটি, ডার্টমাউথ কলেজ, ডিউক ইউনিভার্সিটি, এমোরি ইউনিভার্সিটি, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি, রাইস ইউনিভার্সিটি এবং ইয়েল ইউনিভার্সিটি।   সমঝোতা চুক্তি অনুযায়ী, যারা এসব বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতক (Undergraduate) শিক্ষার্থী ছিলেন, প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা পেয়েছিলেন এবং সেই সহায়তা তাদের টিউশন ও থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করেনি, তারাই ক্ষতিপূরণের জন্য যোগ্য।   ক্ষতিপূরণের অর্থ পাঠানো হচ্ছে এএইচসি (ACH) ব্যাংক ট্রান্সফার, পেপ্যাল, জেল (Zelle) এবং ভেনমো (Venmo)-এর মাধ্যমে। আর যারা কাগজের চেক গ্রহণের বিকল্প বেছে নিয়েছেন, তাদের কাছে ২৪ জুলাইয়ের মধ্যে ডাকযোগে চেক পৌঁছানোর কথা।   মামলাটি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থায় আর্থিক সহায়তা নির্ধারণের স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত আইনি লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। একই ধরনের অভিযোগে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পৃথক আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ২১:৪৮
অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয়ের অভিযোগে গ্রেপ্তার স্টিফেন হাকিম। ছবি: সংগৃহীত
ডেটিং অ্যাপে পরিচয়ের পর ধর্ষণের অভিযোগ, ফ্লোরিডার যুবকের আরও ভুক্তভোগী থাকতে পারে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জনপ্রিয় অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় করে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবকের আরও ভুক্তভোগী থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ কারণে যেসব নারী তার সঙ্গে কখনও যোগাযোগ বা সাক্ষাৎ করেছেন, তাদের সামনে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর।   পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর গত ১৪ জুলাই এক বিবৃতিতে জানায়, তদন্তকারীদের ধারণা, অভিযুক্ত ব্যক্তি অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও নারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাই সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের শনাক্ত করতে বিশেষ ভিকটিমস ইউনিট জনসাধারণের সহযোগিতা চাচ্ছে।   তদন্ত নথি অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে একটি ফ্লোরিডার হাসপাতালে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শুরু হয়। অভিযোগকারী নারী পুলিশকে জানান, তিনি হিঞ্জ (Hinge) ডেটিং অ্যাপের মাধ্যমে স্টিফেন হাকিম নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। পরে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের সঙ্গে অভিযুক্তের ডিএনএ মিল খুঁজে পান। একই সঙ্গে ভুক্তভোগীর রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষায় একাধিক ঘুমের ওষুধের উপাদান শনাক্ত হয়। ওই নারী পুলিশকে জানান, তিনি এসব ওষুধ স্বেচ্ছায় গ্রহণ করেননি।   ডেলরে বিচের বাসিন্দা ২৭ বছর বয়সী স্টিফেন হাকিমকে গত ৮ জুলাই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। পরদিন ২৫ হাজার ডলারের বন্ডে তিনি মুক্তি পান। আদালতে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন। আদালতের নথি অনুযায়ী, হিঞ্জে পরিচয়ের পর প্রায় এক ঘণ্টা অ্যাপের মাধ্যমে কথোপকথন করেন দুজন। পরে তারা মোবাইল ফোনে বার্তা আদান-প্রদান এবং ভিডিও কলে কথা বলেন। সেদিন রাতেই তারা দেখা করার সিদ্ধান্ত নেন। অভিযোগকারী নারীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত তাকে রাত ১১টার দিকে গাড়িতে তুলে একটি বারে যাওয়ার কথা বললেও পরিবর্তে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যান।   ভুক্তভোগী জানান, সেখানে তারা কয়েকটি বিয়ার পান করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। একপর্যায়ে অভিযুক্ত তাকে ম্যাসাজের প্রস্তাব দেন। এরপর তিনি হঠাৎ অস্বাভাবিকভাবে ঘুমঘুম অনুভব করতে থাকেন এবং নিজের শরীর নাড়াতে পারছিলেন না। পরে তার ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে, স্টিফেন হাকিমের আইনজীবী বিভিন্ন মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তার মক্কেল অভিযোগে বর্ণিত সম্মতিবিহীন কোনো কাজ করেছেন, এমন দাবি তিনি প্রত্যাখ্যান করছেন।   এদিকে, ঘটনাটিকে সামনে এনে অনলাইন ডেটিংয়ের নিরাপত্তা নিয়েও সতর্ক করেছেন যৌন সহিংসতা প্রতিরোধে কাজ করা মার্কিন সংগঠন রেপ, অ্যাবিউজ অ্যান্ড ইনসেস্ট ন্যাশনাল নেটওয়ার্ক (RAINN)-এর ভিকটিম সার্ভিসেস বিভাগের প্রধান মেগান কাটার। তিনি বলেন, অনলাইন ডেটিং অ্যাপ স্বভাবগতভাবে বিপজ্জনক নয়। লাখো মানুষ এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সুস্থ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলছেন। তবে অপরাধীরা কখনও কখনও একই প্ল্যাটফর্মকে অপব্যবহার করে অপরাধ সংঘটিত করে থাকে।   মেগান কাটারের পরামর্শ, নতুন পরিচয়ের ক্ষেত্রে যেসব প্রোফাইলে পর্যাপ্ত তথ্য নেই, সামাজিক যোগাযোগমাধ্যমের সংযোগ নেই বা খুব দ্রুত অ্যাপের বাইরে ফোন নম্বর কিংবা ব্যক্তিগত যোগাযোগে যেতে চায়, সেসব ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। কারণ একবার ব্যক্তিগত তথ্য হাতে পেলে অপরাধীরা সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য উপায়ে আরও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে।   তিনি আরও বলেন, ডেটিং প্রোফাইলে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত একই ছবি ব্যবহার না করাই ভালো। কারণ রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সহজেই ব্যক্তির পরিচয় ও অন্যান্য তথ্য খুঁজে বের করা সম্ভব। এছাড়া ছবির মেটাডেটা মুছে দিয়ে আপলোড করলে অবস্থানসহ কিছু ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যায়।   পিউ রিসার্চ সেন্টারের ২০২৩ সালের এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় ৫৩ শতাংশ জীবনের কোনো না কোনো সময় অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন। এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় সচেতনতা ও ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।   সূত্র: ফক্স নিউজ, পাম বিচ কাউন্টি শেরিফস অফিস।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ২১:৩৬
যানবাহন তল্লাশি অভিযানে অংশ নেওয়া আইসিই কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা বাধ্যতামূলক করা হচ্ছে। ছবি: সংগৃহীত
যানবাহন তল্লাশিতে এবার বাধ্যতামূলক বডি ক্যামেরা পরবেন আইসিই কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর কর্মকর্তাদের জন্য যানবাহন থামিয়ে পরিচালিত অভিযানে অন্তত একজন কর্মকর্তার বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তির প্রাণহানির ঘটনাকে ঘিরে ব্যাপক বিতর্কের পর ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।   রোববার (২০ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকএন্ড’ অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের সীমান্তবিষয়ক প্রধান কর্মকর্তা টম হোম্যান বলেন, বডি ক্যামেরা শুধু জবাবদিহি নিশ্চিত করে না, অনেক ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও যাচাই করতে সহায়তা করে।   তার ভাষায়, “বডি ক্যামেরা অনেক বেশি সংখ্যক কর্মকর্তাকে অভিযোগ থেকে মুক্ত প্রমাণ করে, দোষী সাব্যস্ত করার চেয়ে। আমি চাই আমেরিকান জনগণ নিজের চোখে দেখুক, কোনো পদক্ষেপ নেওয়ার সময় কর্মকর্তারা কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।” হোম্যানের এই ঘোষণা আসে চলতি মাসে টেক্সাস ও মেইন অঙ্গরাজ্যে আইসিই কর্মকর্তাদের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনার পর। দুটি ঘটনাই যানবাহন থামিয়ে পরিচালিত অভিযানের সময় ঘটে। তবে ওই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের কারও কাছেই বডি ক্যামেরা ছিল না। ফলে কী পরিস্থিতিতে গুলি চালানো হয়েছিল, তার কোনো ভিডিওচিত্র পাওয়া যায়নি।   ১৩ জুলাই মেইনের উপকূলীয় শহর বিডেফোর্ডে এক কলম্বিয়ান নাগরিক গুলিতে নিহত হন। এর ছয় দিন আগে টেক্সাসের হিউস্টনে আরেক অভিযানে এক মেক্সিকান নাগরিক প্রাণ হারান। পরপর দুটি ঘটনার পর আইসিইর অভিযান পদ্ধতি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয় এবং মেইন, হিউস্টন ও বোস্টনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বডি ক্যামেরা না থাকার বিষয়টিও নতুন করে আলোচনায় আসে।   