দাঁত দিয়ে গাজর খোদাই করে ভাস্কর্য গড়েন চীনা তরুণী, বানিয়েছেন মহাপ্রাচীর
দাঁত দিয়ে গাজর কামড়ে তৈরি করছেন চীনের ঐতিহাসিক স্থাপনা, ফুল, পশুপাখি থেকে শুরু করে নানা ধরনের ভাস্কর্য। শুধু মহাপ্রাচীরের প্রতিকৃতি তৈরি করতেই তাঁর সময় লেগেছে প্রায় এক সপ্তাহ। অদ্ভুত এই শিল্পকর্ম তৈরির কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন চীনের ২৫ বছর বয়সী তরুণী চেন ছিন। তাঁর কাজ দেখে অনেকে মজা করে বলছেন, যেন মুখের ভেতরেই রয়েছে ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্র।
চীনের হুবেই প্রদেশের এনশি এলাকার বাসিন্দা চেন ছিনের এই প্রতিভার শুরুটা ছিল একেবারেই ঘটনাচক্রে। ২০২৫ সালের বসন্ত উৎসবের ছুটিতে সরাসরি সম্প্রচার চলাকালে সময় কাটাতে কাটাতে গাজর খাচ্ছিলেন তিনি। একপর্যায়ে গাজর কামড়ে একটি চাবির মতো আকৃতি তৈরি করেন। বিষয়টি দর্শকদের নজর কাড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর এই ব্যতিক্রমী দক্ষতার প্রশংসা করেন। এরপর বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চেন এবং ধীরে ধীরে এটিকে নিয়মিত সৃজনশীল কাজে পরিণত করেন।
শুরুতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কাজ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাজরকেই প্রধান উপাদান হিসেবে বেছে নেন তিনি। গাজরের শক্তপোক্ত গঠন ও রং সূক্ষ্ম নকশা তৈরির জন্য উপযোগী। এখন পর্যন্ত তিনি শতাধিক শিল্পকর্ম তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে চীনের মহাপ্রাচীর, বিখ্যাত হলুদ সারস মিনার, বিভিন্ন প্রাণী, ফুল এবং চীনের ঐতিহ্যবাহী পোশাকের অনুষঙ্গ। তাঁর তৈরি কিছু শিল্পকর্মে এত সূক্ষ্ম নকশা রয়েছে যে প্রথম দেখায় সেগুলো গাজর দিয়ে তৈরি বলে বোঝা কঠিন।
বড় আকারের স্থাপনা তৈরির ক্ষেত্রে চেন আগে থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। স্থাপনাটির গঠন, তলার সংখ্যা, ছাদ ও দেয়ালের নকশা ভালোভাবে বুঝে নেন। এরপর বাঁশ ও কাঠ দিয়ে ভেতরের সহায়ক কাঠামো তৈরি করেন। গাজর প্রয়োজনমতো কেটে নিয়ে দাঁত দিয়ে কামড়ে একেকটি অংশের আকৃতি দেন। পরে সেগুলো জোড়া লাগিয়ে সম্পূর্ণ শিল্পকর্ম তৈরি করেন। চীনের হলুদ সারস মিনারের মতো স্থাপনা তৈরিতেও তাঁকে কয়েক দিন সময় দিতে হয়েছে।
চেন পেশাদার ভাস্কর নন। তবে ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর আগ্রহ ছিল। ২০২১ সালে এনশি ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ত্রিমাত্রিক অ্যানিমেশন বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি। পরে গ্রাফিক ডিজাইন ও দেয়ালচিত্র তৈরির কাজও করেছেন। নকশা ও কাঠামো সম্পর্কে এই অভিজ্ঞতা তাঁর গাজরের শিল্পকর্ম তৈরিতে সহায়তা করছে বলে ধারণা করা হয়।
তাঁর কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সংশয়ও তৈরি হয়েছিল। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, সত্যিই কি কোনো খোদাইয়ের সরঞ্জাম ছাড়া শুধু দাঁত দিয়ে এত সূক্ষ্ম কাজ করা সম্ভব। জবাবে চেন সরাসরি সম্প্রচারের মাধ্যমে নিজের কাজের পুরো প্রক্রিয়া দেখিয়েছেন। চায়না নিউজ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, তাঁর একটি ভিডিও সর্বোচ্চ পাঁচ কোটি বার দেখা হয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।
তবে এই ব্যতিক্রমী কাজের কিছু শারীরিক ঝুঁকিও রয়েছে। দীর্ঘসময় দাঁত দিয়ে গাজর কামড়ে আকৃতি তৈরি করলে দাঁত ও চোয়ালে চাপ পড়ে। চেন নিজেও দাঁত ও গালের অস্বস্তির কথা জানিয়েছেন। এ কারণে শিশুদের তাঁর কাজ অনুকরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, খাবার অপচয়ের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে চেন জানিয়েছেন, শিল্পকর্ম তৈরির পর খাওয়ার উপযোগী গাজর রান্নায় ব্যবহার করা হয় এবং অবশিষ্ট অংশ পশুপাখির খাবার হিসেবে কাজে লাগে।
