- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিএম থেকে পাঁচ লাখ ২৯ হাজার ডলারের বেশি অর্থ চুরির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল মামলা করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, তারা বিশেষ ধরনের হার্ডওয়্যার ও ম্যালওয়্যার ব্যবহার করে এটিএমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে মেশিন থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিতেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের ৮ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১০ দিনের অভিযানে কানেকটিকাটের ইন্টারস্টেট-৯৫ (I-95) মহাসড়কের বিভিন্ন বিশ্রামকেন্দ্রে থাকা এটিএমকে লক্ষ্যবস্তু বানানো হয়। ওই সময়ে অন্তত নয়টি এটিএমে হামলার চেষ্টা করা হয়। এর মধ্যে আটটি এটিএম থেকে মোট ৫ লাখ ২৯ হাজার ২২০ ডলার চুরি হয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের ভাষ্য, অভিযুক্তরা এটিএমের ভেতরের যন্ত্রাংশে প্রবেশ করে বিশেষ হার্ডওয়্যার ও ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করতেন। এরপর মেশিনকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো, যাতে সেটি প্রায় সীমাহীনভাবে টাকা বের করে দিতে থাকে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে এই কৌশলটি 'জ্যাকপটিং' নামে পরিচিত। অভিযোগ অনুযায়ী, সবচেয়ে বড় ঘটনাটি ঘটে কানেকটিকাটের ফেয়ারফিল্ড এলাকায় আই-৯৫ মহাসড়কের উত্তরমুখী বিশ্রামকেন্দ্রের একটি এটিএমে। সেখান থেকে এক অভিযানে প্রায় ১ লাখ ৩৬ হাজার ডলার তুলে নেওয়া হয়। তবে একই সময় অ্যানসোনিয়ার একটি এটিএমে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ, ওই মেশিনে আগে থেকেই নিরাপত্তা জোরদারে নতুন সফটওয়্যার সংযোজন করা হয়েছিল, যা হামলা প্রতিহত করতে সক্ষম হয়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত চারজন হলেন ইউক্লিডেস মোরেনো ইতানারে (২৮), উইলিয়ান রিকার্ডো ফ্লোরেস (৪৯), আলবার্তো হোসে ফ্রেইতেস আরভিলা (৪১) এবং লুইস হোসে ফ্রেইতেস আরভিলা (৩৮)। তারা সবাই ভেনেজুয়েলার নাগরিক। তাদের মধ্যে দুজন নিউইয়র্কে, একজন নর্থ ক্যারোলাইনায় এবং অপরজন ম্যাসাচুসেটসে বসবাস করতেন। প্রসিকিউটরদের দাবি, প্রতিটি চুরির সময় অভিযুক্তদের কর্মকাণ্ডের ধরণ প্রায় একই ছিল। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লুইস ফ্রেইতেস আরভিলা আশপাশে নজরদারির দায়িত্ব পালন করতেন। অন্যদিকে আলবার্তো ফ্রেইতেস আরভিলা এটিএমের ঢাকনা খুলে ভেতরের যন্ত্রাংশে প্রবেশ করতেন। এরপর কয়েক ঘণ্টা ধরে অন্য সদস্যরা পালাক্রমে এটিএম থেকে টাকা তুলে নিয়ে যেতেন। তদন্তে আরও জানা গেছে, সন্দেহ এড়াতে তারা একই এটিএমে বারবার যাওয়ার আগে পোশাক পরিবর্তন করতেন এবং নিজেদের চেহারা আড়াল করারও চেষ্টা করতেন। গত বৃহস্পতিবার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), কানেকটিকাট স্টেট পুলিশ এবং নিউইয়র্ক ও নর্থ ক্যারোলাইনার স্থানীয় পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে চুরি করা সম্পদ অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে পরিবহন এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রথম অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং দ্বিতীয় অভিযোগে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। মামলার সঙ্গে প্রকাশ করা কয়েকটি ছবিতে অভিযুক্তদের এটিএমের যন্ত্রাংশ নিয়ে কাজ করতে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ হাতে নিয়ে ছবি তুলতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, এটিএমে জ্যাকপটিং পদ্ধতির হামলা নতুন নয়। ২০১৮ সালেই বিশ্বের কয়েকটি বড় এটিএম নির্মাতা প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সতর্ক করেছিল যে সাইবার অপরাধীরা বিশেষ ম্যালওয়্যার ব্যবহার করে এটিএমের নিরাপত্তা ভেঙে নগদ অর্থ চুরির চেষ্টা করছে। এরপর থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করলেও এ ধরনের হামলার ঝুঁকি পুরোপুরি দূর হয়নি।
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। অভিযোগ, তিনি ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন এবং এর বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন। দ্য টাইমস অব ইসরায়েল ও দ্য জেরুজালেম পোস্ট ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন তথ্য ও ছবি পাঠানোর প্রতিটি কাজের জন্য তিনি কয়েক ডলার থেকে কয়েকশ ডলার পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রসিকিউটরস ডিক্লারেশন দাখিল করা হয়েছে। ইসরায়েলের বিচারিক প্রক্রিয়ায় এটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের আগের ধাপ। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি যেসব স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করেছিলেন, সেগুলোর মধ্যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানও রয়েছে। তবে তদন্তের স্বার্থে এসব স্থাপনার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহে প্ররোচিত করার চেষ্টা করছে। যদিও এ ধরনের অভিযোগ বারবার অস্বীকার করে আসছে তেহরান। এদিকে একই দিনে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে মাইন অপসারণের বিষয়টি একটি বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় পরিচালিত হয় এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, হরমুজ প্রণালিকে নিরাপদ রাখতে এবং আন্তর্জাতিক নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে ফ্রান্স তার মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে। তাঁর ওই মন্তব্যের পরই ইরান জানিয়ে দেয়, এ বিষয়ে তারা কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততা মেনে নেবে না। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালির নিরাপত্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূত্র: আল-জাজিরা, দ্য টাইমস অব ইসরায়েল, দ্য জেরুজালেম পোস্ট
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ড্রাইভিং লাইসেন্স ও স্টেট আইডি কার্ড পাওয়ার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মরত অনেক অস্থায়ী ভিসাধারীর জন্য টেক্সাসে প্রথমবার ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি সংগ্রহ করা আরও কঠিন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিবাসন আইনজীবীরা। প্রস্তাবটি দিয়েছে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (DPS)। সংস্থাটি রিয়েল আইডি (REAL ID)-সংক্রান্ত নিয়ম সংশোধনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে পরিচয় প্রমাণের জন্য বিদেশি পাসপোর্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেয়াদোত্তীর্ণ বা কার্যকর—যেকোনো ভিসা গ্রহণ করা হয়, যদি আবেদনকারীর কাছে বৈধ ফর্ম আই-৯৪ (Form I-94) থাকে। এই নথির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতির তথ্য যাচাই করা হয়। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, নিয়ম থেকে "মেয়াদোত্তীর্ণ" শব্দটি বাদ দেওয়া হবে। অর্থাৎ ভবিষ্যতে পরিচয়পত্র হিসেবে বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে হলে তাতে কার্যকর (Valid) মার্কিন ভিসা থাকতে হবে। টেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো অঙ্গরাজ্যের নিয়মকে ফেডারেল রিয়েল আইডি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। এ বিষয়ে জনমত গ্রহণ করা হচ্ছে এবং আগামী ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত সাধারণ মানুষ মতামত দিতে পারবেন। তবে প্রস্তাবটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউস্টনভিত্তিক অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড্ডি নিউম্যান ব্রাউন পিসি (Reddy Neumann Brown PC)। প্রতিষ্ঠানটির মতে, নতুন নিয়ম কার্যকর হলে অনেক বৈধ অভিবাসী অপ্রয়োজনীয় জটিলতার মুখে পড়বেন। আইনজীবীরা বলছেন, ভিসা এবং বৈধ অভিবাসন মর্যাদা এক বিষয় নয়। পাসপোর্টে থাকা ভিসা মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু দেশে প্রবেশের পর একজন ব্যক্তি কতদিন বৈধভাবে থাকতে পারবেন, তা নির্ধারণ করে ফর্ম আই-৯৪ অথবা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা (USCIS)-এর অনুমোদন। উদাহরণ হিসেবে তারা বলেন, একজন এইচ-১বি (H-1B) কর্মীর পাসপোর্টে থাকা ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। কিন্তু ইউএসসিআইএসের অনুমোদনের কারণে তিনি আরও কয়েক বছর যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার অধিকার রাখতে পারেন। বর্তমান নিয়ম অনুযায়ী, এমন একজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ভিসাসহ বৈধ আই-৯৪ দেখিয়ে টেক্সাসের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে সেই সুযোগ আর থাকবে না। রেড্ডি নিউম্যান ব্রাউন পিসি এক বিশ্লেষণে বলেছে, এই পরিবর্তনের ফলে অনেক বৈধ অভিবাসী পরিচয় প্রমাণে সমস্যায় পড়তে পারেন, যদিও ফেডারেল সরকারের সেভ (SAVE) তথ্যভান্ডারের মাধ্যমে তাদের পরিচয় ও অভিবাসন মর্যাদা সহজেই যাচাই করা সম্ভব। প্রতিষ্ঠানটির ভাষ্য, এই সংশোধনী কার্যকর হলে বৈধভাবে অস্থায়ী অভিবাসন মর্যাদা ধরে রাখা অনেক মানুষের জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া কঠিন হয়ে যাবে, শুধুমাত্র তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে। বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়ম সবচেয়ে বেশি প্রভাব ফেলবে টেক্সাসে নতুন আসা এবং প্রথমবার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের ওপর। তবে যাদের ইতোমধ্যে টেক্সাসের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং সময়মতো সেটি নবায়ন করবেন, তারা সাধারণত আগের লাইসেন্স ব্যবহার করেই পরিচয় প্রমাণ করতে পারবেন। এদিকে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে, সম্ভব হলে পাসপোর্টে থাকা মার্কিন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই টেক্সাসের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে। বিশ্ববিদ্যালয়টি আরও জানিয়েছে, যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অভিবাসন মর্যাদা পরিবর্তন বা মেয়াদ বৃদ্ধি করেছেন, তারা কিছু ক্ষেত্রে ইউএসসিআইএসের অনুমোদনপত্র ব্যবহার করতে পারবেন বলে ডিপিএস থেকে নির্দেশনা পাওয়া গেছে। রেড্ডি নিউম্যান ব্রাউন পিসি ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন বাসিন্দাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে প্রস্তাবিত নিয়মের ওপর মতামত জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, একটি বৈধ পাসপোর্ট এবং বর্তমান ফেডারেল অভিবাসন নথি, যেমন কার্যকর ফর্ম আই-৯৪, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর পরিচয় প্রমাণে যথেষ্ট হওয়া উচিত, পাসপোর্টে থাকা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও।
যুক্তরাষ্ট্রে ফেডারেল শিক্ষাঋণ (স্টুডেন্ট লোন) ব্যবস্থায় বুধবার (১ জুলাই) থেকে বড় ধরনের পরিবর্তন কার্যকর হয়েছে। নতুন নিয়মে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের চালু করা সেভ (Saving on a Valuable Education বা SAVE) পরিশোধ পরিকল্পনা বাতিল হয়েছে। একই সঙ্গে স্নাতকোত্তর শিক্ষার্থী এবং প্যারেন্ট প্লাস (Parent PLUS) ঋণের ক্ষেত্রে নতুন ঋণসীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দীর্ঘদিনের গ্র্যাজুয়েট প্লাস (Graduate PLUS) ঋণ কর্মসূচিও ধাপে ধাপে বন্ধ করা হচ্ছে। মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, এসব পরিবর্তনের ফলে বর্তমান ও ভবিষ্যতের লাখো শিক্ষাঋণগ্রহীতার ঋণ নেওয়া এবং পরিশোধের নিয়মে পরিবর্তন আসবে। বন্ধ হচ্ছে ‘সেভ’ পরিকল্পনা বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সেভ পরিকল্পনায় প্রায় ৭০ লাখ ঋণগ্রহীতা অন্তর্ভুক্ত ছিলেন। এই কর্মসূচির আওতায় অনেকের মাসিক কিস্তি শূন্য ডলার পর্যন্ত নেমে এসেছিল। তবে আইনি জটিলতার কারণে ২০২৪ সালের জুলাই থেকে এ কর্মসূচির আওতায় কিস্তি আদায় স্থগিত ছিল। যদিও ২০২৫ সালের আগস্ট থেকে ঋণের ওপর সুদ যোগ হতে থাকে। নতুন নিয়ম অনুযায়ী, সেভ পরিকল্পনায় থাকা ঋণগ্রহীতাদের অন্য পরিশোধ পরিকল্পনায় যেতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন পরিকল্পনা বেছে না নিলে তাদের স্বয়ংক্রিয়ভাবে দুটি নতুন ব্যবস্থার একটিতে অন্তর্ভুক্ত করা হবে। এর একটি হলো রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্ল্যান (RAP), যেখানে ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩০ বছর। অন্যটি টিয়ার্ড স্ট্যান্ডার্ড প্ল্যান, যেখানে ঋণের ধরন অনুযায়ী ১০ থেকে ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন পরিকল্পনায় অনেক ঋণগ্রহীতার মাসিক কিস্তি আগের তুলনায় কয়েকশ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। কিছু পুরোনো পরিকল্পনা থাকছে সীমিত সময় পে অ্যাজ ইউ আর্ন (PAYE) এবং ইনকাম-কনটিনজেন্ট রিপেমেন্ট (ICR) পরিকল্পনা আপাতত চালু থাকলেও ২০২৮ সালের মধ্যে এগুলোও বন্ধ করে দেওয়া হবে। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে এসব পরিকল্পনায় নাম লেখানো যাবে। অন্যদিকে নতুন করে ফেডারেল শিক্ষাঋণ না নিলে অনেক ঋণগ্রহীতা ইনকাম-বেইজড রিপেমেন্ট (IBR) পরিকল্পনায় ঋণ পরিশোধ চালিয়ে যেতে পারবেন। তবে কিছু ধরনের প্যারেন্ট প্লাস ঋণ এই সুবিধার বাইরে থাকবে। প্যারেন্ট প্লাস ঋণে নতুন সীমা সন্তানের উচ্চশিক্ষার জন্য অভিভাবকদের নেওয়া প্যারেন্ট প্লাস ঋণের ক্ষেত্রেও নতুন সীমা কার্যকর হয়েছে। এখন থেকে বছরে সর্বোচ্চ ২০ হাজার ডলার এবং একজন শিক্ষার্থীর জন্য সর্বমোট ৬৫ হাজার ডলার পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে। তবে ৩০ জুন ২০২৬ বা তার আগে যেসব শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা কর্মসূচিতে ভর্তি হয়েছেন এবং ইতোমধ্যে প্যারেন্ট প্লাস বা নির্ধারিত ফেডারেল ঋণের অর্থ পেয়েছেন, তারা কিছু ক্ষেত্রে এই সীমার বাইরে থাকবেন। এছাড়া ১ জুলাইয়ের পর নেওয়া বা একীভূত করা নতুন প্যারেন্ট প্লাস ঋণের ক্ষেত্রে টিয়ার্ড স্ট্যান্ডার্ড প্ল্যান ছাড়া অন্য কোনো আয়ভিত্তিক পরিশোধ পরিকল্পনার সুযোগ থাকবে না। এসব ঋণগ্রহীতা পাবলিক সার্ভিস লোন ফরগিভনেস (PSLF) কর্মসূচিতেও অংশ নিতে পারবেন না। স্নাতকোত্তর শিক্ষার্থীদের ঋণেও সীমা নতুন আইনে স্নাতকোত্তর শিক্ষার্থীদের ফেডারেল ঋণের পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন থেকে সাধারণ স্নাতকোত্তর শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার এবং জীবনভর মোট ১ লাখ ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। অন্যদিকে চিকিৎসা, আইনসহ বিভিন্ন পেশাভিত্তিক উচ্চশিক্ষার শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ৫০ হাজার ডলার এবং সর্বমোট ২ লাখ ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। একই সঙ্গে এতদিন সীমাহীন ঋণ সুবিধা দেওয়া গ্র্যাজুয়েট প্লাস কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হচ্ছে। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে এই কর্মসূচির আওতায় একই প্রতিষ্ঠানে একই বিষয়ে পড়ছেন, তারা নির্দিষ্ট শর্তে তিন বছর পর্যন্ত আগের সুবিধা পাবেন। ঋণের সর্বোচ্চ সীমাও নির্ধারণ নতুন নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি ফেডারেল শিক্ষাঋণ হিসেবে জীবনভর সর্বোচ্চ ২ লাখ ৫৭ হাজার ৫০০ ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর আগে এ ধরনের কোনো সর্বোচ্চ সীমা ছিল না। স্বয়ংক্রিয় কিস্তি পরিশোধে সুদ কমবে পরিবর্তনের মধ্যেও ঋণগ্রহীতাদের জন্য একটি সুবিধার ঘোষণা দিয়েছে মার্কিন শিক্ষা বিভাগ। যারা অটোপে বা স্বয়ংক্রিয় কিস্তি পরিশোধ ব্যবস্থায় যুক্ত থাকবেন, তারা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ঋণের সুদের হারে অতিরিক্ত ১ শতাংশ ছাড় পাবেন। এর আগে অটোপে সুবিধা ব্যবহারকারীরা ০ দশমিক ২৫ শতাংশ সুদ ছাড় পেতেন। নতুন সুবিধা পেতে আগ্রহীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। বিশ্লেষকদের মতে, নতুন এসব পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষাঋণ ব্যবস্থা আরও নিয়ন্ত্রিত হবে। তবে অনেক শিক্ষার্থীর মাসিক কিস্তি বাড়ার পাশাপাশি ঋণ নেওয়ার সুযোগও আগের তুলনায় সীমিত হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তাঁর ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত বিভিন্ন ব্যবসা থেকে প্রায় ১২০ কোটি মার্কিন ডলার (১.২ বিলিয়ন ডলার) আয় করেছেন। মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকস (ওজিই)-এ জমা দেওয়া বার্ষিক আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। তবে একই সময়ে ট্রাম্প-সম্পর্কিত বেশ কয়েকটি ক্রিপ্টো সম্পদের বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অনেক বিনিয়োগকারী লোকসানের মুখে পড়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের সময় ট্রাম্পের ক্রিপ্টো উদ্যোগগুলো ছিল একেবারেই নতুন। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে এসব ব্যবসা তাঁর দীর্ঘদিনের রিয়েল এস্টেট সাম্রাজ্যের অনেক সম্পত্তির আয়কেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ধনকুবের বিনিয়োগকারীদের আগ্রহ এবং ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোবান্ধব নীতির কারণে এসব ব্যবসার দ্রুত সম্প্রসারণ সম্ভব হয়েছে। সরকারি নথি অনুযায়ী, ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামের প্রতিষ্ঠান নতুন ধরনের ক্রিপ্টো সম্পদ, বিশেষ করে গভর্ন্যান্স টোকেন বিক্রি করে ৫০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। এছাড়া ট্রাম্পের আরেক প্রতিষ্ঠান সিআইসি ডিজিটাল এলএলসি তাঁর ছবি সংবলিত মিম কয়েন বিক্রি করে ৬০ কোটি ডলারের বেশি আয় করেছে। তবে এসব টোকেন ও মিম কয়েন বিক্রির পর সেগুলোর বাজারমূল্য বড় ধরনের পতনের মুখে পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বাজারে আসার পর ট্রাম্পের মিম কয়েনের দাম ৭৪ ডলারের বেশি উঠলেও বর্তমানে সেটির মূল্য নেমে এসেছে প্রায় ১ দশমিক ৬৮ ডলারে। অন্যদিকে, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের গভর্ন্যান্স টোকেনের মূল্য লেনদেন শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০ শতাংশ কমেছে। ক্রিপ্টো ব্যবসার পাশাপাশি ট্রাম্প তাঁর নাম ব্যবহার করে বাজারজাত করা বিভিন্ন পণ্য থেকেও উল্লেখযোগ্য আয় করেছেন। সরকারি নথি অনুযায়ী, ট্রাম্প ব্র্যান্ডের বাইবেল, জুতা, ঘড়ি এবং অন্যান্য পণ্য বিক্রি করে তিনি কয়েক কোটি ডলার আয় করেছেন। শুধু ট্রাম্প ব্র্যান্ডের হাতঘড়ি বিক্রি থেকেই তাঁর আয় হয়েছে প্রায় ৪৭ লাখ ডলার। ৯২৭ পৃষ্ঠার আর্থিক বিবরণীতে আরও দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ দ্রুত বেড়েছে। ফোর্বস-এর হিসাব অনুযায়ী, বর্তমানে তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার, যা ২০২৪ সালে ছিল প্রায় ২৩০ কোটি ডলার। রিয়েল এস্টেট ব্যবসাতেও ট্রাম্পের আয় বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতে একটি প্রকল্প থেকে তিনি প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার, সৌদি আরবে একটি প্রকল্প থেকে প্রায় ৯০ লাখ ডলার, আর রোমানিয়া ও কাতারের দুটি প্রকল্প থেকে প্রায় ৫০ লাখ ডলার করে রাজস্ব পেয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত তাঁর বিখ্যাত মার-আ-লাগো সম্পত্তি থেকেও গত বছর প্রায় ৭ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। যদিও প্রকাশিত আর্থিক বিবরণীতে আয়ের তথ্য থাকলেও প্রকৃত মুনাফার হিসাব উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প আগের প্রশাসনের তুলনায় ক্রিপ্টো শিল্পের প্রতি অনেক বেশি ইতিবাচক নীতি গ্রহণ করেন। এর ফলে শিল্পটির ওপর নিয়ন্ত্রক চাপ কিছুটা শিথিল হয়। তবে নিয়ন্ত্রক সংস্থাগুলো শুরু থেকেই গভর্ন্যান্স টোকেন নিয়ে সতর্ক অবস্থানে ছিল। তাদের মতে, এসব টোকেন শেয়ারের মতো মালিকানার অধিকার দেয় না এবং এর প্রকৃত মূল্য নির্ধারণও জটিল। এদিকে, ট্রাম্প-সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রকল্পে চীনা ধনকুবের জাস্টিন সান বড় অঙ্কের বিনিয়োগ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গভর্ন্যান্স টোকেনে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার এবং ট্রাম্পের মিম কয়েনে প্রায় ২০ কোটি ডলার ব্যয় করেন। তবে তিনি বরাবরই দাবি করে আসছেন, ট্রাম্পের ব্যবসায় তাঁর বিনিয়োগের সঙ্গে নিজের আইনি মামলার কোনো সম্পর্ক ছিল না। ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালও স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করেছে। হোয়াইট হাউসের দাবি, ট্রাম্প তাঁর ব্যবসায়িক সম্পদ একটি ট্রাস্টের অধীনে রেখেছেন, যা তাঁর ছেলেরা পরিচালনা করছেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি শুধুমাত্র দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেন এবং ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ তাঁর সরকারি দায়িত্বকে প্রভাবিত করে না। তবে সমালোচকদের মতে, বিদেশে ট্রাম্পের বিভিন্ন ব্যবসায়িক প্রকল্প এবং একই সময়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এসব অভিযোগের পক্ষে সরাসরি কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ হয়নি।
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে কঠোর ভাষায় সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে রায়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য পুরোপুরি হতাশাজনক নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, বিভক্ত এই রায় ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রেখে দিয়েছে। মঙ্গলবার ফক্স নিউজ-এর অনুষ্ঠান দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল-এ দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, অনেক রক্ষণশীল সমর্থক এই রায়ে হতাশ হলেও তিনি এর মধ্যে একটি "বড় ইতিবাচক দিক" দেখছেন। ভ্যান্সের ভাষ্য, অনেক আইন বিশেষজ্ঞ ধারণা করেছিলেন, সুপ্রিম কোর্টে এই মামলায় ট্রাম্প প্রশাসন আরও বড় ব্যবধানে হারতে পারে। কিন্তু আদালতের বিভক্ত অবস্থান প্রমাণ করে, জন্মসূত্রে নাগরিকত্বের বর্তমান ব্যাখ্যা নিয়ে বিচারপতিদের মধ্যেও মতভেদ রয়েছে। তিনি বলেন, "অনেকে ভেবেছিলেন রায় ৭-২ বা ৮-১ হবে। কিন্তু ৫-৪ ব্যবধানের রায় দেখাচ্ছে, বিষয়টি এখনও বিতর্কের বাইরে নয়।" এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই নির্বাহী আদেশ বাতিল করে, যেখানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসী এবং অস্থায়ীভাবে দেশটিতে আসা বিদেশি নাগরিকদের সন্তানদের জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব না দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা মত দেন, এই আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। প্রধান বিচারপতি জন রবার্টসের সঙ্গে বিচারপতি অ্যামি কোনি ব্যারেট, সোনিয়া সোটোমেয়র, এলেনা