সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের জন্য স্বল্প প্রশিক্ষণে সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ l ছবি: সংগৃহীত
উবার বা পিজা ডেলিভারি নয়: ৩-৬ মাসের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রে পেশাদার ক্যারিয়ার গড়ার ৫ বাস্তব সুযোগ

যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে এসে অনেক বাংলাদেশিকেই প্রথম দিকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, পেশাগত অভিজ্ঞতা বা ভালো চাকরি থাকলেও নতুন দেশে এসে ভাষা, স্থানীয় অভিজ্ঞতা এবং চাকরির বাজার সম্পর্কে সীমিত ধারণার কারণে অনেকেই শুরুতে উবার বা লিফট চালানো, ফুড ডেলিভারি, গ্যাস স্টেশন, গ্রোসারি স্টোর কিংবা অন্যান্য খণ্ডকালীন কাজে যুক্ত হন।   ▶️ ভিডিও দেখুন...আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেরা পাঁচটি পার্ট-টাইম চাকরি   তবে কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়ন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে এমন কিছু পেশা রয়েছে যেখানে দীর্ঘমেয়াদি বিশ্ববিদ্যালয় শিক্ষা ছাড়াই কয়েক মাসের প্রশিক্ষণ বা সার্টিফিকেশন সম্পন্ন করে একটি পেশাদার কর্মজীবনে প্রবেশ করা সম্ভব। এসব পেশায় একবার প্রবেশ করতে পারলে ভবিষ্যতে আয় বৃদ্ধি, পদোন্নতি এবং আরও বড় সুযোগের পথ তৈরি হয়।   ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্র কাজ করেন আমিনুর রহমান বলেন, নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন একটি পেশা নির্বাচন করা, যেখানে প্রবেশের সময় কম, খরচ তুলনামূলক কম এবং ভবিষ্যতে উন্নতির সুযোগ বেশি।   আরও পড়ুন.... যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার চেয়ে ভাড়া থাকাই এখন সাশ্রয়ী, টানা ৩৪ মাস কমছে ভাড়ার দাম   বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে প্রবেশের অন্যতম জনপ্রিয় পথ হিসেবে বিবেচিত হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ টেস্টিং। সফটওয়্যার, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন সঠিকভাবে কাজ করছে কি না তা পরীক্ষা করাই এ পেশার মূল দায়িত্ব। সাধারণত তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণের মাধ্যমে একজন নতুন কর্মী এ খাতে কাজ শুরু করতে পারেন। এই সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের মতে, এন্ট্রি-লেভেলে একজন কিউএ টেস্টারের বার্ষিক আয় ৬০ হাজার থেকে ৮৫ হাজার ডলারের মধ্যে হতে পারে।   অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কিউএ অ্যানালিস্ট থেকে সিনিয়র কিউএ ইঞ্জিনিয়ার, কিউএ লিড, টেস্ট ম্যানেজার কিংবা সফটওয়্যার প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি এই পেশায় সফলভাবে কাজ করছেন।   স্বাস্থ্যসেবা খাতেও নতুন অভিবাসীদের জন্য রয়েছে বিস্তৃত সুযোগ। এর মধ্যে ফ্লেবোটোমিস্ট পেশা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ফ্লেবোটোমিস্টদের কাজ হলো রোগীদের রক্ত সংগ্রহ করা এবং বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা প্রস্তুত করা। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাব এবং ব্লাড ব্যাংকে এ পেশার ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণত দুই থেকে তিন মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেই একজন কর্মী এ খাতে কাজ শুরু করতে পারেন।   আরও পড়ুন... যুক্তরাষ্ট্রে শরণার্থী ও অভিবাসন আবেদন প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে    এন্ট্রি-লেভেলে বার্ষিক আয় ৩৬ হাজার থেকে ৫৫ হাজার ডলারের মধ্যে হয়ে থাকে। পরবর্তীতে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাব সুপারভাইজার বা অন্যান্য স্বাস্থ্যসেবা পেশায় এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।   সার্টিফাইড নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা সিএনএ পেশাটিও নতুন অভিবাসীদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। হাসপাতাল, নার্সিং হোম এবং পুনর্বাসন কেন্দ্রে রোগীদের দৈনন্দিন পরিচর্যা, চলাফেরায় সহায়তা এবং মৌলিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব পালন করেন তারা। সাধারণত এক থেকে তিন মাসের প্রশিক্ষণেই এই পেশায় প্রবেশ করা সম্ভব। একজন সিএনএর বার্ষিক আয় সাধারণত ৩৫ হাজার থেকে ৫০ হাজার ডলারের মধ্যে থাকে। তবে এ পেশার সবচেয়ে বড় সুবিধা হলো এটি নার্সিং পেশায় প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সোপান।   অনেকেই সিএনএ হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে লাইসেন্সপ্রাপ্ত নার্স বা নিবন্ধিত নার্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন।   আরও পড়ুন... ৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন   স্বাস্থ্যসেবা খাতের আরেকটি গুরুত্বপূর্ণ ও স্থিতিশীল পেশা হলো মেডিকেল বিলিং ও কোডিং। রোগীদের চিকিৎসা তথ্য, স্বাস্থ্যবিমা দাবি এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র ব্যবস্থাপনার সঙ্গে জড়িত এই পেশায় সরাসরি রোগী সেবা দিতে হয় না। ফলে যারা অফিসভিত্তিক কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় ক্ষেত্র। সাধারণত তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতে প্রবেশ করা যায়। এন্ট্রি-লেভেলে বার্ষিক আয় ৪৫ হাজার থেকে ৭৫ হাজার ডলারের মধ্যে হতে পারে।   অভিজ্ঞতার ভিত্তিতে রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট, স্বাস্থ্যসেবা প্রশাসন কিংবা বীমা খাতেও কাজের সুযোগ তৈরি হয়।   অন্যদিকে প্রযুক্তি খাতে প্রবেশের আরেকটি কার্যকর পথ হলো আইটি হেল্প ডেস্ক সাপোর্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করা। কম্পিউটার, সফটওয়্যার, ইমেইল, নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত সমস্যার সমাধানে ব্যবহারকারীদের সহায়তা করাই এ পেশার মূল কাজ। তিন থেকে চার মাসের প্রশিক্ষণ এবং কিছু আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে অনেকেই এ খাতে কর্মজীবন শুরু করতে পারেন। একজন আইটি হেল্প ডেস্ক কর্মীর বার্ষিক আয় সাধারণত ৪৫ হাজার থেকে ৭০ হাজার ডলারের মধ্যে হয়ে থাকে।   পরবর্তীতে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ক্লাউড বিশেষজ্ঞ কিংবা তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।   ▶️ ভিডিও দেখুন....আমেরিকায় রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম কেসের বর্তমান অবস্থা ও নিয়মাবলি!!   কর্মসংস্থান বিশেষজ্ঞ আমিনুর রহমান আরও মনে করেন, নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘদিন অস্থায়ী বা স্বল্প আয়ের কাজে আটকে থাকা। তিনি বলেন, সপ্তাহে কয়েক ঘণ্টা সময় ব্যয় করে নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যেই একজন ব্যক্তি একটি পেশাদার কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করতে পারেন।   বাংলাদেশি কমিউনিটির অনেক সফল পেশাজীবীর অভিজ্ঞতাও একই বার্তা দেয়। তাদের অনেকেই কর্মজীবনের শুরুতে সাধারণ চাকরিতে যুক্ত থাকলেও পরবর্তীতে প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং কর্পোরেট খাতে নিজেদের অবস্থান তৈরি করেছেন।   বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সফল ক্যারিয়ার গড়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো দক্ষতা অর্জন। সঠিক পরিকল্পনা, সময়োপযোগী প্রশিক্ষণ এবং অধ্যবসায় থাকলে নতুন অভিবাসীদের জন্য পেশাদার কর্মজীবনে প্রবেশের সুযোগ আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি উন্মুক্ত।

প্রকাশ : জুন ১৮, ২০২৬ ১৩:১৭
ছবি: সংগৃহীত
ইরাকে শোকযাত্রা শেষে নিজ জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় সমাহিত করা হবে খামেনিকে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৮ জুলাই একটি বিশাল শোকযাত্রা নিয়ে যাওয়া হবে প্রতিবেশী রাষ্ট্র ইরাকে।   সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ৯ জুলাই খামেনিকে তার জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে।   গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় নিহত হন ইরানের এই শীর্ষ নেতা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মার্চ মাসেই তার দাফন কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেই দাফন প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।   বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে এই দীর্ঘ শোকযাত্রা ও দাফনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।   তেহরানের মেয়র আলিরেজা জাকানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ ভিডিও বার্তায় এই শোকযাত্রা ও দাফনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত কয়েক ধাপে এই জানাজা ও বিদায় অনুষ্ঠান চলবে। ৮ জুলাই ইরাকে শোকযাত্রা শেষে সৃষ্টিকর্তার ইচ্ছায় ৯ জুলাই মাশহাদে তার চূড়ান্ত দাফন কাজ সম্পন্ন হবে।   ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, কয়েকটি ধাপে আয়োজিত এই বিশাল শোকযাত্রায় আঞ্চলিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বেশ কিছু ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিও অন্তর্ভুক্ত থাকবে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৬:৪৪
ছবি: সংগৃহীত
৫২ বছর পর বিশ্বমঞ্চে ফিরে রোনালদোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

