সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে দেশে ফিরলেন রেফারি আরতান, মোগাদিসুতে বীরের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে দেশে ফিরে এসেছেন সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আবদুলকাদির আরতান। বুধবার ভোরে তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৌঁছান। দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে বীরের সম্মানে বরণ করে নেয় উচ্ছ্বসিত জনতা।   আরতান ২০২৬ ফিফা বিশ্বকাপে দায়িত্ব পেলে ইতিহাস গড়ার সুযোগ পেতেন। তিনি হতেন প্রথম সোমালি রেফারি, যিনি ফুটবলের সবচেয়ে বড় আসরে ম্যাচ পরিচালনা করতেন। তবে বিশ্বকাপ দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালেও শেষ পর্যন্ত তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।   স্বপ্নভঙ্গের এই পরিস্থিতির মধ্যেও দেশে ফেরার পর বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করছিল ব্যাপক সংবর্ধনা। অসংখ্য সমর্থক ফুল ও শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তাকে সোমালিয়ার গর্ব এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।   সোমালিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, আরতানের সম্মানে জাতীয় স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরতান ফিফা এবং সোমালিয়া ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।   বিশ্বকাপে দায়িত্ব না পাওয়ার হতাশা ব্যক্ত করে এক সাক্ষাৎকারে আরতান বলেন, এটি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, তবে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি দাবি করেন, প্রয়োজনীয় সব নথিপত্র ও বৈধ ভিসা নিয়েই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এরপরও তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।   অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা যাচাইয়ের সময় কিছু উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আরতান তার বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগ বা বিতর্কিত গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। হতাশা থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরতান বলেন, যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক হলেও তরুণদের স্বপ্ন দেখা বন্ধ করা উচিত নয়। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় থাকলে নতুন সুযোগ আসবে।   হর্ন অব আফ্রিকা অঞ্চলের প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষের দেশ সোমালিয়ায় জনপ্রিয় এই রেফারি ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। এরপর আফ্রিকান ফুটবলে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি। ২০২৪ সালে আফ্রিকা কাপ অব নেশন্সে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েন আরতান এবং পরের বছর আফ্রিকার সেরা রেফারির স্বীকৃতি অর্জন করেন।

প্রকাশ : জুন ১১, ২০২৬ ৩:৫৮
আবের কাওয়াস। ছবি: এএফপি
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হওয়ার লড়াইয়ে আবের কাওয়াস

যুক্তরাষ্ট্রের রাজ্য পর্যায়ের নির্বাচিত পদে ফিলিস্তিনি-আমেরিকানদের প্রতিনিধিত্ব এখনো সীমিত। এ পর্যন্ত ১০ জনেরও কম ফিলিস্তিনি-আমেরিকান এ ধরনের পদে নির্বাচিত হয়েছেন। এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করার লক্ষ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে লড়ছেন আবের কাওয়াস। আগামী ২৩ জুন নিউইয়র্ক সিটির কুইন্স বরো থেকে সিনেট ডিস্ট্রিক্ট-১২ এর ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।   মঙ্গলবার প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়, কাওয়াসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফিলিপিনো-আমেরিকান আইনপ্রণেতা স্টিভেন রাগা। প্রাইমারি নির্বাচনে বিজয়ী প্রার্থী আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে আগামী জানুয়ারিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী অ্যালবানিতে দায়িত্ব গ্রহণ করবেন।   সম্প্রতি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমর্থন পেয়েছেন কাওয়াস। এর আগে ২০২৫ সালের মেয়র নির্বাচনে মামদানির প্রচারণাকে সমর্থন করেছিলেন স্টিভেন রাগা। কাওয়াস বলেন, “মামদানি আন্দোলন বহু তরুণ এবং প্রগতিশীল বামপন্থির মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এটি হতাশা কাটিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করেছে।” তিনি জানান, সেই রাজনৈতিক গতি ও জনসমর্থন ধরে রাখার লক্ষ্যেই তারা কাজ করছেন।   ২০২৫ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভের আগে মেয়র মামদানিকে একজন বহিরাগত প্রার্থী হিসেবে দেখা হতো। ভাড়া নিয়ন্ত্রণ এবং বিনামূল্যে বাস ভ্রমণের মতো নীতিগত প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রচারণা চালিয়েছিলেন। তবে ফিলিস্তিন প্রশ্নে তার দৃঢ় অবস্থানই সবচেয়ে বেশি আলোচনায় আসে। গাজা পরিস্থিতি নিয়ে তার অবস্থানের কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবু ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান প্রাইমারি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।   কাওয়াসের ব্যক্তিগত জীবনও অভিবাসন ও বাস্তুচ্যুতির অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি একজন ফিলিস্তিনি অভিবাসী, যিনি নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিমদের ওপর নজরদারি ও নিরাপত্তা অভিযান বাড়লে তার নথিপত্রহীন বাবাকে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) আটক করে। প্রায় তিন বছর আটককেন্দ্রে রাখার পর তাকে জর্ডানে ফেরত পাঠানো হয়।   বর্তমান ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে বহু পরিবার বিচ্ছিন্ন হওয়ার যে অভিযোগ উঠছে, কাওয়াস জানান তার পরিবারও একসময় একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তিনি এবং তার ভাইবোনেরা দীর্ঘ সময় একক অভিভাবকের তত্ত্বাবধানে বড় হয়েছেন। এ প্রসঙ্গে কাওয়াস বলেন, “আমি চাই না এমন ঘটনা আর কারও সঙ্গে ঘটুক।” নিউইয়র্কের কুইন্সের পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত সিনেট ডিস্ট্রিক্ট-১২ একটি বৈচিত্র্যময় এলাকা। এর আওতায় রয়েছে অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি এবং সানিসাইডের মতো জনবহুল অঞ্চল।   হিজাব পরিহিত কাওয়াস ইতোমধ্যে কয়েকটি ডানপন্থি সংবাদমাধ্যমের নজরে এসেছেন। সেখানে আমেরিকান-ইসলামিক সম্পর্কবিষয়ক কাউন্সিল এবং ফিলিস্তিনি অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রচারণা সংগঠনের সঙ্গে তার অতীত কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হচ্ছে। ইসরাইলপন্থি বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে এসব সংগঠনের সমালোচনা করে আসছে।   কাওয়াস জানান, ছোটবেলা থেকেই তিনি মসজিদভিত্তিক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন কমিউনিটি সংগঠনের মাধ্যমে অভিবাসীদের অধিকার, ভাষাগত সহায়তা এবং পুলিশি সংস্কার নিয়ে কাজ করেছেন। তার মতে, ডেমোক্র্যাটিক পার্টিকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করতে এবং বিদ্যমান রাজনৈতিক ধারা নিয়ে নতুন আলোচনা তৈরি করতে বিভিন্ন পটভূমির মানুষকে আইনসভায় প্রবেশ করতে হবে।   তবে বর্তমান রাজনৈতিক পরিবেশে নির্বাচন করাকে তিনি ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন। মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সময়ে মুসলিম-আমেরিকান ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলা ও হয়রানির ঘটনা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম তিন মাসে এ ধরনের ঘটনার সংখ্যা ১১ গুণ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   গত মার্চে নিউইয়র্কের পরিচিত ফিলিস্তিনি-আমেরিকান অধিকারকর্মী নার্দিন কিসওয়ানির বাসভবনে হামলার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। একই মাসে দীর্ঘদিন আটক থাকার পর ১ লাখ ডলার বন্ডের বিনিময়ে মুক্তি পান ফিলিস্তিনি বিক্ষোভকারী লেকা কর্দিয়া।   সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশ : জুন ১১, ২০২৬ ৩:৫১
প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী সিটি’ নির্মাণের উদ্যোগ
প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী সিটি’ নির্মাণের উদ্যোগ