একই দিন সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে হোম্যান জানান, চলতি বছরের শুরুতে আংশিক সরকারি অচলাবস্থার কারণে বডি ক্যামেরা কর্মসূচির অর্থায়ন বিলম্বিত হয়েছিল। তবে এখন ক্যামেরাগুলো কেনা হয়েছে এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খুব শিগগিরই দেশজুড়ে আইসিই কর্মকর্তাদের কাছে এসব ক্যামেরা সরবরাহ করা হবে। দুটি প্রাণঘাতী ঘটনার পর গত সপ্তাহে হোম্যান জানিয়েছিলেন, যানবাহন থামিয়ে পরিচালিত অধিকাংশ অভিযান সাময়িকভাবে স্থগিত রেখে কার্যক্রম পর্যালোচনা করা হবে। তবে তার সেই ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের পুনরায় এসব অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর দেশজুড়ে যানবাহন তল্লাশি আবার শুরু হয়।   আইসিই প্রথম ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে বডি ক্যামেরা ব্যবহার শুরু করে। সে সময় বাল্টিমোর, বাফেলো, ডেট্রয়েট, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসিতে সীমিত পরিসরে কর্মকর্তাদের কাছে বডি ক্যামেরা সরবরাহ করা হয়। তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পরে ট্রাম্প প্রশাসন এই কর্মসূচির গতি কমিয়ে দেয় এবং কংগ্রেসের কাছে এর জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাবও দেয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনেসোটায় অভিবাসন অভিযান চলাকালে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম জানান, পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আইসিইর সব কর্মকর্তার জন্য ধাপে ধাপে বডি ক্যামেরা চালু করা হবে।   রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান শুরু হয়। এরপর থেকে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি, শক্তি প্রয়োগের নীতি এবং বডি ক্যামেরার ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   সূত্র: রয়টার্স।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ২১:২৬
নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ছবি: সংগৃহীত
নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এলে গ্রেপ্তার করা হবে না, স্পষ্ট জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সম্ভাব্য আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করার পর ট্রাম্পের এই বক্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।   সোমবার (২০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, "বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।" পোস্টে তিনি সরাসরি জোহরান মামদানির নাম উল্লেখ করেননি। তবে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ইসরায়েলের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, যাদের গ্রেপ্তার করা উচিত তারা হলো এই সংঘাতকে উসকে দিয়েছে এমন ব্যক্তিরা।   বিতর্কের সূত্রপাত হয় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির এক মন্তব্যকে ঘিরে। নিউইয়র্ক টাইমসের ভিডিও পডকাস্ট দ্য ইন্টারভিউ-তে তিনি বলেন, তার প্রশাসনের আইন বিভাগ সক্রিয়ভাবে পর্যালোচনা করছে, আইনের আওতায় নেতানিয়াহু নিউইয়র্কে এলে কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব। মামদানি বলেন, "আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং আমি তাকে একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত ব্যক্তি হিসেবে দেখি।" তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, যেকোনো পদক্ষেপই আইনগত সীমার মধ্যেই নেওয়া হবে।   আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল শুরু থেকেই আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রও আইসিসির সদস্য নয় এবং আদালতের এখতিয়ার স্বীকার করে না। মামদানির মন্তব্যের জবাবে ইসরায়েল সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে আইসিসিকে "সাজানো আদালত" বলে আখ্যা দেয় এবং গ্রেপ্তারি পরোয়ানাকে ভিত্তিহীন দাবি করে। একই সঙ্গে তারা অভিযোগ করে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি রাজনৈতিক উদ্দেশ্যে ইসরায়েল ও এর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।   প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপটেই তাকে ঘিরে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও বিদেশি রাষ্ট্রনেতাদের নিরাপত্তার বিষয়টি মূলত ফেডারেল সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। তাই নিউইয়র্ক সিটির পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ বাস্তবে নেওয়া হবে কি না, তা নিয়ে আইনি প্রশ্নও রয়েছে।   উল্লেখ্য, গত বছরের নির্বাচনে জয়ের পর জোহরান মামদানি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল। যদিও নির্বাচনী প্রচারণার সময় তারা একে অপরের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছিলেন। সাম্প্রতিক এই ইস্যুতে দুই পক্ষের অবস্থান আবারও স্পষ্টভাবে সামনে এসেছে।   সূত্র: রয়টার্স।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ২১:১৫
ওহাইওর সিওটো নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবা কর্মীরা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নদীতে ডুবন্ত সাঁতারুকে বাঁচাতে গিয়ে ৫ জনের মৃত্যু, এতিম হলো দুই শিশু

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ডুবন্ত এক সাঁতারুকে উদ্ধার করতে গিয়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) ডেলাওয়্যার কাউন্টির সিওটো (Scioto) নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় ১০ বছরের কম বয়সী দুই শিশু তাদের অভিভাবকদের হারিয়ে বর্তমানে পারিবারিক সেবা সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।   ডেলাওয়্যার কাউন্টির শেরিফ জেফরি বালজার সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ছুটির দিন উপলক্ষে কলম্বাস শহরের উপশহর পাওয়েলের কাছে সিওটো নদীর তীরে একটি দল সময় কাটাতে জড়ো হয়েছিল। তাদের মধ্যে একজন নদীতে সাঁতার কাটতে নামার পর প্রবল স্রোতে বিপদে পড়েন। তাকে উদ্ধার করতে দলের অন্য সদস্যরা একে একে নদীতে ঝাঁপ দেন। কিন্তু উদ্ধার করতে গিয়ে তারাও পানির স্রোতে আটকা পড়েন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।   ঘটনার সময় সঙ্গে থাকা একটি ছোট শিশু আতঙ্কিত হয়ে কাছের সড়কের দিকে দৌড়ে গিয়ে সাহায্য চাইতে থাকে। ওই পথ দিয়ে যাওয়া এক গাড়িচালক শিশুটিকে উদ্বিগ্ন অবস্থায় দেখে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। উদ্ধারকারী সদস্যরা রোববার রাতেই নদী থেকে দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা সেখানে তাদের মৃত ঘোষণা করেন। এরপর সোমবার সারাদিনের অনুসন্ধান শেষে নদী থেকে আরও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ডেলাওয়্যার কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ট্রেসি হোয়াইটড।   কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা ১০ বছরের কম বয়সী দুই শিশুকে বর্তমানে পারিবারিক সেবা সংস্থার নিরাপদ তত্ত্বাবধানে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের কাজও চলছিল। কিছু ভাষাগত জটিলতার কারণে পরিচয় নিশ্চিত করতে তদন্তকারীদের অতিরিক্ত সময় লাগছে বলেও জানানো হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় নদীর পানির স্রোত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, কয়েক দিনের বৃষ্টির কারণে ওই এলাকায় নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা সাঁতার কাটাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছিল।   ঘটনার পর শেরিফ জেফরি বালজার সবাইকে নদী বা হ্রদে নামার আগে নিজের সাঁতারের সক্ষমতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, পানিতে নামার আগে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া, প্রয়োজনে লাইফ জ্যাকেট ব্যবহার করা এবং জরুরি অবস্থায় দ্রুত সহায়তা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।   উল্লেখ্য, এই দুর্ঘটনার মাত্র দুই দিন আগে দক্ষিণ ইউটাহ অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় হাইকিং করতে গিয়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার শোক কাটতে না কাটতেই ওহাইওর এই ট্র্যাজেডি যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে শোকের আবহ তৈরি করেছে।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য গার্ডিয়ান।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ২১:৩