এক পাশে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি বিশ্বকাপ রাঙানোর মিশন, আর অন্য পাশে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা ডিআর কঙ্গোর অস্তিত্বের লড়াই। ডালাসের মাঠে শক্তির বিচারে পর্তুগাল যোজন যোজন এগিয়ে থাকলেও মাঠের ফুটবলে তার ন্যূনতম প্রতিফলন দেখা যায়নি। ক্রিস্টিয়ানো রোনালদোকে পুরো ৯০ মিনিট কড়া পাহারায় বোতলবন্দী করে রাখার পাশাপাশি আক্রমণেও সমানে সমান পাল্লা দিয়েছে ডিআর কঙ্গো।   সেই ভয়ডরহীন ফুটবলের সুবাদেই শক্তিশালী পর্তুগালকে ১–১ গোলে রুখে দিয়ে স্মরণীয় এক ড্র আদায় করে নিয়েছে আফ্রিকান দলটি।   ম্যাচের শুরু থেকেই উইং ব্যবহার করে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। কঙ্গোর রক্ষণভাগকে প্রবল চাপে রেখে মাত্র ৬ মিনিটেই তারা প্রথম সাফল্যের দেখা পায়। বাঁ প্রান্ত থেকে পেদ্রো নেতোর বাড়ানো নিখুঁত এক ক্রসে ডি-বক্সের ভেতর লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে জড়ান জোয়াও নেভেস। কঙ্গোর পাঁচ ডিফেন্ডারের উপস্থিতিতেও তুলনামূলক কম উচ্চতার নেভেস যেভাবে হেডে গোলটি আদায় করেন, তা ছিল সত্যিই দেখার মতো।   তবে শুরুতে এক গোল খেয়ে পিছিয়ে পড়ার পরও দমে যায়নি কঙ্গো। বরং খোলস ছেড়ে বেরিয়ে এসে তারা কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করতে থাকে এবং প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তার ফলও পেয়ে যায়। নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে এমবেম্বার কল্যাণে পাওয়া একটি কর্নার থেকে ছোট পাসে বল পান আর্থার মাসুয়াকু।   তার দূরপাল্লার নিখুঁত ক্রসটি খুঁজে নেয় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা ইয়োয়ান উইসাকে। দারুণ এক লাফে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরাস্ত করে উইসা বল জালে জড়ান। আর তাতেই ৫২ বছর পর বিশ্বকাপে গোলের আনন্দে মাতোয়ারা হন কঙ্গোর ফুটবলাররা।   ১-১ সমতায় বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কৌশল বদলান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। তিনি বের্নার্দো সিলভাকে তুলে ফ্রান্সিসকো কনসিকাওকে মাঠে নামান। ৪৮ মিনিটে পেদ্রো নেতোর ক্রসে বক্সে কনসিকাও পড়ে গেলে পর্তুগাল পেনাল্টির আবেদন করলেও রেফারি তা নাকচ করে দেন। এরপর ৫৫ মিনিটে জোয়াও নেভেসের পাসে বল পেয়ে এক দুর্দান্ত ওভারহেড ভলিতে কঙ্গোর জালে বল পাঠান কানসেলো।   কিন্তু তিনি অফসাইড পজিশনে থাকায় ভিএআর সেই গোলটি বাতিল করে দেয়। পুরো ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে কড়া পাহারায় রাখেন কঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স তুয়ানজেবে ও এমবেম্বা। ৬৮ মিনিটে ব্রুনো ফের্নান্দেস সুবিধাজনক অবস্থানে থাকলেও রোনালদো নিজেই শট নিয়ে তা পোস্টের বাইরে মারেন। ৭৪ মিনিটেও রোনালদোর নেওয়া একটি শট তুয়ানজেবের দুর্দান্ত স্লাইডিং ট্যাকলে কর্নারের বিনিময়ে রক্ষা পায়।   রক্ষণ সামলানোর পাশাপাশি কাউন্টার অ্যাটাকে পর্তুগিজ রক্ষণভাগকে পুরো ম্যাচেই বেশ ভুগিয়েছে কঙ্গো। বিশেষ করে স্ট্রাইকার সেড্রিক বাকাম্বু একাই রুবেন দিয়াসদের বিরুদ্ধে প্রবল লড়াই চালিয়ে গেছেন। ৫৭ মিনিটে পর্তুগালের ডি-বক্সে ব্রুনো ফের্নান্দেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাকাম্বু শট নিলেও তা দুর্ভাগ্যবশত পোস্টে লেগে ফিরে আসে।   ৭৬ মিনিটে মাঝমাঠে বল পেয়ে নোয়া সাদিকি ফরোয়ার্ড ইয়োয়ান উইসাকে পাস বাড়ালে শেষ মুহূর্তে চমৎকার স্লাইডিংয়ে তা প্রতিহত করেন পর্তুগিজ ডিফেন্ডার থমাস আরাউহো। এর এক মিনিট পরেই বাকাম্বুর পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে মারেন নোয়া সাদিকি। শেষ পর্যন্ত পর্তুগাল আর কঙ্গোর অফসাইড ট্র্যাপ ভাঙতে না পারায় হতাশাজনক ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৬:২৪
ছবি: সংগৃহীত
কাতারে প্রবাসীদের জন্য কড়া নিয়ম, আকামা বাতিলের পর দেশ ছাড়তে হবে ১৪ দিনের মধ্যে

কাতারে বসবাসরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি এবং ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে কোনো প্রবাসীর রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিল হওয়ার পর দেশটিতে অবস্থানের বৈধ সময়সীমা (গ্রেস পিরিয়ড) ৩০ দিন থেকে কমিয়ে মাত্র ১৪ দিন বা দুই সপ্তাহ করা হয়েছে। এই সময়ের মধ্যে কাতার ত্যাগ না করলে আইনি জটিলতাসহ জরিমানার মুখে পড়তে হবে।   সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। এয়ারপোর্ট পাসপোর্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুওয়ারি জানান, আকামা বাতিলের পর নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ না করলে প্রবাসীদের প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল হারে বিলম্ব জরিমানা গুনতে হবে। পাশাপাশি ভিজিট ভিসায় আসা দর্শনার্থীদের জন্যও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।   ভিসায় উল্লেখিত মেয়াদের পর অতিরিক্ত সময় কাতারে অবস্থান করলে পর্যটকদের প্রতিদিনের জন্য ২০০ কাতারি রিয়াল হারে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে তিনি উল্লেখ করেন।   ভ্রমণকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে কাতার ছাড়ার আগে প্রবাসীদের ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের বর্তমান আইনি স্ট্যাটাস পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে কোনো বকেয়া ট্রাফিক ফাইন, ওভারস্টে জরিমানা বা অন্য কোনো সরকারি পাওনা থাকলে তা বিমানবন্দরে যাওয়ার আগেই পরিশোধ করতে হবে।   এছাড়া প্রবাসীরা চাইলে এই মেট্রাশ অ্যাপের মাধ্যমেই তাদের রেসিডেন্সি পারমিট নতুন পাসপোর্টে স্থানান্তরের প্রক্রিয়াও সহজে সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে, বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করতে এবং দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালু থাকা ৭৬টি ই-গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।   নতুন এই নির্দেশনায় কাতারে জন্ম নেওয়া নবজাতকদের বিষয়েও আইনি প্রক্রিয়া স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের অবশ্যই নবজাতকের জন্মের পর পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে তা দ্রুত রিপোর্ট করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে বাবার স্পন্সরশিপের অধীনে শিশুটির রেসিডেন্সি পারমিট বা আকামা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৬:১৩
বিকেএসপি ঘুরে বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের সঙ্গে সময় কাটিয়েছেন জাইমা রহমান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
এত প্রতিভা ও দক্ষ কোচ থাকার পরও কেন আন্তর্জাতিক পদক কম? প্রশ্ন তুললেন জাইমা রহমান

প্রতিভাবান ক্রীড়াবিদ ও নিবেদিতপ্রাণ কোচ থাকার পরও বাংলাদেশ কেন আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পদক জিততে পারছে না— এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক পোস্টে তিনি দেশের ক্রীড়া উন্নয়ন নিয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেছেন।   জাইমা রহমান লিখেছেন, ফুটবল, ক্রিকেট, জুডো, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ক্রীড়া শাখায় বাংলাদেশের অসংখ্য জাতীয় ক্রীড়াবিদ বিকেএসপি থেকে উঠে এসেছেন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দেশের ক্রীড়া প্রতিভা বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। তিনি বলেন, বিকেএসপিতে শিক্ষার্থীদের প্রতিভার পাশাপাশি শৃঙ্খলা, আনন্দময় পরিবেশ এবং চারিত্রিক গুণাবলি তাকে মুগ্ধ করেছে। শিক্ষক, কোচ, চিকিৎসক দল এবং কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে তরুণ ক্রীড়াবিদদের বিকাশে কাজ করে যাচ্ছেন।   তবে এত প্রতিভা ও দক্ষ প্রশিক্ষক থাকার পরও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত সাফল্য না আসার বিষয়টি তার মনে প্রশ্ন তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।   জাইমা রহমানের মতে, বাংলাদেশের ক্রীড়াবিদদের আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রয়োজন। অল্প বয়স থেকেই বিভিন্ন পরিবেশে, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এবং দক্ষিণ এশিয়ার বাইরের দেশগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।   তিনি আরো লিখেন, বাংলাদেশের ক্রীড়াবিদরা প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তারা বিশ্বের সেরাদের বিরুদ্ধে নিজেদের যোগ্যতা যাচাই করতে চায় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা বহন করে সাফল্য বয়ে আনতে আগ্রহী।   পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিশ্বমানের ক্রীড়াবিদ গড়ে তুলতে শুধু প্রশিক্ষণ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন, আন্তর্জাতিক ম্যাচ ও প্রশিক্ষণ ক্যাম্প, স্পোর্টস সায়েন্স এবং পুনর্বাসন সহায়তা।   একই সঙ্গে শিক্ষা ও খেলাধুলার মধ্যে ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন জাইমা রহমান। তিনি বলেন, কোনো শিক্ষার্থীকে যেন একাডেমিক শিক্ষা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার মধ্যে একটি বেছে নিতে না হয়। বরং উভয় ক্ষেত্রেই সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।   বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একাডেমিক মান বজায় রেখেও অ্যাথলেট-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বাংলাদেশেরও নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর মডেল তৈরি করা প্রয়োজন।   পোস্টের শেষে বিকেএসপির শিক্ষক, কোচ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটি তাকে একজন গর্বিত বাংলাদেশি হওয়ার আরও একটি কারণ এনে দিয়েছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৫:৪৮
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রে আট নারী হত্যার দায়ে সিরিয়াল কিলারের যাবজ্জীবন সাজা ঘোষণা

