যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সোমবার মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রযুক্তি খাত ও চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারদরের পুনরুদ্ধারের ফলে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে লেনদেন শেষ করেছে। তবে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক সামান্য পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবারের বড় ধরনের দরপতনের পর তুলনামূলক কম দামে শেয়ার কেনার সুযোগ কাজে লাগাতে শুরু করেন বিনিয়োগকারীরা। একই সময়ে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ হামলা বন্ধের ঘোষণা দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানানোর পর পরিস্থিতির পরিবর্তন দেখা যায়। গত ২৪ ঘণ্টার সংঘাতকে চলতি বছরের এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে সরাসরি মুখোমুখি অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
দিন শেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২২ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭ হাজার ৪০৫ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছায়। নাসডাক কম্পোজিট সূচক ২২২ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়ে ২৫ হাজার ৯৩১ দশমিক ৫৬ পয়েন্টে ওঠে। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৭৫ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ৫০ হাজার ৭৯১ দশমিক ১৭ পয়েন্টে নেমে আসে।
দিনের লেনদেনে প্রযুক্তি খাতের শেয়ারগুলো শক্তিশালী অবস্থান ফিরে পায়। বিশেষ করে ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচকে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়। গত শুক্রবার চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারদরে বড় পতনের ফলে বাজারমূল্যে প্রায় ১ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছিল।
চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের শেয়ারদরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ২০২৮ সালের জন্য ৩০ লাখের বেশি টেনসর প্রসেসিং ইউনিট উৎপাদনের অর্ডার দিয়েছে।
নিউ জার্সিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান চেরি লেন ইনভেস্টমেন্টসের অংশীদার রিক মেকলার বলেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারদরের সাম্প্রতিক পতনের পর অনেক বিনিয়োগকারী এখন কম দামে শেয়ার কিনছেন। তার মতে, বিশ্লেষকেরাও আবার এসব প্রতিষ্ঠানের শেয়ার কেনার সুপারিশ করতে শুরু করেছেন।
রিক মেকলার আরও বলেন, দীর্ঘদিন ধরে বাজার প্রায় নিখুঁত পরিস্থিতি ধরে নিয়ে মূল্যায়িত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি সে রকম নয়। ফলে বাজারে ওঠানামা এবং বিনিয়োগকারীদের উদ্বেগকে স্বাভাবিক বলেই মনে করছেন তিনি।
এদিকে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপল তাদের ভার্চুয়াল সহকারী সিরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা ঘোষণা করেছে। তবে এ ঘোষণার পরও দিনের শেষভাগে কোম্পানিটির শেয়ারদর কিছুটা কমেছে।
বাজার সংশ্লিষ্টদের ধারণা, প্রত্যাশিত ঘোষণার পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ার কৌশল নিয়েছেন। দীর্ঘদিন ধরে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে বলে আলোচনা রয়েছে। অন্যদিকে চিপ নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল টেকনোলজির শেয়ারদরও বেড়েছে। আগামী ২২ জুন থেকে প্রতিষ্ঠানটি এসঅ্যান্ডপি ৫০০ সূচকে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলি লিলির শেয়ারও ঊর্ধ্বমুখী ছিল। কোম্পানিটির নতুন প্রজন্মের স্থূলতা প্রতিরোধী ওষুধ ‘রেটাট্রুটাইড’-এর পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, ওষুধটি ওজন কমানোর পাশাপাশি স্লিপ অ্যাপনিয়ার তীব্রতা হ্রাস এবং হাঁটুর ব্যথা উপশমেও সহায়তা করতে পারে।a
