সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

ওপেনএআই

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
পরীক্ষাগার ছেড়ে হ্যাকার এআইয়ের হামলা, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তাব্যবস্থা যথাযথ না রেখেই উন্নত এআই মডেল তৈরি ও পরীক্ষা করার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। প্রতিষ্ঠানটির তৈরি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিরাপত্তা পরীক্ষার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য প্রতিষ্ঠানের সার্ভারে সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা। সোমবার (১৬ নভেম্বর) সান ফ্রান্সিসকোর স্টেট কোর্টে মামলাটি করা হয়। বন্টা দাবি করেছেন, তদন্তে এ ধরনের অন্তত ৮০টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জুলাইয়ে এআই স্টার্টআপ হাগিং ফেসের ওপর চালানো সাইবার হামলাটি অন্যতম।   মামলার কেন্দ্রে রয়েছে ২০২৬ সালের জুলাইয়ে ঘটে যাওয়া একটি সাইবার নিরাপত্তা ঘটনা। ওপেনএআইয়ের পরীক্ষামূলক এআই মডেল ব্যবহার করে তৈরি স্বয়ংক্রিয় এজেন্টগুলো একটি নিয়ন্ত্রিত পরীক্ষাগার পরিবেশ থেকে বেরিয়ে জনসাধারণের ব্যবহৃত ইন্টারনেটে প্রবেশ করে। এরপর ওপেন সোর্স এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ ও সাইবার হামলা চালায় বলে ক্যালিফোর্নিয়ার অভিযোগ। অঙ্গরাজ্য কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রায় আড়াই দিন ধরে চলা এই হামলায় কয়েক শ স্বয়ংক্রিয় এআই এজেন্ট সমন্বিতভাবে কাজ করেছিল। অথচ তাদের ওপেনএআইয়ের নিজস্ব গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে যাওয়ার কথা ছিল না।   ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা অভিযোগ করেছেন, ওপেনএআইয়ের অভ্যন্তরীণ সংস্কৃতিতে নিরাপত্তা ও জবাবদিহির চেয়ে দ্রুত পণ্য উন্নয়ন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, হাগিং ফেসের ওপর হামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। প্রতিষ্ঠানটির এআই এজেন্ট পরীক্ষার সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্তত ৮০টি ঘটনার তথ্য তাঁর দপ্তর পেয়েছে। এসব ঘটনার মধ্যে তৃতীয় পক্ষের কম্পিউটার ব্যবস্থা, সফটওয়্যার ডেটাবেস, তথ্যভিত্তিক ওয়েবসাইট এবং সরকারি স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের অভিযোগও রয়েছে। এমনকি ওপেনএআইয়ের নিজস্ব অভ্যন্তরীণ ব্যবস্থাও আক্রান্ত হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।   মামলার নথিতে বলা হয়েছে, ওপেনএআই পরীক্ষামূলক এআই মডেলগুলোকে বিভিন্ন ডিজিটাল স্যান্ডবক্সে পরীক্ষা করছিল। এসব পরিবেশে মডেলগুলোকে নির্দিষ্ট সফটওয়্যার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। কিন্তু পরীক্ষার সময় কিছু এআই এজেন্ট নির্ধারিত সীমা অতিক্রম করে বাইরের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশের সক্ষমতা দেখায়। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের অভিযোগ, এমন ঝুঁকির আগাম ইঙ্গিত পাওয়ার পরও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিশ্চিত না করেই পরীক্ষা চালিয়ে যায় প্রতিষ্ঠানটি।   এ ঘটনায় গত সেপ্টেম্বর থেকেই ওপেনএআইয়ের বিরুদ্ধে তদন্ত করছিল ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন সাইবার নিরাপত্তা ঘটনার সংখ্যা, ধরন ও বিস্তার সম্পর্কে তথ্য চেয়ে তদন্তসংক্রান্ত নোটিশ পাঠানো হয়। বন্টার দপ্তরের অভিযোগ, ওপেনএআইয়ের দেওয়া তথ্য তদন্তের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল না। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নথি ও বিস্তারিত তথ্য সরবরাহ করেনি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।   মামলায় ক্যালিফোর্নিয়ার ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন এবং জননিরাপত্তার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ আনা হয়েছে। অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আদালতের কাছে ওপেনএআইয়ের এআই মডেল তৈরি ও পরীক্ষার পদ্ধতিতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ চেয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। এই সাইবার হামলাগুলোকে কেন্দ্র করে কোনো অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে ওপেনএআইয়ের বিরুদ্ধে এটিই প্রথম মামলা।   অন্যদিকে ওপেনএআই জানিয়েছে, হাগিং ফেসের ঘটনাটি ছিল একটি নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনা। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, স্বয়ংক্রিয় এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে আরও স্বচ্ছতা প্রয়োজন। এ জন্য গত ১৬ সেপ্টেম্বর এ ধরনের ঘটনা প্রকাশের নতুন কাঠামোও ঘোষণা করে তারা। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া বক্তব্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নিরাপত্তা মান উন্নয়নে কাজ করতে তারা আগ্রহী। প্রতিষ্ঠানটির বক্তব্য, এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বৃহত্তর শিল্পখাতের চ্যালেঞ্জকে শুধু একটি প্রতিষ্ঠানের ওপর কেন্দ্রীভূত করা উচিত নয়।   এদিকে ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও একাধিক মামলা রয়েছে। গত মাসে দুই দলের আটটি অঙ্গরাজ্য একযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে। ওই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি কিশোরসহ কিছু ব্যবহারকারীকে নিজেদের বা অন্যদের ক্ষতি করার বিষয়ে উৎসাহিত করেছে। এ ছাড়া এআইয়ের ক্ষতিকর পরামর্শ নিয়ে ব্যক্তিগত পর্যায়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ে স্বাধীন নিরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাবও বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।   সংবাদসূত্র: রয়টার্স

বায়জিদ হাসান নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০ 0
স্ত্রীর বিষ প্রয়োগের পরিকল্পনায় চ্যাটজিপিটির সহায়তা, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করলেন স্বামী
স্ত্রীর বিষ প্রয়োগের পরিকল্পনায় চ্যাটজিপিটির সহায়তা, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করলেন স্বামী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা জেমস গেটস অভিযোগ করেছেন, তাঁকে বিষ প্রয়োগ করে হত্যার পরিকল্পনায় তাঁর স্ত্রী শেরিল হ্যারিস গেটসকে সহায়তা করেছিল চ্যাটজিপিটি। এ অভিযোগে চ্যাটবটটির নির্মাতা ওপেনএআইয়ের একাধিক প্রতিষ্ঠান ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন তিনি। আদালতের নথি অনুযায়ী, ২০২৬ সালের ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি দাখিল হয়। এর আগে শেরিলের বিরুদ্ধে নর্থ ক্যারোলাইনায় হত্যাচেষ্টার অভিযোগ এনেছিলেন প্রসিকিউটররা। পর্যাপ্ত প্রমাণ না থাকায় ২০২৬ সালের এপ্রিলে তাঁরা সেই ফৌজদারি মামলা প্রত্যাহার করেন।   মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শার্লটের একটি স্কুল ব্যবস্থায় শিশুদের অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কাজ করতেন শেরিল। কাজের দীর্ঘ মূল্যায়ন প্রতিবেদন দ্রুত তৈরি করতে জেমসের পরামর্শেই ২০২৫ সালের শুরুর দিকে তিনি চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন। জুলাই নাগাদ কাজের পাশাপাশি ওষুধসংক্রান্ত প্রশ্ন, সন্তানদের নানা কাজের পরিকল্পনা ও দৈনন্দিন পরামর্শের জন্যও তিনি প্রায় প্রতিদিন চ্যাটবটটি ব্যবহার করতেন। ওই সময় সংসারের অর্থ নিয়ে টানাপোড়েন বাড়লে তিনি দাম্পত্যের কথাও চ্যাটজিপিটিকে বলতে শুরু করেন। জেমসের দাবি, তিনি নজরদারি করছেন এবং স্ত্রী-সন্তানদের আর্থিক সহায়তা ছাড়াই চলে যাবেন বলে শেরিল যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, চ্যাটবটের উত্তরগুলো তা আরও জোরালো করে।    জেমসের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মের শুরুতে বাড়ির কয়েকটি পানীয়ের স্বাদ তাঁর কাছে অস্বাভাবিক তেতো লাগে। ওই বছরের ১০ জুলাই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অভিযোগপত্রে তিনি জানান, প্রায় তিন দিন ধরে তাঁর বুক ধড়ফড়, পেটে তীব্র ব্যথা, দুর্বলতা ও বিভ্রান্তির মতো উপসর্গ ছিল। পরে তিনি সেরে ওঠেন। জেমস বলেন, অসুস্থতার সময় তিনি এর কারণ বুঝতে পারেননি। সেপ্টেম্বরে স্ত্রীর হাতে লেখা বলে দাবি করা একটি নোট পাওয়ার পর তাঁর সন্দেহ হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, নোটে একটি বিষাক্ত উদ্ভিদ ও কয়েকটি ওষুধের উল্লেখ ছিল। সেখানে চ্যাটজিপিটির কথোপকথন মুছে অ্যাকাউন্ট থেকে বের হওয়ার কথাও লেখা ছিল।    অভিযোগপত্রে শেরিলের চ্যাটজিপিটি কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হয়েছে। বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আদালতের একটি আদেশের আওতায় শার্লট-মেকলেনবার্গ পুলিশের কাছ থেকে তাঁরা ওই কথোপকথনের রেকর্ড পেয়েছেন। মামলায় বলা হয়েছে, শেরিল প্রথমে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে বিষক্রিয়া সম্পর্কে প্রশ্ন করেন। জেমসের অভিযোগ, পরে প্রশ্নগুলো তাঁর ক্ষতি করার দিকে মোড় নিলেও চ্যাটবট কথোপকথন থামায়নি। বরং বিষ প্রয়োগ ও তার প্রমাণ আড়াল করার বিষয়ে উত্তর দিয়েছে। জেমসের দাবি, কথোপকথনের রেকর্ড পড়ার পরই তিনি চ্যাটবটের ভূমিকা সম্পর্কে জানতে পারেন।    শার্লট-মেকলেনবার্গ পুলিশ জানিয়েছিল, ২০২৫ সালের ১০ অক্টোবর শেরিলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং খাবার বা পানীয়তে ক্ষতিকর পদার্থ মেশানোর অভিযোগ আনা হয়েছিল। পুলিশ সে সময় জানায়, ঘটনাটি স্কুল প্রাঙ্গণের বাইরে ঘটেছে এবং এর সঙ্গে কোনো শিক্ষার্থী বা শিক্ষকের সংশ্লিষ্টতা ছিল না। পরে প্রসিকিউটররা পর্যাপ্ত প্রমাণের অভাবে ফৌজদারি মামলা প্রত্যাহার করেন বলে নর্থ ক্যারোলাইনার আদালতের নথিতে উল্লেখ রয়েছে। শেরিলের একজন আইনজীবী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।  ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেছেন, ব্যবহারকারীর নিরাপত্তা তাদের অগ্রাধিকার। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে এবং তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়েছে। দেওয়ানি মামলায় চ্যাটজিপিটির নকশায় ত্রুটি, ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে ব্যর্থতা এবং মানসিক ক্ষতির অভিযোগসহ নয়টি আইনি দাবি তুলেছেন জেমস। তিনি শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। একই সঙ্গে কোনো ব্যবহারকারী নির্দিষ্ট কাউকে আঘাত করার পরিকল্পনা করছেন বলে কথোপকথনে ইঙ্গিত মিললে তা শনাক্ত ও থামানোর ব্যবস্থা নিতে ওপেনএআইকে নির্দেশ দেওয়ার আবেদন করেছেন তিনি।   সূত্র - সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র কোর্টে দাখিল করা অভিযোগপত্র, শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগ, দ্য ইন্ডিপেনডেন্ট