প্রবাসীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালু এবং আবাসন ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ‘প্রবাসী সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।   বুধবার (১০ জুন) সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় নরসিংদী-১ আসনের সদস্য খায়রুল কবির খোকনের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা সব সময় প্রত্যাশিত সেবা পান না। এ বাস্তবতা বিবেচনায় সরকার তাদের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে।   তিনি জানান, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ ব্যাংকের পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে দেশে অর্থ পাঠাতে পারবেন এবং নির্ধারিত সীমার মধ্যে তাদের পরিবারের সদস্যরাও সেই অর্থ ব্যবহার করতে পারবেন।   প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের জন্য পরিকল্পিত আবাসন ও বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার চিন্তা রয়েছে। প্রাথমিকভাবে পূর্বাচলে একটি প্রকল্প শুরু করে পর্যায়ক্রমে তা জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হতে পারে।   প্রবাসীদের চিকিৎসা সেবার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, রাজধানীর গুলশানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জমিতে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।   সংসদে দেওয়া তথ্যে নুরুল হক জানান, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা ভাতা হিসেবে ৫ হাজার ২২৫ জনকে ১৬ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। একই সময়ে প্রতিবন্ধী সন্তানদের ভাতা, বীমা দাবি, বিদেশফেরত কর্মীদের ক্ষতিপূরণ, মৃত কর্মীদের লাশ দেশে আনা ও দাফন ব্যয়সহ বিভিন্ন খাতে শত শত কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।   তিনি বলেন, বিদেশফেরত প্রায় আড়াই লাখ কর্মীকে পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের দক্ষতা কাজে লাগিয়ে পুনরায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে।   প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরে সেবার মান উন্নত করতে প্রবাসী কল্যাণ কেন্দ্রের কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামেও এ সেবা সম্প্রসারণ করা হয়েছে।   বিদেশে কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ১০টি দেশের আইন সংস্থার সঙ্গে চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের মাস্কাটে নারী কর্মীদের জন্য সেফ হোম চালু রয়েছে।   প্রবাসীদের তাৎক্ষণিক সেবা দিতে দেশে টোল-ফ্রি নম্বর ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।   নতুন শ্রমবাজার অনুসন্ধানের বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, জাপানের শ্রমবাজারে কর্মসংস্থান বাড়াতে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন সুযোগ তৈরিতে বিদেশস্থ মিশনগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।   মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও উন্মুক্ত রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যাতে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে না ওঠে।   রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়নের উদ্যোগের কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রায় তিন হাজার লাইসেন্স থাকলেও কঠোর যাচাই-বাছাইয়ের পর ৪০০ থেকে ৫০০টির বেশি টিকে থাকার সম্ভাবনা নেই। এজন্য একটি গ্রেডিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।   সবশেষে তিনি বলেন, অভিবাসন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রতারণা রোধ এবং প্রবাসীদের মর্যাদা ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

প্রকাশ : জুন ১১, ২০২৬ ১:৩০
ভারতীয় নাবিক নিখোঁজের ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে জবাব চাইল নয়াদিল্লি
ভারতীয় নাবিক নিখোঁজের ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে জবাব চাইল নয়াদিল্লি

ওমান উপকূলের কাছে ২৪ জন ভারতীয় নাবিক বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগ ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে জরুরি ভিত্তিতে তলব করেছে নয়াদিল্লি। এ ঘটনায় এখনো তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার।   বুধবার (১০ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জেসন মিকসকে সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়েছে। ওমান উপসাগরে ভারতীয় নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।   ভারতের অভিযোগ, ওমান উপসাগরে চলাচলরত একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী হামলা চালায়, যেখানে ভারতীয় নাবিকরা কর্মরত ছিলেন। হামলার পর জাহাজে অগ্নিকাণ্ড ঘটে এবং পরিস্থিতি দ্রুত অবনতি হয়।   অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ অভিযানের কথা স্বীকার করেছে। তাদের দাবি, ইরানি তেল পরিবহনকারী ‘সেত্তেবেলো’ নামের একটি জাহাজ আন্তর্জাতিক সমুদ্রসীমার নিয়ম ভঙ্গ করছিল এবং বারবার সতর্ক করার পরও নির্দেশনা মানেনি। সে কারণেই জাহাজটির বিরুদ্ধে ‘নির্ভুল’ অভিযান চালানো হয়।   ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটির ইঞ্জিন কক্ষে হঠাৎ আগুন লাগে। পরে জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হলে ওমানের রাজকীয় নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়।   ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।   ঘটনার পর ভারত সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর এ ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি।   এদিকে দেশের ভেতরেও এ ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ছে। বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে একই ধরনের আরেকটি ঘটনার পরও প্রকাশ্যে প্রতিবাদ না জানানোয় সরকার সমালোচনার মুখে পড়ে—এই নতুন ঘটনাকে ঘিরে সেই চাপ আরও তীব্র হয়েছে।   সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানায়, পুরো ঘটনাটি এখন কূটনৈতিকভাবে সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।

প্রকাশ : জুন ১১, ২০২৬ ০:৫৯
নিউইয়র্কে বসবাসকারীদের জন্য কী কী সরকারি সুবিধা
নিউইয়র্কে বসবাসকারীদের জন্য কী কী সরকারি সুবিধা রয়েছে? শিশু থেকে প্রবীণ—কারা পাচ্ছেন কোন সহায়তা

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল অঙ্গরাজ্য নিউইয়র্ক। বিশেষ করে নিউইয়র্ক সিটিতে বাসাভাড়া, স্বাস্থ্যসেবা, শিশু পরিচর্যা, শিক্ষা এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় দেশের অনেক এলাকার তুলনায় বেশি। তবে এই উচ্চ ব্যয়ের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নিউইয়র্ক স্টেট সরকার এবং নিউইয়র্ক সিটি প্রশাসন কয়েক দশক ধরে বিস্তৃত সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।   সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর লাখো বাসিন্দা এসব কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, আবাসন সুবিধা, শিশু পরিচর্যা, জ্বালানি ব্যয়, কর-সুবিধা এবং বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পেয়ে থাকেন। যদিও সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে যে এসব সুবিধা কেবল নিম্ন আয়ের মানুষের জন্য, বাস্তবে অনেক কর্মসূচি শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, কর্মজীবী পরিবার, নতুন বাবা-মা এবং নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারের জন্যও উন্মুক্ত।   নিউইয়র্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা কর্মসূচিগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। সীমিত আয়ের পরিবার, শিশু, গর্ভবতী নারী এবং প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন স্বাস্থ্যবিমা ও চিকিৎসা সহায়তা কর্মসূচি চালু রয়েছে। অনেক পরিবার বিনামূল্যে অথবা স্বল্প খরচে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পায়। স্বাস্থ্য ব্যয়ের ক্রমবর্ধমান চাপের মধ্যে এসব কর্মসূচি বহু পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করছে।   খাদ্য সহায়তা কর্মসূচিও নিউইয়র্কের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ। যোগ্য পরিবারগুলো মাসিক খাদ্য কেনার জন্য সরকারি সহায়তা পেয়ে থাকে। বিশেষ করে সীমিত আয়ের কর্মজীবী পরিবার, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সহায়তা জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।   গর্ভবতী নারী, নবজাতক শিশু এবং অল্পবয়সী শিশুদের জন্য আলাদা পুষ্টি সহায়তা কর্মসূচিও রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসেবা পরামর্শ এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়তা প্রদান করা হয়। প্রতি বছর হাজারো পরিবার এই সুবিধার আওতায় আসে।   কর্মজীবী বাবা-মায়েদের জন্য শিশু পরিচর্যা ব্যয় অনেক সময় বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা বিবেচনায় নিউইয়র্কে শিশু পরিচর্যা সহায়তা কর্মসূচি চালু রয়েছে। যোগ্য পরিবারগুলো শিশু দিবাযত্ন কেন্দ্র বা অনুমোদিত পরিচর্যা সেবার ব্যয়ের একটি অংশ কিংবা উল্লেখযোগ্য অংশের জন্য আর্থিক সহায়তা পেতে পারে। এর ফলে অনেক অভিভাবক নিশ্চিন্তে কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন।   নতুন বাবা-মায়েদের জন্য বেতনসহ পারিবারিক ছুটির সুবিধা নিউইয়র্কের অন্যতম আলোচিত কর্মসূচি। সন্তান জন্ম, দত্তক গ্রহণ অথবা পরিবারের গুরুতর অসুস্থ সদস্যের পরিচর্যার জন্য কর্মরত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ের জন্য বেতনসহ ছুটি গ্রহণ করতে পারেন। পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়।   অর্থনৈতিক সংকটে থাকা ব্যক্তি ও পরিবারের জন্য নগদ সহায়তা কর্মসূচিও রয়েছে। যেসব পরিবার সাময়িক আর্থিক সংকটে পড়ে, তারা খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ বিল এবং অন্যান্য জরুরি ব্যয় মেটাতে সরকারি সহায়তার জন্য আবেদন করতে পারে। বিশেষ পরিস্থিতিতে জরুরি আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।   নিউইয়র্কে আবাসন ব্যয় দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিষয়। উচ্চ ভাড়ার কারণে অনেক পরিবার সরকারি ভাড়া সহায়তা, ভর্তুকিযুক্ত আবাসন এবং বিশেষ আবাসন কর্মসূচির সুবিধা গ্রহণ করে। গৃহহীনতা প্রতিরোধ এবং স্থায়ী বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে স্টেট ও সিটি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ পরিচালিত হচ্ছে।   শীতপ্রধান এই অঙ্গরাজ্যে জ্বালানি ব্যয়ও অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই নির্দিষ্ট আয়ের পরিবারগুলোর জন্য গ্যাস, বিদ্যুৎ এবং গৃহ উষ্ণ রাখার ব্যয় কমাতে বিশেষ সহায়তা কর্মসূচি রয়েছে। কিছু ক্ষেত্রে গরম করার যন্ত্রপাতি মেরামত বা প্রতিস্থাপনের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।   প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টি কর্মসূচি, পরিবহন সহায়তা, বাড়িভিত্তিক পরিচর্যা এবং সামাজিক অংশগ্রহণমূলক নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রবীণদের স্বাধীন ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার চেষ্টা করা হয়।   প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নিউইয়র্কে বিস্তৃত সহায়তা ব্যবস্থা রয়েছে। চিকিৎসা, পুনর্বাসন, ব্যক্তিগত পরিচর্যা, কর্মসংস্থান প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার পাশাপাশি অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের পরিচর্যাকারী হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়।   চাকরি হারানো কর্মীদের জন্য বেকারত্বকালীন সহায়তা নিউইয়র্কের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। যোগ্য ব্যক্তিরা নির্দিষ্ট সময় পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান খুঁজে পেতে প্রশিক্ষণ ও পরামর্শ সেবাও গ্রহণ করতে পারেন।   শিক্ষার্থী এবং শিশুদের জন্যও রয়েছে বিভিন্ন সহায়তা কর্মসূচি। বিদ্যালয়ে বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাবার, শিক্ষা সহায়তা এবং উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তার সুযোগ অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে শিশু কর-সুবিধার মতো কর্মসূচির মাধ্যমে যোগ্য পরিবারগুলো অতিরিক্ত আর্থিক সুবিধা পেতে পারে।   নিউইয়র্ক সিটির বাসিন্দারা স্টেট সরকারের সুবিধার পাশাপাশি নগর প্রশাসনের বিভিন্ন বিশেষ সেবাও পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে জরুরি সহায়তা, সামাজিক সেবা, অভিবাসী সহায়তা কর্মসূচি, নগর পরিচয়পত্র, আইনি সহায়তা, গৃহহীনদের জন্য আশ্রয়সেবা এবং বিভিন্ন কমিউনিটিভিত্তিক সুবিধা। বর্তমানে এসব সেবার বড় অংশ অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়, ফলে আবেদন ও তথ্য সংগ্রহ আরও সহজ হয়েছে।   এছাড়া নিউইয়র্কে কর্মজীবী পরিবারগুলোর জন্য কর-সুবিধা, শিশুদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা, প্রবীণদের জন্য সম্পত্তি কর-ছাড় এবং বিভিন্ন শিক্ষা সহায়তা কর্মসূচিও রয়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার সরাসরি নগদ সহায়তার জন্য যোগ্য না হলেও এসব কর-সুবিধা ও পরিবারভিত্তিক কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকে।   বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো কেবল দরিদ্র জনগোষ্ঠীর জন্য নয়; বরং জীবনের বিভিন্ন পর্যায়ে থাকা শিশু, পরিবার, কর্মজীবী মানুষ, প্রবীণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করে। তবে প্রতিটি কর্মসূচির জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড রয়েছে এবং আবেদনকারীর আয়, পারিবারিক অবস্থা, বসবাসের স্থান এবং অন্যান্য তথ্য যাচাই করে সুবিধা প্রদান করা হয়।   জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ার এই সময়ে নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক সিটি সরকারের এসব সহায়তা কর্মসূচি লাখো মানুষের জন্য আর্থিক স্বস্তি, সামাজিক নিরাপত্তা এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশু থেকে প্রবীণ, শিক্ষার্থী থেকে কর্মজীবী পরিবার—জীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য। অনেকের কাছে এসব কর্মসূচি শুধু সরকারি সুবিধা নয়, বরং কঠিন সময়ে জীবনকে স্থিতিশীল রাখার একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা।