গিলগো বিচ সিরিয়াল কিলার রেক্স হিউম্যানের একটি নতুন মগশট বা পুলিশের তোলা ছবি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে, যেখানে তার চোখেমুখে এক স্পষ্ট, শীতল ও ক্রূর দৃষ্টি ফুটে উঠেছে। যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার জন্য তাকে কারাগারে পাঠানোর ঠিক এক দিন আগে এই ভয়ংকর ছবিটি প্রকাশ্যে আসে।   ৬২ বছর বয়সী হিউম্যান গত এপ্রিলে আদালতে স্বীকার করেন যে, তিনি ১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে আটজন যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এবং তাদের মৃতদেহগুলো লং আইল্যান্ডের বিভিন্ন নির্জন এলাকায় ফেলে দিয়েছেন। এই দোষ স্বীকার চুক্তির (প্লি ডিল) অংশ হিসেবে তাকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা হয়। বুধবার রিভারহেড কোর্টহাউসে আনুষ্ঠানিকভাবে তার এই সাজা ঘোষণা করার কথা রয়েছে।   বিশালদেহী এই স্থপতির নতুন মগশটে যে ভীতিকর এবং অবজ্ঞাপূর্ণ দৃষ্টি দেখা গেছে, তা আদালতে দোষ স্বীকার করার সময় তার মুখে লেগে থাকা সেই কুটিল হাসির চেয়ে একেবারেই আলাদা। ছবিতে তার অভিব্যক্তিতে কোনো অনুশোচনার ছাপ নেই, বরং এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে।   গিলগো বিচের এই লোমহর্ষক ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো ৩০ বছরেরও বেশি সময় ধরে লং আইল্যান্ডের বাসিন্দাদের মনে গভীর আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। দশকের পর দশক ধরে অধরা থাকা এই খুনিকে নিয়ে পুলিশও অন্ধকারে ছিল। অবশেষে ২০২৩ সালে হিউম্যানকে গ্রেপ্তারের মাধ্যমে এই দীর্ঘকালীন রহস্যের জট খুলতে শুরু করে এবং সম্প্রতি তার দোষ স্বীকার করার মধ্য দিয়ে এই ভয়ংকর অধ্যায়ের যবনিকা পাত হতে চলেছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৫:৩১
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একের পর এক বাড়ি দখলের অভিযোগ, আলোচনায় ‘সিরিয়াল স্কোয়াটার’

ক্যালিফোর্নিয়ার ভাড়াটিয়া-বান্ধব আইনের অপব্যবহার করে মালিবুর বাসিন্দাদের দিনের পর দিন আতঙ্কে রাখার অভিযোগ উঠেছে এক কথিত ‘সিরিয়াল স্কোয়াটার’ বা অবৈধ দখলদারের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে আসা অসংখ্য অভিযোগের ভিত্তিতে এবার তাকে নিয়ে তৈরি হয়েছে একটি ডকুসিরিজ। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু-এর নতুন ডকুসিরিজ ‘স্কোয়াটার্স: গেট দ্য ফ*** আউট অব মাই হাউস’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য প্যারাডাইস অব মালিবু’-তে তুলে ধরা হয়েছে এলি মে ম্যাকনাল্টি নামের এই নারীর চাঞ্চল্যকর সব কাণ্ড।   পেশায় ব্রিটিশ অভিনেত্রী ও চিত্রনাট্যকার ম্যাকনাল্টি কীভাবে মিষ্টি কথায় ভুলিয়ে মানুষের বাড়িতে আশ্রয় নিতেন এবং পরে আর বের হতে চাইতেন না, ডকুসিরিজটিতে সেই বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তার এই দখলের শিকার হয়েছিলেন অ্যালডেন মারিন নামের এক শিল্পী, যিনি স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০২১ সালের শরতে ম্যাকনাল্টি তাকে বলেছিলেন যে নিজের বাড়ির কাজ শেষ না হওয়া পর্যন্ত মাত্র কয়েকদিনের জন্য তিনি তার বাড়িতে থাকতে চান।   কিন্তু সেই কয়েকদিনের অবস্থান এক মাসে গড়ায়। ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, একসময়ের ভদ্র এই অতিথি ধীরে ধীরে রূঢ়, জেদি ও আক্রমণাত্মক হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি মারিনের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, মারিন হাসপাতালে থাকার সময় বাড়ির তালা বদলে ফেলেন এবং কমোডে কাপড়ের ন্যাপকিন ফেলে পাইপ জ্যাম করে দেন। এমনকি বাড়ি ছাড়ার শর্ত হিসেবে তিনি ২০ হাজার ডলারও দাবি করেছিলেন।   অ্যালডেনের বোন মিন্ডি মারিন ভ্যানিটি ফেয়ারকে জানান, ম্যাকনাল্টি তার ভাইয়ের সরলতার সুযোগ নিয়েছিলেন। তার মধ্যে ব্রিটিশ অভিনেত্রীদের মতো এক ধরনের আকর্ষণীয় ব্যাপার ছিল, যা দিয়ে তিনি সহজেই মানুষকে (বিশেষ করে পুরুষদের) প্রভাবিত করতে পারতেন। তবে ম্যাকনাল্টি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার জিনিসপত্র ভেতরে থাকা অবস্থাতেই উল্টো মারিন বাড়ির তালা বদলে ফেলেছিলেন।   এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে ক্যালিফোর্নিয়ার একটি বিতর্কিত আইন। এই আইন অনুযায়ী, কোনো অতিথি ভাড়া না দিলেও নির্দিষ্ট সময় পার হওয়ার পর তাকে আইনত ভাড়াটিয়া হিসেবে বিবেচনা করা হয়। ফলে বাড়ির মালিকদের পক্ষে অনাকাঙ্ক্ষিত অতিথিদের তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে বের করে দেওয়া কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ২০২২ সালে মারিন বিষয়টি আদালতে নিয়ে যান এবং বিচারক ম্যাকনাল্টিকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন।   পরবর্তীতে মিন্ডি মারিন অনুসন্ধান করে ম্যাকনাল্টির বিরুদ্ধে গত দুই দশকের প্রায় ১০টিরও বেশি আইনি মামলার খোঁজ পান, যার সাম্প্রতিকতমগুলো পয়েন্ট ডুম এলাকার বাসিন্দাদের সঙ্গে সম্পর্কিত। ভ্যানিটি ফেয়ার জানিয়েছে, তার অতীতের ভুক্তভোগীদের মধ্যে ৮০ বছর বয়সী সান্তা মনিকার এক বিধবা নারী এবং একজন যোগব্যায়াম শিক্ষকও রয়েছেন। অভিযোগ রয়েছে, ক্যালিফোর্নিয়ার ভাড়াটিয়া সুরক্ষা আইনের ফাঁকফোকর কাজে লাগিয়েই ম্যাকনাল্টি দিনের পর দিন অন্যের বাড়িতে নিজের অবস্থান দীর্ঘায়িত করতেন।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৫:৬
ছবিঃ রয়টার্স
ফ্রান্সের জি৭ সম্মেলনে নিজেকে ‘বস’ বললেন ট্রাম্প, নরম সুরে ইউরোপ

