- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করে বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। কেউ কেউ অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে বিলম্ব, নিউজফিড আপডেট না হওয়া এবং বিভিন্ন ফিচার স্বাভাবিকভাবে ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন। অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন প্ল্যাটফর্মেও ফেসবুকের বিভ্রাট সংক্রান্ত বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। ব্যবহারকারীদের প্রতিবেদন অনুযায়ী, সমস্যাটি একাধিক অঞ্চলে একযোগে দেখা দিয়েছে। এদিকে, বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। প্রযুক্তিগত এই সমস্যার কারণে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা যোগাযোগ, ব্যবসায়িক কার্যক্রম এবং তথ্য আদান-প্রদানের জন্য ফেসবুকের ওপর নির্ভরশীল, তারা সাময়িক ভোগান্তির মুখে পড়েছেন। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট দেখা দিয়েছে এবং কখন নাগাদ সেবাটি পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক নতুন এক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হিসেবে তার নাম ইতিহাসে যুক্ত হতে পারে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১২ জুন) ওয়াল স্ট্রিটে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক ঘটলে এই রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হবে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, স্পেসএক্সের বহুল আলোচিত শেয়ার ছাড়ার ঘোষণা আসার আগেই মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৯৬ বিলিয়ন ডলার। এ সম্পদ নিয়েই তিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির অবস্থানে রয়েছেন। স্পেসএক্সে মাস্কের মালিকানা প্রায় ৪২ শতাংশ। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে প্রায় ৫৫৫ দশমিক ৬ মিলিয়ন শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে। বিশ্লেষকদের মতে, এ আইপিও সফল হলে মাস্কের সম্পদের পরিমাণ দ্রুত ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে শুক্রবারের লেনদেন শেষ হওয়ার আগেই মাস্ক আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি পেতে পারেন। অর্থনীতিবিদদের মতে, এ পরিমাণ সম্পদ সাধারণ মানুষের কল্পনারও বাইরে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফামের এক হিসাব অনুযায়ী, মাস্ক যদি প্রতিদিন ১০ লাখ ডলার করেও ব্যয় করেন, তবুও তার সম্পদ শেষ করতে প্রায় দুই হাজার ৭৪০ বছর সময় লাগবে। অন্য ধনকুবেরদের সঙ্গে তুলনায় এই ব্যবধান আরও স্পষ্ট। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বর্তমানে প্রায় ৩০৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। সম্ভাব্য ট্রিলিয়নিয়ার হলে মাস্কের সম্পদ তার তুলনায় তিন গুণেরও বেশি হবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রথম কোটিপতি জন জ্যাকব অ্যাস্টর ১৮৪৮ সালে মৃত্যুকালে প্রায় ২ থেকে ৩ কোটি ডলারের সম্পদের মালিক ছিলেন, যা সে সময়ের অর্থনীতিতে বিশাল অঙ্ক হিসেবে বিবেচিত হতো। তুলনায় বর্তমান সময়ে মাস্কের সম্ভাব্য সম্পদ যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ শতাংশের সমান হতে পারে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি, মহাকাশ খাত ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের কারণে মাস্কের সম্পদের এই দ্রুত উত্থান ঘটেছে। স্পেসএক্সের শেয়ারবাজারে প্রবেশ সেই ধারা আরও জোরদার করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে মেক্সিকো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে আয়োজক তিন শহরে প্রায় ৬০ থেকে ৭০ লাখ কনডম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে । মেক্সিকোর তিনটি আয়োজক শহর হলো মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মনতেরে। এসব শহরে বিশ্বকাপ উপলক্ষে বিপুল সংখ্যক দর্শনার্থী ও পর্যটকের আগমনকে কেন্দ্র করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মূল উদ্দেশ্য হলো মেগা ইভেন্টে ভিড়ের কারণে সম্ভাব্য যৌনবাহিত রোগ যেমন এইচআইভি, সিফিলিস ও গনোরিয়ার সংক্রমণ কমানো এবং অনিচ্ছাকৃত গর্ভধারণ প্রতিরোধ করা। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দর, পর্যটন এলাকা, বার, রেস্তোরাঁ এবং ফ্যান জোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক বুথ ও তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। এসব স্থানে কনডমের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধু সামগ্রী বিতরণ নয়, সঠিক তথ্য ও সচেতনতা না থাকলে এই ধরনের উদ্যোগ কার্যকর হয় না। তাই জনসচেতনতা বৃদ্ধিকে কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন দেশে এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, অলিম্পিকে অ্যাথলেটদের জন্য নির্দিষ্ট ভিলেজ থাকায় সেখানে এ ধরনের বিতরণ সহজ হয়। তবে বিশ্বকাপে আলাদা প্লেয়ার ভিলেজ না থাকায় মেক্সিকোর এই উদ্যোগ মূলত দর্শক ও পর্যটকদের লক্ষ্য করেই পরিচালিত হবে। এদিকে আয়োজক যুক্তরাষ্ট্রের শহরগুলো থেকে এ ধরনের কোনো উদ্যোগের ঘোষণা এখনো আসেনি।
ইউরোপীয় ইউনিয়নে চলতি বছরের প্রথম পাঁচ মাসে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড সংস্থা ফ্রন্টেক্স। শুক্রবার (১২ জুন) প্রকাশিত সংস্থাটির প্রাথমিক তথ্যে দেখা যায়, এ সময়ে প্রায় ৩৯ হাজার অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা নথিভুক্ত হয়েছে। ফ্রন্টেক্সের মতে, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা এবং অভিবাসীদের উৎসদেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ফলে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট’ নামে নতুন একটি নীতিমালা কার্যকর করেছে। এর আওতায় ইইউ সীমান্তজুড়ে অভিবাসীদের জন্য একক ও মানসম্মত যাচাই-বাছাই পদ্ধতি চালু করা হয়েছে। এতে সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন নীতির প্রয়োগ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালক হান্স লেইটেনস বলেন, নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে ইইউ সীমান্তে আগত সবার ক্ষেত্রেই একই মানদণ্ড অনুসরণ করা হবে। এতে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। তবে সামগ্রিকভাবে সংখ্যা কমলেও কিছু রুটে এখনো অভিবাসন প্রবাহ বেশি রয়েছে। বিশেষ করে মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় পথ এখনো সবচেয়ে ব্যস্ত। অন্যদিকে আফ্রিকান রুটে অনিয়মিত পারাপার সবচেয়ে বেশি কমেছে—এই পথে চলাচল ৭১ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। বিপরীতে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসন বেড়েছে, যা শতাংশের হিসেবে প্রায় ৪৬ ভাগ বৃদ্ধি পেয়েছে। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্যের বরাতে ফ্রন্টেক্স জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ অভিবাসীর মৃত্যু হয়েছে। ফলে অবৈধ অভিবাসন কমলেও সমুদ্রপথের ঝুঁকি এখনো উদ্বেগজনক রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের কঠোর সীমান্তনীতি, উৎসদেশে সচেতনতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির কারণে এই পরিবর্তন দেখা গেলেও, অভিবাসন সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বরং বিভিন্ন রুটে প্রবণতার এই পরিবর্তন ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। ভুয়া টিকিট বিক্রি, জাল ভ্রমণ প্যাকেজ, ফিশিং ই-মেইল, নকল পণ্য বিক্রি এবং ভুয়া লাইভ স্ট্রিমিং সেবার মাধ্যমে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক স্টেট ডিভিশন অব কনজ্যুমার প্রোটেকশন জানায়, বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতারণার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সংস্থাটির মতে, বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোতে সীমিত টিকিট, উচ্চ চাহিদা এবং আবেগপ্রবণ পরিবেশকে কাজে লাগিয়ে প্রতারকেরা বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করে। কর্তৃপক্ষ বলছে, প্রতারকেরা নিজেদেরকে কখনো টুর্নামেন্ট আয়োজক, কখনো টিকিট বিক্রেতা বা ট্রাভেল এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ই-মেইল, টেক্সট বার্তা বা ফোন কলের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করছে। এসব বার্তায় আকর্ষণীয় টিকিট অফার, কম দামের ভ্রমণ প্যাকেজ, বিনামূল্যে পুরস্কার জেতার সুযোগ কিংবা বিশেষ স্ট্রিমিং লিংকের কথা উল্লেখ করা হচ্ছে। উদ্দেশ্য থাকে ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়া। নিউইয়র্ক স্টেটের সেক্রেটারি ওয়াল্টার টি মসলি বলেন, বিশ্বকাপ শুরু হলে লাখো মানুষ আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত থাকবেন। তবে একই সময়ে প্রতারক চক্রও সক্রিয় থাকবে। তাই দর্শকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং শুধু যাচাই করা উৎস থেকেই টিকিট ও সেবা গ্রহণ করা উচিত। বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টে প্রতারণার ধরন প্রায় একই থাকে। এর মধ্যে রয়েছে ভুয়া টিকিট বিক্রি, জাল রিসেল প্ল্যাটফর্ম, ফিশিং ই-মেইল ও টেক্সট, ভুয়া হোটেল বুকিং, নকল পণ্য বিক্রির ওয়েবসাইট এবং ভুয়া লাইভ স্ট্রিমিং সেবা। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয়। কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, অচেনা লিংকে ক্লিক না করা, সন্দেহজনক সংযুক্তি ডাউনলোড না করা এবং ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার না করা উচিত। টিকিট কেনার ক্ষেত্রে শুধুমাত্র অফিশিয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া ওয়েবসাইট অনেক সময় আসল সাইটের মতো দেখতে হলেও ডোমেইন বা বানানে সূক্ষ্ম পার্থক্য থাকে, যা খেয়াল করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতারণা বাড়ছে বলে জানানো হয়েছে। সেখানে ভুয়া বিক্রেতারা স্ক্রিনশট, বারকোড বা কনফার্মেশন ই-মেইল দেখিয়ে ক্রেতাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, অফিশিয়াল প্ল্যাটফর্মের বাইরে টাকা পাঠানোর অনুরোধ প্রায় নিশ্চিতভাবেই প্রতারণার ইঙ্গিত বহন করে। টিকিট পুনর্বিক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অনুমোদিত রিসেল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথা থেকে টিকিট কিনলে ঝুঁকি বেশি থাকে। বিক্রেতার পরিচয়, লাইসেন্স, রিভিউ এবং যোগাযোগের তথ্য যাচাই করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ চলাকালে আবাসন ও পরিবহনের চাহিদা বৃদ্ধি পাবে। বিশেষ করে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় দর্শনার্থীর চাপ থাকবে বেশি। এই সুযোগে ভুয়া হোটেল বুকিং ও কম দামের ভ্রমণ প্যাকেজের নামে প্রতারণার ঘটনা ঘটতে পারে। একইভাবে এনজে ট্রানজিটের নাম ব্যবহার করেও জাল পরিবহন টিকিট বিক্রির আশঙ্কার কথা জানানো হয়েছে। অর্থ প্রদানের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহারে তুলনামূলক সুরক্ষা পাওয়া যায়, কারণ অনেক ক্ষেত্রে প্রতারণা হলে চার্জ ব্যাকের মাধ্যমে অর্থ ফেরত পাওয়া সম্ভব। অন্যদিকে ক্যাশ, গিফট কার্ড বা অচেনা পেমেন্ট অ্যাপের মাধ্যমে লেনদেন করলে অর্থ ফেরত পাওয়ার সুযোগ সীমিত। ভোক্তাদের সহায়তায় নিউইয়র্ক স্টেট ডিভিশন অব কনজ্যুমার প্রোটেকশন একটি হেল্পলাইন চালু রেখেছে, যেখানে ভোক্তারা সহায়তা নিতে পারেন।
হরমুজ প্রণালীর ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের জবাবদিহি দাবি করেছে তেহরান। শুক্রবার (১২ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলা এবং তাতে ভারতীয় নাগরিকদের মৃত্যু ‘সশস্ত্র ডাকাতি ও রাষ্ট্রীয় জলদস্যুতার’ নীতিরই বহিঃপ্রকাশ। নিহতদের পরিবার, স্বজন, ভারতের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। বাঘায়েই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এমন বেপরোয়া পদক্ষেপ বিশ্বব্যাপী শান্তি ও সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তার মতে, আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা এখন গুরুতর হুমকির মধ্যে রয়েছে। ঘটনার সূত্রপাত গত ১০ জুন। ওইদিন হরমুজ প্রণালীর ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিনকক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা যায়। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক। হামলার পরপরই তিন ভারতীয় নাবিক নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের জাহাজ চলাচলমন্ত্রী নিশ্চিত করেন, নিখোঁজ ওই তিনজনই নিহত হয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বা হামলার ঘটনা বৈশ্বিক বাজার ও নিরাপত্তা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলে। ঘটনাটি নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানের কড়া অবস্থানের পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: ফার্স্টপোস্ট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো “বাংলাদেশ ফেস্টিভ্যাল”। গত ৭ জুন দক্ষিণ জামাইকার আর্চি স্প্রিগনার পার্কের বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব প্রবাসে খোলা মাঠে বাংলাদেশি সংস্কৃতি ও মিলনমেলার এক অনন্য পরিবেশ তৈরি করে। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মেলা, উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের ইতিহাস দীর্ঘ হলেও অধিকাংশ আয়োজন ইনডোর ভেন্যু বা শহরের কংক্রিটঘেরা পরিবেশে সীমাবদ্ধ ছিল। সেই বাস্তবতায় সবুজ মাঠে আয়োজিত এই ফেস্টিভ্যাল প্রবাসে এক টুকরো বাংলাদেশের খোলা মাঠের অনুভূতি ফিরিয়ে আনে। আয়োজক সংগঠন পালস এবং এর মূল কর্ণধার সৈয়দ হাসান আল বান্না’র উদ্যোগে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উৎসব গ্রুপের রায়হান জামান। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল উৎসব গ্রুপ, হিলসাইড হোন্ডা এবং সিলেক্ট ডিলার সার্ভিস। পাওয়ার্ড বাই হিসেবে ছিল আশা হোম কেয়ার এবং গোল্ডেন এজ হোম কেয়ার। বিকেল ৪টায় ফিতা কেটে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন উৎসব গ্রুপের প্রধান রায়হান জামান এবং আশা গ্রুপের প্রধান আকাশ রহমান। তবে দুপুর থেকেই পার্কে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বিকেলের আলো নামার সঙ্গে সঙ্গে পুরো মাঠজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। সবুজ ঘাসে ঘেরা বিস্তীর্ণ প্রাঙ্গণে কেউ পরিবার নিয়ে বসেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। শিশুরা মাঠজুড়ে দৌড়ঝাঁপ করে সময় কাটায়। দূর থেকে ভেসে আসা সংগীতের সুর, হাতে ঝালমুড়ি ও চায়ের কাপ মিলিয়ে পরিবেশটি রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। আয়োজনে অনেকের কাছে মুহূর্তের জন্য মনে হয়েছে, নিউইয়র্ক নয়, যেন বাংলাদেশের কোনো বৈশাখী মেলা। মাঠের একপাশে স্থাপন করা হয় মূল মঞ্চ। পাশাপাশি তিন পাশে সারিবদ্ধভাবে ছিল ৭০টিরও বেশি স্টল। পোশাক, গহনা, খাবার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনীসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মূল মঞ্চে টানা ছয় ঘণ্টা সাংস্কৃতিক পরিবেশনা চলে। এতে ব্যান্ড সংগীত, ফ্যাশন ওয়াক এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়। অংশ নেন কামরুজ্জামান বকুল, সুজন আরিফ, তৃণীয়া হাসান, রেশমী মির্জা, নাজু আখন্দ, প্রতীক হাসান, পারভেজ সাজ্জাদ এবং ব্যান্ড ইওগ। ফ্যাশন ওয়াকের পরিকল্পনায় ছিলেন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি। আয়োজনে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক ও কমিউনিটি নেতারা। তাদের মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সৈয়দ, নিউইয়র্ক স্টেট সিনেটর লিরয় কমরি, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান অ্যালিসিয়া এল. হাইন্ডম্যান, কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাবের চেয়ারম্যান মিজান চৌধুরী, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী এবং মেয়র অফিসের ডেপুটি চিফ বিজনেস ডাইভারসিটি অফিসার ও সিনিয়র অ্যাডভাইজার দিলীপ চৌহানসহ অনেকে। প্রতি ঘণ্টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় উৎসব গ্রুপের উদ্যোগে। গ্র্যান্ড র্যাফেল ড্রতে ঢাকা-নিউইয়র্ক-ঢাকা বিমান টিকিট পুরস্কার হিসেবে প্রদান করা হয়, যা পান তানিয়া রহমান। পুরো আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিল পেশাদারিত্বের ছাপ। ডিজে রাহাতের ইভেন্ট পরিকল্পনায় অনুষ্ঠানটি ছিল সুসংগঠিত ও গতিশীল। উপস্থাপক সাদিয়া খন্দকার তার সাবলীল উপস্থাপনায় পুরো অনুষ্ঠানকে প্রাণবন্তভাবে পরিচালনা করেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইয়ংকার্স শহরে একটি স্কুলে শ্বাসরোধ হয়ে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জের সঙ্গে জড়িত কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জ্যাকব মেদিনা। তিনি সোনিয়া সোটোমায়র কমিউনিটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। বুধবার সকালে ক্লাসে যাওয়ার পথে স্কুলের করিডরে তিনি শ্বাসরোধে আক্রান্ত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একটি ডোনাট খাওয়ার সময় শ্বাসরোধে আক্রান্ত হন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় একজন প্রাপ্তবয়স্ক তার পাশেই ছিলেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আরও কয়েকজন এসে জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইয়ংকার্স পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট আনিবাল সোলার জুনিয়র জানান, তারা তাৎক্ষণিকভাবে জীবনরক্ষাকারী সব ধরনের চেষ্টা চালিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ান বাইট’ চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ট্রেন্ডে ব্যবহারকারীরা একবারে বেশি পরিমাণ খাবার খাওয়ার চেষ্টা করেন। ইয়ংকার্স পুলিশের কমিশনার ক্রিস্টোফার সাপিয়েঞ্জা বলেন, “টিকটক চ্যালেঞ্জ বা সাক্ষীদের বক্তব্য—সবকিছুই আমরা তদন্ত করছি।” তবে স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কোনো অনলাইন চ্যালেঞ্জ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তদন্তকারীরা জ্যাকবের স্বাস্থ্য ইতিহাস এবং তার কোনো অ্যালার্জি ছিল কি না, তাও যাচাই করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে তহবিল সংগ্রহের অংশ হিসেবে তিনি হয়তো ওই ডোনাটটি কিনেছিলেন। ঘটনার পর স্কুল ভবনের সামনে পরিবারের সদস্যরা ফুল ও মোমবাতি রেখে শ্রদ্ধা জানান। শিক্ষক ও সহপাঠীরা তাকে প্রাণবন্ত, আনন্দময় এবং সবার প্রিয় একজন শিক্ষার্থী হিসেবে স্মরণ করেছেন। স্কুল সুপারিনটেনডেন্ট বলেন, “সে ছিল স্কুলের উজ্জ্বল একটি আলো। সবাই তাকে ভালোবাসত।”
