সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
নিউইয়র্কের মেয়র জোহরান ম্যামদানি নেতানিয়াহুকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরছেন। ছবি: সংগৃহীত
নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, আন্তর্জাতিক আদালত তার আসল ঠিকানা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান ম্যামদানি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের আইনগত সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।    মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যামদানি বলেন, “আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী।” তবে নিউইয়র্ক পুলিশ বিভাগকে ব্যবহার করে কোনো বিদেশি সরকারপ্রধানকে আটক করার আইনি ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।    ম্যামদানি বলেন, বিষয়টি নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চলছে। আইন যতটুকু অনুমতি দেবে, তার প্রশাসন ততটুকুই করবে। এ জন্য নতুন কোনো আইন তৈরি করার পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেন।  আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপটেই ম্যামদানির এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।    উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আদালতের এখতিয়ারও স্বীকার করে না।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২৩:৩৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। ছবি: সংগৃহীত
ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের সর্বোচ্চ নেতার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে ‘সম্পূর্ণ মূল্যহীন’ এবং ‘বিশ্বাসযোগ্যতাহীন’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটনের কর্মকাণ্ডই প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা যায় না।    শনিবার প্রকাশিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র একাধিকবার লঙ্ঘন করেছে। তার ভাষায়, এসব ঘটনা আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন এবং বিশ্বাসযোগ্যতাহীন’।  বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে ইরানি জাতি এবং ‘প্রতিরোধ ফ্রন্ট’ তাদের জন্য এমন শিক্ষা রেখে দিয়েছে, যা তারা ভুলতে পারবে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সংঘাত আরও উসকে না দেওয়ারও সতর্কবার্তা দেন।    এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। নতুন করে সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে।    সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপের দাবি করেছে। চলমান এই উত্তেজনার মধ্যে উভয় পক্ষের কূটনৈতিক সম্পর্ক আরও সংকটের মুখে পড়েছে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২৩:২৬
যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের জন্য এফ-১ ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় বড় পরিবর্তন, সর্বোচ্চ মেয়াদ হবে ৪ বছর

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ-১ (F-1) স্টুডেন্ট ভিসার মেয়াদ আর কোর্স শেষ হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকবে না। এর পরিবর্তে সর্বোচ্চ চার বছরের নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে। নির্ধারিত সময়ের বেশি পড়াশোনা চালিয়ে যেতে চাইলে নতুন করে অনুমতি নিতে হবে।    যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) চূড়ান্ত বিধিমালা অনুযায়ী, দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নীতি বাতিল করা হয়েছে। আগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৈধ শিক্ষার্থী মর্যাদা বজায় রাখলে তাদের ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হলে সেই সুবিধা আর থাকবে না।    নতুন বিধি অনুযায়ী, চার বছরের বেশি সময়ের ডিগ্রি বা গবেষণা কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান অব্যাহত রাখতে মেয়াদ বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হবে। অনুমোদন না পেলে তাদের দেশ ছাড়তে হবে অথবা নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নিতে হবে।    শুধু অবস্থানের সময়সীমাই নয়, শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি নিয়ম কঠোর করা হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ের অনেক শিক্ষার্থী আগের মতো সহজে বিশ্ববিদ্যালয় পরিবর্তন বা একই স্তরের নতুন কোর্সে ভর্তি হতে পারবেন না। পাশাপাশি পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে ৬০ দিনের গ্রেস পিরিয়ড ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।    ডিএইচএস জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারি জোরদার করা, ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১৮ লাখের বেশি শিক্ষার্থী ভিসায় প্রবেশ করেছেন, যা তদারকির ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।    অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট সংগঠন নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হলে বিদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্রের আকর্ষণ কমে যেতে পারে, বিশেষ করে দীর্ঘমেয়াদি গবেষণা ও পিএইচডি কর্মসূচিতে।   ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই বিধিমালা নির্ধারিত সময় পর কার্যকর হবে। এরপর থেকে নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং নির্দিষ্ট কিছু অন্যান্য অ-অভিবাসী ভিসাধারীর যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ নির্ধারণ করা হবে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২৩:১৪
তাশোভা জেলা মুফতি কার্যালয়ে ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক অনুষ্ঠানে জার্মান নাগরিক এলা। ছবি: সংগৃহীত
তুরস্কে ছুটি কাটাতে এসে ইসলাম গ্রহণ করলেন জার্মান নারী

জার্মানির নাগরিক এলা কোলহাস (Ella Kohlhas) তুরস্কে ছুটি কাটাতে এসে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তুরস্কের আমাসিয়া প্রদেশের তাশোভা জেলা মুফতি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাক্ষীদের উপস্থিতিতে কালিমা শাহাদাত পাঠ করেন এবং ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে 'এলা' (Ela) রাখেন। তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের সংবাদমাধ্যম দিয়ানেত হাবের এবং তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ তথ্য জানিয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে বসবাসকারী এলা দীর্ঘ ১২ বছর ধরে তুর্কি বংশোদ্ভূত বিলাল চেলানের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন। তাদের দুটি সন্তান রয়েছে। পরিবারসহ ছুটি কাটাতে তুরস্কে এসে তিনি তাশোভা জেলা মুফতি কার্যালয়ে ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এরপর তাঁর জন্য একটি আনুষ্ঠানিক ধর্মান্তর (ইহতিদা) অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে জেলা মুফতি ফারুক আনা (Faruk Ana) ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস, ইবাদত ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে তাঁকে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে এলা কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তাঁকে ইসলাম গ্রহণের সনদ, পবিত্র কোরআনের একটি কপি এবং ইসলামবিষয়ক বিভিন্ন প্রকাশনা উপহার দেওয়া হয়।   