সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে রাজপথে নামার আহ্বান জামায়াত আমিরের

দেশের আর্থিক সম্পদ রক্ষা এবং নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে রাজপথে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে।   ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সরকারের মন্ত্রী ও সাবেক উপদেষ্টার বক্তব্যেও নির্বাচনের কারচুপির প্রমাণ স্পষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জামায়াত আমির বলেন, বিএনপি সরকার সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে এবং সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করছে। এই পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষায় জামায়াতসহ ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে।   বর্তমান শাসনব্যবস্থাকে অতীতের চেয়েও ভয়ংকর আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এ সময় তিনি গণমাধ্যমের টুটি চেপে ধরার অভিযোগ তুলে বলেন, সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। গণমাধ্যমের প্রতি সত্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বক্তব্যের আংশিক বা ‘কাটপিস’ প্রচার না করে হয় পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না।"   পরিশেষে, সংসদ ও রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে এবং দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ২:১৫
ছবি: সংগৃহীত
ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা; মধ্যপ্রাচ্যে কি ফিরবে স্থায়ী শান্তি?

প্রায় আট সপ্তাহের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ার পর, আগামী ১৬ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের আলোচক দল পুনরায় আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে।   প্রথম দফার বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নেতৃত্ব দেন। সেখানে হরমুজ প্রণালী উন্মুক্ত করা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইতিপূর্বে নিজেকে জয়ী দাবি করেছিলেন, তবুও রণাঙ্গনের চেয়ে কূটনীতিকেই এখন প্রাধান্য দিচ্ছে সব পক্ষ। তবে ইসরায়েলের অতীত ইতিহাস এবং পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েই গেছে।   এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে বর্তমান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। সৌদি আরব এই কূটনৈতিক প্রচেষ্টায় পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের স্থায়ী অবসানে এই সংলাপ-প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।   বিশ্ববাসী এখন ইসলামাবাদের দিকে তাকিয়ে আছে। এই আলোচনা সফল হলে কেবল ইরান-যুক্তরাষ্ট্র নয়, বরং ফিলিস্তিন, লেবানন ও সিরিয়াসহ সমগ্র মধ্যপ্রাচ্যে টেকসই রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হতে পারে। সংঘাতের পুনরায় বিস্তৃতি রোধে ইসরায়েলের সদিচ্ছাই এখন বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ১:৩২
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলনে ব্যস্ত বাংলাদেশ; অর্থমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক

বিশ্বব্যাংক ও আইএমএফের ‘স্প্রিং মিটিং’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ব্যস্ত সময় পার করছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল। বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিনিধিদলটি একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছে।     ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্বব্যাংকের সদর দপ্তরে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একই দিনে প্রতিনিধিদলটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গেও বৈঠক করে, যেখানে উন্নয়ন সহায়তা ও বিনিয়োগ সম্ভাবনা প্রাধান্য পায়।     এছাড়াও আটলান্টিক কাউন্সিল এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সঙ্গে পৃথক বৈঠকে অবকাঠামো খাতে বিনিয়োগ ও ভবিষ্যৎ অংশীদারিত্বের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি ইউএস চেম্বার অব কমার্স ভবনে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ আয়োজিত গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়।     সংশ্লিষ্টদের মতে, বিশ্বব্যাংক ও আইএমএফের এই সম্মেলনকে ঘিরে বাংলাদেশের এমন তৎপরতা আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সংহত করবে।  

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ১:২৫
ছবি - সংগৃহিত
মহাকাশে কারখানা বানাচ্ছে স্পেস ফোর্জ

মহাকাশে হাজার কিলোমিটার উপরে একটি কারখানায় পুরোদমে চলছে কাজ, বানানো হচ্ছে উচ্চমানের উপকরণ, তা শিগ্রই পাঠানো হবে পৃথিবীতে— এসব শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হচ্ছে, তাই না! হতেই পারে। কিন্তু এই ধারণা বাস্তব করতে চলছে যুক্তরাজ্যের কার্ডিফভিত্তিক প্রতিষ্ঠান স্পেস ফোর্জ।   ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি মাইক্রোওয়েভ ওভেনের সমান আকারের ক্ষুদ্র কারখানা মহাকাশের কক্ষপথে পাঠিয়েছে। পরীক্ষামূলকভাবে কারখানাটিতে ফার্নেস চালু করা হয়েছে।   স্পেস ফোর্জের লক্ষ্য—মহাকাশে এমন উপাদান তৈরি করা, যা সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত হবে। এসব সেমিকন্ডাক্টর পরে পৃথিবীতে এনে যোগাযোগ অবকাঠামো, কম্পিউটিং প্রযুক্তি এবং পরিবহন খাতে ব্যবহার করা যাবে। বিশেষ করে আধুনিক ইলেকট্রনিক্সে।   বিশেষজ্ঞদের মতে, সেমিকন্ডাক্টর তৈরির জন্য মহাকাশের পরিবেশ আদর্শ। কারণ সেমিকন্ডাক্টরের ভেতরের পরমাণুগুলো অত্যন্ত সুশৃঙ্খল ত্রিমাত্রিক কাঠামোয় সাজানো থাকে। ওজনশূন্য পরিবেশে উৎপাদনের সময় পরমাণুগুলো নিখুঁতভাবে সারিবদ্ধ হয় এবং মহাকাশের শূন্যতায় কোনো ধরনের দূষক ঢোকার সুযোগ থাকে না। ফলে সেমিকন্ডাক্টর যত বেশি বিশুদ্ধ ও সুবিন্যস্ত হয়, তার কার্যক্ষমতাও তত উন্নত হয়।   স্পেস ফোর্জের প্রধান নির্বাহী কর্মকর্তা জশ ওয়েস্টার্ন বলেন, ‘আমরা যে কাজটি করছি তার মাধ্যমে মহাকাশে এমন সেমিকন্ডাক্টর তৈরি করা সম্ভব হচ্ছে, যা পৃথিবীতে বর্তমানে তৈরি সেমিকন্ডাক্টরের তুলনায় প্রায় ৪,০০০ গুণ বেশি বিশুদ্ধ।’   তিনি জানিয়েছেন, এই ধরনের সেমিকন্ডাক্টর ভবিষ্যতে ৫জি টাওয়ার, বৈদ্যুতিক গাড়ির চার্জার এবং আধুনিক উড়োজাহাজের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে ব্যবহৃত হবে।   গত গ্রীষ্মে স্পেসএক্সের একটি রকেটের মাধ্যমে কোম্পানিটির এই ক্ষুদ্র কারখানা মহাকাশে পাঠানো হয়। এরপর থেকে কার্ডিফে অবস্থিত মিশন কন্ট্রোল সেন্টার থেকে নিয়মিত এর বিভিন্ন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে।   বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেস ফোর্জের এই সাফল্য ভবিষ্যতে মহাকাশভিত্তিক শিল্প উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বৈশ্বিক প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তন আনতেও সক্ষম হবে।

