জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, বিএনপি সরকারের কাছে সংবিধানের অংশ মানা হচ্ছে, আবার অংশ উপেক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, একই দিনে দুই ভোট হলেও আচরণ ভিন্ন। আপনি গোশত খাচ্ছেন, ঝোলটা হারাম বলছেন। জনগণ এত বোকা নয়, তারা সব বুঝে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত এক আলোচনা সভায় শফিকুর রহমান বলেন, পরিবর্তিত বাংলাদেশে শাসক বদলালেও শোষণ থেমে যায়নি। আমরা চাই, দেশ গণতান্ত্রিক ট্রেনের মতো চলুক। তবে প্রশাসনিক পদে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে লোক বসানো হচ্ছে, যা সংবিধানবিরোধী। আমরা তা মেনে নিই না। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনারা বলছেন সংবিধান মেনে চলব, কিন্তু ভোটের অধিকার জনগণের, আপনার নয়। যদি ভোটকে অগ্রাহ্য করার চেষ্টা করা হয়, দেশের মানুষ তার প্রতিকার নিতে প্রস্তুত। একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী ও সামরিক বাহিনী জনগণের আকাঙ্ক্ষাকে দমাতে চেয়েছিল। তারা খুন, লুণ্ঠন ও ধ্বংস চালালেও স্বাধীনতার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়নি। দেশের পতাকা ও মানচিত্রের মাধ্যমে পরিবর্তন আনতে পারলে ভালো হতো, কিন্তু নেতৃত্বের ব্যর্থতা, লোভ ও দুর্নীতি তা ব্যাহত করেছে। দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু টাকা হাতানোর জন্যই নয়, মানুষের অধিকার হরণ, অযোগ্যদের যোগ্য স্থানে বসানো এবং যোগ্যদের অবমাননা সবচেয়ে বড় দুর্নীতি। যতক্ষণ এটি সমাজ থেকে চলে যাবে না, স্বাধীনতার সুফল ভোগ সম্ভব নয়। আলোচনা সভায় সভাপতিত্ব ও উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সবুর ফকির। সঞ্চালক ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সভা শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর মহানগর শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গান “এই দেশ আমার বাংলাদেশ” পরিবেশন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম। মঙ্গলবার, ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি সরকার গঠন করার পর জামায়াতে ইসলামী জোট সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান মন্ত্রীর পদমর্যাদায় বিরোধীদলীয় নেতার সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।
মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ২৬ মার্চ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি উল্লেখ করেন, ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত একটি রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়েই সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও দীর্ঘ সময় পরেও সেই লক্ষ্য পূরণে ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা—দেশে আর কোনো ধরনের স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, জনগণ চায় এমন একটি পরিবেশ, যেখানে তারা ভীতি ছাড়াই চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি জানান তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার কথাও বলেন। বিবৃতিতে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং গণভোটে বিপুল সমর্থন থাকা সত্ত্বেও এর বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সবশেষে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সংবিধান পরিবর্তন ও সংশোধনকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সংবিধান সময়ের প্রয়োজনে সংশোধন করা হয়, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারকেও দ্রুত এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। রোববার সকালে সিলেট সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির, যিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাও। তিনি বলেন, গত নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তবে সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি। গণভোটের কিছু অংশ বাস্তবায়িত হলেও বাকি অংশ এখনো উপেক্ষিত রয়েছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ঘিরেও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, রাষ্ট্রপতি পদ নিয়ে তাদের আপত্তি নেই, তবে বর্তমান ব্যক্তিকে নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিষয়টি সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের সমর্থকদের মধ্যেই রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তির অভাব নেই। সরকারের ইতিবাচক কাজকে সমর্থনের আশ্বাস দিয়ে তিনি বলেন, জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ হলে তা মেনে নেওয়া হবে না। রাজনৈতিকভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত এ নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং তার দল সে জন্য অপেক্ষা করছে। গত নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তারা নির্বাচন বর্জন