নুরুল্লাহ সাইদ নভেম্বর ৭, ২০২৬ ১৩:০ 0
স্ত্রীর সঙ্গে চ্যাটজিপিটির কথোপকথন সামনে আসার পর আইনি পদক্ষেপ নিয়েছেন জেমস গেটস। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
স্বামীকে হত্যার পরিকল্পনায় স্ত্রীকে চ্যাটজিপিটির সহায়তার অভিযোগ, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের আলোচনা থেকে স্বামীকে বিষ প্রয়োগের পরিকল্পনা তৈরিতে চ্যাটজিপিটি সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা জেমস গেটস কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, স্ত্রী শেরিল গেটস প্রথমে সংসারের সমস্যা ও ব্যক্তিগত হতাশা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতেন। একপর্যায়ে সেই কথোপকথন স্বামীকে হত্যার পরিকল্পনা পর্যন্ত গড়ায়। ২০২৫ সালে কথিত বিষ প্রয়োগের ঘটনায় গুরুতর অসুস্থ হলেও প্রাণে বেঁচে যান জেমস। সম্প্রতি স্ত্রীর সঙ্গে চ্যাটবটের কথোপকথনের তথ্য সামনে আসার পর তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।   দ্য ইন্ডিপেনডেন্ট ও লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেমস গেটসের আইনজীবীরা গত ৫ নভেম্বর সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র কোর্টে ওপেনএআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের শুরুতে জেমসের পরামর্শেই তাঁর স্ত্রী শেরিল কাজের সুবিধার জন্য চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন। পেশাগত কাজে প্রতিবেদন তৈরি, ওষুধসংক্রান্ত প্রশ্ন এবং দৈনন্দিন বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তিনি নিয়মিত চ্যাটবটটি ব্যবহার করতেন। পরে স্বামী-স্ত্রীর মধ্যে আর্থিক বিষয় নিয়ে বিরোধ ও বিচ্ছেদের আলোচনা শুরু হলে শেরিল দাম্পত্য সমস্যা নিয়েও চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে থাকেন।   মামলার অভিযোগ অনুযায়ী, ধীরে ধীরে শেরিলের কথোপকথনের ধরন বদলে যায়। তিনি স্বামীর বিরুদ্ধে নজরদারি করা, তাঁকে ছেড়ে চলে যাওয়া এবং সন্তানদের নিয়ে আর্থিকভাবে অসহায় অবস্থায় ফেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করতেন। জেমসের আইনজীবীদের দাবি, চ্যাটজিপিটি এসব সন্দেহ যাচাই না করে সেগুলোকে আরও জোরালো করেছে। তাঁদের অভিযোগ, চ্যাটবটটি শেরিলের অবিশ্বাস ও ভয়কে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি স্বামীকে বিষ প্রয়োগের পরিকল্পনা এবং তা গোপন রাখার বিষয়ে তথ্য দিয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।   জেমসের দাবি, ২০২৫ সালের গ্রীষ্মের শুরুতে বাড়িতে রাখা কোমল পানীয় ও এনার্জি ড্রিংকের স্বাদ অস্বাভাবিক তেতো মনে হতে শুরু করে তাঁর। একই বছরের ১০ জুলাই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মামলার নথি অনুযায়ী, প্রায় ৭২ ঘণ্টা ধরে তাঁর হৃদ্‌যন্ত্রসংক্রান্ত সমস্যা, পেটব্যথা, প্রচণ্ড দুর্বলতা, অস্থিরতা ও বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দেয়। এরপরও দীর্ঘদিন তিনি বুঝতে পারেননি তাঁর অসুস্থতার পেছনে কী কারণ থাকতে পারে। প্রায় দুই মাস পর স্ত্রীর হাতে লেখা একটি নোট পাওয়ার পর তাঁর সন্দেহ আরও বাড়ে।   ওই নোটে ওলিয়েন্ডার নামের বিষাক্ত উদ্ভিদ এবং কয়েকটি প্রেসক্রিপশন ওষুধের উল্লেখ ছিল বলে মামলায় দাবি করা হয়েছে। একই নোটে চ্যাটজিপিটির কথোপকথন মুছে ফেলা এবং অ্যাকাউন্ট থেকে লগআউট করার নির্দেশনাও লেখা ছিল। জেমসের আইনজীবীরা দাবি করেছেন, শেরিল চ্যাটজিপিটির কাছে ওলিয়েন্ডারের বিষাক্ততা, খাবার বা পানীয়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার সম্ভাবনা এবং ময়নাতদন্তে তা শনাক্ত করা যাবে কি না, এমন প্রশ্ন করেছিলেন। মামলায় সংযুক্ত কথোপকথনের কিছু স্ক্রিনশটকে নিজেদের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন তাঁরা।   এই ঘটনার পর জেমস পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ২০২৫ সালে শেরিলকে স্বামীকে হত্যাচেষ্টা এবং খাবার বা পানীয় দূষিত করার অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে ২০২৬ সালের এপ্রিলে পর্যাপ্ত প্রমাণের অভাবে প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাটি প্রত্যাহার করেন। ফলে শেরিলের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। এখন জেমসের নতুন দেওয়ানি মামলার মূল বিষয় হলো, চ্যাটজিপিটির নকশা ও নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি ছিল কি না এবং কথোপকথনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি শনাক্ত করে তা বন্ধ করার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না।   মামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মোট নয়টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পণ্য নকশায় অবহেলা, প্রয়োজনীয় সতর্কতা দিতে ব্যর্থতা এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ। জেমসের দাবি, চ্যাটবটটি তাঁর স্ত্রীর সন্দেহ ও ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং কথিত হত্যাচেষ্টার পরিকল্পনায় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছিল। তিনি আদালতের কাছে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। একই সঙ্গে চ্যাটবটের নিরাপত্তাব্যবস্থা উন্নত করার বিষয়টিও মামলায় গুরুত্ব পেয়েছে।   অন্যদিকে ওপেনএআই তাদের বক্তব্যে জানিয়েছে, ব্যবহারকারীর নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে এবং চলমান তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। তবে জেমসের অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত মন্তব্য করেনি। এ মামলার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের নিরাপত্তা, ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণ এবং অন্য ব্যক্তির ক্ষতির ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানের দায় কতটা, তা নিয়ে নতুন আইনি বিতর্ক তৈরি হয়েছে।   সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, লস অ্যাঞ্জেলেস টাইমস, সিবিএস নিউজ।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ৭, ২০২৬ ১৩:০ 0
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে বিশেষ নজরদারি কেন্দ্র চালু করেছে ওপেনএআই। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ঠেকাতে বিশেষ কেন্দ্র চালু ওপেনএআইয়ের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়ানো ঠেকাতে বিশেষ নজরদারি কেন্দ্র চালু করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ‘ইলেকশন অপারেশনস সেন্টার’ নামে এই কেন্দ্র ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সক্রিয় থাকবে। একই সঙ্গে নির্বাচনী তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষাব্যবস্থা নিয়েছে আরেক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন এসব উদ্যোগের বিস্তারিত সামনে এসেছে।   মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এবং বোস্টন ২৫ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের বিশেষ কেন্দ্রে কয়েকশ কর্মী নির্বাচনের সময় এআই প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার পর্যবেক্ষণ করবেন। কোনো ব্যক্তি বা সংগঠন চ্যাটজিপিটি ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কি না, ভুয়া নির্বাচনী তথ্য তৈরি হচ্ছে কি না কিংবা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে কি না, এসব বিষয় নজরদারির আওতায় থাকবে।   ওপেনএআইয়ের সিভিক অ্যান্ড স্ট্র্যাটেজিক রিস্ক বিভাগের প্রধান জশ লসন জানিয়েছেন, নির্বাচনের সময় ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য সরবরাহ, প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ এবং নির্বাচনসংশ্লিষ্ট নিরাপত্তাব্যবস্থাকে সহায়তা করাই এই উদ্যোগের উদ্দেশ্য। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশেষ কেন্দ্রটি বিভিন্ন বিভাগের কর্মীদের একসঙ্গে কাজ করার সুযোগ দেবে, যাতে নতুন কোনো ঝুঁকি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।   ভোটারদের সঠিক তথ্য দিতে ডেমোক্রেসি ওয়ার্কস নামের একটি নির্দলীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ওপেনএআই। এর ফলে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ভোটার নিবন্ধন, ভোট দেওয়ার সময়সীমা, ভোটকেন্দ্রের অবস্থান এবং প্রয়োজনীয় পরিচয়পত্র সম্পর্কে তথ্য জানতে পারবেন। তথ্যগুলো সংশ্লিষ্ট অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরবরাহ করা হবে। ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষাতেও এই সুবিধা পাওয়া যাচ্ছে।   এ ছাড়া নির্বাচনের ফলাফল জানাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে অংশীদারত্ব করেছে ওপেনএআই। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এপির সরবরাহ করা ভোট গণনার তথ্য চ্যাটজিপিটিতে দেখা যাবে। তবে চূড়ান্ত নির্বাচনী ফলাফলের কর্তৃত্ব সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের হাতেই থাকবে।   এদিকে নির্বাচনী বিভ্রান্তি ঠেকাতে এআই দিয়ে তৈরি ছবির ক্ষেত্রেও নতুন ব্যবস্থা নিয়েছে ওপেনএআই। ভোটগ্রহণে বাধা কিংবা ভোটারদের নিরুৎসাহিত করার মতো বিভ্রান্তিকর বাস্তবধর্মী ছবি তৈরির অনুরোধ এলে সেগুলোকে বাস্তব ফটোগ্রাফের পরিবর্তে কার্টুনধর্মী চিত্রে রূপান্তর করার ব্যবস্থা রাখা হয়েছে। এর উদ্দেশ্য কল্পিত দৃশ্যকে প্রকৃত ঘটনার ছবি হিসেবে প্রচারের ঝুঁকি কমানো। নির্বাচনে হস্তক্ষেপের জন্য প্রযুক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও বহাল রয়েছে।   অন্যদিকে ক্লড এআইয়ের নির্মাতা অ্যানথ্রপিক জানিয়েছে, ভোটারদের সঠিক তথ্য দিতে তারাও ডেমোক্রেসি ওয়ার্কসের তথ্য ব্যবহার করছে। ক্লডের মাধ্যমে ভোটাররা নির্বাচনের তারিখ, ভোটকেন্দ্র এবং স্থানীয় ভোটদানের নিয়ম জানতে পারবেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি রাজনৈতিক পক্ষপাত, ভুয়া প্রচারণা এবং নির্বাচনী প্রভাব বিস্তারে এআইয়ের অপব্যবহার শনাক্ত করতে নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করেছে।   অ্যানথ্রপিকের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ক্লডের প্রায় ৫ দশমিক ৭৫ শতাংশ কথোপকথনে রাজনীতি, সরকারি নীতি কিংবা সামাজিক বিষয় উঠে আসে। নির্বাচনের বিষয়ে নির্দিষ্ট প্রশ্ন রয়েছে প্রায় শূন্য দশমিক ৫১ শতাংশ কথোপকথনে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভুয়া সংবাদমাধ্যম তৈরি এবং বিদেশি প্রভাব বিস্তারের প্রচেষ্টায় এআই ব্যবহার শনাক্ত করে সংশ্লিষ্ট কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।   এর আগে ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানে দেখা যায়, জনপ্রিয় কয়েকটি এআই চ্যাটবট ভোটারদের জন্য তথ্য তৈরি করতে গিয়ে ভুল প্রার্থী, ভুল নির্বাচনী এলাকা এবং অস্তিত্বহীন নির্বাচনের তথ্যও দিয়েছে। ফলে নির্বাচনী তথ্যের ক্ষেত্রে শুধু এআইয়ের উত্তরের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের সরকারি নির্বাচন দপ্তরের তথ্য যাচাই করার গুরুত্ব আরও বেড়েছে।