প্রকাশ : মে ২০, ২০২৬ ২২:১১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চুক্তির পথে ট্রাম্প; স্বাক্ষরিত হতে পারে পাকিস্তানে

যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক চুক্তির ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সব শর্তে রাজি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।   ট্রাম্প জানান, আগে যেসব বিষয়ে ইরান অনড় অবস্থানে ছিল, এখন তারা সেসব দাবি মানতে রাজি হয়েছে। যদি এই চুক্তি চূড়ান্ত হয় এবং তা পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তবে তিনি পাকিস্তান সফরে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, এই সপ্তাহান্তেই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হবে। তবে নতুন চুক্তি সই হওয়ার সম্ভাবনা থাকায় এই মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে দুই দেশের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হবে।   প্রণালির পরিস্থিতি নিয়ে ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ বাহিনীর অবরোধ অত্যন্ত কার্যকরভাবে বজায় রয়েছে। মূলত আন্তর্জাতিক চাপ ও অবরোধের কারণেই ইরান আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   সূত্র: আল-জাজিরা

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ১:৭
ফাইল ছবি।
সারচার্জ বাতিল করে ‘সম্পদ কর’ চালুর পরিকল্পনা করছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদ্যমান সারচার্জ প্রথা তুলে দিয়ে নতুন ‘সম্পদ কর’ চালুর পরিকল্পনা করছে সরকার। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও বারিধারার মতো অভিজাত এলাকার উচ্চসম্পদশালী ব্যক্তিদের করের আওতায় আনতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে সম্পদ কর আইন ও বিধিমালার খসড়া প্রস্তুত করেছে, যা সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পেলে বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।   বিদ্যমান পদ্ধতিতে ৪ কোটি টাকার বেশি সম্পদ থাকলে প্রদেয় করের ওপর ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ দিতে হয়। তবে নতুন নিয়মে দলিল মূল্যের পরিবর্তে জমির বর্তমান বাজারমূল্য বা মৌজামূল্যের ভিত্তিতে কর নির্ধারিত হবে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ৪ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ওপর ০.৫০ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি সম্পদের ওপর সর্বোচ্চ ২ শতাংশ হারে সম্পদ কর দিতে হবে। তবে এই সম্পদ কর কোনোভাবেই একজন করদাতার বার্ষিক প্রদেয় আয়করের চেয়ে বেশি হবে না।   এনবিআরের কর্মকর্তারা জানান, দলিল মূল্যের পরিবর্তে মৌজামূল্যে সম্পদ মূল্যায়ন করা হলে করের আওতা বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমান পদ্ধতিতে ৯০-এর দশকে কেনা দামী জমির মালিকরা অনেক ক্ষেত্রে সারচার্জের বাইরে থাকছেন, যা নতুন পদ্ধতিতে আর সম্ভব হবে না। কর্মকর্তাদের ধারণা, যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে এই খাত থেকে বছরে ১০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।   বিশ্বের বিভিন্ন উন্নত দেশে জিডিপির প্রায় ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত সম্পদ কর হিসেবে আদায় করা হয়। বাংলাদেশেও কর ব্যবস্থায় ন্যায্যতা বাড়াতে এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে এই প্রগতিশীল কর ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে এনবিআর। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্পদের মূল্যায়ন পদ্ধতি যেন সর্বজনগ্রাহ্য হয়, সেদিকে খেয়াল রাখতে হবে; অন্যথায় সম্পদ গোপনের প্রবণতা বাড়তে পারে।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ১:১
ছবি - সংগৃহিত
ক্যাপ্টেনস কার্ডে মিলবে যে ৪টি বিশেষ সুবিধা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল গতকাল সোনারগাঁ হোটেলে এক অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়কদের হাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ তুলে দিয়েছেন। আজীবন মেয়াদের এই কার্ড নিয়ে এখন থেকে সাবেক অধিনায়করা পাবেন একাধিক বিশেষ সুবিধা।   যেসব সুবিধা মিলবে এই কার্ডে —   বিসিবির যেকোনো ইভেন্টে প্রবেশাধিকার: ক্যাপ্টেনস কার্ড দিয়ে সাবেক অধিনায়করা এখন থেকে বিসিবির যেকোনো ম্যাচ ও ইভেন্টে, দেশে ও দেশের বাইরে বিনা বাধায় প্রবেশ করতে পারবেন।   পার্কিং সুবিধা: বিসিবিতে ভিভিআইপি কার পার্কিংয়ের সুবিধা পাবেন সব সাবেক অধিনায়ক।   বিসিবির মেডিকেল সুবিধা: বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের মতোই বিসিবির মেডিকেল বিভাগ থেকে চিকিৎসাসেবা পাবেন কার্ডধারী সাবেক অধিনায়করা। প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার জন্যও সাবেক অধিনায়কদের পাশে থাকবে বিসিবি।   স্বাস্থ্য বিমা: সাবেক অধিনায়কদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করবে বিসিবি।   অনুষ্ঠানে পুরুষ দলের সাবেক বর্তমান অধিনায়কদের মধ্যে ২০ জন ও নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ কার্ড গ্রহণ করেন। যারা আসতে পারেননি, তামিম জানিয়েছেন যেকোনো সময় এসে কার্ড সংগ্রহ করার সুযোগ থাকবে।

