- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
নিউইয়র্ক সিটিতে সার্বজনীন শিশু যত্নসেবা কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও জবাবদিহিমূলক করতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। নতুন আইনের আওতায় শহরে স্থায়ীভাবে অফিস অব চাইল্ড কেয়ার প্রতিষ্ঠা করা হবে, যা শিশু পরিচর্যা কর্মসূচির বাস্তবায়ন, তদারকি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। ৩০ জুন জানানো হয়, বিলটির প্রধান উদ্যোক্তা ছিলেন কাউন্সিল সদস্য জেনিফার গুতিয়েরেজ এবং কেভিন সি. রাইলি। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটির শিশু পরিচর্যা সেবা বিভিন্ন সংস্থা ও কর্মসূচির মধ্যে ছড়িয়ে থাকায় পরিবার এবং সেবাদানকারী প্রতিষ্ঠান উভয়কেই নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। নতুন অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন সিটি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হবে। পাশাপাশি শিশু পরিচর্যা সংক্রান্ত তথ্য ও সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো, যেসব এলাকায় শিশু পরিচর্যা সেবার ঘাটতি রয়েছে তা চিহ্নিত করা, বাড়িভিত্তিক ও কেন্দ্রভিত্তিক শিশু পরিচর্যা প্রদানকারীদের সহায়তা দেওয়া এবং শিশুদের প্রাথমিক বিকাশের পুরো সময়জুড়ে ধারাবাহিক পরিচর্যা নিশ্চিত করার কাজ করবে নতুন দপ্তর। শৈশবকালীন শিক্ষা বিষয়ক উপকমিটির চেয়ার জেনিফার গুতিয়েরেজ বলেন, সার্বজনীন শিশু পরিচর্যা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতির পাশাপাশি আইনি জবাবদিহিতাও প্রয়োজন। এই আইন নতুন অফিসটিকে স্থায়ী ভিত্তি দেবে এবং ভবিষ্যতে প্রশাসন পরিবর্তন হলেও এর কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, একজন অভিভাবক এবং শিক্ষা বিষয়ক উপকমিটির চেয়ার হিসেবে সার্বজনীন শিশু পরিচর্যা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। কাউন্সিল সদস্য কেভিন সি. রাইলি বলেন, প্রতিটি শিশুর শেখা, বেড়ে ওঠা এবং বিকাশের সমান সুযোগ থাকা উচিত। কোনো পরিবারের আয় কিংবা বসবাসের এলাকার ভিত্তিতে সেই সুযোগ নির্ধারিত হওয়া উচিত নয়। তাঁর মতে, স্থায়ী অফিস প্রতিষ্ঠার মাধ্যমে শহর এমন একটি শিশু পরিচর্যা ব্যবস্থা গড়ে তুলতে পারবে, যা নিউইয়র্কের সব পরিবারের জন্য কার্যকর হবে। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, নিউইয়র্কের বহু পরিবার এখনও সাশ্রয়ী ও মানসম্মত শিশু পরিচর্যা সেবা পেতে সংগ্রাম করছে। স্থায়ী অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বয়, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সার্বজনীন শিশু পরিচর্যার লক্ষ্য অর্জন আরও সহজ হবে। শিক্ষা কমিটির চেয়ার এরিক ডিনোভিটজ বলেন, একজন সাবেক শিক্ষক হিসেবে তিনি জানেন, মানসম্মত ও সাশ্রয়ী শিশু পরিচর্যার সুযোগ একটি শিশুর ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই আইন শহরকে আরও সমন্বিত ও কার্যকর শিশু পরিচর্যা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। মেয়রের কার্যালয়ের প্রতিক্রিয়ায় বলা হয়, মেয়রের শিশু পরিচর্যা ও প্রারম্ভিক শৈশব শিক্ষা বিষয়ক অফিসের নির্বাহী পরিচালক এমি লিস বলেছেন, সার্বজনীন শিশু পরিচর্যা সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি সংস্থা, সেবাদানকারী প্রতিষ্ঠান, কমিউনিটি নেতা এবং অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই বিল পাস হওয়াকে প্রশাসন ও সিটি কাউন্সিলের যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। নিউ ইয়র্কার্স ইউনাইটেড ফর চাইল্ড কেয়ারের নির্বাহী পরিচালক রেবেকা বেইলিন বলেন, বর্তমানে নিউইয়র্কে একজন অভিভাবককে প্রতিটি সন্তানের জন্য বছরে গড়ে ২৩ হাজার ডলারেরও বেশি শিশু পরিচর্যা ব্যয় বহন করতে হয়, যা অনেক ক্ষেত্রে বাড়িভাড়ার সমান। তাঁর মতে, বিনামূল্যের সার্বজনীন শিশু পরিচর্যা এখন পরিবারের জন্য অপরিহার্য প্রয়োজন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্য যখন প্রারম্ভিক শৈশব শিক্ষা ও শিশু পরিচর্যায় ঐতিহাসিক বিনিয়োগ বাড়াচ্ছে, তখন এই আইন সিটি চার্টারে অফিস অব চাইল্ড কেয়ার-কে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতেও সার্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচির বাস্তবায়ন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, প্রশাসন পরিবর্তন হলেও।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য রানি ক্যামিলা শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তরুণদের মধ্যে পাঠাভ্যাস বিস্তারের লক্ষ্য নিয়ে বিশ্বখ্যাত লেখক জে. কে. রাউলিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে সেই সাক্ষাতের ছবি রাজপরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজপরিবার জানায়, স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত ওই বৈঠকে শিশুদের সাক্ষরতা বৃদ্ধি, বইয়ের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন রানি ক্যামিলা ও জে. কে. রাউলিং। উভয়েই দীর্ঘদিন ধরে শিশুদের পাঠাভ্যাস উন্নয়নে কাজ করে আসছেন।কিন্তু ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের ব্যবহারকারী এর তীব্র সমালোচনা করেন। তাদের দাবি, প্রাইড মাসে এমন একজন লেখকের সঙ্গে রাজপরিবারের প্রকাশ্য সাক্ষাৎ বিতর্কের জন্ম দেবে, কারণ জে. কে. রাউলিং অতীতে ট্রান্সজেন্ডার ইস্যুতে দেওয়া মন্তব্যের কারণে বহুবার সমালোচিত হয়েছেন। রাউলিং এর আগে একাধিকবার বলেছেন, তিনি ট্রান্সজেন্ডার নারীকে জৈবিক অর্থে নারী হিসেবে মনে করেন না। তাঁর এসব মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তবে লেখিকার দাবি, তিনি নারীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন এবং কাউকে ঘৃণা করার উদ্দেশ্যে এসব মন্তব্য করেননি। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রানি ক্যামিলার সিদ্ধান্তের সমর্থনও জানিয়েছেন। তাদের মতে, জে. কে. রাউলিং বিশ্বের অন্যতম জনপ্রিয় শিশুতোষ সাহিত্যিক এবং শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। তাই শিশুদের সাক্ষরতা নিয়ে বৈঠককে রাজনৈতিক বা সামাজিক বিতর্কের সঙ্গে না জড়ানোর আহ্বানও জানিয়েছেন অনেকে। এ ঘটনায় ব্রিটিশ রাজপরিবার কিংবা জে. কে. রাউলিং কেউই সমালোচনার বিষয়ে আলাদা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ ও বসতি সম্প্রসারণ নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি মন্ত্রীরা যে পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন, এই সপ্তাহে তার বাস্তবায়নের বিভিন্ন লক্ষণ দৃশ্যমান হয়েছে বলে আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একই সময়ে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানিয়েছে, ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে বলে তারা প্রমাণ পেয়েছে এবং এটি গণহত্যার উদ্দেশ্যের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ সম্প্রতি হেবরন চুক্তি বাতিলের ঘোষণা দেন। একই সময়ে ইসরায়েলি সম্প্রচারমাধ্যমগুলো সরকারের পরিকল্পিত ‘নীরব সংযুক্তিকরণ’ কৌশল নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সপ্তাহজুড়ে গাজা ও পশ্চিম তীরে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে সেই পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন সমালোচকেরা। হেবরনে ইসরায়েলি বাহিনী ভারী যন্ত্রপাতি নিয়ে ইব্রাহিমি মসজিদে প্রবেশ করে এবং মসজিদের খোলা চত্বরে ইস্পাতের বিম বসানোর কাজ শুরু করে। মসজিদের পরিচালক এই পরিবর্তনকে ঐতিহাসিক স্থাপনাটির চরিত্রে মৌলিক হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। একই সময়ে সেখানে টানা দেড় সপ্তাহ ধরে মুসলিমদের আজান বন্ধ রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। গাজায় নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনাও প্রকাশ্যে এনেছেন স্মতরিচ। তিনি বলেন, তাঁর নেতৃত্বাধীন সেটেলমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন গাজার উত্তরাঞ্চলে তিনটি বসতি স্থাপনের পরিকল্পনা সম্পন্ন করেছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তা অনুমোদনের আহ্বান জানিয়েছেন। একই সময়ে গাজার অভ্যন্তরে ইসরায়েলি নিয়ন্ত্রণসীমা নির্দেশকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পাশে ইসরায়েলি বাহিনী তাদের সিমেন্টের সীমাচিহ্ন আরও পশ্চিমে সরিয়ে নিয়েছে। এর ফলে নিয়ন্ত্রিত এলাকা আরও বিস্তৃত হয়েছে। নেতানিয়াহু আলাদাভাবে জানিয়েছেন, ইসরায়েল গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দিকে এগোচ্ছে। পশ্চিম তীরেও বসতি সম্প্রসারণে নতুন উদ্যোগ দেখা গেছে। রামাল্লাহর উত্তরে সিনজিল এলাকার কাছে ৪৬৫ দুনাম বা ০.