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের উপস্থিতিতে নিজেকে ‘বস’ বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনীতির নিরাপত্তা বিষয়ক একটি অধিবেশনে সাংবাদিক ও বিশ্বনেতাদের সামনে তিনি এই মন্তব্য করেন। তবে ঠিক কী প্রেক্ষাপটে তিনি এমন দাবি করেছেন, তা খোলসা করেননি। বিস্ময়কর ব্যাপার হলো, অধিবেশন কক্ষে উপস্থিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কোনো রাষ্ট্রনেতাই ট্রাম্পের এই মন্তব্যের কোনো প্রতিবাদ জানাননি।   বরং, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরানের সঙ্গে সংঘাত নিয়ে এতদিন ট্রাম্পের কড়া সমালোচনা করে আসা ইউরোপীয় নেতারাও এবার বেশ নমনীয় অবস্থান দেখিয়েছেন।   গত ১৫ জুন থেকে ফ্রান্সে শুরু হওয়া জি৭ সম্মেলন চলবে ১৭ জুন বুধবার পর্যন্ত। ইতোমধ্যে ট্রাম্প অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন এবং সদস্য রাষ্ট্রগুলো একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে। বুধবারের অধিবেশনে মূলত দুষ্প্রাপ্য খনিজ সম্পদ, বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর এই গুরুত্বপূর্ণ আলোচনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট নিজেকে ‘বস‌’ হিসেবে উল্লেখ করেন।   সম্মেলনে ইউরোপীয় নেতাদের এমন সুর বদলের পেছনে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া মধ্যপ্রাচ্যের এক বড় ভূ-রাজনৈতিক পরিবর্তন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনীর এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত চরম আকার ধারণ করে। ইরান প্রতিশোধ হিসেবে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালীতে পণ্য পরিবহণেও বড় ধরনের বাধা সৃষ্টি করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নীতির তখন তীব্র সমালোচনা করেছিল ইউরোপের একাধিক দেশ।   হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ট্রাম্প ইউরোপের সাহায্য চাইলেও বেশির ভাগ শক্তিধর দেশ সে সময় পিছিয়ে যায়, যা নিয়ে ট্রাম্প প্রকাশ্যে বারবার ক্ষোভও প্রকাশ করেছিলেন। কিন্তু এবারের জি৭ বৈঠকে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা গেছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজ গত মঙ্গলবার ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা একটি ফুটবল জার্সিও উপহার দেন, যা বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কের এই বরফ গলার স্পষ্ট ইঙ্গিত দেয়।   বিশ্লেষকদের মতে, ইউরোপের এই নাটকীয় সুর বদলের নেপথ্যে রয়েছে ট্রাম্পের প্রস্তাবিত ইরান চুক্তি। গত রোববার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে, যা আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটিকে বিশ্ব অর্থনীতি ও রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৪:৪৭
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে ফের টর্নেডো ও ধ্বংসাত্মক ঝড়ের আশঙ্কা, ঝুঁকিতে লাখো মানুষ

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে আঘাত হানা ভয়াবহ আবহাওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন করে শক্তিশালী ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। কয়েকদিন আগেই টর্নেডো, ধ্বংসাত্মক বাতাস এবং বড় আকারের শিলাবৃষ্টির কারণে এই বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফক্স ফোরকাস্ট সেন্টার শিকাগোর দক্ষিণাঞ্চল, ইলিনয়সের উত্তরাঞ্চল এবং ইন্ডিয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য চরম ঝুঁকির সতর্কতা জারি করেছে, যেখানে আকস্মিক বন্যা এবং শক্তিশালী টর্নেডোর আশঙ্কা রয়েছে।   এর পাশাপাশি, আইওয়া এবং ইলিনয়সের উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ‘সিভিয়ার থান্ডারস্টর্ম ওয়াচ’ বা গুরুতর বজ্রঝড়ের সতর্কতাও জারি করেছে।   গত সপ্তাহে একই অঞ্চলে ইএফ-০ থেকে ইএফ-৩ মাত্রার বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানে। ধ্বংসাত্মক বাতাসের তাণ্ডবে বহু বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন।   চলতি বছরের মার্চে দুর্যোগপূর্ণ মৌসুম শুরু হওয়ার পর থেকে এই এলাকাগুলো লাগাতার প্রকৃতির রুদ্ররোষের শিকার হচ্ছে। বিশেষ করে ইলিনয়স অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এ বছর দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টর্নেডো এখানেই আঘাত হেনেছে।   আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রগুলো জানিয়েছে, মঙ্গলবার বিক্ষিপ্ত কিছু ঝড়ের পর বুধবার একটি নিম্নচাপ সিস্টেম আরও শক্তিশালী হয়ে মধ্যপশ্চিমাঞ্চল থেকে গ্রেট লেকসের দিকে অগ্রসর হওয়ার কারণে আবহাওয়া চরম বিপজ্জনক রূপ নিতে পারে।   স্টর্ম প্রেডিকশন সেন্টার ইলিনয়সের উত্তর-মধ্যাঞ্চল এবং ইন্ডিয়ানার পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার মধ্যে ৪ মাত্রার গুরুতর ঝড়ের সতর্কতা জারি করেছে। অন্যদিকে, কানসাস সিটি থেকে সেন্ট লুইস হয়ে শিকাগো পর্যন্ত ৩ মাত্রার এবং কানসাস থেকে লুইসভিলে, ইন্ডিয়ানাপোলিস ও কলম্বাস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ২ মাত্রার সতর্কতা বহাল রয়েছে।   ফক্স ফোরকাস্ট সেন্টারের মতে, আবহাওয়ার এই চরম বিপর্যয় দুটি পর্যায়ে আঘাত হানতে পারে। প্রথম ধাপে সকাল থেকে বিকেলের মধ্যে ধ্বংসাত্মক বাতাস ও ২.৫ ইঞ্চি ব্যাসার্ধের শিলাবৃষ্টি হতে পারে। এরপর বিকেলের দিকে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হয়ে উঠলে দ্বিতীয় ধাপের তাণ্ডব শুরু হবে। শক্তিশালী ‘উইন্ড শিয়ার’ বা বায়ুপ্রবাহের কারণে এই সময়ে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ টর্নেডো (ইএফ-৩ বা তার চেয়ে শক্তিশালী) তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সন্ধ্যার দিকে এই ঝড়গুলো একীভূত হয়ে ঘণ্টায় ৭৫ মাইলের বেশি বেগে ধ্বংসাত্মক বাতাস নিয়ে পুরো অঞ্চলে তাণ্ডব চালাতে পারে।   একই সঙ্গে টানা ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে এবং উত্তর ইলিনয়স থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৪:২৫
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ছাত্রীদের চুম্বনে বাধ্য করার অভিযোগে শিক্ষিকা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে শ্রেণিকক্ষে নাটকে অভিনয়ের সময় শিক্ষার্থীদের একে অপরকে চুম্বন করতে বাধ্য করার অভিযোগে জেনিফার হোনকা নামের এক ফরাসি ভাষার শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এই অভিনয়ের ওপর ক্লাসের গ্রেড বা নম্বর নির্ভর করায় তারা বাধ্য হয়েই এতে অংশ নিতেন। সম্প্রতি ডেনভার পাবলিক স্কুলস বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে চাকরিচ্যুত করা হয়।   সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ মে স্কুল বোর্ডের সদস্যরা ৭-০ ভোটে নর্থইস্ট আর্লি কলেজের ওই শিক্ষিকাকে 'অযোগ্যতা এবং দায়িত্বে অবহেলার' দায়ে বরখাস্ত করেন। ৩০ এপ্রিলের একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে, ওই শিক্ষিকা অভিনয়ের সময় সমলিঙ্গের শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদেরই চুম্বনের জন্য বেশি চাপ দিতেন। এক শিক্ষার্থী জানান, শিক্ষিকার নির্দেশে বাধ্য হয়ে অন্য এক ছাত্রীকে চুম্বন করার পর তিনি মানসিকভাবে চরম অস্বস্তিতে পড়েন এবং তার স্কুলে উপস্থিতির হারও আশঙ্কাজনকভাবে কমে যায়।   পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে ওই শিক্ষিকাকে নিয়ে ‘তিনি মেয়েদের চুম্বন করতে বাধ্য করেন’—এমন ক্যাপশন যুক্ত একটি মিমও ছড়িয়ে পড়ে।   তদন্তে আরও দেখা যায়, ক্লাসে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সমান থাকা সত্ত্বেও অভিনয়ের জন্য শিক্ষিকা সবসময় মেয়েদেরই বেছে নিতেন। গ্রেড বা নম্বরের ভয় থাকা সত্ত্বেও এক ছাত্রী এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে তাকে শূন্য নম্বর দেওয়া হয়। অভিনয়ের জন্য শিক্ষিকা ‘দ্য নেইবারস সও এভরিথিং’ এবং ‘দ্য বোরিং কিস’ নামের রোমান্টিক চিত্রনাট্য ব্যবহার করতেন।   শিক্ষার্থীদের অভিনয়ে রাজি করাতে তার ক্লাসে একটি অলিখিত নিয়ম ছিল যে, যেকোনো নির্দেশেই 'হ্যাঁ' বলতে হবে। একাধিক শিক্ষার্থী এই অস্বাভাবিক আচরণের অভিযোগ নিয়ে অন্যান্য শিক্ষকদের দ্বারস্থ হলে স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করে।   এর পাশাপাশি, হোনকা ক্লাসে তার ব্যক্তিগত জীবনের নানা সংবেদনশীল তথ্য, যেমন—উর্বরতা সমস্যা, আত্মহত্যার প্রবণতা এবং শিশু নির্যাতনের শিকার হওয়ার মতো বিষয়গুলো শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতেন। যদিও তিনি দাবি করেছেন যে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাস স্থাপনের জন্যই তিনি এগুলো বলতেন এবং সরাসরি কাউকে চুম্বনে বাধ্য করেননি; তবে প্রশাসনিক আইন বিচারক কিথ জে. কিরচুবেল তার রায়ে জানান, শিক্ষিকার এমন আচরণ ছিল সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং অনুচিত।   ডেনভার পাবলিক স্কুলসের মুখপাত্র স্কট প্রিবল জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, আবেগ ও মানসিক সুস্থতা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ কারণেই অভিযোগ প্রমাণিত হওয়ার পর দ্রুততম সময়ে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৩:৫২
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দত্তক নেওয়া দুই পুত্রের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের নিউপোর্টে এক শিক্ষিকাকে নিজের দুই দত্তক কিশোর পুত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই শিক্ষিকার নাম অ্যাম্বার সোয়েইন। তার বিচ্ছিন্ন স্বামী ওই শিক্ষিকা এবং এক দত্তক পুত্রের মধ্যকার কিছু আপত্তিকর খুদে বার্তা (টেক্সট মেসেজ) কর্তৃপক্ষের হাতে তুলে দিলে এই গুরুতর ঘটনাটি প্রকাশ্যে আসে।   আরও পড়ুন... মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?   আদালতের নথি অনুযায়ী, সোয়েইন তার ১৭ ও ১৮ বছর বয়সী দুই দত্তক পুত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে এক কিশোর জানায়, গত ডিসেম্বর মাস থেকে তার সঙ্গে সোয়েইনের এই সম্পর্ক শুরু হয়, যখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। সে তদন্তকারীদের কাছে দাবি করে যে, তাদের মধ্যে একাধিকবার এমন ঘটনা ঘটেছে।   অন্যদিকে, অপর এক কিশোর তদন্তকারীদের জানিয়েছে, মায়ের বিছানায় ঘুমানোর এক পর্যায়ে তাদের মধ্যেও আপত্তিকর ঘটনা ঘটে এবং এক ভাই অন্য ভাইয়ের ঘরে মায়ের উপস্থিতি দেখে সন্দেহও পোষণ করেছিল। ফাঁস হওয়া মেসেজেও এক কিশোর পুনরায় মায়ের সঙ্গে একান্তে সময় কাটানোর আগ্রহ প্রকাশ করেছিল। যদিও সোয়েইন প্রথমদিকে এসব অভিযোগ অস্বীকার করেন এবং ঘুমের ঘোরের কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পরবর্তীতে তদন্তকারীদের জেরার মুখে তিনি ফেব্রুয়ারি থেকে এক কিশোরের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেন।   ▶️ ভিডিও দেখুন... আমেরিকায় মুসলিমদের বিস্ময়কর উত্তান ও অগ্রযাত্রা   অ্যাম্বার সোয়েইন পেশায় পেন্ড ওরেইল রিভার স্কুলের একজন শিক্ষিকা ছিলেন এবং ফস্টার শিশুদের সহায়তাকারী 'স্পোকেন অ্যাঞ্জেলস' নামের একটি অলাভজনক সংস্থার সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। জানা গেছে, ২০১৭ সালে নিজের ক্লাসরুমের এক শিশু শিক্ষার্থীকে তিনি প্রথম দত্তক নিয়েছিলেন।   অভিযোগ সামনে আসার পর ওয়াশিংটনের শিশু, যুব ও পরিবার বিভাগের কাছে টেক্সট মেসেজের প্রমাণ হস্তান্তরের ভিত্তিতে গত ২ জুন তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই স্কুল কর্তৃপক্ষ তাকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে। গত ৮ জুন আদালতে সোয়েইন নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। আগামী ৬ অক্টোবর এই মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