কানাডার টরন্টো স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসরে বলিউড তারকা নোরা ফাতেহির পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার স্বাগতিক ম্যাচের আগে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে মঞ্চে উঠবেন নোরা ফাতেহি। তার সঙ্গে থাকবেন ফরাসি গায়ক ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশি-আমেরিকান মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয়। নোরার নতুন ফিফা অফিশিয়াল গান ‘সির সির’ মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ২ কোটি (২০ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে। এই সাফল্যের মাধ্যমে তিনি ফিফার পূর্ববর্তী কিছু থিম সংয়ের ভিউ রেকর্ড ছাড়িয়ে গেছেন বলেও জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই গানের ভিউয়ের তুলনায় শাকিরার এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ প্রথম ২৪ ঘণ্টায় ৮.২ মিলিয়ন ভিউ পেয়েছিল। সেই হিসেবে ‘সির সির’ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নোরা ফাতেহি। তিনি বলেন, এটি তার জন্য একটি বিশেষ মুহূর্ত। তিনি আরও বলেন, এই প্রজেক্টের মাধ্যমে তিনি মরক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত, দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাকে একত্রিত করতে পেরেছেন। তার ভাষায়, এটি সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমকে যুক্ত করার একটি প্রয়াস। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আয়োজন ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীর অংশগ্রহণ বিশ্বকাপের উদ্বোধনী আসরকে আরও বর্ণিল করবে বলে আয়োজকরা আশা করছেন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার সময়সূচি পরিবর্তন করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বঘোষিত সময়ের পরিবর্তে জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম দিকের মধ্যে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে। তেহরানের মেয়র আলিরেজা জাকানি ১১ জুন (বৃহস্পতিবার) জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম দিকে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ধর্মীয় ও শোকানুষ্ঠান-সংক্রান্ত বিষয় বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতেই তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন ও শেষকৃত্য আয়োজনের পরিকল্পনা জানিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সে প্রকাশিত বিবৃতিতে আলিরেজা জাকানি বলেন, শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়টি বিবেচনায় রেখেই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, খামেনির রাষ্ট্রীয় জানাজা ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে যেকোনো এক সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছিল, জানাজা অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে তারা আশা করছে। উল্লেখ্য, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। প্রায় সাড়ে তিন দশক দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রস্তাবিত এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে কোনো টোল ছাড়াই খুলে দেওয়া এবং চুক্তির শর্ত বাস্তবায়নের ভিত্তিতে ইরানের ওপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যার আওতায় লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর কথা বলা হয়েছে। খসড়া অনুযায়ী, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে একটি কাঠামোগত সমাধানের বিষয় রাখা হলেও চূড়ান্ত নিষ্পত্তি পরবর্তী একটি বিস্তারিত চুক্তির মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির খসড়া পাঠে নীতিগতভাবে একমত হয়েছে। তবে উভয় পক্ষের চূড়ান্ত অনুমোদন এখনো বাকি রয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ইরানের উচ্চপর্যায়ে সমঝোতা অনুমোদন পেলেও দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চূড়ান্ত সম্মতি দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করছেন সপ্তাহান্তের মধ্যেই একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সূত্রগুলো বলছে, গত দুই মাসে একাধিকবার আলোচনার অগ্রগতি হলেও শেষ মুহূর্তে তা ভেঙে গেছে। এবার মধ্যস্থতাকারীরা বিষয়টিকে তুলনামূলকভাবে এগিয়ে থাকা অবস্থায় রয়েছে বলে মনে করছেন। এদিকে চারটি মার্কিন সি-১৭ পরিবহন বিমান ইউরোপের উদ্দেশে যাত্রা করেছে বলে জানা গেছে। সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে এসব সরঞ্জাম পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্র অনুযায়ী, বুধবার রাতে দীর্ঘ আলোচনার পর প্রাথমিক সমঝোতা অর্জিত হয়। আলোচনায় কাতারের মধ্যস্থতাকারী আলী আল-থাওয়াদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সময়ে তেহরানে অবস্থানরত পক্ষগুলোর সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ফোনালাপেও অগ্রগতি হয় বলে জানা গেছে। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু সমাধানে কাজ করবে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের পরিদর্শকদের তত্ত্বাবধানে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে কম সমৃদ্ধ পর্যায়ে নামিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। খসড়ায় হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রাখা হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রণালিটি খুলে দেওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি আলোচনায় রয়েছে, যাতে ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারে। চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী ধাপে নিষেধাজ্ঞা আরও শিথিল করার সুযোগ রাখা হয়েছে। তবে বিদেশে আটকে থাকা ইরানের বিপুল অর্থ ছাড়ের বিষয়টি এখনো অনিশ্চিত রয়েছে। ইরান চুক্তির শুরুতেই কিছু অর্থ ছাড়ের দাবি জানালেও যুক্তরাষ্ট্র ধাপে ধাপে বাস্তবায়নভিত্তিক অর্থ মুক্তির অবস্থানে রয়েছে। এ নিয়ে গোপন পার্শ্বচুক্তির সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে কিছু সূত্র জানিয়েছে। এছাড়া কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ‘ইসলামাবাদ চুক্তি’ নামে একটি মানবিক অর্থ ব্যবহারের কাঠামো নিয়েও আলোচনা হয়েছে, যার মাধ্যমে আটকে থাকা অর্থ মানবিক পণ্য কেনায় ব্যবহার করা হতে পারে। তবে এটি কার্যকর হবে কেবল আনুষ্ঠানিক স্বাক্ষরের পর।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) মাধ্যমে রেকর্ড ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হিসেবে বিবেচিত এই প্রক্রিয়ার পর কোম্পানির মূল্যায়ন এবং মাস্কের সম্পদ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস–এ শেয়ার বিক্রি করে এই অর্থ সংগ্রহ করে। এতে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৭৭ ট্রিলিয়ন ডলার। তথ্য অনুযায়ী, “এসপিসিএক্স” প্রতীকে নাসডাকে লেনদেন শুরু হলে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আইপিও–সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্তির পর ইলন মাস্কের কাছে প্রায় ৮৪ কোটি ৯৫ লাখ ক্লাস–এ শেয়ার এবং ৫৫৭ কোটি ক্লাস–বি শেয়ার থাকবে। এর মাধ্যমে তিনি কোম্পানির মোট ভোটিং ক্ষমতার ৮৪.৪ শতাংশ নিয়ন্ত্রণ করবেন। আইপিও মূল্যের ভিত্তিতে কাগজে–কলমে স্পেসএক্সে মাস্কের শেয়ারহোল্ডিংয়ের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৬৬.৫ বিলিয়ন ডলার। এই হিসাবকে কেন্দ্র করেই তাকে ঘিরে “ট্রিলিয়নিয়ার” মর্যাদা অর্জনের আলোচনা সামনে এসেছে, যদিও তা নির্ভর করছে সম্পদ মূল্যায়নের নির্দিষ্ট কাঠামোর ওপর।