কাগান এবং কেতানজি ব্রাউন জ্যাকসন সংখ্যাগরিষ্ঠ মতের পক্ষে ছিলেন। অন্যদিকে বিচারপতি ব্রেট ক্যাভানফ আলাদা মত দিয়ে বলেন, নির্বাহী আদেশটি ১৪তম সংশোধনী লঙ্ঘন না করলেও ১৯৪০ ও ১৯৫০-এর দশকের ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিক। সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এই রায়ের পর যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা আরও কঠোরভাবে পরিচালনা করা প্রয়োজন। তাঁর দাবি, বিদেশ থেকে গর্ভবতী নারীরা শুধু সন্তানকে যুক্তরাষ্ট্রে জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে এলে ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ পেতে পারেন, যা তিনি "অযৌক্তিক" বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই রায়ের কারণে অভিবাসন নীতিতে আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি। ভ্যান্সের ভাষায়, "আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কারণ এই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে।" জন্মসূত্রে নাগরিকত্ব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিতর্কিত একটি বিষয়। ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এ নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেয়। তবে সংবিধানের ১৪তম সংশোধনীর ব্যাখ্যা নিয়ে আদালত ও আইন বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পর বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে এ বিষয়ে নতুন আইনি বা নীতিগত পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন নজর পর্যবেক্ষকদের।
ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় পরিচালিত উচ্ছেদ অভিযানে তিনটি মসজিদ ও কয়েকটি মাজার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব স্থাপনা অপসারণের আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের ইসলামি সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ। দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, কুচ জেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি পরিচালিত অভিযানে মোট ৩০টি স্থাপনা অপসারণ করা হয়। এর মধ্যে ছিল ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক স্থাপনা এবং দুটি আবাসিক ভবন। ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে তিনটি মসজিদ ও কয়েকটি মাজারও রয়েছে। ঘটনার পর জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির নেতা মাওলানা হাকিমুদ্দিন কাসমি। তিনি অভিযোগ করেন, মসজিদগুলো ভাঙার আগে কেন কোনো নোটিশ দেওয়া হয়নি, সে বিষয়ে জানতে চাইলেও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি। ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে কুচ জেলার জুনা কান্দলা মসজিদ। মসজিদের খাদেমের দাবি, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ভারী যন্ত্রপাতি নিয়ে এসে মসজিদটি ভেঙে ফেলা হয়। তিনি বলেন, সে সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করার হুমকিও দেওয়া হয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৬৫ সাল থেকে জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ বোর্ডে নিবন্ধিত ছিল। দীর্ঘদিনের এই মসজিদটি এর স্থাপত্যশৈলীর জন্যও এলাকায় পরিচিত ছিল। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেন, উচ্ছেদ অভিযানের সময় তারা প্রশাসনের সঙ্গে কথা বলতে এবং মসজিদের কাছে যেতে চেয়েছিলেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাদের সেখানে যেতে দেননি। বরং এগোলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদিপুর এলাকার একটি মসজিদও একই অভিযানে ভেঙে ফেলা হয়েছে। এদিকে কুচ জেলার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে মোট ৩০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি ধর্মীয়, ১৭টি বাণিজ্যিক এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে। তবে তিনি পৃথকভাবে কোনো নির্দিষ্ট মসজিদ বা মাজার সম্পর্কে মন্তব্য করেননি। ঘটনাটি নিয়ে স্থানীয় মুসলিম সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে এবং উচ্ছেদ অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল শহর নিউইয়র্কে বাড়ি কেনার স্বপ্ন যখন ক্রমেই অধরা হয়ে উঠছিল, তখন সম্পূর্ণ ভিন্ন এক সিদ্ধান্ত নেয় এক মার্কিন পরিবার। তারা ইতালির মধ্যাঞ্চলের আব্রুজ্জো অঞ্চলের একটি ছোট্ট গ্রামে মাত্র ১১ হাজার ৫০০ ইউরো, অর্থাৎ প্রায় ১৩ হাজার মার্কিন ডলারে একটি বাড়ি কিনে নতুন জীবন শুরু করে। এখন তাদের দাবি, এই সিদ্ধান্ত শুধু আর্থিক স্বস্তিই নয়, জীবনকে নতুনভাবে উপভোগ করার সুযোগও এনে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসান্দ্রা ট্রেসল বলেন, ২০২০ সালে মেয়ের জন্মের পর তিনি ও তাঁর স্বামী অ্যালেক্স নিনম্যান ভবিষ্যৎ নিয়ে গুরুত্বসহকারে ভাবতে শুরু করেন। সে সময় তারা নিউইয়র্কে মাসে দুই হাজার ডলার ভাড়ায় একটি অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। নিউইয়র্কের হিসাবে ভাড়াটি তুলনামূলক কম হলেও, সেখানে নিজস্ব বাড়ি কেনার মতো অর্থ জোগাড় করা তাদের কাছে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ট্রেসলের ভাষায়, নিউইয়র্কে একটি বাড়ির ডাউন পেমেন্টের জন্য প্রয়োজনীয় অর্থ সঞ্চয়ের কোনো বাস্তবসম্মত পথ তিনি দেখছিলেন না। সেই কারণেই বিদেশে বসবাসের সম্ভাবনা নিয়ে খোঁজ শুরু করেন তারা। নানা দিক বিবেচনা করে শেষ পর্যন্ত ইতালির আব্রুজ্জো অঞ্চলকেই বেছে নেন, যেখানে পর্যটকদের ভিড় তুলনামূলক কম এবং স্থানীয় জীবনযাত্রা এখনও অনেকটাই স্বাভাবিক। ২০২২ সালে তারা প্রায় ১৩ হাজার ডলারে বাড়িটি কিনে নেন এবং ২০২৩ সালে পরিবারসহ সেখানে স্থায়ীভাবে চলে যান। বাড়িটি কেনার পর সংস্কার ও সাজসজ্জায় আরও প্রায় ১৫ হাজার ইউরো ব্যয় করেন। পুরো বাড়ির পানির লাইন নতুন করে বসানোই ছিল সবচেয়ে ব্যয়বহুল কাজ, যার জন্য প্রায় তিন হাজার ডলার খরচ হয়। পরিবারটি যে গ্রামে বসবাস করছে সেখানে জনসংখ্যা মাত্র প্রায় ১ হাজার ৩০০ জন। রাজধানী রোম থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত পাহাড়ি এই জনপদে পর্যটকদের আনাগোনা কম হলেও স্থানীয় সংস্কৃতি ও সামাজিক পরিবেশ বেশ প্রাণবন্ত বলে জানান ট্রেসল। তাদের উদ্দেশ্যই ছিল এমন একটি জায়গায় বসবাস করা, যেখানে ব্যস্ত নগরজীবনের পরিবর্তে শান্ত পরিবেশে পরিবারকে সময় দেওয়া যাবে। ইতালিতে যাওয়ার পর তাদের মাসিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। ট্রেসলের মেয়ের পূর্ণকালীন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের খরচ মাসে মাত্র ৭০ ডলার। বিদ্যুৎ বিল গড়ে ১৭০ ডলার, পানির বিল প্রায় ৮০ ডলার এবং ইন্টারনেটের জন্য দিতে হয় মাত্র ১৫ ডলার। প্রতিটি মোবাইল ফোন সংযোগের মাসিক খরচ প্রায় ১৪ ডলার। এদিকে তারা একই এলাকায় আরও একটি বাড়ি প্রায় ২০ হাজার ডলারে কিনেছেন। পরে সেটি সংস্কারে আরও প্রায় ১৭ হাজার ডলার ব্যয় করা হয়। বর্তমানে বাড়িটি ভাড়া দিয়ে প্রতি মাসে গড়ে প্রায় এক হাজার ১০০ ডলার আয় হচ্ছে বলে জানিয়েছেন ট্রেসল। পেশাগত জীবনেও এসেছে পরিবর্তন। নিউইয়র্কে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করলেও বর্তমানে তিনি ইতালির একটি ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানে বিপণন বিভাগে কাজ করছেন। আগের তুলনায় আয় কিছুটা কম হলেও, জীবনযাত্রার মান এবং পরিবারের সঙ্গে কাটানো সময়কে তিনি এখন বেশি মূল্য দেন। ট্রেসলের মতে, ছোট শহরের জীবন তাঁকে বুঝতে শিখিয়েছে যে সবকিছু নিয়ে প্রতিনিয়ত দৌড়ানোর প্রয়োজন নেই। ধীরগতির এই জীবন তাঁকে মানসিকভাবে অনেক বেশি স্বস্তি