মূল্য, পণ্যের বৈচিত্র্য এবং কেনাকাটার সুবিধা বিবেচনায় হোলসেল ক্লাব নির্বাচন করা উচিত বলে মনে করছেন ভোক্তা বিশ্লেষকেরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশি মুসলিম পরিবারের জন্য কোনটি সেরা? স্যামস ক্লাব, কোস্টকো নাকি বিজেএস: বিশেষ বিশ্লেষণে যা জানা গেল

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি পরিবারের একটি বড় অংশ এখন মাসিক বাজারের জন্য সদস্যভিত্তিক হোলসেল স্টোরের ওপর নির্ভরশীল। স্যামস ক্লাব, কোস্টকো অথবা বিজেএস এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটি সবচেয়ে সাশ্রয়ী, কোথায় হালাল বা মুসলিমবান্ধব পণ্যের বৈচিত্র্য বেশি এবং কোন সদস্যপদ বাংলাদেশি পরিবারের জন্য বেশি উপযোগী এসব প্রশ্ন নিয়েই থাকে নানা আলোচনা।   ভোক্তা বিশ্লেষণ, খাদ্যবিজ্ঞানীদের গবেষণা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলিম পরিবারের কেনাকাটার অভিজ্ঞতা পর্যালোচনা করে দেখা যায়, প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজস্ব পণ্য সংগ্রহ ও সরবরাহের আলাদা পদ্ধতি রয়েছে। তবে বাংলাদেশি মুসলিম পরিবারের বাস্তব চাহিদা বিবেচনায় স্যামস ক্লাব অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে।   স্যামস ক্লাবের অন্যতম বড় সুবিধা হলো, এখানে অনেক প্যাকেটজাত খাদ্যে OU, OK, Star-K বা Kof-K-এর মতো কোশের সার্টিফিকেশন স্পষ্টভাবে উল্লেখ থাকে। পাশাপাশি মেম্বার মার্ক ব্র্যান্ডের অনেক খাদ্যপণ্যের উপাদান তালিকাও পরিষ্কারভাবে দেওয়া হয়। ফলে যারা জেলাটিন, প্রাণীজ উপাদান বা খাদ্যের উৎস সম্পর্কে সচেতন, তাদের জন্য কেনাকাটা তুলনামূলক সহজ হয়।   এ ছাড়া অনেক স্যামস ক্লাব শাখায় হালাল সার্টিফায়েড ফ্রোজেন চিকেন, গরুর মাংস, নান, পরোটা, সামোসা, দক্ষিণ এশীয় স্ন্যাকস এবং বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। তবে এসব পণ্যের প্রাপ্যতা এলাকাভেদে পরিবর্তিত হতে পারে। স্যামস ক্লাবের আরেকটি জনপ্রিয় সুবিধা হলো স্ক্যান & গো প্রযুক্তি। মোবাইল ফোন দিয়ে পণ্য স্ক্যান করে সরাসরি মূল্য পরিশোধ করা যায়। ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা অনেকটাই কমে যায়।   অন্যদিকে কোস্টকো দীর্ঘদিন ধরেই উন্নত মানের পণ্য, কিরকল্যান্ড সিগনেচার ব্র্যান্ড, অর্গানিক খাদ্য, ফলমূল, দুগ্ধজাত পণ্য এবং উচ্চমানের মাংস ও সামুদ্রিক খাবারের জন্য পরিচিত। যারা পণ্যের গুণগত মানকে বেশি গুরুত্ব দেন, তাদের অনেকের কাছেই কোস্টকো প্রথম পছন্দ। কোস্টকোর অনেক শাখায় কোশের পণ্যও পাওয়া যায়। তবে কোম্পানির তথ্য অনুযায়ী, এসব পণ্যের সংগ্রহ প্রতিটি ওয়্যারহাউসের অবস্থান অনুযায়ী ভিন্ন হতে পারে। অর্থাৎ এক শাখায় যে পণ্য পাওয়া যায়, অন্য শাখায় তা নাও থাকতে পারে।   বিজেএস হোলসেল ক্লাব মূলত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বেশি জনপ্রিয়। এখানে ম্যানুফ্যাকচারার কুপন ব্যবহার করা যায় এবং অনেক পণ্য তুলনামূলক ছোট প্যাকেজেও কেনা সম্ভব। ছোট পরিবারের জন্য এটি সুবিধাজনক হলেও হালাল বা কোশেরকেন্দ্রিক পণ্যের বৈচিত্র্য সাধারণভাবে স্যামস ক্লাবের তুলনায় সীমিত। তবে বাংলাদেশি মুসলিম সমাজে একটি বিষয় নিয়ে প্রায়ই বিভ্রান্তি দেখা যায় পণ্যে OU বা অন্য কোনো কোশের লোগো থাকলেই কি সেটি হালাল?   খাদ্যবিজ্ঞানী এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জো এম. রেগেনস্টেইন, যিনি দীর্ঘদিন ধরে হালাল ও কোশের খাদ্যব্যবস্থা নিয়ে গবেষণা করছেন, তাঁর গবেষণায় উল্লেখ করা হয়েছে যে হালাল ও কোশের খাদ্যব্যবস্থার মধ্যে অনেক মিল থাকলেও দুটি এক নয়। উভয় ক্ষেত্রেই খাদ্যের উপাদান, উৎপাদন প্রক্রিয়া ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়, কিন্তু ধর্মীয় বিধান ও সার্টিফিকেশনের মানদণ্ড ভিন্ন।   বিশেষজ্ঞদের মতে, কোনো পণ্যে OU, OK বা অন্য কোনো কোশের লোগো থাকলে সেটি নির্দিষ্ট ইহুদি খাদ্যবিধি অনুযায়ী প্রস্তুত হয়েছে এটি বোঝায়। তবে সেটি ইসলামী শরিয়াহ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে হালাল এমনটি বলা যায় না। বিশেষ করে মাংস, জেলাটিন, প্রাণীজ এনজাইম এবং অন্যান্য প্রাণীজ উপাদানের ক্ষেত্রে হালাল ও কোশেরের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।   তবে মাংসজাতীয় খাবারের বাইরে চিপস, বিস্কুট, কুকি, ক্যান্ডি, মার্শম্যালো, ডেজার্ট এবং বিভিন্ন প্রক্রিয়াজাত স্ন্যাকস কেনার সময়ও মুসলিম পরিবারগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এসব পণ্যের কিছুতে জেলাটিন, ইমালসিফায়ার, এনজাইম বা অন্যান্য প্রাণীজ উপাদান ব্যবহার করা হতে পারে, যার উৎস সব সময় স্পষ্টভাবে বোঝা যায় না। এ কারণেই অনেক মুসলিম পরিবার কেনাকাটার সময় হালাল সার্টিফিকেশনের পাশাপাশি OU, OK, Star-K-এর মতো কোশের সার্টিফিকেশন এবং উপাদান তালিকাও গুরুত্ব দিয়ে দেখেন।   অনেক ইসলামী স্কলার আরও মনে করিয়ে দেন, শুধু কোশের লোগো থাকলেই কোনো পণ্য হালাল এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বরং হালাল সার্টিফিকেশন থাকলে সেটিকেই অগ্রাধিকার দেওয়া উচিত। আর হালাল লোগো না থাকলে উপাদান তালিকা পড়ে জেলাটিন বা অন্যান্য প্রাণীজ উপাদানের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই পণ্য কেনা নিরাপদ।   বাংলাদেশি পরিবারগুলোর জন্য ইসলামী স্কলারদের আরেকটি পরামর্শ হলো, শুধু একটি লোগোর ওপর নির্ভর না করে পণ্যের সম্পূর্ণ উপাদান তালিকা পড়ার অভ্যাস গড়ে তোলা। বর্তমানে অনেক খাদ্যপণ্য উদ্ভিজ্জ জেলাটিন বা বিকল্প উপাদান দিয়ে তৈরি হলেও কিছু পণ্যে এখনো প্রাণীজ উৎসের জেলাটিন বা অন্যান্য উপাদান ব্যবহার করা হয়। তাই সচেতনভাবে লেবেল পড়ে কেনাকাটা করলে অনাকাঙ্ক্ষিত উপাদান এড়ানো সহজ হয়।   সামগ্রিকভাবে মূল্য, আন্তর্জাতিক খাদ্যপণ্যের বৈচিত্র্য, হালাল বিকল্প, কোশের-চিহ্নিত পণ্যের উপস্থিতি, প্রযুক্তিগত সুবিধা এবং বাংলাদেশি মুসলিম পরিবারের বাস্তব কেনাকাটার অভিজ্ঞতা বিবেচনায় স্যামস ক্লাব তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। এরপর রয়েছে কোস্টকো এবং তারপর বিজেএস হোলসেল ক্লাব।   তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শাখায় একই ধরনের পণ্য পাওয়া যায় না। তাই সদস্যপদ নেওয়ার আগে নিজের এলাকার স্টোরে হালাল, দক্ষিণ এশীয় এবং পরিবারের প্রয়োজনীয় পণ্যগুলো নিয়মিত পাওয়া যায় কি না, সেটি যাচাই করাই সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ২০:৩৭
কৃষি জমিতে আধুনিক হাইপারস্কেল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার। ছবি:সংগৃহীত
পেনসিলভানিয়ায় এআই ডেটা সেন্টারের জন্য কৃষিজমি বিক্রি করে রাতারাতি কোটিপতি ৯৬ মার্কিন পরিবার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাবে যুক্তরাষ্ট্রের গ্রামীণ এলাকায় শুরু হয়েছে জমির নতুন দৌড়। এরই অংশ হিসেবে পেনসিলভানিয়ার সেলেম টাউনশিপের ৯৬টি পরিবার তাদের প্রায় ১ হাজার ৭০০ একর কৃষিজমি ডেটা সেন্টার নির্মাণের জন্য বিক্রি করেছে। জমি বিক্রির মোট মূল্য ৫৮৬ মিলিয়ন ডলার। এই চুক্তির ফলে বহু পরিবার রাতারাতি বহুমিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে গেছে।    ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জমিগুলো কিনেছে ডেটা সেন্টার নির্মাতা প্রতিষ্ঠান কিউটিএস (QTS), যা বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনের মালিকানাধীন। বিক্রির হিসাব অনুযায়ী, পরিবারপ্রতি গড়ে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং একরপ্রতি প্রায় ৩ লাখ ৩০ হাজার ডলার মূল্য পাওয়া গেছে। এর মধ্যে একটি ৮৯ একরের হগ ফার্ম বিক্রি করে এক দম্পতি ২২ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ পেয়েছেন।    দীর্ঘদিন ধরে কৃষিকাজের অনিশ্চিত আয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারের ওঠানামার কারণে অনেক পরিবার আর্থিক চাপে ছিল। জমি বিক্রির এই অর্থ তাদের জন্য নতুন আর্থিক নিরাপত্তার সুযোগ তৈরি করেছে। কেউ নতুন ব্যবসায় বিনিয়োগ করছেন, কেউ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন, আবার কেউ ভবিষ্যতের জন্য অর্থ সংরক্ষণ করছেন।    তবে এই বিপুল অর্থের বিনিময়ে এলাকাটির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। যে কৃষিজমিতে এতদিন ফসল উৎপাদন হতো, সেখানে আগামী কয়েক বছরে গড়ে উঠবে বিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস। কিউটিএসের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১ হাজার ৭০০ একর এলাকাজুড়ে ধাপে ধাপে ১২টি ডেটা সেন্টার ভবন নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ, শত শত নির্মাণকাজের কর্মসংস্থান, প্রায় ১০০টি স্থায়ী চাকরি এবং স্থানীয় সরকারের জন্য উল্লেখযোগ্য কর রাজস্ব সৃষ্টি হতে পারে।    