প্রকাশ : জুন ১১, ২০২৬ ০:২৩
ছবি: সংগৃহীত
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার গভীর রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই ম্যাচ অনুষ্ঠিত হবে।   ম্যাচ শুরুর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা যৌথভাবে পরিবেশন করবেন এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া মঞ্চে থাকবেন জে বালভিন এবং জনপ্রিয় ব্যান্ড মানার সদস্যরাও।   বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনেকের কাছেই ২০১০ সালের আসরের স্মৃতি ফিরিয়ে আনছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৬ বছর আগে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবারও দুই দল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হলেও পার্থক্য হলো, ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোর ঘরের মাঠে।   মেক্সিকো দলকে এবারের উদ্বোধনী ম্যাচে কিছুটা এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। দলের অন্যতম বড় শক্তি তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া মেক্সিকো দল সাম্প্রতিক সময়ে বেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। তাদের শেষ আট ম্যাচের ছয়টিতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।   অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলার সক্ষমতার জন্য পরিচিত দলটি। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। আয়োজক দেশগুলোর মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রেও বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।   এরপর শনিবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হবে উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব। এই অনুষ্ঠানে অংশ নেবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং আনিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।   মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। ফুটবল বিশ্বের কোটি কোটি দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই শুরু হচ্ছে এক মাসব্যাপী মহারণ।  

প্রকাশ : জুন ১০, ২০২৬ ২২:৬
ছবি: সংগৃহীত
অতিরিক্ত ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকারের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশি পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য দ্রুত ভিসা সাক্ষাৎকারের সুযোগ দিতে নতুন একটি প্রিমিয়াম সেবা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত অস্থায়ী বিধিমালা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হবে।   নতুন ব্যবস্থার আওতায় বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীরা অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করলে ১০ কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সময় পাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে এই দুই ধরনের ভিসার আবেদন ফি ১৮৫ ডলার। ফলে প্রিমিয়াম সেবা নিতে মোট খরচ হবে ৯৩৫ ডলার।   তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, অতিরিক্ত অর্থ পরিশোধ করলে শুধু দ্রুত সাক্ষাৎকারের সুযোগ মিলবে। এতে ভিসা অনুমোদনের সম্ভাবনা বা সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না।   পরীক্ষামূলক এই কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুরুতে সীমিতসংখ্যক মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে এটি চালু হবে। কোন কোন মিশনে সেবাটি পাওয়া যাবে, সে তালিকা পরে প্রকাশ করা হবে।   মার্কিন সরকারের ধারণা, আগামী বছরগুলোতে দেশটিতে ভ্রমণকারীর সংখ্যা বাড়বে। বিশেষ করে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে ভিসার চাহিদা বৃদ্ধি পেতে পারে। সে কারণেই দ্রুত সাক্ষাৎকার সেবার কার্যকারিতা যাচাই করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

প্রকাশ : জুন ১০, ২০২৬ ২১:৫৩
ছবি: সংগৃহীত
মার্কিন হামলার পর হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য প্রণালীটি বন্ধ থাকবে এবং নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহরের বরাতে জানা যায়, মার্কিন সামরিক অভিযানের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, দেশটির বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।   হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই নৌপথ ব্যবহার করে পরিবহন করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও বিশ্লেষণ অনুযায়ী, বৈশ্বিক তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে অতিক্রম করে।   ইরানের ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে এবং সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে এই নৌপথে অস্থিরতা চললে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে এর প্রভাব আরও গভীর হতে পারে।   অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাব হিসেবে পরিচালিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলেও সেন্টকম উল্লেখ করেছে।   মার্কিন হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ফার্স প্রদেশের কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সম্ভাব্য হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।   তবে হরমুজ প্রণালী বাস্তবে কতটা কার্যকরভাবে বন্ধ হয়েছে, তা নিয়ে এখনও ভিন্নমত রয়েছে। ইরান প্রণালী বন্ধের ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি এবং নৌপথে কিছু জাহাজের চলাচল অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক নজর রাখছেন।   সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা একাধিকবার বেড়েছে। এই নৌপথে জাহাজ চলাচল সীমিত হওয়া, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ইতোমধ্যে চাপের মুখে রয়েছে।   আন্তর্জাতিক কূটনৈতিক মহল পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং পাল্টাপাল্টি ঘোষণার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ২১:৩৬
ছবি: সংগৃহীত
অর্ডার নিয়ে তর্কের জেরে গ্রাহকের দিকে গরম কফি ছুড়ে মারায় ম্যাকডোনাল্ডস কর্মী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় খাবারের অর্ডারকে কেন্দ্র করে এক গ্রাহকের ওপর গরম কফি নিক্ষেপের অভিযোগে একজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে।   পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ৪০ বছর বয়সী এবং কেপ মে এলাকার বাসিন্দা। তিনি কেপ মে কাউন্টির রিও গ্রান্ডে এলাকায় অবস্থিত একটি ম্যাকডোনাল্ডস শাখায় কর্মরত ছিলেন। খাবারের অর্ডার নিয়ে এক গ্রাহকের সঙ্গে তার মৌখিক তর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গরম কফি গ্রাহকের দিকে ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে।   মিডল টাউনশিপ পুলিশ বিভাগ জানিয়েছে, গত ২৫ মে রিও গ্রান্ডে এলাকার ওই রেস্তোরাঁ থেকে একটি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছান। সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।   তদন্তকারীরা জানিয়েছেন, গরম কফির কারণে ভুক্তভোগী ব্যক্তি আঘাতপ্রাপ্ত হন। তবে তার আঘাতের মাত্রা বা চিকিৎসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত কর্মীকে আটক করে।   পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিষয়ে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে তাকে আদালতে হাজিরার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তাকে আদালতে উপস্থিত হতে হবে।   তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করেছে পুলিশ। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ভুক্তভোগীর বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে। ফলে অভিযোগের প্রাথমিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।   তবে তদন্ত এখনও শেষ হয়নি। পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনার কাজ চলছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ চিত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।   যুক্তরাষ্ট্রে গ্রাহকসেবা খাতে কর্মী ও ক্রেতাদের মধ্যে বিরোধের ঘটনা মাঝেমধ্যে আলোচনায় এলেও শারীরিক ক্ষতির অভিযোগ উঠলে তা সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের আওতায় আসে। বিশেষ করে গরম পানীয় বা খাদ্যসামগ্রী ব্যবহারের ফলে কেউ আহত হলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হয়।   এ ঘটনায় এখনও তদন্ত অব্যাহত রয়েছে। নিরাপত্তা ফুটেজ ও অন্যান্য প্রমাণ পর্যালোচনার পর প্রয়োজন হলে মামলায় অতিরিক্ত তথ্য বা অভিযোগ যুক্ত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