বর্তমানে চেন তাঁর শিল্পকর্মে চীনের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরছেন। বিশেষ করে শিশুদের কাছে ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চান তিনি। অপ্রচলিত এই শিল্পের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোই এখন তাঁর অন্যতম লক্ষ্য।
সূত্র: চায়না নিউজ সার্ভিস, সাউথ চায়না মর্নিং পোস্ট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
অন্যান্য
View moreদাঁত দিয়ে গাজর কামড়ে তৈরি করছেন চীনের ঐতিহাসিক স্থাপনা, ফুল, পশুপাখি থেকে শুরু করে নানা ধরনের ভাস্কর্য। শুধু মহাপ্রাচীরের প্রতিকৃতি তৈরি করতেই তাঁর সময় লেগেছে প্রায় এক সপ্তাহ। অদ্ভুত এই শিল্পকর্ম তৈরির কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন চীনের ২৫ বছর বয়সী তরুণী চেন ছিন। তাঁর কাজ দেখে অনেকে মজা করে বলছেন, যেন মুখের ভেতরেই রয়েছে ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্র। চীনের হুবেই প্রদেশের এনশি এলাকার বাসিন্দা চেন ছিনের এই প্রতিভার শুরুটা ছিল একেবারেই ঘটনাচক্রে। ২০২৫ সালের বসন্ত উৎসবের ছুটিতে সরাসরি সম্প্রচার চলাকালে সময় কাটাতে কাটাতে গাজর খাচ্ছিলেন তিনি। একপর্যায়ে গাজর কামড়ে একটি চাবির মতো আকৃতি তৈরি করেন। বিষয়টি দর্শকদের নজর কাড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর এই ব্যতিক্রমী দক্ষতার প্রশংসা করেন। এরপর বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চেন এবং ধীরে ধীরে এটিকে নিয়মিত সৃজনশীল কাজে পরিণত করেন। শুরুতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কাজ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাজরকেই প্রধান উপাদান হিসেবে বেছে নেন তিনি। গাজরের শক্তপোক্ত গঠন ও রং সূক্ষ্ম নকশা তৈরির জন্য উপযোগী। এখন পর্যন্ত তিনি শতাধিক শিল্পকর্ম তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে চীনের মহাপ্রাচীর, বিখ্যাত হলুদ সারস মিনার, বিভিন্ন প্রাণী, ফুল এবং চীনের ঐতিহ্যবাহী পোশাকের অনুষঙ্গ। তাঁর তৈরি কিছু শিল্পকর্মে এত সূক্ষ্ম নকশা রয়েছে যে প্রথম দেখায় সেগুলো গাজর দিয়ে তৈরি বলে বোঝা কঠিন। বড় আকারের স্থাপনা তৈরির ক্ষেত্রে চেন আগে থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। স্থাপনাটির গঠন, তলার সংখ্যা, ছাদ ও দেয়ালের নকশা ভালোভাবে বুঝে নেন। এরপর বাঁশ ও কাঠ দিয়ে ভেতরের সহায়ক কাঠামো তৈরি করেন। গাজর প্রয়োজনমতো কেটে নিয়ে দাঁত দিয়ে কামড়ে একেকটি অংশের আকৃতি দেন। পরে সেগুলো জোড়া লাগিয়ে সম্পূর্ণ শিল্পকর্ম তৈরি করেন। চীনের হলুদ সারস মিনারের মতো স্থাপনা তৈরিতেও তাঁকে কয়েক দিন সময় দিতে হয়েছে। চেন পেশাদার ভাস্কর নন। তবে ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর আগ্রহ ছিল। ২০২১ সালে এনশি ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ত্রিমাত্রিক অ্যানিমেশন বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি। পরে গ্রাফিক ডিজাইন ও দেয়ালচিত্র তৈরির কাজও করেছেন। নকশা ও কাঠামো সম্পর্কে এই অভিজ্ঞতা তাঁর গাজরের শিল্পকর্ম তৈরিতে সহায়তা করছে বলে ধারণা করা হয়। তাঁর কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সংশয়ও তৈরি হয়েছিল। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, সত্যিই কি কোনো খোদাইয়ের সরঞ্জাম ছাড়া শুধু দাঁত দিয়ে এত সূক্ষ্ম কাজ করা সম্ভব। জবাবে চেন সরাসরি সম্প্রচারের মাধ্যমে নিজের কাজের পুরো প্রক্রিয়া দেখিয়েছেন। চায়না নিউজ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, তাঁর একটি ভিডিও সর্বোচ্চ পাঁচ কোটি বার দেখা হয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। তবে এই ব্যতিক্রমী কাজের কিছু শারীরিক ঝুঁকিও রয়েছে। দীর্ঘসময় দাঁত দিয়ে গাজর কামড়ে আকৃতি তৈরি করলে দাঁত ও চোয়ালে চাপ পড়ে। চেন নিজেও দাঁত ও গালের অস্বস্তির কথা জানিয়েছেন। এ কারণে শিশুদের তাঁর কাজ অনুকরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, খাবার অপচয়ের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে চেন জানিয়েছেন, শিল্পকর্ম তৈরির পর খাওয়ার উপযোগী গাজর রান্নায় ব্যবহার করা হয় এবং অবশিষ্ট অংশ পশুপাখির খাবার হিসেবে কাজে লাগে। বর্তমানে চেন তাঁর শিল্পকর্মে চীনের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরছেন। বিশেষ করে শিশুদের কাছে ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চান তিনি। অপ্রচলিত এই শিল্পের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোই এখন তাঁর অন্যতম লক্ষ্য। সূত্র: চায়না নিউজ সার্ভিস, সাউথ চায়না মর্নিং পোস্ট
চীনকে ভালোবাসে ইলন মাস্কের ছেলে, তার কাছে দেশটি ‘খেলনার স্বর্গ’
জিটিএ সিক্স গেম নিয়ে দাম্পত্য কলহের শঙ্কা, সতর্কবার্তা দিলেন মার্কিন আইনজীবীরা
লোকলজ্জার ভয়ে ১৭ বছর শরীরে লেজ লুকিয়ে রাখলেন কিশোর, অবশেষে অপসারণ
দাম্পত্য জীবনের বিরোধ মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিতে গিয়ে উল্টো সংসার ভাঙার পরিস্থিতিতে পড়েছেন ভারতের গুজরাটের ভাদোদরার এক শিক্ষক। স্ত্রীর সঙ্গে বিরোধের সমাধান খুঁজতে বিভিন্ন এআই চ্যাটবটের পরামর্শ নিচ্ছিলেন তিনি। কিন্তু একপর্যায়ে স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার পরামর্শ পান ওই স্বামী। এরপর বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় হয়ে পড়েন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধে নারী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করেন স্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ১৬ নভেম্বরের এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভাদোদরার ২৫ বছর বয়সী ওই নারী প্রায় দুই বছর আগে পারিবারিক সম্মতিতে অনলাইন মাধ্যমে ওই শিক্ষককে বিয়ে করেন। তাঁর স্বামী একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিয়ের আগে ওই নারী চাকরি করলেও বিয়ের পর গৃহিণী হিসেবে থাকার সিদ্ধান্ত নেন। এ বিষয়টি নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়। স্বামী চাইতেন, স্ত্রী আবার চাকরিতে যোগ দিন। অন্যদিকে স্ত্রী সংসার সামলাতেই আগ্রহী ছিলেন। এ নিয়ে গত ছয় মাস ধরে তাঁদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ চলছিল। পরিস্থিতি সামাল দিতে স্বামী গত দুই মাস ধরে এআই চ্যাটবটের কাছে বিভিন্ন পরামর্শ চাইতে শুরু করেন। স্ত্রীর সঙ্গে বিরোধের সময় অডিও ও ভিডিও রেকর্ড করার পরামর্শও পান তিনি। এরপর স্ত্রীর সঙ্গে ঝগড়ার মুহূর্তগুলো ধারণ করতে শুরু করেন ওই শিক্ষক। তবে এতে সমস্যা কমার পরিবর্তে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে। ওই নারীর অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে এআই চ্যাটবট তাঁর স্বামীকে স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার পরামর্শ দেয়। এরপর স্বামী বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় হয়ে যান। অথচ স্ত্রী সংসার ভাঙতে চাননি; বরং সম্পর্ক টিকিয়ে রাখতে আগ্রহী