তবে পরিবেশবিদ ও স্থানীয় অনেক বাসিন্দা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বড় আকারের ডেটা সেন্টার পরিচালনার জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। পাশাপাশি দীর্ঘ সময়ের নির্মাণকাজ, ভারী যানবাহনের চলাচল, শিল্পাঞ্চলের মতো শব্দ এবং গ্রামীণ পরিবেশের স্থায়ী পরিবর্তনও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।    বর্তমানে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা দ্রুত বাড়তে থাকায় প্রযুক্তি কোম্পানিগুলো এমন জমি খুঁজছে, যেখানে উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ এবং ফাইবার-অপটিক নেটওয়ার্কের সুবিধা রয়েছে। এ কারণেই আগে যেসব কৃষিজমির মূল্য নির্ধারণ হতো মূলত কৃষি উৎপাদনের ভিত্তিতে, এখন সেগুলোর মূল্য নির্ধারিত হচ্ছে প্রযুক্তিগত অবকাঠামোর নিকটবর্তী অবস্থানের কারণে।    সেলেম টাউনশিপের এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামোর বিস্তার শুধু প্রযুক্তি খাতেই নয়, যুক্তরাষ্ট্রের গ্রামীণ অর্থনীতি ও ভূমি ব্যবহারের ধরনেও বড় পরিবর্তন আনছে। একই সঙ্গে এটি নতুন একটি প্রশ্নও সামনে আনছে—প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণের বিনিময়ে কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কৃষিজমি, নাকি এটি কৃষকদের বহু বছরের পরিশ্রমের ন্যায্য আর্থিক পুরস্কার?

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৯:৫২
ওয়েস্ট হলিউডের সানসেট বুলেভার্ডে ১১০ বছরের পুরোনো একটি পানির প্রধান পাইপ বিস্ফোরণ। ছবি:সংগৃহীত
ওয়েস্ট হলিউডে পানির প্রধান পাইপ বিস্ফোরণ: পাঁচ দিন পরও শেষ নয় মেরামত, ভোগান্তিতে হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডে শতবর্ষী একটি প্রধান পানির পাইপ বিস্ফোরণের পাঁচ দিন পরও মেরামতকাজ শেষ হয়নি। সোমবারও প্রকৌশলী ও জরুরি সেবাকর্মীরা ক্ষতিগ্রস্ত সানসেট বুলেভার্ড এবং আশপাশের এলাকা দ্রুত যান চলাচলের জন্য খুলে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে কবে নাগাদ সড়ক পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।   স্থানীয় সংবাদমাধ্যম কেটিএলএ এবং লস অ্যাঞ্জেলেস পানি ও বিদ্যুৎ বিভাগ (এলএডিডব্লিউপি) জানায়, গত বৃহস্পতিবার ভোরে সানসেট বুলেভার্ড ও হোলোওয়ে ড্রাইভের সংযোগস্থলের নিচে থাকা প্রায় ১০০ বছর পুরোনো ৩৬ ইঞ্চি ব্যাসের একটি প্রধান পানির পাইপ হঠাৎ ফেটে যায়। মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ পানি রাস্তায় ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা প্লাবিত হয়।   পানির তীব্র স্রোতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়, কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয় এবং একাধিক যানবাহন পানিতে আটকে পড়ে। পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের বিস্তীর্ণ এলাকা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।   এলএডিডব্লিউপির কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পাইপ অপসারণ করে নতুন পাইপ বসানো, ঢালাই, চাপ পরীক্ষা এবং ভূগর্ভস্থ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার মতো জটিল ধাপ সম্পন্ন করতে হচ্ছে। পাশাপাশি রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণও চলছে। এসব কাজ শেষ না হওয়া পর্যন্ত সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব নয়।   কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পানির সরবরাহ বেশিরভাগ এলাকায় স্বাভাবিক থাকলেও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুরোপুরি নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত মেরামতকাজ অব্যাহত থাকবে। ঘটনাটির সুনির্দিষ্ট কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পুরোনো পাইপের কাঠামোগত দুর্বলতার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।   সড়ক বন্ধ থাকায় এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজারো চালককে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ থাকায় তাদের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক দোকান ও রেস্তোরাঁয় ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।   ওয়েস্ট হলিউড সিটি কর্তৃপক্ষ বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মেরামতকাজ শেষ হলেই পর্যায়ক্রমে সড়ক খুলে দেওয়া হবে।   লস অ্যাঞ্জেলেস অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থার বড় একটি অংশ কয়েক দশক আগে নির্মিত। ফলে পুরোনো পাইপলাইনগুলো ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও নগরীর পুরোনো অবকাঠামো আধুনিকায়নের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তির মালিকদের জন্য সহায়তা কার্যক্রম চালু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং নির্মাণকাজ চলাকালে নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৯:৩৪
ভয়াবহ দূর্ঘটনা।ছবি:সংগৃহীত
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিলাসবহুল গাড়ি, মহাসড়কে প্রাণ গেল এক চালকের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইরউইনডেল এলাকায় ২১০ নম্বর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি সাদা রঙের বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কংক্রিট বিভাজকে ধাক্কা মেরে কয়েকবার উল্টে পাশের ঢালে গিয়ে পড়ে।    ক্যালিফোর্নিয়া মহাসড়ক পুলিশ জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৫৫ মিনিটে ইরউইনডেল অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে দুর্ঘটনার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা চালককে মৃত অবস্থায় পান।    দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি প্রায় ২০০ ফুটজুড়ে সড়কের নিরাপত্তাবেষ্টনী ক্ষতিগ্রস্ত করে এবং পরে সড়কের পাশের ঢালে গিয়ে উল্টে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, গাড়িটিতে আরও একজন আরোহী ছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।    দুর্ঘটনার পর মহাসড়কের একটি লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যদিও অন্য লেনগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ক্যালিফোর্নিয়া মহাসড়ক পুলিশ তদন্ত শুরু করেছে। 

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৯:৭
লা জোলাতে অবস্থিতইউসি সান ডিয়েগো স্কুল অফ মেডিসিন ক্যাম্পাস। ছবি:সংগৃহীত
জাতিগত বৈষম্যের অভিযোগে ক্যালিফোর্নিয়ার মেডিকেল কলেজের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো মেডিকেল কলেজের বিরুদ্ধে ভর্তি প্রক্রিয়ায় জাতিগত বৈষম্যের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে দেশটির বিচার বিভাগ।   বিচার বিভাগের এক তদন্তে বলা হয়েছে, কলেজটি শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারীদের মেধা, পরীক্ষার ফল বা শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি একটি গোপন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করেছে। সেই প্রক্রিয়ায় আবেদনকারীর জাতিগত পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।   যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত কে. ধিলন বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতিগত পরিচয়ের ভিত্তিতে ভর্তি সুবিধা দিতে পারে না। তাঁর ভাষায়, এমন পদ্ধতি আইনবিরোধী এবং বিচার বিভাগ এসব অনুশীলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।   তদন্তে বিচার বিভাগ দাবি করেছে, কিছু আবেদনকারী শুধুমাত্র তাদের জাতিগত পরিচয়ের কারণে বাড়তি সুবিধা পেয়েছেন। ফলে একই বা আরও ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা অন্য আবেদনকারীরা সমান সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।   এই তদন্তটি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখার বৃহত্তর উদ্যোগের অংশ। এর আগে আরও কয়েকটি মেডিকেল কলেজের বিরুদ্ধেও একই ধরনের তদন্ত শুরু করেছে বিচার বিভাগ।   তবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো মেডিকেল কলেজের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভর্তি প্রক্রিয়া আইন মেনেই পরিচালিত হয়। বিচার বিভাগের সর্বশেষ সিদ্ধান্তের বিষয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৮:৫৩
মেহেক খেরা, ওয়ালমার্টের চাকরির পাশাপাশি শুরু করা উদ্যোগ থেকেই গড়েছেন মিলিয়ন ডলারের ব্যবসা।ছাবি:সংগৃহীত
ওয়ালমার্টের চাকরি থেকে মিলিয়ন ডলারের ব্যবসা, ভারতীয় অভিবাসী তরুণীর অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রে কর্মজীবনের শুরু হয়েছিল ওয়ালমার্টের কর্পোরেট চাকরি দিয়ে। সেই চাকরির পাশাপাশি নিজের সঞ্চয় থেকে গড়ে তোলা ছোট্ট একটি উদ্যোগ আজ মিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়েছে। আর সর্বশেষ সাফল্য হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ টরি বার্চ ফাউন্ডেশন ফেলোশিপ এর জন্য নির্বাচিত হয়েছেন ভারতীয় অভিবাসী উদ্যোক্তা মেহেক খেরা।   সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে মেহেক খেরা জানান, যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো নারী উদ্যোক্তার মধ্য থেকে এ বছর প্রায় ১২০ জনকে ২০২৬ সালের টরি বার্চ ফাউন্ডেশন ফেলো হিসেবে নির্বাচন করা হয়েছে এবং তিনি তাদের একজন। এই ফেলোশিপের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে মেন্টরশিপ, বিশেষজ্ঞদের প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী নারী উদ্যোক্তা নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়।   মেহেক খেরা ২৪ বছর বয়সে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসেন। নতুন দেশে কর্মজীবনের শুরুতে তিনি ওয়ালমার্ট এর ই-কমার্স বিভাগে সাপ্লাই চেইন ও ক্যাটাগরি ম্যানেজমেন্টে কাজ করতেন। চাকরির পাশাপাশি নিজের সঞ্চয় থেকে প্রায় ৫০ হাজার ডলার বিনিয়োগ করে স্বাস্থ্যকর স্ন্যাকস ব্র্যান্ড ‘নিরাময়া ফুডস’ প্রতিষ্ঠা করেন।   প্রতিষ্ঠানটির প্রধান পণ্য অ্যাভোকাডো অয়েলে তৈরি গ্রেইন-ফ্রি নান প্রেটজেলস, যা ভারতীয় স্বাদ ও মসলার অনুপ্রেরণায় তৈরি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি হচ্ছে এবং কোম্পানিটি স্বাস্থ্যকর স্ন্যাকস বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।   এর আগে মার্কিন ব্যবসাবিষয়ক সাময়িকী এন্ট্রেপ্রেনিউর প্রকাশিত এক প্রতিবেদনে মেহেক খেরার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ওয়ালমার্ট এ চাকরি করার সময় শুরু করা তাঁর সাইড বিজনেস পরবর্তীতে বছরে ১০ লাখ ডলারেরও বেশি বিক্রয় আয়ের মাইলফলক স্পর্শ করে।   লিংকডইনে প্রকাশিত সাম্প্রতিক পোস্টে মেহেক খেরা জানান, নিরাময় ফুডস এখন যুক্তরাষ্ট্রজুড়ে শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পাশাপাশি নতুন পণ্য উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। তাঁর লক্ষ্য, ভারতীয় অনুপ্রাণিত স্বাস্থ্যকর স্ন্যাকসকে আরও বিস্তৃত মার্কিন বাজারে পৌঁছে দেওয়া।   একসময় কর্পোরেট চাকরির পাশাপাশি সীমিত মূলধন দিয়ে শুরু করা উদ্যোগ আজ তাঁকে যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের কাতারে স্থান করে দিয়েছে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ২০২৬ সালের টরি বার্চ ফাউন্ডেশন ফেলোশিপ এ নির্বাচিত হওয়া তাঁর উদ্যোক্তা জীবনের নতুন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৮:৩০
মিসিসিপির ওশান স্প্রিংসে নিহত ১৮ বছর বয়সী তরুণ নোলান জেভিয়ার ওয়েলসের শেষকৃত্য অনুষ্ঠানে পরিবার। ডিজাইন আমেরিকা বাংলা।
১৮ বছরের ছেলের কফিন দেখে ভেঙে পড়লেন মা, গির্জাজুড়ে কান্নার রোল

মাত্র ১৮ বছর বয়সী কলেজ ক্রীড়াবিদ ওয়েলসের রহস্যজনক মৃত্যুর দুই সপ্তাহও পেরোয়নি। এ সময় পরিবারের সদস্য, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে গির্জায় অনুষ্ঠিত হয় তার শেষকৃত্যের ধর্মীয় অনুষ্ঠান। হৃদয়বিদারক সেই মুহূর্তে গির্জায় প্রবেশ করেই কান্নায় ভেঙে পড়েন ওয়েলসের মা। শোকের ভারে তিনি নিজেকে সামলে রাখতে পারেননি। উপস্থিত অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।   শেষ বিদায়ের অনুষ্ঠানে ওয়েলসের পরিবারের সদস্যদের পাশাপাশি তার কলেজের সতীর্থ, কোচ, শিক্ষক এবং স্থানীয় সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। ফুলে সাজানো কফিনের সামনে দাঁড়িয়ে তারা নীরবে শ্রদ্ধা জানান। অনেকেই স্মরণ করেন, অল্প বয়সেই ওয়েলস খেলাধুলা, পড়াশোনা এবং ব্যক্তিত্ব দিয়ে সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।   পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওয়েলসের আকস্মিক মৃত্যু তাদের জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি এবং ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।   অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বজন ও বন্ধুরা বলেন, ওয়েলস ছিলেন প্রাণবন্ত, পরিশ্রমী এবং স্বপ্নবাজ একজন তরুণ। তার অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো কলেজ সম্প্রদায়ের জন্যও গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।   সামাজিক যোগাযোগমাধ্যমেও ওয়েলসকে স্মরণ করে অসংখ্য মানুষ শোকবার্তা প্রকাশ করেছেন। অনেকেই তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।   তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওয়েলসের মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো সম্ভব নয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে তার মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্য এখনো কাটেনি। পরিবারের সদস্যরা ন্যায়সঙ্গত তদন্ত এবং সত্য উদ্‌ঘাটনের অপেক্ষায় রয়েছেন।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৮:১৮
সাগর। ছবি:সংগৃহীত
সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা, লোহিত সাগরে নতুন সংঘাতের আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি আন্দোলন সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, সৌদি আরবের বিরুদ্ধে এই অবরোধ এখন থেকেই কার্যকর হবে। তিনি দাবি করেন, ইয়েমেনের ওপর দীর্ঘদিনের অবরোধ এবং সাম্প্রতিক সামরিক হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।   হুতিদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের জাহাজ চলাচল এবং সমুদ্রপথে তাদের বাণিজ্যিক কার্যক্রমকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি স্বার্থসংশ্লিষ্ট নৌ চলাচলের ওপর চাপ সৃষ্টি করার পরিকল্পনার কথা জানানো হয়েছে।   বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। এ পথ দিয়ে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল, গ্যাস এবং পণ্য পরিবহন হয়। এই জলপথে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হতে পারে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।   হুতিদের এই ঘোষণা এমন সময় এসেছে, যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গত কয়েক দিনে সৌদি আরব ও হুতিদের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা অভিযানের ঘটনাও ঘটেছে। এর ফলে কয়েক বছর ধরে তুলনামূলক শান্ত থাকা সৌদি-হুতি সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।   ঘোষণার পর সৌদি আরব এর তীব্র নিন্দা জানিয়েছে। রিয়াদ বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচল ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি। সৌদি সরকার একই সঙ্গে ইয়েমেনের বৈধ সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।   আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, হুতিরা যদি বাস্তবে এই অবরোধ কার্যকর করতে সক্ষম হয়, তাহলে অনেক আন্তর্জাতিক জাহাজকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে বিকল্প পথে চলতে হতে পারে। এতে পরিবহন ব্যয়, পণ্য সরবরাহের সময় এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নতুন চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক তেলবাজারেও অস্থিরতা বাড়তে পারে।    এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি। এখন পর্যন্ত হুতিদের ঘোষিত অবরোধ কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হবে, তা স্পষ্ট নয়। তবে ঘোষণাটিই মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে এবং লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৮:২
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির জর্জিয়া অঙ্গরাজ্যের ইউএস সিনেটর থমাস জোনাথন অসফ। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় পরিবর্তন, কোন অভিবাসীরা এগিয়ে আর কারা পড়ছেন পিছিয়ে?