স্ত্রীর এই সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে বিলাল চেলান বলেন, তারা ১২ বছর ধরে একসঙ্গে সংসার করছেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি সম্পূর্ণ এলার নিজের। এ বিষয়ে তিনি কখনোই কোনো চাপ বা জোর প্রয়োগ করেননি। তুর্কি সংবাদমাধ্যমকে বিলাল বলেন, "সে নিজেই একদিন আমাকে জানায় যে সে মুসলিম হতে চায়। এটি তার নিজের সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।"   তাশোভা জেলা মুফতি কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইসলাম গ্রহণের পর নতুন মুসলিমদের ধর্মীয় জ্ঞান অর্জনে সহায়তা করার জন্য বিভিন্ন প্রকাশনা ও ধর্মীয় বই উপহার দেওয়া হয়ে থাকে। এলা-কেও একইভাবে শুভেচ্ছা জানিয়ে তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়।   তুরস্কে প্রতি বছর বিভিন্ন দেশের নাগরিক স্বেচ্ছায় ইসলাম গ্রহণের আবেদন করেন। এসব ক্ষেত্রে জেলা বা প্রাদেশিক মুফতি কার্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পর ধর্মান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২৩:৫
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান ম্যামদানি। ছবি: সংগৃহীত
সমাজতন্ত্রেই আছি’, স্পষ্ট জানালেন ম্যামদানি, ব্যবসায়ীদেরও দিলেন বার্তা

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান ম্যামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে আবারও দৃঢ়ভাবে তুলে ধরে বলেছেন, তিনি যে আদর্শ নিয়ে নির্বাচিত হয়েছেন, সেই নীতিতেই নগর পরিচালনা করবেন। একই সঙ্গে তিনি ওয়াল স্ট্রিট ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।   যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ম্যামদানি জানান, তিনি গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শ থেকে সরে আসছেন না। তার ভাষায়, নির্বাচনের সময় ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মেয়র হিসেবেও তিনি সেই নীতির ভিত্তিতেই কাজ করবেন।    ম্যামদানি বলেন, নিউইয়র্কের অর্থনীতিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ওয়াল স্ট্রিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মতপার্থক্য থাকলেও শহরের উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী নেতাদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। তার মতে, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য সহযোগিতার পথে বাধা হওয়া উচিত নয়।    তিনি আরও বলেন, তার প্রশাসনের মূল লক্ষ্য কর্মজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, আবাসন সংকট মোকাবিলা এবং নগরসেবা আরও সহজলভ্য করা। এসব লক্ষ্য বাস্তবায়নে সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।    ম্যামদানির অর্থনৈতিক নীতির মধ্যে ধনীদের ওপর কর বৃদ্ধি, সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, শিশু পরিচর্যা কর্মসূচি এবং জনসেবায় সরকারি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব প্রস্তাব নিয়ে আগে থেকেই ওয়াল স্ট্রিটের একটি অংশ উদ্বেগ প্রকাশ করলেও মেয়র জানিয়েছেন, তিনি ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চান।    ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ম্যামদানি নিউইয়র্কের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিজের নীতিগত অবস্থানও স্পষ্ট করেছেন।   ম্যামদানি বলেন, তার কাছে গণতান্ত্রিক সমাজতন্ত্রের অর্থ হলো কর্মজীবী মানুষের জন্য কার্যকর ফল নিশ্চিত করা। তিনি দাবি করেন, রাজনৈতিক বিতর্কের চেয়ে মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করাই তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২২:৫৮
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন সেনারা। ছবি: সংগৃহীত
ইরানে বাড়ছে হামলা, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে নতুন দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে তারা ড্রোন হামলা চালিয়েছে।    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজ ও অন্যান্য সামরিক সক্ষমতা ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক লজিস্টিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্টের নির্দেশে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।    মার্কিন সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। চলমান সংঘাতের কারণে তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।  এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে নতুন হামলার আশঙ্কায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। দেশটির তাসনিম সংবাদ সংস্থার বরাতে জানানো হয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর অবস্থা মূল্যায়নের কাজ চলছে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সর্বশেষ হামলায় তিনজন নিহত হয়েছেন।    উপসাগরীয় দেশ বাহরাইনেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলী আল সালেম ঘাঁটির বিভিন্ন সামরিক স্থাপনা এবং জর্ডানের মুওয়াফফাক সালতি (আল আজরাক) বিমানঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।    চলমান সংঘাতের মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও জানায়, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।    যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২২:৫২
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ছাড়ার হিড়িক, ইউরোপমুখী হাজারো মার্কিনি

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি, রাজনৈতিক মেরুকরণ, অভিবাসন অভিযান এবং নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক। সাম্প্রতিক একাধিক তথ্য ও স্বাধীন অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশত্যাগের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন এমন মানুষের সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকেই পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ডকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন। প্রতিবেদনে নিউইয়র্কের ৭৮ বছর বয়সী টি জে মালোনের উদাহরণ তুলে ধরা হয়েছে। তিনি চলতি বছরের শেষ দিকে পর্তুগালের আলগারভ অঞ্চলে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিবেশ, বন্দুক সহিংসতা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।  দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ ৫০ হাজার মানুষের নিট জনসংখ্যা হ্রাস ঘটেছে। ১৯৩০-এর দশকের মহামন্দার পর এটিই প্রথমবারের মতো দেশটি নিট অভিবাসন হ্রাসের মুখে পড়েছে।  