২০২৬ ফুটবল বিশ্বকাপের মাত্র দ্বিতীয় ম্যাচেই গ্যালারিতে হাজার হাজার আসন ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে, যা টুর্নামেন্টের টিকিটের দাম নিয়ে ফিফার বিরুদ্ধে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে। মেক্সিকোর গুয়াদালাহারায় ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়া ২–১ গোলে চেক প্রজাতন্ত্রকে হারায়। তবে এস্তাদিও আকরন স্টেডিয়ামে ম্যাচ চলাকালে উল্লেখযোগ্য সংখ্যক লাল আসন ফাঁকা দেখা যায়, যা দর্শক উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগে টিকিটের “ডায়নামিক প্রাইসিং” বা পরিবর্তনশীল মূল্যনীতির পক্ষে অবস্থান ব্যাখ্যা করেছিলেন। তবে মাঠে দর্শক উপস্থিতির এই চিত্র সেই নীতিকে ঘিরে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১০৪টি ম্যাচের মধ্যে কয়েকটির টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেয় ফিফা। একই সময়ে ফিফার অফিশিয়াল রিসেল পোর্টালে প্রায় ১ লাখ ৮০ হাজার টিকিট অবিক্রীত ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা দাবি করেছিল, টিকিটের জন্য ৫০০ মিলিয়নেরও বেশি বুকিং অনুরোধ এসেছে। তবে বাস্তবে উচ্চমূল্যের কারণে অনেক দর্শক মাঠে গিয়ে খেলা দেখা থেকে বিরত থাকছেন বলে অভিযোগ উঠছে। বিশেষ করে ফাইনালসহ কিছু ম্যাচের টিকিটের দাম কয়েক হাজার ডলারে পৌঁছেছে, যা সাধারণ দর্শকদের জন্য নাগালের বাইরে চলে গেছে বলে সমালোচকদের দাবি। এই প্রাইসিং নীতি নিয়ে অনলাইনে টিকিট ক্রয়ের সময় দীর্ঘ অপেক্ষা, স্বচ্ছতার ঘাটতি এবং চূড়ান্ত দামের অস্পষ্টতা নিয়ে ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নিউইয়র্ক ও নিউ জার্সির রাজনীতিকরা আনুষ্ঠানিক তদন্তও শুরু করেছেন। তবে খালি আসন থাকা সত্ত্বেও ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে স্টেডিয়ামের পরিবেশ প্রাণবন্ত ছিল। ম্যাচে লাদিস্লাভ ক্রেজসি চেক প্রজাতন্ত্রকে এগিয়ে নিলেও হোয়াং ইন-বমের সমতা ফেরানো গোল এবং ওহ হিয়ন-গিউয়ের জয়সূচক গোলে দক্ষিণ কোরিয়া জয় নিশ্চিত করে।
রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন থেকে নিরাপত্তার কারণে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া শত শত শিশুর ভবিষ্যৎ ঘিরে নতুন করে কূটনৈতিক ও আইনি জটিলতা তৈরি হয়েছে। কিয়েভ সরকার বলছে, আদালতের সিদ্ধান্ত ও দত্তক প্রক্রিয়ার কারণে এসব শিশুদের দেশে ফেরানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা শিশু এবং এতিমসহ প্রায় ৪ হাজার ৮০০ শিশুকে বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ইতালি ও ইউরোপের কয়েকটি দেশে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে অন্তত কয়েক ডজন শিশুর ইউক্রেনে প্রত্যাবর্তন ইতালির আদালতের রায়ের কারণে আটকে আছে বলে দাবি কিয়েভের। এর মধ্যে কিছু শিশু ইতালিতে দত্তক প্রক্রিয়ার আওতায় চলে গেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে এপ্রিল মাসে, যখন ইউক্রেন জানায় ১৫ বছর বয়সী এক কিশোর ‘সাশা’কে ইতালির একটি পরিবার আইনগতভাবে দত্তক নিয়েছে। ইউক্রেনের দাবি, ওই কিশোরের মা এখনও তাকে দেশে ফিরিয়ে নিতে চান। ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ধীরে ধীরে কিছু এলাকায় নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে এবং শিশুদের দেশে ফেরানোর সুযোগ তৈরি হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, বিদেশে থাকা শিশুদের স্থায়ীভাবে অন্য দেশে থেকে যাওয়ার ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ। ইউক্রেনের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দিমিত্রো লুবিনেতস অভিযোগ করেছেন, ইতালীয় কর্তৃপক্ষ এ বিষয়ে সহযোগিতা করছে না এবং শিশুদের পরিস্থিতি পর্যবেক্ষণে ইউক্রেনকে বাধা দেওয়া হচ্ছে। তার মতে, এটি শিশুদের দীর্ঘমেয়াদি স্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি করছে। অন্যদিকে ইতালি বলছে, দেশটির বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে এবং আদালতের সিদ্ধান্তে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। ইতালির আইন অনুযায়ী, অভিভাবকহীন নাবালকদের সুরক্ষায় কঠোর বিধান রয়েছে, যার ফলে আদালতের অনুমতি ছাড়া তাদের ফেরত পাঠানো সম্ভব নয়। ইতালিতে আশ্রয় পাওয়া শিশুদের অনেককে শুরুতে যুদ্ধ পরিস্থিতি থেকে সুরক্ষার জন্য নেওয়া হয়েছিল বলে জানা যায়। পরবর্তী সময়ে তাদের জন্য নতুন আইনি অভিভাবক নিয়োগ করা হয় এবং অনেক ক্ষেত্রে ইউক্রেনীয় তত্ত্বাবধানের পরিবর্তে ইতালীয় তত্ত্বাবধান কার্যকর হয়। কয়েকটি ঘটনায় দেখা গেছে, কিছু শিশু ধীরে ধীরে জন্মভূমির ভাষা ও পরিচয় থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ ইতালিকেন্দ্রিক হয়ে উঠছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলে শিশুদের স্থায়ীভাবে দেশে ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে, যা যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য জনমিতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে কিছু ইতালীয় অভিভাবক পরিবার বলছে, তারা শিশুদের নিরাপদ জীবন ও শিক্ষা নিশ্চিত করছে এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের ফেরত না নেওয়াই যুক্তিযুক্ত। বর্তমানে ইতালির বিভিন্ন অঞ্চলে থাকা ইউক্রেনীয় শিশুদের ভবিষ্যৎ নিয়ে আদালতভিত্তিক একাধিক মামলা চলমান রয়েছে, যা দুই দেশের মধ্যে মানবাধিকার ও অভিভাবকত্ব ইস্যুতে নতুন বিতর্ক তৈরি করেছে।