প্রকাশ : মে ২০, ২০২৬ ২২:১১
ছবি - সংগৃহিত
পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

গত ৫০ বছর ধরে ভারতের জাতীয়, রাজ্য এবং স্থানীয় প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে আসছেন ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রকাশিত ভোটার তালিকায় তার নাম নেই।    আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এবং ৪ মে ফল প্রকাশের তোড়জোড় যখন তুঙ্গে, তখন এই খবর তাকে দিশেহারা করে দিয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইসিআই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনীর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করেছে।    নবীজান একা নন; পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়ার শেষে প্রায় ৯০ লাখ মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছেন। রাজ্যের ৭ কোটি ৬০ লাখ ভোটারের মধ্যে এটি প্রায় ১২ শতাংশ। এই ৯০ লাখের মধ্যে প্রায় ৬০ লাখ ভোটারকে ‘অনুপস্থিত’ বা ‘মৃত’ বলে ঘোষণা করা হয়েছে।    বাকি ৩০ লাখ ভোটার বিশেষ ট্রাইব্যুনালে শুনানি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না। বৃহস্পতিবার আলজাজিরার বিশ্লেষণ অনুযায়ী-টার্গেট করেই মুসলিমদের এই ভোটাধিকার হরন করা হচ্ছে।    নবীজানের স্বামী, তিন ছেলে, এক মেয়ে এবং তাদের জীবনসঙ্গীদের নাম তালিকায় থাকলেও বাদ পড়েছেন শুধু তিনি। কারণটি হলো : দীর্ঘ বছর ধরে নবীজান ও তার পরিবার খেয়ালই করেনি যে, তার ভোটার কার্ডে ডাকনাম ‘নবীজান’ থাকলেও আধার কার্ড ও রেশন কার্ডের মতো অন্যান্য সরকারি নথিতে নাম রয়েছে ‘নবীরুল’। এছাড়াও  নির্বাচনের আগে এত বিশাল সংখ্যক মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।    এছাড়া ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত জটিল, কারণ তাদের ভোটাধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে ভারতের সুপ্রিম কোর্টও জানিয়েছে, যাদের মামলা ট্রাইব্যুনালে ঝুলে আছে, তাদের এপ্রিলের নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়।    তবে আদালত ইসিআই-কে নির্বাচনের আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশের অনুমতি দিতে পারে।    উত্তর ২৪ পরগনা জেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা নবীজান আল জাজিরাকে বলেন, ‘এবার আমার পরিবারের সবাই ভোট দেবে, শুধু আমি পারব না। আমি অত কিছু বুঝি না; নাম আলাদা হওয়ার কারণে যে আমার ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে, সেটা জানতাম না।’   পরিকল্পিত পদক্ষেপ: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় আড়াই কোটি মুসলিম বাস করেন, যা রাজ্যের মোট ১০ কোটি ৬০ লাখ জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ। উত্তরপ্রদেশের পর ভারতেই এটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা অধ্যুষিত রাজ্য। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে বিজেপি কখনো ক্ষমতায় আসতে পারেনি।    ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) এই রাজ্য শাসন করছে, যারা টানা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিল। ৭১ বছর বয়সী মমতা মোদির অন্যতম প্রধান সমালোচক হিসাবে পরিচিত।    রাজ্যজুড়ে ভোটার বাতিলের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মুসলিমরাই এই এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যেসব জেলায় মুসলিম জনসংখ্যা বেশি এবং যারা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে, সেখানে গণহারে নাম কাটা গেছে। এর মধ্যে মুর্শিদাবাদে ৪ লাখ ৬০ হাজার, উত্তর ২৪ পরগনায় ৩ লাখ ৩০ হাজার এবং মালদায় ২ লাখ ৪০ হাজার নাম বাতিল হয়েছে।    উত্তর ২৪ পরগনার গোবিন্দপুর, গোবরা ও বালকি গ্রামে এ ধরনের ডজনখানেক মুসলিম পরিবারের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। তারা জানান, সব নথিপত্র ঠিক থাকার পরেও অনেকের নাম কেটে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বসবাসের প্রমাণ, বিয়ের পর পদবি পরিবর্তন, নামের বানানে ভুল বা অভিবাসনের প্রমাণ নিয়ে জটিলতায় পড়েছেন।    ইসিআই-এর দাবি, ভুয়া বা মৃত ভোটার বাদ দিতে এবং বাদ পড়া প্রকৃত ভোটারদের যুক্ত করতেই এই এসআইআর প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়াটি ব্যাপক বিতর্ক ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।    তবে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, মোদির ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) যারা ভোট দেবে না-বিশেষ করে মুসলিমদের তাদের পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দিচ্ছে ইসিআই।