প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক মার্কিন নাগরিকের কাছে উন্নত স্বাস্থ্যসেবা, তুলনামূলক নিরাপদ জীবন, কম রাজনৈতিক বিভাজন, উন্নত কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য এবং শান্ত পরিবেশ ইউরোপে যাওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে। একই সঙ্গে ইউরোপের কয়েকটি দেশে দীর্ঘমেয়াদি ভিসা, অবসরজীবন ও দূর থেকে কাজের সুযোগও এই প্রবণতাকে উৎসাহিত করছে।    সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের আবাসন, নাগরিকত্ব ও দীর্ঘমেয়াদি বসবাসসংক্রান্ত আবেদনও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে পর্তুগাল ও দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশ মার্কিন নাগরিকদের কাছে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।    দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবার খরচ এবং সামাজিক পরিবেশ নিয়েও উদ্বেগ বাড়ছে। এসব কারণ একত্রে অনেক মার্কিন নাগরিককে নতুন জীবন শুরু করার জন্য ইউরোপের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২২:৪৬
নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা। ছবি: সংগৃহীত
গাজায় জানাজারত অবস্থায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন একটি জানাজায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার শিকার হন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ও আল-আওদা হাসপাতাল।   স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় অবস্থিত আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জানাজার নামাজ শেষ হওয়ার পর মরদেহ বহন করছিলেন শোকাহত স্বজন ও স্থানীয়রা। এ সময় সেখানে একটি ইসরাইলি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।   হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী সেলকে’ লক্ষ্য করে অভিযান চালিয়েছে। একই সঙ্গে বেসামরিক হতাহতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।   অন্যদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও ইসরাইল ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছে।   এদিন গাজার বিভিন্ন এলাকায় পৃথক হামলাতেও প্রাণহানির ঘটনা ঘটে। উত্তর গাজার বেইত লাহিয়ায় ড্রোন হামলায় ৫২ বছর বয়সী এক নারী নিহত হন। আজ-জাওয়ায়দা এলাকায় একজন বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া নুসেইরাতের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে গোলাবর্ষণে আরও একজনের মৃত্যু হয়।   গাজা সিটির একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। একই দিনে খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরাইলি গুলিতে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।   আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির দাবি থাকা সত্ত্বেও মে মাস থেকে গাজায় ইসরাইলি হামলার মাত্রা বেড়েছে। সংস্থাটির হিসাব বলছে, গত মাসে ৪০টিরও বেশি বিমান হামলা হয়েছে, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক মাসে সর্বোচ্চ। এদিকে ইসরাইলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত নয় মাসে গাজায় অন্তত ২৭৪ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।   অন্যদিকে, ইসরাইলের দাবি, তাদের সামরিক অভিযান শুধুমাত্র হামাসের সশস্ত্র সদস্য ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে এবং বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।   আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২২:৩২
নিউইয়র্কের ম্যানহাটনে নিজের প্রতিষ্ঠিত ‘ম্যাচা হাউস’-এ উদ্যোক্তা মিশেল ইয়ুং। ছবি: সংগৃহীত
২ লাখ ৫০ হাজার ডলারের চাকরি ছেড়ে ম্যাচা ক্যাফে, প্রথম বছরেই লাভের পথে নিউইয়র্কের তরুণীর ব্যবসা

প্রতি বছর প্রায় ২ লাখ ৫০ হাজার ডলারের উচ্চ বেতনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে নিজের স্বপ্নের পেছনে ছুটেছেন ২৯ বছর বয়সী মিশেল ইয়ুং। দীর্ঘ পরিকল্পনা, সঞ্চয় এবং প্রশিক্ষণের পর নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে তিনি চালু করেন ‘ম্যাচা হাউস’ নামে একটি বিশেষায়িত ম্যাচা ক্যাফে। ব্যবসা শুরুর এক বছরের মধ্যেই সেটি লাভজনক হওয়ার পথে রয়েছে।   সিএনবিসি মেক ইট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাতে সফল ক্যারিয়ার গড়লেও ২০২২ সালের পর থেকে নিজের কাজের প্রতি আগ্রহ হারাতে শুরু করেন ইয়ুং। তার ভাষায়, তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা মানুষের মুখে হাসি ফোটাবে এবং কাজের মধ্যেই অর্থপূর্ণতা খুঁজে পাবেন।   ২০২৪ সালের গ্রীষ্মে বন্ধুদের সঙ্গে ম্যাচা পান করতে গিয়ে ম্যানহাটনে উচ্চমানের ম্যাচা ক্যাফের অভাব তার চোখে পড়ে। তখনই নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন। তবে চাকরি ছেড়ে ঝুঁকি নেওয়ার আগে তিনি কয়েক মাস ধরে প্রস্তুতি নেন।   ম্যাচা সম্পর্কে গভীরভাবে জানার জন্য তিনি জাপান সফর করেন। সেখানে চা সংগ্রহ, প্রস্তুত প্রণালী, পরিবেশন পদ্ধতি এবং বিভিন্ন ধরনের ম্যাচার গুণগত মান নিয়ে গবেষণা করেন। একই সময়ে ভোর ৫টা থেকে স্টারবাকসে কাজ করে ক্যাফে পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেন। এরপর নিজের সঞ্চিত দুই লাখ ডলারের বেশি অর্থের একটি বড় অংশ বিনিয়োগ করে ক্যাফেটি চালু করেন।    বর্তমানে ‘ম্যাচা হাউস’-এ প্রায় ১০ জন খণ্ডকালীন কর্মী কাজ করছেন। শুরুতে প্রতিটি পানীয় নিজেই তৈরি করলেও এখন তিনি ধীরে ধীরে দায়িত্ব কর্মীদের মধ্যে ভাগ করে দিয়েছেন। ব্যবসার বেশির ভাগ আয় আবার ব্যবসার সম্প্রসারণেই বিনিয়োগ করছেন। ফলে আগে বছরে আয় ছিল প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার হলেও, ২০২৬ সালে নিজের জন্য মাত্র ৩৩ হাজার ডলার বেতন নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।    ইয়ুংয়ের ভাষায়, এখন তার জীবনের মূল্যায়ন আয়ের অঙ্কে নয়, প্রতিদিন কী কাজ করছেন এবং সেটি তাকে কতটা তৃপ্তি দিচ্ছে—সেখানেই। তিনি বলেন, ব্যবসার প্রথম বছর টিকে থাকতে পারাই তার কাছে সবচেয়ে বড় অর্জন।   যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষায়িত কফি ও চা-ভিত্তিক ক্যাফের জনপ্রিয়তা বাড়ছে। সেই প্রবণতার মধ্যেই সীমিত মেনু, মানসম্মত উপকরণ এবং গ্রাহক অভিজ্ঞতার ওপর জোর দিয়ে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন মিশেল ইয়ুং। তার এই যাত্রা দেখিয়ে দিচ্ছে, অনেকের কাছে আর্থিক নিরাপত্তার চেয়ে নিজের পছন্দের কাজ থেকে পাওয়া তৃপ্তিই বড় হয়ে উঠতে পারে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২২:৩
দক্ষিণ ওয়েলসে শিশু যৌন নিপীড়নের মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়নের মামলায় ৩ বাংলাদেশি বংশোদ্ভূতসহ আটজন অভিযুক্ত

যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলসে সংঘবদ্ধভাবে শিশুদের যৌন শোষণ ও ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশি বংশোদ্ভূতসহ আট ব্যক্তির বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ধর্ষণের অভিযোগ রয়েছে ১৭টি। প্রায় তিন দশক আগের ঘটনাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত পুলিশের তদন্তের পর অভিযুক্তদের আদালতে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।   ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে সংঘটিত বলে অভিযোগ করা ঘটনাগুলো নিয়ে গোয়েন্ট পুলিশের তদন্তের ভিত্তিতে আটজনের বিরুদ্ধে মামলা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগগুলো আট ভুক্তভোগীর সঙ্গে সম্পর্কিত, যারা ঘটনার সময় শিশু ছিল।   ‘অপারেশন ওক’ নামে এই তদন্ত পরিচালনা করছে গোয়েন্ট পুলিশ। কয়েকজন নারী শৈশবে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। পুলিশ বলছে, এটি দক্ষিণ ওয়েলসে সংঘবদ্ধ শিশু যৌন শোষণের অভিযোগ নিয়ে পরিচালিত জটিল ও দীর্ঘমেয়াদি তদন্ত।   অভিযুক্ত তিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হলেন মোহাম্মদ শেখ আব্দুল হান্নান, শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এবং আমিনুর রহমান চৌধুরী। এডিনবরার বাসিন্দা ৫৪ বছর বয়সী মোহাম্মদ শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক নারীকে ধর্ষণ, ১৬ বছরের কম বয়সী কিশোরীকে ধর্ষণে সহায়তা, অশালীন হামলা এবং ধর্ষণের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।   নিউপোর্টের ৭৩ বছর বয়সী শেখ মোহাম্মদ তাহির উল্লাহর বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। একটি অভিযোগ প্রাপ্তবয়স্ক নারী এবং অন্যটি ১৬ বছরের কম বয়সী কিশোরীকে ঘিরে। লন্ডনের টটেনহামের বাসিন্দা ৫৮ বছর বয়সী আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।   অন্য পাঁচ অভিযুক্ত হলেন শফাক মোহাম্মদ, সৈয়দ মোহাম্মদ আশান তাকভি, কেভিন লরেন্স, শাকিল বাবর ও মুরাদ আলী। তাদের বিরুদ্ধে ধর্ষণ, শিশু যৌন নিপীড়ন এবং অশালীন হামলাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।   ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান কৌঁসুলি জেনি হপকিন্স বলেন, মামলাটি আদালতে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে এবং বিচারিক কার্যক্রম পরিচালনা জনস্বার্থে প্রয়োজন বলে কৌঁসুলিরা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।   গোয়েন্ট পুলিশের ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু টাক বলেন, তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভুক্তভোগীদের সহায়তা করা। বিশেষায়িত সংস্থার সহযোগিতায় তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।   আট অভিযুক্তকে আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবারের মতো হাজির করার কথা রয়েছে। বিচারপ্রক্রিয়া সক্রিয় থাকায় আদালতের কার্যক্রম প্রভাবিত করতে পারে—এমন মন্তব্য, প্রতিবেদন বা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ ও প্রসিকিউশন কর্তৃপক্ষ।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২১:৫৬
জর্ডানে হামলার পর ইরানের সামরিক স্থাপনায় নতুন দফায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
দুই মার্কিন সেনা নিহতের পর ক্ষুব্ধ ট্রাম্প, ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, নিহত সেনারা দেশের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।   মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১৭ জুলাই জর্ডানে অবস্থিত মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। আহত চার সেনাকে জর্ডানের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে তারা ছাড়পত্র পেয়েছেন। আরও কয়েকজন সামান্য আহত হলেও পরে দায়িত্বে ফিরে গেছেন। নিহত সেনাদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সেন্টকম।    হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দেশের জন্য আত্মত্যাগ করা সেনাদের সাহস ও দায়িত্ববোধ কখনও ভুলে যাওয়া হবে না। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন।    মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।    সাম্প্রতিক এই হামলাকে চলমান যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। গত মার্চের পর এটিই ইরানের হামলায় প্রথমবারের মতো মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা বলে সেন্টকম নিশ্চিত করেছে। সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২১:৪৮
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সান ফ্রান্সিসকোর বিভিন্ন এলাকায় ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়ে। ছবি: সংগৃহীত
সিস্টেম ত্রুটিতে সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ছড়ায় ব্ল্যাকআউটের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে শনিবার সকালে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিঅ্যান্ডই)-এর একটি সিস্টেম ত্রুটির কারণে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। শুরুতে প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় সতর্কবার্তায় এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানানো হলেও পরে পিজিঅ্যান্ডই স্পষ্ট করে জানায়, সেটি ছিল প্রযুক্তিগত ত্রুটিজনিত ভুল তথ্য। প্রকৃতপক্ষে প্রায় ৯ হাজার ৪০০ গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন।   স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের কিছু পর এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। শহরের রিচমন্ড, প্রেসিডিওসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় অসংখ্য ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়ে। এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয় এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।  পিজিঅ্যান্ডই জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের আউটেজ রিপোর্টিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ভুলভাবে অনেক বেশি দেখানো হয়েছিল। পরে তথ্য যাচাই করে প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত পরিধি তুলনামূলকভাবে সীমিত ছিল এবং ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়।   বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বয়ংচালিত গাড়ি পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েমোও নিরাপত্তার স্বার্থে সান ফ্রান্সিসকোতে তাদের রাইড সেবা সাময়িকভাবে স্থগিত করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিষ্ঠানটি পুনরায় সেবা চালু করে।  ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয় দমকল বাহিনী শহরের একটি এলাকায় উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে আর্কিং বা বৈদ্যুতিক স্ফুলিঙ্গের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একই সময়ে একটি সাবস্টেশনেও সমস্যা দেখা দিয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   এটি চলতি বছরের মধ্যে সান ফ্রান্সিসকোতে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আলোচিত আরেকটি ঘটনা। গত বছরের ডিসেম্বরে একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে শহরের এক লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। সেই ঘটনার পর বিদ্যুৎ অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও শনিবারের ঘটনায় পিজিঅ্যান্ডই বলছে, এটি মূলত একটি সিস্টেম গ্লিচের কারণে ভুল তথ্য প্রদর্শনের পাশাপাশি সীমিত পরিসরের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ছিল।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২১:৩১