করেননি এবং ফলাফল তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যানও করেননি। তবে নির্বাচন নিয়ে টিআইবি ও সুজন-এর মতো সংগঠনের প্রতিবেদন পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সহায়ক বলে উল্লেখ করেন তিনি। মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন। শনিবার রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, বিরোধী দল হিসেবে আমরা আপনারা কণ্ঠের পাহারাদারি করব, তবে এই দায়িত্ব সরকারকেও দিতে হবে। শফিকুর রহমান বলেন, “জাতীয় ইস্যু ও স্বার্থে আমরা আপস করব না। বিএনপি জাতীয় স্বার্থে অনড় থাকলে জামায়াত পাশে থেকে শক্তি জোগাবে।” তিনি July অভ্যুত্থানের মাধ্যমে দেশের অর্জিত মুক্তি রক্ষা করতে জোর দেন এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি প্রতিরোধে সাংবাদিকদের সক্রিয় থাকার আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা সাংবাদিকতাকে রাষ্ট্রের ‘ভ্যানগার্ড’ হিসেবে অভিহিত করে বলেন, গত ১৫ বছরে দেশের সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন। সাদাকে সাদা, কালোকে কালো বলে যারা কণ্ঠ বলেছিল, তাদের দমন করা হয়েছিল। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না। তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে আমরা আপনাদের কণ্ঠের পাহারাদারি করব। কিন্তু সরকারি দলও যদি একইভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্রের চার স্তম্ভ সঠিকভাবে কার্যকর হবে। ইফতার অনুষ্ঠানে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান, মহাসচিব কাদের গনি চৌধুরী, সাবেক মহাসচিব এম এ আজিজ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, প্রবীণ সাংবাদিক সালাহউদ্দিন বাবর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবার সিলেট সফরে এসে সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সিলেটই তার নিজ শহর। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে আনতে জেলা প্রশাসনের একটি সরকারি প্রটোকল গাড়ি ও একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তবে অপেক্ষমাণ সরকারি গাড়িটি দেখে ডা. শফিকুর রহমান বলেন, “এটা কি সরকারি গাড়ি? আমি ১২ তারিখের পরে চড়ব। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। তবে আমি ক্ষমতার প্রদর্শন করতে চাই না। ইনশাআল্লাহ, সংসদ অধিবেশন শুরু হলে তখন ব্যবহার করব।” এরপর তিনি প্রটোকলের গাড়ি ফিরিয়ে দেন। বিরোধীদলীয় নেতা হিসেবে সিলেটে দিনটি ছিল তার ব্যস্ততায় ভরা। তিনি মোট তিনটি অনুষ্ঠানে অংশ নেন। জুমার নামাজের আগে একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে নগরীর কুদরতউল্লাহ মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন মন্ত্রিসভা সম্পর্কে তিনি বলেন, “সরকারি দলের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং অপরাধকে উসকে দিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ কীভাবে ভালো পথে এগোবে?” রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। বড় পরিসরে আলোচনা হয়নি। দেশের কল্যাণে যা প্রয়োজন, সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।” বিকেলে তিনি সুবিদ বাজারে সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে প্রেসক্লাব থেকে রওনা হয়ে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং ইফতার করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, সরকারি দল ও বিরোধী দল একে অপরের শত্রু নয়, বরং পরস্পরের সহায়ক। দেশের উন্নয়নে সরকার কোনো ভুল করলে বিরোধী দল তা তুলে ধরবে, আর সরকার সেই ভুল সংশোধন করবে—এভাবেই গণতন্ত্র আরও সুসংহত হবে। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়, যা আমরা কেউই কামনা করি না। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)’ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, প্রকৌশলীরা দেশের মেধাবী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অংশ। তারা যদি সততা ও আল্লাহভীতির সঙ্গে কাজ করেন, তবে ঘুষ ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান শাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এফইএবির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ প্রকৌশলীদের দক্ষ ও সৎ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে তারা জাতির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