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় দেন। আদালত রায়ে বলেন, ২০২৪ সালের অক্টোবরে পিয়ংইয়ংয়ের আকাশসীমায় ড্রোন পাঠানোর ঘটনায় ইউন শুরু থেকেই জড়িত ছিলেন। আদালত তাকে ক্ষমতার অপব্যবহার এবং শত্রুপক্ষকে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তদন্তকারীদের অভিযোগ, ওই ড্রোন অভিযান ছিল ২০২৪ সালের ডিসেম্বরে ইউনের ব্যর্থ সামরিক আইন জারির পরিকল্পনার পক্ষে একটি অজুহাত তৈরির অংশ। তবে ইউন সুক ইওল সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা দাবি করেছেন, তিনি কখনো এ ধরনের অভিযান পরিচালনার নির্দেশ দেননি কিংবা পরে এর অনুমোদনও দেননি। তাদের বক্তব্য, উত্তর কোরিয়া কয়েক মাস ধরে সীমান্তের ওপারে আবর্জনাভর্তি বেলুন পাঠানোর প্রতিক্রিয়া হিসেবেই ওই অভিযান পরিচালিত হয়েছিল এবং এর সঙ্গে সামরিক আইন জারির কোনো সম্পর্ক ছিল না। এর আগে গত এপ্রিল মাসে ইউনের বিরুদ্ধে ৩০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। সাবেক এই রক্ষণশীল নেতা একসময় দক্ষিণ কোরিয়ার প্রধান প্রসিকিউটর ছিলেন। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির প্রচেষ্টা দেশটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে ঠেলে দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি মামলায় সামরিক আইন জারির চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত বছর সাংবিধানিক আদালত তার অভিশংসন বহাল রাখলে তিনি প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন। এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন উদারপন্থী নেতা লি জে মিয়ং। বর্তমানে ইউন সুক ইওল কারাগারে রয়েছেন। তবে শুক্রবারের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ তার রয়েছে।
ভারতের অভ্যন্তরে শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য খুচরা পেট্রোল পাম্প থেকে সরাসরি পেট্রোল ও ডিজেল কেনার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। এখন থেকে সমস্ত বেসরকারি ও প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রয়োজনীয় জ্বালানি পাম্পের পরিবর্তে নির্ধারিত সরকারি পাইকারি বিক্রয়কেন্দ্র বা বাল্ক সাপ্লাইয়ারদের কাছ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের জারি করা এক জরুরি প্রজ্ঞাপন ও আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (১২ জুন) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের জারি করা এই নতুন নিষেধাজ্ঞা আগামী ৯০ দিন পর্যন্ত পুরো দেশজুড়ে কার্যকর থাকবে। মূলত সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যের খুচরা বাজার ও পাম্পগুলোতে ডিজেলের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত চাহিদা বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় কেন্দ্রীয় প্রশাসন দ্রুত এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারতে সাধারণত বাল্ক বা প্রাতিষ্ঠানিক বড় ব্যবহারকারীদের আন্তর্জাতিক বাজারদরের সাথে মিল রেখে অতিরিক্ত দামে ডিজেল কিনতে হয়। কিন্তু দেশটির সাধারণ ব্যবহারকারী বা সাধারণ যানবাহন চালকেরা সরকারের ভর্তুকির কারণে খুবই অল্প দামে পাম্প থেকে ডিজেল কিনতে পারেন। মূল্যের এই বিশাল ব্যবধানের সুযোগ নিয়ে বড় বড় বাল্ক ব্যবহারকারীরা পাইকারি বাজার বাদ দিয়ে সাধারণ পেট্রোল পাম্প থেকে কম দামে দেদারসে জ্বালানি নিতে শুরু করেছিলেন। দেশটিতে বর্তমানে সাধারণ পেট্রোল পাম্পে ডিজেলের খুচরা দাম লিটারপ্রতি ৯৫ দশমিক ২০ রুপি হলেও বাল্ক বা পাইকারি বিক্রয়ে এর প্রকৃত দাম ১৩৪ দশমিক ৫০ রুপি। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়ে যায়। এরপর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো সাধারণ ভোক্তাদের অর্থনৈতিক সুরক্ষা দিতে খুচরা বাজারে তেলের দাম কৃত্রিমভাবে নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু টেলিকম টাওয়ার, বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান এবং অন্যান্য বাণিজ্যিক কারখানার ব্যবহারকারীদের সবসময় প্রকৃত উৎপাদন বা বাজারদর অনুসারেই জ্বালানি কিনতে হয়। ফলে খুচরা পাম্পের নির্ধারিত দাম বর্তমানে তেল কোম্পানিগুলোর প্রকৃত উৎপাদন খরচের তুলনায় অনেক কম রয়েছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১১ জুন) ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় বিশেষ 'মোটর স্পিরিট ও হাই-স্পিড ডিজেল আদেশ' জারি করেছে। এতে সমস্ত খুচরা জ্বালানি বিক্রেতা ও তেল বিপণন কোম্পানিগুলোকে পেট্রোল পাম্পের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বাল্ক ক্রয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯০ দিন এই রাষ্ট্রীয় নির্দেশনা বলবৎ থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই আদেশের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন এই সরকারি আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন থেকে কেবল নিয়মিত যানবাহনের ফুয়েল ট্যাংক এবং সরকার কর্তৃক বিশেষভাবে অনুমোদিত পাত্রেই পাম্প থেকে ডিজেল বিক্রি করা যাবে। পাশাপাশি কোনো একক সাধারণ গ্রাহক দৈনিক সর্বোচ্চ ২০০ লিটারের বেশি জ্বালানি তেল পাম্প থেকে নিতে পারবেন না। এ ছাড়া মজুতদারি, কালোবাজারি, অবৈধ জ্বালানি সংগ্রহ এবং সরবরাহের যেকোনো অপব্যবহারের বিরুদ্ধে রাজ্য সরকারগুলোকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সামরিক ও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন বিমানবাহিনীর অত্যন্ত শক্তিশালী চারটি সি-১৭ পরিবহন বিমান ইতিমধ্যেই ইউরোপের উদ্দেশে ওয়াশিংটন থেকে রওনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আসন্ন জেনেভা সফরে প্রয়োজন হতে পারে এমন সব গুরুত্বপূর্ণ লজিস্টিক সরঞ্জাম পরিবহন করছে এই বিশালাকার বিমানগুলো। শুক্রবার (১২ জুন) মার্কিন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এক্সিওসের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের মধ্যে চলমান দীর্ঘ আলোচনার মাধ্যমে চুক্তির খসড়াটি সম্পূর্ণ চূড়ান্ত হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইউরোপের মাটিতে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। আর এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে সামনে রেখেই মার্কিন সামরিক ফ্লাইটগুলো জরুরি ভিত্তিতে পরিচালনা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ ইতিমধ্যে একটি সুন্দর সমঝোতায় পৌঁছেছে। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছিলেন যে, চলতি সপ্তাহের শেষের দিকেই দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুসারে বর্তমানে দুই দেশের মাঝে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করা হবে। একই সঙ্গে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করার পথ তৈরি হবে। চুক্তির প্রাথমিক খসড়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণ খুলে দেওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। নতুন এই সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া হবে না। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ওই অঞ্চলের সমস্ত নৌপরিবহন কার্যক্রম যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ইরানের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা অগ্রগতি হচ্ছে—তার ওপর ভিত্তি করেই ধাপে ধাপে দেশটির ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এর মধ্যে ইরানের বিশ্ববাজারে তেল রপ্তানির ব্যাপারে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী বড় ছাড়ও দেওয়া হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন চুক্তি নিয়ে চরম আশাবাদ ব্যক্ত করলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এই চুক্তি নিয়ে তেহরান এখনও কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দাবি করছে, চুক্তিটি এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ঝুলে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমান মোতায়েন এবং ইরানের এমন বিপরীতমুখী মন্তব্যের কারণে বহুল প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক চুক্তিটি আসলেই চলতি সপ্তাহে স্বাক্ষর হবে কিনা, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর ধোঁয়াশা তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডে ওয়ার্কিং হলিডে ভিসায় যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই মার্কিন তরুণী এরিন ক্ল্যাট বুঝতে পেরেছিলেন, তিনি এই দেশটিকে নিজের স্থায়ী আবাস বানাতে চান। ২০১৬ সালে ব্যক্তিগত ও রাজনৈতিক নানা কারণে নিজের মাতৃভূমি যুক্তরাষ্ট্র ছাড়ার সময় তিনি মূলত পৃথিবীর অন্য কোথাও শান্তিতে থাকার খোঁজ করছিলেন। ক্ল্যাট বলেন, নিউজিল্যান্ডে আসার পর তার জীবনের সবকিছু যেন খুব চমৎকারভাবে মিলিয়ে গেল। এক দশক পর, ৩৪ বছর বয়সে এসে তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজের সব সম্পর্ক ছিন্ন করেন। চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকত্ব ত্যাগের সরকারি ফি প্রায় ৮০ শতাংশ কমানোর আগেই তিনি ২,৩৫০ মার্কিন ডলার পরিশোধ করে মার্কিন নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত শপথ পাঠ করেন। আমেরিকার উইসকনসিনে দুগ্ধ খামারে দীর্ঘ কাজের অভিজ্ঞতা থাকায় নিউজিল্যান্ডেও দ্রুত একই ধরনের কাজ পেয়ে যান তিনি। সেই কাজের সুবাদে পাওয়া ‘এসেনশিয়াল স্কিলস’ ভিসা তাকে দেশটিতে দীর্ঘদিন থাকার আইনি সুযোগ করে দেয়। ওই দুগ্ধ খামারেই তার পরিচয় হয় এক ইংরেজ যুবকের সঙ্গে, যিনি তখন নিউজিল্যান্ডে বসবাস ও কাজ করছিলেন। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২৫ সালের মে মাসে তারা দুজন একসঙ্গে নিউজিল্যান্ডের নাগরিকত্ব অর্জন করেন। তখনই ক্ল্যাট সিদ্ধান্ত নেন যে এবার মার্কিন নাগরিকত্ব পুরোপুরি ছেড়ে দেওয়ার উপযুক্ত সময় এসেছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তিনি কখনোই খুব বেশি দেশপ্রেমিক বা আবেগগতভাবে যুক্ত অনুভব করেননি। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক পথে এগিয়েছে, তা নিয়েও তিনি দীর্ঘদিন ধরে ভীষণ হতাশ ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জটিল জাতীয় রাজনীতি এবং বিদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের ওপর দেশটির সরকারের অতিরিক্ত করের বোঝা—এই দুই বিষয় মিলিয়ে নাগরিকত্ব ত্যাগ করাটাই তার কাছে সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত মনে হয়েছে। তবে মার্কিন নাগরিকত্ব ত্যাগকারীর সঠিক সংখ্যা নির্ধারণ করা সহজ নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, তারা নাগরিকত্ব ত্যাগকারীদের সঠিক সংখ্যা কখনো প্রকাশ করে না। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় প্রতি তিন মাসে একবার এ-সংক্রান্ত আইআরএস প্রতিবেদন প্রকাশ করে। বিদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সহায়তাকারী বিশেষ প্রতিষ্ঠান আমেরিকেন্স ওভারসিসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে আইআরএসের তালিকায় ৪,৮৮৯ জন মার্কিন নাগরিকের নাম রয়েছে। ২০২০ সালের পর এটিই সর্বোচ্চ সংখ্যা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর মার্কিন নাগরিকত্ব ত্যাগের সামগ্রিক হার প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। ২০২৬ সালের জানুয়ারির শেষে ক্ল্যাট নিউজিল্যান্ডের অকল্যান্ডে মার্কিন কনস্যুলেটে সরাসরি সাক্ষাতের সময় পান এবং মার্চে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব ত্যাগ করেন। তখনো এই প্রক্রিয়া চালুর সরকারি ফি ছিল ২,৩৫০ ডলার, যা বর্তমানে কমিয়ে ৪৫০ ডলার করা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক কর ও আইন পরামর্শ প্রতিষ্ঠান টাইগারম্যানের একজন শীর্ষ আইনজীবী জনাথন টি. টাইগারম্যান বলেন, বিদেশে বসবাস করলেও মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বব্যাপী আয়ের ওপর মার্কিন কর-সংক্রান্ত কঠোর বাধ্যবাধকতা অনেককে নাগরিকত্ব ত্যাগে বড় ধরণের উৎসাহিত করে। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বা মার্কিন বাবা-মায়ের সন্তান হওয়ার কারণে কোনো প্রচেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু হয়তো কখনোই যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজ করেননি—তাদের জন্য এই করের বোঝা আরও অনেক বড়। তবে মার্কিন নাগরিকত্ব ত্যাগ করার এই পুরো প্রক্রিয়াটি মোটেও সহজ নয়। মার্কিন নাগরিকত্ব সম্পূর্ণ ত্যাগ করতে হলে আবেদনকারীর আগে অবশ্যই অন্য যেকোনো একটি দেশের বৈধ নাগরিকত্ব থাকতে হবে। এ ছাড়া নাগরিকত্ব ত্যাগের আগে অন্তত বিগত পাঁচ বছরের কর-সংক্রান্ত সমস্ত নথি হালনাগাদ থাকা বাধ্যতামূলক এবং কোনো ব্যক্তির দুই মিলিয়ন ডলারের বেশি সম্পদ থাকলে তার জন্য আরো জটিল নিয়ম ও কর প্রযোজ্য হয়। নিউইয়র্কভিত্তিক অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টেইন এই বিষয়ে সতর্ক করে বলেন, অনেকেই নাগরিকত্ব ত্যাগের এই সুদূরপ্রসারী পরিণতি পুরোপুরি ভেবে দেখেন না। কারণ নাগরিকত্ব ত্যাগের পর আপনি আর মার্কিন নাগরিক থাকবেন না এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে—এমনকি সাধারণ ভ্রমণের জন্যও—নতুন করে ভিসা লাগবে, আর সেই ভিসা পাওয়াও কিন্তু শতভাগ নিশ্চিত নয়। সূত্র: সিএনএন