ছিলেন। স্বামীর এমন অবস্থানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি ‘অভয়ম’ নারী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অভয়মের কর্মীরা দম্পতির সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন। এ সময় তাঁরা স্বামীকে বোঝান, দাম্পত্য সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়ে কোনো যন্ত্রের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং একে অপরের মতামত, অনুভূতি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা প্রয়োজন। কাউন্সেলিংয়ের পর স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলেন এবং মতবিরোধ মিটিয়ে সমঝোতায় পৌঁছানোর সিদ্ধান্ত নেন। এতে তাঁদের তাৎক্ষণিক দাম্পত্য সংকটের অবসান ঘটে।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই দম্পতির আন্তঃজাতিগত বিয়ের কারণে দুই পরিবারের সদস্যরাও তাঁদের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করেননি। তাঁরা ভাদোদরায় আলাদাভাবে বসবাস করতেন, আর পরিবারের সদস্যরা থাকতেন গ্রামে। বিরোধ বাড়ার পর দুই পরিবারের পক্ষ থেকেও বিচ্ছেদের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ঘটনাটি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তথ্য খোঁজা কিংবা দৈনন্দিন কাজে এআই সহায়ক হলেও দাম্পত্য সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়ে এর পরামর্শ যাচাই না করে অনুসরণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে সম্পর্কের জটিলতা নিরসনে পারস্পরিক বোঝাপড়া, সরাসরি আলোচনা এবং প্রয়োজনে পেশাদার কাউন্সেলিংয়ের গুরুত্ব এ ঘটনা আবারও সামনে এনেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
যুদ্ধে নিহত ছেলের ২০ বছর আগের শেষ চিঠি টেলিভিশনে শুনে কান্নায় ভেঙে পড়লেন মা
বিয়ে করতে কানাডা থেকে ভারতে ৬১ বছরের নারী, বয়স জেনে বেঁকে বসলেন প্রেমিক
অচেনা মানুষের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করলেন চিকিৎসক, বললেন ‘আরেকটি কিডনি থাকলে সেটিও দিতাম’
কানাডায় বসবাসকারী এক নারীর মুখে একই দাঁতের জায়গায় চারটি দাঁত থাকার বিরল ঘটনা চিকিৎসকদের বিস্মিত করেছে। দীর্ঘদিন ধরে এমন অস্বাভাবিক দাঁতের গঠন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করেছেন সিলভিয়া বক্টর নামের ওই নারী। কথা বলা, খাবার চিবানো কিংবা দৈনন্দিন কাজে তাঁর কোনো অসুবিধা হতো না। বরং দাঁতের চিকিৎসকদের কাছে গেলে তাঁদের বিস্মিত প্রতিক্রিয়া দেখতে ভালো লাগত তাঁর। বিরল এই বৈশিষ্ট্যের কারণে চলতি বছরের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি। তবে পরে দাঁতের সমস্যার কারণে অতিরিক্ত তিনটি দাঁত তুলে ফেলতে হয়েছে তাঁকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের গত ১৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিলভিয়ার বয়স যখন ২০ বছর, তখন প্রথম তাঁর মুখে অতিরিক্ত দাঁতের বিষয়টি শনাক্ত হয়। একটি প্যানোরামিক এক্স-রে পরীক্ষায় দেখা যায়, স্বাভাবিক একটি দাঁতের পাশে একই দাঁতের গর্তে আরও তিনটি দাঁত রয়েছে। অর্থাৎ যেখানে একটি দাঁত থাকার কথা, সেখানে মোট চারটি দাঁত পাশাপাশি অবস্থান করছিল। চিকিৎসাবিজ্ঞানে স্বাভাবিক সংখ্যার চেয়ে অতিরিক্ত দাঁত থাকার এই অবস্থাকে বলা হয় হাইপারডন্টিয়া। সিলভিয়ার দাঁত দেখে অনেক চিকিৎসকই প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। একজন চিকিৎসক ধারণা করেছিলেন, তাঁর দাঁতগুলো এলোমেলোভাবে বেড়ে উঠেছে এবং ব্রেস ব্যবহার করে সোজা করা প্রয়োজন। কিন্তু ভালোভাবে পরীক্ষা করার পর তিনি বুঝতে পারেন, এগুলো স্বাভাবিক