প্রকাশ : জুন ১৮, ২০২৬ ১৪:২৫
ছবি: সংগৃহীত
ভিয়েতনামে মাংসের জন্য চুরি হওয়া ৪০০ বিড়াল উদ্ধার, বড় চক্রের সন্ধান

ভিয়েতনামের হো চি মিন সিটিতে মাংসের জন্য পোষা বিড়াল পাচারকারী একটি বড় চক্রের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে দেশটির পুলিশ। কয়েক দিন ধরে চলা এই বিশেষ অভিযানে ৪শরও বেশি জীবিত বিড়াল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পোষা প্রাণী চুরির এই চক্রটির সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যম ও প্রাণী কল্যাণ সংস্থাগুলোর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, হো চি মিন সিটিতে সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক পোষা বিড়াল চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এই আন্তর্জাতিক অপরাধ চক্রের সন্ধান পায়। অভিযানে পুলিশ সন্দেহভাজনদের আস্তানা থেকে ৪৫টি খাঁচায় বন্দি অবস্থায় প্রায় ৪০০টি জীবিত বিড়াল উদ্ধার করে। এছাড়া বরফ ভর্তি চারটি ফোমের বাক্সে আরও প্রায় ৮০টি মৃত বিড়াল এবং অন্য একটি আস্তানা থেকে আরও ২১টি জীবিত বিড়াল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোট ৫০০টিরও বেশি বিড়ালের এই ঘটনাটিকে সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের ইতিহাসে অন্যতম বড় প্রাণী উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করা হচ্ছে।   পুলিশি জেরার মুখে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা গত তিন বছর ধরে হো চি মিন সিটি, তে নিন এবং আন গিয়াংসহ দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের পোষা বিড়াল ধরে এনে পাচার করছিল। আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা 'হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমেলস'-এর প্রতিনিধি কারানভির কুকরেজা বলেন, এই ঘটনাটি ভিয়েতনামে বিড়ালের মাংসের ব্যবসার বিশাল এবং ভয়াবহ রূপটিকে আবারও সবার সামনে এনেছে। উদ্ধারকৃত বিড়ালগুলোর মধ্যে বেশ কয়েকটি গর্ভবতী ছিল এবং চলতি সপ্তাহে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই কিছু বাচ্চার জন্ম হয়েছে।   উদ্ধার অভিযানের পর গত কয়েক দিনে অন্তত ৪০টি বিড়ালকে তাদের আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নির্মম পরিবেশে আটকে রাখার কারণে উদ্ধার হওয়া বিড়ালগুলোর মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে মারা গেছে। বিড়ালগুলোর সেবায় বর্তমানে স্থানীয় পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। অনেক পরিবার তাদের হারিয়ে যাওয়া পোষা বিড়ালটিকে খুঁজতে এসে না পেয়ে চোখের জল ফেলছেন।   ভিয়েতনামে কুকুর এবং বিড়ালের মাংস খাওয়া ও বিক্রি করা আইনত বৈধ হলেও বিক্রেতাদের অবশ্যই প্রাণীর উৎসের বৈধ অনুমতিপত্র থাকতে হয়। তবে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধ হওয়ার পর ভিয়েতনাম সরকারও পোষা প্রাণীদের সুরক্ষায় আইন সংস্কারের পরিকল্পনা করছে। হো চি মিন সিটির স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা আশা করছেন, এই বড় ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সাধারণ মানুষের মধ্যে বিড়ালের মাংস খাওয়ার বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি হবে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১২:৪৯
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহত সোমালিয়ার ৭ বছরের শিশু, ৭৫০ ডলারের অভাবে পঙ্গুত্বের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের এক ভয়াবহ বিমান হামলায় শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হওয়া সাত বছর বয়সী এক সোমালি শিশু চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ৭৫০ ডলার (প্রায় ৯শ ডলার) খরচ করে অপারেশন না করালে শিশুটি আর কোনোদিন হাঁটতে পারবে না। কিন্তু চরম দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, মার্কিন প্রশাসন এই হামলায় কোনো সাধারণ নাগরিকের হতাহত হওয়ার বিষয়টি অস্বীকার করায় পরিবারটির ক্ষতিপূরণ পাওয়ার আশাও শেষ হয়ে গেছে। বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদনে এই বেদনাদায়ক তথ্য প্রকাশ করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৫ নভেম্বর সোমালিয়ার জামামে শহরে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলায় আটটি শিশুসহ অন্তত ১২ জন সাধারণ নাগরিক নিহত হন। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর চালানো সবচেয়ে বড় এবং মারাত্মক মার্কিন হামলা। এই হামলার সময় সাত বছর বয়সী আবদিলকাদির সালাহ নামের ওই শিশুটি তাদের বাড়ির বাইরের রাস্তায় খেলছিল। কোনো আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ ড্রোন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হলে আবদিলকাদিরের পিঠ ও উরুর হাড়ের সংযোগস্থলে বোমার স্প্লিন্টার বা ধাতব টুকরো ঢুকে যায়।   শিশুটির মা মারিয়ান হাজি আবদি গুলেদ জানান, হামলায় তার আরও দুই সন্তান মারাত্মকভাবে জখম হয়। চারিদিকে অবিরাম বোমা বর্ষণের মধ্যে রক্তাক্ত সন্তানদের নিয়ে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে যান এবং ড্রোনের পুনরুত্থানের ভয়ে সারারাত সেখানেই আত্মগোপন করে থাকেন। পরবর্তীতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সন্তানদের নিয়ে রাজধানী মোগাদিশুর 'কাফি হাসপাতালে' পৌঁছান। সেখানে বড় মেয়ের মাথার স্প্লিন্টার বের করা সম্ভব হলেও অর্থের অভাবে আবদিলকাদিরের অপারেশন করানো সম্ভব হচ্ছে না। এক্স-রে রিপোর্টে দেখা গেছে, স্প্লিন্টারটি তার কোমরের হাড়ের নিচে এমনভাবে আটকে আছে যা দ্রুত অপসারণ না করলে সে হাঁটার ক্ষমতা হারাবে।   গার্ডিয়ানের অনুসন্ধানে এই ড্রোন হামলার পেছনে মার্কিন গোয়েন্দা তথ্যের সততা এবং লক্ষ্যবস্তু নির্ধারণের প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। কারণ যে সময়ে হামলাটি চালানো হয়েছিল, আকাশ থেকে স্পষ্ট বোঝার উপায় ছিল যে সেখানে শিশুরা অবস্থান করছে। এই যৌথ অভিযানটি মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এবং সোমালি স্থলবাহিনীর সমন্বয়ে পরিচালিত হলেও, প্রত্যক্ষদর্শীদের শতভাগ দাবি—সব ক্ষয়ক্ষতি ড্রোন থেকে ফেলা বোমার কারণেই হয়েছে।   দুর্ভাগ্যজনক বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন প্রশাসন সম্প্রতি বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় জবাবদিহিতা ও ক্ষতিপূরণ দেওয়ার একটি আইনি কর্মসূচি নীরবে বাতিল করে দিয়েছে। ফলে সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত বা আহত কোনো বেসামরিক নাগরিককেই কোনো ধরনের ক্ষতিপূরণ দিচ্ছে না ওয়াশিংটন। আবদিলকাদিরের মা মারিয়ান আক্ষেপ করে বলেন, "আমেরিকানরাই আমাদের এই চরম দুর্ভোগের জন্য দায়ী। একজন মায়ের কাছে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে, যখন সে টাকার অভাবে তার পঙ্গু হতে যাওয়া সন্তানের চিকিৎসা করাতে পারে না।" এই বিষয়ে মার্কিন যুদ্ধ দপ্তরের (ডিপার্টমেন্ট অব ওয়ার) সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১২:৪৪
ছবি: সংগৃহীত
মেক্সিকো ম্যাচের আগে ফিফার স্পন্সর হুন্দাইয়ের বিরুদ্ধে বিক্ষোভের ডাক