বাফলার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে অতিথিরা। ছবি: সংগৃহীত
বাফলার নবনির্বাচিত কমিটির শপথ, সভাপতি ইলিয়াস শিকদার ও সম্পাদক নাসির জেবুলের নেতৃত্বে নতুন যাত্রা

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা)-এর নবনির্বাচিত ২০২৬–২০২৮ মেয়াদের কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বাফলার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সভাপতি ইলিয়াস এম. শিকদার ও সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুলের নেতৃত্বে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।   অনুষ্ঠানে সদ্যবিদায়ী কমিটির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ার ড. রুবিনা নাজিব নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, ২০১০ সালে লস অ্যাঞ্জেলেসের ২৯টি বাংলাদেশি সংগঠনকে নিয়ে বাফলা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি জোরদারে কাজ করে আসছে।   নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি দাউদ বাফাতিয়া, ফাইন্যান্স সেক্রেটারি ড. রাসেল মাহমুদ জুয়েল, অর্গানাইজিং সেক্রেটারি খোরশেদ আলম রতন, পাবলিক রিলেশনস অফিসার মাসুক আল হোসাইন এবং কালচারাল সেক্রেটারি সায়লা রুমি।   শপথ গ্রহণের পর বক্তব্যে সভাপতি ইলিয়াস এম. শিকদার সদ্যবিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাফলা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।   সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল বলেন, বাংলাদেশ ডে প্যারেডসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে। এ সময় নতুন কমিটির অন্যান্য সদস্যরাও কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার করেন।   অনুষ্ঠানের একপর্যায়ে সদ্যবিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাফলা লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির স্বার্থ, ঐক্য, সম্প্রীতি ও সার্বিক কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২১:২
চীনা মানবাধিকার আইনজীবী উ শাওপিং। ছবি: সংগৃহীত
পেনসিলভানিয়ায় অ্যামাজনের পার্সেল পৌঁছে দেওয়ার সময় আইস এর হাতে আটক চীনা মানবাধিকার আইনজীবী

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অ্যামাজনের পার্সেল সরবরাহের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর হাতে আটক হয়েছেন চীনের মানবাধিকার আইনজীবী উ শাওপিং। তাঁর এসাইলাম আবেদন এখনো বিচারাধীন থাকলেও তাঁকে আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও চীনা ভিন্নমতাবলম্বীরা।   দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কাম্বারল্যান্ড কাউন্টির মাউন্ট হলি স্প্রিংস এলাকায় অ্যামাজনের পার্সেল পৌঁছে দেওয়ার সময় আইস কর্মকর্তারা উ শাওপিংকে থামান। তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা তাঁর নাগরিকত্বের প্রমাণ চাইলে তিনি বিচারাধীন আশ্রয় আবেদনের নথি দেখিয়ে জানান যে তিনি বৈধভাবে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেন। এরপরও তাঁকে আটক করে পেনসিলভানিয়ার একটি অভিবাসন আটককেন্দ্রে নেওয়া হয়।    উ শাওপিং ২০১৯ সালের শেষ দিকে চীনে মানবাধিকার আইনজীবীদের ওপর ব্যাপক দমন-পীড়নের সময় দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আসেন। ২০২০ সালে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যার নিষ্পত্তি এখনো হয়নি। এ সময় তিনি জীবিকা নির্বাহের জন্য অ্যামাজনের ডেলিভারি কর্মী হিসেবে কাজ করছিলেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত চীনা মানবাধিকারকর্মীদের বিভিন্ন কার্যক্রমেও যুক্ত ছিলেন।    চীনে থাকাকালে উ শাওপিং ধর্মীয় সংখ্যালঘু, ফালুন গং অনুসারী এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের জিয়ামেনে মানবাধিকারকর্মীদের একটি বৈঠকে অংশ নেওয়ার পর সেখানে উপস্থিত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে দুই বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ডিং জিয়াশি ও শু ঝিয়ং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দণ্ডিত হন। ওই ঘটনার পরপরই উ শাওপিং যুক্তরাষ্ট্রে চলে আসেন।    উ শাওপিংয়ের স্ত্রী গণমাধ্যমকে বলেন, তাঁর স্বামী সবসময় চীনের সাধারণ মানুষের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। কর্তৃত্ববাদী ব্যবস্থার সমালোচনার কারণেই তিনি নিপীড়নের শিকার হন এবং শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন।    দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উ শাওপিংয়ের অভিবাসন আদালতে পরবর্তী শুনানির তারিখ ২৭ জুলাই নির্ধারিত রয়েছে। তাঁর সমর্থকদের আশঙ্কা, তাঁকে যদি চীনে ফেরত পাঠানো হয়, তাহলে সেখানে তিনি কারাবাসসহ গুরুতর নিপীড়নের মুখে পড়তে পারেন।    এ ঘটনার বিষয়ে আইস এখন পর্যন্ত বিস্তারিত কোনো প্রকাশ্য ব্যাখ্যা দেয়নি। ঘটনাটি যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের আটক এবং অভিবাসন প্রয়োগ নীতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২০:৫৫
আলাস্কার আনান ক্রিকে পর্যটকদের সামনে এসে দাঁড়ায় 'স্কুবা সু' নামে পরিচিত গ্রিজলি ভালুক। ছবি: সংগৃহীত
আলাস্কার জঙ্গলে হঠাৎ পথ আটকাল ক্ষুধার্ত গ্রিজলি ভালুক, শান্ত থেকে বিপদ এড়ালেন তিন হাইকার

আলাস্কার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় হাঁটার সময় হঠাৎই একটি গ্রিজলি ভালুকের মুখোমুখি হয়ে পড়েন তিনজন পর্যটক। কয়েক মুহূর্তের সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কিত হয়ে দৌড় না দিয়ে পার্ক রেঞ্জারদের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই নিরাপদে ফিরতে সক্ষম হন তারা।   ঘटनাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলের আনান ক্রিক ওয়াইল্ডলাইফ অবজারভেটরিতে। এলাকাটি প্রতিবছর গোলাপি স্যামন মাছের প্রজনন মৌসুমে কালো ও বাদামি (গ্রিজলি) ভালুকের বিচরণের জন্য পরিচিত। পর্যটকরা সেখানে ভালুকের স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে যান। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. মিশেল লিন থ্যালার জানান, তারা প্রথমে নদীর ধারে কয়েকটি কালো ভালুক দেখছিলেন। পরে ফেরার পথে একটি বাঁক ঘুরতেই আচমকা 'স্কুবা সু' নামে পরিচিত একটি পূর্ণবয়স্ক গ্রিজলি ভালুকের মুখোমুখি হন।   