যশোরের অভয়নগরে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছয়জন খুলনার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছেন। সূত্র জানায়, বুধবার রাতে ভাটপাড়া এলাকায় বিএনপির সমর্থক আশিকের সঙ্গে জামায়াতের সমর্থক সাত্তারের পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জামায়াতের কর্মী ছাত্তার গুরুতর আহত হন। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বাজারে মিছিল বের করলে বিএনপির কর্মীরা প্রতিবাদে সমবেত হন। এরপর সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে বিএনপির মাহফুজুর রহমান ইউছুফ, ইকবাল শেখ, খালিদ শেখ, জাকির হোসেন ও শাহীন শেখ রয়েছে। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইকবাল শেখ ও খালিদ শেখকে। জামায়াতে ইসলামীর আহতদের মধ্যে বোখারী মোল্যা, আবুল বাশার, মো. জাহাঙ্গীর হেসেন, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম ও আহাদ আলীকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হুসাইন অভিযোগ করেন, বুধবার তাদের কর্মী ছাত্তারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়, যার প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল বের করা হয়। অন্যদিকে বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু অভিযোগ করেন, জামায়াতের মিছিল শেষে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, পারিবারিক বিরোধ রাজনৈতিক রূপ নেওয়ায় মারামারি হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের অভয়নগর উপজেলা-এর বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার পারিবারিক কবরস্থান নিয়ে বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে বিরোধের ঘটনায় মারামারি হয়, এতে সাত্তার আহত হন। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের হলে, আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লাসহ চারজন আহত হন। বিএনপির ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন ও ফোরকানসহ পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে অভয়নগর আর্মি ক্যাম্পের টহল দল ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি জনগণের প্রকৃত ম্যান্ডেট না নিয়ে, বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসেছে। ডা. শফিকুর রহমান বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক পালাবদল দেখলেও ইসলামি আদর্শের সরকার দেখেনি। এবার যুবসমাজসহ দেশের ৬৯ শতাংশ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ডিজিটাল কারচুপি ও কায়দা করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।” তিনি নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, অনেক কেন্দ্রে বিদ্যুৎ বন্ধ করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে এবং জামায়াতের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে ‘সব ঘাটে শক্ত পাহারা’ দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কয়েকটি আসনের মধ্যেই সংসদে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, জনগণের ভোটের ন্যূনতম মর্যাদা রক্ষা করতে তারা সংসদে যাচ্ছেন। সেখানে নিজের স্বার্থ নয়, বরং জনগণের অধিকার আদায়ে কাজ করবেন। সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার প্রস্তাব সরকার অনুসরণ করেছে এবং রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ সরকারি খরচে আনার সিদ্ধান্তও স্বাগত জানান। মিরপুর-কাফরুল এলাকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেন, “রমজানে কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। কেউ চাঁদা চাইলে আমাদের জানান, আমরা সরাসরি প্রতিরোধ গড়ে তুলবো।” পাশাপাশি তিনি ভবিষ্যতে দায়িত্ব পেলে মাসে একদিন সরাসরি জনগণের সঙ্গে মিলিত হয়ে সমালোচনা গ্রহণের প্রতিশ্রুতিও দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জনগণের অর্থে পরিচালিত পুলিশ বাহিনীর প্রধান কাজ হলো নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা বা দমন-পীড়ন চালানো নয়। আজ মঙ্গলবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি পুলিশের বর্তমান ভূমিকা ও আগামীর রাজনৈতিক সংস্কার নিয়ে এক শক্তিশালী বার্তা প্রদান করেন। বিবৃতিতে ডা. শফিকুর রহমান ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে দেশের জন্য একটি দীর্ঘ 'দুঃসময়' হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, সেই সময়ে একদল অসৎ ও দলদাস পুলিশ কর্মকর্তা ফ্যাসিবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী করতে নির্লজ্জ ভূমিকা রেখেছিল। যার চড়া মাসুল হিসেবে ২০২৪ সালে আমরা পুলিশের নৈতিক ভিত্তি ধসে পড়া এবং সাধারণ মানুষের তীব্র ক্ষোভ প্রত্যক্ষ করেছি। সম্প্রতি ছাত্র, সাংবাদিক এবং শ্রমজীবী মানুষের ওপর পুলিশের আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, “নিরীহ নাগরিকদের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মূলত সেই পুরনো ফ্যাসিবাদী দমন-পীড়ন সংস্কৃতিরই পুনরাবৃত্তি। আমি এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” তিনি প্রশাসন ও নীতিনির্ধারকদের সতর্ক করে দিয়ে বলেন, রাষ্ট্রীয় কোনো শক্তিই সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। যারা পুলিশ বাহিনীকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে চাইবে কিংবা বলপ্রয়োগের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পরিশেষে তিনি এক নতুন ও মানবিক রাজনৈতিক সংস্কৃতি গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, “আইনের শাসন মানে কেবল শক্তির আস্ফালন নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনবান্ধব হিসেবে গড়ে উঠতে হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে রাষ্ট্র হবে মানুষের ভরসার স্থল, ভয়ের নয়।”