চলতি ফুটবল বিশ্বকাপে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচের আগে টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পন্সর প্রতিষ্ঠান হুন্দাইয়ের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। একটি বিতর্কিত খনি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের জেরে দক্ষিণ কোরিয়ান এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে মেক্সিকোর গুয়াদালাজারা শহরে বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে। বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, পরিবেশবাদী সংগঠন 'মাইটি আর্থ'-এর ২০২৫ সালের একটি প্রতিবেদনে হুন্দাইয়ের বিরুদ্ধে ‘নোংরা স্টিল সরবরাহ চেইনের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। হুন্দাই মূলত দক্ষিণ আমেরিকার খনি কোম্পানি 'টার্নিয়াম' থেকে ইস্পাত তৈরির জন্য বিপুল পরিমাণ আকরিক লোহা কেনে। এই টার্নিয়াম কোম্পানির বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের পাশাপাশি মেক্সিকোর দুজন মানবাধিকার কর্মীকে গুম করার অভিযোগ রয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং মেক্সিকোর প্রায় ১ লাখ ৩০ হাজার নিখোঁজ মানুষের ভাগ্য নির্ধারণের দাবিতে গুয়াদালাজারার প্লাজা দে লা লিবেরাসিওনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।   জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি মাসে টার্নিয়াম কোম্পানির গ্রামীণ এলাকা ধ্বংসের নীতির তীব্র সমালোচনা করার পর গুয়াদালাজারা থেকে দুজন ব্যক্তি নিখোঁজ হন। তারা হলেন—বিখ্যাত মানবাধিকার আইনজীবী রিকার্ডো আরতুরো লাগুনেজ গাসকা এবং আদিবাসী সম্প্রদায়ের নেতা আন্তোনিও দিয়াজ ভ্যালেন্সিয়া। খনি বিরোধী এক সভা থেকে ফেরার পথে তারা নিখোঁজ হন এবং পরবর্তীতে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে গুলিবদ্ধ অবস্থায় পাওয়া গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। আন্দোলনকারীরা হুন্দাইয়ের বিরুদ্ধে 'স্পোর্টসওয়াশিং' বা খেলাধুলার আড়ালে অপরাধ ঢাকার অভিযোগ এনেছেন এবং টার্নিয়াম কোম্পানিকে ‘লাল কার্ড’ দেখানোর দাবি তুলেছেন।   হুন্দাই এবং কিয়া বর্তমানে ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। তারা খেলোয়াড়, রেফারি এবং কর্মকর্তাদের যাতায়াতের জন্য আমেরিকা, কানাডা এবং মেক্সিকো জুড়ে প্রায় ১ হাজার গাড়ি এবং ৫০০টিরও বেশি বাস সরবরাহ করেছে। বিশ্বকাপের মেক্সিকো অংশে এই বিক্ষোভ বেশ জোরালো হয়ে উঠেছে। এর আগে উদ্বোধনী ম্যাচের দিনও মেক্সিকোর আসতেকা স্টেডিয়ামের বাইরে আন্দোলনরত শিক্ষকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।   অবশ্য টার্নিয়াম মেক্সিকো কর্তৃপক্ষ এই গুমের ঘটনার সাথে তাদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানায়, তারা সবসময় আইনের মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করে এবং যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। অন্যদিকে এই বিক্ষোভের বিষয়ে হুন্দাই কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১২:৩৩
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় ১৯ জুন শুরু হচ্ছে বহুসাংস্কৃতিক উৎসব ‘ভালো মেলা ২০২৬’

নিউইয়র্কের কুইন্স বরোর জ্যামাইকা এলাকায় আগামী ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুসাংস্কৃতিক কমিউনিটি উৎসব ‘ভালো মেলা ২০২৬’। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভালো (বিএইচএএলও)-এর উদ্যোগে আয়োজিত এই মেলা বিকেল ৩টা থেকে শুরু হবে।   আয়োজকরা জানিয়েছেন, গত বছরও একই মেলার আয়োজন করা হয়েছিল। এবারের আয়োজনকে আরও বিস্তৃত ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার মূল লক্ষ্য বিভিন্ন বয়স ও সম্প্রদায়ের মানুষের জন্য একসঙ্গে সাংস্কৃতিক বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার সুযোগ তৈরি করা। আয়োজনস্থল হিসেবে কুইন্সের হিলসাইড অ্যাভিনিউ এবং ১৭৩ স্ট্রিট থেকে ১৭৫ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকা নির্ধারণ করা হয়েছে। দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, কমিউনিটি সেবা এবং পারিবারিক বিনোদনের নানা আয়োজন থাকবে।   মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারের স্টল, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কার্যক্রম। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।   এবারের মেলায় কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, এলহাম একাডেমি, সাপ্তাহিক ঠিকানা এবং বেঙ্গলিস অব নিউইয়র্ক (বনি)। পাশাপাশি নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নানতাশা উইলিয়ামসও অনুষ্ঠানের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন।   আয়োজকরা জানিয়েছেন, মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী বিক্রেতা ও স্বেচ্ছাসেবকদের জন্য অনলাইন নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। কিউআর কোডের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকছে। আয়োজক সংগঠন ভালো (বিএইচএএলও)-এর পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন কেবল একটি মেলা নয়, বরং এটি বিভিন্ন সংস্কৃতি ও জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন তৈরির একটি প্রয়াস। নিউইয়র্কের বৈচিত্র্যময় সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১২:৫৫
ছবি: সংগৃহীত
মেয়র জোহরান মামদানিকে অপসারণের ইঙ্গিত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির মুলিন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইনে মুলিন প্রকাশ্যে নিউইয়র্কবাসীর উদ্দেশে “বোধোদয়” হওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে মেয়র মামদানিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।   গত ১১ জুন এক সংবাদ সম্মেলনে অভিবাসন আইন প্রয়োগ এবং “স্যাঙ্কচুয়ারি সিটি” নীতি নিয়ে প্রশ্নের জবাবে মুলিন মেয়র মামদানির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি তাকে “র‍্যাডিক্যাল সোশ্যালিস্ট”, “পুলিশবিরোধী” এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে বাধা সৃষ্টিকারী নেতা হিসেবে উল্লেখ করেন।   মুলিন বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ দেশের অন্যতম দক্ষ ও পেশাদার বাহিনী হলেও তাদের এমন একজন নেতা রয়েছে, যিনি তাদের কাজের পরিধি সীমিত করে দিচ্ছেন। তার ভাষায়, “এনওয়াইপিডির সদস্যরা তাদের কাজ করতে চান, কিন্তু তাদের এমন একজন নেতা রয়েছে যিনি তাদের হাত-পা বেঁধে রেখেছেন।”   তিনি আরও বলেন, নিউইয়র্কবাসী আগামী কয়েক বছরের মধ্যে “প্রকৃত নেতৃত্ব” বেছে নেবে বলে তিনি আশা করেন।   মুলিনের এই মন্তব্যকে শুধু প্রশাসনিক সমালোচনা হিসেবে নয়, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবেও দেখছেন পর্যবেক্ষকরা। সংবাদ সম্মেলনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেয়র মামদানির মধ্যে অতীত বৈঠকের প্রসঙ্গ টেনে দুই পক্ষের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তার দাবি অনুযায়ী, রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও ট্রাম্প ওভাল অফিসে মামদানিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সহযোগিতার সুযোগ দিয়েছিলেন, তবে বৈঠকের পর মামদানির অবস্থান ভিন্ন দিকে যায়।   অন্যদিকে মেয়র মামদানি ট্রাম্প প্রশাসনের নীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ওই বৈঠকের পর এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে “ফ্যাসিস্ট” বলে উল্লেখ করেন এবং একই সঙ্গে নিউইয়র্কের জীবনযাত্রার ব্যয় কমানোসহ কিছু ক্ষেত্রে সহযোগিতার সুযোগ থাকার কথাও বলেন। অভিবাসন নীতি নিয়ে দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত। মামদানি দীর্ঘদিন ধরে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর কার্যক্রমের সমালোচনা করে আসছেন এবং সংস্থাটির ক্ষমতা সীমিত করার পক্ষেও অবস্থান নিয়েছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আইস-এর ক্ষমতা আরও বাড়ানোর পক্ষে।   এর আগেও মুলিন অভিযোগ করেছিলেন যে মেয়র মামদানির অভিবাসন নীতি নিউইয়র্কের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে। তবে মামদানির সমর্থকরা বলছেন, তিনি অভিবাসী সম্প্রদায়, শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের পরিবারগুলোর স্বার্থ রক্ষায় কাজ করছেন। তাদের মতে, ফেডারেল সরকারের সঙ্গে তার বিরোধ মূলত অভিবাসন নীতি, নাগরিক অধিকার এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন প্রশ্নে মতপার্থক্যের প্রতিফলন।   নিউইয়র্কের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক বাক্যবিনিময় কেবল ব্যক্তিগত বা দলীয় দ্বন্দ্ব নয়, বরং ফেডারেল সরকারের কঠোর অভিবাসন নীতি এবং নিউইয়র্ক সিটির প্রগতিশীল প্রশাসনের মধ্যে বৃহত্তর আদর্শিক সংঘাতের প্রকাশ।   আগামী দিনে অভিবাসন, পুলিশ প্রশাসন এবং ফেডারেল-স্থানীয় সরকারের ক্ষমতার প্রশ্নে এই বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি, যিনি প্রগতিশীল রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত এবং একই সঙ্গে রক্ষণশীল মহলের সমালোচনার মুখে রয়েছেন।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১২:১৬
ছবি: সংগৃহীত
ইতালির মিলানে নারী যাত্রীদের গোপন ছবি নিয়ে নোংরা চ্যাট, ট্রাম চালকরা বরখাস্ত