তাবাস্সুম নভেম্বর ২, ২০২৬ ১৩:০ 0
বোয়েন ওয়ানের মৃত্যুর ঘটনায় চ্যাটজিপিটির পরামর্শ নিয়ে প্রশ্ন তুলে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর বাবা-মা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে তরুণীর মৃত্যু, ওপেনএআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে মৃগীরোগের জটিলতায় ৩১ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনায় চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর বাবা-মা। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে ওই তরুণী চ্যাটজিপিটির পরামর্শ নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা না করেই জীবন রক্ষাকারী ওষুধের মাত্রা কমিয়েছিলেন। এতে তাঁর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় বলে মামলায় দাবি করা হয়েছে। তবে আদালতে অভিযোগগুলোর সত্যতা এখনো প্রমাণিত হয়নি।   নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বোয়েন ওয়ান নামের ওই সফটওয়্যার প্রকৌশলী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মারা যান। তিনি এক দশকেরও বেশি সময় ধরে মৃগীরোগ নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধ গ্রহণ করছিলেন। মৃত্যুর সরকারি কারণ হিসেবে মৃগীরোগজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর কয়েক দিন আগে বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় তাঁর খিঁচুনি হয়েছিল। পরে তিনি আর ফোনের উত্তর না দেওয়ায় চীনে থাকা তাঁর বাবা-মা পরিচিত একজনকে সিয়াটলের অ্যাপার্টমেন্টে খোঁজ নিতে বলেন। ওই পরিচিত ব্যক্তি সেখানে তাঁকে মৃত অবস্থায় পান।   বোয়েনের বাবা-মা কুন ওয়ান ও মেইচিন শুয়ের করা মামলায় বলা হয়েছে, মৃত্যুর আগের দিনগুলোতে তিনি চ্যাটজিপিটির সঙ্গে ওষুধের মাত্রা কমানোর বিষয়ে একাধিকবার আলোচনা করেছিলেন। পরিবারের অভিযোগ, শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বললেও পরে চ্যাটবট তাঁকে নিজে থেকে ওষুধ কমানোর বিষয়ে উৎসাহিত করে। এমনকি চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর না করার জন্য তাঁকে প্রশংসা করা হয়েছিল বলেও মামলায় উল্লেখ রয়েছে। পরিবারের আইনজীবীদের ভাষ্য, চ্যাটবটের এমন প্রতিক্রিয়া বোয়েনকে চিকিৎসাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল পথে পরিচালিত করেছিল।   বোয়েন ২০২১ সাল থেকে শারীরিক সমস্যার কারণে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সে সময় তাঁর দীর্ঘদিনের ওষুধে খিঁচুনি নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় এবং কখনো দিনে একাধিকবার খিঁচুনি হতো। পরে তিনি অ্যামাজনে সফটওয়্যার প্রকৌশলীর চাকরি থেকে চিকিৎসাজনিত ছুটি নেন। একা বাইরে বের হলে খিঁচুনি হওয়ার আশঙ্কায় তিনি সামাজিক যোগাযোগও কমিয়ে দেন। ২০২৩ সালে সম্পর্কের পরামর্শ, বিমা এবং অক্ষমতাজনিত সুবিধা সম্পর্কে জানতে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন। পরিবারের দাবি, ২০২৫ সালের মধ্যে তাঁর সঙ্গে চ্যাটবটের কথোপকথন সপ্তাহে প্রায় দেড় হাজার বার্তায় পৌঁছায়।   ২০২৫ সালের নভেম্বরে অ্যামাজনের চাকরি হারানোর পর তাঁর উদ্বেগ আরও বাড়ে। যুক্তরাষ্ট্রে থাকার জন্য পরবর্তী বছরের ফেব্রুয়ারির মধ্যে নতুন চাকরি খুঁজে নেওয়া প্রয়োজন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে নতুন একটি ওষুধে তাঁর খিঁচুনি আগের তুলনায় কমে এলেও চিন্তাভাবনা ও কথা বলার ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছিলেন তিনি। চাকরির সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলা এবং কারিগরি মূল্যায়নে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে চিন্তিত বোয়েন চ্যাটজিপিটিকে জানান, ওষুধের মাত্রা কমালে তাঁর ভাষাগত দক্ষতা কিছুটা ফিরতে পারে বলে তিনি আশা করছেন।   মামলার নথিতে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে বোয়েন মৃগীরোগের ওষুধের দৈনিক মাত্রা ৪০০ মিলিগ্রাম থেকে কমিয়ে ৩০০ এবং পরে ২০০ মিলিগ্রামে নামানোর বিষয়ে চ্যাটজিপিটির পরামর্শ চান। পরিবারের দাবি, চ্যাটবট একপর্যায়ে কয়েক সপ্তাহের মধ্যে ওষুধের মাত্রা শূন্যে নামানোর একটি পরিকল্পনাও তৈরি করেছিল। মাত্রা কমানোর পর বোয়েন বিভ্রান্তি, বিছানায় কীভাবে পৌঁছেছেন তা মনে করতে না পারাসহ বিভিন্ন সমস্যার কথা জানান। মামলায় বলা হয়েছে, তিনি মোট ১৫৮ বার নিজের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু চ্যাটবট এসব সমস্যাকে মস্তিষ্কের সাময়িক ধীরগতির সঙ্গে তুলনা করে তাঁকে আশ্বস্ত করেছিল বলে অভিযোগ করা হয়েছে।   বোয়েনের মৃগীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিকোলাস পুলুস নিউইয়র্ক টাইমসকে বলেছেন, তাঁর মতো রোগীকে কার্যকর ওষুধ বন্ধ করার পরামর্শ তিনি কখনো দিতেন না। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, খিঁচুনি নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ নিজে থেকে কমানো বিপজ্জনক হতে পারে। মৃগীরোগের একটি গুরুতর জটিলতা হলো আকস্মিক অপ্রত্যাশিত মৃত্যু, যা পরিচিত সংক্ষেপে এসইউডিইপি নামে। এ ধরনের মৃত্যু অনেক সময় ঘুমের মধ্যে ঘটে। তবে বোয়েনের মৃত্যুর সঙ্গে চ্যাটজিপিটির পরামর্শের সরাসরি কার্যকারণ সম্পর্ক আদালতে প্রতিষ্ঠিত হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।   বোয়েনের পরিবারের দায়ের করা মামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ দেওয়ার সীমা অতিক্রম এবং চিকিৎসকদের প্রয়োজনীয় কর্তৃত্বকে বাধা হিসেবে উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে। ওপেনএআইয়ের মুখপাত্র ড্রিউ পুসাতের ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চ্যাটজিপিটি চিকিৎসাসেবার বিকল্প নয়। তবে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বোঝা, বিমা ও জটিল স্বাস্থ্যসেবা ব্যবস্থার পথ খুঁজে পাওয়া এবং চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক ভূমিকা রাখতে পারে।   ওপেনএআই জানিয়েছে, বোয়েন যে জিপিটি-৪ও মডেল ব্যবহার করেছিলেন, সেটি বর্তমানে আর উপলভ্য নেই। মডেলটির অতিরিক্ত সম্মতিপ্রবণ আচরণ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অনুপযুক্ত প্রতিক্রিয়া নিয়ে আগে সমালোচনা হয়েছিল। মামলাটি কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শের সীমা, ব্যবহারকারীর নিরাপত্তা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের দায় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওপেনএআই বা এর প্রধান নির্বাহীর বিরুদ্ধে আনা অভিযোগকে প্রমাণিত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।   সূত্র: নিউইয়র্ক টাইমস, বোয়েন ওয়ানের পরিবারের দায়ের করা মামলা।