দাঁত নয়, বরং অতিরিক্ত গজানো দাঁত। সিলভিয়া জানান, চিকিৎসক তাঁকে বলেছিলেন, এমন ঘটনা এর আগে তিনি কখনো দেখেননি। কেউ কেউ দাঁতের চিকিৎসাবিষয়ক বইয়ে এ ধরনের ঘটনার কথা পড়লেও বাস্তবে এমন রোগী দেখার অভিজ্ঞতা তাঁদের ছিল না। বছরের পর বছর বিভিন্ন দাঁতের চিকিৎসক সিলভিয়াকে অতিরিক্ত তিনটি দাঁত তুলে ফেলার পরামর্শ দিয়েছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, ভবিষ্যতে দাঁতগুলো মুখের ভেতরে ক্ষত সৃষ্টি করতে পারে কিংবা চিকিৎসার ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। কিন্তু সিলভিয়ার কোনো ব্যথা বা অস্বস্তি ছিল না। খাবার খাওয়া এবং কথা বলার ক্ষেত্রেও সমস্যা অনুভব করতেন না তিনি। তাই দাঁতগুলো রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি দাঁতের পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নিতেন এবং নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করতেন। অবশেষে ২০২৬ সালের জানুয়ারিতে একই দাঁতের গর্তে সবচেয়ে বেশি দাঁত থাকার জন্য নারীদের বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পান সিলভিয়া। এই বিভাগে তাঁর মতো আর কোনো প্রতিযোগীর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ। তবে এটি মুখে মোট দাঁতের সংখ্যার বিশ্বরেকর্ড নয়। মুখে সর্বাধিক দাঁত থাকার নারীদের রেকর্ডটি ভারতের কল্পনা বালানের, যাঁর মোট ৩৮টি দাঁত রয়েছে। অন্যদিকে পুরুষদের মধ্যে মালয়েশিয়ার প্রথাব মুনিয়ান্দির মুখে ৪২টি দাঁত থাকার রেকর্ড রয়েছে। তবে বিশ্বরেকর্ড গড়ার কিছুদিন পরই সিলভিয়ার দাঁতে জটিলতা দেখা দেয়। অতিরিক্ত দাঁতগুলোর পাশে থাকা একটি প্রিমোলার দাঁতে ক্ষয় বা ক্যাভিটি তৈরি হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান, জায়গাটি এতটাই সংকীর্ণ যে অতিরিক্ত দাঁতগুলো না সরিয়ে ক্ষতিগ্রস্ত দাঁতে ফিলিং করা অত্যন্ত কঠিন। ফলে স্বাভাবিক দাঁতটি রক্ষার জন্য অতিরিক্ত তিনটি দাঁত তুলে ফেলার সিদ্ধান্ত নিতে হয়। গিনেস কর্তৃপক্ষকে সিলভিয়া জানান, দাঁতগুলো হারাতে তাঁর খুব খারাপ লেগেছিল। কিন্তু মূল দাঁতের চিকিৎসার জন্য শেষ পর্যন্ত সেগুলো অপসারণ করতে হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে হাইপারডন্টিয়া বিরল হলেও পরিচিত একটি অবস্থা। এতে স্বাভাবিক সংখ্যার বাইরে এক বা একাধিক দাঁত তৈরি হতে পারে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, দাঁতের গঠনসংক্রান্ত অস্বাভাবিকতার মধ্যে আনুমানিক ১ থেকে ৩ শতাংশ ক্ষেত্রে অতিরিক্ত দাঁত থাকার সমস্যা দেখা যায়। তবে সব অতিরিক্ত দাঁত অপসারণের প্রয়োজন হয় না। দাঁতের অবস্থান, ব্যথা, পরিচ্ছন্নতা এবং আশপাশের দাঁতের ওপর প্রভাব বিবেচনা করে চিকিৎসক সিদ্ধান্ত নেন। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, সিলভিয়া ২০১৯ সাল থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে কানাডায় বসবাস করছেন। বর্তমানে তিনি ভাষাবিজ্ঞানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। তাঁর জীবনের এই বিরল অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে ১২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে। যদিও অতিরিক্ত দাঁতগুলো এখন আর তাঁর মুখে নেই, তবু একই জায়গায় চারটি দাঁত থাকার জন্য পাওয়া বিশ্বরেকর্ডটি তাঁর জীবনের স্মরণীয় অর্জন হয়ে রয়েছে। সংবাদসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
মোবাইল ফোনের পাসওয়ার্ড না দেওয়ায় স্বামীকে পুড়িয়ে মারলেন স্ত্রী
অস্বাভাবিক বড় মধ্যমা আঙুল দেখে বিস্মিত নেটিজেনরা, সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা