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন নীতি ও কঠোর যাচাই-বাছাইয়ের ফলে কিছু শ্রেণির আবেদনকারীর সুযোগ বাড়লেও অন্যদের জন্য প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠছে। বিশেষ করে আর্থিক সক্ষমতা, সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতা এবং আবেদনকারীর অভিবাসন শ্রেণি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।    নতুন নীতিতে মার্কিন নাগরিকের স্বামী-স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক সন্তান এবং কিছু নিকট আত্মীয় এখনও তুলনামূলকভাবে অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী, বিশেষজ্ঞ পেশাজীবী এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন—এমন আবেদনকারীরাও তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে সব ক্ষেত্রেই নিরাপত্তা ও আর্থিক যাচাই আরও কঠোর করা হয়েছে।   অন্যদিকে, সরকারি ভাতা, খাদ্য সহায়তা, মেডিকেইড বা অন্যান্য জনকল্যাণমূলক সুবিধার ওপর দীর্ঘমেয়াদি নির্ভরশীল আবেদনকারীদের ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। ট্রাম্প প্রশাসন আবারও ‘পাবলিক চার্জ’ নীতি ফিরিয়ে আনছে, যার ফলে অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীর আর্থিক স্বনির্ভরতা মূল্যায়ন করবেন। সংশ্লিষ্ট নীতি ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা।    এছাড়া প্রশাসন এমন একটি প্রস্তাবও বিবেচনা করছে, যেখানে বিদেশে থাকা কিছু গ্রিন কার্ড আবেদনকারীকে এক লাখ ডলার পর্যন্ত ফেরতযোগ্য জামানত জমা দিতে হতে পারে। প্রশাসনের দাবি, এর উদ্দেশ্য হলো আবেদনকারীর আর্থিক সক্ষমতা নিশ্চিত করা। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এতে নিম্ন ও মধ্যম আয়ের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া আরও কঠিন হবে।    সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের কারণে ভারত, চীনসহ বিভিন্ন দেশের কর্মসংস্থানভিত্তিক ও পারিবারিক অভিবাসনের আবেদন প্রক্রিয়া ধীর হয়ে গেছে। অনেক আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হচ্ছে, যা সময় ও অনিশ্চয়তা বাড়াচ্ছে।    অভিবাসন অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, নতুন নীতির ফলে অনেক পরিবার প্রয়োজন থাকা সত্ত্বেও সরকারি স্বাস্থ্যসেবা বা খাদ্য সহায়তা নিতে ভয় পেতে পারে। তাদের মতে, এতে নিম্ন আয়ের অভিবাসী পরিবারগুলোর ওপর সামাজিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়বে।   সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আবেদনকারীর আর্থিক স্বনির্ভরতা, কর্মদক্ষতা এবং অভিবাসনের আইনি ভিত্তি। ফলে যাদের স্থিতিশীল আয়, উচ্চ দক্ষতা বা শক্তিশালী পারিবারিক যোগসূত্র রয়েছে তারা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও নিম্ন আয়ের ও সরকারি সহায়তার ওপর নির্ভরশীল অনেক আবেদনকারীর জন্য স্থায়ী বসবাসের পথ আগের তুলনায় আরও কঠিন হয়ে উঠছে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৯:১১
টেট স্টক একজন উদ্যোক্তা।ছবি: সংগৃহীত
কলেজের ছোট উদ্যোগ থেকে ২৫০ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, সাফল্যের গল্প টেট স্টকের

কলেজ জীবনে অতিরিক্ত আয়ের জন্য ছোট একটি উদ্যোগ শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী টেট স্টক। হাতে ছিল মাত্র ৪৫০ মার্কিন ডলার। সেই অর্থ দিয়ে একটি সাধারণ ব্যায়াম-সহায়ক সরঞ্জাম তৈরি করে বিশ্বের বৃহত্তম অনলাইন কেনাবেচার মাধ্যম অ্যামাজনে বিক্রি শুরু করেন তিনি। মাত্র দুই সপ্তাহেই তাঁর বিক্রি থেকে আয় হয় ১২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৬ লাখ টাকা। সময়ের ব্যবধানে সেই ছোট উদ্যোগই তিন হাজার কোটিরও বেশি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।   উদ্যোক্তাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী এন্টারপ্রেনার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ব্রিগহাম ইয়াং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় টেট স্টক এই উদ্যোগ শুরু করেন। তখন তাঁর বিয়ের প্রস্তুতি চলছিল এবং একই সঙ্গে কলেজের শেষ বর্ষের পড়াশোনাও শেষ করছিলেন।   একদিন এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তিনি একটি যোগব্যায়ামে ব্যবহৃত চাকা দেখতে পান। বিষয়টি তাঁর আগ্রহের জন্ম দেয়। পরে অ্যামাজনে পণ্যটি খুঁজে তিনি লক্ষ্য করেন, ক্রেতাদের আগ্রহ থাকলেও বিক্রেতার সংখ্যা খুবই কম। বাজারের এই সুযোগই তাঁকে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে।   তিনি প্রায় ৪০০ মার্কিন ডলার দিয়ে প্লাস্টিকের পাইপ এবং ৫০ মার্কিন ডলার দিয়ে ফোমজাতীয় উপকরণ কিনে নিজ হাতে প্রায় ১০০টি ব্যায়াম-সহায়ক চাকা তৈরি করেন। বন্ধুর পরিবারের একটি খামারে বসেই তৈরি হয় প্রথম চালানের পণ্য। এরপর সেগুলো অ্যামাজনে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়।   প্রথম দুই সপ্তাহেই বিক্রি থেকে আসে ১২ হাজার মার্কিন ডলার। একজন কলেজ শিক্ষার্থীর জন্য এটি ছিল অভাবনীয় সাফল্য। এই আয় তাঁকে বুঝিয়ে দেয়, সঠিক বাজার বিশ্লেষণ ও নতুন ধারণা থাকলে অল্প মূলধনেও বড় ব্যবসা গড়ে তোলা সম্ভব।   তবে শুরুটা সহজ ছিল না। প্রথম কয়েক বছর তিনি নিজের প্রতিষ্ঠান থেকে কোনো বেতন নেননি। সংসারের খরচ চালাতে গ্রীষ্মের ছুটিতে বাড়ি বাড়ি গিয়ে কীটনাশক বিক্রির কাজ করতেন। তাঁর স্ত্রী হান্না স্টকও উৎপাদন, মোড়কজাত করা, পণ্য পাঠানো এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগ—সব কাজেই পাশে ছিলেন। অর্থের অভাবে শুরুতে কোনো কারখানা বা বড় কর্মী বাহিনী ছিল না। সব কাজই তাঁদের নিজেদের হাতে করতে হয়েছে।   প্রথম আড়াই বছরে প্রতিষ্ঠানের বিক্রি খুব বেশি বাড়েনি। তবে ক্রেতাদের মতামত বিশ্লেষণ করে টেট স্টক একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। অধিকাংশ মানুষ যোগব্যায়ামের জন্য নয়, বরং পিঠের ব্যথা কমানোর জন্য এই চাকা ব্যবহার করছেন।   এরপর তিনি পণ্যের নকশা অপরিবর্তিত রেখে শুধু বাজারজাত করার কৌশল বদলে দেন। যোগব্যায়ামের সরঞ্জাম হিসেবে নয়, বরং পিঠের ব্যথা উপশমের সহায়ক উপকরণ হিসেবে প্রচার শুরু করেন। এই একটি সিদ্ধান্তেই প্রতিষ্ঠানের ভাগ্য বদলে যায়। মাত্র ছয় মাসের মধ্যে বিক্রি প্রায় ৪০ লাখ মার্কিন ডলারে পৌঁছে যায়।   পরবর্তী সময়ে টেট স্টক ও তাঁর স্ত্রী চির্প নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠানটি পিঠের ব্যথা কমানো, শরীরচর্চা এবং শারীরিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন সরঞ্জাম তৈরি ও বিক্রি করছে। গত এক দশকে প্রতিষ্ঠানটির মোট বিক্রি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় তিন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।   তবে সাফল্যের পথেও বড় ধাক্কা এসেছে। ব্যবসা দ্রুত সম্প্রসারণের সময় বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্রয় কর সঠিকভাবে পরিশোধ না করায় প্রতিষ্ঠানটিকে প্রায় ৬০ লাখ মার্কিন ডলার নিজেদের অর্থ থেকে পরিশোধ করতে হয়। টেট স্টক পরে এটিকে তাঁদের ব্যবসায়িক জীবনের সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলোর একটি বলে উল্লেখ করেন।   টেট স্টকের মতে, সফল উদ্যোক্তা হওয়ার জন্য বড় অঙ্কের মূলধনের চেয়ে সঠিক ধারণা, দ্রুত কাজ শুরু করার সাহস এবং ক্রেতাদের চাহিদা বোঝার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ব্যবসার সবচেয়ে বড় শিক্ষক হলো ক্রেতা। তাঁদের মতামত শুনে পরিবর্তন আনতে পারলেই সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।   টেট স্টকের এই গল্প প্রমাণ করে, অল্প মূলধন, নতুন চিন্তা এবং নিরলস পরিশ্রম থাকলে কলেজজীবনের একটি ছোট উদ্যোগও একসময় হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৭:২৯