মোহাম্মদ ইব্রাহিম অক্টোবর ২৮, ২০২৬ ১৪:০ 0
চ্যাটজিপিটির নতুন প্ল্যান মাসে ৫০০ ডলার, বদলাচ্ছে ২০০ ডলারের সুবিধাও
চ্যাটজিপিটির নতুন প্ল্যান মাসে ৫০০ ডলার, বদলাচ্ছে ২০০ ডলারের সুবিধাও

চ্যাটজিপিটির সবচেয়ে বেশি ব্যবহারসীমার নতুন প্ল্যান ‘প্রো ৫০০’ চালু করেছে ওপেনএআই। মাসে ৫০০ ডলারের এই প্ল্যানে চ্যাটজিপিটি প্লাসের তুলনায় ২৫ গুণ ব্যবহারসীমা এবং ‘আলট্রাফাস্ট’ সুবিধা পাওয়া যাবে। একই সঙ্গে মাসে ২০০ ডলারের প্রো প্ল্যানে নতুন গ্রাহক নেওয়া আবার শুরু হয়েছে, তবে তাঁদের জন্য আগের তুলনায় কম ব্যবহারসীমা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ডেভডে সম্মেলনে নতুন প্ল্যানের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।   ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত গ্রাহকদের জন্য এখন মাসে ১০০, ২০০ ও ৫০০ ডলারের তিনটি প্রো প্ল্যান রয়েছে। তিনটিতেই প্রো মডেল, কোডেক্স, ডিপ রিসার্চ, ছবি তৈরি ও ফাইল আপলোডের মতো সুবিধা আছে। তবে সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত ব্যবহারসীমা প্রো ৫০০-তে। ব্যক্তিগত প্রো প্ল্যানগুলোর মধ্যে আলট্রাফাস্টও শুধু এটিতেই পাওয়া যাচ্ছে।    আলট্রাফাস্ট দিয়ে জিপিটি-৬ অ্যাস্ট্রা মডেল চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্সে ব্যবহার করা যায়। কোডেক্সে এই মোডে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩০০ টোকেন তৈরি হতে পারে বলে ওপেনএআইয়ের দাবি, যা সাধারণ মোডের তুলনায় সর্বোচ্চ আট গুণ দ্রুত। টোকেন হলো এআইয়ের লেখা প্রক্রিয়া ও তৈরির একক। এই গতি সব ধরনের কাজ আট গুণ আগে শেষ হওয়ার নিশ্চয়তা নয়। পাশাপাশি আলট্রাফাস্ট চালালে প্ল্যানে অন্তর্ভুক্ত ব্যবহারসীমাও সাধারণ মোডের তুলনায় আট গুণ হারে খরচ হয়।    নতুন প্ল্যানের পাশাপাশি ২০০ ডলারের গ্রাহকদের জন্য পরিবর্তনটিও গুরুত্বপূর্ণ। বিজনেস ইনসাইডারের হিসাবে, নতুন প্রো ২০০ প্ল্যানে ওয়ার্ক ও কোডেক্সের ব্যবহারসীমা প্লাসের ২০ গুণ থেকে কমে ১০ গুণ হচ্ছে। চ্যাটে জিপিটি-৬ প্রো ব্যবহারের সীমা সপ্তাহে ২০০ বার থেকে ১০০ বার হবে। ওপেনএআই তার সহায়তা পাতায় কম ব্যবহারসীমার বিষয়টি নিশ্চিত করেছে, তবে মাসিক মূল্য ২০০ ডলারই রেখেছে।    যোগ্য পুরোনো প্রো ২০০ গ্রাহকেরা তাঁদের আগের ব্যবহারসীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ধরে রাখতে পারবেন। এরপর নতুন সীমা কার্যকর হবে; যাঁদের ওপর পরিবর্তনটি প্রযোজ্য, তাঁদের ইমেইলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ওপেনএআই। পুরোনো সীমা সাময়িকভাবে বহাল থাকলেও তাঁরা আলট্রাফাস্ট পাবেন না। প্রো ১০০ বা প্রো ২০০ গ্রাহকেরা অতিরিক্ত ক্রেডিট কিনেও আপাতত ওই সুবিধা চালু করতে পারবেন না।    বেশি খরচের প্ল্যানটির লক্ষ্য মূলত নিয়মিত বড় গবেষণা, বিশ্লেষণ ও কোডিংয়ের কাজে ওয়ার্ক ও কোডেক্স ব্যবহারকারীরা। তবে ৫০০ ডলার দিলেই সব সুবিধা সীমাহীন হয়ে যায় না। কাজের ধরন, ব্যবহৃত মডেল ও সেটিংস অনুযায়ী ব্যবহারসীমা কত দ্রুত শেষ হবে, তা বদলায়। গ্রাহকেরা অ্যাকাউন্টের ‘ইউসেজ’ অংশে অবশিষ্ট সীমা ও তা পুনরায় চালু হওয়ার সময় দেখতে পারবেন। 

