- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি শক্তিশালী ‘অ্যাপাচি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত সোমবারের এই ঘটনার পর ওই অঞ্চলে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি চরম হুমকির মুখে পড়েছে। আজ মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ভোরে সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধার হওয়া ক্রু সদস্যরা সুস্থ আছেন। তবে এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, খুব শিগগিরই এই ঘটনার একটি আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। ঠিক কী কারণে অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি ইরানি বাহিনীর হামলায় ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই সংঘাত শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো মার্কিন অ্যাপাচি বিমান হারানোর ঘটনা। ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরুদ্ধ করার প্রতিক্রিয়ায় গত এপ্রিল থেকে মার্কিন সামরিক বাহিনীও পাল্টা অবরোধ আরোপ করেছে। সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি বন্দরে ঢোকার চেষ্টা করায় তারা এ পর্যন্ত ১৩৪টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে এবং ৭টি জাহাজকে অচল করে দিয়েছে। মূলত ওমান উপসাগরে ইরানি ড্রোন ও ছোট নৌকার হামলা প্রতিহত করতেই এই বিমানগুলো সেখানে টহল দিচ্ছল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল এবং ইরানের মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি ড্রোন ভূপাতিত করেছে এবং শত্রুপক্ষ ও নিজেদের ভুল আক্রমণের কারণে আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রে যেসব বিমানযাত্রীর কাছে ‘রিয়েল আইডি’ বা অন্য কোনো গ্রহণযোগ্য পরিচয়পত্র নেই, তাদের ওপর ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের আরোপিত নতুন ৪৫ ডলার ফি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান আইনপ্রণেতারা। এই ফি আদায় রুখতে তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বার্ষিক বাজেট বিলের খসড়ায় বিশেষ ধারা যুক্ত করেছেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০২৭ অর্থবছরের এই বাজেট বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে। বিলে পরিষ্কার বলা হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় গ্রহণযোগ্য পরিচয়পত্র ছাড়া আসা যাত্রীদের পরিচয় যাচাইকরণ কর্মসূচির জন্য টিএসএ কোনো ধরনের ফি ধার্য বা আদায় করতে পারবে না। কমিটির প্রতিবেদনে হাউস রিপাবলিকানরা জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে চালু হওয়া ‘কনফার্মআইডি’ নামের এই নতুন ফি আদায়ের জন্য টিএসএ-এর কোনো বৈধ আইনি কর্তৃত্ব নেই। এর আগে প্রাকৃতিক দুর্যোগ বা চুরির কারণে কোনো যাত্রী আইডি ছাড়া এলে টিএসএ বিনামূল্যে এই পরিচয় যাচাইয়ের কাজটি করত। কিন্তু বর্তমানের এই নতুন ব্যবস্থা আগের চেয়ে কয়েক গুণ বেশি ব্যয়বহুল। তবে টিএসএ-এর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডাম স্টাল গত ডিসেম্বরে এই ফির সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, অধিকাংশ যাত্রীর কাছেই রিয়েল আইডি বা পাসপোর্ট থাকে। কিন্তু যারা পর্যাপ্ত আইডি ছাড়া আসবেন, তাদের পরিচয় নিশ্চিত করার খরচ সাধারণ করদাতাদের ওপর না চাপিয়ে সংশ্লিষ্ট যাত্রীর কাছ থেকেই নেওয়া উচিত। সংস্থাটির দাবি, ৯৪ শতাংশের বেশি যাত্রীর কাছেই সঠিক পরিচয়পত্র থাকে। নতুন এই বাজেটে হাউস জিপিউ টিএসএ-এর জন্য মোট ১১.২ বিলিয়ন ডলারের প্রস্তাব করেছে, যা আগের বছরের চেয়ে ৩৪৭ মিলিয়ন ডলার কম। তবে এই বাজেটে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নিরাপত্তা স্ক্রিনিং বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফেডারেল এয়ার মার্শালদের বাজেট ২৯০.৪ মিলিয়ন ডলার কমানো হলেও স্ক্রিনিং প্রযুক্তির রক্ষণাবেক্ষণ খরচ ১৯২ মিলিয়ন ডলার বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাস্কেটবল খেলা দেখতে গিয়ে গ্যালারির দর্শকদের তীব্র হট্টগোল ও ভুয়ো (boo) ধ্বনির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে এনবিএ ফাইনালসের (NBA Finals) তৃতীয় ম্যাচের খেলা শুরুর আগে জাতীয় সংগীত চলার সময় এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম গথামিস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্টেডিয়ামের ভেতরের ভিডিওগুলোতে দেখা যায়, বড় পর্দায় ট্রাম্পের মুখ ভেসে উঠতেই গ্যালারি জুড়ে দর্শকরা চিৎকার ও ভুয়ো ধ্বনি দিতে শুরু করেন। সেখানে অল্প কিছু সমর্থক ট্রাম্পের পক্ষে আওয়াজ তুললেও পুরো স্টেডিয়াম জুড়ে ট্রাম্প বিরোধীদের ভুয়ো ধ্বনিই প্রধান হয়ে ওঠে। একই সময়ে ব্রায়ান্ট পার্কে আয়োজিত নিউইয়র্ক নিকসের অফিশিয়াল ওয়াচ পার্টিতেও দর্শকদের কাছ থেকে একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ম্যাচ দেখতে আসার ঘটনাকে কেন্দ্র করে পুরো মিডটাউন ম্যানহাটন এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। নিউ ইয়র্ক পুলিশ (NYPD) এবং সিক্রেট সার্ভিস দুপুরের পর থেকেই স্টেডিয়ামের চারপাশের বেশ কয়েকটি ব্লক বন্ধ করে দেয়। এর ফলে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং স্টেডিয়ামের বাইরে পূর্বনির্ধারিত একটি বড় ওয়াচ পার্টিও বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই শত শত মানুষ পশ্চিম ৩৪ নম্বর রাস্তায় ভিড় জমান। ট্রাম্পের গাড়িবহর যাওয়ার সময় অনেকে ট্রাম্পের বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন, আবার কিছু মানুষ ছবি তোলার জন্য ভিড় করেন। ক্যালিফোর্নিয়া থেকে আসা পর্যটক তানিয়া ওলসেন জানান, ট্রাম্পের আগমনের প্রতিবাদ জানাতেই তিনি নিজের পারিবারিক ভ্রমণের পরিকল্পনা স্থগিত রেখে এখানে অবস্থান নিয়েছেন। ১৯৯৯ সালের পর এই প্রথম নিউইয়র্ক নিকস তাদের ঘরের মাঠে এনবিএ ফাইনালস ম্যাচ খেলছিল। সান আন্তোনিও স্পার্সের বিরুদ্ধে হাই-ভোল্টেজ এই ম্যাচের টিকিট আগেই সব বিক্রি হয়ে গিয়েছিল। ট্রাম্পের আগমনে এই বাড়তি নিরাপত্তার কারণে কয়েকদিন ধরেই এলাকার চাকুরিজীবী ও ব্যবসায়ীরা চরম যাতায়াত ভোগান্তির অভিযোগ করে আসছিলেন। সূত্র: গথামিস্ট
আঞ্চলিক উত্তেজনার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিমান চলাচল শুরু হয়েছে। সৌদি আরব থেকে ফিরে আসা হজযাত্রীদের বহনকারী ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে কার্যক্রম পুনরায় চালু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে মঙ্গলবার (৯ জুন) ভোরে এ তথ্য জানানো হয়। তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কোম্পানির অপারেশন বিভাগের উপপ্রধান গণমাধ্যমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিমান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে বিদেশে অবস্থানরত ইরানি নাগরিক এবং হজ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। এর আগে, রোববার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত কারণে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এখন ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনার প্রভাব সরাসরি বিমান চলাচলের ওপর পড়ায় যাত্রী ও আন্তর্জাতিক যোগাযোগে বড় ধরনের প্রভাব পড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান চলাচল পুনরায় চালু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১ লাখ ডলারের অতিরিক্ত ফি বেআইনি বলে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার (৮ জুন) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে অবস্থিত যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক লিও সোরোকিন এই রায় দেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের ফি আরোপ করা যায় না। এটি কার্যত একটি কর, আর এমন কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন নতুন এইচ-১বি ভিসার জন্য ১ লাখ ডলার ফি নির্ধারণ করে। এতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ব্যয় হঠাৎ করে অনেক বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতসহ বিভিন্ন শিল্পে বিদেশি প্রকৌশলী ও বিশেষজ্ঞ নিয়োগে এই ভিসার ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়াসহ ২০টি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা আদালতে মামলা করেন। তাদের অভিযোগ ছিল, প্রেসিডেন্টের এমন ফি আরোপের আইনি ক্ষমতা নেই এবং এটি সংবিধানের পরিপন্থী। আদালতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, এটি কোনো কর নয়; বরং জাতীয় স্বার্থের পরিপন্থী মনে হলে নির্দিষ্ট বিদেশি নাগরিকদের প্রবেশ সীমিত করার ক্ষমতার আওতায় একটি বৈধ আর্থিক ব্যবস্থা। তবে বিচারক সোরোকিন সেই যুক্তি নাকচ করে দেন। তিনি বলেন, অর্থের প্রকৃতি বিবেচনায় এটি স্পষ্টতই করের মতো, তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া তা আরোপ করা বৈধ নয়। রায়ের পর হোয়াইট হাউস জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় প্রেসিডেন্টের বিদেশিদের প্রবেশ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে এবং ট্রাম্প সেই ক্ষমতাই প্রয়োগ করেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে এইচ-১বি কর্মসূচির আওতায় প্রতি বছর ৬৫ হাজার ভিসা দেওয়া হয়। উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত আরও ২০ হাজার ভিসা বরাদ্দ রয়েছে। সাধারণত এসব ভিসার জন্য নিয়োগদাতাদের ২ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত সরকারি ফি পরিশোধ করতে হয়। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এইচ-১বি কর্মসূচির সুযোগ নিয়ে অনেক প্রতিষ্ঠান তুলনামূলক কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করছে, ফলে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই অতিরিক্ত ফি আরোপ করা হয়েছিল। তবে সরকারি তথ্য বলছে, ফি কার্যকর হওয়ার পর খুব কম সংখ্যক প্রতিষ্ঠান এটি পরিশোধ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৮৫টি আবেদন থেকে এই ফি আদায় করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ। তার মতে, এত উচ্চ ফি আন্তর্জাতিক দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত করছিল। সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বৃহত্তর আটলান্টার নরক্রসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জেডএইচবি সলিউশনের নতুন অফিস। উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক বিশেষ “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী, প্রযুক্তি খাতের পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ইয়ং এন্টারপ্রেনর প্রকৌশলী জহিরুল হক ভূইয়াঁ, প্রতিষ্ঠাতা, সিইও ও প্রিন্সিপাল এজেন্ট অফ ZHB Solutions আমেরিকা বাংলার সম্পাদকীয় উপদেষ্টা নুরুল্লাহ সাইদকে জানান, আন্তর্জাতিক প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং সেবা প্রদানকারী বেটোপিয়া গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হবে প্রতিষ্ঠানটির কার্যক্রম। মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সহায়তা, আউটসোর্সিং, সফটওয়্যার সাপোর্ট এবং বিভিন্ন ডিজিটাল সেবা এই অফিসের মাধ্যমে পরিচালনা করা হবে। তিনি জানান, জেডএইচবি সলিউশনস প্রযুক্তি, বীমা ও রিয়েল এস্টেট খাতে সমন্বিত সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সাপোর্ট, ম্যানেজড সার্ভিস, ক্লাউড সলিউশন, ডেভঅপস এবং সাইবার সিকিউরিটি সেবার পাশাপাশি ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আধুনিক প্রযুক্তি সহায়তা দেবে। এছাড়া জেডএইচবি এজেন্সির মাধ্যমে অটো, হোম ও ব্যবসায়িক বীমা সেবা এবং জেডএইচবি রিয়েলটির আওতায় আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিনিয়োগ পরামর্শ ও রিয়েল এস্টেট সেবাও প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটোপিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন। বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি ও আউটসোর্সিং খাতে বাংলাদেশিদের দক্ষতা আন্তর্জাতিক বাজারে দিন দিন আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। তিনি জানান, বেটোপিয়া গ্রুপ দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টদের জন্য প্রযুক্তি সহায়তা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এবং বিভিন্ন আইটি-ভিত্তিক সেবা দিয়ে আসছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ZHB Solutions LLC-এর কার্যক্রম চালুর মাধ্যমে দেশটির ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আধুনিক ও দ্রুত প্রযুক্তি সহায়তা প্রদান করা হবে। বিশেষ করে ব্যবসা ব্যবস্থাপনা সহায়তা, অনলাইন ব্র্যান্ডিং, ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রাহকসেবা ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর কাস্টম সল্যুশন নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। মুহাম্মদ মনির হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর বৈশ্বিক বাজারে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা অনেক বড়। সঠিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের কাজের পরিবেশ নিশ্চিত করা গেলে প্রবাসী বাংলাদেশিরা আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জর্জিয়া স্টেটের পাঁচবারের নির্বাচিত সিনেটর শেখ রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি আরেফিন বাবুল এবং জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেলসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা নতুন এই উদ্যোগকে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং প্রযুক্তি খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানজুড়ে প্রযুক্তি ও উদ্ভাবন, উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা, আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ, আউটসোর্সিং খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর ব্যবসার দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি হয়। নরক্রসের নিজস্ব প্রতিষ্ঠান ZHB Solutions-এর অফিসে, 732 Holcomb Bridge Rd, Norcross, GA 30071 ঠিকানায় এই “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রে প্রযুক্তিভিত্তিক সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়নেও প্রতিষ্ঠানটি কাজ করবে।
বাংলাদেশকে ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পূর্ণাঙ্গ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রাশিয়ার সমর্থন কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মস্কো সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। সোমবার (৮ জুন) মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. খলিলুর রহমান রাশিয়ার কাছে ব্রিকস ও এসসিওতে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন চেয়েছেন। বর্তমানে ব্রিকস বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোর অন্যতম প্রভাবশালী জোট হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে এসসিও ইউরেশীয় অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বৈঠকে উভয় নেতা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। আলোচনার এক পর্যায়ে তারা চার দশকেরও বেশি আগে জাতিসংঘে নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময়কার ব্যক্তিগত সম্পর্ক ও স্মৃতিচারণও করেন। বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ড. খলিলুর রহমান বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম ছিল সোভিয়েত ইউনিয়ন। দুই দেশই ২০২৭ সালে কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উদযাপনের অপেক্ষায় রয়েছে। জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে ধন্যবাদ জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ার জন্য। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি পণ্যের নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করার জন্যও রাশিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে হালকা ও ভারী প্রকৌশল শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক শিল্প, পেট্রোকেমিক্যাল, ইস্পাত উৎপাদন এবং তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। আলোচনায় ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও কথা হয়। বাংলাদেশ এই উদ্যোগ বাস্তবায়নে রাশিয়ার সহযোগিতা চেয়েছে। বর্তমানে রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তান ইইসির সদস্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি সরবরাহ সম্পন্ন হওয়ায় রাশিয়া সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ইউনিট চালু করতে রাশিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন। দুই দেশের মধ্যে শ্রমশক্তি রপ্তানি ও জনশক্তি নিয়োগের বিষয়েও আলোচনা হয়। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী। একই সঙ্গে পুনর্বাসন চুক্তি ও মানবসম্পদ সংক্রান্ত সমঝোতা স্মারকসহ বিভিন্ন বিচারাধীন চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে রাশিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া কয়েকজন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও উত্থাপন করেন ড. খলিলুর রহমান। এ বিষয়ে রাশিয়া সরকার প্রয়োজনীয় বিবেচনা করবে বলে আশ্বাস দেন সের্গেই ল্যাভরভ। এ ছাড়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে। ল্যাভরভ জানান, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানে রাশিয়া সহযোগিতা করতে আগ্রহী। বৈঠকের শেষে মস্কো সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সালমা সুমাইয়া যুক্তরাষ্ট্রের অন্যতম স্বনামধন্য গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিসৌরি-কলাম্বিয়া (মিজু)-তে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেবেন। রুয়েটের ২০১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর অর্জনকে বিশ্ববিদ্যালয়টির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। কারণ শুধু পিএইচডিতে ভর্তির সুযোগই নয়, সালমা পেয়েছেন সম্পূর্ণ অর্থায়নভিত্তিক গবেষণা সহায়তা, যার আওতায় তাঁর টিউশন ফি সম্পূর্ণ মওকুফ থাকবে। পাশাপাশি মাসিক গবেষণা বৃত্তি বা স্টাইপেন্ডের মাধ্যমে তাঁর জীবনযাত্রা ও গবেষণাসংক্রান্ত ব্যয়ও বহন করবে বিশ্ববিদ্যালয়। রুয়েট ম্যাটারিয়ালস ক্লাব এবং বিভাগীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রস্তুতি, একাডেমিক সাফল্য এবং গবেষণার প্রতি আগ্রহের ফল হিসেবেই এই সুযোগ অর্জন করেছেন সালমা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাঁর এই সাফল্যে গর্ব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইউনিভার্সিটি অব মিসৌরি-কলাম্বিয়া একটি সুপরিচিত নাম। এটি আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ (এএইউ)-এর সদস্য, যেখানে দেশটির শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে এই সংগঠনের সদস্যপদ বিশেষ মর্যাদার বলে বিবেচিত হয়। বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল অনুষদও যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রকৌশল শিক্ষা ও গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক বিভিন্ন মূল্যায়নে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ভালো অবস্থান ধরে রেখেছে। টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং অনুযায়ী, প্রতিষ্ঠানটির অবস্থান ১২৪তম। ফলে সেখানে গবেষণার সুযোগ পাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে ভর্তি হওয়া এখন অনেক মেধাবী শিক্ষার্থীর লক্ষ্য। সালমা সুমাইয়ার এই সাফল্য সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল উদাহরণ। রুয়েটের শিক্ষার্থীরা মনে করছেন, সালমার এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গবেষণার প্রতি একাগ্রতা, একাডেমিক দক্ষতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব, সেটিই প্রমাণ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, সালমার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি রুয়েটের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার মান এবং গবেষণার সক্ষমতারও প্রতিফলন। তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি আরও বাড়াতে ভূমিকা রাখবে। ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে তাঁর সাফল্য নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, সহপাঠী এবং সাবেক শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, এই অর্জন রুয়েটের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে। উচ্চশিক্ষার পথে সালমা সুমাইয়ার এই নতুন যাত্রা শুধু তাঁর নিজের নয়, দেশের প্রকৌশল শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা বহন করছে। আন্তর্জাতিক গবেষণাঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের সক্ষমতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তাঁর এই সাফল্য স্মরণীয় হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মাত্র দুই মাস পর আবারও সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ইরান। সোমবার দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলার পর রাশিয়ার তেল আবিব দূতাবাস নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ভ্রমণের ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করেছে। সোমবার প্রকাশিত এক নির্দেশনায় রুশ দূতাবাস ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের সব ধরনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। তবে ইরানি রকেট হামলায় এখন পর্যন্ত কোনো রুশ নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দূতাবাস। উদ্ভূত পরিস্থিতির কারণে হাইফাতে অবস্থিত রাশিয়ান কনস্যুলেট চলতি সপ্তাহে তাদের কর্মঘণ্টা এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের সেবা প্রদানের পরিসর কমিয়ে শুধুমাত্র পাসপোর্ট, রুশ ভিসা এবং দেশে ফেরার ছাড়পত্র প্রদানের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তবে তেল আবিবের কনস্যুলার শাখার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। লেবাননে চলমান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সোমবার ইসরায়েলের ওপর ব্যাপক আক্রমণ চালায় ইরান। এর তাৎক্ষণিক জবাবে ইসরায়েলও মধ্য ও পশ্চিম ইরানে পাল্টা আক্রমণ চালায়। নতুন করে শুরু হওয়া এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যকে ফের একটি সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান। এই আহ্বানের পরপরই ইরানের সেনাবাহিনী ইসরায়েলে তাদের হামলা সমাপ্তির ঘোষণা দেয়। তবে একইসঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আগ্রাসন ও শত্রুতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের প্রেক্ষিতে ইসরায়েলও ইরানের ওপর তাদের আক্রমণ স্থগিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলি সামরিক পদক্ষেপকে 'সশস্ত্র আগ্রাসনের উসকানিমূলক কাজ' আখ্যা দিয়ে একাধিকবার নিন্দা জানিয়েছে মস্কো। গত এপ্রিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিলেন। তবে সেসময়ই তিনি সতর্ক করে বলেছিলেন যে, নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা ওই অঞ্চল এবং সমগ্র বিশ্বের জন্য অনিবার্য ও চরম ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য প্রতিযোগিতা যখন নতুন পর্যায়ে পৌঁছেছে, তখন চীনের কয়েকটি শীর্ষ প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানকে ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। নতুন এই পদক্ষেপে আলিবাবা, বাইদু, বিওয়াইডি, নিওসহ কয়েক ডজন চীনা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে ওয়াশিংটনের নজরদারির আওতায়। মঙ্গলবার প্রকাশিত এক ফেডারেল রেজিস্টার নোটিশে পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনাকারী এবং চীনের সামরিক খাতের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় এমন প্রতিষ্ঠানগুলোকে জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের (এনডিএএ) ১২৬০এইচ ধারার আওতায় ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান বাইদু, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি ও নিও, ওষুধ গবেষণা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্সি অ্যাপটেক, রোবট নির্মাতা ইউনিট্রি, নেটওয়ার্ক সরঞ্জাম প্রস্তুতকারী টিপি-লিংক এবং সৌরশক্তি খাতের প্রতিষ্ঠান জেএ সোলার ও ট্রিনা সোলার। এ ছাড়া ব্যাটারি নির্মাতা সিএএলবি ও ইভ এনার্জি, লিডার প্রযুক্তি প্রতিষ্ঠান হেসাই ও রোবোসেন্স এবং ডিসপ্লে প্যানেল নির্মাতা বিওই টেকনোলজি গ্রুপকেও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পেন্টাগনের দাবি, এসব প্রতিষ্ঠানের কিছু চীনা রাষ্ট্রীয় সংস্থা, সামরিক-বেসামরিক সমন্বয় কর্মসূচি, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অথবা সরকারি শিল্প উন্নয়ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন সূচক পাওয়া গেছে। সেই বিবেচনায় আইনি কাঠামোর আওতায় তাদের তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই তালিকাভুক্তির অর্থ সরাসরি কোনো নিষেধাজ্ঞা নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে, ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে প্রতিষ্ঠানগুলোর ওপর স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে এটি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তাদের কার্যক্রম, বিনিয়োগ সংগ্রহ এবং সরকারি প্রকল্পে অংশগ্রহণকে জটিল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যানবাহন, উন্নত ব্যাটারি প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, জৈবপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের দ্রুত অগ্রগতিকে কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছে। ফলে এসব খাতের বড় প্রতিষ্ঠানগুলো ক্রমেই ওয়াশিংটনের বাড়তি নজরদারির মুখে পড়ছে। চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্প বিশেষ করে বিওয়াইডির উত্থান সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনা প্রতিষ্ঠানগুলো এখন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এদিকে তালিকাভুক্তির বিষয়ে আলিবাবার কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আলিবাবা হংকংভিত্তিক সংবাদপত্র ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর মালিক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা, রপ্তানি নিয়ন্ত্রণ, বিনিয়োগ সীমাবদ্ধতা এবং জাতীয় নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক বছরে সম্পর্ক আরও জটিল হয়েছে। নতুন এই তালিকা সেই প্রতিযোগিতাকে আরও তীব্র করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে, পেন্টাগনের এই পদক্ষেপ শুধু নিরাপত্তা ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং উন্নত প্রযুক্তি খাতে বৈশ্বিক নেতৃত্বের লড়াইয়েও এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। আগামী দিনে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি-নির্ভর ভূরাজনৈতিক প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয়, তা আন্তর্জাতিক বাজার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আবাসন সংকট মোকাবিলা এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বাসস্থানের সুযোগ বাড়াতে ২০২৬ অর্থবছরে ২ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি ফেডারেল তহবিল ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে নগর কর্তৃপক্ষ। মায়ামি সিটির হাউজিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট বিভাগ সম্প্রতি তাদের প্রস্তাবিত বার্ষিক কর্মপরিকল্পনা (ফিসকাল ইয়ার ২০২৬ অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান) প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) থেকে পাওয়া বিভিন্ন কর্মসূচির অর্থ কীভাবে ব্যয় করা হবে, তার বিস্তারিত তুলে ধরা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, অর্থের একটি বড় অংশ ব্যয় হবে সাশ্রয়ী আবাসন নির্মাণ, পুরোনো ঘরবাড়ি সংস্কার, প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের ডাউন পেমেন্ট সহায়তা, গৃহহীনদের জরুরি সহায়তা এবং এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করার কাজে। প্রকাশিত নথি অনুযায়ী, সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদের আবাসন সহায়তা কর্মসূচির জন্য। ‘হাউজিং অপরচুনিটিজ ফর পারসনস উইথ এইডস’ (হোপওয়া) কর্মসূচির আওতায় নতুন অর্থবছরে ১ কোটি ৪৭ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এর সঙ্গে আগের বছরের অব্যবহৃত আরও প্রায় ২৫ লাখ ডলার যুক্ত হবে। এই অর্থ মূলত ভাড়াভিত্তিক আবাসন সহায়তায় ব্যয় করা হবে। কর্মসূচির আওতায় উপকারভোগীদের সরাসরি ভাড়া পরিশোধ, আবাসন পরিদর্শন, স্বল্পমেয়াদি বন্ধক ও ইউটিলিটি বিল সহায়তা এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে সহায়তা দেওয়া হবে। আবাসন নির্মাণ ও সংস্কারেও বড় বিনিয়োগ মায়ামির আবাসন পরিকল্পনার দ্বিতীয় বৃহত্তম খাত হচ্ছে ‘হোম’ কর্মসূচি। এ কর্মসূচির জন্য নতুন অর্থবছরে প্রায় ২৭ লাখ ৯১ হাজার ডলার বরাদ্দ এসেছে। পাশাপাশি আগের বছরের অব্যবহৃত তহবিল ও বিভিন্ন কর্মসূচির আয় মিলিয়ে আরও প্রায় ৬৫ লাখ ডলার যুক্ত হবে। ফলে মোট প্রায় ৯০ লাখ ডলারের তহবিল সাশ্রয়ী আবাসন নির্মাণ, বিদ্যমান বাড়িঘর সংস্কার এবং বাড়ি কিনতে আগ্রহী নাগরিকদের ডাউন পেমেন্ট সহায়তায় ব্যয় করা হবে। মায়ামির বর্তমান আবাসন বাজারে বাড়ির মূল্য এবং বন্ধক ঋণের ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো বাড়ি কেনার পরিকল্পনা করা অনেক পরিবারের জন্য ডাউন পেমেন্ট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নগর কর্তৃপক্ষের মতে, এই সহায়তা কর্মসূচি সেই চাপ কিছুটা কমাতে পারে। তবে কোন এলাকায় নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন হবে বা কোন ঠিকানায় সংস্কার কাজ করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো প্রকল্পের নাম প্রকাশ করা হয়নি। নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য বহুমুখী সহায়তা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক গ্র্যান্ট (সিডিবিজি) কর্মসূচির আওতায় নতুন অর্থবছরে প্রায় ৪৯ লাখ ডলার এবং আগের বছরের আরও ৩৭ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এই অর্থের একটি বড় অংশ স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই কমিউনিটি গড়ে তোলার কাজে ব্যয় হবে। নতুন বরাদ্দের প্রায় ২৬ লাখ ডলার এবং আগের বছরের প্রায় ৩৬ লাখ ডলার একই খাতে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া জনসেবামূলক কার্যক্রমের জন্য প্রায় ৭ লাখ ৪২ হাজার ডলার, আবাসন কর্মসূচির জন্য প্রায় ৬ লাখ ৪৩ হাজার ডলার এবং প্রশাসনিক ব্যয়ের জন্য প্রায় ৯ লাখ ৮৯ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে। গৃহহীনদের জন্য জরুরি সহায়তা গৃহহীন ও আবাসন সংকটে থাকা মানুষের জন্য ‘ইমার্জেন্সি সল্যুশনস গ্র্যান্ট’ (ইএসজি) কর্মসূচির আওতায় মোট ৪ লাখ ৪১ হাজার ৭৫৭ ডলার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৬৫ হাজার ডলার পথে বসবাসকারী মানুষের কাছে পৌঁছানোর কার্যক্রমে ব্যয় হবে। দ্রুত পুনর্বাসন এবং গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির জন্য রাখা হয়েছে প্রায় ১ লাখ ৪৩ হাজার ডলার। প্রশাসনিক খাতে ব্যয় হবে ৩৩ হাজার ডলার। এ কর্মসূচিতে আগের বছরের কোনো অব্যবহৃত অর্থ নতুন অর্থবছরে বহন করা হচ্ছে না। সেকশন-৮ ভাড়া সহায়তা