প্রকাশ : জুন ১০, ২০২৬ ২১:২৩
ছবি: সংগৃহীত
আবাসন বিতর্কের তদন্তের মুখে পদত্যাগ করলেন ক্যালিফোর্নিয়ার এক মেয়র

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ড শহরের মেয়র ক্যাথরিন ময় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। তার পদত্যাগের সময়টি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ শহর কর্তৃপক্ষ তার আবাসন-সংক্রান্ত যোগ্যতা নিয়ে চলা একটি বিতর্কিত তদন্তের ফলাফল পর্যালোচনা করতে বৈঠকে বসার মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি দায়িত্ব ছাড়েন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ফেয়ারফিল্ডের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় ছিল মেয়র ক্যাথরিন ময়ের বাসস্থান নিয়ে বিতর্ক। প্রশ্ন উঠেছিল, তিনি আইন অনুযায়ী ফেয়ারফিল্ড শহরের বাসিন্দা হিসেবে মেয়রের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছিলেন কি না। এই অভিযোগের তদন্তের জন্য শহর কর্তৃপক্ষ একজন স্বাধীন আইনজীবী নিয়োগ দেয়। মঙ্গলবার একটি বিশেষ সিটি কাউন্সিল বৈঠকে তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে বৈঠক শুরু হওয়ার আগেই পদত্যাগপত্র জমা দেন ক্যাথরিন ময়। ফলে তদন্ত প্রতিবেদন নিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আর তৈরি হয়নি। মেয়রের আসন শূন্য থাকায় বৈঠকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন উপমেয়র প্যাম বার্তানি। বৈঠকে তিনি স্বীকার করেন, এমন পদত্যাগের ঘটনা তিনি একেবারেই প্রত্যাশা করেননি। তদন্তে নিয়োজিত স্বাধীন আইনজীবী তার প্রতিবেদনে উল্লেখ করেন, ক্যাথরিন ময় ফেয়ারফিল্ড শহরের বাইরে বসবাস করতেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন কি না, সেই সিদ্ধান্ত সিটি কাউন্সিলের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পদত্যাগের ফলে কার্যত তদন্ত প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি আর দায়িত্বে না থাকায় এ বিষয়ে পরবর্তী কোনো প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজন নেই। তবে তদন্ত বন্ধ হয়ে গেলেও বিতর্ক থামেনি। সিটি কাউন্সিল বৈঠকে জনমত প্রকাশের সময় বিষয়টি নিয়ে শহরবাসীর মধ্যে তীব্র মতবিরোধ দেখা যায়। কিছু বাসিন্দা তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন। তাদের দাবি, এটি ছিল একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা। এক বক্তা বলেন, এই ঘটনার কারণে শহরের প্রশাসনিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকজন অভিযোগ করেন, পুরো প্রক্রিয়াটি ছিল রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত আক্রমণ। ময়ের সমর্থকদের একজন বলেন, ক্যাথরিন ময়ের পরিবারের শিকড় বহুদিন ধরে ফেয়ারফিল্ডে। তিনি এই শহরেই বড় হয়েছেন, পরিবার গড়েছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাকে শহরের বাইরের মানুষ হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে সমালোচকদের একটি অংশের মত ভিন্ন। তাদের দাবি, এই পরিস্থিতির জন্য মেয়র নিজেই দায়ী। একজন বক্তা মন্তব্য করেন, বাইরের কোনো গোষ্ঠী নয়, বরং নিজের কর্মকাণ্ডের কারণেই তার রাজনৈতিক ক্যারিয়ার সংকটে পড়েছে। একই বৈঠকে ক্যাথরিন ময়ের আইনগত ব্যয় বহনের বিষয়টিও আলোচনায় আসে। আবাসন-সংক্রান্ত বিতর্ক মোকাবিলায় তিনি যে আইনজীবীদের সহায়তা নিয়েছিলেন, সেই ব্যয় শহর কর্তৃপক্ষ বহন করবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়। তবে কাউন্সিল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশ এই প্রস্তাবের বিরোধিতা করেন। ৫-১ ভোটে তার আইনি ব্যয় পরিশোধের আবেদন প্রত্যাখ্যান করা হয়। কাউন্সিল সদস্য কে. প্যাট্রিস উইলিয়ামস বলেন, যে পরিস্থিতির কারণে এসব আইনগত ব্যয় তৈরি হয়েছে, তার জন্য সাবেক মেয়র নিজেই দায়ী। তাই করদাতাদের অর্থ দিয়ে সেই ব্যয় বহনের যৌক্তিকতা তিনি দেখেন না। ফেয়ারফিল্ড শহরে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটেছে। স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে পুলিশের একটি গ্রেপ্তার অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পাশাপাশি একটি স্নাতক সমাপনী অনুষ্ঠানের বাইরে প্রাণঘাতী গুলির ঘটনাও শহরটিকে জাতীয় সংবাদে নিয়ে আসে। এই প্রেক্ষাপটে উপমেয়র প্যাম বার্তানি শহরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ফেয়ারফিল্ড বিভিন্ন নেতিবাচক ঘটনার কারণে সংবাদ শিরোনামে এসেছে। এখন প্রয়োজন রাজনৈতিক বিভাজন দূরে রেখে শহরের স্বার্থে একসঙ্গে কাজ করা। বর্তমানে বার্তানি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। সিটি কাউন্সিল আগামী সপ্তাহে মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য নতুন মেয়র নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে ফেয়ারফিল্ডের পরবর্তী নির্বাচিত মেয়র কে হবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আগামী নভেম্বরের নির্বাচনে শহরবাসী নতুন মেয়র বেছে নেবেন।  

প্রকাশ : জুন ১০, ২০২৬ ২০:৫১
ছবি: সংগৃহীত
অনুমোদন ও বিধিনিষেধে বাড়তি ১.৩২ লাখ ডলার, আরও কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা

যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণের খরচ ক্রমেই বেড়ে চলেছে। তবে শুধু নির্মাণসামগ্রী, শ্রমিকের মজুরি বা জমির দামই নয়, বাড়তি ব্যয়ের বড় একটি অংশ এখন আসছে বিভিন্ন সরকারি অনুমোদন, নির্মাণবিধি, পরিদর্শন প্রক্রিয়া এবং প্রশাসনিক নিয়মকানুন থেকে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্স (এনএএইচবি)-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এসব নিয়ন্ত্রক ব্যয় এখন একটি নতুন একক-পরিবারের বাড়ির মোট বিক্রয়মূল্যের ২৬ দশমিক ৪ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।   সংস্থাটির হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে একটি নতুন বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল ৪ লাখ ৯৯ হাজার ৫০০ ডলার। এর মধ্যে প্রায় ১ লাখ ৩১ হাজার ৭৩৪ ডলার সরাসরি বিভিন্ন অনুমোদন, ফি, বিধিনিষেধ, পরিদর্শন ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে যুক্ত হয়েছে।   গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আবাসন সংকটের মুখোমুখি। দেশজুড়ে কয়েক মিলিয়ন আবাসন ইউনিটের ঘাটতি রয়েছে এবং বাড়ির উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের জন্য আবাসন ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।   এনএএইচবির চেয়ারম্যান বিল ওয়েন্স বলেন, অতিরিক্ত এবং ব্যয়বহুল নিয়ন্ত্রণ ব্যবস্থা দেশের আবাসন সক্ষমতা সংকটকে আরও গভীর করছে। তার মতে, এসব নিয়মকানুনের কারণে নির্মাতাদের পক্ষে তুলনামূলক সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ করা কঠিন হয়ে পড়ছে, যা শেষ পর্যন্ত ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।   তিনি নীতিনির্ধারকদের প্রতি অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল বিধিনিষেধ পুনর্বিবেচনার আহ্বান জানান। তার ভাষায়, অনেক নিয়ম এমনভাবে খরচ বাড়াচ্ছে যে সাধারণ ক্রেতারা আবাসন বাজার থেকে কার্যত ছিটকে পড়ছেন এবং নতুন প্রকল্পের গতি কমে যাচ্ছে।   গবেষণা অনুযায়ী, গত পাঁচ বছরে আবাসন নির্মাণে নিয়ন্ত্রক ব্যয় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে যেখানে এসব ব্যয় একটি নতুন বাড়ির ক্ষেত্রে গড়ে ৬৫ হাজার ২২৪ ডলার ছিল, ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৮৭০ ডলারে। বর্তমানে সেই ব্যয় ১ লাখ ৩১ হাজার ডলারেরও বেশি।   নির্মাণ খাতে নিয়ন্ত্রণের ধরনও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। আগে জমি-সংক্রান্ত বিধিনিষেধ বড় ব্যয়ের কারণ ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নির্মাণবিধি, নকশা সংক্রান্ত শর্ত এবং অতিরিক্ত পরিদর্শন প্রক্রিয়ার খরচ আরও দ্রুত বেড়েছে।   এনএএইচবির জরিপে অংশ নেওয়া প্রায় ৮৮ শতাংশ আবাসন উন্নয়নকারী জানিয়েছেন, তাদের স্থানীয় কর্তৃপক্ষের অতিরিক্ত নকশা-সংক্রান্ত শর্ত মানতে হয়, যা প্রচলিত জোনিং বিধির বাইরের বিষয়। অনেক ক্ষেত্রে উন্নয়ন প্রকল্পের একটি অংশ জনসাধারণের ব্যবহার বা সরকারি প্রয়োজনে সংরক্ষিত রাখার বাধ্যবাধকতাও থাকে।   এছাড়া সময়ক্ষেপণও বড় ব্যয়ের উৎস হয়ে উঠেছে। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ উন্নয়নকারী জানিয়েছেন, বিভিন্ন অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটে। ফলে উন্নয়ন ঋণের সুদ বেড়ে যায়, যা শেষ পর্যন্ত বাড়ির ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়া হয়।   বিশেষজ্ঞদের মতে, নির্মাণবিধির পরিবর্তন বর্তমানে সবচেয়ে বড় ব্যয়-সৃষ্টিকারী উপাদানগুলোর একটি। বাড়ির বাইরের আবরণ, বেড়া, প্রবেশপথ কিংবা ভবনের অবস্থান নির্ধারণের মতো নানামুখী নকশাগত শর্তও নির্মাতাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য করছে।   আবাসন খাতের উদ্যোক্তাদের আরেকটি বড় অভিযোগ হলো বিভিন্ন অঞ্চলে নিয়মকানুনের ব্যাপক বৈচিত্র্য। ডালাসভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আরআরইএএফ হোল্ডিংসের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ হোলজম্যান বলেন, তারা যেসব অঙ্গরাজ্যে কাজ করেন সেখানে মোট প্রকল্প ব্যয়ের ২৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত বিভিন্ন নিয়ন্ত্রক খাতে ব্যয় হয়।   তার মতে, সমস্যা শুধু খরচ নয়; বরং একেক শহর ও অঞ্চলে একেক ধরনের নিয়ম থাকায় পরিকল্পনা ও বিনিয়োগ আরও জটিল হয়ে পড়ে। কোথাও যানবাহন চলাচল-সংক্রান্ত সমীক্ষা বাধ্যতামূলক, কোথাও আবার জোনিং অনুমোদন পেতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।   হোলজম্যান বলেন, ব্যবসায়ীরা তখনই নতুন বিনিয়োগে আগ্রহী হন, যখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্পষ্ট ও পূর্বানুমানযোগ্য থাকে। কিন্তু দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা প্রকল্পের ঝুঁকি বাড়িয়ে দেয়।   ক্যালিফোর্নিয়াভিত্তিক আবাসন নির্মাতা প্রতিষ্ঠান থমাস জেমস হোমসের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ শ্লাগেটারও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিম উপকূলের বিভিন্ন শহরে নিয়ম ও ব্যাখ্যার ধরন আলাদা। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত মূল্যায়ন ও উপকূলীয় উন্নয়ন-সংক্রান্ত অনুমোদন প্রকল্পের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।   বাড়তি ব্যয় ও দীর্ঘ অনুমোদন প্রক্রিয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে নতুন সরবরাহ বৃদ্ধির গতি কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নির্মাণ ব্যয় বাড়ায় অনেক প্রতিষ্ঠান প্রকল্প সীমিত করছে অথবা বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হওয়ার পথে হাঁটছে।   আবাসন বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে আবাসন সংকট নিরসনের জন্য শুধু নতুন বাড়ি নির্মাণ বাড়ালেই হবে না; বরং নির্মাণ প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও ব্যয়সাশ্রয়ী করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। অন্যথায় সাধারণ ক্রেতাদের জন্য নিজস্ব বাড়ির স্বপ্ন আরও দূরে সরে যেতে পারে।  

প্রকাশ : জুন ১০, ২০২৬ ২০:৩০
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
মেসিসহ আর্জেন্টিনা দলের পাসপোর্ট তথ্য ফাঁস, নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল উন্মাদনা শুরুর ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর নিরাপত্তা ত্রুটির শিকার হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। আইসল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত বিশ্বকাপের একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের অফিশিয়াল 'টিম শিট' বা দলীয় তালিকায় লিওনেল মেসিসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্ট নম্বর অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে গেছে।   সাধারণত ম্যাচ রেফারি ও অফিশিয়ালদের জন্য ইস্যু করা এই তালিকায় খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর উল্লেখ থাকলেও গণমাধ্যমে প্রকাশের আগে তা অস্পষ্ট বা ব্লার করে দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের আলাবামার অবার্নস্থিত জর্ডান-হেয়ার স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচের পর সেটি করা হয়নি। ফলে লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজসহ আর্জেন্টিনার একাদশে থাকা এবং অতিরিক্ত বেঞ্চের সকল খেলোয়াড়ের গোপন পাসপোর্ট নম্বর ফাঁস হয়ে যায়, যা পরবর্তীতে বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।   অবশ্য আইসল্যান্ড দল তাদের তালিকায় পাসপোর্ট নম্বর জমা না দেওয়ায় এই যাত্রা রক্ষা পেয়েছে।   'রোড টু ২৬' নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ম্যাচটি আয়োজিত হয়েছিল, যারা তুর্কি এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় বিশ্বকাপ শুরুর আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। ৮৮ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে আইসল্যান্ডকে পরাজিত করে। ম্যাচে ইনজুরি কাটিয়ে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই পেনাল্টি থেকে দারুণ গোল করেন ৩৮ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি।   এছাড়া থিয়াগো আলমাডার করা দলের তৃতীয় গোলের পেছনেও রদ্রিগো ডি পলের উদ্দেশ্যে বাড়ানো মেসির একটি পাসের বড় অবদান ছিল। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন ভ্যালেন্টিন বারকো। এর আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় মেসির বিশ্বকাপে খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও, প্রীতি ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত ফিটনেসের জানান দিয়েছেন এই ফুটবল জাদুকর।   ম্যাচ শেষে নিজের ফিটনেস এবং ইনজুরি কাটিয়ে ফেরা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, "আমি খুব খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নেমে নিজেকে বেশ ভালো লেগেছে। ইনজুরি নিয়ে যে একটা সুপ্ত ভয় কাজ করছিল, তা ঝেড়ে ফেলে স্বাধীনভাবে খেলতে চেয়েছিলাম। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে এখনো এক সপ্তাহ সময় আছে সবাইকে সেরা ছন্দে ফিরিয়ে আনার জন্য।   " উল্লেখ্য, ১১ জুন বৃহস্পতিবার থেকে ২০২৬ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গ্রুপ 'জে' তে থাকা আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৭ জুন বুধবার। কানসাস সিটিতে অনুষ্ঠেয় সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। তবে মাঠের লড়াই শুরুর আগে খেলোয়াড়দের ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসের এই ঘটনা এখন ফুটবল বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৯:৫৮
ছবিঃ নিউইয়র্ক পোস্ট
চীনের হুমকির মুখে তাইওয়ানের পশ্চিম উপকূলে ‘হিমার্স’ রকেট মহড়া