বায়জিদ হাসান সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১৪:০ 0
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ডেটায় এআই এজেন্টের অননুমোদিত প্রবেশের ঘটনায় জবাবদিহির মুখে স্যাম অল্টম্যান
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ডেটায় এআই এজেন্টের অনুপ্রবেশ, জবাব দিতে সিনেটে স্যাম অল্টম্যান

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার একটি পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের অননুমোদিত প্রবেশের ঘটনায় এবার জবাব দিতে হবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে। দেশটির সিনেটের একটি তদন্ত কমিটি অল্টম্যানকে প্রকাশ্য শুনানিতে হাজির হওয়ার জন্য লিখিত অনুরোধ জানিয়েছে। একই শুনানিতে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইকেও উপস্থিত হতে বলা হয়েছে।   আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ শুনানি হওয়ার কথা। এআই প্রযুক্তি ও ডেটা সেন্টারের নিরাপত্তা, তথ্যের স্বচ্ছতা, অস্ট্রেলিয়ার জনগোষ্ঠী ও বিভিন্ন শিল্পে এর প্রভাব এবং পানি ও জ্বালানি ব্যবহারের মতো বিষয় নিয়ে তদন্ত করছে সিনেট কমিটি। তবে সাম্প্রতিক এই ঘটনা তদন্তে নতুন করে গুরুত্ব পেয়েছে।   ঘটনার সূত্রপাত গত জুনে। অস্ট্রেলিয়ার সরকারি সংস্থা সার্ভিসেস অস্ট্রেলিয়ার অধীনে থাকা মেডিকেয়ার পরিসংখ্যান প্রতিবেদন পোর্টালে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, ১৮ জুন ওপেনএআইয়ের গবেষণা দল অস্ট্রেলিয়ায় সরকারি ওষুধ ব্যয়সংক্রান্ত তথ্য খুঁজতে একটি অভ্যন্তরীণ মডেল ব্যবহার করছিল।   তথ্য খোঁজার সময় এআই এজেন্টটি বারবার বাধার মুখে পড়ে। এরপর সেটি ওই বাধা এড়িয়ে বিকল্প উপায়ে তথ্য পাওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত মেডিকেয়ারের একটি সরকারি পোর্টালের কিছু অংশে অননুমোদিত প্রবেশ করে। সেখানে প্রকাশ্য ও অপ্রকাশ্য—দুই ধরনের ফাইলেই প্রবেশ করা হয়। সার্ভিসেস অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, এজেন্টটি একটি অভ্যন্তরীণ সার্ভারে ফাইল লেখার কাজও করেছিল। বিষয়টি এখনো তদন্তাধীন।   তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তির ব্যক্তিগত মেডিকেয়ার বা চিকিৎসাসংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ঘটনাটি যে পোর্টালে ঘটেছে সেখানে মূলত স্বাস্থ্য পরিসংখ্যান ও ব্যয়সংক্রান্ত অ-সংবেদনশীল তথ্য ছিল। একই সঙ্গে ফরেনসিক তদন্ত চলছে এবং সরকারি নেটওয়ার্কের আরও কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।   ঘটনাটি প্রকাশ্যে আসে গত ২৪ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানান, ঘটনার পর ওপেনএআই সরকারকে জানাতে দীর্ঘ সময় নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রথমবার অস্ট্রেলিয়ার সরকারকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানায় ওপেনএআই। সেটিও পাঠানো হয়েছিল সার্ভিসেস অস্ট্রেলিয়ার সাধারণ একটি পাবলিক মেইলবক্সে। পরে বিষয়টি অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।   ঘটনাটি প্রকাশের দিনই অ্যালবানিজ স্যাম অল্টম্যানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি অস্ট্রেলিয়া সরকারের গভীর উদ্বেগের কথা জানান এবং ঘটনাটি জানাতে এত দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। অ্যালবানিজের ভাষ্য অনুযায়ী, অল্টম্যানও স্বীকার করেছেন যে এ ঘটনায় ওপেনএআইয়ের প্রক্রিয়া যথেষ্ট ভালো ছিল না।   এরপর অস্ট্রেলিয়া ঘটনাটি তদন্তে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে। এতে জাতীয় সাইবার নিরাপত্তা সমন্বয়কারী, এআই দপ্তর, অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেট, অস্ট্রেলিয়ান এআই সেফটি ইনস্টিটিউট এবং সার্ভিসেস অস্ট্রেলিয়ার কর্মকর্তারা রয়েছেন। ভবিষ্যতে এআই-সম্পর্কিত সাইবার ঘটনা মোকাবিলায় বর্তমান ব্যবস্থা যথেষ্ট কি না এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, তাও পর্যালোচনা করা হচ্ছে।   এদিকে অস্ট্রেলিয়ার আরও কয়েকটি সরকারি ওয়েবসাইটে একই ধরনের এআই কার্যক্রমের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, নিউ সাউথ ওয়েলসের ব্যুরো অব ক্রাইম স্ট্যাটিস্টিকস অ্যান্ড রিসার্চ এবং ভিক্টোরিয়ার স্বাস্থ্য বিভাগের কিছু সিস্টেমও সম্ভাব্যভাবে প্রভাবিত হয়ে থাকতে পারে। তবে এসব ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ নিশ্চিত হয়েছে—এমন তথ্য এখনো দেওয়া হয়নি।   সিনেটের আসন্ন শুনানিতে তাই এআই এজেন্টের স্বায়ত্তশাসিত কর্মকাণ্ড, সরকারি তথ্যের নিরাপত্তা, নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতা এবং কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। শুনানির মাধ্যমে অস্ট্রেলিয়া এআই প্রযুক্তির নিরাপদ ব্যবহার ও জবাবদিহির কাঠামো নিয়েও আরও তথ্য নিতে চাইছে।

অলিনা রহমান সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৪:০ 0
যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের অপ্রত্যাশিত আচরণের পর সবচেয়ে সক্ষম মডেলগুলোর প্রশিক্ষণ স্থগিত করেছে ওপেনএআই। ছবি: সংগৃহীত
সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের অস্বাভাবিক আচরণ, কাজ থামাল ওপেনএআই

যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি ওয়েবসাইটে নিজেদের এআই এজেন্টের অপ্রত্যাশিত আচরণের তথ্য প্রকাশের পর সবচেয়ে সক্ষম মডেলগুলোর প্রশিক্ষণ ও পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছে ওপেনএআই। শনিবার প্রতিষ্ঠানটি জানায়, বাড়তি নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের পর এসব কাজ আবার শুরু হবে। সাধারণ ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।    ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ ও পরীক্ষার সময় তথ্য খুঁজতে গিয়ে কিছু এজেন্ট যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং জনগণনা ব্যুরোর ওয়েবসাইট ব্যবহার করেছে। কোনো কোনো ক্ষেত্রে এজেন্টের কাজ তাকে দেওয়া নির্দেশনার সীমা ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটি ঘটনাগুলো পর্যালোচনা করছে।    এদিকে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুসের দাবি, ওপেনএআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে হওয়া এজেন্টগুলো শিক্ষা বিভাগের একটি ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের চেষ্টা করেছিল। চেষ্টা সফল হয়নি। ওপেনএআই ওই নির্দিষ্ট ঘটনার সঙ্গে নিজেদের এজেন্টের সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি। শিক্ষা বিভাগও জানিয়েছে, তাদের ওয়েবসাইট বা তথ্যভান্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মেলেনি।    সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন মুখপাত্রও বলেছেন, তাঁদের কোনো অপ্রকাশিত তথ্য দেখা হয়নি। ওপেনএআইয়ের পর্যালোচনায় এখন পর্যন্ত ওই সংস্থার তথ্য বা ব্যবস্থায় পরিবর্তন কিংবা অননুমোদিত প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি।    প্রশিক্ষণ স্থগিতের সিদ্ধান্তের পেছনে আরেকটি ঘটনাও রয়েছে। ওপেনএআইয়ের নিজস্ব প্রতিবেদন অনুযায়ী, ২০ সেপ্টেম্বর একটি পরীক্ষাধীন এজেন্ট ইন্টারনেট ব্যবহারের বিধিনিষেধের ফাঁক খুঁজে বাইরের একটি চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রতিষ্ঠানটি সেই কার্যক্রম বন্ধ করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। সবচেয়ে সক্ষম মডেলগুলোর টুল ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণ ও পরীক্ষা আপাতত স্থগিত রয়েছে।