কর্মসূচিতেও অর্থ পরিকল্পনা অনুযায়ী, মায়ামি সিটি প্রায় ৬৭ লাখ ডলারের সেকশন-৮ হাউজিং চয়েস ভাউচার তহবিলও গ্রহণ করবে। এর মধ্যে প্রায় ৬১ লাখ ডলার সরাসরি ভাড়া সহায়তায় এবং প্রায় ৫ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার প্রশাসনিক ব্যয়ে ব্যবহার করা হবে। সেকশন-৮ কর্মসূচি যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আবাসন সহায়তা ব্যবস্থা হিসেবে পরিচিত। এর মাধ্যমে উপকারভোগীরা বেসরকারি মালিকানাধীন বাসায় ভর্তুকিযুক্ত ভাড়ায় বসবাসের সুযোগ পান। স্থানীয় আবাসন সহায়তা পরিকল্পনাতেও পরিবর্তন ফেডারেল ব্যয় পরিকল্পনার পাশাপাশি ২০২৫ থেকে ২০২৮ মেয়াদের স্থানীয় আবাসন সহায়তা পরিকল্পনাতেও সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে মায়ামি সিটি। বিশেষ করে একক পরিবারের জরুরি সহায়তা কর্মসূচি এবং একক পরিবারের আবাসন সংস্কার কর্মসূচিতে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের বাড়ির মালিকদের ঘরবাড়ি মেরামত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বসবাসযোগ্য পরিবেশ বজায় রাখতে সহায়তা দেওয়া হয়। তবে কী ধরনের পরিবর্তন আনা হচ্ছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জনমত গ্রহণ শুরু নগর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ জুন থেকে পরিকল্পনাটি জনসাধারণের পর্যালোচনার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ৯ জুলাই মায়ামি সিটি কমিশনের এক উন্মুক্ত শুনানিতে পরিকল্পনাটির ওপর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোকোনাট গ্রোভ এলাকার প্যান আমেরিকান ড্রাইভে অবস্থিত সিটি কমিশন ভবনে সকাল ৯টায় শুনানি শুরু হবে। অনুষ্ঠানটি মায়ামি টিভি এবং কমকাস্ট চ্যানেল ৭৭-এ সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া আগামী ২৮ জুলাই পর্যন্ত নাগরিকরা লিখিত মতামত জমা দিতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, মায়ামিতে সাম্প্রতিক বছরগুলোতে আবাসনের মূল্য এবং ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাশ্রয়ী আবাসনের সংকট তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে ফেডারেল তহবিলের এই বরাদ্দ নিম্ন আয়ের পরিবার, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং আবাসন অনিশ্চয়তায় থাকা মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পরিকল্পনার প্রকৃত প্রভাব নির্ভর করবে অর্থ কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয় এবং তা প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে কত দ্রুত পৌঁছায় তার ওপর।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রিভারডেল এলাকার বাসিন্দা তাতিয়ানা স্কোয়ার নিজের পরিবারের জন্য একটি নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন। গত বছর তিন শয়নকক্ষ ও দুই বাথরুমের একটি সংস্কারকৃত বাড়ি কিনে তিনি ভেবেছিলেন, অবশেষে সন্তানদের জন্য স্থিতিশীল ও নিরাপদ একটি পরিবেশ নিশ্চিত করতে পেরেছেন। কিন্তু বাড়ি কেনার এক বছরের মধ্যেই সম্পত্তি করের বিশাল বিল সেই স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফক্স শিকাগোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কুক কাউন্টি অ্যাসেসরস অফিস থেকে পাওয়া এক চিঠিতে জানতে পারেন, তার বাড়ির মূল্য পুনর্মূল্যায়নের পর বার্ষিক সম্পত্তি করের পরিমাণ বেড়ে প্রায় ১৭ হাজার ডলারে পৌঁছেছে। অথচ বাড়িটি তিনি কিনেছিলেন ২ লাখ ৭ হাজার ডলারে। তাতিয়ানা স্কোয়ার জানান, ফেব্রুয়ারিতে ডাকযোগে চিঠিটি পাওয়ার পর তিনি বিস্মিত হয়ে পড়েন। তার ভাষায়, করের কারণে মাসিক ব্যয় প্রায় ২ হাজার ডলার পর্যন্ত বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে তিনি প্রশ্ন তোলেন, “আমি কি কোনো লেকের ধারের বিলাসবহুল এলাকায় থাকি? নাকি নেপারভিলের মতো কোনো অভিজাত শহরে?” স্কোয়ার বলেন, তার পরিবারের মধ্যে দাদীর পর তিনিই প্রথম বাড়ির মালিক হয়েছেন। সন্তানদের শহরের কোলাহল থেকে দূরে একটি শান্ত পরিবেশে বড় করে তোলার লক্ষ্যেই তিনি রিভারডেলে বাড়ি কিনেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে বাড়ি ছেড়ে যাওয়ার কথাও ভাবতে হচ্ছে। “আমি কঠোর পরিশ্রম করে এই বাড়ি কিনেছি। আমার সন্তানরা এখানে সুখে আছে। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো আমাদের চলে যেতে হবে,” বলেন তিনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্কোয়ারের রিয়েল এস্টেট এজেন্ট রোনাল্ড টুসাঁ। তিনি রিভারডেল এলাকার অন্তত ৪৫টি সম্পত্তির কর সংক্রান্ত নথি পর্যালোচনা করে দেখেছেন, স্কোয়ারের বাড়ির করই সবচেয়ে বেশি। তার মতে, “রিভারডেলে কেউ বাড়ি কিনে মাসে ৪ হাজার ডলারের সমপরিমাণ মর্টগেজ ও কর পরিশোধের কথা কল্পনাও করে না।” তবে কুক কাউন্টি অ্যাসেসরস অফিস বলছে, এই ঘটনা বৃহত্তর একটি সমস্যার প্রতিফলন। তাদের মতে, উচ্চ করহার এবং দ্রুত বাড়তে থাকা সম্পত্তির মূল্যের কারণে অনেক গৃহমালিক একই ধরনের চাপের মুখে পড়ছেন। অফিসটির এক বিবৃতিতে বলা হয়, ২ লাখ ডলারের একটি বাড়ির জন্য ১৩ হাজার থেকে ১৭ হাজার ডলার কর পরিশোধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আইন অনুযায়ী সম্পত্তির ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করা তাদের বাধ্যবাধকতা। কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট বাড়িটি দীর্ঘদিন খালি থাকার পর সংস্কার করা হয় এবং ২০২৪ সালে পুনরায় বিক্রি হয়। মূল্যায়নের সময় আশপাশের একই ধরনের সংস্কারকৃত বাড়ির বিক্রয়মূল্য বিশ্লেষণ করা হয়েছে। ওই এলাকায় তুলনামূলক কয়েকটি বাড়ি ২ লাখ ১৫ হাজার থেকে ২ লাখ ৪৪ হাজার ডলারের মধ্যে বিক্রি হয়েছে। অ্যাসেসরস অফিস আরও জানায়, স্কোয়ারের প্রতিবেশীদের অনেক সম্পত্তি এখনো পুরোনো মূল্যায়নের ভিত্তিতে কর দিচ্ছে। পরবর্তী পুনর্মূল্যায়ন চক্রে তাদের করও বাড়তে পারে। তবে সম্পত্তির মূল্য নির্ধারণ করলেও করহার নির্ধারণ করে না অ্যাসেসরস অফিস। করহার নির্ধারণ করে স্থানীয় সরকার ও বিভিন্ন প্রশাসনিক কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, ২০২৪ করবর্ষে রিভারডেলের কার্যকর সম্পত্তি করহার ছিল প্রায় ২৭ শতাংশ, যা কুক কাউন্টি এবং পুরো যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ। তুলনামূলকভাবে শিকাগো শহরে এই হার প্রায় ৬ শতাংশ। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গৃহমালিকদের জন্য প্রযোজ্য বিভিন্ন কর-ছাড় সুবিধা ব্যবহার করলে স্কোয়ারের কর বিল ১৭ হাজার ডলার থেকে কমে প্রায় ১৩ হাজার ডলারে নামতে পারে। তবে এটিও অনেক পরিবারের জন্য বড় আর্থিক বোঝা বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। রিভারডেলের করের একটি বড় অংশ স্থানীয় সরকারি সেবা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ব্যয় করা হয়। এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট ১৪৮ এবং থর্নটন টাউনশিপ হাই স্কুল ডিস্ট্রিক্ট ২০৫। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠ ও গণিত দক্ষতার ফলাফল ইলিনয়ের গড় মানের নিচে রয়েছে। এ কারণে অনেক বাসিন্দার মধ্যে প্রশ্ন উঠেছে, অঞ্চলের অন্যতম সর্বোচ্চ সম্পত্তি কর আদায় করা হলেও সেই অর্থের যথাযথ ব্যবহার কোথায় হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বাড়ির মূল্য দ্রুত বৃদ্ধি, স্থানীয় সরকারের উচ্চ কর নির্ভরতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বাড়ির মালিকানা ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। রিভারডেলের এই ঘটনা সেই বাস্তবতারই একটি স্পষ্ট উদাহরণ। ফক্স শিকাগোর প্রতিবেদনে উঠে আসা তাতিয়ানা স্কোয়ারের অভিজ্ঞতা এখন অনেক আমেরিকান পরিবারের উদ্বেগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হলেও ক্রমবর্ধমান করের চাপ সেই স্বপ্নকে কতটা টেকসই রাখবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ১৭ জন অভিবাসী নাগরিকের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের মামলা দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন, আর্থিক জালিয়াতি, ভিসা প্রতারণা, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং অভিবাসন প্রক্রিয়ায় মিথ্যা তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির বিচার বিভাগ জানায়, বিভিন্ন অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে এসব মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী, কেউ যদি প্রতারণা, তথ্য গোপন বা মিথ্যা তথ্যের মাধ্যমে নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে আদালতের মাধ্যমে তার নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। এই প্রক্রিয়াকে “ডিন্যাচারালাইজেশন” বলা হয়। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, “যারা অপরাধ লুকিয়ে নাগরিকত্বের সুযোগ নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব একটি বিশেষ অধিকার, এটি প্রতারণার মাধ্যমে অর্জনের সুযোগ নেই।” হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব মার্কওয়েন মুলিনও একই ধরনের কঠোর বার্তা দিয়ে বলেন, “যারা আইন ভঙ্গ করে এবং অভিবাসন প্রক্রিয়ায় মিথ্যা তথ্য দেয়, তারা এই সুযোগ হারাবে। প্রশাসন আইনগত সব পথ ব্যবহার করে ব্যবস্থা নেবে।” বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে কিউবার নাগরিক ৫৪ বছর বয়সী লেইডিস ডেলমাস গার্সিয়ার বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগ রয়েছে। তদন্তে বলা হয়, তিনি ও তার সহযোগীরা ফ্লোরিডায় ৩০টি ফিজিক্যাল থেরাপি ক্লিনিক পরিচালনা করে বীমা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ কোটি ৬৭ লাখ ডলারের বেশি অর্থ ভুয়া বিলের মাধ্যমে হাতিয়ে নেন। অথচ নাগরিকত্বের আবেদনকালে তিনি দাবি করেছিলেন, তিনি কোনো অপরাধে জড়িত নন। হাইতির নাগরিক জ্যঁ ক্লদ আলফ্রেডের বিরুদ্ধে নিজের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে দীর্ঘ সময় যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নাগরিকত্বের আবেদন করার আগেই তিনি এসব অপরাধে জড়িত ছিলেন, কিন্তু আবেদনপত্রে তা গোপন করেন। পরে আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। কলম্বিয়ার নাগরিক আন্দ্রেয়া মারোকুইনের বিরুদ্ধে মাদক ব্যবসা থেকে আসা অর্থ ব্যবহার করে মিয়ামিতে ভুয়া রিয়েল এস্টেট লেনদেনের অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বলছেন, তিনি এক প্রভাবশালী কলম্বিয়ান মাদক ব্যবসায়ীর মেয়ে এবং বাবার মৃত্যুর পর আর্থিক জালিয়াতিতে জড়িয়ে পড়েন। ভারতের নাগরিক নীরজ শর্মার বিরুদ্ধে ভুয়া এইচ-১বি ভিসা আবেদন জমা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি নিউ জার্সিভিত্তিক একটি কর্মসংস্থান প্রতিষ্ঠানের মালিক ছিলেন। অভিযোগে বলা হয়, তিনি জাল নথি ও ভুয়া করপোরেট তথ্য ব্যবহার করে একাধিক ভিসা আবেদন করেছিলেন এবং নাগরিকত্বের সময় এসব তথ্য গোপন করেন। এছাড়া জামাইকা, মেক্সিকো, সোমালিয়া, ফিলিপাইন, চীন, কঙ্গো এবং ডোমিনিকান রিপাবলিকের আরও কয়েকজনের বিরুদ্ধে শিশু নির্যাতন, মাদক বিতরণ, আর্থিক জালিয়াতি, পরিচয় গোপন এবং অভিবাসন প্রতারণার অভিযোগ রয়েছে। একজন কলম্বিয়ান ক্যাথলিক পুরোহিত ফার্নান্দো ক্রিস্টানচোর বিরুদ্ধেও মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি ধর্মীয় নেতৃত্বের সুযোগ ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের যৌনভাবে নির্যাতন করেন। পরে তিনি আদালতে দোষ স্বীকার করেন এবং ২২ বছরের কারাদণ্ড পান। বিচার বিভাগ জানিয়েছে, এসব মামলার তদন্ত ও আইনি কার্যক্রমে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং বিভিন্ন অঙ্গরাজ্যের ফেডারেল প্রসিকিউটর অফিস সহযোগিতা করেছে। ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান আরও জোরদার হওয়ার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। সমালোচকরা বলছেন, এতে বৈধ অভিবাসীদের মধ্যেও উদ্বেগ বাড়তে পারে। তবে প্রশাসনের দাবি, কেবল প্রতারণা ও গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসন অভিযান জোরদারের সম্ভাবনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে নিউইয়র্কে ফেডারেল অভিবাসন সংস্থা আইসিইর তৎপরতা বাড়তে পারে—এমন ইঙ্গিতের পর বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনা বাড়ছে বিভিন্ন মহলে। মার্কিন সংবাদমাধ্যম ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, সাবেক আইসিই কর্মকর্তা টমাস হোম্যান সম্প্রতি নিউইয়র্কে আরও বেশি সংখ্যক অভিবাসন কর্মকর্তার উপস্থিতির ইঙ্গিত দেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যে অভিবাসন কার্যক্রম সীমিত করতে গভর্নর ক্যাথি হোকুলের নতুন আইনি পদক্ষেপের পর তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্কের সংস্কৃতি, অর্থনীতি ও ক্রীড়া অঙ্গনে অভিবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আয়োজনেও অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ ও শ্রম বড় ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি। মামদানি আরও বলেন, “নিউইয়র্ক সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের শহর। আমরা এমন কোনো পরিস্থিতি চাই না, যেখানে মানুষের মধ্যে ভয় বা অনিশ্চয়তা তৈরি হয়।” বিশ্বকাপ উপলক্ষে আগামী সময়ে নিউইয়র্কে বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম হওয়ার কথা রয়েছে। এমন সময়ে অভিবাসন অভিযান নিয়ে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য শহরটির পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক বক্তব্য অতিরঞ্জিত বা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ভাষায় প্রকাশ করা হচ্ছে। ফলে প্রকৃত পরিস্থিতি বুঝতে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও সরকারি বিবৃতির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের অন্যতম বড় বিষয়। বিশেষ করে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে এ নিয়ে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। সামনের জাতীয় নির্বাচন ঘিরে এই ইস্যু আরও বেশি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সোমবার মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রযুক্তি খাত ও চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারদরের পুনরুদ্ধারের ফলে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে লেনদেন শেষ করেছে। তবে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক সামান্য পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবারের বড় ধরনের দরপতনের পর তুলনামূলক কম দামে শেয়ার কেনার সুযোগ কাজে লাগাতে শুরু করেন বিনিয়োগকারীরা। একই সময়ে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ হামলা বন্ধের ঘোষণা দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানানোর পর পরিস্থিতির পরিবর্তন দেখা যায়। গত ২৪ ঘণ্টার সংঘাতকে চলতি বছরের এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে সরাসরি মুখোমুখি অবস্থান হিসেবে দেখা হচ্ছে। দিন শেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২২ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭ হাজার ৪০৫ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছায়। নাসডাক কম্পোজিট সূচক ২২২ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়ে ২৫ হাজার ৯৩১ দশমিক ৫৬ পয়েন্টে ওঠে। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৭৫ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ৫০ হাজার ৭৯১ দশমিক ১৭ পয়েন্টে নেমে আসে। দিনের লেনদেনে প্রযুক্তি খাতের শেয়ারগুলো শক্তিশালী অবস্থান ফিরে পায়। বিশেষ করে ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচকে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়। গত শুক্রবার চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারদরে বড় পতনের ফলে বাজারমূল্যে প্রায় ১ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছিল। চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের শেয়ারদরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ২০২৮ সালের জন্য ৩০ লাখের বেশি টেনসর প্রসেসিং ইউনিট উৎপাদনের অর্ডার দিয়েছে। নিউ জার্সিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান চেরি লেন ইনভেস্টমেন্টসের অংশীদার রিক মেকলার বলেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারদরের সাম্প্রতিক পতনের পর অনেক বিনিয়োগকারী এখন কম দামে শেয়ার কিনছেন। তার মতে, বিশ্লেষকেরাও আবার এসব প্রতিষ্ঠানের শেয়ার কেনার সুপারিশ করতে শুরু করেছেন। রিক মেকলার আরও বলেন, দীর্ঘদিন ধরে বাজার প্রায় নিখুঁত পরিস্থিতি ধরে নিয়ে মূল্যায়িত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি সে রকম নয়। ফলে বাজারে ওঠানামা এবং বিনিয়োগকারীদের উদ্বেগকে স্বাভাবিক বলেই মনে করছেন তিনি। এদিকে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপল তাদের ভার্চুয়াল সহকারী সিরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা ঘোষণা করেছে। তবে এ ঘোষণার পরও দিনের শেষভাগে কোম্পানিটির শেয়ারদর কিছুটা কমেছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, প্রত্যাশিত ঘোষণার পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ার কৌশল নিয়েছেন। দীর্ঘদিন ধরে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে বলে আলোচনা রয়েছে। অন্যদিকে চিপ নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল টেকনোলজির শেয়ারদরও বেড়েছে। আগামী ২২ জুন থেকে প্রতিষ্ঠানটি এসঅ্যান্ডপি ৫০০ সূচকে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলি লিলির শেয়ারও ঊর্ধ্বমুখী ছিল। কোম্পানিটির নতুন প্রজন্মের স্থূলতা প্রতিরোধী ওষুধ ‘রেটাট্রুটাইড’-এর পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, ওষুধটি ওজন কমানোর পাশাপাশি স্লিপ অ্যাপনিয়ার তীব্রতা হ্রাস এবং হাঁটুর ব্যথা উপশমেও সহায়তা করতে পারে।a
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যেমন বড় অর্জন, তেমনি ভিসা পাওয়ার পর তা ধরে রাখতে নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এসব নিয়ম ভঙ্গ করলে মার্কিন শিক্ষার্থী ভিসা বাতিল বা প্রত্যাহারের ঝুঁকি তৈরি হয়, যা পড়াশোনা ও বৈধ অবস্থান উভয়কেই প্রভাবিত করতে পারে। ভিসা বাতিল হতে পারে যেসব কারণে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা বিভিন্ন পরিস্থিতিতে বাতিল হতে পারে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো—কোনো শিক্ষার্থী যদি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি বা যথাযথ তথ্য ছাড়া পাঁচ মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন, তাহলে তার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যটিতে স্থানান্তরের ক্ষেত্রে ভিসা-সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে আপডেট না করলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে বিবেচনা করা হতে পারে, যা ভিসা বাতিলের কারণ হতে পারে। ভুয়া তথ্য বা নথি জমা দেওয়া, অনুমতি ছাড়া কাজ করা অথবা অন্য কোনো ধরনের জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে ভিসা বাতিল হতে পারে। শিক্ষার্থীর ব্যক্তিগত পরিস্থিতির পরিবর্তন বা নতুন তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ যদি মনে করে তিনি আর ভিসার শর্ত পূরণ করছেন না, সেক্ষেত্রেও ভিসা বাতিল হতে পারে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিষয় বা অপরাধের অভিযোগও কিছু ক্ষেত্রে ভিসা বাতিলের কারণ হতে পারে। ভিসা বাতিল হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমে জানতে হবে কোন কারণে ভিসা বাতিল হয়েছে। এটি প্রশাসনিক ত্রুটি, দীর্ঘ অনুপস্থিতি বা অন্য কোনো কারণে হয়েছে কি না, তা স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। এরপর করণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে-বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করা ভুল সিদ্ধান্ত হলে বা ব্যাখ্যার সুযোগ থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুনরায় আবেদন বা আপিল করা জটিল পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীর সহায়তা নেওয়া ট্রাভেল বা স্টুডেন্ট ইনস্যুরেন্সে ভিসা বাতিলজনিত সুবিধা আছে কি না তা যাচাই করা শিক্ষার্থী ভিসা বাতিল হওয়া কঠিন পরিস্থিতি হলেও দ্রুত পদক্ষেপ, সঠিক তথ্য জানা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও লেবাননকে ঘিরে সংঘাত নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক মিত্রদের সুরক্ষায় ইরান এখন শুধু প্রক্সি গোষ্ঠীর ওপর নির্ভর না করে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের পথে এগোচ্ছে, যা যুদ্ধবির্তার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান বারবার সতর্ক করে আসছিল যে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। সেই সতর্কতার মধ্যেই রোববার রাতে ইরান দুই মাসের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায়। ঘটনার সূত্রপাত হয় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি হামলার পর। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে আশ্বাস দেওয়া হয়েছিল, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা না চালালে বৈরুতে আক্রমণ হবে না। তবে সেই অবস্থান ভেঙে গেলে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, এটি ছিল একটি সতর্কবার্তা। ভবিষ্যতে একই ধরনের হামলা হলে জবাব আরও বিস্তৃত হবে এবং অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুও এর আওতায় আসতে পারে। এর জবাবে সোমবার ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ইরানও দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। দ্বিতীয় দফা হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী জানায়, আপাতত ইসরায়েলকে লক্ষ্য করে অভিযান শেষ করা হয়েছে। তবে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, তেহরান দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সহ্য করলেও বৈরুতকে একটি ‘লাল রেখা’ হিসেবে বিবেচনা করছে। তাদের মতে, বৈরুতে হামলার মাধ্যমে ইসরায়েল সেই সীমা অতিক্রম করেছে এবং ইরানের সরাসরি প্রতিক্রিয়া তারই ফল। বর্তমান সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো, ইরান তার দীর্ঘদিনের আঞ্চলিক কৌশলে পরিবর্তন আনছে। আগে হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরাক-সিরিয়ার মিত্র সশস্ত্র সংগঠনগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার করত তেহরান। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বিশ্লেষকদের মতে, প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ পরিচালনার পরিবর্তে ইরান সরাসরি রাষ্ট্রীয় সামরিক শক্তি ব্যবহার করে তাদের রক্ষা করার চেষ্টা করছে। তাদের মতে, হিজবুল্লাহকে রক্ষা করতে ব্যর্থ হলে ইরানের পুরো আঞ্চলিক জোটব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। সে কারণেই তেহরান লেবানন প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে। গত মার্চে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালানোর পর লেবানন আবারও সংঘাতে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহ দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার অভিযোগ এবং লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই তারা হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে শুরু হওয়া নতুন সংঘাতে দেশটিতে ৩ হাজার ৬১৩ জন নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে আলোচনার পর নতুন একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও হিজবুল্লাহ নেতা নাইম কাসেম তা প্রত্যাখ্যান করেছেন। তিনি একে ‘প্রহসন’ বলে অভিহিত করে বলেন, লেবাননে বোমা হামলা চলতে থাকলে উত্তর ইসরায়েলে তাদের হামলাও অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে একটি সাময়িক যুদ্ধবিরতি সম্ভব হলেও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে, অন্যদিকে ইরান, ইসরায়েল ও হিজবুল্লাহ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে। ফলে সংঘাত পুরোপুরি থামার বদলে একটি অস্থির ভারসাম্যের মধ্যে দীর্ঘ সময় ধরে চলতে পারে।