ইতালির মিলান শহরে নারী যাত্রীদের গোপন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে কুৎসিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বেশ কয়েকজন ট্রাম চালককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মিলানের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান 'এটিএম'-এর সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নারী যাত্রীদের শরীর লক্ষ্য করে ছবি তুলে এই জঘন্য কাণ্ড ঘটানো হয়। বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, মিলানের সরকারি কৌঁসুলিরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণপরিবহন প্রতিষ্ঠানের অন্তত একজন কর্মীর বিরুদ্ধে অননুমোদিতভাবে তথ্যপ্রযুক্তি সিস্টেমে প্রবেশ ও সিসিটিভি ক্যামেরা হ্যাক করার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও পাঁচজন পুরুষ কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। অভিযুক্ত চালকরা ট্রামের সিসিটিভি ফুটেজ থেকে নারী যাত্রীদের পা, মুখ ও শরীরের বিভিন্ন অংশের ছবি কেটে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নোংরা মন্তব্য ও কৌতুক করতেন।   গত শনিবার ১৫ নম্বর রুটের একটি ট্রামে ভ্রমণের সময় এক নারী যাত্রী এই পুরো জালিয়াতি ধরে ফেলেন। তিনি লক্ষ্য করেন, তার সামনে বসা ডিউটি শেষ করা এক ট্রাম চালক ইউনিফর্ম পরা অবস্থাতেই তার ফোনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট দেখছেন। সেখানে ট্রামের সিসিটিভি থেকে নেওয়া নারীদের আপত্তিকর ছবি এবং তাদের শরীর নিয়ে নোংরা কৌতুক করা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে ওই নারী কৌশলে চালকের ফোনের স্ক্রিনের একটি ছবি তুলে নেন এবং সেটি এক পরিচিত নারী অধিকার কর্মীর কাছে পাঠান। পরবর্তীতে ওই কর্মী পুরো বিষয়টি পরিবহন সংস্থা এটিএম-কে জানান।   পরিবহন সংস্থা এটিএম এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বরখাস্ত করেছে। তারা গ্রাহকদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের হাজার হাজার সৎ কর্মীর সম্মান রক্ষার্থে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই ছবিগুলো কেবল একটি ট্রাম নাকি একাধিক ট্রামের সিসিটিভি থেকে নেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।   ইতালির গ্রাহক অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা 'কোডাকনস'-এর আঞ্চলিক প্রধান মার্কো মারিয়া দোনজেলি মিলানের আদালতে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, "এটি অত্যন্ত গুরুতর একটি অপরাধ। ঘটনা সত্যি প্রমাণিত হলে অভিযুক্তদের ফৌজদারি আইনে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং ভুক্তভোগী নারীরাও দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।" দেশটির বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিঙ্গ সমতা ও মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১১:৫৮
যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন | ছবি: সংগৃহীত
লন্ডনে কেট মিডলটনের চিকিৎসার তথ্য ফাঁসের চেষ্টা, সাবেক স্বাস্থ্যকর্মীকে শাস্তি