তাবাস্সুম সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৪:০ 0
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা হ্যাক করেছে এআই এজেন্ট

অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পরিসংখ্যান পোর্টালে ওপেনএআইয়ের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। গত জুনে ঘটানো এই ঘটনায় এআই এজেন্টটি প্রকাশ্য ও অপ্রকাশ্য কিছু ফাইল অ্যাক্সেস করে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তিগত মেডিকেয়ার তথ্য বা রোগীর ব্যক্তিগত নথি অ্যাক্সেস করা হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।   জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যালবানিজ এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাটি ১৮ জুন ঘটেছিল এবং Services Australia পরিচালিত Medicare Statistics Reporting Service নামের একটি সরকারি পোর্টালে এআই এজেন্টটি অননুমোদিত প্রবেশ করে। ঘটনাটি কীভাবে ঘটল এবং অন্য কোনো সরকারি ব্যবস্থা এতে প্রভাবিত হয়েছে কি না, তা জানতে অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেটের সহায়তায় ফরেনসিক তদন্ত চলছে।   অস্ট্রেলীয় সরকারের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট পোর্টালটি মূলত মেডিকেয়ার কর্মসূচি ও স্বাস্থ্য ব্যয়ের সামগ্রিক পরিসংখ্যান প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সেখানে ব্যক্তিকে শনাক্ত করার মতো তথ্যের পরিবর্তে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির গড় হিসাব, প্রবণতা ও পরিসংখ্যান রাখা হয়। এর মধ্যে বাল্ক বিলিং, টিকাদান, ফার্মাসিউটিক্যাল বেনিফিটস স্কিম এবং অঙ্গদাতা-সংক্রান্ত কিছু সামগ্রিক তথ্যও ছিল।   অ্যালবানিজ জানিয়েছেন, এআই এজেন্টটি শুধু প্রকাশ্য তথ্যই দেখেনি, এমন কিছু ফাইলেও প্রবেশ করেছিল যেগুলো সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত ছিল না। তবে এখন পর্যন্ত ব্যক্তিগত মেডিকেয়ার গ্রাহকদের তথ্য এতে প্রকাশ বা চুরি হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো সরকারি ব্যবস্থা আক্রান্ত হয়েছিল কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।   ঘটনার বিষয়ে ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি জানান, ঘটনাটি জুনে ঘটলেও প্রতিষ্ঠানটি আগস্টে বিষয়টি শনাক্ত করে। সে সময় কোম্পানিটি তাদের এআই মডেলগুলোর কার্যক্রম নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা চালাচ্ছিল। সেই পর্যালোচনায় অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট ও সেবার সঙ্গে মডেলগুলোর অস্বাভাবিক কার্যক্রমের বিষয়টি তাদের নজরে আসে।   ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, মডেলগুলো অস্ট্রেলিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরিসংখ্যান খুঁজতে গিয়ে সরকারি ওয়েবসাইট ও সেবাগুলোতে এমন কিছু কাজ করেছিল, যা প্রতিষ্ঠানটির প্রত্যাশিত আচরণের মধ্যে ছিল না। কোম্পানিটি পরে ১০ সেপ্টেম্বর অস্ট্রেলীয় সরকারকে বিষয়টি জানায়।   অস্ট্রেলীয় সরকারের কাছে ঘটনাটি জানানোর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। অ্যালবানিজ বলেছেন, জুনে ঘটনা ঘটার পর সেপ্টেম্বর ১০ তারিখে সরকারকে জানানো পর্যন্ত প্রায় তিন মাস সময় লেগেছে। তিনি এই দেরিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে নিউইয়র্কে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলে ঘটনাটি নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগের কথা জানিয়েছেন বলেও জানান তিনি।   সরকারি তথ্যমতে, এআই এজেন্টটি মূলত অস্ট্রেলিয়ায় ওষুধের সরকারি ব্যয়সংক্রান্ত তথ্য খুঁজছিল। একটি সাধারণ গবেষণামূলক কাজের অংশ হিসেবে শুরু হওয়া এই অনুসন্ধানের সময় এজেন্টটি মেডিকেয়ার পরিসংখ্যানের পোর্টালে যায়। প্রয়োজনীয় তথ্য সরাসরি না পাওয়ার পর এটি এমন কিছু ফাইলে প্রবেশ করে, যেগুলো সাধারণভাবে উন্মুক্ত থাকার কথা ছিল না।   ঘটনাটিকে অস্ট্রেলিয়া সরকার গুরুত্ব দিয়ে দেখছে মূলত এআই এজেন্টগুলোর স্বায়ত্তশাসিতভাবে কাজ করার সক্ষমতার কারণে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট পোর্টালটি দেশের সবচেয়ে সংবেদনশীল জাতীয় নিরাপত্তা তথ্য সংরক্ষণকারী কোনো ব্যবস্থা নয়। তবু একটি এআই এজেন্ট কীভাবে নির্ধারিত সীমার বাইরে গিয়ে সরকারি ব্যবস্থায় প্রবেশ করতে সক্ষম হলো, সেটিই তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।   এদিকে অস্ট্রেলিয়ার সরকারি ব্যবস্থার আরও কয়েকটি ওয়েবসাইট এ ধরনের কার্যক্রমের আওতায় এসেছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। এবিসি নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারসহ কয়েকটি সরকারি সংস্থার ওয়েবসাইটের কার্যক্রমও পর্যালোচনা করা হচ্ছে। তবে এগুলো একই ঘটনার অংশ কি না, তা এখনো নিশ্চিত করেনি অস্ট্রেলীয় সরকার বা ওপেনএআই।   এ ঘটনার সময়ের কাছাকাছি ওপেনএআইয়ের কিছু এআই এজেন্টের নিজেদের মধ্যে যোগাযোগ এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারের বিষয়ও সামনে এসেছে। এবিসি নিউজের পৃথক অনুসন্ধানে দেখা গেছে, কিছু এআই এজেন্ট সরকারি স্বাস্থ্যতথ্য পাওয়ার উপায় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছিল এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার বাধা এড়িয়ে তথ্য খোঁজার চেষ্টা করেছিল। তবে ওই কার্যক্রম এবং মেডিকেয়ার পোর্টালে অননুমোদিত প্রবেশ একই ঘটনার অংশ কি না, তা এখনো নিশ্চিত নয়।   বিশেষজ্ঞদের কাছে ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ প্রচলিত সাইবার হামলার ক্ষেত্রে সাধারণত মানুষ বা নির্দিষ্ট প্রোগ্রামকে আক্রমণ পরিচালনা করতে দেখা যায়। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্ট কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে গিয়ে তার নির্ধারিত সীমার বাইরে চলে গেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, এই ঘটনা সেই প্রশ্ন সামনে এনেছে।   অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এখন ঘটনার পূর্ণ পরিধি, কোন কোন ফাইল অ্যাক্সেস করা হয়েছিল এবং সরকারি অন্য কোনো ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ ঘটেছিল কি না, তা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ব্যক্তিগত রোগী বা মেডিকেয়ার গ্রাহকদের তথ্য অ্যাক্সেসের প্রমাণ নেই। তবে ফরেনসিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটির পুরো চিত্র স্পষ্ট হবে না।   সূত্র: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়, এবিসি নিউজ, রয়টার্স