প্রকাশ : মে ২০, ২০২৬ ২২:১০
ছবি: সংগৃহীত
ভালোবাসা পেতে যোগ্যতা বা শর্ত লাগে না; নতুন তথ্য মনোবিদদের

নিজেকে ভালোবাসতে না পারলে অন্যকে ভালোবাসা সম্ভব নয়—জনপ্রিয় এই প্রবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনেকের জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন মনোবিদরা। আপাতদৃষ্টিতে অনুপ্রেরণামূলক মনে হলেও পোর্টল্যান্ডের মনোবিদ জেফ গুয়েন্থার জানান, এ কথাটি আক্ষরিক অর্থে মোটেও সত্যি নয় এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কোনো বিশেষ যোগ্যতা বা শর্তের প্রয়োজন পড়ে না।   জেফ গুয়েন্থার এই জনপ্রিয় প্রবাদের নেপথ্যে থাকা মনস্তাত্ত্বিক ফাঁদ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, যারা মারাত্মক আত্মবিশ্বাসের অভাব বা বিষণ্ণতায় ভোগেন, তারাও সন্তানদের প্রাণ দিয়ে ভালোবাসেন কিংবা বন্ধুর প্রয়োজনে পাশে দাঁড়ান। নিজের প্রতি অনুরাগের অভাব থাকলেও মানুষের নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে দেওয়ার ক্ষমতা কোনোভাবেই খর্ব হয় না। সুতরাং ভালোবাসা দেওয়ার ক্ষমতা নিজের প্রতি অনুরাগের ওপর নির্ভর করে না।   এই উক্তিটি প্রায়ই ভুলভাবে উপস্থাপন করা হয়, যা মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের মধ্যে অপরাধবোধ তৈরি করে বলে মনে করেন এই মনোবিদ। তাদের বোঝানো হয় যে, আগে নিজেদের মানসিক সমস্যা ‘ঠিক’ বা ‘ফিক্স’ করতে হবে, তবেই তারা অন্যের ভালোবাসা পাওয়ার যোগ্য হবেন। এর ফলে অনেক মানুষ নিঃসঙ্গ হয়ে পড়েন এবং এই একাকীত্বকে ‘নিজের ওপর কাজ করা’ বলে চালিয়ে দেন।   মনস্তাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, অনেক সময় অন্যকে ভালোবাসার মাধ্যমেই মানুষের হারানো আত্মসম্মানবোধ ফিরে আসে। সম্পর্কে থেকে কঠিন সময়ে সঙ্গীর পাশে থাকা বা বিশ্বস্ত থাকাই প্রমাণ করে যে ওই ব্যক্তি অন্যদের চেয়েও অনেক বেশি সক্ষম। এটিই অনেক সময় মানসিক নিরাময়ের প্রকৃত পথ হিসেবে কাজ করতে পারে।   জেফ গুয়েন্থার আরও উল্লেখ করেন, এই উক্তিটি মূলত যা বোঝাতে চায় তা হলো—অতীতের অমীমাংসিত সমস্যাগুলো সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিল প্যাটার্ন তৈরি করে। তবে একে ‘ভালোবাসতে না পারা’ বলা সম্পূর্ণ ভুল। এগুলো মূলত স্নায়বিক সিস্টেমের কিছু অভ্যাস, যা ছোটবেলার অভিজ্ঞতা থেকে তৈরি হয় এবং এটি অবশ্যই নিরাময়যোগ্য।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ০:৫৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি
রেকর্ড আড়াই লাখ টাকা ছাড়াল স্বর্ণের দাম; ভরিতে বাড়ল ২,২১৬ টাকা

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক বাজারের প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সারাদেশে এই নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।   গত বুধবার (১৫ এপ্রিল) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত রেকর্ড ৫৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো।   বাজুসের নির্ধারিত নতুন দামগুলো হলো: ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা। এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমানো হলেও সপ্তাহ পার হতেই তা আবার রেকর্ড উচ্চতায় পৌঁছাল। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা ও ডলারের বিনিময় হারের পরিবর্তনের কারণে দেশের বাজারে স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ০:৪৬
ছবি: সংগৃহীত
মার্কিন নৌ অবরোধ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী পার ৪টি ইরানি জাহাজের

যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নৌ অবরোধ ভেঙে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত চারটি কনটেইনারবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জাহাজ ট্র্যাকিং ডেটা এবং মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে। সোমবার থেকে অবরোধ কার্যকর হওয়ার পর এই প্রথম কোনো জাহাজ মার্কিন বাধা এড়িয়ে পার হতে সক্ষম হলো।   বিবিসি জানায়, অবরোধ অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে তিনটি ইরানের পতাকাবাহী এবং একটি কোমোরোসে নিবন্ধিত। জাহাজগুলোর অবস্থান নিম্নরূপ: আজারগুন: এটি ইরানের শহীদ রাজাই বন্দর থেকে ভারতের কাণ্ডলা বন্দরের দিকে যাচ্ছে। আশকান ৩: চাবাহার বন্দর থেকে রওনা হয়ে বর্তমানে পাকিস্তানের করাচি বন্দরে অবস্থান করছে। শাবদিস: চাবাহার থেকে চীনের ঝুহাই শহরের উদ্দেশ্যে যাত্রা করে বর্তমানে ভারতের কেরালার কাছে অবস্থান করছে। টাভা ৪: ইমাম খোমেনি বন্দর থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।   বিশেষজ্ঞরা বলছেন, জাহাজগুলো সফলভাবে অবরোধ পার হওয়ায় ওয়াশিংটনের নজরদারি ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, তারা মাত্র ১০ শতাংশ শক্তি ব্যবহার করেই পুরো প্রণালী নিয়ন্ত্রণ করছেন, কিন্তু এই ট্র্যাকিং ডেটা সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।   বিষয়টি নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা কেবল জানিয়েছে, জেনারেল ড্যান কেইনের আগের বক্তব্যই বহাল রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, জাহাজগুলোর এই সফল পারাপার ইরানের মনোবল বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন অবরোধের কার্যকারিতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেবে।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ০:৪১
ছবি - সংগৃহিত
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। মূলত দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানো মূল লক্ষ্য আসছে বাজেটে। কর আদায়ে আসবে একাধিক নতুন কৌশল। সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়।    প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর  জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার চেষ্টা চলছে জোরেশোরে।    চলতি বছরের গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে তিন মাস সময় পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট। লক্ষ্যের ধারে কাছেও নেই রাজস্ব আদায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথাব্যথা। এমনকি কমছে না নিত্যপণ্যের দাম। এ অবস্থায় নতুন বাজেট আকারে ছোট হবে, নানা মহলে এমন আলোচনা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো।    আগের চেয়ে ১৪ শতাংশ বাড়িয়ে সংসদে ৯ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে পারে নতুন সরকার। যার সাড়ে ৬ লাখ কোটি আদায় করতে হবে রাজস্ব বিভাগকে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা হবে। অর্থের সংকট থাকলেও উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৩ লাখ কোটি টাকা। বাজেটের ৬৭ ভাগ ব্যয় হতে পারে পরিচালন খাতে।    প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রথম কাজ হচ্ছে অর্থনীতির চাকা সচল রাখা। একইসঙ্গে যাতে দারিদ্র্য না বাড়ে সেজন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা। তারপর অর্থনীতির গতি বৃদ্ধি করা। আমরা অতীতে বিএনপি সরকারের সময় দেখেছি, ২ শতাংশীয় পয়েন্ট আকারে প্রবৃদ্ধি হয়েছে। যেটা অন্য সরকারের সময় হয়নি। সেজন্যই আমরা বলছি, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি সম্ভব। নতুন রাজস্ব লক্ষ্যে প্রভাব ফেলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তে। সেই ধারাবাহিকতায় শূন্যের কোঠায় নেমে আসবে কর অব্যাহতি আর প্রণোদনা। সারচার্জের বদলে আরোপ হতে পারে সম্পদ কর। আয়কর রিটার্ন যাচাই হবে বাড়ির মালিকদের। ভ্যাটের আওতায় আসবে এসএমই খাত। অনেক লেনদেনে বাধ্যতামূলক হবে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার।   প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ ও ‘ওয়ান ডিজিটাল আউটলেট’ চালুর দিকে এগোচ্ছি আমরা। এ লক্ষ্যেই নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। প্রথম ধাপে দেশের প্রতিটি মানুষের ব্যাংক হিসাব নিশ্চিত করা হবে। এরপর সবাই কিউআর কোডের মাধ্যমে লেনদেন করবে। এতে কর ফাঁকি, কর পরিহার বা জালিয়াতির সুযোগ অনেকটাই কমে যাবে।      নতুন বাজেটে গুরুত্ব পাবে নির্বাচনের প্রতিশ্রুতি। ইশতেহারে আর্থিক-সামাজিক চুক্তির কথা বলেছিল বিএনপি, তারমানে জনগণ কর দেবে আর সরকার দেবে সেবা। সেই লক্ষ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড নিয়ে তোড়জোড় বেশি। এসব বাস্তবায়নে দরকার বাড়তি প্রায় ১ লাখ কোটি টাকা। তাহলে কীভাবে সামলাবে সরকার? সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার যেভাবে ঋণ করার উদ্যোগ নিচ্ছে, তাতে করে বেসরকারি খাতের জন্য ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত ঋণ থাকার সুযোগ কম। এবং সেখানে একটা ক্রাউডিং আউট ইফেক্ট হবে—ইতোমধ্যে সেটার একটা চাপ রয়েছে। সেই জায়গায় করে বিদেশ থেকে বাড়তি ফান্ড ফ্লো যদি এই ব্যাংকিং ব্যবস্থায় বা পুঁজিবাজারকেন্দ্রিক ব্যবস্থায় যুক্ত না করা যায়, তাহলে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান—সেই জায়গাটিও কিন্তু কষ্ট হবে।    জাতীয় সংসদে নতুন বাজেট ঘোষণা হতে পারে আগামী ১১ জুন। অর্থনীতির এত সংকটের মাঝে বাজেট দিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকানোর সুযোগ নতুন সরকারের সামনে। রাজনৈতিক দল হিসেবে নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ নিঃসন্দেহে থাকবে সরকারের, সেজন্য সবার আগে বাজেটের অগ্রাধিকার ঠিক করতে হবে।