দিয়েছে। স্থানীয়দের সঙ্গে মিশে ইতালীয় ভাষা শেখা এবং তাদের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াও এই নতুন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে পরিবারের বেশির ভাগ কেনাকাটা স্থানীয় বাজার থেকেই করা হয়। ট্রেসলের দাবি, সেখানে পাওয়া মাংস ও পনিরের মান যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো। দুই কুকুর ও দুই বিড়ালসহ পুরো পরিবারের সাপ্তাহিক বাজার খরচ প্রায় ১৪০ ডলার। যদিও যুক্তরাষ্ট্রে থাকা আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য মাঝে মাঝে মন খারাপ হয়, তবুও স্থায়ীভাবে দেশে ফেরার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রেসলের ভাষায়, সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো নিজের বাড়ির জন্য আর কোনো ঋণ বা মাসিক কিস্তি দিতে হয় না। নগদ অর্থে বাড়ির মালিক হওয়ায় আর্থিক চাপ কমেছে এবং জীবনের অগ্রাধিকারও বদলে গেছে। তিনি বলেন, আগে ক্যারিয়ারকে ঘিরেই সব চিন্তা ছিল। এখন পরিবার, মানসিক শান্তি এবং নিজের পছন্দের কাজকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, ইতালির ছোট্ট একটি গ্রামে বসবাসের অভিজ্ঞতা তাঁকে উপলব্ধি করিয়েছে, জীবনের সবকিছু এতটা জটিল বা গুরুত্বপূর্ণ নয়।
পাকিস্তানের লাহোরে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ জন শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার শহরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, ছাদ ধসের পরপরই ধ্বংসস্তূপ থেকে ১৯ জন শিশুকে উদ্ধার করে দ্রুত কাহনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে ১৪ জন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং বাকি পাঁচজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসের সময় ওই কোচিং সেন্টারের ভেতরে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল এবং ঠিক সেই সময়েই নিচতলায় শিশুদের ক্লাস চলছিল। ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের ত্রুটি বা অতিরিক্ত চাপের কারণেই এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ইতোমধ্যেই এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির প্রায় ১২৬ বিলিয়ন ডলারের রেকর্ড-ভাঙ্গা উদ্বোধনী বাজেট পাস হতে যাচ্ছে। শহরটির পূর্ববর্তী আর্থিক পরিস্থিতি নিয়ে মেয়রের নিজেরই দেওয়া ভয়াবহ সতর্কবার্তা সত্ত্বেও, গত বছরের তুলনায় এবারের বাজেটে ব্যয় বাড়ানো হয়েছে প্রায় ১০ বিলিয়ন ডলার। বুধবারের নির্ধারিত সময়সীমার ঠিক কয়েক ঘণ্টা আগে সিটি কাউন্সিলে এই বাজেট প্রস্তাবটি ভোটের জন্য ওঠে। তবে শেষ মুহূর্তের নানা চেষ্টা সত্ত্বেও এই ব্যয়ের চুক্তিটি বামপন্থি ও মধ্যপন্থি—উভয় পক্ষের রাজনীতিকদেরই হতাশ করেছে। গত বছরের প্রায় ১১৬ বিলিয়ন ডলারের তুলনায় এবারের বাজেট প্রায় ৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৫.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে দৃশ্যত বড় ধরনের কোনো ব্যয় সংকোচনের উদ্যোগ নেই। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই মেয়র বাজেটকে ভারসাম্যপূর্ণ বলে দাবি করলেও, সিটি কম্পট্রোলার মার্ক লেভিন জানিয়েছেন, মূলত ৬.১ বিলিয়ন ডলারের এককালীন কৌশল এবং স্বল্পমেয়াদি সঞ্চয় ব্যবহার করেই সাময়িকভাবে এই ভারসাম্য আনা হয়েছে। লেভিনের মতে, এই চুক্তির মাধ্যমে শহরটি আপাতত একটি কঠিন বছর পার করতে পারলেও ভবিষ্যতের কাঠামোগত চ্যালেঞ্জগুলোর কোনো সমাধান এতে নেই। সিটি কম্পট্রোলার অফিসের তথ্য অনুযায়ী, আগামী বাজেটে শহরটিকে প্রায় ৮.৮ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতির মুখে পড়তে হবে। ২০২৭ অর্থবছরের চূড়ান্ত এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) জন্য ৬.৬ বিলিয়ন, শিক্ষা বিভাগে ৩৮ বিলিয়ন, গৃহহীন সেবা বিভাগে ৪.২ বিলিয়ন এবং স্বাস্থ্য ও মানসিক পরিচ্ছন্নতা বিভাগে ২.৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি সামাল দিতে সাধারণ রিজার্ভ ফান্ডে ৩৫০ মিলিয়ন ডলার রাখা হয়েছে। সিটিজেনস বাজেট কমিশনের সভাপতি অ্যান্ড্রু রেইনের মতে, এই পরিকল্পনা শহরের বিশাল কাঠামোগত বাজেট সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি হাউজিং ভাউচার প্রোগ্রাম সম্প্রসারণ এবং এনওয়াইপিডিতে ৫৮০ জন নতুন পুলিশ সদস্য নিয়োগের বিষয়ে মেয়রের আগের অবস্থান থেকে সরে আসার কারণে প্রগতিশীল ও মধ্যপন্থিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই মেয়র মামদানি শহরের আর্থিক সংকটের জন্য তার পূর্বসূরি সাবেক মেয়র এরিক অ্যাডামসকে দায়ী করেছিলেন। প্রাথমিকভাবে ১২ বিলিয়ন ডলার ঘাটতির কথা বললেও পরে তা ৫.৪ বিলিয়ন ডলারে নামিয়ে আনেন। এই ঘাটতি পূরণে ধনীদের ওপর কর আরোপ বা সম্পত্তি কর প্রায় ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন তিনি। নতুন কর আরোপে খুব একটা সফল না হলেও বিলাসবহুল দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপের মাধ্যমে বছরে ৩৪০ থেকে ৫০০ মিলিয়ন ডলার রাজস্ব আসার পথ তৈরি হয়েছে। এছাড়া গভর্নর ক্যাথি হোকুলের কাছ থেকে ৪ বিলিয়ন ডলারের বেলআউট পেতে সফল হয়েছেন মামদানি, যা বড় ধরনের ব্যয়কে আপাতত বিলম্বিত করেছে। তবে এসব দৃশ্যমান সাফল্যও তার প্রগতিশীল মিত্রদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য এবার চরম দুঃসংবাদ নিয়ে আসছে ব্রিটিশ সরকার। প্রস্তাবিত নতুন ও কঠোর অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী হিসেবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের রাষ্ট্র পরিচালিত আবাসন ও থাকা-খাওয়ার খরচের অংশ হিসেবে প্রায় ১০ হাজার পাউন্ড বা ১৬ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ না করলে তারা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের (সেটেলমেন্ট) অনুমতির জন্য আবেদন করতে পারবেন না। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এ-সংক্রান্ত নতুন ‘ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল’ উত্থাপনের কথা রয়েছে। সরকারি কর্মকর্তারা নতুন এই আয়ভিত্তিক পরিশোধ ব্যবস্থাকে অনেকটা শিক্ষা ঋণ ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। তবে মানবাধিকার ও শরণার্থী সহায়তা সংস্থাগুলো এর তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, যুদ্ধ, নির্যাতন বা দুর্ভিক্ষ থেকে পালিয়ে আসা অসহায় মানুষদের ওপর এটি কার্যত এক ধরনের অতিরিক্ত কর বা বোঝা চাপানোর শামিল। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনার ঘোষণা দিয়ে জানিয়েছেন, বর্তমানে আশ্রয়প্রার্থীদের আবাসন ও সহায়তার পেছনে সরকারের বছরে প্রায় ৪০০ কোটি পাউন্ড ব্যয় হচ্ছে। তিনি বলেন, আশ্রয় পাওয়া যেমন একটি অধিকার, তেমনি এটি একটি দায়িত্বও। মানুষ যখন আয় করতে সক্ষম হবে, তখন ব্রিটিশ জনগণের উদারতার প্রতিদান হিসেবে তাদের কাছ থেকে সরকার এই আর্থিক অবদান প্রত্যাশা করে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ আর্থিকভাবে খুব একটা ফলপ্রসূ হবে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ম্যাডেলিন সাম্পশন জানান, তথ্য-উপাত্ত অনুযায়ী পাঁচ বছর আগে শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ১৩ শতাংশের বার্ষিক আয় ২০ হাজার পাউন্ড বা তার বেশি। তাই খুব অল্পসংখ্যক মানুষই এই অর্থ পরিশোধের মতো আয়ের স্তরে পৌঁছাতে পারবেন। উল্টো এই নিয়মের কারণে অনেকেই সরকারি আশ্রয়কেন্দ্রে না থেকে বিকল্প বাসস্থানের পথ খুঁজতে পারেন এবং বেশি কর দেওয়ার ভয়ে বৈধভাবে কাজ করার প্রতি নিরুৎসাহিত হতে পারেন। হোম অফিস জানিয়েছে, আয়সীমাসহ বিস্তারিত বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ের বিধিমালায় চূড়ান্ত করা হবে। প্রস্তাবিত এই বিলে শুধু অর্থ পরিশোধের নিয়মই নয়, বরং অভিবাসন নিয়ন্ত্রণের আরও কিছু কঠোর পদক্ষেপ যুক্ত করা হয়েছে। ইউরোপীয় মানবাধিকার সনদের অনুচ্ছেদ ৮-এর প্রয়োগ, অভিবাসীদের বয়স নির্ধারণ প্রক্রিয়া আরও কঠোর করা এবং ‘আধুনিক দাসত্ব’ বা মডার্ন স্লেভারি-সংক্রান্ত আইনি কাঠামো সংশোধনের পরিকল্পনাও এই বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে যুক্তরাজ্যের অভিবাসন নীতি যে আগামীতে নজিরবিহীন কঠোর হতে যাচ্ছে, তা এই নতুন বিল থেকেই স্পষ্ট।