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্কের ভারতে বিশাল বিনিয়োগ পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি বাংলাদেশেও আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী কয়েক বছরে ভারতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বেশি। জানা গেছে, এই বিনিয়োগ মূলত ভারতের ডাটা সেন্টার ও ডিজিটাল অবকাঠামো খাতে ব্যয় করা হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সেবা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মের ব্যবহার দ্রুত বাড়ছে। এর ফলে ডাটা সংরক্ষণ ও পরিচালনার জন্য বড় আকারের অবকাঠামোর চাহিদাও বাড়ছে বিশ্বজুড়ে। সেই চাহিদাকে সামনে রেখেই ভারত এখন আন্তর্জাতিক প্রযুক্তি বিনিয়োগকারীদের অন্যতম বড় গন্তব্যে পরিণত হয়েছে। রবিন খুদা বাংলাদেশের বংশোদ্ভূত। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও তার পড়াশোনার অভিজ্ঞতা রয়েছে। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় গিয়ে প্রযুক্তি খাতে ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে তার প্রতিষ্ঠিত এয়ারট্রাঙ্ক এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম পরিচিত ডাটা সেন্টার কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই বিনিয়োগ পরিকল্পনা বাংলাদেশেও নানা ধরনের আলোচনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকা একজন সফল উদ্যোক্তা কেন এত বড় বিনিয়োগ ভারতের মতো দেশে করলেন, বাংলাদেশে নয়। অনেকে মনে করছেন, প্রযুক্তি ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত পরিবেশ পুরোপুরি তৈরি করতে পারেনি। অর্থনীতি বিশ্লেষকদের মতে, ৩০ বিলিয়ন ডলারের এই বিনিয়োগের পরিমাণ বাংলাদেশের জাতীয় বাজেটের বড় একটি অংশের সমপরিমাণ। যদিও বাজেট ও ডলার বিনিময় হার অনুযায়ী এ হিসাব কিছুটা ভিন্ন হতে পারে, তবুও দক্ষিণ এশিয়ার প্রযুক্তি খাতে ভারতের বর্তমান অবস্থান এবং বিনিয়োগ সক্ষমতা এই ঘোষণার মাধ্যমে আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনের অর্থনীতিতে ডাটা সেন্টার ও ডিজিটাল অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই খাতে যে দেশ যত বেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে, প্রযুক্তি অর্থনীতিতে তাদের অবস্থান তত শক্তিশালী হবে।
চীনের এক ব্যক্তি ফ্ল্যাটের মূল্য পরিশোধ করার বহু বছর পর জানতে পারেন, তিনি যে ৩৪ তলার অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তার কোনো অস্তিত্বই নেই। কারণ যে ভবনে ফ্ল্যাটটি থাকার কথা ছিল, সেটি নির্মিত হয়েছে মাত্র ৩২ তলা পর্যন্ত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শেন নামের ওই ব্যক্তি ২০১৩ সালে চীনের শানসি প্রদেশের শিয়ান শহরের নিকটবর্তী একটি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য অর্থ পরিশোধ করেন। পরে তিনি জানতে পারেন, তিনি একটি আবাসন কেলেঙ্কারির শিকার হয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, শেন কথিত ৩৪তম তলায় ৯০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটার ২ হাজার ৬৪৬ ইউয়ান দরে কিনেছিলেন। প্রকল্পটি ‘সীমিত সম্পত্তির অধিকার’ ক্যাটাগরির হওয়ায় এর মূল্য তুলনামূলক কম ছিল। এ ধরনের প্রকল্প অনেক ক্ষেত্রে সরকারি অনুমোদন ছাড়া নির্মিত হয় এবং সাধারণ আবাসিক প্রকল্পের মতো পূর্ণ আইনি সুরক্ষা পায় না। ২০১৩ সালে শেন অ্যাপার্টমেন্টটির জন্য ১ লাখ ১৭ হাজার ৭০০ ইউয়ান ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করেন। তার দাবি, প্রয়োজনীয় অনুমোদন ও সনদপত্র পরে সংগ্রহ করে দেওয়া হবে বলে ডেভেলপার তাকে আশ্বস্ত করেছিল। তবে এ ধরনের প্রকল্পে প্রয়োজনীয় আইনি নথিপত্র সংগ্রহ করা অনেক সময় সম্ভব হয় না। অ্যাপার্টমেন্টটি ২০১৫ সালে হস্তান্তরের কথা থাকলেও নির্মাণকাজে বিলম্ব হওয়ায় সময়সীমা পিছিয়ে যায়। পরে ২০১৭ সালে ডেভেলপার শেনকে জানায়, ভবনটিতে মাত্র ৩২টি তলা রয়েছে। ফলে তিনি যে ইউনিট কিনেছেন বলে মনে করেছিলেন, সেটি বাস্তবে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তীতে কোম্পানিটি তাকে ৩২ তলায় একটি বিকল্প অ্যাপার্টমেন্টের প্রস্তাব দেয়। কিন্তু শেন তাৎক্ষণিকভাবে বাকি অর্থ পরিশোধ করতে না পারায় সেই ইউনিট অন্য একজন ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর শেন তার অর্থ ফেরত দাবি করেন। তবে ডেভেলপার জানায়, তারা আর্থিক সংকটে রয়েছে এবং পুরো অর্থ একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব নয়। ডেভেলপারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে শেন ২০২০ সালে ২০ হাজার ইউয়ান এবং ২০২২ সালে আরও ৫০ হাজার ইউয়ান ফেরত পান। পরে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হন। কর্তৃপক্ষ ডেভেলপারকে শেনের অগ্রিম পরিশোধ করা অর্থের অবশিষ্ট ৪৭ হাজার ৭০০ ইউয়ান এবং এর সঙ্গে ২৭ হাজার ইউয়ান সুদ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে আদেশে বলা হয়, নির্ধারিত অর্থ পরিশোধ না করলে ডেভেলপারকে অতিরিক্ত ৪৭ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দিতে হবে। তবে ওই নির্দেশনার পরও চলতি বছরের মে মাস পর্যন্ত শেন তার বকেয়া অর্থ ফেরত পাননি। অ্যাপার্টমেন্টটি কেনার এক দশকের বেশি সময় পার হলেও তিনি এখনো পূর্ণ ক্ষতিপূরণ পাননি। ঘটনাটি চীনে আইনি সুরক্ষাবিহীন স্বল্পমূল্যের আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৪ জন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ভূমিকম্পের পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। শক্তিশালী এই কম্পন মিন্দানাওজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয় এবং প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি অনুভূত হয়। সরকারি তথ্য অনুযায়ী, মিন্দানাওয়ে ধ্বংসাবশেষ ও ভূমিধসে ৩২ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাত লাখ মানুষের বসবাসের শহর জেনারেল সান্তোস সিটি। সেখানে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু স্থাপনা ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দা ৪৪ বছর বয়সী জোজো কালমা বলেন, এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প দেখেছেন তিনি। তিনি জানান, ভূমিকম্পের সময় তিনি একটি ভবনের সামনে মোটরচালিত থ্রি-হুইলার ট্যাক্সি চালাচ্ছিলেন এবং পরে ভবনটি ধসে পড়ে। তবে তিনি অক্ষত থাকেন। তাঁর সন্তানরা তখন স্কুলে ছিল, তারা নিরাপদ রয়েছে। তবে তাঁর ভাইয়ের বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সরকারের প্রকাশ করা ভিডিওতে একটি ফাস্টফুড দোকানসংবলিত ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। ভবনটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ধুলার মেঘ ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক তৈরি হয়। দীর্ঘ ছুটির পর স্কুল খোলার পরদিনই এই ভূমিকম্প আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে মোতায়েন করেছে সরকার। ভূমিকম্পের পর দক্ষিণ ফিলিপাইন, উত্তর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাবাহ রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে ছয় ঘণ্টার বেশি সময় পর সতর্কতা প্রত্যাহার করা হয় এবং উপকূলীয় বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশও তুলে নেওয়া হয়। এর আগে গত বছর ফিলিপাইনে একাধিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৯ জন নিহত হন। পরবর্তী সময়ে মিন্দানাওয়েও আরও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।