চীনের সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবিলার প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো নিজেদের পশ্চিম উপকূলে মার্কিন প্রযুক্তির ‘হিমার্স’ বা হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের সফল মহড়া চালিয়েছে তাইওয়ান। গত বুধবার তাইচুং অঞ্চলে আয়োজিত এই সামরিক মহড়ায় চীনা বাহিনীর আক্রমণ প্রতিহত করার বাস্তবমুখী সিমুলেশন বা কাল্পনিক যুদ্ধাভ্যাস করা হয়।   এই মহড়ার মূল লক্ষ্য ছিল ‘শুট-অ্যান্ড-স্কুট’ কৌশলের সফল প্রয়োগ, যার মাধ্যমে রকেট নিক্ষেপের পরপরই দ্রুত স্থান পরিবর্তন করে শত্রুর রাডার ও পাল্টা হামলা থেকে রক্ষা পাওয়া যায়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত এবং পরীক্ষিত এই রকেট সিস্টেম তাইওয়ানের সামরিক সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সম্ভাবনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।   সামরিক বিশেষজ্ঞদের মতে, তাইওয়ান প্রণালির ঠিক উল্টোদিকে সরাসরি চীনের দিকে মুখ করে থাকা পশ্চিম উপকূলের সৈকতগুলোই যেকোনো আগ্রাসনের সময় চীনা বাহিনীর সম্ভাব্য অবতরণস্থল হতে পারে।   এই বড় ঝুঁকি বিবেচনায় রেখে তাইওয়ান তাদের সামরিক বাহিনীকে একটি 'অসম যুদ্ধের' জন্য প্রস্তুত করছে। তাদের লক্ষ্য হলো দেশটিকে একটি ‘সজারু’ বা ‘পরকুপাইন’-এ পরিণত করা, যাতে চীনের মতো বৃহৎ শক্তির পক্ষেও সেখানে আক্রমণ চালানো অত্যন্ত কঠিন হয়। প্রায় ৩০০ কিলোমিটার পাল্লার এই ‘হিমার্স’ রকেট সিস্টেম ব্যবহার করে তাইওয়ান প্রণালির অপর প্রান্তে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় লক্ষ্যবস্তুগুলোতেও নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব।   মহড়ার প্রথম দিন গত মঙ্গলবার তাইওয়ানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘থান্ডারবোল্ট-২০০০ লঞ্চার থেকেও রকেট নিক্ষেপ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, চীনা বাহিনী বন্দর ত্যাগ করার পরপরই বা তাইওয়ানের উপকূলে অবতরণের চেষ্টা করলেই এই অস্ত্রগুলো দিয়ে তাদের লক্ষ্য করে সাঁড়াশি আক্রমণ চালানো হবে।   উল্লেখ্য, স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে চীন নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে আসছে। তবে তাইওয়ান সরকার শুরু থেকেই চীনের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে; তাদের স্পষ্ট বক্তব্য—দ্বীপটির ভবিষ্যৎ একমাত্র এর জনগণই নির্ধারণ করবে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৯:৩৪
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের মতো আটলান্টাতেও সস্তায় বিশ্বকাপের টিকিট চাইছেন ফুটবল ভক্তরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি ফিফার সাথে একটি চুক্তি করেছেন, যার মাধ্যমে শহরটির বাসিন্দারা মাত্র ৫০ ডলারে এক হাজারটি বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ পাচ্ছেন। এই খবর প্রকাশের পর আটলান্টার ফুটবল ভক্তরা মেয়র আন্দ্রে ডিকেন্সের কাছেও নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য ছাড়যুক্ত টিকিটের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।   'প্লে ফেয়ার এটিএল' নামের একটি স্থানীয় গোষ্ঠীর নেতৃত্বে এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে। তাদের দাবি, টিকিটের আকাশছোঁয়া দাম সত্ত্বেও আটলান্টার সাধারণ বাসিন্দাদের নিজ শহরে আয়োজিত বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকা উচিত।   সমর্থকদের মতে, যুব লিগ থেকে শুরু করে 'আটলান্টা ইউনাইটেড'-এর মতো স্থানীয় দলগুলোর কারণে শহরের বৈচিত্র্যময় 'মেল্টিং পট' বা মিশ্র সংস্কৃতি গভীরভাবে ফুটবলের সাথে যুক্ত। তাদের আশঙ্কা, টিকিটের এই অত্যধিক দাম সেইসব স্থানীয় ভক্তদের খেলা দেখা থেকে সম্পূর্ণ বঞ্চিত করবে, যারা মূলত এই খেলাকে স্থানীয়ভাবে জনপ্রিয় করে তুলেছেন।   বেশ কয়েকজন বাসিন্দা এবং সিজন টিকিট হোল্ডার অভিযোগ করে বলেন, বিশ্বকাপের বৈশ্বিক ঐক্যের বার্তার সাথে বর্তমানের এই অত্যধিক ব্যয়বহুল বা অর্থনির্ভর ব্যবস্থা পুরোপুরি সাংঘর্ষিক।   এর পাশাপাশি, তারা যাতায়াত খরচের সুবিধাটিও তুলে ধরেন। নিউইয়র্ক সিটির কাছে মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার জন্য যেখানে দর্শকদের অনেক বেশি ট্রানজিট ভাড়া গুনতে হয়, সেখানে আটলান্টায় 'মার্টা' (MARTA) ট্রানজিট ভাড়া প্রতি যাত্রায় মাত্র আড়াই ডলার। তাই যাতায়াত সহজ হলেও টিকিটের দামই এখানে প্রধান অন্তরায়।   ভক্তদের মতে, বর্তমানে গ্যালারির ওপরের দিকের সাধারণ আসনের জন্যও গড়ে ৪০০ ডলারের বেশি দাম হাঁকানো হচ্ছে, যা সাধারণ মানুষের নাগালের একেবারেই বাইরে। এ কারণেই শহর কর্তৃপক্ষের কাছে ছাড়যুক্ত টিকিটের জন্য ফিফার সাথে আলোচনার আহ্বান জানানো হচ্ছে।   'প্লে ফেয়ার এটিএল'-এর পরিচালক মাইকেল কলিন্স বলেন, নিউইয়র্ক যদি সস্তায় টিকিটের ব্যবস্থা করতে পারে, তবে আটলান্টারও তা পারা উচিত; বিশেষ করে যখন এই শহরেই ইউএস সকারের জাতীয় সদর দপ্তর অবস্থিত এবং এটি বিশ্বকাপের অন্যতম প্রধান একটি ভেন্যু হতে যাচ্ছে। উল্লেখ্য, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম—যা ফিফার নিয়ম অনুযায়ী বর্তমানে 'আটলান্টা স্টেডিয়াম' নামে পরিচিত—একটি সেমিফাইনালসহ বিশ্বকাপের মোট আটটি রোমাঞ্চকর ম্যাচ আয়োজন করতে যাচ্ছে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৯:৪
ছবিঃ নিউইয়র্ক পোস্ট
হানিপট ট্র্যাপ পেতে ইউক্রেনীয় সেনাদের টার্গেট করছে রাশিয়া, অভিযোগ কিয়েভের

ইউক্রেনীয় সামরিক বাহিনীর সদস্যদের গুপ্তহত্যা করতে রাশিয়া অভিনব ও ভয়ংকর এক 'হানিপট' বা প্রলোভনের ফাঁদ তৈরি করেছে। ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইভান ভিহিভস্কি চাঞ্চল্যকর এক অভিযোগে জানিয়েছেন, রাশিয়ান গোয়েন্দারা এই জঘন্য কাজে ইউক্রেনের তরুণী এবং উঠতি বয়সি কিশোরীদের নিয়োগ করছে।   মূলত টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে মোটা অঙ্কের অর্থের লোভ দেখিয়ে এসব নারীদের ফাঁদে ফেলা হচ্ছে এবং দূর থেকে পুরো হত্যা মিশনটি সুকৌশলে পরিচালনা করা হচ্ছে।   ইউক্রেন পুলিশের তথ্যমতে, এ পর্যন্ত টেলিগ্রামের মাধ্যমে কমপক্ষে ছয়টি চুক্তিবদ্ধ হত্যার ঘটনা সামনে এসেছে, যার মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে।   পুলিশ প্রধান ভিহিভস্কি জানান, রাশিয়ান এজেন্টরা এই নারীদের প্রাপ্তবয়স্কদের ডেটিং সাইটগুলোতে গিয়ে ইউক্রেনীয় সামরিক সদস্যদের খুঁজে বের করার নির্দেশ দেয়। এরপর সেনাদের সাথে একান্তে দেখা করার জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়ার টাকাও সরাসরি সরবরাহ করে তারা।   সাক্ষাতের আগে মেয়েদের কাছে পার্সেলের মাধ্যমে মেথাডোন নামের উচ্চমাত্রার সিন্থেটিক ওপিওড বা ব্যথানাশক ওষুধ পাঠানো হয়, যা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে মানুষের মৃত্যু হতে পারে।   পরবর্তীতে সুযোগ বুঝে ডেটিংয়ে আসা ওই সেনাদের পানীয়ের সাথে সেই বিষাক্ত ওষুধ মিশিয়ে দেওয়ার প্রশিক্ষণও দেওয়া হয় তাদের।   সম্প্রতি ইউক্রেনের জাইতোমির অঞ্চলে এমনই এক মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে সেখানকার একটি বাড়ি থেকে ২৭ বছর বয়সী এক ইউক্রেনীয় সেনার মৃতদেহ উদ্ধার করা হয়, যার ব্যবহৃত পাত্রে পাউডার জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এই ঘটনার তদন্তে নেমে গত ৪ জুন বারদিচিভ শহরের ১৭ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করে পুলিশ।   ওই কিশোরী পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে টেলিগ্রামে এক সন্দেহভাজন রাশিয়ান এজেন্টের নির্দেশে ওই সেনার অ্যালকোহলের সাথে মেথাডোন মিশিয়েছিল।   সেনা সদস্যটি অচেতন হয়ে পড়ার পরপরই সে ওই অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যায়। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার একশরও বেশি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা এবং রাশিয়ার হয়ে অগ্নিসংযোগ, সন্ত্রাসবাদ বা নাশকতামূলক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৮:৫২
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
বেলফাস্টে ছুরি হামলার জেরে রণক্ষেত্র, অভিবাসীদের খোঁজে বাড়ি বাড়ি হামলা