ভিডিওতে দেখা যায়, ভালুকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। পথটি ছিল অত্যন্ত সরু এবং পাশ দিয়ে সরে যাওয়ার মতো পর্যাপ্ত জায়গাও ছিল না। এমন পরিস্থিতিতে তারা আতঙ্কিত না হয়ে শান্তভাবে ভালুকের সঙ্গে কথা বলতে থাকেন এবং ধীরে ধীরে পিছিয়ে গিয়ে তাকে চলার জন্য পথ ছেড়ে দেন। পর্যটক তানিয়া থম্পসন বলেন, প্রথম মুহূর্তে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তবে রেঞ্জারদের দেওয়া পরামর্শ মনে পড়তেই তারা নিজেদের বড় দেখানোর চেষ্টা করেন, শান্ত কণ্ঠে কথা বলতে থাকেন এবং ভালুককে বিরক্ত না করে ধীরে ধীরে সরে যান।   আরেক পর্যটক টনি কুতরারো জানান, ভ্রমণ শুরুর আগে পার্ক রেঞ্জাররা তাদের ভালুকের এলাকায় চলাচলের নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলেন। পথে আগেই তারা ভালুকের উপস্থিতির বিভিন্ন চিহ্নও দেখেছিলেন। সেই প্রস্তুতিই সংকটময় মুহূর্তে কাজে এসেছে। ড. থ্যালার আরও বলেন, এ বছর স্যামন মাছের আগমন স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা দেরিতে হওয়ায় ভালুকগুলো খাবারের অপেক্ষায় ছিল। এতে তাদের আচরণ আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত 'স্কুবা সু' কোনো আক্রমণ না করে নিজের পথেই চলে যায়।   মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিসের নির্দেশনা অনুযায়ী, বন্য পরিবেশে ভালুকের মুখোমুখি হলে দৌড়ে পালানোর চেষ্টা করা উচিত নয়। শান্তভাবে কথা বলে ভালুককে বোঝাতে হবে যে সামনে মানুষ রয়েছে, স্থির থাকতে হবে এবং সুযোগ থাকলে ধীরে ধীরে তাকে পথ ছেড়ে দিতে হবে। হঠাৎ দৌড়ানো বা চিৎকার করলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।   আনান ক্রিক ওয়াইল্ডলাইফ অবজারভেটরি আলাস্কার অন্যতম জনপ্রিয় বন্যপ্রাণী পর্যবেক্ষণ কেন্দ্র। প্রতি বছর জুলাই ও আগস্ট মাসে বিপুল সংখ্যক স্যামন মাছ নদীতে ফিরে আসে, আর সেই মাছ ধরতেই সেখানে কালো ও গ্রিজলি উভয় প্রজাতির ভালুকের সমাগম ঘটে। এ কারণে দর্শনার্থীদের প্রবেশের আগে বাধ্যতামূলক নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২০:৪৮
মিয়ামির জেমস এল নাইট সেন্টারের বাইরে গ্রেপ্তার হওয়ার পর প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যান্ড্রু ও ক্রিস্টান টেটকে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কিত ব্যক্তিত্ব এবং তথাকথিত ‘ম্যানোস্ফিয়ার’ ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি থেকে গ্রেপ্তার করেছে মার্কিন মার্শাল সার্ভিস। যুক্তরাজ্যে তাদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ, মানবপাচার এবং সংশ্লিষ্ট একাধিক ফৌজদারি অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।   বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার মিয়ামিতে তাদের আটক করা হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা আদালতের নির্দেশে সিলগালা থাকায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত প্রকাশ করেনি। প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের সময় অ্যান্ড্রু টেট মিয়ামির জেমস এল. নাইট সেন্টারে একটি বেয়ার-নাকল বক্সিং ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।   এদিকে যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) শনিবার জানিয়েছে, টেট ভাইদের বিরুদ্ধে নতুন করে আরও গুরুতর অভিযোগ অনুমোদন করা হয়েছে। নতুন অভিযোগে চারজন নতুন অভিযোগকারীর ঘটনার ভিত্তিতে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে সাতটি অতিরিক্ত ধর্ষণের অভিযোগসহ মানবপাচার ও অন্যান্য অপরাধের অভিযোগ যুক্ত হয়েছে। ট্রিস্টান টেটের বিরুদ্ধেও নতুন ধর্ষণ, যৌন নিপীড়ন ও মানবপাচার-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়েছে।   ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর এখন তাদের যুক্তরাজ্যে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তবে প্রত্যর্পণের বিষয়ে শেষ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশে আইনি জটিলতায় রয়েছেন। ২০২২ সালে রোমানিয়ায় মানবপাচার, ধর্ষণ এবং সংঘবদ্ধ অপরাধী চক্র পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মামলার বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে তারা জামিন ও ভ্রমণের সীমিত অনুমতি পান। সেই মামলায়ও তারা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।   যুক্তরাজ্যেও তাদের বিরুদ্ধে আগে থেকেই ধর্ষণ, মানবপাচার এবং হামলাসহ একাধিক অভিযোগ অনুমোদিত ছিল। সম্প্রতি নতুন অভিযোগ যুক্ত হওয়ায় মামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে। প্রসিকিউশন কর্তৃপক্ষ বলছে, বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় মামলার বিষয়ে জনসমক্ষে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে বিচার প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত না হয়।   অন্যদিকে টেট ভাইদের আইনজীবীরা বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা নির্দোষ এবং আদালতেই নিজেদের অবস্থান প্রমাণ করবেন।   বর্তমানে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষা চলছে। মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ২০:৩৫
কোলাজ: আমেরিকা বাংলা
মার্কিন কংগ্রেস সদস্য আয়ান্না প্রেসলির স্বামীর বাড়িতে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ, তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আয়ান্না প্রেসলির স্বামীর মালিকানাধীন একটি বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (স্থানীয় সময়) বোস্টনের মাটাপ্যান এলাকার ২৫ মাল্টা স্ট্রিটের ওই বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বোস্টন পুলিশের মুখপাত্র জেমস মোসিয়া সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, দুপুর ১টা ৫২ মিনিটে ওই বাড়িতে এক ব্যক্তিকে তদন্ত করার জন্য পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পায়।   প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশের হোমিসাইড বা হত্যা তদন্ত ইউনিট বর্তমানে পুরো ঘটনাটির তদন্ত করছে বলে নিশ্চিত করেছেন মোসিয়া। শনিবার সন্ধ্যায় বাড়িটির বাইরে বোস্টন পুলিশের টহল গাড়ি অবস্থান করতে দেখা যায় এবং পুরো ঘটনাস্থলটি লাল ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। বোস্টন শহরের সম্পত্তি নিবন্ধনের তথ্য অনুযায়ী, এই বাড়িটির বর্তমান মালিক আয়ান্না প্রেসলির স্বামী কোনান হ্যারিস। ১৯১০ সালে নির্মিত দুই তলা ও সাত বেডরুমের বিলাসবহুল এই বাড়িটির দাপ্তরিক মূল্য ৯ লাখ ১৯ হাজার ডলার হলেও, বর্তমানে এটি ১১ লাখ ৫০ হাজার ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে।   চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে মন্তব্য জানতে সংবাদমাধ্যম সিবিএস নিউজের পক্ষ থেকে আয়ান্না প্রেসলির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ডেমোক্র্যাট নেত্রী আয়ান্না প্রেসলি ২০১৮ সালের প্রাইমারি নির্বাচনে তৎকালীন দীর্ঘকালীন কংগ্রেস সদস্য মাইকেল ক্যাপুয়ানোকে পরাজিত করে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ১৯:৩০