মাত্র চার বছরের ব্যবধানে মালয়েশিয়ার বিদেশি শ্রমবাজারে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। একসময় মালয়েশিয়ায় সর্বোচ্চ সংখ্যক কর্মী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষে থাকলেও, বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে ইন্দোনেশিয়া। বিদেশি কর্মী নিয়োগের সার্বিক সংখ্যা নাটকীয়ভাবে কমে যাওয়ার পাশাপাশি পুরো নিয়োগ প্রক্রিয়াটি এখন দ্রুত ডিজিটাল ও কঠোর নিয়ন্ত্রণভিত্তিক কাঠামোর দিকে এগোচ্ছে। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া এক লিখিত জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, ২০২৫ সালে দেশটিতে মাত্র ৭৭ হাজার ৮০৭ জন বিদেশি কর্মী প্রবেশ করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৯১ শতাংশ কম। এই কর্মীদের মধ্যে সর্বোচ্চ ৪৫ শতাংশ বা ৩৫ হাজার ১১ জন এসেছেন ইন্দোনেশিয়া থেকে। এরপর রয়েছে নেপাল ও ভারত। অথচ এই শীর্ষ তিন দেশের তালিকায় এবার বাংলাদেশের কোনো নাম নেই। কোটা মেলাকা আসনের সংসদ সদস্য খু পোয়ে তিয়ংয়ের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন। এর আগে কোভিড-পরবর্তী সময়ে ২০২২ সালে শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ঢল নামে, যা ২০২৩ সালে এক নতুন রেকর্ড সৃষ্টি করে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ওই বছর মোট ৮ লাখ ৬৭ হাজার ৭৩১ জন বিদেশি কর্মীর মধ্যে প্রায় ৪৬ শতাংশ বা ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জনই ছিলেন বাংলাদেশি। কিন্তু অতিরিক্ত অভিবাসন ব্যয়, সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির একচেটিয়া প্রভাব, কাঙ্ক্ষিত চাকরি না পাওয়া এবং শ্রমিক শোষণের মতো গুরুতর অভিযোগের কারণে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ দেখা দেয়। এর ফলশ্রুতিতে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে মালয়েশিয়া সরকার নতুন বিদেশি কর্মী নিয়োগে কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং নিয়োগের হার এক ধাক্কায় অনেক কমে যায়। বর্তমানে মালয়েশিয়া সরকার নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দক্ষ করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চালাচ্ছে। বিদেশি কর্মীর কোটা আবেদন এখন অনলাইনেই সম্পন্ন হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় ২০২৬ সালে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম (তুরাপ) নিয়ে আলোচনা চলছে। এছাড়াও দীর্ঘমেয়াদে 'ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম' (নাইস) চালুর মাধ্যমে পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। অভিবাসন ও শ্রমবাজার বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া এখন সংখ্যার চেয়ে গুণগত মান, দক্ষতা এবং শৃঙ্খলার ওপর বেশি জোর দিচ্ছে। বাংলাদেশের জন্য এটি একটি বড় সতর্কবার্তা হলেও, এটি একই সঙ্গে নতুন সুযোগ। আন্তর্জাতিক মানসম্পন্ন ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা, কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো এবং দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তি তৈরি করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে নিজের শীর্ষ অবস্থান ফিরে পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিটল বিগ ইকোন স্টেট ফরেস্টে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে কুমিরের হামলায় প্রাণ হারিয়েছেন ব্রিটানি ক্লার্ক নামের ৩১ বছর বয়সী এক তরুণী। গত রবিবার ইকোনলকহ্যাচি নদীতে সাঁতার কাটার সময় ১২ ফুট লম্বা একটি বিশাল কুমির তার ওপর অতর্কিত হামলা চালায়। এই মর্মান্তিক ঘটনার পর মঙ্গলবার ওই তরুণীর বেশ কিছু হাসিখুশি ছবি প্রকাশ্যে এলে অনলাইনে শোকের ছায়া নেমে আসে। ছবিগুলোতে দেখা যায়, মাত্র কয়েক মাস আগেও লাল রঙের একটি সুন্দর পোশাকে হাস্যোজ্জ্বল ছিলেন তিনি। জানা গেছে, মাত্র তিন ফুট গভীর জলে সাঁতার কাটার সময় কুমিরটি হঠাৎ পানি থেকে উঠে এসে ব্রিটানিকে কামড়ে ধরে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, তার প্রেমিক চ্যান্স অ্যালিসন তাকে বাঁচানোর জন্য হিংস্র ওই প্রাণীটির সঙ্গে মরিয়া হয়ে লড়াই শুরু করেন। অ্যালিসন সাহসিকতার সঙ্গে ব্রিটানির এক হাত কুমিরের মুখ থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলেও, চোখের পলকে কুমিরটি তার অন্য হাতটি কামড়ে ধরে। এই ভয়ংকর হামলার পর ৯১১ ইমার্জেন্সি কলের অডিওতে প্রেমিক অ্যালিসনের আর্তনাদ শোনা যায়। তিনি চিৎকার করে জানাচ্ছিলেন যে কুমিরটি ব্রিটানির দুটি হাতই শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং তিনি তীরে বসে তার অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছেন। মর্মান্তিক এই ঘটনার পর বন্যপ্রাণী কর্মকর্তারা ওই কুমিরটিকে ধরে মেরে ফেলেন (ইউথেনাইজড) এবং আলামত হিসেবে এর মাথাটি কেটে সংরক্ষণ করেন। নিহত ব্রিটানি প্রকৃতিপ্রেমী ছিলেন এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জুড়ে অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর সব ভ্রমণের ছবিতে ভরপুর ছিল।
অতীতের শারীরিক সম্পর্কের স্মৃতি মুছে ফেলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে এক অভিনব পথে হাঁটছেন নারীরা। ১৩ হাজার ডলারের বিনিময়ে নিজেদের 'বডি কাউন্ট' শূন্যে নামিয়ে আনার এক বিশেষ প্যাকেজ গ্রহণ করতে তারা ছুটে যাচ্ছেন সুদূর ব্রাজিলে। সেখানে তথাকথিত এক 'বডি কাউন্ট রিকভারি সেন্টার' নারীদের আধ্যাত্মিকভাবে শুদ্ধ করার এই ব্যয়বহুল ও অদ্ভুত সুযোগ দিচ্ছে। এই বিশেষ চিকিৎসায় বেশ কিছু আধ্যাত্মিক আচার ও রীতিনীতি অন্তর্ভুক্ত রয়েছে। সেন্টারটির কর্তৃপক্ষের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে নারীরা তাদের অতীতের সঙ্গীদের এনার্জি বা মানসিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে অংশ নেওয়া নারীরা নিজেদের পুনরুজ্জীবিত এবং বিশুদ্ধ অনুভব করেন। মূলত, অতীত সম্পর্কের সমস্ত মানসিক ও আধ্যাত্মিক ছাপ মুছে ফেলে তাদের 'বডি কাউন্ট' বা শারীরিক সম্পর্কের সংখ্যা পুনরায় শূন্যে ফিরিয়ে আনাই এই থেরাপির প্রধান লক্ষ্য। ১৩ হাজার ডলারের এই বিশাল অঙ্কের বিনিময়ে সেন্টারটি নারীদের একটি পরিপূর্ণ 'স্পিরিচুয়াল রিসেট' বা আধ্যাত্মিক পুনর্জাগরণের প্রতিশ্রুতি দিচ্ছে। অতীত সম্পর্কের গ্লানি বা স্মৃতি চুকিয়ে যারা মানসিকভাবে সম্পূর্ণ নতুন এক জীবন শুরু করতে চাইছেন, তাদের কাছে বিপুল খরচের এই থেরাপি এখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রায় ১২ বছর বসবাসের পর হন্ডুরাসের নাগরিক মার্গারিটা মেলগারকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে যেতে হয়েছে ১০ বছর বয়সী মার্কিন নাগরিক কন্যাকেও, যে এর আগে কখনো হন্ডুরাসে যায়নি। তবে পরিবারের অপর দুই মেয়ে যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ায় পরিবারটি এখন দুই দেশে বিভক্ত হয়ে পড়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও মানবিক দিক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে পারিবারিক সহিংসতা ও নিরাপত্তাহীনতার