আমেরিকান কান্ট্রি ও রক মিউজিক তারকা জেলি রোল এবং তার প্রাক্তন স্ত্রী, জনপ্রিয় পডকাস্টার ও মডেল বানি এক্সও।ছবি:সংগৃহীত
সন্তানের আশায় কঠিন চিকিৎসা, কষ্টের অভিজ্ঞতা জানালেন বানি

মার্কিন উপস্থাপক, লেখক ও জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালক বানি জানিয়েছেন, সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চলা বন্ধ্যাত্ব চিকিৎসার (আইভিএফ) কঠিন প্রক্রিয়া তাকে শারীরিক, মানসিক ও আত্মিকভাবে ভেঙে দিয়েছিল। তবু সব প্রতিকূলতার মধ্যেও তিনি মাতৃত্বের স্বপ্ন ছাড়েননি।   সম্প্রতি নিজের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বানি বলেন, গত দেড় বছরের চিকিৎসা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। তিনি বলেন, এই দীর্ঘ চিকিৎসা তাকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিক ও আত্মিকভাবেও বিপর্যস্ত করে তুলেছিল।   বানি জানান, সন্তান নেওয়ার আশায় তিনি ও তার সাবেক স্বামী, মার্কিন সংগীতশিল্পী জেলি রোল, একাধিকবার চিকিৎসা নেন। কিন্তু কয়েক দফা চেষ্টা ব্যর্থ হয়। এই সময়ে তারা চারটি ভ্রূণ হারান এবং তিনবার ভ্রূণ প্রতিস্থাপনের প্রচেষ্টাও সফল হয়নি। এমনকি যমজ সন্তান নেওয়ার পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।   তিনি বলেন, এই চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপই ছিল অত্যন্ত কঠিন। বারবার আশা জাগা এবং পরে তা ভেঙে যাওয়ার কষ্ট তাদের দুজনকেই গভীরভাবে আঘাত করেছে।   বানি আরও জানান, চিকিৎসার অংশ হিসেবে তার সাবেক স্বামীকেও বিশেষ চিকিৎসা নিতে হয়েছিল। পুরো প্রক্রিয়াটি তাদের ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছিল।   চিকিৎসার সময় হরমোনজনিত কারণে তার ওজন বেড়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে কটূক্তি করেন। তবে পরে তিনি বলেন, যারা এমন মন্তব্য করেছেন, তাদের অনেকেই বন্ধ্যাত্ব চিকিৎসার শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে জানেন না।   সম্প্রতি দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেও বানি ও জেলি রোল জানিয়েছেন, সন্তান নেওয়ার পরিকল্পনা তারা পুরোপুরি বাতিল করেননি। ভবিষ্যতে গর্ভধারণে অন্য নারীর সহায়তা (সারোগেসি) নিয়ে সন্তান নেওয়ার সম্ভাবনা এখনও বিবেচনায় রয়েছে।   বানি বলেন, তিনি এখনও বিশ্বাস করেন একদিন মা হবেন। সব কষ্ট, ব্যর্থতা ও মানসিক যন্ত্রণা সত্ত্বেও মাতৃত্বের স্বপ্ন তাকে এগিয়ে যেতে শক্তি জোগায়। তার ভাষায়, একটি শিশুর চোখ দিয়ে নতুন করে পৃথিবীকে দেখার স্বপ্নই তাকে বারবার নতুন করে লড়াই করার সাহস দেয়।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৭:৩
হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারির পরের স্বাভাবিক প্রতিক্রিয়া বা ফেসিয়াল সোয়েলিং (মুখ ফুলে যাওয়া)। ছবি:সংগৃহীত
চুল প্রতিস্থাপনের পর ফুলে গেল মুখ, ‘আমি তো ডিমের মতো’—তরুণের ভিডিও ভাইরাল

চুল প্রতিস্থাপনের অস্ত্রোপচারের পর আয়নায় নিজের চেহারা দেখে হতবাক হয়ে যান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক নির্মাতা অ্যালেক্স ফিঙ্কেন। মুখমণ্ডল এতটাই ফুলে যায় যে হাস্যরস করে তিনি বলেন, ‘আমি তো একেবারে ডিমের মতো দেখাচ্ছি।’ সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর মুহূর্তেই লাখো মানুষের নজর কেড়ে নেয়।   দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগছিলেন ফিঙ্কেন। আত্মবিশ্বাস ফিরে পেতে তিনি প্রায় ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার ব্যয়ে চুল প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারে তার মাথার পেছন থেকে ৩ হাজার ৫৩৬টি হেয়ার ফলিকল সংগ্রহ করে সামনের হেয়ারলাইন ও মাথার ওপরে প্রতিস্থাপন করা হয়।   অস্ত্রোপচারের কয়েকদিন পর তার কপাল, চোখ ও মুখে তীব্র ফোলাভাব দেখা দেয়। ভিডিওতে তার বদলে যাওয়া চেহারা দেখে অনেকেই বিস্মিত হন, আবার অনেকে মজার মন্তব্য করেন। তবে চিকিৎসকেরা জানান, চুল প্রতিস্থাপনের পর এ ধরনের সাময়িক ফোলাভাব অস্বাভাবিক নয়। অস্ত্রোপচারের সময় ব্যবহৃত তরল নিচের দিকে নেমে আসার কারণেই এমনটি হতে পারে এবং কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায়।   ফিঙ্কেন পরে জানান, তার শারীরিক অবস্থায় কোনো গুরুতর জটিলতা তৈরি হয়নি। ফোলাভাব ধীরে ধীরে কমে গেছে এবং তিনি সুস্থ আছেন। বরং পুরো অভিজ্ঞতা প্রকাশ করে অন্যদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।   তিনি আরও স্বীকার করেন, অস্ত্রোপচারের আগে চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে অ্যালকোহল পান করেছিলেন, যা ফোলাভাব কিছুটা বাড়িয়ে দিতে পারে।   বর্তমানে তার মুখের ফোলাভাব প্রায় পুরোপুরি সেরে গেছে। নতুন চুল গজানোর ফলাফলের অপেক্ষায় থাকা এই তরুণ বলছেন, শুরুতে অভিজ্ঞতাটি অস্বস্তিকর হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি মোটেও অনুতপ্ত নন। বরং এটি তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে মনে করেন।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৬:৪৭
বিখ্যাত আমেরিকান সংগীতশিল্পী এবং সেশন মিউজিশিয়ান জিম গিলস্ট্রাপ। ছবি:সংগৃহীত
স্টিভি ওয়ান্ডারের কিংবদন্তি সহশিল্পী জিম গিলস্ট্র্যাপ আর নেই, ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস

মার্কিন সংগীতজগতের প্রখ্যাত সেশন কণ্ঠশিল্পী এবং কিংবদন্তি গায়ক স্টিভি ওয়ান্ডারের দীর্ঘদিনের সহশিল্পী জিম গিলস্ট্র্যাপ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্বাভাবিক কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর নির্দিষ্ট চিকিৎসাগত কারণ প্রকাশ করা হয়নি।   জিম গিলস্ট্র্যাপের মৃত্যুতে মার্কিন সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন সেই শিল্পীদের একজন, যাঁদের কণ্ঠ কোটি মানুষ শুনেছেন, কিন্তু অনেকেই তাঁর নাম জানতেন না। নেপথ্যের কণ্ঠশিল্পী হিসেবেই তিনি বিশ্বসংগীতে অসাধারণ অবদান রেখে গেছেন।   বিশ্বখ্যাত সংগীতশিল্পী স্টিভি ওয়ান্ডারের অমর গান ‘ইউ আর দ্য সানশাইন অব মাই লাইফ’-এর শুরুতে যে পুরুষ কণ্ঠ শোনা যায়, সেটি ছিল জিম গিলস্ট্র্যাপের। পরে গানটিতে যুক্ত হন লানি গ্রোভস এবং এরপর স্টিভি ওয়ান্ডার নিজে গানটি এগিয়ে নেন। গানটি প্রকাশের পর বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায় এবং স্টিভি ওয়ান্ডারের ক্যারিয়ারের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে স্বীকৃতি লাভ করে।    শুধু একটি গানেই নয়, গিলস্ট্র্যাপ স্টিভি ওয়ান্ডারের ব্যাকিং ভোকাল দল ওয়ান্ডারলাভ–এর সদস্য হিসেবে একাধিক ঐতিহাসিক অ্যালবামে কাজ করেন। এর মধ্যে ‘টকিং বুক’, ‘ইনারভিশনস’ এবং ‘ফুলফিলিংনেস ফার্স্ট ফিনালে’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর কণ্ঠ এসব অ্যালবামের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।    