প্রকাশ : মে ২০, ২০২৬ ২২:১০
ছবি: ফাইল ফটো
সড়ক উন্নয়ন কাজের জন্য শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জ শহরের চার লেন সড়ক উন্নতিকরণ কাজের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বড় একটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ চলছে। এ কারণে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।   বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা: মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।   সুনামগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানান, জনস্বার্থে উন্নয়নমূলক কাজের জন্য এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ০:৩৪
মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। সংগৃহীত ছবি
টাকার বিনিময়ে আজ কোন দেশের মুদ্রা কত? দেখে নিন ১৭ এপ্রিলের আপডেট

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।   বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ দেশের মুদ্রা বাজারে মার্কিন ডলারের কেনা ও বেচা—উভয় ক্ষেত্রেই দাম ধরা হয়েছে ১২২.৭০ টাকা। অন্যদিকে, ইউরোপীয় একক মুদ্রা ইউরো কেনার ক্ষেত্রে দাম ১৪৪.৭৬ টাকা এবং বিক্রির ক্ষেত্রে ১৪৪.৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজার ও চাহিদা অনুযায়ী এই বিনিময় হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।   আজকের মুদ্রার বিনিময় হার (বাংলাদেশ ব্যাংক অনুসারে): মুদ্রার নাম ক্রয় (টাকা) বিক্রয় (টাকা) মার্কিন ডলার ১২২.৭০ ১২২.৭০ পাউন্ড (GBP) ১৬৬.৩৫ ১৬৬.৪৪ ইউরো (EUR) ১৪৪.৭৬ ১৪৪.৭৯ সৌদি রিয়াল ৩২.৭৯ ৩২.৭৯ ইন্ডিয়ান রুপি ১.৩১ ১.৩১ কানাডিয়ান ডলার ৮৯.২৮ ৮৯.৩০ সিঙ্গাপুর ডলার ৯৬.৫৩ ৯৬.৫৬ অস্ট্রেলিয়ান ডলার ৮৭.৯৫ ৮৮.০০ জাপানি ইয়েন ০.৭৭০ ০.৭৬৭

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ০:২৯
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কেবল ইসলামাবাদেই সম্ভব: ইরানি রাষ্ট্রদূত

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনা কেবল ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ইসলামাবাদের পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। রাষ্ট্রদূত স্পষ্ট করেন যে, পাকিস্তানের প্রতি ইরানের পূর্ণ আস্থা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই—আর এই অবস্থান ইতোমধ্যেই ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।   পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের মধ্যস্থতামূলক উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে মোগাদ্দাম বলেন, ইরান অঞ্চলে কোনো আধিপত্য বিস্তার করতে চায় না, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই তেহরানের প্রধান লক্ষ্য। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি।   রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জানান, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শক্তির ধারাবাহিক চাপের মুখে রয়েছে। বহিরাগত সন্ত্রাসবাদের কারণে ইরানে এ পর্যন্ত ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতৃত্ব ও প্রধানমন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্বরাও রয়েছেন। ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ০:২১
ছবি: সংগৃহীত
সাবেক অধিনায়কদের জন্য তামিম ইকবালের ‘ক্যাপ্টেনস কার্ড’; মিলবে আজীবন বিশেষ সুবিধা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়কদের সম্মানে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাবেক অধিনায়কদের হাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ তুলে দেন। আজীবন মেয়াদের এই কার্ডের মাধ্যমে এখন থেকে সাবেক অধিনায়করা বিসিবির পক্ষ থেকে একাধিক বিশেষ ও ভিভিআইপি সুবিধা ভোগ করবেন।   এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়করা যেসব সুবিধা পাবেন: বিসিবির যেকোনো ইভেন্টে প্রবেশাধিকার: দেশে ও দেশের বাইরে বিসিবির যেকোনো ম্যাচ ও ইভেন্টে এই কার্ডধারী সাবেক অধিনায়করা বিনা বাধায় প্রবেশ করতে পারবেন। ভিভিআইপি পার্কিং: বিসিবির ইভেন্টগুলোতে তাদের জন্য সংরক্ষিত থাকবে ভিভিআইপি কার পার্কিং সুবিধা। মেডিকেল সুবিধা: বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের মতোই বিসিবির মেডিকেল বিভাগ থেকে চিকিৎসাসেবা পাবেন তারা। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ক্ষেত্রেও বিসিবি পূর্ণ সহযোগিতা দেবে। স্বাস্থ্য বিমা: সাবেক অধিনায়কদের জন্য বিসিবির পক্ষ থেকে উন্নত স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করা হবে।   অনুষ্ঠানে পুরুষ ও নারী ক্রিকেট দলের মোট ২০ জন অধিনায়ক উপস্থিত থেকে এই কার্ড গ্রহণ করেন। নারী দলের পক্ষ থেকে রুমানা আহমেদ এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তারা যেকোনো সময় বিসিবি কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন।

প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৬ ০:১৭
ছবি: প্রতীকী
শান্তি আলোচনার খবরে কমছে তেলের দাম; ব্যারেল প্রতি নামল ১০০ ডলারের নিচে