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং বাড়িভাড়া লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় বড় শহরগুলোতে অ্যাপার্টমেন্টের ভাড়া কিংবা মর্টগেজের কিস্তি শোধ করতে গিয়ে আয়ের একটা বড় অংশ চলে যায়। এই আর্থিক সংকট ও চড়া মূল্যের হাত থেকে বাঁচতে অনেকে এখন ক্রুজ শিপ বা প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাস করার বিকল্প ট্রেন্ড বেছে নিচ্ছেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের ধারণা রয়েছে যে, প্রমোদতরীতে বসবাস করা মানেই কেবল অতিবিত্তশালীদের বিলাসিতা। কিন্তু বর্তমান বাস্তবতায় অনেক তরুণ ও পেশাজীবী হিসাব কষে দেখছেন যে, ডাঙায় স্থায়ী আবাসন বজায় রাখার চেয়ে ক্রুজ শিপের ভাসমান দুনিয়ায় জীবন কাটানো অনেক ক্ষেত্রে বেশি সাশ্রয়ী। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর সব তথ্য। অনেকেই তাদের প্রচলিত ৯টা-৫টার অফিসের ধরাবাঁধা জীবন ছেড়ে কিংবা রিমোট ওয়ার্কের পূর্ণ স্বাধীনতাকে কাজে লাগিয়ে পাকাপাকিভাবে প্রমোদতরীতে থিতু হয়েছেন। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর বাসিন্দা ২৮ বছর বয়সী তরুণ অস্টিন ওয়েলস ‘এমভি ন্যারেটিভ’ নামের একটি বিশাল মেগা প্রমোদতরীতে দীর্ঘ ১২ বছরের জন্য একটি অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন। মেটা কোম্পানির অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি বিভাগে কর্মরত এই তরুণ তিন লাখ মার্কিন ডলার খরচ করে ২৩৭ বর্গফুটের একটি কেবিন কিনেছেন। সান ডিয়েগোতে যেখানে একটি সাধারণ অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়াই আকাশচুম্বী, সেখানে ওয়েলস হিসাব করে দেখেছেন যে এই ভাসমান ঠিকানায় তার মাসিক খরচ মাত্র দুই হাজার ডলারের কাছাকাছি দাঁড়ায়। তিনি রিমোট জবের মাধ্যমে নিজের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি জাহাজে বসেই বিশ্ব ভ্রমণ করছেন। শুধু অস্টিন একা নন, শারন লেন নামের ৭৪ বছর বয়সী এক মার্কিন নারী ‘ভিলা ভি ওডিসি’ নামের একটি আবাসিক ক্রুজ শিপে ১৫ বছরের জন্য কেবিন নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। তার মতে, ডাঙার জীবনে নিত্যদিনের বাজার করা বা ঘর পরিষ্কার করার কোনো ঝামেলা জাহাজে পোহাতে হয় না। আইটি পেশাজীবী রায়ান গুট্রিজ বছরের প্রায় ৩০০ দিনই ক্রুজ শিপে কাটিয়ে দেন এবং সেখান থেকেই তার ক্লাউড সলিউশন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ পরিচালনা করেন। মার্কিন দম্পতি অ্যাঞ্জেলিন ও রিচার্ড বার্কও নিজেদের বাড়ি বিক্রি করে স্থায়ীভাবে ক্রুজ লাইফে পাড়ি জমিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে মাত্র ৮৯ ডলার খরচে তারা থাকা-খাওয়া, যাতায়াত, বিনোদন ও বন্দরের বিভিন্ন ফি মিটিয়ে ফেলছেন। তবে প্রমোদতরীর এই ভাসমান জীবন দেখতে জমকালো মনে হলেও এর কিছু বাস্তব চ্যালেঞ্জ বা অন্ধকার দিকও রয়েছে। জাহাজে কেবিনগুলোর আকার তুলনামূলক বেশ ছোট হয় এবং দেওয়াল পাতলা হওয়ায় পাশের রুমের আওয়াজ প্রায়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সমুদ্র যখন উত্তাল থাকে, তখন মোশন সিকনেস বা লাগাতার বমি ভাব হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি জাহাজে হঠাৎ কোনো জরুরি চিকিৎসা প্রয়োজন হলে তার খরচ ডাঙার তুলনায় অনেক বেশি চড়া হতে পারে। সব মিলিয়ে, যাদের রিমোট জব করার স্বাধীনতা রয়েছে এবং যারা চার দেওয়ালের বন্দিদশা থেকে মুক্ত হয়ে বিশ্ব ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাদের কাছে ডাঙার উচ্চমূল্যের জীবন ছেড়ে ক্রুজ শিপের ভাসমান জীবন এক দারুণ আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে।
যৌন নিপীড়নের গুরুতর অভিযোগের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে পদ থেকে বরখাস্ত করেছে আদালতের সদস্য রাষ্ট্রগুলো। এটি আইসিসির ইতিহাসে প্রথমবার, যখন দায়িত্বে থাকা কোনো প্রধান প্রসিকিউটরকে আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে অপসারণ করা হলো। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে আইসিসির ১২৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি দেশ করিম খানকে অপসারণের পক্ষে ভোট দেয়। ১৩টি দেশ এর বিরোধিতা করে এবং কয়েকটি দেশ ভোটদানে বিরত থাকে। করিম খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একজন নারী সহকর্মীকে যৌনভাবে নিপীড়নের অভিযোগ ছিল। তদন্ত শেষে আইসিসির তদারকি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও দায়িত্ব লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। তবে করিম খান শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন, তার বিরুদ্ধে নেওয়া প্রক্রিয়া ন্যায্য ছিল না। তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে প্রধান প্রসিকিউটরের দায়িত্ব নেওয়া করিম খান ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার কারণে আন্তর্জাতিকভাবে আলোচিত হন। তার অপসারণ হলেও এসব তদন্ত ও জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আইসিসি। আইসিসি