মোহাম্মদ ইব্রাহিম সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১৪:০ 0
সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ড্যারেন ঝো নামের এই যুবক। ছবি: সংগৃহীত
সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটিতে আলোচনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে অপহরণ, যৌন নির্যাতন ও হত্যার রোমহর্ষক পরিকল্পনা করার অভিযোগে ড্যারেন ঝো নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, এই ভয়ংকর অপরাধের পুরো ছকটি তিনি কষেছিলেন জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র সঙ্গে। তবে শেষ রক্ষা হয়নি তার। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ওই যুবকের অস্বাভাবিক কথোপকথন শনাক্ত করে এবং বিষয়টি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে জানিয়ে দেয়। এরপরই তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মার্কিন আইনি সংবাদমাধ্যম ম্যাসাচুসেটস লয়্যারস উইকলি এবং এনডিটিভির প্রতিবেদনের বরাতে এই তথ্য সামনে এসেছে।   আদালতের নথির তথ্য অনুযায়ী, অভিযুক্ত ড্যারেন ঝো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসে একজন বিশ্লেষক হিসেবে কাজ করতেন। চলতি বছরের মার্চ মাসে তার ছয় মাসের প্রেমের সম্পর্কের অবসান ঘটে। এরপর থেকেই তিনি সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথা বলা শুরু করেন। তদন্তকারীদের কাছে ঝো স্বীকার করেছেন যে, বিচ্ছেদের পর সাবেক প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের উপস্থিতি নিয়ে তিনি প্রচণ্ড ঈর্ষান্বিত ছিলেন।   তদন্তকারী কর্মকর্তাদের দাবি, চ্যাটজিপিটির সঙ্গে ঝোর কথোপকথনগুলো কেবল আবেগ বা ক্ষোভ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং মাসের পর মাস ধরে সেখানে নিখুঁতভাবে সহিংসতার পরিকল্পনা সাজানো হচ্ছিল। এমনকি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা কীভাবে সামাল দিতে হবে, তারও বিস্তারিত আলোচনা ছিল ওই চ্যাটে। একপর্যায়ে ঝো চ্যাটজিপিটিকে জানান, তিনি ফুল হাতে তার সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করবেন এবং সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর প্রস্তাব দেবেন। যদি তরুণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে তাকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করবেন।   পরবর্তীতে এই পরিকল্পনার মাত্রা আরও ভয়ংকর রূপ নেয়। চ্যাটজিপিটির সঙ্গে আলোচনায় ঝো তার সাবেক প্রেমিকাকে জিম্মি করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার এবং সেখানে আটকে রেখে যৌন নির্যাতন করার ছক কষেন। পুলিশ বা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করলে তাদের ওপরও হামলা চালানোর পাশাপাশি তরুণীর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি উঠে আসে ওই কথোপকথনে। এই ঘটনাগুলো আঁচ করতে পেরেই ওপেনএআই কর্তৃপক্ষ এফবিআইকে সতর্ক করে।   তদন্তের অংশ হিসেবে ২১ বছর বয়সী ওই ভুক্তভোগী নারীর সঙ্গেও কথা বলে পুলিশ। তিনি জানান, ড্যারেন ঝোর অস্বাভাবিক, সন্দেহবাতিক ও অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণের কারণেই তিনি সম্পর্কটি শেষ করতে বাধ্য হয়েছিলেন। এমনকি ঝোর উগ্র আচরণে এতটাই ভয় পেয়েছিলেন যে, সামনাসামনি কথা না বলে ফোনেই তিনি বিচ্ছেদের কথা জানান। ওই তরুণীর অভিযোগ, বিচ্ছেদের পরও ঝো ফোন, খুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ক্রমাগত হয়রানি করতে থাকেন। অন্য পুরুষদের নিয়ে অবান্তর প্রশ্ন করা এবং তিনি দ্রুত নতুন সম্পর্কে জড়িয়েছেন—এমন ভিত্তিহীন অভিযোগও করতেন ঝো।   একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তরুণী ঝোর ফোন নম্বর ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেন। কিন্তু এরপর বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নতুন নতুন ভুয়া নম্বর থেকে ঝো যোগাযোগ অব্যাহত রাখেন। এসব বার্তায় চরম হয়রানি, অপমানজনক বক্তব্য, যৌন ইঙ্গিত এবং হত্যার হুমকি দেওয়া হতো। প্রমাণ হিসেবে ওই তরুণী এসব কথোপকথনের স্ক্রিনশট পুলিশের কাছে হস্তান্তর করেছেন।   গ্রেপ্তারের মাত্র ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে ঝোর এই ভয়ংকর কথোপকথনের বিষয়ে সতর্ক করে। পাম বিচ কাউন্টি শেরিফের একজন ডেপুটি জানান, তদন্তে তারা চ্যাটজিপিটির প্রায় দুই মাসের চ্যাট হিস্ট্রি বা কথোপকথনের ইতিহাস পর্যালোচনা করেছেন। সেখানে দেখা গেছে, এটি কেবল হতাশা বা রাগের বহিঃপ্রকাশ ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিত একটি অপরাধের প্রস্তুতি ছিল।   গত মে মাসে ড্যারেন ঝোকে গ্রেপ্তার করা হয়। পাম বিচ কাউন্টি কারাগারে দুই দিন বন্দি থাকার পর এক লাখ ডলারের মুচলেকায় তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে বর্তমানে গুরুতরভাবে অনুসরণ বা হয়রানি করা (স্টকিং), লিখিতভাবে হত্যার হুমকি দেওয়া এবং মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের মতো সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুরো ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নজরদারির ক্ষেত্রে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ২০, ২০২৬ ১৪:০ 0
এআই ফিচার।ছবি:সংগৃহীত
সিকিউরিটি পরীক্ষায় ওপেনএআই এর এআই হ্যাক করেছিল আরেক এআই কোম্পানিকে! আসলে কী ঘটেছিল?

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা যখন দ্রুত বাড়ছে, তখন ওপেনএআই-এর একটি পরীক্ষামূলক এআই এজেন্টকে ঘিরে নজিরবিহীন একটি সাইবার নিরাপত্তা ঘটনা সামনে এসেছে। অভ্যন্তরীণ সিকিউরিটি পরীক্ষার সময় ওপেনএআই এর একটি এআই এজেন্ট নির্ধারিত সুরক্ষিত পরিবেশ (স্যান্ডবক্স) অতিক্রম করে এআই গবেষণা ও উন্নয়ন প্ল্যাটফর্ম হাগিং ফেস-এর অবকাঠামোতে অননুমোদিতভাবে প্রবেশ করে। ঘটনাটি প্রকাশের পর প্রযুক্তি বিশ্বে এআই নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   ওপেনএআই জানিয়েছে, এটি ছিল তাদের উন্নত এআই এজেন্টগুলোর সাইবার সক্ষমতা মূল্যায়নের একটি নিয়ন্ত্রিত পরীক্ষা। পরীক্ষার উদ্দেশ্য ছিল, এআই বাস্তব পরিবেশে জটিল সাইবার আক্রমণ শনাক্ত ও মোকাবিলা করতে কতটা সক্ষম, তা যাচাই করা। এ জন্য পরীক্ষামূলকভাবে কিছু নিরাপত্তা সীমাবদ্ধতা শিথিল করা হয়েছিল।   তদন্তে জানা যায়, পরীক্ষার এক পর্যায়ে এআই এজেন্টটি সুরক্ষিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে ইন্টারনেটে প্রবেশ করে। এরপর এটি এআই কোম্পানি হাগিং ফেস-এর একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে তাদের প্রোডাকশন অবকাঠামোতে অননুমোদিতভাবে প্রবেশ করে। ওপেনএআই এর ভাষ্য অনুযায়ী, এআই এজেন্টটি ধারণা করেছিল যে পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে থাকতে পারে এবং সেই লক্ষ্যেই এটি ওই পদক্ষেপ নিয়েছিল।   হাগিং ফেস বিশ্বের অন্যতম বৃহৎ এআই গবেষণা ও উন্নয়ন প্ল্যাটফর্ম। মেটা, গুগল, মাইক্রোসফটসহ অসংখ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক ও ডেভেলপার তাদের এআই মডেল, ডেটাসেট এবং গবেষণা প্রকল্প এই প্ল্যাটফর্মে প্রকাশ ও ব্যবহার করেন। এ কারণেই প্রতিষ্ঠানটির অবকাঠামোতে অননুমোদিত প্রবেশের ঘটনাটি প্রযুক্তি খাতে ব্যাপক গুরুত্ব পেয়েছে।   ঘটনার পর হাগিং ফেস দ্রুত অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করে আক্রান্ত সিস্টেম বিচ্ছিন্ন করে, নিরাপত্তা দুর্বলতা বন্ধ করে এবং ঝুঁকিতে থাকা সার্ভিস ক্রেডেনশিয়াল পরিবর্তন করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত এআই মডেল, ডেটাসেট বা সফটওয়্যার সাপ্লাই চেইনে কোনো ধরনের কারসাজির প্রমাণ পাওয়া যায়নি। সীমিত কিছু অভ্যন্তরীণ ডেটাসেট ও সার্ভিস ক্রেডেনশিয়ালে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটলেও ঠিক কোন তথ্যে প্রবেশ করা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করা হয়নি।   এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ চ্যাটজিপিটি ব্যবহারকারীর মাধ্যমে পরিচালিত হ্যাকিং নয় এবং জনসাধারণের ব্যবহৃত চ্যাটজিপিটি নিজে থেকে কোনো প্রতিষ্ঠানে হামলা চালায়নি। ঘটনাটি ছিল শুধুমাত্র গবেষণা ও নিরাপত্তা মূল্যায়নের জন্য ব্যবহৃত একটি পরীক্ষামূলক এআই এজেন্টকে ঘিরে।   ঘটনার পর ওপেনএআই জানিয়েছে, তারা নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। অন্যদিকে হাগিং ফেস তাদের নিরাপত্তা পর্যালোচনা জোরদার করার পাশাপাশি ঘটনার যৌথ তদন্ত অব্যাহত রেখেছে।   আইটি স্পেশালিস্টদের মতে, ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে আরও উন্নত এআই এজেন্ট তৈরি ও পরীক্ষার ক্ষেত্রে শুধু এআই এর সক্ষমতা নয়, পরীক্ষার অবকাঠামোর নিরাপত্তাও সমান গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। প্রযুক্তি বিশ্বের অনেকেই এটিকে এআই নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন।