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত প্রশমনের আশায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ব্যারেল প্রতি ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।   গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে সম্প্রতি সংঘাত থামার ইঙ্গিত মেলায় তেলের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে এবং চলতি পুরো সপ্তাহজুড়েই দাম ৯০ ডলারের ঘরে অবস্থান করছে।   এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। মূলত এই ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার আভাসই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমাতে প্রধান ভূমিকা রাখছে।

প্রকাশ : এপ্রিল ১৬, ২০২৬ ২৩:৫২
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান | ছবি: সংগৃহীত
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। আজ ভোর ৬টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে মন্ত্রণালয়ের এক বার্তায় নিশ্চিত করা হয়েছে।   রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার (১৩ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।   বিসিএস ১৩তম ব্যাচের এই মেধাবী কর্মকর্তা ১৯৯৪ সালে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি কাস্টমস, ভ্যাট ও এনবিআরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য সচিবের দায়িত্ব নেওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। গেল বছরের ২৫ ফেব্রুয়ারি সরকার তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়।   পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে প্রশাসনের সহকর্মী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশ : এপ্রিল ১৬, ২০২৬ ২৩:৪১
জর্জিয়া স্টেট: নতুন স্বপ্নের ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশিদের জন্য
জর্জিয়া স্টেট: নতুন স্বপ্নের ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশিদের জন্য