কারণে হন্ডুরাস ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেন মার্গারিটা মেলগার। সে সময় তাঁর সঙ্গে ছিল দুই কন্যা। এরপর তিনি ম্যাসাচুসেটসে বসবাস শুরু করেন এবং নিয়মিতভাবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে হাজিরা দেন। পাশাপাশি তিনি দুটি প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং করও পরিশোধ করতেন। পরিবারের আইনজীবীর দাবি, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তাঁর প্রতিবন্ধী কন্যার দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে মামলাটি পুনরায় খোলার আবেদন অভিবাসন আপিল বোর্ডে বিচারাধীন ছিল। সেই সঙ্গে বহিষ্কার কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন নাকচ করলে বহিষ্কারের প্রক্রিয়া কার্যকর হয়। তবে অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো মামলায় পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন থাকলেই বহিষ্কার স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না। আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পৃথকভাবে স্থগিতাদেশ না থাকলে চূড়ান্ত বহিষ্কারের আদেশ কার্যকর করা আইনগতভাবে সম্ভব। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে খুব অল্প সময়ের মধ্যে মার্গারিটাকে সিদ্ধান্ত নিতে হয়, তিনি একাই হন্ডুরাসে ফিরবেন, নাকি তাঁর ১০ বছরের মার্কিন নাগরিক কন্যাকে সঙ্গে নিয়ে যাবেন। শেষ পর্যন্ত মেয়েকে সঙ্গে নিয়েই তিনি দেশ ছাড়েন। অন্যদিকে, তাঁর ২০ বছর বয়সী কলেজপড়ুয়া বড় মেয়ে এবং ১৭ বছর বয়সী আরেক মেয়ে যুক্তরাষ্ট্রেই থেকে যান। পরিবারের বর্ণনায় জানা যায়, বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। ছোট্ট মেয়েটি তার প্রিয় খেলনা ও বিশ্বকাপের স্টিকার বই সঙ্গে নিয়ে অপেক্ষা করছিল, আর পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানান। এদিকে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস) অতীতেও জানিয়েছে, তারা পরিবার বিচ্ছিন্ন করার নীতি অনুসরণ করে না। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, যেসব ক্ষেত্রে কোনো অভিভাবকের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ কার্যকর হয়, সেখানে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু অভিভাবকের সঙ্গে যাবে নাকি স্বজনদের কাছে থাকবে—সে সিদ্ধান্ত পরিবারের ওপরই নির্ভর করে। অন্যদিকে, অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, বাস্তবে এমন সিদ্ধান্তের কারণে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের ওপর এর দীর্ঘমেয়াদি মানসিক ও সামাজিক প্রভাব পড়ে। মার্গারিটা মেলগারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কেউ যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন, আবার কেউ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ও স্থানীয় সমাজের সঙ্গে সম্পৃক্ত পরিবারগুলোর ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একসময় 'প্যারেন্ট অব দ্য ইয়ার' বা বর্ষসেরা অভিভাবকের খেতাব পেয়েছিলেন তিনি। অথচ সেই সাবেক মেয়রের বিরুদ্ধেই এবার কয়েক ডজন শিশু যৌন নিপীড়নের ভয়াবহ অভিযোগ উঠেছে। আলাস্কার শেভাক শহরের দীর্ঘদিনের মেয়র ৪৮ বছর বয়সী উলরিক জেফরি উলরোয়ানকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। আলাস্কা স্টেট ট্রুপার্সের তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে বেশ কয়েকজন কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ সতর্ক করে জানিয়েছে যে, এই ঘটনায় ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় একটি হাইস্কুলের মেয়েদের বাস্কেটবল দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করতেন উলরোয়ান। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে শেভাক শহরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের একটি গোপন অভিযোগ গত জানুয়ারিতে পুলিশের হাতে আসে। এরপরই তার বিরুদ্ধে বিস্তর তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে আরও বেশ কয়েকজন নারী এগিয়ে এসে উলরোয়ানের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন। বর্তমানে তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি যৌন নিপীড়ন, অশালীন অঙ্গভঙ্গি এবং ২১ বছরের কম বয়সীদের অ্যালকোহল সরবরাহ করাসহ মোট ৪৭টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে অন্তত ছয়জন ভুক্তভোগীর নাম উল্লেখ করা হয়েছে। প্রধান তদন্তকারী কর্মকর্তা ব্রায়ান ওয়সম্যান জানিয়েছেন, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন এলাকায় তিনি আরও অপরাধ ঘটিয়েছেন বলে তাদের বিশ্বাস। পুলিশ জানিয়েছে, ২০০৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত পালক পিতা (ফস্টার প্যারেন্ট) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নিয়ে উলরোয়ান এই জঘন্য অপরাধগুলো করেছেন বলে অভিযোগ রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ২০১৯ সালের অক্টোবরে আলাস্কা ফেডারেশন অফ নেটিভস উলরোয়ান ও তার স্ত্রী ম্যারিকে 'প্যারেন্ট অব দ্য ইয়ার' হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার স্ত্রী ম্যারি জানিয়েছেন, এটি তাদের পরিবারের জন্য একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক সময়। তিনি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার সন্তানদের গোপনীয়তা রক্ষায় সবার প্রতি সহানুভূতিশীল আচরণের অনুরোধ জানিয়েছেন। আগামী মঙ্গলবার আদালতে উলরোয়ানের হাজিরা দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, গত মাসেই আলাস্কার আইনপ্রণেতারা শারীরিক সম্পর্কের সম্মতির বয়স (এজ অব কনসেন্ট) ১৬ থেকে বাড়িয়ে ১৮ বছর করে একটি বিল পাস করেছেন।
হলিউড সিনেমা ‘আনকাট জেমস’-এ অভিনয় করে খ্যাতি পাওয়া নিউইয়র্কের ডায়মন্ড ডিস্ট্রিক্টের প্রখ্যাত জুয়েলার মাকসুদ আগাদজানির বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে চরম হেনস্থা ও তার জীবন ধ্বংস করার অভিযোগ উঠেছে। ৩৮ বছর বয়সী এই ধনকুবের ট্র্যাক্সএনওয়াইসি (TraxNYC)-এর প্রতিষ্ঠাতা ও সিইও। স্নুপ ডগ, কার্ডি বি থেকে শুরু করে মিস্টার বিস্টের মতো তারকারা তার ক্লায়েন্ট। সম্প্রতি ২৭ বছর বয়সী মেলিসা কুল্লা নামের তার এক প্রাক্তন কর্মী ও প্রেমিকা ফেডারেল আদালতে এই চাঞ্চল্যকর মামলাটি দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার দুই বছর পর মাকসুদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে তিনি মেলিসার ওপর এই অমানবিক মানসিক নির্যাতন শুরু করেন। আদালতের নথিপত্র অনুযায়ী, মাকসুদ তার প্রাক্তন প্রেমিকাকে উদ্দেশ্য করে অসংখ্য অকথ্য ও হুমকিমূলক টেক্সট মেসেজ পাঠান। এমনকি মেলিসার আলবেনিয়ান বংশপরিচয় নিয়ে কটূক্তি করে তাকে বারবার 'আলবেনিয়ান মাঙ্কি' এবং 'স্টুপিড মাঙ্কি-ব্রেইনড' বলে চরম বর্ণবাদী গালিগালাজ করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে মাকসুদ পুনরায় তাদের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মেলিসা যখন কমেডিয়ান পিট ডেভিডসনের মতো পুরুষ সেলিব্রিটি ক্লায়েন্টদের সাথে পেশাগত কারণে কথা বলতেন, তখন মাকসুদ ঈর্ষান্বিত হয়ে তাকে অকারণে অপদস্থ করতেন। এর কয়েক সপ্তাহ পর মাকসুদ হঠাৎ বিয়ের প্রস্তাব দিলে মেলিসা তা সরাসরি প্রত্যাখ্যান করেন, আর এরপর থেকেই শুরু হয় এই ভয়ংকর মানসিক নির্যাতন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, গালিগালাজ ও মানসিক চাপের কারণে ২০২৫ সালের শুরুর দিকে মেলিসা চাকরি ছাড়তে বাধ্য হন। কিন্তু তাতেও মাকসুদের প্রতিহিংসা থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ অনুসারীকে ব্যবহার