৪৬৫ বর্গকিলোমিটার জমিকে ‘রাষ্ট্রীয় জমি’ ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের লক্ষ্য ছিল গিভাত হারোয়েহ আউটপোস্টকে পশ্চাৎমুখীভাবে বৈধতা দেওয়া এবং রুট-৬০ বরাবর বৃহত্তর বসতি কাঠামোর সঙ্গে যুক্ত করা। আউটপোস্টটি ২০২৩ সালে আনুষ্ঠানিক বসতিতে রূপান্তরিত হয়। ওয়াফা ও স্থানীয় কর্মী নেটওয়ার্কগুলোর তথ্য অনুযায়ী, বসতি স্থাপনকারীরা কোবার ও বেইতিল্লুর কাছে ব্যক্তিমালিকানাধীন ফিলিস্তিনি জমিতে নতুন বাইপাস সড়ক নির্মাণ করেছে এবং আল-মাজরা আশ-শারকিয়া ও কাফর মালেকের মাঝখানে নতুন আউটপোস্ট গড়তে জমি ঘিরে ফেলেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ২৩ জুন মধ্যরাতে বেইত লাহিয়ার কাছে একটি কোয়াডকপ্টার থেকে দাহ্য গোলাবারুদ ফেলা হয় বলে জানা গেছে। এতে বাস্তুচ্যুত মানুষের তিনটি তাঁবুতে আগুন লাগে। ঘটনার পর ইসরায়েলি বাহিনী আশ্রয়শিবিরের পাশে একটি হলুদ সিমেন্ট ব্লক স্থাপন করে, যা নিয়ন্ত্রণরেখা আরও সম্প্রসারণের ইঙ্গিত বলে উল্লেখ করেছে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে এই রেখার আশপাশে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে গাজার ৬৫ শতাংশ এলাকা ‘প্রবেশ-সীমাবদ্ধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২৩ জুন জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং হত্যা করেছে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ২০ হাজার ১৭৯ শিশু নিহত হয়েছে, যা মোট নিহতদের প্রায় ৩০ শতাংশ। কমিশনের ভাষ্য, শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করা গণহত্যার উদ্দেশ্য প্রমাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে প্রতিবেদিটিকে ‘মানহানিকর প্রহসন’ বলে উল্লেখ করেছে। এর কয়েক দিন পর ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি’তসেলেম জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ২৪১ জন ফিলিস্তিনি শিশু ও কিশোর নিহত হয়েছে। সংস্থাটি বলেছে, এটি এমন এক নীতির ফল, যা কার্যত কোনো জবাবদিহিতা ছাড়াই ফিলিস্তিনিদের হত্যাকে সম্ভব করেছে। ২৯ জুন রামাল্লাহ সংলগ্ন এল-বিরেহ শহরে ১৫ বছর বয়সী আহমদ জাওয়াদ জাবের ইসরায়েলি অভিযানের সময় মাথা ও বুকে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রামাল্লাহর গভর্নর লাইলা ঘান্নাম ঘটনাটিকে ‘দিবালোকে সংঘটিত স্পষ্ট হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন। গাজার চিকিৎসাসূত্র ও ওয়াফার তথ্য অনুযায়ী, ১৩ বছর বয়সী আইলিন আল-ফারা স্প্লিন্টারের আঘাতে মারা যায়। দেইর আল-বালাহর কাছে আট বছর বয়সী মালিক আবু শাওয়িশ নিহত হয়। একই দিন আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ২৩ বছর বয়সী ডায়ানা আবু দারাজ এবং তাঁর শিশু কন্যা সুয়ার নিহত হয়। যুদ্ধবিরতির আওতায় ওই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। রামাল্লাহ অঞ্চলের দার ফাজা ও পূর্ব তাইবেহ এলাকায় নতুন আউটপোস্ট প্রতিষ্ঠার পর ১১টি বসতি স্থাপনকারীর হামলার ঘটনা নথিভুক্ত করেছে ওসিএইচএ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা স্থানীয়দের একমাত্র পানির উৎস নিয়ন্ত্রণে নেয় এবং ২০০ জনের বেশি মানুষের পানি সরবরাহ বন্ধ করে দেয়। একই সড়কপথের ১০টি বেদুইন সম্প্রদায়ের মধ্যে ৯টি এলাকা ইতিমধ্যে প্রায় খালি হয়ে গেছে। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ১৪ জুন দেইর দিবওয়ানে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জন বসতি স্থাপনকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক এবং একজন ১৮ বছর বয়সী। ওই হামলায় যানবাহন ও একটি মসজিদে আগুন দেওয়া হয়েছিল। এ ছাড়া ২৫ জুন বেইত আনোটের একটি বসতি আউটপোস্টে কয়েকটি ঘর ভেঙে দেয় ইসরায়েলি বাহিনী। তবে এসব পদক্ষেপের বিরোধিতা করেছেন বসতি স্থাপনকারী নেতারা। একই সময়ে ওয়াফার তথ্য অনুযায়ী, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত ছিল। এ সময় ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাৎ নিষিদ্ধ করতে আনা একটি বিলও ইসরায়েলি পার্লামেন্টে পাস হয়নি। অতিরক্ষণশীল ধর্মীয় আইনপ্রণেতাদের ভোট বর্জনের কারণে বিলটি আটকে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতির প্রায় নয় মাস পর যুদ্ধবিরতি-পরবর্তী নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৪৫ জনে পৌঁছেছে। গত সপ্তাহে ২৫ জুন বেইত লাহিয়ায় একটি হামলায় একজন নিহত হন। ২৬ জুন মাঘাজি শরণার্থীশিবিরের কাছে একটি গাড়িতে হামলায় তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হন। ২৭ জুন আল-মাওয়াসিতে আরেক হামলায় দুই ভাইবোন নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, প্রয়োজনীয় সরবরাহ না থাকায় গাজার প্রায় অর্ধেক ডায়ালাইসিস মেশিন অচল হয়ে গেছে। কারণ হিসেবে ইসরায়েলের চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওসিএইচএ জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা কার্যক্রম প্রয়োজনীয় অর্থায়নের ২৫ শতাংশেরও কম পেয়েছে।
আজ ১ জুলাই- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনার দিন। ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নতুন গতি পায়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে শুরু হওয়া সেই কর্মসূচি ধীরে ধীরে দেশব্যাপী বিস্তৃত হয়ে পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। টানা ৩৬ দিনের আন্দোলনের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তী সময়ে এই আন্দোলন ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি পায়। ২০২৪ সালের ১ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। ওই ব্যানারেই গণপদযাত্রা, সড়ক অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবেশ, বিক্ষোভ এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। যেভাবে শুরু জুলাই আন্দোলন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করেই জুলাই আন্দোলনের সূচনা। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালে জারি করা কোটা বাতিলের সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করলে মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬ শতাংশ কোটা পুনর্বহাল হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলনে নামেন এবং কোটা বাতিলের নির্বাহী আদেশ জারির দাবি জানান। আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে কর্মসূচি বিস্তৃত হতে থাকে। ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান, মিছিল এবং রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকীভাবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কোটা ব্যবস্থা বাতিলের দাবি জানান। আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল আরও আগে। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয়। তবে ২০২৪ সালের হাইকোর্টের রায়ের মাধ্যমে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল হলে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। ৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। পরে ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে দেশব্যাপী কর্মসূচি শুরু হয়। সমাবেশে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, ৪ জুলাইয়ের মধ্যে দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তিনি। এদিকে আন্দোলন ক্রমেই বিস্তৃত হতে থাকে। এর মধ্যে আপিল বিভাগের শুনানিতে হাইকোর্টের রায় বহাল থাকে। পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিল করার পরামর্শ দেয় আপিল বিভাগ। ৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে। শিক্ষার্থীদের এই আন্দোলনে আনুষ্ঠানিক নৈতিক সমর্থন জানায় বিএনপি ও জামায়াতে ইসলামী। ৭ জুলাই ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকাসহ বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দিন অনির্দিষ্টকালের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। ৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা সরকারি চাকরির সব গ্রেডে ন্যূনতম কোটা রেখে তাদের ভাষায় ‘অযৌক্তিক’ কোটা বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন। সেদিন সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘বল এখন সরকারের কোর্টে। এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে, এই আন্দোলনের গতিপথ কী হবে।’ ৯ জুলাই আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। একই সময়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে পক্ষভুক্ত হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আবেদন করেন। ১০ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেন এবং ৭ আগস্ট পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে ওই দিনই আন্দোলনকারীরা সড়ক-মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১১ জুলাই থেকে ১৬ জুলাই: সংঘর্ষ, প্রাণহানি ও আন্দোলনের মোড় ঘোরার দিনগুলো ১১ জুলাই রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। একই দিনে কুমিল্লা, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। এদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মন্তব্য করেন, শিক্ষার্থীরা ‘লিমিট ক্রস করে যাচ্ছে’। একই সময়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আদালতের রায় রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করা যায় না। তিনি বলেন, জনগণের চলাচল ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং পরিস্থিতি হুমকির মুখে পড়লে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ১২ জুলাই পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এর আগে ১১ জুলাই শাহবাগে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করে পুলিশ। ১৩ জুলাই সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমনের চেষ্টা চলছে। একই দিন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, কোটা-সংক্রান্ত সমস্যার সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে। ১৪ জুলাই কোটা বহালের পক্ষে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "মুক্তিযোদ্ধার সন্তান-নাতি-পুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা-নাতি-পুতি হলো মেধাবী, তাই না?... মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও সরকারি চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?" এই বক্তব্যের পরই কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায়। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। "তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার", "কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার" এবং "চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার" স্লোগানে ক্যাম্পাসগুলো মুখর হয়ে ওঠে। একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে অভিযোগ করেন, কোটা আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি। ১৫ জুলাই আন্দোলন আরও সংঘাতপূর্ণ রূপ নেয়। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, "রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট।" এরপর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা রাজাকার স্লোগান দিচ্ছেন, তাদের শেষ দেখিয়ে ছাড়া হবে। ওই দিন দুপুরে বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বিচারে মারধর চালান। এতে ছাত্রীসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। একই দিন বিকেলে কার্জন হল এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। এ সময় ছাত্রলীগ নেতা মাজহারুল কবির শয়ন বলেন, "ছাত্রলীগ চাইলে ওদের ফুঁ দিলে পাঁচ মিনিট টিকবে না। পাঁচটা মিনিট দাঁড়াতে পারবে না।" হামলার পর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দিনভর সংঘর্ষে প্রায় তিন শতাধিক মানুষ আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, আহতদের মধ্যে দুই শতাধিকই আন্দোলনকারী শিক্ষার্থী। রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেন, তাদের শতাধিক নেতাকর্মীও আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আন্দোলনকারীদের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে শিক্ষকসহ এক ডজনের বেশি মানুষ আহত হন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে ১৬ জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই দিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে। অন্যদিকে সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত থাকে। ১৬ জুলাই আন্দোলনের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ আন্দোলনের সময় বুক পেতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। একই দিনে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে আবু সাঈদসহ মোট ছয়জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ ছয় জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের নিয়ন্ত্রণ নেন আন্দোলনকারীরা। বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের কয়েকজন নেত্রীকে বের করে দেন বিক্ষুব্ধ ছাত্রীরা। এদিন নিহতদের স্মরণে ১৭ জুলাই সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৭ জুলাই থেকে ৫ আগস্ট: রক্তঝরা আন্দোলন, দমন-পীড়ন এবং সরকারের পতন ১৭ জুলাই আন্দোলন নতুন মোড় নেয়। আন্দোলনের চাপের মধ্যে সরকার রাজনৈতিক দমন-পীড়ন আরও জোরদার করে। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তারা এই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, তবে আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। এদিকে আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশ মামলা দায়ের করলেও প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি বলে অভিযোগ ওঠে। নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল পণ্ড করে দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আরও কয়েকজন আহত হন। পুলিশি হামলার প্রতিবাদে পরদিন 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৭ জুলাই সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি বলেন, "আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কেউ বেশি জানে না।" তিনি ১৬ জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন এবং উচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। তবে একই দিন রাতেই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দেওয়া হয়। ঢাকাসহ অর্ধশতাধিক জেলায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বহু মানুষ হতাহত হন। উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহফুজুর রহমান মুগ্ধ। তার শেষ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একই দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। ঢাকাসহ বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে গুলি, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে আওয়ামী লীগ সরকার কোটা সংস্কারের মাধ্যমে ২০ শতাংশ কোটা রাখার প্রস্তাব দেয় এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানায়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরবর্তীতে রাত থেকেই সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এতে দেশের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর কোটা আন্দোলন ঘিরে কারফিউ জারি, সেনাবাহিনী মোতায়েন, ইন্টারনেট বন্ধসহ একের পর এক পদক্ষেপ নেয় সরকার। কিন্তু এসব উদ্যোগেও আন্দোলন দমিয়ে রাখা সম্ভব হয়নি আন্দোলনকারীদের অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন-পীড়নের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আন্দোলন আরও বিস্তৃত হতে থাকে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী, সাধারণ মানুষ, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক আন্দোলনে সম্পৃক্ত হন। সরকারবিরোধী কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকে। টানা ৩৬ দিনের আন্দোলনের পর ৫ আগস্ট ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থান 'জুলাই বিপ্লব' নামে পরিচিতি লাভ করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে। প্রতি বছরের ১ জুলাই সেই আন্দোলনের সূচনার দিন হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে। আজ সেই ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন।
ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে দেশটির ভেতরে ৯ শতাধিক সেনাসদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে পুয়ের্তো রিকো ও কুরাসাওতে আরও প্রায় ৮০০ মার্কিন সামরিক সদস্য প্রস্তুত রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ডোনোভান বলেন, মার্কিন সামরিক বাহিনী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পুনরায় সচল করতে সহায়তা করছে এবং আকাশ ও নৌপথে আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তিনি জানান, ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণে চার থেকে পাঁচটি এমকিউ-৯ রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মায়ামিভিত্তিক একটি সমন্বিত তথ্যকেন্দ্রের মাধ্যমে এসব ড্রোন থেকে পাওয়া তথ্য ব্যবহার করে ক্ষতিগ্রস্ত এলাকা, সড়ক যোগাযোগ এবং ধসে পড়া স্থাপনার অবস্থান শনাক্তে সহায়তা দেওয়া হচ্ছে। ডোনোভানের ভাষায়, সাধারণত আঞ্চলিক নিরাপত্তা হুমকি পর্যবেক্ষণে ব্যবহৃত সামরিক সক্ষমতাগুলো বর্তমানে মানবিক সহায়তা কার্যক্রমে কাজে লাগানো হচ্ছে। তিনি বলেন, কিছু পরিস্থিতিতে আকাশপথ থেকে পর্যবেক্ষণ স্থানীয় কর্তৃপক্ষের জন্য মাটির পর্যায়ের মূল্যায়নের তুলনায় বেশি কার্যকর হতে পারে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই সহযোগিতাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল। তবে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া গত এক মাসে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার কারাগারভিত্তিক অপরাধী গোষ্ঠী ‘ত্রেন দে আরাগুয়া’র নেতাকে লক্ষ্য করে আরেকটি অভিযান চালায়। ডোনোভান জানান, ওই অভিযান ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সমন্বয়েই পরিচালিত হয়েছিল। তিনি বলেন, কয়েক মাস আগের উত্তেজনাপূর্ণ সম্পর্ক এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে বহু ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে ভেনেজুয়েলার আইনসভার প্রধান হোর্হে রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির বয়স তিন বছর। তবে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ডোনোভান বলেন, মার্কিন মেরিন সদস্যরাই প্রথম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র বেসামরিক উদ্ধারকারী দল পরিবহনেও সহায়তা করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স থেকে যাওয়া একটি উদ্ধারকারী দল একজন মা ও তার ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধারের ভিডিও প্রকাশ করেছে। ত্রাণ কার্যক্রমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে লজিস্টিক ব্যবস্থাপনাকে উল্লেখ করেন ডোনোভান। তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা যেন প্রবেশপথে আটকে না পড়ে এবং দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটিই এখন প্রধান লক্ষ্য। দুর্যোগের শুরুর দিকে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল না পাঠানোয় সমালোচনার মুখে পড়ে ভেনেজুয়েলা সরকার। স্থানীয় বাসিন্দাদের অনেকে প্রথম কয়েক দিন হাত, কোদাল ও দড়ি ব্যবহার করে নিজেরাই স্বজনদের উদ্ধারের চেষ্টা করেন। গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে কয়েকটি এলাকায় ভারী নির্মাণযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো মরদেহ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে ডোনোভান বলেন, কয়েক দশকের দুর্বল নেতৃত্বের কারণে ভেনেজুয়েলার অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, ওষুধ ও হাসপাতালের জনবলসংকট মানুষের অসন্তোষ আরও বাড়াতে পারে। তবে যুক্তরাষ্ট্র কত দিন ভেনেজুয়েলায় সামরিক সহায়তা কার্যক্রম চালাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি ডোনোভান। তিনি বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং বর্তমানে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির কোনো পরিকল্পনা নেই। ডোনোভানের ভাষায়, "থেকে যাওয়ার কোনো আলোচনা নেই। ত্রাণ কার্যক্রম শেষ হলে আমরা চলে যাব।" তবে তিনি ইঙ্গিত দেন, এই মানবিক সহযোগিতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সামরিক সম্পর্কোন্নয়নের নতুন সুযোগ তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে বৈধ কাগজপত্রবিহীন বা অস্থায়ী ভিসাধারী অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব অস্বীকার করার ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাতিল করার পর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি। ৩০ জুন দেওয়া এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের সংবিধানে দেড় শতাব্দীরও বেশি আগে অন্তর্ভুক্ত একটি মৌলিক প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, আমেরিকার মাটিতে জন্ম নেওয়া প্রত্যেকেই মার্কিন নাগরিক। একজন মানুষের ত্বকের রঙ, বাবা-মায়ের জন্মস্থান, ধর্মীয় পরিচয় বা বাড়িতে কোন ভাষায় কথা বলা হয়, নাগরিকত্ব নির্ধারণে এসব বিষয়ের কোনো প্রভাব নেই। মেয়র বলেন, এই বিষয়টি কখনোই বিতর্কের হওয়ার কথা ছিল না। তার ভাষায়, ফেডারেল প্রশাসন সংবিধানের অন্যতম স্পষ্ট নিশ্চয়তাকে পরিবর্তনের চেষ্টা করেছিল, যাতে তারা নির্ধারণ করতে পারে কে এই দেশের অন্তর্ভুক্ত এবং কে নয়। আদালত সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটি জন্মসূত্রে নাগরিকত্বের শক্তির একটি জীবন্ত উদাহরণ। অভিবাসী পরিবারের সন্তানরাই আজ শহরের শিক্ষক, নার্স, নির্মাণ শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিল্পী, সরকারি কর্মচারী এবং সাধারণ প্রতিবেশী হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নিউইয়র্কে বসবাসরত অভিবাসী পরিবারগুলোর উদ্দেশে মেয়র বলেন, পাঁচটি বরোজুড়ে বসবাসকারী প্রতিটি অভিবাসী পরিবারকে তিনি স্পষ্টভাবে জানাতে চান, তারা এই শহরেরই অংশ এবং তাদের সন্তানরাও এখানকারই অংশ। তিনি বলেন, কোনো আদালত তাদের মানবিক মর্যাদা কেড়ে নিতে পারে না। কোনো রাজনৈতিক এজেন্ডাও এই সত্য পরিবর্তন করতে পারবে না যে, যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যই দেশটির সবচেয়ে বড় শক্তি। বিবৃতির শেষাংশে মেয়র মামদানি অঙ্গীকার করেন, যতদিন তিনি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন শহর অভিবাসীদের অধিকার রক্ষা করবে, তাদের মর্যাদা সমুন্নত রাখবে এবং আরও উন্নত আমেরিকা গড়ে তোলার প্রচেষ্টায় তাদের পাশে থাকবে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি সেন্টার ফর ইনোভেশন থ্রু ডাটা ইন্টেলিজেন্স (সিআইডিআই)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে ভারতী শর্মার নিয়োগের ঘোষণা দিয়েছেন। ৩০ জুন দেওয়া এক ঘোষণায় মেয়র জানান, তথ্যনির্ভর জনসেবা ও উদ্ভাবনী ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে শর্মাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়র মামদানি বলেন, ভারতী শর্মা তার পুরো কর্মজীবনে তথ্য-উপাত্তকে মানুষের জীবনমান উন্নয়নের কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বৈশ্বিক কোভিড-১৯ মহামারির সময় নিউইয়র্ক সিটির জনস্বাস্থ্য ব্যবস্থায় তার নেতৃত্ব এবং সরকারি সেবাকে আরও কার্যকর করতে আধুনিক ডাটাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার অভিজ্ঞতা সিটি সরকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ভারতী শর্মার নেতৃত্বে নিউইয়র্ক সিটি আরও উন্নত ও ফলপ্রসূ সেবা দিতে সক্ষম হবে। স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক ডেপুটি মেয়র ড. হেলেন আর্টিয়াগা বলেন, ভারতী শর্মার অভিজ্ঞতা ও দক্ষতা শহরজুড়ে স্বাস্থ্য ও সামাজিক সেবার সমন্বিত সমাধান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিশ্বাস করেন, শর্মা নিউইয়র্কবাসীর জন্য কার্যকর সমাধান তৈরিতে অসাধারণ নেতৃত্ব দেবেন। নবনিযুক্ত নির্বাহী পরিচালক ভারতী শর্মা বলেন, এই দায়িত্বে নিউইয়র্ক সিটির মানুষের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। তিনি বলেন, সিআইডিআই এমন একটি প্রতিষ্ঠান, যেখানে সরকার, তথ্য এবং মানুষের জীবনের বাস্তব প্রভাব একসঙ্গে কাজ করে। শর্মা বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, সঠিক তথ্য কিংবা তথ্যের অভাব মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। তিনি শুনতে, নতুন উদ্যোগ গড়ে তুলতে এবং তথ্যনির্ভর জনসেবা আরও কার্যকর করতে কাজ করবেন বলে জানান। ২০১১ সালে প্রতিষ্ঠিত সেন্টার ফর ইনোভেশন থ্রু ডাটা ইন্টেলিজেন্স বিভিন্ন সিটি সংস্থার মধ্যে যৌথ গবেষণা পরিচালনার মাধ্যমে জনসেবার ঘাটতি চিহ্নিত করে এবং সেবার মান উন্নয়নে কাজ করে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও মানবসেবা সংস্থাসহ বিভিন্ন সরকারি অংশীদারের সঙ্গে সমন্বয় করে তথ্য, গবেষণা ও সহযোগিতার মাধ্যমে নীতিনির্ধারণ এবং সেবা প্রদানের কার্যকারিতা বাড়িয়ে থাকে। ভারতী শর্মা সর্বশেষ এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালসে সিনিয়র ডিরেক্টর অব ডাটা অ্যান্ড এআই স্ট্র্যাটেজিক এনাবলমেন্ট অ্যান্ড অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম পৌর স্বাস্থ্যসেবা ব্যবস্থার এ প্রতিষ্ঠানের অধীনে ৭০টিরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ১১টি তীব্র চিকিৎসাসেবা হাসপাতাল রয়েছে। কোভিড-১৯ মহামারির সময় তিনি পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্য কোভিড-১৯ ইন্টেলিজেন্স হাব প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। এর মাধ্যমে নিবিড় পরিচর্যা ইউনিটের সক্ষমতা, জরুরি বিভাগের সেবা, হাসপাতালের শয্যা প্রাপ্যতা, রোগীর চাপ মোকাবিলার পরিকল্পনা, ভেন্টিলেটর সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে নির্বাহী কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এছাড়া নিউইয়র্ক সিটির কোভিড পরীক্ষা ও টিকাদান কেন্দ্রগুলোর অপেক্ষার সময়-সংক্রান্ত ড্যাশবোর্ড তৈরিতেও তিনি নেতৃত্ব দেন। মহামারির পর তিনি ডাটা চ্যাম্পিয়ন প্রোগ্রাম চালু করেন, যা পরে পুরো স্বাস্থ্যব্যবস্থায় ৩০০-এর বেশি প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে। পাশাপাশি তিনি ডাটা একাডেমি প্রতিষ্ঠা করেন, যেখানে ৫০০-এর বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে বছরে আনুমানিক ৪ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় সাশ্রয় সম্ভব হয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল তথ্য ব্যবহারে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালসের ডাটা গভর্ন্যান্স কাঠামো জাতীয় পর্যায়ে প্রশংসা পেয়েছে। ভারতী শর্মা ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ডিগ্রির পাশাপাশি হফস্ট্রা ইউনিভার্সিটি থেকে মাস্টার অব হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এবং হ্যারিসবার্গ ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস/এলমহার্স্টের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. লরা ইয়াভিকোলি বলেন, কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে ভারতী শর্মার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার। তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, উদ্ভাবনী চিন্তা এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে শর্মা স্বাস্থ্যব্যবস্থাকে সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন। রিজেনেরনের প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মকর্তা দিব্যা পাঠক বলেন, ভারতী শর্মা নতুন প্রজন্মের ডাটা ও এআই নেতৃত্বের অন্যতম উদাহরণ। বৃহৎ স্বাস্থ্যব্যবস্থায় দায়িত্বশীল ও কার্যকরভাবে তথ্য ব্যবহারের যে মডেল তিনি তৈরি করেছেন, তা সরকারি খাতের ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড হয়ে থাকবে।
নিউইয়র্ক সিটিতে সম্ভাব্য তীব্র তাপপ্রবাহ এবং ফিফা বিশ্বকাপের নকআউট ম্যাচ উপলক্ষে নগরবাসীর জন্য স্বাস্থ্য, নিরাপত্তা ও ট্রাফিকসংক্রান্ত একাধিক নির্দেশনা দিয়েছেন মেয়র জোহরান কওয়ামে মামদানি। তাঁর নিয়মিত ভিডিও বার্তা ‘দ্য মর্নিং পিচ’-এ তিনি নাগরিকদের আগাম প্রস্তুতি নেওয়া এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান। মেয়র বলেন, চলতি সপ্তাহে নিউইয়র্কে অত্যন্ত বিপজ্জনক তাপপ্রবাহ আঘাত হানতে পারে। তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের শেষভাগ থেকে ১০০ ডিগ্রিরও বেশি হতে পারে। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হবে এবং শুক্রবার পরিস্থিতি সবচেয়ে গুরুতর হতে পারে। গত ৩০ জুন মেয়রের কার্যালয় থেকে জানানো হয়, আবহাওয়ার পূর্বাভাস ঠিক থাকলে বৃহস্পতিবার সেন্ট্রাল পার্কে ২০১২ সালের ১৮ জুলাইয়ের পর প্রথমবারের মতো ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড হতে পারে। সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবিলায় শহরের হিট ইমার্জেন্সি প্ল্যান কার্যকর করার ঘোষণা দেন মেয়র। বুধবার থেকে নিউইয়র্কের পাঁচটি বরোতে শত শত কুলিং সেন্টার চালু করা হবে। এসব কেন্দ্রের তালিকা ও অবস্থান শহর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিউইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন আগেভাগেই নিজেদের তাপপ্রবাহ মোকাবিলার পরিকল্পনা তৈরি করেন। কর্মস্থল ও শিশু পরিচর্যার ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা, কোথায় গিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকা যাবে তা ঠিক করা এবং বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত কিংবা যাদের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, এমন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি। মেয়র বলেন, যেসব প্রতিষ্ঠান এখনও কর্মীদের জন্য গরমজনিত অসুস্থতা প্রতিরোধ পরিকল্পনা তৈরি করেনি, তাদের এখনই তা করা উচিত। পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশ্রামের জন্য শীতল স্থান, অতিরিক্ত বিরতি এবং ভারী কাজের সময়সূচিতে পরিবর্তনের মতো পদক্ষেপ জীবন রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, কেউ অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে অথবা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় কাউকে দেখা গেলে ৩১১ নম্বরে ফোন করতে হবে। আর কারও শরীরে অতিরিক্ত গরম ও শুষ্ক ত্বক, শ্বাসকষ্ট, দ্রুত হৃদস্পন্দন, বিভ্রান্তি, মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা বমির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত ৯১১ নম্বরে যোগাযোগ করতে হবে। জরুরি পরিস্থিতির সর্বশেষ তথ্য পেতে NOTIFYNYC লিখে ৬৯২-৬৯২ নম্বরে বার্তা পাঠানোর পরামর্শও দেন তিনি। মেয়র জানান, মঙ্গলবার বিকেল ৫টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও সুইডেন মুখোমুখি হবে। এ ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক দর্শক সমাগম এবং তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৮৬ ডিগ্রি ফারেনহাইট থাকবে এবং সন্ধ্যায় প্রায় ৩৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শকদের পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়ে তিনি জানান, স্টেডিয়ামে একটি ডিসপোজেবল প্লাস্টিক পানির বোতল নেওয়ার অনুমতি থাকবে। পাশাপাশি ব্যাগ অবশ্যই স্বচ্ছ এবং নির্ধারিত আকারের হতে হবে। স্টেডিয়ামে যাতায়াতের ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান মেয়র মামদানি। তিনি বলেন, বাস শাটলের টিকিট শেষ হয়ে গেলেও নিউ জার্সি ট্রানজিট ব্যবহার করা যাবে। যাত্রীদের আগেই অনলাইনে টিকিট সংগ্রহ করে রাখার পরামর্শ দেন তিনি। বিশেষভাবে তিনি নিউইয়র্কবাসীকে ওই দিন মিডটাউনে ব্যক্তিগত গাড়ি না আনার অনুরোধ জানান। কারণ সেখানে তীব্র যানজট এবং দীর্ঘ সময়ের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তিনি সাবওয়ে, সাইকেল কিংবা হেঁটে চলাচলের পরামর্শ দেন। এ ছাড়া সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মিডটাউনের বিভিন্ন সড়কে বাস ও শাটল চলাচলের জন্য বিশেষ লেন চালু থাকবে বলেও জানান মেয়র। বিশ্বকাপ উপলক্ষে শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও বারে খেলা উপভোগকারীদের জন্য ৯০০টিরও বেশি রেস্তোরাঁ ও বারে ২৬ ডলারের বিশেষ খাবার ও পানীয় অফার চালু রয়েছে বলে জানান মেয়র। এ বিষয়ে বিস্তারিত তথ্য এনওয়াইসি ট্যুরিজমের ওয়েবসাইটে পাওয়া যাবে। বক্তব্যের শেষ অংশে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের প্রতি শ্রদ্ধা জানান মেয়র মামদানি। তিনি বলেন, জিদান একজন অসাধারণ ফুটবলার হওয়ার পাশাপাশি অভিবাসী পরিবারের সন্তান হিসেবে প্রতিভা, পরিশ্রম ও নেতৃত্বের মাধ্যমে একটি জাতির গর্বে পরিণত হয়েছেন। মেয়র বলেন, জিদানের উত্তরাধিকার আজও ফরাসি জাতীয় দলে বিদ্যমান। বর্তমান দলের অনেক খেলোয়াড়ই অভিবাসী বা অভিবাসী পরিবারের সন্তান হলেও তারা সবাই ফ্রান্সের অবিচ্ছেদ্য অংশ। তাদের জন্য পথ তৈরি করে দিয়েছিলেন জিদানের মতো কিংবদন্তিরা। নিরাপদে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন নিউইয়র্ক সিটির মেয়র।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বসিত উপস্থিতিতে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গত ২৭ জুন জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে ‘জামাল ভূঁইয়া নিউইয়র্ক কিক অফ’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করা হয়। খেলাধুলাবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম গেমলিফাই ডট এক্সওয়াইজেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশি অংশ নেন। জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সরাসরি দেখা করা, ছবি তোলা এবং ফুটবল নিয়ে মতবিনিময়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত ভক্ত-সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেমলিফাই ডট এক্সওয়াইজেডের চেয়ারম্যান মশিউর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মুরাদ হোসেন, সহকারী ব্র্যান্ড ম্যানেজার হাসান তাওফিক, ইউএস-বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নাজমুল ইসলাম রনি এবং নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে ক্লাব ফুটবলের উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ের ফুটবলেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ-সুবিধাসহ অন্তত ১০টি শক্তিশালী ক্লাব গড়ে তুলতে হবে। প্রতিটি ক্লাবের নিজস্ব স্টেডিয়াম, জিমনেসিয়াম ও একাডেমি থাকা প্রয়োজন। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ে শক্তিশালী দল গঠন এবং তাদের জন্য উন্নত অবকাঠামো নিশ্চিত করতে হবে। জামাল ভূঁইয়া আরও বলেন, ঢাকা-কেন্দ্রিক ফুটবল কার্যক্রম থেকে বেরিয়ে দেশের সব অঞ্চলে ফুটবল ছড়িয়ে দিতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং খেলোয়াড় তৈরির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বাংলাদেশের ফুটবলের দৃশ্যমান উন্নয়ন ঘটাতে হলে অন্তত ২০ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের ভেতরে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে প্রতিভাবান ফুটবলাররা উন্নত প্রশিক্ষণ নিয়ে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পান। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের ক্লাবে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করতে পারলে একটি শক্তিশালী জাতীয় দল গঠন করা সম্ভব হবে। অনুষ্ঠানে গেমলিফাই ডট এক্সওয়াইজেডের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতেই তাদের এই উদ্যোগ। তিনি জানান, নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করতে প্রতি সপ্তাহে ফুটবলভিত্তিক বিভিন্ন কুইজের আয়োজন করা হচ্ছে। এছাড়া ফুটবল বিশ্বকাপসংক্রান্ত বিভিন্ন তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্থানীয় শিশুদের নিয়ে নিয়মিত ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থাও করছে প্রতিষ্ঠানটি। মশিউর রহমান বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য ফুটবল সংগঠক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যও ইরান সফরে যাওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় তিনি বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তার সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ভিসা পাওয়ার পরই যাত্রার তারিখ ও ফ্লাইট নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এনসিপি সূত্র আরও জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সফরটি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন দলটির নেতারা। অন্যদিকে, একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতারও ইরান যাওয়ার প্রস্তুতি চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এই সফর বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে। পাশাপাশি এনসিপির জন্যও ইরানের সঙ্গে ইতিবাচক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করে। ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পক্ষের এই অংশগ্রহণ ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে।
দক্ষিণ সুদানের জংলেই অঙ্গরাজ্যে মানবিক সহায়তাবাহী একটি বহরে সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘ এবং দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৩০ জুন) জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সোমবার জংলেই অঙ্গরাজ্যের ডুক কাউন্টিতে স্থানীয় অংশীদার সংস্থার পরিচালিত একটি ত্রাণবহরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন ত্রাণকর্মী নিহত হওয়ার পাশাপাশি আরও চারজন আহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও হতাহত হয়েছেন। ডুজারিক বলেন, দক্ষিণ সুদানে জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী রামানাথন বালাকৃষ্ণনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, হামলার সময় বহরটি স্পষ্টভাবে মানবিক সহায়তাবাহী হিসেবে চিহ্নিত ছিল, তবুও তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি আরও বলেন, মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দক্ষিণ সুদানে ২৯ জন ত্রাণকর্মী ও ঠিকাদার নিহত হয়েছেন বলেও জানান তিনি। হামলার শিকার বহরটি পরিচালনা করছিল জন দাউ ফাউন্ডেশন (জেডিএফ)। সংস্থাটি জানিয়েছে, তাদের কর্মীরা বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় আয়োজিত একটি প্রশিক্ষণ শেষে পায়ুয়েল পায়াম এলাকা থেকে পাজুতের উদ্দেশে ফিরছিলেন। ফেরার পথেই তাদের বহরের ওপর হামলা চালানো হয়। জেডিএফ এই ঘটনাকে তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনা হিসেবে উল্লেখ করেছে। এদিকে জাতিসংঘের দক্ষিণ সুদান মিশনের সর্বশেষ প্রতিবেদনে দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে সহিংসতায় ৭৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যা আগের প্রান্তিকের তুলনায় প্রায় ৮৯ শতাংশ বেশি। একই সময়ে সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা, গৃহাত্মক সংঘাত ও সহিংসতার কারণে দক্ষিণ সুদান দীর্ঘদিন ধরে গভীর মানবিক সংকটে রয়েছে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, চলমান পরিস্থিতি দেশটিকে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকটপূর্ণ অঞ্চলে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে, ত্রাণকর্মীদের ওপর ধারাবাহিক হামলা মানবিক কার্যক্রম পরিচালনাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে, যা ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কাছে সহায়তা পৌঁছানোকে কঠিন করে দিচ্ছে।
ইসরায়েলের জন্য বরাদ্দকৃত ৩৩০ কোটি ডলারের মার্কিন সহায়তা পুরোপুরি বন্ধের প্রস্তাবকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির ভেতরে গভীর মতবিরোধ ও বিভক্তি দেখা দিয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বও এ ইস্যুতে একক অবস্থান নিতে পারছে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ডেমোক্র্যাট নেতৃত্ব দলীয় সদস্যদের নিজ নিজ বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। এতে স্পষ্ট হয়েছে, গুরুত্বপূর্ণ এই বিল নিয়ে দলটির ভেতরে ঐক্যের অভাব রয়েছে। মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য বেনি থম্পসন দ্য হিল পত্রিকাকে জানিয়েছেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসরায়েল ইস্যুতে এমন উত্তপ্ত ও নজিরবিহীন বিতর্ক তিনি আগে দেখেননি। বিষয়টি এখন কেবল পররাষ্ট্রনীতি নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের রূপ নিয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আইনপ্রণেতা রাশিদা তলাইব জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবের ওপর ভোট হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভাজন এবং রিপাবলিকানদের বিরোধিতার কারণে বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। ডেমোক্র্যাট পার্টির প্রগতিশীল অংশের নেতারা—বিশেষ করে আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ ও রাশিদা তলাইব—এই বিলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তাদের মতে, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা পুনর্বিবেচনার সময় এসেছে। তবে দলের মধ্যপন্থী অংশ এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগ মিকস জুইশ ইনসাইডারকে জানিয়েছেন, তিনি এই বিলের বিপক্ষে ভোট দেবেন। তার ভাষ্য, ইসরায়েলকে প্রয়োজনীয় সামরিক সহায়তা থেকে বঞ্চিত করা উচিত নয়। একই অবস্থান নিয়েছেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির প্রধান ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ। তিনি সতর্ক করে বলেছেন, বিলটি পাস হলে ইসরায়েলের জন্য নির্ধারিত সামরিক সহায়তার পাশাপাশি মানবিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে, যা গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একই সঙ্গে এটি ডেমোক্র্যাট পার্টির ভেতরের আদর্শিক বিভাজনকেও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।
ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা বাসটি একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পরপরই উভয় যানবাহনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে যাচ্ছিল। দৌসার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় কয়েকজন যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলের দৃশ্য থেকে দেখা গেছে, আগুনে বাস ও ট্রাক—দুটি যানই প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। বাকি দুজনের মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাতের কারণে। দুর্ঘটনার সময় বাসের ওপরের শয্যায় থাকা কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিহতদের অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন। আহতদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নারী ও শিশুর সংখ্যা বেশি হওয়ায় তাদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন অথবা বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। পাশাপাশি বাসটির কারিগরি অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর দমকল ও উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। তাদের দাবি, দ্রুত উদ্ধারকাজ শুরু হলে আরও প্রাণ বাঁচানো সম্ভব হতে পারত। অনেকের ভাষ্য, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে থাকা যাত্রীদের বের করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা আরও জানিয়েছেন, বাসটির মালামাল রাখার অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। রাজস্থান প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের কাজ চলছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় সড়ক দুর্ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে দূরপাল্লার বাসে অতিরিক্ত গতি, চালকদের দীর্ঘ সময় বিরতিহীনভাবে গাড়ি চালানো এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। দৌসার এই মর্মান্তিক দুর্ঘটনা সেই উদ্বেগকে আরও গভীর করেছে।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মাঝারি মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ০। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। কম্পনটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় বিস্তৃত এলাকায় অনুভূত হতে পারে। ইউএসজিএস আরও জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায় এই ভূমিকম্পটি ঘটে। যদিও কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে মেক্সিকো দীর্ঘদিন ধরেই পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থান করায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে। ফলে মাঝারি মাত্রার কম্পনও এখানে অস্বাভাবিক নয়। এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে ভেনেজুয়েলায় সম্প্রতি পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে—প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এ ধরনের ঘটনাকে ‘ডাবলেট’ বলা হয়, যা একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে প্রায় সমমাত্রার দুটি ভূমিকম্প সংঘটিত হওয়াকে বোঝায় এবং এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ইউএসজিএসের হিসাব অনুযায়ী, ১৯ থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার মোট ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা বৈশ্বিকভাবে ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় রেডউড ভ্যালির কাছেও ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। মেনডোসিনো কাউন্টিতে অবস্থিত এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে ছিল বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনার পেছনে ভূত্বকের স্বাভাবিক গতিশীলতা কাজ করলেও, জনবসতিপূর্ণ এলাকায় প্রস্তুতি ও সচেতনতা জোরদার করা এখন সময়ের দাবি।
ভেনেজুয়েলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও এখনও বহু দুর্গম এলাকায় পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। সীমিত যন্ত্রপাতি ও অবকাঠামোগত সংকটের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে কমে আসছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অনেক ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে, যা সময়ের সঙ্গে আরও বাড়ছে। এই পরিস্থিতি উদ্ধারকাজকে যেমন কঠিন করে তুলছে, তেমনি স্বজনদের খোঁজে অপেক্ষমাণ মানুষের জন্য মানসিক যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। এমনই এক হৃদয়বিদারক চিত্র তুলে ধরেছেন মিরেল্লা হেরেরা নামের এক নারী। ধসে পড়া একটি ভবনের পাশে দাঁড়িয়ে তিনি এখনও তার ছেলের অপেক্ষায় রয়েছেন। সিএনএনকে তিনি বলেন, “এই অপেক্ষা মানুষকে পাগল করে দেওয়ার মতো। নিজেকে সামলে রাখতে পানি খাচ্ছি, হাঁটছি। মনে হয়, তারা যদি এখনও বেঁচে থাকে, তাহলে হয়তো বের হওয়ার জন্য লড়াই করছে।” এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণেও ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোক ইউরোপীয় মহাকাশ সংস্থার সেনটিনেল-১ স্যাটেলাইট থেকে সংগৃহীত রাডার তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, গত সপ্তাহের ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে তারা এটিকে দ্রুত করা একটি প্রাথমিক মূল্যায়ন বলে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার ঘনবসতিপূর্ণ নগরায়ন এবং অনেক পুরোনো ও দুর্বল অবকাঠামো এই বিপর্যয়ের ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দিয়েছে। উদ্ধার তৎপরতা জোরদার করা এবং আন্তর্জাতিক সহায়তা দ্রুত পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: ডয়চে ভেলে, সিএনএন
ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও সরকারি স্থাপনার তথ্য সংগ্রহ করে ইরান-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কে সরবরাহের অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত এই যুবকের বয়স মাত্র ২০ বছর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তেহরানের সঙ্গে যুক্ত এক এজেন্টের সঙ্গে নিয়মিত ডিজিটাল যোগাযোগ বজায় রাখছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সরকারি স্থাপনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ওই এজেন্টের কাছে পাঠাতেন। এর বিনিময়ে প্রতিটি কাজের জন্য কয়েক ডলার থেকে শুরু করে শত শত ডলার পর্যন্ত অর্থ গ্রহণ করতেন তিনি। জেরুজালেম জেলা পুলিশ গত ৯ জুন একটি গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইতোমধ্যে আদালতে প্রসিকিউটরস ডিক্লারেশন দাখিল করা হয়েছে এবং শিগগিরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হবে। তবে এ বিষয়ে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন গুপ্তচরবৃত্তির ঘটনা আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষ করে সাইবার ও তথ্যভিত্তিক যুদ্ধের ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের কর্মকাণ্ডকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। এদিকে, অন্য এক নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননের দুটি নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়নি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তদারকি ব্যবস্থার বিষয়ে পূর্ণ সমঝোতা না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সেনা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া এবং এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। বিশেষ করে লেবাননের রাষ্ট্রীয় বাহিনী হিজবুল্লাহর কার্যক্রম ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই দুই ঘটনাই অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র: আল জাজিরা
ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জব্দ করা মাংসটি আদৌ গরুর কি না, তা এখনো ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়নি। এ ঘটনাকে ঘিরে দেশটির বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কৌশাম্বির একটি এলাকায় অভিযান চালায় পুলিশ। তাদের কাছে তথ্য ছিল, একটি পরিবারের সদস্যরা বাড়িতে গরুর মাংস এনে রান্না করছেন। প্রাথমিকভাবে তথ্য যাচাইয়ের পর উপ-পুলিশ সুপার অভিষেক সিংয়ের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে তল্লাশি চালায়। অভিযানের সময় পুলিশ রান্না করা ও কাঁচা মাংস জব্দ করে। পরে শামা পারভীন, শাইস্তা এবং ফাতিমা নামে তিন নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে উত্তর প্রদেশ গরু জবাই প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্তের গুরুত্বপূর্ণ একটি দিক হলো, জব্দ করা মাংসের নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হলেও প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। অর্থাৎ, মাংসটি গরুর ছিল কি না, তা সরকারিভাবে এখনো নিশ্চিত করা হয়নি। তা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে প্রাথমিক অভিযোগের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মানবাধিকারকর্মী ও আইন বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ফরেনসিক পরীক্ষার ফল প্রকাশের আগে শুধু সন্দেহের ভিত্তিতে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে বিতর্কের জন্ম দিতে পারে। অন্যদিকে পুলিশ বলছে, প্রাথমিক তদন্ত, জব্দ করা আলামত এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরেনসিক প্রতিবেদনের ফল তদন্তের অংশ হিসেবে যুক্ত হবে। উত্তর প্রদেশে গরু জবাই ও গরুর মাংস সংক্রান্ত আইন ভারতের অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কঠোর। এ ধরনের অভিযোগে অতীতেও একাধিক অভিযান, গ্রেপ্তার এবং মামলা হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রে আদালতে অভিযোগ প্রমাণের জন্য ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ঘটনার তদন্ত এখনো চলছে। ফরেনসিক পরীক্ষার ফল প্রকাশের পর জব্দ করা মাংসের প্রকৃতি এবং মামলার পরবর্তী আইনি অগ্রগতি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্ল্যান্টেশন শহরে একটি গাড়ির ভেতরে ২৩ মাস বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকেলে একটি প্রিস্কুলের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, কীভাবে শিশুটি দীর্ঘ সময় গাড়ির ভেতরে ছিল এবং মৃত্যুর ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্ল্যান্টেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৩৯ মিনিটের দিকে A World of Discovery Academy নামের একটি প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গাড়ির ভেতরে একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়ার খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছে দমকল বিভাগের কর্মকর্তারা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এরপর ঘটনাটির তদন্ত শুরু করেন পুলিশের গোয়েন্দারা। স্থানীয় টেলিভিশন চ্যানেল WSVN-কে দেওয়া সাক্ষাৎকারে স্কুলটির মালিক লেসলি নোভোয়া জানান, বিকেলে শিশুটির বাবা তাকে নিতে স্কুলে আসেন। তখনই তিনি বুঝতে পারেন, সকালে শিশুটিকে স্কুলে নামানোই হয়নি। পরে বাবা ও স্কুল কর্তৃপক্ষ গাড়ির পেছনের আসনে শিশুটিকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করা হয়। নোভোয়া বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। পরিবারটি বহু বছর ধরে আমাদের স্কুলের সঙ্গে যুক্ত। এই শিশুটির আগেও তাদের আরও দুই সন্তান এখানে পড়াশোনা করেছে। তারা খুবই স্নেহশীল একটি পরিবার।” ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পার্কিং এলাকাটি ঘিরে রেখে আলামত সংগ্রহ করেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে গাড়িটির চারপাশে একটি অস্থায়ী তাঁবুও স্থাপন করা হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত প্ল্যান্টেশন পুলিশ জানায়, এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রে প্রতি বছর গরমের সময় গাড়ির ভেতরে শিশু রেখে যাওয়ার কারণে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের গাড়িতে রেখে যাওয়া এড়াতে অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। গাড়ি থেকে নামার আগে পেছনের আসন ভালোভাবে পরীক্ষা করা, মোবাইলে স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থা রাখা এবং শিশুকে স্কুল বা ডে-কেয়ারে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা—এ ধরনের পদক্ষেপ অনেক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে। পুলিশের তদন্ত শেষ হলে শিশুটির মৃত্যুর সঠিক কারণ এবং এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিএম থেকে পাঁচ লাখ ২৯ হাজার ডলারের বেশি অর্থ চুরির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল মামলা করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, তারা বিশেষ ধরনের হার্ডওয়্যার ও ম্যালওয়্যার ব্যবহার করে এটিএমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে মেশিন থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিতেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের ৮ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১০ দিনের অভিযানে কানেকটিকাটের ইন্টারস্টেট-৯৫ (I-95) মহাসড়কের বিভিন্ন বিশ্রামকেন্দ্রে থাকা এটিএমকে লক্ষ্যবস্তু বানানো হয়। ওই সময়ে অন্তত নয়টি এটিএমে হামলার চেষ্টা করা হয়। এর মধ্যে আটটি এটিএম থেকে মোট ৫ লাখ ২৯ হাজার ২২০ ডলার চুরি হয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের ভাষ্য, অভিযুক্তরা এটিএমের ভেতরের যন্ত্রাংশে প্রবেশ করে বিশেষ হার্ডওয়্যার ও ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করতেন। এরপর মেশিনকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো, যাতে সেটি প্রায় সীমাহীনভাবে টাকা বের করে দিতে থাকে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে এই কৌশলটি 'জ্যাকপটিং' নামে পরিচিত। অভিযোগ অনুযায়ী, সবচেয়ে বড় ঘটনাটি ঘটে কানেকটিকাটের ফেয়ারফিল্ড এলাকায় আই-৯৫ মহাসড়কের উত্তরমুখী বিশ্রামকেন্দ্রের একটি এটিএমে। সেখান থেকে এক অভিযানে প্রায় ১ লাখ ৩৬ হাজার ডলার তুলে নেওয়া হয়। তবে একই সময় অ্যানসোনিয়ার একটি এটিএমে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ, ওই মেশিনে আগে থেকেই নিরাপত্তা জোরদারে নতুন সফটওয়্যার সংযোজন করা হয়েছিল, যা হামলা প্রতিহত করতে সক্ষম হয়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত চারজন হলেন ইউক্লিডেস মোরেনো ইতানারে (২৮), উইলিয়ান রিকার্ডো ফ্লোরেস (৪৯), আলবার্তো হোসে ফ্রেইতেস আরভিলা (৪১) এবং লুইস হোসে ফ্রেইতেস আরভিলা (৩৮)। তারা সবাই ভেনেজুয়েলার নাগরিক। তাদের মধ্যে দুজন নিউইয়র্কে, একজন নর্থ ক্যারোলাইনায় এবং অপরজন ম্যাসাচুসেটসে বসবাস করতেন। প্রসিকিউটরদের দাবি, প্রতিটি চুরির সময় অভিযুক্তদের কর্মকাণ্ডের ধরণ প্রায় একই ছিল। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লুইস ফ্রেইতেস আরভিলা আশপাশে নজরদারির দায়িত্ব পালন করতেন। অন্যদিকে আলবার্তো ফ্রেইতেস আরভিলা এটিএমের ঢাকনা খুলে ভেতরের যন্ত্রাংশে প্রবেশ করতেন। এরপর কয়েক ঘণ্টা ধরে অন্য সদস্যরা পালাক্রমে এটিএম থেকে টাকা তুলে নিয়ে যেতেন। তদন্তে আরও জানা গেছে, সন্দেহ এড়াতে তারা একই এটিএমে বারবার যাওয়ার আগে পোশাক পরিবর্তন করতেন এবং নিজেদের চেহারা আড়াল করারও চেষ্টা করতেন। গত বৃহস্পতিবার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), কানেকটিকাট স্টেট পুলিশ এবং নিউইয়র্ক ও নর্থ ক্যারোলাইনার স্থানীয় পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে চুরি করা সম্পদ অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে পরিবহন এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রথম অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং দ্বিতীয় অভিযোগে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। মামলার সঙ্গে প্রকাশ করা কয়েকটি ছবিতে অভিযুক্তদের এটিএমের যন্ত্রাংশ নিয়ে কাজ করতে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ হাতে নিয়ে ছবি তুলতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, এটিএমে জ্যাকপটিং পদ্ধতির হামলা নতুন নয়। ২০১৮ সালেই বিশ্বের কয়েকটি বড় এটিএম নির্মাতা প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সতর্ক করেছিল যে সাইবার অপরাধীরা বিশেষ ম্যালওয়্যার ব্যবহার করে এটিএমের নিরাপত্তা ভেঙে নগদ অর্থ চুরির চেষ্টা করছে। এরপর থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করলেও এ ধরনের হামলার ঝুঁকি পুরোপুরি দূর হয়নি।
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। অভিযোগ, তিনি ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন এবং এর বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন। দ্য টাইমস অব ইসরায়েল ও দ্য জেরুজালেম পোস্ট ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন তথ্য ও ছবি পাঠানোর প্রতিটি কাজের জন্য তিনি কয়েক ডলার থেকে কয়েকশ ডলার পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রসিকিউটরস ডিক্লারেশন দাখিল করা হয়েছে। ইসরায়েলের বিচারিক প্রক্রিয়ায় এটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের আগের ধাপ। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি যেসব স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করেছিলেন, সেগুলোর মধ্যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানও রয়েছে। তবে তদন্তের স্বার্থে এসব স্থাপনার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহে প্ররোচিত করার চেষ্টা করছে। যদিও এ ধরনের অভিযোগ বারবার অস্বীকার করে আসছে তেহরান। এদিকে একই দিনে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে মাইন অপসারণের বিষয়টি একটি বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় পরিচালিত হয় এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, হরমুজ প্রণালিকে নিরাপদ রাখতে এবং আন্তর্জাতিক নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে ফ্রান্স তার মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে। তাঁর ওই মন্তব্যের পরই ইরান জানিয়ে দেয়, এ বিষয়ে তারা কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততা মেনে নেবে না। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালির নিরাপত্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূত্র: আল-জাজিরা, দ্য টাইমস অব ইসরায়েল, দ্য জেরুজালেম পোস্ট