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিগত মেডিকেল রেকর্ড অনৈতিকভাবে হাতিয়ে নিয়ে তা অর্থের বিনিময়ে তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করায় এক সাবেক স্বাস্থ্যকর্মীকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে দেশটির তথ্য কমিশনারের কার্যালয় (আইসিও)। লন্ডনের একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রিন্সেসের ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষার নীতি ভাঙার এই চাঞ্চল্যকর ঘটনাটি বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মার্চ মাসে লন্ডনের ওই বেসরকারি হাসপাতালটি (দ্য লন্ডন ক্লিনিক) তাদের এক কর্মীর বিরুদ্ধে কেটের চিকিৎসার নথিপত্রে অবৈধভাবে প্রবেশের গুরুতর অভিযোগটি প্রথম সামনে আনে। হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টের ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের তথ্য ও প্রাইভেসির ডেটা ওয়াচডগ ‘আইসিও’ তাৎক্ষণিকভাবে একটি ফৌজদারি তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় ওই সাবেক স্বাস্থ্যকর্মীকে ২০১৮ সালের ডেটা প্রোটেকশন অ্যাক্টের ধারা অনুযায়ী এই আনুষ্ঠানিক আইনি সতর্কতা (ফরমাল কশন) দেওয়া হয়েছে।   তদন্ত সংস্থা আইসিও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত স্পর্শকাতর ব্যক্তিগত তথ্যের ইচ্ছাকৃত অপব্যবহার করেছেন এবং আর্থিক লাভের উদ্দেশ্যে তা বাইরে পাচারের প্রস্তাব দিয়েছিলেন, যা স্পষ্টতই একটি চরম বিশ্বাসভঙ্গ। ক্রাউন প্রসিকিউটরদের নীতিমালা এবং আইসিও-র নিজস্ব আইনি পদক্ষেপের নিয়মনীতি puঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বড় কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি বলে একে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।   উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে একটি অজ্ঞাত শারীরিক সমস্যার কারণে এই লন্ডন ক্লিনিকে কেট মিডলটনের একটি পূর্বপরিকল্পিত পেটের অস্ত্রোপচার (অ্যাবডোমিনাল সার্জারি) করা হয়েছিল। সেখানে তিনি প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে ক্যান্সার ধরা পড়ার বিষয়টি প্রকাশ পায়। প্রিন্সেস কেট ছাড়াও ব্রিটিশ রাজপরিবারের রাজা চার্লসও বিভিন্ন সময়ে এই নামী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।   আইসিও-র রেগুলেটরি সুপারভিশনের নির্বাহী পরিচালক ইয়ান হুলমে বলেন, "চিকিৎসা সেবাকেন্দ্রে মানুষ যে ব্যক্তিগত তথ্য দেয়, তা যেন সবসময় সুরক্ষিত থাকে এবং কোনো ধরনের শোষণের শিকার না হয়, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যখন এই বিশ্বাসের জায়গাটি ভেঙে ফেলা হয়, তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব।" হাসপাতালের এক মুখপাত্রও এই তদন্তের সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তারা সবসময় রোগীদের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১১:৪৬
ছবি: সংগৃহীত
১৯৬৫ সালের আইন পুনর্মূল্যায়নের দাবি, যুক্তরাষ্ট্রে মেরিটভিত্তিক অভিবাসন নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে তীব্র আকার ধারণ করেছে। রক্ষণশীল নীতিনির্ধারক ও অভিবাসন সংস্কারপন্থীদের একাংশের দাবি, বর্তমান ব্যবস্থায় জাতীয় অর্থনৈতিক স্বার্থের তুলনায় পারিবারিক সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা শ্রমবাজার, অর্থনীতি এবং সামাজিক অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় তারা শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অবদানকে ভিত্তি করে একটি মেরিটভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালুর পক্ষে অবস্থান নিয়েছেন।   বর্তমান মার্কিন অভিবাসন কাঠামোর ভিত্তি গড়ে ওঠে ১৯৬৫ সালের অভিবাসন আইনের মাধ্যমে। এই আইনের ফলে পারিবারিক পুনর্মিলনকে অভিবাসনের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এর ফলে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ গ্রিন কার্ড পান যুক্তরাষ্ট্রে বসবাসরত আত্মীয়-স্বজনের স্পন্সরশিপের মাধ্যমে। সমালোচকদের মতে, এই ব্যবস্থায় আবেদনকারীর শিক্ষা, পেশাগত দক্ষতা, ইংরেজি ভাষাজ্ঞান এবং অর্থনৈতিক স্বনির্ভরতার বিষয়গুলো অনেক ক্ষেত্রে গৌণ হয়ে পড়ে।   অভিবাসন সংস্কারের সমর্থকরা বলছেন, একটি দেশের অভিবাসন নীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। তাদের মতে, পরিবার একত্রিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও প্রত্যেক অভিবাসীর বিস্তৃত পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার দায়িত্ব রাষ্ট্রের নীতি কাঠামোর অংশ হওয়া উচিত নয়।   তারা আরও দাবি করেন, বর্তমানে চালু কিছু কর্মসূচি এই চাপ আরও বাড়াচ্ছে। বিশেষ করে ডাইভার্সিটি ভিসা লটারির সমালোচনায় বলা হচ্ছে, প্রতি বছর প্রায় ৫৫ হাজার মানুষ শুধুমাত্র ভাগ্যের ভিত্তিতে স্থায়ী বসবাসের সুযোগ পান, যেখানে দক্ষতা বা অর্থনৈতিক অবদান রাখার সক্ষমতার মূল্যায়ন বাধ্যতামূলক নয়। অভিবাসন নীতি বিশ্লেষকদের একাংশের মতে, গত এক দশকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের একটি বড় অংশকে নির্বাচিত করা হয়েছে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে, দক্ষতা বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নয়। তাদের দাবি, এর ফলে নিম্নদক্ষ শ্রমিকের সংখ্যা বেড়েছে এবং কিছু ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ও সরকারি সেবার ওপর চাপ তৈরি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পরিবারভিত্তিক অভিবাসন যুক্তরাষ্ট্রের সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা উল্লেখ করেন, বহু সফল উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী এবং ব্যবসায়ী প্রথমে পরিবারভিত্তিক ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসে পরবর্তীতে দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।   তবুও মেরিটভিত্তিক অভিবাসনের পক্ষে আলোচনা ও চাপ ক্রমশ বাড়ছে। প্রস্তাবিত ব্যবস্থায় আবেদনকারীদের শিক্ষা, পেশাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষাজ্ঞান, বয়স এবং সম্ভাব্য অর্থনৈতিক অবদানের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণের কথা বলা হচ্ছে। সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অভিবাসনের সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। এই ধরনের পয়েন্টভিত্তিক ব্যবস্থা কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর নীতিনির্ধারকরা দাবি করেন, এতে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি আকর্ষণ করা সহজ হয়েছে।   যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেই মেরিটভিত্তিক অভিবাসন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি যুক্তি দেন, আধুনিক অর্থনীতির জন্য উচ্চশিক্ষিত ও দক্ষ অভিবাসী প্রয়োজন, যারা দ্রুত শ্রমবাজারে যুক্ত হয়ে কর প্রদান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবেন।   প্রস্তাবিত সংস্কারের আওতায় নিম্নদক্ষ অভিবাসন সীমিত করা, ইংরেজি ভাষাজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া, আমেরিকান মূল্যবোধ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আবেদনকারীদের অগ্রাধিকার প্রদান এবং বিদেশি শ্রমিকের মাধ্যমে স্থানীয় কর্মীদের প্রতিস্থাপনের সুযোগ কমানোর বিষয়গুলোও অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। একই সঙ্গে আশ্রয়, শরণার্থী এবং অস্থায়ী সুরক্ষা কর্মসূচির সংস্কারের কথাও আলোচনায় রয়েছে। সমর্থকদের মতে, এসব কর্মসূচি মানবিক সংকটে থাকা ব্যক্তিদের জন্য সীমিত থাকা উচিত এবং অর্থনৈতিক অভিবাসনের বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়।   অভিবাসী অধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, শুধুমাত্র অর্থনৈতিক উৎপাদনশীলতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক অভিবাসন নীতির মানবিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, যুক্তরাষ্ট্রের শক্তি তার বৈচিত্র্য, পরিবারভিত্তিক সামাজিক কাঠামো এবং মানবিক মূল্যবোধের মধ্যেই নিহিত।   কংগ্রেস ভবিষ্যতে কোনো বড় অভিবাসন সংস্কার গ্রহণ করলে, সেখানে মূল বিতর্কের কেন্দ্রে থাকবে একটি মৌলিক প্রশ্ন—যুক্তরাষ্ট্র কি পরিবারভিত্তিক অভিবাসন কাঠামো বজায় রাখবে, নাকি মেরিটভিত্তিক ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে নতুন নীতি গঠন করবে। এই সিদ্ধান্তই আগামী দশকে দেশটির জনসংখ্যা, শ্রমবাজার এবং অভিবাসন নীতির দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১২:৫৫
ছবি: সংগৃহীত
রেকর্ডভাঙা তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে বছরে প্রায় ৫০০ জনের মৃত্যু ঝুঁকিতে আড়াই কোটি মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহ, শক্তিশালী বজ্রঝড় এবং আকস্মিক বন্যার সম্মিলিত হুমকিতে চলতি সপ্তাহে প্রায় আড়াই কোটি মানুষ চরম স্বাস্থ্য ও জীবনঝুঁকিতে রয়েছেন। গ্রীষ্মকাল আনুষ্ঠানিকভাবে শুরু হতে এখনো কয়েকদিন বাকি থাকলেও দেশটির বিস্তীর্ণ অঞ্চল ইতোমধ্যে রেকর্ডভাঙা তাপমাত্রার কবলে পড়েছে।   এদিকে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ ২০২৬ সালের “হিট-রিলেটেড মর্টালিটি রিপোর্ট” প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে শহরটিতে প্রতি বছর তাপজনিত কারণে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে। এটিকে নিউইয়র্কে অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।   মার্কিন আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল মিলিয়ে অন্তত ২ কোটি ৬০ লাখ মানুষ এই তীব্র তাপপ্রবাহের সরাসরি প্রভাবে রয়েছে। কিছু এলাকায় অনুভূত তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, যা জুন মাসের স্বাভাবিক গড়ের তুলনায় ৫ থেকে ১০ ডিগ্রি বেশি।   সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে নর্থ ক্যারোলাইনার র‌্যালি ও উইলমিংটন, সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ, ফ্লোরিডার টালাহাসি, মিসিসিপির হ্যাটিসবার্গ এবং ওকলাহোমার টালসা। এসব এলাকায় তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকতে পারে।   ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ২৫ ডিগ্রি বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শীতল আবহাওয়ার জন্য পরিচিত পোর্টল্যান্ড, সিয়াটল, বেকার্সফিল্ড ও রেডিংয়ে বিশেষ তাপ সতর্কতা জারি করা হয়েছে।   আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহের পাশাপাশি উষ্ণ ও আর্দ্র বাতাসের কারণে শক্তিশালী বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকিও তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, তাপজনিত মৃত্যুর প্রায় ৮০ শতাংশ ঘটে তুলনামূলক কম তাপমাত্রার দিনগুলোতে, যখন পারদ ৮২ থেকে ৯৪ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে।   স্বাস্থ্য বিভাগের কমিশনার ডা. অ্যালিস্টার এফ. মার্টিন বলেন, “গরম আবহাওয়া একটি নীরব কিন্তু প্রাণঘাতী ঘাতক। জলবায়ু পরিবর্তনের কারণে শহর আরও উষ্ণ হয়ে উঠছে। এসব মৃত্যু প্রতিরোধযোগ্য।”   প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জুনে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কৃষ্ণাঙ্গ ও লাতিনো জনগোষ্ঠীর হার বেশি ছিল। নিম্নমানের আবাসন, শীতাতপনিয়ন্ত্রণের অভাব এবং অর্থনৈতিক বৈষম্য এই ঝুঁকি আরও বাড়াচ্ছে। বেশিরভাগ মৃত্যুই ঘটেছে ঘরে এসি না থাকা বা বিদ্যুতের উচ্চ খরচের কারণে তা ব্যবহার না করার ফলে।   নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে এয়ার কন্ডিশনার সরবরাহকারী ফেডারেল কর্মসূচি “হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম”-এর বরাদ্দ এ বছর চাহিদার তুলনায় কম ছিল। ফলে চলতি বছরের ৫ জুনেই এই সুবিধা বন্ধ হয়ে যায়, যা ইতিহাসের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বন্ধ হওয়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় অতিরিক্ত গরমে থাকলে হিট এক্সহসশন এবং হিট স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। প্রবীণ, শিশু, গর্ভবতী নারী, হৃদরোগী, ডায়াবেটিস রোগী এবং বহিরাঙ্গন শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে সাময়িক ব্ল্যাকআউটের আশঙ্কাও তৈরি হয়েছে। একই সঙ্গে কৃষিখাতে ফসল উৎপাদন ব্যাহত হওয়া, গবাদিপশুর স্বাস্থ্যঝুঁকি এবং সেচের পানির সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।   ঝুঁকিপূর্ণ নাগরিকদের সুরক্ষায় নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ তিনটি নতুন কুলিং সেন্টার চালু করেছে। এগুলো হলো- ব্রাউনসভিল নেবারহুড হেলথ অ্যাকশন সেন্টার, ২৫৯ ব্রিস্টল স্ট্রিট ব্রুকলিন ইস্ট হারলেম নেবারহুড হেলথ অ্যাকশন সেন্টার, ১৫৮ ইস্ট ১১৫তম স্ট্রিট ম্যানহাটন ট্রেমন্ট নেবারহুড হেলথ অ্যাকশন সেন্টার, ১৮২৬ আর্থার অ্যাভিনিউ ব্রঙ্কস তাপমাত্রা সূচক এক বা একাধিক দিনে ১০০ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে, অথবা টানা দুই বা তার বেশি দিন ৯৫ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি থাকলে এসব কেন্দ্র খোলা থাকবে। নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার ক্রিস্টিনা ফারেল বাসিন্দাদের এসি না থাকলে কুলিং সেন্টার, লাইব্রেরি বা শীতল স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি “কুল অপশনস ফাইন্ডার” অ্যাপ এবং “নোটিফাই এনওয়াইসি” ব্যবহারের মাধ্যমে তথ্য জানার আহ্বান জানিয়েছেন।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১২:৫৫