রাজধানীতে একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় কাফরুল পশ্চিম থানার আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি নির্ধারিত সময়ে রওনা দিয়েও যাত্রাপথে হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এই আকস্মিক অসুস্থতার কারণে তিনি শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে পারেননি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান অতিথি হিসেবে রওনা হওয়া সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। তিনি সকলের কাছে জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনা করার জন্য দোয়া প্রার্থনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার পর এবার সংরক্ষিত নারী আসন নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে দলটি এবার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের বর্তমান নিয়ম অনুযায়ী, সংসদে জিতার নিরিখে জামায়াত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ১২টি আসন পেতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের আলোচিত ‘জুলাই সনদ’ অনুযায়ী যদি সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়, তবে জামায়াতের নারী এমপির সংখ্যা দাঁড়াবে ২৪-এ। এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে অভিজ্ঞ সাংগঠনিক নেতৃত্বের পাশাপাশি সংসদ কাঁপাতে পারেন এমন দক্ষ পেশাজীবীদের খুঁজছে দলটি। সম্ভাব্য তালিকায় আলোচনায় যারা: জামায়াতের মহিলা বিভাগ ও নীতিনির্ধারণী সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংরক্ষিত আসনের দৌড়ে বেশ কিছু পরিচিত ও প্রভাবশালী মুখ আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে আছেন: দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. আমেনা বেগম। নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের স্ত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা। প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। কেন্দ্রীয় নেত্রী নাজমুন্নাহার নীলু, সাঈদা রুম্মান এবং ফাতেমা আক্তার হ্যাপি। পেশাজীবী ও নতুন চমক: দলীয় নেতৃত্বের বাইরেও এবার দক্ষ ও উচ্চশিক্ষিত পেশাজীবীদের সংসদে পাঠানোর কথা ভাবছে জামায়াত। এক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও মিডিয়া ব্যক্তিত্ব মারদিয়া মমতাজ, সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ডা. শামীমা তাসনিম এবং ঢাকা-১০ আসনের আলোচিত নেতা অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকারের স্ত্রী ড. ফেরদৌস আরা খানম বকুলের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, মহিলা বিভাগ থেকে প্রস্তাবিত নামগুলো দলের সংসদীয় বোর্ডে যাচাই-বাছাই করা হবে। মূলত সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশজুড়ে সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই তালিকা করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৯১ সালে জামায়াত মাত্র ২টি এবং ২০০১ সালে ৪টি সংরক্ষিত আসন পেয়েছিল। দীর্ঘ বিরতির পর এবারই প্রথম তারা সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি এত বড় নারী প্রতিনিধিত্ব পেতে যাচ্ছে। ১১ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্য থেকেও কাউকে এই কোটায় মূল্যায়ন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ৮৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে। নতুন কেন্দ্রীয় কর্মপরিষদে মহিলা জামায়াতের ২১ জন নেত্রী স্থান পেয়েছেন, যা দলের ইতিহাসে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে ধরা হচ্ছে। এছাড়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ বেশ কয়েকজন পেশাজীবীও নীতি-নির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটিতে সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিনিধিরাও জায়গা পেয়েছেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের প্রভাবশালী নেতাদের পাশাপাশি তৃণমূল থেকে উঠে আসা দক্ষ সংগঠকরা অন্তর্ভুক্ত হয়েছেন। নারী নেতৃত্বে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট। বিশ্লেষকদের মতে, ২০২৬-২৮ মেয়াদের এই কর্মপরিষদ গঠনের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আধুনিক রাজনৈতিক কাঠামোর দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, এসব ঘটনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে ববি হাজ্জাজ এই তথ্য জানান। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজে দাঁড়িয়ে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনও কয়েকজন ভর্তি রয়েছেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের আগে অনেক চড়াই–উতরাই পেরোতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছাড়ব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে, মামুনুল হক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ‘ভোটের দিন তাদের সঙ্গে তেমন কোনো সংঘাত হয়নি। পুলিশ ও আর্মি উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করেছে। যে যেখানেই আহত হয়েছেন, তা পুলিশের ও আর্মির কারণে হয়েছে। মামলা দিয়ে হয়রানি করা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।’
মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিতে হয়। সেই একই প্রেরণা থেকে চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে। এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে ৫২ ও জুলাইয়ের রক্তস্নাত চেতনায় একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার। শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “১৯৫২ সালের সেই বীর সন্তানদের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত। তাঁদের সেই ত্যাগের পথ ধরেই আমাদের তরুণ প্রজন্ম চব্বিশের গণ-অভ্যুত্থানে বিজয় ছিনিয়ে এনেছে। আমাদের সন্তানদের দেখা সেই স্বপ্ন বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে এখন এক টেবিলে আসতে হবে। আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে রাজনৈতিক নিপীড়ন থাকবে না, থাকবে কেবল ন্যায়বিচার ও সুশাসন।” সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি অত্যন্ত দায়িত্বশীল অবস্থান ব্যক্ত করে বলেন, “জনগণ আমাদের ওপর যে পবিত্র আমানত ও দায়িত্ব অর্পণ করেছে, তা পালনে আমরা অঙ্গীকারবদ্ধ। একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে আমরা সংসদে ও রাজপথে সবসময় জনগণের অধিকারের কথা বলব। সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কাজকে আমরা স্বাগত জানাব, তবে জনগণের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমরা রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তুলব।” মাতৃভাষার মর্যাদা রক্ষায় তিনি বলেন, “বাংলা ভাষাকে কেবল ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না, একে জীবনের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষাকে ধারণ করেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।” এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা ভাষা শহীদ ও জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে এই কমিটি গঠন ও শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। নতুন এই কাঠামোতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে পুনরায় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শীর্ষ নেতৃত্বে যারা: ঘোষিত নতুন কমিটিতে ৪ জন নায়েবে আমির এবং ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন এ টি এম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম। সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শক্তিশালী নির্বাহী পরিষদ ও নারী প্রতিনিধিত্ব: ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নবনির্বাচিত সংসদ সদস্যদের বড় একটি অংশ স্থান পেয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় ১৭ জন নারী সদস্য রয়েছেন। সাংগঠনিক কাঠামোতে নারীর এই ক্রমবর্ধমান অংশগ্রহণকে দলের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ১৪টি সাংগঠনিক অঞ্চল ও নির্বাচন কমিশন: সারাদেশের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ১৪টি অঞ্চলে ভাগ করে পৃথক পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের মতো দক্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মাওলানা এটিএম মাছুমের নেতৃত্বে ৫ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকা এই নতুন কমিটির মূল লক্ষ্য হবে মাঠপর্যায়ে সংগঠনকে পুনর্গঠন করা এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত প্রস্তুতি সুসংহত করা। জাতীয় রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের নবনিযুক্ত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাঁর মেয়াদের প্রথম দিনটি শুরু করেছেন এক ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর রাজধানীর মিরপুর মনিপুর এলাকার বাইতুর নুর মসজিদের সামনের রাস্তা নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তিনি। নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি এই পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এ সময় তাঁর সাথে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরিচ্ছন্নতা কাজ শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা কেবল সংসদ সদস্য হিসেবে নয়, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু ড্রেন বা রাস্তার ময়লা পরিষ্কার করা নয়, বরং