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম ও সুদের চাপে স্বপ্নভঙ্গ বহু প্রবাসী বাংলাদেশির I ছবি: সংগৃহীত
লকডাউনে বুঝেছিলেন নিজের বাড়ির প্রয়োজন, এখন দাম-সুদের চাপে অধরাই বহু প্রবাসী বাংলাদেশির সেই স্বপ্ন

কোভিড-১৯ মহামারির আগে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক বাংলাদেশি পরিবারের কাছে নিজের বাড়ি কেনা ছিল ভবিষ্যতের পরিকল্পনা, জরুরি প্রয়োজন নয়। তুলনামূলক কম দামে বাড়ি কেনার সুযোগ থাকলেও অনেকেই ভাড়া বাসায় থাকাকেই স্বস্তিদায়ক মনে করতেন। কিন্তু ২০২০ সালের লকডাউন সেই ধারণা বদলে দেয়। মাসের পর মাস ঘরে বন্দি জীবন, বাড়ি থেকে কাজ, সন্তানদের অনলাইন ক্লাস এবং সীমিত জায়গায় বসবাসের অভিজ্ঞতা অনেক পরিবারকে উপলব্ধি করায়—নিজস্ব একটি বাড়ি শুধু বিনিয়োগ নয়, জীবনযাত্রার মানেরও গুরুত্বপূর্ণ অংশ।   কিন্তু যখন অসংখ্য প্রবাসী বাংলাদেশি বাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন, তখন আবাসন বাজারের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। বাড়ির দাম দ্রুত বেড়েছে, মর্টগেজ সুদের হারও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে যাদের কয়েক বছর আগে বাড়ি কেনার সুযোগ ছিল, তাদের অনেকেই এখন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না।   যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত শহর—নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার অনেক এলাকায় কোভিড-পূর্ব সময়ের তুলনায় বাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক এলাকায় ২০২০ সালের আগে প্রায় ৩ লাখ ডলারে বিক্রি হওয়া বাড়ির মূল্য এখন ৫ থেকে ৬ লাখ ডলারের কাছাকাছি পৌঁছেছে। যদিও সব বাজারে একই হারে মূল্য বৃদ্ধি হয়নি, তবে জনপ্রিয় আবাসিক এলাকাগুলোর অধিকাংশেই বাড়ির দাম এবং মাসিক মর্টগেজ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।    যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক পরিবার এখন আর ডাউন পেমেন্ট নয়, বরং মাসিক মর্টগেজ কিস্তির হিসাব করেই পিছিয়ে যাচ্ছেন। উচ্চ সুদের কারণে একই দামের বাড়ির মাসিক কিস্তি কয়েক বছর আগের তুলনায় শত শত ডলার বেশি পড়ছে।   আটলান্টাপ্রবাসী এক সফটওয়্যার প্রকৌশলী বলেন, “কোভিডের আগে যে বাড়িটি কেনার সুযোগ ছিল, এখন সেই একই বাড়ি কিনতে গেলে মাসিক কিস্তিই আমার বাজেটের বাইরে চলে যায়। তখন সিদ্ধান্ত নিতে দেরি করেছি, এখন সামর্থ্য থাকলেও বাজার আর আগের জায়গায় নেই।”   আবাসন বাজার বিশ্লেষকদের মতে, কোভিডের সময় কম সুদের হার এবং বাড়ি থেকে কাজের প্রবণতা লাখো পরিবারকে বাড়ি কেনার বাজারে নিয়ে আসে। কিন্তু একই সময়ে নতুন বাড়ির সরবরাহ সেই চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি। ফলে বাড়ির দাম দ্রুত বাড়তে শুরু করে এবং অনেক এলাকায় একাধিক ক্রেতার প্রতিযোগিতায় বিক্রয়মূল্য আরও বেড়ে যায়।    ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস (NAR)-এর প্রধান অর্থনীতিবিদ ড. লরেন্স ইউনের মতে, যুক্তরাষ্ট্রে এখনও আবাসনের অন্যতম বড় সমস্যা হলো পর্যাপ্ত বাড়ির সরবরাহ না থাকা। তার ভাষায়, ক্রেতাদের জন্য আগের চেয়ে কিছুটা বেশি বিকল্প তৈরি হলেও বাজার এখনও পুরোপুরি কোভিড-পূর্ব অবস্থায় ফেরেনি। তাই অনেক এলাকায় আবাসনের সংকট এখনো রয়ে গেছে।    বর্তমানে অনেক প্রবাসী বাংলাদেশির মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—যদি ভবিষ্যতে মর্টগেজ সুদের হার কমে, তাহলে কি বাড়ি কেনা সহজ হবে?   অর্থনীতিবিদদের মতে, উত্তরটি এতটা সহজ নয়। এনএআরের সিনিয়র অর্থনীতিবিদ নাদিয়া ইভানজেলো বলেন, মর্টগেজ সুদের হার ১ শতাংশ কমলে প্রায় ৫৫ লাখ অতিরিক্ত পরিবার বাড়ি কেনার যোগ্য হয়ে উঠতে পারে। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, পর্যাপ্ত বাড়ির সরবরাহ না বাড়লে নতুন ক্রেতাদের এই ঢল আবারও দামের ওপর চাপ সৃষ্টি করবে। অর্থাৎ সুদের হার কমলেও প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বাড়ির দাম আরও বাড়তে পারে।    এ কারণেই অনেক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ মনে করেন, শুধু সুদের হার কমার অপেক্ষায় বসে থাকলে কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে। বাজারে যদি ক্রেতার সংখ্যা বাড়ে কিন্তু বিক্রির জন্য বাড়ির সংখ্যা সেই অনুপাতে না বাড়ে, তাহলে দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকবে।   অন্যদিকে তুলনামূলক কম দামের শহর বা ছোট শহরগুলোতে এখনও কিছুটা সাশ্রয়ী মূল্যে বাড়ি পাওয়া গেলেও অনেক প্রবাসী বাংলাদেশি সেখানে যেতে আগ্রহী নন। কারণ এসব এলাকায় ভালো স্কুল, বাংলাদেশি কমিউনিটি, মসজিদ, হালাল গ্রোসারি কিংবা পেশাগত সুযোগ-সুবিধা তুলনামূলক কম। ফলে কম দামে বাড়ি পাওয়া গেলেও জীবনযাত্রার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় অনেক পরিবার জনপ্রিয় শহরগুলোতেই থাকতে চান।   ড. লরেন্স ইউনও মনে করেন, আবাসন বাজারকে দীর্ঘমেয়াদে স্বাভাবিক করতে হলে নতুন বাড়ির নির্মাণ বাড়ানো এবং সরবরাহ বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই। তার মতে, শুধু সুদের হার কমানো নয়, বাজারে আরও বেশি বাড়ি আসাটাই ভবিষ্যতে ক্রেতাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির কারণ হতে পারে।    রিয়েল এস্টেট বিশ্লেষকদের মতে, যারা আগামী কয়েক বছরের মধ্যে বাড়ি কিনতে চান, তাদের এখন থেকেই ডাউন পেমেন্টের জন্য সঞ্চয়, ক্রেডিট স্কোর উন্নত করা এবং বাজারের পরিবর্তনের ওপর নিয়মিত নজর রাখা উচিত। কারণ আবাসন বাজারে সঠিক সময়ে প্রস্তুত থাকাই অনেক সময় সবচেয়ে বড় বিনিয়োগের সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ১৯:১০
জর্ডানে সেনা নিহতের জেরে ট্রাম্পের নির্দেশে ইরানে মার্কিন হামলা I ছবি: সংগৃহীত
জর্ডানে সেনা নিহতের জেরে ট্রাম্পের নির্দেশে ইরানে মার্কিন হামলা

জর্ডানে মার্কিন সেনা নিহতের জেরে এবার সরাসরি ইরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।   ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।   সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, গত রাতে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের হত্যার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে দায়ী করা হয়েছে এবং তাদের এই কর্মকাণ্ডের 'দ্রুত শাস্তি' নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   পাশাপাশি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে হুমকি সৃষ্টির যে সক্ষমতা ইরানের রয়েছে, তা আরও দুর্বল করে দেওয়াই এই বিমান হামলার অন্যতম প্রধান লক্ষ্য।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ১৮:৫৭
লিংকডইনে হাজারো চাকরির বিজ্ঞাপন, তবুও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া I ছবি: সংগৃহীত