করে তিনি মেলিসাকে ডায়মন্ড ডিস্ট্রিক্ট থেকে পুরোপুরি বয়কট করার ব্যবস্থা করেন। যেসব ব্যবসায়ী মেলিসার সাথে কাজ করার চেষ্টা করেছেন, তাদেরও প্রকাশ্যে হুমকি দেন তিনি। মাকসুদ ইনস্টাগ্রামে তার ৪১ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়ে মেলিসার চরিত্র নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন এবং তাকে পথে বসানোর প্রকাশ্য হুমকি দেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মেলিসা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং আদালতের কাছ থেকে একটি সুরক্ষা আদেশ (অর্ডার অব প্রটেকশন) লাভ করেন। কিন্তু মাকসুদ আদালতের সেই নির্দেশ অমান্য করে মেলিসার রুমমেটকেও হেনস্থা করেন। এমনকি 'মিকি বি' নামের তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে মেলিসার অত্যন্ত ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য ইউটিউবে ফাঁস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। মেলিসার আইনজীবী মিশেল কাইওলা এক বিবৃতিতে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কারও যত ফলোয়ার বা প্রভাবই থাকুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ক্রমাগত এমন ভয়ংকর হুমকির কারণে মেলিসা বর্তমানে গভীর বিষণ্নতা ও আত্মঘাতী চিন্তায় ভুগছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় দুটি বড় আকারের কুকুরের হিংস্র হামলায় প্রাণ হারিয়েছে জেসিওন গেটস নামের পাঁচ বছর বয়সী এক শিশু। শনিবার সকাল সাড়ে ৭টার কিছু আগে চার্লসটন শহরের প্রায় ২০ মাইল উত্তর-পশ্চিমে ল্যাডসন এলাকায় শিশুটির কেয়ারগিভারের (তত্ত্বাবধায়ক) বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় কুকুরের হামলায় অজ্ঞাতপরিচয় আরও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। পুলিশ জানায়, বুল ম্যাস্টিফ এবং পিটবুল টেরিয়ার জাতের দুটি কুকুর শিশুটির ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সকাল ৯টা ১৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডরচেস্টার কাউন্টি শেরিফ অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, হামলার পরপরই তল্লাশি পরোয়ানার ভিত্তিতে কুকুর দুটিকে জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঠিক কোন কুকুরটি প্রথমে আক্রমণ করেছিল বা মূল হামলাকারী ছিল, তা নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। কুকুর দুটির চূড়ান্ত পরিণতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট প্রাণী নিয়ন্ত্রণ সংস্থা। পরিবারের কাছে অত্যন্ত আদরের জেসিওন ছিল অটিজমে আক্রান্ত, তবে সে ছিল দারুণ প্রাণবন্ত ও উচ্ছল। এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয়ভার বহন এবং শোকাহত মা ও বোনকে সহায়তার জন্য আত্মীয়রা 'গোফান্ডমি'-তে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছেন। ১০ হাজার ডলার লক্ষ্যমাত্রার এই তহবিলে মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ৭ হাজার ডলার জমা পড়েছে। এছাড়া আগামী ৫ জুলাই শিশুটির স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রিয় 'লিটল ওয়ারিয়র' বা খুদে যোদ্ধাকে সম্মান জানাতে অংশগ্রহণকারীদের পাওয়ার রেঞ্জার, প ট্রল এবং গাড়ির থিমযুক্ত বেলুন নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এই মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে বর্তমানে স্টেট ল এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপার্টমেন্ট অব চাইল্ড ফ্যাটালিটিস এবং স্থানীয় শেরিফ অফিস যৌথভাবে কাজ করছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিপজ্জনক এক ট্রেন্ডের বলি হলো ১৫ বছর বয়সী কিশোরী লিয়া প্রেসন। তথাকথিত 'বেনাড্রিল চ্যালেঞ্জ'-এ অংশ নেওয়ার পর 'ব্রেন ডেড' অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। অবশেষে তার শোকস্তব্ধ বাবা রিচার্ড প্রেসন এক হৃদয়বিদারক বার্তায় নিশ্চিত করেছেন যে, মৃত্যুর সাথে লড়াই করে তাঁর মেয়ে চিরবিদায় নিয়েছে। ২০২০ সালে প্রথম শুরু হওয়া এই 'বেনাড্রিল চ্যালেঞ্জ' সম্প্রতি আবারও যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে হ্যালুসিনেশন বা কল্পনার জগতে ভাসার আশায় মাত্রাতিরিক্ত অ্যালার্জির ওষুধ (বেনাড্রিল) সেবন করতে হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, এই ওষুধের অতিরিক্ত ডোজ দ্রুত মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। আমেরিকায় সাধারণত ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এই ওষুধটি ফার্মেসিতে বিনা প্রেসক্রিপশনে (ওভার-দ্য-কাউন্টার) বিক্রি করা হয়। জানা যায়, লিয়া এই চ্যালেঞ্জে অংশ নিয়ে অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করেছিল। ওষুধ খাওয়ার পরপরই তার শরীরে তীব্র খিঁচুনি শুরু হয় এবং জীবন বাঁচাতে সে লড়াই করে যাচ্ছিল। গত ১৪ জুন চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে 'ব্রেন ডেড' বা মস্তিষ্কের মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার মস্তিষ্কের কোনো কার্যকারিতাই অবশিষ্ট নেই। তারপরও পরিবার আশায় বুক বেঁধেছিল, হয়তো কোনো অলৌকিক উপায়ে মেয়েটি আবার তাদের মাঝে ফিরে আসবে। কিন্তু সব প্রার্থনা আর চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে লিয়া।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক চরম অমানবিক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। মায়েরা যখন নিজেদের সন্তানদের একটি তালাবদ্ধ নোংরা ফ্ল্যাটে ফেলে রেখে হোটেলে মদ ও মাদকের পার্টিতে ব্যস্ত, ঠিক তখনই অন্য দুই শিশুর নির্মম মারধরে মৃত্যুর মুখে ঢলে পড়েছে দুই মাস বয়সী এক নিষ্পাপ শিশু। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মেডিক্যালি ইনডিউসড কোমা এবং ভেন্টিলেশনে রেখেছেন। স্মিথ কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ২১ বছর বয়সী সিডনি হুইট এবং ২৯ বছর বয়সী জ্যাকুলিন মোরালেস তাদের সন্তানদের ইঁদুরের মল ও মাছিতে ভরা একটি অস্বাস্থ্যকর অ্যাপার্টমেন্টে ফেলে রেখে এক ব্যক্তির সঙ্গে হোটেলে সময় কাটাতে গিয়েছিলেন। ফ্ল্যাটে দুই মাসের ওই শিশুটির সঙ্গে ছিল চার ও ছয় বছর বয়সী আরও দুই শিশু। মায়েরা না থাকার সুযোগে ওই বড় দুই শিশু মিলে অবুঝ শিশুটির ওপর ভয়ংকর নির্যাতন চালায়। তারা শিশুটিকে ছুড়ে মারে এবং তার মাথায় পা দিয়ে আঘাত করে, যার ফলে শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং খিঁচুনি শুরু হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার সময় শিশুদের পাহারায় ছিলেন জ্যাকুলিনের ১৮ বছর বয়সী বোন শেলবি মুনোজ। তিনি তদন্তকারীদের জানান, চোখের সামনে এমন নির্যাতন হতে দেখলেও তিনি বাধা দেননি, কারণ তিনি মনে করেছিলেন ওই শিশুদের নিরাপত্তার দায়িত্ব তার নয় যেহেতু তারা তার নিজের সন্তান নয়। মায়েরা যখন ফ্ল্যাটে ফিরে আসেন, তখন তারা শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তারা পরের দিন পর্যন্ত কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেন। চাইল্ড প্রোটেকটিভ সার্ভিসেস (সিপিএস) পরবর্তীতে ওই বাড়িতে তদন্তে গেলে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। টেক্সাসের প্রচণ্ড গরমের মাঝেও ফ্ল্যাটে কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) ছিল না, ঘরভর্তি মাছি উড়ছিল এবং মেঝেতে ইঁদুরের মল, নোংরা ডায়াপার ও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এই চরম অবহেলার দায়ে সিডনি, জ্যাকুলিন এবং শেলবি—এই তিনজনের বিরুদ্ধেই শিশুকে বিপন্ন করা এবং আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা পাঁচ লাখ ডলারের সম্মিলিত জামিন বন্ডে কারাগারে বন্দি রয়েছেন।