সমাজ ও মানুষের মনের ভেতরে জমে থাকা বছরের পর বছরের আবর্জনা ও কলুষতা দূর করা। পরিবেশ সুন্দর হলে মানুষের মনোজগতে ইতিবাচক প্রভাব পড়ে, যা এক দরদী ও দায়িত্বশীল জাতি গঠনে সহায়তা করে।” তিনি আরও ঘোষণা করেন, এটি কোনো সাময়িক বা লোকদেখানো কর্মসূচি নয়। জামায়াতে ইসলামীর প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘণ্টা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। তিনি মিরপুর-কাফরুল এলাকাকে একটি ‘মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দল-মত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতা কামনা করেন। এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বিএনপির সংসদ সদস্যদের ‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ না নেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বিএনপির এই শপথ না নেওয়া মূলত জুলাই বিপ্লবকে অপমানের শামিল। আজ জুলাই বিপ্লব সফল না হলে কেউ প্রধানমন্ত্রী হতে পারতেন না, আর আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। এই ঐতিহাসিক অর্জনকে সম্মান জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।” ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, তিনি ঢাকায় থাকলে নিয়মিত এই কাজে অংশ নেবেন এবং ঢাকার বাইরে গেলেও তাঁর সহকর্মীদের নিয়ে এই পরিচ্ছন্নতার ধারা অব্যাহত রাখবেন। নতুন বাংলাদেশের রাজনীতিতে এই ‘সেবকের ভূমিকা’ সাধারণ মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে।
রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচির আওতায় মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। দলীয় সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারসংলগ্ন স্থান পরিষ্কার–পরিচ্ছন্ন করা হবে। এতে দলীয় সকল স্তরের নেতা–কর্মী ও নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় বুধবার সকাল ৬টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং জনসচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে নবগঠিত সরকারকে প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে জনগণের মৌলিক অধিকারের কথা বলে গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে চায়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাওয়ার প্রাক্কালে দলীয় প্রতিনিধিদের আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে এই সভার আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, “দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দিয়েছে। ভোটাররা যে পাহাড়সম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, তা রক্ষা করা আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব। আমরা জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি।” আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে একটি ‘নতুন অধ্যায়ের সূচনা’ হিসেবে অভিহিত করে জামায়াত আমির বলেন, “সরকার ও বিরোধী দল—উভয় পক্ষ যদি দায়িত্বশীল আচরণ করে, তবেই দেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আমরা দায়বদ্ধতার সাথে কাজ করলে যেকোনো জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।” জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র করার ওপর জোর দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাজারো প্রাণ আর পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দেব না। যদি আমরা ‘জুলাই বিপ্লব’কে ভুলে যাই, তবে ফ্যাসিবাদ আবারো ফিরে আসার সুযোগ পাবে। ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে রক্ত দিয়েছে, সংসদে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রশ্নে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।” অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতৃত্বের এক বিশাল বহর উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, মুফতি আমির হামজা এবং মাসুদ সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জামায়াতের সংসদীয় দলের নেতৃত্ব এবং সংসদে বিরোধী দলীয় ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভাবনীয় উত্থানে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় নীতিনির্ধারক ও গণমাধ্যমগুলোতে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো জামায়াতের এই বিজয়কে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় ধরণের ‘হুমকি’ ও ‘অশনিসংকেত’ হিসেবে অভিহিত করে ধারাবাহিক বিশ্লেষণ প্রচার করছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ভারতবিরোধী হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী এখন বাংলাদেশের সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। জামায়াত ও তাদের নতুন মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটগতভাবে ৭৭টি আসন পাওয়ায় দিল্লির নিরাপত্তা সমীকরণ ও কৌশলগত হিসাব ওলটপালট হয়ে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে এই জোটের জয় ভারতকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে। ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জামায়াত ও এনসিপি সীমান্ত অঞ্চলে তাদের দখল মজবুত করেছে যা ভারতের 'সেভেন সিস্টার্স' বা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। ইস্টার্ন কমান্ডের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা মনে করেন, গ্রামীণ ও সীমান্তবর্তী মানুষের ভারতবিরোধী মনোভাবকে কাজে লাগিয়েই জামায়াত এই জয় ছিনিয়ে নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও নিউজ১৮-এর বিশ্লেষণে বলা হয়েছে, গত ২৫ বছরের মধ্যে এটি জামায়াতের সবচেয়ে বড় উত্থান। ১৯৯১ সালে ১৮টি ও ২০০১ সালে ১৭টি আসন পেলেও এবার একলাফে তারা ৬৮টি আসন জিতেছে। প্রতিবেদনে সাতক্ষীরা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটের মতো স্পর্শকাতর সীমান্ত জেলাগুলোতে জামায়াতের জয়ের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব অঞ্চলে ধর্মীয় মেরুকরণ ও পাকিস্তানঘনিষ্ঠ আদর্শ ভারতের জন্য ‘সিঁদুরে মেঘ’ হয়ে দাঁড়িয়েছে। এএনআই এবং হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জামায়াত জোটের ৬৮টি আসনের মধ্যে ৫১টিই ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায়। এটি ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ। এমনকি ভারতের ডানপন্থি নিউজ পোর্টাল অপইন্ডিয়া দাবি করেছে, এই নির্বাচনে ভোটারদের মাঝে এক ধরণের তীব্র ভারতবিরোধী মনোভাব কাজ করেছে। এই পরিস্থিতিতে ভারতীয় মিডিয়াগুলো নরেন্দ্র মোদি সরকারকে পরামর্শ দিচ্ছে যে, বাংলাদেশের আগামী দিনের ক্ষমতাসীন দল বিএনপির সাথে সুসম্পর্ক বজায় রেখে জামায়াতের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখতে নয়াদিল্লিকে এখন এক নতুন ও কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল। এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে। একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই। “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান। এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে। সূত্র: Royanews
দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে। এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, যুক্তরাষ্ট্রে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব বা গ্রীন কার্ড পাওয়ার নিয়ম বন্ধ হয়ে গেছে। তবে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস এর অফিসিয়াল তথ্য অনুযায়ী এই দাবি সঠিক নয়। সংস্থাটি জানিয়েছে, বিয়ের মাধ্যমে এখনও গ্রীন কার্ড এবং পরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে, তবে আবেদনকারীদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে এবং বর্তমানে যাচাই-বাছাই আগের তুলনায় বেশি কঠোর করা হয়েছে। ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, একজন মার্কিন নাগরিক বা গ্রীন কার্ডধারী তার স্বামী বা স্ত্রীর জন্য পারিবারিক ভিত্তিতে অভিবাসনের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে প্রথমে বৈধ বিয়ের প্রমাণসহ আবেদন জমা দিতে হয়। আবেদন অনুমোদিত হলে বিদেশি স্বামী বা স্ত্রী গ্রীন কার্ড পেতে পারেন এবং স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। সাধারণত মার্কিন নাগরিককে বিয়ে করলে প্রক্রিয়া তুলনামূলক দ্রুত হয়, আর গ্রীন কার্ডধারীকে বিয়ে করলে অপেক্ষার সময় কিছুটা বেশি হতে পারে। গ্রীন কার্ড পাওয়ার পর নাগরিকত্বের জন্য আবেদন করার নিয়মও আগের মতোই রয়েছে। ইমিগ্রেশন নীতিমালা অনুযায়ী, যদি কেউ মার্কিন নাগরিককে বিয়ে করে গ্রীন কার্ড পান এবং কমপক্ষে তিন বছর একসাথে বসবাস করেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আর যদি গ্রীন কার্ডধারীকে বিয়ে করেন, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী স্থায়ী বাসিন্দা হিসেবে পাঁচ বছর পূর্ণ হলে নাগরিকত্বের আবেদন করা যায়। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক ক্ষেত্রে বেশি সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, অতিরিক্ত কাগজপত্র চাওয়া হচ্ছে এবং যৌথ ব্যাংক হিসাব, বাসার ঠিকানা, ট্যাক্স নথি ও পারিবারিক প্রমাণ জমা দিতে হচ্ছে। ভুয়া বিয়ের মাধ্যমে সুবিধা নেওয়া ঠেকাতে এই যাচাই-বাছাই বাড়ানো হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়ায় সময় বেশি লাগার কারণেও অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব বন্ধ হয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, বিয়ের মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব বা গ্রীন কার্ড বন্ধ হয়নি। তবে বর্তমানে আবেদন প্রক্রিয়া কঠোর হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে বৈধ বিবাহ, একসাথে বসবাস এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণ করা বাধ্যতামূলক।