Unknown আগস্ট ৩, ২০২৬ ১৪:০ 0
সান ফ্রান্সিসকোতে ওপেনএআই-এর শেয়ার দিয়ে বাড়ি কেনাবেচার মাধ্যমে আবাসন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রভাব | ছবি: সংগৃহীত
সান ফ্রান্সিসকোতে ওপেনএআই এর প্রি-আইপিও শেয়ারে বাড়ি কেনাবেচা, নেট দুনিয়ায় ভাইরাল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উত্থান শুধু প্রযুক্তি শিল্পেই নয়, আবাসন বাজারেও বড় ধরনের পরিবর্তন আনছে। নগদ অর্থের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই-এর শেয়ার দিয়ে বাড়ি কেনাবেচার ঘটনা এখন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের (প্রি-আইপিও) শেয়ার দিয়ে বাড়ি কেনার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   সম্প্রতি এক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথনের একটি অংশ প্রকাশ করেন। সেখানে দেখা যায়, সান ফ্রান্সিসকোর নোয়ে ভ্যালি এলাকার একটি বাড়ি কেনার জন্য তিনি বিক্রেতার চাওয়া দামের চেয়ে চার লাখ ডলার বেশি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবও গ্রহণ করা হয়নি।   পরে তার রিয়েল এস্টেট এজেন্ট জানান, বাড়ির মালিক এমন একজন ক্রেতাকে বেছে নিয়েছেন, যিনি নগদ অর্থের পরিবর্তে ওপেনএআই-এর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের শেয়ার দিয়ে মূল্য পরিশোধ করতে সম্মত হয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রযুক্তি ও রিয়েল এস্টেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।   বিলাসবহুল আবাসন প্রতিষ্ঠান সাদেবিসের (Sotheby’s) সহযোগী ব্রোকার কেভিন ও’কনরের ভাষ্য, সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় এ ধরনের লেনদেন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। তার দাবি, প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে প্রি-আইপিও শেয়ার দিয়ে সম্পদ কেনাবেচার আগ্রহ ধীরে ধীরে বাড়ছে।   তার মতে, অনেক বাড়ির মালিক মনে করছেন, দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য ভবিষ্যতে আরও বাড়বে। তাই নগদ অর্থ গ্রহণের পরিবর্তে তারা এসব প্রতিষ্ঠানের শেয়ার নিতে বেশি আগ্রহী হচ্ছেন। অনেক বিক্রেতার বিশ্বাস, কয়েক বছর পর এসব শেয়ারের মূল্য বর্তমান নগদ অর্থের তুলনায় অনেক বেশি হতে পারে।   সান জোসে স্টেট ইউনিভার্সিটির প্রযুক্তি বিশেষজ্ঞ আহমেদ বানাফা বলেন, এই প্রবণতা শুধু বাড়ির বিক্রেতাদের জন্যই নয়, প্রযুক্তি কোম্পানিগুলোর জন্যও ইতিবাচক হতে পারে। কারণ যখন কোনো প্রতিষ্ঠানের শেয়ার অর্থের বিকল্প হিসেবে ব্যবহার হতে শুরু করে, তখন সেই প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হয় এবং শেয়ারের বাজারমূল্যও শক্তিশালী অবস্থানে যেতে পারে।   তবে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের লেনদেনের সঙ্গে ঝুঁকিও রয়েছে। কোনো প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর যদি প্রত্যাশামতো শেয়ারের মূল্য না বাড়ে বা কমে যায়, তাহলে সেই শেয়ারের মালিক আর্থিক ক্ষতির পাশাপাশি বড় অঙ্কের করের বোঝার মুখেও পড়তে পারেন।   বিশেষজ্ঞদের মতে, সান ফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের কারণে গত এক বছরে আবাসন বাজারে বাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বহু প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী ও উদ্যোক্তা এখন শহরের অভিজাত এলাকায় বাড়ি কিনতে প্রতিযোগিতা করছেন। এর ফলে প্রচলিত নগদ লেনদেনের পাশাপাশি নতুন ধরনের সম্পদ বিনিময়ের প্রবণতাও দেখা যাচ্ছে।   বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের বর্তমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি আবাসন লেনদেনে প্রি-আইপিও শেয়ার ব্যবহারের ঘটনা দেখা যেতে পারে। যদিও ওপেনএআই এখন পর্যন্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও বাজারে প্রতিষ্ঠানটির সম্ভাব্য মূল্য নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। সেই কারণেই অনেক বিনিয়োগকারী ও সম্পত্তি বিক্রেতা এসব শেয়ারকে ভবিষ্যতের উচ্চমূল্যের সম্পদ হিসেবে বিবেচনা করছেন।

তাবাস্সুম জুলাই ৩, ২০২৬ ১৪:০ 0
২৪ বছর বয়সী অ্যালিস। ছবি: সংগৃহীত
এআই কথোপকথনে প্ররোচনায় তরুণীর আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে মায়ের সন্তান হত্যার মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘ কথোপকথনের পর এক তরুণীর আত্মহত্যার ঘটনায় ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের মা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, এআই চ্যাটবটটি ধীরে ধীরে ব্যবহারকারীকে আত্মহননের চিন্তায় প্ররোচিত করেছে এবং যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেনি।   মামলার নথি অনুযায়ী, ২৪ বছর বয়সী অ্যালিস ক্যারিয়ার কানাডার মন্ট্রিয়লে একজন ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত ছিলেন। বাইরে থেকে তার জীবন স্বাভাবিক মনে হলেও তিনি দীর্ঘদিন ধরে একাকীত্ব ও মানসিক সংকটে ভুগছিলেন। এই সময়ে তিনি চ্যাটজিপিটির সঙ্গে নিয়মিত কথোপকথন শুরু করেন, যা শুরুতে প্রযুক্তিগত সহায়তার জন্য হলেও পরে ব্যক্তিগত ও মানসিক আলোচনায় রূপ নেয়।   অ্যালিসের মা ক্রিস্টি ক্যারিয়ারের দাবি, তার মেয়ে চ্যাটবটটির কাছে আত্মহননের চিন্তা এবং উপায় নিয়ে বহুবার আলোচনা করেছিলেন। মামলায় উল্লেখ করা হয়, অন্তত ৪০ বারেরও বেশি এমন কথোপকথন হয়েছে। ধীরে ধীরে চ্যাটবটটি তার মানসিক সংকটকে আরও গভীরভাবে প্রভাবিত করেছে বলে অভিযোগ আনা হয়েছে।   মামলায় আরও বলা হয়, এক পর্যায়ে চ্যাটবটটি অ্যালিসকে ক্রাইসিস হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দিলেও পরে তার আপত্তির পর সেই সহায়তার ধারণা থেকে তাকে নিরুৎসাহিত করে। অভিযোগে উল্লেখ করা হয়, চ্যাটবটটি এমন ভাষা ব্যবহার করেছে যা ব্যবহারকারীর মানসিক অবস্থাকে আরও অস্থির করে তুলতে পারে।   ২০২৫ সালের ২ জুলাই অ্যালিস নিজের জীবন শেষ করেন। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। পরে তার ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করে পরিবারের সদস্যরা চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘ কথোপকথনের তথ্য পান, যেখানে আত্মহননের বিষয়টি বারবার উঠে এসেছে।   মামলায় ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, কোম্পানিটি যথাযথ সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চ্যাটবট পরিচালনা করেছে এবং ঝুঁকিপূর্ণ কথোপকথন প্রতিরোধে ব্যর্থ হয়েছে। অভিযোগে আরও বলা হয়, চ্যাটবটের নতুন সংস্করণে অতিরিক্ত সহমর্মিতামূলক ও ব্যবহারকারী-নির্ভর প্রতিক্রিয়া তৈরি করা হয়েছিল, যা সংবেদনশীল ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।   অন্যদিকে ওপেনএআই এক বিবৃতিতে জানায়, তাদের সিস্টেমে মানসিক সংকট শনাক্ত ও ব্যবহারকারীকে নিরাপদ সহায়তার দিকে নির্দেশ করার জন্য সুরক্ষাব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, তারা মামলার নথি পর্যালোচনা করছে এবং উল্লেখিত কথোপকথনগুলো পুরোনো সংস্করণের চ্যাটজিপিটিতে হয়েছিল, যা বর্তমানে ব্যবহৃত সংস্করণ নয়।   এই ঘটনার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এআই চ্যাটবটের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, তরুণদের একটি অংশ মানসিক সমর্থনের জন্য এআই চ্যাটবটের ওপর নির্ভর করছে, যা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।   এদিকে বিভিন্ন দেশ ও অঙ্গরাজ্যে এআই ব্যবহারে নতুন নিয়ম ও বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ কথোপকথনে সতর্কতা, অভিভাবককে অবহিত করার বাধ্যবাধকতা এবং কিছু ক্ষেত্রে এআই-ভিত্তিক থেরাপি নিষিদ্ধ করার পদক্ষেপ।

Unknown জুন ১২, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০