লিংকডইনে হাজারো চাকরি, তবুও মিলছে না সাড়া: আইটি পেশাজীবীরা কীভাবে বাড়াবেন চাকরি পাওয়ার সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে চাকরির বাজার আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দ্রুত বিস্তার, বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যয় সংকোচন, ধারাবাহিক কর্মী ছাঁটাই এবং নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইঞ্জিনিয়ার, ডেভঅপস, ডেটা ও অন্যান্য আইটি পেশাজীবীদের জন্য চাকরি পাওয়া এখন আরও কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় লিংকডইনে হাজার হাজার চাকরির বিজ্ঞাপন থাকলেও অনেক আবেদনকারী মাসের পর মাস কোনো সাড়া পাচ্ছেন না।   কর্মসংস্থান নিয়ে কাজ করেন এমন পেশাজীবীদের মতে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। কিছু ক্ষেত্রে তথাকথিত “ঘোস্ট জব” অর্থাৎ এমন চাকরির বিজ্ঞাপন, যেগুলো সক্রিয়ভাবে নিয়োগের জন্য নয় বা পদ পূরণ হয়ে যাওয়ার পরও সরানো হয়নি প্রার্থীদের বিভ্রান্ত করে। তবে এর অর্থ এই নয় যে লিংকডইনের সব চাকরির বিজ্ঞাপন ভুয়া। অনেক ক্ষেত্রেই তীব্র প্রতিযোগিতা, স্বয়ংক্রিয় আবেদন বাছাই ব্যবস্থা ATS এবং দুর্বল আবেদনপত্রের কারণেও যোগ্য প্রার্থীরা প্রাথমিক পর্যায়েই বাদ পড়ে যান।   বিশেষজ্ঞদের মতে, বর্তমান চাকরির বাজারে শুধু বেশি আবেদন করলেই হবে না; প্রতিটি আবেদন হতে হবে পরিকল্পিত, লক্ষ্যভিত্তিক এবং মানসম্মত।   ডেলয়েট সার্ভিসেস এলপির ট্রানজিশন অ্যাসিস্ট্যান্স ম্যানেজার আইলিন ব্যাক্সটার বলেন, সব চাকরির জন্য একই রেজুমে ব্যবহার করার সময় এখন আর নেই। প্রতিটি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে মিল রেখে রেজুমে কাস্টমাইজ করা উচিত। তার মতে, নিয়োগকারী বা হায়ারিং ম্যানেজাররা সাধারণত মাত্র ৬ থেকে ১০ সেকেন্ড সময় নিয়ে একটি রেজুমে প্রাথমিকভাবে মূল্যায়ন করেন। তাই আবেদনকারীর গুরুত্বপূর্ণ দক্ষতা, অভিজ্ঞতা এবং অর্জন এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে অল্প সময়েই সেগুলো স্পষ্টভাবে নজরে আসে।   একই প্রতিষ্ঠানের ক্যাম্পাস রিক্রুটিং স্পেশালিস্ট সোফিয়া ফানুচ্চি বলেন, চাকরির জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের চাহিদা ভালোভাবে বিশ্লেষণ করে সেই অনুযায়ী রেজুমে প্রস্তুত করা জরুরি। পাশাপাশি সাক্ষাৎকারে রেজুমেতে উল্লেখ করা প্রতিটি অভিজ্ঞতা ও অর্জন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাখ্যা করার প্রস্তুতিও থাকতে হবে। তার মতে, ভালো প্রস্তুতি ও লক্ষ্যভিত্তিক আবেদনই একজন প্রার্থীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে পারে।   চাকরির জন্য আবেদন করার আগে প্রথমেই যাচাই করা উচিত, বিজ্ঞাপনটি সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ক্যারিয়ার ওয়েবসাইটেও রয়েছে কি না। যদি একই পদ সেখানে সক্রিয় অবস্থায় থাকে, তাহলে সেটি সাধারণত বেশি নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। অনেক ক্ষেত্রে সরাসরি কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলে সেটি নিয়োগকারীদের কাছে বেশি গুরুত্বও পায়।   একই জীবনবৃত্তান্ত বা রেজুমে দিয়ে শত শত চাকরিতে আবেদন করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি চাকরির বিবরণ মনোযোগ দিয়ে পড়ে সেই অনুযায়ী রেজুমে হালনাগাদ করা উচিত। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দক্ষতা, প্রযুক্তি বা সফটওয়্যারের সঙ্গে আবেদনকারীর বাস্তব অভিজ্ঞতা থাকলে তা রেজুমেতে স্পষ্টভাবে তুলে ধরা জরুরি। এতে ATS সফটওয়্যার এবং নিয়োগকারী উভয়ের কাছেই আবেদনটি বেশি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বাড়ে।   সম্ভব হলে প্রতিটি আবেদনের সঙ্গে আলাদা কভার লেটার যুক্ত করা উচিত। সেখানে কেন ওই প্রতিষ্ঠানে কাজ করতে চান এবং কীভাবে নিজের অভিজ্ঞতা চাকরির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা সংক্ষেপে তুলে ধরলে ইতিবাচক প্রভাব পড়ে।   বর্তমান চাকরির বাজারে একটি শক্তিশালী লিংকডইন প্রোফাইলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোফাইলে সর্বশেষ কর্ম-অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, প্রকল্প, অর্জন এবং সার্টিফিকেশন হালনাগাদ রাখা উচিত। অনেক নিয়োগকারী আবেদনকারীর রেজুমে দেখার আগেই তার লিংকডইন প্রোফাইল পর্যালোচনা করেন।   সফটওয়্যার ডেভেলপার, টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য প্রযুক্তি পেশাজীবীদের জন্য গিটহাব, ব্যক্তিগত পোর্টফোলিও বা প্রযুক্তিগত প্রকল্পের লিংক যুক্ত করা বড় সুবিধা হতে পারে। বাস্তব প্রকল্পে কাজের নমুনা নিয়োগকারীর কাছে আবেদনকারীর দক্ষতার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।   নিয়োগকারী বা রিক্রুটারের ইমেইলের জবাবও পেশাদারভাবে দেওয়া উচিত। ইমেইলের ভাষা সংক্ষিপ্ত, ভদ্র ও আগ্রহপূর্ণ হওয়া জরুরি। পাশাপাশি একটি মানসম্মত ইমেইল সিগনেচারে নিজের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, লিংকডইন প্রোফাইল এবং প্রয়োজন হলে পোর্টফোলিও বা গিটহাবের লিংক যুক্ত রাখা ভালো।   চাকরির বাজারে পেশাগত সার্টিফিকেশনের গুরুত্বও বেড়েছে। অনেক অভিজ্ঞ পেশাজীবী বছরের পর বছর কাজ করলেও কোনো প্রযুক্তিনির্ভর বা পেশাগত সার্টিফিকেট অর্জন করেননি। কিন্তু বর্তমানে AWS, Microsoft Azure, Google Cloud, ISTQB, Scrum, PMP, CompTIA, Cisco, Salesforce কিংবা সংশ্লিষ্ট প্রযুক্তির স্বীকৃত সার্টিফিকেশন অনেক ক্ষেত্রে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যে পেশায় কাজ করছেন, সেই ক্ষেত্রের প্রাসঙ্গিক সার্টিফিকেট অর্জন এখন আর অতিরিক্ত যোগ্যতা নয়; বরং প্রতিযোগিতায় এগিয়ে থাকার গুরুত্বপূর্ণ উপায়।   লিংকডইনে পূর্বের ম্যানেজার, টিম লিড বা সহকর্মীদের কাছ থেকে রেকমেন্ডেশন সংগ্রহ করাও আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা বাড়ায়। বাস্তব কর্ম-অভিজ্ঞতার প্রশংসাসূচক মন্তব্য অনেক সময় নিয়োগকারীর কাছে ইতিবাচক ধারণা তৈরি করে।   শুধু লিংকডইনের ওপর নির্ভর না করে Indeed, Dice, Monster এবং অন্যান্য নির্ভরযোগ্য চাকরির প্ল্যাটফর্মেও নিয়মিত সক্রিয় থাকা উচিত। প্রোফাইল ও রেজুমে নিয়মিত হালনাগাদ করলে অনেক প্ল্যাটফর্মে আবেদনকারীর প্রোফাইল সার্চ ফলাফলে বেশি দেখা যায়।   এ ছাড়া পেশাগত নেটওয়ার্কিং এখন আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। সাবেক সহকর্মী, ম্যানেজার, রিক্রুটার কিংবা একই পেশার অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, প্রযুক্তিভিত্তিক অনলাইন কমিউনিটিতে অংশ নেওয়া এবং ভার্চুয়াল বা সরাসরি নেটওয়ার্কিং ইভেন্টে অংশগ্রহণ করলে নতুন চাকরির সুযোগ সম্পর্কে দ্রুত জানা যায়।   বিশেষজ্ঞদের মতে, বর্তমান চাকরির বাজারে সফল হতে শুধু বেশি আবেদন করাই যথেষ্ট নয়। প্রতিটি আবেদনকে লক্ষ্যভিত্তিক, মানসম্মত ও তথ্যসমৃদ্ধ করতে হবে। হালনাগাদ রেজুমে, শক্তিশালী লিংকডইন প্রোফাইল, প্রাসঙ্গিক সার্টিফিকেশন, পেশাদার যোগাযোগ এবং ধারাবাহিক দক্ষতা উন্নয়নের সমন্বয়ই চাকরি পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।

প্রকাশ : জুলাই ১৮, ২০২৬ ১৮:৩৩