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক বীভৎস ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র অভিবাসী-বিরোধী সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে মুখোশধারী বিক্ষোভকারীরা একটি বাস, বেশ কিছু ব্যক্তিগত গাড়ি, ডাস্টবিন এবং আবাসিক বাড়িঘরে অগ্নিসংযোগ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছুরি হামলার একটি গ্রাফিক ভিডিও ছড়িয়ে পড়ার পর উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো গণ-বিক্ষোভের ডাক দিলে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।   ভিডিওটিতে এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তির মাথা ও ঘাড়ে নির্মমভাবে ছুরিকাঘাত করতে দেখা গেছে, যা ইন্টারনেট দুনিয়ায় ‘শিরশ্ছেদের চেষ্টা’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।   এই নৃশংস ঘটনায় পুলিশ সুদান থেকে আসা ৩০ বছর বয়সী এক আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত এই ব্যক্তি ২০২৩ সালে পাঁচ বছরের ব্রিটিশ ভিসা পেয়েছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জনসমক্ষে ধারালো অস্ত্র রাখা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, হামলায় গুরুতর আহত ভুক্তভোগীকে চোখ, মুখ এবং পিঠে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।   পুলিশ এবং স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও, মঙ্গলবার রাতে শত শত মুখোশধারী বিক্ষোভকারী রাস্তায় নেমে ইট-পাটকেল ও বোতল ছুড়ে তাণ্ডব চালায় এবং অভিবাসীদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় সোশ্যাল ডেমোক্রেটিক অ্যান্ড লেবার পার্টির এমপি ক্লেয়ার হ্যানা এই তাণ্ডবকে একটি 'বর্ণভিত্তিক পোগ্রাম' বা পরিকল্পিত নিধনযজ্ঞ বলে আখ্যায়িত করেছেন।   এই দাঙ্গা ও সহিংসতা ছড়ানোর পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র ডানপন্থীদের উসকানিকে সরাসরি দায়ী করা হচ্ছে। এমপি ক্লেয়ার হ্যানা অভিযোগ করেন, মার্কিন প্রযুক্তি টাইকুন ইলন মাস্ক, ব্রিটিশ রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ এবং উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসনের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা ওই হামলার ভিডিও শেয়ার করে গণ-বিক্ষোভের ডাক দিয়েছেন, যা পরিস্থিতিকে উসকে দিয়েছে।   উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও'নিল বিক্ষোভকারীদের এই তাণ্ডবকে ‘চরম কাপুরুষতা’ এবং ‘গুন্ডামি’ বলে নিন্দা জানিয়েছেন। উত্তর আয়ারল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, রাতারাতি তারা অন্তত ৬২টি অগ্নিকাণ্ডের ঘটনার মোকাবিলা করেছে, যেখানে অনেক অভিবাসী পরিবারকে জ্বলন্ত ঘরবাড়ি ছেড়ে প্রাণভয়ে পালিয়ে যেতে দেখা গেছে।   ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ছুরি হামলাকে ‘ভয়াবহ ও জঘন্য’ বলে বর্ণনা করে রাস্তায় এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।   এই তীব্র উত্তেজনার মাঝেও কিছু স্থানীয় বাসিন্দা শান্তি ও সংহতির পক্ষে অবস্থান নিয়েছেন। তবে সাধারণ নাগরিকদের একাংশের মধ্যে সরকারের অভিবাসন নীতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে, যা এই দাঙ্গার মাধ্যমে নতুন করে সামনে এসেছে। বিশেষ করে আবাসন সংকট এবং জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে স্থানীয় শ্রমজীবী মানুষ ক্ষুব্ধ।   এর আগে যুক্তরাজ্যের সাউদাম্পটনে হেনরি নোয়াক নামের এক ব্রিটিশ তরুণ হত্যার ঘটনাতেও একই ধরনের অভিবাসী-বিরোধী বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল, যা নিয়ে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সমালোচনা করেছিলেন।   সাউদাম্পটনের সেই রেশ কাটতে না কাটতেই এবার বেলফাস্টের এই সহিংসতা পুরো যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৭:৫৯
ছবিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের বাধা পেরিয়ে ৭০ বিলিয়ন ডলারের অভিবাসন বিলে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিশ্চিত করে ৭০ বিলিয়ন বা ৭ হাজার কোটি ডলারের একটি নতুন অভিবাসন প্রয়োগ বিলে চূড়ান্ত স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে অভিবাসন সংক্রান্ত এক অভিযানে দুই মার্কিন নাগরিক নিহতের পর ডেমোক্র্যাটদের তীব্র আপত্তির মুখে এই বিলটি কয়েক মাস ধরে আটকে ছিল। শেষ পর্যন্ত বিরোধী দলের সব বাধা পেরিয়ে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বিলে স্বাক্ষর করেন তিনি। নতুন এই আইনের আওতায় প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময়ের জন্য ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল (সিবিপি)-এর কার্যক্রম নির্বিঘ্ন করতে বিপুল পরিমাণ এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে পাস হওয়া কর ও ব্যয় সংক্রান্ত অপর একটি বিল থেকে পাওয়া ১৪০ বিলিয়ন ডলারের পাশাপাশি নতুন এই ৭০ বিলিয়ন ডলার অভিবাসন সংস্থাগুলোর আর্থিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।   বিলটিতে স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সব ধরনের অর্থায়ন আটকে দিয়ে যুক্তরাষ্ট্রের সীমানা সম্পূর্ণ অরক্ষিত করার এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যা দেশটিকে পুনরায় অপরাধ ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার শামিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প দেশজুড়ে গণ-বহিষ্কার বা 'মাস ডিপোর্টেশন' অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। শুরুতে শুধু অপরাধের রেকর্ড থাকা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার কথা বলা হলেও, পরবর্তীতে যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের ওপরও এই অভিযান সম্প্রসারিত করা হয়। লিগ্যাল ডিফেন্স ফান্ড নামের একটি সংগঠনের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম নয় মাসে আইসিই-এর রাস্তায় ধরপাকড় আগের তুলনায় প্রায় ১১ গুণ বেড়েছে, যার মধ্যে নির্দোষ বা আগে কোনো সাজা পাননি এমন ব্যক্তিদের গ্রেপ্তারের হার বেড়েছে অন্তত সাত গুণ।   মানবাধিকার ও অভিবাসী অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো অবশ্য এই বিলের তীব্র বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, কোনো ধরনের জবাবদিহিতা বা রক্ষাকবচ ছাড়াই এই বিপুল অর্থায়ন অভিবাসী সম্প্রদায়কে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। আইসিই এবং সিবিপি-এর বিরুদ্ধে বর্ণবৈষম্য, মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ এবং বিনা পরোয়ানায় তল্লাশির মতো অসাংবিধানিক কৌশল ব্যবহারের অভিযোগ তুলেছেন তারা। তবে ট্রাম্প প্রশাসন এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে ‘অপারেশন মেট্রো সার্জ’ চলাকালীন রেনি গুড এবং অ্যালেক্স প্রেটি নামের দুই মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনার পরই মূলত ডেমোক্র্যাটরা এই বিলের বিপক্ষে কঠোর অবস্থান নেয়। তারা দাবি করেছিল, কর্মকর্তাদের আচরণের ওপর আইনি বাধ্যবাধকতা ও জবাবদিহিতা যুক্ত না করা পর্যন্ত তারা কোনো অর্থায়ন বিলে সমর্থন দেবে না। এর জেরে ডিএইচএস-এর অর্থায়ন আটকে যায় এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনসহ (টিএসএ) সংস্থাটির অপরিহার্য নয় এমন কার্যক্রম টানা ৭৬ দিন বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন।   অবশেষে রিপাবলিকানরা সিনেটের বিশেষ ‘বাজেট রিকনসিলিয়েশন’ বা বাজেট সমন্বয় প্রক্রিয়া ব্যবহার করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস করতে সক্ষম হয়। স্বাভাবিক নিয়মে এই বিল পাসের জন্য অন্তত ৬০টি ভোটের প্রয়োজন হলেও, এই বিশেষ প্রক্রিয়ায় তারা খুব সহজেই বাধা অতিক্রম করে। তবে এই অর্থায়নের কড়া সমালোচনা করে নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের (এনওয়াইআইসি) প্রেসিডেন্ট মুরাদ আওয়াউদেহ এক বিবৃতিতে বলেন, অভিবাসীদের বলির পাঁঠা বানালে জনসাধারণের নিরাপত্তা বাড়বে—এমন এক মিথ্যা ধারণার ওপর ভিত্তি করেই করদাতাদের এই বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই বিলের ফলে আইসিই মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে আগের মতোই আইনবহির্ভূত ও সহিংস কার্যক্রম চালানোর একটি অবাধ লাইসেন্স পেয়ে গেল, যা পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার পাশাপাশি গোটা সমাজ ব্যবস্থাকেই চরম অস্থিতিশীল করে তুলবে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৭:২১
ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় চোখের পলকে ডাকাতি, ১৫ হাজার ডলারের পোকেমন কার্ড নিয়ে চম্পট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নিউজার্সিতে দুটি আলাদা শপে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে হাজার হাজার ডলার মূল্যের ‘পোকেমন ট্রেডিং কার্ড’ লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডের 'দ্য কার্ড ল্যাব' নামের একটি বিশেষ ট্রেডিং কার্ড এবং কালেকটিবলস স্টোর থেকে মাত্র ৩৯ সেকেন্ডে প্রায় ১৫ হাজার ডলারের কার্ড লুট করে পালিয়েছে ডাকাত দল। ব্রেন্টউড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গত শনিবার রাতে তিন সদস্যের একটি দল এই ডাকাতির ঘটনা ঘটায়।   প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা তিনজন ব্যক্তি স্টোরের কাউন্টার টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মূল্যবান কার্ড রাখা কাঁচের ডিসপ্লে কেস ভেঙে ফেলে এবং বড় প্লাস্টিকের আবর্জনার ব্যাগে করে অসংখ্য কার্ড ভরে দ্রুত পালিয়ে যায়। স্টোরের মালিক রনি হ্যাকেট জানান, ঘটনার সময় একজন নারী ম্যানেজার স্টোরের ওপরের তলায় কাজ করছিলেন। তিনি বলেন, "আমার প্রথম চিন্তা ছিল আমার কর্মচারীর নিরাপত্তা নিয়ে।   সে সুস্থ আছে জেনে আমি স্বস্তি পেয়েছি। সে নিচে থাকলে বড় কোনো বিপদ হতে পারত।" ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কয়েকদিন স্টোরটি বন্ধ রাখা হয়েছিল, তবে বর্তমানে সেটি আবার চালু হয়েছে বলে জানা গেছে। মাত্র দুই মাস আগে এই স্টোরটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছিল।   এদিকে, এই ঘটনার মাত্র কয়েকদিন আগে নিউজার্সির রচেল পার্কের ‘বিগ প্যাক হবি শপ’ নামের আরেকটি কার্ড শপেও একই ধরনের ভয়াবহ ডাকাতি হয়। সেখান থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ডলার মূল্যের পোকেমন কার্ড চুরি যায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, কালো পোশাক পরা তিন ব্যক্তি মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের মধ্যে ডিসপ্লে কেস ভেঙে লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পুলিশ আশা করছে, লাইসেন্স প্লেট রিডার ব্যবহার করে অপরাধীদের গা ঢাকা দেওয়ার কাজে ব্যবহৃত ছোট ও গাঢ় রঙের এসইউভি গাড়িটি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।   মূল্যবান ট্রেডিং কার্ড স্টোরগুলোকে লক্ষ্য করে এ ধরনের চুরি ও ডাকাতির ঘটনা সম্প্রতি দেশটিতে উদ্বেগজনক হারে বেড়েছে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৭:১২
ছবি: কোলাজ আমেরিকা বাংলা
ইরান থেকে প্রতি রাতে লাখ লাখ ব্যারেল তেল আনছে আমেরিকা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে তীব্র রাজনৈতিক চাপের মুখে এক অভূতপূর্ব ও বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি রাতে ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছে। ট্রাম্পের মতে, আমেরিকার এই চাঞ্চল্যকর পদক্ষেপের কারণেই মূলত বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।   সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমরা ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছি—সত্যিই লাখ লাখ ব্যারেল। প্রতি রাতে আমরা এই তেল সরিয়েছি।" আমেরিকার এই বিশেষ অভিযানের কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নাগালের মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, লাখ লাখ ব্যারেল তেল বের করে আনা হয়েছে বলেই আজ প্রতি ব্যারেল তেলের দাম ২৫০ ডলারে না ঠেকে ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, তিনি বিশ্ববাজারে তেলের মূল্যস্ফীতি ঠেকানোর পুরো কৃতিত্ব নিজের প্রশাসনের এই কথিত গোপন বা বিশেষ পদক্ষেপের ওপর দিতে চাচ্ছেন।   উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, যার ফলে তীব্র রাজনৈতিক কোণঠাসা অবস্থায় রয়েছে ট্রাম্প প্রশাসন। বিরোধীদের লাগাতার সমালোচনা এবং অভ্যন্তরীণ চাপের মুখে নিজের অবস্থানের সপক্ষে যুক্তি দিতে গিয়েই ট্রাম্প তেলের বাজারের এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন।   একই সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দেন যে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির অবসান হওয়া মাত্রই জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে। তবে মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা ইরান থেকে ঠিক কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এই তেল সরানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা তিনি দেননি।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৬:৪৬
ছবিঃ নিউইয়র্ক পোস্ট
ক্যালিফোর্নিয়ায় নিজ বাবা ও পোষা কুকুরকে আগুনে পুড়িয়ে মারার দায়ে ছেলের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের সান্তা বারবারা কাউন্টিতে নিজ বাবা ও পরিবারের পোষা কুকুরকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সান্তা বারবারা কাউন্টি সুপিরিয়র কোর্টে এই রোমহর্ষক মামলার রায় ঘোষণার সময় ঘাতক জোসেফ অ্যাশলি গার্সিয়াকে সম্পূর্ণ ভাবলেশহীন ও নির্লিপ্ত দেখা যায়। ২০২২ সালে ক্যালিফোর্নিয়ার লম্পক শহরে নিজের ৬৮ বছর বয়সী বাবা জোসেফ মাইকেল গার্সিয়াকে নৃশংসভাবে হত্যার দায়ে গত এপ্রিলেই তাকে ফার্স্ট-ডিগ্রি মার্ডার বা প্রথম মাত্রার খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।   আদালতে রায় ঘোষণার সময় আসামিকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। বিচারক স্টিফেন ডাংকল যখন তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় পড়ে শোনাচ্ছিলেন, তখন সে পুরোপুরি নির্বিকার হয়ে বসে ছিল। এমনকি আদালতে যখন ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জবানবন্দি এবং নিহত বাবার একটি ভিডিও প্রদর্শন করা হচ্ছিল, তখনও তার চেহারায় অনুশোচনার কোনো ছাপ ছিল না। আদালতে উপস্থিত থাকা অবস্থায় সে কেবল একবার তার আইনজীবীর দিকে ঝুঁকে ফিসফিস করে কিছু একটা বলেছিল।   ২০২২ সালের জুন মাসে লম্পক শহরের নর্থ ডি স্ট্রিটের ওই বাড়িতে পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা দেখতে পায়, জানালার ওপাশে ছেলে তার বাবার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় লিপ্ত এবং বাবা পরিবারের পোষা কুকুর 'চার্লি'কে কোলে নিয়ে বসে আছেন। ছেলে পুলিশকে ভেতরে ঢুকতে বাধা দিলে তারা জোরপূর্বক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে তীব্র চিৎকার ও কুকুরের ডাক শুনতে পান পুলিশ কর্মকর্তারা। ঘরে ঢুকে তারা দেখতে পান যে, বাবার পুরো শরীর আগুনে জ্বলছে এবং কুকুরটিও মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।   এই ভয়ংকর হামলায় ভুক্তভোগী বাবার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায় এবং দ্বিতীয় ও তৃতীয় মাত্রার দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ত্বকের গ্রাফটিং সার্জারি চলার সময় সেপটিক শকে আক্রান্ত হয়ে ১০ দিন পর তার মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি পুলিশকে জানিয়ে গিয়েছিলেন যে, তার ছেলে প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল এবং পরে কুকুরটিকে চেয়েছিল। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল থেকে অর্ধেক ভর্তি একটি অ্যাসিটোনের বোতল, একটি লাইটার এবং একটি বড় আকারের চাপাতি উদ্ধার করেন। ধারণা করা হয়, এই অ্যাসিটোন ব্যবহার করেই শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।   কর্তৃপক্ষের মতে, মাদকাসক্তির কারণে ঘাতক ছেলের মধ্যে এমন হিংস্রতার জন্ম হয়েছিল। সে সন্দেহ করত যে, তার বাবা ও তার স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে এবং এই ভিত্তিহীন ক্ষোভ থেকেই সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে গত এপ্রিলে জুরি বোর্ড তাকে ফার্স্ট-ডিগ্রি মার্ডার এবং বিশেষ পরিস্থিতিতে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করে। সান্তা বারবারা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জন সাভরনচ এই মামলাটিকে তার অফিসের পরিচালিত সবচেয়ে ভয়ংকর এবং বিরক্তিকর মামলাগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেছেন।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১৬:২৩