যুক্তরাষ্ট্রে নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন নিয়ে যারা বাংলাদেশ থেকে আসছেন, কিংবা যারা অন্য কোনো অঙ্গরাজ্য থেকে স্থানান্তরের কথা ভাবছেন, তাদের অনেকের কাছেই জর্জিয়া দিনে দিনে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। একসময় যেখানে বাংলাদেশিদের প্রধান পছন্দ ছিল নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, মিশিগান বা টেক্সাস, সেখানে বর্তমানে তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয়, অনুকূল আবহাওয়া, কর্মসংস্থানের সুযোগ, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী বাংলাদেশি কমিউনিটির কারণে জর্জিয়া জনপ্রিয় হচ্ছে।   কমিউনিটি সূত্রে ধারণা করা হয়, বর্তমানে জর্জিয়া রাজ্যে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। তাদের বড় অংশই মেট্রো আটলান্টা এলাকায় বাস করেন। প্রতিবছর নতুন নতুন পরিবার এখানে স্থানান্তরিত হচ্ছেন, বাড়ি কিনছেন, ব্যবসা শুরু করছেন এবং সন্তানদের ভবিষ্যৎ গড়তে স্থায়ী হচ্ছেন।   জর্জিয়ার বড় শহর ও রাজধানী আটলান্টা এখন দক্ষিণাঞ্চলের অন্যতম বড় অর্থনৈতিক কেন্দ্র। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ট্রাকিং, পরিবহন, কর্পোরেট চাকরি, ছোট ব্যবসা এবং সার্ভিস সেক্টরে কাজের সুযোগ থাকায় বাংলাদেশিদের অনেকেই এই রাজ্যে নতুন সম্ভাবনা দেখছেন। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি Hartsfield-Jackson Atlanta International Airport এখানেই অবস্থিত, ফলে দেশ-বিদেশে যাতায়াতও সহজ।   বিশেষ করে ডোরাভিল, চাম্বলি, লরেন্সভিল, লিলবার্ন, টাকার, নরক্রস এবং গুয়িনেট কাউন্টি -এর বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের বসতি দ্রুত বেড়েছে। এসব এলাকায় এখন বাংলাদেশি পরিবার, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তুলনামূলক কম ভাড়া, ভালো স্কুল, নিরাপদ পরিবেশ এবং বড় বাসার সুযোগ থাকায় পরিবারগুলো এসব এলাকাকে পছন্দ করছেন।   জর্জিয়ায় বাংলাদেশিদের জন্য এখন অসংখ্য গ্রোসারি স্টোর, হালাল মার্কেট, পোশাকের দোকান, ট্রাভেল এজেন্সি এবং সেবামূলক ব্যবসা গড়ে উঠেছে। চাল, ডাল, ইলিশ, রুই, দেশি সবজি, মসলা, মিষ্টি—সবকিছু সহজেই পাওয়া যায়। ফলে নতুন অভিবাসীদের জন্য প্রবাস জীবন অনেক সহজ হয়ে উঠেছে।   বাংলাদেশি রেস্টুরেন্টের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিরিয়ানি, কাচ্চি, নেহারি, ভর্তা, ফুচকা, চা-নাশতা থেকে শুরু করে নানা দেশি খাবার এখন সহজেই মিলছে। সপ্তাহান্তে অনেক পরিবার এসব রেস্টুরেন্টে একত্রিত হন, যা কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করছে। কোন কোন রেস্টুরেন্ট আবার ২৪ ঘণ্টাই খোলা থাকে।   জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া। সংগঠনটি নিয়মিতভাবে পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পারিবারিক পিকনিক এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। নতুন যারা জর্জিয়ায় আসেন, তাদের জন্যও এই সংগঠন পরিচিতি ও কমিউনিটিতে যুক্ত হওয়ার বড় মাধ্যম হিসেবে কাজ করে।   মুসলিম পরিবারগুলোর জন্যও জর্জিয়া এখন দিনে দিনে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। রাজ্যজুড়ে বহু মসজিদ, ইসলামিক সেন্টার, পূর্ণকালীন ইসলামিক স্কুল, উইকেন্ড স্কুল এবং কোরআন শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে, যা পরিবারগুলোকে ধর্মীয় ও সামাজিকভাবে একটি শক্তিশালী পরিবেশ দিচ্ছে।   বিশেষ করে আটলান্টার আশেপাশে শতাধিকের কাছাকাছি মসজিদ, মুসল্লা ও ইসলামিক প্রতিষ্ঠানের উপস্থিতি রয়েছে বলে বিভিন্ন কমিউনিটি সূত্রে জানা যায়। নিয়মিত জুমা নামাজ, রমজানে তারাবিহ, বড় পরিসরে ইফতার, ঈদ জামাত, শিশু-কিশোরদের ইসলামিক ক্লাস, হিফজ প্রোগ্রাম এবং পরিবারভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মুসলিম শিশুদের জন্য একাডেমিক শিক্ষার সঙ্গে ইসলামিক শিক্ষার সমন্বয়ে বেশ কয়েকটি ইসলামিক স্কুলও পরিচালিত হচ্ছে। ফলে যারা ধর্মীয় পরিবেশ, সন্তানদের ইসলামিক শিক্ষা এবং মুসলিম কমিউনিটির সঙ্গে থেকে পরিবার গড়তে চান, তাদের কাছে জর্জিয়া এখন একটি আদর্শ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।   শিক্ষার ক্ষেত্রেও জর্জিয়া এগিয়ে। রাজ্যটিতে রয়েছে বিশ্বখ্যাত Georgia Institute of Technology, Emory University, Georgia State University, University of Georgia সহ বড় বড় বিশ্ববিদ্যালয়। ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে।   জর্জিয়ার আবহাওয়াও অনেকের কাছে আরামদায়ক। শীত তুলনামূলক সহনীয়, বরফ কম পড়ে, আবার দীর্ঘ গরম মৌসুম থাকায় দক্ষিণ এশীয়দের জন্য মানিয়ে নেওয়া সহজ হয়। একই সঙ্গে নিউইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার তুলনায় জীবনযাত্রার খরচও অনেক কম।   পর্যটনের দিক থেকেও জর্জিয়া সমৃদ্ধ। Georgia Aquarium, Stone Mountain Park, Savannah এবং Blue Ridge Mountains সহ অনেক দর্শনীয় স্থান রয়েছে।   অনেকেই বলেন, আটলান্টা হচ্ছে দক্ষিণাঞ্চলের নিউইয়র্ক। কারণ নিউইয়র্ক যেমন উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা, বৈচিত্র্য ও সুযোগের কেন্দ্র, তেমনি আটলান্টা দক্ষিণাঞ্চলে সেই একই ভূমিকা পালন করছে। এখানে নানা জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের বসবাস রয়েছে। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, আফ্রিকান, আরব, হিস্পানিকসহ বহু কমিউনিটির উপস্থিতি শহরটিকে বহুজাতিক ও প্রাণবন্ত করেছে।   তবে নিউইয়র্কের তুলনায় আটলান্টার বড় সুবিধা হলো তুলনামূলক কম জীবনযাত্রার খরচ। বাড়িভাড়া, বাড়ি কেনা, পার্কিং, দৈনন্দিন খরচ এবং পরিবার নিয়ে থাকার পরিবেশ অনেক বেশি সুবিধাজনক। তাই যারা বড় শহরের সুযোগ-সুবিধা চান কিন্তু নিউইয়র্কের অতিরিক্ত ব্যয় এড়াতে চান, তাদের কাছে আটলান্টা এখন অন্যতম সেরা বিকল্প।   কমিউনিটি নেতারা মনে করছেন, আগামী কয়েক বছরে জর্জিয়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম বড় কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করবে। কারণ এখানে সুযোগ আছে, কমিউনিটি আছে, শিক্ষা আছে, ধর্মীয় পরিবেশ আছে এবং পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাসের বাস্তব সম্ভাবনাও রয়েছে।   অনেকের ভাষায়, জর্জিয়া এখন শুধু একটি স্টেট নয়—এটি বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন স্বপ্নের ঠিকানা।

প্রকাশ : এপ্রিল ১৬, ২০২৬ ২১:৫২
ছবি: সংগৃহীত
ইসরায়েলের হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি নয়: হিজবুল্লাহ

লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ না হলে কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহ এই অবস্থান তুলে ধরেছেন।   বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদলাল্লাহ বলেন, ইসরায়েল যদি সব ধরনের শত্রুতামূলক কার্যক্রম বন্ধ না করে, তাহলে যুদ্ধবিরতি মেনে চলার প্রশ্নই ওঠে না। তার ভাষায়, বাস্তব পরিস্থিতির ওপরই সম্ভাব্য যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে।   তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে কার্যকর হতে পারে এমন একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির বিষয়ে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হিজবুল্লাহকে অবহিত করেছেন। এতে বোঝা যায়, প্রস্তাবিত এই যুদ্ধবিরতি ঘিরে আঞ্চলিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চলছিল।   এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে।   ট্রাম্প বলেন, দুই দেশই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও জানান, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসেন, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।   স্থায়ী শান্তির লক্ষ্যে এই প্রক্রিয়া এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। তবে হিজবুল্লাহর কঠোর অবস্থান যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

প্রকাশ : এপ্রিল ১৬, ২০২৬ ১৬:৫৩