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করা এবং অবৈধ, অসতর্ক ও জোরপূর্বক সীমান্ত পারাপার বন্ধের মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত দ্বিপাক্ষিক আলোচনা করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার (১১ জুন) ভারতের রাজধানী নয়া দিল্লিতে সমাপ্ত হওয়া চার দিনব্যাপী মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে এসব বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। আজ শুক্রবার (১২ জুন) ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নয়াদিল্লির বিএসএফ সদর দপ্তরে গত ৮ থেকে ১১ জুন পর্যন্ত এই ৫৭তম দ্বিবার্ষিক ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলনটি সফলভাবে অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে মূল নেতৃত্বে ছিলেন বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিএসএফ জানায়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র, জাল মুদ্রা, সোনা ও অন্যান্য চোরাচালান রোধসহ মানব পাচার এবং অবৈধ সীমান্ত পারাপারের মতো সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ কার্যকরভাবে প্রতিরোধে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। এ ছাড়া দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সীমান্ত অবকাঠামো নির্মাণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ এবং সীমান্ত এলাকার উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত কথা বলেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশে নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর—উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এটিই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। উল্লেখ্য, ভারত-বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের অর্ধেকেরও বেশি (২২১৬ কিলোমিটার) অংশ রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্তে। বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করতে দুই পক্ষই সমন্বিত যৌথ টহল জোরদার, নজরদারি বৃদ্ধি, রিয়েল-টাইম (তাৎক্ষণিক) তথ্য আদান-প্রদান এবং যৌথ প্রচেষ্টা আরও গতিশীল করতে সম্মত হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে সীমান্ত এলাকার জনগণকে সচেতন করতে এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেয় উভয় পক্ষ। বিএসএফ-এর পক্ষ থেকে সামগ্রিক বৈঠকটিকে অত্যন্ত আন্তরিক, ইতিবাচক এবং দূরদর্শী হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে সম্মেলন শেষে সব সিদ্ধান্ত সন্তোষজনক হলেও, এই দ্বিপাক্ষিক বৈঠকের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। আলোচনার চূড়ান্ত দিনে যৌথ কার্যবিবরণী স্বাক্ষরের পর ঐতিহ্যগতভাবে দুই বাহিনীর মহাপরিচালকদের যে যৌথ সংবাদ সম্মেলন করার দীর্ঘদিনের প্রথা রয়েছে, তা এবার কোনো অজ্ঞাত কারণে অনুষ্ঠিত হয়নি। আগামী নভেম্বর মাসে এই দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলনের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার জন্য ভারতীয় বিএসএফ প্রতিনিধি দলটি ঢাকা সফর করবে।
একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, তাহলে আমরা মিলেমিশে কাজ করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী। আজ বাংলাদেশে প্রবেশের পর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অত্যন্ত ইতিবাচকভাবে এভাবেই নিজের গভীর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সম্পূর্ণ সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন নতুন এই হাইকমিশনার। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী মৃণাল (মিনাল) ত্রিবেদী। বেলা ঠিক ১১টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের নো-ম্যান্স ল্যান্ডে এসে পৌঁছালে বাংলাদেশ ও ভারতের কাস্টমস ও বন্দরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক স্বাগত জানান। এ সময় বাংলাদেশ পক্ষের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, ডেপুটি চিফ অব প্রোটোকল আরিফ মোহাম্মদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার অতল গোস্বামীসহ ইমিগ্রেশন, কাস্টমস, বন্দর প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। নতুন হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা ও যশোর-ঢাকা মহাসড়কে কড়া ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারদিকে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেন এবং সফল কূটনৈতিক সফরের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রটোকল শতভাগ নিশ্চিত করেন। সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপকালে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্ককে ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়লে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতেও রূপ নিতে পারে। তিনি দুই দেশের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও খেলাধুলাসহ বিভিন্ন নতুন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও বিশদভাবে তুলে ধরেন। বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি বর্তমানে তার বিশেষ বিবেচনায় রয়েছে এবং খুব দ্রুত এমন একটি কার্যকর উদ্যোগ নেওয়া হবে যাতে দুই দেশের সাধারণ মানুষ সবাই সন্তুষ্ট হন। তিনি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা পিপল-টু-পিপল কানেক্টিভিটি বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। ভারতের হাইকমিশনের পক্ষ থেকে নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি গৌরব আগরওয়ালসহ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল আগে থেকেই যশোরে অবস্থান করছিলেন। পরে তারা বেনাপোল সীমান্তে উপস্থিত হয়ে দীনেশ ত্রিবেদী ও তার সফর সঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। সীমান্তের আনুষ্ঠানিকতা শেষে দীনেশ ত্রিবেদী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র (ক্রিডেনশিয়ালস) পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু করবেন।