জিম গিলস্ট্র্যাপের সংগীতজীবন পাঁচ দশকেরও বেশি সময় বিস্তৃত। তিনি শুধু স্টিভি ওয়ান্ডারের সঙ্গেই নয়, বিশ্বের বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন, অ্যারেথা ফ্র্যাঙ্কলিন, হুইটনি হিউস্টন, জর্জ বেনসন, বিল উইদার্স, গ্ল্যাডিস নাইট, লুথার ভ্যান্ড্রস, প্যাটি লাবেল, ডলি পার্টন, জেমস ইনগ্রাম, টেডি পেন্ডারগ্রাস, কেনি লগিনস এবং আরও অনেকে। সেশন কণ্ঠশিল্পী হিসেবে তাঁর অবদান মার্কিন জনপ্রিয় সংগীতের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।    ব্যাকিং ভোকালিস্ট হিসেবে সাফল্যের পাশাপাশি একক শিল্পী হিসেবেও তিনি পরিচিতি পান। ১৯৭৫ সালে প্রকাশিত তাঁর গান ‘সুইং ইয়োর ড্যাডি’ যুক্তরাজ্যের সংগীত তালিকায় চতুর্থ স্থানে ওঠে এবং যুক্তরাষ্ট্রের আর-অ্যান্ড-বি তালিকায়ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। একই নামে প্রকাশিত তাঁর অ্যালবামও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। পরে তিনি ‘লাভ টক’ নামে আরেকটি একক অ্যালবাম প্রকাশ করেন।    জিম গিলস্ট্র্যাপ টেলিভিশন জগতেও স্মরণীয় অবদান রেখে গেছেন। জনপ্রিয় মার্কিন টেলিভিশন ধারাবাহিক ‘গুড টাইমস’–এর থিম সংগীতে তাঁর কণ্ঠ ব্যবহৃত হয়, যা সে সময় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া বিভিন্ন চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান এবং অ্যালবামে তাঁর কণ্ঠ শোনা গেছে।    জিম গিলস্ট্র্যাপ ছিলেন এমন একজন শিল্পী, যিনি নিজে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকলেও তাঁর কণ্ঠ অসংখ্য কালজয়ী গানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক মার্কিন পপ, সোল ও আর-অ্যান্ড-বি সংগীতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণ করা হবে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৬:২৪
উকিল নরম্যান আইজেন সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের মামলা নিয়ে কথা বলছেন। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আলোচিত মামলা, রিফ্লেক্টিং পুল ক্ষতির অভিযোগে আদালতে সাবেক অলিম্পিয়ান

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত ঐতিহাসিক লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত সাবেক অলিম্পিক ক্যানো প্রতিযোগী ডেভিড (ডেভি) হার্নের বিরুদ্ধে আগামী ২৮ সেপ্টেম্বর বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওয়াশিংটন ডিসি সুপিরিয়র কোর্টের বিচারক টড এডেলম্যান সোমবার এই তারিখ নির্ধারণ করেন।    ৬৭ বছর বয়সী হার্নের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ১৯ জুন লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের নতুন স্থাপিত আবরণ (লাইনার) ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করেন। এ ঘটনায় এক হাজার ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে ফেলনি পর্যায়ের সম্পত্তি ধ্বংসের মামলা করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।    হার্ন অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতে তিনি দোষী নন বলে দাবি করেছেন। তার বক্তব্য, তিনি সাইকেল চালানোর সময় পুলের পাশে থেমে আগে থেকেই আলগা হয়ে থাকা লাইনারের একটি অংশে কেবল হাত দিয়েছিলেন; সেটি তিনি টেনে ছিঁড়ে ফেলেননি বা কোনো ক্ষতি করেননি।    হার্নের আইনজীবীরা আদালতে মামলা খারিজের আবেদন করেছেন। তাদের দাবি, সরকার গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণে ব্যর্থ হয়েছে। অভিযোগ অনুযায়ী, তদন্ত চলাকালেই রিফ্লেক্টিং পুলের পানি সরিয়ে পুনরায় সংস্কার করা হয়, ফলে ঘটনাস্থলের মূল অবস্থা আর পরীক্ষা করা সম্ভব নয়। তাদের মতে, এতে অভিযুক্তের ন্যায্য বিচারের অধিকার ক্ষুণ্ন হয়েছে।   এই ঘটনাটি এমন সময় সামনে আসে, যখন বহু মিলিয়ন ডলার ব্যয়ে সংস্কার করা রিফ্লেক্টিং পুল নিয়ে ইতোমধ্যেই বিতর্ক চলছিল। সংস্কারকাজের পর পুলে লাইনার উঠে যাওয়া, শৈবাল জন্মানোসহ বিভিন্ন কারিগরি ত্রুটি নিয়ে প্রশ্ন ওঠে। হার্নের পক্ষের আইনজীবীরা দাবি করছেন, প্রকল্পের ত্রুটি থেকে জনদৃষ্টি সরাতেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে প্রসিকিউশন এই অভিযোগ অস্বীকার করেছে।    এ মামলায় হার্ন একমাত্র অভিযুক্ত নন। একই ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে মাইনর (মিসডিমিনর) অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলের আবরণের অংশ অপসারণের অভিযোগ রয়েছে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৬:৪
দাবানলে ক্ষতিগ্রস্ত অন্টারিওর হোয়াইটওয়াটার লেক ফার্স্ট নেশন সম্প্রদায়। বামে ডাগ ফোর্ড, ডানে ডোনাল্ড ট্রাম্প। ছবি: কোলাজ আমেরিকা বাংলা
কানাডায় দাবানলে পুড়লো ১৮ লাখ একর জমি, ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়ায় ট্রাম্পের ক্ষোভ

কানাডার অন্টারিও অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল আরও বিস্তৃত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৩৫ হাজার হেক্টর বা ১৮ লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। বর্তমানে প্রদেশটিতে প্রায় ১৯০টি দাবানল সক্রিয় রয়েছে। আগুনের ঝুঁকিতে উত্তর-পশ্চিম অন্টারিও থেকে প্রায় ১ হাজার ৮০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।   দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছেছে। উইসকনসিন, আইওয়া, মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, ওহাইও এবং মিশিগানের কিছু এলাকায় বায়ুর মান কমে যাওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।   এই পরিস্থিতিতে কানাডার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর প্রভাব ফেলছে এবং আগুন নিয়ন্ত্রণে কানাডাকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।   ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। তিনি বলেন, কানাডা দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অতীতে বিভিন্ন দুর্যোগের সময় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। তার ভাষ্য, সংকটের সময়ে একে অপরকে দোষারোপ না করে সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।   ডাগ ফোর্ড আরও জানান, দাবানল নিয়ন্ত্রণে অন্টারিওতে হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। আগুন মোকাবিলায় বিমান, তাপ শনাক্তকারী প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।   কানাডার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৫ হাজার ৩০০-এর বেশি অগ্নিনির্বাপক কর্মী দাবানল নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন। তবে শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং বাতাসের কারণে অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।    জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তর আমেরিকায় দাবানলের সংখ্যা ও তীব্রতা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। দীর্ঘ সময়ের খরা, অতিরিক্ত তাপমাত্রা এবং শুষ্ক বনাঞ্চল আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ : জুলাই ২০, ২০২৬ ১৫:৪৮