এখন নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। এই ঘটনা আদালটির জবাবদিহি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও একই সঙ্গে আন্তর্জাতিক বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের ব্যস্ততম রেলকেন্দ্র নিউইয়র্কের পেন স্টেশনের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় ৮ বিলিয়ন ডলারের পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে স্টেশনটির নতুন নাম নির্ধারণে কংগ্রেসকে পদক্ষেপ নিতে বলেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। তবে স্টেশনটির নাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হতে পারে—এমন সম্ভাবনা সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির নেতাদের কাছে পাঠানো অর্থায়ন প্রস্তাবে ডাফি অ্যামট্রাককে পেন স্টেশনের নাম বদলের নির্দেশ দেওয়ার আহ্বান জানান। চিঠিতে নির্দিষ্ট কোনো নতুন নাম প্রস্তাব করা না হলেও পুনর্নির্মিত স্টেশনের কিছু নকশায় ট্রাম্পের নাম ও প্রেসিডেন্টের সিল দেখা গেছে। এ কারণেই প্রকল্পটি শেষ পর্যন্ত ‘ট্রাম্প স্টেশন’ নামে পরিচিত হতে পারে বলে আলোচনা জোরালো হয়েছে। ট্রাম্প বলেছেন, স্টেশনটির নাম তাঁর নামে রাখার প্রস্তাব তিনি নিজে দেননি। তাঁর দাবি, কয়েকজন রাজনীতিক ও নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতা প্রথম এই ধারণা সামনে এনেছিলেন। তবে এর আগে পরিবহনমন্ত্রী ডাফিও প্রকাশ্যে ‘ট্রাম্প স্টেশন’ নামের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। পেন স্টেশন পুনর্নির্মাণের পরিকল্পনায় একটি বৃহৎ নতুন প্রবেশপথ, উঁচু ছাদ, প্রশস্ত কনকোর্স, উন্নত যাত্রী চলাচল ব্যবস্থা এবং প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ রাখার কথা বলা হয়েছে। ম্যাডিসন স্কয়ার গার্ডেন বর্তমান অবস্থানেই থাকবে, তবে এর থিয়েটারের অংশ সরিয়ে স্টেশনের জন্য উন্মুক্ত প্রবেশপথ তৈরির পরিকল্পনা রয়েছে। ট্রাম্প প্রশাসন ২০২৫ সালে পেন স্টেশন পুনর্গঠন প্রকল্পের নিয়ন্ত্রণ নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির কাছ থেকে নিয়ে অ্যামট্রাকের হাতে দেয়। কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ নির্মাণকাজ শুরু হতে পারে। পেন স্টেশন প্রতিদিন লাখ লাখ যাত্রী ব্যবহার করেন। নিউইয়র্ক ও নিউ জার্সির আঞ্চলিক ট্রেনের পাশাপাশি অ্যামট্রাকের দূরপাল্লার রেলসেবার অন্যতম প্রধান কেন্দ্র এটি। দীর্ঘদিন ধরে স্টেশনটির সংকীর্ণ পথ, কম আলো, অতিরিক্ত ভিড় এবং জটিল চলাচলব্যবস্থা নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। স্টেশনটির বর্তমান নাম এসেছে পেনসিলভানিয়া রেলরোড থেকে। বিংশ শতাব্দীর শুরুতে নির্মিত মূল পেন স্টেশনটি বিশাল স্তম্ভ ও ধ্রুপদি স্থাপত্যের জন্য পরিচিত ছিল। ১৯৬০-এর দশকে সেটি ভেঙে বর্তমান ভূগর্ভস্থ স্টেশন ও ম্যাডিসন স্কয়ার গার্ডেন নির্মাণ করা হয়। ঐতিহাসিক ভবনটি ধ্বংসের ঘটনাকে যুক্তরাষ্ট্রের স্থাপত্য সংরক্ষণ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হয়। নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করেছেন নিউইয়র্কের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও যাত্রী অধিকার সংগঠন। পেন স্টেশন যে নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত, সেই এলাকার প্রতিনিধি জেরি ন্যাডলার প্রকল্পটিকে ব্যক্তিগত প্রচারের উদ্যোগ হিসেবে সমালোচনা করেছেন। বিরোধীদের বক্তব্য, বিপুল সরকারি অর্থে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন প্রকল্পের নামকরণ রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া উচিত নয়। এর আগে ট্রাম্প নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যে হাডসন নদীর নিচে নতুন রেলসুড়ঙ্গ নির্মাণের জন্য আটকে থাকা প্রায় ১৬ বিলিয়ন ডলারের অর্থ ছাড়ের বিনিময়ে পেন স্টেশন ও ওয়াশিংটনের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর তাঁর নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়। ট্রাম্প প্রশাসন ও তাঁর সমর্থকেরা অবশ্য নামকরণ নিয়ে ওঠা অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। পেন স্টেশনের নাম শেষ পর্যন্ত বদলানো হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। কংগ্রেসের অনুমোদন এবং অ্যামট্রাকের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করবে। তবে পুনর্নির্মাণের কাজ শুরুর আগেই স্টেশনটির নতুন অবকাঠামোর চেয়ে নামকরণ ঘিরে রাজনৈতিক লড়াই বেশি আলোচনায় উঠে এসেছে।